অধ্যায় ৮
চোখের সামনে একটা রুমের অবয়ব ফুটে উঠলো।
“জেগেছিস?” রুমির গলা। পাশ থেকে। গলাটা বিপর্যস্ত মনে হল।
দৃষ্টি স্বাভাবিক হয়ে আসতেই বুঝলাম রুমি আমার থেকে ফুট তিনেক দূরে। একটা লোহার চেয়ারে আঁটসাঁট হয়ে বাঁধা। ওর দিকে তাকিয়েই নিজের অবস্থাটা বুঝলাম। হাত দুটো চেয়ারের পেছনে শক্ত করে বাঁধা, একই সাথে পাদুটোও স্কচটেপ জাতীয় কিছু দিয়ে বেশ করে পেঁচিয়ে বাঁধা।
“কই আমরা?” আমি ভীত কণ্ঠে জিজ্ঞেস করলাম।
“আপাতত সেটার উত্তর আমরা জানি না। তবে আশা করছি শীঘ্রই সেটা জানাতে কেউ এসে যাবে।” রুমি ওর স্বভাবসুলভ কণ্ঠে বলল ।
রুমের অবয়বটা অদ্ভুত । আমরা যেখানে আছি সেখানে মনে হচ্ছে রুমটা চেপে এসেছে। দুপাশের দেয়াল আস্তে আস্তে সরে গেছে। অনেক দূরে গিয়ে আরেকটা দেয়ালের সাথে যুক্ত। সে দেয়ালে বোঝা যাচ্ছে একটা দরজা আছে ।
“যেখানেই থাকি, এখন আর আমরা রুশদি হসপিটালে নাই।” রুমি বলল।
“কীভাবে?”
“রুমটা ত্রিভুজাকার। এই শেপের কোন রুম ফ্লোরপ্ল্যানে ছিল না, সাইজে বেশ বড়-কোন রেগুলার রুমকে পার্টিশন দিয়ে বানানো নয়। ক্লিনিকের তুলনায় এখানকার সিলিং এর হাইট অনেক বেশি।”
“আমার সেটা মনে হচ্ছে না!” আমি বললাম ! –
“কারণ ইউ গট আ পুওর সাইট, এটা ড্রপ সিলিং মূল সিলিং এর নিচে আরেক দফা ফলস সিলিং লাগানো। এখনকার আধুনিক সমস্ত কনস্ট্রাকশনে এ ধরনের সিলিং থাকে, বিশেষত অফিস বা ইন্ডাস্ট্রিয়াল ইন্টেরিওরে।”
তীব্র আলোর একটামাত্র বাতি জ্বলছে রুমের মাঝখানে। সেটা পুরো রুমের জন্য পর্যাপ্ত নয়। তাই চারপাশে এক ধরনের মন খারাপ করা ঘোলাটে পরিবেশ। অনেকগুলো বাক্সের মত রাখা দেয়াল জুড়ে। তারমানে হয়তো স্টোর রুমের মত কোন রুম এটা। জিনিস পত্রের ভেতরে চোখে পড়ার মত যেটা সেটা হল দশবারো ফুট দূরে দেড়মানুষ সমান উঁচু একটা বাক্সের মত রাখা, কিছুটা মূর্তি মূর্তি মনে হচ্ছে। একটা সাদাটে কাপড় দিয়ে ঢাকা।
একটা মৃদু গুঞ্জন। কোথা থেকে আসছে বোঝা যাচ্ছে না।
সেই প্রশ্নটা আবার মাথাচাড়া দিয়ে উঠলো, “ঠিক কতোটা বিপদে পড়েছি তা কি বুঝতে পারছি?”
জোর করে ভাবনাটা সরিয়ে দিলাম। কতক্ষণ কেটেছে এখানে?
“মাটির অনেক নিচে!” রুমি হঠাৎ আনমনে আবার বলে ওঠে।
আমি রুমির কথায় চমকে উঠি। মানে?
“আমরা কোন ভূগর্ভস্থ স্থানে আছি।”
“কীভাবে?”
“রুমে কোন জানালা নেই, বাতাসটা ভারি আবদ্ধ, তাছাড়া অনেক উঁচু সিলিং, সবই আন্ডারগ্রাউন্ডের স্ট্রাকচারের সাথে মিলে যায়। অফিসের আন্ডারগ্রাউন্ড পার্কিং স্পেসের সাথে মিলিয়ে চিন্তা কর।”
ব্যাপারটা ভেবে আমার মুখ শুকিয়ে আসে। “কত নিচে?”
“তাতে কিছুই যায় আসে না! তবে ভেন্ট্রিগেশন পাম্পের আওয়াজে মনে হচ্ছে বেশ নিচেই আছি।”
মৃদু গুনটা কোন এয়ার পাম্পের কি? আপাতত সেটা বিশ্বাস করতে বাধ্য হলাম।
হাতের বাঁধনটা টানাটানি করে দেখলাম। মারাত্মকভাবে বাঁধা।
রুমি দেখে বলল, “বোঝাই যাচ্ছে রুশদি বেশ প্রফেশনাল এ ব্যাপারে। এই বাঁধন খোলা সম্ভব নয়।”
কত সময় পার হল তা আন্দাজও করতে পারছি না। দেহের বায়োলজিকাল ঘড়ি বা সারক্যাডিয়ান রিদম সময় সম্পর্কে কোন আইডিয়া দিতে পারে কি? আশঙ্কা, দুশ্চিন্তা আর হাত-পায়ের আড়ষ্টতায় ক্ষুধা-তৃষ্ণার বোধও হারিয়ে গেছে।
হঠাৎ প্রবল এক আতংক ভর করলো। মাটির নিচে একরুমে বন্দি আমরা। হাত-পা পর্যন্ত নাড়াতে পারছি না। কতক্ষণ এভাবে থাকতে হবে, কত ঘন্টা, না কত দিন। কেউ যদি না আসে? তিলে তিলে যদি এখানে বসে বসে পঁচে মরি! শিউরে উঠি ।
ইগনোরেন্স ইজ মোর আটলারেবল দ্যান টর্চারিং!
“কি করবো আমরা?” হঠাৎ আমার মাথা খারাপের মত হয়ে যায়।
রুমির কোন ভাবান্তর হয় না, “অপেক্ষা কর!” জলদগম্ভীর উত্তর আসে।
“অপেক্ষা?”
“নিশ্চয়ই, রুশদির কাছে আমাদের মোবাইল আর সব কাগজপত্র। সেগুলো চেক করা মাত্রই সে চলে আসবে । এবং যদুর মনে হয় তাকে বেশ হন্তদন্ত হয়েই আসতে হবে।”
মানে বুঝলাম না। বোঝার ইচ্ছেও হল না। রুমির পাল্লায় পড়ে নিজেকে কেন ঝামেলায় জড়ালাম সেটাই মনে হতে লাগলো। আমি নিভৃতচারী, নিরুত্তাপ মানুষ। ঝামেলাহীন নির্মোহ জীবনকেই উপভোগ করি। নিজের উপরই রাগ হতে লাগলো ।
খট করে একটা আওয়াজ হল। দরজাটা খুলে যাচ্ছে। ত্রিকোণাকার এ রুমের একমাত্র দরজা। নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইলাম। দীর্ঘকায় এক সাদা পোশাক পরিহিত কেউ ঢুকলো । ভারি গোঁফ, মাথায় যৎসামান্য চুল। চিনতে কষ্ট হল না রুশদিই যে। গতমাসেই এর কাছে এসেছিলাম বোনটাকে নিয়ে।
“গুড ইভনিং, জেন্টলমেন! শার্লক হোমসদের জ্ঞান তাহলে ফিরেছে।”
আমাদের তরফ থেকে কোন সাড়া না পেয়ে রুশদি আমাদের নাকের সামনে এসে বলল, “প্রতিভাবানদের কদর করতে আমি জানি। তবে আমার বিশ্বাস হয় নেহাৎ শার্লক হোমস গিরি করে তোমরা অদ্দুর গেছ। পাসওয়ার্ডটা কিভাবে পেলে?”
আমরা নিরুত্তর রইলাম।
“যেখানেই পাও বোঝাই যাচ্ছে দ্বিতীয় পাসওয়ার্ডটা যে দিয়েছে সে তোমাদের ভাল বন্ধু নয়, মই সরিয়ে নেয়ার দলের কেউ।”
“বাহাইদের সাথে খেলছেন কবে থেকে?” রুমি মৌনতা ভেঙে বলে ।
প্রশ্নে রুশদি মনে হল কিছুটা বিস্মিত হল, দ্রুতই অবশ্য সেটা মিলিয়ে গেল মুখ থেকে।
“তারমানে জল অনেকদূরই গড়িয়েছ তোমরা। আমার শত্রুর যেভাবে হবে না জানি, তবে আমার ধারণা ছিল না পত্রিকা অফিসের কোন জুনিয়র এডিটরকে পাঠাবে দাও মারতে। আর সাথে একজন লেকচারার! হাহ”
“আমাদের কেউ পাঠায় নি।” রুমির গলায় স্পষ্ট দৃঢ়তা।
“অ্যানসারের এই টেমপ্লেটটা আমার জানা আছে” রুশদি ওর কথা উড়িয়ে দিল। “এতবড় প্রজেক্টটা বাগানোর কারণে বাকিরা আমাকে হেনস্তা করতে চাইবে সেটা অনুমানের উর্ধ্বে নয়। তবে ভেব না, তোমাদের মাধ্যমে আমি এমন একটা মেসেজ দিয়ে দেব যাতে এই ভুল দ্বিতীয় বার কেউ না করে!”
“আপনার কথার বিন্দু-বিসর্গ কিছুই বুঝতে পারছি না।” রুমি ঝাঝের সাথে বলল। “আমাদের আটকে রেখেছেন কেন?”
তাতে রুশদির চেহারার কোন ভাবান্তর হল না।
“শোনো ছেলেরা, আমাকে বোকা বানানোর চেষ্টা কোর না। ডা: হারুন তোমাদের যে উদ্দেশ্যেই এখানে পাঠাক না কেন, সে হয়তো আমার সম্পর্কে পুরো ব্যাপারটা এখনো তোমাদের বলে নি। বললে এ রিস্কটা তোমরা নিতে না। তোমাদের সম্পর্কে ইতিমধ্যে যদুর খোঁজ নিয়েছি তাতে বোঝাই যাচ্ছে তোমরা অন্তত স্পাই হওয়ার যোগ্যতা রাখো না। কিন্তু তাই হতে গেছ!”
“আপনার ওই ডা: হারুন-ফারুনের নাম কস্মিন কালে শুনি নি।”
“হতে পারে, বরঞ্চ সেটা হওয়াই স্বাভাবিক। হারুন এত কাঁচা কাজ করবে । হয়তো সে এমনভাবে কিছু ঘটনা সাজিয়েছে যাতে তোমরা ফাঁদে পা দাও, আর সেই সুযোগে তার কার্যসিদ্ধি হয়।”
শুনে আমার মাথা ঘুরতে লাগলো। কোথাকার কোন ডা: হারুন, কোথায় বা শওকত, কোথায় রুনু। সব তালগোল পাকিয়ে যাচ্ছে। রুমির মুখ দেখেও মনে হচ্ছে ও কোন খেই পাচ্ছে না। কোন বদ্ধ উন্মাদের পাল্লায় পড়েছি কি? রুশদি একটা চেয়ার টেনে এনে আমাদের মুখোমুখি বসল । তার মুখে স্মিত হাসি।
যেন খুব আনন্দ পাচ্ছে আমাদের সাথে কথা বলে। “আসলে কি জানো, আমি এই সময়টার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। হারুন যে আমার বিরুদ্ধে লাগবে সেটা আমি জানি, তার জন্য আমিও বলতে পারো বেশ জোরেসোরে প্রিপেয়ার্ড হচ্ছিলাম। হারুনের জন্য দারুণ একটা চমক আছে আমার কাছে। একটা উপহার। সেটা পাবার পর ওর মুখের অবস্থা কী হবে সেটা ভেবে রীতিমত এখনই আমার আনন্দে কথা জড়িয়ে যাচ্ছে।”
আমরা কী বলবো বুঝতে পারছিলাম না। এক উন্মাদ প্রলাপ বকে যাচ্ছে, এবং যে প্রলাপ বকতে খুব ভালবাসে। দেখেই বোঝা যাচ্ছে কথা বলে খুব আরাম পাচ্ছে।
“মেডিকেলের প্রথমদিন থেকেই ও আমাকে প্রচুর জ্বালিয়েছে। ওর যন্ত্রণায় আমার রেজাল্ট খারাপ হতো, ঘুমাতে পারতাম না, আতংকে সিটিয়ে থাকতাম। বড় বেশি বোকা ছিলাম আমি। মুখের উপর কিছুই বলতে পারতাম না কোনদিন। তুখোড় রাজনীতি করতো, নেতা বড় ভাইদের সাথে ছিল দহরমমহরম। ওর মুখের উপর কথা বলবার মত কেউ ছিলও না ক্যাম্পাসে। মেধাবীও ছিল শুয়োরটা। ঠিকই চটপট সবগুলো ডিগ্রী নিয়ে বড় ডাক্তার বনে গেল। আমি পড়ে রইলাম কোন অজপাড়া গাঁয়ে। স্বাস্থ্যহীনতার কারণে পরিশ্রমও করতে পারতাম না। আমি জানতাম ওর কারণেই আমার এই দশা। একদিন তাই প্রতিজ্ঞা করলাম, প্রতিশোধ নেব। ভয়ংকর কোন প্রতিশোধ। ততদিনে আমি একটু একটু করে ক্ষমতাবান হচ্ছি। সেটা অবশ্য ভিন্ন এক পথে। আমি জানতাম সে ক্ষমতা আমার আস্তে আস্তে বাড়তে বাড়তে সবাইকে ছাড়িয়ে যাবে। কিন্তু আমার তর সইছিলো না। কিন্তু খোঁজ নিয়ে জানলাম, প্রকৃতিই ওকে সবচেয়ে বড় শাস্তিটা দিয়ে দিয়েছে। দু’বছর প্রেমের পর শায়লাকে বিয়ে করেছিল, সেটা টেকে নি। মাস ছয়েক এর মাথায় শায়লা ওর মুখে লাথি মেরে পালিয়ে যায় আরেকজনের হাত ধরে।” ।
“কেন?” রুমির গলাটা উৎসুক মনে হল। তারমানে রুমি মজে গেছে। রুশদির এই প্রলাপে! নাকি কোন কু খুঁজছে।
“ও ছিল পশু। তার উপর ইমপটেন্ট। সেজন্যই হয়তো সারাক্ষণ সন্দেহ করতো বউকে। কোন মেয়ে থাকবে ওর সাথে! যখন খোঁজ নিয়ে এতকিছু জানলাম তখন প্রতিশোধের ইচ্ছাটা কেমন মরে গেল। ওর বেঁচে থাকাটাই ছিল ওর জন্য সবচেয়ে বড় শাস্তি সে সময়। উত্তরসূরি নেই কোন, ছিল না কোন কাছের আত্মীয়স্বজনও। নিঃসঙ্গতাই ওর সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াল আর সেটা নিয়েই জীবনপার করতে বাধ্য হল।”
রুশদির গল্প বলার স্টাইলে আমিও মুগ্ধ হওয়া শুরু করলাম। এমনভাবে বর্ণনা করছে, যেন আমরা ওর কতকালের চেনা!
“কিছুদিনের মধ্যে পশুটা অবশ্য স্বাস্থ্যখাতের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে দাঁড়াল। কয়েকটা বড় হাসপাতাল আর ক্লিনিকের কর্ণধার হল। আমিও তখন সব গুছিয়ে উপরের দিকে উঠছি। একদিন আমার ক্লিনিক আর ব্যক্তিমালিকানাধীন অন্যান্য প্রকল্পের খোঁজ পেয়ে আবার আমার পিছনে লাগলো। ও বুঝতে পারলো এসবের কারণ আমার প্রফেশনাল লাইফের সাফল্য নয়, অন্য কোন ব্যাপার আছে। ওর হাতে আছে প্রশাসনিক ক্ষমতা। সেটা প্রয়োগ করে আমাকে হেস্তনেস্ত করার চেষ্টা করলো। একসময় বুঝে গেল, ওর ক্ষমতাটা আমার চেয়ে বেশি নয়। অনেক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানই আমার কেনা গোলাম। আমি ইচ্ছা করলেই ওকে শেষ করে দিতে পারি। কিন্তু আমি আসলে ওর এই দুর্বল অবস্থাটা উপভোগ করছিলাম। এখনও করছি। আমি আরও কিছুদিন খেলতে চাই। আমি কী করি সেটা সম্পর্কে ওর সামান্য ধারণা থাকলেও সেটা প্রমাণের ওর কোন সুযোগ নেই। তাই ও অন্য পথ ধরেছে বোঝাই যাচ্ছে। এক নিউজপেপারের শার্লক হোমসকে পাঠিয়েছে আমার কাছে। হা হা হা!”
রুশদি গা দুলিয়ে হাসতে থাকে। সে হাসিতে অশুভ কোন ব্যাপার রয়েছে। আমার গা গুলিয়ে উঠলো। আমি বিভ্রান্ত হয়ে যাই। এমন কি হতে পারে পুরো ব্যাপারটাই সাজানো। আমাদের দুজনকে শুধুমাত্র ব্যবহার করছে কেউ। কিন্তু কোন যৌক্তিকতা এখনো খুঁজে পেলাম না।
“তারমানে বাহাইজমের আশ্রয় নিয়ে আপনি মানুষজনকে ভয়ংকর সব উপায়ে টর্চার করছেন? এটাই আপনার প্রজেক্ট?” রুমি হঠাৎ গলা উঁচিয়ে বলল।
আমি কিছুই না বুঝে হাঁ করে তাকিয়ে রইলাম।
“প্রথমত কাদের আশ্রয়ে কী করছি সেটা জেনে তোমাদের কোন কাজ নেই। আর সাধারণের কাছে যেটা টর্চার, সেটাই হতে পারে সায়েন্টিস্টদের জন্য অতি জরুরি এক্সপেরিমেন্ট।”
“জরুরি এক্সপেরিমেন্ট?”
“নিশ্চয়ই।” দৃঢ়ভাবে বলল রুশদি ।
“প্রথম পেপারটায় ছিল একজন মানুষের উপর এক্স-রের লিথাল ডোজের প্রভাব কি কি?”
বুঝলাম রুমি ডৌম থেকে যেসব কাগজপত্র সাথে নিয়েছিল সেগুলো থেকেই বলছে। “আর দ্বিতীয়টাতে একটা থোরাসিক ভিভিসেকশন! এগুলো প্রয়োজনীয় এক্সপেরিমেন্ট?” রুমি যোগ করলো।
“ভিভিসেকশন?” আমি আঁতকে উঠলাম। ভিভিসেকশন মানে আমি জানি। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়কার নাৎজিদের ভয়ংকর এক প্রসিডিউর। কোন অ্যানেসথেশিয়া ছাড়াই দেহের অঙ্গপ্রতঙ্গ কেটে ফেলা, দেহের অভ্যন্তরীণ সজীব অঙ্গপ্রতঙ্গ উন্মোচন করা।
“নিশ্চয়ই প্রয়োজনীয় এক্সপেরিমেন্ট। এটা তোমার কাছে টর্চার মনে হচ্ছে কারণ ইউ বিলংগ টু ল্যে পিপল। কিছু কিছু নৃশংসতা ছাড়া মেডিকেল সায়েন্স আজকে যে জায়গায় আছে সেখানে পৌঁছতে পারতো না।”
আমরা চুপ করে রইলাম। রুশদি এবার চেয়ার থেকে উঠে লেকচার দেয়ার মত করে আবার বলা শুরু করলো, “আচ্ছা, আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাই না? তাহলে একটু গুছিয়ে বলি।”
অপরাধীর মত মুখ করে বলল রুশদি। “যদিও তোমাদের বিশ্বাস অবিশ্বাসে আমার কিছুই যায় আসে না। কিন্তু আমি নিজের কাছেই আসলে কৈফিয়ত দিচ্ছি। আজকের যুগে আমাদের অনেক রোগব্যাধি থেকে মুক্ত বা মুক্ত হওয়ার ব্যবস্থা আছে। এমন ব্যবস্থা আছে। যে ধরা যায় সে রোগটি কখনই তোমার হবে না। ব্যবস্থাটি কি?”
“ভ্যাক্সিনেশন!” রুমি বলল।
“গুড, প্রিভেন্ট বিফোর কিওর। তারমানে আমরা ধরতেই পারি ভ্যাক্সিনেশন হচ্ছে চিকিৎসাবিজ্ঞানের অভূতপূর্ব সাফল্য। অথচ দেখ, মোটামুটি সবগুলো, ভ্যাক্সিন ইনভেনশন থেকে শুরু করে তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষাগুলো প্রকাশিত, হলে সবার কাছে স্রেফ নৃশংসতা ছাড়া আর কিছুই মনে হবে না। একটা ভ্যাক্সিনের ট্রায়াল করার জন্য হিউম্যান সাবজেক্ট ছাড়া কখনো কখনো আর কোন বিকল্প নেই। এখন যদি ধর এধরনের কোন পরীক্ষার জন্য হাতে-গোনা কিছু মানুষকে মেরে ফেলা হল, তাতে হয়তো পরবর্তীতে লক্ষ লক্ষ মানুষকে বাঁচানোর মত তথ্য ইনভেন্টারদের হাতে চলে আসবে। এখন প্রশ্ন হল, এ গুটিকতক মানুষকে মেরে ফেলা কি তোমার কাছে নৃশংসতা মনে হচ্ছে?”
“নিশ্চয়ই, অন্যকোনভাবে সেসব পরীক্ষা করা যায়!” রুমি ঝাঁঝের সাথে বলল।
“হুম, হয়তো যায় । সেটা অনেক সময় সাপেক্ষ কিংবা অতটা কার্যকরী নয়। তারচেয়ে কিছু অমূল্যবান মানুষের উপর সরাসরি পরীক্ষা করলেই খুব দ্রুত ও সহজেই ঝামেলা চুকে গেল, সামটাইমস ইউ নিড টু বি কুল টু বি কাইন্ড! আর আরও বড় ব্যাপার খরচ!”
“খরচ?”
“নিশ্চয়ই এসব পরীক্ষা-নিরীক্ষা মূলত করে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল, কোম্পানি। ষাট এর দশকে যখন পশ্চিমা দেশগুলোতে শত শত ফার্মাসিউটিক্যাল কোম্পানি রাইজ করা শুরু করলো তখন তাদের হাতে অপশন ছিল বিভিন্ন ড্রাগের পরীক্ষা সরাসরি মানুষের উপর না করে অন্যভাবে করার, যেমন ধর শিম্পাঞ্জিদের উপর করার। তারপরও তারা সেসব পরীক্ষা চালাচ্ছিল মানুষের উপর। কারণ আর কিছুই না-খরচ!”
“শিম্পাঞ্জির দাম মানুষের চেয়ে বেশি?”
“ক্ষেত্রবিশেষে তো অবশ্যই। সত্তর দশকে সেটা একবার এক সম্মেলনে কোন রাখ-ঢাক না রেখেই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলো স্বীকার করে শিম্পাঞ্জিদের চেয়ে জেলখানার কয়েদিদের উপর পরীক্ষা করলে তাদের খরচ কম হয়। সেজন্যই তারা তা করছে।”
“কিন্তু আইনত সেটা নিষিদ্ধ হওয়ার কথা।”
রুমির কথায় রুশদি বাঁকা হাসি দিল।
“ধর পাঁচজন দাগি আসামির মাধ্যমে যদি আমি এক লক্ষ মানুষকে বাঁচাতে পারি, তাহলে সেটাকি বৈধ না অবৈধ?”
“সেটা নিশ্চয়ই আমার কাছে অবৈধ !”
“গুড, আমার কাছে’ শব্দটি ব্যবহার করার জন্য। মজার ব্যাপার হল তোমাদের মত সাম্যবাদী মানুষদের বৈধ না অবৈধ সেসব নির্ধারণ করার জন্য পদগুলোতে কখনো বসানো হয় না। বসানো হয় যৌক্তিক মানুষদের। আর সেটা সম্ভব না হলে পরীক্ষাগুলো হয় গোপনে। এখনকার সময় যেটা হচ্ছে।”
“দশ-বিশজন কিংবা একশো দু’শ মানুষকে মেডিকেল পারপাজে গিনিপিগ বানিয়েছে যারা, তাদেরকে কেউ আজ খুনি বলে না। বলে দেবতা! দে আর অ্যানজেলস, নট ডিমন। তারা সম্মান পেয়ে আসছে প্রফেটদের মত। অ্যান্ড রিয়েলি দে আর!”
“প্রফেট?”
“অফকোর্স, সায়েন্টিস্টরাই তো আমাদের সময়ের প্রফেট। গুটি বসন্তের ভ্যাক্সিন কে ইনভেন্ট করে?”
“এডওয়ার্ড জেনার!” উত্তরটা আমি দেই।
“হুম, সবাই তাকে ওই নামেই চেনে। আর আমরা যারা হিউম্যান এক্সপেরিমেন্ট করি, আমরা তাকে বলি আব্রাহাম, দ্য প্রফেট!”
“তিনি তার ছেলের উপর পরীক্ষা চালান !” রুমি বিড়বিড় করে বলল ।
“এক্স্যাক্টলি। প্রফেট আব্রাহাম যেমন তার ছেলেকে উৎসর্গ করতে দ্বিধা করেননি, তেমনি জেনারও তাঁর ভ্যাক্সিন প্রথম টেস্ট করেন তার ছেলের উপর। ফলস্বরূপ সম্মানিতও হন একজন প্রফেটের মত। আমাদের সময়কার এসব প্রফেটদের অনুসারীর কখনো অভাব হয় নি। পোলিও ভ্যাক্সিনের আবিষ্কারকের কথাই ধরনা কেন, জোনাস সাক আর আলবার্ট সাবিন, শত শত মানসিক রোগী আর কয়েদিদের উপর পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে। অথচ জোনাস যখন বিমানে উঠতো, পাইলট ঘোষণা দিত, যাত্রীগন, আজকে আমাদের জন্য বিশেষ দিন, আজকে আমাদের মাঝে আছেন জোনাস সাক। কোন রেস্টুরেন্টে গেলে হুলস্থূল লেগে যেত। হাজার হাজার চিঠি আসতো ভক্তদের। তিনি বিরক্ত হয়ে যেতেন এরকম জনপ্রিয়তার কারণে। টিবি ভ্যাক্সিন টেস্টের সময় জার্মানীতে ৭০টার মত বাচ্চা মারা যায় । ম্যালেরিয়ার ড্রাগ আবিষ্কারের জন্য শিকাগোর শতশত কয়েদিদের ম্যালেরিয়া প্যারাসাইট দিয়ে আক্রান্ত করা হয়। আরো শুনতে চাও?”
“ডা: রুশদি, এসব উদাহরণে কিছুই যায় আসে না সেসবের কারণে হয়তো নতুন চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হয়েছে, কিন্তু অপুৱায় অপরাধই। তা না হলে সেসব চোরের মত লুকিয়ে করতো না তারা আপনি যেমনটা এখানে করছেন। যদিও আপনার যে কয়টা এক্সপেরিমেন্ট আমি দেখেছি তাতে আমার বিশ্বাস হয় না নতুন কোন ড্রাগ বা চিকিত্সা প্ৰদ্ধতি আবিষ্কারের জন্য আপনি তা করছেন। স্রেফ নৃশংসতা ছাড়া আর কিছুই নয়।”
“হা হা। সেসব বোঝার মত ঘিলু তোমার এখনো হয় নি, মি: শার্লক। আমি নতুন কিছুই করছি না। আই আম জাস্ট ফিনিশিং দ্য ওয়ার্কস অব এনজেলস। এবং সেজন্য আমাদের সোসাইটি আমাকেই বেছে নিয়েছে, কারণ এখানে যতটা সহজে আমি কাজগুলো করতে পারবো তা পৃথিবীর অনেক দেশেই এখন সম্ভব তারচেয়েও বড় কথা আমার মত ল্যাব পুরো এশিয়াতেও দ্বিতীয়টি নেই। তার খবর অবশ্য আমাদের সোসাইটি আর বিখ্যাত কয়েকটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি ছাড়া আর কারো জানবার কথা নয়।”
রুশদির কথায় মাথা ঘুরে উঠলো। কি করছে রুশদি? তৃতীয় বিশ্বের অসচেতন মানুষদের রোগী হিসেবে পেয়ে নাৎজিদের মত পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ইচ্ছেমত। তাই যদি হয়, তাহলে আমাদেরকে নিশ্চয়ই ছেড়ে দেবে না গিনিপিগ বানাবে বলেই কি সব খুলে বলছে! মারাত্মক এক আশঙ্কায় আমি শিউরে উঠলাম। কারণ বিভিন্ন কনসেনট্রেশন ক্যাম্পের পরীক্ষাগুলোর কথা আমি শুনেছিলাম, ভিভিসেকশনের কথা তখনই প্রথম শুনি, যা রুশদি এখানে করছে। সেগুলো এত ভয়ংকর যে কোন মেডিকেল পারপাজ থাকতে পারে তা বিশ্বাস করাই কঠিন। কোন ব্যথানাশক ছাড়াই অপারেশন করা হত। বুক, পেট ছুড়ি দিয়ে নির্দ্বিধায় কেটে ফেলা হত। মানুষগুলো ষাঁড়ের মত চেঁচাত, তাতে আনন্দই পেত পশুগুলো। চিন্তাটা আমি জোর করে মাথা থেকে সরিয়ে দিলাম।
“আমাদের নিয়ে আপনি কি করতে চান?” যা আশঙ্কা করছিলাম রুমি সেই প্রশ্নই করলো।
রুমির প্রশ্নে রুশদির মুখ শক্ত হয়ে এল।
“তোমাদের ভাগ্য খারাপই বলতে হবে। আই আম অ্যাফ্রেইড, তোমাদেরকে মহান কোন পরীক্ষার স্পেসিমেন বানাতে পারছি না। তোমরা নিছক একটা প্রতিশোধের ম্যাটেরিয়ালস হবে। ডা: হারুনকে একটা মেসেজ দেয়ার জন্য তোমাদের লাগবে।”
কথাটাতে আমাদের খুশি হওয়ার কোন সুযোগ আছে কিনা বুঝতে পারলাম না।
“প্রতিশোধের ম্যাটেরিয়ালস?”
“কিংবা বলতে পারো একটা উপযুক্ত উপহার!” রুশদি স্মিত হেসে যোগ করলো।
রুশদি তারপর রুমের সেই দিকে হেঁটে গেল, যেখানে বিরাট দেড় মানুষ সমান উঁচু বাক্সটা ছিল। সাদাটে এক চাদরে সেটা ভক্তি। রুশদি নাটকীয়ভাবে সেটা টান দিল। চাদরটা পড়ে যেতেই নিচের অবয়বটা উন্মোচিত হল।
কি এটা! অবাক বিস্ময়ে আমি তাকিয়ে রইলাম। একটা মূর্তি! এক নারী মূর্তি । কোন ধাতব পদার্থ দিয়ে তৈরি, কালচে রঙ চকচক করছে জায়গায় জায়গায়। পুরো দেহটা একটা বাক্সের মত, মিনিমাম ৫ ফুট উঁচু। বেঢপ। শুধু মাথাটা এক নারীর, মুখটায় কেমন চেনা চেনা আদল আছে। এ ধরনের মুখ কোন মূর্তিতে আমি দেখেছি।
রুমিও বুঝলাম কোন থই পাচ্ছে না। অবাক হয়ে তাকিয়ে আছে।
“বহু ঝামেলা করে যোগাড় করেছি এ জিনিস।” রুশদি যেন আদর করে হাত বুলাল ওটার উপর।
“মা মেরির মুখ!” হঠাৎ আমার মনে হল।
আমার কথায় রুশদির মুখে সামান্য হাসি ফুটলো মনে হয়। “বাহ! তোমরা আসলেই জিনিয়াস। কি মায়াময় মুখ তাই না!”
তারপর খানিকটা থেমে রুশদি ভঙ্গি পাল্টে বলল, “তবে মজার ব্যাপার হল এটা একটা কফিন। অনেক ঝামেলা করে তৈরি করা একটা কফিন?”
“কফিন? মিশরীয় ফারাওদের মত?” আমি বললাম।
পিরামিডের ফারাওদের কফিনের কথা আমার মনে পড়ে গেল। দারুণ শৈল্পিকভাবে মূল্যবান ধাতু দিয়ে তৈরি সেসব মূর্তির মত কফিন, তার ভেতর শেষ আশ্রয় হত ফারাওদের।
“না না, সেসব উজবুক ফারাওদের সাথে এটা মিলানোর চেষ্টা কর না। এটা মোল শতকের প্রডাক্ট। এখনই দেখতে পাবে এটা কি?”
বলে রুশদি ওটার একপাশ ধরে টান দিল। ভারি একটা পাল্লা খুলে গেল। পুরোপুরি খুলে যেতেই একটা কালো গহ্ববরের মত উন্মোচিত হয়ে গেল। বেশ বড় গহবর। তাতে বিচিত্র নকশা আঁকা। তবে সে নকশা চোখে পড়ার আগে যে জিনিসটা দেখে আমাদের রক্ত হিম হয়ে গেল, সেটা হল ওর পাল্লাটা।
এক সারি ধারালো ফলা পাল্লা থেকে বেরিয়ে আছে। এই অল্প আলোতেও তীক্ষ্ণ ফলাগুলো চকচক করছে ।
“তারমানে দিস ইজ নট আ ডেড ম্যান’স প্লেস।”
“অফকোর্স নট, রুশদি উচ্চস্বরে বলল। “জীবন্ত কাউকে ভিতরে রাখবার জন্যই তৈরি এটা । পাল্লাটা লাগিয়ে দেবার পর অবশ্য সাথে সাথে মারা যায় না ভিতরের মানুষটা। ফলাগুলো হাতে, পায়ে, বুকে, চোখে ঢুকে যায়। বাট নট ইনাফ টু কিল আ পারসন। হাইপোভলিউমিক শকে অবশ্য দিনের মধ্যে মারা যায়।”
“দুদিন?” আমি শিউরে উঠলাম
সময়টা একদিনও হতে পারে, আবার দিনের বেশিও হতে পারে, ইট ডিপেন্ডস!” রুশদি কঠিন মুখে বলল ।
“তারমানে আপনি এটাই গিফট করতে চাচ্ছেন ডা: হারুনকে, উইদ আ ভিকটিম । কিন্তু কেন?” আমি চেঁচিয়ে উঠলাম।
“সেটা তোমাদের না জানলেও চলবে। খানিক বাদেই এটার প্রিপারেশন শুরু হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাক!”
বলে রুশদি দরজার দিকে হাঁটা শুরু করলো।
“আপনি উন্মাদ, মাথা খারাপ! আমরা আপনার কোন বানচোত ডাক্তারের পাঠানো লোক না!” আমি সর্বশক্তি দিয়ে চেঁচালাম ।
সে ভিকটিম যে আমরাই তা আর বুঝতে বাকি রইলো না। এক মধ্যযুগীয় শাস্তি পদ্ধতির শিকার হতে যাচ্ছি, যেগুলো সম্পর্কে পত্রপত্রিকায় পড়েই শিউরে উঠতাম আজ সে-রকম কিছু থেকে মাত্র কিছু সময়ের ব্যবধানে দাঁড়িয়ে আছি। পাগলের মত হাতের বাঁধন খোলার চেষ্টা করলাম । জানি কোন লাভ নেই।
“মি: রুশদি!” হঠাৎ এক গম্ভীর কণ্ঠে এতক্ষণ চুপ মেরে থাকা রুমি বলে উঠল।
সে কণ্ঠে এমন কিছু ছিল যা রুশদিকে থামতে বাধ্য করলো। দরজার কাছে সে দাঁড়িয়ে গেল ।
“ডা: হারুন মেডিকেল কলেজে আপনার রুমমেট ছিল!”
“নাইস গেজ।” রুশদি বলল। “অনুমান ভালো হয়েছে।”
“আপনি বলেছেন সে আপনার উপর টর্চার করতো। সেটা ছিল অডিটরী টর্চার!”
এ কথায় রুশদির মুখ থেকে তাচ্ছিল্য ভাবটা এক মুহূর্তে দূর হয়ে গেল। “কি বলতে চাও?”
“ডা: হারুন সারাক্ষণ উচ্চস্বরে গান শুনতো, কারণ সে টাইপ গান লো ভলিউমে শোনা যেত না। আর ওই টাইপ মিউজিক আপনি সহ্যই করতে পারতেন না।”
কথা শুনে আমি অবাক হয়ে রুমির দিকে তাকিয়ে রইলাম। “কি বলছে ও?”
রুশদি এবার এগিয়ে এল।
“নাহ! তোমাকে আন্ডারএস্টিমেট করাটা আমার একদমই ঠিক হয় নি। এখন আমার খুব আফসোস হচ্ছে কেন এত বুদ্ধি নিয়ে আমার হাতে ধরা খেলে। সেকেন্ড পাসওয়ার্ডটা কেন বুঝতে পারলে না। সংখ্যাটা তোমাদের মাথায় আসলো না!”
“সংখ্যা?” আমি বললাম ।
“নিশ্চয়ই, এক পবিত্র সংখ্যা, যে সংখ্যাটা মুগ্ধ করে রেখেছে আমাদের সম্প্রদায়কে বহু বছর ধরে, এমন তৃপ্তিদায়ক সংখ্যা কটাই বা আছে বলো!”
সংখ্যা আবার তৃপ্তিদায়ক! নিশ্চয় মাথা খারাপ এর। রুমি এসব-কথা গায়ে মাখলো না, আমার দিকে ফিরে বলল, “মারুফ, তোর ফলেন অ্যানজেল এর লিরিকস মনে আছে!”
ফলেন অ্যানজেল আমার প্লে-লিস্টে সবসময়ই থাকে। “আছে।”
“রিসাইট করে শোনা!” আমি বোকা হয়ে গেলাম।
ও আবার কী শুরু করলো।
“পাগলের মত কি বলছিস?” আমি চেঁচালাম।
“যা বলছি এখনই কর!” আমার চেয়ে দ্বিগুণ চেঁচিয়ে বলল রুমি। আমি ভড়কে গেলাম। রিসাইট করা শুরু করলাম
“Azazel is beside you and he’s playing the game
Demons are inside you and they’re making their play
Watching and they’re hiding as they wait for the time
For a devil to get ready to take over your mind…”
তাতে অদ্ভুত এক প্রতিক্রিয়া হল! কথাগুলো বুঝতে পেরে রুশদি কানে হাত দিয়ে চেঁচিয়ে উঠলো।
“স্টপ ইট!” এই প্রতিক্রিয়ায় আমি চমকে থেমে গেলাম।
বুঝতেই পারছি, কলেজ জীবনটা আপনার জন্য বেশ যন্ত্রণাকর ছিল।” রুমির গলায় এবার কিছুটা তাচ্ছিল্যের ভঙ্গি।
“রুম চেঞ্জ করলেন না কেন?”
রুশদি যেন কিছুটা ভেঙে পড়েছে এমনভাবে বলল, “সে সাহস আমার ছিল না। শুয়োরটা আমার মত নিরীহ টাইপ রুমমেট ছাড়তে রাজি ছিল না, কী বোকাসোকাই না ছিলাম তখন! হলে থাকতে চাইলে ওর সাথেই থাকতে হবে এই থ্রেট দিত-যদি কখনো সে ট্রাই করতাম!”
আমি ওদের কথোপকথনের কিছুই বুঝতে পারছিলাম না। আমি অসহিষ্ণু হয়ে উঠলাম।
“ব্যাপারটা কি?” আমি চেঁচালাম।
“এই টর্চারিং ইন্সট্রুমেন্টটা কপাটটা খোলার পরই আমি চিনেছি। এটা খুব অপ্রচলিত একটা নির্যাতনের যন্ত্র। এর নাম লৌহকুমারী।”
“লৌহকুমারী?”
“আসল নাম আয়রন মেইডেন। বিখ্যাত মেটাল ব্যান্ড আয়রন মেইডেন নিজেদের নামটা নিয়েছে এ যন্ত্র থেকেই। বেশিরভাগ ভক্তশ্রোতারাই যেটা জানে না-তাদের প্রিয় ব্যান্ড নেমটা আসলে ভয়ংকর এক টর্চারিং ডিভাইস। মধ্যযুগে যারা টাকা জাল করতো তাদের শাস্তি দেয়ার জন্য ভয়ংকর সব ডিভাইস তৈরি করা হয়, এটা তাদের মধ্যে একটা।”
তারমানে ডা: হারুন ছিলেন আয়রন মেইডেনের মত মেটাল ব্যান্ডের দারুণ ভক্ত। আর সেটাই রুশদির জীবনকে দুর্বিষহ করে দেয়। তাই এতদিন পর এক ভয়ংকর প্রতিশোধের নকশা তৈরি করেছে রুশদি। ডা: হারুনের কোন আপনজন বা তার হয়ে আসা যেকোন লোককে ভিকটিম বানিয়ে এটা পাঠিয়ে দেয়া হবে তার কাছেই। আর কেউ না চিনলেও ডিভাইসটা ডা: হারুন ঠিকই চিনবে, আঁতকে উঠবে, তার কোন পুরনো বন্ধুর তরফ থেকে পাঠানো হয়েছে ঠিকই বুঝতে পারবে। আমার কাছে সব পানির মত পরিষ্কার হয়ে যায়।
ভয়ংকর আর অদ্ভুত প্রতিশোধের আইডিয়া! এই প্রথম অনুভব করলাম আমার তৃষ্ণা পেয়েছে। প্রচণ্ড তৃষ্ণা!
