অধ্যায় ১০
শীত প্রায় এসে গেছে, এখনো এমন বৃষ্টি!
রেইনকোটটা কোনমতে গায়ে দিয়ে বৃষ্টি আর শীতল বাতাস থেকে কোনমতে নিজেকে বাঁচাই। খুব দ্রুত এখন আমাদের বের হতে হবে জায়গাটা থেকে। ভোরের আলো ফুটে উঠেছে। বাইরে এসে চিরচেনা এ পৃথিবীকে বড় বেশি আপন লাগছে। সারা গায়ে সীমাহীন ক্লান্তি।
একটা ছোট প্লায়ার্স আর অয়্যার কাটার দিয়ে একটা ঝালাই করা গ্রিলডোর কাটতে গিয়ে দু’জনের প্রায় জিব বের হয়ে যাবার মত অবস্থা। এতটা দীর্ঘ সময় কবরের মত এমন এক আবদ্ধ জায়গায় আটকে থেকে মুক্ত বাতাসে বের হয়ে মনে হচ্ছে নতুন জীবন ফিরে পেলাম।
নার্স মিলি বলেছিলেন ডান দিক দিয়ে বের হয়ে যেতে, বামপাশে এক ভবনের কাজ চলছে। কংক্রিটের স্তুপ থেকে অসংখ্য রড, স্টিলের ভারি স্ট্রাকচার বের হয়ে আছে, যেন বৃহৎ কোন প্রাণী, মাংস খসে হাঁড়গুলো দৃশ্যমান। এটাও বিশাল কিছুই মনে হচ্ছে। আন্ডারগ্রাউন্ডে যে নমুনা দেখে এলাম, তাতে অবশ্য আর অবাক হওয়ার বাকি কিছু নেই। দ্রুত আর সন্তর্পণে ডানদিকে হাঁটা দিলাম। রেইনকোট দিয়ে যতটা সম্ভব মুখটা ঢেকে। কেউ দেখে ফেললেই বিপদ হতে পারে। সে বিপদের সীমাটা কতটা ভয়ংকর তা আমরা ছাড়া আর কেই বা ভাল জানে!
জায়গাটা উঁচু পাচিল দিয়ে ঘেরা। হাসপাতালের সামনে থেকে বোঝার উপায় ছিল না যে পেছনেও আবার এত জায়গা। যেখানে আরো একটা মেগাস্ট্রাকচার তৈরি হচ্ছে।
মাথা নিচু করে এগোচ্ছি । এক্সিটটা কোথায়? আর সেখানে কি কোন গার্ড আছে? থাকলে ম্যানেজ করতে হবে, কীভাবে ম্যানেজ করবে সেটা নিয়ে ভাবছি। জানি সামনে যত বাধাই থাকুক কিছু একটা করে বের হতে হবে এখান থেকে, পালাতে হবে! রুশদির হাসপাতালটা পেছন থেকে দেখে এবার বুঝতে পারছি কত বড় জায়গা নিয়ে পুরো হাসপাতাল।
একটা বাঁক পেরোতেই হৃদপি-টা যে লাফ দিয়ে গলার কাছে চলে আসলো।
বিশ-পঁচিশজন মানুষ!
আসছে এদিকেই। বোঝাই যাচ্ছে সাধারণ মানুষজন না। হাসপাতালের কর্মী টর্মীই হবে। রুশদি কি আমাদের খুঁজতেই পাঠিয়েছে নাকি?
“চল দৌড় দেই, ওদিক দিয়ে কোন এক্সিট পাবো নিশ্চয়ই।”
রুমি বলল, “একদম পাগলামি করিস না । দে আর নট ফর আস! সোজা দাঁড়িয়ে থাক। আর স্বাভাবিক।”
লোকগুলো কাছে আসতেই সামনের একটু মোটা করে লোকটা বলল, “মনে হচ্ছে আগে আগে এসে পড়ছে। তোমরা কোন ইউনিটের?”
“আমরা আজকেই এসেছি। নতুন!” রুমি চটপট জবাব দিল ।
“এখন আবার রিক্রুট হওয়া শুরু হইছে।” লোকটার কণ্ঠে বিরক্তি। “আচ্ছা আসো । এই কাসেম, ৫ নম্বর ইউনিটে নিয়া যাও এদের। ওখানে কিছু এক্সটা লোড দরকার।”
আমি হতভম্ব হয়ে গেলাম। টু শব্দ না করে তাদের সাথে চলা শুরু করলা। কাসেম নামধারী উচু চোয়াল বিশিষ্ট এক লোক এসে আমাদের তার পেছন পেছন যেতে বলল। আমাদের দেখে সে মনে হয় বিশ্বাস করতে পারছে না আমরা কনস্ট্রাকশনের কেউ। বার বার সন্দেহের দৃষ্টিতে তাকাচ্ছে। সেই হাঁড় বের করা ভয়াল দর্শন বিল্ডিং এর সামনে আবার এসে পড়লাম। সিড়ি দিয়ে চলে এলাম ওটার দোতলায়। একপাশের একটা রুমের মত জায়গায় পৌঁছলাম।
কাসেম নামক লোকটা বলল, “এইখানে কাজ তোমাদের! ভুল যেন না হয়।”
রুমি বলল, “আপনার কোন ইউনিট?”
“আমারও এইটাই। আরো দুইজন আছে। নবাবগুলা আসে নাই এহনো। কাজে লাইগা পড়ো। তুমি ঝালাইটা করো” আমার দিকে ফিরে বলল।
রুমিকে বলল- “আর তুমি এদিকে আসো।” বলে পাশের রুমে হাঁটা দিল ।
যাওয়ার আগে আমাকে বলল, “ঠিক মতো করবা, উল্টাপাল্টা যেন না হয়!”
আমাদের দুইজনকে পেয়ে খুব মৌজে আছে বোঝাই যাচ্ছে। ঝালাই টালাই কীভাবে করবো বুঝতে পারলাম না। রুমি চালাকি করতে গিয়ে বোকামিই করে ফেলল না! আমরা কনস্ট্রাকশনের কেউ না সেটা বললে মনে তো হয় না এরা ঝামেলা করতো। খানিক পরে যখন ধরা পড়ে যাব তখন ব্যাপারটা কি আরো কঠিন হয়ে দাঁড়াবে না? রুমি কাসেমের সাথে পাশের রুমে যাওয়ার খানিক পরেই ধাম করে একটা আওয়াজ হল! যা বোঝার বুঝে ফেললাম। দৌড়ে গেলাম ওখানে। রুমি দাঁড়িয়ে আছে একটা রড হাতে। মেঝেতে কাসেম শুয়ে । আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। এছাড়া হাতে হয়তো আমাদের অপশন নেই, কিন্তু তারপরও ব্যাপারটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ।
রুমি রডটা ফেলে বলল, “ভাবিস না, স্লাইট ইনজুরি। সেরে উঠবে দু’দিনেই। বাড়ি মারার পর গায়ে ধরে মেঝেতে শুইয়ে দিয়েছি, তাই অন্য কোন ভাইটাল ইনজুরি হওয়ার চান্স নেই। বাকি দুজন এসে পড়লেই দ্রুত ফাস্ট এইডের ব্যবস্থা হয়ে যাবে।”
আমি আগের মতই বোকা হয়ে তাকিয়ে রইলাম, রুমি এমন কিছু করবে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। দ্রুত নেমে গেলাম, নেমে হাঁটা দিলাম। ততক্ষণে সবাই যে যার কাজে লেগে গেছে। দুএকজন কর্মী নিচে থাকলেও আমাদের লক্ষ্য করার প্রয়োজন বোধ করলো না। গেট পর্যন্ত নির্বিঘ্নে পৌঁছে গেলাম। এটা হাসপাতালের মূল গেট নয়, মূল প্রাঙ্গণ থেকে বিচ্ছিন্ন এ জায়গাটা। বিচ্ছিন্ন ও সংরক্ষিত। গেটে দারোয়ান টাইপ কেউ বসে ছিল।
“আপনারা না মাত্র ঢুকলেন?”
“কাসেম ভাই পাঠাইলো, একটা প্যাকেট বাইরে ট্রাকে রাখা। নিয়া আসতেছি।” রুমি ঝটপট জবাব দিল ।
দারোয়ান গেট খুলে দিল আর কিছু না বলেই । আমি নিঃশ্বাস আটকে ছিলাম। এখানে না কোন ঝামেলা হয়।
বাইরে বের হয়ে একটু দূরে গিয়েই রুমি রেইনকোটটা ছুড়ে ফেলে দিল।
“বৃষ্টি আছে তো?” আমি প্রতিবাদ করে বললাম।
“এখনই খুলে ফেল, এখন এটা বিপজ্জনক।”
“মানে?”
“মানে বলছি।”
আমিও খুলে ফেললাম ।
“রেইনকোটটা রুশদির হাসপাতালের কর্মীদের। কনস্ট্রাকশনের কাজে যারা এসেছিল তাদের কয়েকজনের গায়েও ঠিক একই জিনিস ছিল। তাই তোকে স্বাভাবিক থাকতে বলেছিলাম যাতে রিক্রুট ধরে নেয়। আর সবচেয়ে বড় কথা ওদের মধ্যে সিকিউরিটির লোকজনও ছিল। জায়গাটা রেসট্রিকটেড। তাই ট্রিকসটা না খাটালে ধরে আবার রুশদির কাছেই নিয়ে যেত।
রুমির পর্যবেক্ষণে আবারও বিস্মিত হলাম। আমি টেনশনে ব্যাপারটা খেয়ালই করি নি। নার্স মিলি রেইনকোটটা হাসপাতালের ভেতর থেকেই সংগ্রহ করেছে। তাই সেটা মিলে গেছে। আর মিলে না গেলে আজকে ওখান থেকে বের হওয়াটা নিশ্চয়ই আরেকটু জটিলই হত।
বৃষ্টিতে ভিজে যাচ্ছি। আশপাশে চায়ের দোকান, রুটির দোকান। মানুষজন এখনো অতটা জমে ওঠে নি। সবে মাত্র সকাল হল। সকালের চা আর নাস্তার সৌরভে মনে পড়ে গেল একদিনেরও বেশি সময় পেটে কিছু পড়ে নি।
হোটেল নিনতায় চলে এলাম। আশা করি রুশদি আন্দাজ করতে পারে নি। হাসপাতালের এত কাছের একটা হোটেলেই আমরা উঠেছি। এখানেই আমাদের ব্যাগ-ট্যাগ, নোটবুক রাখা। পকেটেও মানিব্যাগ-মোবাইল কিছুই নেই। এখান থেকে আমাদের ব্যাগ নিয়ে দ্রুত বেরিয়ে যেতে হবে। হোটেলে বেশিক্ষণ থাকাটা নিরাপদ নাও হতে পারে ।
রাতের জন্য রুম ভাড়া করে পরদিন সকালে হোটেলে আসায় হোটেল রিসেপশনিস্ট নিশ্চয়ই বেশ অবাক হয়েছে। আমাদের পোশাক-আশাক আর চেহারাও বিপর্যস্ত। রুমি কোনমতে বুঝিয়ে বলল গতরাতে বেশ বড় এক অ্যাকসিডেন্ট হয়েছে। আমরা খানিক পরেই বের হয়ে যাব। খুব ভালো হত এখন যদি একটা ভালো ঘুম দেয়া যেত। শরীরে যতটা ক্লান্তি জমা হয়েছে তার পরিমান আমার সারাজীবনের সব ধকলজাত ক্লান্তি থেকেও বেশি। কিন্তু সেটা করবার সময় আপাতত নেই, অনেক কাজ বাকি।
ব্রেকফাস্ট চলে এলো এর মাঝে। মোটামুটি গোগ্লাসে গিললাম বলা চলে।
“একটা ফোন করা দরকার হাসানকে।” রুমি বলল। “ওকে যে মেইলে বললাম সাহায্য পাঠানোর জন্য ও করলোটা কি?”
“মেইলে কি পাঠিয়েছিলি?”।
“রুশদির ডৌমে পাওয়া এক্সপেরিমেন্টের ডকুমেন্ট-যেটার ফটো তুলতে পেরেছি, সেগুলো অ্যাটাচ করে পাঠিয়েছি। আর লিখেছি যদি আধাঘন্টার মধ্যে ওকে কল ব্যাক না করি তাহলে যেন লিগাল ফোর্স নিয়ে নিয়ে রুশদির এখানে চলে আসে আমাদের উদ্ধারের জন্য।”
“লিগাল ফোর্স?”
“হ্যাঁ, হাসান জানে কী করতে হবে। পুলিশ যদি রাজি না হয় তাহলে আমার পত্রিকা অফিসে যোগাযোগ করার কথা ওর। আমি সরাসরি ওদের কাছে মেইল করি নি কারণ যথেষ্ট পরিমান না বুঝিয়ে বললে পত্রিকার মানুষজন ব্যাপারটা বুঝতে পারবে না। ও সেটা করতে পারলে উদ্ধারের একটা ব্যবস্থা হয়ে যেত সাথে সাথে ।”
“ফোন দিয়ে দেখ, সেটাই হয়তো এতক্ষণে করে ফেলেছে ও। তবে সবচেয়ে বড় কথা আমরা ওই নরক থেকে বেরোতে পেরেছি।” আমি বললাম ।
আমাদের কাছে কোন ফোন ছিল না, আমাদের মোবাইলগুলো তো রুশদির ওখানেই রয়ে গেছে ।
রুমি তাই হোটেলের ফোন থেকে ফোন দেয়ার জন্য নিচে নেমে গেল। ভাগ্য ভালো কিছু ক্যাশ টাকা ব্যাগে রাখা ছিল। সেটা না হলে ঝামেলাটা আরেকটু বাড়তো। সবকিছু ব্যাগে পুরতে লাগলাম, বেরিয়ে যাব আমরা খানিক পরেই। বৃষ্টিটা এখন কমে গেছে। হালকা রোদও উঠে গেছে মনে হচ্ছে-জানালা দিয়ে রোদের সোনালি রেখা রুমে এসে পড়ছে।
মিনিট পাঁচেক পরেই ঝড়ের বেগে হন্তদন্ত হয়ে রুমি আবার ফিরে এলো। “সামথিং ইজ ভেরি ফিশি! এক্ষুণি বেরোতে হবে!”
“কি হল?” আমি ভীত কণ্ঠে বললাম ।
“হাসানকে ফোন দিলাম। ওর ফোন বন্ধ। পরে ওর বাসায় ফোন দিলাম । ঋতু ধরলো।” ঋতু হাসানের স্ত্রী।
“কি বললো ঋতু?” রুমির চোখে এক ধরনের বিহ্বলদৃষ্টি, সেটাতে আমি ভড়কে গেলাম।
“ঠিক বুঝলাম না। হাসান কেন মিথ্যা বলল?”
“মানে?”
“মানে হাসান ঋতুকে বলেছে আমি নাকি ফোনে ওকে জানিয়েছি আমরা। জয়ন্তপুর আছি। ও যেন সেখানে যায়, যত দ্রুত সম্ভব। গতকালই নাকি ও তাই রওনা দিয়ে দিয়েছে।”
“মানে বলেছে তুই ফোন দিয়ে বলেছিস?”
“হয়তো মেইল করে বলেছিস এটা আনইউজুয়াল এ জন্য বলেছে যে তুই ফোন দিয়ে বলেছিস! এছাড়া তো অন্যকিছু হওয়ার চান্স নেই।”
“হ্যাঁ, ঠিক আছে। কিন্তু, জয়ন্তপুরে যেতে বলাটা?”
“দ্যাটস আ মিস্ট্রি।” আমি বলি।
“নো, মে বি দ্যাটস আ ট্রাপ।” রুমির কপালে দুশ্চিন্তার ভাঁজ।
“এখন আর একটা উপায়ই আছে ডকুমেন্টগুলা উদ্ধার করার।” রুমি ল্যাপটপের ব্যাগটা খুলতে খুলতে বলল।
“তোর সেন্ট মেইলে?”
“বাট আম আফ্রেইড রুশদি আমার মোবাইল ব্রাউজ করে যেহেতু দেখেছে আমি কাকে মেইল করেছি, তার মানে সে এক্সট্রা একটা সিম্পল কাজ করে রাখবে নিজের সিকিউরিটির জন্য।”
খানিক পরেই রুমি দীর্ঘশ্বাস ফেলল। “যা ভাবছিলাম, সেন্ট আইটেম থেকে মেইলটা ডিলিটেড।”
“তারমানে ব্যাসিকাল্যি রুশদিকে বিপদে ফেলার মত কোন ডেটা আমাদের হাতে নেই।” আমি হতাশ হয়ে বললাম।
“আছে, যদি আমরা হাসানের অ্যাকাউন্টের ইনবক্সের অ্যাকসেস পাই। হোল্ড অন,” রুমি হঠাৎ আমাকে থামিয়ে দিল। “রুশদি আমার মেইল থেকে হাসানকে একটা মেইল করেছে।”
“নো নিড টু সিক এনি হেল্প, উইভ ম্যানেজড। বাট উই নিড ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাট জয়ন্তপুর । ইটস আর্জেন্ট। কলিং ইউ লেটার।”
“ও গড। তারমানে হাসানকে আসলেই ট্র্যাপে ফেলা হয়েছে।” আমি বিস্মিত হয়ে বললাম।
“সাউন্ডস সো!”
“কিন্তু হাসান এতটা বোকা হওয়ার কথা না, এই মেইলের অফিসিয়াল টোন আছে, আমরা পাঠালে সেটা অনেক সংক্ষেপে লিখতাম এটা ওর বোঝা উচিত ছিল। অ্যাজ সুন অ্যাজ পজিবল এর জায়গায় লিখতাম এএসএপি, ও সেটা বুঝলো না?”
“হয়তো ওভাবে ও ভাবেনি। কিংবা খেয়ালই করে নি।”
“হুম, কিন্তু ওর ফোনও বন্ধ। তারমানে…”
“মানে যে ভাল কিছু না, সেটা বোঝাই যাচ্ছে।”
“আমরা জয়ন্তপুর যাচ্ছি!” রুমি দাঁড়িয়ে বলল। আমি কিছু বললাম না। হাসানকে বিপদে আমরাই ফেলেছি। আমাদেরই উদ্ধার করতে হবে। কোন ধরনের আইনি সাহায্য নেয়ার মত কোন ডকুমেন্ট আমাদের হাতে নেই। সেটা অন্যভাবে চেষ্টা করার হয়তো সুযোগও নেই এখন।
“সরাসরি স্টেশনে যাবি এখন?”
“কয়েকটা কাজ সেরে যেতে হবে, মোবাইল, পর্যাপ্ত টাকা কিছুই নেই সাথে। আর কয়েকটা জায়গায় যোগাযোগ করতে হবে। এখন আমার ফ্ল্যাটে চল। আমরা যেহেতু পালিয়ে এসেছি, তারমানে আশা করি হাসানের কোন ক্ষতি করার সাহস এখনই পাবে না রুশদি। আর আমাদের একটু বিশ্রাম নিতেই হবে। আমার নতুন ফ্ল্যাটের অ্যাড্রেস রুশদি বের করতে পারবে না। আমার অফিসেও সেটা এন্ট্রি করা হয় নি এখনো।”
নিচে নেমে হোটেল বয়ের মাধ্যমে একটা ট্যাক্সি নিয়ে নিলামৗখুব সাবধানে এবং দ্রুত এই এলাকা ছাড়তে হবে।
ট্যাক্সিটা চালাচ্ছেন মধ্যবয়স্ক এক লোক তোমাদের গন্তব্য এখন শান্তিনগর। ঢাকা শহরে জ্যামের যে অবস্থা তাতে ঘণ্টা দুয়েকের মত লেগে যাবে। রাস্তা থেকে একটা পত্রিকা নিয়ে নিলাম। যদিও পত্রিকা পড়ার মত মানসিক বা শারীরিক অবস্থাও নেই। ক্লান্তিতে চোখ লেগে যাচ্ছে।
হঠাৎ পত্রিকার ব্যাক পেজে চোখ পড়ায় এক রকমের চেঁচিয়ে উঠলাম। রুমি, ড্রাইভার দুজনই অবাক হয়ে আমার দিকে তাকাল।
রুমি পত্রিকাটা টেনে চোখের সামনে ধরলো। তারপর হতাশ হয়ে বাইরে তাকিয়ে একটা ছোটখাট অস্ফুট গালি দিল।। “সো দিজ ইজ দ্য অল্টারনেটিভ!”
ব্যাকপেজে বেশ বড় করে একটা নিউজ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল ডা: হারুনের একমাত্র পালক পুত্র নাহিয়ান (২১) কে গতকাল এক হোটেলের সামনে থেকে কিডন্যাপ করা হয়েছে। এখন পর্যন্ত কিডন্যাপাররা কোন দাবি-দাওয়া জানায়নি। ডা: হারুনের পুত্র দীর্ঘদিন পর দেশে এসেছিল গত রোববার…
ডা: হারুন তাহলে পুরোপুরি নিঃসংঙ্গ না! ছেলেটা দেশের বাইরে থাকায় রুশদি এ অপশনটা বাদ দিয়ে রেখেছিল।
নিনতা হোটেল থেকে সরাসরি রুমির ফ্ল্যাটে চলে আসবার পর একটা লম্বাঘুম দিলাম, শরীর আর চলছিল না। বেডে মাথা রাখা মাত্রই কুম্ভকর্ণকে একহাত দেখিয়ে দেয়ার মত গভীর ঘুমে তলিয়ে গেলাম। বিকালের দিকে উঠে দেখি রুমি নেই। কই গেল?
রুমির নতুন ফ্ল্যাটটা ভালোই। আজকাল এত ভাল ব্যাচেলর ফ্ল্যাট পাওয়া বেশ দুষ্কর। এককাপ চা-কফি কিছু একটা হলে দারুণ হত মনে হতেই কফি বানানোর সরঞ্জাম পেয়ে গেলাম কিচেনে। কফিতে প্রথম চুমুক দিতেই কলিং বেল বেজে উঠলো। রুমি ভাল সময়ই এলো । দীর্ঘদিন ধরে বানাই বলে বন্ধুমহলে আমার কফির সুনাম আছে।
রুমির মুখ দেখে বুঝলাম, কিছু একটা ঘটেছে।
রুমি বলল, “ঘন্টাদুয়েক আগে বেরিয়েছিলাম, তুই শালা মরার মত ঘুমাচ্ছিলি তাই ডাক দিলাম না। জয়ন্তপুরের ট্রেনের টিকেট করে এলাম। তারপর ভাবলাম পত্রিকা অফিসে গিয়ে কিছু বিষয়ে খোঁজখবর নেই। কিন্তু অফিসের গেটের কাছাকাছি যেতেই অস্বাভাবিক লাগলো। বেশ বড় একটা অ্যাশ কালারের মিনিভ্যান দাঁড় করানো। অফিসে না ঢুকে ফোন দিলাম আমার এক কলিগকে। সে জানালো দুপুর থেকে কয়েকজন তোক কয়েকবার খোঁজ নিয়েছে আমি অফিসে আছি কিনা। যা বোঝার বুঝে ফেললাম, সরে এলাম ওখান থেকে। আজকের পত্রিকার ডা: হারুনের ছেলে কিডনাপ হওয়ার রিপোর্টে কিডন্যাপারদের গাড়ির বর্ণনা যে-রকম পড়েছি সেটার সাথে পুরো মিলে যায় ওই গাড়িটা। রিপোর্টে যে প্রতক্ষ্যদর্শী ছিল সে বেশ ভাল চিনেছে মডেলটা, বলছিল মাজদা’র মিনিভ্যান। ওটাও বিখ্যাত মাজদা এমপিভি মিনিভ্যান, চিনতে কষ্ট হল।
মাজদা! এই নামটা শুনলে আমি বরাবরই চমকাই। জরাথুস্টদের ঈশ্বর আহুরা মাজদার নামে কেন একটা জাপানিজ মোটর কোম্পানির নাম হল সেটা আজও আমার কাছে পরিষ্কার না।
“তার কিছুক্ষণ পর নার্স মিলির মেসেজ পাই।” রুমি বলল। “তুই ফোন দিয়েছিলি?”
“হ্যাঁ, নতুন সেট আর সিম নিয়ে প্রথমেই তার কথামত এক মিনিট বিরতিতে তিনটা কল দেই। সেটার ঘন্টাখানেক পরেই মিলি মেসেজ পাঠান। আমাদের দেখা করতে বলেছেন সেগুনবাগিচার মোড়ের এক রেস্টুরেন্টে।”
“সেটা নিরাপদ হবে কিনা তার নিশ্চয়তা কি?”
“আনফরচুনেটলি, উই গট নো আদার অপশন!” রুমি হাঁফ ছাড়ার মত ভঙ্গি করে বলল।
রাস্তার রঙিন আলোময় দোকানপাট, মানুষ আর যানবাহনের জ্যাম, ভিড়ভাট্টা, স্ট্রিটফুডের ছোটছোট দোকান থেকে ওঠা ধোঁয়া বিশাল জানালা দিয়ে দেখতে অদ্ভুত লাগছে। বড় একটা বিলবোর্ডে এক ফোন কোম্পানির অ্যাড, খানিক পরপর অ্যাডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে বিশাল কোন ইলেকট্রিক স্ক্রিন। আমাদের দেশে এখনো ডিজিটাল বিলবোর্ডগুলো অত ব্যাপকভাবে চালু হয় নি, এসব ম্যানুয়াল ফোর উইন্ডস ইন্টারঅ্যাকটিভ বোর্ডই সচল বিলবোর্ডের নমুনা হয়ে আছে, যাতে চারটা ইমেজ প্লেট থাকে খানিক পরপর বদলে যায়। আলো ঝলমলে বিলবোর্ডের নিচেই গাঢ় অন্ধকার, প্রদীপের শিখার নিচেই যেমন অন্ধকার জমে থাকে সে-রকমই ব্যাপারটা।
বাইরের দৃশ্য এত খেয়াল করছি কেন? মনে মনে বিরক্ত হয়ে উঠি। আসলে অপেক্ষা করার মত বাজে জিনিস আর নেই। সে কারণেই বাইরের ডিটেইলস দেখে সময় কাটাচ্ছি। তাছাড়া রেস্টুরেন্টের জানালাটা বিশাল যেন একটা কাচের দেয়ালের পাশে বসে আছি। যে রেস্টুরেন্টে আছি সেটার পরিবেশটা রীতিমত মনোমুগ্ধকর, বেশি বড় নয়, কিন্তু চমৎকার ইন্টেরিওর। দেয়াল আর ছাদটা মনে হচ্ছে কাঠ আর বাঁশের বাকল দিয়ে মোড়ানো। হালকা একটা ইন্সট্রুমেন্টাল মিউজিক বাজছে, নরম আলো আর শীতের সময়কার আরামদায়ক উষ্ণতা। রুমি ঘড়ি দেখছে বার বার।
“২০ মিনিট!” ঠোঁট চেপে বলল ও।
মিলির এখানে আসার কথা ইতিমধ্যে। অবশ্য ঢাকা শহরে জ্যামের যে অবস্থা তাতে কারোর কথা রাখা যথেষ্ট কষ্টসাধ্য।
রেস্টুরেন্টের মিউজিক ট্রাকটা চেঞ্জ হতেই কেমন নস্টালজিক হয়ে গেলাম। কলেজে থাকতে সত্তর দশকের কানাডিয়ান গায়ক টেরি জ্যাকসের মন খারাপ করা গানটা খুব শুনতাম।
উই হ্যাড জয় উই হ্যাভ ফান, উই হ্যাড সিজনস ইন দ্য সান
বাট দ্য হিলস দ্যাট উই ক্লাইম্বড অয়্যার জাস্ট সিজনস আউট অব টাইম!
রুমির চোখে মুখে চাপা অসন্তোষ আর দুঃশ্চিন্তা। আদৌ কি কেউ আসবে, নাকি এটাও এক ফাঁদ।
সেটা জানতে যাচ্ছি শীঘ্রই।
