অধ্যায় ৬
সন্ধ্যা হয়েছে খানিক আগে। রুশদি মানসিক ব্যাধি হাসপাতাল-এর রিসেপশনে বসে আছি। রিসেপশন রুমটা বেশ বড়। মেঝেতে দাবার ঘরের মত সাদাকালো টাইলস বসানো। দেয়াল ঘেঁষে বসবার জন্য অনেকগুলো আরামদায়ক সোফা।
জয়ন্তপুর থেকে এসে সরাসরি উঠেছি হোটেল নিনতাতে। রুশদি হাসপাতাল থেকে জায়গাটা কাছেই।
ক্লিনিকটা সাভার বাস স্টেশন থেকে প্রায় দু’কিলোমিটার সামনে, হাইওয়ে থেকে কিছুটা ভিতরে। ক্লিনিকটা যে ভবনে তার নাম অ্যানজেল টাওয়ার। পাঁচতলা ভবন, উপরের তিন তলা এখনো আন্ডার কনস্ট্রাকশনড। দ্বিতীয় তলাতেই মূল হাসপাতাল।
হোটেল নিনতায় উঠেই রুমি ওর পত্রিকা অফিসে ফোন দিয়ে অ্যানজেল টাওয়ারের ব্যাপারে খোঁজ খবর নিয়ে নিল। এটার মালিক রুশদি নিজেই। ছয়সাত বছর হয়ে গেছে এর নির্মাণকাজ শুরুর, এখনো তাহলে ভবনটা শেষ করলো না কেন রুশদি? এর নির্মাতা প্রতিষ্ঠান এমআর আর্কিটেক্ট ফার্ম। ইদানিংকার বেশ নামকরা রাইজিং ফার্ম। দ্রুত এতবড় হাসপাতালটা এক্সপ্লোর করার জন্য আমাদের হাসপাতালের ফ্লোর প্ল্যানটা দরকার ছিল। ফোন দেয়ার পর এমআর ফার্মের ম্যানেজিং ডিরেক্টর মিশতাক রহমান প্রথমে বললেন “এটা আমাদের ফার্ম এথিকসের অ্যাগেইনস্টে যায়, আমরা কাউকে দেই না।”
রুমি বলল, “আপনার ফার্ম আশুলিয়ায় যে কাজটা শুরু করতে যাচ্ছে-যেটা এ পর্যন্ত আপনাদের সবচেয়ে জায়ান্ট প্রজেক্ট, সেটা নিয়ে একটা ছোটখাট নিউজ আমার ডেস্কে অনেকদিন ধরে পড়ে আছে।”
তারপর খানিকটা থেমে বলল, “আর হ্যাঁ, আমার মেইল অ্যাড্রেস আপনার কাছে না থাকলে আপনার আইটি এক্সপার্টদের আশা করি খুব বেশি সময় লাগবে। ফ্লোর প্ল্যান আর আরসিপি-এ দুটোতেই চলবে।”
থ্রেটে কাজ হলো কিনা বোঝা গেল না। মিশতাক রহমান বললেন, “অনেক আগের প্ল্যান, তাই খুঁজে বের করতে সময় লাগবে, বের করে স্ক্যান করে আধাঘন্টার মধ্যে পাঠিয়ে দিচ্ছি।”
“আরসিপি?” আমি জিজ্ঞেস করলাম ।
“রিফলেক্টেড সিলিং প্ল্যান। ফ্লোর প্ল্যানের পাশাপাশি এটারও দরকার পড়ে ভালো ধারণার জন্য। মানে ধর, ফ্লোর প্ল্যানে থাকে পায়ের নিচে কী আছে সেটা জানার কাজে, কিন্তু মাথার কাছটাও তো মাঝেমধ্যে জানা চাই, সেটাই আরসিপি। অ্যাডিশনাল কিছু সাইন থাকে এতে, যাইহোক, দেখা যাক প্ল্যান দু’টো পাই কিনা!”
মানসিক হাসপাতালের রিসেপশনের জায়গাটা আমার জন্য বেশ অস্বস্তিকর। রোগী নিয়ে অনেকেই এখানে অপেক্ষা করেন, একেক জন রোগীর ব্যাপার একেক-রকম । ঠিক আমাদের সামনে এক অল্পবয়সী মেয়েকে ধরে রেখেছে এক মহিলা, কিছুক্ষণ পরপরই মেয়েটা খিলখিল করে হেসে উঠছে। হাসিটা অস্বাভাবিক, শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। ডানপাশে এক বয়স্ক লোক, একমনে কোন এক হিন্দি গান ভেজে যাচ্ছে ক্রমাগত, পাশে জবুথবু হয়ে বসে আছে অল্পবয়সী একজন, সম্ভবত তার ছেলে।
“আপনারা আমার সাথে আসুন।”
বেশ কিছুক্ষণ পর একজন নার্স এলো। রোগী দেখতে এখানে বেশ ঝামেলা করে ঢুকতে হয়। রোগীর ভাই পরিচয় দেয়ার পর বসতে বলল, তারপর এই দশ মিনিট পর একজন নার্স এলো গাইড হিসেবে।
আমরা নার্সের পিছু পিছু এগুলাম। লম্বা করিডোর, হাসপাতালের এপাশটায় শুধু কেবিন, দীর্ঘদিন ধরে যাদের চিকিৎসা চলছে তাদের রাখার স্থান।
অনেকগুলো করিডোর, সারি সারি রুম। এতবড় সাইকিয়াট্রিক ক্লিনিক এদেশে আর আছে কিনা কে জানে! রুমি এরই মাঝে নার্সের সাথে কথা জমিয়ে ফেলেছে।
“আচ্ছা, আমাদের এলাকার এক রোগী আপনাদের এখানে শুনেছি ভর্তি হয়েছে,” খানিকটা আলাপের পরেই মূল উদ্দেশ্যে ফিরে এল রুমি, “নাম সম্ভবত রুনু। বলতে পারবেন এখনো আছে কিনা?” | নার্স খানিকটা ভেবে বলল, “উহু, এমন নামে তো কাউকে চিনি না। বেশিদিন হয়তো ছিল না!”
“হবে হয়তো!” রুমি ওর হতাশ কণ্ঠটা ঢেকে বলল কথা বলতে বলতে আমরা বিনুর কেবিনে চলে এলাম। আমাকে দেখেই বিমলৗফিয়ে উঠলো, “দাদা আসছো?”
“হুম, কি খবর, কেমন আছিস?”
“ভালোই তো, কিন্তু তোমরা কেউ আসেনা ক্যান? না আসলে তো পুরো পাগল হয়ে যাব!”
“পাগল হবি কেন, ওষুধ-পত্র খা, কদিন পর নিয়ে যাবো।”
“ভাইয়া ক্যামন আছেন?” এতক্ষণে ও রুমিকে দেখলো, চিনতে যে পেরেছে তাতেই খুশি হলাম।
“হ্যাঁ, বিনু ভাল । তারপর কেমন লাগছে হাসপাতালের জীবন!”
“দেখেন না, ওরা ভাবে আমার মাথায় সমস্যা আছে।”
রুমি নার্সকে বলল, “আপনি ইচ্ছা করলে ঘুরে টুরে আসতে পারেন। বুঝতেই পারছেন ও দেশের বাইরে চলে যাবে ক’দিন পর । বোনের সাথে আরো কিছুক্ষণ কথা বলতে চাইছে।”
কথাটা সত্য না হলেও তাতে কাজ হল, এতক্ষণ নার্সের সাথে বকবকানিরও একটা প্রভাব আছে। নার্স আমাদের রেখে চলে গেলেন। রুমি নার্স পুরোপুরি চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলো। তারপর ঘড়ির দিকে তাকিয়ে বলল,
“ঠিক ৫ মিনিটের মত সময় আমাদের হাতে আছে ধর, এর মাঝে সবগুলো কেবিন চেক করতে হবে। আমি ডানদিকের সারি, তুই বামদিকের।”
বিনুর কাছ থেকে অতি সংক্ষেপে বিদায় নিয়ে কাজে নেমে পড়লাম। রুনুর চেহারা যতটুকু মনে আছে তাতেই আশা করি কাজ হয়ে যাবে। এক এক কেবিনে উঁকি মেরে দেখতে দেখতে এগুতে লাগলাম। সামনে তিনটা বাঁক আছে, প্রতি চারটা কেবিন পর পর বাঁক। ক্লিনিকটা যে কতবড় তা এখন আন্দাজ করতে পারছি। এক কেবিনে উঁকি দিয়ে হঠাৎ মনে হল পথ হারিয়েছি। ঠিক এ রুমেই খানিক আগে এসেছি বলে মনে হল। অবশ্য কেন মনে হল বুঝলাম না, কারণ অধিকাংশ রুমই তো একই ইন্টেরিওর এর.
নাহ! এখন পর্যন্ত রুনুর চেহারার আদলের কাউকে পেলাম না, তারমানে কি রুনু এখানেও নেই। ব্যাপারটা জটিল হয়ে উঠছে-শওকত আসলেই ধাপ্পাবাজি করেছে কিনা তা আবার মনে হচ্ছে। এত বড় হাসপাতালের পুরোটা চেক করতে পেরেছি কিনা আদৌ- সেটাও বুঝতে পারছি না।
এমন সময় রুমি ফোন দিল।
“২০৪ নং রুমের কাছে চলে আয় । টানেলের মত জায়গাটায় এসে বামদিকে ঘুরে আয়।”
দ্রুত হাঁটা দিলাম। মিনিটখানেক সময় লাগলো পৌঁছতে রুমি দাঁড়িয়ে আছে।
“রুনু নেই এখানে!” ও বলল।
“তুই শিওর।”
“ঢুকতে একটা জিনিস খেয়াল করি নি। কেবিনের রোগীদের একটা চার্ট টানানো আছে কোন রুমে কোন রোগী । এটা অনেক হাসপাতালেই থাকে, তবে সাইকিয়াট্রিক হসপিটাল ব’লে এতে বাড়তি একটা জিনিস অ্যাড করা । সেটা হল ছবি! ধরে নিচ্ছি ওরা যদি কোন আত্মা-ফাত্মা নিয়ে কোন কিছু করার জন্য রুনুকে ধরে আটকে রাখে, সেক্ষেত্রে নাম পাল্টে দেবে। কিন্তু ছবিগুলো চেক করে বুঝলাম, নো রুনু ইজ হিয়ার, অ্যাটলিস্ট কেবিনগুলোতে নেই।”
“তো, কি করবো?”
“আমার সাথে আয়, ডানপাশে একটা সেমিনার রুম আছে।”
রুমির পিছনে পিছনে এগুলাম। ডানদিকের করিডোরের মাথায় একটা দরজা। দরজায় মাথায় লেখা অকুলাস।
অকুলাস? নামটা পরিচিত লাগছে। এ নাম কোথায় শুনেছি। ভারি দরজা টান দিতেই খুলে গেল।
বিশাল এক সেমিনার রুম, ধাপে ধাপে নেমে গেছে, প্রতিটা ধাপে বসার জন্য আসন পাতানো। মাঝখানে গোল করে নয়-দশটা টেবিল। ধবধবে সাদা টাইলসে মোড়ানো পুরোটা। টেবিলগুলোতে কোন আচ্ছাদন পাতানো নেই, কালো গ্রানাইট পাথরে তৈরি উপরের অংশ, কালো রঙটা চকচক করছে। পুরো রুমটা অস্বাভাবিক বড়। দুপাশ আস্তে আস্তে চেপে গেছে, দেখলে মনে হয় রুমের দেয়াল দুটো, বসবার জায়গাটা গোল করে ঘিরে রেখে দেয়াল দুটো দুপাশে মিলে গেছে।
“বাহ! দারুণ সেমিনার রুম!” আমি বলে ফেললাম ।
“হুম, আমার দেখা বেস্ট ওয়ান।” রুমি সায় দিল। “তবে একটু আনইউজুয়াল!”
“মানে?”
“টেবিলগুলো কালো গ্রানাইট পাথরের, গোল করে পাতানো । এ স্টাইল আর এলিমেন্ট এখনকার সেমিনার রুমে ব্যবহৃত হয় না। আর পুরো রুমটা দুপাশে সরু, মাঝখানে পেটমোটা। এই শেপটা হাইলি আনইউজুয়াল!”
“হুম,” আমারও মনে হচ্ছে এখন।
“কিসের শেপ এ ধরনের হয়?” রুমি প্রশ্ন করে।
“অনেক কিছুর হতে পারে, গাছের পাতা, অনুচক্রিকা কিংবা।”
“হুম, আর তার মাঝখানে যদি কালো কোন বৃত্ত থাকে,” রুমি গ্রানাইটের টেবিলগুলোর কথা বলছে বুঝতে পারলাম। সবগুলো টেবিল মিলে বত্তের মত তৈরি হয়েছে।
কালো বৃত্ত, দু’পাশে চাপা, ধবধবে সাদা টাইলসে মোড়ানো।
“আরে! এজন্যই নাম অকুলাস?” আমি বলে উঠি।
রুমি স্বস্তির নিঃশ্বাস ফেলে । “তারমানে বুঝেছিস!”
“নিশ্চয়ই, পুরো রুমটা একটা চোখের শেপ, অকুলাস- দ্য ল্যাটিন ওয়ার্ড ফর আই !”
“এটা দেখ,” রুমি ওর মোবাইলটা আমার দিকে বাড়িয়ে দেয়। একটা নকশা মোবাইলের স্ক্রিন জুড়ে।
“এটা হচ্ছে ফ্লোর প্ল্যান ফর দিজ লেভেল। তোকে ফোন দেয়ার কিছুক্ষণ আগে পাঠিয়েছে এমআর আর্কিটেক্ট ফার্ম। ওদের আশুলিয়া প্রজেক্টে তারমানে বড় ধরনের ঘাপলাই আছে।”
আমি প্ল্যানটা দেখতে দেখতে বললাম, “তারমানে তোর ডেস্কে কোন রিপোর্ট নেই।”
“নেই, কিন্তু এ ধরনের জায়ান্ট ফার্মগুলোর জায়ান্ট প্রজেক্ট মানেই ঘাপলা, ওদের একটা বাজেটই রেডি থাকে জার্নালিস্টদের মুখ বন্ধ রাখতে। ওসব বাদ দে, মনোযোগ দিয়ে ফ্লোর প্ল্যানটা দেখ ।”
সাধারণ একটা প্ল্যানের মতই। শুধু সেমিনার রুমের শেপটাই অস্বাভাবিক। পুরোপুরি একটা চোখের মত । আর আমার জানামতে যে জিনিসটা ফ্লোর প্ল্যানে থাকবার কথা নয়, টেবিলগুলোর ডায়াগ্রামও নকশাতে আছে! গুনে গুনে নয়টা , কালো দাগ দিয়ে বৃত্তাকার একটা শেপ তৈরি করা, টেবিলগুলোর দিকে আবার তাকিয়ে দেখলাম এখানেও ঠিক নয়টা টেবিল দিয়ে একটা বত্ত তৈরি করা।
“তো! এ থেকে কি প্রমাণ হয়? এটা রুশদির খেয়ালও হতে পারে।” আমি বললাম।
“তাতো বটেই, তবে ফ্লোর আর আরসিপি অনুযায়ী আরো কিছু ব্যাপার বাকি আছে।” বলে রুমি বিশাল সেমিনার রুমের একটা পাশে দৃঢ় পদক্ষেপে এগিয়ে গেল। সেখানে ভালো মত খেয়াল না করলে বোঝা যায় না, একটা স্ক্রিনের মত রাখা, যেটা সরাতেই একটা দরজা পাওয়া গেল। দরজাটা লক করা, এবং বেশ আধুনিক লকিং সিস্টেম। একটা কি-প্যাড লাগানো, তারমানে পাসওয়ার্ড দেয়া।
রুমি কিছুক্ষণ গুতোগুতি করে হাল ছেড়ে দিল। “পুরো ব্যাপারটা বোঝার জন্য ঢোকা দরকার ছিল রুমটাতে।”
আমি বললাম, “পাসওয়ার্ড দেয়া, তারমানে এখন সেটা সম্ভব না, এটা ব্রেক করার মত আমাদের হাতে কোন তথ্য বা ইনস্ট্রুমেন্ট নেই।
রুমি তারপর কিছুক্ষণ ভেবে নিয়ে হঠাৎ আবার চেষ্টা করা শুরু করলো।
খট করে একটা আওয়াজ হল, আমি অবাক হয়ে দেখলাম দরজাটা খুলে গেছে!!
কীভাবে?” রুমি নিজেও মনে হল কিছুটা অবাক হয়েছে। “আসলে যেটা ভাবছিলাম, তা যে সত্যি হবে বুঝতে পারি নি।”
দেখলাম দরজাটা আসলে একটা সিঁড়ির প্রবেশপথ। দ্রুত উঠে গেলাম। পেঁচানো সিঁড়িটা উঠে গেছে উপরের তলার একটা রুমে। রুমটা অদ্ভুত কিছুটা, খুব বেশি বড় না। মনে হচ্ছে একটা ল্যাব। নিখুত গোলাকার, ছাদটাও উঠে গেছে গোল হয়ে। পুরো রুমটা মেঝেসহ অর্ধবৃত্তাকার। একেবারে মাথার সোজা উপরে গোল কাঁচের স্কাইলাইটের মত জায়গা। এছাড়া আর কোন জানালার মত জায়গাও নেই। ভাবতেই অস্বস্তি লাগা শুরু করলো, ভেন্ট্রিলেশন হচ্ছে কীভাবে?
পুরো রুমটাতে আধুনিক ল্যাব ইন্সটুমেন্টে ভরপুর। কয়েকটা আমি চিনতে পারলাম, একপাশে একটা এমআরআই মেশিন রাখা। ক্লাস্ট্রোফোবিক মানে আবদ্ধজায়গা-ভীতিগ্রস্থ মানুষের জন্য ভয়ংকর ডিভাইসটা। গতবছর এক অ্যাকসিডেন্টে মাথায় আঘাত পাওয়ার পর আমাকে এর মধ্য দিয়ে যেতে হয়েছে একবার। ঠিক যেন কফিনের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছিল।
“হসপিটালের ডায়াগনস্টিক সেন্টার নাকি এটা?” আমি বলি ।
“হতে পারে, কিন্তু কথা হচ্ছে সাইকিয়াট্রিক হসপিটালের জন্য এতবড়, এত আধুনিক ডায়াগনসিস রুম?”
রুমের মাঝখানে গোল একটা উঁচু ডেস্ক রাখা। ডেস্কের মাঝখানে সম্ভবত কোন আলোর উৎস আছে, নরম একটা আলোক রেখা উঠে গেছে সেখান থেকে, অন্ধকার রুম বলে বোঝা যাচ্ছে। রুমি এগিয়ে গিয়ে আলো জ্বেলে একপাশে রাখা কিছু ফাইল পত্র ঘাঁটতে লাগলো।
হঠাৎ ও প্রশ্ন করলো, “আচ্ছা, মারুফ, তুই তো অ্যানথ্রপলজিস্ট?”
এক প্রাইভেট ভার্সিটিতে বছর দুয়েক আগে অ্যাপলজির লেকচারার হিসেবে ছিলাম কিছুদিনের জন্য। সেই প্রেক্ষিত চিন্তা করলে হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে বলা যায়। তাই আমি কিছু বলি না।
“এখন তুই আছিস, উপমহাদেশের নৃতাত্ত্বিক গোষ্ঠীদের নিয়ে এ রিসার্চের টিম মেম্বার হিসেবে, তাই না!”
“হুম, তো?”
“অর্থায়ন করছে কারা এ প্রজেক্টে।”
“জার্মান ভিত্তিক এক অ্যাপলজিকাল সোসাইটি।”
“যে জার্মানরা নিজেদের ছাড়া বাকি সব জাতিকেই ছোট করে দেখতে অভ্যস্ত!”
“সেটা বহু পুরনো কনসেপ্ট।”
“খুব বেশি পুরনো নয়, যাইহোক, উপমহাদেশে ব্যাপকভাবে রাইজিং একটি সোসাইটি বাহাইদের নিয়ে কতটুকু জানিস!”
“বাহাই! মানে বাহাইজম!”
“হুম, থিওলজি তো অ্যানথ্রপলজির একটা ব্রাঞ্চ বলেই জানি।”
“বাহাইদের নিয়ে আমার লেকচার ছিল ভার্সিটিতে, কিন্তু তোর দরকার কেন এখন?”
“কেননা, আমার মনে হচ্ছে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটা একটা বাহাই টেম্পল!”
“হাহ!” আমি হাঁ হয়ে গেলাম ওর কথা শুনে।
“বাহাই! বাহাই সম্পর্কে কতদূর জানিস?” আমি প্রশ্ন না করে পারি না। যে টপিকে পুরো একটা লেকচার আমি দিতে পারি সেটা আমার চোখে ধরা পড়লো , ব্যাপারটা আমি মেনে নিতে পারলাম না।
“হয়তো তোর মত অত ডিটেইলস জানি না, কিন্তু যতদূর জানলে একটা বাহাই টেম্পলের লকড দরজার পাসওয়ার্ড বের করা যায় ততদূর জানি।”
আমার কাছে ধাঁধার মত লাগছে, কিংবা প্রলাপ মনে হচ্ছে। “বাহাই টেম্পল কেন মনে হল?”
“বলছি, তার আগে বলতে একটা বাহাই টেম্পলের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত?”
“যে মেজর বৈশিষ্ট্যের কথা আমি জানি সেটা এখানে মিসিং।” “কোনটার কথা বলছিস?”
“বাহাই টেম্পলগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে। এটা তা নয়।” আমি জোর দিয়ে বললাম কথাটা।
“হুম, সেটা ইন্ডিয়ার ক্ষেত্রে ঠিক আছে, ওখানকার লোটাস টেম্পল ওয়ান অব দ্য মোস্ট ভিজিটেড টেম্পল অন দ্য গ্লোব। কিংবা ইউরোপ, আমেরিকার মত জায়গায়ও ঠিক আছে, কিন্তু আমাদের দেশের মত সেনসিটিভ মানুষের দেশে তাদের এমন টেম্পল থাকতেই পারে যা হয়তো এখনো তারা প্রকাশ করতে চায় না। বলছি না ইটস আ সিক্রেট প্লেস, বাট ইয়েট টু এক্সপোজড পাবলিকলি।”
আমি ওকে থামিয়ে জোর গলায় বললাম, “হোয়াট অন আর্থ মেড ইউ থিংক… ইটস আ টেম্পল! এটা দেখেই বোঝা যাচ্ছে কোন ল্যাব।”
“ঠিক এজন্যই আমার সন্দেহ হচ্ছে এটা বাহাই টেম্পল । অন্য অনেক ধর্মের সাথে বাহাইজম এর পার্থক্য হচ্ছে- এখানে সায়েন্টেফিক স্পেসটা মাচ মোর ওয়েলকামড, অবশ্য উনিশ শতকে উদ্ভুত একটা ধর্মের ক্ষেত্রে সেটাই হবে স্বাভাবিক।”
আমি ওর কথা শুনে হাসব না কাঁদবো বুঝে উঠতে পারি না।
“এরকম আবদ্ধ একটা রুম কিভাবে টেম্পল হয়। আর ইউ ইনসেন?”
“টেম্পল হওয়ার শর্ত কি?”
“টেম্পল হতে হলে খোলামেলা, অ্যাটলিস্ট বিশাল কিছু হতে হয়, সেটা কোন জানালাবিহীন, কবরের মত এমন একটা জায়গা হয় না। টেম্পলে আসে মানুষ মানসিক প্রশান্তির জন্য, আবদ্ধতা সেটার অ্যাগেইনস্টে যায়।” ,
“আচ্ছা, আর কি বৈশিষ্ট্য থাকা সম্ভব?” রুমি সামান্য হেসে জিজ্ঞেস করে।
“আর্কিটেকচারাল স্ট্রাকচারটা ভিন্ন হয়, অনেক মানুষের বসবার ব্যবস্থা থাকে, উঁচু ছাদ বা ডৌম টাইপ অ্যাপিয়ারেন্স থাকে!”
“দ্যাটস দ্য পয়েন্ট। তুই আসল ব্যাপারে চলে এসেছিস। এখন তাহলে ভালভাবে লক্ষ কর।”
রুমি ঠিক নাটকীয় ভঙ্গিতে ধীরে ধীরে বলা শুরু করে।
“আমরা এখন যে রুমে আছি সেটার নিচে আছে এক সেমিনার রুম, সেমিনার রুমটা অনেক বড় একটা রুম, তাতে অনেক মানুষের বসার ব্যবস্থা আছে, খোলা-মেলা প্রশস্ত। শেপটা নর্মাল না, আর্কিটেকচারাল এক্সিলেন্সি আছে। সেমিনার রুমটার ঠিক উপরেই যে রুমে আমরা আছি, সেটা আসলে সেমিনার রুমের ঠিক মাঝখানে অবস্থিত। এই রুমটা অর্ধবৃত্তাকার, কোন জানালা নেই। উপরে একটা স্কাইলাইটের মত ছিদ্র আছে। ঠিক যেন একটা ডৌম।”
“তারমানে সেমিনার রুম আর এই রুম-দুটোকে একটা ইউনিট ধরে নিচ্ছিস?”
“অফকোর্স, দে আর কানেকটেড অ্যাজ ওয়েল।”
“কানেকটেড?”
রুমি মাঝখানে রাখা গোল ডেস্কের কাছে আমাকে টেনে নিয়ে এলো। যেখান থেকে নরম আলোর মত আভা বের হচ্ছিল রুমের আলো জ্বালবার আগে
“ও গড!” আমি বিস্ময়াভূত হয়ে গেলাম। কারণ মাঝখানে উঁকি দিয়ে দেখি নিচের সেমিনার রুমটা দেখা যাচ্ছে। একটা মোটা স্বচ্ছ কাঁচের আবরণ দেয়া সেখানে।
“কিন্তু…” আমি বলতে চেষ্টা করলাম।
রুমি আমাকে থামিয়ে দিল, “তাছাড়া এর নাম অকুলাস। অকুলাস কি?”
“চোখের ল্যাটিন নাম, এটা চোখ শেপড।”
“হুম, কিন্তু এটা আসলে অন্যকিছুও মিন করছে। ইটস আ পান!”
“পান?”
“হুম, পান মানে এক শব্দ দ্বারা একাধিক জিনিসকে একই সাথে নির্দেশ করা।”
“আই নো হোয়াট পান ইজ!” আমি অসহিষ্ণু হয়ে উঠি।
“এটা হল আর্কিটেকচারাল পান। একই সাথে এটা একটা চোখের শেপ এবং এটা নির্দেশ করছে…” বলে রুমি মাথার উপরে আঙুল তুলল।
‘স্কাইলাইট!”
“বলতে পারিস, রোমান আর্কিটেকচারে অধিকাংশ টেম্পলে এরকম স্কাইলাইটের মত ছিদ্র থাকে, এটাকে ওরা বলতো অকুলাস। ইটস অলসো আ লিটমাস পজিটিভ সাইন ফর টেকিং ইট অ্যাজ আ টেম্পল।”
“কিন্তু বাহাই কেন? দেয়ার আর মেনি আদার্স ইউ কুড পিক…”
“সুনির্দিষ্ট একটা কারণ আছে, কিন্তু অ্যাম অ্যাফ্রেইড সেটা বোঝানোর জন্য পর্যাপ্ত সময় আমার হাতে নেই, বের হতে হবে এখান থেকে! নার্স এসে যখন আমাদের পাবে না, তখন খুব বেশি দেরি হয়ে গেলে বাথরুমে গেছি অজুহাতটা খুব একটা কাজে আসবে না।”
আমি এবার ঘড়ির দিকে তাকালাম। পনের-বিশ মিনিট কেটে গেছে।
এখানে আমাদের আর কোন কাজ নেই। রুমি একটা ফাইল থেকে কিছু কাগজপত্র বের করে নিল।
“ইট মে বি আ বাহাই টেম্পল, বাট সামথিং ভেরি স্যাটানিক ইজ গোয়িং অন হিয়ার।” রুমি কাগজগুলো ভাঁজ করে পকেটে পুরতে পুরতে বলল ।
“এবার আমাদের পত্রিকা অফিসে গিয়ে কোন বাহাই ইন্সটিটিউটের সাথে যোগাযোগ করতে হবে আর হ্যাঁ, পুলিশের সাথেও।”
“মানে? পুলিশ পর্যন্ত যাওয়ার মত কোন ব্যাপার কি আমাদের হাতে আছে।”
“মোর দ্যান ইনাফ আছে, কাগজপত্রগুলো তার সাক্ষী, পরে তোকে বলছি । আগে এখান থেকে বের হয়ে নেই।”
দ্রুত এগুলাম আমরা।
কে ভেবেছিল, আমার মত গোবেচারা একজন শেষমেষকি পাগলাটে সাংবাদিক বন্ধুর সাথে এক সিক্রেট টেম্পলে আত্মঘটিত ব্যাপারের রহস্য উদ্ধারের জন্য এভাবে সময় কাটাবে!
প্যাঁচানো সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নেমে এলাম। রুমি আগেই নামছিল। হঠাৎ রুমির অস্ফুট আওয়াজ শুনলাম।
“শালা…”
“কী হলো?”
“এটা অটো লকড। ভিতর থেকেও লকড হয়ে যায়। এবং এখানেও একটা পাসওয়ার্ড দেয়া।”
“তাহলে আমরা আটকা!” আমি ভীত কণ্ঠে বলি।
“যদি আমরা পাসওয়ার্ডটা বের না করতে পারি।”
“আগেরটা কি ছিল?”
“আগেরটা দিয়েছি, কাজ হয় নাই। সমস্যা হল আর একবার ট্রাই করা যাবে, দুইবার ট্রাই করে ফেলেছি। তিন নম্বর বার ট্রাই করলে জ্যাম হয়ে যাবে।”
আমি কী বলবো বুঝে উঠতে পারলাম না। জ্যাম হয়ে গেলে কি হবে? আমরা ধরা পড়ে যাবো, তারচেয়েও খারাপ কথা আবদ্ধ একটা জায়গায়। আর রুশদি তার বন্দিদের সাথে কী আচরণ করে সেটা এখনো অজানা।
“সাবধানে!” আমি ওর কাঁধে হাত রেখে বললাম। রুমি জোরে একবার শ্বাস নিয়ে আবার কি-প্যাডের উপর ঝুঁকে পড়লো।
হঠাৎ আমার মনে হল আমিও তো ট্রাই করতে পারি। পাঁচ ঘরের একটা শব্দ, বাহাইজমের সাথে মোস্ট প্রবাবলি সম্পর্কিত ।
আমি এটা জানি। কিন্তু রুমি ততক্ষণে বাটন প্রেস করা শুরু করে দিয়েছে। ও কি একই জিনিস ভাবছে যা আমি ভেবেছি!
