ভেন্ট্রিলোকুইস্ট – ১৪

অধ্যায় ১৪

“বোকাদের পরিণতি ভাল হয় না,” শওকত হিসহিস করে বলল, “যখন তারা চালাকি করতে যায়।”

আমি কিছু বললাম না, শওকত এখন নীচু বৃত্তির পশুতে পরিণত হয়েছে। কথা বলে খুব একটা লাভ হবে না।

চোখ বাঁধার পরপরই আমাকে অন্য এক রুমে নিয়ে আসা হয়। খানিক পরে মুখ আর চোখের বাঁধনটা খুলে দেয়া হয়। চারপাশে একনজর দেখেই বুঝলাম এটা এখানকার গুপ্ত কোন রুম, মনে হচ্ছে যেন জেলখানার জিজ্ঞাসাবাদের জন্য যেসব রুমের ব্যবস্থা থাকে সে-রকম। মুখের কাছে বেশ কড়া আলোর ব্যবস্থা, চারপাশটায় আবার আবছা অন্ধকার।

আমার ঠিক মুখের সামনেই আরেকটা চেয়ারে বসে আছে হাসান! চোয়ালের কাছে আর কপালে কালশীটে, দেখতেও ম্রীয়মাণ লাগছে। তারমানে ভালই টর্চার করা হয়েছে ওর উপর।

আমাকে দেখেই বলল, “শালা, ধরাই পড়লি শেষমেষ!” গলা দিয়ে আমার আওয়াজ বেরোলো না।

“আমাকে কেন তোদের এ ইনভেস্টিগেশনে ইনভলভড করলি। আমার কি দরকার ছিল? তোরা দুই ভ্যাগাবন্ড। আমার তো বউ আছে, ছোট একটা মেয়ে আছে।”

কিছু বলার নেই আসলেই। তবে সবটুকু জানলে হয়তো ও এসব বলতে না। অবশ্য ও যে মন থেকে এসব বলছে না সেটা জানি। এ ধরনের ঝামেলা হবে ও সেটা হয়তো স্বপ্নেও ভাবেনি। আমরাও কি ভেবেছিলাম?

“তুই একটা মেইল পেয়ে সরাসরি জয়ন্তপুর চলে আসলি। ফোন টোন দিয়ে ভালমত খোঁজ নিবি না। এটা একটা ট্র্যাপ হতে পারে সেটা তোর মাথায় এলো না একদমই!” আমি বললাম।

আমাদের দু’জনকে রেখে শওকত আর জামসেদ রুমের বাইরে গেছে তখন।

“না আসে নি,” ও শ্লেষের সাথে বলল “কেউ যখন আমাকে ফোন দিয়ে বলে তখন আমি সেটাকে ফেইক ভাবতে পারি না।”

“মানে কি? কে ফোন দিয়েছে তোকে?”

“কেন রুমিই তো ফোন দিল আমাকে।”

“কি বলছিস?”

“হ্যাঁ, রুমি আমাকে ফোন দিয়ে বলল, যত দ্রুত পারি আমি যেন জয়ন্তপুরে। চলে আসি। তুই আর ও আছিস এখানে।”

ওর কথা শুনে আমি হতভম্ব হয়ে বসে রইলাম। “রুমির গলা ছিল ওটা?”

“অফকোর্স, তাছাড়া সেটা কারো চাপে পড়ে বলার মত শোনায় নি আমার কাছে। আমাকে ও তাড়া দেয়ার জন্য বলেছিল, তোর সব থিসিস ফিসিস রেখে চলে আয়। তারমানে এটা যে কেউ হবে না। আমার থিসিসের কথা বন্ধুমহলের বাইরে কেউ জানে না। এমনকি ভয়েস সিনথেসাইজারও না। ওর বলার স্টাইলের সাথে আমি পরিচিত।”

আমি মানতে পারলাম না। কোথাও কোন ভুল হয়েছে ।

আমি বললাম, “দেখ তুই ফোন পেয়েছিস যে সময়ে তখন রুমি আর আমি দুজনই বন্দি ছিলাম। তাছাড়া আমাদের ফোনও তখন রুশদির জিম্মায় ছিল । সুতরাং আমাদের কারো ফোন দেয়ার প্রশ্নই আসে না।”

“তারমানে ফোনটা ছিল আমার অডিটরি হ্যালুসিনেশন?” হাসান মুখ বিকৃত করে বলল।

“নয়তো কি বলতে চাস, রুমি কেন তোকে ফোন দেবে?” আমি ঝাঁঝের সাথে বললাম এবার।

“কী ঘটেছিল গোড়া থেকে বলতে শুনি!” হাসান খেদের সাথে বলল। আমি অতি সংক্ষেপে ওকে ব্যাপারটা বললাম।

শুনে ও কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, “তারমানে তোরা অজ্ঞান হয়ে গেলি একসময়, আর আবিষ্কার করলি রুশদির ভূগর্ভস্থ ত্রিকোণাকার রুমে।”

কণ্ঠ শুনে মনে হল ব্যাপারটা ও বিশ্বাস করতে পারছে না।

একটু ভেবে নিয়ে ও বলল, “আচ্ছা, তুই জ্ঞান ফিরে দেখলি রুমি আগে থেকেই জেগে আছে।”

“হম।”

“অজ্ঞান হওয়া মানুষকে ইচ্ছে করলে মেডিকেশন দিয়ে নরমাল্যি যে সময়ে জ্ঞান ফেরার কথা তার অনেক আগেই জ্ঞান ফেরানে যায়, এটা জানিস।”

“হুম, তো?” আমি ওর কথার খেই পাই না।

“ধরা যাক, রুশদি অনেক আগেই ওকে এভাৰে জাগিয়েছে, তারপর ও আমাকে ফোন দিয়েছে। এটা হতে পারে না।”

“না, পারে না। কারণ তা হলে সেটা ও আমাকে বলতো।”

“উহু, তুই বুঝিস নি। আমি বলছি, ও ফোন দিয়ে তারপর তোর মতই বাঁধা অবস্থায় তোর পাশে বসে রইলো?”

ওর কথার ইঙ্গিতে মেজাজ খারাপ হয়ে গেল ।

“কি বলতে চাস, রুমি এতক্ষণ আমার সাথে অভিনয় করেছে আর ও রুশদির হয়ে কাজ করছে।”

“শওকত যদি করতে পারে ও পারবে না কেন? শওকত আমার এলাকার বন্ধু। একসাথে বড় হয়েছি। ও যদি একদিনের বেশি সময় আমাকে এক ফোটা পানি না দিয়ে এভাবে বেঁধে রাখতে পারে তাহলে আমি কার উপর বিশ্বাস রাখবো।”

“কিন্তু কেন করবে ও! শওকতের স্বার্থ আছে, রুশদির সাথে ওর কানেকশন নতুন কিছু না। রুশদি ওকে নিশ্চয়ই অর্থনৈতিকভাবে সাহায্য করেছে প্রচুর।”

“কারণ যতদূর বুঝলাম মানুষকে কিনতে যতটা অর্থ বা ক্ষমতা দরকার তারচেয়ে অনেক বেশি কিছু আছে রুশদির। রুশদি একটা নাটক সাজাতেই পারে তার প্রতিপক্ষ কে আছে তা বের করার জন্যে। তোদের এ ঘটনার মাধ্যমে। রুশদি কি লাভবান হয় নি? প্রকৃতপক্ষে এই নার্স সাজা মেয়েটা যে ইনভেস্টিগেশন ফার্মের হয়ে কাজ করছে সেটা সম্পর্কে সে হয়তো এতক্ষণে অনেক কিছু জেনে ফেলেছে রুমির মাধ্যমে। আমি আর তুই হয়তো শুধুমাত্র ভিকটিম।”

সবকিছু ওলট পালট লাগছে। হাসানের কথা মানতে একদমই মন চাচ্ছে না, কিন্তু ওর কথায় যে যুক্তি আছে তা অস্বীকারও করতে পারছি না। এত অভিনয় কি করা সম্ভব কোন মানুষের?

বিশ্রী একটা অনুভূতি হচ্ছে।

*

ঘন্টাখানেক পরে শওকতের আগমন ঘটলো আবার। মুখটা ওর থমথমে। এ মুখটাই কত হাস্যোজ্জ্বল থাকে শো এর সময় ভাবতে অবাক লাগে। মানুষের খোলসটাই সবচেয়ে বর্ণচোরা।

“শো এর জন্য রেডি হও।”

“শো? কিসের?” আমি জিজ্ঞেস করি।

“সেটা সময় হলেই দেখতে পাবে। আর কিছু সময় বাদেই।”

“ওকে পানি খেতে দে পাষণ্ড কোথাকার, তেষ্টায় মারা যাচ্ছে ও।” আমি চেঁচিয়ে বললাম।

“সেটা নিষেধ আছে।”

“নিষেধ?”

“তাতে মূল যজ্ঞের শর্তভঙ্গ হবে।”

“কিসের যজ্ঞ?”

“কিছু প্রশ্নের উত্তর পাওয়ার সবচেয়ে ভালো উপায় অপেক্ষা।

বুঝতে পারলাম এ পিশাচের পেট থেকে খুব বেশি কিছু বের হবে না।

“আজ রাতেই রুনুর একটা স্থায়ী ব্যবস্থা হবে,” শওকত বলে চলছে, “একটা পবিত্র ব্যবস্থা। এ দিনটার জন্য অপেক্ষা করছিলাম বহুদিন। আমার রুনু ফিরে আসবে আমার কাছে!” শওকতের গলায় ঋষিসুলভ গাম্ভীর্য। “রুনুটা বড় অকৃতজ্ঞ ছিল, তাই একটা শাস্তি পেয়েছে। কিন্তু আর নয়,

প্রলাপের মত বলে যাচ্ছে শওকত। আমাদের তরফ থেকে কোন সাড়া না পেয়েও।

“কই আছে রুনু এখন? রুশদির হসপিটালে তো নাই, কোথায় রেখেছিস ওকে?” আমি জিজ্ঞেস করলাম।

এ কথায় শওকতের, চোখগুলো যেন জ্বলে উঠলো।

“তোরা খুব বেশি চালাকি করে ফেলেছিস, কাকে তোরা দয়া দেখাচ্ছিস? রুনুকে? আমি যদি না থাকতাম তাহলে রুনুর কি হতো জানিস তোরা? রাস্তায় ধুকে ধুকে মরতো। আর এতবছর পর তোরা দরদ দেখাচ্ছিস।”

আমি ওর কথার মাথামু- কিছুই ধরতে পারলাম না।

“এতদিন পর্যন্ত রুনুর খোঁজখবর রেখে আসছে কে? সমস্ত খরচাদি দিচ্ছে কে? এই আমি! কোন ধরনের স্বার্থ ছাড়াই।”

“কেন? ওর পরিবার কই?”

“হেহ! ওর ইতর ভাইগুলা ওকে ফেলে যে গেছে আর জীবনে খোঁজ নেয়ার প্রয়োজন বোধ করে নি।”

“কেন?” সে প্রশ্নের উত্তর না দিয়ে শওকত স্বগোতক্তির মত বলে যেতে থাকে।

“কী ভালই না বাসতাম রুনুকে। এখনো বাসি। বাসি বলেই বেঁচে গেল। আর প্রতিদানে কী লাঞ্ছনাই না সইতে হয়েছে আমায়। সবচেয়ে বড় লাঞ্ছনা সইতে হল যখন আমি ওকে বাঁচাতে গেলাম!”

“মানে?” আবার আমি আগ্রহী হয়ে উঠছি, এমন অবস্থাতেও।

“আমি তখন অনেক কষ্ট করে দু’একটা কথা বলতে পারি। এত কষ্ট হত যে কারো সাথে কথাই বলতাম না, প্র্যাকটিস করার জন্য একলা একলা শুধু কথা বলতাম । আর সেটা নিয়ে তোদের অনেকে ঠাট্টা করতো মানুষের নিষ্ঠুর আচরণে অভ্যস্ত হয়ে গেছিলাম। সবচেয়ে খারাপ লাগতো যখন বুঝতাম কেউ করুণা করছে। কাছের বন্ধুদের করুণায় মন বিষিয়ে উঠছিলো দিনদিন। তখন মনে হত রুনুটা কেবল বুঝতো আমায়। আগে তো ওর স্বার্থে প্রচুর কথা হত, তখন ও শুধু বলতো, আমি শুনতাম।

একদিন ওর হাত ধরলাম। ছাড়িয়ে নিল না। ভাবলাম জীবনেও আর ছাড়বো না হাত। কেমন পাগল ছিলাম! চিনতে পারি নি ওকে তখন।

হঠাৎ ও কলেজে আসছিলো না। আমি অস্থির হয়ে উঠছিলাম। ভাবলাম হয়তো ঘুরতে গেছে কোথাও, কিন্তু তা হলেও তো আমাকে বলতো একবার। হয়তো ছোটখাট অসুখ করেছে। কদিন পর ঠিক হয়ে যাবে। ওদের বাসায় গিয়ে খোজ নেবার সাহস ছিল না। ওদের বাড়িটা আবার দূর্গের মত, একদম অন্দরমহলে না ঢুকে খোঁজ নেয়া সম্ভব না।

এইভাবে পাঁচ-ছয়দিন পার হয়ে গেল। রুনু এলো না। আমি পুরা পাগল হয়ে গেলাম। ওর কয়েকটা বান্ধবী ছিল। হাতে গোনা। মিশতো না খুব একটা। একদিন ওদের একজনের কাছে জানতে চাইলাম ওর খবর।

বলল ওরা কেউ জানে না। ওদের বাড়িতেও ওরা কখনো যায় নি। মারাত্মক কনজার্ভেটিভ নাকি ওরা। রুনু আমাকে প্রায়ই বলতো ওর বাসায় একটা ব্যাপার আছে। পরে বলবে। কিন্তু কখনো বলে নি। কেন যে বললো না!

একদিন সিদ্ধান্ত নিলাম যাব ওর বাড়ি। যেভাবেই হোক ওর কি হল জেনে আসবো। খুব সাহসী ছিলাম ওকে নিয়ে।

একদিন রওনা দিলাম। সময়টা সন্ধ্যার আগে আগে। সেদিনকার লালচে আকাশটার কথা আজো মনে আছে। উত্তরা হাওয়া বইছিলো, ঝড়ের সময় ছিল, কিন্তু কেমন থমথমে। ওদের বিশাল বাড়িটার সামনে দাঁড়িয়ে কেমন যেন থমকে গেলাম। এত নিশ্চুপ কেন পুরো বাড়ি। বড় বড় গাছপালায় ঢাকা একপাশটা, আরেকটা পাশ জুড়ে একটা ভবন দাঁড়িয়ে আছে ।

গেটের বিশাল কড়াটা নাড়লাম। কেউ সাড়া দিল না। কয়েকবার নাড়লাম। অনেকক্ষণ পর গেটটা খুলে একটা মুখ উঁকি দিল। এক পাংশুটে বুড়োর মুখ দেখা গেল। কী চাই জিজ্ঞেস করলো। কোনমতে বলতে পারলাম আমি রুনুর ক্লাসমেট, ওর কী হয়েছে জানতে এসেছি। শুনে মনে হল কেমন একটা ভীতির ছায়া পড়লো তার মুখে। বলল, কিছু হয় নি, ও চলে গেছে আরেক এলাকায়, এখন সেখানেই পড়াশোনা করবে। আর আমাকে সাবধান করে দিল, আর যেন ওর খোঁজ নিতে না আসি, তাহলে ঝামেলায় পড়তে হবে। এখনই যেন মানে মানে কেটে পড়ি।

আমার কেমন যেন লাগলো। মনে হল বুড়ো মিথ্যা বলছে। রুনু নিশ্চয়ই ভিতরেই আছে। সেটা আমি অনুভব করতে পারছিলাম আর মনে হচ্ছিল ও বিপদে আছে। বাড়ির চারপাশ দিয়ে কয়েকবার যুক্ত এলাম, কোন সাড়া শব্দ নেই । হতাশ হয়ে ফিরে আসবো এমন সময় নে হল দোতলার জানালার কাছে কার যেন মুখ ।

রুনুই তো!

কেমন ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। সাথে সাথে আমি হাত নাড়লাম, লাফালাম। দেখলো না তবুও, কেমন ভাবলেশহীনভাবে তাকিয়ে আছে। জোরে যে ডাকবো সে ক্ষমতাও ছিল না, আবার সেটা উচিতও হবে না মনে হল। ওর মুখটা দেখেই বুঝলাম কিছু একটা হয়েছে। অনেক বড় কিছু! এত অচেনা লাগছে।

কী হল আমার রুনুর! ফিরে আসতে পারলাম না। ঘাপটি মেরে রইলাম সন্ধ্যা পর্যন্ত। অন্ধকার নামবার পর আবার বাড়িটা ঘুরে দেখলাম, পাচিলটা টপকে সন্তর্পণে নিচের জানালাগুলো খতিয়ে দেখলাম। ভিতরে একটা-দুটা রুমে আলো জ্বালানো। বাকি সব রুম অন্ধকার। পেছনে একটা দরজা পেলাম, লক করা ছিল না। পাচিল দিয়ে ঘেরা বলে হয়তো সবসময় লক করে না। ঢুকে আন্দাজ করে চলে এলাম দোতলার সেই রুমে, যেখানে রুনুকে দেখেছি।

দরজার কাছে গিয়েই বুঝলাম, যা সন্দেহ করেছিলাম তাই। রুনুকে নিশ্চয়ই কোন কারণে ওরা অত্যাচার করছে। রুমটা তালাবদ্ধ ছিল। তবে চাবিটা পাশেই এক হুকে ঝোলানো ছিল। চাবি দিয়ে আস্তে করে দরজা খুললাম। দেখি রুনু শুয়ে আছে, হয়তো ঘুমিয়ে পড়েছে।

মনে মনে ভাবলাম, প্রয়োজনে ওকে নিয়ে পালিয়ে যাব। আগেই বলেছি ওকে নিয়ে খুব সাহসী ছিলাম আমি। আলতো করে ডাক দিলাম।

সে ডাকে ধড়মড়িয়ে উঠে বসলো ও।

মনোযোগ দিয়ে কিছুক্ষণ দেখলো আমায়। যেন বুঝতে পারছে না আমি এখানে কেন। তারপর অদ্ভুত এক ব্যাপার করলো ও। আমার চিন্তাতেও ছিল না এটা করবে ও।

হঠাৎ তারস্বরে চিৎকার করা শুরু করলো! আমি হতভম্ব হয়ে বলা যায় একেবারে জমে গেলাম। বাড়ির লোকজন হুড়মুড়িয়ে রুমে চলে এলো। বাড়ি সুনসান মনে হলেও তখন বুঝলাম অনেকেই ছিল বাড়িতে।

আমাকে জাপটে ধরে জিজ্ঞেস করলো-ব্যাপারটা কি?

এমনিতেই তখন কথা বলতে পারি না, হতভম্বতায় যেটুকু পারতাম সেটাও গলা দিয়ে বেরুলো না। মণ্ডামার্কা দুটো লোক ছিল। রুনুর চেহারার সাথে মিল আছে। ওর ভাই ছিল ওগুলো মনে হয়। সে দু’জনসহ বাকিরা আচ্ছামত পিটালো আমায়, অমানুষের মত। একসময় দরদর করে রক্ত পড়া শুরু করলো নাক দিয়ে।

আমি তখনো রুনুর দিকে তাকিয়ে ছিলাম ।একবারও কাউকে ও বলল না, ওকে মের না। বাকিরা একসময় বুঝলো আমি র্বোবা। পকেটের কলেজ আইডি দেখে বুঝলো ওর কলেজেরই কেউ।

একসময় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। আর বললো, ফের যদি বাড়ির ত্রিসীমানায় পায় তাহলে জানে মেরে ফেলবে।

খুঁড়িয়ে খুঁড়িয়ে ফিরে আসছিলাম। একবার পিছনে ফিরে দেখি দোতলার জানালায় আবার রুনু, পাষ-টার মুখ । সে মুখে কোন অনুশোচনা নেই, যেন তৃপ্তিই পেয়েছে।

আমি আর পেছনে না ফিরে চলে এসেছি সেদিন, পৃথিবীর সমস্ত মানুষের উপর এক বিজাতীয় ঘৃণার জন্ম হয়েছিল সেদিন।”

শওকত থামলো। এতক্ষণ বিস্মিত হয়ে শুনছিলাম।

“তারপরে কি হল?” জিজ্ঞেস করলাম ।

“তারপরে আর যোগাযোগ ছিল না, কলেজেও আর আসে নি। আমি আর খোঁজ নিতে যাই নি। ততদিনে বহুঘাটের জল খেয়ে ফেলেছি। আগেই তোদের বলেছি এক সাধক বাবার খোঁজ পেলাম। সাধকের কাছে গিয়ে আত্মিকভাবে স্ট্রং হয়েছি। তিনি আত্মাদের নামাতে পারেন, গাঁয়ের লোকেরা যেটাকে প্রেত বলে, মৃত আত্মারা তাঁর আয়ত্তাধীন, কখনো কখনো জীবিত মানুষের আত্মাও। তার পরামর্শে একদিন ডামি ধরলাম, যে ডামির সাথে তিনি আমার আত্মিক সম্পর্ক ঘটিয়ে দিলেন। তাই ভেন্ট্রিলোকুইস্ট হিসেবেও সফল হয়ে উঠলাম একদিন।

নানা উড়ো কথা শুনছিলাম তখন। রুনুর নাকি বিয়ে হয়ে গেছে, এখন সুখেই আছে। পরে শুনি না বিয়ে হয় নি। তবে হয়ে যাবে। ওর উপর জেদ বাড়ছিলো দিনকে দিন।

একদিন সিদ্ধান্ত নিলাম, প্রতিশোধ নেব।

আমি শিখতে চাইলাম আত্মা নিয়ে কিভাবে খেলা যায়, সাধকবাবা তাতে প্রচন্ড রাগারাগি করলেন, আমার দুঃসাহসে গালিগালাজ করলেন। বললেন, নেহাত এতদিনে মায়া পড়ে গেছে নইলে অভিশাপ দিয়ে আমাকে শেষ করে দিতেন। কিন্তু প্রতিশোধের আগুন জ্বলছিল আমার ভেতর । আত্মা নিয়ে পড়াশোনা শুরু করলাম। জানলাম অনেক কিছু । ডা: রুশদি একদিন শেখালেন কিভাবে সায়েন্টিফিক পথে আত্মাদের অস্তিত্ব বোঝা যায় । আমি নতুন উদ্যমে লাগলাম। আস্তে আস্তে আয়ত্ত করলাম কিভাবে পুতুলের মধ্যে বসাতে হয় আত্মা।”

“কিভাবে? ভুডু শিখে?”

“নাহ! পুতুলে আত্মা বসানো আর ভুডু নিয়ে বহু মিথ্যা প্রচার হয়েছে। তাই অনেকে মনে করে পুতুল বানিয়ে বা পুতুলে,আত্মা এনে সেগুলোতে পিন ফুটানোই মনে হয় ভুডুর কাজ। আসলে ভুডু আফ্রিকান এক ধর্ম থেকে উৎপত্তি হওয়া এক মিশ্রধর্ম, যার আছে অসংখ্য রিচুয়াল। কিন্তু কোনটাতেই পিন ফুটানো টাইপ কিছু নেই। এটা মিডিয়ার তৈরি করা বিরাট এক মিথ্যা, যে মিথ্যাটা অসংখ্য গল্প, মুভিতে ব্যবহৃত হয়েছে। ধর্মটার অরিজিন আফ্রিকান বলে অর্থাৎ ইউরোপ-আমেরিকার দাসদের ধর্ম বলে সেটাকে শয়তানের ধর্ম বলে প্রচার করেছে খ্রিস্টপ্রধান দেশগুলো। মূলত পুতুল আর আত্মা নিয়ে যে প্র্যাকটিসগুলো সেগুলো কিছু গোপন বিদ্যা। যার অরিজিন নির্ণয় করা সম্ভব না। হাজার বছরের পুরনো সে বিদ্যা। তা আয়ত্ত করার জন্য শুধু চেষ্টাই নয়, লাগে অন্য ধরনের যোগ্যতা।”

“অন্য ধরনের যোগ্যতা?”

“নিশ্চয়ই! তবে আমি সে যোগ্যতা অর্জন করতে পেরেছি সেটা আমার ধারণা ছিল না। রুনুর উপরই প্রথম সেটা প্রয়োগ করে বুঝতে পারি। খবর পাই রুনু অপ্রকৃতিস্থ হয়ে গেছে!” শওকত কিছুটা অপরাধীদের মত মুখভঙ্গি করে বলে।

“তবে পরে একটা সময় আমি ব্যাপারটা নিয়ে অনুতপ্ত হই। ভীষণ রকম। হয়তো শাস্তি ও ডিজার্ভ করে কিন্তু …তখন আবারও বুঝতে পারি ওর প্রতি আমার ভালবাসাটা মরে যায় নি। তাই এ হাসপাতালের সাইকিয়াট্রিক ইউনিটে ভর্তি হবার পর থেকেই আমি নিয়মিত ওর খোঁজ-খবর রাখতাম। তখন রুশদি ছিল এ হাসপাতালের দায়িত্বে।”

এটাই আমি ভাবছিলাম আমাকে আটকে ফেলার পর, নিশ্চয়ই জয়ন্তপুরের রুশদির ঘাঁটি এই হাসপাতালই!

“তাই আমার জন্য ব্যাপারটা সুবিধাজনক ছিল।” শওকত বলে চলছে, “এমনকি এমন একটা সময় আসে, যখন রুনুকে দেখাশোনা করবার মত আর কেউই রইলো না। আমি ছাড়া।”

“ওর ফ্যামিলি…?”

“একদিন তল্পিতল্পা নিয়ে এলাকা ছেড়ে চলে গেল। যাওয়ার আগে একবার খোঁজও নিল না। অসভ্য আর পাষ-। অবশ্য ভর্তি করবার পর থেকেই তেমন একটা খোঁজ রাখতো না। হসপিটালে রাখার চার্জটা এক বৃদ্ধ এসে দিয়ে যেত।”

“তারপর থেকে…?”

“হ্যাঁ, তারপর থেকে এই আমিই রুনুর ভরণ-পোষণ হসপিটাল চার্জ সবকিছু বহন করছি। আর তোরা দু’দিনের যোগী এসেছিস রুনুর গোষ্ঠী উদ্ধার করতে।”

“কিন্তু এখন কই ও?”

“সি ইজ বিয়িং প্রিপেয়ার্ড ফর দ্য হলি জার্নি। গতকাল পর্যন্তও এ হসপিটালে ছিল, এখন অনেক দূরে। যেখানে আমও যাব খানিক পর।”

এমন সময় ডা: জামসেদ ঢুকলেন।

“রুমি আসবে না।”

“গুছিয়ে নাও। লাগবে না ওকে। রওনা দেব এখনই।”

“ঠিক আছে।”

জামসেদ আর শওকত দুজনেই বেরিয়ে গেল। তার কিছুক্ষণ পর আমাদের ধরে নিচে নিয়ে যাওয়া হল। রাত তখন ১১টার মত বেজে গেছে । আমার এত দেরি দেখে রুমি কি কিছুই আন্দাজ করতে পারছে না? ইচ্ছে করলেই তো গায়ের সব লোক নিয়ে এসে আমাদের উদ্ধার করার চেষ্টা করতে পারতো। নাকি হাসান যা বলেছে তাই ঠিক?

হাসপাতালের অন্য রোগীরা কেমন ভীত চোখে আমাদের দেখছে। নিশ্চয়ই ভাবছে আমরা মানসিক রোগী। সেটা মিথ্যা তা প্রমাণ করার কোন চেষ্টা করলাম । নিজেকে মানসিকভাবে সুস্থ প্রমাণ করার তাৎক্ষণিক কোন উপায় নেই।

সামনে একটা মাইক্রোবাসের মত দাঁড়ানো। কালো রঙের। সেটাতে আমাদের উঠিয়ে আবার মুখে কাপড় বেঁধে দেয়া হল। এবং চোখেও। নেমে এল আবার অন্ধকার, নিকষ কালো। গলা শুনে বুঝলাম শওকত আর জামসেদও উঠেছে গাড়িতে।

“পবিত্র সম্মেলন সফল হোক!” জলদ গম্ভীর গলায় গাড়ি ছাড়ার আগ মুহূর্তে বলল শওকত।

“সফল হোক!” গলা মিলাল জামসেদ। পবিত্র-শব্দটা খুব বেশি অশুভ লাগছে!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *