অধ্যায় ১২
ট্রেনটা একদম ঠিক সময়ই ছাড়লো। একটা ঝাঁকুনির মত দিয়ে মসৃণভাবে চলা শুরু করলো। জানালাগুলো টেনে দিলাম। শীতের বাতাস ঢুকছে।
এটা একটা সিঙ্গেল বার্থ । যাত্রা পথে ঘুমানো আমার আর রুমির কারোরই খুব একটা পছন্দ না। কিন্তু আজকের ব্যাপারটা ভিন্ন। আমি কিছুটা ঘুমিয়ে নিলেও রুমির এখনো ঘুমের ঘাটতি আছে। তাই ট্রেনে উঠেই রুমি উপরের বার্থে শুয়ে পড়লো। আমিও চেষ্টা করছি ঘুমাতে।
হাসানের খোঁজে জয়ন্তপুরে যাওয়াটা বোকামি না চালাকি হচ্ছে ব্যাপারটা আমরা মাথায় আনতে চাইছি না এ মুহূর্তে। কারণ এতক্ষণ সন্দেহ ছিল যে আসলেই হাসান জয়ন্তপুরে গেছে কিনা। রুমির অ্যাকাউন্ট থেকে রুশদির পাঠানো মেইল পেয়ে ও আর কিছু সন্দেহ না করেই সরাসরি ফাঁদে পা দেবে এতটা বোকা ও সেটা মানতে আমাদের মন সায় দিচ্ছিল না। তাই আমরা রশিদ মিয়ার সাথে যোগাযোগ করি। হাসানের বউ ঋতুর কাছ থেকে রশিদ মিয়ার নাম্বারটা নেই, রুশদির ওখানে ফোন ফেলে আসায় অনেক নাম্বারই আমাদের কাছে নেই এখন, রুমির আরেকটা সেটের সাথে সিনক্রোনাইজ করে যা পাওয়া গেছে তাই ভরসা। রশিদ মিয়া জানালেন হাসান তাকে ফোন দিয়েছিল আসবে বলে। কিন্তু পরে তার আর খবর নেই। হাসানের জন্যও তিনি বাজার টাজার করে আয়োজন করে রেখেছিলেন।
তারমানে হাসান আসলেই বিপদে পড়েছে, এবং হয়তো রুশদিরই কোন গুপ্ত জায়গায় এখন আটক। আর সেটা জয়ন্তপুরেই হওয়া স্বাভাবিক । রুশদি তার প্রফেশনাল লাইফের সবচেয়ে বেশি সময় কাটিয়েছে জয়ন্তপুরে। তারমানে তার অপরাধ জীবনের সূত্রপাতও মনে হয় ওখানেই। সেখানে তার কোন আস্তানা নিশ্চয়ই আছে। তাছাড়া তার স্পেসিমেন কালেকশনের জায়গাও নিশ্চয়ই জয়ন্তপুর এবং আশপাশের গ্রামগুলো। এখানকার নিঃস্ব মানুষদের চিকিৎসা সেবা দেবার নাম করে নিশ্চয়ই এতদিনে বহু মানুষকে রুশদি সরিয়ে দিয়েছে।
“ঘুমাচ্ছিস না!” রুমি ট্রেন ছাড়ার খানিক পর আমাকে প্রশ্ন করলো।
“উহু, ট্রেনে আমার ঘুম হয় না।”
“কালকে অনেক কাজ মনে রাখিস! ঘুমানোর বা রেস্ট নেয়ার সময় পাবিনা।
আমি দীর্ঘশ্বাস ফেললাম।
“আচ্ছা রুমি!”
“বল।”
“শওকতের সাথে একবার যোগাযোগ করলে হত না।”
“কি লাভ? রুশদি সংক্রান্ত ব্যাপার থেকে ও এখন অনেক দূরে আছে। আ ফেমাস ভেন্ট্রিলোকুইস্ট।”
নীরবতা, আবার অনেকক্ষণের জন্য।
“আমরা তো সবাই আসলে ভেন্ট্রিলোকুইস্ট তাই না!” একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম হঠাৎ।
“লিটেরেল্যি?” রুমির কণ্ঠে বিস্ময় ।
“লিটেরেল্যি হবে কেন?” আমি হেসে ফেললাম। “হয় ভেন্ট্রিলোকুইস্ট নয়তো ডামি।”
“কেন?”
“নিজের মত আমরা ক’জনাই চলি বল, কারো চাপানো পথে নামি বা আমাদের পথ অন্যদের ঘাড়ে চাপাই।”
খুক করে কেশে নিল রুমি। “কি হল তোর বলতো? মৌমিতার কথা মনে পড়লো নাকি। হঠাৎ দর্শন ঝাড়ছিস?”
“আরে ধুর!”
“হা হা, মেয়েটার খবর কি? খবর রাখিস তো?”
“হুম, ভালোই আছে, গত বছর দেখা হয়েছিল।”
মৌমিতা! সাবধানে একটা দীর্ঘশ্বাস গোপন করলাম। ভার্সিটির ফাইনাল ইয়ারে এসে পরিচয় হয়, অন্য ডিপার্টমেন্টের। দুটো মানুষের কখনো ভুল সময়ে দেখা হয়ে যায়। মৌমিতার ঝামেলাটা না থাকলে হয়তো এতদিনে সংসারী হয়ে উঠতাম। ভালবাসা মনকে উদার করে না, করে সংকীর্ণ । তারপর এতবছর কেটে গেল, অন্য কোন নারীকেই ওর জায়গায় বসাতে পারি নি। মৌমিতার চোখে যে গভীর মমতা আমি দেখেছি, সেটা আমায় অন্ধ করে রেখেছে আজ অব্দি।
“বিয়ে করলি না কেন?” আমি পাল্টা প্রশ্ন করলাম।
“কে আমি?” রুমির গলায় বিস্ময় ।
“না তোর বউয়ের কথাই বলছিলাম।” বিরক্ত হয়ে বললাম, “সে এখনো তোকে বিয়ে করলো না কেন?”
“আমার ফ্যামিলি হিস্ট্রি জানিস তো!”
“হুম, তো সেটাই ফলো করবি।”
“আপাতত সে ইচ্ছাই আছে।”
রুমির যখন পাঁচ কি ছয় বছর বয়স, তখন রুমির মা কী এক কারণে অভিমান করে আত্মহত্যা করে গলায় ফাঁসি দিয়ে।
মানুষের অভিমানের গভীরতা মাপার কোন ব্যবস্থা নেই, থাকলেও হয়তো কিছু কিছু অভিমানকে মাপা যেত না। শিশু সন্তানকে যে অভিমানের জোরে তিনি ফেলে গেছেন সেটা কি পরিমাপ করা যেত জাগতিক কোন মাপকাঠিতে? ওর দাদার সেদিনই হার্ট অ্যাটাক হয়। পুত্রবধুকে তিনি অনেক স্নেহ করতেন। তারপর থেকে ওদের পরিবারটা যেন কেমন হয়ে যায়। ওর বাবাতো নয়ই, রুমির একমাত্র ছোট চাচাও আর বিয়ে করলো না। এমনকি রুমির ফুপুও রুমিকে লালন-পালন করবার জন্য বিয়ে করতে কিছুতেই রাজি হল না। রুমির সাইকোলজিকাল ব্যাপারটাও তাই ওরকমই হয়ে গেল। কোন সম্পর্কে নিজেকে কখনো জড়ায়নি।
কলেজে থাকতেই সবাই বুঝতে পেরেছিলাম, রুমি একটু অন্যরকম। সবার সাথে ঘনিষ্ঠভাবে মিশলেও খুব বেশি নির্লিপ্ত, কোন কিছুতেই বিচলিত নয়, আমাদের উঠতি বয়সী নানা ঘটনা, উত্তেজনা কোন কিছুই স্পর্শ করে না। ওর হোস্টেলে রুমের দেয়াল জুড়ে ছিল রাজ্যের বই। বাড়ি থেকে যে টাকা পাঠাতো তার অর্ধেকই ওর যেত বই কিনে। একদিন হোস্টেল সুপারিন্টেন্ডেন্ট ওর রুমে ঢুকে বোকা বনে যান, রুমের টেবিল, দেয়াল এমনকি মেঝে পর্যন্ত সব ঢেকে আছে বইয়ে, ঘরের অন্যান্য আসবাব নেই বললেই চলে। ভীষণ বকাঝকা করেন তিনি এত বাইরের বই দেখে, রীতিমত শাসিয়ে যান।
পরদিন সকালে হোস্টেল-দারোয়ান এসে রুমির রুমে দুটো মস্ত বইয়ের তাক দিয়ে যায়, কে পাঠিয়েছে তা আমাদের বুঝতে বাকি থাকে না।
“মারুফ।”
“হ্যাঁ, বল।”
“রুশদির এ মিস্ট্রি উদ্ধার করার জন্য রুশদি আসলে কাদের হয়ে কাজ করছে ব্যাপারটা জানা দরকার।”
“আমাদের পক্ষে কি সেটা সম্ভব জানা?” আমি বললাম।
“হয়তো না, তবে আমাদের হাতে কিন্তু অনেক ক্লু আছে
“আর ক্লু, এতকিছুর পর যখন জানতে পারলাম ওটা বাহাই টেম্পলই না, তখন আর আত্মবিশ্বাস কাজ করছে না।”
“সেটা ওদের ভুলও হতে পারে। ওরাই যেসঠিক সেটা ধ্রুব ধরে নিচ্ছিস কেন?”
“কারণ আমরা আসলে উড়ে এসে জুড়ে বসা, হঠাৎ একটা গেট খুলেছি বাই চান্স। দেয়ার আর থাউজেন্ড ডোরস রিমেইনিং।”
“হয়তো, কিন্তু ভুলে যাস না, আমরা যে পাসওয়ার্ডটা তিন মিনিটে ভেবে বের করেছি সেটা বের করতে ওদের লেগেছে ছয় মাস ।”
সহজ করে ভাবতে না পারাটাই মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। “আমার কি মনে হয় জানিস?”
রুমি বলল “কি?”
“পরের পাসওয়ার্ডটা আমরা চেষ্টা করলে হয়তো বের করে ফেলতে পারবো।”
“কিন্তু…”
“এটার সাথে জড়িত আমাদের এক বন্ধুর জীবন, এক বান্ধবীর জীবন, তোর বোনের নিরাপত্তা। আমাদের চেষ্টা করতেই হবে। এমনকি এজেন্ট মিলিও আশা করে আছেন আমরা যদি পাসওয়ার্ডের কোন ক্লু তাদের দিতে পারি।”
“ডিভাইন নাম্বার অব আ ডিভাইন সিরিজ। সাউন্ডস উইয়ার্ড।”
“উহু, আগে দেখতে হবে রুশদি আসলে কাদের হয়ে কাজ করছে। তারজন্য আগে দেখি রুশদি যে এক্সপেরিমেন্টগুলো করছে সেগুলোতে কাদের ইন্টারেস্ট থাকতে পারে।”
“এসব এক্সপেরিমেন্টে কাদের ইন্টারেস্ট আছে? হু আর দোজ সিকস?”
“ইউনিট ৭৩১ সম্পর্কে কিছু জানিস?”
“উহু” মিলি বলছিলেন এটার কথা আমার মনে পড়লো।
“এটা জাপানি দ্বিতীয় বিশ্ব যুদ্ধকালীন এক কনসেনট্রেশন ক্যাম্প। এরাও ভিভিসেকশন করতো। ডিটেইলস আমার মনে নাই। এটার কথা খুব বেশিদিন হয় নি মানুষ জানতে পেরেছে। বছর কয়েক আগে এক পত্রিকার রিপোর্টের মাধ্যমে পুরো বিশ্ব তাদের কথা জানতে পারে । জেনে হতবাক হয়েছে সবাই। আমিও তখনই পড়েছিলাম নিউজটা। বেটার হয় তুই নেটে একবার ঘেঁটে দেখ, কোন কু পাস কিনা। আমি এই ফাঁকে দেখি ঘুমাতে পারি কিনা।”
ঘুম যেহেতু আসছে না, তাই করা যায়। নোটবুক বের করে নিলাম। অবশ্য কিছুতেই মন বসছে না। সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে।
*
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ঘটনা। জাপান তখন প্রবল সাম্রাজ্যবাদী শক্তি। যুদ্ধবিদ্যায় পারদর্শীতার জন্য খুব দ্রুত ছড়াচ্ছে তার সাম্রাজ্য।
একই সাথে তখন চলছিল দ্বিতীয় সিনো-জাপানিজ যুদ্ধ, যেটা মূলত গত শতকের এশিয়া মহাদেশের সবচেয়ে বড় যুদ্ধ ছিল। ত্রিশের দশকে শুরু হওয়া চীন ও জাপানের মধ্যকার এ যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত গড়িয়েছিল। একের পর এক সফলতার জন্য জাপানের সাম্রাজ্য ক্রমশ বাড়ছিল। এ যুদ্ধে জাপানি শক্তির নৃশংসতা চরম পর্যায়ে পৌঁছে, দখলকৃত চীনের বিভিন্ন স্থানে তারা নিদারুণ ধ্বংস ও হত্যাযজ্ঞ চালায়।
যুদ্ধে অবশ্য এসব ঘটবেই। সে জন্য এগুলো নিয়ে বাকি পৃথিবীর মানুষজন খুব একটা মাথা ঘামালো না। ওদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবারের ঘটনার রেশ ধরে জাপানে আনবিক বোমা বিস্ফোরণ আর বড় বড় কয়েকটি পরাজয়ের পর দ্বিতীয় সিনো-জাপানি যুদ্ধও একদিন থেমে গেল। মিত্র পক্ষের কাছে পরাজয় বরণ করে নিল জাপান।
কিন্তু চীন ও আশপাশের এশিয়ানদের উপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কার এক কালো অত্যাচারের অধ্যায় জাপানের সামরিক বাহিনী লুকিয়ে ফেলতে সক্ষম হল। প্রায় ৪০ বছর পর টোকিওর এক পুরনো বইয়ের দোকানে এক কৌতূহলী তরুণ একজন মিলিটারি অফিসারের কিছু কাগজপত্র পেল। সেগুলো ঘাঁটতে গিয়ে বেরিয়ে এল ভয়ংকর কিছু হিউম্যান এক্সপেরিমেন্টের কাগজপত্র। সাথে সাথে পুরনো এক ধামাচাপা অধ্যায়ের মুখ একটু বেরিয়ে গেল। অনুসন্ধান চলতে থাকলো।
বেরিয়ে এল শত শত অজানা অপরাধ আর নৃশংসতার ডকুমেন্ট। রাষ্ট্র আর সামরিক শক্তিগুলো সাধারণ মানুষের চোখের আড়ালে কী পৈশাচিক কাজ করে বেড়ায় তার তালিকা চলে এলো সবার সামনে।
সত্য, ধামাচাপা থাকে না। তবে কখনো প্রকাশ হয় অনেক দেরি করে।
চীনের উত্তরে মানচুকো নামক প্রদেশে তখন জাপানিদের কোয়ানটা আর্মি দখল নিয়ে ছিল। সেখানে তাদের একটা বিশাল দূর্গের মত ইউনিট ছিল। তার প্রধান ছিলেন যিনি তার নাম শিরো ইশি, জেনারেল ইশি।
আশপাশের মানুষজন জানতো সেখানে পানি পরিশোধন হয় আর হয় এপিডেমিক ডিজিজ নিয়ে গবেষণা।
বিশ্বযুদ্ধ শেষে জাপান যখন আত্মসমর্পণ করে তখন জেনারেল শিরো ইশির দল জাপান পালিয়ে যায়। যাওয়ার আগে ইউনিটের সকল স্পেসিমেন নষ্ট করে দিয়ে যায়, পুরো জায়গাটা ধ্বংস করা হয়। তার টিমের সব মেম্বারদের শাসিয়ে দেয়া হয় যাতে এর ভিতরে কী ঘটেছিল তা কাকপক্ষীও সী জানে, তারা নিজ দেশে ফিরে সাধারণ কাজকর্মেও যেন যোগ না দেয়শিয়োর এসব পদক্ষেপ কাজে দেয়। ইউনিটের কাজকর্ম ধামাচাপা পড়ে থাকে বহু বছর। তবে যারা জানার তারা ঠিকই জানতো!
ততদিনে হিটলারের নাৎজি বাহিনীর ডাক্তারদের ট্রায়াল হয়ে গেছে। নুরেমবার্গ ট্রায়াল। যদিও আসল লোকদের কখনো আইন দিয়ে ধরা যায় না।
আস্তে আস্তে প্রকাশ হল মানচুকোর সেই ইউনিটের কাজকর্ম। কিছু কিছু, সব। বায়োলজিকাল উইপন নিয়ে কাজ করা হত সেখানে। চীনের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে দেয়া হয় প্লেগ, কলেরা আর গুটিবসন্তের জীবাণু। তাতে শত শত মানুষ মারা যায় মহা প্লেগে, কলেরা আর করা হত সেখানে তাদেরও একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হল। টোকিওর ট্রায়ালে বলা যায় কিছুই হল না। রাশিয়া একটা ট্রায়ালের আয়োজন করলো। নুরেমবার্গের মতই আসল জনকে কেউ ছুঁতে পেল না। শিরো ইশি রয়ে গেল আড়ালে।
তারপর অনেক বছর পর, শিরো ইশির ইউনিটের লোকজন মুখ খুলতে শুরু করলো। তারা স্বীকার করা শুরু করলো আসলে তারা কী করতো।
কি ধরনের পরীক্ষা হত সেখানে? কেনই বা?
শিরো ইশির সে ইউনিটে বন্দি ছিল শত শত চাইনিজ, কোরিয়ান, দক্ষিণপূর্ব এশিয়ান আর মিত্রপক্ষের কিছু বন্দি। তাদের উপর চলতো এসব পরীক্ষা, তাদেরকে উল্লেখ করা হত লগ হিসেবে, কিছুটা মজা করেই।
পরীক্ষা করা হত একজন মানুষকে উল্টা করে ঝুলিয়ে রেখে দিলে ঠিক কতদিনে মারা যায় ।
লো ভোল্টেজ ইলেকট্রিক শক দিয়ে আস্তে আস্তে পুড়িয়ে মারা হয় কাউকে।
শীতে হাত-পা জমিয়ে একেবারে বরফ বানিয়ে দেয়া হত, তারপর সেগুলো বেতলে দিত পিটিয়ে, পরীক্ষা করা হত এভাবে পঁচন প্রক্রিয়াটা কেমন হয় ।
জাও ধরে অপারেশন করা হত, যার অন্য নামই ভিভিসেকশন। ভয় ছিল অ্যানেসথেশিয়া দিলে যদি ডিকমপজিশন হয়ে আসল রূপটা নষ্ট হয়ে যায়। এভাবে কারো পাকস্থলী ফেলে দিয়ে শ্বাসনালীর সাথে ক্ষুদ্রান্ত্র যোগ করে দেয়া হত, কারো ডানপাশের হাত কেটে বাম পাশে জুড়ে দেয়া হত। যা ইচ্ছে তাই করা হত।
কত ধরনের রোগ-ব্যাধির জীবাণু ঢুকিয়ে দেয়া হত সুস্থ সবল মানুষগুলোর দেহে তার আর হিসেব নেই। আর এভাবেই পুরু হতে থাকে এক্সপেরিমেন্টের কাগজপত্র। সেগুলোর কিছু কিছু ইশি পাঠাতো জাপানের হাসপাতালে, সাবজেক্টের ঘরে বানর বা অন্যকিছু লিখে। জেনারেল শিরো ইশি এসব পরীক্ষার মাধ্যমে নিজের ডেটা ব্যাংক সমৃদ্ধ করলো। যে ডেটাগুলো বিজ্ঞানের জন্য কোন কাজে না এলেও সে জানতো এগুলো অনেক দেশের সামরিক বিভাগের জন্য রত্নস্বরূপ।
শিরো ইশির এই ইউনিটের নাম ছিল “ইউনিট ৭৩১’। আরো অনেক ইউনিট ছিল জাপানি মিলিটারিদের এসব বায়োলজিকাল উইপন পরীক্ষা-নিরীক্ষা করার। কিন্তু বাকিগুলো এটার অধীন ছিল। শিরো ইশিই ছিল পুরো ব্যাপারটার দায়িত্বে। ইউনিট ৭৩১ এর সায়েন্টিস্টরা কেউ পরে বসে থাকে নি। তাদের এ গুপ্তজ্ঞানের কারণে তারা জাপানের বড় বড় পদে আসীন ছিল, রাজনীতি, বিজ্ঞান কিংবা ব্যবসায়। ফার্মাসিউটিক্যাল কোম্পানির কর্ণধার, ভার্সিটির প্রফেসর। কয়েকজন অবশ্য রাশিয়ার সেন্ট্রায়ালে ধরা পড়ে নিতান্তই ভাগ্য খারাপ যাদের।
আর শিরো ইশির কি হল? যুক্তরাষ্ট্র তাকে তার গোপন ডেটাগুলোর বিনিময়ে রক্ষা করার প্রতিশ্রুতি দিল।
যারা জানার তারা ঠিকই জানে তার কাছে কী অমূল্য ডেটা আছে। তাকে গোপনে নিয়ে নিল তাদেরই দেশে। সেখানে তাকে সুযোগ করে দিল বায়োউইপন নিয়ে কাজ করার।
তাদের কাছে শিরো ইশি একজন রত্ন, প্রতিভাবান। প্রতিভাবানদের মর্ম তারা বোঝে!
*
রুশদি বলছিলো, সে কার যেন আনফিনিশড কাজ শেষ করছে। আনফিনিশড ওয়ার্কস অব অ্যানজেল।
সে অ্যানজেল কে? শিরো ইশি কি?
হতে পারে। কারণ ইউনিট ৭৩১ এর একটা পরীক্ষা ছিল সেন্ট্রিফিউজ মেশিনে কাউকে পুরে মিনিটে কয়েক হাজার বার ঘুরিয়ে দেখা, প্রবল কেন্দ্রবিমুখী বলের প্রভাবে তার দেহে কী পরিবর্তন হয়, কতক্ষণে মারা যায়! রুশদি সে-রকম কিছুই করতে চেয়েছিল আমাদের নিয়ে।
মাথা দপদপ করতে লাগলো। নেটবুকটা ভাঁজ করে রাখলাম । মানুষের পশুত্ব সভ্যতার সাথে সাথে কমে নি মোটেও, বাড়ছে প্রতিনিয়ত।
বিনুকে নিয়ে খুব টেনশন হচ্ছে। রুশদি যদি কোনভাবে টের পেয়ে যায় ও আমার বোন তাহলে আমাদের ঘায়েল করার জন্য আর কিছু লাগবে না। রুহুলকে কয়েকদিন পর বলতে হবে ওকে যেন নিয়ে আসে।
রুহুল আর ওর পরিবার এখন রীতিমত বিনুকে ভয় পায়। অবশ্য বিনু যা করেছে তাতে ভয় না পেয়ে উপায় নেই। যে কেউ শিউরে উঠবে । বিয়ের ঠিক দেড় বছরের মাথায় হঠাৎ কী যে হল বিনুর । খুব সুখী ছিল ওরা।
মানুষের জীবনটা একদম সমতল নয়, খানাখন্দ আর চরাই উতরাই। বিনুর হঠাৎ এ পাগলামি আমাদের পুরো পরিবারটাকে বিপর্যস্ত করে ফেলেছে ।
হঠাৎ অ্যালার্ম বেজে উঠলো রুমির মোবাইলে। ঘড়ি দেখলাম, রাত তিনটা বাজে। তারমানে কি কাছাকাছি এসে পড়েছি জয়ন্তপুরের? আমরা জয়ন্তপুরের এক স্টেশন আগে নামবো। রশিদ মিয়ার সাথে কথা বলে সেটা ব্যবস্থা করা আছে।
গতকাল ভোরে হাসানকে স্টেশনে নিতে এসে রশিদ মিয়া স্টেশনে হাসানকে পান নি। তিনি তার স্বভাবমত কিছুক্ষণ দেরি করে গেছিলেন লোকমানের ভ্যানসহ। গিয়ে দেখেন সুনসান স্টেশন, কেউ নেই। স্টেশন মাস্টারও কিছু বলতে পারলো না। আরেকজন যাত্রীকে পাওয়া গেল বসে থাকা। সে জানালো, একটা মাইক্রোবাস ছিল স্টেশনের পাশের রাস্তায়। চার-পাঁচজন লোক এক যাত্রীকে কিছুটা জোর করেই নাকি সেটাতে করে নিয়ে যায়। সেই লোক হাসানই কিনা কে জানে!
“হাসান ভাইকে কে উঠায়া নেবে!” রশিদ মিয়া ব্যাপারটা বুঝে উঠতে পারছেন না।
ফোনে শুনে রুমি বলল, “তাহলে আমরা এক স্টেশন আগে বিষ্ণুপুর স্টেশনে নেমে যাব। আপনি অন্য পথে লোকমানকে পাঠিয়ে দেন, গ্রামের আর কেউ যাতে না জানে আমরা আসছি।”
কিন্তু জানা গেল, আগের স্টেশনের সাথে জয়ন্তপুরের ভাল কোন সড়ক যোগাযোগ নেই। মাঝখানে এক হাওড় পড়ে, নৌকাপথে আসাই ভাল হবে।
নৌকা নিয়েই তাহলে আসবে লোকমান ।
অ্যালার্মে রুমি উঠে বসে রেডি হতে লাগলো। প্রবল বেগে এখনো ট্রেন চলছে, জানালাটা তুলে দিতেই শীতল বাতাসে পুরো কামরা মুহূর্তে ভরে গেল।
“রেডি হয়ে নে, রুমি আমার দিকে ফিরে বলল। “আর দুইমিনিট পরেই বিষ্ণুপুর স্টেশন।”
অন্ধকার রাত, চাঁদটা আধখাওয়া, অবশ্য আকাশ ঝকঝকে-মেঘটেঘের নামগন্ধ নেই। আকাশজুড়ে নক্ষত্রবীথি। চারদিকে সুনসান নীরবতা, শুধু পানিতে লগি ফেলার আওয়াজ খানিক পরপর। হাওরের পানি কমে এসেছে, তাই লগি ফেলে চলাটাই সুবিধাজনক।
“লোকমান!” রুমি হঠাৎ মৃদু স্বরে লোকমানকে ডাকে।
“জে ভাইজান?”
“এই হাওরে আগে রাতে নৌকা চালাইছিলা?”
“জ্বি”
“ক্যানো? মাছ ধরতে?”
“জি না, আমি মাছ মারি না।”
“গায়ের লোকে হইয়া তুমি মাছ ধরো না, বলো কি?”
“জে ভাইজান, ভালো ধরতে পারি না। আর দরকার পড়ে না। অন্য অনেক কাজ কইরা গতরে কুলায় না।”
“আচ্ছা, তো রাতে আসছিলা কেন হাওরে।”
“কুলসুম বুরে খুঁইজা পাওয়া যাইতেছিল না, সারাদিন ধইরা খোঁজা হইলো দুইগ্রামে মাইকিং করা হইলো। কোনহানে নাই। কেউ তারে দেখেও নাই। আসলে হয়তো দেখছিলো, মেম্বারের পোলার ভয়ে কেউ স্বীকার যায় নাই। রাইতে তার বাপ আইসা আমারে ধরলো, হাওরে খুঁজবো । এত রাইতে কেউ রাজি হয় না। শেষমেষ আমারে আইসা ধরলো। যা বোঝার সে বুইঝা গেছে, সে খালি লাশটা চায়। সেদিন আসছিলাম মাঝরাইতে তারে নিয়া হাওরে।”
শুনে আমার গায়ে কাঁটা দিল। এমন বিস্তীর্ণ সুনসান নীরব রাতে একটি মৃতদেহের সন্ধানরত কোন নৌকা ঘুরে বেড়াচ্ছে ভাবতেই কেমন একটা বিচিত্র অনুভূতি হয়।
“পাইছিলা!”
“জে ভাইজান, ভাইসা আছিলো শাপলা-পাতার ফাঁকে। অনেক ওজন বাইরা গেছিল।”
তারপর অনেকক্ষণ নীরবতা। তিনজন কেউ কোন কথা বললাম না।
“লোকমান, কবর খোঁড়ো কতদিন ধরে?”
“আট নয় বছরের মত হইতে পারে।”
“কেন খোঁড়া, অন্যকিছু করতে পারো না?”
“অন্য অনেক কিছুই তো করি ভাইজান।”
“তাহলে? এইটার দরকার কি?”
“আসলে, এই গ্রামের গোর খুঁড়তো আমার বাপে। আমিও তার সাথে খুঁড়ছি। সে মইরা যাওয়ার পর তাই আমারই ডাক পড়ে। না করি না। এইটা সবাই পারে না। আমার খারাপও লাগে না। মাইনষে ডরায় হুদা কামে!” বলে লোকমান তার লাজুক হাসি দেয়।
“তুমি কোনদিন ডরাও নাই।”
“জে না।” বলে লোকমান আবারও হাসে। মৃদু আলোতেও তার সাদা দাঁত ঝকঝক করে ওঠে।
“প্রথম যেদিন খুঁড়ছিল সেদিন?”
প্রথম দিনের কথায় লোকমান কেমন নীরব হয়ে যায়। মনে হয় যেন স্মৃতি হাতড়ানোর চেষ্টা করছে।
“জি, ডরাইছিলাম। তয় লাশরে ডরাই নাই। সেইখানে যে মানুষ ছিল তাদের দেইখা ডরাইছি। কেমন জানি করতাছিল তারা।”
“মানে?” রুমির গলায় আগ্রহ।
“জে ভাইজান, তখন আমার বাপে প্রথম প্রথম আমারে গোর খোঁড়ার সময় নিয়া যাইতো। তয় আমি খুঁড়তাম না। এইটা হইলো ধরেন আমার দাদী মইরা যাওনের পর থিকা। বাড়িতে আর কেউ ছিল না। তাই আমারে একলা রাইখা না যাইয়া লগে কইরা নিয়া যাইতো! বাপজানও চাইতো না আমি কবর খুঁড়ি।
একদিন মাঝরাইতে দুইটা জুয়ান লোক আইসা বাপরে বলল, তাগো লগে যাইতে হইবো। কবর খুঁড়তে হইবো। এখনি রওনা দিতে হইবো। বাপ সেদিন একটা কবর খুঁইড়া মাত্র আসছে। বলল, কাইলকা খুঁড়ুম নে।
কিন্তু গরিব মাইনষের নিজের ইচ্ছায় কিছু হয় না। তারা জোর কইরা আমাগো নিয়া গেল।
অনেক দূরের পথ। যাইতে যাইতে মাঝরাইত পার হয়া গেল। বিশাল এক বাড়ি। কিন্তু মনে হইলো কোন লোকজন নাই। বাড়ির সব বাতি নিভানো। আশপাশেও কোন বাড়িঘর আছে কিনা বুঝবার পারলাম না। অবশ্য সেই সময় অনেক রাইত, তাই বোঝার উপায় আছিলো না। আমার বাপের মুখ দেইখাও বুঝলাম হে ভয় পাইতেছে। এরা কারা সে জানে না। আগে কোনদিন দেখে নাই। একটা হারিকেন ছাড়া আর কোন বাতি আছিলো না। সেই আলোতে দ্যাখলাম বাড়ির সামনে পাঁচ-ছয়জন মানুষ, জানাজা পড়াইতেছে। দূর থিকা বুঝলাম না লাশ কতবড়। নামায শেষে কাছে যাইয়া দেখি দুইটা লাশ। সাদা কাপড় দিয়া মোড়ানো। একটা অনেক লম্বা, আরেকটা মাঝামাঝি।”
“দুই লাশ?” আমি অবাক হয়ে বললাম।
“জে ভাইজান। দুইটা কবর খুঁড়তে হইলো। সেইদিন প্রথম আমার বাপে আমার হাতে কোদাল তুইলা দিছিল। আমি ছোট কবরটা কাটলাম। সেইবারই প্রথম। ঘটনা হইলো ভাই, কবর কাটতে আমার সেদিন একদমই কষ্ট হয় নাই। বাপের কষ্ট একটু কমাইতে পারছি ভাইবা অনেক ভাল লাগতেছিল।”
“তো ডরাইলা কখন?”
“দাঁড়ান ভাই, বলতেছি। তো কাম শেষ হইতে হইতে রাইত প্রায় শেষের দিকে। কবর টবর দেয়া শেষ । যেই দুইজন আমাগো নিয়া আসছে তাদের একজন বাপজানরে অনেকগুলা টাকা দিল, দিয়া কইলো- ‘আইজকের এই কবর দেয়ার কথা কেউ যেন না জানে। জানলে তোমারে দিয়া তোমার পোলার কবর খোঁড়ামু।
বাড়ির ভিতর থিকা এতক্ষণ কোন সাড়া শব্দ আসতেছিলো না। হঠাৎ এক মাইয়ামানুষের চেঁচামেচি শুরু হইলো। চিক দিয়া কাঁনতেছে। তারপর ধাম কই দোতলার বারান্দার দরজা খুইলা গেল। বারান্দা দিয়া এক মহিলা বাইর হইয়া আসলো। অনেক বয়স হইবো, চুল সব সাদা। বুঝলাম সেই কাঁনতেছিলো। সে বারান্দায় দাঁড়ায়া নিচের মানুষ দুইটার দিকে হাত তুইলা
বলল, “তোরা এর শাস্তি পাবি, দুনিয়ায় থাকতেই শাস্তি পাবি। তোগো কুত্তায় খাইবো। তোগো কুত্তায় খাইবো। এইভাবে তিনবার বইলা আসমানের দিকে তাকাইয়া ঢাইলা পইড়া গেলো। ভাইগ্য ভালো, বারান্দার ভিতরেই পড়লো। নাইলে হয়তো সেইদিন আরো একটা কবর খোঁড়া লাগতো। লোকদুইটা দৌড় দিয়া সাথে সাথে উপড়ে উইঠা গেল ।
বাপজান আমারে কইলো, ‘ল লোকমান, এইহানে আর না। দৌড়া। আমরা দৌড় দিয়া বাড়ি থিকা বাইর হইতে গেলাম। কিন্তু গেট দিয়া বাইর হইতে পারলাম না।”
“কেন? তালা মারা ছিল?”
“জে না, বাইর হইতে যাইয়া দেখি কয়েকটা কুত্তা। গেটের সামনে দাঁড়াইয়া আছে। বাইর হইতে গেলেই কামড়ায় দিব এমন একটা ভাব। পুরা বাড়ি উঁচা দেয়াল দিয়া ঘেরা, আর কোন উপায়ও আছিলো না।
এগুলার যেন কী হইছে, ইকটু পর পর একসাথে সবগুলা ঘেউ ঘেউ কইরা উঠতেছিল। আবার অনেকক্ষণ পর্যন্ত সব চুপ। একসময় বাপজান কইলো, ‘আয়! এগুলা আমাগো কিছু কইবো না । এগুলা আমাগো লাইগা আসে নাই।
আমরা কুত্তাগুলার মাঝখান দিয়া হাঁইটা চইলা আসলাম। মনে হইলো এগুলা আমাদের দেখেই নাই। তারপর দুইজন মিলা দৌড় দিলাম। দৌড়ায়া দৌড়ায়া গ্রাম পর্যন্ত চইলা আসলাম। তখনো পিছন থিকা শুনতে পাইতেছিলাম একটু থাইমা থাইমা হঠাৎ একলগে সবগুলা কুত্তার বিলাপ।”
লোকমান থামে। মুখের স্বভাবজাত হাসিটা আর দেখা যায় না। গম্ভীর মুখে লগি চালাতে থাকে। আমি আর রুমিও কিছু বলি না। এ জগৎ রহস্যময়। সে রহস্য কারো কাছে উপেক্ষার, তাদের কাছ হতে জগৎ তার রহস্য লুকিয়ে রাখে।
চাঁদের মৃদু আলোতে একটা ছোট্ট নৌকায় আদিগন্ত বিস্তৃত হাওরের মাঝে আমরা তিনটা মানুষ। নৌকার দুলুনি আর দূরের চিকচিক করতে থাকা জলরাশি, আরো দূরে গাছপালা আর জনবসতির অস্পষ্ট রেখায় মোহাবিষ্ট হয়ে সবকিছু কেমন অদ্ভুত লাগে। মনে হয়, জীবন বড় মায়াময়, বড় সরল। তাতে সীমাহীন জটিলতার জাল বুনে চলি আমরা। জ্যোৎস্না রাতের এই পার্থিবতাই হয়ে ওঠে দারুণ অপার্থিব। আমাদের ব্যস্ত জীবনের নাগাল পেকে সহস্ৰযোজন দূরের বিস্তৃত এ নক্ষত্রবীথির বিশালতায় নিজেদের আবেগ ভালবাসা আর যত জীবনযুদ্ধ, সবকিছুকে খুব বেশি ঠুনকো মনে হয় !
হাওরের শেষপ্রান্তে পৌছে গেছি আমরা একটা ছোট্ট আলোকরেখা দেখা যাচ্ছে সামনেই।
একজন দাঁড়িয়ে আছেন সেখানে, আমাদেরই প্রতীক্ষায়।
