অধ্যায় ১৭
দ্বিতীয়বারের মত ডৌমে প্রবেশ করলাম। অর্ধবৃত্তাকার জগৎ। অর্ধবৃত্তাকার জগতই মানুষের স্বাভাবিক জগৎ। সেটা যদি বিস্তৃত কিছু হয় তবে সেখানেই সবচেয়ে স্বস্তিবোধ করে মানুষ। আকাশটা ঠিক উল্টানো এক অর্ধবৃত্তাকার আচ্ছাদনের মত লাগে ভোলা মাঠে দাঁড়ালে। বহুকাল আগে থেকে মানুষের কাছে স্রষ্টার জগতটাই তাই একটা ডৌম। মানুষের প্রবৃত্তিতে তাই এই আকৃতি একটা স্বস্তির জায়গা। আর্কিটেক্টরা বিষয়টা খেয়াল করে, তারা তাই উপাসনালয়ের ডিজাইনে ডৌম ব্যবহার করা শুরু করে। এটাই স্রষ্টার মনোনীত আকৃতি!
খুব দ্রুত পৌঁছে গেলাম ল্যাবের মত জায়গাটাতে। অসংখ্য যন্ত্রপাতি। ফ্রিজারগুলো কোথায়? প্রথমে একটা চোখে পড়লো। দৌড়ে গিয়ে খুললাম। এক ঝাপটা ঠান্ডা বাতাস গা শীতল করে দিল।
নাহ, নেই!
ছুটে গেলাম অন্যপ্রান্তে। না না,এটা ফ্রিজার নয়। হাতল ধরে টেনে বুঝলাম। অন্য কিছু।
এখানে যদি না পাই… আমি ভাবতে পারছিলাম না। রুশদির কাছে গিয়ে যে আত্মসমর্পণ করবো বোনের জন্য সে রাস্তাও বন্ধ করে এসেছি।
হঠাৎ মিলি চিৎকার করলো, “মারুফ সাহেব। এদিকে।”
পেছনে ফিরে দেখি, বিনুকে জড়িয়ে ধরে মিলি! ছুটে গেলাম।
“এটাতে ছিল,” দেখলাম বিশাল বাক্সের মত একটা ফ্রিজ।
ফ্রিজিং পাওয়ারটা লো করে দেয়া ছিল, আর নিঃশ্বাস যাতে নিতে পারে সেজন্য কপাটটা সামান্য ফাঁকা রাখা ছিল।
“বিনু! বিনু! ঠিক আছিস বোন আমার।” আমি জড়িয়ে ধরলাম। হিম শীতল হয়ে গেছে।
“দাদা!” মৃদু স্বরে বলতে পারলো বিনু। আনন্দে আমার চোখে পানি এসে গেল।
রুমি বলল, “ওই ফ্রিজারের পাশে নিয়ে আয়। এটা থেকে যে হিট প্রডিউস হচ্ছে সেটা কাজে দেবে।”
প্রথম ফ্রিজারটা দেখিয়ে বলল রুমি। ধরে নিয়ে গেলাম । এর দেয়ালটা আসলেই তেতে আছে। ভিতরের শীতলতা তৈরির জন্য বাইরের এই উষ্ণতা। মিলি ততক্ষণে তার কাজে বসে গেছে!। ডা: রুশদির মূল পিসি ওপেন করে ডেটা নেয়া শুরু করেছে তার সাথের কী এক ডিভাইসে। সেটা অন্যদের জন্য অসম্ভব কাজ, কারণ হ্যাকিংয়ে পারদর্শী হওয়া ছাড়া সেটা সম্ভব হত না। রুশদি বিশেষ ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করে তার কাজের জন্য। অপারেটিং সিস্টেম ডেভেলপাররা তাদের সব প্রডাক্ট সাধারণ মানুষের জন্য ছাড়ে না। প্রচলিত নেটওয়ার্ক দিয়ে এটা হ্যাক করা সম্ভব না। মিলিকে সেটা হ্যাক করার বিশদ ট্রেনিং দেয়া হয় মূল ট্রেনিংয়ের অংশ হিসেবে।
হঠাৎ দরজার কাছে একটা আওয়াজ হল। কেউ একজন ঢুকছে।
কিন্তু সেটা তো সম্ভব না। দ্বিতীয় পাসওয়ার্ডটা দেয়ার আগ পর্যন্ত লকড দরজাটা জ্যাম থাকার কথা। একবার কেউ ঢুকলে তারা না বের হওয়া পর্যন্ত বাইরের কেউ তাই ঢুকতে পারার কথা না।
জ্যাম কাটিয়ে ঢুকতে পারার ক্ষমতা অবশ্য একজনেরই আছে, রুশদির! কিন্তু না, রুশদি না ।
একটা রিভলবার আমাদের দিকে তাক করে যে ঢুকলো তাকে দেখে ভয় পাওয়ার যথেষ্ট কারণ আমাদের ছিল । আমরা আঁতকে উঠলাম।
জয়নাল। মাথার পেছনে ব্যান্ডেজ করা। তারমানে সেদিন মরে নি জয়নাল ।
জয়নাল হিসহিস করে বললো, “ডাইনিটাকে পেয়েছি আজকে, দেখি কে তাকে বাঁচায়। কতবড় সাহস, জয়নালের গায়ে হাত তুলিস!”
মিলি বললেন, “আমার কাজ শেষ । মরতে আর আপত্তি নেই। তারপর আমাদের দিকে ফিরে বললেন, “আপনাদের কল্যাণেই জানতে পারি এখানকার জ্যামারে ওয়াইফাই জ্যাম করা নেই। সেদিনই আমরা বেশ শক্তিশালী একটা ওয়াইফাই জোন ক্রিয়েট করে রাখি হাসপাতালের পাশেই। সেটা ব্যবহার করে মাত্রই রুশদির সমস্ত ডেটা সেন্টারে পাঠিয়ে দিয়েছি। রুশদি ইজ ডিফিটেড নাও।”
মিলির গলায় এমন এক আত্মতৃপ্তি ছিল যে বিভ্রান্ত হয়ে গেলাম।
“তবে, জয়নাল…” মিলি পরমুহূর্তে জয়নালের দিকে ফিরে বলল, “দুঃখের ব্যাপার হল আমাদের সাথে তোমাকেও মরতে হবে আজ।” ।
“মানে, কি বলতে চাস?” জয়নালের মুখে কিছুটা অনিশ্চয়তার ছায়া পড়লো।
“আমি নিশ্চিত এখান থেকে বের হওয়ার পাসওয়ার্ড রুশদি তোমাকে বলে দেয় নি। আমরা ডৌমে ঢুকবো এটা রুশদি বুঝতে পারে, তাই সে অল্টারনেটিভ যে পাসওয়ার্ড আছে, জ্যাম হওয়ার পর যেটা দিয়ে লকড দরজাটা খুলতে হয় সেটা তোমাকে বলেছে। বের হওয়ার কোডটা এই ইমার্জেন্সিতে বলার কোন দরকার নেই।”
“সেইটা দিয়া আমার কি কাজ?” জয়নাল বলল। “আমাকে বের করবার জন্য লোক আছে।”
“যেই থাকুক, কারোরই আর বাঁচানোর অবকাশ থাকবে না। রুশদির পিসি ওপেন করার সাথে সাথে এখানকার একটা সেফ ডেস্ট্রয়িং সিকিউরিটি চেকিং চালু হয়। এখানে একটা আইরিশ প্যাটার্ন ভ্যারিফিকেশন ডিভাইস আছে। যেখানে আইরিশ না মিললে ঠিক ১০ মিনিটের মাথায় পুরো ডৌমটা ধ্বংস হয়ে যাবে।
আমি বললাম, “এটা আপনি আগে জানতেন না?”
“জানতাম, কিন্তু সেটা আপনাদের বলার তাগিদ অনুভব করি নি। এটা তার পিসির ডেটা যাতে কেউ নেয়ার চেষ্টা করলে বেঁচে ফিরতে না পারে সেজন্য বসানো। বাতাসে এখন ছড়িয়ে পড়বে ভীষণ দাহ্য কোন গ্যাস, তারপর স্পার্কিংয়ের মাধ্যমে তাতে আগুন ধরে যাবে নির্দিষ্ট একটি সময়ে । তাতে সমস্ত ডেটা যেমন নষ্ট হয়ে যাবে, তেমনি যারা এ রুমে আছে সবাই পুড়ে কয়লা হয়ে মারা যাবে।”
কী বলছে এসব মিলি! আমি আঁতকে উঠলাম।
শুনে জয়নালও বেশ ভীত হয়ে পড়লো, রিভলবারটা মিলির মাথায় ঠেকিয়ে বলল, “দ্বিতীয় পাসওয়ার্ডটা কি এখনই বল হারামি কোথাকার!”
মিলি মনিটরে নির্দেশ করলেন, “আর ৪৫ সেকেন্ড সময় আছে।” একটা কাউন্টডাউন ডিসপ্লেতে সময় দ্রুত কমে যাচ্ছে।
“প্লিজ, আমরা শান্তিতে মরি জয়নাল। তুমি এখন কোনভাবেই বেঁচে ফিরতে পারবে না। তাছাড়া পাসওয়ার্ডটা আমরা জানি না। ট্রাই করার ইচ্ছা নিয়ে ঢুকেছিলাম, কিন্তু সেটার সময় নেই বুঝতেই পারছো।” . ।
কথা শুনে এক ঝটকা মেরে মিলিকে মেঝেতে ফেলে দিল জয়নাল, তারপর রুমের স্কাইলাইট বরাবর মেঝেতে যে জায়গাটা আছে, একটা বাউন্ডারি দেয়া এবং নিচের সেমিনার রুম থেকে একটা কাঁচের মাথাকে পৃথক করা সেখানে গিয়ে দাঁড়াল।
স্কাইলাইটের আলো একদম সেমিনার রুম পর্যন্ত যাওয়ার পথ এটি। নিচের নয়টা কালো টেবিল দেখা যাচ্ছে এখান থেকে। জয়নাল সে কাঁচটাতে দুম করে একটা গুলি করলো!
পুরো রুমটা কেঁপে উঠলো। কিন্তু কাঁচের কিছুই হল না। বুলেটপ্রুফ গ্লাস সম্ভবত। যদিও এই কাঁচ ভেঙে নিচে লাফিয়ে নামলে বাঁচার সম্ভাবনা কতটুকু আছে কে জানে! অকুলাসের ছাদের উচ্চতা, সাধারণ উচ্চতা নয়, মেঝে থেকে তিনতলারও বেশি উঁচু হবে, ঝকঝকে শক্ত মেঝেতে এ কাঁচ ভেঙে লাফানোর ফল কী হবে সেটা বোধগম্য নয়।
এরপর পর পর আরো চারটা গুলি করলো জয়নাল। কিছুই যেন হল না। তবে কাঁচটা কিছুটা দেবে গেল। গুলির শব্দে নিচে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে সেটা কাঁচ দিয়ে নিচে দেখে বুঝলাম। ডৌমটা সাউন্ডপ্রুফ বলে নিচের হই হুল্লোড় কতটা তীব্র তা বুঝতে পারলাম না ।
আর ২০ সেকেন্ড আছে। মনিটরে ছোট কাউন্টডাউন ডিসপ্লেটা আমাদের যেন সম্মোহিত করে রেখেছে। এ কয়দিন অনেক বাধা-বিপত্তির মুখোমুখি হলাম, বেশ বড় কয়েকটা বিপদ থেকে বেঁচেও ফিরেছি। শেষ রক্ষাটা হলো না। একটা সান্ত্বনাই রইল, রুশদির সব কাজ ফাঁস হয়ে গেল। আমরা হয়তো রুশদির দুরাবস্থা দেখার জন্য আর রইলাম না। কিন্তু আমরাই এর নেপথ্যে ছিলাম সেটা ভেবে কিছুটা স্বস্তি লাগছে, মৃত্যুটা একদম বাজে খরচা হল না।
আর একটা তীব্র গুলির আওয়াজে কেঁপে উঠলাম। সেটার সাথে আরেকটা কাঁচভাঙা শব্দ যোগ হল। কাঁচটা ভেঙে পড়েছে তারমানে।
সাথে সাথে নিচের হই হুল্লোড়টা কানে এল। নিচের সেমিনার রুমের আগন্তুকরা অবাক বিস্ময়ে তাকিয়ে আছে, কি হচ্ছে উপরে?
জয়নাল প্রায় সাথে সাথেই যে ওপেনিংটা তৈরি হল তা দিয়ে ঝাপ দিল নিচে। সাথে সাথে একযোগে নিচের প্রায় শতাধিক কণ্ঠ আর্তচিৎকার করে উঠলো। জয়নালের দেহটা সজোরে আছড়ে পড়লো নিচের মেঝেতে, রুনুর জন্য যে ক্যাপসুল রাখা সেটার সাথে ভীষণ ভাবে ঠুকে গেল মাথাটা, পড়ে রইল তার ঠিক পাশেই ।
নিথর হয়ে রইলো দেহটা। হইহুল্লোড় বাড়ছে। এদিকে স্ক্রিনের কাউন্টডাউনটা শেষ হয়ে গেছে।
কয়েক সেকেন্ড আগেই শেষ হয়েছে! মৃত্যুর জন্য অপেক্ষা বলেই কি খুব দীর্ঘ মনে হচ্ছে সময়টা?
চট করে একটা ব্যাপার মনে হল, বাতাসে কোন গ্যাস ছড়িয়ে পড়লে একটা গন্ধ তৈরি হত, আর গুলির স্পার্কিংয়েই তো আগুন ধরে যাওয়ার কথা এতক্ষণে ।
মিলি আমাদের দিকে তখন ফিরে বললেন, “আ’ম নট দ্যাট ব্যাড অ্যাট লায়িং, কি বলেন?”
“মানে?”
মিলি এক টানে যে কর্ডের মাধ্যমে তার মোবাইল সেটের মত ডিভাইসটা রুশদির পিসির সাথে লাগানো ছিল সেটা খুলে নিলেন।
“কাজ শেষ, ডেটা ট্রান্সফার সম্পন্ন । চলুন এবার বের হওয়া যাক।”
ব্যাপারটা বুঝতে আমার খানিকটা সময় লাগলো। এতক্ষণ যে কাউন্টডাউন টাইমারটা ছিল সেটা আসলে ডেটা ট্রান্সফারের সময় দেখাচ্ছিল, ভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম বলে বুঝতে পারি নি, ভালোমত খেয়াল করারও অবকাশ ছিল না। আর বিস্ফোরণ, পুড়ে কয়লা-টয়লা হওয়ার কথাগুলো সব মিলির স্রেফ বানানো কথা। অসাধারণ প্রত্যুৎপন্নমতিত্ব!
“জয়নাল এ কাজটাই করবে তা কিভাবে নিশ্চিত হলেন?” আমি হাফ ছেড়ে বললাম। | “মোটেও নিশ্চিত ছিলাম না, এমনকি এই কাজটা করবে সেটা আমারও ধারণা ছিল না। তবে মানুষ ভয় পেলে ভুল করে, যে ভুলই করুক না কেন, তার একটা বেনিফিশিয়ারি এফেক্ট আমাদের জন্য থাকতো।”
আমি এখনো যেন বিশ্বাস করতে পারছি না। “রুমি সাহেব, চলুন, পাসওয়ার্ডটা ট্রাই করবেন।” মিলি তাড়া লাগালেন। সিঁড়ির দিকে হাঁটা দিলাম আমরা।
নিচের হুল্লোড় কমে যাচ্ছে। সেমিনার রুম ছেড়ে চলে যাচ্ছে অনেকে বোঝা গেল।
দরজার ওপাশেই হয়তো আমাদের জন্য অস্ত্রধারী কেউ অপেক্ষা করছে। এতক্ষণে গোলা-গোলির আওয়াজে সিকিউরিটি ফোর্স চলে আসার কথা। সেসব ভাবার আর সময় নেই।
সেমিনার রুমটা সুনসান হয়ে গেছে।
পুরো হলরুমটা খা খা করছে। কেউ নেই? অবাক হয়ে গেলাম। মাত্র মিনিট পাঁচেকের ভেতরে পুরো জায়গাটা
কিভাবে খালি হয়ে গেল!
প্রথমেই আমরা দৌড়ে মাঝখানের কাল গ্রানাইটের টেবিলগুলোর কাছে গেলাম, সেখানে সাদা মেঝেতে উবু হয়ে পড়ে আছে জয়নাল, বেকায়দায় পড়ে জ্ঞান হারিয়েছে, বড় কোন ইনজুড়ি হয়েছে নিশ্চয়ই। মরেও যেতে পারে, সেসব যাচাই এর সময় নেই আমাদের পাশেই ক্যাপসুলটা। রুনু যে ক্যাপসুলে ছিল !
ক্যাপসুলটা খালি!
“রুনু কই?” আমি চেঁচিয়ে উঠলাম। নাই। ক্যাপসুলের ঢাকনাটা উঠানো। মিলি কোথাও ফোন দিলেন।
কথা শেষে হলে বললেন, “চলুন বেরিয়ে যাই। এখানে আমাদের কাজ শেষ।”
“কিন্তু রুনু?”
“ভুলে যান। এখন খুঁজে বের করার সময় নেই।”
“রুনুকে নিয়ে ভাবতে হবে না। ও যেখানে থাকার কথা সেখানেই আছে।” রুমি হঠাৎ দৃঢ় কণ্ঠে বলল।
রুমির কথাটা আমি ধরতে পারলাম না।
“আমাদের এখুনি বেরোতে হবে,” মিলি তাড়া লাগালেন। “এখানে যত গেস্ট এসেছিলো, তারা সবাই বেরিয়ে যাচ্ছে। এবং গার্ডরা নাকি তাতে বাধা দিচ্ছে না, বরঞ্চ বের হতে সাহায্য করছে।”
পবিত্র সম্মেলন ব্যর্থ হল! আমরা ছুটতে শুরু করলাম আবার। আর কতবার ছুটতে হবে আজ রাতে!
আমরা যখন অকুলাসের এক্সিট-ডোরের কাছে চলে এসেছি, হঠাৎ সেমিনার রুমটা ঝপ করে অন্ধকার হয়ে যায়।
কি হল? পাওয়ার সাপ্লাই ক্রাশ করলো নাকি?
হঠাৎ পিছনে বিশাল একটা আলো জ্বলে উঠলো। পিছনে ফিরে দেখি সেমিনার রুমের বিশাল প্রজেক্টর-স্ক্রিনটা আলোকিত। আর রুনু যে ক্যাপসুলে ছিল সেটার উপর আরেকটা আলোর রেখা উপর থেকে এসে ক্যাপসুলটাকে দৃশ্যমান করে রেখেছে।
ক্যাপসুলের নিচের টাইমারটা দেখাচ্ছে একসারি শূন্য ডিজিট। তারমানে মাত্রই টাইমারটা যে জন্য সেট করা হয়েছে সে সময়টা পূর্ণ হল। অর্থাৎ যে প্রিসেট প্রোগ্রামটা ছিল সেটা চালু হয়ে গেছে স্ক্রিনে বিশাল একটা তারকা চিহ্ন। চিহ্নটা অন্যরকম।
ঘড়িতে রেডিয়াম কাঁটাগুলো নির্দেশ করছে সাড়ে পাঁচটা বাজে। সূর্যোদয়ের সময়।
সূর্যোদয়ের সময় যে রিচুয়াল বা অনুষ্ঠান চালু হওয়ার কথা ছিল সেটা চালু হয়ে গেছে। কারণ হয়তো সেটা আসলে বন্ধ করার মত কেউ নেই।
কেউ নেই? রুশদি কি এখনো নিচে আটকে আছে? ফোনের মাধ্যমেও কি জানতে পারে নি উপরে কি ঘটে গেল?
উপরের কন্ট্রোল প্যানেলেও কি কেউ নেই?
আমি ফিসফিস করে বললাম, “স্ক্রিনের এ তারকাটা আমি চিনি। কিন্তু…” মিলি বললেন, “আমাদের দাঁড়িয়ে থাকার সময় এটা নয়।”
আবার দৌড়ানো শুরু করলাম, বিনুর কারণে অত জোরে অবশ্য ছুটতে পারছি না। ওকে তাড়াতাড়ি কোথাও নিয়ে রাখতে হবে। হাইপোথার্মিক কন্ডিশনে ছিল, ম্যানেজমেন্ট দরকার।
ওখান থেকে বের হয়েই আমাদের জন্য অপেক্ষা করা মিলির গাড়িতে আমরা উঠে সরাসরি ইনভেস্টিগেশনের সেন্টারে চলে গেলাম। মিলির জন্য সেখানে বেশ ভাল রকমের সম্বর্ধনার ব্যবস্থা ছিল। বিপদসংকুল এ মিশন সফলতার সাথে সম্পন্নকারী। সমস্ত ডেটা এখন হাতে, পুরো নেটওয়ার্ককে ধরা এখন শুধু সময়ের ব্যাপার।
কিছু ব্যাপার যদিও এখনো পরিষ্কার হল না। রুশদির কোন খোঁজ পাওয়া গেল না এখন পর্যন্ত, কেনই বা শেষের দিকে সে সিকিউরিটি ফোর্সকে সরিয়ে নিল। আর দুঃখের ব্যাপার হল, প্রথম থেকে যে রুনুকে খোঁজার জন্য হন্যে হয়ে ছিলাম, শেষমেষ সে রুনুকে পেয়েও আবার হারিয়ে ফেললাম।
খানিকবাদে আমি, বিনু আর রুমি নিজেদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, হাসান এতক্ষণ এখানেই ছিল। আমাদের সাথেই বের হল। সারা রাতের ধকলে আমরা সবাই বিপর্যস্ত। এখন দরকার নিরবিচ্ছিন্ন কয়েক ঘন্টার ঘুম।
ইনভেস্টিগেশন সেন্টার ত্যাগ করার আগে মিলি আমাদের বিদায় জানালেন। সাথে এক রাশভারী ভদ্রলোক আমাদের কৃতজ্ঞতা জানাতে এলেন ।
কর্নেল মাহবুবুর রহমান। মিলি যার অধীনে এ মিশনে ছিল।
তিনি বললেন, “রুশদিকে আমরা খুঁজে পাবো কিনা জানিনা, সে ঘাপটি মেরে থাকলে আমাদের জন্য ট্রেস কাটা অত সহজ হবে না হয়তো তবে কথা দিচ্ছি তার তরফ থেকে আপনাদের কোন ক্ষতি যাতে না হয় সেটা আমরা দেখবো। বলা চলে আপনাদের ইন্টেলেকচুয়াল হেল্পের কারণেই এত জটিল একটা মিশনে আমরা সফল হলাম। একটা ডায়াবলিক ইভেন্ট থেকে রক্ষা পেল হাজার হাজার মানুষ। পৃথিবীর অনেক দেশেই এ প্র্যাকটিস চলছে, সবগুলোর খবর আমরা পেয়ে গেছি।”
আজকের রাতটা আমাদের জন্য হয়তো প্রসন্ন ছিল।
নিজেদের মনে হচ্ছে কোন উপন্যাসের শেষ অধ্যায়ের নায়ক-নায়িকাদের মত, যারা শত বিপত্তিকে পাশ কাটিয়ে অশুভকে পরাজিত করে ফেলেছে।
একটা বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে আমরা কয়েকজন জড়িয়ে গেলাম কী বিশাল আর ভয়াবহ এক ঘটনার সাথে। এখনো মনে হচ্ছে পুরোটা ছিল কোন ভয়াবহ দুঃস্বপ্ন। যে দুঃস্বপ্নের সাথে মিশে ছিল হিউম্যান এক্সপেরিমেন্টের বর্বরতা, কোন এক সিক্রেট রিলিজিয়ন কিংবা কিছু নৃশংস সত্য ঘটনা।
আমাদের আজকে নিরাপদে রুশদি হসপিটাল থেকে বের হওয়াটা এখন আমার বিশ্বাস হচ্ছে না। প্রতিটি পদক্ষেপে আমাদের জন্য যেখানে মৃত্যুর মত শ্বাপদ হাঁ করে ছিল, আন্ডারগ্রাউন্ড থেকে পালিয়ে আসা, বিনুকে ফিরে পাওয়া, ডৌমে জয়নালের হাত থেকে রক্ষা পাওয়া, দ্বিতীয়বারের চেষ্টাতেই ডৌমের পাসওয়ার্ডটা হয়ে যাওয়া (রুমি অবশ্য বলছিলো যেটা ওর কাছে সবচেয়ে যথার্থ মনে হচ্ছে সেটা ও সর্বমোট তিনবারের চান্সে দ্বিতীয়বারের জন্য রাখবে), সেখান থেকে বের হয়ে রুশদির আর কোন সিকিউরিটি ফোর্সের সাথে সংঘর্ষ না হওয়া, এবং সবশেষে কোন ধরনের বিপত্তি ছাড়াই রুশদির ওই দূর্গ থেকে বেরিয়ে আসা-সবই যেন অবিশ্বাস্য লাগছে ।
শীত ভালো মতই পড়েছে। সকালের সূর্যটা কেমন ম্যাড়মেড়ে লাগছে। কুয়াশা ভেদ করে রোদ মাটি পর্যন্ত পৌঁছতে পারছে না। আমি, বিনু, রুমি আর হাসান-ট্যাক্সি করে আমরা চারজন রওনা দিয়েছি খানিক আগে। হাসান কোন এক বাস স্টেশনে নেমে চিটাগাং এর বাস ধরবে। সবাই চুপচাপ। জানালার ফাঁক দিয়ে শীতল বাতাস ঢুকছে। তাতে একটু কেঁপে কেঁপে উঠছি। ম্যাড়মেড়ে সূর্যটার দিকে তাকিয়ে ভাবলাম, সূর্য, আজকে তোমার উদয়ের ক্ষণটা কোন রিলিজিয়াস গ্রুপ তাৎপর্যময় করতে চেয়েছিল, যারা প্রাচীন সূর্যপূজারীদের মত এখনো তোমাকে মনে রেখেছে তাদের বিশ্বাসে। কিন্তু এরা কারা সেটা আমরা এখনো জানি না, আমাদের জানতেই হবে হয়তো!
