মরমী কবি শিতালং শাহ – সংকলন ও সম্পাদনা : নন্দলাল শর্মা
মরমী কবি শিতালং শাহ বাংলার ভাব- সাধকদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ নাম। তাঁর জীবনকাল অষ্টাদশ শতকের প্রথম পাদ থেকে শেষপাদ পর্যন্ত বিস্তৃত ছিল। এই সময়সীমার মধ্যে শিক্ষা, সংসার ও দীক্ষা গ্রহণের গুরুবাদী ধারায় তিনি সাধনায় নিমগ্ন হন এবং ভাবসঙ্গীত রচনায় আত্মমগ্ন থাকেন। মুখে মুখে রচনা করেন অসংখ্য গান। তাঁর রচিত গানগুলি খাতায় লিপিবদ্ধ করে রাখেন তাঁরই প্রধান শিষ্য আসগর আলী। জীবদ্দশায় শিতালং শাহের কোনো গানই তাঁর নিষেধাজ্ঞার কারণে মুদ্রিত হয়নি। বর্তমান গ্রন্থে শিতালং শাহের মৃত্যু পরবর্তীকালে প্রকাশিত ও অপ্রকাশিত সর্বাধিক সংখ্যক গান এবং সেইসঙ্গে তাঁর জীবন, দর্শন ও সঙ্গীত সম্পর্কে বিভিন্ন গবেষকের প্রবন্ধ স্থান পেয়েছে।
গ্রন্থে সংকলিত শিতালং শাহের গানসমূহে পাঠক লক্ষ্য করবেন—গানগুলির মধ্যে একদিকে যেমন আছে ইসলামী ভাবধারার পরিচয় অন্যদিকে আছে বৈষ্ণবের প্রাণ রাধাকৃষ্ণ কাহিনীর আশ্রয়। শিতালং শাহের গানে বাংলার হিন্দু-মুসলমানের সম্মিলিত সাধনার পরিচয় স্পষ্ট হয়ে আছে। বাংলার ভাবচর্চার স্বরূপ বুঝতে বর্তমান গ্রন্থটি সহায়ক হবে।
.
সংকলন ও সম্পাদনা – নন্দলাল শর্মা
বাংলা একাডেমী ঢাকা
প্রথম প্রকাশ পৌষ ১৪১২/ডিসেম্বর ২০০৫
পাণ্ডুলিপি – ফোকলোর উপবিভাগ
প্রকাশক – আ খ ম জাকিউল হক
পরিচালক
গবেষণা, সংকলন ও ফোকলোর বিভাগ
বাংলা একাডেমী, ঢাকা ১০০০
প্রচ্ছদ – আবদুর রোউফ সরকার
.
MOROMI KOBI SHITALANG SHAH [Mystic Poet Shitalang Shah]. Compiled and Edited by Nandalal Sharma.
.
উৎসর্গ
শিতালং শাহ–এর গান সংগ্রহ ও চর্চার পথিকৃৎ
সাহিত্যরত্ন মোহাম্মদ আশরাফ হোসেন
সাহিত্যিক মতিন উদ্দীন আহমদ
পণ্ডিত মুহাম্মদ আবদুল বারী
অধ্যাপক মুহম্মদ মনসুর উদ্দিন
অধ্যাপক সুধীরচন্দ্র পাল চৌধুরী
গোলাম আকবর সাহিত্যভূষণ
গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) ফজলুর রহমান–এর
পুণ্যস্মৃতিতে
.
ভূমিকা
‘ধুরিলে বন্ধুরে পাইবায় বন্ধু আছইন ছিরিপুর, আগে চিন মোহাম্মদী নূর’—শিতালং শাহ-র গানের এই কলি কৈশোরে আমার মনকে প্রভাবিত করেছিল। লোকসাহিত্য সম্পর্কে কাজ করতে গিয়ে তাঁর গানের একটি সংকলন প্রকাশের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভব করি। শিতালং-এর গান তাঁর জীবদ্দশায় ‘মুশকিল তরান’, ‘কিয়ামতনামা’ ও ‘রাগ বাউল’ নামে তিনটি পাণ্ডুলিপিতে সিলেটী নাগরি হরফে সংকলিত হয়েছিল। শিতালং শাহ নিজের গান মুদ্রণের বিপক্ষে ছিলেন। পরে বিভিন্ন সংগ্রাহক লোকমুখ থেকে তাঁর গান সংগ্রহ করেন। একাধিক সংকলন গ্রন্থে তাঁর গান সংকলিত হয়েছে। শিতালং-গীতির আদি সংগ্রাহক মোহাম্মদ আশরাফ হোসেন সাহিত্যরত্ন। তাঁর বেশি সংখ্যক গান সংগ্রহ করেছেন লোকসাহিত্য দিকপাল চৌধুরী গোলাম আকবর সাহিত্যভূষণ।
শিতালং সম্পর্কে আলোচনার সূত্রপাত করেন মুহাম্মদ আবদুল বারী। তাঁর লেখাটি বহু চেষ্টা করেও সংগ্রহ করতে পারিনি। অধ্যাপক মুহম্মদ আসাদ্দর আলী ও বন্ধুবর চৌধুরী হারুন আকবরের পরামর্শে শিতালং শাহ সম্পর্কিত প্রবন্ধাবলী সংগ্রহ করি। করিমগঞ্জ থেকে ড. কামালুদ্দীন আহমেদ এবং শিলচর থেকে জনাব মহবুবুল বারী তাঁদের দুটি রচনা মুদ্রণের অনুমতিসহ পাঠিয়েছেন। ড. এস এম গোলাম কাদির এবং ড. আব্দুল মুসাব্বির ভূঁইয়া পি- এইচ.ডি. থিসিসের শিতালং শাহ অংশ প্রকাশের অনুমতি দিয়ে গ্রন্থের মর্যাদা বৃদ্ধি করেছেন। এছাড়া বিভিন্ন গ্রন্থ ও পত্র-পত্রিকা থেকে প্রবন্ধ সংগৃহীত হয়েছে। ঠিকানা না জানায় কয়েকজনের প্রবন্ধ অনুমতি ব্যতিরেকেই সংকলিত হলো। তাঁদের কাছে ক্ষমাপ্রার্থী। যাঁরা প্রবন্ধ প্রকাশের অনুমতি দিয়েছেন তাঁদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বইটি প্রকাশের ব্যাপারে নিয়ত খোঁজ-খবর নিয়েছেন সর্বজনাব সৈয়দ মোস্তফা কামাল, শামসুল করিম কয়েস, রাগিব হোসেন চৌধুরী, আবদুল হামিদ মানিক, শুভেন্দু ইমাম এবং ড. আবুল ফতেহ ফাত্তাহ।
গ্রন্থটি প্রকাশের জন্য বাংলা একাডেমীর মহাপরিচালক প্রফেসর আবুল কালাম মনজুর মোরশেদ-এর নিকট আমি কৃতজ্ঞ। এছাড়া ফোকলোর উপবিভাগের উপপরিচালক শাহিদা খাতুন, সহপরিচালক শামিনুর রহমান ও পাণ্ডুলিপি সম্পাদক সাইমন জাকারিয়া-র প্রতি ঋণ স্বীকার করি।
বইটি শিতালং শাহ চর্চায় সহায়ক হলে আমি ধন্য হব।
নন্দলাল শর্মা
বাংলা বিভাগ
মুরারিচাঁদ কলেজ
সিলেট।





Leave a Reply