টুটপাড়া

মির্জাপুর মাঠ এলাকার পাশের গ্রাম টুটপাড়া, বেনেখামার, শেখ পাড়া, মিয়াবাগ, শিববাড়ী, বাগমারা, বানরগাতী, গোবরচাকা। মহকুমা সদরের দক্ষিণ দিকে সবচেয়ে নিকটে টুটপাড়া পুরান বসতিপূর্ণ গ্রাম। টুটপাড়া মুলত: ট্যাকপাড়া থেকে উৎপত্তি। ট্যাক নামে অনেক জায়গার নাম আছে। বিলের পাশে বা মাঝের উঁচু জায়গাকে সাধারণত ট্যাক বলে। এখানে ভৈরবতীরের দক্ষিণ দিকের বিলের পাশের উঁচু জায়গায় প্রথম বসতি গড়ে ওঠায় পার্শ্ববর্তী বসতির কাছে এ জায়গা ট্যাক নামে পরিচিত হয় এবং ট্যাকসাড়া পরে উচ্চারণ পরিবর্তিত হয়ে টুটপাড়া নাম হয়। যতদূর জানা যায় প্রথম টুটপাড়া বর্তমান কবিখেলা বা গাছতলার পাশ দিয়ে এ অঞ্চলের প্রাচীন বাসিন্দা নমঃশূদ্র সম্প্রদায়ের কিছু লোক বসতি স্থাপন করে। নমঃশূদ্র সম্প্রদায় এখানের বর্তমান বসতির প্রাচীন অংশ এবং কবিখোলার বটগাছটি প্রাচীনত্বের স্বাক্ষর হিসাবে বহু বিপর্যয়ের পরও টিকে আছে। এই বটগাছতলায় স্থানীয় দেব-দেবীর পূজা হোত এবং পূজা শেষে কবি গানের আসর বসত। বটগাছতলায় দেবস্থান থাকায় স্থানটি গাছতলা হিসেবে পরিচিত। নমঃশূদ্রের বসতির উত্তরে ও মির্জাপুরের দক্ষিণে পরবর্তী সময়ে মুসলমানদের বসতি শুরু হধ এবং জেলা সদর স্থাপনের পর এখানে কিছু বর্ণ হিন্দুর বসতি হয়। উল্লেখ্য প্রায় সকল জন বসতিপূর্ণ গ্রাম বিভিন্ন সময়ে নানা কারণে পূর্ব নামে সম্প্রসারিত বা কখনও সঙ্কুচিত হয়েছে। আবার কখনও বা তার একাংশ নতুন নামে পরিচিত হয়েছে। এ জন্যে কোন গ্রামের কোন নির্দিষ্ট সীমানা থাকেনা বা নির্ণয় করা সম্ভব নয়। জেলা সদর গঠনের পর এই গ্রামের উত্তরাংশ (খান জাহান আলী রোডের উত্তর দিক) জেলা শহরের মধ্যে গন্য হয়ে যায় এবং দক্ষিণাংশ টুটপাড়া নামে পরিচিত থেকে দক্ষিণ পুবদিকে আরও সম্প্রসারিত হয়। এভাবে ক্রমাগত বসতির বিস্তার অনেক দূর এগিয়ে গিয়ে পুরান টুটপাড়া গ্রামের সীমানা অনুমান করা কঠিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *