পঁচানব্বই
বিমানে প্রবেশ করার সবুজ সংকেতের জন্য বোর্ডিং করিডোরে উদ্বিগ্নভাবে অপেক্ষা করছিল এলএপিডি সোয়াট টিম আলফা। বিমানের সব জানালার শেড নামানো, তার মধ্যে আছে বোর্ডিং দরজার শেডও। যে কারণে করিডোরের ভেতর দিয়ে নিঃশব্দে এগিয়ে গেল তারা, বিমানের সাথে বোর্ডিং করিডোরের যে অংশটা মিলিত হয়েছে, তার কয়েক ফুট দূরে থেমে দাঁড়ালো।
লিন্ডা যখন করিডোরটা ফিরিয়ে নেয়ার জন্য আদেশ দিয়েছিল বিমানবন্দর কর্মকর্তাদের, তখন তারা সেটা করেছিল ঠিকই, কিন্তু পুরোপুরি নয়। সংযুক্ত করিডোরটা সরিয়ে নিতে সাধারণত পনেরো থেকে বিশ সেকেন্ড সময় লাগে, কিন্তু তারা সেটা সরিয়েছিল মাত্র তিন সেকেন্ডের জন্য। যে কারণে সরেছে মাত্র পাঁচ ফুটেরও কম। প্লেনের টেক-অফ না করার পরের পরিস্থিতি লিন্ডা যেভাবে উপস্থিত বুদ্ধি দিয়ে সামলেছিল, তাতে কর্তৃপক্ষ অনুমান করে নেয় যে বোর্ডিং করিডোর কীভাবে কাজ করে, তা জানে না মহিলা। তাদের অনুমান সঠিক ছিল।
যার মানে, সবুজ সংকেত পাওয়ার পরে করিডোর ধরে বিমান পর্যন্ত পৌঁছাতে তিন সেকেন্ড, দরজার বাইরের হ্যাচটা রিলিজ করতে দেড় সেকেন্ড, দরজা খুলতে আরও দেড় সেকেন্ড। সব মিলিয়ে পাঁচ সেকেন্ড। আদর্শ নয়, তবে কুড়ি সেকেন্ডের তুলনায় অনেক ভালো।
ঠাশ।
ঠাস।
বিমানের ভেতরে হওয়া প্রচণ্ড শব্দটা চাপা পড়ে গেল দরজা ও বিমানের ভেতরের পরিবেশের মাধ্যমে। বাইরে থেকে শব্দটা শোনালো দুটো পপকর্ন ফাটার মতো, তবে সোয়াট টিমের পাঁচ সদস্যই জানে, শব্দটা আসলে কীসের।
‘শটস ফায়ারড, শটস ফায়ারড,’ নিজের রেডিওতে ফিসফিস করে বললো সোয়াট টিমের নেতা হোসে আলভারেজ।
‘গো নাউ।’ সোয়াট টিম সদস্যদের ইয়ারপিসে বিস্ফোরণের মতো ভেসে এলো ক্যাপ্টেন ব্লেকের কণ্ঠ।
সাড়ে চার সেকেন্ডের মধ্যে বিমানের দরজা পুরোপুরি খুলে ফেলল তারা। খোলার সাথে সাথে দুটো এমএইটফোর স্টান গ্রেনেড বিমানের মধ্যে ছুঁড়ে দিল। প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হলো সেগুলো, সেই সাথে জ্বলে উঠল উজ্জ্বল আলো। গ্রেনেডটার ডিজাইনটাই এমন যে, বিস্ফোরিত হওয়ার সাথে সাথে কিছুক্ষণের জন্য অন্ধ ও কালা করে দেবে আশপাশের মানুষকে।
বিস্ফোরণের সাথে সাথে বিমানে প্রবেশ করল সোয়াট টিম, প্রত্যেকের হাতে শোভা পাচ্ছে এমপিফাইভ সাবমেশিন গান। বিমানে পা রাখার সাথে সাথে হান্টারকে দেখতে পেল টিম লিডার আলভারেজ। দরজার ডান দিকে মাথা নিচু করে দাঁড়িয়ে ছিল ও, বাঁ হাত দিয়ে কান চেপে ধরা। পরনে কেবল বক্সার ও মোজা।
হান্টারের ডান দিকে এক মহিলাকে দেখল আলভারেজ, দেয়ালে লাগানো হাতলের মাধ্যমে ডিটেকটিভের সাথে হাতকড়া দিয়ে আটকে দেওয়া হয়েছে তাকে। মুখ রক্তে ভেসে যাচ্ছে। চোখ বন্ধ তার, ডান হাত দিয়ে কান চেপে ধরা। দুজনকেই সামান্য এলোমেলো দেখাচ্ছে।
‘ডিটেকটিভ হান্টার,’ চিৎকার করে ডাকল আলভারেজ। ‘ঠিক আছেন আপনি?’
‘ঠিক আছি আমরা,’ হান্টারও পাল্টা চিৎকার করে বলল।
প্রোটোকল জানা আছে হান্টার ও অ্যাম্বার দুজনেরই। ওরা জানে, যদি কোনো সোয়াট টিম কোনো বিমান দখল করতে যায়, তারা প্রথমেই বিমানের ভেতর কয়েকটা স্টান গ্রেনেড ফেলে দেয়। তাই দরজা খোলার সাথে সাথে চোখ বন্ধ করে এবং মুক্ত হাত দিয়ে একটা কান ঢেকে ফেলল ওরা।
বুম বুম।
গ্রেনেডগুলি বিস্ফোরিত হলো, প্রতিটা গ্রেনেড এক মিলিয়ন ক্যান্ডেলার ঝলক নিয়ে বিমানের ভেতরে ছড়িয়ে পড়ল। হান্টার এবং অ্যাম্বারকে জিম্মি হিসেবে চিহ্নিত করতে এক সেকেন্ডেরও কম সময় লাগল আলভারেজ ও তার ডান হাত পোর্টনয়ের। চিহ্নিত করার পরে এমপিফাইভ এদিক-ওদিক বাগিয়ে লিন্ডা ইভান্সকে খোঁজার চেষ্টা করল তারা।
‘ফিল?’ চোখ খুলে চিৎকার করে ডাকল হান্টার। ‘ফিল, আপনি ঠিক আছেন?’
কোনো উত্তর এল না।
ছিয়ানব্বই
মাত্র কয়েক সেকেন্ড আগে।
‘আপনি বলেছিলেন, আজ এখানে কেউ মারা যাবে না।’ হান্টার ও অ্যাম্বারের দিকে তাকিয়ে নিষ্প্রাণ হাসি দিল লিন্ডা। ‘আপনি ভুল ছিলেন।’
লিন্ডার এই চালটা কেউই প্রত্যাশা করেনি। নিজের বাঁ দিকে হাত বাড়িয়ে দিল লিন্ডা, হান্টার বা অ্যাম্বারের দিকে নয়, বরং পা সিটে তুলে হাঁটু বুকের কাছে জড়ো করে রাখা ফিলের দিকে অস্ত্র তাক করল। ঘটনাটা এত দ্রুত ঘটল যে হান্টার বা অ্যাম্বার প্রতিক্রিয়া দেখানোর কোনো সুযোগই পেল না। যখন ওরা বুঝতে পারল যে লিন্ডা ওদের দিকে বন্দুক তাক করেনি, ততক্ষণে ট্রিগার চেপে দিয়েছে মহিলা।
ঠাশ।
‘না,’ চিৎকার করল হান্টার, নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে সামনে এগোনোর চেষ্টা করল। কিন্তু অ্যাম্বার আর ওকে একই হাতকড়ার মাধ্যমে আটকে রাখা হয়েছে দেয়ালের হাতলের সাথে, তাই শত চেষ্টা সত্ত্বেও অন্তত ছয় ফুট দূরেই থেকে গেল লিন্ডা। কোনো লাভ হলো না।
ফিলকে গুলি করার মিলিসেকেন্ড পরে, বন্দুকের নলটা সরাসরি নিজের থুতনির নিচে চেপে ধরে আবারও ট্রিগার টানল লিন্ডা। ৯এমএমের গুলিটা মুখের নিচের অংশ দিয়ে প্রবেশ করল লিন্ডার খুলিতে। যাওয়ার পথে ছারখার করে দিয়ে গেল দাঁত, জিভ, মুখের ওপরের তালু… এরপর মস্তিষ্কে প্রবেশ করে খুলির ওপরের অংশ চুরমার করে দিল।
গুলি করার ঠিক আগে, লিন্ডা যখন ট্রিগারে চাপ দিচ্ছে, তখন তার চোখের দিকে চোখ পড়েছিল হান্টারের। চোখজোড়াতে কিছুই ছিল না। কোনো আবেগ, কোনো রাগ, কোনো জীবন, কিছুই না। যেন আত্মহত্যা করার আগেই তার আত্মা তার শরীর থেকে বের হয়ে গিয়েছিল।
লিন্ডার নিথর দেহটা মাটিতে আছড়ে পড়ার পর এক সেকেন্ডের জন্য অবশ হয়ে গেল হান্টারের সর্বাঙ্গ। চোখ বড়ো বড়ো করে দাঁড়িয়ে থাকল ও, চোয়াল ঝুলে পড়ল, দম আটকে গেল গলার কাছে।
‘এমনটা হওয়ার তো কথা ছিল না।’
ঠিক তখনই প্লেনের দরজা খোলার শব্দ এল হান্টারের কানে। ভেতরেুু ঢুকল সোয়াট টিমের সদস্যরা। আর সেই শব্দে আবার ধাতস্থ হলো ও।
সাতানব্বই
‘ফিল?’ আবারও চিৎকার করল হান্টার, নিজের শরীরটাকে যতটা সম্ভব ঘোরানোর চেষ্টা করল। কিন্তু এত চেষ্টা সত্ত্বেও অ্যাম্বারের সঙ্গে হাতকড়া বাঁধা থাকায় গ্যালির সামনে কিছুই দেখতে পেল না ও।
হান্টার এবং অ্যাম্বারের বিপরীতে বসে ছিল ফিল। সে ছিল গ্যালির বাম দিকে, আর হান্টার ও অ্যাম্বার বাঁধা ছিল গ্যালির ডান দিকে।
হান্টার এবং অ্যাম্বারকে শনাক্ত করার পরে মাঝের গ্যালির দিকে গেল টিম লিডার আলভারেজ। সেখানকার মেঝেতে লিন্ডার লাশ আবিষ্কার করল সে। চামড়া, চুল, হাড়ের কুচি আর মগজের টুকরো ছড়িয়েছিটিয়ে আছে তার চারপাশে।
‘টার্গেট ডাউন,’ লিন্ডার কাছে ছুটে গিয়ে বলল আলভারেজ। ‘টার্গেট ডাউন।’ তারপর সে লিন্ডার হাতে থাকা অস্ত্রটা লাথি মেরে দূরে ফেলে দিল।
আলভারেজ ও পোর্টনয় প্লেনে ঢুকে বাম দিকে গেল, আর সোয়াট টিম আলফার বাকি তিন সদস্য গেল ডান দিকে। চোখের কোনা দিয়ে হান্টার দেখল, আরও দুটো সোয়াট টিম হাজির হয়েছে। প্লেনের সামনের এবং পেছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করল তারা।
‘মারা গেছে সে,’ সবাইকে জানাল আলভারেজ।
‘আপনি কি ভেবেছিলেন বেঁচে আছে?’ চিৎকার করল হান্টার, বদ্ধ জায়গায় গুলির শব্দে কান, মাথা এখনো ঝাঁ ঝাঁ করছে। ‘তার মগজের অর্ধেক আপনার পেছনের দেয়ালে লেগে আছে। প্রথমে ফিলকে গুলি করেছে সে।’ বলে গ্যালির বাম দিকে ইশারা করল ও। ‘ফিল কি বেঁচে আছে, না মরে গেছে?’
‘কোনো সাড়া দিচ্ছে না,’ ফিলের কাছে পৌঁছে উত্তর দিল সোয়াট টিমের একজন সদস্য।
‘মেডিক ডাকুন দ্রুত,’ তাদেরকে নির্দেশ দিল হান্টার।
‘তাকে গুলি করা হয়নি,’ জানাল সোয়াট সদস্য। ‘অজ্ঞান হয়ে গেছে লোকটা, তবে আহত হয়নি।’
‘কী?’ অ্যাম্বারের দিকে তাকালো হান্টার, মাত্র স্টান গ্রেনেডের ধাক্কা সামলে উঠছে মেয়েটা। ‘মহিলা তো গুলি করল ফিলকে। আমরা নিজের চোখে দেখেছি।’
‘মহিলা ওর দিকে গুলি করেছিল, ঠিক,’ বলল সোয়াট সদস্য। ‘কিন্তু মিস করেছে সে। গুলি ফিলের পাশের সিটে লেগেছে। আমি আগেই বলেছি, শুধু অজ্ঞান হয়েছে সে। কোনো ক্ষত নেই… রক্তও নেই। একদম অক্ষত আছে সে।’
আটানব্বই
পাঁচ ঘণ্টা পরে—লিন্ডা ইভান্সের অ্যাপার্টমেন্ট, টরেন্স।
লস অ্যাঞ্জেলসের সাউথ বে অঞ্চলে অবস্থিত লিন্ডা ইভান্সের ছোটো স্টুডিয়ো অ্যাপার্টমেন্ট। সেই অ্যাপার্টমেন্টে দাঁড়িয়ে বিস্মিত চোখে দেয়ালের দিকে তাকাল হান্টার আর গার্সিয়া। মেঝে থেকে ছাদ পর্যন্ত দেয়ালজুড়ে অসংখ্য ছবি, পরিকল্পনার নকশা, আর হাতে লেখা নোট সাঁটা।
দেয়ালের সঙ্গে লাগানো ফোল্ডিং টেবিলে লিন্ডার ল্যাপটপ রাখা। দেয়ালের মতো টেবিলের ওপরেও আরও কিছু ছবি ছড়িয়ে রাখা, সেই সাথে শ্যুটিং রেঞ্জের টার্গেট প্র্যাকটিসের এক রেকর্ড বই।
বিমানবন্দরের রুদ্ধশ্বাস পরিস্থিতির যবনিকা পাতের পরে, হান্টার আর গার্সিয়াকে পরীক্ষা করে ইমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান। সুস্থ প্রমাণিত হয় হান্টার, এমএইট্টিফোর স্টান গ্রেনেডের প্রভাব অনেক আগেই কেটে গিয়েছিল ওর। কিন্তু দুই টিএসএ কর্মকর্তার সঙ্গে ধাক্কা লেগে গুরুতর মচকে গিয়েছিল গার্সিয়ার বাঁ পায়ের গোড়ালি। তার গোটা বাঁ পা ব্যান্ডেজ করে দেওয়া হয়, আপাতত ক্রাচের সাহায্যে হাঁটাচলা করছে সে।
এলএএক্স থেকে সরাসরি পুলিশ প্রশাসন ভবনে যাওয়ার কথা ছিল ওদের। প্রথমত, কাগজপত্র জমা দেওয়ার জন্য; দ্বিতীয়ত ক্যাপ্টেন ব্লেক ও পুলিশ প্রধান কী বলেন, তা জানার জন্য। কিন্তু গাড়ি চালাতে চালাতে হান্টার সিদ্ধান্ত নেয়, প্রথমে লিন্ডা ইভান্সের অ্যাপার্টমেন্ট দেখে আসবে ও। সবার অলক্ষ্যে লিন্ডার ব্যাগ থেকে চাবি বের করে নিয়েছিল। গার্সিয়াও আপত্তি করেনি।
‘অবিশ্বাস্য,’ গার্সিয়া বলল অবশেষে। পাঁচ মিনিট ধরে অ্যাপার্টমেন্টের সবকিছু নীরবে দেখছিল ওরা। ‘দেখে মনে হচ্ছে, মহিলা সবকিছুই এখানে রেখে গেছে, রবার্ট। তার সব গবেষণা, নজরদারির ছবি, সময়সূচি, নাম, ঠিকানা… সব।’
‘হয়তো এখন বুঝতে পারবেন না,’ প্লেনে বলেছিল লিন্ডা। ‘কিন্তু আমি জানি, খুব তাড়াতাড়িই আপনি সব বুঝে যাবেন। সবকিছু আপনার জন্য রাখা আছে।’
হান্টার কিছু বলল না। রান্নাঘরের দেয়ালে লাগানো একটা খামের ভেতরে রাখা কিছু ছবি দেখতে শুরু করল।
খুঁড়িয়ে খুঁড়িয়ে টেবিলের কাছে গেল গার্সিয়া, টার্গেট প্র্যাকটিস রেকর্ড বইটা উল্টেপাল্টে দেখতে লাগল। ওল্টাতে ওল্টাতে ভ্রূ কুঁচকে গেল তার।
‘রবার্ট, একবার এদিকে এসো।’
‘একটু দাঁড়াও,’ রান্নাঘর থেকে বলল হান্টার।
‘না,’ দৃঢ় শোনাল গার্সিয়ার কণ্ঠ। ‘এখনই এসো।’
খামটা সঙ্গে নিয়ে ফিরে এল হান্টার।
টেবিলে রাখা বইয়ের দিকে ইশারা করল গার্সিয়া। ‘প্রথম পঞ্চাশ পৃষ্ঠা বাদ দাও,’ বলল সে। ‘তারপর থেকে দেখো। এবং দেখার পরে বলো, কী মনে হয় তোমার।’
বইয়ের মাঝ বরাবর খুলল হান্টার, পৃষ্ঠাগুলোর পরিসংখ্যান ও তারিখ দ্রুত খতিয়ে দেখল। শেষ পরিসংখ্যান দেখে নিজের পার্টনারের দিকে তাকাল।
‘খুবই ইমপ্রেসিভ স্কোর, রবার্ট।’ বলল গার্সিয়া।
নড করে একমত পোষণ করল হান্টার। ‘টানা ছয় মাস প্রায় প্রতিদিনই প্র্যাকটিস করেছে সে।’
‘ঠিক তা-ই,’ একমত হলো গার্সিয়াও। ‘তাহলে তুমি আমাকে বলো, এমন ইমপ্রেসিভ যার স্কোর, সে মাত্র ছয় ফুট দূরের টার্গেটে গুলি কীভাবে মিস করে? আর সেটাও এক ফুটের মতো দূরত্বে?’
‘সে মিস করেনি,’ জবাব দিল হান্টার। ‘সে ইচ্ছা করে মিস করেছে।’ হান্টারের কথাগুলোতে এমন কিছু ছিল, যা ভাবিয়ে তুলল গার্সিয়াকে।
‘তাহলে, কী নাম যেন সেই প্যাসেঞ্জারের। হ্যাঁ, ফিলিপ। তার দিকে গুলি ছুঁড়ল কেন লিন্ডা?’ জিজ্ঞেস করল গার্সিয়া। ‘কেন? শুধু ভয় দেখানোর জন্য? সম্পূর্ণ অর্থহীন ব্যাপার হয়ে যায় না?’
বড়ো করে একটা শ্বাস নিল হান্টার। ‘সে ফিলিপের দিকে গুলি চালিয়েছিল ভয় দেখানোর জন্য নয়,’ বলল ও। ‘আমার ধারণা, শেষ মুহূর্তে নিজের মত বদলেছিল সে।’
কোনা থেকে একটা চেয়ার টেনে নিল গার্সিয়া। পায়ে আবার ব্যথা শুরু হয়েছে। ‘মত বদলেছিল?’ চেয়ারে বসতে বসতে জিজ্ঞেস করল সে। ‘কিন্তু সেক্ষেত্রে বিষয়টা তো আরও বেশি অর্থহীন হয়ে যাচ্ছে, রবার্ট। হ্যাঁ, এটা ঠিক যে সে নির্দোষ কয়েকজন মানুষকে সে হত্যা করেছে; কিন্তু সেই নির্দোষ মানুষগুলো অন্তত সেই ভিডিয়ো ক্লিপের পেছনের ছাত্রদের গ্রুপের সাথে কোনোভাবে জড়িত ছিল।’
জ্যাকেটের পকেট থেকে লিন্ডার মোবাইল ফোনটা বের করল হান্টার। হান্টার ও অ্যাম্বারকে যে ভিডিয়ো ক্লিপটা লিন্ডা দেখিয়েছিল, সেটা দেখেছে আর মাত্র দু’জন—গার্সিয়া ও ক্যাপ্টেন ব্লেক।
‘ফিলের তো এর সাথে কোনো সম্পর্ক নেই,’ গার্সিয়া বলল। ‘সে স্রেফ একজন দুর্ভাগা প্যাসেঞ্জার ছিল মাত্র।’
রান্নাঘরে খামের ভেতরে পাওয়া ছবিগুলো পার্টনারের দিকে এগিয়ে দিল হান্টার। ‘না, সে তা নয়।’
‘কী এগুলো?’ খামটা নিয়ে ছবিগুলো দেখতে লাগল গার্সিয়া। প্রায় পঞ্চাশের ওপরে ছবি, এবং সবগুলোতেই ফিলিপকে বাদামি চুলের সুন্দরী একজন নারীর সাথে দেখা গেল। দুজনের মধ্যে যে প্রেম, তাতে কোনো সন্দেহ নেই। কিছু ছবিতে তাদেরকে হাত ধরা অবস্থায় দেখা গেল, কিছু ছবিতে চুমু খেতে। ছবির দুজনকে সাথে সাথে চিনতে পারল গার্সিয়া—ফিলিপ ম্যাডক্স এবং সোফিয়া এলিয়ট!
‘হোয়াট দ্য হেল?’
মাথা নাড়ল হান্টার। ‘সোফিয়ার সাথে প্রেম ছিল ফিলিপের।’
কোলের ওপরে খামটা রেখে দিল গার্সিয়া। ‘বিশ্বাস হতে চাইছে না।’
চুপ করে থাকল হান্টার।
‘কিন্তু,’ পার্টনারকে উদ্দেশ্য করে বলল গার্সিয়া। ‘এরকম একটা ব্যাপার জানার পরেও তুমি এতটা শান্ত কেন?’
‘আমিও অবাক হতাম… যদি না আগে থেকেই জানা থাকতো।’
‘কী?’ বিভ্রান্ত দৃষ্টিতে তাকাল গার্সিয়া। ‘তুমি আগে থেকে জানলে কীভাবে?’
‘প্লেনে থাকতে,’ বলল হান্টার। ‘ফিল যখন লিন্ডাকে বলল যে সে একটা পরিবার শুরু করতে চায়, লিন্ডা তাকে ‘লাভারবয়’ বলে ডাকল। যখন মহিলা সবাইকে একটা ড্রিঙ্ক নেওয়ার কথা বলছে, তখনও এই একই নাম ধরে আবার ফিলিপকে ডেকেছিল সে।’
সামান্য উঁচু হলো গার্সিয়ার ভ্রূ।
‘বিষয়টা অদ্ভুত লাগল আমার কাছে,’ ব্যাখ্যা করল হান্টার। ‘কোনো কারণ ছাড়াই এই নামে ফিলকে ডাকল লিন্ডা এবং নামটা কোনোভাবেই পুরো পরিস্থিতির সাথে খাপ খাচ্ছিল না। এরপর, যখন আমি লিন্ডাকে বললাম যে লুকাস ডিসলেক্সিক, ফিল একটা প্রশ্ন করতে চাইল, কিন্তু লিন্ডা তাকে থামিয়ে দিল। ইএমটিদের সাথে কথা বলার আগ পর্যন্ত ব্যাপারটা পুরোপুরি পরিষ্কার হয়নি আমার কাছে। তখন আমি ফিলের সাথে কথা বলতে গেলাম।’
‘আর সবকিছু স্বীকার করে নিল সে।’ মন্তব্য করল গার্সিয়া।
‘চাপ দিতে হয়েছে,’ নড করে বলল হান্টার। ‘আমি যখন তাকে বললাম যে কোনো না কোনোভাবে আমরা জানতে পারবই, তখন সে সত্যিটা স্বীকার করার জন্য রাজি হলো। পাঁচ মাস হলো সম্পর্কে আছে তারা।’
‘এ কারণেই কি ফিলিপ ইতালি যাচ্ছিল?’ জিজ্ঞেস করল গার্সিয়া।
‘হ্যাঁ,’ নিশ্চিত করল হান্টার। ‘লুকাস শনিবার বাসায় ফিরছে, মনে আছে?’
শব্দ করে হাসল গার্সিয়া। ‘তাহলে এ-ই ব্যাপার। স্বামী ফিরে আসছে, স্ত্রী পরিবারের সাথে সময় কাটানোর ছুতায় আরও কয়েকদিন ইতালিতে রয়ে যাচ্ছে। কিন্তু আসলে সময় কাটাবে প্রেমিকের সাথে।’
‘এরকমই কিছু,’ একমত হলো হান্টার।
‘কিন্তু সে যে প্লেনের যাত্রী, সেটা লিন্ডা কীভাবে জানল?’
স্টুডিয়ো অ্যাপার্টমেন্টের দিকে হাত দিয়ে ইশারা করল হান্টার। ‘মহিলা তার গবেষণায় কোনো কিছু মিস করেছে বলে আমার মনে হয় না, কার্লোস। তোমার কী মনে হয়?’
‘তোমার কি মনে হয়, ফিল সবসময়ই টার্গেট ছিল?’ জিজ্ঞেস করল গার্সিয়া। ‘মানে, সোফিয়া তার স্বামীর চাইতে প্রেমিককে বেশি ভালোবাসে, এটা যদি লিন্ডা জানত, তবেই বিষয়টা যুক্তিযুক্ত মনে হয়।’
‘হ্যাঁ,’ একমত হলো হান্টার। ‘আমার মন বলছে, এখানে আমাদের কাজ শেষ হলে… যত দিনই লাগুক না কেন… নিশ্চিতভাবে জানব আমরা।’
এক পলকে দেয়ালগুলোর সব ছবি দেখে নিল গার্সিয়া। ‘সেটাই হবে। এ কারণেই সবকিছু এখানে যেমন সাজানো আছে, তেমনই রেখে গেছে মহিলা। চাইলে খুব সহজেই এগুলো সব ধ্বংস করতে পারত সে।’
আরেকবার নড করল হান্টার। ‘আমরা কতক্ষণে তার কাছে পৌঁছাব, সেটা জানত না মহিলা। শুধু সে জানত যে শেষ পর্যন্ত আমরা তার কাছে পৌঁছাব। সে চেয়েছিল আমাদের,’ থামল ও, বলার জন্য শব্দ বাছাই করল। ‘সে চেয়েছিল, সে যা করেছে, তার কারণ সবাই জানুক।’ ল্যাপটপের দিকে ইঙ্গিত করল হান্টার। ‘আমি বাজি ধরে বলতে পারি, সেই ভিডিয়ো ক্লিপের একটা কপি আমরা ল্যাপটপে পাব।’
‘তাহলে মহিলা আগে থেকেই জানত যে সে আর এখানে ফিরছে না,’ বলল গার্সিয়া।
‘তার পরিকল্পনা সবসময় এরকমই ছিল, প্রতিশোধ নেওয়া শেষ হলে আত্মহত্যা করবে সে। প্রতিশোধ নেওয়া শেষ হলে তার বাঁচার আর কোনো উদ্দেশ্য থাকে না। তার সকল ভালোবাসার মানুষ মারা গিয়েছিল আগেই।’ এতগুলো নষ্ট হওয়া প্রাণের কথা চিন্তা করে মাথা নাড়ল সে।
উইলিয়ামস পরিবার, লিন্ডা, জেনেসিস, মাইকেল এবং জনের একটা বড়ো ছবির দিকে ফিরে তাকাল হান্টার। এক সাথে এক রেস্টুরেন্ট টেবিলে বসা অবস্থায় ছবিটা তোলা। চারজনই হাসছে, যেন পৃথিবীর সবচেয়ে হাসির কৌতুকটা কেউ বলেছে তাদেরকে। সবাইকে একসাথে অনেক খুশি আর আনন্দিত দেখাচ্ছে ছবিটায়। ছবিটা গোটা স্টুডিয়ো অ্যাপার্টমেন্টে ফ্রেমওয়ালা একমাত্র ছবি। লিন্ডার পরিবারের একমাত্র ছবি।
‘আমার মনে হয়, তুমি ঠিকই বলেছো, কার্লোস।’
নিরানব্বই
এক দিন পরে—পুলিশ প্রশাসন ভবন।
নিজের ল্যাপটপের সিকিউরিটি প্রোটোকল নিষ্ক্রিয় করে রেখেছিল লিন্ডা ইভান্স। কোনো পাসওয়ার্ড ছিল না। হান্টার সেটা চালু করতেই লিন্ডার ডেস্কটপ লোড হলো। আর সেখানে শুধুমাত্র একটাই ফোল্ডার দেখা গেল, সেই ফোল্ডারের নাম ‘জেনেসিস’। গত তিন ঘণ্টা ধরে প্রতিটা ফাইল ধীরে ধীরে পড়ছিল হান্টার।
‘অবিশ্বাস্য,’ বিড়বিড় করল সে, চেয়ারে হেলান দিয়ে বসল।
‘কী?’ প্রশ্ন করল গার্সিয়া, কম্পিউটার স্ক্রিনের ওপর দিয়ে হান্টারের দিকে তাকাল।
‘কী দুঃসাহসী ছিল এই লিন্ডা ইভান্স!’
‘কেন এ কথা বলছো? কিছু পেলে না-কি?’
‘খুন করার আগে প্রত্যেকের প্রিয়জনের সাথে দেখা করেছিল সে।’
‘দেখা করেছিল?’ প্রশ্ন করল গার্সিয়া। ‘মানে?’
‘জ্যানেট ল্যাং একজন বিউটিশিয়ান, তাই না?’
‘হ্যাঁ।’
‘তার কাছে দুটো বিউটি সেশন নিয়েছিল লিন্ডা,’ ব্যাখ্যা করল হান্টার।
‘কীহ? সত্যি?’ উত্তেজনায় দাঁড়িয়ে পড়ল গার্সিয়া।
নড করল হান্টার, ল্যাপটপ স্ক্রিনের দিকে ইশারা করল। ‘দুটো সেশনই গত মাসে নিয়েছিল সে। তবে আলাদা এক নামে।’
হান্টারের ডেস্কে এল গার্সিয়া, স্ক্রিনের দিকে তাকাল। ‘গ্রেস বাউয়ের?’ পড়ল সে।
আরেকবার নড করল হান্টার, তারপর স্ক্রিনে আরেকটা নতুন ডকুমেন্ট ওপেন করল। ‘গত সপ্তাহের বুধবারে, অলিভার গ্রিফিথকে খুন করার তিন দিন আগে জোসির কাছে একটা থেরাপি সেশন নিয়েছিল সে। প্রায় এক ঘণ্টা ধরে কথা বলেছিল তারা।’
‘মাই গড,’ শব্দ করে হেসে বলল গার্সিয়া।
‘এবার এটা দেখো।’ বলে আরেকটা ডকুমেন্ট ওপেন করল হান্টার। ‘মহিলা নিজের অস্ত্র যে নাইনএমএম পিস্তলটা আমরা তার অ্যাপার্টমেন্টে পেয়েছি, সেটা কিনেছিল ট্রয়ের দোকান থেকে। এবং যে শ্যুটিং রেঞ্জে সে ছয় মাস ধরে প্রশিক্ষণ নিয়েছিল, সেটা ছিল একই শ্যুটিং রেঞ্জ, যেখানে ট্রয় যেত। রেঞ্জে একাধিকবার দেখাও হয়েছে তাদের।’
হতবাক হয়ে গেল গার্সিয়া।
স্ক্রিনে আরেকটা ফাইল ওপেন করল হান্টার। ‘এই মাসের শুরুর দিকে,’ বলল হান্টার, ‘সোফিয়া তার হিসাবরক্ষক হতে পারে কিনা সে ব্যাপারে আলোচনা করার জন্য সোফিয়া এলিয়টের বাড়িতে যায় ‘গ্রেস বাউয়ের’। সেই মিটিঙও প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়েছিল।’
‘তোমার কী ধারণা? তার ভিকটিমদের প্রিয়জনদের সাথে সাক্ষাৎ করার কারণ কী?’
‘লিন্ডা আগে থেকেই জানত যে, সবাইকে শেষ করার পরে আত্মহত্যা করবে সে,’ ব্যাখ্যা করল হান্টার। ‘আমার ধারণা, তার এবং তার পরিবারের ধ্বংস হয়ে যাওয়ার পেছনে যারা দায়ী; তাদের চোখে সরাসরি তাকাতে চেয়েছিল সে, তাদের সাথে কথা বলতে চেয়েছিল। এমনকি যাদেরকে সে খুন করতে যাচ্ছিল, তাদেরকে তাদের আপনজনরা কতটা ভালোবাসে, সেটাও অনুভব করতে চেয়েছিল। সাইকোপ্যাথে পরিণত হয়েছিল সোজা কথায়।’
‘এটা শুধু…’
অফিসের দরজায় নকের শব্দে কথায় ছেদ পড়ল গার্সিয়ার। ‘ভেতরে আসুন,’ ডাকল সে।
দরজা খুলে ভেতরেুু ঢুকল মাঝবয়সি একজন পুরুষ, পরনে তার কালো স্যুট। ঘন, কালো দাড়িতে ঢাকা পড়ে গেছে চোয়াল আর গালের হাড়।
‘ডিটেক হান্টার?’ জিজ্ঞেস করল সে।
‘জি, আমি,’ জবাব দিল হান্টার।
ওর ডেস্কের দিকে এগিয়ে এল লোকটা। ‘কিছু দিন আগে এক ওয়াইন গ্লাসে লেগে থাকা ডিএনএ ও আঙুলের ছাপ পরীক্ষা করার জন্য অনুরোধ করেছিলেন আপনি। আপনার কি মনে আছে?’
মুখ বিকৃত করল হান্টার। ‘ও আচ্ছা। আমি খুবই দুঃখিত আসলে। পরে অনুরোধটা বাতিল করার কথা আর মনে ছিল না। আসলে পরিস্থিতির চাপে আমার মাথা থেকে পুরোপুরি বেরিয়ে গিয়েছিল—ঐ ব্যক্তি এখন আর সন্দেহভাজন নয়।’
‘আপনার জন্য হয়তো নয়,’ বলল লোকটা, হান্টারকে নিজের পরিচয়পত্র দেখাল। ‘আমি ক্যালিফোর্নিয়া ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের যৌন অপরাধ বিভাগের এজেন্ট উইলসন রিভস। পাঁচ বছর ধরে একটা ধর্ষণ হত্যার তদন্ত চালাচ্ছি আমরা, আর আপনার পরীক্ষা করতে দেওয়া ওয়াইন গ্লাসের ডিএনএ সেই তদন্তের সাথে মিলে গেছে।’
হান্টারের ডেস্কে একটা ছবি রাখল সে। ‘সুজি ব্ল্যাক, বাইশ বছর বয়স, সান ফ্রান্সিসকোর একজন শিক্ষার্থী ছিল সে।’
কয়েক সেকেন্ড ছবিটা দেখল হান্টার ও গার্সিয়া।
‘আমাদের বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে যে মিস ব্ল্যাককে ধর্ষণ ও হত্যার পর একই অপরাধী গত পাঁচ বছরে অন্তত আরও তিনজন নারীর সঙ্গে একই কাজ করেছে,’ বলল এজেন্ট রিভস।
হান্টারের ডেস্কে আরও তিনটে ছবি রাখল সে। ‘হেলেন অস্টিন, একুশ বছর বয়স, স্যান ডিয়েগোর একজন শিক্ষার্থী ছিল সে। মার্থা ড্রিসকল, চব্বিশ বছর বয়স ছিল। ওকল্যান্ডের একটি কিন্ডারগার্টেন শিক্ষিকা। এবং অ্যালিস পিয়ারসন, চব্বিশ বছর বয়স। ছিল স্যাক্রামেন্টোর একজন বারটেন্ডার।’
‘বিশ্বাস করার কারণ?’ জানতে চাইল গার্সিয়া।
‘চারটে ধর্ষণ হত্যার পরিস্থিতি, পদ্ধতি এবং ধরন একদম এক রকম, কিন্তু পরের খুনের সময় আগেরটার চাইতে দক্ষতার পরিচয় দিয়েছে অপরাধী। একমাত্র ভুলটা করেছে পাঁচ বছর আগে করা প্রথম হত্যাকাণ্ডে।’
‘সান ফ্রান্সিসকোতে ডিএনএ রেখে গিয়ে,’ বলল হান্টার, তর্জনী ডেস্কে রাখা এজেন্ট রিভসের প্রথম ছবির দিকে তাক করল। ‘সুজি ব্ল্যাক।’
‘ঠিক তা-ই। এরপর আর কোনো ভুল করেনি সে। আমরা এই হারামজাদাকে পাঁচ বছর ধরে খুঁজছি, ডিটেকটিভ হান্টার। তাই আপনাকে জিজ্ঞেস করছি, এর নাম কি জানা আছে আপনার?’
নিজের সেলফোন তুলে নিল হান্টার, ইমেজ গ্যালারি খুলে কিছু ছবি স্ক্রল করল। ‘নামের চেয়েও বিশেষ কিছু জানা আছে আমার।’ এজেন্ট রিভসকে নিজের ফোনের স্ক্রিন দেখাল ও। ‘তার ছবি আছে আমার কাছে।’
* * *
