দশ
এলএ কাউন্টি ডিপার্টমেন্ট অব করোনারের (এলএসিডিসি) প্রধান ভবনটা সবদিক থেকেই স্থাপত্যশৈলীর এক অনুপম নিদর্শন, রেনেসাঁর স্টাইলে যে প্রভাবিত, তা স্পষ্ট বোঝা যায়। লাল আর ধূসর ইটের সমন্বয়ে মর্গে পরিণত করা হয়েছে পুরানো হাসপাতালের সামনের দিকটা। বিশাল প্রবেশমুখে অবস্থিত সিঁড়ির দুই পাশে শোভাবর্ধন করছে একজোড়া গথিক স্টাইলের ল্যাম্পপোস্ট। ল্যাম্পপোস্টের কারণে সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে ভবনটার। যদিও পরিহাসই বলতে হবে, সুন্দর এই ভবনটায় শুধু মৃত্যুরই বসবাস।
সকালে তেমন ট্র্যাফিক না থাকায় পুলিশ প্রশাসন ভবন থেকে মাত্র দশ মিনিটেই এলএসিডিসি’তে চলে এলো হান্টার আর গার্সিয়া। প্রবেশ করার পরে লবিতে পা রাখতেই ভদ্রভাবে নড করে ওদেরকে স্বাগত জানালো মার্থা, মায়াবী চোখ আর লম্বা মুখের জ্যামাইকান রিসেপশনিস্ট সে। বহুবার চর্চার ফলে চেহারায় গাম্ভীর্য আর সম্মানের একটা ছাপ পড়ে গেছে তার। শুভেচ্ছা জানানোর হাসিটা সবসময়ই ভদ্র আর শান্ত; মুখাবয়বে ফুটে ওঠে সহানুভূতি আর বুঝদারিত্ব। আর তার গলার স্বর শুনলেই প্রশান্তির অনুভূতি হয়।
‘ডিটেকটিভস,’ হান্টার আর গার্সিয়া রিসেপশন কাউন্টারের দিকে এগোতেই ওদেরকে শুভেচ্ছা জানালো মার্থা, ইতোমধ্যেই দুটো ভিজিটর ব্যাজ কাউন্টারের ওপরে রেখে দিয়েছে সে।
‘মার্থা,’ জবাব দিলো হান্টার, মার্থার কথা ভদ্রভাবে নডের বিপরীতে নড করলো। ‘বাচ্চারা কেমন আছে?’
‘আগের চাইতে খরচাপাতি বেড়েছে,’ বলে চোখ ওল্টালো সে। ‘আশা করি, আপনারা ভালো আছেন।’ ভিজিটর ব্যাজদুটো ঠেলে দিলো ওদের দিকে। ‘আপনাদের অপেক্ষায় আছেন ড. হোভ। বেজমেন্টের অটোপসি থিয়েটার এক’-এ আছেন তিনি।’
হান্টার আর গার্সিয়া এলএসিডিসিতে এতবার এসেছে যে, ওদের চোখ বেঁধে দিলেও প্রত্যেকটা ভবন, প্রত্যেকটা তলা, প্রত্যেকটা করিডোর ধরে এগিয়ে যেতে পারবে। সিকিউরিটি গেট দিয়ে ওদেরকে ঢুকিয়ে দিলো মার্থা, রিসেপশন কাউন্টারকে ডানে রেখে সিঁড়ির দিকে এগিয়ে গেল ওরা।
বেজমেন্টে নেমে প্রথম করিডোরের শেষ মাথায় গিয়ে ডানে ঘুরলো, তারপরের করিডোরের শেষ মাথায় গিয়ে বাঁয়ে ঘুরলো। ওদের সামনে দাঁড়িয়ে আছে এক সেট ডাবল সুইং ডোর। দরজার ওপরের প্লেটে লেখা- ‘অটোপসি থিয়েটার ওয়ান’। ইন্টারকমের বাটন টিপে অপেক্ষা করতে লাগলো হান্টার। তিন সেকেন্ড পরে, শব্দ করে খুলে গেল দরজা; হান্টার আর গার্সিয়া বিশাল, হিমশীতল ঘরে প্রবেশ করলো। ঘরের মধ্যে সিলিঙের কাছে দুই সারিতে ফ্লুরোসেন্ট বাতি জ্বলছে।
স্টেইনলেস স্টিলের দুটো অটোপসি টেবিল দখল করে রেখেছে মেঝের প্রধান অংশ। একটা টেবিল মেঝের সাথে স্থায়ীভাবে লাগানো, আরেকটা টেবিলে চাকা লাগানো। দুটো টেবিলেই একটা করে লাশ রাখা, সাদা চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। দুটো টেবিলের ওপরেই আছে গোলাকার সার্জিক্যাল লাইট, এই মুহূর্তে বন্ধ। চাকা লাগানো একটা স্ট্রেচার রাখা আছে দেয়ালে লাগানো লাশ রাখার ফ্রিজের পাশে। মেঝেতে লাগানো টেবিলটার পাশে দাঁড়িয়ে আছেন ড. হোভ। হাতে নীল ল্যাটেক্স গ্লাভস, পরনের কাপড়ের ওপরে সাদা ল্যাব কভারঅল।
‘রবার্ট, কার্লোস।’ সামান্য মাথা ঝাঁকিয়ে ওদেরকে সম্ভাষণ জানালেন তিনি।
‘একটা নোট পাওয়া গেছে?’ সময় নষ্ট না করে সরাসরি কাজের কথায় চলে গেল গার্সিয়া।
‘এসে নিজেই দেখে নিন।’ বলতে বলতে ওদেরকে এগিয়ে আসার ইশারা করলেন ড. হোভ।
গ্লাভস পরে অটোপসি টেবিলের দিকে এগিয়ে গেল হান্টার আর গার্সিয়া। লাশ ঢেকে রাখা চাদরের দুই প্রান্ত ধরলেন তিনি, তারপর লাশের কোমর পর্যন্ত তুলে ফেললেন।
‘ওহ জিসাস, ডক!’ চমকে উঠে ঢোক গিললো গার্সিয়া, তার মাথা সামান্য ঝাঁকি খেলো পেছন দিকে।
চোখের পাতা পর্যন্ত না ফেলে নির্বিকার থাকলো হান্টার। ওদের সামনের টেবিলে রাখা আছে মেলিসা হোথর্নের লাশটা, তবে লাশের মুখটা এই মুহূর্তে অসম্পূর্ণ। নিচের চোয়ালের পুরোটা অনুপস্থিত। পোস্টমর্টেম এক্সামিনেশনের অংশ হিসেবে চামড়া, পেশি, টেনডন, লিগামেন্টের যা কিছু বাকি ছিল, সেগুলো কেটে ফেলেছেন ড. হোভ; ফিশিং হুকটা চোয়ালে আসলে কতটা চাপের সৃষ্টি করেছিল ও কতটা ক্ষতি করেছিল, তা দেখার জন্য ম্যান্ডিবলটা অপসারণ করে ফেলেছেন।
‘কী?’ জানতে চাইলেন ড. হোভ। ‘আমি তো ভেবেছিলাম, আপনারা ক্রাইম সিন পরিদর্শন করেছেন।’
‘হ্যাঁ, করেছি আমরা।’ বললো গার্সিয়া। ‘স্থানচ্যুত হয়ে হুকের সাহায্যে ঝুলছিল বটে, কিন্তু ম্যান্ডিবলটা তখনও ছিল।’
‘আপনারা এরকমই কিছু দেখেছেন। আমি জানি।’
‘হ্যাঁ,’ মেনে নিলো গার্সিয়া। ‘কিন্তু আপনিও স্বীকার করবেন, ম্যান্ডিবল না থাকার দৃশ্যটা তার চাইতেও বেশি কিছু।’
সরু হয়ে চেপে বসলো ডক্টরের ঠোঁট। ‘হ্যাঁ, দৃশ্যটা তার চাইতেও বেশি কিছু।’
‘তাহলে আপনারা কী পেয়েছেন, ডক?’ জিজ্ঞেস করলো হান্টার।
‘ওয়েল,’ শুরু করলেন ড. হোভ। ‘কার্লোস যেটা বললেন, ভিকটিমের ম্যান্ডিবল ভয়াবহভাবে স্থানচ্যুত হয়েছে। শুধু তা-ই নয়, নয়টা ভিন্ন জায়গায় তা ভেঙেও গেছে।’
আরেকবার মুখ বিকৃত করলো গার্সিয়া।
‘গোটা অ্যানাটমিকাল এক্সপ্ল্যানেশন আপনাদের কাছে বিবৃত করতে চাইছি না, কারণ সে ব্যাপারে খুব একটা আগ্রহ পাবেন বলে মনে হয় না। তবে এতে আগ্রহ পাবেন।’ নিজের বাঁয়ে স্টেইনলেস স্টিলের কাউন্টারের ওপরে রাখা একটা জিনিসের দিকে ওদের মনোযোগ আকর্ষণ করলেন ড. হোভ।
‘ভিকটিমের জিভ ইচ্ছাকৃতভাবে ছিঁড়ে ফেলা হয়েছে। চোয়ালে লাগানো হুকের কারণে জিভটা ছেড়েনি, বরং কোনো ধারালো অস্ত্র, যেমন স্ক্যালপেল অথবা কোনো কাঁচির সাহায্যে কাটা হয়েছে জিভটা। এবং কাজটা করা হয়েছে নিখুঁতভাবে।’
হান্টারের দিকে তাকালো গার্সিয়া, মনোযোগ দিয়ে ড. হোভের কথা শুনছে হান্টার। ওরা দুজনেই জানে, ইচ্ছাকৃতভাবে ভিকটিমের জিভ ছিঁড়ে ফেলার মানে হলো, খুনি এই খুনটা করেছে প্রতিশোধের নেয়ার উদ্দেশ্যে। ভিকটিম এই জিভ দিয়ে বলা কোনো কথার প্রতিশোধ।
‘মৃত্যুর অফিশিয়াল কারণ কী?’ জিজ্ঞেস করলো হান্টার।
‘সত্যি কথা বলতে, কয়েকটা ব্যাপার মিলে মৃত্যু ঘটিয়েছে তার। অর্ধেক কারণ রক্তে শ্বাসরোধ হয়ে যাওয়া, বাকি অর্ধেক নিজের রক্তের পুকুরে ডুবে থাকা।’
‘ফাক!’ বলে দম ছাড়লো গার্সিয়া, এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলো।
‘নিচের চোয়ালের ক্ষতটাই সবচাইতে মারাত্মক,’ ব্যাখ্যা করলেন ড. হোভ। ‘ভয়ঙ্কর ও দুঃখজনক ব্যাপার হলো, আমি নিশ্চিত যে আপনারাও তা ইতোমধ্যে জানেন, ঘটনাটা ঘটার সময়ও ছিল জীবিত ভিকটিম।’
একবার নড করলো হান্টার।
‘ভিকটিম যে প্রচণ্ড ব্যথার কারণে অজ্ঞান হয়ে গিয়েছিল, তাতে আমার কোনো সন্দেহ নেই,’ আবার আগের কথার খেই ধরলেন ডক্টর।
‘অ্যানেস্থিশিয়া ছাড়া এতটা ব্যথা কেউই সহ্য করতে পারে না।’ সবার মনোযোগ লাশের দিকে আকর্ষণ করলেন তিনি। ‘এত প্রচণ্ড ব্যথা আর এত তীব্র আঘাতের পরেও, চোয়ালের এই ক্ষতের কারণে মারা যায়নি ভিকটিম। সে মারা গেছে আসলে প্রচুর রক্তে তার মুখ ভর্তি হয়ে যাওয়ার কারণে।’
অস্বস্তির সাথে শরীরের ভার এক পায়ের ওপর থেকে আরেক পায়ে নিলো গার্সিয়া।
‘অন্য যে-কোনো পজিশনে,’ আবার বললেন ড. হোভ, ‘বসা অবস্থায়, শুয়ে থাকা অবস্থায়, দাঁড়িয়ে থাকা অবস্থায়… যে পজিশনই হোক না কেন, কোনো না কোনোভাবে মুখ থেকে সামান্য রক্ত বের করে দিতে পারতো সে। কিন্তু চোয়ালে ফিশিং হুক আটকে দেওয়ার কারণে…’ কী ঘটেছিল, তা দেখানোর জন্য নিজের মাথা যতটা সম্ভব পেছনে হেলিয়ে দিলেন ডক্টর। ‘এই পজিশনটা দুটো কারণে খুব সমস্যাজনক। এক…’ নিজের গলার দিকে আঙুল তাক করলেন তিনি। ‘গলাটা সংকুচিত হয়ে যায়, কোনো কিছু গিলে ফেলাটা, এমনকি সেটা থুথু হলেও খুব কঠিন হয়ে যায়। দুই মহাকর্ষীয় বলের ফলে, রক্ত মুখের মধ্যে আর কোথাও বেরোনোর জায়গা না পেয়ে নিচের দিকে যেতে বাধ্য হয়।’
নিজের তর্জনী দিয়ে দেখালেন ডক্টর। ‘ভিকটিমের জিভটা যদি জায়গামতো থাকতো, তবে সে হয়তো জিভটা ওপরনিচ করে কিছুটা হলেও রক্ত মুখের মাধ্যমে বের করে দিতে পারতো।’
‘কিন্তু জিভ ছিল না তার,’ বললো গার্সিয়া, তার চোখ ফিরে গেল অটোপসি টেবিলে রাখা লাশের বিকৃত মুখের দিকে।
নড করলেন ড. হোভ। ‘হ্যাঁ, জিভ ছিল না তার। নিচের দিকে ছাড়া মুখের ভেতরে জমা হওয়া রক্তের আর কোথাও যাওয়ার জায়গা ছিল না। কিছু গিলেও ফেলেছিল মেয়েটা, কিন্তু জমা হওয়া রক্তের পরিমাণ ছিল অনেক বেশি। এক সময়, ধ্বংস হয়ে যায় তার শ্বসনতন্ত্র। তার ফুসফুসের মধ্যেও রক্ত পাওয়া গেছে, ঠিক যেমন পানিতে ডুবে মারা যাওয়া ভিকটিমের ফুসফুসে পানি পাওয়া যায়। যা বলছিলাম, অর্ধেক কারণ রক্তে শ্বাসরোধ হয়ে যাওয়া, বাকি অর্ধেক নিজের রক্তের পুকুরে ডুবে থাকা। পেটিকিয়া পাওয়া গেছে তার চোখে। ব্লাড টক্সিকোলজি রিপোর্ট আসতে এখনো কয়েকদিন লাগবে বটে; তবে আমার মনে হয়, ভিকটিমকে ঝুলিয়ে দেওয়ার আগে তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল।’
এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো ঘরে।
‘দমবন্ধ হয়ে মরার আগ পর্যন্ত কতটা সময় সে টিকেছিল বলে আপনার ধারণা?’ জিজ্ঞেস করলো হান্টার।
‘খুব বেশি সময় নয়,’ নিশ্চিত করলেন ড. হোভ। ‘খুব বেশি হলে কয়েক মিনিট। তবে ওই কয়েক মিনিটের প্রত্যেকটা সেকেন্ডই রীতিমতো অনন্তকাল ‘সবই পেয়েছে সে।’ বিতৃষ্ণার সাথে মাথা ঝাঁকালেন ডক্টর হোভ। ‘এই মেয়েটার জীবনের শেষ কয়েক মিনিট নিঃসন্দেহে তার সারা জীবনের সবচেয়ে কষ্টদায়ক কয়েক মিনিট ছিল।’
আরেকবার নীরবতা নেমে এলো।
তারপর মুখ খুললো গার্সিয়া, ‘যৌন নির্যাতন করা হয়েছে তাকে?’ জিজ্ঞেস করলো।
‘আপনারা যেমনটা ভাবছেন, তেমনটা নয়। ধর্ষণ করা হয়নি তাকে,’ বললেন ড. হোভ। তিনি যন্ত্রপাতির ট্রলির ওপরে রাখা এক টুকরো কাগজের দিকে মনোযোগ আকর্ষণ করলেন ওদের। ‘তবে এই জিনিসটা তার যোনির মধ্যে রাখা ছিল।’
ট্রলির দিকে এগোলো হান্টার আর গার্সিয়া। কাগজের টুকরোটায় একটা বাক্য হাতে লেখা হয়েছে—
আমার চোখে নেই যে কেউ—তুমি ছিলে সবচে অপার।
এগারো
“আমার চোখে নেই যে কেউ,” নিজের গাড়িতে যখন ও আর হান্টার উঠে বসছে, তখন লাইনটা আবৃত্তি করলো গার্সিয়া, “তুমি ছিলে সবচে অপার—এই লাইনটার মানে কী বলে তোমার মনে হয়?”
ঠোঁটে ঠোঁট চেপে বসলো হান্টারের, মাথা নাড়লো। ‘আমি নিজেও নিশ্চিত নই। বাক্যটা কোনো ভালোবাসার কবিতার বাক্য হতে পারে আবার অন্য কোনো কবিতার বাক্যও হতে পারে। হতে পারে কোনো গানের লাইন বা কোনো সিনেমার ডায়লগ, আবার অপরাধীর নিজের মাথা থেকে বেরোনো কোনো বাক্য হওয়াও বিচিত্র নয়।’
‘তার মানে, তুমি আগে এই লাইনটা দেখোনি?’ জিজ্ঞেস করলো গার্সিয়া।
ভ্রূ কোঁচকালো হান্টার। ‘না। দেখার কোনো কারণ আছে নাকি?’
‘কারণ, তুমি প্রচুর পড়াশোনা করো… আমার চাইতে অনেক বেশি। তুমি জানো কিনা, সে ব্যাপারে আন্দাজে একটা ঢিল ছুঁড়ে দেখলাম।’
‘এরকম কিছু পড়েছি বলে মনে পড়ছে না, তবে রিসার্চ টিমকে কাজ করতে বলেছি এর ওপরে।’
পুলিশ প্রশাসন ভবনে ফিরে আসার পরে বিকেলের কাজটা ভাগ করে নেয়ার সিদ্ধান্ত নিলো হান্টার আর গার্সিয়া। শনিবার সন্ধ্যায় যার পার্টি ছিল, মেলিসা হোথর্নের সেই বান্ধবী কেলি-অ্যান টেলারের সাথে কথা বলতে চললো গার্সিয়া, আর আরেকবার মেলিসার সৎ বোনের সাথে কথা বলতে চললো হান্টার।
নিজের প্রেমিক টমাস মলিনার সাথে এক বেডরুমের ছোটো ফ্ল্যাটে থাকে জ্যানেট। অ্যাপার্টমেন্টটা মেলিসার বাড়ি থেকে পাঁচ ব্লক দূরে। জ্যানেটের অ্যাপার্টমেন্ট ব্লকের ঠিক সামনের রাস্তায় পার্ক করলো হান্টার। খুব সাধারণ একটা ভবন; সামনের দিকটা হলুদ নোংরা, সেদিকে সাদা জানালা আর কয়েকটা ছোটো বারান্দা আছে। প্রবেশপথের ইন্টারকম কাজ করছে না, সদর দরজার লক মেকানিজমও বিকল। যার মানে, এই দরজায় কখনোই পুরোপুরি তালা লাগে না। ঠেলা দিয়ে ঢুকলো হান্টার, সিঁড়ি বেয়ে চলে এলো দোতলায়। জ্যানেটের অ্যাপার্টমেন্টের নাম্বার ১০২; ডান পাশের সরু, জানালাহীন করিডোর দিয়ে এগিয়ে গেলেই দ্বিতীয় দরজা।
দুটো ফ্লুরোসেন্ট টিউবলাইটের একটা কখনোই পুরোপুরি জ্বলছে না, জ্বলা-নেভার ওপরে আছে। কোনো ডোরবেলও নেই। তিনবার নক করলো হান্টার, অপেক্ষা করতে লাগলো।
আগেই জ্যানেটের প্রেমিক টমাসের সাথে কথা বলেছে ও; টমাস বলেছে, জ্যানেট কতটা সাহায্য করতে পারবে, সে ব্যাপারে নিশ্চিত নয় সে। এখনো শকের মধ্যে আছে মেয়েটা, গতকাল থেকে কান্নাকাটি ছাড়া আর কিছুই করেনি। গত রাতে, এক দফা হিস্টিরিয়ার পরে ঘুমের ওষুধের সাহায্যে তাকে ঘুম পাড়ানো হয়েছে।
এরকম পরিস্থিতিতে যে হান্টার কতবার পড়েছে, তার হিসেব ও হারিয়ে ফেলেছে। এখনো শকে আছে, এমন কারো ইন্টারভিউ করা মানে হলো; হয় অনির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে, নয়তো কিছুই পাওয়া যাবে না। তবে জ্যানেট এই অপরাধের একজন প্রত্যক্ষদর্শী। হান্টার তাকে যা জিজ্ঞাসা করতে চায়, সেই প্রশ্নগুলোর উত্তর তাৎক্ষণিক স্মৃতির ওপরে নির্ভর করে দিতে হবে না।
আরেকবার নক করতে যাবে, এমন সময় ভেতরে ভারী পদশব্দ শোনা গেল কারো। অন্ধকার হয়ে গেল পিপহোল, নিজের পরিচয়পত্র দেখালো হান্টার। কয়েক সেকেন্ড পরে, দরজা খুললো সুগঠিত শরীরের ছয় ফুট এক ইঞ্চি লম্বা একজন আফ্রিকান-আমেরিকান পুরুষ। পরনে তার কালো জগিং ট্রাউজার, আর বেগুনী ও হলুদ এলএ লেকারস জার্সি। বুকের ওপরে লেখা ‘৮’। হাতে কালো ও ধূসর উল্কি আঁকা। সামরিক কায়দায় তার চুল ছোটো করে কাটা, চোয়ালে নিখুঁতভাবে ট্রিম করা দাড়ি। দেখে বছর পঁচিশের কোনো তরুণ বলে মনে হলো।
‘টমাস মলিনা?’ জিজ্ঞেস করলো হান্টার, দৃষ্টি নিবদ্ধ রাখলো সামনে দাঁড়ানো তরুণের ওপরে।
হান্টারের পরিচয়পত্র আরও কয়েক সেকেন্ড সময় নিয়ে দেখলো টমাস। ‘আমি এলএপিডির ডিটেকটিভ রবার্ট হান্টার। ফোনে আমাদের কথা হয়েছিল।’
‘টম বলে ডাকুন আমাকে,’ বললো তরুণ, তার গলার স্বর সুঠাম দেহের মতোই। ‘একমাত্র আমার মা-ই আমাকে টমাস বলে ডাকেন, সেটাও তিনি ডাকেন যখন তিনি রেগে যান।’
অপেক্ষা করলো হান্টার, কিন্তু আর কিছু বললো না টম। ‘ভেতরে আসতে পারি?’ জিজ্ঞেস করলো হান্টার।
এক মুহূর্ত দ্বিধা করলো টম। ‘বুঝতে পারছি না আসলে। ফোনে যেমনটা বললাম, গতকাল থেকে জ্যানেট কান্নাকাটি ছাড়া আর কিছু করেনি, মাঝেমধ্যে বিকারগ্রস্তের মতো কেঁদেছে। কেঁদে কেঁদে শেষ পর্যন্ত শান্ত হয়েছে একটু। ওর সাথে আবার এই বিষয়গুলো নিয়ে কথা বলা মানে আবার বিষয়গুলো ওকে মনে করিয়ে দেওয়া।’
‘আমি আপনার কথা বুঝতে পারছি, টম। আমার হাতে যদি আর কোনো উপায় থাকতো, তবে আমি মিস ল্যাং অথবা আপনাকে বিরক্ত করতাম না। তবে তদন্তের স্বার্থে তার সাথে কথা বলাটা খুবই জরুরি। যতটা সম্ভব, কম সময় নেবো আমি।’
মাথা এক দিকে কাত করে হান্টারের কথা বিবেচনা করলো টম। ‘ঠিক আছে। ভেতরে আসুন,’ শেষ পর্যন্ত রাজি হলো সে, দরজাটা পুরোপুরি খুলে ধরে বাঁ পাশে সরে দাঁড়ালো।
‘ধন্যবাদ।’
সদর দরজা দিয়ে ঢুকে এগোলে সরাসরি অ্যাপার্টমেন্টের লিভিং রুমে যাওয়া যায়, যেটা ছোটো হলেও রুচিসম্মতভাবে সাজানো। ঘরে একটাই জানালা, পশ্চিমমুখী। সেই জানালার পাশে চারটে চেয়ারবিশিষ্ট এক টেবিলে বসে আছে জ্যানেট। টেবিলে তার পাশেই পড়ে আছে না খাওয়া হ্যাম, চিজ স্যান্ডউইচ আর এক গ্লাস দুধ। হান্টারের দিকে তাকালোই না মেয়েটা।
‘আমি আপনাকে বলেছিলাম,’ ফিসফিস করলো টম, জ্যানেটের দিকে ইশারা করলো। ‘কথা প্রায় বলছেই না ও। খাচ্ছেও না।’
বোনের চাইতে কয়েক ইঞ্চি লম্বা ও ওজন কুড়ি পাউন্ড বেশি বলে মনে হলো জ্যানেট ল্যাঙকে। কালো চুল ছোটো করে কাটা, কাঁধের ওপরে পড়ে আছে। মুখের গঠনটা কাঠবাদামের মতো। চোখজোড়া বড়ো, কোনার দিকে সামান্য উঁচু। চামড়া মেলিসার চাইতে এক পোঁচ হালকা। দুই বাহু সরু, হাতজোড়া ছোটো ও মোলায়েম। নখে লাগানো নেইলপলিশের উঠে গেছে বেশিরভাগ অংশই।
‘গত দুই থেকে তিন ঘণ্টার মধ্যে কোনো ওষুধ খেয়েছেন উনি?’ জিজ্ঞেস করলো হান্টার। ‘ঘুমের ওষুধ বা অন্য কোনো ওষুধ?’
‘না, কিছুই খায়নি,’ উত্তর দিলো টম।
সমঝদারের ভঙ্গীতে নড করলো হান্টার, তারপর টেবিলের দিকে এগিয়ে গিয়ে জ্যানেটের মুখোমুখি একটা চেয়ারে বসে পড়লো। জানালা থেকে সরলো না মেয়েটার দৃষ্টি।
‘হ্যালো, মিস ল্যাং,’ শান্ত গলায় ডাকলো হান্টার, ডাক্তাররা সাধারণত যেভাবে ডাকে। ‘আমাকে মনে আছে? আমি ডিটেকটিভ রবার্ট হান্টার। গতকাল কথা হয়েছিল আমাদের।’
কোনো নড়াচড়া দেখা গেল না জ্যানেটের তরফ থেকে, শুধু আবার অশ্রু জমা হতে শুরু করলো দুই চোখে।
‘মিস ল্যাং,’ শুরু করলো হান্টার। ‘আমি জানি, বর্তমানে খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন আপনি। আমি জানি, কথা বলতে ইচ্ছে হচ্ছে না আপনার। আমার সাথে না, কারো সাথেই না। তবে কয়েকটা প্রশ্নের উত্তর যদি দিতেন, তাহলে তদন্তে খুবই উপকার হতো।’
বিরতি দিলো ও, অপেক্ষা করতে লাগলো। হান্টারের দিকে না তাকিয়ে চোখ এক মুহূর্ত বন্ধ করে খুললো জ্যানেট, গাল বেয়ে নেমে এলো অশ্রুধারা। ঢোঁক গিললো সে। জ্যাকেটের পকেট থেকে একটা টিস্যু বের করলো হান্টার, জ্যানেটের দিকে বাড়িয়ে ধরলো। নিলো না মেয়েটা।
অভিজ্ঞতা থেকে হান্টার জানে, এরকম পরিস্থিতিতে প্রথম প্রশ্নটা করে ফেলাই সবচেয়ে সেরা উপায়। সেটাই করতে যাচ্ছিল ও, কিন্তু তখনই মুখ খুললো জ্যানেট।
‘কেন?’ জিজ্ঞেস করলো মেয়েটা, এক ফোঁটা অশ্রু তার চোখ থেকে গড়িয়ে নাকের ওপরে নেমে এলো। ‘মেলের সাথে কেন কেউ এরকম করলো?’
জ্যানেট আসলে কোনো উত্তরের প্রত্যাশা করছে না, বুঝতে পারলো হান্টার। কারণ, এই প্রশ্নের কোনো উত্তর হয় না। সে শুধু নিজের ক্রোধ, নিজের যন্ত্রণা, নিজের বেদনা বের করে দিচ্ছে নিজের ভেতর থেকে। চুপ করে থাকলো হান্টার, মেয়েটাকে নিজের অনুভূতি প্রকাশ করতে দিলো।
‘আপনি কি দেখেছেন, আমার বোনটার সাথে কী করা হয়েছে?’ জ্যানেটের গলায় এতটাই বেদনা যে এবার তার গলা রীতিমতো কাঁপতে লাগলো। ‘আপনি ওর চেহারা, ওর মুখটা দেখেছেন? একজন মানুষের সাথে এরকম যে করতে পারে, সে মানুষ নাকি দানব? মেলের মতো কারো সাথে কীভাবে এটা করতে পারলো সে?’ বলেই কান্নায় ভেঙে পড়লো জ্যানেট, কান্নার দমকে গোটা শরীর কাঁপতে লাগলো।
বুকের ভেতরে গভীর এক বিষাদ অনুভব করলো হান্টার। এই কান্না এই বেদনা জ্যানেট ল্যাঙের জন্য সবে শুরু। প্রিয় কোনো মানুষের নির্যাতিত ও বিকৃত লাশ আবিষ্কার করার পরে শুরুতেই মনের একটা অংশ ভেঙে গুঁড়িয়ে যায়। সময়ের সাথে সাথে তা বাড়তে থাকে ক্রমশ। জ্যানেটের মনমানসিকতা কবে ঠিক হবে, তা একমাত্র সময়ই বলতে পারবে।
চাপ দিলো না হান্টার। তার বদলে কোনার দিকে রাখা একটা শেলফের দিকে তাকালো ও, সেখানে রাখা আছে কয়েকটি ছবির ফ্রেম। তার প্রায় সবগুলোতেই মেলিসা আছে, মুখভর্তি হাসি। যে হাসি তার চাইতে বড়ো এমনকি বড়ো এই দুনিয়ার চাইতেও। জ্যানেটের হাই স্কুলের ডিপ্লোমা দুই গ্রুপে ভাগ করে ফটো ফ্রেমে রাখা।
‘মেলের সাথে যদি আপনার দেখা হতো, তাহলে আপনিও স্বীকার করতে বাধ্য হতেন যে এই পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয়া মেয়ে ও,’ বললো জ্যানেট, যেন হান্টার যে ছবিগুলো দেখছে সে ব্যাপারে সে সচেতন। এখনো কাঁপছে তার গলা। ‘বন্ধুত্বপূর্ণ, সহানুভূতিশীল, বুঝদার মেয়ে ছিল ও,’ বলে সামান্য মাথা নাড়লো জ্যানেট। ‘কারো সম্পর্কে কখনো খারাপ কথা বলতো না। সবসময় অন্যদের মধ্যে ভালোটাই দেখতে পেতো, খারাপটা কখনোই না। ওর ঠোঁটে সবসময় হাসি লেগেই থাকতো, আর ওর হাসি ছিল সংক্রামক। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, সবসময় ইতিবাচক মন্তব্য করতো।’ অবশেষে জানালা দিক থেকে চোখ সরিয়ে হান্টারের দিকে তাকালো জ্যানেট। ‘ও আমার বড়ো বোনের থেকেও বেশি কিছু ছিল। ও ছিল আমার বেস্ট ফ্রেন্ড। আর যা-ই হয়ে যাক না কেন, সবসময়ই আমার পাশে দাঁড়াতো ও। যা-ই হয়ে যাক না কেন, আমি ওর ওপরে নির্ভর করতে পারতাম। কখনোই জাজ করতো না, কখনো সমালোচনা করতো না, সবসময়ই সাহায্য করতো। যে-কোনো বিষয়ে ওর সাহায্য নিতাম আমি।’
দুটো কারণে কিছু না বলে চুপ থাকলো হান্টার। এক, জ্যানেটকে ও যা-ই বলুক, তা এখন অর্থহীন মনে হবে মেয়েটার কাছে। দুই, মন খুলে কথা বলছে মেয়েটা, আর ওর সেটাই দরকার। এখন শুধু উপযুক্ত সময় বুঝে প্রশ্নগুলো করে ফেলতে হবে। আরও একবার জ্যানেটের দিকে টিস্যু বাড়িয়ে ধরলো ও, এবং আরও একবার নিলো না মেয়েটা। তার পরিবর্তে নিজের বাঁ হাত দিয়ে গাল থেকে পানি মুছে রাগতভাবে হাসতে লাগলো।
‘সেই চিরাচরিত নিয়ম,’ উপহাসের সুরে বললো জ্যানেট, দৃষ্টি আবার জানালার দিকে ফিরে গেল।
‘কীসের কথা বলছেন?’ জিজ্ঞেস করলো হান্টার।
‘একজন কালো নারীর খুনের দায়িত্ব দেওয়া হয়েছে একজন সাদা পুলিশকে।’ ঘাড় ঘোরালো জ্যানেট, হান্টারের চোখে চোখ রেখে তাকালো। ‘কিছু মনে করবেন না, ডিটেকটিভ?’
‘হান্টার।’
‘কিছু মনে করবেন না, ডিটেকটিভ হান্টার।’ শোকের সাগরে ডুবে থাকা সত্ত্বেও গোপন রাগের সাথে অসহায়ত্বমিশ্রিত কণ্ঠ লাভা উদগীরন করলো। ‘আপনি যে নিজের কাজ খুব ভালো বোঝেন, সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু এটা আমেরিকা, যেখানে তথাকথিত পুলিশ অফিসাররা হাঁটু দিয়ে একজন কালো মানুষের গলা চেপে ধরে, আর বলে, তারা তাদের ডিউটি করছে।’
চোখের কোনা দিয়ে টমের দিকে তাকালো হান্টার, সোফায় বসে একমত হওয়ার ভঙ্গীতে নড করলো তরুণ।
‘আমাদের সিস্টেম ধ্বংস হয়ে গেছে, সেই সাথে দুর্নীতিগ্রস্তও,’ বললো জ্যানেট, সামান্য নাক টানলো সে, গাল থেকে আরও কিছুটা পানি মুছে ফেললো। ‘সেটা আরও প্রকট হয়, যখন ভিকটিম হয় একজন কালো চামড়ার মানুষ।’
এই ধরনের সাড়া প্রত্যাশা করেনি হান্টার, তবে বিস্মিত কিংবা ক্ষুব্ধ বোধ করলো না ও। আমেরিকাতে যে ঘটনাটা ঘটেছিল, সেটা খুব বেশিদিন আগের নয়, এবং তার পরে সারা পৃথিবীতে জনপ্রিয় হয়ে ওঠে ব্ল্যাক লাইভস ম্যাটার মুভমেন্ট। যে ফুটেজটা ছড়িয়ে পড়েছিল, তা অস্বীকার করার কোনো সুযোগ ছিল না। যে বর্বরতা পুলিশ দেখিয়েছিল, তা ছিল ক্ষমার অযোগ্য ও লজ্জাজনক।
জ্যানেট কথাগুলো বলার সাথে সাথে ঘরের পরিবেশটা আরও গুমোট হয়ে গেল। তার কথাগুলো হজম করলো হান্টার, চোখ না নামিয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো মেয়েটার দিকে।
‘আপনার কেমন লাগছে, তা আমি বুঝতে পারছি, মিস ল্যাং,’ বললো হান্টার, ওর কথা যেন কোনোভাবেই ক্ষমাপ্রার্থনার মতো না শোনায়, সে ব্যাপারে সতর্ক থাকলো। ‘এ-ও বুঝতে পারছি, আপনার অনুভূতি বদলাতে পারে, এমন কোনো বাক্য আমার ঝুলিতে নেই। আমি শুধু এটুকু বলতে পারি… শুধু এটুকু নিশ্চয়তা দিতে পারি… এটুকু কথা দিতে পারি… আপনার বোনের এই অবস্থার জন্য যে দায়ী, তাকে বিচারের মুখোমুখি করার জন্য আমার যা করা লাগে, আমি তা-ই করবো।’
‘আপনার কথা?’ বলে বিদ্রুপের হাসি দিলো জ্যানেট। ‘আপনি আপনার কথা দিচ্ছেন, তাই তো?’
আত্মসমর্পণের ভঙ্গীতে দুই হাত উঁচু করলো হান্টার। ‘আমি জানি, আমার কথার কোনো মূল্য আপনার কাছে নেই। আপনার কাছে, আমি শুধুই আরেকজন সাদা পুলিশ মাত্র, যে কিনা প্রোটোকল মেনে চলছে।’ থামলো ও, ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললো। ‘তবে আমার কাছে আমার কথার চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মূল্যবান আর কিছু নেই, মিস ল্যাং। আমার কাছে আমার কথার দাম সবচেয়ে বেশি। আর সেটা দিয়ে কখনো রাখিনি বলে আমার মনে পড়ে না।’
জলভরা চোখে, হান্টারের দিকে তীব্রভাবে তাকালো জ্যানেট। সামনে বসে থাকা ডিটেকটিভের চোখে এমন কিছু দেখতে পেলো সে, যেটা সচরাচর দেখা যায় না। সেটা হলো, আন্তরিকতা। আরেকবার নাক টানলো সে, আর হান্টার তৃতীয়বারের মতো তার দিকে টিস্যু বাড়িয়ে ধরলো। আগের দু’বার না নিলেও এবার টিস্যুটা নিলো জ্যানেট। সুযোগটা লুফে নিলো ডিটেকটিভ।
‘গতকাল আপনি আমাকে বলেছিলেন, আপনার বোন কারো সাথে ঘনিষ্ঠ ছিলেন না। প্রেমের সম্পর্কের বিষয়ে বলছি। এটা কি সত্যি?’
নড করার আগে আরেকবার নাক টানলো জ্যানেট।
‘আর যদি আপনার বোন কারো সাথে ঘনিষ্ঠ থাকতেন, তবে আপনাকে তিনি জানাতেন, এ বিষয়ে আপনি নিশ্চিত?’
আবার নড করলো জ্যানেট। ‘সব বিষয়ে কথা বলতাম আমরা। সেরকম কিছু হলে লুকানোর কোনো কারণ ছিল না মেলের, অন্তত আমার কাছ থেকে তো নয়ই। খুব আত্মবিশ্বাসী একজন মানুষ ছিল ও।’
‘ঠিক আছে,’ মেনে নিলো হান্টার। ‘আপনি আমাকে বলেছিলেন, শনিবার পার্টির আগে বোনের সাথে আপনার শেষ কথা হয়েছিল বুধবারে। ঠিক তো?’
এবারে নড করলো না জ্যানেট। মাথাটা সামনের দিকে সামান্য ঝোঁকালো শুধু।
‘ডিনারের জন্য একত্রিত হয়েছিল ওরা দুজন,’ এবারের কথাটা এলো টমের কাছ থেকে। ‘জ্যানেট আর মেল সপ্তাহে অন্তত দু’বার লাঞ্চ অথবা ডিনারের সময় মিলিত হতো। শেষ মিলিত হয়েছিল গত বুধবার।’
‘শনিবারে ফোনে সামান্য কথা হয়েছিল আমাদের,’ টমের কথার খেই ধরলো জ্যানেট। ‘পার্টির আগে। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, কোন পোশাকটা পরছে ও, আর কখন পার্টিতে পৌঁছাবে।’
জ্যানেটের উত্তরটা বুঝতে পারলো হান্টার। ‘আর সম্প্রতি কারো সাথে সম্পর্কে জড়িয়েছেন কিনা, সে ব্যাপারে আপনার বোন কিছুই বলেননি তখন?’
উত্তরটা দিতে কয়েক সেকেন্ড সময় লাগলো জ্যানেটের। তারপর বললো, ‘না।’
‘তার মানে, আপনার জানামতে, শেষ যার সাথে ডেট করেছিলেন আপনার বোন, অথবা, যার সাথে প্রেমের কোনো সম্পর্ক ছিল, সে আপনার বোনের সাবেক প্রেমিক কেভিন গ্যারিসন?’
আরেকবার চুপ হয়ে গেল জ্যানেট, হারিয়ে যাওয়া আত্মার মতো চোখজোড়া ঘরের মধ্যে ঘুরতে লাগলো তার।
‘মিস ল্যাং?’ ডাকলো হান্টার, মেয়েটার মনোযোগ ওর দিকে ঘোরানোর চেষ্টা করলো।
আরও দুই সেকেন্ড পার হয়ে গেল। অবশেষে হান্টারের মুখের ওপরে স্থির হলো মেয়েটার দৃষ্টি, নড করলো সে। ‘হ্যাঁ, কেভিন।’
‘তারা দু’জন কতদিন একসাথে ছিল, মনে আছে আপনার?’
প্রশ্ন শুনে আবার চুপ করে গেল জ্যানেট, তবে মুখ খুললো টম।
‘জ্যানেট আর আমি যে সময়টায় ডেট শুরু করি, মেল আর কেভিনও একই সময়ে ডেট শুরু করেছিল,’ বললো সে। ‘আমরা দুজন একসাথে আছি প্রায় আড়াই বছর, তার মানে, মেল আর কেভিনের সম্পর্ক দুই বছর ছিল বলে ধরে নেয়া যায়? ঠিক বলছি তো, জান?’ প্রেমিকার দিকে চেয়ে জিজ্ঞেস করলো সে।
নড করলো জ্যানেট। ‘হ্যাঁ, প্রায় দুই বছর।’ আবার কাঁপা গলায় বললো সে।
‘তার মানে, আপনি বলছেন, আপনার বোন আর তার প্রেমিক কেভিনের ছয় থেকে সাত মাস আগে সম্পর্ক ছিন্ন হয়?’
‘হ্যাঁ।’
প্রসঙ্গ বদলালো না হান্টার। ‘সে কি কখনো আপনার বোনের সাথে সহিংস আচরণ করেছিল?’
‘কেভিন একটা গর্দভ,’ মুখ খুললো টম। ‘সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে মেলের সাথে কখনো সহিংস আচরণ করেনি সে, এমনকি মুখেও কোনো কটু কথা বলেনি। অন্তত আমাদের জানামতে বলেনি।’ প্রেমিকার ওপরে স্থির হলো তার দৃষ্টি, মাথা নাড়লো জ্যানেটও।
‘না,’ একমত হলো মেয়েটা। ‘সহিংস লোক ছিল না কেভিন।’
‘তাকে কোথায় পেতে পারি জানেন? কয়েকটা প্রশ্ন করার ছিল তাকে।’
উত্তর দিলো না জ্যানেট। বরং নিজের হাত আর হাতে ধরা দোমড়ানো টিস্যুর দিকে তাকালো।
‘কেভিন জিম করতে খুব ভালোবাসে,’ আবার কথার খেই ধরলো টম। ‘সপ্তাহে পাঁচ থেকে ছয়বার ব্যায়াম করে। খুব সকালে।’
‘কোন জিমে, তা জানা আছে আপনার?’
‘হ্যাঁ। কালভার সিটির সিক্সপ্যাক্সে ব্যায়াম করে সে।’
‘কোনো অনুরাগী ছিল কি মেলিসার?’ একটা সূত্র ধরিয়ে দিলো হান্টার। ‘মানে, এমন কেউ যে কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অনুসরণ করতো। মাঝেমধ্যে এরা ঝামেলার সৃষ্টি করে। মেলিসা কি কখনো এমন কারো কথা বলেছিল? হয়তো কোনো অশ্লীল ছবি অথবা প্রেমের কবিতা কিংবা বাক্য, কিংবা এই ধরনের কিছু পাঠাতে পারে যে?’
দোমড়ানো টিস্যুটা দিয়ে আরেকবার নিজের নাক মুছলো জ্যানেট। ‘ঠিক তা নয়।’
তাকে আরেকটা টিস্যু বাড়িয়ে দিলো হান্টার। ‘ঠিক তা নয়, আর ‘না’ কিন্তু এক নয়,’ বললো ও।
‘মাঝে মধ্যে লিঙ্গের ছবি আসতো ওর কাছে,’ ব্যাখ্যা করলো জ্যানেট। ‘এরকমটা হয়। কিছু গর্দভ আছে, যাদের ধারণা, লিঙ্গের আকৃতি দেখিয়েই তারা একজন নারীকে পটিয়ে ফেলবে। মেল যতবারই এরকম ছবি পেতো, ততবারই এ নিয়ে হাসাহাসি করতাম আমরা।’
‘এরকমটা কি প্রায়ই ঘটতো?’
‘না, সেরকম নয়। খুব বেশি হলে কয়েকবার।’
‘সম্প্রতি কি ঘটেছে সেরকম কিছু?’
‘উম…’ মাথা নাড়ানোটা সশব্দে বেরিয়ে এলো জ্যানেটের গলা দিয়ে। ‘না, আমার তা মনে হয় না। আমার ঠিক মনে পড়ছে না।’ বলতে বলতে মেয়েটার চোয়াল ঝুলে পড়লো, বিস্ফারিত হয়ে গেল চোখজোড়া। ‘দাঁড়ান, শনিবার সন্ধ্যায় বারে কারো সাথে কথা বলেছিলো মেল।’
‘কারো সাথে কথা বলেছিল?’
‘হ্যাঁ,’ নিশ্চিত করলো জ্যানেট। ‘আমরা যখন চলে আসছি, তখন মেলকে বিদায় জানাতে যাই আমি। বারে বসে ছিল ও, লোকটার সাথে কথা বলছিল। লম্বা একজন লোক, কালো চুল।’
‘পার্টির অতিথি ছিল?’
‘না, আমার ধারণা, সে পার্টির অতিথি ছিল না।’ হান্টারের প্রশ্নের জবাবটা এলো টমের কাছ থেকে। ‘পুলের পাশে একটা অংশ পার্টির জন্য রিজার্ভ করেছিল কেলি-অ্যান,’ বললো সে। ‘তবে সবসময়ের মতোই খোলা ছিল বার। আমার ধারণা, ওখানে ড্রিঙ্ক নিতে এসেছিল লোকটা।’
‘আপনি বলছেন, কথা বলছিলো তারা। কেমন কথা?’
‘একসাথে হাসাহাসি করছিলো, ফ্লার্ট করছিল। এসব ক্ষেত্রে কী হয়, তা তো জানেন আশা করি?’
‘আপনার কী মনে হয়? মেলিসা তাকে নিজের বাড়িতে রাত কাটানোর জন্য আমন্ত্রণ জানিয়ে থাকতে পারে? অথবা অন্য কিছু?’
বেদনার্ত চোখে তার দিকে তাকালো জ্যানেট। ‘সন্দেহ আছে আমার,’ বললো সে, তার কণ্ঠ শুনে মনে হলো, অপমানিত হওয়া থেকে এক চুল দাঁড়িয়ে আছে সে। ‘আমার বোন এরকম ওয়ান-নাইট স্ট্যান্ড টাইপের মেয়ে ছিল না।’
বিভিন্ন সময়ে সেক্সের অর্থ বিভিন্ন হতে পারে। হান্টার তা জানে। সেক্সের ফলে শারীরিকভাবে ও আবেগগতভাবে যে স্বস্তিটা পাওয়া যায়, সে রাতে হয়তো সেটার প্রয়োজন ছিল মেলিসার। অথবা, এমনও হতে পারে, এক রাতের সম্পর্ক থেকে এমন কোনো সম্পর্কের সূচনা হতো, যা কিনা আরও অর্থবহ কিছু হতে পারতো। জ্যানেটের বক্তব্যের বিপরীতে এরকম বহু যুক্তি দেখাতে পারে হান্টার, তবে তাতে কোনো লাভ হবে না। আর সবচেয়ে বড়ো কথা হলো, হান্টার যত কূটনৈতিকভাবেই কথাগুলো বলুক না কেন, কথাটা শুনলে অপমানিতই বোধ করবে মেয়েটা। কথাটা না বলে আরও প্রশ্ন করার সিদ্ধান্ত নিলো ও।
‘আপনারা যখন বিদায় জানাতে গেলেন,’ আবার আগের কথার খেই ধরলো হান্টার। ‘মেলিসা যার সাথে কথা বলছিল, তার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল আপনাদের? লোকটার নাম মনে আছে?’
সামান্য কয়েক মুহূর্ত চোখ পিটপিট করলো টম, তারপর জ্যানেটের দিকে তাকালো। ‘হ্যাঁ, দিয়েছিল,’ বললো সে। ‘তবে তার নাম মনে নেই আমার। তোমার কি মনে আছে, জান?’ জ্যানেটকে জিজ্ঞেস করলো সে।
আরও একবার, নিজের মাথা নাড়লো জ্যানেট।
‘তখন কয়টা বাজছিলো ঘড়িতে? আপনারা পার্টি থেকে বেরিয়েছিলেন কখন?’
জ্যানেটের দিকে তাকালো টম, কিন্তু আবার জানালার দিকে মূর্তির মতো তাকিয়ে থাকলো মেয়েটা।
‘মাঝ রাতের আধা ঘণ্টা পরে,’ বললো টম। ‘খুব বেশি হলে রাত পৌনে একটা বাজছিলো তখন। এর চেয়ে বেশি কোনোভাবেই নয়।’
লিখে নিলো হান্টার। ‘আর মেলিসা? কখন বাড়িতে ফিরবে, সে ব্যাপারে কিছু বলেছিল আপনাদেরকে? পার্টির কারো গাড়িতে করে ফিরেছিল?’
‘না,’ আরও একবার টমের কাছ থেকে উত্তর এলো। ‘কারো গাড়িতে করে ফেরার কথা বলেনি আমাদের। বেরোনোর ঠিক আগে জ্যানেট জিজ্ঞেস করেছিল ওকে। মেল ওকে জানায়, একটা ক্যাব ডেকে ফিরে যাবে।’
‘তথ্যটা কাজে লাগবে,’ নোট নিতে নিতে বললো হান্টার।
‘কেন?’ সতর্ক সুরে প্রশ্ন করলো টম। ‘ওর বাড়িতে কি এমন কোনো চিহ্ন পাওয়া গেছে যে রাতে ওর সাথে ছিল কেউ? দ্বিতীয় একটা ওয়াইনের গ্লাস? একটা অতিরিক্ত ভেজা তোয়ালে? বিছানার চাদরে দাগ? এই ধরনের কিছু?’
কৌতূহলী দৃষ্টিতে তার দিকে তাকালো হান্টার।
‘ক্রাইম চ্যানেল দেখি আমি,’ ওর কৌতূহল নিরসন করলো টম, ডিটেকটিভকে টেক্কা দিতে পেরেছে ভেবে সামান্য সন্তুষ্ট দেখালো।
অনেক কষ্টে নিজের বিরক্তি গোপন রাখলো হান্টার। ‘না, আমরা কোনো দ্বিতীয় ওয়াইন গ্লাস পাইনি, পাইনি কোনো অতিরিক্ত ভেজা তোয়ালেও। অন্য কিছুও পাইনি, পাইনি বাড়িতে জোর করে প্রবেশের কোনো চিহ্নও। যার মানে, মেলিসা ইচ্ছাকৃতভাবেই তার খুনিকে বাড়িতে ঢুকতে দিয়েছে, এরকম একটা সম্ভাবনা আছে।’
হান্টারের কথা দৃষ্টি আকর্ষণ করলো জ্যানেটের। আবার কথা বলার আগে নাক দিয়ে শ্বাস টেনে মুখ দিয়ে বের করে দিলো হান্টার। ‘একটা নোটও পেয়েছি আমরা।’
‘নোট?’ জিজ্ঞেস করলো জ্যানেট। ‘কী ধরনের নোট?’
‘যা বুঝেছি, প্রেমময় এক নোট।’ নিজের মোবাইল বের করার জন্য জ্যাকেটের ভেতরের পকেটে হাত ঢোকালো হান্টার। ফটো গ্যালারি থেকে মর্গে তোলা নোটের ছবিটা বের করে জ্যানেটকে দেখালো।
ছবিটা দেখার জন্য টমও কাছে এগিয়ে এলো। নোটের লেখাগুলো পড়লো জ্যানেট। ‘আমার চোখে নেই যে কেউ—তুমি ছিলে সবচে অপার’ পড়ার সাথে সাথে অশ্রুকণা আবার জড়ো হলো মেয়েটার চোখে। আবার নতুন একটা টিস্যু তার দিকে বাড়িয়ে ধরলো হান্টার।
‘কোথায় পাওয়া গেছে এটা?’ জিজ্ঞেস করলো টম।
‘কিচেনে,’ মিথ্যে বললো হান্টার। খুনি তার বোনকে খুন করেই ক্ষান্ত হয়নি, সেই সাথে তার শরীরের গোপন জায়গাতেও হাত দিয়েছে, এই তথ্যটা জ্যানেটকে জানিয়ে তার দুঃখটা আরও বাড়াতে চাইলো না।
প্রশ্নবোধক দৃষ্টিতে হান্টারের দিকে তাকালো জ্যানেট। বোনের লাশ খুঁজে পেয়েছিল সে, কিচেনে কোনো নোট দেখেছিল বলে মনে পড়ছে না।
‘ভাঁজ করা ছিল,’ আবার বললো হান্টার, ভাঁজের কারণে হওয়া দাগগুলোর দিকে ইশারা করলো। ‘চুলার পাশে রাখা ছিল।’
হান্টারের হাতে ধরা ফোনের ছবির দিকে দৃষ্টি ফিরে গেল জ্যানেটের, আবার ফোঁপাতে শুরু করলো।
‘আপনার কি কোনো ধারণা আছে, নোটের এই কথাগুলো আপনার বোনকে কে লিখে থাকতে পারে?’ জিজ্ঞেস করলো হান্টার। ‘কেভিন হতে পারে কি?’
বেশ কিছুক্ষণ সময় লাগলো জ্যানেটের নিজেকে সামলাতে। সামলানোর পরে এমন একটা কথা সে হান্টারকে বললো, যেটা কিনা বোমার মতো বিস্ফোরিত হলো হান্টারের কাছে।
‘আমি জানি না, এই কথাগুলো মেলের কিনা। কবিতা বা এই ধরনের কিছু ও লিখতো বলে জানা নেই আমার। তবে…’ ছবিতে আঙুল দিয়ে দেখালো জ্যানেট। ‘নোটের হাতের লেখাটা নিশ্চিতভাবেই মেলের।’
বারো
বিকেলের বেশিরভাগ সময় ভারী মেঘের কারণে গোমড়া হয়ে থাকলো ডাউনটাউন লস অ্যাঞ্জেলসের আকাশের মুখ। বিকেল পাঁচটায়, হান্টার আর গার্সিয়া যখন নিজেদের অফিসে ফিরলো, তখন বৃষ্টির প্রথম ফোঁটা নেমে এলো শহরের বুকে। ডিটেকটিভ দুজন নিজেদের চেয়ারে বসতে পর্যন্ত পারেনি, তখনই ওদের অফিসে ঢুকে পড়লেন ক্যাপ্টেন ব্লেক।
‘ওকে, ভিকটিমের শরীরে পাওয়া নোট সম্পর্কে বলুন।’ বললেন তিনি।
দরজার দিকে পিঠ দিয়ে ছিল গার্সিয়া, ঘরের মধ্যে ক্যাপ্টেনের প্রবেশ টের পায়নি। দরজা বন্ধ হতেই লাফ দিয়ে উঠে দাঁড়ালো সে। ‘ড্যাম, ক্যাপ্টেন, কোথেকে উদয় হলেন? আমাদের শরীরে কোনো ট্র্যাকার লাগিয়ে দিয়েছেন নাকি? মাত্র অফিসে ঢুকলাম।’
বিষদৃষ্টিতে ওদের দিকে তাকালেন ক্যাপ্টেন। ‘এটা আমার ডিপার্টমেন্ট। আমার ফ্লোর। সব জায়গায় সজাগ দৃষ্টি আছে আমার। এবারে নোটের কথায় আসা যাক। কী বিষয়ে নোটটা?’
ক্যাপ্টেনকে সকল অটোপসি রিপোর্ট দেখাতে ব্যস্ত হয়ে পড়লো গার্সিয়া, নোটটা দেখাতেও ভুললো না। আর নিজের কম্পিউটারের সাথে মোবাইল ফোনের সংযোগ দিলো হান্টার, মোবাইলে যে ছবিটা তুলেছিল, সেটা প্রিন্ট করে নিলো।
‘আমার চোখে নেই যে কেউ—তুমি ছিলে সবচে অপার,’ জোরে পড়লেন ক্যাপ্টেন, তারপর ভ্রূ কুঁচকে নিজের ডিটেকটিভদের দিকে তাকালেন। ‘এটা ভিকটিমের যোনির মধ্যে পাওয়া গেছে?’
নড করলো গার্সিয়া। ‘একটা জিপ লক ব্যাগের মধ্যে ভরে যোনিতে রাখা ছিল।’
‘আশা করি, নোট এবং ব্যাগ দুটোই ইতোমধ্যে অ্যানালাইসিস ও গ্রাফোলজির জন্য ফরেনসিকসে পাঠানো হয়েছে?’
‘জি, হয়েছে।’ নিশ্চিত করলো গার্সিয়া।
‘গ্রাফোলজিকে আর বিরক্ত করার কোনো প্রয়োজন নেই,’ সবার দৃষ্টি আকর্ষণ করে বললো হান্টার।
‘মানে?’ জিজ্ঞেস করলো গার্সিয়া। ‘প্রয়োজন নেই কেন?’
‘নোটের হাতের লেখাটা মেলিসা হোথর্নের,’ ব্যাখ্যা করলো হান্টার, ছবির বোর্ডের দিকে এগিয়ে গিয়ে প্রিন্ট করা ছবিটা পিন দিয়ে লাগিয়ে দিলো। ‘আজ সকালে মেলিসার সৎবোন জ্যানেটের সাথে কথা বলেছি আমি। ফোনে থাকা এই ছবিটাও দেখিয়েছি।’
‘আর এই নোটটা যে ওর বোনের হাতে লেখা, সে বিষয়ে শতভাগ নিশ্চিত সে?’ জিজ্ঞাসা করলেন ক্যাপ্টেন ব্লেক।
‘কোনো সন্দেহ নেই তার।’
নীরবে বাক্যটা আরও একবার পড়লেন ক্যাপ্টেন ব্লেক। ‘এই লাইনটা আসলে কী, তা কি আমরা জানি? মানে এই বাক্যটা কি কোনো গানের লাইন? অথবা কারো লেখা কবিতা? কিংবা কোনো সিনেমার ডায়লগ? বাক্যটা কি ভিকটিমের, নাকি খুনির নিজের?’
‘ইন্টারনেটে খোঁজাখুঁজি করেছি আমি,’ তাকে জানালো হান্টার। ‘কিন্তু কিছুই পাওয়া যায়নি; কোনো গানের লাইন নয়, নয় কোনো কবিতা। নয় কোনো নার্সারি রাইম, নয় কোনো সিনেমার ডায়লগ। কিচ্ছু নেই। অন্তত শব্দগুলোকে যে সিকোয়েন্সে সাজানো হয়েছে, সেভাবে ইন্টারনেটে নেই কিছু। ইতোমধ্যেই আরও বিস্তারিতভাবে গবেষণার জন্য নোটটা আমি আমাদের রিসার্চ টিমের কাছে পাঠিয়ে দিয়েছি। জ্যানেট ল্যাং আমাকে আরও জানিয়েছে; তার জানামতে, তার বোন কবিতা, গান অথবা এই ধরনের কিছু লেখালেখির সাথে জড়িত ছিল না…’ আরও কথা বলার আগে বোর্ডের দিকে ইশারা করলো হান্টার।
‘তবে আমি মেলিসার বাড়িতে আরেকবার যাবো, গিয়ে খুঁজে দেখবো। মানুষ যে গোপনে কবিতা লেখে, গান লেখে অথবা ছবি আঁকে, বিষয়টা খুব একটা অস্বাভাবিক না। কিছু মানুষ তাদের মনের গহীনের কথা, ব্যক্তিগত চিন্তা অনুভূতি ইচ্ছা যেটাই হোক না কেন, নিজেদের জন্য করে, কারো সাথে শেয়ার করার জন্য নয়।’
‘একটা গোপন ডায়েরির মতো,’ বললেন ক্যাপ্টেন ব্লেক।
‘হ্যাঁ, সেরকমই।’
এক মুহূর্ত সময় নিয়ে বোর্ডে লাগানো ছবিটা যাচাই করলেন ক্যাপ্টেন ব্লেক। ‘লেখাটা ভিকটিমের হোক বা না হোক,’ বললেন তিনি, ‘থিওরিটা কি এখানে? খুনি ভিকটিমকে মেরে ঝুলিয়ে দেওয়ার আগে তাকে দিয়ে লিখিয়ে নিয়েছে?’ তার গলায় দ্বিধার ছোঁয়া লক্ষ করা গেল।
‘সম্ভবত, হ্যাঁ।’ বলে নিজের ডেস্কে বসলো হান্টার।
একটা দম ছাড়লেন ক্যাপ্টেন ব্লেক। ‘যদিও আমি কোনো বিশেষজ্ঞ নই, তবে নোটটা দেখে আমার মনে হচ্ছে, ছ্যাঁকা খাওয়া কোনো সাবেক প্রেমিক তার ভালোবাসা প্রকাশ করেছে। অথবা এমন কেউ, যার প্রস্তাব ভিকটিম ফিরিয়ে দিয়েছিল। এমন কেউ, যার অহংবোধে আঘাত করেছিল ভিকটিম।’
‘সেটা খুবই সম্ভব,’ মেনে নিলো হান্টার। ‘এদিকটা অবশ্যই আমাদের খতিয়ে দেখতে হবে। সকালে যেটা বললাম, প্রায় ছয় সাত মাস আগে কেভিন গ্যারিসনের সাথে সম্পর্কের ইতি টেনেছিল মেলিসা।’
‘হ্যাঁ বলেছিলেন,’ মনে পড়লো ক্যাপ্টেনের। ‘লোকটা তো মেলিসার সাথে চিট করেছিল, তাই না?’
‘হ্যাঁ।’
‘কিন্তু তাহলে মেলিসাকে দিয়ে এই নোটটা লেখালো কেন?’ শ্রাগ করে জিজ্ঞেস করলো গার্সিয়া। ‘খুনি যদি নিজের হাতে নোটটা লিখতো, তবে সবচেয়ে বেশি যুক্তিযুক্ত হতো। কী মনে হয় আপনাদের?’ বলে তার দিকে ধেয়ে আসা প্রশ্নের উদ্দেশ্যে এক হাত উঁচু করলো সে। ‘হ্যাঁ মানছি, খুনি যদি নিজের হাতে লিখতো, তবে তার হ্যান্ডরাইটিং পেয়ে যেতাম আমরা। কিন্তু সে তো চাইলেই নোটটা প্রিন্ট করে নিতে পারতো, অথবা অন্য কোনোভাবে নোটটা লিখতে পারতো। কী মনে হয় আপনাদের?’
‘অর্থ,’ জবাব দিলো হান্টার।
হান্টারের কথার ভুল ব্যাখ্যা করলো গার্সিয়া। ‘অর্থ হলো,’ পার্টনারের দিকে নড করে বললো সে, ‘খুনি খুব সহজেই নোটটা প্রিন্ট করে নিতে পারতো।’
মাথা নাড়লো হান্টার। ‘প্রশ্ন নয়, এটা হলো উত্তর। খুনি নোটটা ভিকটিমকে দিয়ে লিখিয়েছে, কারণ নোটের লেখাটা খুনির কাছে একটা অর্থ বহন করে। সে চেয়েছে নোটে ভিকটিমের হাতের লেখা থাকুক। খুনি যা করছে, তার প্রত্যেকটা কাজের পেছনে কোনো না কোনো অর্থ আছে। এবং ভিকটিমকে দিয়ে একের অধিকবার সে কেন লিখিয়েছে, তারও অর্থ আছে।’
‘একের অধিকবার?’ বিষয়টা অদ্ভুত লাগলো ক্যাপ্টেনের কাছে। ‘এটা কেন বলছেন? ভিকটিমের বাড়িতে আরও নোট পাওয়া গেছে নাকি?’
‘না, আর কোনো নোট পাওয়া যায়নি।’ উত্তর দিলো গার্সিয়া, হান্টারের দিকে তাকালো সে। ‘গিয়েছে নাকি?’
মাথা নাড়লো হান্টার। ‘না, যায়নি।’
আরও বিভ্রান্ত দেখালো ক্যাপ্টেন ব্লেককে। ‘তাহলে আপনি কীভাবে জানছেন, খুনি ভিকটিমকে একের অধিকবার লিখিয়েছে?’
‘নোটটা আরেকবার দেখুন,’ বোর্ডের দিকে ইশারা করে বললো হান্টার। গার্সিয়া ও ক্যাপ্টেন ব্লেক দুজনেই বোর্ডের দিকে এগিয়ে গেল, আরও একবার ভালো করে খতিয়ে দেখলো নোটটা। দুজনেই নোটের মধ্যে ভিন্ন কিছু খুঁজতে লাগলো। চোখ কুঁচকে ছবিটার দিকে তাকিয়ে থাকলেন ক্যাপ্টেন ব্লেক, এই নোটটা লেখার আগে ঠিক কী ঘটেছিল, তা বোঝার চেষ্টা করছেন।
কিন্তু বুঝতে পারলেন না কিছু। গার্সিয়াও প্রথমে নোটে সেরকম কিছু খুঁজলো। কিন্তু খুব দ্রুত উপলব্ধি করলো, ঠিক কী মিস করে গেছে ও।
‘হাতের লেখা,’ বললো ও, হান্টারের দিকে ফিরে তাকালো। ওর দিকে তাকিয়ে হাসলো হান্টার।
‘হাতের লেখা?’ জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন, নিজের মনোযোগ সেদিকে ফেরালেন।
‘হাতের লেখাটা একদম নিখুঁত,’ বললো গার্সিয়া।
আরও কয়েক সেকেন্ড পরে ব্যাপারটা বোধগম্য হলো ক্যাপ্টেন ব্লেকের। খুনি যদি খুন করার আগে ভিকটিমকে দিয়ে নোটটা লেখাতো, তবে প্রচণ্ড আতঙ্কিত অবস্থায় থাকতো ভিকটিম। সেক্ষেত্রে প্রচণ্ড কাঁপতো তার হাত, নোটের লেখাটা এলোমেলো অবস্থায় থাকতো।
‘কোনো সন্দেহ নেই,’ নিশ্চিত করলো হান্টার। ‘এক্ষেত্রে সেটা ঘটেনি, যার মানে হলো, আমাদের হাতে অল্প কিছু বিকল্প আছে। সবচেয়ে সম্ভাব্য দুটো হলো, ভিকটিমের শান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করেছে খুনি, অথবা হাতের লেখা নকল করতেও খুনি খুব দক্ষ।’
‘খুনি কি ভিকটিমের সাবেক প্রেমিক হতে পারে?’ জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন ব্লেক। ‘কী যেন নাম তার?’
‘কেভিন গ্যারিসন,’ জবাব দিলো গার্সিয়া।
‘আমি কথাটা জিজ্ঞেস করছি, কারণ…’ বোর্ডের দিকে ইশারা করলেন ক্যাপ্টেন। ‘খুনটা আসলে আবেগের বশে করা হয়নি। সেরকম অপরাধ আমরা অনেক দেখেছি, কিন্তু এটা তার একটা নয়। এই অপরাধটা সংঘটিত হয়েছে রাগ, ঘৃণা আর অন্যান্য বদগুণের সমন্বয়ে।’
‘এই মুহূর্তে কেভিন গ্যারিসন বিষয়ে খুব একটা তথ্য আমাদের কাছে নেই,’ নিজের নোটপ্যাড দেখতে দেখতে বললো হান্টার। ‘তবে তাকে খুঁজে বের করাটা খুব একটা কঠিন হবে না। রোজ সকালে কালভার সিটির এক জিমে ব্যায়াম করে সে। কাল সেখানে যাবো আমি, কিন্তু তারপরেও একজন রহস্যময় অতিথি কিন্তু থেকেই যাচ্ছে।’
“রহস্যময় অতিথি’ মানে?’ জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন ব্লেক।
‘জ্যানেট আমাকে জানিয়েছে, শনিবার রাতে বারে বসে কারো সাথে গল্প করেছে মেলিসা। এমন কেউ যে কিনা কেলি-অ্যানের জন্মদিনের পার্টিতে অতিথি ছিল না।’
ক্যাপ্টেন ব্লেকের তরফ থেকে পরের প্রশ্নটা এলো ভ্রূ নাচানোর মাধ্যমে।
‘ব্রোকেন শেকার ককটেইল লাউঞ্জের একটা সেকশন নিজের জন্মদিনের পার্টির জন্য রিজার্ভ করেছিল কেলি-অ্যান।’ ব্যাখ্যা করলো হান্টার। ‘তবে নিয়মিত কাস্টোমারদের জন্যও খোলা ছিল বার। জ্যানেট আর তার বয়ফ্রেন্ড টম যখন পার্টি শেষে বেরিয়ে যাচ্ছে, তখন তারা মেলিসা আর এই রহস্যময় লোকটিকে বারে দেখতে পায়। বিদায় জানাতে যায় টম আর জ্যানেট, ওদের সাথে লোকটির পরিচয় করিয়ে দেয় মেলিসা। তবে লোকটির নাম যে কী, তা দুজনের কারোরই মনে নেই।’
‘মার্ক,’ নিজের ডেস্কে বসে নোটপ্যাড ওল্টাতে ওল্টাতে বললো গার্সিয়া। ‘বারে যে রহস্যময় লোকটার সাথে মেলিসা কথা বলেছিল, তার নাম মার্ক।’
হান্টার আর ক্যাপ্টেন ব্লেক দুজনেই ওর দিকে ঘুরে তাকালো।
‘কেলি-অ্যান নিজের পার্টিতে সব মিলিয়ে পঁয়ত্রিশজনকে আমন্ত্রণ জানিয়েছিল।’ বললো গার্সিয়া। ‘শেষ পর্যন্ত উপস্থিত হয় একত্রিশজন। কেলি-অ্যান, তার বয়ফ্রেন্ড ও আরও আটজন অতিথির সাথে আজ বিকেলে কথা বলেছি আমি। বাকিদের সাথেও কথা বলবো। আর ঠিকই বলেছ তুমি,’ হান্টারকে উদ্দেশ্য করে বললো গার্সিয়া। ‘বারে এমন কারো সাথে মেলিসা গল্প করেছে, যে পার্টিতে আমন্ত্রিত ছিল না। কেলি-অ্যান ও তার বয়ফ্রেন্ডও লোকটাকে দেখেছে, দেখেছে যে আটজনের সাথে কথা বলেছি, তার মধ্যে তিনজন,’ নিজের নোটপ্যাডের পাতা ওল্টালো গার্সিয়া। ‘লোকটার সাথে কিছুক্ষণ কথাও বলেছে কেলি-অ্যান। বান্ধবীর সঙ্গে লোকটার পরিচয় করিয়ে দিয়েছিল মেলিসা। কেলি-অ্যান শতভাগ নিশ্চিত যে লোকটার নাম মার্ক। নামটা মনে থাকার কারণ, তার বাবার নামও একই।’
‘পদবী জানা যায়নি?’ জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন ব্লেক।
‘না,’ ছোটো একটা হাসি দিয়ে বললো গার্সিয়া। ‘ক্যাপ্টেন, তাদের পরিচয় হয়েছে বারে। বারে পরিচয় হওয়ার পরে কতজন লোক নিজেদের পরিচয় পদবীর মাধ্যমে দেয়?’
‘অনেকেই,’ বলে পিছিয়ে গেলেন ক্যাপ্টেন।
‘কিন্তু এই গ্রুপের বয়স মধ্য বিশে,’ পাল্টা যুক্তি দেখালো গার্সিয়া।
‘আচ্ছা, আপনার যুক্তি গ্রহণ করলাম। লোকটা দেখতে কেমন তা জানা গেছে? নিদেনপক্ষে একটা ছবি? এখন তো সবাই সবসময় সব জায়গাতে ছবি তোলে? আশা করছি জন্মদিনের পার্টি যেহেতু, তাই প্রচুর ছবি তোলা হয়েছে। হয়তো বাই চান্স, কেউ এই ‘মার্ক’ নামের লোকটার ছবি তুলেছে। সরাসরি না হলেও লোকটা ব্যাকগ্রাউন্ডে আছে এমন ছবিও হতে পারে।’
‘আমিও তেমনটাই ভেবেছিলাম,’ জবাব দিলো গার্সিয়া। ‘কেলি-অ্যান, তার বয়ফ্রেন্ড আর যে আটজন অতিথির সাথে কথা বলেছি, তাদের সবাইকে জিজ্ঞেস করেছি, তারা পার্টিতে কোনো ছবি তুলেছে কিনা।’
‘তারপর?’
‘সবাই-ই তুলেছে। কেলি-অ্যান তার বয়ফ্রেন্ডের তুলেছে একগাদা ছবি। সমস্যা হচ্ছে, পার্টিটা তারা যে জায়গায় আয়োজন করেছিল, বারটা ঠিক সে জায়গার ছাদের ওপরে অবস্থিত।’ মাথা নাড়লো গার্সিয়া। ‘যে ছবিগুলো তোলা হয়েছে, তাতে বার দেখা কোনোভাবেই সম্ভব নয়। তারপরেও আমি প্রত্যেকটা ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি।’
‘সিসিটিভি ক্যামেরা,’ পরামর্শ দিলো হান্টার। ‘বার এরিয়াতে কয়েকটা সিসি ক্যামেরা থাকার কথা। আর যদি না-ও থাকে, ব্রোকেন শেকারের রুফটপ বার ফ্রি হ্যান্ড হোটেলে। বারে যেতে হলে প্রত্যেককে লবি পার হয়ে যেতে হয় এবং হোটেলের প্রত্যেক লবিতে সিসি ক্যামেরা আছে।’
‘আরও একবার বলছি, আমিও তেমনটাই ভেবেছিলাম।’ একমত হলো গার্সিয়া। ‘সিসি ক্যামেরা আছে কিনা, তা জানার জন্য হোটেলে ফোন করেছিলাম। ব্রোকেন শেকারের বার এরিয়াতে ক্যামেরা আছে তাদের। ওখানে যাচ্ছি আমি,’ বলে ঘড়ি দেখলো গার্সিয়া। সাড়ে পাঁচটার দিকে এগোচ্ছে ঘড়ির কাঁটা। ‘এখনই বেরোবো। আসবে না-কি? মাত্র এক মাইল মতো পথ।’
গার্সিয়া কথা শেষ করার আগেই নিজের জ্যাকেটের দিকে হাত বাড়ালো হান্টার।
তেরো
হোটেল পুলের ছাদে ব্রোকেন শেকারের ম্যানেজার ক্রিস্টিনা ডি’অ্যাঞ্জেলোর কাছে ওদের আগমনের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে বিন্দুমাত্র সময় নষ্ট করলো না হান্টার আর গার্সিয়া। ওদের পরিচয়পত্র দেখার পরে সোজা ওদেরকে সিসিটিভি রেকর্ডিং রাখার অফিসে নিয়ে গেল মহিলা। অফিসটা বারের ঠিক ডানেই অবস্থিত। অফিসটা বিশাল, কিন্তু জিনিসপত্র এলোমেলোভাবে রাখা।
‘অগোছালো থাকায় দুঃখিত,’ বললো ক্রিস্টিনা, ঘরের একমাত্র ডেস্কের সামনে গিয়ে কি-বোর্ডের স্পেসবার কি’তে চাপ দিলো। আলোকিত হয়ে উঠলো মনিটর। ‘এখানে সাধারণত ভিজিটররা আসে না।’ বলে কোনার দিকে রাখা গাদাখানেক ফোল্ডিং চেয়ারের দিকে ইশারা করলো সে। ‘ওখান থেকে চেয়ার টেনে নিয়ে বসতে পারেন।’
হান্টার আর গার্সিয়া যার যার চেয়ার নিতেই কম্পিউটারে কাজ শুরু করলো ক্রিস্টিনা।
‘শনিবারে খুব ব্যস্ততা গেছে আমাদের,’ মুখ খুললো সে। ‘খোলা থেকে শুরু করে বন্ধ করা পর্যন্ত সব মিলিয়ে প্রায় চারশো লোক এসেছিল সে সন্ধ্যায়, এমনকি এর চেয়ে বেশিও এসে থাকতে পারে। বারের ঠিক বাইরের সিলিঙে দুটো ক্যামেরা আছে আমাদের।’
‘হ্যাঁ, চোখে পড়েছে ক্যামেরাদুটো,’ নিজের চেয়ার ডানে রাখতে রাখতে বললো হান্টার।
গার্সিয়া বামে বসার উদ্যোগ নিলো।
‘এখানেই জটিলতার সৃষ্টি হচ্ছে,’ মনিটরে ভেসে ওঠা ছবির দিকে তাকিয়ে বললো ক্রিস্টিনা। সিলিঙে লাগানো ক্যামেরাদুটো সরাসরি বারের সার্ভিং কাউন্টারের দিকে তাক করা। ‘আপনারা যাকে খুঁজছেন, সে যদি বারে না এসে থাকে, তবে সে যদি টেবিলে বসে আমাদের কোনো ওয়েইট্রেসের কাছে ড্রিঙ্কস অর্ডার না দেয় তবে এই রেকর্ডিং আপনাদের কোনো কাজে আসবে না। আমাদের এই দুটো ক্যামেরাই আছে শুধু, টেবিলমুখী কোনো ক্যামেরা নেই।’
‘বারে এসেছিল লোকটা,’ ক্রিস্টিনার দৃষ্টি অনুসরণ করে বললো গার্সিয়া। ‘এখানে বসেছিলো বলে জানতে পেরেছি আমরা।’ বলে একটা মনিটরে বারের বাঁ দিকে একটা জায়গা দেখালো সে।
‘ওকে,’ একটা নড করে বললো ক্রিস্টিনা। ‘তথ্যটা কাজে দেবে। এবার দ্বিতীয় সমস্যা—আপনাদের কি নির্দিষ্ট কোনো টাইমফ্রেম জানা আছে? কারণ, যদি জানা না থাকে, সেক্ষেত্রে দশ ঘণ্টারও বেশি ফুটেজ দেখতে হবে আপনাদেরকে।’
‘মাঝ রাত থেকে শুরু করা যাক,’ বললো হান্টার, জ্যানেট আর টমের সাথে বিকেলের কথোপকথন মনে পড়লো। চেয়ারটা ডেস্কের দিকে সামান্য এগিয়ে নিয়ে এলো ও। ‘এই টাইমফ্রেমের আগেপিছে যাওয়া যাবে; তবে আমি জানি, মাঝ রাত থেকে রাত একটার মাঝের সময়ে দেখা গেছে তাকে।’
‘শিওর,’ বললো ম্যানেজার, টাইমফ্রেম সার্চ বক্সে সময়টা টাইপ করলো। ‘এন্টার’ বাটনে চাপ দিতেই খুব ব্যস্ত বারে চলে গেল মনিটরের দৃশ্য। যেখানে দেখা গেল, রীতিমতো দৌড়ের ওপরে আছে দুজন বারটেন্ডার। ওয়েইট্রেসদের পাশাপাশি তারাও কাস্টোমারদের থেকে অর্ডার বুঝে নিচ্ছে।
অফিসের বাইরে বারে কাজ করছে একজন লম্বা, হিস্প্যানিক পুরুষ; একইরকম একজন বারটেন্ডারকে মনিটরে দেখা গেল। বারের বাঁ পাশের শেষ মাথায় তিনজন নারী ও দুজন পুরুষ উদয় হলো, তবে তারা একই সাথে এসেছে বলে মনে হলো না। তিনজন নারীর কেউই মেলিসা হোেথর্ন নয়। দুটো স্ক্রিনেরই ডান পাশে সময় দেখাচ্ছে রাত ঠিক বারোটা।
‘আমি কি দেখতে পারি?’ কিবোর্ডের দিকে ইশারা করে জিজ্ঞেস করলো হান্টার।
‘জি, অবশ্যই। দুঃখিত।’ নিজের সিট ছেড়ে উঠে দাঁড়ালো ক্রিস্টিনা। ‘এখানে বসুন।’ নিজেদের মধ্যে চেয়ার পরিবর্তন করে নিলো হান্টার ও ক্রিস্টিনা। স্ক্রিনের কন্ট্রোল হাতে পাওয়ায় আর কারো ব্যাখ্যার দরকার হবে না হান্টারের। ফাস্ট-ফরোয়ার্ড করলো হান্টার, স্বাভাবিক গতির চাইতে আট গুণ বেশি গতিতে এগোতে লাগলো স্ক্রিনের ভিডিয়ো। হান্টারের দৃষ্টি নিবদ্ধ হয়ে থাকলো স্ক্রিনের ওপরে।
সামনে ঝুঁকলো গার্সিয়াও, ডেস্কের ওপরে কনুই রাখলো সে। তার মনোযোগও আটকে থাকলো স্ক্রিনের ওপরে। স্ক্রিনে দেখা গেল, ড্রিঙ্কস প্রস্তুত করে কাস্টোমারদের হাতে তুলে দিচ্ছে বারটেন্ডাররা, চরকির মতো ওয়েইট্রেসরা এদিক-সেদিক ঘুরছে বারের ভেতরে।
রাত ১২:০৫—এখনো মেলিসার দেখা নেই।
‘আমি চলে গেলে কি আপনারা কিছু মনে করবেন?’ আরেকবার উঠে দাঁড়ালো ক্রিস্টিনা, জিজ্ঞেস করলো ওদেরকে। ‘সন্ধ্যা শুরু হয়েছে মাত্র, সবকিছু যেন ঠিকঠাক চলে, সেটা নিশ্চিত করা দরকার আমার।’
‘না, যেতে পারেন, প্লিজ,’ বললো হান্টার, এক সেকেন্ডের জন্য স্ক্রিনে বিরতি দিলো। ‘এখানে আপনাকে আটকে রাখার আসলে কোনো কারণ নেই, বিশেষ করে ফুটেজগুলো খতিয়ে দেখতে যখন বেশ সময় লাগবে।’
‘সমস্যা নেই, সময় নিন,’ বললো ক্রিস্টিনা, অফিস পার হয়ে দরজার কাছে পৌঁছে গেল। ‘আমাকে যদি কিছুর জন্য দরকার হয়, তবে আমাকে রেস্টুরেন্ট অথবা বার এরিয়াতে পাবেন।’
পেছনে দরজাটা টেনে দিয়ে বেরিয়ে গেল ক্রিস্টিনা, আবার মনিটরের দিকে দৃষ্টি দিলো হান্টার আর গার্সিয়া। স্বাভাবিকের চাইতে দ্রুত গতিতে চলতে লাগলো ভিডিয়ো, কাস্টোমার যাওয়া-আসা করতে লাগলো। কয়েকজন বারে দাঁড়ালো কয়েক মুহূর্তের জন্য।
রাত ১২:২৩-এ শেষ পর্যন্ত ক্যামেরায় দেখা গেল মেলিসাকে। দুজন ডিটেকটিভ একই সাথে খুঁজে পেলো তাকে।
‘ওই যে মেয়েটা,’ বললো গার্সিয়া, স্ক্রিনের বাঁয়ে তর্জনী দিয়ে দেখালো। দ্রুত ফুটেজটাকে স্বাভাবিক গতিতে নিয়ে এলো হান্টার। ভিডিয়োতে দেখা গেল, বারে এলো মেলিসা, সামনে ঝুঁকে দুই কনুইয়ের ওপরে ভর দিয়ে দুই হাতের আঙুল একসাথে বাঁধলো। একটা লাল, জমকালো শার্টওয়েস্ট ফ্লেয়ারড টি সুইং ড্রেস পরনে তার। স্বাভাবিক অবস্থায় আছে বলে মনে হলো না।
তাকে খেয়াল করতে কয়েক সেকেন্ড লাগলো বারটেন্ডারের। বারের অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা একজন কাস্টোমারের হাতে রঙিন ককটেইলভরা লম্বা এক গ্লাস তুলে দিলো সে, তারপর এগিয়ে এলো মেলিসার দিকে। একে অপরের দিকে চেয়ে হাসলো তারা, তারপর অর্ডার নেয়ার জন্য ঝুঁকে মেলিসার ঠোঁটের কাছে নিজের কান নিয়ে গেল বারটেন্ডার। ওপরে, সিলিঙের উচ্চতায় ঝুলতে থাকা ক্যামেরার অ্যাঙ্গেলটা সুবিধের নয়। মেলিসার ঠোঁটের আংশিক নড়াচড়া চোখে পড়লো হান্টারের।
‘বুঝতে পারলে কিছু?’ জিজ্ঞেস করলো গার্সিয়া; সে জানে, লিপ-রিড জানা আছে তার পার্টনারের। একদম বাচ্চাকালে এই দক্ষতা অর্জন করেছিল হান্টার।
‘না, পারিনি।’
ঘুরে মেলিসার ড্রিঙ্ক যখন রেডি করছে বারটেন্ডার, তখন কালো চুলের সুঠাম একজন মানুষ বারে এসে ঠিক মেলিসার পাশে অবস্থান নিয়ে দাঁড়ালো। লোকটার পরনে কালো প্যান্ট, সাদা শার্ট। সাদা শার্টের ওপরে নীল ব্লেজার জ্যাকেট।
‘এই যে আমাদের রহস্যময় মার্ক,’ বললো গার্সিয়া, নিজের অজান্তেই স্ক্রিনের দিকে কয়েক ইঞ্চি সরে এলো। ঘড়িতে বাজছে রাত ১২:২৫। একই কাজ করলো হান্টারও, কিন্তু মার্ক নামের সেই আগন্তুক বাঁ পাশের শেষ পিলারের পেছনে অবস্থান নিলো। কাঠের পিলারের কারণে ঢাকা পড়লো তার মুখের প্রায় আশি শতাংশ।
‘দারুণ,’ বিদ্রূপের সুরে মন্তব্য করলো গার্সিয়া, ডানে-বাঁয়ে মাথা ঘুরিয়ে আগন্তুকের মুখটা দেখার চেষ্টা করলো। যেন এরকম করলেই লোকটার চেহারা দেখতে পাবে সে।
নিঃশব্দে সবকিছু দেখতে লাগলো হান্টার। কয়েক সেকেন্ডের মধ্যেই মেলিসার দিকে তাকালো লোকটা, তারপর মেয়েটার জুতোজোড়ার দিকে ইশারা করলো। লোকটার দিকে ঘাড় ঘোরালো মেলিসা, নিচে তাকালো, হাসলো, তারপর আবার নিচে তাকালো। তারপর তার ঠোঁট নড়ে উঠলো।
এবার স্পষ্ট পড়তে পারলো হান্টার: ধন্যবাদ। জুতোজোড়া একদম নতুন।
‘চমৎকার,’ প্রশংসার সুরে বলে নড করলো হান্টার। ‘সরাসরি মেয়েটার প্রশংসা না করে তার জুতোর প্রশংসা করার ফলে দুজনের মধ্যকার প্রাথমিক আড়ষ্টতা কেটে গেল। আর এখান থেকে বোঝা যায়, ডিটেইলসের দিকে খুব মনোযোগ দেয় লোকটা।’
‘আর নারীরা ডিটেইলসের দিকে মনোযোগ দেওয়াটা খুব পছন্দ করে,’ একমত হলো গার্সিয়া। ‘আর জুতাও বেশিরভাগ নারী পছন্দ করে।’
হাসিটা মেলিসার ঠোঁটে কয়েক সেকেন্ড স্থায়ী হলো, তারপরেই সেটা পরিণত হলো অট্টহাসিতে।
‘জুতার প্রশংসা করার পরে কয়েকটা মজার কথা বললো লোকটা, তাতেই হাসিতে ফেটে পড়লো মেয়েটা,’ মন্তব্য করলো হান্টার। ‘কী করছে, সে ব্যাপারে লোকটা সম্পূর্ণভাবে ওয়াকিবহাল।’
‘কাম অন, মার্ক,’ স্ক্রিনের লোকটার উদ্দেশ্যে বললো গার্সিয়া। ‘একটু সামনের দিকে ঝোঁকো, তোমার চাঁদমুখটা আমরাও একটু দেখি।’
ততক্ষণে গোটা শরীর মেলিসার দিকে ঘুরিয়ে ফেলেছে মার্ক, কিন্তু তারপরেও পিলারের আড়ালে নিজেকে লুকিয়ে রাখতে ভোলেনি। এবার তার চেহারার একশো শতাংশই ঢাকা পড়ে গেছে পিলারের আড়ালে।
স্ক্রিনে মেলিসাকে আবার হাসতে দেখা গেল, এবার মেয়েটার পালা গোটা শরীর ঘুরিয়ে বসার। লোকটা যদি বডি ল্যাঙ্গুয়েজ পড়তে পারে, এবং সে যে পারে, সে ব্যাপারে হান্টার নিশ্চিত, তাহলে লোকটা এতক্ষণে বুঝে গেছে যে, তার সঙ্গ উপভোগ করছে মেয়েটা।
মেলিসার ড্রিঙ্ক নিয়ে ফিরে এলো বারটেন্ডার। দেখে মনে হয় একটা ক্ল্যাসিক মোহিতো। মেলিসার দিকে যখন সে এগোচ্ছে, তখনই কিছু একটা দৃষ্টি আকর্ষণ করলো হান্টারের। গার্সিয়াও দেখতে পায় কিনা, সেটা দেখার জন্য অপেক্ষা করলো ও। কিন্তু গার্সিয়া উল্লেখ করলো না কোনো কিছুর।
সময়টা মনে মনে টুকে নিলো হান্টার, ভিডিয়োটাকে চলতে দিলো নিজের মতো। ওরা দেখলো, নিজের ড্রিঙ্ক নিলো মার্ক; সেই সাথে মেলিসার ড্রিঙ্কের টাকা দেওয়ার জন্য জোরাজুরি করতে লাগলো। মেনে নিলো মেলিসা। এর কিছুক্ষণ পরেই কয়েকটা জ্যাগারবোম্ব অর্ডার করলো মার্ক। আরও চার মিনিট নিজেদের মধ্যে কথা বললো তারা, হাসি-তামাশা করলো।
তারপর জ্যানেট আর টম যোগ দিলো ওদের সাথে। ১২:৩৪।
‘ভিকটিমের সৎবোন আর বোনের প্রেমিক?’ জিজ্ঞেস করলো গার্সিয়া। ‘হ্যাঁ, ওরাই,’ নিশ্চিত করলো হান্টার। দুই মিনিটেরও কম সময় থাকলো জ্যানেট আর টম, তারপর মেলিসা আর মার্ককে বিদায় জানালো। জ্যানেটকেও বেশ মাতাল বলে মনে হলো।
আরও পাঁচ মিনিট পার হলো। এরপর আরও একটা জুটি এগিয়ে এলো মেলিসা আর মার্কের দিকে। এবারের জুটির মেয়েটার চুল সোনালি, ঠোঁটে ছোঁয়াচে হাসি। তার সাথে একজন চিকন, লিকলিকে পুরুষ, চুল পেছন দিকে টেনে বেঁধে খোঁপা করা।
‘কেলি-অ্যান ও তার প্রেমিক জাস্টিন,’ হান্টারকে বললো গার্সিয়া। ১২:৪২।
স্ক্রিনে দেখা গেল, হ্যান্ডশেক করছে সবাই। আরও চারটে জ্যাগারবোম্বের অর্ডার দিলো মার্ক। ভিডিয়োটা দেখতে দেখতে নিচের ঠোঁট কামড়ে ধরলো গার্সিয়া। ‘খটকা লাগছে আমার।’
‘কোন ব্যাপারে?’ জানতে চাইলো হান্টার। ‘আমরা পনেরো মিনিটেরও বেশি সময় ধরে বারের ভিডিয়ো দেখছি, আর এই সময়ের মধ্যে মার্ক একবারও পিলারের পেছন থেকে নড়লো না সেই ব্যাপারে?’
‘একদম তা-ই,’ একমত হলো গার্সিয়া, দ্রুত কয়েকবার নড করলো সে। ‘দেখে মনে হচ্ছে, মার্ক জানতো, ঠিক কোথায় সিসিটিভি ক্যামেরা আছে। পিলারের আড়ালে থাকাটা কাকতালীয় নয়, বরং পুরোটাই ইচ্ছাকৃত।’
এক রাউন্ড মদ গিলেই চলে গেল কেলি-অ্যান আর তার প্রেমিক। বারে রয়ে গেল মার্ক আর মেলিসা। আরও আট মিনিট কথা বললো তারা, তারপর সেলফোনের জন্য নিজের জ্যাকেটের পকেটে হাত ঢোকালো মার্ক, বের করে মেলিসার হাতে দিলো। কিছু একটা টাইপ করলো মেলিসা, তারপর ফোনটা মার্কের কাছে ফিরিয়ে দিলো।
‘মেয়েটার নাম্বার পেয়ে গেল আমাদের মার্ক,’ বললো গার্সিয়া। তখনই একটা ফোন মেলিসাকে দেবে মার্ক, এমনটা আশা করলো হান্টার। এর ফলে মার্ক নিশ্চিত হবে, ওকে সঠিক নাম্বারই দিয়েছে মেয়েটা, সেই সাথে মার্কের নাম্বারও পেয়ে যাবে মেলিসা। কিন্তু হান্টারকে হতাশ করে ফোনটা পকেটে রেখে দিলো মার্ক।
‘কলব্যাক করলো না,’ বললো গার্সিয়া। সে-ও হান্টারের মতোই একই ব্যাপার প্রত্যাশা করছিল। মেলিসা ও মার্ক আরও পনেরো মিনিট বারে অবস্থান করলো, এই সময়টায় আরও একবার ড্রিঙ্ক নিলো তারা, সেই সাথে নিলো দুই রাউন্ড মদ, এবার টাকিলা। বারটেন্ডার যতবার পরিবেশন করলো, ততবার মেলিসার ড্রিঙ্কে মার্ক কিছু মিশিয়ে দিচ্ছে কিনা, তা দেখার জন্য ফুটেজ স্লো করে দিলো হান্টার। না। করে থাকলেও চোখে পড়লো না ওদের। গোটা সময়টায় একবারের জন্যেও মার্কের চেহারা পুরোপুরি দেখা গেল না।
নিজের ড্রিঙ্ক শেষ করার পরে ঘড়ি দেখলো মেলিসা; মার্ককে জানালো, যেতে হবে তার। অ্যাপ ব্যবহার করার জন্য নিজের সেলফোন বের করলো সে। ফোনের স্ক্রিনের ওপরে কয়েকবার ট্যাপ হলো, তারপর মার্ককে বললো কিছু একটা। ঠোঁটের নড়াচড়া থেকে আবার কথাটা বুঝতে পারলো হান্টার। তিন মিনিট, মার্ককে বললো মেলিসা।
ক্যাব চলে এসেছে প্রায়, এ কথা বলার পরে উঠে দাঁড়ালো মেলিসা, স্ক্রিনের এপাশ থেকে দেখলো হান্টার আর গার্সিয়া। মেলিসার কথার উত্তরে কিছু একটা বললো মার্ক, তার কথার উত্তরে লাজুক ও বিব্রতভাবে হাসলো মেলিসা। তার ঠোঁট থেকে উত্তর খুঁজে পেলো হান্টার।
হয়তো পরের বার। বিব্রত হাসি এবার নিরস্ত্র করার হাসিতে পরিণত হলো। আগামীকাল আমার বোনের সাথে দেখা করতে হবে, তবে মেসেজ দিও আমাকে। তুমি চাইলে এই সপ্তাহের শেষে দেখা করতে পারি আমরা।
মেলিসার হাত ধরে রেখে মার্ক এমন কিছু একটা বললো যে সেই বিব্রত হাসিটা আবার ফিরে এলো মেলিসার ঠোঁটে। আমি নিশ্চিত, বললো মেয়েটা, মাথা এক দিকে হেলে গেল। তবে আজ রাতে সত্যিই পারবো না। তবে কল দিও আমাকে, কেমন? দেখা করবো আমরা।
এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে মার্কও উধাও হয়ে গেল স্ক্রিন থেকে।
‘স্টপ’ বাটনে চাপ দিলো হান্টার।
‘প্রায় আধা ঘণ্টারও বেশি সময়ের ফুটেজ দেখলাম আমরা,’ বললো গার্সিয়া, বিস্ফারিত চোখে তাকালো হান্টারের দিকে। ‘আর এই রহস্যময় মার্ক লোকটা গোটা সময়টা পিলারের পেছনে ঘাপটি মেরে বসে থাকলো। এটা কাকতালীয় হওয়ার সম্ভাবনা কতটুকু?’
‘পরিসংখ্যানগতভাবে বলতে গেলে, খুব কম।’
‘যদি না সেটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়ে থাকে,’ বললো গার্সিয়া।
‘আরেকটা বিষয় আছে,’ যোগ করলো হান্টার। ‘তুমি কি খেয়াল করেছো, মার্ক প্রত্যেক ড্রিঙ্কসের বিল নগদ টাকার মাধ্যমে পরিশোধ করেছে? প্রত্যেকবার। কার্ডে পে করে কোনো ইলেকট্রনিক ট্রেইল রাখেনি সে।’
‘ধুরন্ধর শয়তান!’
যে সময়টা মনে মনে টুকে নিয়েছিল হান্টার, সে সময়টায় ফুটেজ পিছিয়ে নিলো ও। তারপর সেরা ফ্রেম খুঁজে কি-বোর্ডের ‘প্রিন্ট স্ক্রিন’ বাটনে চাপ দিলো।
‘এটা কেন নিচ্ছো?’ ভ্রূ কোঁচকালো গার্সিয়া। ‘এখানে তো মার্কের চেহারা দেখা যাচ্ছে না।’
‘আমি জানি,’ মেনে নিলো হান্টার। ‘তবে এই ছবিতে এমন কিছু আছে, যা আমি বাইরে গিয়ে বারটেন্ডারকে জিজ্ঞেস করতে চাই।’
‘কী? মার্ক নামের এই চরিত্রকে তার মনে আছে কিনা?’
‘মনে আছে তার,’ আত্মবিশ্বাসী শোনালো হান্টারের গলা।
উঠে দাঁড়ালো গার্সিয়া। ‘তুমি কীভাবে জানছো সেটা?’
‘নিজেই দেখবে তুমি।’
চৌদ্দ
ফুটেজে দেখা শেষ চার ককটেইল যে বারটেন্ডার বানিয়েছিল, তাকে খুঁজতে অফিস থেকে বের হলো হান্টার আর গার্সিয়া। এই মুহূর্তে মাত্র দুজন কাস্টোমার আছে বারে, এক তরুণ জুটি। সামান্য ডানে দাঁড়িয়ে আছে তারা, ফ্রোজেন মার্গারিটায় চুমুক দিচ্ছে। হান্টার আর গার্সিয়া দাঁড়ালো বাঁয়ে, ঠিক মার্ক যেখানে দাঁড়িয়েছিল, সেখানে।
‘এখনই আপনাদের কাছে আসছি, জেন্টলমেন,’ বললো বারটেন্ডার, লম্বা একটা গ্লাসে ড্রিঙ্ক ঢাললো সে, সেটাকে সাজিয়ে দিলো ত্রিভুজাকৃতির এক আনারস দিয়ে। ট্রে’র উপরে অপেক্ষমাণ আরও তিনটে ককটেইলের সাথে ড্রিঙ্কটা রাখলো সে।
‘আপনাদেরকে কীভাবে আপ্যায়ন করতে পারি, জেন্টলমেন?’ দুই ডিটেকটিভের দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করলো সে, ওদের দুজনের সামনে দুটো গোল কোস্টার রাখলো। নিজেদের পরিচয়পত্র দেখালো হান্টার আর গার্সিয়া।
‘আমি রজার,’ নড করে বললো বারটেন্ডার। ‘হ্যাঁ, আপনাদেরকে ক্রিসের সাথে অফিসে ঢুকতে দেখেছি আমি। শনিবার সন্ধ্যায় ব্রোকেন শেকারে এসেছিল, এমন কারো পরিচয় খুঁজে বের করার চেষ্টা করছেন আপনারা, ও বলেছে আমাকে। রাইট?’
‘রাইট,’ নিশ্চিত করলো হান্টার, নিজের পা’জোড়ার দিকে ইশারা করলো। ‘যাকে খুঁজছি, সে ঠিক এখানে দাঁড়িয়ে ছিল।’
হান্টারের দিকে তাকিয়ে বিষণ্ণ হাসি হাসলো রজার। ‘শনিবার রাতটা খুব ব্যস্ততার মধ্যে কেটেছে আমাদের। সেদিন রাতে অসংখ্য মানুষ ওখানে দাঁড়িয়ে ছিল।’
‘সে বিষয়ে আমার সন্দেহ নেই,’ একমত হলো হান্টার। ‘তবে এই লোকটার কথা আপনি মনে করতে পারবেন বলে আমার মনে হয়।’ প্রিন্ট করা ছবিটা বার কাউন্টারের উপরে রাখলো। ছবিতে মার্ককে দেখা গেল; হান্টার এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে, সেখানে দাঁড়িয়ে আছে লোকটা। তার মুখটা সম্পূর্ণ ঢাকা পড়ে গেছে পিলারের আড়ালে। মেলিসা দাঁড়িয়ে আছে গার্সিয়ার জায়গায়। মেয়েটার হাস্যোজ্জ্বল মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে।
তবে এই নির্দিষ্ট ফ্রেমটা হান্টারের বেছে নেয়ার কারণ হলো, এই ফ্রেমে বারটেন্ডারও উপস্থিত। মেলিসা বারে এসেই যে প্রথম মোহিতোটা অর্ডার করেছিল, তা মেয়েটার হাতে তুলে দিচ্ছে বারটেন্ডার, কিন্তু তার দৃষ্টি মেয়েটার উপরে নয়, স্থির হয়ে আছে মার্কের উপরে। যে দৃষ্টিতে সে মার্কের দিকে তাকিয়ে আছে, সেটাই দৃষ্টি আকর্ষণ করেছে হান্টারের। ছবিতে ভ্রূ সামান্য কুঁচকে গেছে বারটেন্ডারের, ঠোঁটে ঠোঁট চেপে বসেছে। সামান্য বেঁকে গেছে মুখের কোনা। লোকটাকে যে অপছন্দ করেছে বারটেন্ডার, তাতে কোনো সন্দেহ নেই।
হ্যাঁ, ঈর্ষা থেকে বারটেন্ডারের এমন চেহারা হয়েছে, তা হতেই পারে। হয়তো সে মেলিসার সাথে ফ্লার্ট করতে চেয়েছিল, কিন্তু তার ককটেইল বানানোর সুযোগে মার্ক মেলিসাকে দখলে নিয়ে হারিয়ে দিয়েছিল তাকে—হতেই পারে। তবে মানুষের আচরণ, তাদের মুখভঙ্গী, তাদের অ্যাটিচ্যুড সবকিছু বিশ্লেষণের ক্ষেত্রে সাধারণ মানুষের চাইতে হান্টারের অবস্থান কয়েক ধাপ উপরে। মার্ককে শুধুমাত্র ঈর্ষা থেকে অপছন্দ করেনি রজার। এ ব্যাপারে নিশ্চিত ডিটেকটিভ।
প্রিন্ট করা ছবিটার দিকে তাকালো বারটেন্ডার, এবং আবারও ঠিক ছবির মতো ঠোঁটে ঠোঁট চেপে বসলো তার।
‘ও আচ্ছা,’ বললো সে, তর্জনী দিয়ে ছবিতে টোকা দিলো। ‘এই লোক?’
‘চেনেন তাকে?’ কণ্ঠে সন্দেহ নিয়ে জিজ্ঞেস করলো গার্সিয়া।
দৃঢ়ভাবে মাথা নাড়লো বারটেন্ডার। ‘না, তেমন চিনি না।’ হান্টারকে একবার দেখে নিলো গার্সিয়া, তারপর আবার বারটেন্ডারের দিকে দৃষ্টি ফেরালো।
“তেমন’ চেনেন না’র মানে কী?’
শ্রাগ করলো রজার। ‘লোকটা কে, তা আমি জানি না।’ বারটেন্ডারের কথার শেষে সে একটা ‘কিন্তু’ আছে, সেটা স্পষ্ট বুঝতে পারলো ওরা। সেটা জানার জন্য পরোক্ষভাবে চাপ দিলো হান্টার। ‘কিন্তু আপনি তো তাকে দেখেছিলেন আগে।’
‘হ্যাঁ,’ স্বীকার করলো রজার। ‘আগে অন্তত একবার তো দেখেছিই।’
‘এবং আপনি তাকে খুব একটা পছন্দ করেন না,’ বললো হান্টার।
দেহের ভার বদলে এক পা থেকে আরেক পায়ে নিয়ে এলো রজার, ডিটেকটিভের কথার কী উত্তর দেওয়া যায়, ভাবলো। ‘আমার কাজটা তো কাস্টোমারদের মূল্যায়ন করার নয়,’ শুরু করলো সে। ‘সে একজন কাস্টোমার। বারে এসেছিল, সার্ভ করেছি তাকে, টাকা পরিশোধ করে চলে গেছে। শেষ।’
‘তারপরেও,’ আবার চাপ দিলো হান্টার। ‘তার মধ্যে এমন কিছু ছিল, যা খোঁচাচ্ছিল আপনাকে।’
তেরছা চোখে দুই ডিটেকটিভের দিকে তাকালো রজার। ‘আসলে, নারীদের প্রতি তার আচরণ।’
বারটেন্ডার আসলে কী বলতে চাইছে, তা হান্টার ও গার্সিয়া দুজনেই বুঝতে পারলো। কিন্তু তারপরেও লোকটার নিজের মুখ থেকে শুনতে চাইলো কথাটা।
‘নারীদের প্রতি আচরণ মানে? কোনো সমস্যা?’ এবার জিজ্ঞেস করলো গার্সিয়া।
ঘাড়ের পেছনে চুলকালো বারটেন্ডার। ‘আসলে, কীভাবে যে বোঝাই।’ ক্ষমা প্রার্থনার ভঙ্গীতে হাতজোড়া উঁচু করলো সে। ‘আমি আসলে যেটা বলতে চাইছি, একজন ক্যাসানোভা ছিল লোকটা। সুদর্শন সে, আর সেটা নিজেও জানে। এটাকে সুবিধে হিসেবে কাজে লাগিয়ে মেয়েদেরকে আকর্ষণ করে সে, মিষ্টি কথা বলে পটিয়ে ফেলে। সেদিন কী হয়েছে, তা আমি জানি না; তবে আমি দশ বছর হলো বারটেন্ডারের কাজ করছি, এরকম অনেক ক্যাসানোভা, এরকম নারীবাজ দেখার সৌভাগ্য আমার হয়েছে। প্রত্যেকটা বারে, প্রত্যেকটা ককটেইল লাউঞ্জে এরা ঘুরে বেড়ায়, বিশেষ করে অভিজাত সমাজেরগুলোতে। এদের কেউ থাকে ওয়ান-নাইট সেক্সের খোঁজে, আর কেউ থাকে প্রতারক।’
‘এই লোকটা কী ছিল?’ এবার গার্সিয়া নিজের তর্জনী দিয়ে টোকা দিলো কাউন্টারের উপরে রাখা প্রিন্ট করা ছবিতে। ‘তাকে কী মনে হয়েছিল আপনার? নারীলিঙ্গু কোনো পুরুষ, না-কি কোনো প্রতারক?’
গার্সিয়ার দিকে চেয়ে নিজের মাথা নাড়লো রজার। ‘আমি আগেই বলেছি, কাউকে মূল্যায়ন করা আমার কাজ নয়।’
‘কিন্তু আপনিই বলেছেন, তাকে দেখে ক্যাসানোভা বলে মনে হয়েছিল আপনার,’ আবার কথার নিয়ন্ত্রণ নিজের হাতে নিলো হান্টার। ‘তাদের কিছু কথাবার্তা আপনার কানে এসেছিল বলে আমার ধারণা।’
যদিও হান্টার ‘আমার ধারণা’ শব্দদুটো ব্যবহার করলো; কিন্তু ফুটেজ থেকে ও নিশ্চিত, মেলিসা ও মার্কের কথাবার্তার কিছু অংশ অবশ্যই কানে এসেছে বারটেন্ডারের। রজারকে বিব্রত দেখালো না।
‘দুর্ভাগ্যজনকভাবে এ ব্যাপারে আমাদের কিছু করার নেই,’ ব্যাখ্যা করলো সে। ‘এই ফ্লোরটা খুব বড়ো নয়।’ বলে সে যেখানে দাঁড়িয়ে আছে, সেদিকে ইশারা করলো। ‘গত শনিবারের মতো ব্যস্ত রাতগুলোতে বার উপচে পড়ে মানুষে। সেই সাথে প্রচণ্ড জোরে মিউজিক বাজে…’ বলে হাতের ডানে ডিজে’কে ইশারা করলো। ‘বারে আসা কাস্টোমাররা গলা চড়িয়ে কথা বলে। যার ফলে সবসময়ই কিছু না কিছু কানে আসে আমাদের। এটা একটা ফ্যাক্ট।’
‘আর এই ক্ষেত্রে,’ জিজ্ঞেস করলো গার্সিয়া। ‘কী কানে এসেছে আপনার?’
আরেকবার শ্রাগ করলো বারটেন্ডার। ‘সাধারণ কথাবার্তা শুধু, এর বাইরে কিছু না। ‘শুধু’ বলে বোকার মতো চেহারা করলো সে। ‘সস্তা কিছু লাইন, আর ভরপুর প্রশংসা। প্রশংসা শুধু উনি কতটা সুন্দরী, সে বিষয়ে ছিল না,’ ছবিতে মেলিসার উপরে আঙুল রাখলো সে। ‘ওনার পোশাক, জুতো আর পারিউম কতটা রুচিসম্মত, সে নিয়েও প্রশংসা করেছিল। যা বললাম, খুব সহজেই নারীদেরকে পটানোর ক্ষমতা আছে তার। সে জানে, কীভাবে নারীদেরকে আকৃষ্ট করতে হয়।’
এক ওয়েইট্রেস অর্ডার নিয়ে আসার কারণে কথায় বাধা পড়লো ওদের। এক মিনিটেরও কম সময়ে ড্রিঙ্কটা রেডি করে ওয়েইট্রেসের কাছে দিয়ে দিলো রজার। বারটেন্ডার ওদের কাছে ফিরে এলে ছবিতে মার্ককে দেখালো হান্টার। ‘সিসিটিভি ফুটেজে দেখলাম, কয়েক রাউন্ড ড্রিঙ্ক কিনেছে লোকটা, কিন্তু সবসময় নগদ টাকায়। আপনি বললেন, এখানে আপনি তাকে দেখেছেন। আপনার কি মনে পড়ে, সে কি সবসময় নগদেই লেনদেন সেরেছে, না-কি ক্রেডিট কার্ডও ব্যবহার করেছে কখনো?’
বিষয়টা নিয়ে চিন্তা করারও প্রয়োজন বোধ করলো না রজার। ‘দুঃখিত, তবে সেটা মনে থাকার কোনো কারণ নেই। আপনাকে তো বলেছি, লোকটা এখানে নিয়মিত নয়। প্রত্যেক উইকেন্ডেই সে এখানে আসে, ব্যাপারটা এমনও নয়।’ আবার শ্রাগ করলো সে। ‘সত্যি কথা হলো, তাকে আমার মনে আছে, কারণ, সে সবসময় আকর্ষণীয় নারীদের সাথে কথা বলতো, এমন নারী, যাদেরকে খুব সহজেই চোখে পড়ে।’
প্রিন্ট করা ছবিটার দিকে তার দৃষ্টি ফিরে গেল। ‘আমি কি জানতে পারি, আসলে কী হয়েছে? এই ভদ্রমহিলার কিছু হয়েছে না-কি? প্রতারণা করা হয়েছে তার সাথে? লোকটার তার পার্স অথবা অন্য কিছু নিয়ে ভেগে গেছে?’
কাউন্টারের উপর থেকে প্রিন্টআউটটা তুলে নিলো গার্সিয়া। ‘সে রাতে খুন হয়েছে মেয়েটা। এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে।’
চমক আর বিস্ময়ে বিস্ফোরিত হলো রজারের চেহারা। ‘খুন হয়েছে?’
‘আপনি যে নারীদের কথা বললেন?’ চট করে প্রশ্নটা টুকে নিলো গার্সিয়া। ‘যাদেরকে খুব সহজেই চোখে পড়ে, যাদেরকে আপনি আগে এই লোকটির সাথে কথা বলতে দেখেছেন, তারা কি নিয়মিত ছিল এখানে?’
আবার পরিবর্তিত হয়ে গেল রজারের মুখভঙ্গী, এবার গুরুত্বের সাথে চিন্তা করলো সামনে দাঁড়ানো ডিটেকটিভের কথাটা। ‘আমার তা মনে হয় না,’ বেশ কিছুক্ষণ চিন্তা করে বললো সে। ‘আমার আসলে মনে নেই।’
‘কিন্তু আপনি তো বলেছিলেন, তারা সহজেই চোখে পড়ার মতো নারী ছিল,’ চ্যালেঞ্জ জানালো গার্সিয়া।
‘হ্যাঁ, তারা ছিল,’ রজার এবার বেশ রক্ষণাত্মক ভঙ্গিমায় চলে গেল। ‘তবে এই বারে যা কাস্টোমার আসে, তার একটা বড়ো অংশই হোটেলের কাস্টোমার। অনেকেই এখানে আসে নিজেদের সুবিধের জন্য। ক্যাব ডেকে শহরের অন্য কোনো বারে যাওয়ার চাইতে ঘর থেকে বেরিয়ে ছাদের বারে আসাটাই যে বেশি সহজ, তা যে কেউই স্বীকার করবে। ‘রমণীমোহন’রা যে হোটেল বার পছন্দ করে, এটাও তার একটা কারণ। কোম্পানির উঁচু পদে আছেন, এমন প্রচুর নারী ব্যবসার কাজে একা ভ্রমণ করেন।’ শ্রাগ করলো সে। ‘বাড়ি থেকে দূরে থাকলে বিবাহবহির্ভূত মজা শুধু পুরুষরাই নেয় না, আপনি আশা করি আমার কথা বুঝতে পারছেন। এই নারীদেরকে এই বারে পটানোর চেষ্টা করে রমণীমোহন পুরুষরা, আর নারীরা যদি পটে যায়, তবে কয়েক ফ্লোর নিচে নেমে নিজেদের রুমে চলে গেলেই ঝামেলা শেষ। আমি যেমনটা বললাম, নারী ও পুরুষ দুই পক্ষের জন্যই সুবিধে হয় তাতে।’
রজারের কথা বুঝতে পেরে নড করলো হান্টার, বার কাউন্টারের উপরে নিজের কার্ড রাখলো। ‘এই ক্যাসানোভা হলো সেই সব মানুষদের একজন, যে খুন হওয়া নারীকে জীবিত দেখেছে। তাকে খুঁজে বের করা দরকার আমাদের। আপনি যদি আবার তাকে দেখেন, তবে কোনো দ্বিধা না করে কল করবেন আমাদের। বুঝতে পেরেছেন?’
‘জি, অবশ্যই,’ কার্ডটা তুলে নিলো রজার।
‘আর যদি দরকার পড়ে,’ নিজের জ্যাকেটের চেইন লাগাতে লাগাতে বললো হান্টার। ‘এই ক্যাসানোভা দেখতে কেমন, তা একজন স্কেচ আর্টিস্টের কাছে বর্ণনা করতে পারবেন বলে মনে করেন?’
নড করলো রজার, যদিও সেই নডের মধ্যে কোনো নিশ্চয়তা দেখা গেল না। ‘নিশ্চয়ই। মানে, চেষ্টা করবো।’
