জেনেসিস – ৮০

আশি

‘এলএএক্স থেকে ফ্লাইট বন্ধ করার ক্ষমতা আমার নেই, রবার্ট,’ ক্যাপ্টেন ব্লেককে সবকিছু খুলে বলার পরে হান্টারকে বললেন তিনি। ‘বিশেষ করে আন্তর্জাতিক ফ্লাইট। সেটা করতে গেলে ফেডারেল ওয়ারেন্ট প্রয়োজন আমাদের এবং সেই ওয়ারেন্ট পেতে হলে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে যে লিন্ডা ইভান্স অথবা লিন্ডা উইলিয়ামস নামের এই মহিলা মানুষ হত্যা করেছে। কিন্তু আপনি জানেন, সে বিষয়ে আমাদের হাতে কোনো প্রমাণ নেই।’ এক সেকেন্ডের জন্য চুপ করলেন ক্যাপ্টেন ব্লেক। ‘সত্যি কথা বলতে, রবার্ট, তাকে অপরাধগুলোর সাথে যুক্ত করার মতো আমাদের হাতে কিছুই নেই। না কোনো আঙ্গুলের ছাপ, না কোনো ডিএনএ, কিছুই না। আপনিও জানেন সে কথা। কোনো ফেডারেল বিচারক শুধুমাত্র আমাদের থিওরির ভিত্তিতে কোনো আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করার জন্য ওয়ারেন্ট সাইন করবে না। বাই দ্য ওয়ে, ফ্লাইট টেক অফের আগে আমাদের কাছে কতটা সময় আছে?’

আবার ড্যাশবোর্ডের ঘড়ির দিকে তাকালো হান্টার। ‘এগারো মিনিট।’

নিষ্প্রাণভাবে হাসলেন ক্যাপ্টেন। ‘আমাদের হাতে যদি প্রমাণ থাকতোও, তবুও এটুকু সময়ের মধ্যে ফেডারেল ওয়ারেন্ট বের করার কোনো সুযোগ আমরা পেতাম না। আপনারা কোথায় আছেন?’

‘এয়ারপোর্ট থেকে প্রায় সতেরো মিনিট দূরে, ক্যাপ্টেন,’ উত্তর দিলো গার্সিয়া। ‘মেরেকেটে আরকি।’

‘এলএএক্স থেকে কোনো বিমান সময়মতো টেক অফ করে না,’ বললেন ক্যাপ্টেন ব্লেক। ‘সবসময় কোনো না কোনো কারণে দেরি হয়।’

‘আমাদের যা কপাল,’ হতাশসুরে বললো গার্সিয়া। ‘বিমান দশ মিনিট আগে টেক অফ করলেও আমি অবাক হবো না।’

‘আমি police chief-কে ফোন করছি,’ বললেন ক্যাপ্টেন ব্লেক, উত্তেজিত শোনালো তার গলা। ‘কেউ না কেউ কিছু একটা করতে পারবে। ফ্লাইট যদি বন্ধ না করা যায়, অন্তত দেরি তো করানো যেতে পারে। যাই হোক, দ্রুত এয়ারপোর্টে পৌঁছান, কার্লোস।’

‘আপনার কী ধারণা, ক্যাপ্টেন?’ বিড়বিড় করলো গার্সিয়া। ‘গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছি আমরা?’

‘কোনো খবর থাকলে জানাবেন, ক্যাপ্টেন,’ বলে ফোন কেটে দিলো হান্টার।

‘লিন্ডা ইভান্স তো দেশের বাইরে পালাচ্ছে না, তাই না?’ প্রশ্ন করলো গার্সিয়া, বামে একটা ভক্সওয়াগন গলফকে ওভারটেক করলো সে। ভক্সওয়াগনটাকে দেখে মনে হলো, পুলিশের গাড়ির ফ্ল্যাশিং লাইট আর সাইরেনে তার তেমন কিছু যায় আসে না।

পার্টনারের প্রশ্নের উত্তর না দিয়ে নিজের ফোনের কন্ট্যাক্টস ঘাঁটতে লাগলো হান্টার। ‘লুকাস এলিয়টকে ধরতে ইতালি যাচ্ছে মহিলা,’ আবার বললো গার্সিয়া। ‘প্রথম থেকেই এটাই তার পরিকল্পনা ছিল, নাকি আমরা তার পেছনে লেগেছি বুঝতে পেরে তড়িৎগতিতে পরিকল্পনা সাজিয়েছে, সে ব্যাপারে আমি নিশ্চিত নই। তবে যা-ই হোক, দুর্দান্ত ও সাহসী এক পদক্ষেপ নিয়েছে মহিলা।’

যে নামটা খুঁজছিল, সেটা পেয়ে গেল হান্টার। ‘এক সেকেন্ড,’ আঙুল দিয়ে গার্সিয়াকে থামার ইশারা করলো ও। ‘আমার মাথায় একটা একটা আইডিয়া এসেছে।’

‘তাই না-কি?’ পার্টনারকে এক ঝলক দেখে নিয়ে আবার রাস্তার দিকে চোখ ফেরালো গার্সিয়া। ‘কী আইডিয়া? আর তুমি ফোন দিচ্ছো কাকে?’

‘অ্যাম্বার বার্নেট,’ উত্তর দিলো হান্টার, মোবাইল কানে ধরলো।

‘অ্যাম্বার বার্নেট কে?’

‘পরিচিত একজন, আগে এয়ার মার্শাল ছিল। এখন সে এলএএক্সে ফেডারেল এয়ার মার্শাল অফিসের প্রধান। আমি জানি, ফ্লাইটটা আন্তর্জাতিক একটা ফ্লাইট, কিন্তু হয়তো সে কোনো ভেলকি দেখাতে পারবে।’

টেক অফের আর মাত্র সাত মিনিট বাকি।

নড করলো গার্সিয়া। ‘আমি সত্যিই আশা করি, সে আসলেই কোনো ভেলকিবাজি দেখাতে পারবে।’

একাশি

ইকোনমি ক্লাস হলেও প্রত্যাশার চাইতে বেশ আরামদায়ক সিট পেলো লিন্ডা। এটা তার জীবনে মাত্র দ্বিতীয় আন্তর্জাতিক ফ্লাইট। প্রথমটা ছিল কয়েক বছর আগে, যখন সে কানাডায় গিয়েছিল দুই সপ্তাহের জন্য; সেখানে ছয়টি বিভিন্ন স্কুলে কিশোর-কিশোরীদের মধ্যে বিষণ্ণতা এবং আত্মহত্যার ওপরে এক দিনের সেমিনারে বক্তব্য রেখেছিল। অন্য পরিস্থিতিতে ইউরোপ যেতে পারলে খুব ভালো হতো, ভাবলো লিন্ডা। ইতালি, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, স্পেন-সহ অন্যান্য দেশে কিছু সময় কাটাতে পারলে ভালো লাগতো। কিন্তু তার কপালে এ-ই আছে। কপালের বিধান খণ্ডাবে কে?

হ্যান্ড লাগেজ এবং ডিউটি-ফ্রি ব্যাগ সিটের ওপরের তাকে রেখে দিয়েছে লিন্ডা। প্লেনের দরজায় আগত যাত্রীদের অভ্যর্থনা জানাচ্ছিল দুজন সোনালিচুলো সুন্দরী ফ্লাইট অ্যাটেনডেন্ট। দুই আইলে দুজন ফ্লাইট অ্যাটেনডেন্ট সাহায্য করছিল ইকোনমি ক্লাসের যাত্রীদের, অ্যাটেনডেন্ট দুজনের একজন পুরুষ আর একজন মহিলা। আরও দুজন অ্যাটেনডেন্ট একই কাজ করছিল বিজনেস ক্লাসে। বোর্ডিং হচ্ছিল বিমানের মাঝখানের দরজা দিয়ে, ডানার ঠিক সামনেই দরজাটা। বিজনেস ক্লাসের যাত্রীদেরকে ডানদিকে অর্থাৎ বিমানের সামনের দিকে যাওয়ার নির্দেশ দিচ্ছিল অ্যাটেনডেন্টরা, আর ইকোনমি ক্লাসের যাত্রীদেরকে নির্দেশ দেওয়া হচ্ছিল বামদিকে অর্থাৎ বিমানের মাঝখানে ও পেছনে যাওয়ার জন্য।

নিজেকে শান্ত রাখার সর্বোচ্চ চেষ্টা করলো লিন্ডা। সিটে হেলান দিয়ে বসে সিটবেল্ট বেঁধে নিলো, ডান পা সামান্য তুলে দিলো বাঁ পায়ের ওপরে। হাতজোড়া দুই হাঁটুর ওপরে রাখলো। কিন্তু ভেতরটা আগের মতোই অস্থির হয়ে থাকলো। যতক্ষণ না প্লেনটা নিরাপদে আকাশে উঠছে, ততক্ষণ এই অস্থিরতা যাবে না, জানা আছে তার। তাই, ভেতরের অস্থিরতা চেপে রেখে বিমানের সামনের দরজায় দাঁড়িয়ে থাকা ফ্লাইট অ্যাটেনডেন্ট আর ভেতরে ঢোকা প্রতিটা নতুন যাত্রীর ওপরে নজর রাখলো সে। এখন পর্যন্ত, কাউকে দেখেই মনে হয়নি, লিন্ডাকে কোনোরকম ঝামেলায় ফেলতে পারে।

বিমানটা একটা বোয়িং ৭৭৭। চওড়া এক প্লেন এবং মূলত আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ব্যবহৃত হয়। বিমানের ইকোনমি ক্লাসে মোট তিনটে কলাম, আর প্রতি সারিতে মোট নয়টা সিট। তিনটে বামে, তিনটে ডানে আর তিনটে বিমানের মাঝের অংশে। লিন্ডা বসেছে বাঁ পাশের সিটে, সিট নাম্বার ৩৫এইচ। জানালা নয়, আইলের দিকে। তার বাঁ দিকের দুটো সিট; জানালার পাশে ও মাঝের সিটে বসেছে এক মধ্যবয়সি দম্পতি, ইতালি যাচ্ছে বলে খুব উত্তেজিত হয়ে আছে তারা। দম্পতির মহিলা বসেছে জানালার পাশের সিটে, আর তার স্বামী বসেছে মাঝের সিটে, লিন্ডার পাশে। সিটে বসার সময় তারা সৌজন্যমূলকভাবে ‘হ্যালো’ বলে লিন্ডাকে। এরপর নিজেদের মধ্যকার কথোপকথনে ব্যস্ত হয়ে যায়, তাতে লিন্ডার ভালোই হয়েছে এক দিক দিয়ে।

আরেকবার ঘড়ি দেখলো লিন্ডা, ফ্লাইট টেক অফ করতে আর মাত্র পাঁচ মিনিট বাকি। কিন্তু তার জানা আছে যে সবসময়ই কোনো না কোনো কারণে দেরি হয়। বিমানে যাত্রীদের ঢোকা শেষ। আর কেউ বিমানে উঠছে না। সম্ভবত দরজাগুলো খুব দ্রুতই বন্ধ করে দেওয়া হবে। আস্তে করে দম ছাড়লো লিন্ডা। বিমানে যাত্রীরা ঢোকার সময় নার্ভাস বোধ করছিল সে, স্বীকার করতে দ্বিধা নেই তার। হার্টও স্বাভাবিকের চাইতে জোরে বিট করছিল। চোখ তুলে ওপরে কমপার্টমেন্টের দিকে তাকালো সে। এখনই কিছুটা মিখটার’স বুর্বোন পেলে ভালো হতো।

‘গুড মর্নিং, লেডিজ অ্যান্ড জেন্টলমেন।’ বিমানের স্পিকার সিস্টেমে এক পুরুষ কণ্ঠ ভেসে এলো। ‘এই বিমানের ক্যাপ্টেন বলছি। সকল যাত্রী বোর্ডিং সম্পন্ন করেছে, আমরা খুব দ্রুতই টেক অফ করবো। শুধু টাওয়ার থেকে অনুমতির জন্য অপেক্ষা করছি। যার যার হ্যান্ড লাগেজ ওপরের কমপার্টমেন্টে রেখেছেন এবং আপনার সিটবেল্টটা নিরাপদভাবে বেঁধেছেন, তা দয়া করে নিশ্চিত করুন। টাওয়ার থেকে নতুন আপডেট পাওয়ামাত্র আপনাদেরকে জানানো হবে।’

ক্যাপ্টেনের বক্তব্য শেষ হওয়ার পরে একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট বিমানের মাঝের দরজা বন্ধ করে আটকে দিলো। নিজের হার্টবিট নিয়মিত হওয়ার জন্য অপেক্ষা করলো লিন্ডা, তারপর চোখ বন্ধ করে আবার গলায় থাকা প্রজাপতিটাকে স্পর্শ করলো।

‘আমরা রওনা দিলাম, মাই অ্যাঞ্জেল,’ বিড়বিড় করে বললো সে। ‘আমরা রওনা দিলাম।’
 

বিরাশি

ফোনের এপাশে রীতিমতো যুদ্ধ করছে হান্টার। ফ্লাইট ৮৬৪৯-এর লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দর টেক অফ না করাটা যে খুবই গুরুত্বপূর্ণ, তা ফেডারেল এয়ার মার্শাল অ্যাম্বার বার্নেটকে যত দ্রুত সম্ভব বোঝানোর চেষ্টা করছে ও। ওদের এলএএক্স পৌঁছাতে এখনো তেরো মিনিট মতো লাগবে।

‘ফ্লাইটটা কখন টেক অফ করবে বললেন?’ প্রশ্ন করলো অ্যাম্বার। ফোনের ওপাশ থেকে দ্রুত কীবোর্ডে টাইপ করার শব্দ ভেসে এলো হান্টারের কানে।

‘আর চার মিনিট পর,’ উত্তর দিলো হান্টার।

‘রবার্ট, আপনি কি সিরিয়াস? আর চার মিনিট পরে টেক অফের মানে বুঝতে পারছেন? ইতোমধ্যে বোর্ডিং তো শেষই, এমনকি দরজাও বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি ট্যাক্সি করাও (বিমানের আস্তে আস্তে এগোনো) বিচিত্র নয়।’

‘কিছু না কিছু করতেই হবে, অ্যাম্বার,’ প্রায় মিনতির সুরে বললো হান্টার। ‘এমন কোনো কোড কি নেই, যা রেডিও’র মাধ্যমে পাইলটকে পাঠানো যায়? ফ্লাইটটা বাতিল করার দরকার নেই, শুধু দেরি করাতে পারলেই হবে।’

‘সেটা বিমানবন্দর ও এয়ারলাইনের জন্য বড়ো এক সমস্যা, রবার্ট,’ অ্যাম্বার ব্যাখ্যা করলো। ‘আপনি কি জানেন, বিমানবন্দরে টেকঅফ স্লট কীভাবে কাজ করে?’

হান্টার জানে। টেকঅফ প্লটগুলো একটার পর একটা শিডিউল করা থাকে, সে অনুযায়ী একটার পর একটা এয়ারলাইন টেক অফ করে। যদি কোনো প্লেন তার টেক অফ প্লট মিস করে, তবে তাকে নতুন স্লট পাওয়া না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। সত্যি কথা হলো, ফ্লাইট কখনো কখনো বিলম্বিত হওয়ার কারণে বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জরুরি প্লট সংরক্ষণ করে রাখে। তবে এলএএক্সের মতো ব্যস্ত বিমানবন্দরে এক ঘণ্টায় দুটো থেকে তিনটে জরুরি স্লট রাখা থাকে। যদি ফ্লাইট ৮৬৪৯-এর আগে কোনো অন্য ফ্লাইটের বিলম্ব হয়ে থাকে, তবে তারা সেই সংরক্ষিত প্লট থেকে একটা স্লট পাবে। যার মানে, নতুন টেক অফ শিডিউল না পাওয়া পর্যন্ত ফ্লাইট ৮৬৪৯-কে রানওয়েতে বড়ো একটা সময় অপেক্ষা করতে হতে পারে।

‘হ্যাঁ,’ উত্তর দিলো হান্টার। ‘জানা আছে আমার।’

‘তাহলে তো বুঝতেই পারছেন, ফ্লাইট টেক অফে দেরি হওয়া মানে এয়ারলাইন কোম্পানির মোটা অঙ্কের টাকা গচ্চা যাবে। তারা বিষয়টা ভালোভাবে নেবে না।’

‘আমি সেটা বুঝতে পারছি, অ্যাম্বার,’ জবাব দিল হান্টার। বললো, ‘আমি শুধু আশা করছি যে, কিছু করা সম্ভব হবে।’

‘আমার পক্ষ থেকে অফিশিয়ালি পাইলটকে রেডিও’র মাধ্যমে করে তাকে তার টেকঅফ স্লট ছেড়ে দেওয়ার জন্য বাধ্য করতে পারি,’ ওপাশ থেকে বললো অ্যাম্বার, ‘ফেডারেল জাজের কাছ থেকে একটা ওয়ারেন্টের দরকার হবে, রবার্ট।’

কিছুক্ষণ নীরবতা। ‘ফ্লাইটটা আর মাত্র তিন মিনিটের মধ্যে টেক অফ করার কথা। আনুষ্ঠানিকভাবে, আমাদের বারোটা বেজে গেছে।’

চোখ বন্ধ করলো হান্টার, ঠোঁটে ঠোঁট চেপে বসলো।

‘যদি না…’

চোখ খুলে গেল হান্টারের। ‘যদি না…?’

‘তাড়াতাড়ি এখানে চলে আসুন, রবার্ট… যত তাড়াতাড়ি সম্ভব।’ বলে কল কেটে দিলো অ্যাম্বার।

লস অ্যাঞ্জেলস এয়ারপোর্ট থেকে হান্টার আর গার্সিয়া এখনো এগারো মিনিট দূরে।

তিরাশি

বিমানের দরজা বন্ধ করার পরে ঘুরে দাঁড়ালো ফ্লাইট অ্যাটেনডেন্ট, বোর্ডিং দরজার ঠিক বিপরীতে বিমানের মাঝের গ্যালিতে প্রবেশ করলো। আর ঠিক তিন মিনিট পরেই টেক অফ। আর কিছুক্ষণের মধ্যেই ট্যাক্সিইং শুরু করবে তারা। বিজনেস ক্লাস ও ইকোনমি ক্লাসকে আলাদা করা পর্দাগুলো টেনে দিতে লাগলো দ্বিতীয় ফ্লাইট অ্যাটেনডেন্ট। আর তখনই বীপ শব্দ করে উঠলো গ্যালির ঠিক বাইরের দেয়ালে থাকা ইন্টারকমটা, রিসিভারের ঠিক ওপরে একটি ছোটো লাল বাতি জ্বলে উঠলো। নিজের কেবিন থেকে গোপনে ফ্লাইট অ্যাটেনডেন্টদেরকে কিছু বলতে চাইছেন পাইলট।

can ঘটনা কী, তা ভালোভাবে বোঝার জন্য ঘাড় বাঁকালো লিন্ডা। ক্যাপ্টেনের নির্দেশ শুনতে শুনতে মুখের ভাব পাল্টে গেল অ্যাটেনডেন্টের। প্রথমে, একটু অনিশ্চিত ‘কী?’ ধরনের ভাব, তারপর সেটা দ্রুত বদলে গিয়ে ‘তাই না-কি!’ ভাবে পরিণত হলো। তারপর রিসিভারটা যথাস্থানে রেখে ইকোনমি ক্লাসের যাত্রীদের দিকে তাকালো ফ্লাইট অ্যাটেনডেন্ট। সাধারণভাবে তাকালো, নির্দিষ্ট কাউকে খুঁজছে না সে। তবে কোনো এক কারণে লিন্ডার মনে হলো, কোনো ঝামেলা হয়েছে।

‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন,’ স্পিকারে আবার ক্যাপ্টেনের কণ্ঠ শোনা গেল। ‘দুর্ভাগ্যজনকভাবে, টেক অফ করতে আমাদের সামান্য দেরি হচ্ছে। গুরুতর কিছু নয়, তাই চিন্তা করার কিছু নেই। কাগজপত্রের ব্যাপার। সব কিছু দ্রুত সমাধান করার জন্য আমরা আমাদের গ্রাউন্ড ক্রু সদস্যের জন্য অপেক্ষা করছি। যার মানে, আরও কিছুক্ষণ মাটিতে অবস্থান করবো আমরা। এই সামান্য দেরির জন্য আমি দুঃখিত, তবে আগেই বলেছি, খুব বেশি দেরি হবে না। নতুন কোনো আপডেট থাকলে সবাইকে জানিয়ে দেবো।’

ক্যাপ্টেনের ঘোষণা দেওয়ার তিন সেকেন্ড পরে ইন্টারকমটা আবার বীপ করে জ্বলে উঠলো। সেই একই ফ্লাইট অ্যাটেনডেন্ট রিসিভ করলো ক্যাপ্টেনের মেসেজ। নতুন নির্দেশনা শোনার পরে সংযোগ বিচ্ছিন্ন করে দিলো সে, ম্যানুয়াল মোডে নিয়ে বোর্ডিং দরজা খুলে দিলো। যাত্রীদের অভ্যর্থনা জানানোর সময় ফ্লাইট অ্যাটেনডেন্ট দুজন যেখানে ছিল, সেখানে ফিরে গেল তারা এবং টার্মিনাল থেকে বিমানে যুক্ত করা টেলিস্কোপিক করিডোরের দিকে তাকিয়ে কারো জন্য অপেক্ষা করতে লাগলো।

টেক অফের সময় পার হয়েছে আরও ছয় মিনিট।

কিছু একটা ভজঘট হয়েছে, বুঝতে পারলো লিন্ডা। আর সেই ভজঘট কাগজপত্রের কোনো ব্যাপারে নয়। কাগজপত্রের ব্যাপার হলে ফ্লাইট অ্যাটেনডেন্টদেরকে এতটা উদ্বিগ্ন দেখাতো না। হুট করে সামনের দিকে এক পা এগোলো দুজন অ্যাটেনডেন্ট, কাউকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত হলো। লিন্ডা বুঝতে পারলো, কেউ একজন এগিয়ে আসছে করিডোর ধরে। অপেক্ষার উত্তেজনায় মুখ শুকিয়ে গেল তার।

বোর্ডিং দরজায় এক মহিলা উদয় হলো। পরনে তার নীল জিন্স ও কালো শার্ট। শার্টের ওপরে গাঢ় বাদামিরঙা চামড়ার জ্যাকেট। সামান্য বেঢপ দেখাচ্ছে জ্যাকেটটা, মনে হলো মহিলার চাইতে এক সাইজ বড়ো। তার কালো চুল ছোটো করে কাটা এবং পরিপাটিভাবে আঁচড়ানো। মহিলা যে আমেরিকান এয়ারলাইনসের কোনো গ্রাউন্ড ক্রু নয়, এ ব্যাপারে লিন্ডার কোনো সন্দেহ নেই।

এক পা পিছিয়ে কালো চুলের মহিলাকে বিমানে প্রবেশ করতে দিলো ফ্লাইট অ্যাটেনডেন্টরা। তার প্রবেশের পরে কিছুক্ষণ আগে টেনে দেওয়া পর্দাগুলো আবার সরিয়ে দেওয়া হলো। এবার নিজের কেবিন থেকে বেরিয়ে এলেন পাইলট। চারজন গোল হয়ে দাঁড়ালো, বাকি তিনজনকে কিছু একটা ব্যাখ্যা করতে লাগলো কালো চুলের মহিলা। তার কথা বলার সময় দুজন ফ্লাইট অ্যাটেনডেন্টের মধ্যে লম্বাজন আবার ইকোনমি ক্লাসের যাত্রীদের দিকে তাকালো। আবারও সাধারণভাবে তাকালো সে, কোনো নির্দিষ্ট সিট লক্ষ্য করে তাকায়নি।

লিন্ডাও কেবিনের অন্যান্য যাত্রীদের দিকে তাকালো। কয়েকজন যাত্রী অস্বস্তি অনুভব করছে, বুঝতে পারলো সে। ‘হয়তো আমাকে খুঁজছে না তারা,’ ভাবলো সে। হয়তো শুধু শুধুই প্যারানয়েড হচ্ছে। কিন্তু প্যারানয়েড হোক বা না হোক, কোনো একটা পরিকল্পনা করতে হবে, এবং সেটা দ্রুত বাস্তবায়ন করতে হবে। নিজেকে বোঝালো লিন্ডা।

বিমান থেকে বের হওয়ার সবচেয়ে কাছের দরজাটা চার সারি পেছনে। তবে সেখানে দ্রুত পৌঁছানোটা একটা সমস্যা হতে পারে, কারণ দরজার পাশের তিনটে সিটেই মানুষ বসে আছে। আবার বোর্ডিং দরজার কাছে দাঁড়িয়ে থাকা গ্রুপটার দিকে নজর ফেরালো লিন্ডা। পাইলট এবং দুই ফ্লাইট অ্যাটেনডেন্টকে কিছু বোঝাচ্ছে কালোচুলো মহিলা। কথা বলার সময়, এক মুহূর্তের জন্য ইকোনমি ক্লাসের যাত্রীদের দিকে তাকালো পাইলট। সাথে সাথে নিজের দৃষ্টি অন্য দিকে ফেরালো লিন্ডা, সিটবেল্ট নিয়ে ব্যস্ততার ভান করলো।

আর তখনই সেই কাকতালীয় ঘটনার কথা মনে পড়লো তার। আশ্চর্যজনক, হাস্যকর ও কাকতালীয় ঘটনাটা ঘটেছে গতকাল ফ্লাইটের সিট বুক করার ঠিক আগে। সম্ভবত এটা একটা ইশারা, নিজেকে তখন ফিসফিসিয়ে বলেছিল লিন্ডা। হয়তো সত্যিই এটা একটা ইশারা, কারণ কাকতালীয় হোক বা না হোক, এটা প্ল্যান ‘সি’ হিসেবে কাজ করতে পারে।’

মনস্থির করার জন্য সে কয়েক সেকেন্ড চিন্তা করলো। সে জানে, প্ল্যান ‘সি’র ফলে ঝামেলা হবে, কিন্তু আর কোনো উপায় তার হাতে নেই। বড়ো করে শ্বাস নিলো লিন্ডা, তারপর সিটবেল্ট খুলে উঠে পড়লো। তারপর পা বাড়ালো দরজার কাছে দাঁড়িয়ে থাকা দলটার দিকে।

চুরাশি

গার্সিয়া যখন ওয়ার্ল্ড ওয়ে’র ডানে মোড় নিলো, নিজের মোবাইলের স্ক্রিনে তাকালো হান্টার। অ্যাম্বার বার্নেটের তরফ থেকে আর কোনো মেসেজ নেই। ড্যাশবোর্ডের ঘড়ি অনুযায়ী, ফ্লাইট ৮৬৪৯ সাত মিনিট আগেই টেক অফ করেছে এলএএক্স থেকে।

‘সে কি ফ্লাইটটা দেরি করাতে পেরেছে?’ এক ঝলকের জন্য পার্টনারের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো গার্সিয়া।

‘আমি জানি না,’ উত্তর দিলো হান্টার, ফোনটা পার্টনারকে দেখালো। ‘কোনো মেসেজ আসেনি তার কাছ থেকে।’

‘ওয়েল,’ বললো গার্সিয়া। ‘পার্কিং লট নিয়ে মাথা ঘামাচ্ছি না। সোজা টার্মিনাল বি’র বাইরে ডিপার্চারস ড্রপ-অফ পয়েন্টে গিয়ে থামবো। প্লেন ধরার জন্য এর চাইতে আর কাছে যাওয়া সম্ভব নয়। তবে গাড়ি থেকে নামার পরে আমাদেরকে উসাইন বোল্টের মতো দৌড় লাগাতে হবে।’

লাইট আর সাইরেনের কারণে রাস্তা পরিষ্কার হয়ে গেল বটে, কিন্তু টার্মিনাল বি’র ডিপার্চার ড্রপ-অফ পয়েন্টে পৌঁছাতে আরও এক মিনিট লেগে গেল গার্সিয়ার। গাড়ি থেকে নেমেই সবচেয়ে কাছের দরজা এ’র দিকে ছুটলো ওরা। দশ সেকেন্ডেরও কম সময় পরে ওদের গাড়ির পেছনে এসে থামলো ডিটেকটিভ মিল্টন আর জ্যাকবের গাড়ি।

লাইট দেখে আর সাইরেনের আওয়াজ শুনে, গার্সিয়ার গাড়ির দিকে ছুটে এলো এয়ারপোর্ট সিকিউরিটি। কিন্তু তারা পৌঁছানোর আগেই, ব্যাজ হাতে নিয়ে গাড়ি থেকে লাফিয়ে নামলো দুই ডিটেকটিভ।

‘এলএপিডি হোমিসাইড,’ চিৎকার করে বললো হান্টার। ‘রাস্তা থেকে সরে দাঁড়ান।’

ও জানে, ‘এলএপিডি’ বলার পর যদি ‘হোমিসাইড’ শব্দটা যোগ করা হয়, তাহলে সাধারণত মানুষ দ্রুত সরে যেতে শুরু করে। ঠিক সেটাই ঘটলো। হোমিসাইড শব্দটা শোনার সাথে সাথে ড্রপ-অফ পয়েন্টের আশপাশের সবাই চমকে উঠে এক ধাপ পেছনে সরে গেল এবং বিস্মিত দৃষ্টিতে চারদিকে তাকাতে লাগলো। আর তাদের বেশিরভাগই মোবাইল ফোন বের করে এই ‘বাস্তব জীবনের হলিউড সিনেমা’র মতো দৃশ্য ধারণ করতে ব্যস্ত হয়ে গেল।

‘আপনাদের গাড়ি এখানে রাখতে পারবেন না,’ চিৎকার করে বলার চেষ্টা করলো এক সিকিউরিটি গার্ড, কিন্তু ততক্ষণে হান্টার আর গার্সিয়া দরজা পার হয়ে টার্মিনালের ভেতরে ঢুকে গেছে।

‘কোনো সমস্যা নেই,’ বললো ডিটেকটিভ মিল্টন, সে আর জ্যাকব সিকিউরিটি গার্ডদেরকে নিজেদের পরিচয়পত্র দেখালো। হান্টার ও গার্সিয়ার পেছনে দৌড়ানোর দরকার নেই। ‘এলএপিডি হোমিসাইড ডিভিশন।’

সকালের এই সময়ে, টার্মিনাল বি ডিপার্চারস লাউঞ্জে খুব একটা ভিড় নেই। তবে যেটুকু আছে, সেটুকুই যথেষ্টই। তাই ঠিক কোথায় যেতে হবে, তা হান্টার আর গার্সিয়া জানার পরেও ‘এলএপিডি হোমিসাইড, রাস্তা থেকে সরে দাঁড়ান!’ বলে চিৎকার করতে হলো ওদেরকে, এবং বেশিরভাগ সময়ই মানুষ আর লাগেজের মাঝ দিয়ে এঁকেবেঁকে দৌড়াতে হলো।

ওরা যখন প্যাসেঞ্জারদের স্ক্রিনিং এন্ট্রান্সের কাছে পৌঁছালো, তখন ওদের পথ আটকে দাঁড়ালো হেভিওয়েট চ্যাম্পিয়নের মতো শক্তপোক্ত দুই অফিসার।

‘এলএপিডি হোমিসাইড,’ ব্যাজ হাতে বললো হান্টার, হাঁপাচ্ছে রীতিমতো। ‘আমাদের প্রয়োজন…’

‘ডিটেকটিভ রবার্ট হান্টার?’ দুই অফিসারের প্রথমজন ওর দিকে তর্জনী তাক করে প্রশ্ন করলো।

‘হ্যাঁ…’ হাঁপাতে হাঁপাতে বললো হান্টার। ‘আমিই রবার্ট হান্টার।’ গার্সিয়া ঠিক ওর পেছনেই।

‘এদিকে আসুন,’ তর্জনী দিয়ে ডান পাশের এন্ট্রান্স ‘সি’ দেখিয়ে বললো অফিসার। অফিসার বলল, আপাতত সেটা যাত্রীদের জন্য বন্ধ। ‘ফেডারেল এয়ার মার্শালস অফিস থেকে অ্যাম্বার বার্নেট আপনার ব্যাপারে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন,’ পথ দেখাতে দেখাতে বললো অফিসার। ‘তাড়াতাড়ি করতে হবে আমাদের।’

চারজন এবার পাগলের মতো দৌড়ানো শুরু করলো।

‘আপনাদের সাথে অস্ত্র আছে?’ এন্ট্রান্স ‘সি’ পার করার পরে জিজ্ঞেস করলো অফিসার।

‘হ্যাঁ, দুজনের কাছেই,’ উত্তর দিলো হান্টার।

‘আমিও সেরকমটাই ভেবেছি,’ বললো অফিসার। ‘এদিকে।’ বলে আবার ডানদিকে ইঙ্গিত করলো সে। এই পথে গেলে সমস্ত মেটাল ডিটেক্টর এড়িয়ে যাওয়া যাবে।

‘ফ্লাইটটা কি এখনো গ্রাউন্ডে?’ জিজ্ঞেস করলো গার্সিয়া।

‘এই মুহূর্তে,’ জবাব দিলো অফিসার। ‘অ্যাম্বার প্লেনের ভেতরে।’ কথাটা শুনে হান্টার আর গার্সিয়া দুজনেই অবাক হয়ে গেল।

মেটাল ডিটেক্টর পার করার পরে ক্রসিং গেটওয়ের কাছে পৌঁছালো ওরা। এই গেটওয়েটা ৩৩০ ফুট দীর্ঘ এক ব্রিজ, যা ডিপার্চার লাউঞ্জকে সংযুক্ত করেছে নির্দিষ্ট কিছু ডিপার্চার গেটের সাথে। এবং এই গেটওয়েটা প্রায় একটা ফুটবল মাঠের সমান লম্বা। চারজনই যত দ্রুত সম্ভব সেই সেতু পার হওয়ার জন্য ছুটতে লাগলো। ঘামে ভিজে গিয়েছিল হান্টার আর গার্সিয়া দুজনেই, নিজের ফুসফুসে জ্বালা অনুভব করলো হান্টার।

গেটওয়ের শেষে পৌঁছে ডান দিকে ঘুরলো অফিসার দুজন, গেট ২০১বি’র দিকে দৌড়াতে লাগলো।

‘ও ফাক!’ ভারী শ্বাস ফেললো গার্সিয়া। যে গেটটা ওরা খুঁজছে, তা গেট ২১০এ, পুরো কনকোর্সের একদম বাম দিকের প্রান্তে। যার মানে, আরও ৩১০ ফুট। ‘আমরা কি রোম পর্যন্ত দৌড়াচ্ছি?’

গেট ২০২, ২০৩, ২০৪, এবং ২০৫-এ বোর্ডিংয়ের অপেক্ষায় থাকা যাত্রীদের মাঝ দিয়ে নির্বিঘ্নে পার হয়ে এলো ওরা। কিন্তু বাঁ পাশে থাকা গেট ২০৬-এ পৌঁছাতেই একটা ছোটো ছেলে তার মায়ের হাত থেকে ছুটে দৌড়ে ডান দিকের গেট ২০৬বি’র দিকে চলে গেল। এর কারণে ছেলেটা ঠিক ওদের দৌড়ানোর পথের ওপরে এসে পড়লো।

‘জেসন!’ তার মা আতঙ্কিত গলায় ছেলেকে ডাকলো, ছেলের পিছু পিছু দৌড়ানো শুরু করলো। দলের সামনে থাকা হান্টার ডান দিকে সরে যেতে বাধ্য হলো। কোনোমতে সে মা ও ছেলেকে এড়িয়ে যেতে পারলো বটে, কিন্তু গার্সিয়া এবং দুই অফিসারের ভাগ্য এতটা প্রসন্ন হলো না। ছেলেটা ও তার মাকে একটু দেরিতে দেখতে পেলো তারা। সংঘর্ষ এড়াতে বাঁ দিকে সরলো গার্সিয়া, আর দুই অফিসার সরলো ডান দিকে। ফলাফল এতটাই নিখুঁত হলো যে, যেন এটা আগে থেকেই পরিকল্পিত ছিল। সর্ব শক্তিতে একে অপরের সাথে ধাক্কা খেলো তিনজন। রেসলিঙের স্টাইলে মেঝেতে আছড়ে পড়লো তিনজনের মধ্যে শারীরিকভাবে সবচেয়ে কম শক্তিশালী গার্সিয়া। তার মাথাটা কংক্রিটের মেঝেতে এতটাই শক্তভাবে আঘাত করলো যে কয়েক মিনিটের জন্য বেহুঁশ হয়ে গেল সে। গার্সিয়ার সাথে ধাক্কা খাওয়ার পরে জড়াজড়ি করে পড়ে গেল দুই অফিসার। ব্যথা পেলেও কোনো হাড় ভাঙেনি তাদের, কপাল ভালো বলতেই হবে।

হান্টার নিজের গতি কমালো না। তবে গেট ২০৬-এ অপেক্ষারত অনেক যাত্রী মাটিতে পড়া তিনজন পুরুষকে সাহায্য করতে ছুটে গেল।

হান্টার যখন গেট ২১০-এ পৌঁছালো, ততক্ষণে ওর শরীরের প্রতিটি পেশি চিৎকার করছে অক্সিজেনের জন্য। কিন্তু এখনো বিমানের দরজা পর্যন্ত সেই ছোটো করিডোরটা পার করা বাকি। আমেরিকান এয়ারলাইনসের মহিলাকে কোনো কথা না বলে বোর্ডিং গেট পার হয়ে গেল ও। সময়ও নেই, ব্যাখ্যা করার শক্তিও নেই। বামদিকে বাঁক নিলো বোর্ডিং করিডোরটা, আর সেই বাঁক ঘোরার সাথে সাথে প্লেনের ভেতর থেকে হইচই ও চিৎকার শুনতে পেলো ও। বিমানের দরজা পুরোপুরি খোলা। আর তখনই ও থেমে দাঁড়ালো। বিমানের ভেতরে, দরজার বাম পাশে দাঁড়িয়ে আছে এক ফ্লাইট অ্যাটেনড্যান্ট, মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। তার ডান দিকে, রক্তে ভেজা মুখ নিয়ে দাঁড়িয়ে আছে অ্যাম্বার বার্নেট, দেখলো হান্টার। তারপরেই অস্ত্রটা চোখে পড়লো ওর। ঈশ্বর, লিন্ডা ইভান্স বন্দুক নিয়ে বিমানের ভেতরে ঢুকলো কীভাবে?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *