পঁচাশি
টেকঅফের সময় পার হয়েছে আরও নয় মিনিট আগে।
নিজের সিট থেকে উঠে দরজার পাশে দাঁড়িয়ে থাকা গ্রুপটার দিকে এগোলো লিন্ডা। ভয়াবহভাবে কাশছে সে, যেন গলার মধ্যে কিছু আটকে গেছে। সাথে সাথেই তাকে লক্ষ করলো গ্রুপের সবাই।
‘ম্যাম,’ একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট ঘুরে তাকালো লিন্ডার দিকে, ‘দয়া করে আপনার সিটে ফিরে যান…’
আরও জোরে কাশলো লিন্ডা। বাঁ হাত দিয়ে মুখ ঢেকে ডান হাত দিয়ে ফ্লাইট অ্যাটেনডেন্টকে ইশারা দিলো, তার একটু সময় প্রয়োজন।
‘প্লিজ, আমি শুধু একটি গ্লাস পানি চাই,’ কাশতে কাশতে কর্কশ কণ্ঠে বললো লিন্ডা, ‘গলায় কিছু একটা আটকে গেছে।’
‘আপনি যদি আপনার সিটে ফিরে যান, ম্যাম,’ পাল্টা বললো ফ্লাইট অ্যাটেনডেন্ট, ‘আমি এখনই আপনাকে পানি এনে দেবো।’
কিন্তু লিন্ডা এগোতে লাগলো, সেই সাথে কাশতে লাগলো আগের মতোই। কিন্তু কালো চুলের মহিলার কাছে পৌঁছানোর জন্য সামান্য দিক পরিবর্তন করে একটু বামে চলে এলো সে।
হাতে সময় কম থাকা এবং জরুরি পরিস্থিতির কারণে অ্যাম্বার বার্নেটকে সবকিছু খুলে বলতে পারেনি হান্টার। শুধু এটুকু বলেছিল যে ও আর গার্সিয়া এয়ারপোর্টে না পৌঁছানো পর্যন্ত আমেরিকান এয়ারলাইনস ফ্লাইট নাম্বার ৮৬৪৯ দেরি করাতে হবে। অ্যাম্বার বার্নেটকে হান্টার শুধু বলেছিল, তিন হত্যাকাণ্ডের জন্য সন্দেহভাজন এক ব্যক্তি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে। কিন্তু ও অ্যাম্বারকে সেই সন্দেহভাজনের কোনো বর্ণনা দেয়নি, কোনো নাম উল্লেখ করেনি, বা কোনো সিট নাম্বারও বলেনি। কারণ ও কখনো ভাবেনি যে অ্যাম্বার নিজে বিমানে এসে উঠবে। অ্যাম্বার নিজেও জানতো না যে হান্টার আর গার্সিয়া কাকে খুঁজছে।
কালো চুলের মহিলা বাঁহাতি, সিটে বসেই লক্ষ করেছিল লিন্ডা। এক সাইজ বড়ো জ্যাকেটটা সম্ভবত অস্ত্র লুকানোর জন্য, সম্ভবত কাঁধে ঝোলানো হোলস্টার। যার মানে, সে একজন পুলিশ অফিসার কিংবা একজন এয়ার মার্শাল। মহিলা যেহেতু বাঁহাতি, তাই অস্ত্র থাকার সবচেয়ে যৌক্তিক জায়গা হলো তার ডান বগলের নিচে।
লিন্ডা যখন গ্রুপের কাছে পৌঁছালো, তখন তার দিকে ঘুরে তাকালো অ্যাম্বার। ঘুরে তাকানোর ফলে তার জ্যাকেটটা পেটের দিকে সামান্য চেপে বসলো, সেই সাথে তার ডান হাতের নিচে ফোলা একটা অংশ দেখা গেল। সব কিছু খুব দ্রুত ঘটে গেল। এত দ্রুত যে ফ্লাইট অ্যাটেনডেন্ট এবং পাইলট বুঝতেই পারলো না যে কী হচ্ছে। যখন বুঝলো, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
গ্রুপের কাছে পৌঁছাতেই কিছু একটায় হোঁচট খাওয়ার ভান করলো লিন্ডা, নিজেকে অ্যাম্বারের দিকে ছুঁড়ে দিলো। চমকে গেল সবাই, আর এটাই চাইছিল লিন্ডা। অ্যাম্বারের সাথে ধাক্কা খেতেই নিজের দুই হাত অ্যাম্বারের বাঁ ও ডান হাতের নিচে রাখলো লিন্ডা। এই কৌশলটা সে শিখেছিল তার ক্রাভ মাগা সেলফ-ডিফেন্স ক্লাসে। লিন্ডার ধাক্কার কারণে পেছনের খোলা দরজার দিকে পিছিয়ে যেতে বাধ্য হলো অ্যাম্বার, কিন্তু তার জ্যাকেট শক্ত করে চেপে ধরে নিজের দিকে টেনে নিলো লিন্ডা। তারপর নিজের মাথা দিয়ে জোরে আঘাত করলো অ্যাম্বারের নাকবরাবর।
হাড় ভাঙার ভয়ঙ্কর, গা শিউরানো এক আওয়াজ হলো। যেন ভাঙা কাচের স্তুপের ওপর পা রেখেছে কেউ। রক্ত ছিটকে বেরোলো অ্যাম্বারের মুখ থেকে, এবং ভিজিয়ে দিলো লিন্ডা, পাইলট ও দুই ফ্লাইট অ্যাটেনডেন্টকে। তীব্র ব্যথায় প্রায় অজ্ঞান হয়ে গেল অ্যাম্বার, নিজের অজান্তেই নাক চেপে ধরলো। নিজের ওপরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে সে। চোখের পলকে অ্যাম্বারের জ্যাকেটের জিপার নামিয়ে ফেললো লিন্ডা, হোলস্টারের গার্ড স্ট্র্যাপটা খুলে অস্ত্র টেনে নিলো। বাঁ হাত দিয়ে অ্যাম্বারকে দরজার ডান পাশের দেয়ালে ঠেলে দিয়েই গ্যালির দিকে পিছিয়ে গেল দুই পা।
পুরো ঘটনাটা ঘটতে সময় লাগলো মাত্র তিন সেকেন্ড।
ইকোনমি ক্লাসের যেসব যাত্রী বাঁ পাশে দরজার কাছের সিটে বসেছিল, তারা লিন্ডার হাতের অস্ত্রটা দেখতে পেলো। আতঙ্কিত চিৎকার একই সাথে বেরিয়ে এলো তাদের মুখ দিয়ে, মেক্সিকান ওয়েভের মতো তা গোটা কেবিনে ছড়িয়ে পড়লো। চিৎকার কিংবা যাত্রীদের নিয়ে চিন্তা করলো না লিন্ডা। পিছিয়ে গিয়ে দুই ফ্লাইট অ্যাটেনডেন্টের মধ্যে খাটোজনের চুল ধরে হ্যাঁচকা টান মারলো সে, তাকে নিজের সঙ্গে বিমানের মাঝের গ্যালিতে টেনে নিলো। চোখের পলকে লিন্ডার মানববর্মে পরিণত হলো অ্যাটেনডেন্ট।
পেছনে দাঁড়িয়ে অস্ত্রের নলটা ফ্লাইট অ্যাটেনডেন্টের ডান কপালে ঠেকালো লিন্ডা। সবাইকে পিছিয়ে যাওয়ার নির্দেশ দিতে যাবে, ঠিক তখনই টার্মিনালের বোর্ডিং করিডোরে লম্বা ও সুগঠিত শরীরের একজন পুরুষকে দেখতে পেলো সে। তার বেল্টে লাগানো ব্যাজটা চোখে পড়লো লিন্ডার, এবং তখনই পুরুষটাকে চিনতে পারলো। এলএপিডি ইউভিসি ইউনিট নিয়ে গবেষণা করার সময় এই মানুষটার কয়েকটা ছবি সে দেখেছিল। ইউভিসি ইউনিটের প্রধান, ডিটেকটিভ রবার্ট হান্টার।
‘সবাই যে যার জায়গায় বসে থাকুন,’ সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করলো লিন্ডা, অ্যাম্বার আর হান্টারকে দেখানোর জন্য অস্ত্রটা উঁচু করে ধরলো। বুড়ো আঙুল দিয়ে সেফটি অফ করে দিলো সে, তারপর অস্ত্রের নলটা ফ্লাইট অ্যাটেনডেন্টের কপালে ঠেকালো। ‘কেউ যদি তার সিট থেকে ওঠার চেষ্টা করে, তবে সবার আগে একে গুলি করবো আমি।’ ফ্লাইট অ্যাটেনডেন্টকে দেখিয়ে ইশারা করলো সে। ‘এরপর গুলি করবো তাকে, যে সিট থেকে ওঠার চেষ্টা করেছে। কেউ যদি ফোন বের করে ভিডিয়ো করার চেষ্টা করে, তবে প্রথমে আমি একে গুলি করবো,’ আবার ফ্লাইট অ্যাটেনডেন্টের দিকে ইশারা। ‘তারপর যে ফোন বের করেছে, তাকে।’ হান্টারের চোখে চোখ রাখলো সে। ‘এত কাছ থেকে আমি কিন্তু মিস করবো না। আমার কথা কি পরিষ্কার?’
ছিয়াশি
দম যখন প্রায় শেষ, পা’জোড়ার ভেঙে পড়ার উপক্রম, সেই সময়ে বিমানের বোর্ডিং দরজা থেকে কয়েক পা দূরে থেমে দাঁড়ালো হান্টার। ওর দাঁড়ানোর জায়গা থেকে দরজার ডান পাশে অ্যাম্বারকে দেখতে পেলো। দুই হাত নাকের সামনে ধরা, রক্তে ভেসে গেছে মুখটা। পাইলট এবং একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট দাঁড়িয়ে আছে বাঁ দিকে। তাদের দুজনের ইউনিফর্মেই রক্তের ছিটে, তবে রক্তটা তাদের কিনা, তা হান্টার বুঝতে পারলো না। দেখে অবশ্য আহত বলে মনে হচ্ছে না। কিন্তু একজন ফ্লাইট অ্যাটেনডেন্টের মাথায় একটা সেমি-অটোমেটিক পিস্তল ধরে মাঝের গ্যালিতে দাঁড়িয়ে আছে একজন মহিলা, দৃশ্যটা ওর দৃষ্টি কেড়ে নিলো।
এক মুহূর্তের জন্য চোখাচোখি হলো হান্টার ও লিন্ডার। মহিলার চোখে দৃঢ় সংকল্প দেখতে পেলো এলএপিডি ডিটেকটিভ।
‘সবাই যে যার জায়গায় বসে থাকুন,’ চিৎকার করে বললো লিন্ডা, তারপর হান্টারকে দেখিয়ে অস্ত্রের সেফটি অফ করে দিলো। আতঙ্কিত চিৎকারে ভরে উঠলো গোটা বিমানটা, বেশ কয়েক সেকেন্ড স্থায়ী হলো তা। তবে তার নির্দেশ না মানলে কী হতে পারে, লিন্ডার সেই হুমকির পরে সব যাত্রীরা তার কথামতো কাজ করলো। কেউই নিজের সিট থেকে নড়লো না, কেউ মোবাইল ফোনের দিকেও হাত বাড়ালো না।
পেশাগত অভিজ্ঞতা হান্টারকে বললো নিজের অস্ত্র বের করে লিন্ডার দিকে তাক করতে, সাহায্য আসা পর্যন্ত লিন্ডাকে যে-কোনোভাবে আটকে রাখতে। কিন্তু হিউম্যান সাইকোলজি থেকে ও জানে যে অস্ত্র বের করলে পরিস্থিতি আরও অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। লিন্ডা ইভান্সের মানসিক অবস্থা সম্পর্কে জানে না ও। কিন্তু এটুকু জানে, লিন্ডা ইভান্সের হারানোর কিছু নেই। এরকম বেপরোয়া একজন মানুষের বিপক্ষে এতজন যাত্রীর জীবন নিয়ে ঝুঁকি নেয়া যায় না। অস্ত্র বের করার পরিবর্তে আত্মসমর্পণের ভঙ্গীতে হাত তুললো ও।
‘লিন্ডা,’ হাঁপাতে হাঁপাতে ডাকলো হান্টার। ‘আপনি নিজেও কাজটা করতে চান না।’
মাথা ঘুরিয়ে হান্টারের দিকে তাকালো অ্যাম্বার। নাক থেকে রক্ত ঝরছে তার, রক্তলাল চোখে তীব্র ক্রোধ। মাত্র এক সেকেন্ডের জন্য তার দিকে তাকালো হান্টার। একবার তাকিয়েই যদি কাউকে ‘সরি’ বলা সম্ভব হয়, তবে সেটাই করলো সে।
‘তাই না-কি, ডিটেকটিভ?’ প্রশ্নের মাধ্যমে উত্তর দিলো লিন্ডা। তার ভেতরের দৃঢ়তা যেন আরও গভীর হয়ে ফুটে উঠলো তার চোখজোড়ায়।
‘হ্যাঁ, তা-ই।’ হাঁপাতে লাগলেও দৃঢ় গলায় বললো হান্টার। কাঁদতে শুরু করলো লিন্ডার সামনে মানববর্ম হয়ে থাকা ফ্লাইট অ্যাটেনডেন্ট। ‘প্লিজ,’ কাঁপা গলায় বললো সে, তার কণ্ঠ প্রায় শোনাই গেল না। তবে ঠোঁটের নড়াচড়া দেখে সে কী বলতে চাইছে, তা বুঝতে পারলো হান্টার। ‘প্লিজ আমাকে যেতে দিন। আমার একটা মেয়ে আছে।’
‘মুখ বন্ধ করো,’ বললো লিন্ডা, আরও জোরে ফ্লাইট অ্যাটেনডেন্টের চুল টেনে ধরলো। আতঙ্কিত চিৎকার বেরিয়ে এলো ফ্লাইট অ্যাটেনডেন্টের মুখ দিয়ে।
‘আপনি এদের ক্ষতি করতে চান না, লিন্ডা,’ চিৎকার করে বললো হান্টার, ওর হাত এখনো ওপরে তোলা। ‘আমি জানি, আপনি চান না।’ মহিলাকে শান্ত করার সবচেয়ে ভালো উপায় হলো যে তথ্যটা ও জানে, তা ব্যবহার করা। ‘আমি জানি, আপনি চান না, কারণ এদের কেউই, কখনো, জেনেসিসের কোনো ক্ষতি করেনি।’
মেয়ের নাম শোনার পর, কয়েকবার চোখের পাতি ফেললো লিন্ডা। ‘ওর নামও উচ্চারণ করবেন না, আপনি। খবরদার।’ দাঁতে দাঁত ঘষে বললো সে। ‘আপনি জেনেসিস সম্পর্কে কিছুই জানেন না।’
‘আমি এটুকু জানি যে, এদের কোনো মানুষ কখনো ওকে উত্যক্ত করেনি বা ওকে নিয়ে মজা করেনি। ওর সাথে যা হয়েছে, সেটা এই মানুষগুলোর দোষ নয়, লিন্ডা।’ একে অপরের চোখে চোখ রেখে তাকালো হান্টার আর লিন্ডা। ‘দোষটা আপনারও নয়।’
যারা আত্মহত্যা করে নিজেদেরকে শেষ করে দেয়, তাদের প্রিয়জনদের মধ্যে সবচেয়ে বিধ্বংসী অনুভূতি যে অপরাধবোধ, তা হান্টার খুব ভালো করেই জানে। অপরাধবোধটা বিশেষ করে সেই অভিভাবকদের মধ্যে আরও বেশি, যাদের কিশোর অথবা তরুণ সন্তান আত্মহত্যা করেছে। আর সেই অপরাধবোধ থেকে আসে প্রশ্ন; যেমন, ‘তাদের ভুলটা কোথায় ছিল?’, ‘কেন তারা আগেই বুঝতে পারেনি?’ এরকম আরও অনেক প্রশ্ন, যেগুলো তাদেরকে সারাজীবন কুরে কুরে খায়। এমনকি, প্রশ্নগুলোর উত্তর যদি পাওয়া যায়ও, বেশিরভাগ অভিভাবক নিজেদেরকেই দোষী মনে করে। কারণ সন্তানের নিরাপত্তা এবং ভালো রাখার দায়িত্ব তাদেরই ছিল। কথাটা লিন্ডার ক্ষেত্রেও সত্যি। হান্টার জানে, পুরোপুরি না হলেও জেনেসিসের আত্মহত্যার জন্য নিজেকে কিছুটা হলেও দায়ী মনে করে লিন্ডা।
আবার চোখের পাতি ফেললো লিন্ডা, এবার তার চোখে নির্জলা ঘৃণা দেখতে পেলো হান্টার।
‘কার দোষে ও মারা গেছে, সে ব্যাপারে আপনার কোনো ধারণাই নেই।’ থুথু ছেটানোর মতো করে কথাগুলো বললো লিন্ডা। ‘কী হয়েছিল, তা আপনি জানেন পর্যন্ত না।’
যাত্রীদের মধ্যে উত্তেজনা আবারও তীব্র হতে শুরু করলো, এবং সবাই তা অনুভব করতে পারলোও। কিছু একটা করতে হবে, এবং তা দ্রুত, ভাবলো হান্টার। ওর অভিজ্ঞতা বলে, এ ধরণের পরিস্থিতিতে লিন্ডাকে কথার প্যাঁচে ব্যস্ত রাখাটাই সবচেয়ে সেরা আইডিয়া। বিকল্প হিসেবে গোলাগুলির চাইতে কথোপকথন সবসময়ই ভালো। আর হান্টার যেহেতু আসলেই অনেক কিছু জানে, লিন্ডাকে কথোপকথনে ব্যস্ত রাখলেই তা প্রমাণ করা সম্ভব।
‘কী হয়েছিল, তা আমাকে বলুন তাহলে?’ রীতিমতো মিনতি করলো হান্টার। ‘গার্ডেনা জুনিয়র হাইয়ে কী হয়েছিল, লিন্ডা? জ্যানেট, ট্রয়, জোসি, সোফিয়া, পেদ্রো এবং জেনেসিসের সাথে কী ঘটেছিল? কী করেছিল তারা? কেন আপনি তাদেরকে এভাবে শাস্তি দিচ্ছেন? আমি আসলেই সবকিছু জানতে চাই, কিন্তু সবার আগে আপনাকে এই মানুষগুলোকে মুক্তি দিতে হবে, লিন্ডা।’
এরপরে কী বলতে যাচ্ছে, তা চিন্তা করে একটা দম ছাড়লো হান্টার। ‘আপনি যদি আমাকে জিম্মি করতে চান, তাহলে তা করতে পারেন। কিন্তু এই মানুষগুলোকে মুক্তি দিতে হবে আপনার এবং সেটা করতে হবে খুব দ্রুত।’
আরেকবার বিরতি দিলো হান্টার। এবারের বিরতি দেওয়ার কারণ ওর বলা কথাগুলো যেন লিন্ডার মাথায় সঠিকভাবে ঢোকে। তাকে বুঝতে হবে যে, সে অন্য সবার মতোই বিপদে আছে।
‘বিমানের ভেতরে গুলিভরা অস্ত্র মানুষের জীবনের জন্য সবচেয়ে বড়ো হুমকির একটা,’ ব্যাখ্যা করলো হান্টার, ‘বিমানটা যতই মাটিতে থাকুক না কেন। আমি মোটামুটি নিশ্চিত যে কো-পাইলট ইতোমধ্যেই রেডিও করে পরিস্থিতি সম্পর্কে জানিয়েছে। ছয় থেকে সাত মিনিটের মধ্যে আপনি দেখতে পাবেন, একটা সোয়াট টিম এই বিমানের চারপাশটা ঘিরে ফেলেছে।’ মাথা নাড়লো হান্টার। ‘আর তারা কিন্তু কথা বলতে চাইবে না লিন্ডা।’ আরেকবার বিরতি, আগেরবারের তুলনায় লম্বা আর ভারী। ‘আপনি যদি সবাইকে মুক্তি দেন, তবে আমি সোয়াট টিমকে ঠেকাতে পারবো। কেউ আহত বা নিহত হবে না, কিন্তু এই মানুষগুলোকে আপনার মুক্তি দিতে হবে। আমি জানি লিন্ডা, আপনি এখানকার কারো ক্ষতি করতে চান না। এই মানুষগুলো, এই যাত্রীরা আপনার লক্ষ্যবস্তু নয়।’
‘আপনি মনে হচ্ছে, আমার উদ্দেশ্য সম্পর্কে খুবই নিশ্চিত, ডিটেকটিভ হান্টার। নাম এটাই তো, না-কি?’
‘রবার্ট,’ পাল্টা বললো হান্টার।
‘তাহলে বলুন, রবার্ট।’ লিন্ডার কণ্ঠে জেদ ফুটে বেরোলো। ‘আপনি কীভাবে এত নিশ্চিত যে আমি এখানকার কাউকে কোনো আঘাত করতে চাই না?’
লিন্ডা ইভান্স সম্পর্কে খুব কমই জানে হান্টার। মহিলার বিষয়ে ফাইল তৈরির সময় পায়নি রিসার্চ টিম। তবে হান্টার জানে, লিন্ডা একজন মা, যে শোকের বিরুদ্ধে লড়াই করে চলেছে অবিরাম। হান্টারের মনোবিজ্ঞানী সত্ত্বা জানে যে, এই তথ্যটা ও কাজে লাগাতে পারবে।
‘কারণ এই বিমানের ভেতরের প্রত্যেকটা মানুষ,’ জবাব দিলো ও। ‘প্রতিটা যাত্রী… প্রতিটা ক্রু মেম্বার, প্রত্যেকেই জেনেসিস।’
আবার রাগ ফুটে উঠলো লিন্ডার মুখে। দ্রুত বিষয়টা ব্যাখ্যা করলো হান্টার।
‘মানে আমি বলতে চাইছি, এই বিমানের ভেতরের সবাই-ই কারো না কারো মেয়ে,’ ওর কথাগুলো লিন্ডার উপলব্ধি করার জন্য এক মুহূর্তের বিরতি দিলো হান্টার। ‘কারো না কারো ছেলে, কারো না কারো ভাই, বোন, মা, বাবা। তারা সবাই নির্দোষ। যদি আপনি তাদের জীবনটা কেড়ে নেন, তাহলে সেটা আর প্রতিশোধ হবে না, লিন্ডা। তাদের জীবনটা কেড়ে নিলে আপনি ঠিক তাদের মতো হয়ে যাবেন, যারা জেনেসিসকে আপনার থেকে ছিনিয়ে নিয়েছিল। আপনি একজন নির্দোষ মেয়েকে তার পরিবারের কাছ থেকে কেড়ে নেবেন, অথবা ছেলেকে অথবা মা’কে, অথবা বাবাকে।’
ট্রিগারে চেপে বসে থাকা লিন্ডার আঙুলের দিকে নজর ছিল হান্টারের। এক মিলিসেকেন্ডের জন্য ট্রিগারের ওপর থেকে চাপ কমে গেল, শপথ করে বলতে পারে ও। আরেকটু চাপ বাড়ানোর সিদ্ধান্ত নিলো হান্টার। একই সাথে ভারী ও কোমল গলায় কথা বলতে শুরু করলো ও।
‘আপনি আমাকে জিম্মি করুন। কারণ আমি ওগুলোর কিছুই না।’ জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকালো লিন্ডা।
‘আমার কোনো পরিবার নেই,’ ব্যাখ্যা করলো হান্টার। ‘আমার বাবা-মা অনেক বছর আগে মারা গেছেন। আমার কোনো ভাই বা বোনও নেই। আমি কখনো বিয়ে করিনি, আমার কোনো সন্তানও নেই। আমি কারো স্বামী না, কারো বাবা না, কারো সঙ্গীও না।’
সর্বোচ্চ আন্তরিক দৃষ্টিতে লিন্ডার দিকে তাকালো ও। ‘ওদেরকে যেতে দিন, আর তার পরিবর্তে আমাকে জিম্মি হিসেবে নিন, লিন্ডা। কাউকে যদি খুন করতেই চান, তবে আমাকে করুন, কারণ আমাকে খুন করলে কোনো পরিবার ধ্বংস হবে না, কারো কাছ থেকে কিছু কেড়ে নেয়া হবে না।’
সাতাশি
লিন্ডা ইভান্স যদি কোনো একটা বিষয় ভালোভাবে বোঝে, সেটা হলো মানসিক যন্ত্রণা। সেই ধরনের যন্ত্রণা, যা হৃদয়কে চূর্ণ করে দেয়, চিন্তাগুলোকে অসাড় করে তোলে, যা মানুষকে বদলে দেয়। আর তার সামনে দাঁড়ানো ডিটেকটিভের প্রতিটা কথায় সেই যন্ত্রণা লেগে ছিল।
এক মুহূর্তের জন্য, হান্টারকে গভীরভাবে বোঝার চেষ্টা করলো লিন্ডা। কিন্তু মাথা খুব বেশি ঘামানোর আগেই বিমানের যাত্রীদের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা তার মনোযোগ কেড়ে নিলো। প্লেনের ভেতরের পরিস্থিতি খারাপ হতে খুব বেশি সময় লাগবে না। আর একবার যদি সেটা ঘটে, তা সবার জন্যই ভয়াবহ হবে।
লিন্ডা জানে, বিমান ফাঁকা হলেই তার পক্ষে পরিস্থিতি সামলানো সহজ হবে। প্রত্যেক যাত্রীর ওপরে নজর রাখতে পারছে না সে, এটা একটা বড়ো অসুবিধা। কারণ যে-কোনো সময় যে কারো মাথায় নায়ক হওয়ার ভূত চাপতে পারে। তবে আরও একটা কারণ হলো, তার প্ল্যান ‘সি’ কার্যকর করার সেরা সুযোগ হতে পারে ফাঁকা বিমানের মাধ্যমেই।
‘ঠিক আছে,’ অবশেষে বললো লিন্ডা, কিন্তু তার গলায় সন্দেহের ছাপ স্পষ্ট। ‘যাত্রীদের ছেড়ে দেবো আমি, কিন্তু তার আগে আপনাকে আপনার অস্ত্র ফেলে দিতে হবে… রবার্ট।’
এমনভাবে নিজের অবস্থান বদলালো সে যেন ফ্লাইট অ্যাটেনডেন্টের মাথার পেছনে তার ডান চোখটাই কেবল দেখা যায়। ‘ধীরে ফেলুন। কোনো তাড়াহুড়ো করবেন না। কোনোরকম চালাকি করলে, এই মেয়ে মারা যাবে।’ ফ্লাইট অ্যাটেনডেন্টকে দেখিয়ে বললো সে।
‘কোনো চালাকি করবো না আমি,’ তাকে আশ্বস্ত করলো হান্টার।
‘শুধু এক হাত ব্যবহার করুন,’ নির্দেশ দিলো লিন্ডা।
‘কোনো সমস্যা নেই।’
হাত উঁচু করে রাখা অবস্থাতেই, ডান হাত দিয়ে নিজের জ্যাকেট থেকে দুই আঙুলের সাহায্যে অস্ত্র বের করে আনলো হান্টার।
‘মাটিতে রাখুন,’ নির্দেশ দিলো লিন্ডা। ‘লাথি দিয়ে দূরে সরিয়ে দিন।’
সেটাই করলো হান্টার, তবে লিন্ডার দিকে না পাঠিয়ে অস্ত্রটা পেছনের দিকে পাঠিয়ে দিলো।
‘অতিরিক্ত অস্ত্রটাও বের করুন।’
‘আমি অতিরিক্ত অস্ত্র বহন করি না,’ জানালো হান্টার।
অ্যাম্বারের চোখ বিস্ময়ে বড়ো বড়ো হয়ে গেল।
‘কথাটা কি বিশ্বাসযোগ্য?’ জিজ্ঞেস করলো লিন্ডা।
‘আশা করছি, আপনি বিশ্বাস করবেন। কারণ আসলেই আমি অতিরিক্ত অস্ত্র রাখি না।’
তীব্র চোখে হান্টারের দিকে তাকিয়ে থাকলো লিন্ডা। ‘তাহলে কঠিন পথেই যেতে হচ্ছে,’ বললো লিন্ডা। ‘আপনার জ্যাকেট আর শার্ট খুলে ফেলুন… ধীরে করবেন কাজটা।’
মাথা নাড়লো হান্টার। অবশেষে নিজের বাঁ হাত নামাতে পারলো ও। নামিয়ে স্বস্তি পেলো বেশ, কারণ হাত ধরে এসেছিল। জ্যাকেট খুলে পেছনে ছুঁড়ে দিলো। এরপর কাঁধের হোলস্টার আর শার্ট খুলে জ্যাকেটের দিকে ছুঁড়ে দিলো।
‘হাত উঁচু করে ঘুরে ধীরে ধীরে ঘুরে দাঁড়ান।’
নির্দেশানুযায়ী কাজ করলো হান্টার। যেসব যাত্রী বিমানের দরজা দিয়ে বোর্ডিং করিডোর দেখতে পাচ্ছিল, পাইলট, ফ্লাইট অ্যাটেনডেন্ট, অ্যাম্বার আর লিন্ডা তারা সবাই-ই হান্টারের সারা শরীরে দাগ দেখে অবাক হয়ে গেল। ওর শরীরে প্রচুর ক্ষতচিহ্ন, গুলির দাগ, ছুরির আঘাতের দাগ, কাটাকুটির দাগ, আর কিছু জায়গার চামড়া আগুনে পোড়া।
‘মাংস কিমা বানানোর মেশিন থেকে বের হয়েছেন দেখি,’ বললো লিন্ডা।
তার চোখের অভিব্যক্তি সামান্য বদলে গেল, কিন্তু হান্টার দূর থেকে সেটা বুঝতে পারলো না।
‘এই পেশার পার্শ্বপ্রতিক্রিয়া,’ বললো হান্টার। ‘এবার কী?’
‘কাজ শেষ হয়নি আপনার। গোড়ালিতে কোনো অস্ত্র আছে?’
‘না,’ জবাব দিলো হান্টার, প্রথমে ডান পা এবং পরে বাম পা তুলে দেখালো। ‘আমি আগেই বলেছি, আমার কোনো অতিরিক্ত অস্ত্র নেই।’
‘আমি সেটা বিশ্বাস করি না,’ বললো লিন্ডা। ‘প্যান্ট খুলে ফেলুন।’
এক মুহূর্ত দ্বিধা করলো হান্টার।
‘দেরি হয়ে যাচ্ছে, ডিটেকটিভ।’
‘ঠিক আছে।’
নিজের জুতাজোড়া খুলে ফেললো হান্টার, তারপর বেল্ট খুলে প্যান্ট খুলে ফেললো। পরনে থাকলো শুধু কালো বক্সার ও এক জোড়া মোজা। ‘এবার দেখুন,’ বললো ও। ‘কোনো অতিরিক্ত অস্ত্র আমার কাছে নেই।’
ঠিক তখনই বোর্ডিং করিডোরের পেছন থেকে ভারী, অমসৃণ পায়ের আওয়াজ শুনতে পেলো হান্টার। আর এক সেকেন্ড পরে, খোঁড়াতে খোঁড়াতে কোনা থেকে উদয় হলো গার্সিয়া। তার পেছনে দুই টিএসএ (ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন) অফিসারকে দেখা গেল। তারাও খোঁড়াচ্ছে সমানে।
অস্ত্র হাতে লিন্ডাকে দেখতে এক সেকেন্ড সময় লাগলো গার্সিয়ার। তারপর চোখের পলকে নিজের সেমি-অটোমেটিক অস্ত্র বের করে সামনে তাক করলো সে।
‘হোয়াট দ্য হেল?’ চেঁচিয়ে উঠলো সে। মাথায় আঘাত পাওয়ার কারণে কণ্ঠ সামান্য জড়ানো শোনালো।
দাঁতে দাঁত ঘষে ফ্লাইট অ্যাটেনডেন্টের কপালে বন্দুকের নল ঠেকালো লিন্ডা।
‘কার্লোস,’ চিৎকার করে বললো হান্টার, তার ডান হাত পেছনের দিকে ছড়িয়ে দিয়ে থামার ইশারা করলো পার্টনারকে। কিন্তু লিন্ডার ওপর থেকে এক মুহূর্তের জন্য নজর সরালো না। ‘অস্ত্র নামিয়ে রাখো।’
‘কী?’ প্রশ্ন করলো গার্সিয়া, তার অস্ত্র এখনো লিন্ডা ও ফ্লাইট অ্যাটেনডেন্টের দিকে তাক করা।
‘পরিস্থিতি আমার নিয়ন্ত্রণে আছে, কার্লোস,’ বললো হান্টার। ‘লিন্ডা যাত্রীদের ছেড়ে দেবে। আর সে সেটা করার পরে তুমি ক্যাপ্টেন ব্লেককে বলবে যেন কোনো সোয়াট টিম এখানে না আসে। রানওয়েতে বা এই করিডোরে কোনো টিম থাকবে না।’ বলে ও লিন্ডার দিকে চেয়ে নড করলো।
গার্সিয়া হান্টারের দিকে তাকালো। ‘কাউকে আত্মসমর্পণ করানোর জন্য কোনো নাটক না করার ব্যাপারে তো আমরা একমত হয়েছিলাম, রবার্ট। মনে হচ্ছে, তোমার নাটকে মহিলা তেমন প্রভাবিত হয়নি।’
‘লোকটাকে তার বন্দুক নামাতে বলুন, না হলে মারা পড়বে এই মেয়ে,’ বিমানের ভেতর থেকে চিৎকার করে বললো লিন্ডা।
‘আজ এখানে কেউ মরবে না, লিন্ডা,’ পাল্টা বললো হান্টার। ‘কিন্তু সোয়াট টিমগুলোকে থামানোর জন্য আমার পার্টনারকে ফিরে যেতে হবে,’ ব্যাখ্যা করলো ও। ‘আমাদের ক্যাপ্টেনের সাথে কথা বললে ক্যাপ্টেন টিমগুলোর এখানে আসা থামাবেন। বিষয়টা খুব সোজা। তাকে ফিরে যেতে হবে।’
লিন্ডার দিকে তাকিয়ে থাকলো গার্সিয়া। গার্সিয়ার চোখে চোখ রেখে তাকালো লিন্ডা, এক মুহূর্তের জন্য মুখের ভাব পড়ার চেষ্টা করলো। বুঝতে পারলো, বেশ ব্যথা পেয়েছে এই গার্সিয়া নামের লোকটা। ‘সোয়াট অথবা অন্য কেউ এই করিডোরে আসবে না। কথা পরিষ্কার?’
‘পরিষ্কার,’ উত্তর দিলো গার্সিয়া।
তার উদ্দেশ্যে মাথা নাড়ল লিন্ডা। ‘গুড। যান এখন।’
আটাশি
গার্সিয়া ও টিএসএ অফিসার দুজন বোর্ডিং করিডোর ধরে অদৃশ্য হয়ে গেলে আবার নেগোসিয়েশন শুরু করলো হান্টার।
‘লিন্ডা, আমাদের বেশি সময় নেই,’ বললো ও। ‘আমরা’ শব্দটা ব্যবহার করলো ও, যেন লিন্ডাকে বোঝাতে পারে যে তারা দুজন একসঙ্গে কাজ করছে। ‘যাত্রীদের মুক্তি দেওয়া দরকার আমাদের, এবং সেটা এখনই।’
এক পা পেছালো লিন্ডা, পেছানোর সময় ফ্লাইট অ্যাটেনডেন্টকেও টেনে নিলো।
‘ঠিক আছে,’ বেশিরভাগ যাত্রী যেন ওর কথা শুনতে পায়, এমনভাবে বললো সে। ‘ধীরস্থিরভাবে করবো আমরা কাজটা। আতঙ্কের কিছু নেই, তাড়াহুড়োরও কিছু নেই। সবার আগে, যারা জানালার পাশে বসে আছেন, তারা সবাই তাদের জানালার শেড নামিয়ে ফেলুন,’ বলে সবাই যেন তার নির্দেশ বুঝতে পারে, সেজন্য কয়েক সেকেন্ড অপেক্ষা করলো সে। ‘সব জানালার শেড নামিয়ে দিন, এখনই।’
যাত্রীরা তার নির্দেশ মেনে নিলো।
লিন্ডা খুব ধূর্ত, হান্টার স্বীকার করতে বাধ্য হলো। জানালার শেড নামানোর মাধ্যমে প্লেনের বাইরে থেকে স্নাইপারদের আক্রমণের আশঙ্কা এক নিমেষে শেষ করে দিলো এই মহিলা।
‘এবার যাত্রীদের নামার পালা,’ বললো লিন্ডা। ‘সারি অনুযায়ী নামবে যাত্রীরা।’
পাইলট ও দ্বিতীয় ফ্লাইট অ্যাটেনডেন্টের দিকে তাকিয়ে যাত্রীদেরকে সাহায্যের নির্দেশ দিলো সে। ‘হ্যান্ড লাগেজ নিয়ে ব্যতিব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। উড়ে যাবে না সেগুলো, দেরিতে হলেও যে যার লাগেজ পেয়ে যাবেন। প্রথমে ইকোনমি ক্লাসের প্রথম সারির যাত্রীরা নামবে, তারপর দ্বিতীয় সারির যাত্রীরা, এভাবে শেষ সারি পর্যন্ত যাবে। এরপর আমরা যাবো ফার্স্ট ক্লাসে। অপেক্ষা করুক তারা। যাত্রীরা শুধু বাম পাশের আইল ব্যবহার করবে। তাই যারা ডান দিকে বসে আছেন, তাদের পালা এলে বামে চলে আসবেন। যদি আপনার সারির পালা না হয়, তবে ওঠার চেষ্টা করবেন না। যদি করেন, তাহলে মারা যাবেন।’
পাইলট এবং দ্বিতীয় ফ্লাইট অ্যাটেনডেন্টের দিকে চেয়ে নড করলো লিন্ডা। ‘কোনো আতঙ্ক নয়। কোনো তাড়াহুড়ো নয়। ধীরস্থিরভাবে যাত্রীদের নামান।’
ইকোনমি ক্লাসের প্রথম সারির আসনের নাম্বার ত্রিশ, আর শেষ সারির সাতান্ন। পাইলট, দ্বিতীয় ফ্লাইট অ্যাটেনডেন্ট এবং ইকোনমি ক্লাসের বাকি দুজন অ্যাটেনডেন্ট দ্রুত কাজ শুরু করলো। সবাইকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করলো তারা। ফ্লাইটটা প্রায় অর্ধেক খালি থাকায় কাজ অনেক দ্রুত এগোতে লাগলো।
ছোটো ছোটো গ্রুপে প্লেন থেকে নামানো হলো যাত্রীদের, প্রতি গ্রুপে পাঁচ থেকে নয়জন। করিডোরে প্রবেশ করে বক্সার ও মোজাপরা একজন মানুষকে দেখতে পেলো তারা।
‘দয়া করে সরাসরি এই করিডোর ধরে এগিয়ে যান। একজন অফিসার আপনাদেরকে সাহায্য করবে,’ বারবার বলতে লাগলো হান্টার। তার পাশ কাটিয়ে দ্রুত এগোতে লাগলো ভীত ও বিস্মিত যাত্রীরা। কেউ বললো, ‘এ আবার কী!’, আবার কেউ বললো, ‘শুভ কামনা!’
ইকোনমি ক্লাসের সব যাত্রীদের নামাতে সাত মিনিটের বেশি সময় লাগলো না।
‘ঠিক আছে,’ বললো লিন্ডা। ‘এবার ফার্স্ট ক্লাসে যাওয়া যাক।’ বলে থামলো সে, ইকোনমি ক্লাসের সাহায্যকারী দুই অ্যাটেনডেন্টকে বললো, ‘আপনারা যেতে পারেন।’ করিডোরের দিকে ইঙ্গিত করলো সে। ‘ফার্স্ট ক্লাসের বাকি যাত্রীদের দেখাশোনা অন্য অ্যাটেনডেন্টরা করবে।’
ফ্লাইট অ্যাটেনডেন্ট দুজন ভয়ার্ত দৃষ্টিতে পাইলটের দিকে তাকালো। নড করলো পাইলট, বললো, ‘যান আপনারা। বি সেফ।’
যে ফ্লাইট অ্যাটেনডেন্টের মাথায় বন্দুক ধরে রেখেছিল লিন্ডা, সেই অ্যাটেনডেন্ট আবার কাঁদতে শুরু করলো। ‘প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ।’
‘দেবো, কিন্তু আপনাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে,’ বললো লিন্ডা। তারপর পাইলট এবং অ্যাটেনডেন্টকে ফার্স্ট ক্লাসের যাত্রীদের নামানোর নির্দেশ দিলো।
ফার্স্ট ক্লাসে যাত্রীর সংখ্যা খুব বেশি নয়, মাত্র একুশ জন। তবে তাদের চতুর্থ গ্রুপটা দরজার কাছে পৌঁছে যখন প্লেন থেকে নামার প্রস্তুতি নিচ্ছে, তাদেরকে থামালো লিন্ডা।
‘দাঁড়াও,’ বললো সে, মাঝারী উচ্চতার একজন পুরুষের দিকে ইশারা করলো। পুরুষটার বয়স ত্রিশ/একত্রিশ মতো হবে। পুরুষটা থেমে গিয়ে লিন্ডার দিকে তাকালো। ‘আমাকে বলছেন?’ কাঁপা গলায় জিজ্ঞেস করলো সে। ডান হাত তালু নিজের বুকের ওপর রাখা। নীল চোখে নির্জলা আতঙ্ক।
‘হ্যাঁ, তোমাকে বলছি,’ বললো লিন্ডা। ‘তুমি যাবে না, থাকবে এখানে। গ্রুপের বাকি যাত্রীরা যেতে পারেন।’
সকল যাত্রীরা বিস্মিত ও বিভ্রান্ত দৃষ্টিতে একে অপরের দিকে তাকালো।
‘যান,’ আবার আদেশ দিলো লিন্ডা। ‘অন্য কাউকে বেছে নেয়ার আগেই ভাগুন এখান থেকে।’
এরপরে আর কিছু বলার দরকার হলো না। লিন্ডার বেছে নেয়া পুরুষটাকে পেছনে রেখে দ্রুত প্লেন থেকে নেমে গেল তারা।
‘কী?’ জিজ্ঞেস করলো পুরুষটা, তার চোখের আতঙ্ক এবার পুরো শরীরে ছড়িয়ে পড়লো। “‘আমি থাকবো’ মানে কী?’
‘তুমি থাকবে মানে তুমি থাকবে। যা শুনেছো, ঠিক তা-ই।’ দৃঢ়তা আর কর্তৃত্ব প্রকাশ পেলো লিন্ডার গলায়। ‘এদিকে এসে ওই সিটে বসো। এখান থেকে তোমাকে দেখতে পাবো আমি।’ নিজের বাঁ দিকে ইকোনমি ক্লাসের প্রথম সারির একটা সিট দেখালো সে।
‘লিন্ডা,’ বোর্ডিং করিডোর থেকে ডাকলো হান্টার। ‘কী করছেন আপনি?’
‘এটাকে সুবিধা বলে, ডিটেকটিভ,’ জবাব দিলো লিন্ডা। ‘যাত্রীদেরকে নামতে দিচ্ছি, কিন্তু অন্তত একজন বেসামরিককে এখানে রাখতে হবে আমার। তা না হলে আপনার সোয়াট দল বন্দুক উঁচিয়ে প্লেনে ঢুকে পড়বে। আপনিও সেটা জানেন।’
‘কিন্তু আমি কেন?’ কান্নায় ভেঙে পড়লো পুরুষটা। ‘আমার কী দোষ?’
‘কারণ আমি বলছি, তা-ই,’ সোজাসাপ্টা উত্তর দিলো লিন্ডা। ‘বসো এখন।’
হান্টারের দিকে তাকালো লোকটা, সাহায্য চাইছে সেটা পরিষ্কার।
‘কোনো সমস্যা নেই,’ হাত তুলে লোকটাকে আশ্বস্ত করলো হান্টার। ‘আপনার নাম কী?’
‘উমম, ফিলিপ ম্যাডক্স। সবাই আমাকে ফিল বলে ডাকে।’
‘কোনো সমস্যা নেই, ফিল,’ যতটা সম্ভব শান্ত গলায় বললো হান্টার। ‘সব ঠিক হয়ে যাবে। এখন আপাতত সিটে গিয়ে বসুন। তারপর আমরা সব সমস্যার সমাধান করবো, ঠিক আছে?’
‘তুমি সবার সময় নষ্ট করছো, ফিল,’ বললো লিন্ডা। ‘বসো, না হলে তোমার হাঁটুর মালাইচাকি উড়িয়ে দেবো।’ বলে সে নিজের অস্ত্র ফিলের পায়ের দিকে তাক করলো। ভয়ে কাঁপতে কাঁপতে লিন্ডার দেখানো সিটে গিয়ে বসলো ফিল নামের লোকটা।
‘এই যে আপনি,’ ডাকলো লিন্ডা, থুতনি উঁচিয়ে অ্যাম্বারের দিকে ইশারা করলো। ‘ব্লিডিং লেডি। আপনার হাতকড়া মেঝেতে রেখে পা দিয়ে এদিকে ঠেলে দিন।’
অ্যাম্বারও কাঁপছিল, তবে রাগে।
‘এখনই করুন কাজটা। তাড়াহুড়ো করবেন না। ধীরে।’
লিন্ডার নির্দেশ মেনে নিলো অ্যাম্বার।
‘চাবিও দিন।’
সেটাও করলো অ্যাম্বার।
‘যাত্রী নামানোর কাজ চালিয়ে যান আপনারা।’ পাইলট ও ফ্লাইট অ্যাটেনডেন্টদেরকে বললো লিন্ডা। পাইলট আর ফ্লাইট অ্যাটেনডেন্ট ফার্স্ট ক্লাস কেবিনে ফিরে গেলে জিম্মি করে রাখা ফ্লাইট অ্যাটেনডেন্টের চুল ছেড়ে দিলো লিন্ডা।
‘হাতকড়াটা তুলে নিন,’ ফ্লাইট অ্যাটেনডেন্টকে বললো লিন্ডা। ‘আর ফিলকে ওই চেয়ারের হাতকড়া দিয়ে আটকে দিন। কাজটা যদি শান্ত ও ঠিকঠাকভাবে করেন, তাহলেই এখান থেকে বেরিয়ে যেতে পারবেন আপনি।’
হাঁপাতে হাঁপাতে লিন্ডার আওতার বাইরে এলো ফ্লাইট অ্যাটেনডেন্ট, মেঝে থেকে হাতকড়াটা তুলে নিলো। ‘কাজটা করুন,’ তাকে আদেশ দিলো লিন্ডা। ‘তাড়াতাড়ি।’
ফিলের মতোই অনুমতির জন্য হান্টারের দিকে তাকালো ফ্লাইট অ্যাটেনডেন্ট। নড করে তাকে সম্মতি দিলো হান্টার।
হাতকড়াটা তুলে নিয়ে ফিলের দিকে এগিয়ে গেল অ্যাটেনডেন্ট। ‘আমি ভীষণ দুঃখিত,’ ফোঁপাতে ফোঁপাতে বললো সে। হাতকড়াটা প্রথমে ফিলের ডান কব্জিতে আটকালো সে, তারপর চেয়ারের হাতলে লাগিয়ে দিলো। কাজ শেষ করার পর, কাজটা যে ঠিকভাবে করেছে, তা লিন্ডাকে দেখানোর জন্য হাতকড়াটা টেনে দেখালো সে।
‘চমৎকার,’ বললো লিন্ডা, এবার ফিলের দিকে অস্ত্র তাক করলো। ‘আপনি যেতে পারেন,’ অ্যাটেনডেন্টকে বললো সে।
এরপর কী করতে হবে তা এক মুহূর্তের জন্য যেন বুঝে উঠতে পারছিল না অ্যাটেনডেন্ট। ঠিক তখনই শেষ গ্রুপের যাত্রীদের নিয়ে হাজির হলো পাইলট ও তিন ফ্লাইট অ্যাটেনডেন্ট। তাদের ঠিক পেছনেই ছিল কো-পাইলট।
‘এরাই শেষ, আর কেউ নেই,’ লিন্ডাকে জানালো পাইলট।
‘চমৎকার,’ আবার বললো লিন্ডা। ‘আপনারা সবাই এখন যেতে পারেন।’
সবার মুখে প্রথমে একটা অনিশ্চিত ভাব গেল, কিন্তু লিন্ডা তাদের দিকে বন্দুক তাক করার পরই সেই অনিশ্চিত ভাব মিলিয়ে গেল। ‘আমি মন পরিবর্তন করার আগেই চলে যাওয়া উচিত আপনাদের না-কি এখানেই থাকতে চান?’
আর কিছু বলার আগেই বাকি চার ফ্লাইট অ্যাটেনডেন্ট, পাইলট এবং কো-পাইলট বিমান থেকে বেরিয়ে গেল, দ্রুত চলে গেল হান্টারের পাশ দিয়ে।
অ্যাম্বারের দিকে তাকালো লিন্ডা। ‘এই যে, নোজব্লিড। আপনিও যেতে পারেন।’
‘আমি কোথাও যাচ্ছি না,’ কঠিন ও রাগত গলায় বললো অ্যাম্বার। ‘আমার অস্ত্র তোর হাতে। এই বিমান থেকে আমি হয় আমার অস্ত্র-সহ নিজের পায়ে বেরোবো, নয়তো বডি ব্যাগে। তোর যদি ইচ্ছে হয়, তাহলে আমাকে গুলি কর হারামজাদী। কিন্তু আমি এখানেই থাকছি, কোথাও যাচ্ছি না।’
একটা হার্টবিট মিস করলো হান্টার। মরার শখ জেগেছে না-কি অ্যাম্বারের?
‘ঠিক আছে। আপনি যেহেতু চাইছেন, তবে তা-ই হোক,’ বললো লিন্ডা, দ্রুত ফিলের দিক থেকে অ্যাম্বারের দিকে নিশানা বদলালো।
দুই পাশে নিজের দুই হাত নামিয়ে দিলো অ্যাম্বার, সরাসরি লিন্ডার চোখে চোখ রেখে তাকালো। তার চোখের পাতা সামান্যতমও কাঁপলো না। নাকের রক্ত গাল ও থুতনি বেয়ে নিচের ব্লাউজ ও জ্যাকেটে পড়লো তার।
‘কাজটা করবেন না, লিন্ডা,’ এক পা সামনে এগিয়ে গিয়ে বললো হান্টার। তারপর এয়ার মার্শালকে উদ্দেশ্য করে বললো, ‘অ্যাম্বার, আমি দুঃখিত যে আপনাকে এই ঘটনাটার সাথে জড়িয়ে ফেলেছি। এটা করা আমার মোটেও উচিত হয়নি। এটা আপনার লড়াই না। প্লিজ চলে যান। আপনার নাকের পরিচর্যা…’
‘আমি আগেই বলেছি, রবার্ট,’ হান্টারের দিকে না তাকিয়েই ওর কথায় বাধা দিলো অ্যাম্বার। ‘আমি কোথাও যাচ্ছি না।’
অনেকটা সময় লিন্ডা আর অ্যাম্বারের চোখের লড়াই চললো। তারপর হাত নামালো লিন্ডা। ‘আপনি ঠিকই বলেছেন,’ বললো সে, নড করে অ্যাম্বারকে থাকার সম্মতি দিলো। ‘থাকুন তাহলে। হয়তো কিছুক্ষণ পরে আপনাকে কাজে লাগানো যাবে।’
তারপর হান্টারের দিকে তাকালো। ‘আপনি প্লেনে ঢুকে পড়ুন, রবার্ট। আর একটা উপকার করুন, আপনার হাতকড়াগুলো সাথে নিয়ে আসুন।’
পেছনে ঘুরলো হান্টার। স্তুপ হয়ে পড়ে আছে ওর কাপড়চোপড়, সেখানেই আছে ওর কাঁধে ঝোলানো হোলস্টারটা। ‘ধীরে, কোনো তাড়াহুড়ো করবেন না,’ পেছন থেকে মনে করিয়ে দিতে ভুললো না লিন্ডা।
খুব সাবধানে নিজের হাতকড়া তুলে নিলো হান্টার, তারপর প্লেনে ঢুকে পড়লো।
‘এবার দরজা বন্ধ করে আটকে দিন।’
দরজা বন্ধ করলো হান্টার, লক সিস্টেম ম্যানুয়ালে সেট করে তালা লাগিয়ে দিলো।
‘এবার,’ হান্টারের বন্ধ করা দরজার দিকে ইশারা করলো লিন্ডা। ‘দরজার ডানে দেয়ালের সাথে লাগানো হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন?’ নড করলো হান্টার।
‘ওই হাতলের সাথে নিজেকে আর নোজব্লিডকে আটকে ফেলুন।’ ওকে নির্দেশ দিলো লিন্ডা। ‘হাতকড়াটা আপনার ডান হাতের কব্জি আর তার বাম কব্জিতে লাগান। ধীরে ধীরে করুন, কোনো কৌশল খাটাবেন না। খবরদার।’
আরও একবার লিন্ডার নির্দেশ অনুসরণ করলো হান্টার। কাজ শেষ হলে শক্ত করে হাতকড়াগুলো টেনে লিন্ডাকে দেখালো ও। এখন ও বা অ্যাম্বার কেউই লিন্ডার কাছে পৌঁছাতে পারবে না।
‘ফিল, ঠিক আছেন আপনি?’ জিজ্ঞেস করলো হান্টার। নিজেদের নতুন অবস্থানে, হান্টার কিংবা অ্যাম্বার, কেউই ফিলকে দেখতে পেলো না। লোকটা সম্পূর্ণভাবে গ্যালির অপর পাশের আড়ালে ঢাকা পড়ে গেছে।
‘আমি শুধু এখান থেকে বের হতে চাই,’ ভীতসন্ত্রস্ত গলায় জবাব দিলো ফিল।
‘এটা নিন,’ অ্যাম্বারের দিকে একটা টিস্যুর বক্স ছুঁড়ে দিলো লিন্ডা। ‘আপনার নাকের জন্য। আমি ইচ্ছে করে ভাঙিনি।’
‘দুঃখপ্রকাশ করতেছোস?’ জিজ্ঞেস করলো অ্যাম্বার।
‘যা ইচ্ছে বলতে পারেন। এবার বিমানবন্দর নিরাপত্তা কর্তৃপক্ষ অথবা যাদেরকে ফোন করতে হয় করুন। কিন্তু বোর্ডিং করিডোরটা সরিয়ে নিক তারা।’
‘তুই জানিস যে তুই আটকে গেছিস, তাই না?’ লিন্ডার দিকে প্রশ্ন ছুঁড়ে দিলো অ্যাম্বার। ‘এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। এমনকি তুই এই প্লেন চালাতে পারলেও পারবি না।’
‘আচ্ছা, সেটা দেখা যাবে। এখন, যেটা বলা হলো আপনাকে, সেটা করুন।’
নিজের মোবাইল ফোন বের করে কল করলো অ্যাম্বার। ফোনের ওপাশে থাকা ব্যক্তিকে বোর্ডিং করিডোরটা সরিয়ে নিতে বলার পরে লিন্ডার দিকে তাকালো সে, ফোনটা বাড়িয়ে ধরলো। ‘তারা কথা বলতে চায় তোর সাথে। তারা তোর দাবির বিষয়ে জানতে চায়।’
মাথা নাড়লো লিন্ডা। ‘আপাতত এটুকুই। আপাতত আমি চাই, করিডোরটা সরিয়ে নেয়া হোক। আর কিছু না। তবে তাদেরকে ফোনের ওপাশে প্রস্তুত থাকতে বলুন। সময় মতো তাদের কাছে আরেকটা কল যাবে।’
লিন্ডার কথা ওপাশে জানিয়ে দিয়ে কলটা কেটে দিলো অ্যাম্বার।
‘এবার কী, লিন্ডা?’ ভ্রূ উঁচিয়ে প্রশ্ন করলো হান্টার।
ওর উদ্দেশ্যে হাসলো লিন্ডা, গ্যালির কাউন্টারে নিজের অস্ত্রটা রাখলো। হান্টার, অ্যাম্বার এবং ফিল—সবাইকে হাতকড়ার সাহায্যে আটকে ফেলা হয়েছে, আপাতত নিশ্চিন্ত সে। ‘এবার রবার্ট ব্যাপারটা শেষ করবো আমরা।’
ঊননব্বই
প্লেনের মাঝের গ্যালিতে দাঁড়িয়ে ছিল লিন্ডা, সেখান থেকে বিমানের দরজার কাছে যান্ত্রিক একটা শব্দ শুনতে পেলো সে। বোর্ডিং করিডোরটা পিছিয়ে নেয়া হচ্ছে। তার দাবি মেনে নিতে তিন মিনিটের বেশি সময় নেয়নি কর্তৃপক্ষ।
‘এখন তাহলে এখানে শুধু আমরাই আছি, না-কি?’ বললো সে, গ্যালির একটা ড্রয়ার খুলে ভেতরে কিছু খোঁজার চেষ্টা করলো। ইন্টারেস্টিং কিছু ছিল না সেখানে।
পরের ড্রয়ারটা খুললো লিন্ডা। ‘সাব্বাশ,’ বলে ড্রয়ারের ভেতরে হাত বাড়িয়ে দুটো ছোটো বোতল বের করলো সে। দুটোই হুইস্কি। ‘আর কেউ কি ড্রিঙ্ক নিতে চান না-কি?’ প্রশ্ন করলো সে, প্রথম বোতলটার তরল একটা প্লাস্টিক কাপে ঢেলে নিলো। ‘স্কচ, বুর্বোন, ভদকা, রাম, জিন, রেড ও হোয়াইট ওয়াইন আছে… সবই ভালো জিনিস। সম্ভবত, খুঁজলে বিয়ারও পাওয়া যাবে, কেউ চাইলে বলে ফেলুন।’
কেউই কিছু বললো না।
‘আমি আপনাদের জায়গায় থাকলে,’ বললো লিন্ডা। ‘একটা ড্রিঙ্ক নিতাম, কারণ এটাই আপনাদের জীবনের শেষ ড্রিঙ্ক হতে পারে।’
চোখ কোঁচকালো ফিল, অশ্রু গড়িয়ে পড়তে লাগলো তার গাল বেয়ে।
‘নেবেন না?’ প্রশ্ন করলো লিন্ডা, তার দৃষ্টি ফিল, অ্যাম্বার হয়ে হান্টারের ওপর দিয়ে ঘুরে এলো। ‘ঠিক আছে। মন পরিবর্তন করলে জানাবেন। ড্রয়ার এসব জিনিসে ভর্তি।’
‘লিন্ডা, কী করছেন আপনি?’ জিজ্ঞেস করলো হান্টার। ‘আমি জানি, আপনি আমাদের কাউকে গুলি করতে চান না।’
‘আমি কী করছি? আমি একটা ড্রিঙ্ক নিচ্ছি… রবার্ট।’ বলে হুইস্কি গ্লাসে চুমুক দিলো লিন্ডা। ‘আপনি নিশ্চিত, আমার সাথে যোগ দিতে চান না?’
‘লিন্ডা,’ আবার চেষ্টা করলো হান্টার, ঠান্ডা ও শান্ত শোনালো ওর কণ্ঠ। ‘আপনার খেলা শেষ। আপনি নিজেও জানেন সেটা। আপনি আর লুকাসের কাছে পৌঁছাতে পারবেন না। আপনি চান বা না চান, আপনার অনুসন্ধান… আপনার প্রতিশোধ… এখানেই শেষ।’
লিন্ডা ফিলের দিকে এক নজর তাকালো, তারপর কাপের বাকি হুইস্কি এক নিঃশ্বাসে পেটে চালান করে দিলো। আরেকটা বোতল খুলে আবার নিজের প্লাস্টিক কাপ ভরে নিলো সে।
‘শেষ?’ সামান্য বিদ্রুপের সুরে হান্টারকে বললো লিন্ডা, ভয়হীন এক অভিব্যক্তি দেখা গেল তার মুখে। ‘সব কিছু কীভাবে ‘শেষ’ হয়ে যায়, সে বিষয়ে আপনাকে একটা গল্প শোনাই, রবার্ট। কীভাবে একটা বাজে কাজ সব কিছু শেষ করে দেয়। শুনতে চান?’
একবার নড করলো হান্টার।
নিজের পানীয়তে চুমুক দিলো লিন্ডা। ‘সবকিছুর শুরু হয়েছিল তেরো বছর আগে, যেদিন আমি বাড়ি ফিরে দেখলাম আমার চৌদ্দ বছর বয়সি মেয়ে জেনেসিস বাথটাবের মধ্যে রক্তে ভাসছে। ও নিজের বাঁ হাতের কনুই এতটা কেটে ফেলেছিল যে পুরো হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। জানেন সেটা?’
লিন্ডার চোখের দিকে তাকালো হান্টার। মহিলার চোখে বেদনা স্পষ্ট।
‘আর সবচেয়ে যন্ত্রণাদায়ক বিষয়টা কী, জানেন রবার্ট?’ উত্তর না দিয়ে বললো লিন্ডা। ‘সেদিনের সবকিছু মনে আছে আমার।’ নিজের বাম হাত দিয়ে গলার প্রজাপতিটা স্পর্শ করলো সে। ‘আমার মনে আছে, কেমন দেখাচ্ছিল ওকে, তার চেহারা… ওর চামড়ার রং কেমন ছিল… ওর ভেজা চুল বাথটাবের বাইরে কীভাবে লেগে ছিল… রক্তের কটু গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছিল।’
ঠোঁটে ঠোঁট চেপে বসলো তার। ‘আমার মনে আছে, বাথটাব থেকে লাল পানি উপচে কীভাবে সাদা মেঝে ভাসিয়ে দিয়েছিল… কী ভয়ঙ্কর দেখাচ্ছিল মেঝেটা!’
হাসলো লিন্ডা, আবার হুইস্কির কাপে চুমুক দিল। ‘সেসব দৃশ্য… প্রত্যেকটা ডিটেইলস… কখনো মোছেনি আমার স্মৃতি থেকে। প্রতিবার চোখ বন্ধ করলে আমি সেগুলো দেখতে পাই। প্রতিটা বার, রবার্ট। গত তেরো বছর ধরে প্রতিবার।’
আত্মহত্যার ঘটনা কতটা ভয়ানক হতে পারে, তা হান্টার জানে। এতে শুধু একটা জীবন শেষ হয় না; বরং যারা জীবিত থাকে, বিশেষ করে প্রিয়জনেরা, মানসিক আঘাতে তাদের জীবন একেবারে পাল্টে যায়। আর সবচেয়ে বেশি মানসিক আঘাত পায় সে, যে ‘মৃতদেহ’ আবিষ্কার করে।
মানসিক এবং আবেগজনিত ক্ষতির দিক থেকে মনোবিদরা আত্মহত্যাকে দুই ভাগে ভাগ করেন। একটি হলো, যেখানে মৃতদেহ প্রিয়জনের দ্বারা আবিষ্কৃত হয়; অন্যটি হলো যেখানে মৃতদেহ ধ্বংস হয়ে যায়। দুটো ক্ষেত্রেই প্রচণ্ড ক্ষতি হয়। কিন্তু প্রিয়জনের দেহ আবিষ্কারের মুহূর্ত থেকে যে মানসিক ক্ষত সৃষ্টি হয়, তা সহজে নিরাময় হয় না।
‘সেই মুহূর্ত,’ বলে চললো লিন্ডা, তার কণ্ঠ বেদনায় ভারী হয়ে উঠলো। ‘যখন আমি কাজ থেকে ফিরে এসে বাথরুমে ঢুকে দেখি জেনেসিস, বাথটাবে নিথর হয়ে পড়ে আছে,’ মেয়ের নাম উচ্চারণের সময় সে তার প্লাস্টিকের কাপের দিকে তাকিয়ে রইলো। কেউ যেন তার অশ্রু দেখতে না পায়, সেজন্য কারো চোখের দিকে তাকাতে চাইলো না।
‘ঠিক সেই মুহূর্তে, ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেল আমার। আমি অনুভব করলাম, আমার জীবন, আমার শক্তি, আমার আশা সব যেন আমাকে ছেড়ে চলে গেল। সেই মুহূর্তে আমাদের সবার জীবন চিরতরে বদলে গেল।’
আরেক দফা কাপে চুমুক দিলো লিন্ডা। দুশ্চিন্তা বোধ করলো হান্টার। ভগ্ন হৃদয়ের রেগে আগুন হয়ে থাকা একজন মানুষের হাতে গুলিভরা অস্ত্র থাকলেই সেটা যথেষ্ট বিপজ্জনক। সেই সাথে যদি সে মাতাল হয়ে যায়, তবে বারুদে আগুন পড়ার মতো অবস্থা হয়। যে-কোনো সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে সে।
কান্না চাপলো লিন্ডা।
‘এই ঘটনার পরে আমরা সবাই ছন্নছাড়া হয়ে যাই,’ আবার শুরু করলো সে। ‘আমি, আমার স্বামী, আমার ছেলে… জেনেসিসকে ছাড়া এই পৃথিবীতে আমরা কীভাবে বেঁচে থাকবো, তা আমরা কেউই বুঝতে পারছিলাম না। আমাদের কেউই যেন বেঁচে থাকার আর কোনো অর্থ খুঁজে পাচ্ছিলাম না।’
হেসে মাথা ঝাঁকালো লিন্ডা। ‘সেই অনুভূতিটা কেমন, তা কি আপনার জানা আছে রবার্ট? নিজের বাড়িতে এমন কাউকে মৃত অবস্থায় আবিষ্কার করলেন, যে আপনার নিজের জীবনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল?’
লিন্ডা কথাগুলো বলার সাথে সাথে একবার চোখ পিটপিট করলো হান্টার। কিছু স্মৃতি মনে পড়ে গেল ওর, কিছু ছবি ভেসে উঠলো চোখের। জেসিকা।
ওকে চোখ পিটপিট করতে দেখলো লিন্ডা। একই সাথে সেই চোখজোড়ায় বেদনাও ফুটে উঠতে দেখলো সে। ডিটেকটিভের দিকে গভীর দৃষ্টিতে তাকালো সে।
‘মাই গড! আপনার সাথেও এমন কিছু ঘটেছে, তাই না?’ বললো লিন্ডা। কোনো প্রশ্ন নয়, মন্তব্য করলো সে। ‘আপনি বাড়িতে ফিরে এমন কাউকে মৃত অবস্থায় পেয়েছিলেন, যাকে আপনি খুব ভালোবাসতেন।’
কিছু বললো না হান্টার। কৌতূহলী দৃষ্টিতে তার দিকে তাকালো অ্যাম্বার। অপেক্ষা করলো লিন্ডা। কোনো কথাই বললো না হান্টার।
‘সেই মুহূর্তটাই বদলে দিয়েছে আপনাকে, তাই না?’ জিজ্ঞেস করলো লিন্ডা।
‘বিভিন্ন পরিস্থিতি বদলে দিয়েছে,’ অবশেষে মুখ খুললো হান্টার।
‘কিন্তু সেই ঘটনাটা আপনাকে রাগিয়ে দিয়েছিল, ঠিক কি না? আপনার মনের মধ্যে অপরাধবোধ, সন্দেহ, আর প্রশ্ন তুলে দিয়েছিল। এমন সব প্রশ্ন, যেগুলোর উত্তর আপনি আর কখনো পাবেনও না। অসংখ্য প্রশ্ন।’
‘বিভিন্ন পরিস্থিতি বদলে দিয়েছে,’ আবার বললো হান্টার। ‘কত দিন আগের কথা?’
‘অনেক দিন।’
কিছু বললো না অ্যাম্বার, তবে সে নিজের হাতকড়া পরা হাতটা আলতো করে হান্টারের হাতের ওপরে রাখলো।
নিজের প্লাস্টিকের কাপের চারপাশে আঙুল বোলালো লিন্ডা। ‘কিন্তু আপনি সেই মুহূর্তের প্রতিটা বিস্তারিত মনে রেখেছেন, তাই না? কত দিন আগের কথা, সেটা কোনো ব্যাপার নয়। আপনি সব মনে রেখেছেন।’
হান্টারকে কিছু বলতে হলো না। ওর চোখের দিকে তাকিয়েই লিন্ডা বুঝতে পারলো, সব মনে রেখেছে ডিটেকটিভ।
‘তাহলে এরপরে কেমন লাগে, তা আপনি অবশ্যই জানেন, তাই না, রবার্ট?’ এবারে হান্টারের নামটা ব্যঙ্গ করে উচ্চারণ করলো না সে। ‘দুঃস্বপ্ন… আতঙ্ক… হতাশা… নিদ্রাহীন রাত… মাথার ভেতর ঘুরতে থাকা যন্ত্রণাদায়ক সব প্রশ্ন… আর অপরাধবোধ… অনিঃশেষ অপরাধবোধ।’
বড়ো করে একটা শ্বাস নিলো লিন্ডা, আপনমনে নড করলো। ‘জেনেসিসের মৃত্যু আমাদের পরিবারকে ধ্বংস করে দিয়েছিল। নিজেদেরকেই দোষ দিতাম আমরা, কারণ আমরা কেউই কিছু বুঝতে পারিনি। জন্মগত ত্রুটির পরেও জেনেসিস সবসময় হাসিখুশি থাকতো… সবসময় হাসতো। আপনি নিশ্চয়ই সেটা জানেন, তাই না?’
লিন্ডার দিকে তাকিয়ে খুব হালকাভাবে নড করলো হান্টার।
আবারও জিজ্ঞাসু দৃষ্টিতে হান্টারের দিকে তাকালো অ্যাম্বার, আবারও আগ্রহ বোধ করছে। হান্টার বা লিন্ডা কারোরই জানা নেই যে অ্যাম্বারের সৎভাই ডাউন সিনড্রোম নিয়ে জন্ম গ্রহণ করেছিল।
‘জেনেসিসকে প্রতিনিয়ত হতাশার সঙ্গে লড়াই করতে হয়েছে,’ ব্যাখ্যা করলো লিন্ডা। ‘কে করবে না? বিশেষ করে ওর বয়সে। ও জানতো যে ও দেখতে অন্যরকম, জানতো মানুষ ওর দিকে আলাদা দৃষ্টিতে তাকায়। কিন্তু আমরা সবাই ওকে ভালোবাসতাম, ওকে আগলে রাখতাম। তবুও, আমরা জানতে পারিনি, কেউই জানতে পারিনি।’
আরেকবার ভারী, অস্বস্তিকর নীরবতা। ‘এই জানতে না পারাটাই আমাদের ভেঙে দিয়েছিল, একটু একটু করে। আমরা সবাই একে অপরের এত কাছে থাকা সত্ত্বেও… এত সহানুভূতিশীল হওয়া সত্ত্বেও… আমরা কেন বুঝতে পারিনি না যে ও ভেতরে ভেতরে এতটা কষ্ট পাচ্ছে? কেন আমরা লক্ষ করিনি? কারণ লক্ষ করার মতো কোনো চিহ্ন তো অবশ্যই ছিল, তাই না? ওর শিক্ষকদের কেন চোখে পড়লো না, ওর বন্ধুরা কেন খেয়াল করলো না? ও কেন আমাদের কাউকে বিশ্বাস করে কথাগুলো বলতে পারলো না? সাহায্য চাইলো না?’ আরেকবার হুইস্কিতে চুমুক দিলো লিন্ডা।
‘এই ধরনের হাজারো প্রশ্ন আমাদের মাথায় দিনরাত ঘুরতো। আর এসব প্রশ্নের খোঁচায় ঝাঁঝরা হয়ে গেল সবকিছু… আমাদের হৃদয়… আমাদের আত্মা… আমাদের মন… আমাদের জীবন… আমাদের মানসিকতা সবকিছু।’
আবারও কয়েক ফোঁটা অশ্রু নেমে এলো লিন্ডার গাল বেয়ে। হাতের উল্টো পাশ দিয়ে মুছে ফেললো সে, নিজেকে শান্ত করার চেষ্টা করলো।
‘আমাদের সবার অপরাধবোধ এত প্রবল ছিল,’ নিজেকে সামলে নিয়ে বললো আবার। ‘সবকিছুর ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম আমরা, বিশেষ করে একে অপরের ওপর থেকে। মাইকেল, আমার ছেলে, যে ছিল জেনেসিসের চেয়ে তিন বছরের বড়ো, সবার আগে ভেঙে পড়েছিল।’ স্মৃতিতে ডুব দিয়ে মাথা নাড়লো লিন্ডা।
‘ছোটো বোনকে খুব ভালোবাসতো ও, জেনেসিসের প্রতিটা কাজে পাশে থাকতো। সুযোগ পেলেই মাইকেল জেনেসিসকে দেখানোর চেষ্টা করতো যে নিজের প্রতিবন্ধকতাতে লজ্জা বোধ করার কিছু নেই।’ সামান্য শ্রাগ করলো লিন্ডা। ‘হয়তো ও বিশ্বখ্যাত পিয়ানোবাদক হবে না, কিংবা অলিম্পিক জিমন্যাস্ট হবে না, কিংবা উইম্বলডন জিতবে না। কিন্তু পৃথিবীর বেশিরভাগ সুস্থ, সবল মানুষও তো সেগুলো করতে পারে না। আমরা সবাই জেনেসিসকে বোঝানোর চেষ্টা করতাম যে, আমরা হয়তো ওর সব সমস্যার সমাধান করতে পারবো না, কিন্তু ও কখনোই সমস্যাগুলোকে একা মোকাবেলা করবে না। আমরা সবসময় তার পাশে থাকবো। শুধু মুখ ফুটে বলতে হবে একবার। তাহলে কেন ও বললো না? সেদিন কেন ও কিছু বললো না?’
হান্টার জানে, ওর কাছে কোনো উত্তর জানতে চাইছে না লিন্ডা।
‘ওরা দুজনই খুব মেধাবী ছিল,’ আবার বললো লিন্ডা। ‘জেনেসিস আর মাইকেল। সৃজনশীল ছিল ওরা, হাসিখুশি ছিল, জেদী ছিল, দৃঢ়প্রতিজ্ঞ ছিল। কিন্তু সবচেয়ে বড়ো কথা, ওরা ছিল সহানুভূতিশীল আর দয়ালু। সবসময় অন্যদের সাহায্য করতে চাইতো। জীবনে অনেক কিছু দেখার ছিল ওদের।’
এরপরে লিন্ডা কী বলবে, তা বুঝতে পারলো হান্টার। মাইকেলের পোস্টমর্টেম রিপোর্ট পড়েছে ও।
‘জেনেসিসের আত্মহত্যার পরে,’ কথা চালাতে থাকলো লিন্ডা, ‘নিজের দুঃখ ভোলার জন্য, বোনকে সাহায্য করতে না পারার অপরাধবোধ মন থেকে দূরে রাখার জন্য মাদক নেয়া শুরু করে মাইকেল।’ আবারও লিন্ডার কণ্ঠে বেদনা লক্ষ করলো হান্টার। ‘কিন্তু আমি আর আমার স্বামী এতটাই ভেঙে পড়েছিলাম, এতটাই অপরাধবোধে ডুবে গিয়েছিলাম যে আমরা সেটা বুঝতেই পারিনি। ছেলেকে অবহেলা করতে শুরু করেছিলাম। ওর পাশে থাকিনি। জেনেসিসের আত্মহত্যার এক বছর পরে, অতিরিক্ত মাদক গ্রহণে মারা যায় মাইকেল।’
খুব ধীরে নড করলো হান্টার। ‘আমি খুব দুঃখিত।’ তার গলায় আন্তরিকতা টের পেলো লিন্ডা।
‘ওর কিছু বন্ধুর ধারণা, দুঃখ, যন্ত্রণা… মনের মধ্যে প্রতিনিয়ত চলতে থাকা যুদ্ধ থেকে মুক্তি পাওয়ার জন্য মাইকেল ইচ্ছা করেই কাজটা করেছিল,’ আবার খেই ধরলো লিন্ডা। ‘ও এতটাই কষ্ট পাচ্ছিল… আর আমরা সেটা বুঝতেই পারিনি।’
এক মুহূর্তের জন্য সবাই চুপ হয়ে গেল।
‘এক বছরে দুই সন্তানকে হারিয়ে আমাদের বৈবাহিক জীবন ধ্বংস হয়ে গেল,’ ব্যাখ্যা করলো লিন্ডা। ‘এই না জানাতেই সমস্যা হলো। আমরা শুধু নিজেদেরকে নয়, একে অপরকেও দোষারোপ করতে শুরু করলাম। মাইকেলের মৃত্যুর এক মাস পর থেকে জন, আমার স্বামী, মদ্যপান শুরু করলো। তখন আমরা একে অপরকে প্রায় সহ্যই করতে পারতাম না। সারাক্ষণ ঝগড়া আর একে অপরকে দোষারোপ করতাম। দোষারোপ, বিদ্বেষ, রাগ, উদাসীনতা… আমাদের সম্পর্ক এতটাই তিক্ত হয়ে উঠেছিল। যেদিন আমি জনকে বললাম যে আমি আর নিতে পারছি না… আমি ডিভোর্স চাই… সেদিন জন গাড়ি নিয়ে বেরিয়ে গেল।’
গাঢ় অন্ধকার নেমে এলো লিন্ডার চোখে। ‘দুদিন পরে ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল কড়া নাড়লো আমার দরজায়।’
একই সঙ্গে দীর্ঘশ্বাস ফেললো হান্টার আর অ্যাম্বর।
‘একটা ট্রাক্টর ইউনিটের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল জনের গাড়ির,’ বললো লিন্ডা। ‘ট্রাক্টরের চালকের ভাষ্যানুযায়ী, হুট করেই নিজের লেন থেকে সরে গিয়েছিল জনের গাড়ি, সরে ট্রাক্টর চালকের লেনে চলে গিয়েছিল। যেন ইচ্ছাকৃত ছিল ব্যাপারটা।’ এক মুহূর্তের জন্য গভীর চিন্তায় ডুবে গেল লিন্ডা। আবার যখন মুখ খুললো, তখন কান্নার দমকে কণ্ঠ বুজে আসছে তার। ‘সনাক্ত করার জন্য কোনো লাশ পর্যন্ত আমি পাইনি, শরীরের কিছু ছিন্নভিন্ন অংশ ছিল শুধু।’
গভীর এক শূন্যতা সৃষ্টি হলো হান্টারের মনে। তথ্যটা জানা ছিল না ওর, কিন্তু লিন্ডা মনে করে তার ছেলে আর স্বামীর মৃত্যু জেনেসিসের আত্মহত্যার প্রভাবে হয়েছে, এটা একদম পরিষ্কার। তার মতে, গার্ডেনা জুনিয়র হাই স্কুলের ছাত্রদের একটা দলই এই তিনটে মৃত্যুর জন্য দায়ী। লিন্ডার মতে, তার মেয়েকে উত্যক্ত করার জন্যই তার পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে।
ঠিক তখনই অ্যাম্বারের ফোনটা তার পকেটে বেজে উঠলো। ‘আমি কি ধরতে পারি কলটা?’ লিন্ডাকে জিজ্ঞেস করলো সে।
‘না।’
‘এফবিআই বা এলএপিডি কেউ ফোন করে থাকতে পারে,’ জানালো অ্যাম্বার।
‘জানি। বাজতে দিন।’
‘ভুল সিদ্ধান্ত হচ্ছে, লিন্ডা,’ ওদেরকে বাধা দিয়ে বললো হান্টার। ‘অ্যাম্বার যদি ফোনটা না ধরে, তবে ওদিকে থেকে অনেক কিছু অনুমান করা শুরু করবে তারা। আমার অভিজ্ঞতা থেকে বলছি, সেগুলো কখনো ভালো কিছু হয় না। তারা সবসময় সবচেয়ে খারাপটা ভাববে, আর যখন তারা সেটা ভাববে, তারা আমাদের প্লেন দখল করতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে।’
‘আর তার পরিণামে আমরা সবাই আজ এখানে মারা যাবো, তাই তো?’ শুষ্ক, প্রাণহীন হেসে হান্টারকে জিজ্ঞেস করলো লিন্ডা। তারপর দ্রুত ফিলের দিকে তাকালো। ‘আমার তাতে কোনো সমস্যা নেই। তোমার আছে?’
