জেনেসিস – ১৫

পনেরো

হোটেলের নিরাপত্তা প্রধানের সাথে কথা বলার জন্য ককটেইল বার থেকে লিফট ধরে গ্রাউন্ড ফ্লোরে নেমে এলো হান্টার আর গার্সিয়া। ব্রোকেন শেকার ছাদের ওপরে অবস্থিত, সেখানে যাওয়ার জন্য রিসেপশন লবি হেঁটে পার হতে হয়েছে মার্ককে। এছাড়া সেখানে যাওয়ার আর কোনো পথ নেই। লবিতে তিনটে সিসিটিভি ক্যামেরা আছে, এখানে আসার সাথে সাথে লক্ষ করেছে হান্টার। আরেকটা বিষয় হলো, মার্ক যদি পনেরো তলা পায়ে হেঁটে না উঠে থাকে, তবে অবশ্যই কোনো একটা লিফটে চড়েছে সে। ফ্রিহ্যান্ড হোটেলে সব মিলিয়ে তিনটে লিফট আছে, এবং তিনটের সিলিঙের সাথেই সিসিটিভি লাগানো।

হান্টার আর গার্সিয়া জানে না, মার্ক দেখতে কেমন। তবে ব্রোকেন শেকার বারের ক্যামেরা থেকে এটুকু অন্তত জানতে পেরেছে যে, শনিবার সন্ধ্যায় কী পরেছিলো সে। এখন লবির অথবা লিফটের ক্যামেরাগুলো থেকে লোকটাকে খুঁজে বের করতে হবে। মেলিসা হোর্থর্ন ব্রোকেন শেকার থেকে বেরিয়েছিল রাত ১:২৫’র দিকে। মার্ক বেরোয় তার এক থেকে দুই মিনিট পরে। হান্টার আর গার্সিয়া তাই লিফটের ক্যামেরা চেক করার সময় নির্ধারণ করলো রাত ১:২৪।

‘ওই যে মেয়েটা,’ স্ক্রিনে দেখিয়ে বললো গার্সিয়া। বাঁ পাশের প্রথম এলিভেটরে মেলিসা উঠলো রাত একটা বেজে পঁচিশ মিনিট বেয়াল্লিশ সেকেন্ডে। একা। ঠিক এক মিনিট কুড়ি সেকেন্ড পরে মাঝের লিফটে উঠলো মার্ক, হোটেল লবির দিকে নেমে চললো।

‘দাঁড়াও,’ স্ক্রিনের দিকে আঙুল তাক করে বললো গার্সিয়া। ‘এ-ই কি মার্ক? হ্যাটপরা লোকটা?’

‘হ্যাঁ, এই লোকই মার্ক,’ সামান্য নড করে নিশ্চিত করলো হান্টার। একটা কালো পানামা হ্যাট পরে এলিভেটরে প্রবেশ করতে দেখা গেল মার্ককে। মাথা নিচু করে নিজের মোবাইলের দিকে তাকিয়ে আছে সে, ফোনটা ডান হাতে ধরা। লিফট দিয়ে নামার গোটা সময়টাতে একবারের জন্যেও নিজের চোখজোড়া ফোন থেকে সরালো না সে।

‘আহ, চমৎকার,’ মার্ক এলিভেটর থেকে বেরোতেই মন্তব্য করলো গার্সিয়া।

‘এবার লবির ক্যামেরাগুলো চেক করার পালা,’ বললো হান্টার, সময়টা টুকে নিলো। ফুটেজ পাল্টাতে কয়েক সেকেন্ড সময় লাগলো ওর, তবে তাতে ওদের ভাগ্য পাল্টালো না। রাত ১:২৮:১০ মিনিটে লিফট থেকে বেরোলো মার্ক, লবি ক্রস করে হোটেল থেকে বেরিয়ে গেল। পুরো সময়টাতেই মাথা নিচু করে ফোনের দিকে তাকিয়ে থাকলো সে। তার চেহারাটা কোনোমতেই পরিষ্কারভাবে বোঝা গেল না।

ব্যঙ্গের সুরে হাসলো গার্সিয়া। ‘সারপ্রাইজ, সারপ্রাইজ, এক মিলিসেকেন্ডের জন্যেও লোকটা মুখ তুলে তাকালো না।’

লবি ক্যামেরায় যখন মেলিসা হোর্থর্নকে লিফট থেকে বেরোতে দেখা গেল, সে পর্যন্ত ফুটেজটা পেছালো ওরা। সদর দরজার সামনে থামলো মেয়েটা, হোটেল থেকে বেরোনোর আগে ফোনটা চেক করলো।

‘লোকটা মেয়েটার ঠিক পেছনেই ছিল,’ বললো গার্সিয়া, ওদের দুজনের মাঝখানের চাপা নীরবতাটা ভেঙে দিলো। আরেকবার স্ক্রিনের সময়টা টুকে নিলো হান্টার। রাত ১:২৬:৪৫। এর ফলে মেলিসা যে ক্যাবে উঠেছিল, তার ক্যাব ড্রাইভারকে খুঁজে বের করাটা সহজ হবে।

‘এত উত্তেজিত হয়ো না,’ বললো ও, সামান্য নিঃশ্বাস ছাড়লো। ‘লোকটা কখন হোটেলে এসেছিল, তা খুঁজে বের করতে যাচ্ছি আমরা।’ পঁয়তাল্লিশ মিনিটের কিছু বেশি সময় ধরে প্রায় চার ঘণ্টার ফুটেজ টেনে টেনে দেখলো ওরা, তারপরেই আবার দেখা গেল মার্ককে। রাত ৯টা ২৭ মিনিটে হোটেল লবিতে প্রবেশ করেছে সে, একা। মাথায় সেই পানামা হ্যাট, ফোন হাতে ধরা, মাথা ফোনের দিকে নিচু করা।

‘আবার সেই একই ব্যাপার,’ মন্তব্য করলো গার্সিয়া। হোটেলের আরেকজন অতিথির সাথে লবি ফ্লোরটা পার হলো মার্ক, দেখলো হান্টার আর গার্সিয়া। তারপর বাঁ পাশের লিফটটা ধরে ওপরে উঠে গেল।

আবার লিফটের ফুটেজে ফিরে এলো ওরা। মার্কের সাথে যে অতিথি লিফটে উঠলো, মোটা একজন লোক সে। শরীরের ওজন স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। মাথার চুলও পাতলা হয়ে এসেছে। সাত তলায় নেমে গেল সে, মার্ক গেল ছাদ পর্যন্ত। আর ভিডিয়োর এই পর্যায়ে এসেই ভাগ্য সামান্য প্রসন্ন হলো হান্টার আর গার্সিয়ার। দরজা খুলতেই হুড়মুড় করে লিফটে ঢুকতে গেল হোটেলের একজন অতিথি, যার ফলে মার্কের সাথে তার প্রায় ধাক্কা লেগেই গিয়েছিল। আর এই কারণে এক নিমেষের জন্য মুখ তুলে তাকাতে বাধ্য হলো মার্ক।

সাথে সাথে পজ বাটনে চাপ দিলো হান্টার, তারপর ফুটেজ টেনে টেনে প্রত্যেকটা ফ্রেম যাচাই করতে লাগলো। কিন্তু মার্ক আসলে হোটেলের সেই অতিথির দিকে মুখ তুলে তাকিয়েছে, মাথায় আছে সেই পানামা হ্যাট, সাথে ক্যামেরাও অদ্ভুত অ্যাঙ্গেলে সেট করা। সব মিলিয়ে চেহারার বেশিরভাগ অংশ ঢাকাই পড়ে আছে।

‘এটুকুই?’ স্ক্রিনের দিকে চোখ কুঁচকে তাকিয়ে জিজ্ঞাসা করলো গার্সিয়া। ‘সর্বোচ্চ এটুকুই আমাদের কপালে ছিল?’

‘হ্যাঁ, সেরকমই।’

মার্কের চেহারার ডান পাশটা ধরা পড়েছে ক্যামেরায়, স্ক্রিনে তার চৌকো থুতনি ও শক্ত চোয়াল দেখা গেল। তবে শুধু এটুকুই। নাক, ঠোঁট, চোখ কিছুই দেখা গেল না। সেরা ফ্রেমটা খুঁজে বের করে কি-বোর্ডের ‘প্রিন্ট স্ক্রিন’ বাটনে চাপ দিলো হান্টার, তবে তাতে ওর অসন্তোষ চাপা পড়লো না। ‘আমার মনে হয় না, ফরেনসিক আইটি তাদের কাছে থাকা ‘ওয়ান্ডার অ্যাপসে’র সাহায্যে চেহারার বাকি অংশ অনুমান থেকে বানিয়ে নিতে পারবে। তাদের হাতেও খুব বেশি রিসোর্স নেই, তবে আমি তাদেরকে বলে দেখবো।’

‘লোকটার গোটা আচরণেই সমস্যা, রবার্ট,’ প্রিন্টআউট করা কাগজটা যখন হান্টার তুলে নিচ্ছে, তখন অভিযোগের সুরে বললো গার্সিয়া। ‘তার মাথার হ্যাট, যেভাবে সে মাথা নিচু করে ফোনের দিকে তাকিয়ে ছিল, ওপরের বারে যেভাবে সে পিলারের পেছনে কৌশলে অবস্থান নিয়ে ছিল, সবগুলোতেই সমস্যা।’

প্রিন্টআউটটা গার্সিয়াকে দেখালো হান্টার।

‘সিরিয়াসলি?’ শব্দ করে হাসলো গার্সিয়া। ‘সর্বোচ্চ এটুকু তথ্যই জানতে পারলাম আমরা? এই লোকটা তো যে কেউ হতে পারে।’

‘সর্বোচ্চ এ তথ্যটুকুই আমাদের হাতে আছে,’ নিশ্চিত করলো হান্টার। হাসলো গার্সিয়া। ‘তাহলে বলতেই হচ্ছে, কঠিন গাড্ডায় পড়ে গেছি আমরা।’

ষোলো

ওয়েস্টলেকে অবস্থিত লস অ্যাঞ্জেলস সার্জ হসপিটালের (এলএএসএইচ) তৃতীয় তলার নার্সেস রুমে বসে আছে কার্স্টেন হ্যানসেন। ক্লান্তিতে ভেঙে আসছে তার শরীর। গত কিছুদিনের মধ্যে তৃতীয়বারের মতো বারো-ঘণ্টার শিফট শেষ করেছে মাত্র। হাতজোড়া কাঁপছে, ব্যথা করছে ক্লান্ত চোখজোড়া। অসাড় হয়ে আছে মস্তিষ্ক, পৌঁছে গেছে ক্লান্তির শেষ সীমায়।

এলএএসএইচের যে সার্জিক্যাল ইমার্জেন্সি ইউনিট আছে, গত চার বছর ধরে সেখানকার একজন নার্স হিসেবে কাজ করছে কার্স্টেন। এই সময়ে একশোর বেশি অপারেশনে সহায়তা করেছে ও, তবে আজ প্রথমবারের মতো সেপটাল মায়েকটমি সার্জারিতে সহায়তা করলো। আজকের সার্জারিটা ছিল খুবই জটিল; যারা হাইপারট্রপিক কার্ডিওমিউপ্যাথি (এইচসিএম)’র শেষ পর্যায়ের রোগী, তাদের হার্টের পেশির পুরুত্ব কমানোর জন্য সার্জারিটা করা হয়। সাধারণত, সার্জারি সম্পন্ন হতে ছয় ঘণ্টা মতো সময় লাগে, তবে বাইপাস মেশিনে সামান্য সমস্যার কারণে অপারেশন থিয়েটারে আজ সবাইকে সাড়ে নয় ঘণ্টা সময় কাটাতে হয়েছে। শেষ পর্যন্ত সার্জারিটা সফলও হয়েছে, তবে আরেকটু হলেই মারা যাচ্ছিল রোগী। কার্স্টেন সার্জন না হলেও গোটা অপারেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ও, রোগীকে বাঁচিয়েও রেখেছে।

হসপিটালের পার্কিং লটে, নিজের হুন্দাই অ্যাকসেন্টের স্টিয়ারিং হুইলে বসে ছিল ও, রিয়ার-ভিউ মিররে নিজের দিকে তাকালো। ওকে যে বিধ্বস্ত দেখাচ্ছে, তা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে সেই বিধ্বস্তের মুখোশের পেছনে যে কার্স্টেন হ্যানসেন আছে, সে খুবই গর্বিত। ‘আজ দারুণ কাজ দেখিয়েছো, গার্ল,’ নিজেকে বললো ও, নিজের দিকে চেয়ে হাসলো। ‘খুব ভালো কাজ দেখিয়েছো।’

গ্লাভ কমপার্টমেন্ট থেকে সিগারেট বের করার জন্য যখন হাত বাড়ালো, তখনও ওর হাতজোড়া অল্প অল্প কাঁপছে। হ্যাঁ, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, সেটা সবাই-ই জানে। বিশেষ করে কার্স্টেনের মতো যারা স্বাস্থ্যসেবা প্রদান করে, তাদের ক্ষেত্রে কথাটা আরও বেশি প্রযোজ্য। তবে খুব বেশি ধূমপান করে না ও; যেটুকু করে, সেটুকু ধর্তব্যের মধ্যে পড়ে না। সিগারেটের স্বাদের জন্য যে মারা যাচ্ছে, তেমনটা নয়। তবে সিগারেটের যে একটা জাদুকরী, স্নায়ু শীতল করার শক্তি আছে, তা স্বীকার করতে দ্বিধা নেই ওর।

ঠোঁটে একটা সিগারেট ধরলো কার্স্টেন, জ্বালালো। তারপর বড়ো করে একটা টান দিলো। ড্রাইভারের সিটে হেলান দিলো ও, চোখ বন্ধ করে নিকোটিনকে তার কাজ করতে দিলো। ধোঁয়া চারবার ভেতরে টেনে নিতেই আগের চাইতে দশ গুণ ভালো বোধ করলো। হাতজোড়া আর কাঁপছে না, হার্টও জোরে বিট করছে না। শেষবারের মতো সিগারেটে টান দিলো ও, তারপর সিগারেটের শেষ অংশটা বাইরে ফেলে দিয়ে সময়টা চেক করলো। রাত ৯:৫৮ বাজে।

এত রাতে সাধারণত হসপিটাল থেকে বের হয় না কার্স্টেন, তবে ইঞ্জিনে স্টার্ট দিতে দিতে ঘড়ির দিকে তাকিয়ে শ্রাগ করলো। কারণ, সত্যি কথা হলো, আজ রাতে দেরি করে বেরোলে কিছু যায় আসে না। আগামী দুই দিন ওর ছুটি। প্রেমিক এবং বাগদত্ত ট্রয় ফস্টারের সাথে আলহাম্বরাতে দুই বেডরুমের বাড়িতে থাকে ও। আগামীকাল সন্ধ্যা পর্যন্ত শহরের বাইরে থাকবে ট্রয়। ট্রয় একটা অস্ত্রের দোকানের সেলস ম্যানেজার, তিনদিনব্যাপী অনুষ্ঠিত এক অ্যামো অ্যান্ড ওয়েপনস এক্সপোতে যোগ দেওয়ার জন্য শুক্রবার সান ফ্রান্সিসকোতে গেছে। যার মানে, বাড়িতে যে কার্স্টেন একা থাকবে, তা-ই নয়; সকালে ওকে উঠতেও হবে না। বেশ রাত হয়ে গেছে, কিন্তু তারপরেও বাড়িতে পৌঁছে বড়ো এক গ্লাস ওয়াইন ঢেলে নিয়ে কিছু পিজ্জা অর্ডার দিতে পারবে ও, সেই সাথে সকাল পর্যন্ত কোনো হাবিজাবি টিভি সিরিজ দেখতেও বাধা নেই ওর। চিন্তাটা মাথায় আসতেই হাসি ফুটে উঠলো কার্স্টেনের ঠোঁটে।

এমন না যে ও ট্রয়কে মিস করছে না। করছে। খুবই মিস করছে। তিন বছর ধরে ডেট করছে ওরা, এনগেজমেন্ট হয়ে গেছে, আর সাত মাসের মধ্যেই বিয়ে করবে। তবে প্রায় দুই বছর ধরে ওরা একসাথেই আছে। কার্স্টেনের রাতের বেলায় কাজের সময়সূচীর কারণে, সপ্তাহে অন্তত দুটো রাত ট্রয় বাড়িতে একা থাকে। তবে কার্স্টেনের ভাগ্য অতটা প্রসন্ন নয়। কপাল ভালো থাকলে ছয় সপ্তাহে একবার রাতের বেলা বাসাটা ফাঁকা পায় সে, সে রাতটা বন্ধুবান্ধবদের সাথে হইহুল্লোড় করে কাটায় ট্রয়।

হসপিটাল থেকে আলহাম্বরার বাড়িতে যেতে মাত্র কুড়ি মিনিট সময় লাগলো। বাড়িতে ঢুকেই কার্স্টেন প্রথমে এক্সট্রা হট পেপেরনি আর ডাবল চিজ দিয়ে একটা পিজ্জা অর্ডার করলো। কার্স্টেনের উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি, মাথার চুলের রঙ ময়লা সোনালি। সবসময় ক্ল্যাসিক বব স্টাইলে কাটা থাকে। হালকা নীল চোখ, হৃদপিণ্ড আকৃতির মুখ। আর আছে ঠোঁটে সবসময় উষ্ণ এক হাসি। কার্স্টেন সবসময়ই নিজের শরীর আর চেহারার যত্ন নেয়। খুব বেছে বেছে এবং সবসময় স্বাস্থ্যকর খাবার খায়। তবে মাঝেমধ্যে ওরও মন ভালো করা খাবারের দরকার হয়। ওর ক্ষেত্রে এক্সট্রা হট পেপেরনি আর ডাবল চিজ দিয়ে পিজ্জার চাইতে মন ভালো করা খাবার আর নেই।

ফোনের অ্যাপ অনুযায়ী, পিজ্জা আসতে পঁচিশ মিনিট মতো লাগবে। ট্রয়কে ছাড়া বোতল খোলাটা পছন্দ করে না কার্স্টেন, তবে জীবনে সব জিনিসেরই ব্যতিক্রম হয়। এখন এক গ্লাস ওয়াইন দরকার ওর, তাই একটা বোতল না খুললেই নয়। পছন্দের একটা জিনিস বেছে নিলো ও, নাপা ভ্যালির এক বোতল জিনফ্যানডেল। গ্লাসে ওয়াইন ঢেলে রেখে দ্রুত গোসল সেরে নিলো কার্স্টেন, গোসল করার পরে অনেকটা আরাম বোধ করলো। একটা ফোলানো তোয়ালে দিয়ে ভেজা চুল মোড়ালো ও, চিতার চামড়ার প্রিন্টের বাথরোব পরে কিচেনে ফিরে এলো কার্স্টেন, নিজের ওয়াইন গ্লাসের দিকে হাত বাড়ালো। স্বর্গ আসলে লাল আর তরল আকৃতির কিনা, কে জানে! ভাবলো ও, চোখ বন্ধ করে মুখের ভেতরের মোলায়েম স্বাদটা উপভোগ করলো। চেরি, রাস্পবেরি, সামান্য ঝাল, আর আছে সামান্য পরিমাণে কয়েকটা মশলা।

ডিং, ডিং। নতুন মেসেজ এলো। পিজ্জা আসছে।

লিভিং রুমে বসে টিভি চালু করলো কার্স্টেন, গত সপ্তাহে শুরু করা একটা সিরিজের দ্বিতীয় পর্ব দেখা শুরু করলো। সিরিজের কাহিনি একজন নানকে কেন্দ্র করে শুরু হওয়া ত্রিভুজ প্রেম নিয়ে, পটভূমি আমেরিকার কোনো গ্রাম্য এলাকায়। ‘প্লে’ বাটনে চাপ দেওয়ার আগেই ফোন বেজে উঠলো। প্রেমিক ফোন করেছে।

খুব বেশিক্ষণ চ্যাট করলো না ট্রয় আর কার্স্টেন। হসপিটালে নিজের লম্বা দিনের বিষয়ে ট্রয়কে বললো মেয়েটা, আর ট্রয় বললো এক্সপোতে দেখা নতুন এক মেশিন গান সম্পর্কে।

‘ওকে সোনা, রাখছি তাহলে,’ বললো ট্রয়, মেসেজের মধ্য দিয়েও ক্লান্ত বলে মনে হলো তাকে। ‘আগামীকাল সন্ধ্যার দিকে পৌঁছানোর চেষ্টা করবো। একজন সাপ্লাইয়ারের সাথে আগামীকাল ব্রেকফাস্টের সময় মিটিং আছে, মিটিং শেষ হলেই বেরিয়ে পড়বো।’

‘চমৎকার হবে তাহলে, হানি। কখন পৌঁছাবে, বলতে পারো?’

‘সন্ধ্যা সাতটা অথবা আটটার মধ্যে পৌঁছানোর চেষ্টা করবো। যা-ই হোক, নিয়মিত জানাবো তোমাকে।’

‘ঠিক আছে তাহলে। ভালো করে একটা ঘুম দাও। আমি মাত্র হাস্যকর এক সিরিজ দেখা শুরু করেছি। পিজ্জা আসার অপেক্ষা করছি।’

‘ও, আজ কি পিজ্জা নাইট না-কি?’

‘আর আছে ওয়াইন, প্রচুর। আগামী দুই দিন আমার ডে অফ, মনে আছে তোমার?’

‘সব ওয়াইন শেষ করে ফেলো না যেন। আমার জন্যেও রেখো। আগামীকাল রাতে আমরা দুজনে মিলে পার্টি করবো।’

‘ডিল।’

‘আগামীকাল তোমার সাথে দেখা হবে, সোনা। মিস ইউ অ্যান্ড লাভ ইউ।’

‘মিস ইউ অ্যান্ড লাভ ইউ মোর।’

কার্স্টেন ফোন রাখার এক মিনিটের আগেই ডোরবেল বেজে উঠলো। পিজ্জা এসে গেছে। ডেলিভারিম্যানকে দশ ডলার টিপস দিলো ও, পিজ্জাটা নিয়ে লিভিং রুমে ফিরে এলো। পিজ্জার বক্সটা কফি টেবিলের ওপরে রেখে কয়েকটা পেপার টাওয়েল আনার জন্য কিচেনে গেল। কার্স্টেনের মতে, প্লেটের বদলে পিজ্জার স্লাইস হাতে ধরে খেলে সেটার স্বাদ আরও বেড়ে যায়। ডিসপেনসার থেকে যখন কয়েকটা পেপার টাওয়েল ছিঁড়ে নিচ্ছে, তখন ওর ডান গালে আলতোভাবে পরশ বুলিয়ে গেল ঠান্ডা বাতাস। কোথেকে বাতাস আসছে, তা দেখার জন্য ঘুরলো ও; ঘুরতেই দেখলো, খোলা জানালা দিয়ে বাতাস আসছে।

‘আবার?’ নিজের অজান্তেই জোরে বলে উঠলো কার্স্টেন, বিরক্তির সাথে মাথা ঝাঁকালো। ‘গডড্যাম ইট, ট্রয়।’ রান্না করার সময় চুলার ওপরের এক্সট্র্যাকশন ইউনিট চালু করার বদলে কিচেনের জানালা খুলে রাখাটা ট্রয়ের অভ্যাস। এবং কাজটা করার পরে প্রায়ই সে জানালাটা বন্ধ করতে ভুলে যায়। তবে আজ রাতে বিষয়টা নিয়ে কার্স্টেন খুব বেশি বিরক্ত হয়েছে এ-ই কারণে যে, জানালাটা গত শুক্রবার থেকে এভাবেই খোলা আছে। সেদিনই স্যান ফ্রান্সিসকোর উদ্দেশ্যে রওনা দিয়েছিল ট্রয়। আজ সোমবার রাত। গত তিনদিনের বেশিরভাগ সময় কার্স্টেন হসপিটালে কাটিয়েছে, এই সময়ের মধ্যে যে কেউ জানালা বেয়ে উঠে তাদের যা ইচ্ছা, তা চুরি করে নিয়ে যেতে পারতো। পরেরবার ফোন করলে প্রেমিককে একটা বিশাল ঝাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিলো কার্স্টেন।

জানালা বন্ধ করে লিভিং রুমে ফিরে এলো কার্স্টেন, সোফায় আরাম করে বসলো। তবে যেভাবে সিরিজটা দেখার পরিকল্পনা করেছিল, সেভাবে হলো না।

খেতে বসে চার ভাগের তিন ভাগ পিজ্জা আর আধা বোতল ওয়াইন সাবাড় করে দিলো ও, এর মধ্যে মাত্র একটা এপিসোড দেখে শেষ করতে পারলো মাত্র। তৃতীয় এপিসোড শুরু করার কথা ভাবলো ও, কিন্তু ওয়াইন এবং হসপিটালে ব্যস্ত একটা দিনের ধকলের পরে ইতোমধ্যেই ঘুম ঘুম লাগছে ওর। টিভি বন্ধ করে বাকি পিজ্জাটা ফ্রিজে রেখে দিলো। সকালের নাস্তায় ঠান্ডা পিজ্জা পছন্দ করে ও।

বিছানায় ট্রয়কে ছাড়া খুব একা লাগছে। নিজের প্রেমিককে জড়িয়ে ধরতে না পারার কারণে প্রেমিকের বালিশ জড়িয়ে ধরলো কার্স্টেন, ধরে নিজের মুখের কাছে নিয়ে এলো। ঠিক সেই মুহূর্তেই বেডসাইড টেবিলের ওপরে রাখা ওর সেলফোনটা বিপ করে ভাইব্রেট করে উঠলো, জানিয়ে দিলো নতুন টেক্সট মেসেজ এসেছে। হুট করে আসা মেসেজের কারণে চমকে গেল কার্স্টেন, কারণ বেডসাইড টেবিলের ওপরে রাখা ডিজিটাল ঘড়িতে সময় দেখাচ্ছে, রাত ১২টা বেজে ২৯ মিনিট।

ট্রয়ের বালিশ রেখে ফোনের জন্য হাত বাড়ালো কার্স্টেন, প্রেমিক আরেকবার ‘আই লাভ ইউ’ মেসেজ লিখে পাঠিয়েছে বলে আশা করছে। ট্রয় সেরকম একজন পুরুষ, যে তার প্রেমিকার প্রতি খুব রোমান্টিক, একই সাথে খুব মনোযোগী। অন্যমনস্ক থাকায় মেসেজটা কে পাঠিয়েছে, তা খেয়াল করলো না কার্স্টেন। তার আগেই মেসেজটা ওপেন করে ফেললো।

হসপিটালে খুব কঠিন একটা দিন গেল, কার্স্টেন? পিজ্জাটা কেমন লাগলো খেতে?

বিস্মিত চোখে মেসেজের দিকে তাকিয়ে থাকলো কার্স্টেন, ঠিক দেখছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য চোখের পাতা ফেলল কয়েকবার। এটা ট্রয়ের মেসেজ না। খুব কম সময়ই গার্লফ্রেন্ডকে নাম ধরে ডাকে ও, বেশিরভাগ সময়েই ডাকে ‘বেবি’ অথবা ‘সোনা’ বলে। বিশেষ করে টেক্সট মেসেজে তো বটেই। এছাড়া রেগুলার এসএমএসের পরিবর্তে সে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে।

মেসেজ কে পাঠিয়েছে, তা চেক করলো কার্স্টেন। অচেনা নাম্বার।

কে আপনি? দ্রুত টাইপ করলো ও। কয়েক সেকেন্ডের মধ্যেই রিপ্লাই এলো।

আমি একজন শিক্ষক, কার্স্টেন। একজন মেন্টর বলতে পারো।

‘কী?’ জোরে বলে উঠলো কার্স্টেন, আবার টাইপ করার আগে ভ্রূ কুঁচকে ফোনের দিকে তাকালো।

আমি একজন মেন্টর। এর মানে কী, তা তো তুমি জানো, তাই না? আর তোমাকে আমি শিক্ষা দেবো।

বেডসাইড ল্যাম্প অন করলো কার্স্টেন, খাটের মাথার সাথে হেলান দিলো।

সিরিয়াসলি বলছি, কে আপনি? পাল্টা মেসেজ দিলো ও। হসপিটালে লম্বা একটা দিন কাটিয়েছি আজ, ইতোমধ্যেই বিছানায় শুয়ে পড়েছি। ইন ফ্যাক্ট, আপনার মেসেজ পেয়েই জেগে উঠলাম। এই মুহূর্তে মজা করার মুডে নেই।

পরের তেরো সেকেন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলো ও, তারপরই পরের মেসেজটা উদয় হলো স্ক্রিনে।

মজা? কে বলেছে, আমি মজা করছি?

কার্স্টেন আসলেই মজা করার মুডে নেই। দেখুন, এরকম মেসেজ চালাচালি করার সময় বা মুড কোনোটাই আমার নেই। পরের মেসেজে হয় আপনি আপনার পরিচয় দেবেন, নয়তো আপনাকে ব্লক করে খোঁয়াড়ে পাঠাবো আমি। বোঝা গেল?

মেসেজ পাঠিয়ে আরও একবার অপেক্ষা করলো ও, আর অপেক্ষা করার সময়ে সোমবার মাঝরাতের পরে মেসেজ পাঠিয়ে ওর সাথে ফাজলামি কে করতে পারে, সে ব্যাপারে মাথা ঘামালো। হ্যাঁ, এই মেসেজ ট্রয়ই পাঠিয়ে ওর সাথে ফাজলামি করছে, এরকম একটা ক্ষীণ সম্ভাবনা হলেও আছে। কিন্তু ট্রয়ই যদি হয়ে থাকে, তবে ওর তো জানার কথা, যখন কার্স্টেন ‘খোঁয়াড়’ শব্দটা ব্যবহার করছে, তার মানে ওর সহ্যের সীমা শেষের পথে। ফোনের ওপাশে যদি ট্রয় থেকে থাকে, তবে এই ফাজলামির এখানেই শেষ হওয়া উচিত। আরও সামনের দিকে বাড়াটা ওর উচিত হবে না।

আরও একবার হাতে ধরা ফোনটা ভাইব্রেট করে উঠলো।

আমি ইতোমধ্যেই তোমাকে আমার পরিচয় জানিয়েছি। আমি একজন মেন্টর। আর আমি কোনো মজা বা তামাশা করছি না। আমি আগেই বলেছি, তোমাকে আমি একটা শিক্ষা দিতে চাই।

মেসেজটা দেখে রসকষহীনভাবে হাসলো কার্স্টেন। মেসেজের প্রেরককে ব্লক করে দিতে চাচ্ছে, কিন্তু একটা কৌতূহলও জেগে উঠেছে মনের কোণে। শিক্ষা? টাইপ করলো ও। কোন ব্যাপারে শিক্ষা? কীভাবে বিরক্তিকর মানুষে পরিণত হওয়া যায়, সে বিষয়ে?

কুড়ি সেকেন্ডের মধ্যে রিপ্লাই এলো। অ্যাকচুয়ালি, শিক্ষাটা হবে তিনটে বিষয়ের ওপরে।

‘ঠিক আছে,’ শব্দ করে হাসলো কার্স্টেন। ‘জেনে ভালো লাগলো।’ যথেষ্ট সহ্য করা হয়েছে একদিনের জন্য। তবে অচেনা নাম্বার থেকে কল আসলে সেটা ব্লক করা যতটা সহজ, মেসেজ আসলে ততটা সহজ নয়। আর কার্স্টেন কোনো ফোন বিশেষজ্ঞও নয়।

ওপরের ডান কোনার তিনটে বিন্দুর ওপরে চাপ দিলো ও, চাপ দিতেই ড্রপ ডাউন মেন্যু নেমে এলো। সেখানে ‘ব্লক’ নামের অপশন খুঁজলো ও, কিন্তু পেলো না।

ডিং, ডিং। ‘মেন্টর’-এর থেকে নতুন মেসেজ এসেছে। মেসেজটা ওপেন করলো কার্স্টেন।

তবে আমাদের শিক্ষা কার্যক্রম শুরু করার আগে, তোমার জন্য একটা প্রশ্ন আছে… বলে ইচ্ছাকৃতভাবে একটা বিরতি দিলো মেন্টর।

ডিং ডিং। জেনে কি তোমার ভয় লাগছে?

‘কী জেনে ভয় লাগবে?’ হেসে নিজেকে জিজ্ঞাসা করলো কার্স্টেন। ‘এসব ফালতু টেক্সট মেসেজ…’

ডিং, ডিং। আজ রাতে তুমি মারা যাবে, তা জানার পরে?

সতেরো

বাইরে হিমশীতল রাত কীসের যেন অমঙ্গলের বার্তা ছড়িয়ে দিচ্ছে। চাঁদ আর তারকারাজি অনেক আগেই হারিয়ে গেছে ঘন ও কালো মেঘের আড়ালে। অশরীরী বাতাস হাহাকার তুলছে রাস্তায়। বাতাসে ভাসছে বৃষ্টির গন্ধ, আর কার্স্টেন যে মুহূর্তে শেষ মেসেজটা পড়লো, ঠিক সেই মুহূর্তেই বৃষ্টির প্রথম ফোঁটা নেমে এলো ওর বাড়ির ছাদের ওপরে।

কার্স্টেন সহজে ভয় পাওয়ার মেয়ে নয়। কিন্তু এই মুহূর্তে যখন নিজের বিছানায় বসে আছে ও, সারা বাড়ি ডুবে আছে কালিগোলা অন্ধকারে, বৃষ্টি ধুয়ে দিচ্ছে ওর জানালার কাচ; তখন খানিকটা অনিশ্চিত বোধ করলো। শেষ দুটো মেসেজ আবার পড়লো ও।

তোমার কি ভয় লাগছে? আজ রাতে তুমি মারা যাবে, তা জানার পরে?

আরও একবার ওপরের ডান কোনার তিনটে বিন্দুর ওপরে ট্যাপ করলো ও, ড্রপ ডাউন মেন্যুতে ‘ব্লক’ অপশনটা খুঁজলো। এখানেই তো কোথাও থাকার কথা। ভয়। কিন্তু নেই।

ডিং, ডিং। নতুন আরেকটা মেসেজ এসেছে।

আমরা তাহলে প্রথম শিক্ষাটা শুরু করি, কার্স্টেন? প্রথম শিক্ষাটা হলো…

এক সেকেন্ডের জন্য দ্বিধা করলো কার্স্টেন, কী করবে বুঝতে পারলো না। হ্যাঁ, ফোনটা অফ করে রেখে দিলেই হয়, কিন্তু সেক্ষেত্রে সকালে ফোন অন করার পরে আনরিড মেসেজের বন্যা বয়ে যাবে। আরও একটা ব্যাপার হলো, মানুষ হিসেবে কার্স্টেন কৌতূহলী। কোন ইডিয়ট তাকে এরকম মেসেজ পাঠাচ্ছে, তামাশা করার চেষ্টা করছে, তা না জেনে ও কোনোভাবেই ঘুমিয়ে পড়তে পারবে না। এটা তো তামাশাই, তাই না? এছাড়া তো এই মেসেজগুলোকে আর কোনোভাবে ব্যাখ্যা করা যায় না।

ফোন নামিয়ে রাখার বদলে শেষ একটা মেসেজ টাইপ করার সিদ্ধান্ত নিলো ও।

দেখুন, অনেক বেশি হয়ে যাচ্ছে কিন্তু। শুরুতেও বিষয়টা হাসিতামাশার ছিল না, আর এখন তো রীতিমতো হাস্যকরে পরিণত হয়েছে। আমি ক্লান্ত, রাতও হয়েছে অনেক। হসপিটালে কঠিন একটা দিন কাটিয়েছি। আমাকে আর মেসেজ করবে…

ডিং, ডিং। নিজের মেসেজের টাইপিং শেষ করার আগেই নতুন মেসেজ চলে এলো।

তুমি একটা জিনিস খেয়াল করেছো কিনা, আমি নিশ্চিত না কার্স্টেন। কিন্তু তোমার কিচেনের জানালা খোলা ছিল।

নিজের ফোনের স্ক্রিনের ওপরে কেঁপে গেল কার্স্টেনের হাত। কিচেনের জানালা যে খোলা ছিল, তা এই মেসেজদাতা জানলো কী করে? যা টাইপ করেছিল, সব ডিলিট করে দিলো ও, তারপর নতুন একটা মেসেজ টাইপ করা শুরু করলো।

এটা মজার বিষয় নয়।

এক মুহূর্ত পরেই রিপ্লাই চলে এলো। জানালাটা খোলা ছিল কারণ, কার্স্টেন, আমিই জানালাটা খুলেছিলাম।

নিজের অজান্তেই বেডরুমের দরজার দিকে তাকালো কার্স্টেন। সেদিকে তাকাতেই শীতল এক স্রোত বয়ে গেল ওর মেরুদণ্ড বেয়ে। নিজের চিন্তাভাবনার ওপরে সন্দেহ হতে শুরু করলো ওর। মেসেজগুলো কি ট্রয় পাঠাচ্ছে? কিচেনের দরজা সম্পর্কে ও ছাড়া আর কে জানবে?

ট্রয়, তুমি এই মেসেজগুলো পাঠাচ্ছো? যদি পাঠাও, তবে ঈশ্বরের দিব্যি…

না, ট্রয় এই মেসেজগুলো পাঠাচ্ছে না। দ্রুত রিপ্লাই এলো ফোনের ওপাশ থেকে। এই মেসেজগুলো সে পাঠাচ্ছে, যে তোমার কিচেনের জানালা খুলেছিল। আরও একবার ইচ্ছাকৃত বিরতি। নতুন মেসেজ। ওদিক দিয়ে তোমার বাড়িতে ঢুকে পড়েছি আমি আর ঘরেই কোথাও লুকিয়ে আছি।

কার্স্টেনের দম যেন গলার কাছে আটকে গেল। নিশ্চিত হওয়ার জন্য মেসেজটা কয়েকবার করে পড়লো ও।

ডিং, ডিং। হ্যাঁ, কার্স্টেন, ঠিকই ধরেছো। আমি এখানে তোমার সাথেই আছি। শুধু আমরা দুজন। কিছুটা লুকোচুরি খেললে কেমন হয়, বলো তো? আমি লুকাচ্ছি, তুমি খুঁজে বের করো।

যথেষ্ট সহ্য করা হয়েছে। ওকে, ইউ ফাকিং ফ্রিক, পাল্টা টাইপ করলো ও। ভয় পেয়েছে, এটা দেখানোর চাইতে রেগে আগুন হয়ে গেছে, তা দেখানো যাক। খেলা শেষ তোমার। আমি তোমাকে শায়েস্তা করার জন্য পুলিশ ডাকছি।

ডিং, ডিং। নতুন মেসেজ আসার কারণে কার্স্টেনের ফোনের স্ক্রিনের ওপরে একটা পপ-আপ দেখা গেল। পপ-আপটা সরিয়ে দিতে চাইলো ও, কিন্তু কাঁপা হাতের কারণে সরাতে তো পারলোই না, বরং ফুল মেসেজটা ওপেন হয়ে গেল।

আমি যদি তোমাকে বলি যে আমি ইতোমধ্যেই তোমার বেডরুমের ভেতরে আছি?

কলিজা লাফ দিয়ে গলার কাছে চলে এলো কার্স্টেনের, বিছানার ওপরে নড়ে উঠলো ও। চোখ ঘুরতে লাগলো ঘরের ভেতরে, ঘরের কোনায়। ছায়া দেখলেই একটা হার্টবিট মিস করলো ও, বেডসাইড ল্যাম্প জ্বালানো থাকা সত্ত্বেও ঘরে ছায়ার কোনো কমতি নেই।

ডিং, ডিং। এই ঘরে লুকিয়ে থাকার জন্য খুব বেশি জায়গা নেই, কার্স্টেন। ইন ফ্যাক্ট, মাত্র দুটো জায়গাতে লুকিয়ে থাকা যায়।

ভারী হয়ে এলো কার্স্টেনের শ্বাস। ট্রয়ের দিকের বেডসাইড ল্যাম্প জ্বালাতে যাবে, এই সময়ে নতুন একটা মেসেজ এলো।

হুট করে যদি অনুভব করো, তোমার বিছানার নিচে কিছু নড়ছে, তবে কি তুমি ভয় পাবে?

‘কী?’ আর্তনাদ করলো কার্স্টেন, প্রবৃত্তির বশে হাঁটুজোড়া বুকের কাছে নিয়ে গেল। পরিণত হলো মনুষ্যাকৃতির এক বলে। তামাশা হোক বা না হোক। শিক্ষা হোক বা না হোক। ‘ভয়’ সৃষ্টি হয়েছে কার্স্টেনের মনে।

ডিং, ডিং। দেখবে না-কি কার্স্টেন? শরীরটা ঝুঁকিয়ে বিছানার নিচে উঁকি দেবে একবার? এখনই?

বিছানার নিচে উঁকি দিলো না কার্স্টেন, তবে শরীরটা সামান্য বাঁকিয়ে ও যে পাশে বসে আছে, সেদিকে তাকালো। বাঁ পাশে বসে আছে ও, কয়েক সেকেন্ড মেঝের দিকে তাকিয়ে থাকলো। মেঝেতে ওর স্লিপার ছাড়া আর কিছু নেই। বড়ো করে একটা নিঃশ্বাস নিলো ও, তারপর এক ঝটকায় ডানে সরে গিয়ে সেদিকে তাকালো। আর তখনই নতুন মেসেজ এলো।

ওয়ার্ডরোবটা দেখলে কেমন হয়, কার্স্টেন? ওখানেও তো লুকিয়ে থাকতে পারি।

ডিং, ডিং। তুমি কি তোমার ওয়ার্ডরোবে কোনো পরিবর্তন লক্ষ করেছো?

মেসেজটা পাওয়ার সাথে সাথে কার্স্টেনের চোখ ফোনের স্ক্রিন থেকে ওয়ার্ডরোবের দিকে চলে গেল। ওয়ার্ডরোবটা বিছানার ঠিক মুখোমুখি দেয়ালে বানানো, সেদিকে তাকিয়েই জমে গেল ও। সামান্য খুলে আছে ওয়ার্ডরোবের দুই দরজা। কার্স্টেনের স্পষ্ট মনে আছে, গোসল সারার পরে ওয়ার্ডরোব থেকে নিজের স্লিপার বের করেছিল ও, তারপর লিভিং রুমে গিয়ে পিজ্জার জন্য অপেক্ষা করার আগে দুটো দরজাই বন্ধ করেছিল।

ভয় পরিণত হয়েছে আতঙ্কে। বাইরে বৃষ্টির বেগ ক্রমেই বাড়ছে। জানালা, ছাদের ওপরে পড়া বৃষ্টির শব্দ ক্রমেই জোরালো হচ্ছে। সেলফোনের দিকে মনোযোগ ফিরলো কার্স্টেনের। যথেষ্ট হয়েছে এই ফালতু গেম খেলা। হ্যাঁ, ভয় পেয়েছে ও। কিন্তু না, বিছানা থেকে নেমে ওয়ার্ডরোবের ভেতরটা আর বিছানার নিচটা চেক করবে না ও। ও যা করবে, তা হলো ৯১১’তে ডায়াল করবে।

নতুন মেসেজ। তুমি কি দরজাদুটো খেয়াল করেছো?

‘এই ফাজলামির নিকুচি করি,’ ফিসফিস করে নিজেকে বললো কার্স্টেন। ফোনের অ্যাপের ওপরে চাপ দিতে দিতেই ওর ভীত দৃষ্টি ফিরে গেল ওয়ার্ডরোবের দিকে। দরজাদুটো এখনো খোলা, কিন্তু ও নিশ্চিত যে সেখানে কোনো একটা পরিবর্তন হয়েছে। কিন্তু ঠিক কী পরিবর্তন, সে ব্যাপারে নিশ্চিত নয়। আরও ভালো করে খুঁটিয়ে দেখার জন্য চোখ কুঁচকে তাকালো।

কার্স্টেন যখন ওয়ার্ডরোবের দিকে পূর্ণ মনোযোগ দিয়ে তাকিয়ে আছে, ও খেয়ালও করলো না, আপাদমস্তক কালো পোশাক পরা একটা অবয়ব খুব ধীরে ওর বিছানার নিচ থেকে বের হয়ে আসছে।

আঠারো

ঠান্ডা ও স্যাঁতস্যাঁতে এক সকাল। মুষলধারে বৃষ্টি হয়েছে রাতে, অন্তত রাত সাড়ে চারটা পর্যন্ত চলেছে। রাতের ভারী বর্ষণের চিহ্ন হিসেবে জায়গায় জায়গায় পানি জমে পুকুর হয়ে আছে। রাতে ছাড়াছাড়াভাবে চার ঘণ্টার বেশি কিছুটা সময় ঘুমালো হান্টার। দীর্ঘস্থায়ী অনিদ্রায় ভুগছে, এমন কারো জন্য বিষয়টা খুব একটা খারাপ নয়। কালভার সিটিতে অবস্থিত সিক্সপ্যাক্স জিমে একটা চক্কর মারার পরে পুলিশ প্রশাসন ভবনে এসে যখন ও পৌঁছালো, তখন বাজে সকাল ৭:২৬। ওর ছাব্বিশ মিনিট আগেই হাজির হয়ে গেছে গার্সিয়া।

‘কেমন হলো কেভিন গ্যারিসনের সাথে মোলাকাত?’ হান্টার যখন অফিসে ঢুকে দরজা বন্ধ করছে, জিজ্ঞেস করলো গার্সিয়া।

‘তেমন কিছু পাওয়া গেল না,’ ডেস্কে বসতে বসতে জবাব দিলো হান্টার। ‘আমরা যাকে খুঁজছি, এ সেই লোক নয়।’

‘তাই না-কি?’ নিজের চেয়ারে বসে পড়লো গার্সিয়া, গলার অসন্তোষ চাপা থাকলো না। ‘কীভাবে? কী বললো লোকটা?’

‘তার সাথে কথা বলতে পারিনি আমি। ওখানে ছিল না লোকটা।’ জবাব দিলো হান্টার। ‘তবে জিমের একজন ট্রেইনারের সাথে কথা বলেছি। শুক্রবারে কেভিন স্যাক্রামেন্টোতে ছিল। সে এবং জিমের আরও দুজন সদস্য আইএফবিবি প্রো-লিগে প্রতিযোগিতা করছে, যেটা গত উইকেন্ডব্যাপী অনুষ্ঠিত হয়েছে। সেখানে চতুর্থ হয়েছে আমাদের এই কেভিন গ্যারিসন।’ মাথা নাড়লো ও। ‘যে রাতে মেলিসা খুন হয়, সে রাতে লস অ্যাঞ্জেলসে ছিল না লোকটা, তার অ্যালিবাই একদম নিশ্ছিদ্র ও নিখুঁত। আমরা যাকে খুঁজছি, সে এই লোক নয়।’

কনুই ডেস্কে রেখে নিজের গাল ডললো গার্সিয়া। ‘তাহলে আমাদের সন্দেহভাজন এখন একমাত্র একজন, এই ‘মার্ক’। যদি মার্ক তার আসল নাম হয়ে থাকে, তবেই।’

‘এখন পর্যন্ত সেরকমই। ফরেনসিকস থেকে কোনো খবর আছে?’

‘এখনো নেই, তবে রিসার্চ থেকে একটা রিপোর্ট এসেছে। একই রকম খুনের ঘটনা আরও ঘটেছে কিনা সে ব্যাপারে জানতে চেয়েছিলাম ওদের কাছে।’

‘পাওয়া গেল কিছু?’

অসন্তুষ্টভাবে একটা শ্বাস ফেললো গার্সিয়া। ‘এরকম কিছু পাওয়া যায় কিনা, সে জন্য এখনো তালিকা ঘাঁটছি আমি, কিন্তু আমার মতে কিছু পাওয়া যাবে কিনা, তা নির্ভর করছে ‘একই রকম’ শব্দদ্বয়ের ওপরে। মাউস দিয়ে স্ক্রিনে স্ক্রল করলো ও। ‘মাথায় রাখো, প্রত্যেকটা কেসের ক্রাইম সিনের ছবি পাঠিয়েছে রিসার্চ, সেই সাথে নিউ ইয়র্ক, মিয়ামি, শিকাগো, সিয়াটল, লস অ্যাঞ্জেলসের সহিংস খুনগুলোর একটা তালিকা পাঠিয়েছে। কিন্তু আমাদের কাজে লাগতে পারে, এমন কিছু এখনো পাইনি। উদাহরণস্বরূপ বলা যায়, অনেকগুলো ক্রাইম সিন আছে, যেখানে ভিকটিমকে ঝুলিয়ে রেখে চলে গেছে খুনি। কিন্তু কোনো ভিকটিমই ঝুলে নেই মুখের সাথে আটকানো হুকের সাহায্যে। কিছু কেস আছে, যেখানে প্রথাগত ‘দড়ি’ বাদে অন্য কিছু, যেমন: বৈদ্যুতিক তার, শিকল, প্যান্টিহোস (এক ধরনের মোজা), ডগ কলার, গলায় বাঁধার টাই, এমনকি সিঙ্কচ্যুর (এক ধরনের বেল্ট) পর্যন্ত ব্যবহার করেছে খুনি। এমন কেসও অনেক আছে, যেখানে ভিকটিম হাত অথবা পা থেকে ঝুলে ছিল।’ আরেকবার স্ক্রল করলো গার্সিয়া।

‘কয়েকটা কেস আছে, যেখানে মাংসের অথবা বেল হুক ব্যবহার করা হয়েছে। তবে ভিকটিমদেরকে মাটি থেকে সামান্য ওপরে ঝোলানো হয়েছে এমন কেস আছে মাত্র তিনটে। এবং সবগুলোতেই ভিকটিমকে পাওয়া গেছে একটা মিট লকারের মধ্যে, আর হুকটা গাঁথা হয়েছে ভিকটিমের পিঠে। তাদের মুখে, গালে কিংবা খুলিতে নয়।’

নড করলো হান্টার, চোখজোড়া কম্পিউটার স্ক্রিনের ওপরে ঘুরছে। ‘আমাদের হাতে এমন কিছু কেস আছে, যেখানে ভিকটিমের চেহারা ভয়াবহভাবে বিকৃত করা হয়েছে।’

বলতে থাকলো গার্সিয়া। ‘কাটাকুটি করা হয়েছে, কোনো অঙ্গচ্ছেদ করা হয়েছে, পিটিয়ে তুষ বানিয়ে ফেলা হয়েছে, অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এক কান থেকে আরেক কান পর্যন্ত গলা কেটে ফেলা হয়েছে, খুলি চুরমার করে দেওয়া হয়েছে।’ আত্মসমর্পণের ভঙ্গীতে দুই হাত উঁচু করলো সে। ‘রিসার্থ এমন এক কেসের সন্ধান পেয়েছে, যেখানে ভিকটিমের ম্যান্ডিবল খুনি টেনে ছিঁড়েছে চেহারা থেকে। কিন্তু সেটা পনেরো বছর আগের ঘটনা, এবং অমীমাংসিতও নয়। খুনি ছিল ভিকটিমের স্বামী, ধরা পড়ার পরে সাজা হয় তার।’

হান্টার মুখ খুলতে যাচ্ছে দেখে হাত তুলে ওকে থামালো গার্সিয়া। ‘আমি বুঝতে পারছি, হুবহু মিল আছে, এমন একটা ক্রাইম সিন আমরা চাইছি না। আমরা যা চাইছি, তা হলো, আগে ঘটে যাওয়া এরকম ঘটনা। ঠিক বললাম তো? মেলিসা হোথর্নের মতো ভয়ঙ্কর কিছু নয়; তবে এমন কিছু, যা দেখে মেলিসা হোথর্নের অপরাধটাকে বোঝা যাবে একটু হলেও।’

‘হ্যাঁ, সেটাই হলো থিওরি,’ একমত হলো হান্টার, নিজেও নিজের স্ক্রিনে স্ক্রল করতে লাগলো।

‘কিন্তু মেলিসা হোথর্নের এরকম ভয়ঙ্কর খুনের পেছনে এমন কী কারণ থাকতে পারে? আর আমরা সেটা জানবোই বা কীভাবে?’ জিজ্ঞেস করলো গার্সিয়া। ‘মানে, আমরা যদি কিছু খুঁজে থাকি, আচ্ছা আলোচনার স্বার্থে বলি, এর চাইতে কম ভয়ঙ্কর কিছু। অথবা, এর চাইতেও অনেক কম ভয়ঙ্কর। এমন কিছু কি হতে পারে, এর আগের খুনটা ছিল একদম অন্যরকম? ভিকটিমকে ঝুলিয়ে দেওয়া হয়নি যেখানে? মুখ বিকৃত করা হয়নি? আর কী? কারণ, এসবের চক্করে পড়ে মাথা ঘুরছে আমার।’

চেয়ারে হেলান দিলো হান্টার, চোখ ডললো। ‘এটাই হলো সমস্যা, কার্লোস। মানব আচরণ নির্দিষ্ট কোনো বিজ্ঞান নয়। প্যাটার্ন পরিবর্তন হয়, এবং ব্যক্তিভেদেও প্যাটার্ন পরিবর্তন হয়।’ গার্সিয়ার দিকে হাত ওঠানোর জন্য ঘুরলো ও। ‘এখান থেকে আমরা বলতে পারি, কোনো ছোটো বা মাঝারি মানের সহিংসতা থেকে হুট করে আমাদের কেসের মতো সহিংসতা দেখিয়েছে খুনি, তা খুবই অস্বাভাবিক।’

‘আর আমি সেটাই বলছি।’ বললো গার্সিয়া, দুই হাতের তর্জনী হান্টারের দিকে তাক করলো। গার্সিয়া নিজেও ‘উত্তেজনা তত্ত্ব’ সম্পর্কে ভালো জ্ঞান রাখে। খুনি যদি কোনো প্রলোভন থেকে খুন করে থাকে, যে প্রলোভন সে নিয়ন্ত্রণ করতে পারে না, দশবারের মধ্যে নয়বারই সেটা শুরু হয় ছোটো কোনো ঘটনা দিয়ে, এবং সেটা কোনো হোমিসাইড হয় না। প্রবৃত্তি যা-ই হোক না কেন, সেটা দিয়ে প্রলোভনকে দমন করতে হয় খুনির। দমন করার পরে একটা চক্র শুরু হয়ে যায়। খুব তাড়াতাড়িই প্রলোভন ফিরে আসে, আগেরবারের চাইতে শক্তিশালী হয়ে, ক্ষুধার্ত হয়ে। তখন প্রলোভনকে আগেরবারের চাইতে বেশি কিছুর মাধ্যমে দমন করতে হয়। এভাবে ক্রমশ প্রলোভন বাড়তে থাকে। প্রলোভন নামের দানবকে রোধ করতে না পেরে তা দমন করার জন্য খুনিকে আবার কিছু করতে হয়, আগেরবারের চাইতে বেশি কিছু। এভাবে প্যাটার্নটা চলতে থাকে, পুনরাবৃত্তি হয়, এবং প্রত্যেক চক্রেই তা আরও বাড়তে থাকে।

‘আমরা ক্রাইম সিনে যা দেখেছি, তা আসলেই উত্তেজনা বৃদ্ধির ফলাফল,’ আগের কথার খেই ধরলো গার্সিয়া। ‘খুনি আসলে ‘বস লেভেল’-এ পৌঁছে গেছে; যার মানে, সে অনেকদিন ধরেই এসব করে বেড়াচ্ছে। সেটা কয়েক বছর হওয়াও বিচিত্র নয়। এখন যেহেতু সে এলএ’তে সক্রিয়, তাই এই শহরে সে অন্য অপরাধ—সম্ভবত খুনোখুনি ঘটিয়েছে, তা ধরে নেয়ার যথেষ্ট কারণ আছে।’

‘তাহলে অপরাধীর আগের করা কোনো অপরাধ আমাদের নজরে এলো না কেন?’ জিজ্ঞেস করলো হান্টার, এরপরে গার্সিয়া কী প্রশ্ন করতে যাচ্ছে, তা চিন্তা করলো।

‘এক্সক্সাক্টলি,’ বললো গার্সিয়া। ‘আমরা ইউভিসি ইউনিট। এরকম কিছু হলে অবশ্যই আমাদের কাছে আসতো।’

‘হয়তো। তবে মনে রাখো, এই উত্তেজনা তত্ত্ব পুরোপুরি অমূলক নয়। মানসিক উত্তেজনা বৃদ্ধির অস্তিত্ব আছে, যেখানে উত্তেজনা বৃদ্ধির বেশিরভাগই ঘটে একজন ব্যক্তির মনের মধ্যে। ভেতরের দানব যখন বিশালে পরিণত হয়, মানসিক উত্তেজনা বৃদ্ধির জন্য অতিরিক্ত ক্ষুধার্ত হয়ে যায়, তখন খুনি একটা অপরাধ করতে বাধ্য হয়। সেক্ষেত্রে, প্রথম খুনেও বেশ সহিংসতা দেখানোর কথা।’

‘তোমার মনে হচ্ছে, এই কেসেও একই ব্যাপার ঘটেছে?’ বুকের সাথে থুতনি ঘষতে ঘষতে জিজ্ঞেস করলো গার্সিয়া।

‘আমি জানি না, কার্লোস। হ্যাঁ, হতে পারে। কারণ, মানব আচরণের ক্ষেত্রে নিরেটভাবে কিছু বলা যায় না। তবে এখন পর্যন্ত এই কেস সম্পর্কে আমরা খুব কমই জানি। খুনি সিরিয়াল কিলার না-ও হতে পারে, এটা একটা আলাদা জাতিগত বিদ্বেষ থেকে হওয়া অপরাধও হতে পারে, প্রচুর সম্ভাবনা আছে। আর আমরা যেটা করছি, সেটা হলো, সেই সম্ভাবনাগুলো খতিয়ে দেখার জন্য পুরানো কেসগুলো ঘাঁটছি। এটুকুই।’

ধপ করে চেয়ারে হেলান দিলো গার্সিয়া, আর ঠিক তখনই তার আর হান্টারের কম্পিউটার থেকে ঘণ্টাধ্বনির মতো শব্দ হলো। জানান দিলো যে, নতুন ইমেইল এসেছে।

মেইলের টাইটেল চেক করলো গার্সিয়া। ‘ওয়াও! কপাল খুব ভালো না হলে এই জিনিস অন্তত এই সপ্তাহের মধ্যে হাতে পাবো না, এমনটাই ভেবেছিলাম।’

‘কী?’ জিজ্ঞেস করলো হান্টার।

‘মেলিসা হোথর্নের ফোন কল আর টেক্সট মেসেজের তালিকা,’ বললো গার্সিয়া, হান্টারের ডেস্কে রাখা মনিটরের দিকে নড করলো। ‘তোমার ইমেইল চেক করো।’

করলো হান্টার। ইমেইলের সাথে এসেছে দুটো অ্যাটাচড ফাইল। ‘ফোন কলস’ এবং ‘এসএমএস মেসেজেস’।

উনিশ

রিসার্চের কাছ থেকে পাওয়া তালিকাটা যখন হান্টার চেক করছে, তখন অ্যাটাচড ফাইলের প্রথমটা ওপেন করলো গার্সিয়া। মেলিসা হোর্থর্ন তার লাস্ট ফোন কলটা কার কাছ থেকে রিসিভ করেছিল, তা জানার জন্য দ্রুত চেক করলো ‘ফোন কলস’ নামের ফাইলটা।

‘ধুরো!’ কয়েক সেকেন্ড পরেই বলে উঠলো সে।

‘কী হয়েছে?’ জিজ্ঞেস করলো হান্টার।

컴퓨টার স্ক্রিনের দিক থেকে চোখ সরালো না গার্সিয়া। ‘আমি আশা করেছিলাম এই ‘নারীলিঙ্গু মার্ক’ হয়তো ব্রোকেন শেকার থেকে বের হওয়ার পরে ভিকটিমকে ফোন করেছে। মেলিসা যে তাকে ভুল নাম্বার দেয়নি, সেটা চেক করার জন্য।’

‘কিছু পাওয়া গেল না?’ তালিকাটা মিনিমাইজ করলো হান্টার, ইমেইলের দিকে মনোযোগ ফেরালো।

‘না, তার কাছ থেকে আসেনি। মেলিসা হোথর্নের কাছে শনিবার সন্ধ্যায় শেষ কল এসেছিলো সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে। পার্টির সন্ধ্যায় আরকি। কলটা এসেছিল সম্ভবত জ্যানেটের কাছ থেকে।’

‘তাহলে হয়তো মার্ক কোনো টেক্সট মেসেজ পাঠিয়ে থাকতে পারে,’ মন্তব্য করলো হান্টার, ইমেইলের দ্বিতীয় অ্যাটাচমেন্টের ওপরে ডাবল ক্লিক করলো। ডাবল ক্লিক করতেই ভেসে উঠলো টেক্সট মেসেজের লিস্ট।

‘হয়তো,’ একমত হলো গার্সিয়া, কিন্তু সে ফোন কলের লিস্টের থেকে চোখ সরালো না। হান্টারের স্ক্রিনে ফাইল ওপেন হলে প্রথম টেক্সটটা খুললো সে, এবং দেখার সাথে সাথে একদম নিশ্চুপ হয়ে গেল। ফোন কলের লিস্ট নিয়ে গার্সিয়া এত ব্যস্ত যে হান্টারের চেহারাটা তার নজরে পড়লো না।

‘ফোন কলের বিষয় ভুলে যাও, কার্লোস,’ অবিশ্বাসের গলায় বললো হান্টার। ‘টেক্সট মেসেজের ফাইলগুলো দেখো একবার।’

‘লোকটা কী মেসেজ করেছিল ভিকটিমকে?’ গার্সিয়ার উত্তেজিত গলা শোনা গেল।

‘আমি নিশ্চিত না। তবে খুনি যে করেছিল, সে ব্যাপারে নিশ্চিত।’

‘কীহ?’ স্ক্রিন থেকে চোখ তুলে বিস্ফারিত দৃষ্টিতে হান্টারের দিকে তাকালো গার্সিয়া।

‘ফাইলের প্রথম কনভার্সেশন। তবে ভিকটিমের শেষ। প্রথম মেসেজ এসেছে রবিবার ভোর ২:৩২ মিনিটে।’

ফাইল ওপেন করলো গার্সিয়া। হান্টারের বলা কনভার্সেশনটা পড়তেই মুখভঙ্গী পাল্টে গেল তার। প্রথমে কৌতূহলী থেকে সন্দেহগ্রস্ত, তারপর বিভ্রান্ত এবং সবশেষে বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল সে।

‘কী দেখালে তুমি আমাকে?’ বললো সে, দ্রুত টেক্সট মেসেজের ট্রান্সক্রিপ্ট মিনিমাইজ করে ফেললো। ইমেইলটা পুনরায় চেক করলো সে। মেইলে শুধুমাত্র দুটো ফাইল অ্যাটাচ করা। ‘হোয়াট দ্য হেল?’ স্ক্রিনে দিকে তাকিয়ে মাথা নাড়লো সে, তারপর হান্টারের দিকে তাকালো। ‘অ্যাটাচমেন্টে তো কোনো ভিডিয়ো ফাইল নেই। ট্রান্সক্রিপ্ট বলছে, মেইল এসেছে একটা ভিডিয়ো অ্যাটাচমেন্ট সহযোগে। ভিডিয়োটা কোথায়? মেইলের সাথে নেই কেন?’

‘খুব সম্ভবত, আমরা অনুরোধ করিনি, তাই,’ বললো হান্টার।

‘আমরা অনুরোধ করিনি, কারণ আমরা জানতামই না যে একটা ভিডিয়ো ফাইল থাকতে পারে,’ অসন্তোষের সাথে বললো গার্সিয়া। ‘কিন্তু যেহেতু আছে, তাই বিনা বাক্যেই দিয়ে দেওয়া উচিত ছিল না?’

‘প্রসঙ্গ যখন প্রাইভেট ভিডিয়ো আর ফটো শেয়ার, কোনো কিছুই তখন সেলফোন প্রোভাইডারদের কাছে থেকে বিনা বাক্যে পাওয়া যায় না, কার্লোস। তুমিও সেটা জানো। একটা ওয়ারেন্ট দরকার আমাদের।’

সেটা গার্সিয়াও জানে। আমেরিকায়, সেলফোন প্রোভাইডাররা তাদের কাস্টোমারদের থেকে কী কী স্টোর করে রাখতে পারে, সে ব্যাপারে আইন অনেক বিস্তৃত। এক কথায় বলতে গেলে, নরমাল অডিয়ো আর টেক্সট ফাইল বাদে কোন কোন কল আর মেসেজ আর্কাইভ করবে, তা সম্পূর্ণ প্রোভাইডারদের ওপরে। এটা সত্যি যে, বেশিরভাগ প্রোভাইডারই সবকিছু আর্কাইভ করে, তবে সেটা করে প্রাইভেসি ল-স্যুট থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য। তাদেরকে প্রাইভেট ইমেজ আর ভিডিয়ো ডিসক্লোজ করতে বললেই অজুহাতের দেয়াল তুলে ফেলে তারা।

‘সেলফোন প্রোভাইডার কোম্পানি এবার বেশিই বাড়াবাড়ি করে ফেলেছে,’ বললো গার্সিয়া। ‘ক্যাপ্টেন ব্লেক ফেরামাত্র আমি একটা ওয়ারেন্টের জন্য রিকোয়েস্ট করবো।’

আবার কম্পিউটারের দিকে দৃষ্টি ফেরালো হান্টার। আরও দু’বার মেলিসাকে খুনির পাঠানো মেসেজটা পড়লো ও, তারপর চেয়ারে হেলান দিলো। দুই কনুই চেয়ারের দুই হাতলের ওপরে রেখে থুতনি দশ আঙুলের ওপরে রেখে তাকিয়ে থাকলো কম্পিউটারের দিকে।

‘এখান থেকে অসংখ্য অর্থ বের করা যায়,’ ঘরের ভেতরে জেঁকে বসা নীরবতা ভেঙে বললো গার্সিয়া।

‘ওকে।’ নড করলো হান্টার। ‘তোমার ব্যাখ্যাটা কী?’

‘ওয়েল…’ সামনে ঝুঁকলো গার্সিয়া। ‘প্রথম থেকে যদি দেখি, ‘পার্টিতে কি খুব মজা করলে?’ যেটা থেকে বোঝা যায়, খুনি জানতো, মেলিসা সেদিন রাতে একটা পার্টিতে ছিল।’

নড করলো হান্টার।

‘এর ফলে শক্তিশালী হচ্ছে ‘নারীলিঙ্গু মার্ক’-এর ওপরে সন্দেহ,’ আবার বললো গার্সিয়া। ‘মেলিসার সাথে পার্টিতে দেখা হয়েছিল তার, মেয়েটার নাম জানতো লোকটা। মেয়েটার ফোন নাম্বার ছিল তার কাছে, এবং মেয়েটার চোখে না পড়ে তার বাড়ি পর্যন্ত অনুসরণ করাটা খুব সহজ ছিল এই মার্কের পক্ষে। আর সিসিটিভি থেকে আমরা দেখেছি, ভিকটিমের হোটেল ত্যাগের পরপরই বের হয়ে যায় মার্ক, মনে আছে? একটা গাড়ি কিংবা একটা ক্যাবের সাহায্যে ভিকটিমকে অনুসরণ করাটা খুব একটা কঠিন হওয়ার কথা নয় তার জন্য।’

‘ঠিক,’ একমত হলো হান্টার। ‘তবে সেটাই যদি হয়, তবে পুরোটাই এই ‘নারীলিঙ্গু মার্ক’-এর অভিনয়।’

‘অভিনয়?’ ভ্রূ কোঁচকালো গার্সিয়া। ‘মানে?’

‘আমরা ইতোমধ্যেই একমত হয়েছি যে, মেলিসা হোথর্নের খুনটা হুট করে রাগের মাথায় করা নয়। ঠিক? খুব ভালোভাবে পরিকল্পনা করে, খুব বিস্তারিতভাবে পরিকল্পনা করে এই খুনটা করা হয়েছে, এবং এই টেক্সট মেসেজগুলো আমাদের থিওরিকেই সত্যি প্রমাণ করছে। তার মানে, ‘নারীলিঙ্গু মার্ক’ অবশ্যই সেই রাতে ব্রোকেন শেকারে মেলিসার কাছে আত্মপ্রকাশ করেছিল বটে, কিন্তু সে-ই যদি আসল খুনি হয়ে থাকে, তবে সে অবশ্যই পুরো ব্যাপারটা প্ল্যান করে রেখেছিল আগে থেকে। মেলিসা হয়তো শনিবার রাতেই লোকটাকে প্রথম দেখে, কিন্তু দেখাটা কাকতালীয়ভাবে হয়নি। মেলিসার জন্যই ব্রোকেন শেকারে গিয়েছিল আমাদের মার্ক।’

নিজের তর্জনী হান্টারের দিকে তাক করলো গার্সিয়া। ‘একদম ঠিক। দুঃখিত। আমি তথ্যটা এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিলাম। আর সিসিটিভি ক্যামেরা ফুটেজ থেকে ‘নারীলিঙ্গু মার্ক’কে বারে যেভাবে দেখলাম,’ মাথা নাড়লো গার্সিয়া। ‘আমি তাকে সন্দেহের বাইরে রাখতে পারছি না। সে কী করছিল, তা সে খুব ভালো করে জানতো।’

‘একমত। ‘নারীলিঙ্গু মার্ক’ই আমাদের প্রধান সন্দেহভাজন।’ টেক্সট মেসেজে ফিরে গেল গার্সিয়া। ‘তবে এই মেসেজটা আমাকে খোঁচাচ্ছে। ‘আমি কে? ওয়েল, তোমার জন্য আমি একজন মেন্টর, মেলিসা।’ হান্টারের দিকে চেয়ে ভ্রূ উঁচু করলো সে।

‘নিজের একটা ছদ্মনাম দিয়েছে সে, রবার্ট। মেন্টর। আর এই ব্যাপারটা খোঁচাচ্ছে আমাকে, কারণ আমরা দুজনেই জানি, যেসব খুনি এমনটা করে, তারা কোনো একটা কারণে করে। তারা কুখ্যাতি চায়, চায় তারা যা করেছে, সে সম্পর্কে দুনিয়া জানুক। তারা কী সম্পাদন করেছে, বিটিকে, সন অব স্যাম, দ্য গ্রিম স্লিপার, ইতিহাস এরকম লোক দিয়ে ভর্তি। এবং আমরা এ-ও জানি, এসবের মানে হলো, এরকম খুন ভবিষ্যতেও আরও হতে যাচ্ছে। মেলিসার খুন সেসবের শুরু মাত্র।’

‘সেটা একটা সম্ভাবনা বটে,’ একমত হলো হান্টার। ‘কিন্তু এক্ষেত্রে আমি শতভাগ নিশ্চিত নই।’

‘তাই না-কি? সেটা কেন?’

মাথাটা একদিকে সামান্য বাঁকালো হান্টার। ‘আমার কাছে মনে হচ্ছে, খুনি যখন এই কথাটা বলছে যে, ‘আমি কে? ওয়েল, তোমার জন্য আমি একজন মেন্টর, মেলিসা।’ আমি কথাটা বলার সাথে সাথে কল্পনায় তার শ্রাগ করাটাও দেখতে পাচ্ছি আমি। যেন নিজেকে নিজে সে যে নাম দিয়েছে, তাতে তার কিছু যায় আসে না।’

ট্রান্সক্রিপ্টের নির্দিষ্ট লাইনের দিকে মনোযোগ ঘুরে গেল গার্সিয়ার।

‘তুমি ঠিকই বলেছো,’ বললো হান্টার। ‘বিটিকে, সন অব স্যাম, অথবা দ্য গ্রিম স্লিপারের মতো খুনিরা কুখ্যাতি চায়, তারা চায়, মানুষ তাদেরকে জানুক। আর সেই কুখ্যাতি আসে তাদের ছদ্মনাম থেকে, এমনকি তারা ধরা পড়ার পরেও সেই নামের কুখ্যাতি রাতারাতি বাতাসে মিলিয়ে যায় না। তারা আসলে কারা, এবং তারা আসলে কী হতে চায়, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ।’ বলে মনিটরের দিকে নির্দেশ করলো ও। ‘রিপ্লাইয়ে যখন ‘মেন্টর’ লিখেছে, তখন সে শব্দটা বড়ো হাতে লেখার প্রয়োজনীয়তা পর্যন্ত বোধ করেনি, যেন ব্যাপারটাতে তার কিছু যায় আসে না। সে ‘তোমার জন্য’ শব্দদ্বয়ও ব্যবহার করেছে, যেন ভিন্ন একজন ভিকটিমের ক্ষেত্রে সে অন্য একটা ছদ্মনাম বেছে নেবে।’

বিষয়টি নিয়ে এক সেকেন্ড ভাবলো গার্সিয়া।

‘আমার ভুলও হতে পারে,’ মেনে নেয়ার ভঙ্গীতে বললো হান্টার। ‘তবে মেসেজের সম্পূর্ণ কথোপকথন পড়ার পরে; আমার মনে হচ্ছে না, নিজের ছদ্মনামের ব্যাপারে কিছু যায় আসে খুনির। কুখ্যাতির জন্য খুন করছে না সে।’

‘ঠিক আছে, মেনে নিলাম,’ নড করলো গার্সিয়া। ‘এ ব্যাপারে তাহলে তোমার বক্তব্য কী?’

দম ফেললো হান্টার। ‘পুরো কথোপকথনটা, ইন ফ্যাক্ট, খুনি যেটাকে বলছে তার প্রথম শিক্ষা ভয়। সে চাইছে, মেলিসা ভয় পাক, এবং সে খুব দক্ষতার সাথে ধীরে ধীরে ভিকটিমের মনে ভয়ের সঞ্চার করতে সমর্থ হয়েছিল। প্রথমে, একজন রহস্যময় বার্তাপ্রেরক, যে কিনা নিজের পরিচয় দিলো মেন্টর হিসেবে, তারপর মেলিসাকে বললো, সে মেয়েটাকে ভয় বিষয়ে শিক্ষা দেবে। ব্যথা বিষয়ে শিক্ষা দেবে, এবং মৃত্যুর বিষয়ে শিক্ষা দেবে। প্রথমে সামান্য হলেও ভীতিজনক ছিল বিষয়টা, কিন্তু তারপরে যদি তুমি মেলিসার রিপ্লাইগুলো দেখো, তার প্রথম চিন্তা ছিল ‘কেউ মজা করছে বোধহয়?’ সে এমনকি মেসেজগুলোকে মার্কের করা মজা হিসেবে উড়িয়ে দিতে চেয়েছিল, কারণ সে ভেবেছিল, মেসেজগুলো মার্কই পাঠাচ্ছে।’

‘আর এটাই,’ বললো গার্সিয়া, “নারীলিঙ্গু মার্ক’-এর কেসটাকে আরও জোরালো করছে।’

একমত হলো হান্টার, তারপর পরের ধাপের দিকে হাত বাড়ালো। ‘এরপরে বিষয়টা সিরিয়াসে পরিণত হলো।’ ট্রান্সক্রিপ্ট থেকে পড়লো ও। “‘এর মানে হলো, মেলিসা, মৌজমাস্তি শেষ করে প্রায় আধা ঘণ্টা আগে মাতাল হয়ে ক্যাব থেকে নামার পরে, তুমি তোমার বাড়ির সদর দরজা বন্ধ করতে ভুলে গেছো।’ খুনি জানতো, মেলিসা ক্যাব থেকে মাতাল হয়ে নেমেছে এবং টাইমফ্রেমটাও সে জানতো।’

নড করলো গার্সিয়া। ‘এই পর্যায়ে এসে মেলিসা বুঝতে পারে যে, তার সাথে মজা করছে না কেউ। এই তথ্যগুলো ‘মেন্টর’-এর জানার কোনো উপায় নেই, যদি না সে তাকে পার্টি থেকে বাড়ি পর্যন্ত অনুসরণ করে থাকে। সে যখন বাড়িতে ঢুকলো তখন মেন্টর ইতোমধ্যেই তার বাড়িতে ঢুকে পড়েছে। অথবা লুকিয়ে আছে বাইরে কোথাও, মেলিসার আসার জন্য অপেক্ষা করছে।’

‘ঠিক তা-ই,’ একমত হলো হান্টার। ‘এবং মেসেজটা সে শেষ করলো ভিকটিম-ব্লেমিং দিয়ে—তুমি তোমার বাড়ির সদর দরজা বন্ধ করতে ভুলে গেছো, মানে দোষটা তোমার, আমার নয়।’

‘এটা আমিও লক্ষ করেছি,’ একমত হলো গার্সিয়া। ‘আর ঠিকই বলেছো তুমি, অত রাতে বাড়িতে একা থাকাবস্থায় এরকম মেসেজ পাওয়ার পরে ভয় না পাওয়ার কোনো কারণ ছিল না মেলিসার।’

‘আমি যেমনটা বললাম, খুব দক্ষতার সাথে ধীরে ধীরে ভিকটিমের মনে ভয়ের সঞ্চার করতে সমর্থ হয়েছিল খুনি।’

‘এবং আমি বাজি ধরে বলতে পারি, ভিডিয়োটা হলো তুলির শেষ আঁচড়, ঠিক? যেটা দেখে আতঙ্কে অসাড় হয়ে গিয়েছিল ভিকটিম।’

নড করলো হান্টার। ‘ওয়ারেন্ট দরকার আমাদের।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *