এক
প্রায় মাতাল হয়ে এলোমেলো পায়ে গাড়ির পেছনের দরজা খুলে বেরোলো মেলিসা হোর্থর্ন, নিজের বাড়ির সামনের সাইডওয়াকে পা রাখলো। সতর্ক চোখে তাকে নামতে দেখলো ট্যাক্সির ড্রাইভার, তার ট্যাক্সিটা রূপালি রঙের এক মাজদা। আজ রবিবার, ঘড়িতে বাজছে রাত দুটো।
গতকাল রাত ন’টা থেকে একটানা মদ গিলেছে মেলিসা। এতটা ড্রিঙ্ক সাধারণত ও করে না, এতটা মাতালও সাধারণত হয় না। তবে নিজের বেস্ট ফ্রেন্ডের আটাশতম জন্মদিন গতকাল উদ্যাপিত হয়েছে ব্রোকেন শেকারে। ব্রোকেন শেকার একটা পুল ডেক ককটেইল লাউঞ্জ, সাউথ বিচের আনন্দময় আবহ রয়েছে জায়গাটায়। লাউঞ্জটা ডাউনটাউন লস অ্যাঞ্জেলসের ইউনিক ফ্রিহ্যান্ড হোটেলের ছাদে অবস্থিত, ঐতিহাসিকভাবে বেশ বিখ্যাত এই হোটেলটা। ফুট ককটেইলের পরে মেলিসা গলায় ঢেলেছে জ্যাগারবোম্ব। দুর্দান্ত এক কম্বিনেশন যাকে বলে!
অনেক মৌজমাস্তি করলেও মেলিসা জানে, ও যখন ঘুম থেকে উঠবে, তখন মাথা ব্যথায় ছিঁড়ে যাবে ওর।
‘দরজাটা…’ ওকে ডাকলো ড্রাইভার। ‘দরজাটা বন্ধ করে দিতে পারেন প্লিজ?’
‘ওহ, হ্যাঁ। দুঃখিত!’ মাতাল গলায় উত্তর দিলো মেলিসা, নিতম্ব দিয়ে মাজদার পেছনের দরজায় ধাক্কা দিলো। চেষ্টাটা ফলপ্রসূ হলো না, ধাক্কায় তেমন জোর না থাকায় বন্ধ হলো না দরজাটা।
‘বন্ধ হয়নি,’ বললো ড্রাইভার, জানালা দিয়ে পেছনে ফিরে তাকালো। ড্রাইভারের দিকে তাকিয়ে বোকার মতো হাসলো মেলিসা, তবে জোরে ধাক্কা দিয়ে দরজা বন্ধের পরিবর্তে গোটা দরজাটা খুলে ধরলো, তারপর আবার ধাক্কা দিলো। তবে এবারে ধাক্কার পরিমাণ হলো আগের থেকেও কম।
‘উপস!’
‘আচ্ছা, ঠিক আছে,’ হতাশভাবে মাথা নেড়ে বললো ড্রাইভার। ‘আমিই বন্ধ করে দেবো। চিন্তার কিছু নেই।’
ড্রাইভার যখন তার ট্যাক্সি থেকে নেমে দরজা লাগানোর জন্য এগোচ্ছে, তখন টলমল পায়ে নিজের বাড়ির সদর দরজার সামনে গিয়ে দাঁড়ালো মেলিসা। বাসার সঠিক চাবি খুঁজতে এবং সেটা সঠিকভাবে কী-হোলে ঢোকাতে গিয়ে মূল্যবান আড়াই মিনিট নষ্ট করলো।
অবশেষে ভেতরে ঢুকে পড়লো ও, পেছনে দরজা বন্ধ করে দিলো। এক গ্লাস পানি ঢেলে নিয়ে পা বাড়ালো শোবার ঘরের দিকে। শোবার ঘরটা বাড়ির পেছনের দিকে অবস্থিত। বেডসাইড টেবিলে হ্যান্ডব্যাগটা শব্দ করে ফেলে দিলো ও, তাড়াতাড়ি গোসল সেরে চলে এলো বিছানায়। শোয়ার পরে নিজের মোবাইল হাতে নিলো। রাত ২:২৮।
কোনো মেসেজ আসেনি।
সামান্য অসন্তুষ্ট হয়েছে মেলিসা, এটা যদি স্বীকার না করে তবে মিথ্যে বলা হবে। ব্রোকেন শেকার ককটেইল লাউঞ্জে একজনের সাথে পরিচয় হয়েছে ওর, লোকটার প্রতি বেশ আকর্ষণ বোধ করছে। লোকটার নাম মার্ক। বেশ কয়েকবার ককটেইল পান, আর প্রচুর হাহা-হিহি’র পরে নিজেদের ফোন নাম্বার আদানপ্রদান করেছে ওরা।
বার থেকে বেরিয়ে আসার ঠিক আগে মার্ক জিজ্ঞেস করেছিল, সে মেলিসার সাথে আসুক, তা মেলিসা চায় কিনা। মেলিসার খুব লোভ হয়েছিল। খুব। ছয় মাসের বেশি হয়ে গেছে, অন্য কাউকে নিজের বিছানায় আনেনি ও। ছয় মাস আগে, প্রেমিকের সাথে ছাড়াছাড়ি হয় ওর, মেলিসার সাথে সম্পর্ক থাকা অবস্থাতে নিজের কর্মস্থলের একজনের সাথে সমানতালে সম্পর্ক চালিয়ে যাচ্ছিল বদমাশটা।
যাই হোক, রীতিমতো মাতাল হয়ে ছিল ও, সেই সাথে মার্কের প্রতি প্রচণ্ড আকর্ষণ বোধ করা সত্ত্বেও প্রথমেই এতটা আগ্রহ দেখাতে চায়নি মেলিসা। ওর মতে, প্রথম রাতেই কাউকে বিছানায় নেয়া ব্যাপারটা ঠিক ভালো দেখায় না।
‘হয়তো পরের বার,’ নিজেকে বললো ও, মার্কের স্টাইলে মনকাড়া এক হাসি দেওয়ার চেষ্টা করলো। তবে মেলিসার মনের একটা অংশ চাচ্ছে, ঘুমাতে যাওয়ার আগে মার্ক ওকে একটা মেসেজ করুক। আহামরি কোনো মেসেজের দরকার নেই। ‘আশা করি, বাড়িতে ঠিকঠাকমতো পৌঁছেছো’, অথবা ‘আজ রাতে তোমার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো’, এরকম সাধারণ কিছু। এমন কোনো মেসেজ, যেটা দেখে মেলিসা বুঝতে পারবে, মার্ক ওর কথা ভাবছে। মার্ককে দেখে ‘মেসেজ করার জন্য আগামী বুধবার পর্যন্ত অপেক্ষা করতে হবে’ এমন আটপৌরে টাইপ মনে হয়নি।
রাত ২টা বেজে ৩০ মিনিট। কোনো মেসেজ নেই। কোনো মিসকলও নেই।
‘মেল, তুমি বিষয়টা নিয়ে অতিরিক্ত ভাবছো,’ নিজেকে বললো মেলিসা। ‘এরকম অভিজ্ঞতা তোমার প্রথম নয়, মনে নেই তোমার? আগামীকাল ও মেসেজ করবে তোমাকে।’
ফোন নামিয়ে, আলো নিভিয়ে বালিশে মাথা রাখলো ও। কিন্তু প্রায় ঘুমিয়ে গেছে, এমন সময়ে বেডসাইড টেবিলে রাখা ফোনের ভাইব্রেশন কানে এলো ওর, সঙ্গে সাঙ্গেই ভেসে এলো নতুন টেক্সট মেসেজ আসার আওয়াজ। চোখ মেলে তাকালো মেলিসা, আত্মবিশ্বাসের হাসি হেসে হাত বাড়ালো ফোনের দিকে।
পার্টিতে কি খুব মজা করলে?
হাসি উজ্জ্বল হলো মেলিসার।
অবশ্যই খুব মজা করেছি। মেলিসা দুই হাতের বুড়ো আঙুল দিয়ে টাইপ করে। এই মুহূর্তে রীতিমতো বিদ্যুৎগতিতে টাইপ করছে। তুমি?
আমি পার্টিতে ছিলাম না।
জবাবটা দেখে ভ্রূ কোঁচকালো মেলিসা। এখনো মাতাল হয়ে আছে কিছুটা, সেই সাথে ধরেই নিয়েছে যে মেসেজটা মার্কের কাছ থেকে এসেছে। এই কারণে মেসেজ প্রেরকের নামটা চেক করেনি ও।
অচেনা নাম্বার।
মেলিসার ঠোঁট থেকে হাসি মুছে গেল।
কে আপনি? দ্রুত টাইপ করলো ও। আপনার নাম্বারটা অপরিচিত দেখাচ্ছে।
ওপাশ থেকে মেসেজ আসতে পনেরো সেকেন্ড সময় লাগলো।
আমার নাম্বারটা অপরিচিতই দেখানোর কথা। কারণ আমি তোমার কন্ট্যাক্ট লিস্টে নেই।
বিছানার মাথার সাথে হেলান দিয়ে বসলো মেলিসা, হাত বাড়িয়ে বেডসাইড ল্যাম্পের আলো জ্বালালো।
আপনি কে? টাইপ করলো ও। আর আপনি যদি আমার কন্ট্যাক্ট লিস্টে না-ই থাকেন, তাহলে আমার নাম্বার পেলেন কী করে?
আমি কে? ওয়েল… তোমার জন্য আমি একজন মেন্টর, মেলিসা। এক ধরনের শিক্ষক বলতে পারো।
কপালে চিন্তার ভাঁজ পড়লো মেলিসার। এরকম উত্তর আশা করেনি ও। একজন মেন্টর? আবার টাইপ করলো ও।
ঠিক ধরেছো। আমি শেখাই। আমি শিক্ষা দিই। আর আজকের এই মেসেজটা বিরাট এক শিক্ষার অংশ, মেলিসা।
তখনই একটা কথা মনে পড়লো মেলিসার। মার্ক ওকে বলেছিল, সে হাই স্কুলের একজন শিক্ষক। যদি ভুল না করে থাকে, তবে অ্যালজেব্রা পড়ায় সে।
‘ও আচ্ছা,’ জোরে বললো ও, আপনমনে মাথা নাড়লো। মার্ক নিশ্চয়ই নিজের কলার আইডি অফ করে রেখেছে, যে কারণে মেলিসার ফোনে তার নাম্বারটা অপরিচিত দেখাচ্ছে। সে-ই মেসেজ পাঠাচ্ছে, সম্ভবত এখনো মাতাল হয়ে আছে। এই অবস্থাতে রসিকতা অথবা রহস্যময় আচরণের চেষ্টা করছে।
কিউট, ভাবলো মেলিসা। তবে আশা করি, কয়েকটা ন্যুড চাওয়ার জন্য রসিক হওয়ার চেষ্টা করছে না। মেলিসা খুব ক্লান্ত, তবে তারপরেও মার্কের সাথে এরকম মেসেজ চালাচালি খেলার সিদ্ধান্ত নিলো ও। খেলা যাক কিছুক্ষণ।
একটা শিক্ষা, তাই তো? পাল্টা মেসেজ করলো ও। তুমি আমাকে শেখাবে কিছু, হাহ? তো কী শেখাবে, শুনি?
ওপাশ থেকে জবাব আসতে দেরি হলো না। আর মেসেজ আসতেই ফোন বিপ করে উঠলো, সেই সাথে ভাইব্রেট হলো।
প্রথম শিক্ষাটা হবে, মেলিসা, ভয় কাকে বলে, সে বিষয়ে।
স্থির দৃষ্টিতে মেসেজের দিকে তাকিয়ে থাকলো মেলিসা।
‘ভয়?’ নিজেকে জিজ্ঞেস করলো ও। অটোকারেক্ট হয়ে গেছে না-কি? অন্য কোনো শব্দ টাইপ করতে চেয়েছিল?
প্রথম মেসেজটার পর, দ্রুত এলো দ্বিতীয় মেসেজটাও।
তারপরে আমি তোমাকে শেখাবো ব্যথা কাকে বলে, সে বিষয়ে।
মেলিসার দৃষ্টি এবার ভ্রূকুটিতে পরিণত হলো। তখনই চলে এলো তৃতীয় মেসেজটা।
সব শেষে তুমি যখন ভয় ও ব্যথা সম্পর্কে বুঝতে পারবে, মেলিসা, আমি তোমাকে শেখাবো মৃত্যু কাকে বলে।
বিস্ময়ে বিস্ফারিত হয়ে গেল মেলিসা, স্ক্রিনে ভেসে থাকা শব্দগুলো রীতিমতো বিবমিষা জাগালো। মার্কই যদি মেসেজ পাঠিয়ে থাকে, তবে বলতেই হচ্ছে, তার রসবোধ একদম শূন্যের কোঠায়।
হোয়াট দ্য হেল? পাল্টা টাইপ করলো ও। মার্ক, আসলেই কি তুমি মেসেজ পাঠাচ্ছো? বিষয়টা একদমই হাস্যকর লাগছে না আমার কাছে। বরং অস্বস্তি লাগছে। বিশেষ করে রাতের এই সময়ে। মাতাল হয়ে আছো তুমি। ঘুমোতে যাও।
কয়েক মুহূর্ত পরে রিপ্লাই এলো।
মার্ক? মার্ক কে? এই মুহূর্তে মার্কের সামনে দু’পা ফাঁক করে দিয়েছো না-কি, মেলিসা?
‘কী?’ ঢোক গিললো মেলিসা, মাথা ছিটকে পেছনের দিকে সরে গেল। না, মেসেজের প্রেরক মার্ক হতে পারে না। এই মুহূর্তে মোটামুটি নিশ্চিত মেলিসা। ককটেইল লাউঞ্জে মার্ককে শান্ত, ভদ্র, বুদ্ধিমান আর বেশ মজার একজন মানুষ বলে মনে হয়েছিল। মাতাল হোক, আর যা-ই হোক, এই মেসেজ কোনোভাবেই মার্কের সাথে মানানসই না।
যথেষ্ট হয়েছে।
শুনুন, দ্রুত টাইপ করলো ও। আপনি যে-ই হোন না কেন, খুব জঘন্য মেসেজ পাঠিয়েছেন। আমি আপনার নাম্বার এখনই ব্লক করে দিচ্ছি।
দাঁড়াও… প্রায় সাথে সাথেই রিপ্লাই চলে এলো।
বিরতি দিলো মেলিসা।
কিছু কথা তোমার জানা দরকার।
ক্ষমাপ্রার্থী সন্তানের দিকে একজন মা যেভাবে তাকিয়ে থাকে, ফোনের দিকে মেলিসা সেভাবে তাকিয়ে থাকলো।
আছো?
হ্যাঁ, আছি। অপেক্ষা করছি আমি। এমন কী কথা, যা আমার জানা দরকার?
পরের মেসেজে আর কোনো শব্দ নেই, আছে চারটে ইমোজি। প্রথম ইমোজি হলো একটা চাঁদের, দ্বিতীয়টা একটা গাড়ির, তৃতীয়টা একটা দরজার। আর শেষটা হলো একটা বাড়ির।
ফোনের দিকে তাকিয়ে মাথা নাড়লো মেলিসা, তারপর শ্রাগ করলো। এসবের মানে কী? মেসেজ টাইপ করলো ও।
এর মানে হলো, মেলিসা, মৌজমাস্তি শেষ করে মাতাল অবস্থায় প্রায় আধা ঘণ্টা আগে ক্যাব থেকে নামার পরে তুমি তোমার বাড়ির সদর দরজা বন্ধ করতে ভুলে গেছো।
মেসেজের শব্দগুলো পড়তেই আতঙ্কের একটা শিহরণ বোধ করলো মেলিসা, কাঁধের লোমগুলো দাঁড়িয়ে গেল। প্রায় সাথে সাথেই সহজাতভাবে উদ্বিগ্ন চোখে শোবার ঘরের দরজার দিকে তাকালো ও।
‘কেউ কি সস্তা রসিকতা করছে?’ যুক্তি দিয়ে মাথা খাটাতে শুরু করলো ও। হতে পারে। কিন্তু তা-ও যদি হয়, তাহলেও পরের দুটো প্রশ্ন চিন্তিত করে তুলছে ওকে। ওর পরিচিত এমন কে আছে, যে এরকম জঘন্য রসিকতা করতে পারে? ‘কেউ না,’ সিদ্ধান্তে এলো ও।
এবং সবচেয়ে চিন্তার বিষয় হলো… প্রায় আধা ঘণ্টা আগে ও মাতাল হয়ে গাড়ি থেকে নেমেছে এবং বাড়িতে ঢুকেছে, এই তথ্যটা কেউ কীভাবে জানলো? টাইমফ্রেমটা এতটাই নিখুঁত যে, কেউ অনুমান করে বলেছে আর মিলে গেছে, এমনটা হতেই পারে না। ক্যাব ড্রাইভার না-কি? না, ভাবলো মেলিসা, সাথে সাথেই সন্দেহটা বাতিল করে দিলো। সে উদ্বেগ আর দ্বিধায় দুলতে লাগল মেলিসা, কিন্তু অবস্থাটা দীর্ঘায়িত হলো না। আরেকটা মেসেজ আসার শব্দে চিন্তার সুতো ছিঁড়ে গেল।
তবে মেলিসা, চিন্তার কিছু নেই। আমি তোমার জন্য সদর দরজা বন্ধ করে দিয়েছি।
কী করবে, বুঝতে পারলো না মেলিসা। রিপ্লাই দেওয়া উচিত ওর? নাম্বারটাকে ব্লক করে দেওয়া উচিত? না-কি সদর দরজার কী অবস্থা, তা দেখে আসা উচিত? পুলিশে অথবা অন্য কাউকে ফোন দেবে? কী করা উচিত?
ডিং, ডিং। নতুন মেসেজ এলো।
এই দেখো।
এবারে যে মেসেজটা এসেছে, তার সাথে আট সেকেন্ডের একটা ভিডিয়ো-ও আছে। সামান্য দ্বিধা করলো মেলিসা, কিন্তু কৌতূহল ওর দ্বিধাকে পরাস্ত করতে সক্ষম হলো। ভিডিয়োর ওপরে চাপ দিলো ও, সাথে সাথেই ওর মোবাইল স্ক্রিনে চালু হয়ে গেল ভিডিয়োটা। শুরুটা হলো সদর দরজার কী-হোল থেকে চাবি ঝুলছে এমন একটা দৃশ্য দিয়ে। এক সেকেন্ড পরে গ্লাভস পরা একটা হাত দেখা গেল। চাবির দিকে এগোলো হাতটা, চাবি ঘুরিয়ে তালা লাগিয়ে দিলো দরজায়। তারপর দরজা থেকে চাবিটা খুলে ফেললো।
‘হোয়াট দ্য ফাক?’ আপনমনে বিড়বিড় করলো মেলিসা, তবে ভিডিয়ো শেষ হয়নি এখনো। তালা থেকে চাবি খুলতেই ক্যামেরা ওর কিচেনের দিকে তাক করলো ক্যামেরাম্যান, কাউন্টারের ওপরে ফলের ঝুড়ির পাশে রাখা ডিজিটাল ঘড়িটা দেখা গেল ক্যামেরায়। ঘড়িতে রাত ২টা বেজে ২৪ মিনিট।
নিজের অজান্তেই ফোনের ওপরে বাঁ-পাশে চোখ চলে গেল মেলিসার। ২টা বেজে ৩৮। চৌদ্দ মিনিট আগে। যার মানে, ও যখন গোসলে ছিল, তখন এই ভিডিয়ো ধারণ করা হয়েছে।
ভিডিয়ো শেষ হওয়ার ঠিক আগে, মাইক্রোফোনে ফিসফিস করে কিছু বললো প্রেরক, তবে যথেষ্ট জোরে না হওয়ায় তা শুনতে পেলো না মেলিসা। সাথে সাথে ভিডিয়োটা কয়েক সেকেন্ড পিছিয়ে নিলো ও, ফোনের ভলিউম বাড়িয়ে দিয়ে ফোনটা কানের সাথে চেপে ধরলো। কিন্তু এবারও বুঝতে পারলো না, প্রেরক আসলে কী বলেছে।
ফোনটা কানের চেপে ধরার সময় স্বাভাবিকভাবেই মাথা ডান পাশে সামান্য বেঁকে গেল মেলিসার, চোখ চলে গেল সরাসরি শোবার ঘরের দরজার দিকে। দরজাটা সবসময় খোলাই রাখে ও।
আর তখনই উপলব্ধি করলো, বাড়িতে একা নয় ও।
হলওয়ে’র অন্ধকারে লুকিয়ে ছিল মেসেজপ্রেরক, মেলিসা দেখলো শোবার ঘরের দরজা আর দরজার কাঠামোর মধ্যকার ফাঁকা অংশ থেকে ওর দিকে তাকিয়ে হাসছে একজন মানুষ।
দুই
‘হাই দেয়ার,’ দরজা খুলে নতুন অতিথিকে স্বাগত জানালো লম্বা, জলপাইরঙা চামড়ার এক তরুণী। ‘আপনি নিশ্চয়ই রবার্ট?’
এলএপিডি’র আলট্রা ভায়োলেন্ট ক্রাইমস ইউনিটের ডিটেকটিভ রবার্ট হান্টার সামান্য বিস্মিত হলো, তবে চেহারায় সেটা ফুটে উঠতে দিলো না। বরং মুচকি হেসে মাথা নাড়লো ও।
‘জি, আমিই রবার্ট।’
তরুণীর চুলের রং কুচকুচে কালো, এই মুহূর্তে কাঁধের ওপরে পড়ে আছে, গাঢ় সোনালি-বাদামি চোখজোড়ার সাথে চমৎকারভাবে মানিয়ে গেছে কেশরাজি। তারুণ্যে ঝলমল চেহারায় বাড়তি চাকচিক্য যুক্ত করেছে দুই গালে দুটো টোল। প্রত্যেকবার কথা বলার সময় টোল পড়ে মেয়েটার দুই গালে।
‘আমি ডেনিস,’ পাল্টা হাসি দিয়ে বললো তরুণী, নিখুঁতভাবে ম্যানিকিউর করা হাত বাড়িয়ে দিলো। নখের রং টকটকে লাল, ঠোঁটেও একই রঙের লিপস্টিক। ‘আমি অ্যানার পুরোনো বন্ধু।’
‘আপনার সাথে পরিচিত হয়ে খুশি হলাম,’ তরুণীর সাথে হাত মিলিয়ে জবাব দিলো হান্টার। ডেনিসের পরনে একজোড়া সাদা স্নিকার, সাদা টি-শার্ট গুঁজে রেখেছে নীল, রঙচটা জিন্সের ভেতরে। অবধারিতভাবে জিন্সের বাঁ হাঁটুর কাছটা ছেঁড়া। গলায় একটা রূপার চেইন, তাতে পেনড্যান্ট হিসেবে একটা ছোটো হার্ট লাগানো। ছোটো হলেও তাতে অ্যানাটমি ফুটিয়ে তুলতে কোনো ভুল হয়নি।
‘চলে এসেছো তুমি,’ ডেনিসের পেছনে উদয় হলো ডিটেকটিভ কার্লোস গার্সিয়া, ইউভিসি ইউনিটে হান্টারের পার্টনার সে। এই মুহূর্তে একটা লম্বা কালো অ্যাপ্রোন পরে আছে—যেটার বুকের ওপরে বড়ো, সাদা অক্ষরে লেখা ‘কিস দ্য শেফ’।
‘সেটা করার কোনো ইচ্ছে নেই আমার,’ বললো হান্টার, অ্যাপ্রোনের ওপরের লেখাটার দিকে ইশারা করলো।
শব্দ করে হাসলো গার্সিয়া। ‘অ্যানার দেওয়া উপহার,’ ব্যাখ্যা করলো সে। ‘তুমি যেন জানো না!’
‘ব্যাগগুলো নিতে পারি?’ হান্টারকে জিজ্ঞেস করলো ডেনিস, ইতোমধ্যেই হান্টারের হাতে থাকা শপিং ব্যাগ নেয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। এক মুহূর্তের জন্য তার গালে টোলজোড়া ফুটে উঠলো, পরমুহূর্তেই আবার মিলিয়েও গেল।
‘শিওর,’ মেয়েটার হাতে ব্যাগ দিয়ে দিলো হান্টার। ‘ধন্যবাদ।’
‘ভেতরে এসো,’ বললো গার্সিয়া, ডান হাতে ধরা গ্রিল করার স্প্যাচুলা দিয়ে ভেতরে আসার ইশারা করলো হান্টারকে।
‘কিচেনে রেখে আসি,’ বললো ডেনিস, তারপরে বাড়ির ভেতরে অদৃশ্য হয়ে গেল।
‘একদম সময়মতো এসেছো,’ ছোটো এন্ট্রি লবি দিয়ে হান্টারের ঢোকার সময় বললো গার্সিয়া। ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলো হান্টার। ‘পিকানহার প্রথম ব্যাচটা মাত্রই নামালাম বারবিকিউ চুলা থেকে। এখন সেগুলো স্লাইস করছে অ্যানা।’
পিকানহা হলো ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় বিফের কাট। প্রায় নিখুঁত মার্কেলিং আর টেন্ডারনেসের কারণে, বারবিকিউ-গ্রিলিং স্টেক করার জন্য এই কাটটাকে সবচেয়ে আদর্শ হিসেবে মনে করা হয়। কয়েক বছর আগে গার্সিয়া যখন প্রথমবারের মতো ওকে বারবিকিউ করার জন্য আমন্ত্রণ জানায়, তখনই এটার ব্যাপারে জানতে পারে হান্টার। গার্সিয়ার জন্ম হয়েছে ব্রাজিলে। তার বয়স যখন দশ, তখন তার বাবা-মা’র ছাড়াছাড়ি হয়ে যায়, সেই সময়ে ব্রাজিল ছেড়ে চলে আসে সে। বারবিকিউ করার এই দক্ষতা সে পেয়েছে বাবার কাছ থেকে। আর সত্যি বলতে, এই কাজে তার দক্ষতা রীতিমতো ঈর্ষণীয়।
‘বাইরে আছে সবাই,’ হান্টারকে বললো গার্সিয়া, মাথা হেলিয়ে ইশারা করলো। ‘সোজা ওখানে চলে যাও। কিচেন থেকে কয়েকটা জিনিস নিয়ে আসছি। ওখানে গিয়ে কথা বলছি।’
হান্টার ঠিক লাজুক নয়, তবে খুব খোলামেলাও নয়। বিশেষ করে, যখন কোনো সামাজিক অনুষ্ঠানের বিষয় আসে, তখন তো নয়ই।
‘রবার্ট,’ ব্যাকইয়ার্ডে বেরিয়ে আসতেই ওকে ডাকলো অ্যানা। গ্র্যাজুয়েশনের পরপরই নিজের হাই স্কুলের প্রেমিকাকে বিয়ে করেছিলো গার্সিয়া। অ্যানা আশাবাদী একজন নারী, পুরোমাত্রায় সাপোর্টিভ এবং তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। গার্সিয়া তার জীবনে যতজন নারীর সাথে পরিচিত হয়েছে, তার মধ্যে সে নিঃসন্দেহে সবচেয়ে আকর্ষণীয়। প্রচলিত অর্থে সুন্দরী না হলেও তার সৌন্দর্যে মুগ্ধ হবে যে কেউই।
হান্টারকে দেখেই উজ্জ্বল হয়ে উঠলো অ্যানার মুখ। হেসে এগিয়ে এলো সে, ওর দুই গালে দু’বার চুমু দিলো। মেয়েটার ছোটো করে কাটা চুল সামান্য এলোমেলো হয়ে আছে—সানগ্লাসটা চোখ থেকে তুলে মাথায় রাখার পর, আবার নামিয়ে চোখে পরার ফলে হয়েছে এমনটা।
‘আসতে পারলে তাহলে,’ বললো অ্যানা।
বিস্মিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ভ্রূ কোঁচকালো হান্টার। ‘সবসময়ই তো পারি।’
শব্দ করে হাসলো অ্যানা। ‘বারবিকিউয়ের সময় পারো।’
‘আমাকে আরেকবার আমন্ত্রণ জানানোর জন্য তোমাকে ধন্যবাদ।’
‘অলওয়েজ আ প্লেজার, রবার্ট। তুমিও জানো সেটা। এবার এসো, যাদেরকে চেনো না, তাদের সাথে তোমার পরিচয় করিয়ে দিই।’
একটা গোল টেবিলে আরও তিনজন মানুষ বসে অলস সময় কাটাচ্ছে। চতুর্থজন দাঁড়িয়ে আছে বারবিকিউ চুলার পাশে। ইট দিয়ে দারুণ এক বারবিকিউ চুলা বানিয়েছে গার্সিয়া।
‘ইনি হলেন মার্টিন,’ লম্বা, চিকন গড়নের এক ভদ্রলোককে দেখিয়ে বললো অ্যানা। লোকটার পাশে যে মহিলা বসে আছে, তার চেয়ে কয়েক বছরের বড়ো মনে হলো তাকে। ‘আর উনি শার্লোট,’ মহিলাকে দেখিয়ে বললো অ্যানা।
‘পরিচিত হয়ে খুশি হলাম,’ বললো হান্টার, হ্যান্ডশেক করলো। ‘আমি রবার্ট।’
‘পাওলোকে মনে আছে নিশ্চয়ই?’ আবার বললো অ্যানা, এবার ইশারা করলো বারবিকিউয়ের পাশে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে, সসেজ উল্টে দিচ্ছে সে। ‘শেষবার যখন এখানে এসেছিলে, তখন ওর সাথে পরিচয় হয়েছিল তোমার।’
‘হ্যাঁ, পরিচয় হয়েছিল আমাদের।’ চুলার দিক থেকে ঘুরলো পাওলো, মাথা নেড়ে উজ্জ্বল হাসি দিয়ে হান্টারকে অভ্যর্থনা জানালো। ‘হ্যালো, কেমন আছেন?’
‘ভালো আছি। আপনি?’
‘আমিও খাসা,’ জবাব দিলো পাওলো, তার কথায় ব্রাজিলিয়ান টান এখনো পরিষ্কার। ‘এই সসেজগুলো খেয়ে দেখতে পারেন। আর্জেন্টিনিয়ান কোরিজো। এতই ভালো যে মাত হয়ে যাবেন।’
‘আর হ্যাঁ, ডেনিসের সাথে তো ইতোমধ্যেই তোমার পরিচয় হয়েছে,’ বললো অ্যানা, বলে নিজের ছোটোকালের বান্ধবীর দিকে নড করলো। ডেনিস বসে আছে শার্লোটের বাঁয়ে।
‘হ্যাঁ, কথা হয়েছে।’
আরেকবার হান্টারের দিকে তাকিয়ে হাসলো ডেনিস, তবে এবারের হাসির সাথে সামান্য চোখও টিপ দিলো সে।
‘তোমাকে একটা প্লেটে কিছু পিকানহা দিই, সেটা দিয়ে শুরু করো,’ বললো অ্যানা, একটা খালি চেয়ারের দিকে ইশারা করলো। ‘ড্রিঙ্কসগুলো কিচেনে আছে।’
‘ধন্যবাদ, অ্যানা,’ অ্যানাকে ধন্যবাদ দিলো হান্টার, তারপর গ্রুপের বাকি সবার উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়লো। ‘আর কারো কি ড্রিঙ্ক লাগবে?’
‘না, আমাদের লাগবে না। ধন্যবাদ,’ বললো মার্টিন, টেবিলের ওপরে রাখা নিজের আর শার্লোটের বিয়ারের ক্যানের দিকে ইশারা করলো।
‘আমারও লাগবে না,’ বললো পাওলো, কোরিজো সসেজভর্তি প্লেট হাতে নিয়ে টেবিলে এসে বসলো।
‘অ্যানা?’ জিজ্ঞেস করলো হান্টার।
‘ধন্যবাদ রবার্ট। কার্লোস আমার জন্য একটা কাইপিরিনহা বানাচ্ছে।’
‘চমৎকার,’ বললো হান্টার, তারপর চোখ ফেরালো ডেনিসের দিকে।
‘শিওর,’ বললো ডেনিস। ‘যদি আপনার অসুবিধা না হয়।’
‘একদমই না? মাই প্লেজার। কী আনবো আপনার জন্য?’
‘রেড ওয়াইন, প্লিজ।’ বলেই নিজের খালি গ্লাস তুলে দিলো হান্টারের হাতে।
‘নিয়ে আসছি,’ বললো হান্টার, ঘুরে বাড়ির ভেতরে চলে গেল।
কিচেন কাউন্টারে রেড ওয়াইনের তিনটে বোতল চোখে পড়লো ওর, সাথে স্পিরিটের ছোটো একটা সংগ্রহশালাও। পাশেই এক জগ কাইপিরিনহার মধ্যে লেবু চিপে মাত্র শেষ করেছে গার্সিয়া।
‘নেবে না-কি?’ জগের দিকে নড করে জিজ্ঞেস করলো সে। ‘তুমি তো জানো, আমার বানানো কাইপিরিনহা কত ভালো হয়।’
‘জানি,’ সায় দিলো হান্টার, এক হাত বাড়ালো নতুন গ্লাসে। আরেক হাত আর্জেন্টিনিয়ান ম্যালবেকের বোতলের দিকে। ‘এ-ও জানি, ওগুলো কতটা মারাত্মক। পরে নেবো। আমি আপাতত সামান্য ওয়াইন দিয়ে শুরু করতে চাই।’
এক মুহূর্ত থামলো গার্সিয়া, ভ্রূ’জোড়া তেরছা করে পার্টনারের দিকে তাকালো। ‘অন্য গ্লাসটা ধারণা করছি… ডেনিসের জন্য?’
‘আর কেউ ড্রিঙ্ক চায়নি।’
হাসলো গার্সিয়া। ‘মেয়েটা ভালোই। কী বলো?’
‘কে, ডেনিস?’
শব্দ করে হেসে উঠলো গার্সিয়া, কিচেন কাউন্টারের সাথে হেলান দিলো। ‘তুমি নিজেও জানো, এই বিষয়টা তোমাকে মানায় না, তাই না?’
‘কী মানায় না?’ দ্বিতীয় গ্লাসে ওয়াইন ঢেলে নিলো হান্টার।
ওর দিকে আঙুল তাক করলো গার্সিয়া। ‘ঠিক যে কাজটা এখন তুমি করছো, রবার্ট। বোকা সাজার ভান করছো। এটা তোমার স্টাইল না, অভিনয়েও খুব কাঁচা। তাই বাদ দাও।’
গার্সিয়ার মুখোমুখি হওয়ার জন্য ঘুরলো হান্টার, দুই হাতে দুই ওয়াইনের গ্লাস ধরা।
‘ও কিন্তু সিঙ্গেল।’ আবার হান্টারকে খোঁচালো গার্সিয়া।
‘কে?’
‘বেরোও এখান থেকে,’ কিচেনের দরজার দিকে ইশারা করে বললো গার্সিয়া।
বাইরে এসে ডেনিসের হাতে ওয়াইনের গ্লাস তুলে দিলো হান্টার। ‘ম্যালবেক ঠিক আছে?’
‘একদম,’ জবাব দিলো ডেনিস, পাশের সিটের দিকে ইশারা করলো। ‘বসুন প্লিজ।’
হান্টারের বসতে বসতেই ট্রে’তে করে কাইপিরিনহার জগ আর কয়েকটা গ্লাস সাজিয়ে বেরিয়ে এলো গার্সিয়া। ‘মাথা বনবন করে ঘুরবে, তার জন্য রেডি হোন সবাই,’ জগটা টেবিলে রাখতে রাখতে বললো গার্সিয়া। ‘খুব শক্তিশালী জিনিস কিন্তু।’
গার্সিয়া যখন গ্লাসে কাইপিরিনহা ঢালছে, হান্টারের প্যান্টের পেছনের পকেটে রাখা ফোনটা বেজে উঠলো। বের করে নিলো ও, স্ক্রিনের দিকে তাকালো। অপরিচিত নাম্বার।
‘এক সেকেন্ড,’ বললো হান্টার, অ্যানার চেহারার ভাব যে পরিবর্তন হয়ে গেছে, তা নজর এড়ালো না।
‘ঠিক আছে সব?’ জিজ্ঞেস করলো গার্সিয়া, তার আমুদে গলা এখন সিরিয়াসে রূপ নিয়েছে।
ওঠার আগে গার্সিয়ার দিকে চেয়ে সামান্য ঘাড় কাত করলো হান্টার, তারপর সবার থেকে খানিকটা দূরে এসে ফোন রিসিভ করলো।
‘ডিটেকটিভ হান্টার,’ ফোন রিসিভ করে বললো ও। ‘আলট্রা ভায়োলেন্ট ক্রাইমস ইউনিট।’
‘ডিটেকটিভ হান্টার,’ ধারালো শোনালো ফোনের ওপাশের গলাটা। ‘ডিটেকটিভ উইলিয়াম বার্নেস বলছি, এলএপিডি সাউথওয়েস্ট ডিভিশন। আমি খুবই দুঃখিত যে রবিবারে আপনাকে ফোন করতে হলো।’
‘সমস্যা নেই,’ বললো হান্টার। ‘কীভাবে আপনাকে সাহায্য করতে পারি, ডিটেকটিভ বার্নেস?’
‘ওয়েল, আমি আসলে সবার সময় আর পেপারওয়ার্ক বাঁচানোর চেষ্টা করছি।’
জবাব শুনে ভ্রূ কোঁচকালো হান্টার। ‘সেটা কীভাবে, ডিটেকটিভ?’
‘প্রায় চল্লিশ মিনিট আগে, লেইমার্ট পার্কের এক বাড়িতে একটা লাশ পাওয়া গেছে, এরকম একটা খবর আমার কাছে আসে। আফ্রিকান আমেরিকান নারী। ঊনত্রিশ বছর বয়স। বিশ মিনিট আগে আমি এবং আমার পার্টনার ঘটনাস্থলে পৌঁছাই। দুজন ইউনিফর্ম পরা অফিসারের সাথে মোলাকাত হয় আমাদের। তাদের মুখ সাদা হয়ে পাণ্ডুর বর্ণ ধারণ করেছিল, দুজনেই তাদের লাঞ্চ বমি করে উগরে দিয়েছে। হয়তো সকালের নাস্তাও; এমনকি গত রাতের খাবার বমি করে ফেললেও আমি অবাক হবো না।’ বলে সামান্য বিরতি দিলো ডিটেকটিভ বার্নেস। ‘আমি যা বলতে চাচ্ছি, ডিটেকটিভ হান্টার, আপনি যেভাবেই ক্রাইম সিনের দিকে তাকান না কেন… আমার ধারণা, এক মিনিটের বেশি কেউই এই ক্রাইম সিনের দিকে তাকিয়ে থাকতে পারবে না; আর এই অপরাধটা যে ভায়োলেন্ট ক্রাইমস বিভাগে পাঠানো হবে, সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। তাই বলছিলাম, আমি সবার সময় আর পেপারওয়ার্ক বাঁচানোর চেষ্টা করছি; কারণ, যা-ই ঘটুক না কেন, আপনারা তো এখানে আসবেনই।’
নিঃশ্বাস ছাড়লো হান্টার, সামান্য মাথা ঝাঁকালো। মাটি থেকে চোখ তুলে গার্সিয়ার দিকে তাকালো ও, গার্সিয়া এখনো টেবিলের অতিথিদের পাশে দাঁড়িয়ে আছে।
‘আসলে ঠিক কী ঘটেছে, বলুন তো?’ জিজ্ঞেস করলো হান্টার।
শব্দ করে হাসলো ডিটেকটিভ বার্নেস। ‘যা ঘটেছে, তা আসলে ভাষায় প্রকাশের উপায় নেই, ডিটেকটিভ। বিশ্বাস করতে হলে আপনাকে নিজের চোখে দেখতে হবে।’
‘ঠিকানাটা বলুন,’ বললো হান্টার।
গার্সিয়া লিপরিডিং জানে না। কিন্তু তার আর হান্টারের জন্য বারবিকিউ যে খতম, তা বুঝতে একদমই অসুবিধা হলো না।
‘ডিটেকটিভ হান্টার,’ ঠিকানা দেওয়ার পরে বললো বার্নেস। ‘শয়তানের অস্তিত্বে বিশ্বাস করেন আপনি?’
‘এক্সকিউজ মি?’ ওপাশের মানুষটার কথা দুর্বোধ্য ঠেকলো হান্টারের কাছে।
‘যে কারণে আমি জানতে চাইছি, ডিটেকটিভ হান্টার, আপনি যদি শয়তানের অস্তিত্বে বিশ্বাস না করেন… তবে এখানে আসার পরে আপনি আপনার চিন্তা পরিবর্তন করতে বাধ্য হবেন।’
তিন
অসংখ্য গ্যালারি, মিউজিক ভেন্যু, বার আর একটা ওপেন-এয়ার মিউজিয়াম নিয়ে গড়ে উঠেছে লেইমার্ট পার্ক, যেটা দক্ষিণ লস অ্যাঞ্জেলসে অবস্থিত। লস অ্যাঞ্জেলস শহরের ঐতিহাসিক ও সমসাময়িক আফ্রিকান-আমেরিকান আর্ট, মিউজিক এবং কালচারের জন্য বেশ পরিচিতি আছে জায়গাটার। আন্তর্জাতিকভাবে বিখ্যাত বেশ কয়েকজন গায়ক, মিউজিশিয়ান ও আর্টিস্ট তাদের ক্যারিয়ার শুরু করেছিলেন লেইমার্ট পার্কের অখ্যাত সব ক্লাব আর থিয়েটার দিয়েই।
গার্সিয়ার বাসা ওয়েস্ট হলিউডে, সেখান থেকে এই লেইমার্ট পার্ক মাত্র পঁচিশ মিনিটের রাস্তা। গার্সিয়া বারবিকিউয়ের অনুষ্ঠানে থাকুক, এমনটাই হান্টার বলেছিল তাকে। আজ ওদের ছুটির দিন, তার ওপরে অতিথি এসেছে গার্সিয়ার বাড়িতে। তবে পার্টনারের কাজের প্রতি দায়িত্ববোধ সম্পর্কে জানে হান্টার; জানে ওর মতোই টনটনে দায়িত্বজ্ঞান গার্সিয়ার। আর ওরা দুজনেই ছবি আর লিখিত রিপোর্টের পরিবর্তে ক্রাইম সিনে উপস্থিত থেকে তদন্তের ব্যাপারে গুরুত্ব দেয়। তাই হান্টার যখন গার্সিয়াকে বাড়িতে থেকে অতিথিদের সময় দেওয়ার পরামর্শ দিলো, তখন গার্সিয়ার মুখের অভিব্যক্তি বলে দিচ্ছিল, সে-ও ক্রাইম সিনে যেতে চায়।
স্বামীর কাজের গুরুত্বের ব্যাপারে সবসময়ই সচেতন অ্যানা, হান্টার আর গার্সিয়ার দিকে তাকিয়ে বুঝদারের ভঙ্গীতে হাসলো সে। ‘খুবই দুঃখিত’ শব্দদুটি যেন খোদাই করে দেওয়া হয়েছে ওদের মুখে।
‘যাও, সবার জন্য নিরাপদ এক পৃথিবী গড়ে তোলো, বয়েজ,’ সাহসী স্বরে বললো অ্যানা।
ওয়েস্ট মার্টিন লুথার কিং বুলেভার্ড থেকে বাঁয়ে মোড় নিয়ে ৪র্থ অ্যাভিনিউয়ে ঢুকে পড়লো গার্সিয়া, আরও দেড় ব্লক ড্রাইভ করার পরে পুলিশের লাল-নীল আলোর জ্বলানেভা চোখে পড়লো। রাস্তার ওপরে পার্ক করলো ও, তিনটে সাদা-কালো এলএপিডি ক্রুজারের একটার পিছে পেছনে গাড়ি থামালো। হাতের ডানে একটা বাড়ি, যার সামনের দিকটা গাঢ় ধূসর রঙের। বাড়িটাকে ব্যারিকেড দিয়ে রেখেছে সেই তিনটে এলএপিডি ক্রুজার। তিন ফুট উঁচু ইটের দেওয়াল ঘিরে রেখেছে বাড়িটাকে, কাঠের পুরানো সদর দরজাটার আশু মেরামত প্রয়োজন। ইটের দেয়ালটা শুধুমাত্র সৌন্দর্যবর্ধনের জন্যই, নিরাপত্তার জন্য নয়।
ক্রাইম সিন ঘিরে ফেলা হয়েছে হলুদ-কালো টেপ দিয়ে। সেই টেপের পাশে ইউনিফর্মপরা তিনজন অফিসার দাঁড়িয়ে। তারা যে প্রবল অস্বস্তিতে ভুগছে, তা গার্সিয়ার হোন্ডা সিভিক থেকে নামার সাথে সাথে বুঝে গেল দুই ডিটেকটিভ। অফিসারত্রয় ভেতরে যা-ই দেখে থাকুক না কেন, সেটা যে তাদেরকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে, তা পরিষ্কার।
হলুদ-কালো টেপ দিয়ে বানানো পেরিমিটার রাস্তা পর্যন্ত চলে এসেছে, এমনকি বাড়ির সামনের সাইডওয়াক দখল করে নিয়েছে খানিকটা। সবসময়ের মতো উৎসুক জনতার ভিড় দেখা যাচ্ছে, পেরিমিটারের চারপাশে জড়ো হয়েছে তারা। প্রত্যেকের হাতেই স্মার্টফোন, ক্রাইম-সিন টেপ আর ইউনিফর্ম পরিহিত অফিসারের চাইতেও বেশি কিছু ফোনের ক্যামেরায় ধারণ করার জন্য প্রস্তুত।
নিজেদের ব্যাজ বেল্টের সাথে আটকে নিয়ে ভিড় ঠেলে এঁকেবেঁকে সামনে এগোলো হান্টার আর গার্সিয়া। পেরিমিটারের প্রান্তে পৌঁছাতেই নড করে ওদেরকে স্বাগত জানালো একজন অফিসার, ওদের ঢোকার জন্য টেপ উঁচু করে তুলে ধরলো। মাথা নিচু করে ঢুকতেই ওদের দিকে এগিয়ে এলো একজন লম্বা চিকন লোক, পরনে তার হালকা ধূসর স্যুট। বাড়ির সদর দরজার সামনে অলসভাবে দাঁড়িয়ে ছিল সে, নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে ছিল সামনের দিকে।
‘ডিটেকটিভ হান্টার?’ জানতে চাইলো লোকটা, নতুন দুই আগন্তুককে যাচাই করে নিতে লাগলো মনে মনে। টাই ঢিলে করা তার, কলারের বোতামও খোলা। নড করলো হান্টার। নাকের ওপরে থাকা সানগ্লাস ঠিক করে নিলো গার্সিয়া।
‘আমি ডিটেকটিভ বার্নেস,’ বললো লোকটা। ‘ফোনে কথা হয়েছিল আমাদের।’
গার্সিয়ার সাথে বার্নেসের পরিচয় করিয়ে দিলো হান্টার, হাত মেলালো দুজন।
‘ফরেনসিকের লোকেরা এখনো আসেনি?’ জিজ্ঞাসা করলো গার্সিয়া, চারদিকে চোখ বোলানোর সময় ফরেনসিকের কোনো গাড়ি চোখে পড়েনি ওর।
‘ফোনে আমি যেমনটা বলেছিলাম,’ ওর প্রশ্নের জবাবে বললো বার্নেস, ‘এই ক্রাইম সিনের ওপরে লিখে দেওয়া আছে এটা পুরোপুরি ইউভিসি’র সম্পত্তি। আর কেউ এখানে হাত লাগাক, তা আমি চাইনি। কিছু ডিটেকটিভ আছেন, যারা এসব ব্যাপারে খুব খুঁতখুঁতে হন। আর তাছাড়া আমরা সবাই-ই জানি, রেগুলার হোমিসাইডের পরিবর্তে ইউভিসি খুব দ্রুত ফরেনসিক টিমের ব্যবস্থা করতে পারবে। তাই আমি আর কাউকে ফোন না করে সরাসরি আপনাকে…’ বলে হান্টারের দিকে চেয়ে নড করলো সে। ‘ফোন করেছিলাম। এটা আপনার কেস। আপনিই ঠিক করবেন, এই কেসের তদন্ত আপনি কীভাবে করবেন। এখানে ভুল করে ডাকা হয়েছে আমাকে। আমি যা করেছি, তা হলো, এই অত্যুৎসাহী জনতাকে দূরে রাখার জন্য পেরিমিটার দিয়ে দিয়েছি।’
বলে টেপের ওপাশে থাকা ভিড়ের দিকে তাকালো সে। ‘ইদানীং সবাই-ই একেকজন ক্যামেরাম্যান, সবাই-ই একেকজন রিপোর্টার, সবাই-ই একেকজন সমালোচক।’ অননুমোদন ভঙ্গীতে শ্রাগ করলো বার্নেস। ‘আমাদের কারোরই এরকম ঝামেলা দরকার নেই।’
বুঝদারের ভঙ্গীতে নড করলো ডিটেকটিভ দুজন, তারপর নিজের ফোনের দিকে হাত বাড়ালো গার্সিয়া। ঠিকই বলেছে বার্নেস। যখন নির্দিষ্টভাবে কোনো অনুরোধ করা হয়, তখন প্রায়োরিটি লিস্টের একদম উপরের নামটা থাকে এলএপিডি আলট্রা ভায়োলেন্ট ক্রাইমস ইউনিটের। এলএপিডি ফরেনসিকস ইউনিটে দ্রুত একটা কল করলো গার্সিয়া।
‘ভিকটিমের নাম সম্ভবত মেলিসা হোথর্ন,’ আবার বললো বার্নেস। ‘ঊনত্রিশ বছর বয়স, এই ঠিকানার বাসিন্দা। একা থাকতো সে।’
‘সম্ভবত মানে?’ জিজ্ঞাসা করলো গার্সিয়া।
একপাশে মাথা হেলালো বার্নেস, ঠোঁটজোড়া পরস্পরের সাথে চেপে বসলো। ‘আমি আসলে নিশ্চিতভাবে কিছু বলতে চাইছি না, কারণ এখন পর্যন্ত সঠিকভাবে কোনো পরীক্ষানিরীক্ষা করা হয়নি,’ ব্যাখ্যা করলো সে। ‘তবে ভেতরে যাওয়ামাত্র বুঝতে পারবেন। চেহারা দেখে পরিচয় শনাক্তের কথা যদি বলেন, এখন তা প্রায় অসম্ভবের কাছাকাছি। এমনকি তার বোনের জন্যও…’ এক মুহূর্ত বিরতি দিয়ে নিজেকে শুধরে নিলো সে। ‘আরও ভালো করে বলতে গেলে, সৎ বোন। সে-ই লাশটা খুঁজে পেয়েছে।’
এই প্রশ্নটাই করতে যাচ্ছিল হান্টার।
কথা শেষ করে এলএপিডি বাহনগুলো যেখানে দাঁড়িয়ে আছে, সেদিকে ইশারা করলো বার্নেস। ‘তার নাম জ্যানেট ল্যাং’ বললো সে। ‘একজন মহিলা অফিসার তার সাথে ক্রুজারে বসে আছে। তাকে শান্ত করার জন্য অফিসারকে রাখতে হয়েছে আমাদের। জ্যানেট নামের মেয়েটা যা করছিল, তাকে আসলে হিস্টেরিয়া বললেও কম বলা হবে।’ বলে মাথা নাড়লো বার্নেস, দুঃখী দেখালো তার চোখজোড়া। ‘এরকম বীভৎস আর ভয়ানক দৃশ্যটা সারাজীবন বোনের শেষ ছবি হিসেবে মনের মধ্যে লালন করতে হবে। কী বেদনাদায়ক ব্যাপার!’
বার্নেসের দেখানো ক্রুজারের দিকে মুখ ঘোরালো হান্টার। গাড়ির জানালা দিয়ে আফ্রিকান-আমেরিকান এক নারীকে দেখতে পেলো ও, যে নিজের হাতের তালু দিয়ে মুখ ঢেকে আছে, কাঁপছে। পাশে একজন মহিলা এলএপিডি পুলিশ বসে আছে, জ্যানেট নামের মেয়েটার কাঁধে হাত রেখেছে সান্ত্বনা দেওয়ার ভঙ্গীতে।
‘দরজায় দাঁড়িয়ে থাকা অফিসার আপনাদেরকে জুতোর কাভার আর ল্যাটেক্স গ্লাভস দিয়ে দেবে,’ জানালো বার্নেস। ‘কোনো কিছুই স্পর্শ করা হয়নি এখনো। ক্রাইম সিন যেরকম ছিল, সেরকমই আছে।’ নিজের ঘড়ি দেখলো সে। ঘড়ির কাঁটা দুপুর দুটোর দিকে এগোচ্ছে। ‘যেতে হবে আমাকে। আপনারা আসার ঠিক আগেই একটা কল এসেছিল, বাল্ডউইন হিলসে গোলাগুলি হয়েছে। ওটা আমার ডিপার্টমেন্টের আওতায় পড়ে।’
‘ঠিক আছে,’ বললো হান্টার। ‘এখানে আপনার সাহায্যের জন্য ধন্যবাদ।’
রাস্তার দিকে পা বাড়িয়েছিল বার্নেস, কিন্তু থেমে দাঁড়িয়ে আরেকবার ওদের দুজনের দিকে ঘুরলো।
‘এই কেসের ব্যাপারে শুভকামনা,’ বললো সে, বলার সুর থেকেই পরিষ্কার যে এই কেসের তদন্তের দায়িত্ব তার কাঁধে চাপেনি বলে সে খুশি। ‘আমি খুব করে চাই যেন আপনারা খুনিকে ধরতে পারেন।’
ক্রাইম সিন টেপের নিচ দিয়ে বের হয়ে গেল ডিটেকটিভ বার্নেস, বেরিয়ে রাস্তায় পার্ক করে রাখা একটা নীল টয়োটা ক্যামরিতে চেপে বসলো। পেছন থেকে তার দিকে তাকিয়ে থাকলো হান্টার আর গার্সিয়া। লোকটা চলে গেলে বাড়ির দিকে মুখ ফেরালো ওরা।
ছোটো, একতলা একটা ভবন। টালির ছাদ, জানালার কাঠামোর রং গাঢ় নীল। কোনো পোর্চ নেই। চারকোনা স্ল্যাব বসিয়ে বানানো হয়েছে বাঁকানো একটা ওয়াকওয়ে, তিন ফুট দরজার সাথে লাগানো কাঠের জীর্ণ দরজা থেকে তা চলে গেছে বাড়ির সদর দরজা পর্যন্ত। ওয়াকওয়ের চারপাশ দিয়ে আছে লন, দেখে বোঝা যায়, নিয়মিত যত্ন নেয়া হয়। কোনো গ্যারেজ নেই। সদর দরজা প্রায় বন্ধ করে রাখা হয়েছে, টেনে রাখা হয়েছে বাড়ির সামনের বড় দুই জানালার পর্দাও। তবে বাড়ির সামনের ঘরের আলো জ্বলছে, সেটা চোখ এড়ালো না হান্টার আর গার্সিয়ার।
ব্যাজ হাতে নিয়ে সদর দরজার পাহারায় দাঁড়িয়ে থাকা অফিসারের দিকে এগিয়ে গেল ওরা, ডিটেকটিভ বার্নেস যেটা বলেছিলো, সেটাই হলো। ওদেরকে ইলাস্টিকের প্লাস্টিক জুতো কাভার আর ল্যাটেক্স গ্লাভস সরবরাহ করলো অফিসার। দরজার হাতলের দিকে হাত বাড়াতেই ছিটকে এক পা পিছিয়ে গেল খাটো, গাট্টাগোট্টা অফিসারটা। নাকের নিচে মোটা গোঁফ তার, কানের পাশেও মোটা জুলপি। নিজের বুকে ক্রস আঁকলো সে, স্প্যানিশে কিছু একটা বিড়বিড় করলো।
সদর দরজা খুলতেই উন্মুক্ত হয়ে গেল বাড়িটার ছিমছাম লিভিং রুম। এক পা এগোলো হান্টার আর গার্সিয়া, তারপরেই মেয়েটাকে চোখে পড়লো ওদের। আসলে, মেয়েটাকে নয়, মেয়েটার লাশটাকে। লিভিং রুমের সাথে ওপেন কিচেন থাকায় রীতিমতো খুল্লাম খুল্লা হয়ে গেছে জায়গাটা, আর সেখানেই ঝুলিয়ে রাখা হয়েছে মেয়েটাকে। দেখেই জায়গায় জমে গেল ওরা দুজন। নিজের চোখ থেকে সানগ্লাস খুললো গার্সিয়া, অপলক চোখে তাকিয়ে আছে। পোকার চিপসের আকৃতি ধারণ করেছে বিস্ফারিত চোখজোড়া।
‘এ কী নারকীয় ব্যাপার!’
একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো হান্টার, অস্বস্তিকর একটা দলা পাকিয়ে উঠতে লাগলো ওর গলায়।
‘এত বছর কাজ করার পরেও,’ হান্টারকে জিজ্ঞেস করলো গার্সিয়া, লাশের ওপর থেকে চোখ সরালো না। ‘এরকম কিছু দেখেছো কখনো?’
হান্টারের জবাব এলো ফিসফিসানির রূপে। ‘না।’
চার
মেলিসা হোথর্নের লিভিং রুমটা বেশ ছিমছামভাবে সাজানো। আয়তাকার লিভিং রুমে আছে তিন সিটের সোফা, গদি লাল কাপড়ে মোড়া। সাথে আছে দুটো বিসদৃশ আর্মচেয়ার। উত্তর দিকের দেয়ালে ঝোলানো একটা ফ্ল্যাট-স্ক্রিন টিভির দিকে তাকিয়ে আছে সেই সোফা ও আর্মচেয়ার দুটো। মেঝেতে বিছানো বহু পুরানো আর জীর্ণ এক কার্পেট। ঘরের মাঝখানে একটি কাচের কফি টেবিল।
প্রবেশ দরজার বাঁয়ে কিচেনটা, ছোটো হলেও রান্নার সরঞ্জামাদি দিয়ে সুসজ্জিত। আছে একটি আধুনিক ডিসওয়াশার, আছে পাঁচ চুলাবিশিষ্ট একটি স্টোভ। সেই সাথে আরও আছে একটি ডাবল ওভেন। লিভিং রুমের দেয়ালে ঝুলছে হরেক আকৃতির ফ্রেমে বাঁধানো ছবি। কয়েকটা ফুলদানিতে নকল ফুল রাখা, যার ফলে ঘরে একটা প্রশান্তভাব চলে এসেছে।
তবে কোনো সন্দেহ ছাড়াই, এই লিভিং রুমের প্রধান আকর্ষণ হলো ওপেন লিভিং/কিচেনের মাথার ওপরে মোটা দুটো কাঠের বিম, একে অপরের সাথে সমান্তরালভাবে অবস্থিত। ছাদ থেকে প্রায় এক ফুটমতো নেমে এসেছে বিমদুটো। আর ওখান থেকেই খুনি ঝুলিয়ে দিয়েছে ভিকটিমের নগ্ন দেহটাকে। যে বিমটি কিচেনের সবচেয়ে কাছে অবস্থিত, সেখান থেকে ঝুলছে ভিকটিমের নগ্ন মৃতদেহ।
ভিকটিমকে সিলিং থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এরকম ক্রাইম সিন আগেও দেখেছে হান্টার আর গার্সিয়া। কিন্তু যে বিষয়টা ওদেরও হতভম্ব করে দিলো, সেটা হলো, লাশটা গলা থেকে ঝুলছে না। একটা ক্লাইম্বিং রোপ ব্যবহার করেছে খুনি। দড়িটা ছুঁড়ে দিয়েছে বিমের ওপর দিয়ে, এক প্রান্ত বাঁধা হয়েছে স্টোভের সামনের ধাতব হাতলে। ট্রিপল নট দিয়ে নিশ্চিত করা হয়েছে যেন কোনোভাবেই দড়িটা খুলে না আসে।
দড়ির অপর প্রান্তে খুনি স্টেইনলেস স্টিলের অনেক বড়ো একটা শার্ক হুক লাগিয়েছে, আর এখান থেকেই গোটা ব্যাপারটা পাগলামি থেকে পরিণত হয়েছে উন্মত্ততায়। কারণ ভিকটিমের গোটা শরীরটা ঝুলছে হুকটা তার মুখে আটকে থাকার কারণে। যেন ভিকটিম মানুষ না, একটা মাছ! হুকটা সম্পূর্ণভাবে ঢুকে গেছে ভিকটিমের নিচের চোয়াল দিয়ে, যাওয়ার পথে ছিন্নভিন্ন করে দিয়ে গেছে চামড়া, পেশি, নার্ভ ও আর্টারি। তারপর হুকটা বেরিয়ে এসেছে মুখ দিয়ে, আর সেই হুকেই ঝুলে আছে গোটা শরীর… মেঝে থেকে দুই ফুট ওপরে।
সোজা কথায়, চোয়াল থেকে ঝুলছে ভিকটিম। এই কারণেই ডিটেকটিভ বার্নেস বলেছিলো, শুধুমাত্র চেহারা দেখে ভিকটিমকে শনাক্ত করা প্রায় অসম্ভব। নিচের চোয়ালের সাহায্যে শূন্যে ভেসে থাকার কারণে পেছনে হেলে গেছে ভিকটিমের মাথা; দেখে মনে হয়, ছাদের দিকে তাকিয়ে আছে সে। তাকিয়ে আছে সেই ক্লাইম্বিং রোপের দিকেও, যেটা তার মুখ ভেদ বেরিয়ে এসেছে।
ভিকটিম চিকন, ছোটোখাটো এক আফ্রিকান-আমেরিকান মেয়ে, যার ওজন কোনোভাবেই একশো বিশ পাউন্ডের বেশি হবে না। কিন্তু সেই ওজনটুকুও তার দুই চোয়ালের হাড়কে টেনে খুলে ফেলেছে খুলি থেকে; লিগামেন্ট, নার্ভ, টেনডন, পেশি ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে, তা বলার জন্য ডাক্তার হওয়ার প্রয়োজন পড়ে না। নিচের চোয়ালটা সামনের দিকে বেরিয়ে এসেছে ভয়ঙ্করভাবে, সাথে এনেছে মাথাটাকেও। যেন থুতনিটা নাক থেকে দুই ইঞ্চি এগিয়ে।
খোলা মুখ আর থুতনির নিচের ক্ষতস্থান থেকে রক্ত গলা বেয়ে নেমে এসেছে ঝর্ণাধারার মতো। তারপর সেই রক্ত ক্রমশ নেমে গেছে গোটা শরীর বেয়ে, বয়ে গেছে পা পর্যন্ত। তাই পায়ের নিচের মেঝেতে সৃষ্টি হয়েছে কুৎসিত আঠালো এক রক্তের পুকুর। ভিকটিমের সারা মুখ জুড়ে লেগে আছে রক্তের ছিটে, যেন কেউ রং ছিটিয়ে দিয়েছে এক নৃশংস ক্যানভাসে।
মেয়েটা যেন দড়ির সাথে লড়াই করতে না পারে, সে জন্য তার দুই হাত পেছনে শক্ত করে বাঁধা। বিষয়টা বুঝতে পেরে পেটের মধ্যে পাক খাওয়ার অনুভূতি হলো হান্টারের। কারণ, এর মানে একটাই। খুনি যখন ভিকটিমকে হুকের সাহায্যে শূন্যে টেনে তুলছে, তখনও জীবিত ছিল ভিকটিম।
খুনির এই নৃশংসতার সময়ও যে ভিকটিম বেঁচে ছিল, তার দ্বিতীয় প্রমাণ হলো, মুখ আর গলা ভয়ঙ্করভাবে ফুলে গেছে মেয়েটার। দেখে মনে হয়, ছোটো সাইজের একটা বেলুন গলায় ভরে তা ফুলিয়ে দেওয়া হয়েছে। ফোলা অংশ ও চোয়াল থেকে ঝুলে থাকার কারণে মুখের নিচের অংশের চামড়া ও মাংসে টান লাগায় ছিঁড়ে গেছে-বিশেষ করে ভিকটিমের ঠোঁটের কোনায়।
‘এরকম একটা কাজ কারো সাথে কীভাবে করা সম্ভব?’ প্রশ্ন করলো গার্সিয়া, এতক্ষণ ধরে চেপে রাখা দমটা এবার ছাড়তে পারলো। ‘এ তো পুরা উন্মাদের কাজ।’ মাথা নাড়লো ও, যেন বোঝার চেষ্টা করছে অবোধ্য এই বিকৃতির পেছনের যুক্তিটুকু। ‘এটাকে নির্মম বা নির্দয় বললেও তো কিছুই বলা হয় না।’
লাশের দিক থেকে শেষ পর্যন্ত চোখ সরাতে পারলো হান্টার, আশপাশটা খতিয়ে দেখতে শুরু করলো ও। ভেতর থেকে বেরিয়ে এলো ক্লান্ত ও বিষণ্ণ এক দীর্ঘশ্বাস।
‘এটাই তো সমস্যা, কার্লোস,’ বললো ও, বাঁ পাশের কিচেন এরিয়ার দিকে এগিয়ে যেতে যেতে। অন্য দিকে এগোলো গার্সিয়া, লিভিং রুমে ঢুকলো। ঘরের বাকি অংশ খতিয়ে দেখার সময়েও ভিকটিমের ঝুলে থাকা মৃতদেহের ওপর থেকে নজর সরাতে পারলো না। ‘তুমি ঠিকই বলেছো। আজকের ব্যাপারটাকে শুধু নির্মম বললেও কমই বলা হয়,’ আগের কথার খেই ধরলো হান্টার। ‘নির্মমতার চাইতেও বেশি কিছু। এরকম একটা নৃশংস কাজ খুনি একজন মানুষের সাথে তখনই করে, যখন এর পেছনে একটা অর্থ থাকে।’
চুলার কাছে গেল ও, চুলার হাতলের সাথে গিঁট দেওয়া ক্লাইম্বিং রোপটা খতিয়ে দেখতে লাগলো। ‘কোনো একটা কারণে খুন করা হয়েছে মেয়েটাকে এবং কারণটা খুব নির্দিষ্ট এবং খুব ব্যক্তিগত।’ হান্টারের চোখ হাতলে বাঁধা দড়ি অনুসরণ করে পৌঁছে গেল ভিকটিমের মুখে আটকানো ফিশিং হুক পর্যন্ত। হুকটা চোয়ালের নিচ দিয়ে ঢুকে মুখ দিয়ে বেরোনোর সময় নিচের পাটির কিছু দাঁতও ভেঙে দিয়ে গেছে।
‘পুরো ক্রাইম সিনটা,’ আবার বললো হান্টার। ‘এই খুন, খুনের মঞ্চ, খুনের সরঞ্জামাদি, সব কিছু প্রস্তুতি থেকে শুরু করে খুন করা পর্যন্ত প্রত্যেকটা ধাপ অত্যন্ত নিখুঁতভাবে সম্পন্ন করেছে খুনি। ভিকটিম যদি পর্বতারোহী বা মাছশিকারি না হয়, তবে এই জিনিসগুলো তার বাড়িতে থাকার কথা নয়, কার্লোস। আবার খুনি এই জিনিসগুলো এখানে এসে ড্রয়ারে কাকতালীয়ভাবে খুঁজে পেয়ে গেছে, এমনটাও হতে পারে না।’
লিভিং রুমের অন্য প্রান্ত থেকে এগিয়ে এলো গার্সিয়া। ‘অর্থাৎ… সঙ্গে করে জিনিসগুলো নিয়ে এসেছিলো খুনি,’ হান্টারের কথার ইতি টানলো গার্সিয়া। নড করলো হান্টার। এর মানে কী, তা গার্সিয়া জানে। এই খুনটা যে হুট করে রাগের মাথায় কেউ করে ফেলেছে, এমনটা নয়। খুব ঠান্ডা মাথায় নৃশংস এই হত্যাযজ্ঞের পরিকল্পনা করা হয়েছে। এবং ক্রাইম সিনে উপস্থিত প্রত্যেকটা জিনিসের পেছনেই লুকিয়ে আছে একটা নির্দিষ্ট বার্তা।
