জেনেসিস – ৬০

ষাট

‘ডিটেকটিভস?’ অ্যাপার্টমেন্টের দরজা খুলে হান্টার আর গার্সিয়াকে দেখে বিস্মিত গলায় প্রশ্ন করলো টম ফস্টার। ‘এত তাড়াতাড়ি আবার কেন ফিরে এলেন?’ এবার হান্টার আগে থেকে ফোনও করেনি।

‘না জানিয়ে চলে আসার জন্য দুঃখিত,’ বললো হান্টার। নরম কিন্তু দৃঢ় কণ্ঠে বললো ও, বুঝিয়ে দিলো, এই বিষয়ে তর্ক করতে ইচ্ছুক নয়। ‘কিন্তু মিস ল্যাঙের কাছে আরও কয়েকটা প্রশ্ন আছে আমাদের।’

‘কোন ব্যাপারে?’ দরজাটা অর্ধেক খুললো টম, ঢোকার পথটা নিজের শরীর দিয়ে আটকে রাখলো। ‘আবার সেই উন্মাদের উক্তিগুলোর ব্যাপারে?’ বিরক্তি ঝরে পড়লো ওর কণ্ঠে।

‘না,’ বললো গার্সিয়া। ‘এবার সেটা নিয়ে কথা বলতে আসিনি আমরা।’

বিরক্তির সাথে একটা শ্বাস ছাড়লো টম। ‘শুনুন, আপনারা যাওয়ার প্রায় দুই ঘণ্টা পর জ্যানেটের কান্না থেমেছে।’ নিজের ঘড়ি দেখলো সে। ‘এখন প্রায় ছয়টা বাজে। কিছু মুখে দিয়ে একটু ঘুমোনোর সুযোগ পেয়েছে ও। আপনাদেরকে আগেই বলেছিলাম, ও রাতে ঠিকমতো ঘুমোতে পারছে না, এটুকু বিশ্রামই ওর জন্য অনেক। আমি সত্যিই চাই না, আপনারা আবার ওকে বিরক্ত করেন। বিশেষ করে এমন প্রশ্ন নিয়ে, যেগুলোর কোনো উত্তর ও আপনাদের দিতে পারবে না।’

‘এটাই আসল কথা মি. ফস্টার,’ আবার বললো গার্সিয়া। ‘এবার মিস ল্যাং সেই অল্প কয়েকজনের একজন, যিনি আমাদেরকে সাহায্য করতে পারবেন।’ নরম, দৃঢ় গলায় বললো সে। ‘আবারও বলছি, আমরা তার খুব বেশি সময় নেবো না, কিন্তু এই বিষয়টা নিয়ে অপেক্ষা করার কোনো সুযোগ নেই।’

‘আসলে কী জানতে চাচ্ছেন আপনারা?’ জিজ্ঞাসা করলো টম।

‘আপনি চাইলে জ্যানেটের সাথে বসতে পারেন,’ বললো গার্সিয়া।

‘অবশ্যই বসবো। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।’

‘কে এসেছে, টম?’ জ্যানেটের কণ্ঠ ভেসে এলো অ্যাপার্টমেন্টের ভেতর থেকে।

ঝুলে পড়লো টমের মাথা, ঠোঁটে ঠোঁট চেপে বসলো। ‘চমৎকার,’ ফিসফিস করে বললো সে। ‘ওকে জাগিয়ে দিলেন আপনারা।’ হান্টার আর গার্সিয়ার দিকে পেছন ফিরে বললো, ‘আবার ডিটেকটিভরা এসেছেন, সোনা। তোমাকে অন্য বিষয়ে কিছু জিজ্ঞেস করতে চান।’

টমের পেছনে এসে দাঁড়ালো জ্যানেট। চোখ শুকনো বটে, কিন্তু লাল হয়ে ফুলে আছে এখনো। পরনে এখনো পায়জামা আর হাই স্কুল ফুটবল শার্ট, তার ওপরে গোলাপিসাদা বাথরোব। ডিটেকটিভ দুজনের মুখের গম্ভীর ভাব দেখে ভ্রূ সামান্য উঁচু হলো তার, যেন সে কিছু বুঝতে পেরেছে।

‘আবার সেই কবিতার ব্যাপারে প্রশ্ন করতে এসেছেন?’

‘না,’ তাকে আশ্বস্ত করলো হান্টার। ‘একেবারে অন্য বিষয়ে প্রশ্ন করতে এসেছি।’

কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে থাকলো জ্যানেট, তারপর নিজের বাথরোব শক্ত করে জড়িয়ে নিলো। বুকের ওপরে দুই হাত আড়াআড়ি রেখে বললো, ‘সেক্ষেত্রে ভেতরে আসাটাই ভালো হবে আপনাদের জন্য।’

অবশেষে সরে দাঁড়ালো টম, ডিটেকটিভ দুজনকে আবার অ্যাপার্টমেন্টে ঢোকার সুযোগ করে দিলো। ‘অনুগ্রহ করে ওকে আপসেট করে দেবেন না,’ তার পাশ দিয়ে ভেতরে ঢোকার সময় হান্টার আর গার্সিয়াকে ফিসফিস করে বললো সে; কণ্ঠে উদ্বেগ।

ওরা সবাই আবার লিভিং রুমের টেবিলে ফিরে এলো। আবারও জানালার পাশের চেয়ারে বসলো জ্যানেট।

সময় নষ্ট করলো না হান্টার। ‘আমি কি জানতে পারি, মিস ল্যাং, আপনি কোন স্কুলে পড়েছেন? জুনিয়র হাই… হাই স্কুলটা… এই এলাকার আশেপাশেই ছিল কি?’

‘না। আমি স্কুলে পড়াকালীন সময়ে এখানে থাকতাম না।’ বলে বাথরোবের নিচে পরা ফুটবল শার্টের দিকে তাকালো সে। শার্টের লোগোতে সবুজ রঙে বড়ো একটি ‘জি’ অক্ষর লেখা, যার মাঝখান থেকে বেরিয়ে এসেছে একটা কালো প্যান্থারের মুখ। জ্যানেট সেটি দেখিয়ে বললো, ‘আমি গার্ডেনা হাইয়ে পড়েছি। তখন সেখানেই থাকতাম।’ মাথা ডান দিকে কাত হলো তার। ‘মানে, অষ্টম শ্রেণি থেকে। তার আগে আমরা ইঙ্গলউডে থাকতাম, তাই নিচের ক্লাস থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত মর্নিংসাইডে গিয়েছিলাম আমি।’

‘আপনার বোনও?’ জ্যানেটের শার্টের দিকে ইঙ্গিত করে নড করলো হান্টার।

‘না। মেল কখনো গার্ডেনা হাইয়ে যায়নি,’ ব্যাখ্যা করলো জ্যানেট। ‘আমরা পাড়া পরিবর্তন করলেও ও মর্নিংসাইডেই রয়ে যায়। ও ছিল আমার

চেয়ে তিন বছরের বড়ো; যার মানে, আমরা যখন ইঙ্গলউড থেকে গার্ডেনায় এলাম, ও তখন সিনিয়র ইয়ারের শুরুতে ছিল। ওই সময়ে স্কুল বদলানোটা ভুল হতো ওর জন্য।’ কাঁধ ঝাঁকালো সে। ‘মাত্র পরিচিত হওয়া ছাত্রদের সাথে গ্র্যাজুয়েশন করা, না-কি কয়েক পাড়া দূরে ওর স্কুলের সব বন্ধুদের সাথে গ্র্যাজুয়েশন করা? মেলের জন্য প্রথমটা একদমই সম্ভব ছিল না।’ হালকা হেসে উঠলো জ্যানেট।

‘গার্ডেনা হাইয়ে ভর্তি না হওয়ার ব্যাপারে মা’র আর মেলের যে কতবার ঝগড়া হয়েছে, তা এখনো মনে আছে। মা বিরক্ত হতেন, কিন্তু মেল ছিল তর্কে পটু, তাই শেষমেশ জিতটা ওরই হতো। প্রতিদিন ভোর পাঁচটা, কখনো আরও আগে উঠে বাস ধরতো মর্নিংসাইডে যাওয়ার জন্য। আসলে, ওকে দু’বার বাস বদলাতে হতো। আর ও এই কাজটা প্রতিদিন করে গেছে, পুরো সিনিয়র বছর ধরে।’ আবার তার চোখে বিষণ্ণতা ফুটে উঠলো। ‘মেল খুব দৃঢ়প্রতিজ্ঞ একজন মানুষ ছিল। ও যদি কিছু করার সিদ্ধান্ত নিতো… তাহলে করেই ছাড়তো।’

‘স্কুলে ঘনিষ্ঠ বন্ধুদের কি কোনো গ্রুপ ছিল আপনার?’ এবার প্রশ্ন করলো গার্সিয়া।

প্রশ্নবোধক দৃষ্টিতে তার দিকে তাকালো জ্যানেট।

‘ওয়েল,’ নিজের কথা ব্যাখ্যা করার চেষ্টা করলো গার্সিয়া। ‘স্কুলে, বিশেষ করে হাই স্কুলে, বেশিরভাগ বাচ্চা সাধারণত একই গ্রুপের বন্ধুদের সঙ্গে সময় কাটায়… গ্রুপের সবাই এক সাথে কাজ করে, এক সাথে ঘুরতে যায়। আমি কী বলছি, তা আপনি বুঝতে পারছেন, তাই না?’

এক মুহূর্তের জন্য বিভ্রান্ত দেখালো জ্যানেটকে। ‘কিন্তু আমি তো আপনাদেরকে বললাম, মেল গার্ডেনা হাইয়ে যায়নি। আর, ও আমার চেয়ে তিন বছরের বড়ো ছিল। আমরা আসলে স্কুলে এক সাথে সময় কাটাতাম না…’

‘না, না,’ ব্যাখ্যা করলো গার্সিয়া। ‘আপনার এবং আপনার বোনের কথা বলছি না। শুধু আপনার কথা বলছি। আপনি কি গার্ডেনা হাইয়ে থাকাকালীন সবসময় একই গ্রুপের বন্ধুদের সঙ্গে সময় কাটাতেন?’

ভ্রূ কুঁচকে টমের দিকে তাকালো জ্যানেট।

‘ডিটেকটিভস,’ বিরক্তি লুকানোর কোনো চেষ্টা না করেই বললো টম। ‘আপনারা কি দয়া করে ছোটোখাটো প্রসঙ্গ বাদ দিয়ে মূল প্রশ্নগুলোতে যেতে পারেন? আপনাদের এখানে আসার কারণ তো সেটাই, তাই না?’

‘আমরা কোনো ছোটোখাটো বিষয়ে কথা বলছি না,’ হান্টারের দিকে তাকিয়ে বললো গার্সিয়া।

জ্যাকেটের পকেট থেকে মোবাইল ফোন বের করলো হান্টার। মোবাইলের স্ক্রিনে অলিভার ও জোসির দ্বিতীয় তলার ল্যান্ডিংয়ে ড্রেসার ডিসপ্লেতে রাখা ছবির ফ্রেমটার ছবি।

‘আপনারা কি এই ব্যক্তিকে চেনেন?’ ফোনটা টেবিলের ওপরে রেখে জিজ্ঞেস করলো ও।

জ্যানেট এবং টমের চোখ ছবির দিকে চলে গেল, আর এই সময়ে তাদের অভিব্যক্তি দেখার জন্য তাদের মুখের দিকে তাকিয়ে থাকলো হান্টার ও গার্সিয়া। ভ্রূ কোঁচকালো টম, ঠোঁট সামান্য বেঁকে গেল। তারপর মাথা নেড়ে জানালো, চেনে না।

অন্যদিকে, জ্যানেট চুপ হয়ে গেল কিছুক্ষণের জন্য। তার দৃষ্টি ছবির ওপর অন্তত পাঁচ সেকেন্ড স্থির থাকলো, তারপর চোখের পাতা ফেললো সে। ‘হ্যাঁ, ওকে চিনতাম আমি,’ নড করে ডিটেকটিভ দুজনকে জানালো সে।

হান্টারের স্ক্রিনের ছবিটা টিনএজ বয়সের জোসি গ্রিফিথের। সাদা চিয়ারলিডার ইউনিফর্ম পরনে তার, দুই হাতে দুটো সবুজ রঙের পমপম ধরা। তার ইউনিফর্মের সামনে সবুজ রঙে বড়ো একটি ‘জি’ অক্ষর লেখা, যার মাঝখান থেকে বেরিয়ে এসেছে একটা কালো প্যান্থারের মুখ। গার্ডেনা হাইয়ের চিয়ারলিডিং দলের সদস্য ছিল সে।

‘ওর নাম জো,’ জানালো জ্যানেট। ‘জোসি…’ নামের শেষ অংশটা মনে করতে কয়েক সেকেন্ড সময় নিলো। ‘মস… আমার যতদূর মনে পড়ে, ওর পুরো নাম জোসি মস। গার্ডেনা হাইয়ে একই ক্লাসে ছিলাম আমরা।’

আরেকবার বিরতি, এবারে তার ভ্রূ উঁচু হয়ে গেল। ‘মানে… নবম শ্রেণির শেষ পর্যন্ত। নবম শ্রেণি পাস করার পরে জো স্কুল বদলে অন্য স্কুলে চলে যায়।’

‘তার মানে, তার সাথে আপনার আর কোনো যোগাযোগ নেই?’ জিজ্ঞেস করলো গার্সিয়া।

হাসলো জ্যানেট। ‘না, একদমই না। সত্যি বলতে, ও গার্ডেনা হাই থেকে চলে যাওয়ার পরে ওকে আর কখনো দেখিনি।’ এক মুহূর্ত বিরতি, তারপর দুই হাত উঁচু করে বিভ্রান্ত দৃষ্টিতে তাকালো সে। ‘দাঁড়ান… কেন বলুন তো? কেন আপনারা আমাকে জো সম্পর্কে জিজ্ঞাসা করছেন?’

ফোনে নতুন আরেকটা ছবি খুললো হান্টার। অলিভার গ্রিফিথের ছবি, এটা আগেও জ্যানেটকে দেখিয়েছে ও।

‘ওয়েল,’ ব্যাখ্যা করলো হান্টার, ‘জোসি মস ছিল তার পিতৃপ্রদত্ত নাম। ছয় মাস আগে অলিভার গ্রিফিথকে বিয়ে করার পরে সেটা বদলে হয় জোসি গ্রিফিথ।’ বলে ছবির দিকে ইঙ্গিত করলো ও।

চোয়াল ঝুলে পড়লো জ্যানেটের।

‘এক মিনিট,’ বিভ্রান্তভাবে বলে উঠলো টম। ‘এ সেই পুরুষ ভিকটিম নয়, যার ছবি আগে আপনি আমাদের আগে দেখিয়েছিলেন?’

‘জি, ঠিক ধরেছেন,’ নিশ্চিত করলো গার্সিয়া।

‘আমি বুঝতে পারছি না,’ বললো জ্যানেট, অনিশ্চিত দৃষ্টিতে প্রথমে গার্সিয়া, পরে হান্টারের দিকে তাকালো। ‘হচ্ছেটা কী আসলে?’

উত্তর দেওয়ার বদলে আবার নিজের মোবাইল ফোনের দিকে হাত বাড়ালো হান্টার, নতুন একটা ছবি বের করলো। ‘এ ব্যক্তিকে কি চেনেন?’

আগেরবারের ঘটনার প্রত্যেকটা সেকেন্ডের পুনরাবৃত্তি ঘটলো। ভ্রূ কোঁচকালো টম, ঠোঁট বেঁকে গেল, তারপর মাথা নেড়ে না-সূচক জবাব দিলো। কিন্তু জ্যানেট ছবির দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলো এবং কিছু বলার আগেই হান্টার তার চোখে চিনতে পারার আলো ফুটে উঠতে দেখলো।

‘হ্যাঁ, অবশ্যই আমি ওকে চিনি। আমি যখন গার্ডেনা হাইয়ে ছিলাম, তখন সেই স্কুল ফুটবল দলের একজন তারকা ছিল ও।’ নড়ে উঠে নিজের আসন থেকে সামান্য সরে গেল জ্যানেট। ‘ওর নাম ছিল ট্রয়… উম… ট্রয় ফস্টার, যদি আমি ভুল না করি। ও আমার ক্লাসে, আমার সাথে পড়তো।’

জ্যানেট আর টমের অ্যাপার্টমেন্টে ফেরার পথে, গাড়িতে বসে মিসেস ফস্টারের কাছে এক অদ্ভুত অনুরোধ নিয়ে ফোন করে হান্টার। অলিভার এবং জোসির বাড়িতে জোসির চিয়ারলিডিং ইউনিফর্ম এবং জ্যানেটের রোবের নিচে পরা শার্টের মধ্যে যখন সংযোগ স্থাপন করতে পারলো ও, তখন আরেকটা জিনিস ঝলক দিলো ওর স্মৃতিতে। আরেকটা ছবি, যেটার কথা মনে করতে ঝাড়া তিন সেকেন্ড সময় লাগলো ওর। সেই ছবিটায় ফুটবল নিয়ে দৌড়ে যেতে দেখা যাচ্ছিল ট্রয় ফস্টারকে… এবং তার ফুটবল শার্টটা ছিল একদম জ্যানেটের পরা শার্টটার মতোই। সেই কারণেই হান্টারের হার্ট তিন গুণ গতিতে বিট করে। তিনজনের সেই একইরকম ফুটবল শার্টই ছিল তিনটে খুনের সংযোগকারী টুকরো।

মিসেস ফস্টারকে অনুরোধ করলো হান্টার, তিনি ট্রয়ের সেই ছবিটার একটি ছবি তুলে ওকে পাঠাতে পারেন কিনা। পাঠিয়েছেন মিসেস ফস্টার।

‘সে-ও কি জোসি মসের সঙ্গে একই ক্লাসে ছিল?’ জিজ্ঞেস করলো গার্সিয়া।

তার দিকে তাকিয়ে চোখের পাতি ফেললো জ্যানেট। ‘আপনি বললেন, নবম শ্রেণি শেষ করে চলে গিয়েছিল সে, তাই না? ট্রয় ফস্টার কি আপনার এবং জোসির সঙ্গে একই নবম শ্রেণির ক্লাসে ছিল?’

একবার চিন্তা করে মাথা নেড়ে সম্মতি জানালো জ্যানেট। ‘হ্যাঁ, ট্রয় হাই স্কুলের পুরো সময় আমার ক্লাসে ছিল। আসলে, আমি গার্ডেনা হাইয়ে ভর্তি হই ক্লাস এইটে, তখন ওরা দুজনেই ওখানে পড়াশোনা করছিল।’ তার

কণ্ঠস্বরের বিভ্রান্তি এবার চোখেও ফুটে উঠলো। ‘কেন? কেন আপনি এখন ট্রয় সম্পর্কে আমাকে প্রশ্ন করছেন? জোসি ও ট্রয় এর সাথে কীভাবে সম্পর্কিত?’

হান্টার তার ফোনে নতুন একটা ছবি বের করলো। ছবিটা জ্যানেট ও টম ইতোমধ্যেই দেখেছে, ছবিটা কার্স্টেন হ্যানসেনের।

‘ট্রয় ফস্টার,’ হান্টার অবশেষে ব্যাখ্যা করলো হান্টার, ‘কার্স্টেন হ্যানসেনের বাগদত্ত ছিল। আর সাত মাসের মধ্যেই বিয়ে হওয়ার কথা ছিল তাদের।’

বাতাসে ভাসতে লাগলো হান্টারের কথা, ওর কথা শুনে জ্যানেট এবং টমের মুখে গভীর সন্দেহ এবং বিভ্রান্তির যুগ্ম অভিব্যক্তি ফুটে উঠলো।

‘আরেকজন ভিকটিম।’ প্রশ্ন নয়, মন্তব্য করলো টম।

‘হ্যাঁ,’ নিশ্চিত করলো গার্সিয়া।

‘আমি…’ আত্মরক্ষার ভঙ্গীতে হাত তুললো জ্যানেট, অশ্রু নেমে এলো তার গাল বেয়ে। ‘আমি বুঝতে পারছি না। এসবের মানে কী?’ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিলো সে। ‘আপনি আসলে আমাকে কী বলতে চাইছেন?’

‘মিস ল্যাং…’ মুখ খুললো গার্সিয়া, কিন্তু তার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকালো জ্যানেট।

‘জ্যানেট।’ জোরে বললো সে। ‘আমার নাম জ্যানেট। মিস ল্যাং নামটা শুনতে আমি ঘৃণা করি।’

‘আমি দুঃখিত,’ বললো গার্সিয়া। ‘পুরোপুরি সৎ থেকে যদি আপনার প্রশ্নের উত্তর দিই, তবে বলতে হয়, আমরাও আসলে জানি না এসবের মানে কী। অন্তত, এখনো না। এখানে আসার মাত্র এক ঘণ্টা আগে এই সমস্ত তথ্য উদঘাটন করেছি আমরা; কিন্তু একটা জিনিস যা আমরা জানি… আমাদের বহু বছরের অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে আমাদের কাজের ক্ষেত্রে, কাকতালীয় ব্যাপার ঘটে না। বিশেষ করে এ ধরনের কাকতালীয় ব্যাপার তো ঘটেই না।’

জ্যানেটের দিকে নতুন একটা টিস্যু বাড়িয়ে দিলো হান্টার। তারপর মেয়েটা চোখের পানি মুছতে শুরু করলে অপেক্ষা শুরু করলো ও আর গার্সিয়া। পরবর্তী অংশটা জটিল হতে যাচ্ছে।

একষট্টি

কপাল ভালো হান্টার আর গার্সিয়ার, সান্টা ক্ল্যারিটায় ফিরে আসতে পেরেছে ওরা। লস পাড্রেস জাতীয় বনভূমিতে বৃষ্টি হচ্ছিল, বনভূমির একদম বিপরীত দিকে ছিল ওরা। কিন্তু তারপর থেকেই বদলে যাচ্ছিল আবহাওয়া। নতুন, কালো মেঘ জমা হচ্ছিল নর্থ প্যাসিফিকে। যদিও কয়েক ঘণ্টা আগের মতো ভয়ঙ্কর ছিল না; বরং নতুন মেঘগুলো সাগর থেকে তাজা বাতাস বয়ে নিয়ে আসছিল। আকাশের রং নোংরা ধূসর হয়ে গেল সেই মেঘে, জ্যানেটের বাসার জানালা দিয়ে দেখা গেল তা। জ্যানেট যখন চোখের পানি মুছছে, তখন বৃষ্টির প্রথম ফোঁটাটা নেমে এলো তার জানালার চৌকাঠে।

টিস্যুটা দুমড়েমুচড়ে ফেললো জ্যানেট, নাকের সাথে ঘষলো। অস্বস্তির সাথে টেবিলের ওপাশে বসে থাকা সবার দিকে তাকালো, তারপর সেই দৃষ্টি স্থির হলো হান্টারের ওপরে।

‘এক গ্লাস পানি খাবেন?’ জিজ্ঞেস করলো হান্টার।

নড করার আগে ঢোঁক গিললো জ্যানেট। ‘হ্যাঁ, প্লিজ।’

‘নিয়ে আসছি আমি,’ বলে উঠে দাঁড়ালো টম। ‘আপনারা আর কেউ খাবেন?’ জিজ্ঞেস করলো সে।

না-বোধক মাথা নাড়লো দুজন ডিটেকটিভই।

জ্যানেটের জন্য পানি নিয়ে এলো টম। এক চুমুক পানি খেয়ে সামনের টেবিলের ওপরে গ্লাস নামিয়ে রাখলো জ্যানেট।

‘সবার প্রথমে যে প্রশ্নটা আপনাকে জিজ্ঞেস করেছিলাম, সেই প্রশ্নটা আবার জিজ্ঞেস করছি,’ জিজ্ঞাসাবাদের শুরুটা করলো গার্সিয়া। ‘স্কুলে থাকার সময় আপনি কি সবসময় একই গ্রুপের ছাত্র-ছাত্রীদের সাথে মিশতেন? যদি মিশে থাকেন, তবে সেই গ্রুপে কি জোসি মস আর ট্রয় ফস্টারও ছিল?’

আবার পানির গ্লাসের দিকে হাত বাড়ালো জ্যানেট। এবার এক চুমুকের পরিবর্তে এক ঢোঁক পানি গলায় ঢেলে দিলো সে।

‘ওয়েল, হ্যাঁ, সেরকমই।’ দুজন ডিটেকটিভের দিক থেকে চোখ সরিয়ে নিলো সে।

“সেরকমই’ বলতে ঠিক কী বোঝাতে চাচ্ছেন?’ আবার জানতে চাইলো গার্সিয়া।

‘উমম… হ্যাঁ, প্রথমদিকে আমরা সবাই মিলে টুকটাক আড্ডা দিতাম।’

হান্টার আর গার্সিয়া ভেবেছিল, জ্যানেট কথা চালিয়ে যাবে। কিন্তু এটুকু বলেই থেমে গেল মেয়েটা।

‘প্রথমে?’ এবারে মুখ খুললো হান্টার।

‘হ্যাঁ। মানে আমি বলতে চাইছি, অষ্টম শ্রেণির কথা, মানে জুনিয়র হাই। সে সময়ে স্কুলে একসাথে আড্ডা দিতাম আমরা, মাঝেমধ্যে স্কুলের বাইরেও দিতাম। কিন্তু হাই স্কুলে,’ কথাগুলো বলতে বলতে গ্লাসের দিকে তাকালো সে। ‘আমরা একেকজন একেক গ্রুপে বিচ্ছিন্ন হয়ে যাই।’

‘একেক গ্রুপে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কোনো বিশেষ কারণ ছিল?’ জিজ্ঞেস করলো হান্টার।

এক মুহূর্ত বিরতি দিলো জ্যানেট, তারপর শ্রাগ করলো। ‘না। আমার মতে, প্রধান কারণ ছিল জুনিয়র হাই থেকে হাই স্কুলে উঠে গিয়েছিলাম সবাই। পরিবর্তনের সময়টাতে ছাত্র-ছাত্রীদের সাথে এরকমটা ঘটে, তাই না?’

হান্টার কিংবা গার্সিয়া কেউই তর্ক করলো না। দুজনেই অভিজ্ঞতা থেকে জানে, ছাত্র-ছাত্রীরা যখন হাই স্কুলে ওঠে, তখন এরকমটা ঘটে। আমেরিকার প্রচুর টিনএজ ছাত্র-ছাত্রী তাদের প্রাপ্তবয়স্ক জীবনের শুরুর এই বিশেষ বাধার মধ্য দিয়ে যায়। শারীরিক ও মানসিক প্রচুর পরিবর্তনের মধ্য দিয়ে যায় তারা; পুরানো বন্ধুদেরকে ত্যাগ করে নতুন বন্ধু বানাতে হয়। ব্যাপারটা একেবারেই অস্বাভাবিক নয়।

‘হাই স্কুল ফুটবল টিমে যোগ দেয় ট্রয়,’ আবার আগের কথার খেই ধরলো জ্যানেট। ‘আর সেই সাথে,’ নিজের আঙুলগুলো মটকালো মেয়েটা। ‘…নতুন বন্ধুও হয়েছিল ওর। বিষয়টা মনে আছে আমার, কারণ ও ছিল সত্যিকারের ‘ক্রীড়াপ্রেমী’। সব মেয়েই ওর গার্লফ্রেন্ড হতে চাইতো, সব ছেলেই ওর বন্ধু হতে চাইতো।’ আরও এক চুমুক পানি পান করলো জ্যানেট।

‘জো ছিল প্রচণ্ড আকর্ষণীয়া এক মেয়ে। প্রথম বছরের শুরুতে, বিশ্ববিদ্যালয় চিয়ারলিডিং দলের সদস্য হওয়ার জন্য চেষ্টা করে ও। হয়েও যায় খুব সহজেই। আর নতুন, হট চিয়ারলিডিং বান্ধবী মানেই পুরানো, নট-সো-হট জুনিয়র হাই বন্ধুদেরকে বিদায় জানানো।’ আত্মসমর্পণের ভঙ্গীতে হাত তুললো সে, বোঝাতে চাইলো, সে-ও এসবের বাইরে ছিল না। ‘আমি নিজেও অন্যদের সাথে আড্ডা দিতে, সময় কাটাতে শুরু করি। হাই স্কুলে আমার প্রথম প্রেমিককে ডেট করেছিলাম নবম শ্রেণিতে থাকতে,’ বলে টমের দিকে তাকালো সে, টম কিছু মনে করেছে বলে মনে হলো না। ‘আর অন্যদের সাথে আড্ডা দেওয়ার মানে, সেখান থেকেই নতুন বন্ধু খুঁজে পেয়েছিলাম আমরা।’

‘ঠিক আছে,’ মেনে নিলো গার্সিয়া। ‘তাহলে এক মুহূর্তের জন্য আপনার অষ্টম শ্রেণিতে ফিরে যাওয়া যাক। আপনি বলছেন, অষ্টম শ্রেণিতে থাকতে ট্রয় ফস্টার আর জোসি মসের সাথে সময় কাটাতেন?’

‘হ্যাঁ।’

‘সেটা কতদিন আগের কথা?’

‘উমম,’ কয়েকবার চোখ পিটপিট করে ভাবলো জ্যানেট। ‘তেরো… হ্যাঁ তেরো বছর আগের কথা। আমরা জুনিয়র হাই থেকে ২০০৯ সালে গ্র্যাজুয়েট হই।’

আবার প্রশ্নোত্তর শুরু করার আগে সালটা টুকে নিলো গার্সিয়া। ‘জোসি ও ট্রয় ছাড়া আপনাদের এই নির্দিষ্ট গ্রুপে আর কেউ ছিল?’

জ্যানেট উত্তর দেওয়ার আগেই ওকে থামানোর ভঙ্গীতে হাত তুললো গার্সিয়া। ‘খুব মনোযোগ দিয়ে মনে করার চেষ্টা করুন, কারণ বিষয়টা খুব খুব গুরুত্বপূর্ণ।’

‘আমরা আসলে খুব বন্ধু অন্তপ্রাণ গ্রুপ ছিলাম না,’ পরিষ্কার করলো জ্যানেট। ‘কয়েকবার একসাথে আড্ডা দিয়েছিলাম বটে, তবে আমাদের স্কুলের অন্যান্য বন্ধুরাও ছিল।’

‘তারপরেও,’ পরোক্ষভাবে চাপ দিলো গার্সিয়া। ‘আপনারা যখন একসাথে আড্ডা দিতেন, সেখানে আপনি, ট্রয় আর জোসি বাদে আর কারো কথা কি মনে পড়ে?’

টিস্যুটা দিয়ে আরেকবার অশ্রু মুছলো জ্যানেট। কয়েক সেকেন্ডের জন্য টেবিলের ওপরে স্থির হলো তার দৃষ্টি। ‘সোফি,’ নড করে বললো সে। ‘সোফিও আমাদের সাথে প্রচুর সময় কাটাতো।’

‘সোফি?’

‘হ্যাঁ। ওয়েল, আমরা ওকে সোফি বলে ডাকতাম বটে, তবে ওর আসল নাম ছিল সোফিয়া,’ বাঁ গাল চুলকালো জ্যানেট। ‘উমম, আমরা সবসময়ই মজা করতাম ওকে নিয়ে, কারণ ওর পদবীটা ছিল ‘র‍্যাভিওলি’ ধরনের কিছু।’

‘ইটালিয়ান ছিল না-কি?’

‘এখানেই জন্ম, তবে আমার ধারণা, ওর বাবা-মা ছিল ইটালিয়ান।’ নামটা মনে করতে আরও কয়েক সেকেন্ড সময় লাগলো জ্যানেটের। ‘রিজোলি,’ বললো সে, আঙুল মটকে গার্সিয়ার দিকে তাক করলো। ‘ওর নাম ছিল সোফিয়া রিজোলি।’

‘চমৎকার,’ বললো গার্সিয়া, নামটা টুকে নিলো।

‘আপনারা হাই স্কুল শুরু করার পরে অন্য সবার মতো কি সোফিয়াও বিচ্ছিন্ন হয়ে যায়?’ জিজ্ঞেস করলো হান্টার।

‘হ্যাঁ,’ নিশ্চিত করলো জ্যানেট। ‘ও একটু অদ্ভুত ধরনের ছিল, সত্যি কথা বলতে।’

“অদ্ভুত’ বলতে কী বোঝাতে চাচ্ছেন?’ জিজ্ঞেস করলো হান্টার।

‘ওহ, চুলওয়ালা ছেলেমেয়েদের সাথে মিশতো,’ ব্যাখ্যা করলো জ্যানেট। ‘মানে, যেসব ছেলের চুল বড়ো, কালো জামা পরে থাকতো, মেটাল কিংবা গথ অথবা ভারী গলায় চিৎকার করে গান করতো, যেগুলোকে আসলে মিউজিক বলা যায় না, তাদের সাথে মিশতো ও।’

হান্টারের দিকে তাকালো গার্সিয়া, ওর চোখজোড়ায় কৌতুক।

‘আমি ধরে নিচ্ছি, গার্ডেনা হাই থেকে পাস করার পরে তার সাথেও যোগাযোগ শেষ হয়ে যায় আপনার,’ বললো হান্টার।

‘হ্যাঁ। গ্র্যাজুয়েট হওয়ার পরে আর দেখা হয়নি ওর সাথে।’ বলে বিরতি দিলো জ্যানেট। ‘ওদের কারো সাথেই আর দেখা হয়নি।’ চোখে দ্বিধা ও বিভ্রান্তি নিয়ে ডিটেকটিভ দুজনের দিকে তাকালো সে।

‘গ্রুপের আর কারো কথা মনে করতে পারেন?’ বললো গার্সিয়া।

পাঁচ সেকেন্ড ভাবলো জ্যানেট, তারপর না-বোধক মাথা নাড়লো। ‘না, আমার সেরকম কিছু মনে পড়ছে না।’

‘হয়তো আরেকটা ছেলে ছিল গ্রুপে?’ পরামর্শ দেওয়ার ভঙ্গীতে বললো হান্টার। জ্যানেট ওর দিকে তাকালো, একটা ভ্রূ আরেকটার চাইতে সামান্য উঁচু হলো।

‘আমরা স্কুলের বাচ্চাদের বিষয়ে কথা বলছি,’ ব্যাখ্যা করলো হান্টার। ‘এবং যে গ্রুপটা নিয়ে কথা বলছি, সেই গ্রুপের সদস্য ছিল চারজন; একজন ছেলে তিনজন মেয়ে। সোফিয়া রিজোলিকে আমরা চিনি না, তবে আপনি এবং জোসি মস দুজনেই নারী হিসেবে খুব সুন্দরী ও আকর্ষণীয়া। আমরা কি ধরে নিতে পারি, সোফিয়াও খুব সুন্দরী ছিল?’

নড করলো জ্যানেট। ‘হ্যাঁ, ও খুব আকর্ষণীয়া ছিল।’

‘জুনিয়র হাই স্কুলে,’ আবার আগের কথার খেই ধরলো হান্টার, ‘তিনজন সুন্দরী মেয়ের সাথে একটা ছেলে আড্ডা দেয়, এই ব্যাপারটা বন্ধুদের চোখ এড়ানোর কথা নয়। এবং সত্যি কথা বললে, সেই ছেলেটা যদি আমার বন্ধু হতো, তবে তার সাথে ঘনিষ্ঠতা আরও বাড়াতাম, যে-কোনো উপায়ে সেই গ্রুপে ঢোকার চেষ্টা করতাম। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? আমি নিজেও সুন্দরী মেয়েদের সাথে আড্ডা দিতে চাইতাম।’

নড করে একমত প্রকাশ করলো টম, চোখের কোনা দিয়ে দেখলো হান্টার।

একপাশে মাথাটা হেলালো জ্যানেট, আবার চিন্তা করা শুরু করেছে। কয়েক সেকেন্ড পরে হান্টারের দিকে চেয়ে চোখ পিটপিট করলো সে।

‘পেদ্রো সম্ভবত,’ ডিটেকটিভের দুজনের দিকে তাকিয়ে একবার শ্রাগ করে বললো মেয়েটা। ‘ট্রয় আর ও ভালো বন্ধু ছিল, সোফিয়াকে মনে মনে পছন্দ করতো ও। আপনি জিজ্ঞাসা করার কারণে মনে পড়লো ও সময় পেলে আমাদের সাথে আড্ডা দিতো, সময় কাটাতো। সবসময় আড্ডা দিতো না। ওর পরিবার বেশ রক্ষণশীল ছিল, মনে আছে আমার। খুব চাপের ওপরে থাকতো ও। প্রত্যেক রবিবার চার্চে যেতে হতো ওকে, সাধারণ রক্ষণশীল পরিবার যেমন হয় আরকি। ও খুব বেশি সময় কাটাতে পারতো না আমাদের সাথে।’

‘তার পদবীটা মনে আছে আপনার?’

মনে করার চেষ্টা করলো জ্যানেট, কিছুক্ষণ চেষ্টার পরে হাল ছেড়ে দিলো। ‘অদ্ভুত এক মেক্সিকান নাম ছিল। আমার মনে পড়ছে না, তবে ট্রয় মনে করতে পারবে।’

নিনির্বিকার চেহারা করে রাখলো গার্সিয়া, তবে এক মুহূর্তের জন্য মেঝের দিকে তাকালো হান্টার। গার্সিয়া ছাড়া সেটা আর কেউ খেয়াল করলো না।

‘ঠিক আছে, জেনে নেবো আমরা,’ জ্যানেটকে নিশ্চয়তা দিলো গার্সিয়া। ‘আর কেউ ছিল গ্রুপে?’

মাথা নাড়লো জ্যানেট। ‘না, আগেই বলেছি, আমরা খুব বন্ধু অন্তপ্রাণ গ্রুপ ছিলাম না, তবে যখন আড্ডা দিতাম, সাধারণত চারজনই থাকতাম, পেদ্রো সময়-সুযোগমতো আসতো।’

আরেকটা প্রশ্ন করার আগেই আত্মসমর্পণের ভঙ্গীতে দুই হাত উঁচু করলো জ্যানেট। ‘থামুন, প্লিজ। আমার স্কুলে কাদের সাথে আড্ডা দিতাম, তার সাথে আমার বোনের খুনের সম্পর্ক কী? ও তো গার্ডেনা হাইতে পড়াশোনা করেনি।’

টেবিলে রাখা নিজের সেলফোনের দিকে হাত বাড়ালো হান্টার, নিয়ে পকেটে রেখে দিলো। ‘ওয়েল, এই বিষয়েই আপনার সাহায্য আমাদের দরকার, জ্যানেট।’ ওর দিকে মেয়েটা আবার তাকানো পর্যন্ত অপেক্ষা করলো হান্টার। ‘যে-ই এই কাজটা করে থাকুক না কেন, যে-ই খুনি হোক না কেন, তার সাথে কোনোভাবে আপনার অষ্টম শ্রেণির বন্ধুরা যুক্ত।’

‘যুক্ত? কীভাবে যুক্ত?’

‘এখনো সেটা জানি না আমরা,’ জবাব দিলো হান্টার। ‘সেজন্যই আপনার সাহায্য দরকার আমাদের। আমরা চাই, আপনি সেই সময়ের, সেই গ্রুপের স্মৃতিচারণ করুন, একসাথে কী কী করেছিলেন, তা মনে করার চেষ্টা করুন। কিছু কি ঘটেছিল?’

‘কিছু?’ হান্টারের দিক থেকে চোখ সরিয়ে গার্সিয়ার দিকে তাকালো জ্যানেট, তারপর আবার হান্টারের দিকে তাকালো। ‘কিছু মানে?’

এই অংশটাই খুব সংবেদনশীল অংশ।

‘এমন কিছু, যাতে আপনারা সবাই যুক্ত ছিলেন,’ ব্যাখ্যা করার চেষ্টা করলো হান্টার, নিজেকে উদাহরণ হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিলো। ‘দেখুন, আমি যখন জুনিয়র হাইয়ে ছিলাম, তখন স্কুলের বেশিরভাগ বাচ্চাদের মতো আমিও একই গ্রুপের বন্ধুদের সাথে আড্ডা দিতাম। চারজন ছিলাম আমরা, সবাই-ই ছিল ছেলে। মলে বসে আড্ডা দিতাম, সিনেমায় যেতাম, পার্টিতে যেতাম, বেশিরভাগ বাচ্চাদের মতোই।’

পার্টনারের কথা সমর্থনের ভঙ্গীতে নড করলো গার্সিয়া।

‘কিন্তু সে সময়ে আমরা এমন কিছু কাজও করেছি, যেটা আমাদের কাছে খুব মজার বলে মনে হয়েছিল,’ কথা চালিয়ে গেল হান্টার, তবে খুব সাবধানে এগোলো। ‘বুঝতেই পারছেন, ‘বাচ্চারা যা করে’ টাইপ আরকি। কখনো এমন কিছু কাজ করেছি, যাতে নিজেদেরকে অসীম সাহসী বলে মনে হয়, নিজেদেরকে বিদ্রোহী বলে মনে হয়। তবে আজ যখন সেদিনের কথাগুলো ভাবি, তখন সেদিনের কিছু কাজের জন্য গর্ব তো বোধ করিই না, আফসোস হয় বরং।’

সন্দেহের চোখে তাকালো জ্যানেট। ‘যেমন?’ চ্যালেঞ্জের সুরে বললো সে। ‘পার্কে মদ খাওয়া? গাঁজা টানা? আরেক স্টুডেন্টের লকার থেকে টাকা চুরি করা? না-কি আর কিছু?’

‘না,’ জবাব দিলো গার্সিয়া। ‘হাস্যকর কোনো কাজ, কিন্তু যে কাজটায় হয়তো অন্য কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকতে পারে অথবা শারীরিকভাবে আহত হতে পারে। উদাহরণ দেওয়া যাক, কখনো কখনো হয়তো আমরা কোনো শিক্ষার্থীকে উত্যক্ত করেছি, কখনো হয়তো আমরা উত্যক্ত করেছি…’ ইচ্ছে করেই বিরতি দিলো হান্টার। ‘…কোনো শিক্ষকদের। এক বা একাধিক কারণে তাদেরকে নিয়ে মজা করেছি আমরা, হয়তো তাদের চুলের ধরন, তাদের ওজন, তাদের চেহারা, তাদের পোশাক পরার ধরন, অথবা তারা কতটা খারাপ শিক্ষক, যেগুলো বাচ্চারা করে সাধারণত। আর এটা নিয়েই আমি কথা বলছি, জ্যানেট। কোনো শিক্ষক, কোনো শিক্ষার্থী অথবা একাধিক শিক্ষার্থী কি ছিল, যাকে বা যাদেরকে নিয়ে আপনাদের গ্রুপটা উত্যক্ত করতেন, মজা করতেন?’

বিস্মিত দেখালো জ্যানেটকে। ‘আপনি কি বুলিয়িংয়ের (উত্যক্ত করা) কথা বলছেন?’

‘হয়তো,’ গম্ভীর গলায় জবাব দিলো হান্টার।

‘তার মানে, আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আমরা অন্য বাচ্চাদেরকে উত্যক্ত করতাম কিনা?’

‘করতেন না-কি?’

‘না,’ দৃঢ় গলায় বললো জ্যানেট।

‘হয়তো সামান্য হাসিতামাশা?’ জিজ্ঞেস করলো গার্সিয়া। ‘হয়তো কোনো হাস্যকর কারণে কাউকে নিয়ে হাসিতামাশা করেছিলেন। বাচ্চারা এমনটা করে।’ জ্যানেটের ওপরে ওর কথার প্রভাব দেখার জন্য থামলো সে। ‘বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, জ্যানেট।’

মাথা ঠান্ডা করে চিন্তা করার চেষ্টা করলো জ্যানেট, তবে খুব বেশি সময় লাগলো না।

‘দেখুন,’ বললো সে, দুঃখের পরিবর্তে গলায় আস্তে আস্তে বিরক্তি জায়গা করে নিচ্ছে। ‘হ্যাঁ, অনেক সময়ই আমরা অন্যের কাপড়, তাদের চুলের কাট অথবা তাদের স্বাস্থ্য নিয়ে হাসাহাসি করেছি। শিক্ষকরাও সেই তালিকা থেকে বাদ যায়নি। এমনকি আমরা আমাদেরকে নিয়েও হাসাহাসি করেছি। অন্য শিক্ষার্থীদের সাথেও মজা করেছি, দেশের অন্য সব ছাত্রছাত্রীর মতোই। কিন্তু আপনি ‘সম্ভবত’ আমরা সবসময় কাউকে নিয়ে হাসাহাসি করতাম কিনা, সেটা জানতে চাচ্ছেন, তাই তো? এমন কেউ ছিল কিনা, যাকে আমরা সবসময় ‘উত্যক্ত’ করতাম? সিনেমায় যেমন ধরনের উত্যক্ত করতে দেখা যায়, সেরকম খারাপ ধরনের উত্যক্ত, রাইট?’

‘সম্ভবত, তবে সেরকম হওয়াটা জরুরি নয়,’ ব্যাখ্যা করলো হান্টার। ‘পুরোটা নির্ভর করছে একজন ব্যক্তির মানসিক শক্তির ওপরে। কখনো কখনো একটা আচরণই তাকে ভেঙে ফেলার জন্য যথেষ্ট, যে কারণে আমি আপনাকে খুব সতর্কভাবে মনে করতে বলছি, জ্যানেট।’

হান্টার জানে, জ্যানেটকে ওর আশ্বস্ত করতে হবে। ‘দেখুন, এতগুলো বছর আগে আপনারা কী করেছিলেন, সে জন্য আমরা আপনাদেরকে মূল্যায়ন করছি না। যেমনটা বললাম, বাচ্চারা এসব করেই। আমিও করেছি।’ বলে হাতের তালু বুকের ওপরে রাখলো ও। ‘স্কুলে থাকতে অন্য বাচ্চা এমনকি শিক্ষকদেরকে ক্ষেপিয়েছি, উত্যক্ত করেছি, হাসিতামাশা করেছি। এবং সেটা করেছি শুধুমাত্র মজার জন্য। কিছু ছাত্রদেরকে তো কাঁদিয়েও ছেড়েছিলাম। ব্যাপারটা নিয়ে গর্বিত নই আমি, তবে কাজগুলো করেছিলাম। এরকম ব্যাপার ঘটে। প্রত্যেক স্কুলে, প্রত্যেক দিনই ঘটে। এটা একটা ফ্যাক্ট।’

মেয়েটা ওর কথা বুঝেছে কিনা, তা দেখার জন্য জ্যানেটের চোখের দিকে তাকালো হান্টার। কিন্তু সেখানে শুধুই বিভ্রান্তি, তাই আবার আগের কথার খেই ধরলো ও। ‘এমন কি কেউ ছিল, যার সাথে আপনাদের পুরো গ্রুপ এমন কোনো আচরণ করেছিলেন, যেটা আপনাদের মতে খুব ক্ষতিকর কিছু ছিল না, কিন্তু আমরা যাকে খুঁজছি, তার সাথে সেই মানুষটা যুক্ত থাকতে পারে?’

নির্বিকার চেহারা করে রাখলো গার্সিয়া, কিন্তু সে জানে, হান্টার সত্যি কথা বলছে না। স্কুলে থাকতে হান্টার ছিল একজন বহিরাগত; হাড্ডিসার, পড়ুয়া একটা বাচ্চা, লাঞ্চ টাইমে একা একা বসে থাকতো। ওকে নিয়েই মজা করতো সবাই, ও কাউকে নিয়ে মজা করতো না। তবে হান্টার কেন নিজেকে উত্যক্তকারী হিসেবে জ্যানেটের কাছে তুলে ধরতে চাইছে, তা গার্সিয়া বুঝতে পারলো। দোষ যত কমই হোক না কেন, বেশিরভাগ ক্ষেত্রেই দোষী নিজের দোষ স্বীকার করতে চায় না। জ্যানেট যদি জানে, হান্টারের মতো এলএপিডির একজন ডিটেকটিভও তার ও তার গ্রুপের মতো কোনো কাজ স্কুলে থাকতে করে এসেছে; তবে এমন নয় যে সে নিজেদের দোষের ব্যাপারে হড়বড় করে বলা শুরু করবে, তবে কিছু তথ্য অন্তত সে দেবে।

‘আমি যেমনটা বললাম,’ ব্যাখ্যা করার চেষ্টা করলো জ্যানেট। ‘বিভিন্ন সময়ে অন্য শিক্ষার্থীদেরকে নিয়ে মজা করেছি আমরা, সম্ভবত অষ্টম শ্রেণির সবাইকে নিয়েই করেছি। কিন্তু উত্যক্তকারী ছিলাম না আমরা। কোনো নির্দিষ্ট স্টুডেন্টকে নিয়ে হাসিতামাশা করিনি।’

‘কোনো শিক্ষকের বিষয়ে কিছু বলবেন?’ জিজ্ঞেস করলো গার্সিয়া। সন্দেহের তালিকা থেকে শিক্ষার্থীদেরকে বাদ দিতে চাইছে ও। ‘কোনো শিক্ষককে নিয়ে হাসিতামাশা করেছেন আপনারা?’

‘সম্ভবত সবাইকে নিয়েই,’ স্বীকার করলো জ্যানেট। ‘তবে কারো সাথেই সেরকম ভয়ঙ্কর কিছু নয়। এবং তাদের সামনেও কখনো মজা করিনি, গ্রুপের মধ্যেই ছিল বিষয়টা, ‘অমুকের ক্লাস আমার ভালো লাগে না’… ‘মি. অমুকের গায়ে ভয়ানক দুর্গন্ধ’… এসব আরকি।’

‘বিষয়টা উল্টোভাবে দেখলে কেমন হয়?’ জিজ্ঞেস করলো হান্টার। ‘এমন কোনো শিক্ষক অথবা শিক্ষিকা ছিল যে আপনাদেরকে পছন্দ করতো না? গ্রুপের কোনো নির্দিষ্ট সদস্যকে?’ শ্রাগ করলো ও। ‘টিচাররাও এরকম করে।’

প্রশ্নটা শুনে বিরতি দিলো জ্যানেট, ঠোঁট কামড়ে মনে করার চেষ্টা করলো। ‘সেরকম কিছু মনে পড়ছে না,’ কিছুক্ষণ চিন্তা করে বললো সে। ‘আমরা কেউই খুব ভালো ছাত্র-ছাত্রী ছিলাম না। তবে একেবারে নির্বোধও ছিলাম না। শিক্ষক-শিক্ষিকাদের সাথে আমাদের সম্পর্ক ছিল স্বাভাবিক, যতদূর মনে পড়ে।’

‘জুনিয়র হাই ক্লাসে কেউ কি ফেল করেছিলেন আপনারা?’ এবার অন্যভাবে প্রশ্ন করার সিদ্ধান্ত নিলো হান্টার।

‘আমি করিনি,’ জবাব দিলো জ্যানেট। ‘অন্যদের বিষয়ে নিশ্চিতভাবে বলতে পারি না, তবে আমার মনে হয়, ওরাও কেউ ফেল করেনি।’

‘এক মিনিট,’ বাধা দিলো টম, দুজন ডিটেকটিভের উদ্দেশ্যে হাত নেড়ে ইশারা করলো। ‘আপনারা বলতে চাচ্ছেন, তিনজন মানুষকে নির্যাতন ও খুনের পেছনে এলএপিডির নজরকাড়া থিওরি হলো, তেরো বছর আগে খুনিকে উত্যক্ত করা হয়েছিল?’

‘খুনি একজন শিক্ষকও হতে পারে,’ টমকে সামান্য উস্কে দিলো গার্সিয়া।

‘আমরা যা করার চেষ্টা করছি, টম,’ জবাব দিলো হান্টার, ‘সবগুলো দিক যাচাই করছি। যেরকমটা বললাম। ফ্যাক্ট হলো, সব ভিকটিমই জ্যানেটের উল্লেখ করা অষ্টম শ্রেণির গ্রুপের সদস্য ছিল, এটা কাকতালীয় হতে পারে না। একটা সংযোগ আছে, আর সেটাই আমরা খুঁজছি।’

‘হতে পারে,’ একমত হলো টম। ‘তবে গোটা বিষয়টাই কেমন যেন পাগলামির মতো লাগছে।’

মেলিসা হোথর্নের খুনের পরে খুনি জ্যানেটকে কী ভিডিয়ো পাঠিয়েছিল, তা মনে পড়লো হান্টারের। ফুটেজের শেষে কী শব্দ উঠেছিল, মনে পড়লো তা-ও। জ্যানেটকে ও সেটা মনে করাতে চায় না, কিন্তু ওর আর কোনো উপায় নেই।

‘আপনাকে যে ভয়ঙ্কর ভিডিয়ো ক্লিপটা পাঠানো হয়েছিল,’ বললো ও। ‘প্রেরক ভিডিয়োর শেষে বলেছিল, ‘জাস্ট লাইক আ ফিশ।’ এই বাক্যটা কি আপনার কাছে কোনোরকম অর্থ বহন করে? আপনারা কি মাছ নিয়ে কখনো কারো সাথে কোনোরকম মজা করেছেন?’

হান্টারের দিকে জ্যানেট কিছুক্ষণ এমনভাবে তাকিয়ে থাকলো ডিটেকটিভ যেন কোনো এলিয়েন। ‘মাছ নিয়ে মজা, কী বললেন?’

‘আমি জানি না,’ ব্যাখ্যা করার চেষ্টা করলো হান্টার। ‘হয়তো আপনি, অথবা আপনার গ্রুপের কেউ কোনো শিক্ষার্থীর লকারে একটা মাছ ঝুলিয়ে রেখে দিয়েছিলেন মজা করার জন্য।’

ভ্রূ কুঁচকে হান্টারের দিকে তাকালো টম।

‘অথবা কারো ব্যাগের মধ্যে একটা মাছ রেখে দিয়েছিলেন,’ আবার বললো হান্টার। ‘অথবা লাঞ্চবক্সে, অথবা অন্য কিছু? বুঝতে পারছেন আশা করি, বাচ্চাদের করা মজা, মাছ নিয়ে যে-কোনো কিছু?’

দৃঢ়ভাবে মাথা নাড়লো জ্যানেট। ‘না, কখনোই না। মাছ নিয়ে অথবা সাগরের অন্য কোনো প্রাণী নিয়ে কখনোই কোনো মজা আমরা করিনি। এমনকি শামুকের খোল নিয়েও না। আপনারা কি আসলেই সিরিয়াস?’

‘আচ্ছা, ঠিক আছে।’ সবাইকে থামানোর জন্য হাত ওপরে তুললো টম। ‘এখন বিষয়টা পাগলামির চাইতেও বেশি কিছু বলে মনে হচ্ছে। শুনে একদম হাস্যকর ও অর্থহীন লাগছে। আপনাদের কি নেশা হয়েছে? স্মোক করেছেন না-কি?’

ঘরে একটা অস্বস্তিকর নীরবতা নেমে এলো, গার্সিয়া অন্যভাবে এগোতে চাইলো।

‘কেউ কি আপনাদের গ্রুপের সদস্য হতে চেয়েছিল?’ জিজ্ঞেস করলো সে। ‘যে আপনাদের সাথে মিশতে চাইতো, কিন্তু আপনারা তাকে প্রত্যাখ্যান করেছিলেন? এরকম কি ঘটেছিল? ডিটেকটিভ হান্টার যেমনটা বললেন, আপনাদের সাথে সময় কাটানোর জন্য খুব আগ্রহী ছিল অন্য কেউ।’

এবারে প্রশ্নটা নিয়ে একটু ভাবলো জ্যানেট। ‘আমার তা মনে হয় না।’ বুকের কাছে থুতনি নিয়ে বললো সে। ‘আপনি এমনভাবে বলছেন যেন আমরা গোপন কোনো সংঘ ছিলাম, যারা সদস্যপদ বিক্রি করতো, অথবা কোনো বিশেষ গ্রুপ, টোয়াইলাইটের ভ্যাম্পায়ার ক্রাউডের মতো। আমরা অষ্টম শ্রেণিতে পড়া কয়েকজন বাচ্চা ছিলাম, যাদের বয়স ছিল তেরো থেকে চৌদ্দ। যারা মাঝে মাঝে একসাথে বসে আড্ডা দিতো, এটুকুই। আমরা সেটাই করতাম, বাচ্চারা যা করে। এর বেশি কিছু নয়, কমও নয়। আমাদের গ্রুপে বিশেষ কিছু ছিল না।’

ঘরের চারপাশে চোখ বোলালো হান্টার, দৃষ্টি স্থির হলো এক দিকের দেওয়ালে রাখা বুকশেলফের ওপরে।

‘আপনার কাছে সম্ভবত জুনিয়র হাইয়ের ইয়ারবুকটা (বার্ষিকী) নেই?’ জিজ্ঞেস করলো ও। আরেকবার আন্দাজে ঢিল।

জ্যানেটের মুখে যে ভাবটা ফুটে উঠলো, তাকে আধা বিস্মিত আর আধা ব্যঙ্গ, দুটো অনুভূতির মিশ্র ভাব বলা যায়। ‘আমার জুনিয়র হাইয়ের ইয়ারবুক রেখেছি কিনা? অবশ্যই রাখিনি। আমি সম্ভবত কিনিওনি এক কপি।’ চোখজোড়া সরু হয়ে গেল তার, যেন কিছু মনে করার চেষ্টা করছে। ‘না, আমার মনে হয় না, আমি কিনেছিলাম কারণ, কে কিনবে? জুনিয়র হাইয়ের ব্যাপারে কেউই তেমন মাথা ঘামায় না। মিডল স্কুল থেকে হাই স্কুলে যাচ্ছেন শুধু, একই স্কুলে থাকছেন। আর কিছুই পরিবর্তন হয় না। আগের বছরে যাদের সাথে মিশতেন, পরের বছরও তাদের সাথেই মিশবেন। এমন তো নয় যে, কলেজে উঠে যাচ্ছেন, আপনার বন্ধুদের সাথে আর দেখা হবে না।’

কথাটা সত্যি, হান্টার আর গার্সিয়া দুজনেই সেটা জানে। আমেরিকার বেশিরভাগ শিক্ষার্থীই মিডল স্কুল থেকে হাই স্কুলে পরিবর্তনের সময়টা নিয়ে মাথা ঘামায় না। জুনিয়র হাই ইয়ারবুকস যদি ফ্রি’তে বিলি না করা হয়, এবং খুব কম স্কুলই সেটা করে, প্রচুর শিক্ষার্থী জুনিয়র-হাই ইয়ারবুক কেনে না। তবে হাই-স্কুল ইয়ারবুকের হিসেব আলাদা।

এই মুহূর্তে জ্যানেটকে আর কোনো প্রশ্ন করাটা ঠিক হবে না, বুঝতে পারলো হান্টার। আরও জিজ্ঞাসাবাদ করলে ক্ষোভে ফেটে পড়বে মেয়েটা।

‘সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, জ্যানেট,’ বলে উঠে দাঁড়ালো দুজনেই, তবে ঘুরে পা বাড়ানোর আগে থামলো। ‘মানুষের মস্তিষ্ক আসলে খুব অদ্ভুতভাবে কাজ করে। যখন এটার ওপরে চাপ প্রয়োগ করবেন, তখন কোনো সাড়াই দেবে না। কিন্তু যখন সম্পূর্ণ অন্য এক বিষয়ে চিন্তা করবেন, তখন আপনার অবচেতন মনে লুকিয়ে থাকা গোপন কোনো তথ্যকে বের করে আনবে। আপনার যদি কোনো তথ্য অথবা কোনো মানুষের কথা মনে পড়ে, যে কোনো কারণেই হোক, সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন প্লিজ।’

কোনো উত্তর এলো না জ্যানেটের তরফ থেকে। তবে সদর দরজায় পৌছাতেই হান্টার শুনতে পেলো জ্যানেট আবার ফোঁপাতে শুরু করেছে।

বাষট্টি

‘তোমার কি মনে হয়, মেয়েটা কিছু লুকাচ্ছে?’ গাড়ির পাশে দাঁড়িয়ে পার্টনারকে জিজ্ঞেস করলো গার্সিয়া। ‘মানে, উত্যক্ত করার ব্যাপারে বলছি।’

‘আমার সেরকম মনে হয়নি,’ জবাব দিলো হান্টার। ‘তারা যে অন্য স্টুডেন্টদের সাথে হাসিতামাশা, মজা করতো, সেটা জ্যানেট স্বীকার করেই নিয়েছে। হয়তো সেগুলোরই কোনো একটা মজা কাউকে উত্তেজিত করেছে, যে ব্যাপারে জানা নেই জ্যানেটের। একজনের জন্য মজা, আরেকজনের জন্য ট্রমা; সেই পুরানো গল্প।’

নড করলো গার্সিয়া, ঘড়ি দেখলো। ‘প্রায় সাড়ে সাতটা বাজে,’ হান্টারকে বললো সে। ‘কী করতে চাও? আজকের মতো শেষ করে কাল সকাল থেকে আবার শুরু করবে? না-কি অন্য কিছু?’

চুলের ভেতরে হাত চালালো হান্টার, আকাশের দিকে তাকালো। বৃষ্টি থেমে গেছে, তবে এখনো মেঘ জমে আছে আকাশে।

‘আমার মতে, এই মুহূর্তে,’ আবার বললো গার্সিয়া, ‘আমরা যেটা করতে পারি, জোসি গ্রিফিথের সাথে দেখা করে কয়েকটা প্রশ্ন করতে পারি, যে প্রশ্নগুলো আমরা একটু আগে মিস ল্যাংকে করে এলাম।’ বিরতি দিয়ে জিভটা ঠোঁটের ওপরে বুলিয়ে আনলো সে। ‘সমস্যা হচ্ছে, আগে যেটা বললাম, মহিলা তার স্বামীকে হারিয়েছে চব্বিশ ঘণ্টাও হয়নি। তার কাছ থেকে নির্ভরযোগ্য কোনো উত্তর পাওয়াটা রীতিমতো মিরাকলই হবে।’

‘হ্যাঁ, জানি। আজ রাতে খুব বেশি কিছু করার আছে বলে মনে হচ্ছে না। আগামীকাল সকালে প্রথম কাজ হবে সোফিয়া রিজোলি আর পেদ্রো ‘পদবী যা-ই হোক’কে খুঁজে বের করার জন্য রিসার্চ টিমকে বলা। আর একবার পেয়ে গেলেই মিস ল্যাং আর মিসেস গ্রিফিথের কাছ থেকে যা তথ্য পেয়েছি, তার চাইতেও বেশি তথ্য পেয়ে যাবো আমরা।’

নড করলো গার্সিয়া। ‘দুঃখের সময়ে মাথাটা কাজ করতে চায় না।’

‘সেটাই,’ একমত হলো হান্টার।

‘ট্রয়ের ভাইয়ের সাথেও কথা বলা উচিত আমাদের,’ পরামর্শের ভঙ্গীতে বললো গার্সিয়া। ‘সম্ভাবনা আছে যে সে-ও হয়তো গার্ডেনা হাইয়ে পড়তো। সে হয়তো আমাদেরকে কিছু জানাতে পারবে।’

‘আজ রাতে অনলাইনে মারবো,’ বলে জ্যাকেটের চেইন খুললো হান্টার। ‘তবে ট্রয়ের ভাইকে আগামীকালের লিস্টে রাখো, গার্ডেনা হাইয়ে আগে খোঁজ নিই, তারপরে তার সাথে কথা বলবো। ২০০৯ সালের জুনিয়র হাই ইয়ারবুকে একবার চোখ বোলাতে চাই, সম্ভব হলে কয়েকজন শিক্ষক, পরিচ্ছন্নতাকর্মী, কর্মচারী, প্রশাসনিক কর্মকর্তার সাথে কথাও বলতে চাই, যদি সে সময়ের কেউ এখনো চাকরিতে বহাল থাকে।’

‘যদি কেউ না থাকে?’

‘সেক্ষেত্রে তাদেরকে খুঁজে বের করতে হবে আমাদের।’ নড করলো গার্সিয়া, গাড়িটার তালা খুললো। তবে ভেতরে উঠে বসার আগেই নতুন একটা ফোন কল রিসিভ করলো হান্টার।

‘ডিটেকটিভ,’ হান্টার ফোন ধরতেই একটা নারী কণ্ঠ ভেসে এলো ওপাশ থেকে। উদ্বিগ্ন শোনাচ্ছে তার গলা, কাঁদছে। ‘স্টেসি গ্রিন বলছি, জোসির বান্ধবী। এই মুহূর্তে আমাদের বাড়িতে আছে ও।’

‘হ্যালো, মিস গ্রিন,’ পাল্টা বললো হান্টার। ‘মিসেস গ্রিফিথ ঠিক আছেন?’

‘জোসি ঘুমিয়ে আছে। আজ সারাদিনের বেশিরভাগ সময়ই ঘুম পাড়িয়ে রাখা হয়েছে ওকে। কিন্তু গত রাতে, আপনি ওর বাসায় আমাকে আর স্কটকে বলেছিলেন ওর ফোনের দিকে নজর রাখতে। যদি অচেনা নাম্বার থেকে কোনো অদ্ভুত মেসেজ আসে, তা জানাতে।’

গার্সিয়াকে গাড়ির ভেতরে ঢোকার ইশারা করলো হান্টার। ভেতরে ঢুকেই ফোনের লাউডস্পিকার অন করে দিলো হান্টার। ‘হ্যাঁ, বলেছিলাম। কোনো মেসেজ এসেছে না-কি?’

দুজন ডিটেকটিভের কানেই স্টেসির নাক টানার শব্দ এলো। কণ্ঠস্বর স্বাভাবিক করার চেষ্টা করলো সে, তবে তাতে কাজ হলো না। কিছু বলার পরিবর্তে কাঁদতেই থাকলো সে।

‘মিস গ্রিন,’ নিজের কণ্ঠ শান্ত রাখলো হান্টার। ‘বড়ো করে একটা নিঃশ্বাস নিন। আপনি কি বাড়িতে?’

আবার নাক টানার শব্দ। ‘হ্যাঁ।’

‘এক গ্লাস পানি খেতে পারেন? অথবা আপনার বাগদত্তকে বলে দেখতে পারেন?’

‘স্কট এই মুহূর্তে বাড়িতে নেই।’ একটা বিরতির পরে আরও নাক টানার শব্দ ভেসে এলো। ‘ঠিক আছি আমি।’

‘আপনি নিশ্চিত?’

‘ঠিক আছি আমি।’

‘অলরাইট। সময় নিন। নিজেকে শান্ত করুন।’

নিজেকে শান্ত করতে কয়েক সেকেন্ড সময় লাগলো স্টেসির। ‘ইয়াহ, ওয়েল, খারাপ সংবাদ খুব দ্রুত ছড়ায়, জানেন তো?’ বললো সে, গলা এখনো কাঁপছে। ‘কয়েকটা অপরিচিত নাম্বার থেকে বেশ কিছু মেসেজ আজ এসেছে জোসির ফোনে। যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছে, প্রত্যেকটা মেসেজেই সেটার জন্য দুঃখ প্রকাশ করেছে।’

‘জোসি কি আপনাকে সবগুলো মেসেজ দেখিয়েছেন?’ জিজ্ঞেস করলো হান্টার।

‘জোসিকে আজ দিনের বেশিরভাগ সময়টাই ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। তবে ওর পাসকোড আমি জানি, তাই ওর ঘুমানোর সময়ে ওর ফোনটা আমি নিজের কাছে নিয়ে রেখেছিলাম।’

‘স্মার্ট,’ হান্টারের কানে কানে বললো গার্সিয়া।

‘কিন্তু প্রায় আধা ঘণ্টা আগে,’ আবার আগের কথার খেই ধরলো স্টেসি। ‘অন্য এক অপরিচিত নাম্বার থেকে আরেকটা মেসেজ আসে ওর ফোনে।’ বিরতি দিলো স্টেসি, কান্নায় বুজে এলো তার গলা।

‘মেসেজে কী লেখা ছিল?’

‘ওয়েল, আপনি গতকাল যেমনটা বলেছিলেন, প্রেরক মাত্র দুটো শব্দ পাঠিয়েছে, ‘ফ্রম অলিভার’… শব্দদুটোর সবগুলো অক্ষর বড়ো হাতের। স্ক্রিনের পপআপের ওপরে ভেসে উঠেছিল।’

‘মেসেজটা কি আপনি দেখেছেন?’ জিজ্ঞেস করলো হান্টার। তবে স্টেসি যেভাবে কাঁদছে, তা থেকে ওর প্রশ্নের উত্তরটা কী হতে পারে, তা বুঝে গেছে ইতোমধ্যেই।

‘হ্যাঁ, দেখেছি।’ এবার কান্নায় ভেঙে পড়লো স্টেসি। ‘একটা ভিডিয়ো অ্যাটাচ করা,’ কণ্ঠ থেমে গেল তার, বাক্যটা শেষ করতে পারলো না।

হতাশভাবে চোখ বন্ধ করলো হান্টার।

‘কেন?’ জিজ্ঞেস করলো স্টেসি। ‘কেন কেউ এরকম একটা ভিডিয়ো,’ ‘মিস গ্রিন,’ তার কথায় বাধা দিলো হান্টার। ‘প্লিজ, রান্নাঘরে গিয়ে এক গ্লাস পানিতে এক চামচ চিনি মিশিয়ে খেয়ে ফেলুন। জিনিসটা আপনাকে শান্ত করতে সাহায্য করবে।’

বন্ধ নাক দিয়ে জোরে শ্বাস টানলো স্টেসি, ফোনের এপাশ থেকেও সেটা শুনতে পেলো হান্টার আর গার্সিয়া। এরপরেই কানে এলো লাইটার জ্বালানোর শব্দ, সাথে সাথেই ভেসে এলো সিগারেটে বড়ো একটা টান দেওয়ার আওয়াজ।

‘ঠিক আছি আমি,’ বললো স্টেসি। ‘এখন আমাকে কী করতে বলেন?’ স্টেসির গলা শুনে মনে হলো না যে, সে ঠিক আছে। কিন্তু ফোনের এপাশ থেকে হান্টার আর গার্সিয়ার আর কী করার আছে?

‘মিসেস গ্রিফিথের ফোন কি এখনো আপনার কাছে আছে?’ জিজ্ঞেস করলো হান্টার।

‘হ্যাঁ। একদম হাতের কাছেই আছে।’

‘গুড। আপনি এখন যেটা করবেন, সেটা হলো, অ্যাটাচকরা ভিডিয়ো-সহ গোটা মেসেজটা আমাকে ফরোয়ার্ড করবেন। কাজটা কীভাবে করতে হয়, জানেন?’

‘অবশ্যই জানি।’

‘তাহলে সেটা করুন প্লিজ,’ হান্টার বললো তাকে। ‘ভিডিয়োটা আবার চালু করবেন না। শুধু লিস্ট থেকে মেসেজটা সিলেক্ট করে ফরওয়ার্ড বাটনে ক্লিক করুন, মাত্র যে নাম্বারে ডায়াল করেছেন, সেই নাম্বারে পাঠিয়ে দিন।’

‘ওকে, ধরুন।’ লাউডস্পিকারের ভেতর দিয়ে কীপ্যাড টেপার মৃদু শব্দ ভেসে এলো হান্টার আর গার্সিয়ার কানে। ‘পাঠিয়ে দিয়েছি। পেয়েছেন?’

তিন সেকেন্ড পরে, হান্টারের ফোন একবার কেঁপে উঠলো। ‘জি, পেয়েছি। ধন্যবাদ আপনাকে। এখন, আরও কয়েকটা কাজ আপনাকে করতে হবে। এবং কাজগুলো খুব খুব জরুরি।’ ট্রয়ের ক্ষেত্রে যে ভুল ও করেছিল, তা আর করবে না হান্টার।

জোসি গ্রিফিথের ফোন থেকে ওই নির্দিষ্ট মেসেজ আর ভিডিয়োটা কীভাবে সম্পূর্ণরূপে ডিলিট করে দেবে, সে বিষয়ে হান্টারের নির্দেশনা অনুসরণ করলো স্টেসি।

‘ওকে, ডিলিট হয়ে গেছে,’ ফোঁপাতে ফোঁপাতে বললো সে।

শতভাগ নিশ্চিত হওয়ার জন্য সবকিছু আরও একবার স্টেসিকে চেক করতে বললো হান্টার।

‘ডিলিট হয়ে গেছে,’ স্টেসি কনফার্ম করলো ওকে। ‘মেসেজ বা ভিডিয়ো, কোনোটাই আর নেই।’

‘মিস গ্রিন, রাখার আগে আরেকটা প্রশ্ন আপনাকে করতে পারি?’ জিজ্ঞেস করলো হান্টার। ‘মিসেস গ্রিফিথকে কীভাবে চেনেন? আপনিও কি তার সাথে গার্ডেনা জুনিয়র হাই স্কুলে পড়তেন?’

আরও একবার বড়ো করে নিঃশ্বাস নিলো স্টেসি। ‘না, জোসির সাথে আমার পরিচয় হয়েছিল ইউসিএলএ’তে। দুজনেই সাইকোলজি নিয়ে মেজর করেছি, সেখান থেকেই গ্র্যাজুয়েট হই।’

‘আপনাদের গ্রুপের অন্য যে নারীরা আছেন, তাদের ব্যাপারে কিছু বলতে পারেন?’ জিজ্ঞেস করলো হান্টার। ‘যে গ্রুপটা আপনার ব্যাচেলরেট পার্টির জন্য ভেগাসে গিয়েছিল? তাদের কেউ কি মিসেস গ্রিফিথকে গার্ডেনা জুনিয়র হাই থেকে চেনেন কিনা জানেন?’

‘উমম,’ বেশিক্ষণ চিন্তা করা লাগলো না স্টেসির। ‘না, কেউই না। আমার ধারণা, লুসি আর এইমি হাই স্কুল থেকে জোসিকে চেনে, তবে গার্ডেনাতে যায়নি। ওরা দুজন টরান্সের সাউথ হাইয়ে পড়তো।’

‘ওকে, ধন্যবাদ,’ বললো হান্টার, ক্লান্ত দুই চোখ ডললো। ‘মিসেস গ্রিফিথের খোঁজ নেয়ার জন্য আগামীকাল ফোন দেবো, ঠিক আছে?’

‘ঠিক আছে,’ ফিসফিস করে বললো স্টেসি।

‘দারুণ কাজ দেখিয়েছেন আজ, মিস গ্রিন। আপনাকে ধন্যবাদ।’ কল কাটার সাথে সাথে স্টেসির পাঠানো টেক্সট মেসেজটা ওপেন করলো হান্টার। মেসেজটায় সব মিলিয়ে চারটি শব্দ, জোড়ায় জোড়ায় ভাগ করা, ছয়টা লাইন ব্রেক দিয়ে আলাদা করা। প্রথম দুটো শব্দ, স্টেসি যেমনটা বললো, ‘ফ্রম অলিভার’, বড়ো হাতের অক্ষরে লেখা। মেসেজ পপ আপের সময় এই দুটো শব্দ দেখা যায়। আর শেষ দুটো শব্দ, ‘টু জোসি’।

‘ধূর্ত,’ বললো গার্সিয়া। ‘এরকম একটা মেসেজ দেখার পরে একটা মেয়ে কীভাবে ভিডিয়োটা না দেখে থাকতে পারবে? তাও আবার স্বামীকে হারানোর একদিন পরে?’

নড করলো হান্টার। ‘ওকে,’ বললো গার্সিয়া, একটা বড়ো দম টেনে নিজেকে স্থির করলো। ‘এবারের ভিডিয়োতে কী আছে, তা দেখা যাক।’

‘প্লে’ বাটনে চাপ দিলো হান্টার।

তেষট্টি

পরের দিনটা অন্যান্য দিনের মতোই ইউভিসি ইউনিটের অফিসে প্রোগ্রেস মিটিং দিয়ে শুরু হলো। তবে ক্যাপ্টেন ব্লেক আসার আগে ছবির বোর্ডের কয়েকটা জিনিস বদলে নিলো হান্টার আর গার্সিয়া। বোর্ডের একদম ডান পাশের কোনার দিকে তিনটে নতুন ফটোগ্রাফ দেখা গেল; জ্যানেট ল্যাং, ট্রয় ফস্টার আর জোসি গ্রিফিথের, প্রত্যেকে একটা সরু লাল লাইনের মাধ্যমে সংযুক্ত।

চুপচাপ বসে কুড়ি মিনিট যাবত দুই ডিটেকটিভের কথা শুনলেন ক্যাপ্টেন ব্লেক, তার কাছে গত চব্বিশ ঘণ্টায় ঘটে যাওয়া সব ঘটনা রিপোর্ট করলো ওরা। ওদের কথা শেষ হলে, বোর্ড থেকে এক পা পিছিয়ে গেলেন ক্যাপ্টেন, ছবি থেকে ছবিতে ঘুরতে লাগলো তার দৃষ্টি। যেন এক জটিল গোলকধাঁধায় আটকা পড়েছেন, কিন্তু বেরোনোর পথ খুঁজে পাচ্ছেন না।

‘খুনির কাছ থেকে একটা নতুন মেসেজও এসেছে,’ বললেন তিনি, গোটা শরীর আগেই রক্ষণাত্মক ভঙ্গীতে চলে গেছে। ‘একটা নতুন ভিডিয়ো-ও কি এসেছে?’

‘হ্যাঁ,’ জবাব দিলো হান্টার, নিজের কম্পিউটার মনিটরের দিকে ইশারা করলো। সেলফোন থেকে ভিডিয়োটা কম্পিউটারে ট্রান্সফার করে নিয়েছে ও।

‘আমি একটা সোডা নিয়ে আসি,’ ক্যাপ্টেন ব্লেক যখন হান্টারের ডেস্কের দিকে এগোচ্ছেন, তখন বললো গার্সিয়া। ‘ভিডিয়োটা আমি আর দেখতে চাই না।’ দরজার কাছে গিয়ে থেমে দাঁড়ালো সে। ‘কারো কিছু লাগবে?’

ক্যাপ্টেন ব্লেক আর হান্টার দুজনেই না-বোধক মাথা নাড়লেন। দরজা বন্ধ করে চলে গেল গার্সিয়া। বড়ো করে একটা শ্বাস নিলো হান্টার। ‘ভিডিয়োটা খুবই অস্বস্তিকর,’ আরেকবার ক্যাপ্টেনকে সতর্ক করলো সে।

‘আমাদের হাতে যা আছে, তা দিয়ে হিসেব করলে,’ বোর্ডের দিকে তাকিয়ে জবাব দিলেন ক্যাপ্টেন ব্লেক, ‘আমি এর চাইতে কম কিছু প্রত্যাশা করছি না।’

ভিডিয়ো ক্লিপটা সিলেক্ট করে ‘প্লে’তে চাপ দিলো হান্টার।

এবারে ভিডিয়ো ক্লিপটা ছোটো, সব মিলিয়ে পঁচিশ সেকেন্ডের হবে। ভিডিয়োর শুরুটা হলো ধীরে ধীরে স্পষ্ট হওয়ার মাধ্যমে, অলিভারের চেহারার একটা ক্লোজ-আপ শট দিয়ে। চোখের দৃষ্টি শূন্য তার, সেখানে এত অনন্ত বেদনা, হতাশার সমুদ্র হয়ে আছে যে লাল আর ফোলা চোখ কারো নজরেই পড়বে না। গাল বেয়ে অশ্রু নেমে এসে গড়িয়ে পড়ছে থুতনি দিয়ে। অল্প করে শ্বাস টানছে সে, যেন চারপাশে শ্বাস নেয়ার মতো বাতাসের পরিমাণ খুবই কম। শটটা আট সেকেন্ড দীর্ঘায়িত হলো, শেষ হলো অলিভারের ঠোঁট কাঁপছে এমন অবস্থায়। তবে কোনো শব্দ শোনা গেল না। তার দরকারও ছিল না। একটা বাচ্চাও অলিভারের ঠোঁটের কথাগুলো পড়তে পারবে: ‘প্লিজ, না।’

পরের শটটা যে প্রথমটার কয়েক মিনিট পরে ভিডিয়ো করা হয়েছে, তা পরিষ্কার বোঝা গেল। এটাও শুরুটাও হলো আস্তে আস্তে দৃশ্যমান হয়ে, আর তারপর অলিভারের চেহারার একটা ক্লোজ-আপ শটের মাধ্যমে। এখনো লাল হয়ে আছে অলিভারের চোখজোড়া, সেই সাথে ফুলেও আছে। ভেজা আর শূন্যতা সেই চোখে। কিন্তু সবকিছু ছাপিয়ে এখন সেখানে এখন রাজত্ব করছে নির্জলা আতঙ্ক।

লেদার-স্ট্র্যাপ বল-গ্যাগটা অলিভারকে চিৎকার করতে, প্রাণ ভিক্ষা চাইতে, একটা শব্দও উচ্চারণ করতে বাধা দিচ্ছে। শটটা জুম করা হলো বেজমেন্টের সেইন্ট অ্যান্ড্রু’জ ক্রসের সাথে বেঁধে রাখা অলিভারের শরীরের দিকে। একদম নগ্ন সে, কিন্তু তাকে ছোঁয়া হয়নি। দুটো লবস্টারও কোথাও দেখা যাচ্ছে না।

হুট করেই শক্ত হয়ে গেল অলিভারের শরীর, তার শরীরের প্রত্যেকটা পেশি এমনভাবে অসাড় হয়ে গেল যেন অবশ হয়ে গেছে। পেছনের দিকে ঝাঁকি খেলো তার মাথা, একই সময়ে আতঙ্কে তার চোখজোড়া এমনভাবে বিস্ফারিত হয়ে গেল যে প্রায় প্যারালাইজ করে দিলো তাকে। গলা থেকে বেরিয়ে আসা আর্তনাদ চমৎকারভাবে ঠেকিয়ে দিলো বল-গ্যাগ। লড়াই করার চেষ্টা করলো অলিভার, লাথি মারার চেষ্টা করলো। মুচড়িয়ে শরীরটাকে মুক্ত করার চেষ্টা করলো, তবে বাঁধনগুলো অতিরিক্ত শক্ত হওয়ার কারণে সুবিধে করতে পারলো না। ওরকম অসহায় অবস্থাতে কেঁপে উঠলো সে।

‘জিসাস ক্রাইস্ট!’ বললেন ক্যাপ্টেন ব্লেক, শিউরে উঠলেন দৃশ্যটা দেখে।

মনিটরের দিক থেকে চোখ সরিয়ে নিলো হান্টার। ইতোমধ্যেই একবার ভিডিয়োটা দেখেছে ও, জানে এর পরে কী ঘটতে যাচ্ছে। গার্সিয়ার মতো ও-ও দৃশ্যটা আরেকবার দেখতে চায় না। স্ক্রিনে ক্লিপটা আস্তে আস্তে মিলিয়ে গিয়ে আবার আস্তে আস্তে দৃশ্যমান হলো। নতুন শটটা আগের দু’বারের মতোই ক্লোজ-আপ, তবে এবার অলিভারের চেহারার ওপরে নয়, অলিভারের কুঁচকি এলাকার ওপরে। হুট করেই, স্ক্রিনের ডান দিক থেকে বাগানের পাতা ছাঁটার এক বিরাট কাঁচি উদয় হলো।

‘ওহ ফাক!’ হাত দিয়ে গোটা মুখটা ঢেকে ফেললেন ক্যাপ্টেন ব্লেক, কিন্তু এর মধ্যেও আঙুলের ফাঁক দিয়ে মনিটরের দিকে তাকাতে ভুললেন না।

হান্টার এত কিছু করলো না। স্রেফ চোখজোড়া বন্ধ রেখে একটা নির্দিষ্ট শব্দের অপেক্ষা করতে লাগলো। দ্রুত ঘটলো ঘটনাটা। কাঁচির ব্লেড খুলেই বন্ধ হয়ে গেল, আর এই খোলা ও বন্ধের মাঝে এক অসুস্থ শ্লাক শব্দ হলো, যেটা শুনে এক সেকেন্ডের জন্য দম বন্ধ করে ফেললেন ক্যাপ্টেন ব্লেক। একদম নিখুঁতভাবে কাটা হলো অলিভারের লিঙ্গটা, গোড়া থেকে লিঙ্গটার কোনো অংশ আর দেখা গেল না।

‘ফাক!’

এবারে শক্তভাবে চোখ বন্ধ করে ফেললেন ক্যাপ্টেন, মুখ দুই হাতের সাহায্যে ঢেকে ফেললেন। স্ক্রিনে দেখা গেল, সদ্য তৈরি হওয়া ক্ষত থেকে অঝোর ধারায় রক্ত ঝরতে শুরু করেছে, যেন খোলা কল দিয়ে বেরিয়ে পানি পড়ছে অঝোর ধারায়। তড়িতাহতের মতো কাঁপতে লাগলো অলিভারের শরীর, মুখ টাইট বল গ্যাগ দিয়ে আটকে রাখা সত্ত্বেও তীক্ষ্ণ আর্তনাদ ঠিকই বের হওয়ার রাস্তা করে নিলো।

ব্লেডের শব্দে যদি ক্যাপ্টেন ব্লেকের দম বন্ধ হয়ে গিয়ে থাকে, তবে অলিভারের আর্তনাদে নাড়িভুঁড়ি প্রায় উল্টে আসতে লাগলো। এক সেকেন্ড অপেক্ষা করলো মেন্টর, তারপরেই আবার কাজে লেগে পড়লো।

শ্লাক।

প্রথমটার মতোই নিখুঁত হলো দ্বিতীয় কাটাটা, নিখুঁত ও সহজভাবে অলিভারের অণ্ডকোষ কেটে ফেললো কাঁচিটা। আরও একবার, দু’বার, তিনবার ঝাঁকি খেলো অলিভারের শরীর, তারপর শেষ একটা ঝাঁকি দিয়ে স্থির হয়ে গেল। পেশিগুলো অবশেষে হাল ছেড়ে স্থির হয়ে গেল। কোনো নড়াচড়া নেই। ব্যথায় অজ্ঞান হয়ে গেছে অলিভার।

দুই হাতে মুখ ঢাকলেন ক্যাপ্টেন ব্লেক। সেকেন্ডের ভগ্নাংশের জন্য হান্টারের দিকে তাকিয়ে আবার স্ক্রিনের দিকে চোখ ফেরালেন। এই অংশটা ধীরে ধীরে মিলিয়ে গেল আবার, তারপর আস্তে আস্তে দৃশ্যমান হয়ে শেষ অংশটা শুরু হলো। ‘এক্স’ ক্রসের ওপরে অলিভারের গোটা শরীর দেখা গেল। দুই পায়ের মাঝ থেকে রক্ত গড়াচ্ছে অবিরাম ধারায়, মেঝের ওপরে সৃষ্টি হয়েছে ছোটোখাটো এক পুকুরের। কুঁচকির এলাকাটা কাঁচা মাংস আর রক্তে মাখামাখি হয়ে আছে। কবজি আর কোমরে বাঁধা দড়ির কারণে ল্যাগব্যাগ করে ঝুলছে তার নিঃসাড় দেহ। মাথা নিচু হয়ে আছে তার, যেন মাথার ওজন এত বেশি যে তা ঘাড়ের ওপরে ধরে রাখতে পারছে না।

শটটা শেষবারের মতো অলিভারের মুখের ওপরে জুম হলো। চোখের পাতা সামান্য খোলা, ক্যামেরাটা এমনভাবে ধরা হলো যেন দর্শকরা তার চোখের মণি দেখতে পায়। বাম, ডান, বাম, ডান, দ্রুত নড়ছে চোখের মণি। ঠিক রেম (র‍্যাপিড আই মুভমেন্ট)-এর মতো দ্রুত নয়, তবে তার থেকে কিছু কমও নয়। ব্যথা, শক আর রক্তপাতের কারণে প্রলাপ বকার পর্যায়ে চলে গেছে অলিভার। হুট করেই কেশে উঠলো সে, শরীরটা সামান্য কেঁপে উঠেই আবার স্থির হয়ে গেল। মুখের মধ্যে বল গ্যাগ থাকার কারণে, গালদুটো পটকা মাছের মতো ফুলে গেছে। কিন্তু একই সময়ে ঠোঁটের কোনা দিয়ে নামছে কিছু একটা, যেটা কিনা স্যালিভার চাইতেও বেশি কিছু। বমি করেছে অলিভার, এবং সেই বমির কোথাও যাওয়ার জায়গা নেই।

‘ঈশ্বর,’ বললেন ক্যাপ্টেন ব্লেক, জোরে মাথা ঝাঁকিয়ে স্ক্রিন থেকে অন্য দিকে তাকালেন। ‘আমার দেখা শেষ,’ হান্টারকে বললেন তিনি। ‘বন্ধ করুন এটা।’

ক্লিপটা পজ করলো হান্টার। ‘আর কিছু নেইও,’ বললো ও। ‘এখানেই শেষ হয়েছে ভিডিয়োটা, তবে স্ক্রিনের নিচে খুনি ‘ক্ল্যাক, ক্ল্যাক, ক্ল্যাক’ শব্দগুলো যোগ করে দিয়েছে।’

হান্টারের কথায় ক্যাপ্টেনের মনোযোগ আবার ওর দিকে ফিরলো। “ক্ল্যাক, ক্ল্যাক, ক্ল্যাক’ মানে?’

‘সম্ভবত একটা লবস্টারের পিঞ্চার খোলা আর বন্ধ হওয়ার শব্দ,’ জবাব দিলো হান্টার।

যা বোঝা গেল, মাত্র পঁচিশ সেকেন্ডের ভিডিয়োটা ক্যাপ্টেন ব্লেককে একদম বিধ্বস্ত করে দিয়েছে। সোজা হলেন তিনি, বড়ো করে শ্বাস নিলেন। যেন নিজেকে সামলে নেয়ার চেষ্টা করছেন। বুকের ওপরে হাতজোড়া বাঁধলেন, যেন কী করছেন, সে ব্যাপারে কোনো খেয়ালই নেই।

‘ভিডিয়োটা কি শেষ?’ দরজা খুলে ধরে জিজ্ঞেস করলো গার্সিয়া, ড. পিপারের একটা ক্যান তার হাতে ধরা।

নড করলো হান্টার, কিন্তু না-বোধক মাথা নাড়লেন ক্যাপ্টেন ব্লেক।

‘একটু সময় দিন আমাকে,’ বললেন তিনি, তার গলা কেঁপে গেল। এর আগে এক থেকে দু’বারের বেশি এরকমটা হতে শোনেনি হান্টার আর গার্সিয়া। ‘একটু সময় দিন,’ আবার বলে গার্সিয়ার পাশ কাটিয়ে বাথরুমের দিকে এগোলেন।

চৌষট্টি

নিজেকে শান্ত করতে এক মিনিটের চেয়ে অনেক বেশি সময় লাগলো ক্যাপ্টেন ব্লেকের। শেষমেশ হান্টার ও গার্সিয়া অফিসে তিনি যখন ফিরলেন; হান্টার খেয়াল করলো, তার চোখের মেকআপ একটু অন্যরকম দেখাচ্ছে, নিচের পাপড়ির নিচে সামান্য লেপ্টে গেছে। তবে সেটাই শুধু নয়। তার চোখে দুঃখ আর ঘৃণার সঙ্গে নতুন আরেকটি অনুভূতি দেখা যাচ্ছে, আর সেটা হলো, ক্রোধ।

‘ঠিক আছেন আপনি?’ জিজ্ঞেস করলো গার্সিয়া, আবার ছবির বোর্ডের সামনে দাঁড়িয়েছে সে আর হান্টার।

‘জীবনে দেখা সবচাইতে অসুস্থ ও ঘৃণ্য ভিডিয়োটা দেখার পর যতটা ঠিক থাকা যায়।’

‘তাহলে কী বুঝলেন?’ ক্যাপ্টেন ওদের সাথে যোগ দিলে জিজ্ঞেস করলো গার্সিয়া।

আবার বোর্ডের দিকে তাকালেন ক্যাপ্টেন, এবার ছবিগুলোর সাথে সংযুক্ত লাল রেখাগুলো অনুসরণ করে এক এক করে এগোনোর চেষ্টা করলেন।

‘তাহলে,’ আত্মবিশ্বাসের অভাব অনুভূত হলো তার কণ্ঠে, ‘আমি যদি আপনাদের আগের ব্রিফিংটা ঠিকঠাক বুঝে থাকি; আপনারা আমাকে যা বলেছিলেন, তা হলো ইউভিসি’র থিওরি অনুযায়ী এই খুনি যে-ই হোক না কেন, তার কোনো ধরনের… ‘শত্রুতা’ আছে।’ সন্দেহের দৃষ্টিতে এক দিকে মাথা কাত করলেন তিনি। ‘আর সেই শত্রুতা নির্যাতন করে খুন করা আসল ভিকটিমদের সাথে নয়, বরং তাদের ঘনিষ্ঠ কারো সাথে।’

কিছু বলতে গেল গার্সিয়া, কিন্তু হাতের ইশারায় তাকে থামালেন ক্যাপ্টেন ব্লেক।

“শত্রুতা,” বলতে থাকলেন তিনি, ‘আপনাদের মতে, যার শুরু প্রায় তেরো বছর আগে, যখন এরা,’ বোর্ডের কোণে নতুন তিনটে ছবির দিকে ইঙ্গিত করলেন, ‘গার্ডেনা জুনিয়র হাই স্কুলে পড়তো।’ তারপর বোর্ডের বাকিটা দেখিয়ে বললেন, ‘তাহলে, এ সবকিছু যার মধ্যে একটু আগে দেখা সেই ভয়াবহ ভিডিয়ো ক্লিপটাও আছে, সবই আসলে প্রতিশোধ, এমন কিছুর শান্তি তারা পাচ্ছে, যা তারা করেছিল, কত বছর বয়সে?’

‘জ্যানেট ল্যাঙের বয়স ছিল তখন তেরো বছর,’ ছবি দেখিয়ে বললো গার্সিয়া। ‘ট্রয় ফস্টার আর জোসি গ্রিফিথ, এদের দুজনের বয়স ছিল চৌদ্দ। আর আমাদের প্রাপ্ত তথ্যানুযায়ী, ওদের দলে আরও দুজন সদস্য ছিল, সোফিয়া রিজোলি আর পেদ্রো ‘সামথিং’। আমরা এখনো তাদের খুঁজে বের করার সময় পাইনি, তবে রিসার্চ টিম আমাদের অনুরোধে কাজ করছে তাদের খোঁজে।’

‘তেরো,’ বিস্মিত চোখে গার্সিয়ার দিকে তাকালেন ক্যাপ্টেন। ‘…আর চৌদ্দ।’ হান্টারের দিকে এবার দৃষ্টি চলে গেল তার।

‘এমন হতে পারে যে, আমরা যাকে খুঁজছি, সে আরেকজন ছাত্র বা ছাত্রী ছিল না সে সময়,’ বললো হান্টার। ওর কথা শুনে থেমে গেলেন ক্যাপ্টেন ব্লেক। আবার বোর্ডের দিকে তাকালেন তিনি, বিশেষ করে খুনি ও তার ভিকটিমদের মধ্যে পাঠানো টেক্সট মেসেজের ছবিগুলোর ওপরে দৃষ্টি ঘুরতে লাগলো তার।

‘লোকটা নিজেকে ‘মেন্টর’ বলে পরিচয় দেয়,’ বললেন তিনি।

নড করলো গার্সিয়া। ‘হয়তো কোনো কারণ আছে।’

‘তাহলে আপনাদের ধারণা, তেরো বছর আগে লোকটা ভিকটিমদের প্রিয়জনদের শিক্ষক ছিল?’

‘কথাটা শুনতে কেমন লাগছে, তা আমরা জানি, ক্যাপ্টেন,’ বললো হান্টার।

বাম কানের দুলে হাত বোলাতে বোলাতে হাসলেন ক্যাপ্টেন ব্লেক। ‘আমার মনে হয়, আপনি যে শব্দটা খুঁজছেন, সেটা হলো ‘হতাশাজনক’।’

‘সিরিয়াল কিলিঙের প্রতিটি তদন্তই হতাশাজনক,’ পাল্টা জবাব দিলো হান্টার। ‘হেরে যাওয়ার সম্ভাবনা বেশি জানা সত্ত্বেও সময়ের সাথে পাল্লা দিয়ে দৌড়াতে হয়। আমরা এমন কাউকে খুঁজছি, যে এই মুহূর্তে স্বাধীনভাবে রাস্তায় হেঁটে বেড়াচ্ছে, নিজের উদ্দেশ্য ও সময়সীমা অনুযায়ী মানুষ খুন করছে। এবং সেই উদ্দেশ্য ও সময়সীমা সম্পর্কে শুধুমাত্র সে-ই জানে, আমাদের কোনোই ধারণা নেই। আমাদের যত বেশি সময় লাগবে, ততই সে আরেকজন ভিকটিমের কাছাকাছি পৌঁছে যাবে। সময় আমাদের পক্ষে নেই।’

‘আপনার কী ধারণা… সেটা কি আমি জানি না, রবার্ট?’ বললেন ক্যাপ্টেন ব্লেক, কণ্ঠে সামান্য বিরক্তির আভাস পাওয়া গেল।

‘আপনি জানেন, সেটা আমি জানি, ক্যাপ্টেন,’ শান্ত গলায় বললো হান্টার। ‘আর আমি এ-ও জানি, এরকম তিনটে কাকতালীয় ঘটনা,’ বোর্ডের নতুন তিনটে ছবির দিকে ইশারা করলো ও। ‘এরকমটা আসলে ঘটে না। অন্তত সহিংস অপরাধের দুনিয়ায় তো নয়-ই।’

বোর্ডের দিকে তাকিয়ে ক্যাপ্টেন ব্লেক অনুভব করলেন, বুকের ভেতরটা শক্ত হয়ে যাচ্ছে তার। ‘বিষয়টা,’ বলে মাথা নাড়লেন তিনি, নিচের ঠোঁট কামড়ে ধরলেন।

‘বিষয়টা খুবই অদ্ভুত। রাস্তায় স্বাধীনভাবে এমন কেউ হেঁটে বেড়াচ্ছে যে নিরীহ মানুষদেরকে খুব নৃশংস উপায়ে অত্যাচার ও খুন করছে। এমন কিছুর প্রতিশোধ হিসেবে, যা তেরো বছর আগে ঘটেছিল, যখন ভিকটিমের প্রিয়জনরা সবাই-ই জুনিয়র হাই স্কুলে পড়তো। তারা সবাই-ই ছিল বাচ্চা। তেরো ও চৌদ্দ বছর বয়সি কিছু ছেলেমেয়ে এমন কী করেছিল যে এরকম প্রতিশোধ নিচ্ছে কেউ?’

শব্দ করে হাসলো গার্সিয়া। ‘এখনকার বাচ্চারা কী পারে, তা নিয়ে আপনার কোনো ধারণাই নেই, ক্যাপ্টেন।’

‘এটা এখনকার কথা নয়, কার্লোস,’ পাল্টা বললেন তিনি। ‘আমরা তেরো বছর আগের কথা বলছি।’

‘তবুও।’

‘অনুমান করে কোনো লাভ নেই,’ বললো হান্টার। ‘তেরো বছর আগে কী ঘটেছিল, তা জানলেও আমাদের উদ্দেশ্য বদলাচ্ছে না। এই খুনিকে ধরতে হবে আমাদের এবং গার্ডেনা জুনিয়র হাই স্কুলের এই দলটাই তাকে খুঁজে পাওয়ার জন্য একমাত্র সূত্র। দল ও খুনির মধ্যে সম্পর্ক বের করতে পারলেই এই লোকটাকে ধরতে পারবো আমরা।’

ঠিক সেই মুহূর্তে ফোন বেজে উঠলো। দ্রুত এগিয়ে গিয়ে ফোনটা ধরলো সে। ‘ডিটেকটিভ গার্সিয়া, ইউভিসি ইউনিট।’ ফোনের ওপাশ থেকে কয়েক সেকেন্ড শোনার পরে নোটপ্যাডের দিকে হাত বাড়ালো সে। কয়েকটা জিনিস টুকে নেয়ার পরে হুট করে থেমে গেল। ‘কী?’ চিন্তিত দৃষ্টিতে হান্টারের দিকে তাকালো সে। ‘কবে?’

এক মুহূর্ত বিরতি। তারপর একটা দীর্ঘশ্বাস ফেললো গার্সিয়া, কলমটা টেবিলের ওপর রেখে দিলো। ‘ঠিক আছে। যা কিছু পেয়েছেন, তা আমাকে ইমেইলে পাঠান। সাথে পুলিশ রিপোর্টটাও দরকার।’

‘কে?’ গার্সিয়া ফোন নামিয়ে রাখলে জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন ব্লেক।

‘রিসার্চ,’ জানালো গার্সিয়া। কান খাড়া হলো হান্টারের।

‘সোফিয়া রিজোলির ঠিকানা পাওয়া গেছে,’ যা যা জেনেছে, তা জানাতে লাগলো গার্সিয়া। ‘তাকে খুঁজে বের করতে সময় লেগেছে, কারণ তার পদবী আর রিজোলি নয়।’

‘কারণ বিয়ে করেছে সে,’ মন্তব্য করলো হান্টার।

‘হ্যাঁ,’ নিশ্চিত করলো গার্সিয়া। ‘এখন তার নাম সোফিয়া এলিয়ট। নিজের নোটপ্যাড থেকে পড়লো সে। ‘সাতাশ বছর বয়স তার। স্বামীর নাম লুকাস এলিয়ট, টি-মোবাইলে প্রজেক্ট ম্যানেজার।’

‘কোনো সন্তান আছে?’

‘না।’

‘ভাই?’ হাল ছাড়লেন না ক্যাপ্টেন। ‘অথবা বোন?’

‘বড়ো বোন আছে একজন,’ জানালো গার্সিয়া। ‘ফ্রিসকোতে থাকে। তবে তার বাবা-মা লস অ্যাঞ্জেলসেই বাস করেন।’

‘কোথায়?’

‘এখনো গার্ডেনায় আছেন তারা, যেখানে স্কুলে পড়েছিল আমাদের সোফিয়া রিজোলি ওরফে এলিয়ট।’

‘সোফিয়া এলিয়টের ব্যাপারে কী জানা গেল?’ এবার হান্টার জিজ্ঞেস করলো। ‘সে ও তার স্বামী কোথায় থাকে?’

‘সান গ্যাব্রিয়েল ভ্যালির এল মন্টেতে।’ ঘড়ি দেখলো হান্টার, আর নিজের কম্পিউটার চেক করলো গার্সিয়া। আর চেক করতেই রিসার্চের পাঠানো ইমেইলটা এলো।

‘মিসেস এলিয়ট করেন কী?’ জানতে চাইলো হান্টার।

স্ক্রিনে স্ক্রল করলো গার্সিয়া। ‘অ্যাকাউন্টেন্ট। বাড়িতেই প্র্যাকটিস করে সে।’

‘তাদের দলের অন্য বাচ্চাটার খবর কী?’ জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন। ‘একটা ছেলে বাচ্চা ছিল, তাই না?’

নড করলো গার্সিয়া, তার মাথা নাড়ার মধ্যে হেরে যাওয়ার ভঙ্গী চিনতে পারলো হান্টার। ‘ছেলেটার নাম ছিল পেদ্রো বুস্তামেন্তে।’ নামটা জোরে উচ্চারণ করলো সে, তারপর পার্টনারের চোখের দিকে তাকালো। ‘দুর্ভাগ্যবশত, প্রায় এক বছর আগে আত্মহত্যা করেছে ছেলেটা। মৃত্যুর সময় তার বয়স ছিল পঁচিশ বছর।’

‘আত্মহত্যা?’ বিস্মিত গলায় প্রশ্ন করলেন ক্যাপ্টেন ব্লেক। সেই একই বিস্ময় দেখা গেল হান্টারের মুখেও।

গার্সিয়া রিসার্চের পাঠানো ইমেইলে অ্যাটাচড পুলিশ রিপোর্টের ফাইলটা খুললো। ‘হ্যাঁ, আত্মহত্যা,’ নিশ্চিত করলো গার্সিয়া, ফাইলের ওপরে দ্রুত ঘুরতে লাগলো তার চোখ। ‘পোমোনায় অবস্থিত অ্যাপার্টমেন্টে তার লাশ খুঁজে পেয়েছিল বাড়িওয়ালা।’

‘আত্মহত্যার তরিকা?’ জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন ব্লেক, গার্সিয়ার ডেস্কের দিকে ফাইলটা দেখার জন্য এগিয়ে এলেন তিনি। একই কাজ করলো হান্টারও। পোমোনা পিডির যে ডিটেকটিভ ক্রাইম সিনে উপস্থিত ছিলেন, তার নাম জেমস লি।

‘বাথরুমে নিজের কবজি কেটে আত্মহত্যা করেছিল,’ জানালো গার্সিয়া।

‘ডিটেকটিভ লি’র বক্তব্য অনুযায়ী,’ ফাইল থেকে পড়তে পড়তে হান্টার বললো, ‘এটা খুনোখুনির কেস নয়। তদন্তও হয়নি। আমাদের হাতে কি ময়নাতদন্তের রিপোর্ট আছে?’

গার্সিয়া আবার ইমেইলের দিকে তাকালো। ‘হ্যাঁ।’ আবার অ্যাটাচমেন্টের ওপরে ক্লিক করলো সে। স্ক্রল করে টক্সিকোলজি সেকশনে চলে গেল হান্টার, কী পাওয়া গেছে, তা পড়লো। ‘রক্তে অ্যালকোহল ও ট্রামাডল পাওয়া গিয়েছিল ছেলেটার।’

‘বেশিরভাগ মানুষই আত্মহত্যার আগে তাদের মস্তিষ্ককে অবশ করে নেয়,’ নির্বিকার গলায় বললেন ক্যাপ্টেন ব্লেক। ‘আপনি তো সেটা জানেন।’

‘ঠিকই বলেছেন,’ একমত হলো হান্টার। ‘কিন্তু পেদ্রো বুস্তামেন্তের শরীরে যে পরিমাণে ছিল, তা অন্তত আধা দিন অচেতন রাখার জন্য যথেষ্ট ছিল।’ সংখ্যার দিকে ইঙ্গিত করলো ও।

‘আপনি কি মনে করছেন, সে আসলে আত্মহত্যা করেনি?’ জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন।

‘আমি জানি না,’ উত্তর দিলো হান্টার।

‘ডিটেকটিভ লি’র সাথে যোগাযোগ করবো আমি,’ বললো গার্সিয়া। ‘এ ব্যাপারে আমাদের আরও কিছু তথ্য দরকার।’

‘চমৎকার হয় তাহলে,’ একমত হলো হান্টার। ‘এল মন্টে ও পোমোনা দুটোই সান গ্যাব্রিয়েল ভ্যালিতে, দুটো জায়গাতেই তুমি যাও। পোমোনায় ডিটেকটিভ লি’র সাথে কথা বলো আর এল মন্টেতে সোফিয়া এলিয়টের সাথে।’

‘ঠিক আছে।’ নিজের জ্যাকেটের দিকে হাত বাড়ালো গার্সিয়া।

‘আপনি কোথায় যাচ্ছেন?’ হান্টারকে জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন ব্লেক।

‘আমি যাচ্ছি গার্ডেনা জুনিয়র হাই স্কুলে। তাদের ২০০৯ সালের ইয়ারবুকে চোখ বোলাবো, যাদের সাথে কথা বলার সুযোগ পাবো, তাদের সাথেও কথা বলবো। এর মধ্যে সোফিয়া এলিয়টের বাবা-মা’ও আছেন। ইয়ারবুক থেকে আমাদের রিসার্চ টিমের জন্য কয়েকটা নতুন নামও পাওয়া যেতে পারে। কারো না কারো কিছু মনে থাকবে। এরপর আমি জোসি গ্রিফিথের সাথে দেখা করার চেষ্টা করবো। আশা করি, সে তাদের পুরানো স্কুল গ্রুপ সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর দিতে পারবে।’

‘ঠিক আছে,’ ক্যাপ্টেন বললেন, দরজার দিকে এগোনোর সময় ঘড়িতে সময়টা দেখে নিলেন। ‘আজ দুপুরে পুলিশের প্রধানকে ব্রিফ করার কথা আমার, তাই যা-ই ঘটুক, আমাকে জানাতে ভুলবেন না।’

‘অব্ষ্যই।’

নিজের জ্যাকেট তুলে নিলো হান্টার, ও আর গার্সিয়া দরজা দিয়ে বের হয়ে গেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *