পাঁচ
ফরেনসিকস টিম আসার অপেক্ষা করার ফাঁকে বাড়ির বাকি অংশটা চেক করে নিলো হান্টার আর গার্সিয়া, অবৈধভাবে অনুপ্রবেশের কোনো চিহ্ন পাওয়া যায় কিনা তা খতিয়ে দেখলো। সেরকম কিছু পাওয়া গেল না। কোনো জানালা ভাঙা হয়নি, কোনো জানালাতে কারিগরীও ফলানো হয়নি। সদর দরজা তো বটেই, বাড়ির পেছনের কোর্টইয়ার্ডে যাওয়ার জন্য কিচেনে যে দরজাটা আছে, অক্ষত আছে সেটাও।
মেলিসা হোথর্নের হ্যান্ডব্যাগ ওরা পেলো মেয়েটার শোবার ঘরের বেডসাইড টেবিলের ওপরে। ভেতরে একটা পার্স; তাতে আছে নগদ আঠারো ডলার, কয়েকটা মেকআপ সামগ্রী, মেয়েটার ড্রাইভিং লাইসেন্স, এক প্যাকেট চুইংগাম, দুটো ক্রেডিট কার্ড, একটা চিরুনি আর কেনাকাটার বেশ কিছু পুরানো রসিদ। শুধু নেই মোবাইল ফোন। প্রত্যেকটা ড্রয়ারে তল্লাশি চালালো ওরা, খুঁজে দেখলো ওয়ার্ডরোবে থাকা প্রতিটি কাপড়ের পকেটও। এছাড়া আরও যে কয়টি হ্যান্ডব্যাগ বাড়িতে ছিল, সেগুলো খুঁজে দেখতেও ভুল হলো না। এবারও কোনো মোবাইল পাওয়া গেল না। বিছানার নিচে, সোফার তলায়, কুশনের আড়ালেও খুঁজে দেখলো ওরা, কিন্তু খোঁজাই সার, কোনো ফোনের হদিস মিললো না। বিষয়টা খুবই অদ্ভুত বলে মনে হলো হান্টার ও গার্সিয়ার কাছে।
লিভিং রুমে ফিরে এসেছে মাত্র, এই সময়ে সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলেন ড. সুসান স্ল্যাটার। তার পিছুপিছু ঢুকলো আরও তিনজন ফরেনসিকস এজেন্ট, প্রত্যেকের পরনে সাদা হুডওয়ালা কভারঅল। চোয়ালের সাহায্যে শূন্যে ঝুলে থাকা ভিকটিমের দিকে চোখ পড়তেই যে যার জায়গায় জমে গেল। নিজেদের কাজে এত দিনের অভিজ্ঞতা এবং এত নৃশংসতার সাক্ষী হওয়া সত্বেও মৃতদেহটা দেখে প্রচণ্ড চমকে গেল তারা।
‘জিসাস!’ বিড়বিড় করলো বয়সে সবচেয়ে ছোটো এজেন্ট, নিজের হাতে ধরা টুলবক্সটা নামিয়ে রাখলো মেঝের ওপরে। ‘ওটা কি মাছ ধরার হুক নাকি?’ জানতে চাইলো সে।
‘ঠিকই ধরেছেন,’ তার প্রশ্নের জবাব দিলো হান্টার।
‘সবকিছুর ছবি তোলার ব্যবস্থা করো। কুইক,’ টিম ফটোগ্রাফারের দিকে তাকিয়ে বললেন ডক্টর স্ল্যাটার। ‘করছি,’ বললো বয়সে তরুণ সেই এজেন্ট, নাকের ওপরে চশমাটা বসিয়ে নিলো ভালোভাবে। তারপর রক্তের পুকুর পার হয়ে এগিয়ে গেলো ভিকটিমের মুখোমুখি হওয়ার জন্য।
‘রবার্ট, কার্লোস।’ সামান্য মাথা ঝাঁকিয়ে ওদেরকে সম্ভাষণ জানালেন ডক্টর স্ল্যাটার। ‘আপনারা কতক্ষণ হলো এখানে?’ জিজ্ঞেস করে মৃতদেহের দিকে এগোলেন তিনিও।
সারা ক্যালিফোর্নিয়াতে সেরা ও নিজের কাজে দক্ষ লিড ফরেনসিকস এজেন্টদের মধ্যে ডক্টর স্ল্যাটার অন্যতম। গত কয়েক বছরে ইউভিসি ইউনিটের হয়ে যে ফরেনসিক ইনভেস্টিগেশনগুলো তিনি করেছেন, তার সংখ্যা অন্য যে-কোনো লিড ফরেনসিকস এজেন্টের তুলনায় বেশি। টিমের বাকি দুই সদস্য দ্রুত দুটো শক্তিশালী স্পটলাইট সেট করার কাজে ব্যস্ত।
‘চল্লিশ মিনিটের মতো,’ জবাব দিলো গার্সিয়া।
‘ভিকটিম কি একজন?’ জানতে চাইলেন ডক্টর। ‘নাকি আরও কেউ আছে?’ বলে বাড়ির বাকি অংশের দিকে ইশারা করলেন।
‘না, এখানে যা দেখতে পাচ্ছেন, তা-ই শুধু,’ বলে এজেন্টরা যেন নিজেদের কাজ করতে পারে, সে জন্য কয়েক পা পিছিয়ে গেল হান্টার।
‘আর কোথাও রক্তের দাগ আছে?’ জিজ্ঞেস করলেন ডক্টর, ভিকটিমের চোয়ালে আটকে থাকা হুকটা ভালোভাবে দেখার জন্য নিজের মাথা বাঁকালেন। ‘অথবা ধ্বস্তাধস্তির কোনো চিহ্ন?’
‘না, সেরকম কিছু নেই,’ বললো গার্সিয়া। ‘বিছানা এলোমেলো, যা থেকে বোঝা যায়, ভিকটিম সকালে বিছানা গোছায়নি। কিংবা হয়তো বিছানায় থাকা অবস্থাতেই কোনো শব্দ শুনতে পায় সে, উঠে দেখতে গিয়ে আক্রান্ত হয় খুনির হাতে। অথবা, বিছানাতেই আক্রান্ত হয়ে থাকতে পারে। শুধু এটুকুই। এসব ছাড়া আর কোনো কিছুর চিহ্ন নেই।’ বলে ক্রাইম সিনের দিকে ইঙ্গিত করলো ও।
‘খুনটা বেশ বীভৎস ও নৃশংসভাবে করেছে খুনি,’ বললেন ডক্টর, এখনো হুকটার দিকে তাকিয়ে আছেন। এক মুহূর্ত পরে, মৃতদেহের বাকি অংশের দিকে চোখ ফেরালেন। ‘বেচারি।’ মাথা নাড়লেন তিনি। ‘মুখ আর গলার অংশে যেভাবে ফুলে উঠেছে, তাতে আমি এখনই আপনাদেরকে বলে দিতে পারি, হুকটা ঢোকানোর সময় বেঁচে ছিল মেয়েটা।’ বলে বিরতি দিয়ে দুই ডিটেকটিভের দিকে তাকালেন। ‘কিন্তু সেটা বোধহয় ইতোমধ্যেই বুঝে গেছেন আপনারাও, তাই না?’
‘ছটফট যেন না করতে পারে… এটা ছাড়া আমি ভিকটিমের হাত পেছনে বাঁধার আর কোনো কারণ খুঁজে পাচ্ছি না,’ জবাব দিলো গার্সিয়া। নড করে ওর সাথে একমত পোষণ করলেন ডক্টর।
‘লাইটস অন,’ লাইটজোড়া সেট করার পরে ঘোষণার সুরে বললো একজন এজেন্ট। সুইচ অন করতেই উজ্জ্বল আলোয় ভরে উঠলো ঘরটা।
সতর্কভাবে মৃতদেহের চারিদিকে একবার ঘুরে এলেন ডক্টর স্ল্যাটার। ‘কপাল ভালো আমাদের, পুরো মৃতদেহটাকে এক টুকরো অবস্থায় পেয়েছি।’
‘মানে?’ প্রশ্ন এলো গার্সিয়ার তরফ থেকে।
‘মেয়েটার ম্যান্ডিবল (নিচের চোয়াল) ভয়াবহভাবে স্থানচ্যুত হয়েছে,’ ব্যাখ্যা করার সময় মৃতদেহের দিকে ইশারা করলেন ডক্টর। ‘দুটো চোয়ালই খুলে এসেছে সংযোগস্থল থেকে। ব্যাপারটা বিস্ময়কর নয়, কারণ ম্যান্ডিবল থেকে সে যেভাবে শূন্যে ভেসে ছিল, তাতে সেরকম হওয়াটাই স্বাভাবিক। ফোলা জায়গাগুলো দেখে বোঝা যায়, মুখের নিচের অংশের লিগামেন্ট ও পেশিগুলোও খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এখানে দেখুন…’ নিচের চোয়াল যেখানে খুলির সাথে মিলিত হওয়ার কথা, সেই জায়গাটায় নির্দেশ করলেন ডক্টর স্ল্যাটার। ‘চামড়া, এমনকি কিছু মাংসও যে ছিঁড়ে একাকার হয়ে গেছে, তার চিহ্ন আপনারা দেখতে পাবেন।’
‘ভিকটিম যদি আরও খানিকটা ভারী হতো,’ ডক্টর স্ল্যাটার কী বলতে চাইছেন, তা বুঝতে পেরে কথার লাগাম নিজের হাতে নিলো হান্টার। ‘তার ওজন আর কুড়ি পাউন্ড বা তার চেয়ে বেশি হলে চোয়ালটা এই ওজন বহন করতে পারতো না।’
‘ঠিক ধরেছেন,’ একমত হলেন ডক্টর। ‘তবে ভিকটিমের ওজন কম হওয়ার পরেও তার পেশি, লিগামেন্ট, চামড়া, মাংস ছিঁড়েখুঁড়ে একাকার হয়ে যাওয়া থেকে খুব একটা দূরে নেই আমরা। আর সেটা যদি ঘটেই, তবে দেহের ওজনে চোয়াল থেকে খুলে আসবে তার গোটা শরীর… আছড়ে পড়বে মেঝের ওপরে। সেক্ষেত্রে, এখনকার চাইতেও ভয়ঙ্কর দৃশ্যের সৃষ্টি হবে, সন্দেহ নেই।’
দৃশ্যটা কল্পনা করেই শিউরে উঠলো গার্সিয়া। ‘আপনি কি মনে করেন, সেটাই খুনির আসল উদ্দেশ্য ছিল?’ প্রশ্ন করলো ও, এবং সাথে সাথেই আত্মসমর্পণের ভঙ্গীতে দুই হাত উঁচু করে ফেললো। বুঝতে পেরেছে, ওর প্রশ্নের উত্তর ডক্টর স্ল্যাটারের কাছে থাকার কোনো কারণ নেই। ‘দুঃখিত, বোকার মতো প্রশ্ন করে ফেলেছি।’
‘কে জানে,’ উত্তর দিলেন ডক্টর। ‘তবে এরকমটা হলে আমি মোটেই অবাক হবো না। আমি শুধু আপনাদেরকে এটুকু বলতে পারি, মৃতদেহটা এখনো এক টুকরো অবস্থায় থাকার পেছনে সম্পূর্ণ অবদান রিগর মর্টিসের। কারণ, আমরা জানি, পেশি ও লিগামেন্টের ফাইবারগুলোকে শক্ত করে ফেলে রিগর মর্টিস। ফাইবার শক্ত হয়ে যাওয়ার কারণে ছেঁড়াফাটার সামনে নতুন এক স্তরের প্রতিরোধ ক্ষমতা যুক্ত হয়…’ বুড়ো আঙুল ও তর্জনীর সাহায্যে ভিকটিমের বাঁ বাইসেপে হালকা চিমটি কাটলেন তিনি। ‘রিগর মর্টিস শুরু হয়ে গেছে। আনুমানিকভাবে দশ ঘণ্টা আগে মারা গেছে ভিকটিম। যার মানে, একদম ভোরে খুন করা হয়েছে তাকে। গত রাতে নয়।’
চট করে নিজের হাতঘড়িটা দেখে নিলো গার্সিয়া। ‘অফিসারদেরকে প্রত্যেক বাড়িতে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিচ্ছি আমি,’ হান্টারকে বললো সে। ‘এই রোড আর আশেপাশের কয়েকটা রোড কাভার করতে বলছি। হয়তো কেউ অস্বাভাবিক কিছু দেখে থাকতে পারে। হয়তো একটা গাড়ি, অথবা রাস্তায় উদ্দেশ্যমূলকভাবে হাঁটছিল কেউ, কিংবা কেউ রাত করে বাড়িতে ফিরেছে।’
একমত হওয়ার ভঙ্গীতে নড করলো হান্টার।
‘মৃতদেহের ছবি তোলা শেষ,’ জানালো ফটোগ্রাফার। ‘এখন ক্রাইম সিনের ডিটেইলস নিচ্ছি।’
‘চমৎকার,’ উত্তর দিলেন ডক্টর স্ল্যাটার। ‘ভিকটিমকে নামাও এবার।’ বলে টিমের সবচেয়ে লম্বা এজেন্টের দিকে তাকালেন তিনি, এই এজেন্টের উচ্চতা ছয় ফুট এক ইঞ্চি। ‘ভিকটিমকে ধরে রাখবো শন, আমি আর মাইক, আর সে সময়ে তুমি তাকে হুক থেকে খুলে ফেলবে।’
নড করলো শন, লাশের দিকে এগোলো। ‘সাহায্য লাগবে কোনো?’ জানতে চাইলো হান্টার।
‘নাহ, লাগবে না,’ বললেন ডক্টর।
বেশ কয়েক পা পিছিয়ে গেল হান্টার আর গার্সিয়া। মাইক আর ডক্টর স্ল্যাটার মিলে ভিকটিমের মৃতদেহ সামান্য উঁচু করে ধরলেন, আর শন হাত বাড়ালো হুকের দিকে। ‘সাবধান, শন,’ সতর্ক করলেন ডাক্তার স্ল্যাটার। ‘হুকটা যে চোয়ালে শুধু এক জায়গায় ছিদ্র করেনি, এ ব্যাপারে আমি নিশ্চিত। খুব সহজেই হাড়ের কুচি ছিটতে পারে।’
যতটা সম্ভব সতর্ক হয়ে কাজ করলো শন, কিন্তু তারপরেও দড়ি থেকে মেলিসা হোথর্নকে নামাতে দেড় মিনিট সময় লেগে গেল তার। হুকটা খুলে আসতেই দুই বর্গ ইঞ্চি সাইজের এক টুকরো মাংস নিচের রক্তের পুকুরে পড়লো শব্দ করে, আর সেই মাংসের কারণে রক্তের ছিটে চারিদিকে ছড়িয়ে গেল।
‘ড্যাম,’ শিউরে উঠেছে গার্সিয়া।
‘ওটা ব্যাগে ভরতে হবে আমাদের…’ মাংসের টুকরোটার দিকে তাকিয়ে নড করে বললেন ডক্টর স্ল্যাটার। ‘ওটা ভিকটিমের জিভ।’
ছয়
ফরেনসিকস টিম যখন ক্রাইম সিন ও বাড়ির বাকি অংশে কাজ করছে, তখন তাদের সাথে থাকলো হান্টার ও গার্সিয়া। ফরেনসিক টিমের কাজ শেষ হলে আবার বারবিকিউ করার জন্য ফিরে না গিয়ে বাইরে বেরিয়ে এলো হান্টার। মেলিসা হোথর্নের সৎবোন জ্যানেট ল্যাঙের কাছ থেকে যতটা সম্ভব তথ্য জোগাড় করতে চায়। আর এই সময়ে প্রতি বাড়িতে জিজ্ঞাসাবাদ করার জন্য ইউনিফর্ম পরা অফিসারদেরকে সাহায্য করতে লাগলো গার্সিয়া।
ভিকটিমের বাড়িতে এক জোড়া ফিঙ্গারপ্রিন্ট শনাক্ত করতে পেরেছে ফরেনসিকস। জোড়ার প্রথমটা প্রতি ঘরেই পাওয়া গেছে, সেটা যে ভিকটিমের আঙুলের ছাপ, তাতে কোনো সন্দেহ নেই। দ্রুত অন-সাইট অ্যানালাইসিসের মাধ্যমে তা নিশ্চিত করা হয়েছে। দ্বিতীয় আঙ্গুলের ছাপটা পাওয়া গেছে প্রধানত লিভিং রুম আর কিচেন এরিয়ায়, এখনো নিশ্চিত না হওয়া গেলেও ধারণা করা হচ্ছে, ছাপটা আসলে ভিকটিমের ছোটো বোন জ্যানেট ল্যাঙের। বোনের লাশটা সে-ই খুঁজে পেয়েছে।
ভিকটিমের শোবার ঘরের মেঝে ও বিছানায় ফরেনসিকস টিম আরও কিছু চুল ও ফাইবার খুঁজে পেয়েছে বটে, তবে এগুলো ও ভিকটিমকে ঝোলাতে ব্যবহৃত সরঞ্জামাদি ছাড়া উল্লেখযোগ্য আর কিছু পাওয়া যায়নি। ফরেনসিকস এ-ও নিশ্চিত করেছে যে ভিকটিমের বাড়িতে জোর করে প্রবেশের কোনো চিহ্ন তারা খুঁজে পায়নি। না সদর দরজায়, না পেছনের দরজায়, না কোনো জানালায়।
বাড়িতে বাড়িতে জিজ্ঞাসাবাদ আপাত ব্যর্থ বলে প্রমাণিত হয়েছে। কেউই, এমনকি পাশের বাড়ির প্রতিবেশীও সন্দেহজনক কাউকে অথবা কোনো কিছু দেখেনি। শনিবার রাতেও নয়, রবিবার সকালের প্রথম প্রহরেও নয়। পাশের বাড়ির প্রতিবেশী এ-ও জানালো যে, তারা কোনো চিৎকার বা চেঁচামেচি শুনতে পায়নি। ধস্তাধস্তি অথবা মারামারি হলে যেরকম শব্দ হওয়ার কথা, সেরকম কিছু তাদের কানে যায়নি।
‘এই খুনটা খুনির প্রথম খুন হতে পারে না,’ গাড়ির দিকে ফিরে যেতে যেতে হান্টারকে বললো গার্সিয়া। ‘খুনটা অতিরিক্ত নিখুঁতভাবে… অতিরিক্ত গুছিয়ে… অতিরিক্ত পরিকল্পনা করে করা হয়েছে।’
থেমে দাঁড়ালো হান্টার, ওপরে তারাভরা আকাশের দিকে তাকালো। গার্সিয়ার সাথে দ্বিমত পোষণের কোনো কারণ দেখছে না ও। এটা একটা প্রসিদ্ধ তথ্য যে, সময়ের সাথে সাথে সিরিয়াল কিলাররা নিজেদের কৌশল নিখুঁত করে, আত্মবিশ্বাস বেড়ে যায় বলে আরও নিষ্ঠুরতা দেখায়। তাদের প্রথম অপরাধ, সেটা খুন হোক বা না হোক, বেশ অগোছালোভাবে সম্পাদন করে তারা। ‘কোনো খুনখারাবি নয়’ এরকম অবস্থা থেকে হুট করে মেলিসা হোথর্নের মতো গোছালো ও নিখুঁত পরিকল্পিত খুন করতে সক্ষম হয় খুব কম সংখ্যক খুনিই।
ক্রাইম সিনে ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ, ফুট-প্রিন্টস, জোরপূর্বক অনুপ্রবেশ ইত্যাদির যে কোনো চিহ্ন নেই, এতে আসলে তেমন বিস্মিত নয় হান্টার। সিএসআই (ক্রাইম সিন ইনভেস্টিগেশন) ও ফরেনসিক থিমের ওপরে এত সিনেমা ও টিভি শো হয়েছে যে কীভাবে ফরেনসিককে ফাঁকি দেওয়া যায়, তা এক বসাতেই যে কেউ শিখে নিতে পারবে। সত্যিটা হলো, মেলিসা হোথর্নের এই খুন যে কোনো সিরিয়াল কিলারের কাজ, তার কোনো প্রমাণ এখন পর্যন্ত নেই। হান্টার এবং গার্সিয়া দুজনেই কায়মনোবাক্যে চাইছে, সেটাই যেন সত্যি হয়। কিন্তু তাতেও মূল কথাটা বদলাচ্ছে না। ক্রাইম সিনের কোনো কিছু থেকেই বোঝার উপায় নেই, এটাই খুনির প্রথম খুন।
‘আমারও সেরকমই ধারণা,’ জবাব দিলো হান্টার।
‘ন্যাশনাল ডাটাবেজ চেক করা উচিত আমাদের,’ পরামর্শ দিলো গার্সিয়া। ‘এরকম খুন আর কোথাও ঘটেছে কিনা…’ কথা শেষ করলো না সে, তারপর আবার আগের কথার খেই ধরলো। ‘…এমনকি কিছুটা মিল থাকলেও চলবে।’
একমত হওয়ার ভঙ্গীতে নড করলো হান্টার। ‘সকালে আমার প্রথম কাজ হবে রিসার্চ টিমের সাথে যোগাযোগ করা।’
সাত
পরদিন সকাল ন’টা বাজতেই সাবান দিয়ে হাত ভালোমতো পরিষ্কার করে অটোপসি থিয়েটার একের দিকে রওনা দিলেন লস অ্যাঞ্জেলস কাউন্টি ডিপার্টমেন্ট অব মেডিকেল এক্সামিনার-করোনারের চিফ মেডিকেল এক্সামিনার ডা. ক্যারোলিন হোভ। থিয়েটারটা প্রধান করোনার’স ভবনের বেজমেন্টে, লম্বা ও উজ্জ্বল আলোয় আলোকিত এক করিডোরের শেষ মাথায় অবস্থিত।
গোটা ইউএসএ’র মধ্যে যত করোনার আছে, তাদের মধ্যে সবচেয়ে ব্যস্ত করোনার হলো এলএ কাউন্টি ডিপার্টমেন্ট অব মেডিকেল এক্সামিনার-করোনার। এদের নিজস্ব প্যাথোলজিস্টদের টিম প্রতি দিন অন্তত কুড়ি থেকে চল্লিশটা ময়নাতদন্ত সম্পন্ন করে, কিন্তু তারপরেও কাজের চাপ থাকে ভয়াবহ রকমের বেশি, বিশেষ করে উইকেন্ডে তা আরও বেড়ে যায়।
এলএসিডিসি’তে আসার পরে বেশিরভাগ মৃতদেহই ময়নাতদন্তের জন্য অপেক্ষমান রাখা হয়। তবে, কিছু ক্ষেত্রে নিয়মের ব্যত্যয় ঘটানো হয়। যেসব কেসে তদন্তকারী কর্মকর্তারা ‘আর্জেন্ট’ শব্দটা লিখে দেয়, সেই কেসগুলো অন্য সব কেসের তুলনায় বেশি গুরুত্ব পায়। তবে সেই গুরুত্ব দেওয়াটাও নির্ভর করে প্রধান মেডিকেল এক্সামিনারের ওপরে। নিয়মের আরেকটা ব্যত্যয় হলো, নতুন আসা কোনো মৃতদেহের তদন্তের দায়িত্বে যদি থাকে এলএপিডি ইউভিসি ইউনিট। এই ইউনিটের কাজের ধরনের কারণে অন্য ডিপার্টমেন্টের পাঠানো আর্জেন্ট কেসের আগেও তাদের কাজ ধরা হয়।
এই কারণেই মেলিসা হোথর্নের লাশ অটোপসি থিয়েটার এক’-এ নিয়ে আসা হয়েছে, বিরাট এক ঘরে অবস্থিত দুটো বড়ো স্টেইনলেস-স্টিলের অটোপসি টেবিলের দ্বিতীয়টার ওপরে রেখে দেওয়া হয়েছে। চিৎ করে রাখা হয়েছে মেলিসার লাশ, সম্পূর্ণ নগ্ন। হাতজোড়া দেহের দুই পাশে ঝুলে আছে। লিভর মর্টিস, মৃত্যুর পরে রক্ত মহাকর্ষের কারণে নিচের দিকে যাওয়ায় বিবর্ণ হয়ে গেছে চামড়ার রং, শরীরের বাকি অংশের তুলনায় পা’জোড়া উল্লেখযোগ্যভাবে কালচে দেখাচ্ছে। লাশের চামড়া দেখাচ্ছে মোম ও রাবারের মতো, যা থেকে বোঝা যায়, মৃত্যুর পরে চব্বিশ ঘণ্টার কম সময় কোল্ড-স্টোরেজে রাখা হয়েছিল তার লাশটা।
‘ওয়াও!’ বললেন ড. হোভ, অটোপসি টেবিলের পাশে এসে দাঁড়ালেন। ‘এই লাশটা তো অন্য সবগুলোর তুলনায় আলাদা।’ টেবিলের ওপরে চিৎ করে শোয়ানো আছে মেলিসার মাথাটা, কিন্তু তার নিচের চোয়ালের পেশি আর লিগামেন্ট এত বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে, শোয়ানো অবস্থাতেও তার চোয়াল বুকের কাছে নেমে এসেছে।
তিনজন জুনিয়র প্যাথোলজিস্টের একজন নাথান রিসে। সাধারণত, এ-ই ড. হোভকে সাহায্য করে থাকে, সে দাঁড়ালো অটোপসি টেবিলের বাঁয়ে। ‘এরকম কিছু ঘটলো কী করে?’ জিজ্ঞেস করলো সে, তার দৃষ্টি স্থির হয়ে থাকলো লাশের বিকৃত হয়ে যাওয়া মুখের দিকে। ‘মানে ভিকটিম না মারা যাওয়া পর্যন্ত কেউ তার চোয়াল টেনে ধরে খুলে রেখেছিল নাকি?’
‘চোয়ালের সাহায্যে ঝুলিয়ে রাখা হয়েছিল তাকে,’ নিজের কাছে থাকা অ্যাডমিশন ফাইল পড়তে পড়তে নাথানকে বললেন ড. হোভ। ‘খুনি একটা ফিশ হুকের সাহায্যে করেছে কাজটা।’
‘ওহ ঈশ্বর!’
‘আমি জানি,’ অ্যাডমিশন ফাইল নামিয়ে রাখলেন ড. হোভ, গ্লাভস পরে নিলেন। ‘ঠিক আছে, শুরু করা যাক তাহলে।’
অটোপসি টেবিলের ঠিক ওপরের সিলিং থেকে ঝুলে থাকা মাইক্রোফোনটা অ্যাডজাস্ট করে নিলো নাথান, ডিজিটাল ভয়েস রেকর্ডারটা চালু করলো। তারিখ ও সময় বলে নিজের কাজ শুরু করলেন ড. হোভ, এর পরে উল্লেখ করলেন নির্ধারিত কেস নাম্বার। এর পরের কয়েক মিনিট তিনি ব্যয় করলেন লাশের কী অবস্থা, তা বর্ণনা করার জন্য। এর পরে তিনি আরও বিস্তারিত বাহ্যিক বিশ্লেষণে চলে গেলেন, যার শুরুটা তিনি করলেন ভিকটিমের গলা পরীক্ষার মাধ্যমে।
ফাঁস দেওয়ার কোনো চিহ্ন নেই। দ্রুত একবার পরীক্ষা করেই ড. হোভ নিশ্চিত হয়ে গেলেন, ল্যারিনক্স অথবা ট্র্যাকিয়া, দুটোর কোনোটাই ক্ষতিগ্রস্ত হয়নি। ভিকটিমের গলার হাইঅয়েড হাড়ও ভাঙেনি বলেই দেখা গেল। নিজের বুড়ো আঙুল আর তর্জনী ব্যবহার করে ভিকটিমের চোখের পাতা খুলে ফেললেন ড. হোভ। ম্যাগনিফাইং গ্লাস ও মাথায় লাগানো হেডসেটের লাইটের সাহায্যে সতর্কভাবে ভিকটিমের চোখের মণি পরীক্ষা করলেন। যা ভেবেছিলেন, তা-ই।
ভিকটিমের কর্নিয়া ঘোলা আর অস্বচ্ছ। তবে পেটিকিয়া নামে নির্দিষ্ট এক ঘটনা খুঁজতে লাগলেন তিনি; এই ঘটনার কারণে রক্তনালী ফেটে গিয়ে চোখের সাদা অংশ বা পাপড়িতে ছোটো ছোটো লাল দাগের সৃষ্টি হয়। বিভিন্ন কারণে ও শরীরের যে-কোনো জায়গাতেই এই ছোটো রক্তবিন্দুগুলো থাকতে পারে, তবে চোখে কিংবা চোখের মণিতে পাওয়ার মানে একটাই-শ্বসনতন্ত্রে বাধার কারণে ঘটেছে ব্যাপারটা।
‘মৃত্যুর কারণ অক্সিজেনের অভাব,’ মাইক্রোফোনে ঘোষণা করলেন ড. হোভ। ‘তবে সেই অক্সিজেনের অভাবের কারণ-শ্বাসরোধ জনিত নয়।’
‘বেচারি,’ মাথা নাড়তে নাড়তে বললো নাথান। ‘এরকমভাবে মৃত্যু কারোরই প্রাপ্য না।’
তার দিকে কটাক্ষের দৃষ্টিতে তাকালেন ড. হোভ।
‘আমি ইমোশনাল হয়ে যাচ্ছি না, ডক,’ গ্লাভসপরা দুই হাত ওপরে তুলে বললো নাথান। ‘আমি শুধু বলছি যে, কোনো মানুষেরই এভাবে মৃত্যু প্রাপ্য নয়। এটুকুই।’
মেলিসার বাকি শরীরের বাহ্যিক বিশ্লেষণ আর পাঁচ মিনিটের মধ্যেই সম্পন্ন হয়ে গেল। আর কোনো চমক পাওয়া গেল না। এরপরে, যৌন নির্যাতন অথবা অন্য নির্যাতনের কারণে সৃষ্টি হওয়া কোনো গর্ত বা ছিদ্র শরীরে আছে কিনা পরীক্ষা করতে লাগলেন। শুরু করলেন যোনি দিয়ে।
দুই উরুর ওপরের দিক-সহ ভালভা’র চারিদিকের চামড়ার আশেপাশে কোনো কালশিটে অথবা রক্ত জমে নেই অন্তত এমন কিছু নেই, যা চিন্তার কারণ হতে পারে বলে মনে হলো ড. হোভের কাছে। এর পরের পদক্ষেপটা হলো, যোনির ভেতরের দেওয়ালটা পরীক্ষা, তবে ততদূর যেতে পারলেন না তিনি।
বুড়ো আঙুল আর তর্জনী দিয়ে যখন যোনির দেয়াল প্রসারিত করছেন, তখনই থেমে গেলেন ড. হোভ। কোনো কিছুতে আঙুল আটকে গেলে চোখ কুঁচকে গেল তার।
‘এক সেকেন্ড,’ বললেন তিনি, ভালো করে দেখার জন্য এক দিকে মাথা বাঁকালেন।
‘কোনো সমস্যা?’ জিজ্ঞেস করলো নাথান, অটোপসি টেবিলের ওপাশে জায়গা বদলালো।
‘ঠিক নিশ্চিত না। একজোড়া লকিং ফরসেপ দিতে পারো আমাকে, প্লিজ?’
‘স্পেকুলামও চান?’ জিজ্ঞেস করলো নাথান, ড. হোভের হাতে একজোড়া সার্জিক্যাল লকিং ফরসেপ তুলে দিলো।
‘আর এক মিনিটের মধ্যেই হয়তো লাগবে,’ জবাব দিলেন ড. হোভ, ফরসেপের ওপরিভাগ যোনিপথে ঢোকালেন। ‘যা মনে হচ্ছে, কোনো অপ্রত্যাশিত জিনিস ভিকটিমের যোনিতে রেখে গেছে খুনি,’ রেকর্ডিঙের সুবিধার্থে ঘোষণা করার সুরে বললেন তিনি।
পেছনে দাঁড়িয়ে তার কাঁধের ওপর দিয়ে দেখার চেষ্টা করলো নাথান। সেটা করতেই ড. হোভের হাতে ধরা যন্ত্রের ক্লিক শব্দ কানে গেল তার।
‘পেয়েছি,’ বললেন ড. হোভ, ফরসেপের সাহায্যে জিনিসটা যোনি থেকে বের করতে শুরু করলেন।
শক্তভাবে চেপে ধরার কারণে ফরসেপের মাথায় দুই বর্গইঞ্চি আকৃতির একটা ছোটো, স্বচ্ছ, মুখ আটকানো প্লাস্টিক ব্যাগ বের হয়ে এলো। এবং ব্যাগটা খালি নয়।
‘ড্রাগ না-কি?’ জিজ্ঞেস করলো নাথান।
সোজা হলেন ড. হোভ, ফরসেপ আলোর দিকে ধরলেন। ‘বুঝতে পারছি না।’
ডিজিটাল রেকর্ডিঙের সুবিধার্থে আরও একবার, কোথেকে কী উদ্ধার করেছেন, তা বর্ণনা করলেন ড. হোভ। বাঁ থেকে ডানে মাথা হেলালো নাথান, আসলে ঠিক কী পাওয়া গেছে, তা বোঝার চেষ্টা করছে।
ফরসেপের সম্মুখভাগ দিয়ে ব্যাগটা ধরে ব্যাগটাকে সামান্য ঝাঁকালেন ড. হোভ। ‘যা বোঝা যাচ্ছে, প্লাস্টিক ব্যাগের মধ্যে ভাঁজ করা এক টুকরো সাদা কাগজ পেয়েছি আমরা।’
‘কাগজের ছোটো একটা খাম বোধহয়?’ আবার জিজ্ঞেস করলো নাথান।
‘আমার তা মনে হয় না।’ ম্যাগনিফাইং গ্লাসের ভেতর দিয়ে ব্যাগটা দেখার পরে মাথা নাড়লেন ড. হোভ। ‘আচ্ছা, জিনিসটা কী, তা বের করা যাক। ঠিক আছে?’
ম্যাগনিফাইং গ্লাসটা ঠেলে হেডসেটের ওপরে তুলে দিলেন তিনি, তারপর ঘুরে দাঁড়িয়ে স্টেইনলেস-স্টিলের টেবিলের ওপরে ছোটো ব্যাগটা রাখলেন। দ্রুত তার সাথে যোগ দিলো নাথান।
যন্ত্রপাতির ট্রে থেকে ড. হোভ আরও এক জোড়া লকিং ফরসেপ তুলে নিলেন। ব্যাগের সিল খুলে ভেতরের ভাঁজ করা কাগজটা বের করে আনতে বেশি সময় লাগলো না।
‘দেখে তো মাদকের খাম বলে মনে হচ্ছে না,’ মন্তব্য করলো নাথান।
তার দিকে তাকালেন ড. হোভ। ‘বললাম আরকি।’ শ্রাগ করে বললো নাথান।
‘দেখে খাম বলে মনে হচ্ছে না,’ একমত হলেন ড. হোভ, বলে দুটো ফরসেপ দিয়ে কাগজের ভাঁজটা খোলা শুরু করলেন। তিনটে ভাঁজ দেওয়া ছিল, শেষ ভাঁজটা খুলেই থেমে গেলেন তিনি।
‘কী?’
‘হোয়াট দ্য হেল?’ ড. হোভের পেছন থেকে বললো নাথান। ‘এর মানে কী?’
‘এর মানে হলো, ইউভিসি ইউনিটকে কল করা উচিত আমাদের।’
আট
সোমবার সকালটা হান্টারের শুরু হলো মেলিসা হোথর্নের বাড়িতে যাওয়ার মাধ্যমে। সূর্য ওঠার আগেই সেখানে পৌঁছে গেল ও। ফরেনসিক জরুরি বিষয় হলেও তা শব্দ, আলো, হইচই আর লোকজনের মাধ্যমে ক্রাইম সিনকে অনেকটাই কৃত্রিমে পরিণত করে। এর ফলে হারিয়ে যায় আসল ক্রাইম সিন। ক্রাইম সিনটা একা পরিদর্শন করতে চায় হান্টার, যেখানে কোনো হইহল্লা, আলোর ঝলকানি থাকবে না। থাকবে না কোনো বিক্ষিপ্ততা। মেলিসা খুন হওয়ার আগে বাড়িটা যেরকম ছিল, সেই অবস্থায় কিছুক্ষণ পরিদর্শন করতে চায় ও।
পূর্বলক্ষণ কিংবা পূর্বইশারা, অথবা লোকেরা অন্য যে নামেই ডাকুক না কেন তাতে বিশ্বাস করে না হান্টার। একা ক্রাইম সিন পুনরায় পরিদর্শনেও বিশ্বাস নেই ওর, তবে এখানে আসলে ঠিক কী ঘটেছে, সে ব্যাপারে আবছা একটা ধারণা করতে পারছে। ও বিশ্বাস করে… ও এখন জানে মানুষের মধ্যেই শয়তান বাস করে, এমন শয়তান, যে কিনা হান্টারের দেখা সবচেয়ে নৃশংস উপায়ে একজন তরুণীর প্রাণ সংহার করতে পারে।
সকালে মেলিসা হোথর্নের বাড়িতে প্রায় দুই ঘণ্টা সময় কাটালো হান্টার। এই দুই ঘণ্টার বেশিরভাগ সময়টায় ও কাটালো লিভিং রুম/কিচেন এরিয়াতে। রক্তের যে পুকুর সৃষ্টি হয়েছিল, তা পরিষ্কার করে ফেলা হয়েছে, কিন্তু এখনো একটা দাগ রয়েই গেছে। সেই দাগ দেখলে বোঝা যায়, কোথায় প্রাণ হারিয়েছিল মেলিসা নামের হতভাগী তরুণী। ঘরে একটা নির্দিষ্ট গন্ধও পাওয়া যাচ্ছে যেটা কিনা তদন্তের পরে সব ক্রাইম সিনেই পাওয়া যায়। গন্ধটা ঠিক পচা গন্ধ নয়। একদম অন্যরকম এক গন্ধ। মেলিসা হোথর্নের লাশ যখন পাওয়া যায়, তখনও সেই লাশে পচন ধরতে অনেক দেরি। গন্ধটা অদ্ভুত কিছুটা মিষ্টি, রক্তের কিছুটা ধাতব গন্ধ আর কিছুটা জীবানুনাশকের গন্ধ।
আরও একবার ক্রাইম সিন পরিষ্কার দল দক্ষতার সাথে নিজেদের কাজ সম্পন্ন করেছে। মেলিসার মৃতদেহ যে জায়গায় পাওয়া গেছে, এবং তার নিচে সৃষ্টি হয়েছিল রক্তের পুকুরের, ঠিক সেখানে গিয়ে দাঁড়ালো হান্টার। সিলিঙের দিকে তাকালো, ঘাড় বাঁকালো যতটা সম্ভব। মাথা সেরকমভাবে রাখলো বেশ কয়েক সেকেন্ড, থুতনিটা যতটা সম্ভব সামনে এগিয়ে দিলো, সেই সাথে নিচের চোয়াল নিচের দিকে নামানোর চেষ্টা করলো। এটা করতে গিয়ে জিভের নিচে একটা টান অনুভব করলো ও, জিভ সংকুচিত হয়ে গেল।
নতুন পজিশনে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকলো হান্টার; মেলিসা হোথর্ন কী পরিমাণ কষ্ট, কী পরিমাণ ব্যথা, কী পরিমাণ যন্ত্রণা ভোগ করেছে, কী পরিমাণ আতঙ্ক অনুভব করেছে, তা অনুমান করার চেষ্টা করলো। কারণ সে জানতো, কেউ তাকে বাঁচাতে আসবে না। সে জানতো, মারা যাচ্ছে সে।
হুট করেই গায়ে কাঁটা দিয়ে উঠলো ওর। পেটের মধ্যে কেমন পাক খেয়ে উঠলো। হান্টার অনুভব করলো, ভয়ঙ্কর ও কুৎসিত অনুভূতিটা এখনো এই ঘরের বাতাসে রয়ে গেছে। যেন বলতে চাইছে ‘পারলে আমাকে ধর’।
ওই পজিশনে এক মিনিট মতো থাকলো হান্টার, তারপর ক্ষ্যান্ত দিলো। মেঝেতে রক্তের দাগওয়ালা জায়গাটা থেকে সরে এলো ও, শেষবারের মতো কিচেনের চারিদিকে তাকালো। গায়ে কাঁটা দেওয়ার অনুভূতিটা যায়নি এখনো। দূর হয়নি পেটের মধ্যে পাক খেয়ে ওঠার অনুভূতিটাও। সত্যি কথা হলো, এই ঘরটায় সারাজীবনের জন্য মৃত্যু আর অশুভের গন্ধ হয়ে গেছে।
তবে মুখের ভেতরে হান্টার যে তিক্ত স্বাদটা অনুভব করলো, তার কারণ অন্য। নিজের অভিজ্ঞতা থেকে ও জানে, এই ধরনের অশুভ শক্তি খুব কম সময়েই একবারে নিজেদের কাজ শেষ করে। পুনরায় আঘাত করার… আবার খুন করার ইচ্ছাটা এত তীব্র হয় যে, তা চেপে রাখা রীতিমতো অসম্ভব হয়ে ওঠে। তাই হত্যাকারীর পুনরায় আঘাত করাটা সময়ের ব্যাপার মাত্র।
নয়
লস অ্যাঞ্জেলসে যে বিখ্যাত পুলিশ প্রশাসন ভবনটা আছে, সেই ভবনের রবারি হোমিসাইড ডিভিশন ফ্লোরের শেষ প্রান্তে অবস্থিত এলএপিডি’র আলট্রা ভায়োলেন্ট ক্রাইমস ইউনিটের অফিস। মেলিসা হোথর্নের বাড়ি থেকে বেরোনোর আধা ঘণ্টা পরে সেখানে পৌঁছালো হান্টার। ও যখন অফিসে ঢুকলো, তখন অফিসের দক্ষিণ দিকের দেয়ালে লাগানো একটা ছবির বোর্ডের সামনে দাঁড়িয়ে ছিল গার্সিয়া। সিএসআই থেকে শেষ পাওয়া ফরেনসিকের ছবিগুলো সেখানে সেঁটে দিয়েছে সে।
‘মর্নিং,’ জ্যাকেট খুলে চেয়ারের পেছনে রাখতে রাখতে বললো হান্টার, নিজের ডেস্কের কম্পিউটার চালু করলো।
‘আমি যতই এগুলো দেখছি,’ জবাব দিলো গার্সিয়া, বোর্ডের দিক থেকে চোখ সরালো না। ‘ততই দুর্বোধ্য ঠেকছে আমার কাছে।’
বোর্ডের সামনে গিয়ে গার্সিয়ার সাথে যোগ দিলো না হান্টার, নিজের ডেস্কে বসলোও না। বরং জায়গায় দাঁড়িয়ে নীরবে বোর্ডে লাগানো ছবিগুলো দেখতে লাগলো।
‘হ্যাঁ,’ আগের কথার খেই ধরলো গার্সিয়া। ‘আমি জানি, প্রত্যেকটা খুনই, বিশেষ করে যেগুলো আমাদের ইউনিটে তদন্ত করার জন্য দেওয়া হয়, এক অর্থে দুর্বোধ্য। তবে আমি এই অপরাধটা নিয়ে কিছু বলছি না, বলছি না এর মোটিভ নিয়েও। অথবা যে নির্মমতার সাথে খুনটা করা হয়েছে, তার সাথে যে ব্যক্তিগত ঘটনা জড়িত, তা নিয়েও কিছু বলছি না। আমি পদ্ধতি নিয়ে বলছি,’ মাথা নাড়লো সে, চোখজোড়া এক ছবি থেকে অন্য ছবিতে ঘুরতে লাগলো। ‘খুনি শ্বাসরোধ করে মারেনি মেয়েটাকে, মারেনি কেটে টুকরো টুকরো করেও। ধর্ষণও করেনি, এমনকি ভিকটিমের মাংসও খায়নি। বরং ভিকটিমের মুখে তারই লিভিং রুমে ফিশিং হুক ঢুকিয়ে দিয়েছে। ‘দুর্বোধ্য’ শব্দটাও আসলে এই নৃশংসতার সাথে খাপ খাচ্ছে না।’
হান্টার কিছু বলার আগেই ওদের অফিসের দরজা খুলে ভেতরে ঢুকলেন এলএপিডি’র রবারি হোমিসাইড ডিভিশনের ক্যাপ্টেন বারবারা ব্লেক। ডিটেকটিভদের সাথে কোনো সৌজন্যতা না দেখিয়েই সোজা বোর্ডের সামনে চলে গেলেন তিনি, গার্সিয়ার পাশে গিয়ে দাঁড়ালেন। চোখজোড়া ঘুরতে লাগলো ছবিগুলোর ওপরে, মগজ ব্যস্ত হয়ে গেল সেগুলো বোঝার কাজে।
‘এ কী ভয়ঙ্কর ব্যাপার!’ আপনমনে বিড়বিড় করলেন তিনি।
‘গুড মর্নিং, ক্যাপ্টেন,’ বললো গার্সিয়া, ক্যাপ্টেনকে দেখে নিলো এক নজরে।
লম্বা, অবার্ন (বাদামির একটা শেড) চুল স্টাইলের সাথে খোঁপা করে রেখেছেন ক্যাপ্টেন। সিল্কের সাদা একটা ব্লাউজ পরেছেন তিনি, যেটা নিখুঁতভাবে গোঁজা রয়েছে কালো টিউব স্কার্টের মধ্যে। পায়ে রয়েছে লো-হিলের একজোড়া জুতা। পেশাদার হাতে হালকা মেকআপ করেছেন তিনি, তারপরেও তার নারীসুলভ কমনীয়তা একদমই কমেনি। অভিজাত একজোড়া দুল কানে পরা, যেটা একদম মানিয়েছে তার গলার কালো পুঁতির নেকলেসের সাথে। তার ডান হাতে একটা কেস ফাইল ধরা।
আরও কয়েক সেকেন্ড বোর্ডের দিকে তাকিয়ে থাকার পরে গার্সিয়ার দিকে তাকালেন তিনি, তারপর তাকালেন হান্টারের দিকে। ‘মানুষের হয়েছেটা কী?’ জিজ্ঞেস করলেন তিনি, তার গলাটা একই সাথে দুঃখী ও ক্রুদ্ধ শোনালো। ‘কেন? একজন মানুষের সাথে আরেকজনের এরকমটা করার কী কারণ থাকতে পারে?’
‘কারণ, এটা খুনির কাছে কোনো অর্থ বহন করে,’ অবশেষে নিজের ডেস্কে বসে জবাব দিলো হান্টার।
‘কোনটা?’ আবার প্রশ্ন করলেন ক্যাপ্টেন ব্লেক।
‘সবগুলো, ক্যাপ্টেন,’ জবাব দিলো হান্টার, দৃষ্টি ঘুরে গেল গার্সিয়ার দিকে। ‘ছবিতে যা কিছু দেখছেন, তার সব। সবকিছুই খুনির কাছে অর্থ বহন করে।’
আরও এক মুহূর্ত বোর্ডে লাগানো নৃশংস ছবিগুলো দেখলেন ক্যাপ্টেন ব্লেক। ‘ভিকটিমও?’ জানতে চাইলেন তিনি।
‘বিশেষ করে ভিকটিমই,’ ক্যাপ্টেনের প্রশ্নের উত্তর দিল গার্সিয়া। ‘খুনটা খুব যত্নের সাথে আর নিখুঁতভাবে করা, ক্যাপ্টেন। ব্যক্তিগত কোনো শত্রুতা না থেকেই যায় না।’
‘ব্যক্তিগত মানে? খুনি কি নির্দিষ্টভাবে ভিকটিমকেই খুন করতে চেয়েছিল?’ মেলিসা হোথর্নের ছবির দিকে আঙুল দিয়ে ইশারা করলেন ক্যাপ্টেন। ‘না-কি আমরা ভিকটিম যা কিছুর প্রতিনিধিত্ব করে, তা নিয়ে কথা বলছি?’
নিজের চেয়ারে বসলো হান্টার। ‘আপনি জানতে চাইছেন, আমরা এই অপরাধটাকে হেট ক্রাইম হিসেবে বিবেচনা করছি কিনা?’
‘হ্যাঁ, সেটাই জানতে চাইছি আমি,’ নিশ্চিত করলেন ক্যাপ্টেন, আবারও বোর্ডের দিকে ইশারা করলেন। ‘কেননা, এই ছবিগুলো আমার কাছে ‘বিশুদ্ধ ঘৃণা’ ও ‘বিশুদ্ধ নিষ্ঠুরতা’ ছাড়া আর কোনো অর্থ বহন করছে না। এই ধরনের ঘৃণা ও নিষ্ঠুরতা খুব কম মানুষের মধ্যেই দেখা যায় এবং তাদের মধ্য থেকে বর্ণবাদীদেরকে ছেঁটে ফেলতে পারি না আমরা।’ বলে বিরতি দিলেন তিনি, কণ্ঠ শান্ত করার জন্য একবার দম নিলেন। ‘ব্ল্যাক লাইভস ম্যাটার মুভমেন্টের পর থেকে এই দেশে বর্ণবাদবিরোধী ব্যাপারটা নতুন মাত্রা পেয়েছে, অনেক ভালো কিছু ঘটেছে। কিন্তু একই সাথে মনেপ্রাণে বর্ণবাদ লালন করে, সব জায়গায় এমন ছোটো ছোটো উগ্রপন্থী দলেরও উত্থান ঘটেছে। তাদের অনেকে এই লস অ্যাঞ্জেলসেও আছে। আপনারা দুজনই সেটা জানেন। এবং এই একই প্রশ্ন প্রেস করবে, চিফ অব পুলিশ করবেন, মেয়র করবেন, এমনকি প্রশ্নকারীর তালিকা থেকে বাদ যাবেন না ক্যালিফোর্নিয়ার মেয়রও। এই প্রশ্নটা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। তাই আমি আরেকবার আপনাদেরকে জিজ্ঞেস করছি। আপনারা কি মনে করেন, এই খুনের সাথে বর্ণবাদের কোনো সম্পর্ক আছে?’
‘এই মূহূর্তে নিশ্চিতভাবে কিছু বলার উপায় নেই ক্যাপ্টেন,’ প্রথমে জবাব দিলো গার্সিয়া। ‘কারণ, খুনের বিষয়ে খুব বেশি তথ্য আমাদের কাছে নেই। ভিকটিম খুন হয়েছে চব্বিশ ঘণ্টাও হয়নি। তবে বিষয়টা নিয়ে কাজ করছি আমরা।’
ক্যাপ্টেন ব্লেকের মনোযোগ আবার বোর্ডের দিকে ঘুরে গেল। কয়েক সেকেন্ড পরে, তর্জনী দিয়ে একটা নির্দিষ্ট ছবির দিকে ইশারা করলেন তিনি। ‘বড়ো সাইজের এই ফিশিং হুকটা কী ধরনের? খুঁজে করার উপায় আছে কোনো?’
‘ওটা একটা বড়ো সাইজের শার্ক হুক,’ জবাব দিলো গার্সিয়া। ‘অ্যালিগেটর শিকারের জন্যও ব্যবহৃত হয়। স্টেইনলেস স্টিলের তৈরি। প্রায় নয়শো পাউন্ড ওজন বহন করতে সক্ষম।’
শক্ত হয়ে ঠোঁটে ঠোঁট চেপে বসলো ক্যাপ্টেনের, নিজের ডিটেকটিভদের দিকে ফিরে তাকালেন। ‘মানুষ এখন অ্যালিগেটরও শিকার করে?’
‘হ্যাঁ, করে।’ এবার উত্তর দিলো হান্টার।
‘ক্যালিফোর্নিয়াতে?’ চ্যালেঞ্জের সুরে বললেন ক্যাপ্টেন।
‘হুক থেকে কোনো সূত্র পাওয়া যাবে বলে মনে হয় না, ক্যাপ্টেন,’ কথার খেই নিজের হাতে নিলো গার্সিয়া। ‘হুকটা অ্যালিগেটর, শার্ক, অথবা যে-কোনো বড়ো মাছ, যেমন, টুনা, সোর্ডফিশ শিকারেও ব্যবহৃত হয়। আর এখানে এসব মাছের অভাব নেই।’
‘তাহলে হুকটা খুঁজে বের করার কোনো উপায় নেই?’
‘কার্যত অসম্ভব,’ বললো গার্সিয়া। ‘জিনিসটা অনলাইনের মাধ্যমে দুনিয়ার যে-কোনো প্রান্ত থেকে কেনা হয়ে থাকতে পারে। ইবে’সহ আরও যেসব ওয়েবসাইট আছে, এবং সেখানে যে প্রাইভেট সেলগুলো হয়, সেগুলোর কথা বাদই দেওয়া যাক।’
বোর্ড থেকে এক পা পিছিয়ে গেলেন ক্যাপ্টেন ব্লেক। ‘আচ্ছা, মেয়েটা কে, তা কি জানা গেছে?’
নিজের নোটপ্যাড নেয়ার জন্য হাত বাড়ালো হান্টার। ‘তার নাম মেলিসা হোথর্নের,’ নোটপ্যাড থেকে পড়লো ও। ‘বয়স হয়েছিল ঊনত্রিশ বছর। জন্ম এই লস অ্যাঞ্জেলসেই, লেইমার্ট পার্কের বাসিন্দা ছিল। একা থাকতো সে, পেশায় ছিল হেয়ারস্টাইলিস্ট। হিউস অব কার্লস নামের এক ছোটো সেলুনে কাজ করতো সে, সেলুনটা ক্রেন’শ বুলেভার্ডে অবস্থিত, জায়গাটা তার আবাসস্থল থেকে খুব একটা দূরে নয়। দেড় বছর আগে তার মা জোয়ানা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন।’
‘আর বাবা?’ জানতে চাইলেন ক্যাপ্টেন।
‘জন্মদাতা পিতার কথার উল্লেখ কোথাও পাইনি আমরা,’ ক্যাপ্টেনকে জানালো হান্টার। ‘আমরা যেটুকু বুঝতে পেরেছি, তার সাথে মেলিসার কখনো দেখাই হয়নি। মেলিসার জন্মের পরের পাঁচ বছর বিভিন্ন বয়ফ্রেন্ডের সাথে লিভ টুগেদার করতেন জোয়ানা, শেষ পর্যন্ত ক্লেটন ল্যাং নামের এক ব্যক্তিকে বিয়ে করেন।’
পায়ের ভর বদলালেন ক্যাপ্টেন ব্লেক। ‘এই বয়ফ্রেন্ডদের কারো নির্যাতনের রেকর্ড আছে?’
‘সে বিষয়ে খোঁজ নিচ্ছি আমরা,’ বললো হান্টার। ‘আগের এক সম্পর্ক থেকে মি. ল্যাঙের একটি মেয়ে ছিল। তার নাম জ্যানেট। মেলিসার চাইতে তিন বছরের ছোটো। মেলিসা ও জ্যানেট দুই সৎ বোনের মধ্যে রক্তের কোনো সম্পর্ক না থাকলেও এদের মধ্যে এমন আন্তরিকতা হয়ে যায় যেন তারা দুই জমজ বোন। জ্যানেটই ভিকটিমের মৃতদেহ আবিষ্কার করেছে।’
এক মূহুর্তের জন্য চোখ বন্ধ করলেন ক্যাপ্টেন ব্লেক, তর্জনীর ডগা দিয়ে ডলে নিলেন ভ্রূজোড়া। ‘কখনকার কথা এটা?’
‘গতকাল সকাল সাড়ে এগারোটার দিকের।’ নোটপ্যাডের একটা পৃষ্ঠা ওল্টালো হান্টার। ‘কেনেথ হান লোয়ার পার্কে জগিং করে ব্রাঞ্চ করতে যাওয়ার কথা ছিল মেলিসা আর জ্যানেটের। উপস্থিত হওয়ার সময় ছিল সকাল এগারোটা। বেশ কয়েকবার মেসেজ পাঠানো এবং ফোন করেও বোনের সাড়া না পাওয়ায় চিন্তিত হয়ে পড়ে জ্যানেট, তারপর বোনের বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। সদর দরজা খোলা ছিল।’
‘বাসার চাবি আর কারো কাছে ছিল? প্রেমিকের কাছে?’
‘জ্যানেটের বক্তব্য অনুযায়ী, শুধুমাত্র তার কাছেই একটা অতিরিক্ত চাবি ছিল। মেলিসার কোনো বয়ফ্রেন্ড ছিল না। অন্তত মৃত্যুর সময়ে ছিল না।’
‘এ কথার মানে কী?’ ভ্রূ কুঁচকে হান্টারকে জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন ব্লেক।
‘মানে হলো, ভিকটিমের বয়ফ্রেন্ড ছিল, কিন্তু বেশ কিছুদিন আগে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। সেটা যে কবে, তা জানে না জ্যানেট, তবে সময়টা এক বছরের কম।’
‘সেই সাবেক বয়ফ্রেন্ডের নাম?’ আবার জানতে চাইলেন ক্যাপ্টেন। ‘হয়তো তার কাছে একটা চাবি ছিল, এবং সেটা সে আর ফেরত দেয়নি। সম্পর্ক শেষ হওয়ার কারণ কী ছিল?’
‘এক্সের নাম কেভিন গ্যারিসন। জ্যানেটের কাছ থেকে জেনেছি, সম্পর্ক শেষ হওয়ার কারণ ছিল মিস হোথর্নিকে চিট করেছিল কেভিন।’
ক্যাপ্টেন ব্লেক এমন একটা মুখভঙ্গী করলেন, যাতে ‘পুরুষ মানুষ’ শব্দ দুটো পড়তে হান্টার আর গার্সিয়ার বিন্দুমাত্র অসুবিধা হলো না।
‘এখন পর্যন্ত লোকটার ব্যাপারে এটুকুই জানতে পেরেছি আমরা,’ আবার আগের কথার খেই ধরলো হান্টার। ‘তবে তাকে খুঁজে বের করতেই হবে আমাদের-আর তার জন্য অনেকের থেকে তথ্য আদায় করতে হবে।’
‘কাকে দিয়ে শুরু করবেন?’
‘মেলিসা আর জ্যানেট দুজনেই শনিবার সন্ধ্যায় এক বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিল।’ নিজের নোট থেকে পড়লো হান্টার। ‘বন্ধুর নাম কেলি-অ্যান টেলার। জ্যানেটের ভাষ্যানুযায়ী, মিস টেলার ও মেলিসা ছিল বেস্ট ফ্রেন্ড।’
‘তারা পার্টি থেকে বের হয়েছিল কখন?’ জিজ্ঞেস করলেন ব্লেক। ‘দুই বোনের কথা বলছি।’
‘এক সাথে বেরোয়নি তারা,’ ব্যাখ্যা করলো হান্টার। ‘নিজের বয়ফ্রেন্ডের সাথে পার্টিতে গিয়েছিল জ্যানেট, বেরোয়ও তার সাথে। রয়ে যায় মেলিসা।’
‘তাহলে বাড়িতে ফিরলো কীভাবে? ড্রাইভ করে?’
‘না। নিজের গাড়ি ছিল না মিস হোথর্নের। ধারণা করা যায়, একটা ক্যাব ভাড়া করেছিল সে। আজ আমরা কেলি-অ্যান টেলারের সাথে কথা বলবো। আশা করি, তার কাছ থেকে শনিবার সন্ধ্যার পার্টিতে আসা সব অতিথির একটা তালিকা পাওয়া যাবে। প্রত্যেক অতিথির সাথে আলাদাভাবে কথা বলতে হবে আমাদের। আর আশা করা যায়, মিস টেলার যেহেতু মিস হোথর্নের বেস্ট ফ্রেন্ড ছিল, সেহেতু মিস হোথর্নের সাবেক বয়ফ্রেন্ড কেভিন সম্পর্কেও কিছু আলোকপাত করতে পারবে।’
‘ভিকটিম কি একাই পার্টিতে গিয়েছিল?’ হান্টারের দিকে তাকালেন ক্যাপ্টেন ব্লেক। ‘নাকি সাথে ছিল কেউ? এ ব্যাপারে জানা গেছে কিছু?’
‘তার বোনের ভাষ্যানুযায়ী, একাই পার্টিতে গিয়েছিল মিস হোথর্ন। তবে এখানে একটা কিন্তু আছে। নিজের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে এই পার্টিতে যাওয়ার কথা উল্লেখ করেছিল সে। শুধু একবার নয়, বেশ কয়েকবার। ইন ফ্যাক্ট, এই পার্টিতে যাওয়ার কথা সে প্রথম উল্লেখ করেছিল এক সপ্তাহেরও বেশি সময় আগে। এমনকি পার্টির তারিখ ও স্থানও উল্লেখ ছিল সেখানে।’
হেরে যাওয়ার ভঙ্গীতে মাথা নিচু করলেন ক্যাপ্টেন ব্লেক। ‘অবিশ্বাস্য। নিজেদের জীবনকে যে সবার সম্মুখে আনতে হয় না, তা মানুষ কবে বুঝবে?’ অসন্তোষের একটা শব্দ বেরোলো তার মুখ দিয়ে। ‘তার ফোনের কী অবস্থা? সেদিন রাতে তার ফোনে কোনো কল এসেছিল?’
‘এখনো জানি না আমরা। ভিকটিমের ফোন খুঁজে পাওয়া যায়নি।’
নিজের ডিটেকটিভদের দিকে ভ্রূ কুঁচকে তাকালেন ক্যাপ্টেন ব্লেক।
‘সব জায়গায় দেখেছি আমরা,’ নিশ্চিত করার ভঙ্গীতে তাকে বললো হান্টার। ‘গতকাল রাতে ফোনটা খুঁজে বের করারও চেষ্টা করেছি। সিগন্যাল ইজ ডেড।’
‘তার মানে, নষ্ট করে ফেলা হয়েছে।’ প্রশ্ন নয়, মন্তব্য করলেন ক্যাপ্টেন ব্লেক।
‘খুব সম্ভবত,’ বললো হান্টার। ‘তার নেটওয়ার্ক প্রোভাইডারের সাথে কথা হয়েছে আমাদের। এবং যত দ্রুত সম্ভব, তার মোবাইলের টেক্সট মেসেজ, ফোন কল, সবকিছুর একটা তালিকা আমাদের হাতে চলে আসবে।’
‘ওকে,’ গার্সিয়ার দিকে ঘোরার আগে হান্টারের উদ্দেশ্যে নড করলেন ক্যাপ্টেন ব্লেক। ‘এবার আপনি বলুন।’
‘এখন পর্যন্ত এটুকুই,’ ক্যাপ্টেনকে জানালো গার্সিয়া। ‘এখনো শকে আছে জ্যানেট ল্যাং, ঠিকমতো কথাই বলতে পারছে না। ব্যাপারটা বিস্ময়কর নয়।’ সামান্য ঘাড় কাত করে বোর্ডের দিকে তাকালো সে। ‘যা যা শুনলেন, সে তথ্যগুলো বের করতেই রবার্টের এক ঘণ্টার ওপরে সময় লেগেছে।’
‘আজ বিকেলে অথবা আগামীকাল সকালে আমি আবার মেয়েটার সাথে কথা বলার চেষ্টা করবো,’ বললো হান্টার।
‘জ্যানেটের বাবা ক্লেটন ল্যাঙের ব্যাপারে কিছু জানা গেছে?’ জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন।
‘চার বছর আগে মারা গেছেন তিনি,’ জানালো হান্টার। ‘হার্ট অ্যাটাকে। আমরা যতটুকু বুঝতে পেরেছি, সৎ বাপ হিসেবে খুব ভালো ছিলেন তিনি।’
ক্যাপ্টেন ব্লেকের দৃষ্টি আবার বোর্ডের দিকে ফিরে গেল। ‘তার সাবেক বয়ফ্রেন্ডের নাম কেভিন, রাইট?’
নড করলো গার্সিয়া।
‘সে গ্যাং অ্যাক্টিভিটিতে জড়িত কিনা, সে বিষয়ে কিছু জানা গেছে?’
ক্যাপ্টেনের প্রশ্নের কারণ দুজন ডিটেকটিভই জানে। বোর্ডে টাঙানো ছবিতে যে ধরনের ঘৃণা ও নিষ্ঠুরতা দেখা যাচ্ছে, তা বিশেষ ধরনের। যা দেখাতে খুব কম মানুষই পারদর্শী। এবং এ ধরনের ঘৃণা ও নিষ্ঠুরতা দেখানোর জন্য আন্তর্জাতিকভাবে কুখ্যাতি আছে লস অ্যাঞ্জেলসের কিছু গ্যাঙের। বিশেষ করে সেই নিষ্ঠুরতাগুলো যখন কোনো শিক্ষা দেওয়ার উদ্দেশ্য ঘটানো হয়, অথবা ঘটানো হয় কোনো প্রতিশোধ হিসেবে।
‘রবার্ট যা বললো, ক্যাপ্টেন,’ আবার মুখ খুললো গার্সিয়া, ‘আমরা এই কেভিন গ্যারিসন সম্পর্কে কিছুই জানি না আসলে, তবে আমরা ইতোমধ্যেই এলএপিডি গ্যাং ও নারকোটিকস ডিভিশনের ক্যাপ্টেন কারমোনার সাথে কথা বলেছি।’ বলে আবার বোর্ডের দিকে ইঙ্গিত করে মাথা নাড়লো সে। ‘এরকম কিছু তিনি কখনো শোনেনওনি। এই খুন যদি কোনো গ্যাঙের হয়েও থাকে, তবে তা একদম নতুন কোনো গ্যাঙের।’
সে সময়ই হান্টারের ডেস্কের ফোন বেজে উঠলো।
‘ডিটেকটিভ হান্টার বলছি,’ বললো ও, রিসিভার কানের সাথে ঠেকালো। ‘ইউভিসি ইউনিট।’
‘রবার্ট, ক্যারোলিন বলছি।’ ড. হোভের দৃঢ়, মসৃণ গলা চিনতে অসুবিধা হলো না হান্টারের।
‘এই কেসের ময়নাতদন্তের কাজ শেষ আমার…’ হান্টারকে কেস ফাইল নাম্বার পড়ে শোনালেন তিনি। ‘আফ্রিকান-আমেরিকান নারী, এটা তো আপনারই কেস?’
‘জি, ডক। ইন্টারেস্টিং কিছু পেয়েছেন না-কি?’
হাসলেন ড. হোভ, কিন্তু সেই হাসিতে প্রাণ নেই কোনো। ‘হ্যাঁ, সেরকমই মনে হচ্ছে। এসে একবার দেখে যেতে পারেন?’
‘দেখে যাবো?’ গার্সিয়া আর ক্যাপ্টেন ব্লেকের চাহনিও হান্টারকে একই প্রশ্ন করলো।
‘আপনার ভিকটিমকে যে-ই হুক থেকে ঝুলিয়ে থাকুক না কেন, সে ছোটো একটা উপহার রেখে গেছে।’
‘যেমন?’
‘একটা নোট পেয়েছি আমরা।’
‘নোট?’ প্রশ্নবোধক কঠিন চোখে হান্টারের দিকে তাকিয়ে আছেন ক্যাপ্টেন ব্লেক আর গার্সিয়া।
‘কোথায়?’ জিজ্ঞেস করলো হান্টার।
‘ভিকটিমের ভেতরে।’
এর মানে কী, তা হান্টার জানে। ‘আচ্ছা, আসছি আমরা।’
