জেনেসিস – ৭০

সত্তর

গার্ডেনা স্কুল লাইব্রেরি-কয়েক ঘণ্টা আগের কথা…

ইয়ারবুকের পেছনের কাভার উল্টে লাইব্রেরির চেকআউট কার্ড খুঁজলো হান্টার। কার্ডটা একদম ফাঁকা, ২০০৯ সালের জুনিয়র হাই ইয়ারবুকটা কেউ কখনো ধার নেয়নি। ঘড়ির দিকে তাকালো ও। মিস্টার হার্টলির কাছে যাওয়ার সময় হয়ে গেছে।

কিন্তু ইয়ারবুকটা বন্ধ করতে গিয়ে ও লক্ষ করলো, শেষ চারটে পাতা একটা বিশেষ সেকশনের অংশ, যেখানে সেই বছর দুর্ভাগ্যজনকভাবে মারা যাওয়া শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানানো হয়েছে। সেকশনের শিরোনাম: ‘ভালোবাসাময় স্মৃতিতে’।

শব্দ চারটে ঝড় তুললো হান্টারের মগজে। প্রিয়জনের মৃত্যু মানুষের মনকে কতটা প্রতিশোধপরায়ণ করতে পারে, তা নিজের অভিজ্ঞতা থেকে ও অভিজ্ঞ হোমিসাইড ডিটেকটিভ হিসেবে জানে হান্টার।

এমন কি হতে পারে যে ও আর গার্সিয়া ভুল করেছে? গার্ডেনা জুনিয়র হাই স্কুলের ছাত্রদের পেছনে মেন্টরের লাগার কারণ যদি স্কুলে তাকে তুচ্ছতাচ্ছিল্য করা বা অপমান করা না হয়? হয়তো তার ভয়ানক কোনো ক্ষতি হয়েছে, যার কারণ হিসেবে ওই পাঁচজনকে দায়ী করে সে?

পাতা চারটে উল্টে দেখলো হান্টার। সব মিলিয়ে মোট বারোটা ছবি; চারজন ছাত্রের, তিনটে ছেলে আর একটা মেয়ে। প্রতি পাতায় একজন ছাত্রের তিনটে বড়ো, রঙিন ছবি। সেই সাথে পাতাগুলোতে পরিবারের কোনো সদস্য বা শিক্ষকের লেখা ভালোবাসায় ভরা শ্রদ্ধাঞ্জলী। দুই ভাই-একজন নয় বছরের, অন্যজন এগারো, একদিনেই মারা গিয়েছিল। মেয়েটি ছিল দশ বছরের, পঞ্চম শ্রেণিতে পড়তো সে। বছর শেষ হওয়ার কয়েক সপ্তাহ আগেই মারা যায়। চতুর্থজন ছিল নয় বছর বয়সি একটা ছেলে, চতুর্থ শ্রেণিতে পড়তো।

চারজনের কেউই অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল না। কেউই ২০০৯ সালের ব্যাচের অংশও ছিল না। তবে ‘ভালোবাসাময় স্মৃতিতে’ অংশের শেষ পাতায় এমন কিছু ছিল, যা হান্টারকে অন্যভাবে ভাবতে বাধ্য করলো।

নয় বছর বয়সি চতুর্থ শ্রেণির ছাত্রটি মারা যায় ২০০৮ সালের আগস্ট মাসে। কিন্তু হান্টার যে ইয়ারবুকটা দেখছিল, তা ছিল ২০০৯ সালের জুনিয়র হাই ইয়ারবুক, ছেলেটার মৃত্যুর প্রায় এক বছর পর। তাহলে তাকে ২০০৯ সালের সংস্করণে অন্তর্ভুক্ত করা হলো কেন?

সহজ উত্তর-ছেলেটি আগের স্কুল বছরের শেষে, ২০০৭-০৮ সালে মারা গিয়েছিল। ২০০৮ সালের জুনিয়র হাই ইয়ারবুক তত দিনে ছাপা হয়ে যাওয়ায় তাকে পরের বছরের ইয়ারবুকে জায়গা দেওয়া হয়। সাধারণত ইয়ারবুক জুন মাসের শেষের দিকেই তৈরি হয়ে যায়। এর মানে, যদি কোনো ছাত্র স্কুলের বার্ষিক পরীক্ষার ছুটির সময় মারা যায়, তবে তার ‘ভালোবাসাময় স্মৃতিতে’ পাতাটা পরবর্তী ইয়ারবুক সংস্করণে যুক্ত করা হয়।

হান্টার উঠে আবার শেলফের কাছে ফিরে গেল। এবার ২০১০ সালের জুনিয়র হাই ইয়ারবুকটা তুলে নিলো ও এবং আবার শেষের কয়েক পাতা উল্টে ‘ভালোবাসাময় স্মৃতিতে’ অংশটা খুঁজে বের করলো। এই সংস্করণে সব মিলিয়ে সাতটি পাতা। এবং এই বইটিরও প্রতি পাতায় একজন ছাত্রের তিনটে বড়ো, রঙিন ছবি এবং একটি শ্রদ্ধাঞ্জলী লেখা।

মনোযোগ দিয়ে পাতার লেখাগুলো পড়লো হান্টার, ছাত্রছাত্রীদের ছবিগুলো খুঁটিয়ে দেখলো। এই শিক্ষার্থীদেরও কেউ অষ্টম শ্রেণির ছাত্র নয়। এদের কেউ ২০০৯ সালের স্নাতক ব্যাচের সদস্যও ছিল না। আন্দাজে ঢিল ছোঁড়া আবারও ব্যর্থ প্রমাণিত হলো।

তবে ইয়ারবুকটা শেলফে রাখার সময় থেমে গেল ও।

‘এক সেকেন্ড,’ ভুল বুঝতে পেরে নিজেকে ফিসফিস করে বললো ও। ‘আমি হয়তো ভুল ইয়ারবুক দেখছি।’

যদি ২০০৯ সালের ব্যাচের কোনো শিক্ষার্থী স্কুল বছর শেষ হওয়ার পর এবং পরের বছর শুরু হওয়ার আগে, ২০০৯ সালের জুলাই, আগস্ট বা সেপ্টেম্বর মাসে মারা যেতো, তবে তাদের ‘ভালোবাসাময় স্মৃতিতে’ পাতাটা ২০১০ সালের সংস্করণে যুক্ত হতো, কিন্তু জুনিয়র হাই ইয়ারবুকে নয়। ২০১০ সালে, ২০০৯ সালের জুনিয়র হাইয়ের শিক্ষার্থীরা তখন হাই স্কুলের নবম শ্রেণিতে পড়াশোনা করছিল। সেই হিসেবে, তাদের শ্রদ্ধাঞ্জলী পাতা হাই স্কুলের ইয়ারবুকে থাকার কথা, জুনিয়র হাই ইয়ারবুকে নয়।

বুকশেলফে চোখ বোলাতে লাগলো ও, বোলাতে বোলাতে ২০১০ সালের অন্য সংস্করণটি পেয়ে গেল। এটা গার্ডেনা হাই স্কুলের, জুনিয়র হাইয়ের নয়। হান্টারের চোখ শেলফের দিকে ঘুরল এবং সে ২০১০ সালের গার্ডেনা হাই স্কুলের ইয়ারবুক খুঁজে পেলো।

‘এটা অনেক বেশি যুক্তিসংগত ও অর্থবহ হবে।’

বইটা তুলে নিলো হান্টার, আবার সেই বিশেষ অংশের খোঁজে শেষের পাতাগুলো ওল্টাতে শুরু করলো।

হাই-স্কুলের ইয়ারবুকটা জুনিয়র হাইয়ের তুলনায় বেশ মোটা। ‘ভালোবাসাময় স্মৃতিতে’ অংশে মোট একুশটা পাতা, তবে শুরুর পাতাটা ওল্টানোর পরেই থেমে গেল হান্টার।

পাতায় চৌদ্দ বছর বয়সি এক মেয়ের ছবি; চকচকে কালো চুল, বাদামি চোখ ও মন ভোলানো কোমল হাসির অধিকারী ছিল সে। দুর্ভাগ্যক্রমে ২০০৯ সালের জুলাই মাসে মারা যায় মেয়েটা, জুনিয়র হাই থেকে ২০০৯ সালে পাস করার মাত্র কয়েক সপ্তাহ পরেই।

কিন্তু যা হান্টারের মনের ওপর যেটা গভীর প্রভাব ফেললো; তা হলো, সেই পাতায় থাকা শ্রদ্ধাঞ্জলী বার্তা।

এই আঁধারে জ্বলে না আলো, তোমার মতো দ্বীপ্তিতে আর।

আমার চোখে নেই যে কেউ-তুমি ছিলে সবচে অপার।

তোমাকে হারিয়ে বুকের ভেতর অনিঃশেষ এক হাহাকার।

বুকে মেপেছি বিষাদ বেদন, তোমায় হারিয়ে একবার।

তোমায় ছাড়া সবই ফাঁকা, ফুরোয় না এই সময়ের ভার।

শ্রদ্ধাঞ্জলীর শেষে করা স্বাক্ষরটা ২০০৯ সালে গার্ডেনা হাই থেকে পাস করা এক ছেলের। সে-ই এই লাইনগুলো লিখেছিল। তার নাম মাইকেল উইলিয়ামস। আর মেয়েটা, যে ২০০৯ সালের জুলাইয়ে মারা গিয়েছিল, তার নাম ছিল জেনেসিস উইলিয়ামস। সে ছিল মাইকেলের বোন।

একাত্তর

মাইকেল আর জেনেসিস উইলিয়ামসের ব্যাপারে পাওয়া সকল তথ্য গড়গড় করে বলে যেতে লাগলো হান্টার, আর ওর কথা স্তব্ধ হয়ে শুনতে লাগলেন ক্যাপ্টেন ব্লেক ও গার্সিয়া। প্রত্যেকটা নতুন নাম আর বিবরণ বলার সময় বোর্ডে একটা করে ছবি দেখালো গোয়েন্দাপ্রবর। কিন্তু যে জিনিসটা সবার নজর কেড়ে নিলো; সেটা হলো, বোনের জন্য স্কুলের বার্ষিকীতে মাইকেলের লেখা একটা উৎসর্গপত্রের প্রিন্টআউট।

‘তার মানে, প্রতিটা ক্রাইম সিনে খুনি যেসব লাইন রেখে যায়,’ বললেন ক্যাপ্টেন ব্লেক, ‘সেগুলো আসলে তার বোনের জন্য, ভিকটিমদের জন্য নয়?’

‘আসলে,’ হান্টার বলল, ‘এগুলো তার নিজের কষ্ট, যন্ত্রণা আর দুঃখের কথা। এটা তার নিজের যন্ত্রণার কবিতা।’

‘কীভাবে মারা গিয়েছিল মেয়েটা?’ জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন ব্লেক।

পার্টনারের দিকে তাকালো হান্টার, আর ওর তাকানো দেখেই হৃদপিণ্ডের গতি বেড়ে গেল গার্সিয়ার। হান্টার একটা শব্দ উচ্চারণ করার আগেই উত্তরটা বুঝে গেল সে।

‘আত্মহত্যা করেছিল।’

ঘরটায় কয়েক সেকেন্ডের জন্য নীরবতা নেমে এলো।

‘কীভাবে?’ আবার জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন।

‘নিজের কব্জি কেটে।’ বললো গার্সিয়া, ধাঁধার সকল টুকরো আস্তে আস্তে জোড়া লাগাতে শুরু করেছে।

নড করলো হান্টার। ‘আমি ওই পাঁচজনের হোমরুম ও ইতিহাসের শিক্ষককে জিজ্ঞেস করেছিলাম। এখনো গার্ডেনাতে পড়ান তিনি, আমার কথা শুনে মনে পড়লো তার যে ২০০৯ সালের জুলাই মাসে স্কুলের ছুটির সময় তিনি এই খবরটা শুনেছিলেন।’

হান্টারের চোখে দুঃখের ছায়া দেখা গেল। ‘বাথরুমের বাথটাবে কব্জি কেটেছিল সে… কিন্তু অদ্ভুত ব্যাপার হলো,’ হান্টার আবার গার্সিয়ার দিকে তাকালো।

‘শুধু এক হাতের কব্জি কেটেছিল মেয়েটা,’ হান্টারের ওপর থেকে দৃষ্টি না সরিয়ে বললো গার্সিয়া। ‘বাঁ হাতের কব্জি… এত গভীরভাবে কেটেছিল যে গোটা হাতটাই প্রায় আলাদা হয়ে গিয়েছিল।’

নড করলো হান্টার।

নিজের নাক ডললেন ক্যাপ্টেন ব্লেক। ‘তাহলে যৌক্তিকভাবে বলতে গেলে, এই পাঁচজন,’ জ্যানেট, ট্রয়, জোসি, পেদ্রো আর সোফিয়ার ছবিগুলোর দিকে দেখালেন তিনি, ‘…২০০৯ সালে এই ছোটো এই মেয়েটাকে এতটাই জ্বালাতন করেছিল, যে সে আর সহ্য করতে পারেনি।’

‘খুব সম্ভবত,’ নিশ্চিত করলো হান্টার। ‘এবং সম্ভবত এই কারণেই খুনি সরাসরি তাদেরকে টার্গেট করছে না। সে তাদের বোন… প্রেমিকা… স্বামীদেরকে টার্গেট বানিয়েছে, কিন্তু তাদেরকে নয়।’

সামান্য থামলেন ক্যাপ্টেন। ‘এক সেকেন্ড। সেটা করার কারণ?’

‘কারণ একভাবে দেখলে,’ জবাব দিলো হান্টার, ‘মরে গেলে তো গেলই। মৃত্যু সহজ ব্যাপার। আমাদের এই খুনি সহজ কিছু চায় না। ওই পাঁচজনকে মেরে ফেলতে চায় না সে।’

‘মৃত্যু সহজ ব্যাপার?’ ক্যাপ্টেন ব্লেকের কপালে ভাঁজ পড়লো।

‘কেউ যখন মারা যায়, তখন তার আর অস্তিত্ব থাকে না, ক্যাপ্টেন,’ ব্যাখ্যা করলো হান্টার। ‘তার কোনো অনুভূতি থাকে না… ব্যথা, ভালোবাসা, রাগ, অনুশোচনা, অপরাধবোধ, লজ্জা কিছুই না…’ বলে কাঁধ ঝাঁকালো ও। ‘মৃত্যুর পর মৃতের আর কোনো কষ্ট থাকে না। কষ্টটা যারা বেঁচে থাকে, তাদেরকে ভোগ করতে হয়।’

‘খুনি মৃতের প্রিয়জনদেরকে কষ্ট পেতে দেখতে চায়,’ হান্টারের কথার খেই ধরলো গার্সিয়া। ‘তার মতে, এই পাঁচজন শুধু তার বোনের জন্য নয়, তার নিজের অবস্থার জন্যেও দায়ী… গত তেরো বছর ধরে সে যতটা কষ্ট সে পেয়েছে, তার জন্যেও।’

‘ঠিক বলেছে কার্লোস,’ নিশ্চিত করলো হান্টার। ‘নিজের দুর্ভোগের জন্য এই পাঁচজনকে দায়ী ও দোষারোপ করে খুনি। হয়তো আরও অনেককেই করে। কিন্তু এটা স্পষ্ট যে সে তাদের মৃত্যু চায় না। সে চায় তারা প্রিয়জন হারানোর যন্ত্রণা, এবং সেই কষ্টের সাথে আসা দুঃখ ও মানসিক টানাপোড়েন সবকিছু অনুভব করুক।’

বলে সামান্য বিরতি দিলো হান্টার। তারপর বললো, ‘কাউকে খুন না করেও তাকে কীভাবে মেরে ফেলা যায়?’

ভয়ার্ত দৃষ্টিতে পার্টনারের দিকে তাকালো গার্সিয়া।

‘তার আত্মা ফাঁকা করে,’ হান্টার নিজেই নিজের প্রশ্নের উত্তর দিলো, ‘…সেই ফাঁকা আত্মাকে ব্যথায় পরিপূর্ণ করে দিলেই কাজ শেষ। তার সবচেয়ে প্রিয় জিনিসটাকে কেড়ে নিতে হবে তার কাছ থেকে।’

হান্টারের কথা শুনে ছেদ পড়লো ক্যাপ্টেন ব্লেকের চিন্তায়।

‘কথাটা আমার এত পরিচিত মনে হচ্ছে কেন?’ বাঁ হাত দিয়ে ঘাড়ের পেছনে ডলতে ডলতে জিজ্ঞেস করলেন তিনি। ‘আর কথাটা শুনে এত অস্বস্তিই বা লাগছে কেন?’

‘লুসিয়েন ফল্টার।’ তার প্রশ্নের উত্তর দিলো গার্সিয়া।

একটা বিট মিস করলো ক্যাপ্টেন ব্লেকের হার্ট। ‘কী?’

‘ট্রেসির বাবা-মা’কে হত্যা করার পর রবার্টকে এটাই বলেছিল লুসিয়েন, মনে পড়ে কি?’ প্রশ্নের মাধ্যমে উত্তর দিলো গার্সিয়া।

হান্টার মেঝের দিকে তাকালো। ‘আপনি কি সত্যিই বলতে চাইছেন যে…’

‘না,’ ক্যাপ্টেন প্রশ্ন শেষ করার আগেই বললো হান্টার। ‘এই কেসের সাথে লুসিয়েনের কোনো সম্পর্ক নেই, তবে এই অপরাধগুলোর পেছনের ভাবনাটা একই। যদি আপনি কাউকে সত্যিই কষ্ট দিতে চান, তবে তাকে হত্যা করবেন না। তার বদলে তার জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটাকে কেড়ে নিন। ব্যস! জীবনের বাকি সময়টা ভয়াবহ মানসিক যন্ত্রণায় কাটাবে সে।’

‘আর এ কারণে তাদের প্রিয়জনদেরকে হত্যা করার পরে মেসেজ পাঠায়,’ যোগ করলো গার্সিয়া। ‘পরেরদিন যে ভিডিয়োগুলো খুনি পাঠায়, তা তাদেরকে মানসিকভাবে দুমড়েমুচড়ে দেওয়ার জন্য যথেষ্ট। ভিডিয়োগুলো থেকে তারা জানতে পারে, তাদের প্রিয়জন কতটা কষ্ট পেয়ে মরেছে। যদি তারা এই কষ্ট সহ্য করতে না পারে, যদি তারা মনে করে যে এই কষ্টের থেকে মৃত্যুই ভালো, তবে সেই মৃত্যু নিজেদেরকেই বরণ করতে হবে তাদের। ঠিক যেমনটা ট্রয় ফস্টার করেছে।’

‘ঠিক যেমন জেনেসিস উইলিয়ামস করেছিল,’ বললো হান্টার।

কোমরে হাত রেখে বোর্ডের দিকে তাকালেন ব্লেক। বোর্ডের ওপরে তার চোখ ঘুরতে লাগলো বারংবার।

‘ঠিক আছে,’ ক্লান্ত গলায় বললেন তিনি। ‘আমার মাথায় নতুন কিছু প্রশ্ন এসেছে। যেমন, এই মেয়েটা, জেনেসিস উইলিয়ামস যদি ২০০৯ সালের জুলাই মাসে আত্মহত্যা করে, আর সেজন্য তার ভাই এই পাঁচজনকে দায়ী মনে করে; তাহলে সে এখন, তেরো বছর পরে কেন তাদের পেছনে লেগেছে? সে এত দিন অপেক্ষা করলো কেন?’

‘সবচেয়ে যৌক্তিক ব্যাখ্যা হলো,’ বোর্ডের ছবিগুলো দেখিয়ে হান্টার বলতে শুরু করলো, ‘মাইকেল উইলিয়ামস সম্ভবত এক বছর আগে এমন কিছু জানতে পারে, যার কারণে তার বোনের আত্মহত্যার জন্য এই পাঁচজনকে দায়ী করতে বাধ্য হয়। এতদিন সে কাউকে দায়ী করেনি। এ কারণেই এতদিন কিছু করেনি সে।’

নিচের ঠোঁট কামড়ে ধরলেন ক্যাপ্টেন ব্লেক, হান্টারের কথাগুলো ভেবে দেখলেন।

‘তার বোনের মৃত্যু ও সে গার্ডেনা ত্যাগ করার পরে তার কী হয়েছিল, তা আমরা জানি না,’ আবার বললো হান্টার। ‘হ্যাঁ, এটা ঠিক যে তেরো বছর পরে সে সবচেয়ে নির্মম উপায়ে মানুষকে কষ্ট দিয়ে হত্যা করছে বটে; কিন্তু তার মানে এই নয় যে বোনের আত্মহত্যার পরপরই সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। গার্ডেনা হাই ছাড়ার পর সে হয়তো কোনো চাকরি পেয়ে যায়, কাজে ব্যস্ত থাকায় ঘটনাটা নিয়ে ভাবতে পারেনি। অথবা হয়তো অন্য কোনো কলেজে ভর্তি হয়, কিংবা হয়তো একটা বিরতি নিতে ক্যালিফোর্নিয়া, এমনকি দেশ ছেড়েই দূরে চলে যায় সে। একটা শারীরিক দূরত্ব তৈরি করতে চেয়েছিল তার আর বোনের মৃত্যুর মাঝে। আমরা জানি না, ক্যাপ্টেন; কিন্তু যেটাই হোক না কেন, কেউ তার কষ্ট যেভাবেই সামলাক, আত্মহত্যার মুখোমুখি হলে প্রিয়জন হোক বা না হোক, একটা শব্দই সবার মাথায় আসে। আর সেটা হলো, ‘কেন’?’

এবার ক্যাপ্টেন ব্লেক মেঝের দিকে তাকালেন।

হান্টার বা গার্সিয়ার কেউই জানে না, এলএপিডি’র রবারি হোমিসাইড বিভাগের ক্যাপ্টেন হওয়ার আগেই ক্যাপ্টেন ব্লেকের এক ঘনিষ্ঠ বন্ধু এক রবিবার দুপুরে আত্মহত্যা করেছিল। আজও ক্যাপ্টেন নিজেকে প্রশ্ন করেন, ‘কেন?’

‘সমস্যা হলো,’ কথা চালিয়ে গেল হান্টার, ‘বেশিরভাগ ক্ষেত্রেই, এমন কোনো উত্তর পাওয়া যায় না যা যথেষ্ট বলে মনে হয়। এমনকি যদি কোনো নোট পাওয়া যায়, তবুও নয়। কারণ, সত্যি বলতে, কাজটা কেন খুনি করে, তা একমাত্র জানে সেই ব্যক্তি, যে আর বেঁচে নেই। বাকি সবকিছুই কেবল আন্দাজ, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, আমাদের মস্তিষ্ক সেই আন্দাজই করতে থাকে। আমরা, মানুষরা, এমন কোনো কিছুর উত্তর জানার চেষ্টা করি, যা আমরা বুঝি না। এটা অবশ্য আমাদের স্বাভাবিক প্রবৃত্তি।’

‘আর যখন সেই যন্ত্রণার উত্তর খুঁজে পাই না,’ যোগ করলো গার্সিয়া, ‘তখন আমরা নিজেরাই কোনো উত্তর বানিয়ে নিই।’

‘হ্যাঁ,’ একমত হলো হান্টার। ‘আমি নিশ্চিত, মাইকেল উইলিয়ামস অসংখ্যবার এই প্রশ্নের উত্তর খুঁজেছে, এবং প্রত্যেকবারই ভিন্ন ভিন্ন উত্তর পেয়েছে সে। কিন্তু মনের গভীরে আমরা সবাই জানি, আমাদের কল্পিত উত্তরগুলো আসলে বাস্তব নয়। আর এই কারণেই আমরা এই ‘কেন’ প্রশ্নটা করা কখনো বন্ধ করি না।’

বোর্ডে লাগানো মাইকেল উইলিয়ামসের ছবিতে আঙুল দিয়ে টোকা দিলো ও। ‘আমাদের মাইকেল উইলিয়ামস কখনোই এই প্রশ্ন করা বন্ধ করেনি।’

যে রবিবার বিকেলে বন্ধু আত্মহত্যা করেছিল, সেই বিকেলটা নিয়ে হাজারোবার মাথা ঘামিয়েছেন ক্যাপ্টেন ব্লেক। কেন ও এমন করলো? মৃত্যুর আগ মুহূর্তগুলোয় ওর মনে কী চলছিল? কেন ও কারও কাছে সাহায্য চাইলো না?

‘আর বারো বছর পরে,’ বললো গার্সিয়া, ক্যাপ্টেনের মনোযোগ ফিরলো তার কথায়। ‘মাইকেল উইলিয়ামস অবশ্যই এমন কিছু জানতে পারে, যা আগে সে জানতো না। হয়তো বোনের পুরানো কোনো বন্ধুর সঙ্গে তার দেখা হয়েছিল, অথবা হয়তো তাদেরই একজনের সঙ্গে।’

গার্ডেনা জুনিয়র হাইয়ের পাঁচজন ছাত্রের ছবির দিকে ইঙ্গিত করলো গার্সিয়া।

‘সম্ভাবনা আছে,’ একমত পোষণ করলো হান্টার। ‘সেটাই যদি হয়, তবে আমার ধারণা পেদ্রো বুস্তামেন্তের সাথে দেখা হয়েছিল তার। আর এ কারণে সে-ই খুনির প্রথম ভিকটিমে পরিণত হয়, এবং পেদ্রোর কোনো প্রিয়জনের পরিবর্তে তাকে খুন করা হয়।’

‘আমি ঠিক এটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম,’ বললেন ক্যাপ্টেন ব্লেক। ‘আপনারা যে কথাগুলো বললেন, যেখানে হত্যাকারী ভিকটিমদেরকে তাদের প্রিয়জন হারানোর যন্ত্রণার মধ্য দিয়ে নিয়ে যেতে চায়, তা তো প্রথম হত্যার ক্ষেত্রে খাটে না, তাই না? যদি এটা আত্মহত্যা না হয়ে সত্যিই হত্যাকাণ্ড হয়।’

‘এটা হত্যাকাণ্ডই ছিল,’ নিশ্চিত করলো গার্সিয়া, দ্রুত ডিটেকটিভ লি’র সাথে মিটিঙটা ব্যাখ্যা করলো। তার বোনের উদ্দেশ্যে লেখা মাইকেল উইলিয়ামসের প্রথম কবিতার লাইন, তা পেদ্রো বুস্তামেন্তের বাথরুমের সিঙ্কে পাওয়ার কথা এবং কীভাবে তা আত্মহত্যার নোট বলে ভুল করেছিলেন ডিটেকটিভ লি। একটা কব্জি কেটেছিল পেদ্রো, সেটা জানাতেও ভুললো না।

‘পেদ্রো বুস্তামেন্তের হত্যাকাণ্ড দিয়েই পুরো ঘটনাটা শুরু হয়,’ বললো গার্সিয়া। ‘মি. বুস্তামেন্তের আগে ‘মেন্টর’ নামে কেউ ছিল না, কোনো কৌশল ছিল না, কোনো প্রতিশোধ ছিল না, আর কোনো নির্দিষ্ট পদ্ধতি ছিল না। পেদ্রো বুস্তামেন্তের হত্যাকাণ্ড,’ ছবির দিকে আঙুল দিয়ে দেখালো সে, ‘…পরিকল্পিতভাবে করা হয়নি। অন্তত বাকিগুলোর মতো তো নয়ই। প্রথম আক্রমণটা ছিল আবেগের বশে করা। বোনের আত্মহত্যার কারণ জানার পরে, ক্রোধে ফেটে পড়ে কাজটা করে মাইকেল উইলিয়ামস।’

ক্যাপ্টেন ব্লেকের চোখের অভিব্যক্তি দেখে হান্টার বুঝতে পারলো, তার মনের ভেতরে সবকিছু ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে।

‘তাহলে প্রথম হত্যাকাণ্ডের পরে,’ ক্যাপ্টেন সিদ্ধান্তে উপনীত হলেন, ‘খুনি ঠিক করলো যে সে ওই পাঁচজনের সবাইকে খুঁজে বের করবে।’

‘ঠিক তা-ই,’ তার প্রশ্নের উত্তরে একমত হলো হান্টার। ‘কিন্তু প্রথম খুনটা করার পর সন্তুষ্ট হতে পারেনি সে। আত্মহত্যার ছদ্মবেশ তার রাগ, তার প্রতিশোধের তৃষ্ণা মেটাতে পারেনি।’ মুখের ওপরে হাত বোলালো হান্টার। ‘কারণটা সহজেই বোঝা যায়। পেদ্রো বুস্তামেন্তে মরে গেছে, তার আর কোনো কষ্ট নেই, তার আর কোনো যন্ত্রণা নেই, কিছুই নেই। কিন্তু মাইকেল উইলিয়ামস এখনো বেঁচে আছে, বারো বছর ধরে গুমরে গুমরে মরছে সে। এখনো কষ্ট পাচ্ছে, এখনো ভুগছে, এখনো ক্ষুব্ধ। ওর বোনের মৃত্যুর জন্য দায়ী একজন মরে গিয়ে বেঁচে গেল, আর ও কষ্ট পেতেই থাকলো, এটা কোনোভাবেই ন্যায়সঙ্গত নয়।’

‘তাই সময় নিয়ে একটা নিখুঁত পরিকল্পনা খাড়া করলো সে,’ আবার বললেন ক্যাপ্টেন। ‘তাদেরকে সেই একইভাবে যন্ত্রণা দিয়ে মারার পরিকল্পনা করলো, যতটা যন্ত্রণা সে নিজে পেয়েছে।’

‘তার সঙ্গে ওই পাঁচজন যা করেছে, তার প্রতিদান,’ নড করে বললো গার্সিয়া। ‘চোখের বদলে চোখ।’

‘মানুষের দীর্ঘদিনের বিশ্বাস যে প্রতিশোধের মাধ্যমে তারা শান্তি পাবে,’ বললো হান্টার। ‘ইতিহাসের দিকে তাকালেই সেটা বোঝা যায়।’

ক্যাপ্টেন ব্লেক দীর্ঘশ্বাস ফেললেন। ‘তাহলে এখন আমাদের শুধু লোকটাকে ধরতে হবে।’

‘তার নাম আমাদের জানা আছে, ক্যাপ্টেন,’ বললো গার্সিয়া। ‘আমরা জানি সে কে, আর আমরা তার পরবর্তী শিকারের ব্যাপারেও মোটামুটি নিশ্চিত।’

‘সোফিয়া এলিয়টের স্বামী,’ মাথা নাড়লেন ক্যাপ্টেন ব্লেক। ‘আপনি জিজ্ঞেস করার আগেই বলে দিই। তাদের বাড়ির ওপরে নজরদারি আজ রাত থেকেই শুরু হচ্ছে।’ বলে নিজের ঘড়ি দেখলেন তিনি। ‘এসআইএস সম্ভবত অকুস্থলে পৌঁছেও গেছে।’

এলএপিডি’র স্পেশাল ইনভেস্টিগেশন সেকশন, সংক্ষেপে এসআইএস দেশের সেরা ট্যাকটিক্যাল সারভেইল্যান্স স্কোয়াড। এমনকি এফবিআইও মাঝে মাঝে সংক্ষিপ্ত মেয়াদে, অত্যাধুনিক নজরদারির জন্য সাহায্য নেয় তাদের।

‘লোকটাকে পাকড়াও করা তাহলে শুধু সময়ের ব্যাপার,’ বললো গার্সিয়া।

‘আপনি কি বিষয়টা নিয়ে জ্যানেট ল্যাং বা জোসি গ্রিফিথের সাথে কথা বলেছেন?’ জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন ব্লেক।

‘এখনো বলিনি। তার আগে মাইকেল উইলিয়ামস আর ‘জেনেসিস’ সম্পর্কে যতটা সম্ভব তথ্য সংগ্রহ করতে চাই আমি। তারা দুজনেই ভয়ানক মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। তারা শুধু যে তাদের প্রিয়জনকে হারিয়েছে, তা-ই নয়; তারা নিজেরাই লাশগুলো খুঁজে পেয়েছে। মন যদি এতদিনেও ভেঙে না গিয়ে থাকে, তবে ভেঙে পড়ার প্রান্তে আছে একেবারে। এই সময়ে তাদের কাছে এই বিষয়ে কথা বলতে যাওয়াটা,’ বোর্ডের দিকে ইঙ্গিত করলো হান্টার। ‘তেরো বছর আগে জুনিয়র হাইয়ে তারা যা করেছিল, তার প্রতিশোধ নিচ্ছে কেউ জানার পরে তাদের মানসিক ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। আর খুনিও সেটাই চায়। সে চায় যে তারা জানুক যে তাদের দোষেই এই খুনগুলো হচ্ছে।’

আবারও বোর্ডে লাগানো নতুন ছবিগুলোর দিকে তাকালেন ক্যাপ্টেন ব্লেক। এবার তার মনোযোগ আটকে গেল জেনেসিস উইলিয়ামসের তিনটে রঙিন ছবির দিকে। ছবিতে আপাদমস্তক জেনেসিসকে দেখা গেল, ইটের এক দেওয়ালের সঙ্গে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে সে। ডান হাঁটু ভাঁজ করে পেছনের দেওয়ালের সাথে লাগিয়ে রেখেছে। দুই হাতের বুড়ো আঙুল জিন্সের বেল্ট লুপে গোঁজা, রক- অ্যান্ড-রোল স্টাইলের মতো প্যান্টের হাঁটুর অংশ ছেঁড়া। খোলা, কালো চুলে ঢাকা পড়েছে সুশ্রী মুখটা। ছবি তোলার ভঙ্গীটা সহজাত, জোর করে পোজ দিয়েছে বলে মনে হয় না। স্নিগ্ধ চেহারার দেখলে মনে হয়, কোনো কিছুতেই সে বিচলিত হয় না।

‘ছবিগুলো দেখলে মনে হয়,’ কৌতূহলী গলায় বললেন ক্যাপ্টেন, ‘খুবই মিষ্টি স্বভাবের মেয়ে ছিল সে। এমন একজন, যে খুব সহজেই অন্যদেরকে বন্ধু বানাতে পারে।’

‘ঠিক এটাই আমি বলতে চেয়েছিলাম, ক্যাপ্টেন,’ একমত পোষণ করলো গার্সিয়া। ‘তাহলে তারা মেয়েটার সাথে এমন আচরণ করলো কেন? মেয়েটা নিজেও যথেষ্ট আকর্ষণীয় ছিল তাদের দলে যোগ দেওয়ার জন্য।’

ভ্রূ উঁচু করে তাদের দিকে তাকালো হান্টার। ‘আপনারা অদ্ভুত কিছু খেয়াল করেননি মেয়েটার বিষয়ে?’

আবার ছবিগুলোর দিকে মনোযোগ দিলেন ক্যাপ্টেন ব্লেক আর গার্সিয়া, সব খুঁটিনাটি দেখার চেষ্টা করলেন। তাদের সাহায্য করার জন্য, হান্টার তার দুই হাতের বুড়ো আঙুল নিজের কালো জিন্সের বেল্ট লুপে গুঁজলো। আর ঠিক তখনই জেনেসিস উইলিয়ামসের হাত খেয়াল করলেন ক্যাপ্টেন ব্লেক আর গার্সিয়া।

বাহাত্তর

স্টুডিয়ো অ্যাপার্টমেন্টটা আকারে খুবই ছোটো। ছোটো একটা রান্নাঘর, একটা বাথরুম আর একটা বসা ও শোবার ঘর, যা আকারে গাড়ি রাখার চাইতে খুব একটা বড়ো নয়; এই নিয়েই স্টুডিয়ো অ্যাপার্টমেন্টটা। বিছানাটা ফোল্ডিং, সহজেই দেয়ালের ভেতরে ভাঁজ করে রাখা যায়। আর বিছানা ভাঁজ করে রাখলে বের করা যায় একটা ফোল্ডিং টেবিল।

এই মুহূর্তে ঘরটার অবস্থা সেরকমই, বিছানা ভাঁজ করে রাখা, কিন্তু টেবিল বের করা। টেবিলের ওপরে একটা অর্ধেক খালি হুইস্কির একটা বোতল, একটা আধা খালি গ্লাস, কিছু ছবি এবং একটা আধ খাওয়া স্যান্ডউইচ পড়ে আছে। ঘরের একমাত্র জানালা দিয়ে বাইরের আকাশ দেখা যায়, কয়েক ঘণ্টা আগেই অন্ধকার হয়ে গেছে তা। কিন্তু তারায় ভরে আছে পরিষ্কার আকাশ, আকাশে ঝুলছে উজ্জ্বল মধুরঙা এক চাঁদ।

জানালার দিকে মুখ করে টেবিলে বসে আছে মেন্টর। মেঝেতে রাখা জিনিসগুলো সাবধানে একটা ট্র্যাভেল ব্যাগে ভরে ব্যাগটা বন্ধ করে দিলো। পরিকল্পনায় পরিবর্তন এসেছে। এলএপিডি’র গোয়েন্দারা ধারণার চেয়েও দ্রুত গতিতে এগোচ্ছে। প্রথমবার তাদের একজনের সঙ্গে মুখোমুখি হওয়াটা ছিল প্রত্যাশিত… এমনকি পরিকল্পিতও, তবে আজকের ঘটনাটা না প্রত্যাশিত আর না পরিকল্পিত। যার মানে, এলএপিডি দ্রুত এগিয়ে আসছে, হয়তো খুব দ্রুত।

বিকালের ঘটনায় সে ঠিক মুখোমুখি হয়নি এলএপিডি ডিটেকটিভের। বরং বলা যায় কপালগুণে বেঁচে গেছে ডিটেকটিভের হাত থেকে। সোফিয়া এলিয়টের বাড়ির চাবির কপি বানিয়ে ফেলেছিল মেন্টর। খুবই সহজ ছিল কাজটা। সোফিয়া ও তার স্বামী ইতালিতে থাকাবস্থায় তাদের প্রতিবেশী, মিসেস পার্কস, দয়াপরবশ হয়ে রাজি হয়েছিলেন তাদের বেড়ালের দেখাশোনা করার জন্য। যেন তিনি না ভুলে যান, তাই তিনি সোফিয়ার বাড়ির চাবি লুকিয়ে রেখেছিলেন বাড়ির পাশের একটা গাছের টবের নিচে। সোফিয়া ও তার স্বামী ইতালি যাওয়ার পরের সকালেই বাড়ি পর্যবেক্ষণ করার সময় মেন্টর লুকিয়ে রাখার জায়গাটা দেখে ফেলে। তারপর চাবি নিয়ে তার কপি বানানো এবং আসল চাবিটা আবার টবের নিচে রেখে দেওয়া, তার জন্য কোনো ব্যাপারই ছিল না।

আজ বিকেলে নকল চাবি ব্যবহার করে সোফিয়ার বাড়িতে ঢুকে ভেতরটা ভালো করে পর্যবেক্ষণ করার পরিকল্পনা ছিল মেন্টরের। ভিকটিমদের বাড়ির ভেতরে কোথায় লুকালে সবচেয়ে ভালো হয়, তা আগে থেকেই ঠিক করে রাখা মেন্টরের পরিকল্পনার সবচেয়ে বড়ো অংশ।

কিন্তু আজকের পরিকল্পনা ঠিকঠাক কাজ করেনি। সোফিয়া এলিয়টের বাড়ি থেকে তিনটে বাড়ি দূরে গাড়ি পার্ক করেছে মেন্টর, পাঁচ মিনিটও হয়নি তখন। ঠিক তখনই এলএপিডি’র গোয়েন্দা এসে তার গাড়ি পার্ক করে সোফিয়ার বাড়ির সামনে, গাড়ি থেকে নেমে দরজার বেল বাজায়। সাড়া দেয়নি কেউ। ডিটেকটিভ যখন জানালাগুলো পরীক্ষা করার জন্য এগোচ্ছে, তখনই বেরিয়ে আসেন মিসেস পার্কস, বেরিয়ে এসে ডিটেকটিভের সাথে কথা বলতে শুরু করেন। ডিটেকটিভ ও মিসেস পার্কসের কথোপকথন এখনই মেন্টরের পরিকল্পনার মধ্যে ছিল না, আরও কয়েকদিন পরে ঘটনাটা ঘটবে বলে ধরে নিয়েছিল সে। এলএপিডি যদি সোফিয়া এলিয়ট সম্পর্কে জানে, তার মানে হলো, তারা খুব দ্রুত ধাঁধার টুকরোগুলো মিলিয়ে ফেলছে। এজন্যই পরিকল্পনায় পরিবর্তন আনা জরুরি হয়ে পড়েছে।

অসীম ধৈর্য ও শৃঙ্খলার সাথে চৌদ্দ মাস ধরে প্রস্তুতি নিয়েছে সে। প্রত্যেকটা দিন আর রাত ভিকটিমদেরকে পর্যবেক্ষণ করেছে, তাদেরকে বোঝার চেষ্টা করেছে। তাদের অভ্যাস আর সময়সূচি জানার চেষ্টা করেছে। কখন তারা বাড়িতে একা থাকে, কতক্ষণ থাকে, সেগুলো জেনে নিয়েছে একে একে। তাদের প্রাপ্য শাস্তি আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছে সে।

নতুন পরিকল্পনা নিখুঁত নয়… এটা আগেরগুলোর মতো বিস্তারিত ও পরিশীলিত হয়নি। তাই ঝুঁকিও বেশি। কিন্তু কাজটা করতেই হবে। টেবিলের গ্লাসটা আবার পূর্ণ করলো মেন্টর, জানালার সামনে দাঁড়িয়ে পুরো গ্লাসের পানীয় গলায় ঢেলে দিলো। গলা জ্বলিয়ে নেমে গেল অ্যালকোহল, এই জ্বলুনিটার প্রয়োজন ছিল।

অপেক্ষার পালা প্রায় শেষ… তবে তার আগে আরও একটা কাজ বাকি।
 

তিয়াত্তর

নিজের জিন্সের বেল্টের লুপে আঙুল গুঁজে রেখেছিল জেনেসিস উইলিয়ামস, ক্যামেরার কোণের কারণে তার হাতদুটো ঠিকমতো দেখা যাচ্ছিল না। হান্টার ইশারা করার পরে ব্যাপারটা খেয়াল করলেন ক্যাপ্টেন ব্লেক আর গার্সিয়া। কিন্তু সামনে ঝুঁকে ভালো করে দেখার পরেও তারা নিশ্চিত হতে পারলেন না যে তারা ঠিক কী দেখছেন।

‘মেয়েটার হাতে কী হয়েছে?’ ছবিটা দেখে জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন। ‘একটা আঙুল নেই না-কি?’

‘একে ‘ইকট্রোড্যাকটাইলি’ বলে,’ ব্যাখ্যা করলো হান্টার। ‘এটা একটা জন্মগত ত্রুটি, যেখানে হাত বা পায়ের এক বা একাধিক আঙুল থাকে না, অথবা থাকলেও বিকৃত অবস্থায় থাকে। মি. হার্টলি আমাকে জানিয়েছেন যে জেনেসিস উইলিয়ামসের শুধুমাত্র হাতই বিকৃত ছিল, পা নয়। মেয়েটার দুই হাতের তর্জনী ও মধ্যমা কখনো গঠনই হয়নি।’ বোর্ডের দিকে ইশারা করে বললো হান্টার। ‘এই ছবিতে বিষয়টা ভালো করে বোঝা যাচ্ছে না তার বুড়ো আঙুলের অবস্থানের কারণে। তবে মি. হার্টলির থেকে জেনেছি তার বুড়ো আঙুল গিটের কাছ থেকে ভেতরের দিকে বাঁকানো ছিল এবং তার অনামিকা ও কনিষ্ঠা একসাথে লাগানো ছিল। এতে মনে হতো যে তার দুই হাতে শুধু একটা আঙুল আর একটা বুড়ো আঙুল রয়েছে।’

ডেস্ক থেকে একটা নতুন প্রিন্টআউট তুলে নিলো হান্টার। ‘এই ব্যাপারে আমি একটু পড়াশোনা করেছি। ইকট্রোড্যাকটাইলির ছয়টি স্তর আছে। জেনেসিস উইলিয়ামসের বিকৃতিটা ছিল পঞ্চম স্তরের।’

‘যার মানে, বেশ জটিল।’ বললো গার্সিয়া।

নড করলো হান্টার। ‘হ্যাঁ, তবে নিজের হাত মেয়েটা বেশ ভালোভাবেই ব্যবহার করতে পারতো। লিখতে, আঁকতে, টাইপ করতে, গাড়ি চালাতে বা জিনিসপত্র ধরতে সমস্যা হতো না তার।’

‘এমন দেখাতো তার হাতজোড়া।’ বোর্ডে একটা প্রিন্ট করা ছবি লাগালো ও, ছবিটা নেয়া হয়েছে এক বিশেষ মেডিকেল ওয়েবসাইট থেকে। ছবিতে ইকট্রোড্যাকটাইলিতে আক্রান্ত এক হাতের ছবি দেখা গেল, যেখানে জোড়া লাগানো হাতের আঙুল এবং বাঁকানো বুড়ো আঙুল দেখা যাচ্ছে।

প্রিন্টআউটটা দেখার জন্য গার্সিয়া এবং ক্যাপ্টেন ব্লেককে কয়েক সেকেন্ড সময় দিলো হান্টার, তারপর বোমাটা ফাটালো।

‘এই অবস্থার কারণে হাতের পেশিগুলো দুর্বল হয়ে যায় এবং হাড়ের গঠন পরিবর্তিত হয়,’ ব্যাখ্যা করলো হান্টার। ‘এ কারণে ইকট্রোড্যাকটাইলিকে ‘লবস্টার ক্ল সিনড্রোম’ নামেও ডাকা হয়ে থাকে।’

বিস্ফারিত চোখে ওর দিকে তাকালেন ক্যাপ্টেন ব্লেক আর গার্সিয়া।

‘তুমি কি মজা করছো?’ জিজ্ঞেস করলো গার্সিয়া। যদিও পার্টনারকে যতটা চেনে, তাতে এরকম একটা বিষয়ে মজা হান্টার কখনোই করবে না।

না-বোধক মাথা নাড়লো হান্টার।

অলিভার গ্রিফিথের ক্রাইম সিনের ছবির দিকে তাকালো গার্সিয়া। ‘এখন সবকিছু অনেকটা পরিষ্কার লাগছে। মিঃ অলিভারের উরুতে পিন দিয়ে লবস্টার লাগিয়ে রেখে ইঙ্গিত দিয়েছিল খুনি।’

‘হ্যাঁ, ওটা একটা সূত্র ছিল।’ বললো হান্টার। ‘তবে আমাদের জন্য নয়; বরং এমন একজনের জন্য, যে সবার আগে লাশটা খুঁজে পাবে।’

‘অলিভারের স্ত্রী, জোসি,’ বললো গার্সিয়া।

‘ঠিক তা-ই,’ একমত হলো হান্টার। ‘খুনি চাচ্ছিল, অলিভারের স্ত্রী বুঝুক, কেন তার স্বামী মারা গেছে। তাই লবস্টার ব্যবহার করেছে সে, আর সে কারণেই দেয়ালে লাইনটা লিখে রেখে গেছে। সবই সূত্র। খুনি চাচ্ছিল, সবকিছু মনে পড়ুক মিসেস গ্রিফিথের।’

‘তার মানে, খুনি আমাদের সাথে খেলছে,’ বললেন ক্যাপ্টেন ব্লেক, তার গলায় রাগ ঝরে পড়লো। ‘অনেকটা ‘যদি পারো তো, আমাকে ধরো’ ধরনের খেলা।’

‘হেঁয়ালি বললে সবচেয়ে ভালো হয়,’ বললো হান্টার। ‘মানে, খুনি আমাদেরকে চ্যালেঞ্জ করেছে। বলছে, ‘বলুন দেখি, আমি কে?”‘

‘কিন্তু চারটে ক্রাইম সিনের মধ্যে শুধুমাত্র শেষটাতেই কেন সূত্র রেখে গেল সে?’ জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন।

‘ব্যাপারটা সেরকম নয়,’ ব্যাখ্যা করলো হান্টার। ‘খুনি শুধুমাত্র শেষ ক্রাইম সিনেই সূত্র রেখে যায়নি। সে প্রত্যেকটা ক্রাইম সিনেই সূত্র রেখে গেছে, কিন্তু যাদের সেটা শনাক্ত করার কথা ছিল, তারা সেটা করেনি। হয়তো আরও কিছু সূত্র ছিল; যেমন, মৃতদেহের ভঙ্গী, হত্যার কায়দা, ব্যবহৃত উপকরণ।’ শ্রাগ করলো হান্টার। ‘আমরা জানি না, কারণ আমি যেমনটা বললাম, সূত্রগুলো আমাদের জন্য ছিল না। সেগুলো ছিল তাদের জন্য, যারা জেনেসিস উইলিয়ামসকে চিনতো।’

‘মেয়েটার শিক্ষক আপনাকে কী বলেছেন? স্কুলে কি উত্যক্ত করা হতো?’ ক্যাপ্টেন ব্লেক জিজ্ঞাসা করলেন। ‘অন্য ছাত্রছাত্রীরা কি মেয়েটার সাথে খারাপ আচরণ করতো?’

‘উনি জানিয়েছেন উনি তার শ্রেণিকক্ষে কখনো এরকমটা ঘটতে দেখেননি,’ ব্যাখ্যা করলো হান্টার। ‘এবং তিনি এটাও মনে করেন না যে উত্যক্ত করার সমস্যা ছিল। কিন্তু একই সাথে এটা মেনে নিয়েছেন যে, যেহেতু তিনি কখনো দেখেননি, তার মানে এই না যে ব্যাপারটা কখনো ঘটেনি।’

‘আমরা আগেও এই বিষয়ে কথা বলেছি, ক্যাপ্টেন,’ মন্তব্য করলো গার্সিয়া। ‘বাচ্চারা বাচ্চামি করবেই, আর আমার মতে, কিছু বাচ্চা থাকেই যারা বদমাশ ধরণের হয়। উত্যক্ত নিয়মিত না করা হলেও কোনো খারাপ মন্তব্য… উদ্ভট নামে ডাকা… তামাশা করা… লকারে নোট রাখা… এসব ধরনের বিষয় কখনো না কখনো ঘটেছে বলে নিশ্চিত আমি।’

‘এতটাই যে মেয়েটা শেষ পর্যন্ত আত্মহত্যা করার কথা ভেবেছিল?’ জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন।

‘সবকিছুই তার মানসিক অবস্থার ওপর নির্ভর করতো,’ ব্যাখ্যা করলো হান্টার। ‘শারীরিকভাবে অস্বাভাবিক বাচ্চারা, সেটা জন্মগত বা গুরুতর হোক বা না হোক, অন্যদের তুলনায় বেশি বিষণ্ণতা ও উদ্বেগের শিকার হয়, বিশেষ করে তাদের কৈশোরের সময়টায়। তখনই তারা প্রথম নিজেদের চেহারা ও শরীর নিয়ে চিন্তা শুরু করে, মেয়েরা ছেলেদের দিকে তাকায়, ছেলেরা মেয়েদের দিকে তাকায়। এ সময়টায় কিশোর-কিশোরীদের মন কীভাবে কাজ করে, তা তো আপনি জানেনই। তাকে যে আলাদা দেখায়, তা জেনেসিস উইলিয়ামস ওই বয়সেই জানতো। হয়তো সে কাউকে পছন্দ করতো, কিন্তু সে যেহেতু অন্য দশটা বাচ্চার মতো নয়, তাই তার আত্মবিশ্বাস চুরমার হয়ে গিয়েছিল। হয়তো সে আসলেই ধারাবাহিকভাবে উত্যক্তের শিকার হয়নি; তবে কার্লোস যেমনটা বললো, খারাপ মন্তব্য করা, উদ্ভট নামে ডাকা, তামাশা করা, এসব ঘটনা মাঝেমধ্যে অবশ্যই ঘটতো। দুর্ভাগ্যবশত, এসব সহজে ভোলে না কেউ। এসব মনের মধ্যে জমা হতে থাকে।’

‘খুবই দুঃখজনক,’ বললেন ক্যাপ্টেন ব্লেক, বোর্ড থেকে এক পা পিছিয়ে গেলেন। ‘কিন্তু তারপরেও তার ভাইয়ের এরকম হত্যাযজ্ঞের জন্য এটা কোনো অজুহাতই হতে পারে না।’ নিজের ঘড়ি দেখলেন তিনি, দেরি হয়ে যাচ্ছে। ‘আপনার কি মনে হয়? আজ রাতেই তাকে খুঁজে বের করতে পারবো আমরা?’

‘বলা কঠিন,’ উত্তর দিলো হান্টার। ‘নিজেদের সর্বোচ্চ চেষ্টা করছে রিসার্চ। ম্যাচ না হওয়া পর্যন্ত সারা রাত ফেসিয়াল ইমেজ রিকগনিশন সফটওয়্যারটা চলবে। যদি সকালে কিছু না পাওয়া যায়, তবে আমরা মাইকেল উইলিয়ামসের ইয়ারবুকের ছবি ব্যবহার করে তার বয়স অনুযায়ী চেহারা কেমন হতে পারে, তা অনুমান করার চেষ্টা করবো। তারপর সেই ছবি লস অ্যাঞ্জেলস ও বৃহত্তর লস অ্যাঞ্জেলসের প্রতিটা পুলিশ স্টেশনে পাঠিয়ে দেবো।’

‘কিন্তু তাস এখন আমাদের হাতে, ক্যাপ্টেন,’ তাদের দুজনের কথার মধ্যে বাধা দিলো গার্সিয়া। ‘কারণ, আমাদের ধারণা যদি ঠিক হয়, তবে খুনির পরবর্তী শিকার সোফিয়া এলিয়টের স্বামী লুকাস। এবং আমি মনে করি, আমাদের ধারণা ঠিক। শনিবার সকালে ইতালি থেকে ফিরে আসবেন মি. লুকাস। আজ মঙ্গলবার, যার মানে আমাদের হাতে পুরো তিন দিন আছে মাইকেল উইলিয়ামসকে খুঁজে বের করার জন্য। কিন্তু যদি আমরা কোনোভাবে তাকে খুঁজে না-ও পাই, তবুও আমরা লস অ্যাঞ্জেলস এয়ারপোর্টে অবতরণের মুহূর্ত থেকে লুকাস এলিয়টের ওপরে নজর রাখবো। তার বাড়ি ইতোমধ্যেই নজরদারিতে রয়েছে। মেন্টর, মাইকেল, অথবা যে নামই খুনি ব্যবহার করুক না কেন, লুকাস এলিয়ট পর্যন্ত তার পৌঁছানোর উপায় একটাই, আর সেই উপায় অবলম্বন করতে পারবে একমাত্র অদৃশ্য হওয়ার ক্ষমতা থাকলেই।’

মাথা নাড়লো গার্সিয়া। ‘আর সেটা সে কখনোই হতে পারবে না। তার খেলা শেষ।’
 

চুয়াত্তর

হান্টিংটন পার্কে অবস্থিত নিজের অ্যাপার্টমেন্ট ভবনের সামনে নিজের পুরানো বুইকটা পার্ক করলো হান্টার। ড্যাশবোর্ডের ঘড়ি দেখলো ও, রাত প্রায় ১১টা বাজে। স্টিয়ারিং হুইলে মাথা রেখে দীর্ঘশ্বাস ফেললো ও; ক্লান্তি, দুশ্চিন্তা, উত্তেজনা ও আশঙ্কার এক মিশ্র অনুভূতি বোধ করলো। শত চেষ্টার পরেও, এখনো মাইকেল উইলিয়ামসকে খুঁজে বের করতে পারেনি রিসার্চ টিম। হান্টার জানে, যতই কারো নাম আর ছবি হাতে থাকুক না কেন; প্রায় এক কোটি নব্বই লাখ মানুষের এই শহরে সেই ব্যক্তি যদি লুকিয়ে থাকতে চায়, তবে তাকে খুঁজে বের করতে কয়েক দিন, এমনকি কখনো কখনো কয়েক সপ্তাহও লেগে যেতে পারে।

চতুর্থ তলায় নিজের অ্যাপার্টমেন্টে ঢোকার আগে, সোফিয়া এবং লুকাস এলিয়টের রাস্তায় নজরদারিতে থাকা সাদা পোশাকের এসআইএস টিমের সঙ্গে যোগাযোগ করলো হান্টার। মাইকেল উইলিয়ামস যদি সোফিয়ার বাড়িতে ঢুকে লুকিয়ে থাকতে চায়, তবে কাজটা সে করবে লুকাসের ইতালি থেকে ফেরার আগের দিন অথবা আগের রাতে। যার মানে, শনিবারের আগে নয়। তবে হান্টার এ-ও জানে, এই মেন্টর নামের খুনি খুবই শৃঙ্খলাপরায়ণ এবং পরিকল্পনামাফিক কাজ করে। এখনো যদি না করে থাকে, তবে নিশ্চয়ই কাজের আগে প্রতিটা বিস্তারিত বিষয় যাচাই করে নেয়ার প্রয়োজনীয়তা অনুভব করবে। যেন কোনো ভুল না হয়, সেজন্য লুকাসের বাড়ির ভেতরের প্রতি ইঞ্চি ভালোভাবে চিনে রাখা প্রয়োজন তার। আর বাড়ি যেখানে পুরোপুরি খালি এবং কয়েক দিনের মধ্যে কারো ফিরে আসার সম্ভাবনা নেই, তাহলে এর চেয়ে ভালো সময় আর কী হতে পারে?

সুখবর পাওয়া গেল না। বিড়ালকে খাওয়ানোর জন্য পাশের বাড়ির প্রতিবেশিনী ছাড়া আর কেউ বাড়ির কাছে যায়নি।

গোসল করে নিলো হান্টার, ডিনারটা মাইক্রোওয়েভ ওভেনে গরম করে খেয়ে ফেললো। একটা বড়ো গ্লাসে পনেরো বছরের পুরানো সিঙ্গেল মল্ট স্কচ হুইস্কি ঢেলে নিয়ে বসার ঘরের সোফায় গিয়ে বসলো। আলো জ্বালালো না, কারণ অন্ধকারেই বেশি আরাম বোধ করে ও। গ্লাসটা ঠোঁটের কাছে তুলে ধরলো ও, নাকে এক মুহূর্তের জন্য হুইস্কির ঝাঁঝালো গন্ধ নিলো। মিষ্টি মসলা আর বাটারস্কচের সুগন্ধ অনুভব করলো,

তারপর চুমুক দিলো অবার্ন-রঙা তরলে। মুখের ভেতরটা উষ্ণ করে তুললো মসৃণ স্কচ, আর সেটাকে তারিয়ে তারিয়ে উপভোগ করতে লাগলো ডিটেকটিভ রবার্ট হান্টার। উত্তেজনায় টানটান হয়ে থাকা স্নায়ু শান্ত হয়ে এলো হুইস্কির কারণে, মাথার ভেতরের অসংখ্য চিন্তায় বিরতি পড়লো অবশেষে। শান্ত হয়ে চোখ বন্ধ করলো হান্টার। আর চোখ বন্ধ করতেই বসার ঘরের সোফায় ঘুমিয়ে পড়লো ও।

সেই রাতে, কোনো এক অদ্ভুত কারণে অনিদ্রা যেন সেরে গেল ওর। সোফাতেই টানা চার ঘণ্টারও বেশি ঘুমালো। কিন্তু তারপরই ঘুম ভেঙে গেল, কিন্তু কোনো দুঃস্বপ্ন দেখে নয়। এমনকি ফোনের রিঙেও না। ওর ঘুম ভেঙে গেল খুব সাধারণ একটা স্বপ্ন দেখে, স্বপ্নে ও দেখলো, নিজের বাবা-মায়ের কবরের ওপরে ফুল দিচ্ছে। প্রতি দুই সপ্তাহে একবার কাজটা করে ও।

চমকে জেগে উঠলো হান্টার। চোখ পিটপিট করে ঘড়ি দেখলো, ভোর ৪টা ৫৩। এই মাসে ফুল দেওয়ার কথা ও ভোলেনি। কয়েক দিন আগেই, গত শনিবার, কবরস্থানে গিয়েছিল। কিন্তু এই কারণে স্বপ্নটা দেখে জেগে ওঠেনি ও। ওর জেগে ওঠার কারণ, স্বপ্নটা ওর মাথায় একটা আইডিয়া এনে দিয়েছে।

কবরস্থানের কোনো কর্মী যেন ওর বাবা-মা’র কবরের যত্ন নেয়, সেজন্য প্রতি বছর হান্টার একটা নির্দিষ্ট ফি দেয়। ছোটোখাটো মেরামত, বৃষ্টির পরে পরিষ্কার করা, আগাছা সরানো, এই ধরনের সাধারণ রক্ষণাবেক্ষণ। যার মানে, কবরস্থানের প্রশাসনিক কার্যালয়ের কাছে ওর সাথে যোগাযোগের তথ্য আছে। নাম, বর্তমান ঠিকানা, ফোন নাম্বার ও ইমেইল। কোনো সমস্যা হলে বা কিছু প্রয়োজন হলে কার্যালয় থেকে জানানো হয় ওকে।

বোন যার জীবনে এতটা গুরুত্বপূর্ণ, বোনের মৃত্যুর প্রতিশোধ নেয়ার জন্য যে মানুষ খুন করতেও দ্বিধা করে না; তাহলে এটা ভাবা কি খুব অস্বাভাবিক যে সে হয়তো মাঝেমধ্যে তার বোনের কবর দেখতে যায় কিংবা সেখানে ফুল দেয়? যদি সেটাই হয়, তাহলে মাইকেল উইলিয়ামসও হয়তো তার বোনের কবরের যত্ন নেয়ার জন্য প্রতি বছর একটা ফি দেয়। জেনেসিস উইলিয়ামসকে কোন কবরস্থানে সমাহিত করা হয়েছিল, সেটাই জানতে হবে হান্টারের এবং ভাগ্যের ওপর ভরসা করতে হবে।

যুক্তরাষ্ট্রে, কবরের রেকর্ড সংরক্ষণের জন্য একটা নির্দিষ্ট ডাটাবেজ রাখে সরকার, তবে তা জনসাধারণের জন্য উন্মুক্ত নয়। ডাটাবেজটা স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের এক শাখা দ্বারা পরিচালিত হয়। আইন প্রয়োগকারী

কর্মকর্তা হিসেবে লগইন করলো হান্টার, সার্চ অপশনে খুঁজতে শুরু করলো। জেনেসিস উইলিয়ামসকে দাহ না করে যেন সমাহিত করা হয়, সে আশা করতে লাগলো।

কয়েক সেকেন্ডের মধ্যেই ফলাফল স্ক্রিনে ভেসে উঠলো, সঠিকভাবে বলতে গেলে মাত্র ২.৬ সেকেন্ডে। জেনেসিস উইলিয়ামসকে দাহ করা হয়নি। তাকে সমাহিত করা হয়েছে এবং আশ্চর্যের বিষয় হলো, হান্টারের বাবা-মায়ের কবর যেখানে, সেই একই কবরস্থানে। তবে খুব অবাক হওয়ার কিছু নেই। হুইটিয়ারের রোজ হিলস মেমোরিয়াল পার্ক উত্তর আমেরিকার বৃহত্তম কবরস্থান, সেখানে সাড়ে চার লাখেরও বেশি কবর রয়েছে।

ওয়েবপেজটা কম্পিউটারের স্ক্রিনে লোড হতেই থেমে গেল হান্টার। স্থির চোখে স্ক্রিনে ভেসে ওঠা শব্দগুলোর দিকে তাকিয়ে থাকলো। তিনবার পড়লো ও, তারপর আঙুলের ডগা দিয়ে কপালের দুই পাশ চেপে ধরলো।

‘এ তো অসম্ভব,’ ফিসফিস করে নিজেকে বললো ও, দ্রুত আরও একবার সার্চবারে অনুসন্ধান চালালো। আবারও একই ফলাফল এলো, যার মানে একটাই। আবারও ভুল করেছে ওরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *