জেনেসিস – ৩০

ত্রিশ

ট্রয়ের মা আর ভাই আসা পর্যন্ত থাকলো হান্টার। দুজনকেই নিজের কার্ড দিলো ও, কোনো কিছুর দরকার মনে হলে দ্বিধা না করে জানাতে বললো। কয়েকটা দিন মা’র সাথে সিলমারে থাকবে ট্রয়। সে চলে গেলে বাড়ির বাইরে হান্টারের সাথে দেখা করলো গার্সিয়া। ‘কী অবস্থা তার?’

কণ্ঠ খসখসে হয়ে গেছে, চোখজোড়াও ক্লান্ত দেখাচ্ছে গার্সিয়ার। পার্টনারের চোখের দিকে না তাকিয়েই মাথা নাড়লো হান্টার। ‘শকে আছে, ভেঙে চুরমার হয়ে গেছে। রিকভার করতে কয়েক বছর লেগে যাবে, যদি রিকভার করতে পারে আরকি।’

বিস্মিত হলো না গার্সিয়া। যে মানুষটাকে বিয়ে করার কথা ছিল, যে মানুষটাকে ভালোবাসতো, তাকে এই অবস্থায় পাওয়ার পরে ট্রয়ের আঘাত না পাওয়াটাই অস্বাভাবিক। নিজের বুড়ো আঙুল আর তর্জনী ব্যবহার করে চোখের পাতা ডললো সে। ‘কোনো তথ্য বের করতে পেরেছো না-কি তার থেকে? নোটের ব্যাপারে? হাতের লেখার ব্যাপারে? তার বাগদত্তারই হাতের লেখা? চিনতে পেরেছে?’

নড করলো হান্টার। ‘হাতের লেখাটা তার বাগদত্তারই। এতে কোনো সন্দেহ নেই।’

‘হারামজাদা!’ বললো গার্সিয়া, পেছনে ঘুরে বাড়ির দিকে তাকালো। ‘গোটা বিষয়টাই দুর্বোধ্য লাগছে, রবার্ট। তুমিও সেটা জানো, রাইট? মোডাস অপারেন্ডি (কর্মকৌশল) সই, কোনো কিছুই মিলছে না।’

এবার দুজনের চার চোখ এক হলো।

‘ভিকটিমের ফোন কি পাওয়া গেছে?’ জিজ্ঞেস করলো হান্টার।

মাথা নাড়লো গার্সিয়া। ‘না। অন্তত এখনো পর্যন্ত না। আর খুনি যদি একই হয়, তবে আমরা পাবোও না। সম্ভবত ধ্বংস করে ফেলা হয়েছে ফোনটা।’

‘ভিকটিমের শেষ মেসেজগুলো চেক করা দরকার আমাদের।’ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো গার্সিয়া। ‘তুমি কি ভাবছো…’ কথাটা শেষ করলো না সে। ‘অবশ্যই।’ নিজেই নিজের না করা প্রশ্নটার জবাব দিলো।

‘খুনি যদি একই হয়ে থাকে, তবে আমরা জানি, প্রথম যে জিনিসটার পেছনে পড়বে, সেটা হলো ভয়।’

আবারও একমত হলো হান্টার। ‘ট্রয়ের থেকে খুব বেশি তথ্য বের করতে পারিনি,’ বললো ও। ‘একটা জিনিস বাদে।’

‘কোন জিনিস?’

‘ট্রয় আমাকে জানিয়েছে যে সোমবার রাতে কার্স্টেনের সাথে কথা হয়েছিল ওর। পৌনে এগারোটা থেকে এগারোটার দিকে। বাড়িতে ছিল মেয়েটা তখন। হসপিটালের শিফট শেষ করে দেরিতে বাড়িতে ফিরেছিল সে, রাতে পিজ্জা অর্ডার দিয়েছিল। টিভিতে কিছু অনুষ্ঠান দেখার কথা ছিল তার।’

বিন্দুগুলো খুব দ্রুত জোড়া লেগে গেল।

‘তার মানে, খুনি এখান থেকে তুলে নিয়ে গিয়েছিল ভিকটিমকে?’ বাড়ির দিকে মনোযোগ সরে গেল গার্সিয়ার।

‘সেরকমই মনে হচ্ছে,’ বললো হান্টার।

ভারী ও বিষণ্ণ এক নীরবতা চেপে বসলো দুজনের মাঝে। এই নীরবতার ফাঁকে ড্রাইভওয়েতে রাখা কার্স্টেনের ম্যালিবুর দিকে চোখ বুলিয়ে নিলো গার্সিয়া।

‘এই কেসে খুনির দুঃসাহসটা বুঝতে পারছো?’ জিজ্ঞেস করলো সে, মাথা সামান্য কাত করলো। ‘খুনি ভিকটিমের বাসার ভেতরে ঢুকেছে, তাকে কাবু করেছে, তাকে অপহরণ করেছে, তারপর হুকের সাহায্যে আটকে গাড়ি দিয়ে ছেঁচড়ে নিয়ে গেছে, যতক্ষণ সে না মরে, যতক্ষণ না তার শরীর থেকে চামড়া, মাংস, পেশি সব ছিন্নভিন্ন হয়ে যায়।’

কথাগুলো বলে এক মুহূর্ত দম নিলো। ‘তারপরে ভিকটিম ও তার শরীরের অংশগুলোকে সংগ্রহ করেছে খুনি, গাড়িতে তুলেছে, এই বাড়িতে নিয়ে এসেছে, তারপরে বিছানায় ওভাবে সাজিয়ে রেখেছে। এই খুনি আসলে কে, রবার্ট? কোনো পিশাচ না-কি তার সাগরেদ?’

পার্টনারের রাগ আর হতাশা হান্টারকে সংক্রমিত করতে পারলো না। ও যখন মুখ খুললো, তখন শান্ত শোনালো ওর কণ্ঠ, কণ্ঠে বিশ্লেষণের সুর।

‘শুধু দুঃসাহস নয়, কার্লোস, খুনির পরিকল্পনাও করেছে মারাত্মক। যে জায়গাটা সে বেছে নিয়েছিল, ভিকটিম যেখানে মারা গেছে, সেই জায়গাটার কথা বলছি। এটা হুট করে বেছে নেয়া কোনো জায়গা নয়। খুব ভেবেচিন্তে, বুঝেশুনে বেছে নিয়েছে খুনি। খোলা রাস্তা, অব্যবহৃত পার্কিং লট, এমনকি কোনো বিশাল ভবনও হতে পারে, একটা হ্যাঙ্গার, কোনো পরিত্যক্ত গুদাম ঘরের মেঝে… এমন নির্জন কোথাও যেখানে ভিকটিমের সাথে চালানো নৃশংসতা কারো চোখে পড়বে না। এমন কোনো জায়গা, যেখানে ভিকটিমকে গাড়ির পেছনে বেঁধে টেনে নিয়ে যাওয়া যাবে? কতক্ষণের জন্য? দশ, বিশ, ত্রিশ মিনিটের জন্য? না-কি তার চেয়েও বেশি?’

জবাব দিলো না গার্সিয়া। ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়িয়ে রইলো।

‘যত সময়ই হোক না কেন,’ আবার আগের কথার খেই ধরলো হান্টার, ‘খুনির আসলে কিছু যায় আসেনি; কারণ তাকে যে কেউ দেখছে না, সেই ব্যাপারে নিশ্চিত ছিল সে।’

দুজন ডিটেকটিভই নিশ্চুপ থাকলো এক মুহূর্তের জন্য।

‘খুনি যদি একই হয়ে থাকে,’ পার্টনারের মনোযোগ আকর্ষণ করলো হান্টার, ‘তাহলে তার মোডাস অপারেন্ডি একই আছে বলে নিশ্চিত আমি। যার মানে, কার্স্টেনকে অপহরণের আগে তাকে মেসেজ করেছে সে। তুমি যেমনটা বললে, ভিকটিমরা ভয়ে কাঠ হয়ে যাক, তা চাইছে সে।’

নড করলো গার্সিয়া। ‘কাল সকালেই সেলফোন প্রোভাইডারদের সাথে যোগাযোগ করবো আমি। এবার অন্তত তাদেরকে বোঝাবো, মেসেজের সাথে কোনো ভিডিয়ো অ্যাটাচ করা থাকলে সেটা আমাদের চাই।’

আরেকবার বাড়িটার দিকে তাকালো হান্টার। ‘বাড়িতে যাও, কার্লোস। অনেক রাত হয়েছে। বিশ্রাম নাও, সকালে দেখা হবে।’

‘তুমি কি থাকছো?’ নিজের ঘড়ি দেখলো গার্সিয়া। ঘড়ির কাঁটা রাত তিনটের দিকে এগোচ্ছে।

‘বেশিক্ষণ নয়। ফরেনসিকস টিমের সাথে কথা বলবো, তারপর আরেকবার চারপাশটা দেখে রওনা দেবো। এখানে আমাদের খুব বেশি কিছু করার নেই।’

একত্রিশ

নিজের অ্যাপার্টমেন্টে ফিরে সে রাতটা জেগে কাটালো হান্টার। আরেকবার বিছানার ওপরে শান্ত হয়ে শুয়ে পড়লো ও, নিজের শরীরটাকে বিশ্রাম দিলো। তবে মস্তিষ্ক কাজ করতেই থাকলো সমানতালে, ধাঁধার টুকরোগুলোকে খাপে খাপে বসানোর চেষ্টা করতে লাগলো।

গার্সিয়া হয়তো ঠিকই বলেছে। খুনি হয়তো পিশাচ বা তার সাগরেদ। যে পিশাচ তার সাগরেদকে শান্তি দিচ্ছে না, সবসময় আরও কিছু করার জন্য চাপ দিচ্ছে, আরও শাস্তি দেওয়ার জন্য, আরও ভোগান্তির জন্য, আরও নির্মমতা দেখানোর জন্য, আরও আতঙ্ক সৃষ্টির জন্য, আরও নিষ্ঠুরতা দেখানোর চাপ দিচ্ছে। আবার এমনও হতে পারে, খুনি আসলে মানসিকভাবে ভারসাম্যহীন। মাথার মধ্যে কারো কণ্ঠ শুনতে পায় সে, যে কণ্ঠ সারাটাক্ষণ তার আত্মাকে এমনভাবে নির্যাতন করে, যার কোনো সীমা-পরিসীমা নেই।

এছাড়া খুনির এই নৃশংস কাজের আর কী ব্যাখ্যা দেওয়া যায়? তার যা মোডাস অপারেন্ডি, এরকম কিছু হান্টার আগে কখনো দেখেনি। এই খুনিকে যতটুকু বুঝেছে, তাতে ও বুঝতে পেরেছে যে খুনির মোডাস অপারেন্ডি সব মিলিয়ে ছয়টা ভাগে বিভক্ত।

এক-ভয়: ভিকটিমের ভয়ের ব্যাপারে খুনি রীতিমতো ক্ষুধার্ত, আর সেটা মেটানোর জন্য সে ভিকটিমকে মেসেজ দেওয়ার আগে ভিকটিমের বাড়ির ভেতরে লুকিয়ে থাকে, ভিকটিমদেরকে জানায় সে তাদের বাড়িতে ঢুকে পড়েছে এবং সেই রাতেই মারা পড়বে ভিকটিমরা। তাদের ভয়কে কাজে লাগিয়ে আতঙ্কগ্রস্ত করে তোলে, আতঙ্কের সর্বোচ্চ সীমায় নিয়ে যায়।

দুই-পাকড়াও: খুনি কীভাবে ভিকটিমদেরকে পাকড়াও করে, তা এখনো অজানা। তবে সে যেহেতু ভিকটিমদের বাড়ির ভেতরে লুকিয়ে থাকে, তাই পাকড়াও করাটা খুব একটা কঠিন হওয়ার কথা নয়।

তিন-হাতে লেখা নোট: কোনো এক কারণে খুনি তার ভিকটিমদেরকে একটি বাক্য লিখতে বাধ্য করছে। বাক্যটা কোনো কবিতার লাইন হতে পারে, আবার কোনো রোমান্টিক গানের লাইনও হতে পারে। এর তাৎপর্য এখনো অজানা।

চার-নির্যাতন: ভিকটিমদেরকে ভয় দেখিয়েই ক্ষান্ত হচ্ছে না খুনি, তারা যেন সর্বোচ্চ ব্যথা পায়, শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন ব্যথার কমতি না হয়, তা নিশ্চিত করছে। নিজের ক্ষুধা মেটানোর জন্য, প্রত্যেকটা মৃত্যু সে ঘটাচ্ছে নৃশংস ও নিষ্ঠুর নির্যাতনের মাধ্যমে।

পাঁচ-খুন: চার আর পাঁচ নাম্বার ধাপ আসলে এক ধাপের মধ্যে অন্তর্ভুক্ত করা যায়, যেহেতু খুনগুলো নির্যাতনের মাধ্যমেই করা হয়েছে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ও অস্বাভাবিক বিষয় হলো, প্রত্যেকটা খুন একটার চাইতে আরেকটা ভিন্ন, মোডাস অপারেন্ডি, সিগনেচার প্যাটার্ন, সবকিছুই আলাদা বলে মনে হচ্ছে। এরও একটা মানে না থেকে যায় না, এ ব্যাপারে হান্টার নিশ্চিত।

ছয়-মঞ্চস্থ করা: যা বোঝা যাচ্ছে, খুনি লাশগুলো মঞ্চস্থ করাটা খুব উপভোগ করছে। সম্ভবত নিজের জন্যই করছে সে, আবার এ-ও হতে পারে, ভিকটিমদেরকে এভাবে খুঁজে পাক পুলিশ, তা চাইছে সে। আবার দুটোও হতে পারে। নিশ্চিত নয় হান্টার।

ভিকটিমদের বিষয়ে খুনির ‘অবসেশনের’ এতগুলো ধাপের পরে, খুনি যে খুবই গোছালো ও নিয়মতান্ত্রিক, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। দুটো খুনেরই প্রত্যেকটা ধাপ একদম নিখুঁতভাবে কার্যকর করেছে সে। কোনো ভুল করেনি। আর যদি করেও থাকে, হান্টার আর গার্সিয়া তা খুঁজে পায়নি।

ভোর সাড়ে পাঁচটায় গোসল করে নিলো হান্টার, রওনা দেওয়ার জন্য তৈরি হলো। ছয়টার সময়ে ইউভিসি ইউনিটের অফিসের নিজের ডেস্কে বসে থাকতে দেখা গেল ওকে, এবং সকাল পৌনে সাতটায় নতুন ইনভেস্টিগেশনের জন্য অফিশিয়াল কাগজপত্র ক্যাপ্টেন ব্লেকের ডেস্কে জমা দিলো।

সকাল সাড়ে সাতটায়, ফিরে গেল আলহাম্বরায়। ক্রাইম সিনে কাজ শেষ হয়েছে ফরেনসিকসের, সে কারণে এবার একা বাড়িটা ঘুরে দেখার সুযোগ পেলো হান্টার। প্রায় এক ঘণ্টা এ ঘর, ও ঘর করে কাটালো ও। ঠিক কী ঘটেছিল, তা কল্পনা করার চেষ্টা করলো। খুনি ঢুকেছিল কী করে? কেন কোনো ধ্বস্তাধ্বস্তির চিহ্ন নেই। কার্স্টেন হ্যানসেনকে এভাবে খুন করার কারণটা কী? তার হাতে একটা নোট রেখে গেল কেন খুনি? খুনি আসলে ওদেরকে কী বলার চেষ্টা করছে?

শেষ পর্যন্ত কিচেনের দরজা দিয়ে বেরিয়ে এলো হান্টার, বাইরে দাঁড়িয়ে থাকা ইউনিফর্ম পরা অফিসারদের সাথে যোগ দিলো। প্রত্যেকটা বাড়িতে জিজ্ঞাসাবাদ করার জন্য অফিসারদেরকে রেখে দেওয়া হয়েছে। দুজন প্রতিবেশীর বাড়ির বাইরে সিকিউরিটি ক্যামেরা আছে, তবে হান্টার যেমনটা অনুমান করেছিল, সেটাই হলো। ভাগ্য প্রসন্ন নয় ওদের। একটা বাড়ির ক্যামেরা প্রায় এক বছর আগে থেকে নষ্ট। আরেকটা বাড়ির ক্যামেরা রাস্তার দিকে নয়, সেই বাড়ির সামনের পোর্চের দিকে তাক করা। ড্রাইভওয়ে ছাড়িয়ে রাস্তা পর্যন্ত পৌঁছাতে পারেনি ক্যামেরার রেঞ্জ।

প্রতি বাড়িতে জিজ্ঞাসাবাদ করেও পাওয়া যায়নি কিছু। সোমবার রাতে অথবা মঙ্গলবার সকালে সন্দেহজনক কোনো দৃশ্য দেখেনি অথবা সন্দেহজনক কোনো শব্দ শোনেনি কেউ। তবে অফিসারদের রিপোর্ট যতদূর পড়েছে হান্টার, তাতে ইন্টারেস্টিং একটা জিনিস লক্ষ করেছে ও। মি. মাইক হেনেসি নামের জনৈক প্রতিবেশী থাকেন রাস্তার ওপাশের এক বাড়িতে, বাড়ির অবস্থান কার্স্টেন আর ট্রয়ের বাড়ির ডানে। বয়স উনসত্তর বছর। তিনি বলেছেন, সন্দেহজনক কিছু দেখেননি তিনি, তবে মঙ্গলবার একদম সকালে কার্স্টেনের সাদা শেভ্রোলেট ম্যালিবু আর ট্রয়ের ফোর্ড পিকআপ ট্রাক, দুটো গাড়িকেই ড্রাইভওয়েতে দাঁড়িয়ে থাকতে দেখেছেন।

‘সেটা কীভাবে সম্ভব?’ নিজেকে প্রশ্ন করলো হান্টার। ট্রয়ের বক্তব্যানুযায়ী, রাত সাড়ে নয়টার আগে বাড়িতে পৌঁছাতে পারেনি সে। তাহলে সেদিন সকালে কীভাবে তার গাড়ি ড্রাইভওয়েতে থাকে?

মি. হেনেসি’র বাড়ির সামনের দিকটা সাদা, স্প্লিট-লেভেল (একতলা বাড়ি, কিন্তু ঘরগুলো এমনভাবে সাজানো, দেখে মনে হয় কয়েক তলা।) বাড়ি। আর সেই প্রত্যেক তলাতেই আছে রাস্তার দিকে মুখ করে থাকা প্রশস্ত জানালা। ড্রাইভওয়েতে একটা নীল হোন্ডা অ্যাকর্ড পার্ক করা। পুরানো মডেলগুলোর একটা। সামনের বাগানটার নিয়মিত যত্ন নেয়া হয়।

ডোরবেল বাজানোর আগে মি. হেনেসির সদর দরজার সামনে থেমে দাঁড়ালো হান্টার, ঘুরে কার্স্টেন আর ট্রয়ের বাড়ির দিকে তাকালো। তারপর বাগান পার হয়ে এলো ও, তারপর আবার ঘুরে একই কাজ করলো। এবার নিচের তলার এক জানালার পাশে দাঁড়িয়ে কাজটা করলো ও। ওপরের তলার জানালাটা ঠিক এই জানালার বরাবর। দুটো জানালা থেকেই কার্স্টেন আর ট্রয়ের ড্রাইভওয়েটা পরিষ্কার চোখে পড়ে। সদর দরজার সামনে গিয়ে বেল বাজালো হান্টার, দুই পা পিছিয়ে এসে অপেক্ষা করতে লাগলো। কয়েক সেকেন্ড পরে পিপহোল কালো হয়ে গেল। এর এক সেকেন্ড পরে খুলে গেল দরজা।

মি. হেনেসি একজন চিকনচাকন মানুষ, উচ্চতা টেনেটুনে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হবে। মাথার চুল পাতলা হয়ে আসছে, গাল টকটকে লাল। সরু নাকের ওপরে চেপে বসে আছে মোটা কাচের চশমা, গভীর বাদামি চোখজোড়াকে ঢেকে রেখেছে। পরনের জামাটা তার হাড্ডিসার দেহে কেমন যেন অদ্ভুত দেখাচ্ছে।

‘কীভাবে আপনাকে সাহায্য করতে পারি, ইয়াং ম্যান?’ বললেন তিনি, হান্টারের ওপরে দৃষ্টি স্থির হলো তার। কণ্ঠ শান্ত, তবে ভঙ্গুর নয়। আচরণে স্বাগত জানানোর ভাব।

দ্রুত নিজের পরিচয় দিলো হান্টার, তারপর ওর আগমনের কারণ ব্যাখ্যা করলো। একটু আগে অফিসারকে যে তথ্য মি. হেনেসি দিয়েছেন, সে ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য এসেছে ও।

‘জি বলুন,’ শান্ত গলায় বললেন মি. হেনেসি, তার মুখভঙ্গী একদম শান্ত। ‘কী নিশ্চিত হতে চাইছেন আমার থেকে?’

‘প্রথমে আপনাকে জিজ্ঞেস করি,’ শুরু করলো হান্টার, শরীরটা সামান্য বাঁকিয়ে কার্স্টেন আর ট্রয়ের বাড়ির দিকে ইঙ্গিত করলো। ‘৮০২ নাম্বার বাড়ির দম্পতি ট্রয় ফস্টার আর কার্স্টেন হ্যানসেনকে কতটা ভালোভাবে চিনতেন?’

‘ওহ, তেমন পরিচয় ছিল না,’ জবাব দিলেন মি. হেনেসি, তার দৃষ্টি এক মুহূর্তের জন্য ট্রয় আর কার্স্টেনের বাড়ির ওপরে নিবদ্ধ থাকলো, তারপর আবার হান্টারের দিকে তাকালেন। ‘সত্যি কথা হলো, আপনি বলার আগ পর্যন্ত আমি তাদের নাম জানতাম না; তবে তারা কে, তা আমি জানি, বলতে চাচ্ছি, মাঝে মাঝে আমি যখন জানালার পাশে বসে থাকতাম, অথবা বাগানের পরিচর্যা বা এই ধরনের কিছু করতাম, তাদেরকে গাড়ি থেকে নামতে দেখেছি আমি, অথবা বাড়ি থেকে ময়লা এনে ফেলতো, আশা করি বুঝতে পারছেন দৈনন্দিন জীবনের কথা বলছি।’ মি. হেনেসির কণ্ঠে সামান্য হাল ছেড়ে দেয়ার ছোঁয়া পাওয়া গেল। ‘মাঝেমধ্যে ড্রাইভওয়েতে ট্রয়কে তার ট্রাক পরিষ্কার করতে দেখেছি আমি, তবে কথা হয়নি কখনো।’

‘কিন্তু তারা কে কোন গাড়িটা ড্রাইভ করতো, তা জানা ছিল আপনার?’ জিজ্ঞেস করলো হান্টার, কাঁধের ওপর বুড়ো আঙুল দিয়ে পেছনে ইশারা করলো।

‘জি।’ কার্স্টেন আর ট্রয়ের ড্রাইভওয়ের দিক থেকে এক মুহূর্তের জন্য ঘুরে এলো মি. হেনেসির দৃষ্টি। কার্স্টেনের ফোর্ড ম্যালিবু এখনো সেখানে দাঁড়িয়ে আছে, তবে নেই ট্রয়ের ট্রাক। সকাল হতেই তার ভাই ড্রাইভ করে সিলমারে অবস্থিত মায়ের বাড়িতে নিয়ে গেছে গাড়িটা। ‘মেয়েটা সাদা গাড়িটা চালাতো, ওখানে রাখা আছে যেটা।’ সেদিকে আঙুল দিয়ে দেখালেন মি. হেনেসি। ‘আর ট্রয় চালাতো পিকআপ ট্রাক।’

আরও খানিকটা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিলো হান্টার। ট্রাকটা চলে যাওয়ায় ভালো হয়েছে এক দিক দিয়ে। ‘আপনি কি জানেন সে কোন ধরনের ট্রাক চালাতো? মডেলের কথা বলছি।’

ক্ষমাপ্রার্থনার ভঙ্গীতে এক দিকে সামান্য মাথা বেঁকে গেল মি. হেনেসির। ‘আমি দুঃখিত, কিন্তু গাড়ি সম্পর্কে তেমন কিছু জানি না আমি।’ বলে ড্রাইভওয়েতে রাখা নিজের হোন্ডা অ্যাকর্ডের দিকে চেয়ে নড করলেন।

‘অনেকগুলো বছর ধরে এই পুরানো গাড়িটার মালিক আমি, কিন্তু তারপরেও নির্দিষ্টভাবে কিছু বলতে পারবো না। আমার কাছে গাড়ি মানে, এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার এক বাহন মাত্র,’ শ্রাগ করলেন তিনি, বাক্যটা শেষ করলেন না।

আবার প্রশ্ন করার আগে সমঝদারের ভঙ্গীতে নড করলো হান্টার। ‘কিন্তু আপনি তো অফিসারকে বলেছেন যে ৮০২ নাম্বার বাড়ির ড্রাইভওয়েতে মঙ্গলবার খুব সকালে দুটো গাড়ি পার্ক করা অবস্থায় দেখেছেন। ঠিক বললাম তো?’

‘একদম ঠিক,’ নিশ্চিত করলেন বুড়ো লোকটা।

‘তখন ঘড়িতে ক’টা বাজছিল মনে করতে পারেন?’

‘নিশ্চয়,’ চটপট উত্তর দিলেন মি. হেনেসি, কোনো দ্বিধা করলেন না, কোনো চিন্তা করলেন না। ‘ঘড়িতে তখন সোয়া চারটে বাজছিল।’

সম্ভবত হান্টারের মুখভঙ্গী দেখে কিছু বুঝতে পারলেন মি. হেনেসি, অথবা তার নিজেরই মনে হলো বিষয়টা ব্যাখ্যা করা উচিত, উত্তর দেওয়ার সাথে সাথে তিনি ব্যাখ্যা দেওয়ার জন্য মুখ খুললেন। ‘প্রায় দেড় বছর আগে আমার স্ত্রী মারা গেছেন। তার পর থেকে রাতে তেমন একটা ঘুম হয় না আমার।’ স্ত্রী’র মৃত্যুর কথা বলার সাথে সাথে মি. হেনেসির চোখজোড়ায় যে দ্যুতি ছিল, তা ম্রিয়মাণ হয়ে গেল। ‘অধিকাংশ দিনই ভোর চারটায় ঘুম ভেঙে যায় আমার, কপাল ভালো থাকলে এক ঘণ্টা পরে ভোর পাঁচটায় ঘুম ভাঙে। বিছানা, ঘর, গোটা বাড়ি সবটাই আমার জন্য অনেক বড়ো বলে মনে হয়। আমি কী বলতে চাইছি, তা আশা করি বুঝতে পারছেন। কিন্তু বাড়িটা ছেড়ে চলে যাওয়াও আমার পক্ষে সম্ভব নয়। এখানে অজস্র স্মৃতি ছড়িয়ে আছে।’ মি. হেনেসির শান্ত কণ্ঠে আবেগের ছোঁয়া লক্ষ করলো হান্টার। দৃষ্টি যেন সুদূরে মিলিয়ে গেছে। সেদিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকার পরে মেঝের দিকে চোখ ফেরালেন তিনি। ‘যা-ই হোক, গতকাল চারটের সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম। প্রত্যেক দিনের মতো ওঠার পরে বিছানাটা গুছিয়ে রাখি, তারপর পর্দা সরিয়ে দিই। তারপর কফি বানানোর জন্য নিচে নামি।’

‘আর তখনই আপনার শোবার ঘরের জানালা দিয়ে ড্রাইভওয়েতে দুটো গাড়ি পার্ক করা অবস্থায় দেখতে পান?’ জিজ্ঞেস করলো হান্টার।

‘জি,’ নিশ্চিত করলেন মি. হেনেসি। ‘আমার শোবার ঘরটা রাস্তামুখী।’ তর্জনী তাক করে বললেন তিনি।

‘গাড়িগুলোর অবস্থান মনে আছে কি? কীভাবে সেগুলো পার্ক করা ছিল?’

‘অবশ্যই মনে আছে।’ বোঝানোর জন্য মি. হেনেসি নিজের ডান হাত ছড়িয়ে দিলেন। ‘সাদা গাড়িটা নিজের জায়গাতেই ছিল, ড্রাইভওয়ের একদম প্রথমে, বাসার ঠিক কাছে। আর কালো পিকআপ ট্রাকটা ছিল সাদা গাড়িটার ঠিক পেছনে।’

‘আপনি কি নিশ্চিত যে ট্রাকটা আসলেই ছিল?’

‘হ্যাঁ, আমি নিশ্চিত।’

আরেকবার কার্স্টেন আর ট্রয়ের বাড়ির দিকে ফিরে তাকালো হান্টার। ভোর চারটের সময় চারিদিক অন্ধকার থাকার কথা, তবে রাস্তা থেকে ৮০২ নাম্বার বাড়ির ড্রাইভওয়েতে যাওয়ার পথে একটা ল্যাম্প পোস্ট আছে। সেই ল্যাম্প পোস্টের আলোয় গোটা ড্রাইভওয়ে আলোকিত হয় না বটে, তবে তা মি. হেনেসির চোখে ট্রয়ের ট্রাক চোখে পড়ার জন্য যথেষ্ট। বিশেষ করে ট্রাকটা যখন রাস্তার কাছেই পার্ক করা থাকে।

‘আপনি কীভাবে নিশ্চিত হলেন,’ জিজ্ঞেস করলো হান্টার, ‘যে মিঃ ফস্টারের ট্রাকই দেখেছেন আপনি ড্রাইভওয়েতে?’

তেরছাভাবে হান্টারের দিকে তাকালেন মি. হেনেসি। ‘ওহ আচ্ছা,’ বললেন তিনি, সামনে দাঁড়ানো এই ডিটেকটিভ আসলে কী বলতে চাইছে, তা বুঝতে পারলেন। আবার দূরে তাকালেন তিনি। কয়েক সেকেন্ড পরে যখন আবার হান্টারের দিকে তাকালেন, তখন সেই চোখজোড়ায় অনিশ্চয়তা দেখা গেল। ‘যদি সত্যি কথা বলি,’ বললেন তিনি, যেন ক্ষমা চাইছেন, ‘আমি আসলে নিশ্চিত নই একই ট্রাক ছিল কিনা। একই রকম দেখতে পিকআপ ছিল, একই রঙের, ওদের ড্রাইভওয়েতে পার্ক করা ছিল। চারিদিকে অন্ধকার ছিল, আমিও তখন মাত্র ঘুম থেকে উঠেছিলাম। জানালা দিয়ে যখন বাইরে তাকালাম, তখন দুটো গাড়িই ড্রাইভওয়েতে দাঁড়িয়ে থাকতে দেখি, কারণ ওদের বাড়িটা আমার বাড়ির প্রায় সামনেই। তবে আমি ওদের বাড়ি কিংবা ড্রাইভওয়ের দিকে তাকাইনি। গোটা রাস্তাটার ওপরে চোখ বোলাই, আলাদাভাবে কিছু চিন্তা করিনি।’ নাকের ওপরে রাখা চশমাটা ঠিক করে নিলেন তিনি। ‘এটাই হচ্ছে সমস্যা। আলাদাভাবে কিছু যেহেতু খুঁজিনি, তাই অস্বাভাবিক কিছু থাকলেও হয়তো আমার চোখে পড়েনি।’

বিস্ময়ে কপালে উঠে গেল হান্টারের ভ্রু’জোড়া। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আশা করেনি ও।

‘কারণ, সবকিছু স্বাভাবিক ছিল। যেটা যেখানে থাকার কথা, সেটা সেখানেই ছিল,’ কথা চালিয়ে গেলেন মি. হেনেসি। ‘সবসময়ের মতো ড্রাইভওয়েতে কালো পিকআপ ট্রাক দাঁড়িয়ে ছিল, সেটাকে স্বাভাবিক বলে মেনে নিয়েছিল আমার মস্তিষ্ক; অস্বাভাবিক কিছু মনে হয়নি।’ কেশে গলা পরিষ্কার করলেন তিনি। ‘তাই আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে সেটা অন্য কোনো পিকআপ ট্রাক হতে পারে কিনা, তবে উত্তর হলো, হ্যাঁ, হতেই পারে। অন্য পিকআপ ট্রাক, ভিন্ন মডেলের, ভিন্ন কোম্পানির, তবে রং আর আকৃতিতে মিল থাকার কারণে এবং পার্কিং পজিশন এক হওয়ার কারণে আমার সেরকমটা মনে হয়ে থাকতে পারে। সবসময় দেখার কারণে, আমার মস্তিষ্ক সেভাবে ভেবে নিয়েছিল। হিউম্যান ব্রেইনের খুব কমন একটা কাজ।’

‘সাবকনশাস পারসেপচুয়াল রিকগনিশন,’ বুড়ো লোকটার দিকে চেয়ে নড করলো হান্টার।

এবারে মি. হেনেসির চোখ বিস্ময়ে কপালে উঠে গেল। ‘আপনি কি একজন সাইকোলজিস্ট, স্যার?’

‘ছিলাম, তবে সাইকোলজিস্ট নয়, সাইকিয়াট্রিস্ট,’ জবাব দিলেন মি. হেনেসি। ‘অবসরপ্রাপ্ত।’ এখনো বিস্ময় কাটেনি তার, সেটা তার কথা থেকে বোঝা গেল। ‘আপনিও কি সাইকিয়াট্রিস্ট? কীভাবে জানলেন?’

‘আমি প্রচুর পড়ি,’ বললো হান্টার, বিস্তারিত ব্যাখ্যায় গেল না।

‘ওহ, আচ্ছা,’ মেনে নিলেন মি. হেনেসি; তবে হান্টার স্পষ্ট বুঝতে পারলো, লোকটা বিশ্বাস করেনি ওর কথা।

‘পিকআপ ট্রাকটা কখন চলে গিয়েছিল, তা দেখেননি বোধহয়?’ আবার জিজ্ঞেস করলো হান্টার।

‘দুর্ভাগ্যবশত, না।’ নিজের জুতোর দিকে তাকালেন বুড়ো লোকটা। ‘তবে সকাল সাড়ে ছয়টা নাগাদ বাহনটা সেখানে ছিল না, এ ব্যাপারে আমি নিশ্চিত।’ জুতোজোড়া থেকে চোখ তুললেন। ‘প্রত্যেকদিন সকাল সাড়ে ছয়টায় ফুলগাছগুলোতে পানি দিই আমি।’ বলে বাগানের দিকে দেখালেন। ‘তখন পিকআপ ট্রাকটা দেখিনি। সে ব্যাপারে আমি নিশ্চিত।’

সে ব্যাপারে হান্টারেরও কোনো সন্দেহ নেই। সময় দেওয়ার জন্য বুড়ো লোকটাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে চাইলো ও, কিন্তু মি. হেনেসি থামালেন ওকে।

‘ডিটেকটিভ,’ ডাকলেন তিনি, আশঙ্কার সুর শোনা গেল তার কণ্ঠে। ‘গতকাল সকালে আমি যে ট্রাকটাকে দেখেছি, তা আসলে ৮০২ নাম্বার বাড়ির মালিকের নয়, তাই না?’

লোকটা যে কেন প্রশ্নটা করেছে, তা হান্টার জানে। এ-ও জানে, কেন তার কণ্ঠে আশঙ্কার সুর। মি. হেনেসি একজন শিক্ষিত ও বুদ্ধিমান মানুষ, হান্টারের প্রশ্ন করার ধরন থেকেই উনি বুঝে নিয়েছেন, মঙ্গলবার সকালে যে ট্রাকটা তিনি দেখেছিলেন, সেটার মালিক তার প্রতিবেশীর খুনি। সেটাই যদি হয়, খুনি তার রাস্তার অপর পাশেই ছিল। এটুকু তথ্যই একজন মানুষের মাথার মধ্যে চিন্তার ঝড় তোলার জন্য যথেষ্ট। এমন যদি হতো, খুনি রাস্তার ওপাশের বাড়িতে না গিয়ে তার বাড়িতে আসতো? তিনি যদি আর এক, দুই, তিন, পাঁচ, অথবা আরও কিছুক্ষণ জানালার সামনে দাঁড়াতেন, আর খুনিকে ৮০২ নাম্বার বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখতেন?

অনেকগুলো প্রশ্ন ঘুরছে মি. হেনেসির মাথার মধ্যে। রাজনীতিবিদদের মতো আচরণ করার সিদ্ধান্ত নিলো হান্টার। ‘আমি শুধু তথ্যগুলোর ব্যাপারে নিশ্চিত হওয়ার চেষ্টা করছি,’ জবাব দিলো ও। ‘সেটা নিশ্চিত হওয়ার জন্য আরও কয়েকটা প্রশ্ন করলাম।’

ও জানে, ওর উত্তর মি. হেনেসির প্রশ্নের জবাব না। তবে এই মুহূর্তে এর চাইতে বেশি ওর আর কিছু করার নেই।

বত্রিশ

মি. হেনেসির সাথে কথা বলার পরে ড্রাইভ করে সোজা police প্রশাসন ভবনের নিজের অফিসে চলে এলো হান্টার। ড্রাইভ করার সময়ে কার্স্টেন আর ট্রয়ের বাড়ি থেকে কিচেনের দরজা হয়ে বেরোনোর সময় যে তথ্যটা পেয়েছিল, এবং সেটা কীভাবে অবসরপ্রাপ্ত সাইকিয়াট্রিস্টের থেকে পাওয়া তথ্যের সাথে মিলিয়ে দেখলো, সেটা নিয়ে ভাবতে লাগলো ও। তিনটে শব্দ মনে এলো: ‘খুনি খুব চতুর’।

ইউভিসি ইউনিটের অফিসে ফিরে ড. প্ল্যাটারের টিমের কাছ থেকে পাওয়া শেষ দুটো ক্রাইম সিনের ছবি নিজেদের ছবির বোর্ডে পিন দিয়ে আটকে দিলো গার্সিয়া। তারপর কয়েক মিনিট তাকিয়ে থাকলো ছবিদুটোর দিকে, মনোযোগ এ ছবি থেকে ও ছবিতে ঘুরতে লাগলো। বাঁ পাশের ছবিটা মেলিসা হোথর্নের ক্রাইম সিনের, ডানেরটা কার্স্টেন হ্যানসেনের।

মেলিসা হোথর্নের ভেতরে যে নোটটা পাওয়া গিয়েছিল, সেদিকে তাকালো গার্সিয়া; এরপর কার্স্টেন হ্যানসেনের হাতে পাওয়া নোটটার দিকে দৃষ্টি ফেরালো। ‘মানে কী এসবের?’ আপনমনে ফিসফিস করলো সে, বোর্ড থেকে এক পা পিছিয়ে এলো।

আর তখনই অফিসের দরজা খুলে ভেতরে ঢুকলো হান্টার। গার্সিয়া জানে, তার পার্টনার সকালে ক্রাইম সিনে ফিরে গিয়েছিল। ‘পেলে কিছু?’ আশান্বিত গলায় জিজ্ঞেস করলো গার্সিয়া।

‘সম্ভবত,’ জবাব দিলো হান্টার, জ্যাকেটের চেইন খুলে সেটা চেয়ারের পেছনে ঝুলিয়ে রাখলো, তারপর কম্পিউটার চালু করলো। ‘একজন প্রতিবেশী ড্রাইভওয়েতে গতকাল ভোর চারটের সময় ট্রয় ফস্টারের পিকআপ ট্রাকটাকে কার্স্টেন হ্যানসেনের গাড়ির পেছনে পার্ক করা অবস্থায় দেখেছে।’

‘কী?’ গার্সিয়া এতই অবাক হলো যে তার চোখজোড়া রীতিমতো কপালে উঠে গেল। ‘সেটা কীভাবে সম্ভব?’

‘এটাই কথা,’ জবাব দিলো হান্টার। ‘সম্ভব নয়। সে সময়ে স্যান ফ্রান্সিসকোতে ছিল ট্রয় ফস্টার।’

পার্টনারের দিকে তাকালো গার্সিয়া। ‘তাহলে কি প্রতিবেশী মিথ্যে বলছে? কেন বলছে?’ পার্টনারের সাথে যোগ দিলো গার্সিয়া, বোর্ডের সামনে এসে দাঁড়ালো। ‘আমার মনে হচ্ছে না, লোকটা মিথ্যে বলছে।’

হান্টার আসলে কী বলতে চাইছে, তা বুঝতে গার্সিয়ার সেকেন্ডের ভগ্নাংশ পরিমাণ সময় লাগলো। ‘খুনির গাড়ি দেখেছে সে,’ বললো সে, চোখ বিস্ফারিত হয়ে গেল।

নড করলো হান্টার।

‘লাইসেন্স প্লেট?’ উত্তেজিত গলায় জিজ্ঞেস করলো গার্সিয়া। ‘বাম্পার স্টিকার, তুবড়ে যাওয়া কোনো অংশ, একটা আঁচড়ের দাগ, যে-কোনো কিছু যেটা দিয়ে আমরা চিহ্নিত করতে পারবো?’

মাথা নাড়লো হান্টার। ‘একটা কালো পিকআপ ট্রাক ছাড়া আর কিছুই চোখে পড়েনি তার। পিকআপ ট্রাকটা ট্রয়ের মডেলেরও হতে পারে, আবার একই আকৃতির ভিন্ন মডেল ও কোম্পানির হওয়া অসম্ভব নয়।’

পার্টনারের কথা শুনে ভ্রূ কোঁচকালো গার্সিয়া, ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললো। ‘তাহলে একজন প্রতিবেশী একটা কালো পিকআপ ট্রাক দেখেছে, এটুকুই?’

‘হ্যাঁ।’

‘কোনো ডিটেইলস নেই, কিছুই নেই, শুধুই একটা কালো পিকআপ ট্রাক দেখেছে সে?’

‘হ্যাঁ।’ মি. হেনেসির সাথে কী কথাবার্তা হয়েছে, তা গার্সিয়াকে খুলে বলল হান্টার।

‘তাহলে সত্যি কথাটা হলো,’ মন্তব্য করলো গার্সিয়া, ‘কালো রঙের যে-কোনো পিকআপ ট্রাক হতে পারে।’

‘হ্যাঁ, হতে পারে,’ একমত হলো হান্টার, ছবির বোর্ডের দিকে মনোযোগ ফেরালো। ‘তবে আমার ধারণা, এটা যে-কোনো একটা পিকআপ ট্রাক নয়।’

প্রশ্নবোধক চোখে পার্টনারের দিকে তাকালো গার্সিয়া, এক মুহূর্তের মধ্যেই পার্টনার কী বলতে চাইছে, তা বুঝে গেল। ‘ঝুঁকি কমিয়েছে সে,’ বললো গার্সিয়া। ‘ট্রয়ের পিকআপের মতো একইরকমের এক পিকআপ ব্যবহার করেছে খুনি।’

ভ্রূ সামান্য তুলে একমত পোষণ করলো হান্টার।

‘এই পদ্ধতিতে,’ আগের কথার খেই ধরলো গার্সিয়া, ‘ভিকটিমের ড্রাইভওয়েতেই গাড়ি পার্ক করে খুনি, তারপরে গাড়ির ভেতর থেকে কার্স্টেনকে বের করে খুব সহজেই বাড়ির ভেতরে নিয়ে যায়। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, খুনির গাড়িটা যদি কেউ দেখেও থাকে, তবে কোনো প্রতিবেশীই আগ্রহ নিয়ে তাকাবে না।’ হাসলো সে। ‘খুনি খুব চতুর।’

‘খুবই,’ বললো হান্টার। ‘খুনি জানতো, কার্স্টেনকে বাড়ি থেকে বের করে আবার বাড়িতে ফিরিয়ে আনতে সময় লাগবে তার। ফিরিয়ে আনার পরে, বিছানার ওপরে সাজিয়ে রাখার জন্যও সময় লেগেছে। সে সময়ই ড্রাইভওয়েতে পার্ক করা ছিল গাড়িটা।’

‘আর যত লম্বা সময় গাড়িটা ওখানে ছিল, ততই কারো নজরে পড়ার সম্ভাবনা ছিল।’

‘ঝুঁকি কমানোর কৌশলটা দারুণ ছিল,’ স্বীকার করতে বাধ্য হলো হান্টার। ‘হয়তো তার চাইতেও বেশি, কারণ পিকআপ ট্রাকটা উৎসুক দর্শকের থেকে বিশাল একটা আড়াল দিয়েছিল খুনিকে।’ যে ছবিতে দুটো গাড়িকেই ড্রাইভওয়েতে দেখা যাচ্ছে, সেই ছবির দিকে নির্দেশ করলো ও।

‘আজ সকালে আমি যখন ভিকটিমের বাড়ি থেকে বেরিয়ে আসি, তখন আমি বেরিয়ে এসেছিলাম কিচেনের দরজা দিয়ে। দরজাটা ভবনের এক পাশে অবস্থিত।’ ছবিটার দিকে দেখালো ও, ছবিতে দরজাটা দেখা যাচ্ছে না। ‘ভিকটিমের বাড়িটা রাস্তার একদম শেষ মাথায়। এরপরে আর কিছু নেই। দুটো গাড়িই ড্রাইভওয়েতে পার্ক করা অবস্থায় খুনি খুব সহজেই গাড়ি থেকে নেমে কিচেনের দরজা ব্যবহার করে বাড়ির ভেতরে ঢুকে যেতে পারে। এই পদ্ধতি অবলম্বন করলে, কোনো প্রতিবেশীরই তাকে ঢুকতে বা বেরোতে দেখার সাধ্য নেই। ভিকটিমকে টেনে ট্রাকে তোলা এবং ট্রাক থেকে নামানোর কাজটা সময় নিয়ে করলেও কারো দেখার উপায় ছিল না।’

বোর্ডের দিকে এক পা এগোলো গার্সিয়া, হান্টারের নির্দেশ করা ছবির দিকে তাকালো। ‘তার মানে, খুনি হয় ট্রয়ের পিকআপের মতো পিকআপ ভাড়া করেছে, অথবা কিনেছে, কিংবা চুরি করেছে।’

‘হ্যাঁ,’ একমত হলো হান্টার।

‘রিসার্চকে বলবো…’

‘ইতোমধ্যেই বলে দিয়েছি,’ তাকে জানালো হান্টার। ‘ফেরার পথে জানিয়েছি।’

আরেকবার দীর্ঘশ্বাস ফেললো গার্সিয়া। ‘আমরা যদি আমাদের বিশ্লেষণে ভুল না করে থাকি, তবে একজন ভিকটিমকে মারার জন্য অনেক বেশি প্রচেষ্টা দিয়েছে সে। কিন্তু কেন?’

উত্তর দেওয়ার জন্য ঠোঁট খুলে গেল হান্টারের, আর তখনই ওদের অফিসের দরজা খুলে গেল। এত দ্রুত ঘটলো ঘটনাটা যে, গার্সিয়ার ডেস্ক থেকে কয়েকটা কাগজের টুকরো উড়াল দিয়ে, ঘরে প্রবেশকারী ক্যাপ্টেন ব্লেকের পায়ের কাছে পড়লো। তার ডান হাতে সেই রিপোর্টটা, যেটা সকালে হান্টার তার ডেস্কে রেখে এসেছিল। ডান হাতে রিপোর্টটা নিয়ে ওদের দিকে ইশারা করলেন তিনি। থুতনি সামান্য নামানো তার, চশমার ওপরের অংশ দিয়ে ওদের দিকে তাকিয়ে আছেন। চোখজোড়া বিস্ফারিত, আচরণে চ্যালেঞ্জের আভাস।

‘দেখান আমাকে।’

তেত্রিশ

ইউভিসি ইউনিটের অফিসটা ছোটো ও আবদ্ধ, হান্টার আর গার্সিয়া প্রায়ই জায়গাটাকে ‘জুতার বাক্স’ বলে ডাকে। তবে ছোটো হওয়া সত্ত্বেও প্রত্যেকটা জিনিস নিজেদের জায়গামতো থাকে। উদাহরণ হিসেবে ছবির বোর্ডের কথা বলা যায়। জিনিসটা ঘরের বরাবর রাখা; ঘরের সদর দরজার সামান্য বাঁ পাশে, ডিটেকটিভদের ডেস্ক পার হয়েই। ক্যাপ্টেন এখন যেখানে দাঁড়িয়ে আছেন, হান্টার আর গার্সিয়া তার পথে বাধা হয়ে না দাঁড়ালে সেখান থেকে স্পষ্টভাবে পিকচার বোর্ডটা দেখতে পাবেন তিনি।

এক পা বাঁয়ে সরলো গার্সিয়া, হান্টার সরলো ডানে।

‘ঠিক কোন অংশটা আপনাকে দেখাবো, ক্যাপ্টেন?’ জিজ্ঞেস করলো গার্সিয়া, সামনের গোটা পিকচার বোর্ডের দিকে ইশারা করলো। ‘আমাদের হাতে প্রচুর চমক আছে, চমকের বুফে বললেও ভুল হবে না।’

জবাব দিলেন না ক্যাপ্টেন ব্লেক। তার পরিবর্তে নিজের পেছনে দরজা বন্ধ করলেন তিনি, চোখ থেকে চশমা খুললেন। দুই ডিটেকটিভ আর ছবির বোর্ডের দিকে এগোলেন, তার দৃষ্টি স্থির হলো ডান পাশে পিন দিয়ে লাগানো ছবিগুলোর ওপরে। প্রথম ছবিগুলো, যেমন, বিছানায় রাখা কার্স্টেন হ্যানসেনের লাশ, মাথার ওপরে টেনে তোলা দুই হাত, কবজি থেকে সেই দুই হাত বাঁধা, গোটা দড়ি-চেইন-হুক সেটটার ছবি, সবকিছুর ওপর দিয়ে চোখ ঘুরে এলো তার। একজন উন্মাদের উন্মাদনা ভেঙে ফেলেছে বাস্তবতার দেয়াল।

চুপ থাকলো হান্টার আর গার্সিয়া, ছবিগুলোর ভয়াবহতা উপলব্ধি করার সময় দিলো ক্যাপ্টেনকে। কিছু বলার জন্য মুখ খুললেন ক্যাপ্টেন, তারপরেই বন্ধ করে ফেললেন। কিছু বলতে চাচ্ছেন তিনি, কিন্তু ছবিগুলো দেখে বলার ভাষা হারিয়ে ফেলেছেন। তার চোখজোড়ায় রাগ আর দুঃখের এক মিশ্র অনুভূতি প্রকাশ পাচ্ছে। আরও ত্রিশ সেকেন্ড গেল, ক্যাপ্টেনের মনোযোগ এক ছবি থেকে আরেক ছবিতে ঘুরতে লাগলো।

‘এই রিপোর্টে,’ রিপোর্ট ধরা হাত উঁচু করলেন তিনি, তার কণ্ঠ শান্ত। ‘ব বলা হয়েছে, ভিকটিমকে গাড়ির পেছনে বেঁধে মাটির ওপর দিয়ে ছেঁচড়ে টেনে যাওয়া নিয়ে হয়েছে। এটা কি নিশ্চিত?’

‘এখনো নয়,’ জবাব দিলো গার্সিয়া। ‘অটোপসি রেজাল্টের জন্য অপেক্ষা করছি আমরা।’ তবে তার বলা কথায় একটা ‘কিন্তু’ ঝুলে থাকলো।

অপেক্ষা করলেন ক্যাপ্টেন ব্লেক। কিন্তু গার্সিয়া আর কিছু না বলায় শূন্যস্থান পূরণ করে নিলেন তিনি। ‘এখনো নিশ্চিত হয়নি বটে, তবে হয়ে যাবে।’

‘সে ব্যাপারে আমরা নিশ্চিত,’ জবাব এলো হান্টারের কাছ থেকে।

এক মুহূর্তের জন্য হাতে ধরা রিপোর্টের দিকে তাকালেন ক্যাপ্টেন, তারপর আবার বোর্ডে লাগানো ছবিগুলোর দিকে তাকালেন। অস্থিরভাবে বোর্ডের ওপরে চোখ বোলালেন তিনি, তবে অসংখ্য ছবি লাগানো থাকায় যেটা খুঁজছেন, তা খুঁজে পেলেন না। না পেয়ে হান্টারকে লক্ষ্যবস্তু বানানোর সিদ্ধান্ত নিলেন তিনি।

‘রিপোর্টে আপনি বলেছেন যে, দ্বিতীয় খুনটাও একই অপরাধীর কাজ।’ নিজের অজান্তেই মেলিসা হোথর্নের খুনের ছবিগুলোর দিকে তাকালেন ক্যাপ্টেন। ‘সেটা কীভাবে সম্ভব? তার হাতের মধ্যে যে নোটটা পাওয়া গেছে, সেটা কোথায়?’ কার্স্টেন হ্যানসেনের ছবির দিকে আঙুল দিয়ে ইশারা করলেন তিনি।

মেলিসার শরীরের ভেতর থেকে আর কার্স্টেনের হাতের মুঠোর ভেতর থেকে পাওয়া দুটো নোটেরই ছবি বোর্ডের নিচের দিকে পাশাপাশি রাখলো হান্টার। তারপর সেদিকে আঙুল তাক করলো। কার্স্টেনের নোটটা পড়ার আগে মেলিসার নোটটা আরেকবার পড়লেন ক্যাপ্টেন ব্লেক।

মেলিসার নোটে লেখা: আমার চোখে নেই যে কেউ—তুমি ছিলে সবচে অপার।

কার্স্টেনের নোটে লেখা: তোমাকে হারিয়ে বুকের ভেতর অনিঃশেষ এক হাহাকার।

নোটদুটো হুবহু এক না হলেও, দুটো যে একই সুরে, একই ছন্দে এমনকি একই বিষয়ে লেখা, তা একদম পরিষ্কার। এক সেকেন্ডের জন্য নিচের ঠোঁট কামড়ালেন ক্যাপ্টেন ব্লেক। ‘প্রেমের কবিতা বলে মনে হচ্ছে।’

‘হ্যাঁ,’ একমত হলো হান্টার। ‘অথবা একটা গানও হতে পারে, রাইট?’ বলে এমনভাবে হাত উঁচু করলো যে ওর আসলে কোনো উত্তরের প্রয়োজন নেই। ‘আমার মনে হচ্ছে, এই দুটো লাইন আসলে কোনো নির্দিষ্ট একটা জিনিসের অংশ, তবে দুটোকে আলাদা করে ফেলা হয়েছে।’

নিঃশব্দে আরেকবার দুটো নোট পড়লেন ক্যাপ্টেন ব্লেক।

‘দুটো লাইনের ব্যাপারেই আমি ইন্টারনেটে সার্চ করছি,’ বললো হান্টার। ‘একটা করে সার্চ করেছি। একসাথে দিয়ে সার্চ করেছি। উল্টো করে সার্চ করেছি। দুটো একসাথে মিশিয়ে সার্চ করেছি।’ মাথা নাড়লো ও। ‘কিছুই পাওয়া যায়নি। নোটদুটো যে জিনিসেরই অংশ হোক না কেন, তা ইন্টারনেটে নেই।’

‘যার মানে দাঁড়াচ্ছে, লাইনদুটো খুনি নিজেই লিখেছে,’ বললো গার্সিয়া, তবে সাথে সাথেই নিজের ভুল শুধরে নিলো। ‘আমি বলতে চাইছি, লাইনদুটো বানিয়েছে সে, অন্তত সেরকমই আমাদের ধারণা। কিন্তু ভিকটিমদেরকে খুন করার আগে তাদেরকে দিয়ে লিখিয়ে নিয়েছে।’

‘ভিকটিমের প্রেমিক নিশ্চিত করেছে,’ ক্যাপ্টেন প্রশ্ন করার আগেই জবাব দিয়ে দিলো হান্টার। ‘নোটটা কার্স্টেন হ্যানসেনেরই হাতের লেখা।’

একটা বড়ো দীর্ঘশ্বাস ফেলে হাতের ফাইল নামিয়ে রাখলেন ক্যাপ্টেন ব্লেক।

‘আরও একটা বিষয় হলো,’ যোগ করলো গার্সিয়া। ‘মেলিসা হোথর্নের মতো মিস হ্যানসেনের সেলফোনও পাওয়া যায়নি।’

তথ্যটা হজম করতে এক মুহূর্ত সময় নিলেন ক্যাপ্টেন। ‘টেক্সট মেসেজগুলো,’ বললেন তিনি, তার দৃষ্টি চলে গেল বোর্ডে লাগানো মেলিসাকে পাঠানো খুনির মেসেজগুলোর দিকে।

‘হ্যাঁ, আমরা সেরকমটাই ভাবছি,’ নিশ্চিত করলো গার্সিয়া। ‘আপনারা এখানে আসার আগেই তার সেলফোন প্রোভাইডারের সাথে কথা বলেছি আমি।’ হান্টারের দিকে চেয়ে নড করলো ও। ‘সৌভাগ্যক্রমে এবারও সেলফোন প্রোভাইডার এটিঅ্যান্ডটি। আমি এবার আর কোনো ঝুঁকি নিইনি। সরাসরি মার্টিন কারকে ফোন করেছিলাম।’

‘মার্টিন কার কে?’ জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন ব্লেক।

‘গতকাল এটিঅ্যান্ডটি হেডকোয়ার্টার্সে গিয়ে যে লইয়ারের সাথে কথা বলেছিলাম,’ ব্যাখ্যা করলো হান্টার।

নড করলো গার্সিয়া। ‘এবার সে আমাকে কথা দিয়েছে, এবার সাম্প্রতিক মেসেজের সাথে কোনো ভিডিয়ো বা ছবি থাকলে সেগুলো-সহই আমাদেরকে পাঠাবে।’

‘সাম্প্রতিক মেসেজ মানে?’ জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন।

‘মিস হোথর্নের মতোই, গত তিন মাসের মেসেজ। আমি তাকে এ-ও জানিয়েছি যে, বিষয়টা খুবই জরুরি, আজকের মধ্যে দিতে পারলে সবচেয়ে ভালো হয়।’

‘গ্রেট।’ পার্টনারের দিকে চেয়ে নড করলেন হান্টার।

‘তাহলে এই মেয়েটা কে,’ জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন, বোর্ড থেকে পিছিয়ে গিয়ে হান্টারের ডেস্কের প্রান্তের সাথে হেলান দিলেন। ‘তার সম্পর্কে আমরা কী জানি?’

‘রিসার্চের থেকে প্রায় আধা ঘণ্টা আগে ফাইল পেয়েছি,’ বললো গার্সিয়া, নিজের কম্পিউটারের কাছে গিয়ে রিসার্চ টিমের কাছ থেকে আসা মেইলের সাথে সংযুক্ত অ্যাটাচমেন্ট খুললো। ‘কার্স্টেন হ্যানসেন, উনত্রিশ বছর বয়স। ওয়েস্টলেকের লস অ্যাঞ্জেলস সার্জ হসপিটালে সার্জিক্যাল নার্স হিসেবে কাজ করতো। তার জন্ম…’ বিরতি দিয়ে হান্টারের দিকে চেয়ে নড করলো। ‘ঠিকই বলেছিলে তুমি, ডেনমার্কে। ওডেন্স নামের এক শহরে। আট বছর আগে ইউসিএলএ’তে নার্সিং নিয়ে পড়াশোনা করতে একাই ইউএসে’তে এসেছিল। সাড়ে তিন বছর আগে গ্র্যাজুয়েট হয়, সাথে নার্সিঙে মাস্টার অব সায়েন্সও অর্জন করে নেয়। রেসিডেন্সি করেছিলো…’ নিজের কম্পিউটারের স্ক্রিন স্ক্রল করলো গার্সিয়া। ‘যে হসপিটালে কাজ করতো, সেখানেই, অর্থাৎ এলএ সার্জে। বাস করতো বাগদত্ত ট্রয় ফস্টারের সাথে, আলহাম্বরাতে।’

‘তিন বছর ধরে একসাথে ছিল তারা,’ ক্যাপ্টেন ব্লেককে বললো হান্টার। ‘ট্রয়ই খুঁজে পেয়েছে লাশটা।’

‘বেশিরভাগ মানুষের মতো,’ পার্টনারের কথার খেই ধরলো গার্সিয়া, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কয়েকটা অ্যাকাউন্ট ছিল মেয়েটার। সন্দেহের তালিকায় আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম আর টুইটার। সবগুলোই খতিয়ে দেখবো আমরা।’ স্ক্রল করে আরও খানিকটা নিচে নামলো গার্সিয়া। ‘মেয়েটার রেকর্ড একদম পরিষ্কার। একটা পার্কিং টিকিট পাওয়ার রেকর্ডও নেই। তার ক্রেডিট কার্ড ব্যবহৃত হয়েছিল তার খুন হওয়ার রাতে। ওয়েস্ট ভ্যালি বুলেভার্ডের অ্যাঞ্জেলো পিজেরিয়া থেকে একটা পিজ্জা অর্ডার করেছিল সে, জায়গাটা তার বাড়ি থেকে মাত্র এক মাইল দূরে।’

‘পিজ্জাটা কি ডেলিভারি দেওয়া হয়েছিল?’ জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন।

‘হয়েছিল,’ বললো হান্টার। ‘সকাল এগারোটায় দোকানটা খুলবে। ডেলিভারিম্যানের সাথে কথা বলার জন্য আমি কিছুক্ষণ পরে সেখানে যাবো। হয়তো সে খুনির পিকআপ ট্রাক পার্ক করা অবস্থায় দেখেছে, অথবা অন্য কিছু তার চোখে পড়ে থাকতে পারে।’

ভ্রূ কোঁচকালেন ক্যাপ্টেন। ‘খুনি একটা পিকআপ ট্রাক ড্রাইভ করে এসেছিল, কীভাবে জানলেন?’

দ্রুত ক্যাপ্টেন ব্লেকের কাছে নিজেদের থিওরি ব্যাখ্যা করলো হান্টার। সাথে এ-ও ব্যাখ্যা করলো যে, ডেলিভারিম্যান যখন পিজ্জা ডেলিভারি দিতে এসেছিল, সে সময়ে কার্স্টেনের বাড়ির ভেতরে খুনির লুকিয়ে থাকার বড়ো সম্ভাবনা আছে।

‘খুনি যদি একজনই হয়ে থাকে,’ আবার কথার লাগাম নিজের হাতে নিলো গার্সিয়া, বোর্ডে লাগানো নোট দুটোর ছবির দিকে ইশারা করলো। ‘তবে তার মোডাস অপারেন্ডির কিছু অংশের পুনরাবৃত্তি হওয়ার কথা।’

‘খুনি যে-ই হোক না কেন,’ বললো হান্টার, ‘শারীরিক ও মানসিক দুই রকমের নির্যাতনেই সে খুব দক্ষ।’ বোর্ডের কাছে ফিরে গেল ও, মেলিসা আর খুনির মধ্যকার কথোপকথনের তালিকার দিকে ইশারা করলো। ‘তার মোডাস অপারেন্ডি কী, তা আমরা জানি; কারণ সে নিজেই মেসেজে লিখেছে। ভিকটিমদেরকে সে ভয়, ব্যথা আর মৃত্যু সম্পর্কে শিক্ষা দিতে চায়। এটাই তার অনিয়ন্ত্রিত তাড়না আর এগুলো সে রীতিমতো ভালোবাসে।’

সবাই চুপ থাকলো কিছুক্ষণ, নীরবতার মধ্যেও চাপা উদ্বেগ বিরাজ করলো ঘরের মধ্যে। চোখ বন্ধ করলেন ক্যাপ্টেন ব্লেক, আঙুলের ডগা দিয়ে কপাল ডললেন। মাথাব্যথা হচ্ছে, কিন্তু সেটা নিয়ে ভাবছেন না তিনি।

‘আচ্ছা, একটু পিছিয়ে যাই,’ অবশেষে মুখ খুললেন তিনি। ‘প্রথম নোটটা যখন পাওয়া গেল, তখন জিনিসটা কোনো প্রেমপত্র টাইপ কিছু হতে পারে কিনা, সে নিয়ে আলোচনা করেছিলাম আমরা, মনে আছে? কোনো উপসংহারে পৌঁছাতে পারিনি আমরা। এখন দ্বিতীয় আরেকটা নোট পাওয়া গেছে, যেটাকে আমরা একটা গান, একটা কবিতা, অথবা অন্য কিছু হিসেবে বিবেচনা করছি।’ হাত উঁচু করে শ্রাগ করলেন ক্যাপ্টেন। ‘আচ্ছা, সুবিধার জন্য একটা কবিতা হিসেবে বিবেচনা করা যাক। আমার মনে হচ্ছে, দ্বিতীয় নোটটা আমাদের প্রথম অনুমানটাকে আরও শক্তিশালী করছে, তাই না? খুনি এমনকি ‘লাভ’ শব্দটা পর্যন্ত ব্যবহার করেছে। দু’বার। খুনি কি দুজন ভিকটিমের সাথেই কোনো সময় ডেট করেছিল? হয়তো দুজনেরই প্রেমে পড়েছিল সে, তারপর দুজনেই তার সাথে সম্পর্ক শেষ করে দেয়। হয়তো এটাই তার প্রতিশোধ।’

‘হ্যাঁ,’ জবাব দিলো গার্সিয়া। ‘একটা সম্ভাবনা আছে, ক্যাপ্টেন। আর আমরা সকল সাবেক প্রেমিক এবং স্বল্পমেয়াদি সম্পর্কের ব্যাপারে খোঁজ নেবো। দেখি, কী পাওয়া যায়।’

জানালার পাশে গিয়ে দাঁড়ালো হান্টার। নিচের রাস্তায় একজন মহিলাকে দেখতে পেলো ও, একটা শিশুকে স্ট্রলারে করে ঠেলে নিয়ে যাচ্ছে। ‘নোটদুটো নিয়ে যতই ভাবছি,’ মুখ খুললো ও, চোখজোড়া রাস্তার দিকে নিবদ্ধ। ‘ততই আমার মিস পিটারসনের কথা মনে পড়ছে।’

‘মাফ করবেন?’ বললেন ক্যাপ্টেন ব্লেক। ‘কে এই মিস পিটারসন?’

‘আমার সেভেনথ গ্রেডের ইংলিশ টিচার,’ জবাব দিলো হান্টার। ‘গোটা বছরে তিনি যে ক্লাস নিতেন, তার শেষ কুড়ি মিনিট থাকতো কবিতার ওপরে। কিছু বিষয় শিখিয়েছিলেন আমাদের, সেটা আমি কখনো ভুলবো না।’

‘কী জিনিস?’

‘কবিতাকে যে-কোনোভাবে ব্যাখ্যা করা যায়, ক্যাপ্টেন। উদাহরণ দিই। আপনি যদি কোনো কবিতা ‘ক’ সংখ্যক লোককে পড়তে দেন এবং কবিতাটাকে তাদের নিজের ভাষায় ব্যাখ্যা করতে বলেন, তবে ‘ক’ সংখ্যক ব্যাখ্যা আপনি পাবেন। এবং সত্যিটা হলো, কোনোটাই ভুল ব্যাখ্যা হবে না। আমি যা বলতে চাইছি, তা হলো, এই দুই লাইনকে আমরা খুব সহজেই ভালোবাসার কবিতা হিসেবে ব্যাখ্যা করতে পারি, তবে সেটা হবে শুধুই আমাদের ব্যাখ্যা, খুনির নয়। এটা এমন একটা নার্সারির ছড়াও হতে পারে, যেটা তার মা তাকে শোনাতো। আমরা শুধু এটুকু জানি, ছড়াটা ঘৃণা করে সে।’

ক্যাপ্টেন ব্লেক অবশ্য এত সহজে হাল ছাড়লেন না। ‘ঠিক আছে, তাহলে প্রশ্নটা অন্যভাবে করি। আপনি কী ভাবছেন নোটদুটোর বিষয়ে?’

আবার জানালার দিকে তাকালো হান্টার। ‘এই বিষয়ে কী মতামত দেবো, সে ব্যাপারে এখনো নিশ্চিত হতে পারছি না।’

‘এখানেই আপনার ভুল হচ্ছে, রবার্ট। আপনারা দুজন এই তদন্তের প্রধান ডিটেকটিভ। আপনাদেরকে ভাবতে হবে, এবং যা-ই ভাববেন, সেটা যে-কোনো এক দিকে, এমনকি দুজন দুই ভিন্ন দিকে ভাবলেও সমস্যা নেই। খুনি মজা করার জন্য নোট রেখে যায়নি। সে জানতো, নোটগুলো পাওয়া যাবে; এ-ও জানতো, আমরাই খুঁজে পাবো। নোটগুলোর মাধ্যমে চ্যালেঞ্জ জানিয়েছে সে, উসকানি দিচ্ছে।’ হান্টারের দিকে তর্জনী তাক করলেন তিনি। ‘সেটা আপনিই আমাকে বলেছেন, একাধিকবার। ইন ফ্যাক্ট, প্রত্যেকবার যখন খুনি কোনো নোট, কোনো বস্তু অথবা অন্য কিছু আমাদের জন্য রেখে গেছে, সেগুলো আসলে আমাদের জন্য সূত্র, সেগুলোর অর্থ আমাদের বের করতে হবে, এ কথা আপনিই আমাকে একাধিকবার বলেছেন। একটা কবিতার মতোই। আর খুনির মতো ভাবার ক্ষেত্রে, একজন উন্মাদ সাইকোপ্যাথের মতো ভাবার ক্ষেত্রে আপনি একজন বিশেষজ্ঞ—এই গোটা ডিপার্টমেন্টেই।’ গোটা অফিস হাতের সাহায্যে দেখালেন তিনি। ‘এই বাক্যদুটো খুনির কাছে কী অর্থ বহন করে, তা যদি কেউ বের করতে পারে, তবে সেটা আপনি, রবার্ট। তাই আমাকে এসব ‘আমি কী ভাবছি, তাতে আসলে যায় আসে না’ টাইপ কথা বলবেন না। কারণ আমরা সবাই জানি, যায় আসে।’

বুড়ো আঙুল দিয়ে দুই ভ্রূ’র মাঝখানটা ঘষলো গার্সিয়া। ‘ক্যাপ্টেনের কথায় যুক্তি আছে, রবার্ট।’

জানালা থেকে ঘুরে ক্যাপ্টেন আর গার্সিয়ার দিকে তাকালো হান্টার। ‘আমি আপনাকে সেটা বলিনি, ক্যাপ্টেন। আমি বলিনি, আমি কী ভাবছি, তাতে আসলে যায় আসে না। আমি বলেছি, এই বিষয়ে কী মতামত দেবো, সে ব্যাপারে এখনো নিশ্চিত হতে পারছি না।’

আরেকবার দুই হাত বুকের ওপরে রাখলেন ক্যাপ্টেন। ‘তার মানে?’

‘এর মানে, আমার মনে হয় না খুনি তার কাজ শেষ করেছে।’

হান্টারের মুখ থেকে আরও কিছু শোনার জন্য অপেক্ষা করলেন ক্যাপ্টেন ব্লেক, তবে আর কিছু বললো না ডিটেকটিভ।

‘আপনার কেন মনে হচ্ছে, খুনি তার কাজ শেষ করেনি?’ জিজ্ঞেস করলেন তিনি।

‘কারণ, এই কবিতাটা দেখে মনে হচ্ছে, অসমাপ্ত, ক্যাপ্টেন। আমার ধারণা, এটার আরও অংশ বাকি আছে।’

চৌত্রিশ

‘তুমি করছোটা কী আসলে?’ জিজ্ঞেস করলো জোসি গ্রিফিথ, ঠোঁটের এক কোনা হাসিতে বেঁকে গেল। বাথরুম থেকে বেরিয়ে নিজেদের শোবার ঘরে মাত্র পা রেখেছে সে। ফুল লেংথ আয়না, যেটা ওয়ার্ডরোবের দরজার দ্বিগুণ চওড়া, তার সামনে দাঁড়িয়ে তার স্বামী, অলিভার টাই বাঁধতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে।

‘আমি কী করছি বলে তোমার মনে হচ্ছে, মাই লাভ?’ প্রশ্নের উত্তর প্রশ্ন দিয়ে দেওয়ার এই কায়দাটা জোসির থেকেই শিখেছে অলিভার। পেশাগত একজন সাইকোথেরাপিস্ট জোসি, পেশার সূত্রেই নিয়মিতভাবে প্রশ্ন করতে হয় তাকে।

‘দেখে মনে হচ্ছে, গলায় দড়ি দেওয়ার চেষ্টা করছো, হানি,’ উত্তর দিলো জোসি। ‘তুমি কি অবচেতনভাবে কিছু বলার চেষ্টা করছো আমাকে?’

‘অবশ্যই চেষ্টা করছি, ডক্টর।’ স্ত্রীর দিকে ঘুরলো অলিভার। ‘আমি তোমাকে বলার চেষ্টা করছি যে, আমার একটু সাহায্য লাগবে।’

নিজের পছন্দের গাঢ় পার্পল বাথরোব পরে আছে জোসি, মাথায় একটা তোয়ালে পেঁচানো। গোসল শেষে এই পোশাক পরে আছে সে, সেই সাথে নেই কোনো মেকআপ। কিন্তু তারপরেও যে-কোনো মানুষের চাইতে সুন্দর দেখাচ্ছে তাকে।

দুই হাত নিজের দুই পাশে নামিয়ে নিলো অলিভার, যেন হাল ছেড়ে দিয়েছে। ‘তুমি কি আমাকে সাহায্য করতে পারো, মাই লাভ? হুট করেই নিজেকে দশ বছর বয়স্ক বালক বলে মনে হচ্ছে। টাই কীভাবে বাঁধতে হয়, জানো?’

অলিভার আর জোসির পরিচয় হয়েছিল সতেরো মাস আগে, শেরম্যান ওকসের এক প্রাইভেট পার্টিতে। জায়গাটা লস অ্যাঞ্জেলসের স্যান ফার্নান্দো ভ্যালি নামের এক এলাকায় অবস্থিত, সমাজের অভিজাত মানুষদের বাস সেখানে। পরিচয়ের পরে দুজনেই দুজনের প্রতি তীব্র আকর্ষণ বোধ করছিল, তবে জোসিই প্রথমে উদ্যোগটা নেয়।

‘আমার সাথে কথা বলতে ভয় পাচ্ছেন না-কি?’ অলিভারকে জিজ্ঞেস করে সে, অলিভার সে সময়ে বারে একটা ড্রিঙ্কের অর্ডার দেওয়ার জন্য এগোচ্ছিল। জোসিকে ওর দিকে এগিয়ে আসতে দেখেনি অলিভার, তাই মেয়েটার কথা শুনে একদম চমকে যায় সে।

‘উমম…’ দু’বার চোখের পাতি ফেললো সে, বারম্যানের দিকে তাকালো। তারপর দৃষ্টি বারম্যানের দিক থেকে সরে নিজের জুতাজোড়ার দিকে ঘুরে গেল। এবং সবশেষে জোসির দিকে তাকালো। ‘না, ঠিক তা নয়,’ ইতস্তত ভঙ্গীতে বললো সে। ‘কী বলতে চাইছেন আসলে?’

অলিভারের ইতস্তত করা দেখে হেসে ফেলেছিল জোসি। ‘ওয়েল, প্রায় পঁয়তাল্লিশ মিনিট আগে এখানে ঢুকেছি আমি, তারপর থেকে আপনি আমার দিকে তাকিয়েই আছেন,’ বলে একটু বিরতি দিলো জোসি, অলিভার বিব্রত বোধ করে কিনা খেয়াল করলো। ‘তবে সমস্যা নেই। আমিও আপনার দিকে তাকিয়ে ছিলাম, এবং আপনি যে সেটা খেয়াল করেছেন, তা আমি জানি।’

পায়ের ভার বদল করলো অলিভার। ‘স্বীকার করতে দ্বিধা নেই, একটু খেয়াল করেছি।’

‘আপনি যেহেতু আমার দিকে তাকিয়ে ছিলেন,’ কথার লাগাম আবার নিজের হাতে নিলো জোসি, ‘তাই আমার কাছে এসে আমাকে ‘হাই’ বলার অনেকগুলো সুযোগ দিলাম আপনাকে, কিন্তু কোনোটাই নিলেন না আপনি। যার মানে, আপনি খুবই লাজুক, অথবা কীভাবে এগোবেন, সে ব্যাপারে ভেবে পাচ্ছিলেন না। কোনটা?’

একটা ভীরু হাসি দিলো অলিভার। ‘আমার মনে হয়, দুটোই।’ পাল্টা হাসলো জোসিও।

প্রথম রাতেই এক সাথে বিছানায় গেল ওরা। এগারো মাস পরে, আবদ্ধ হলো বিবাহবন্ধনে।

স্বামীর দিকে এগোলো জোসি। ‘আপনাকে সাহায্য করতে পারলে খুশিই হবো মি. গ্রিফিথ।’ টাইয়ের দিকে হাত বাড়ানোর আগে স্বামীর ঠোঁটে চুমু খেলো সে। ‘আর হ্যাঁ, আমি জানি, টাই কীভাবে বাঁধতে হয়।’

অলিভার গ্রিফিথ যে একজন আকর্ষণীয় পুরুষ, এতে কোনো সন্দেহ নেই। লম্বা, ঋজু দেহের অধিকারী এবং চেহারায় আভিজাত্যের ছাপ। সেই সাথে শক্তসমর্থ। হাতজোড়া, কাঁধজোড়া এবং পেটের পেশিগুলো একজন পেশাদার বক্সারের মতো। ঠোঁট, হাসি আর চোয়াল একজন পুরুষ মডেলের মতো। নিজের কালো চুল ছোটো রাখে সে, সেই সাথে আঁচড়ে রাখে নিখুঁতভাবে। তবে নির্দিষ্ট কোনো ফ্যাশন স্টাইলে না, যার কারণে তার চেহারায় আকর্ষণ আরও বেড়ে গেছে। তার চোখজোড়ার রং তার চুলের চাইতে এক পোঁচ হালকা, চোখ দেখে বোঝা যায়, সে বুঝদার ও বুদ্ধিমান একজন মানুষ।

‘কিন্তু তুমি আজ স্যুট-টাই কেন পরছো, বলো তো?’ জিজ্ঞেস করলো জোসি। ‘উপলক্ষ্যটা কী?’

বিশ্ববিখ্যাত এক বিজ্ঞাপনী সংস্থায় কাজ করে অলিভার। ব্যবসাতে ‘আইডিয়াজ ম্যান’ নামে যে টার্মটা আছে, অলিভার হলো তার এজেন্সির সেটা, এবং নিজের কাজে সে অন্যতম সেরা। গত তিন মাসে, তার কারণে আরও তিনটে বড়ো কাজ বাগাতে সমর্থ হয়েছে এজেন্সি। তার মধ্যে দুটো কাজ ইউরোপিয়ান কোম্পানির মাল্টি-মিলিয়ন ডলারের।

‘একজন সম্ভাব্য নতুন ক্লায়েন্টের সাথে মিটিং আছে আজ সকালে,’ বললো অলিভার। ‘এবং এই মিটিঙটা মেগা প্রোজেক্টে পরিণত হতে পারে, কারণ ক্লায়েন্ট জাপানিজ এক ইলেকট্রনিকস কোম্পানি। তাই ব্রেনডান বিষয়টা আমাকে হ্যান্ডল করতে বলেছে।’

‘সবসময় তো তুমিই হ্যান্ডল করো, হানি,’ স্বামীর সিল্কের ইস্পাত-ধূসর রঙের টাই বাঁধতে বাঁধতে বললো জোসি। ‘কোন ধরনের নট চাও, বলো?’

বিস্ময় দেখা গেল অলিভারের চোখের তারায়। ‘কত ধরনের নট বাঁধতে জানো তুমি?’

আবার স্বামীকে চুমু খেলো জোসি। ‘সব মিলিয়ে চারটে জানি বলে আমার ধারণা।’ বলতে বলতে মাথা এক পাশে সামান্য হেলে গেল, যেন মাথার মধ্যে চিন্তা করছে। ‘হ্যাঁ, চারটে। উইন্ডসর, হাফ-উইন্ডসর, ফোর-ইন-হ্যান্ড আর সিম্পল।’

বিস্ময়ে অলিভারের মাথা পেছনের দিকে হেলে গেল। ‘আর তুমি আগে কখনো আমাকে বলোনি? কতদিন হলো আমরা একসাথে আছি?’

ঘাড় বাঁ পাশে বাঁকিয়ে ও ভ্রূ সামান্য তুলে অলিভারের দিকে নিজের বিশেষ ‘মজা করছো না-কি’ দৃষ্টিতে তাকালো জোসি। ‘আপনিই বলুন মিঃ গ্রিফিথ’ বললো জোসি, স্বামীর টাই ছেড়ে দিলো। ‘কত দিন যাবৎ একসাথে আছি আমরা?’

‘আমাকে পরীক্ষা করছো না-কি?’ স্ত্রী’র ‘মজা করছো নাকি’ সুরটা নকল করার চেষ্টা করলো বটে, তবে স্ত্রী’র মতো সফলভাবে করতে পারলো না। স্বামীর চেষ্টায় খুব একটা প্রসন্ন হলো না জোসি।

‘দেড় বছর,’ শান্ত, অবিচল গলায় বললো অলিভার। ‘এক বছর ডেট করেছি আমরা, এবং ছয় মাস আগে একসাথে গাঁটছড়া বেঁধেছি তারিখটা ছিল আগস্টের ৭। সন্তুষ্ট এবার?’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *