জেনেসিস – ৭৫

পঁচাত্তর

রোজ হিলস মেমোরিয়াল পার্ক খোলে প্রতিদিন সকাল ৮টায়। কিন্তু নিয়মিত আসার কারণে হান্টার জানে; খোলার নির্দিষ্ট সময় থাকলেও, সকাল ৭টা থেকেই কাউকে না কাউকে প্রশাসনিক কার্যালয় অথবা মর্গে পাওয়া যায়। ও এটাও জানে যে, কবরস্থানের অনেক কবরখননকারী ও রক্ষণাবেক্ষণ কর্মী অন্তত দু’ঘণ্টা আগেই তাদের দৈনিক কাজ শুরু করে। তাই, সকাল সাড়ে ছটায় ওঅর্কম্যান হিল রোডে ১,৪০০ একর জায়গা জুড়ে অবস্থিত কবরস্থানের প্রধান গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল হান্টারকে। জানে যে, খুব তাড়াতাড়ি চলে এসেছে; তারপরেও ইন্টারকমে রিং করলো ও। কপাল ভালো থাকলে পাওয়া যাবে কাউকে।

ওপাশ থেকে ফোন তুললো না কেউ।

গাড়িতে ফিরে অপেক্ষা করার সিদ্ধান্ত নিলো হান্টার। তখনই রাফায়েল রামোস নামের এক বিশালদেহী মানুষ নিজের ছোটো মেইনটেন্যান্স কার্ট নিয়ে কবরস্থানের গেটের পাশ দিয়ে চলে গেল। তেষট্টি বছর বয়সি মানুষ সে, কবরস্থানে ত্রিশ বছরেরও বেশি সময় ধরে কাজ করছে। হান্টারের গাড়ির হেডলাইট দেখে ওর দিকে এগিয়ে এলো মানুষটা।

‘দুঃখিত, স্যার,’ বললো লোকটা, ধূমপান ও তার মেক্সিকান টানের কারণে কণ্ঠস্বর একটু খসখসে তার। বলে সৌজন্যের হাসি দিলো একটা। ‘কবরস্থান খোলার সময় সকাল আটটা।’

‘জানি,’ পাল্টা হেসে উত্তর দিলো হান্টার। ‘কিন্তু আমি অফিসিয়াল কাজে এসেছি।’ বলে নিজের পরিচয়পত্র দেখালো ও। ‘ভেবেছিলাম, অফিসে কেউ থাকলেও থাকতে পারে।’

মোটা চশমাটা নাকের ওপর বসিয়ে হান্টারের দিকে তাকালো রামোস। হান্টারকে চেনার অনুভূতি ফুটে উঠলো তার চোখে। ‘আমি আপনাকে আগেও এখানে দেখেছি, তাই না?’ হান্টারের গাড়ির হেডলাইটের আলো থেকে বাঁচতে এক পা সরে গিয়ে প্রশ্ন করলো সে।

‘হয়তো,’ উত্তর দিলো হান্টার। ‘আমি প্রায়ই এখানে আসি। আমার বাবা-মা’র কবর এখানেই।’

কিছুক্ষণ ভাবলো রামোস। ‘গার্ডেন অব পিস, ঠিক বলেছি না?’ নিজের স্মৃতিশক্তি নিয়ে গর্বিত হয়ে বললো সে।

রোজ হিলস মেমোরিয়াল পার্কে, সমাধির জন্য বরাদ্দ জায়গাগুলো তিনটে প্লটে বিভক্ত; এবং সংখ্যার পরিবর্তে সেগুলোকে চিহ্নিত করা হয়েছে নাম দিয়ে। গার্ডেনস, টেরেসেস, এবং লন। হান্টারের বাবা-মা’র সমাধি ‘গার্ডেন অব পিস’ নামক প্লটে।

‘হ্যাঁ, ঠিক ধরেছেন,’ নিশ্চিত করলো হান্টার। ‘গত শনিবার এখানে এসেছিলাম।’

‘হ্যাঁ, আপনাকে দেখেছিলাম আমি।’ তর্জনী দিয়ে হান্টারের দিকে ইশারা করলো বুড়ো লোকটা। ‘খুব ভোরে চলে এসেছেন দেখি।’

‘হ্যাঁ, সকালে আসতেই পছন্দ করি।’ মাথা নাড়লো হান্টার। ‘বাবা-মার কবর দুটো দেখার পরে মাঝে মাঝে গার্ডেনের ভেতরে হেঁটে বেড়াই। সকালের এই সময়টা খুব শান্ত থাকে… শান্তি লাগে।’

‘এই জায়গাটা সবসময়ই শান্তিপূর্ণ থাকে, তবে আপনি কী বলতে চাইছেন, তা বুঝতে পেরেছি আমি।’ নিজের শরীরের ভর এক পা থেকে অন্য পায়ে নিলো রামোস, তার কণ্ঠস্বর বদলে গেল। ‘আপনি কি এ কারণেই এসেছেন? আপনার বাবা-মার কবর নিয়ে কোনো সমস্যা হয়েছে?’

‘না, তেমন কিছু নয়,’ উত্তর দিলো হান্টার, দ্রুত ব্যাখ্যা করলো অন্য একজনের কবরের ব্যাপারে বিস্তারিত জানতে এসেছে।

‘ও, আচ্ছা!’ কিছুটা সহজ হলো রামোসের চেহারা। ‘কোন কবরের ব্যাপারে জানতে চাইছেন?’

‘কবরফলকে খোদাই করা নামটি হলো জেনেসিস উইলিয়ামস,’ বললো হান্টার। ‘প্লট এবং কবর নাম্বার জানি না।’

‘ওহ, সেক্ষেত্রে বোধহয় আপনাকে সাহায্য করতে পারবো,’ কার্টের দিকে এগোলো লোকটা, ওয়ার্ক ট্যাবলেট বের করবে। ‘কী নাম বললেন, জেনেসিস উইলিয়ামস?’

‘জি,’ নিশ্চিত করলো হান্টার।

নিজের ট্যাবলেটের সার্চ বক্সে নামটা টাইপ করলো রামোস, করে ‘এন্টার’ চাপলো। দুই সেকেন্ডের মধ্যেই ফলাফল ভেসে উঠলো স্ক্রিনে।

‘এখানে আসলে দুজন জেনেসিস উইলিয়ামস আছেন,’ গেটের অপর প্রান্তে থাকা ডিটেকটিভকে জানালো সে। ‘একজন জেনেসিস এ. উইলিয়ামস, ইনি টেরেস অব ফেইথে সমাধিস্থ আছেন। আরেকজন জেনেসিস উইলিয়ামস আছেন, যার মাঝের কোনো নাম নেই, তিনি আছেন পার্কভিউ লনে। জেনেসিস এ. উইলিয়ামস এখানে আছেন ১৯৫৬ সাল থেকে; আর জেনেসিস উইলিয়ামস আছেন ২০০৯ সাল থেকে।’

‘আমি ২০০৯ সালের জনকেই খুঁজছি,’ বললো হান্টার।

ক্ষমা প্রার্থনার ভঙ্গীতে হান্টারের দিকে তাকালো রামোস। ‘দুঃখিত, এটুকু তথ্য দিয়ে খুব বেশি কিছু জানা যাবে না।’ বলে নিজের ট্যাবলেট

দেখালো সে। ‘তার কবরের কোনো ব্যাপারে কার সাথে যোগাযোগ করতে হবে, সেটা এখান থেকে বের করা সম্ভব নয়। আপনাকে মূল অফিসে যেতে হবে।’ কাঁধের ওপর দিয়ে পেছন দিকে ইঙ্গিত করলো সে। ‘তবে আপনি চাইলে আমি আপনাকে তার কবর দেখাতে পারি। জায়গাটা এখান থেকে খুব বেশি দূরে নয়।’

‘হ্যাঁ,’ দৃঢ়ভাবে মাথা নাড়িয়ে বললো হান্টার। ‘আপনার কোনো সমস্যা না হলে কবরটা আমি দেখতে চাই।’

‘কোনো সমস্যা নেই, স্যার।’ ঘড়ি দেখলো বুড়ো লোকটা, গেটের কী-প্যাডে ছয় অঙ্কের কোড টাইপ করলো। ‘পার্কভিউ লনটা হিলসাইড চ্যাপেলের ঠিক পেছনেই। পথ চিনে যেতে পারবেন কি?’

‘পারবো,’ নিজের গাড়ির দিকে এগোতে এগোতে বললো হান্টার।

‘তাহলে ওখানেই দেখা হচ্ছে, স্যার,’ নিজের সবুজ কার্টে উঠে বললো রামোস।

তিন মিনিট যাওয়ার আগেই পার্কভিউ লনের কবরপথ ধরে হান্টারকে গাইড করলো রামোস। ‘ওখানেই,’ সামনের দিকে ইঙ্গিত করলো সে। ‘গাছগুলোর ঠিক ওপাশে।’

আরও ত্রিশ সেকেন্ড হাঁটার পরে থেমে দাঁড়িয়ে একটা কবর দেখালো রামোস। কবরে দুটো নতুন হলুদ ও সাদা ফুলের তোড়া রাখা। ‘হ্যাঁ, এটাই।’

রামোসের কণ্ঠে কবরটা চিনতে পারার সুর শোনা গেল, কিন্তু হান্টার সেটা লক্ষ করলো না। ও স্থির দাঁড়িয়ে থাকলো, মনোযোগ দিয়ে কবরে খোদাই করা লেখাগুলো পড়তে লাগলো।

জেনেসিস উইলিয়ামস

১৯ মার্চ ১৯৯৫, ১৪ জুলাই ২০০৯

বয়স ১৪

প্রিয় মেয়ে ও বোন।

এই আঁধারে জ্বলে না আলো, তোমার মতো দ্বীপ্তিতে আর।

আমার চোখে নেই যে কেউ-তুমি ছিলে সবচে অপার।

তোমাকে হারিয়ে বুকের ভেতর অনিঃশেষ এক হাহাকার।

বুকে মেপেছি বিষাদ বেদন, তোমায় হারিয়ে একবার।

তোমায় ছাড়া সবই ফাঁকা, ফুরোয় না এই সময়ের ভার।

স্মৃতিতে থাকবে চিরদিন-নীরব, গভীর ভালোবাসার।

অ্যাপার্টমেন্টে সার্চ করার সময়ই হান্টার জানতো, ও কী দেখতে পাবে। কিন্তু তারপরেও কবরটা সামনাসামনি দেখার পরে এবং দ্বিতীয় সমাধিফলকের লেখাগুলো ওর সারা শরীরে শীতল স্রোত বইয়ে দিলো।

মাইকেল উইলিয়ামস

২৫ মে ১৯৯২, ০২ অক্টোবর ২০১০

বয়স ১৮

প্রিয় ছেলে ও ভাই।

এখন তার বোনকে স্বর্গে দেখাশোনা করছে।

শান্তিতে ঘুমাও, আমার স্বর্গদূত।

এই সমাধি ফলকের লেখাগুলো যেন হান্টারের চারপাশের ঠান্ডা বাতাসকে আরও শীতল করে তুললো।

‘পার্কভিউ লনের সব কবরের যত্ন নেয় মারিও,’ ব্যাখ্যা করলো রামোস। ‘আপনি চাইলে আমি তাকে ডেকে আনতে পারি। আজ ও আমার সঙ্গে ভোর পাঁচটা থেকে কাজ করছে। তবে আমি ভিস্তা লনের অনেক কবরের দেখাশোনা করি।’ বলে ডান দিকে ইঙ্গিত করলো সে, জায়গাটা গাড়ি চালানোর রাস্তার ঠিক উল্টো দিকের প্লট। ‘আমি তাকে এখানে অনেকবার দেখেছি। এই কবরের ফুলগুলো সবসময় নতুন থাকে। সবসময়।’ বলে থেমে নিজের কপাল চুলকালো সে। ‘আসলে, আমি নিশ্চিত যে মহিলা গতকাল সন্ধ্যায় এখানে ছিল। আমি তখন ভিস্তাতে কিছু কাজ করছিলাম, তাই তাকে দেখতে পাই। আর তাই ফুলগুলো এত তাজা।’

হান্টারের চোয়াল ঝুলে পড়লো। অবিশ্বাস নিয়ে রামোসের দিকে তাকালো ও।

‘মহিলা?’

নড করলো রামোস। ‘হ্যাঁ, যে মহিলা এই কবর দেখতে আসে, তার কথা বলছি। একদম নিয়মিত একজন দর্শনার্থী তিনি।’

ছিয়াত্তর

সকাল পৌনে নয়টায় যখন ইউভিসি ইউনিটের অফিসে গার্সিয়া পৌঁছালো, ততক্ষণে হান্টার পুলিশ প্রশাসন ভবনের পঞ্চম তলায় রিসার্চ টিমের সাথে এক ঘণ্টারও বেশি সময় কাজ করে ফেলেছে।

জেনেসিস ও মাইকেল উইলিয়ামসের কবরের ব্যাপারে যোগাযোগের জন্য নিবন্ধিত ব্যক্তি জেনেসিস আর মাইকেলের বাবা জন উইলিয়ামস, এই তথ্যটা রোজ হিলস মেমোরিয়াল পার্কের প্রশাসনিক অফিসে ফিরে জেনেছিল হান্টার। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা হান্টারকে দিয়েছিল পার্কভিউ লনের কবরস্থানের রক্ষণাবেক্ষণ কর্মী মারিও কাস্ত্রো।

‘এসব আবার কী?’ হান্টার যখন নতুন ছবি ও ডকুমেন্টগুলো বোর্ডে সাঁটছে, সে সময় অফিসে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করলো গার্সিয়া।

‘তাকে যে আমরা খুঁজে পাইনি, তাতে খুব বিস্মিত হওয়ার কিছু নেই,’ ডেস্কে রাখা সব প্রিন্টআউটের দিকে তাকিয়ে বললো হান্টার। ‘ভুল ব্যক্তিকে খুঁজছিলাম আমরা।’

‘সে কী?’ নিজের জ্যাকেটটা চেয়ারের পেছনে ঝুলিয়ে দিলো গার্সিয়া। ‘ভুল ব্যক্তিকে খুঁজছিলাম মানে?’

‘মাইকেল উইলিয়ামস,’ বলে থামলো হান্টার, পার্টনারের দিকে তাকালো। ‘মারা গেছে সে।’

‘কীহ?’ বিভ্রান্ত দৃষ্টিতে তাকালো গার্সিয়া। ‘কখন?’

‘২০১০ সালে,’ জবাব দিলো হান্টার। ‘গার্ডেনা হাই থেকে স্নাতক হওয়ার ঠিক এক বছরের কিছু বেশি সময় পরে। তখন তার বয়স ছিল মাত্র আঠারো।’

এক মুহূর্ত বিরতি দিয়ে গার্সিয়া জিজ্ঞেস করলো, ‘তুমি কি নিশ্চিত?’

ডেস্ক থেকে একটা নতুন ছবি তুলে নিয়ে পার্টনারের হাতে দিলো হান্টার। কবরস্থানে তোলা ছবির একটি। ছবিতে জেনেসিস এবং মাইকেল উইলিয়ামসের কবরের স্তম্ভ দেখা গেল। চুপ করে অনেকক্ষণ ছবিটা দেখলো গার্সিয়া। তারপর জিজ্ঞাসু দৃষ্টিতে হান্টারের দিকে তাকালো।

‘হ্যাঁ, আমি জানি।’ পার্টনার কী জানতে চাইছে, তা বুঝতে পেরে মাথা নেড়ে বললো হান্টার।

‘কী হয়েছিল? কীভাবে মারা গেছে সে?’

ডেস্ক থেকে আরেকটা প্রিন্টআউট তুলে নিলো হান্টার। ‘তার মৃত্যুর সঠিক তারিখ জানার কারণে,’ ব্যাখ্যা করলো হান্টার, ‘অটোপসি রিপোর্টটা খুব সহজে খুঁজে পাওয়া গেছে।’ প্রিন্টআউটটা গার্সিয়াকে দিলো ও।

‘ওডি?’ অবিশ্বাসের সুরে বললো গার্সিয়া।

‘হেরোইন,’ নিশ্চিত করলো হান্টার।

এক মুহূর্তের জন্য প্রিন্টআউটের দিকে তাকালো গার্সিয়া। ‘কিন্তু তুমি হুট করে সবকিছু জানলে কী করে? কীভাবে জানলে কোথায় খোঁজ করতে হবে?’

‘আমি আসলে হুট করে কিছুই জানিনি,’ উত্তর দিলো হান্টার, দ্রুত নিজের স্বপ্নের কথা ব্যাখ্যা করলো। তারপর রোজ হিলস মেমোরিয়াল পার্কের প্রশাসনিক অফিসে যা জেনেছে, সেটাও জানালো পার্টনারকে।

‘তাহলে এই মুহূর্তে আমরা মাইকেল উইলিয়ামসের বদলে জন উইলিয়ামসকে খুঁজছি,’ হান্টারের কথার মাঝে বাধা দিয়ে বললো গার্সিয়া। ‘তোমার কি জানা আছে, জন নামটা মাইকেল নামের চাইতেও বেশি জনপ্রিয়? মাইকেল উইলিয়ামসকে খুঁজে পেতেই কালঘাম ছুটে গেছে আমাদের, আর এখন…’

‘আমরা তাকে খুঁজছি না,’ এবার গার্সিয়ার কথা মাঝে বাধা দিলো হান্টার। ‘এ খুনগুলোর পেছনে জন উইলিয়ামস দায়ী নয়।’

‘সেটা তুমি কীভাবে বলছো?’

‘কারণ জেনেসিস ও মাইকেল উইলিয়ামসের কবর সে দেখতে যায় না,’ জবাব দিলো হান্টার। ‘দুই সপ্তাহ পরপর কবরের ওপর ফুলও রাখে না… এ কাজটা করে তাদের মা।’ গার্সিয়া হান্টারের দিকে তাকিয়ে চোখ পিটপিট করলো। ‘তার নাম লিন্ডা উইলিয়ামস।’

সবকিছু বুঝে উঠতে কয়েক সেকেন্ড সময় লেগে গেল গার্সিয়ার। তারপর হান্টারের দিকে তাকিয়ে মাথা ঝাড়া দিলো সে, যেন গভীর ঘুম থেকে জেগে উঠলো। ‘দাঁড়াও, দাঁড়াও। তোমার ধারণা, এই খুনগুলো একজন মহিলার করা?’ ছবির বোর্ডের দিকে ইঙ্গিত করলো সে। ‘কিন্তু একজন মহিলা কি এতটা নিষ্ঠুর… এতটা পাশবিক হতে পারে?’

বছরের পর বছর যে গবেষণা করা হয়েছে; সে গবেষণানুযায়ী, নারী হত্যাকারীরা পুরুষ হত্যাকারীদের তুলনায় অনেক কম পাশবিক হয়ে থাকে। তারা সাধারণত কম সহিংস পদ্ধতি ব্যবহার করে; যেমন, বিষপ্রয়োগ বা শ্বাসরোধ করে হত্যার মতো পদ্ধতি। ক্ষতবিক্ষত করে হত্যা অথবা শিকারকে বিকৃত করে হত্যার মতো পদ্ধতি তারা অনেক কম ব্যবহার করে।

গবেষণায় এ-ও দেখা গেছে যে তারা প্রায় কখনোই তাদের শিকারদের হত্যা করার আগে অত্যাচার করে না।

‘অশুভ জিনিস সবসময় কুৎসিত মুখোশ পরে থাকে না, কার্লোস,’ বললো হান্টার। ‘তুমি তো জানো, অনেক সময় চোখের সামনেই লুকিয়ে থাকে জিনিসটা।’ বলে কাঁধ ঝাঁকালো ও। ‘কিন্তু আমরা যার বিষয়ে কথা বলছি, সন্তান হারিয়ে তার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে এবং সেটা তাকে পরিণত করেছে ক্রোধান্বিত একজন মা’য়ে। তাই হ্যাঁ, আমি মনে করি এ-ই মহিলাই এই খুনগুলো করেছে।’

বোর্ডে লাগানো সকল ক্রাইম সিনের ছবির দিকে দৃষ্টি ফিরে গেল গার্সিয়ার। ‘তুমি তার বিষয়ে জানলে কী করে?’

‘মারিও কাস্ত্রো,’ জবাব দিলো হান্টার। ‘রোজ হিলস মেমোরিয়াল পার্কে কাজ করে লোকটা; রক্ষণাবেক্ষণ, কবরের দেখভাল… এসব কাজ আরকি। পার্কভিউ লনের বেশিরভাগ কবরের দেখভালের দায়িত্ব তার ওপরে—জেনেসিস ও মাইকেলের কবরও ওই প্লটে। সেখানে আট বছর ধরে কাজ করছে লোকটা।’

নিজের চেয়ারে হেলান দিয়ে বসলো গার্সিয়া। ‘কী জানালো সে?’

‘লোকটা আমাকে জানিয়েছে যে, জেনেসিস কিংবা মাইকেল কারোর শেষকৃত্যের সময়ই কবরস্থানে কাজ করতো না সে। তবে গত কয়েক বছরে তাদের মা লিন্ডাকে অসংখ্যবার কবরস্থানে দেখেছে। তার বক্তব্যানুযায়ী, প্রতি মাসে অন্তত দু’বার সেখানে যায় লিন্ডা উইলিয়ামস, কবরের ওপরে ফুল দেয়, কবরদুটো পরিষ্কার করে, কখনো কখনো ফ্লাস্ক নিয়ে আসে এবং ঘণ্টার পর ঘণ্টা সেখানে বসে থাকে।’

বিস্ফারিত দৃষ্টিতে পার্টনারের দিকে তাকালো গার্সিয়া। ‘তাহলে আমাদের একটা কাজই করার আছে, আর সেটা হলো, কবরদুটোর ওপরে নজর রেখে অপেক্ষা করা।’

‘হয়তো,’ একমত হলো হান্টার। ‘কিন্তু মহিলা গত রাতে কবরস্থানে ছিল। কবরের ফুলগুলো আজ সকালেও তাজা ছিল এবং কবরস্থানের আরেকজন কর্মী তাকে দেখেছে। এর মানে হলো, অন্তত দুই সপ্তাহের মধ্যে সে আর আসছে না। এদিকে লুকাস এলিয়ট ইতালি থেকে ফিরছে তিন দিনের মধ্যে। এর চেয়ে বেশি সময় অপেক্ষা করবে না লিন্ডা উইলিয়ামস।’

‘তা ঠিক,’ একমত হলো গার্সিয়া। ‘কিন্তু তার বাড়ির ওপরে নজর রেখেছি আমরা এবং লস অ্যাঞ্জেলস এয়ারপোর্টে যে মুহূর্তে নামবে, সেই মুহূর্ত থেকে আমাদের নজরদারি আওতায় চলে আসবে সে।’

হতাশভাবে নিঃশ্বাস ফেললো হান্টার। ‘আর যদি তার হত্যার তালিকায় এমন কেউ থাকে, যার বা যাদের সম্পর্কে আমরা জানি না? যদি সে তার মেয়ের মৃত্যুর জন্য আরও বেশি মানুষকে দায়ী মনে করে? যদি তার তালিকার পরের নাম লুকাস না হয়?’

নড করলো গার্সিয়া, নিচের ঠোঁট কামড়ে ধরলো। ‘তাহলে সমস্যায় পড়তে যাচ্ছি আমরা। মহিলাকে দ্রুত খুঁজে বের করতে হবে আমাদের। অপেক্ষা করার উপায় নেই।’

‘তার সম্পর্কে কী জানি আমরা?’

‘ওয়েল,’ বললো হান্টার, ‘মিস্টার কাস্ত্রো আমাকে জানিয়েছেন যে তিনি গত কয়েক বছরে লিন্ডা উইলিয়ামসের সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছেন। আমি যেমনটা বললাম, মহিলাকে অসংখ্যবার দেখেছেন তিনি, তাই তাকে শুভ সকাল বা হ্যালো বলা খুবই স্বাভাবিক ছিল, বুঝতেই পারছো। কাস্ত্রো জানিয়েছেন যে অনেক বছর আগে, একদম প্রথম দিকে মহিলা একা আসতো না। সে প্রায়ই তার স্বামী এবং একটা ছেলের সাথে আসতো। কাস্ত্রোর মতে, ছেলেটা মহিলারই ছেলে। পরের দিকে ছেলেটাও আর আসতো না। যদিও মি. কাস্ত্রো সময়ের ব্যবধানটা নিশ্চিত করে বলতে পারেননি, কিন্তু এখন আমরা জানি সেই সময়ের ব্যবধানটা ছিল এক বছর। এক বছর পরে ছেলেটা আর আসতো না, নিজের স্বামীর সাথে কবরটা দেখতে যেতো লিন্ডা। তখনই মিস্টার কাস্ত্রো লক্ষ করেন যে কবরটা আসলে দু’ভাগে ভাগ করা হয়েছে। একটা কবর বোনের, আরেকটা ভাইয়ের। এর কিছু দিন পরে, আবারও সময়ের ব্যবধান নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি, একা একাই সেখানে আসা শুরু করে লিন্ডা।’

এক পাশে মাথা কাত করলো গার্সিয়া। ‘ডিভোর্স হয়েছিল না-কি?’

‘হতে পারে, সেটা আমরা এখনো জানি না। তবে আমার কাছে যে তথ্য আছে; সে অনুযায়ী, লিন্ডার স্বামী জন উইলিয়ামসও মারা গেছে।’ গার্সিয়াকে প্রশ্ন করার সুযোগ না দিয়ে হান্টার বললো, ‘আমরা এখনো জানি না, কখন এবং কীভাবে মারা গেছে সে। রিসার্চ টিম খুব কঠোর পরিশ্রম করছে জানার জন্য, তবে তার স্বামী যে মারা গেছে, সেটা লিন্ডা মিস্টার কাস্ত্রোকে একবার বলেছিল কথাচ্ছলে। মি. কাস্ত্রো আমাকে জানিয়েছেন, প্রায় আট বা নয় বছর আগে, লিন্ডা তাকে বলেছিল যে কিছু সপ্তাহের জন্য সে কবরস্থানে আসতে পারবে না। এই সময়টায় মি. কাস্ত্রো জেনেসিস এবং মাইকেলের কবরের দেখভাল করতে পারবেন কিনা। কবরস্থানের অফিসের পরিবর্তে লিন্ডা তাকে টাকা দিয়েছিল, সেটাও স্বীকার করেছেন মি. কাস্ত্রো। আর সে সময়ই মহিলা জানিয়েছিল তাকে যে সে বিধবা।’

‘জেনেসিস এবং মাইকেলের পাশে কি জন উইলিয়ামসের কবর নেই?’ গার্সিয়া জিজ্ঞেস করলো।

‘না। এবং লিন্ডা একমাত্র রোজ হিলস মেমোরিয়াল পার্কের কবরদুটোই দেখতে যায়। যদি জন উইলিয়ামস সত্যিই মারা গিয়ে থাকে, তবে আমার মনে হয় না তার কবর ওখানে।’

‘লাশ পুড়িয়ে ফেলা হতে পারে কি?’

‘আমি কবরস্থানের রেকর্ড চেক করেছি,’ হান্টার উত্তর দিলো। ‘যদি জন উইলিয়ামসের লাশ দাহ করা হয়েই থাকে, তবে সেটা রোজ হিলসে হয়নি। কিন্তু এখানে মজার একটা ব্যাপার আছে।’

পার্টনারের দিকে চেয়ে ভ্রূ উচালো গার্সিয়া।

‘আট-নয় বছর আগে লিন্ডা উইলিয়ামস কয়েক সপ্তাহ সন্তানদের কবর পরিদর্শন করেনি, এবং পরের কয়েক বছরেও সে কয়েক সপ্তাহ সন্তানদের কবর দেখতে আসেনি। কিন্তু এক বছর আগে, সে নিয়মিতভাবে সন্তানদের কবর পরিদর্শন শুরু করে।’

‘পেদ্রো বুস্তামেন্তে,’ বললো গার্সিয়া। ‘খুনোখুনির শুরুটা এখান থেকেই।’

‘সেরকমই মনে হচ্ছে,’ একমত হলো হান্টার। ‘সে যে বিধবা, এটা যখন লিন্ডা উইলিয়ামস মিস্টার কাস্ত্রোকে জানায়, তখন সে এটাও জানায় যে কয়েক সপ্তাহের জন্য হুট করে কোথায় উধাও হয়ে গিয়েছিল সে। গার্ডেনা মেমোরিয়াল হাসপাতালে একজন ইমার্জেন্সি ট্রমা নার্স ছিল সে; কিন্তু জেনেসিস আত্মহত্যা করার কয়েক বছর পরে নিজের চাকরি ছেড়ে দিয়ে দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ শুরু করে।’

‘দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ কেন?’

‘স্কুলগুলো পরিদর্শন করতো সে; বিশেষায়িত সব স্কুল, যেখানে প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা ছিল। সেসব স্কুলে বিষণ্ণতা, আত্মহত্যা এবং টিনেজারদের মধ্যে মাদকাসক্তির প্রবণতার বিষয়ে আলোচনা করতো সে, বক্তৃতা দিতো এই বিষয়ে। বাবা-মা এবং শিক্ষকের সাথে কথা বলতো, তাদের গাইডলাইন দিতো যাতে তারা এই তিনটে সমস্যা ও সেগুলোর লক্ষণ বিষয়ে আরও সচেতন হয়।’

গম্ভীরভাবে একটা বিরতি দিলো হান্টার, চিন্তামগ্ন দেখালো ওকে। ‘সে ভালো কিছু করার চেষ্টা করছিল, কার্লোস। নিজের যন্ত্রণাটাকে অন্যদের যন্ত্রণা প্রশমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করছিলো।’

‘কিন্তু এক বছর আগে সবকিছু বদলে গেল।’ মন্তব্য করলো গার্সিয়া।

নড করলো হান্টার। ‘তার ছবি খুঁজে পেতে কিছুটা সময় লেগেছে, কারণ বন্ধ হয়ে গেছে ওয়েবসাইটটা। তবে শেষ পর্যন্ত পাওয়া গেছে।’ প্রিন্টআউটটা গার্সিয়ার দিকে বাড়িয়ে দিলো ও। ছবিতে একজন লম্বা নারীকে দেখা যাচ্ছে, মধ্য চল্লিশের মতো যার বয়স। পনিটেইল করা কালো চুল, ভ্রূ’জোড়াতে পেশাদারিত্বের ছাপ। মুখে সামান্য মেকআপ, তবে সেটুকুই তার চেহারার বৈশিষ্ট্যকে ফুটিয়ে তোলার জন্য যথেষ্ট বলে প্রমাণিত হয়েছে। জেনেসিস যে তার মায়ের বাদামি চোখ ও মিষ্টি হাসি পেয়েছিল, মহিলার ছবি দেখে বোঝা গেল।

এক মুহূর্তের জন্য প্রিন্টআউটটা দেখলো গার্সিয়া। হান্টার লক্ষ করলো, প্রিন্টআউটটা দেখার সাথে সাথে বদলে গেল ওর পার্টনারের আচরণ।

‘জিসাস ক্রাইস্ট!’ শব্দদুটো বের হলো গার্সিয়ার ঠোঁট থেকে, একই সাথে নির্জলা আতঙ্ক ফুটে উঠলো তার চোখজোড়ায়।

‘কী হয়েছে?’ জানতে চাইলো হান্টার।

গার্সিয়া যেন জমে গেছে নিজের জায়গায়।

‘কার্লোস, কী হয়েছে?’

‘এই মহিলা কে, তা আমি জানি,’ অবিশ্বাসের দৃষ্টিতে হান্টারের দিকে তাকালো গার্সিয়া। ‘এমনকি আমি তার সঙ্গে কথাও বলেছি, রবার্ট।’

‘কীহ? কখন?’ পার্টনারের কথা শুনে রীতিমতো আঁতকে উঠলো হান্টার।

‘তদন্তের একদম শুরুতে,’ জবাব দিলো গার্সিয়া, তার কণ্ঠ কাঁপতে লাগলো রীতিমতো। ‘সেই ক্যাব ড্রাইভার, রবার্ট… এ সেই মহিলা, যে হোটেলের পার্টি থেকে বেরোনোর পর মেলিসা হোর্থর্নকে তার বাড়িতে নামিয়ে দিয়েছিল।’

সাতাত্তর

লিন্ডা ইভান্সের ঠিকানা খুঁজে পেতে খুব বেশি সময় লাগলো না রিসার্চ টিমের। ইভান্স নামটা জেনেসিস উইলিয়ামসের মায়ের পৈতৃক নাম, এবং ক্যাব চালক হিসেবে নিবন্ধিত হতে সেই নামটিই ব্যবহার করেছিল সে। সেই ক্যাব কোম্পানির লস অ্যাঞ্জেলস অফিসে যোগাযোগ করতেই জানা গেল, সেই রবিবার সকালে লেইমার্ট পার্কের বাড়িতে মেলিসা হোর্থর্নকে নামিয়ে দেওয়ার পর আর কোনো যাত্রী পরিবহন করেনি লিন্ডা। আর তারপর কেটে গেছে প্রায় দশ থেকে এগারো দিন।

তবে লিন্ডা একজন লাইসেন্সপ্রাপ্ত ক্যাব চালক। যার মানে হলো, তার কাছে যে বৈধ ড্রাইভিং লাইসেন্সটা আছে, তাতে তার বর্তমান ঠিকানা উল্লেখ করা আছে। এবং সেই লাইসেন্সের একটা কপি সংরক্ষিত আছে কোম্পানির ডেটাবেজেও। সেই ডাটাবেজ থেকে জানা গেল, টোরান্সের একটা ছোটো স্টুডিয়ো অ্যাপার্টমেন্টে বসবাস করে লিন্ডা ইভান্স। গার্ডেনার ঠিক দক্ষিণ-পশ্চিমের একটা শহর টোরান্স, লস অ্যাঞ্জেলস মেট্রোপলিটন এলাকার সাউথ বে এলাকায় অবস্থিত। তথ্যটা পাওয়ার দুই মিনিটের মধ্যে ক্যাপ্টেন ব্লেকের ডেস্কের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল হান্টার এবং গার্সিয়াকে।

‘মহিলা যে নিজের অ্যাপার্টমেন্টে আছে, সে ব্যাপারে নিশ্চিত তথ্য আছে আমাদের কাছে?’ হান্টারের কাছে খবর শোনার পর জিজ্ঞাসা করলেন ক্যাপ্টেন।

‘না, নেই,’ উত্তর দিলো হান্টার। ‘কিন্তু আমরা এখনই সেখানে যাচ্ছি। তার মাজদা গাড়ির জন্য একটা এপিবি (অল পয়েন্টস বুলেটিন)’ও জারি করা হয়েছে—স্টপ অ্যান্ড ডিটেইন।’

‘ঠিক আছে,’ বলে ডেস্কে রাখা ফোনের দিকে হাত বাড়ালেন ক্যাপ্টেন ব্লেক। ‘পাঁচ মিনিটের মধ্যে সোয়াট টিমকে রেডি হতে বলছি।’

‘এক মিনিট, ক্যাপ্টেন।’ ক্যাপ্টেনের ফোনের রিলিজ বাটন চেপে ধরলো হান্টার। ‘সোয়াট টিমের প্রয়োজন নেই আমাদের।’

চশমার ফাঁক দিয়ে হান্টারের দিকে তাকালেন ক্যাপ্টেন ব্লেক। ‘আপনি সম্ভবত পুলিশ ডিপার্টমেন্টের ইতিহাসে সবচেয়ে নৃশংস সিরিয়াল কিলারকে গ্রেফতার করতে যাচ্ছেন, রবার্ট। সোয়াট টিমের প্রয়োজন হবে আপনার।’

‘আমার তা মনে হয় না, ক্যাপ্টেন। তার মতো সিরিয়াল কিলারকে আমরা কখনো তাড়া করিনি। সে জন্মগত সাইকোপ্যাথ নয়… উত্তেজনার জন্য খুন করছে না সে। নিজের ভেতরে লুকিয়ে থাকা খুনের প্রবৃত্তি তৃপ্ত করার চেষ্টা করছে না… নিজের যৌন সন্তুষ্টির জন্যও করছে না… নিজেকে থামাতে পারছে না, তাই খুন করে বেড়াচ্ছে, এমনও না। সে স্রেফ তার মেয়ের ওপরে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে চাইছে। সে রাস্তায় রাস্তায় ঘুরে পরবর্তী শিকার খুঁজছে না। সে তার শিকারদেরকে দৈবচয়ন ভিত্তিতে বেছে নিচ্ছে না। তার কাছে নির্দিষ্ট কিছু নামের একটি তালিকা রয়েছে।’

নিজের চশমা টেবিলের ওপরে নামিয়ে রাখলেন ক্যাপ্টেন, কিন্তু রিসিভারটা রাখলেন না।

‘এই ধরনের হত্যাকারীদের ক্ষেত্রে,’ হান্টার কথা থামালো না, ‘তাদের আচরণ সাইকোপ্যাথিক সিরিয়াল কিলারদের থেকে অনেকটাই আলাদা হয়। তার খেলা শেষ, বুঝতে পারলে হয়তো সে পালানোর চেষ্টা করবে, কিন্তু আমাদেরকে পাল্টা আঘাত করবে বলে মনে হয় না।’

‘আপনি সেটা নিশ্চিতভাবে জানেন না, রবার্ট,’ চ্যালেঞ্জের সুরে বললেন ক্যাপ্টেন ব্লেক। ‘একটা সোয়াট টিম সাথে থাকলে মানসিকভাবে নির্ভার থাকবেন।’

‘আসলে থাকবো না, ক্যাপ্টেন।’ এবার মুখ খুললো গার্সিয়া। ‘সোয়াট টিম গোপনে কাজ করে না। বড়ো কালো সাঁজোয়া ট্রাকে ছয় থেকে বারো জন এজেন্ট, তাদের সবার পরনে থাকবে কালো পোশাক, সাথে মুখোশ এবং হেলমেট। হাতে সেমি-অটোমেটিক রাইফেল। তারা যে আসলে কারা, তা লিন্ডা তো পরের কথা, পুরো পাড়া জেনে যাবে।’

‘এবং সে যদি বাড়িতে না থাকে,’ আবার খেই ধরলো হান্টার, ‘তাহলে বাড়িতে ফেরার আগেই সে আমাদের কথা জেনে যাবে। আর সেটা হলে সে আর কখনোই তার বাড়িতে ফিরে আসবে না।’

‘কীভাবে?’ জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন ব্লেক। ‘সে জানবে কীভাবে?’

শব্দ করে হাসলো গার্সিয়া। ‘আপনার কী ধারণা? সোয়াট ট্রাক থেকে অস্ত্রধারী এজেন্টরা নেমে একটা বিল্ডিঙে ঢুকছে, তখন ওই এলাকার মানুষজন কী করবে?’ বলে মাথা নাড়লো সে। ‘মহিলার দরজায় নক করার আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবো আমরা।’

‘যে অ্যাপার্টমেন্ট ব্লকে সে থাকে,’ ওপর থেকে তোলা বিল্ডিঙের দুটো ছবি ক্যাপ্টেনের ডেস্কে রাখলো হান্টার, আলোচনার লাগাম আবার নিজের হাতে নিলো। ‘সেই অ্যাপার্টমেন্ট চার তলা, সামনে ও পেছনে একটা করে প্রবেশদ্বার আছে। সেই সাথে আছে একটা লিফট এবং একটা সিঁড়ি। নেই কোনো ফায়ার এক্সিট। তার স্টুডিয়ো অ্যাপার্টমেন্টটা একদম ওপরের তলায়।’ বলে ছবি দেখালো হান্টার। ‘যে কারণে অ্যাপার্টমেন্ট থেকে লাফিয়ে বেরিয়ে যেতে পারবে না সে। ওই ভবন থেকে বের হওয়ার দরজা মাত্র দুটো, এবং সে পর্যন্ত পৌঁছাতে হলে তাকে লিফট অথবা সিঁড়ি ব্যবহার করতেই হবে। তাকে গ্রেফতার করার জন্য সোয়াট টিম সাথে নেয়াটা বাড়াবাড়ি হয়ে যাবে।’

কিছুক্ষণ চিন্তা করলেন ক্যাপ্টেন। ‘ঠিক আছে, তাহলে আপনাদের পরিকল্পনা কী? আপনারা নিশ্চয়ই সোজা তার দরজায় নক করবেন না?’

‘ঠিক সেটা করারই পরিকল্পনা আমাদের, ক্যাপ্টেন,’ উত্তর দিলো গার্সিয়া।

তার দিকে তাকালেন ক্যাপ্টেন।

‘প্রত্যেকটা তদন্তে আমরা যেসব মানুষকে জিজ্ঞাসাবাদ করি,’ ব্যাখ্যা করলো গার্সিয়া। ‘তাদের সবারকেই বলা হয় যে তদন্ত এগিয়ে যাওয়ার সাথে সাথে হয়তো তাদেরকে আরও কিছু প্রশ্ন করা হতে পারে। আমরা যে তার ওপরে নজর রেখেছি, তা মহিলা জানে না বলেই আমার ধারণা। গোটা ব্যাপারটা এমনভাবে উপস্থাপন করবো আমরা যে তাকে আমাদের আরও কিছু প্রশ্ন করার আছে, আর কিছুই না। আমরা তাকে গ্রেফতার করতে যাইনি।’

হান্টারের দিকে তাকালেন ক্যাপ্টেন ব্লেক।

‘কখনো কখনো সবচেয়ে সহজ পরিকল্পনাই সবচেয়ে কার্যকরী হয়,’ বললো হান্টার।

‘আপনারা দুজনই কেভলার ভেস্ট পরবেন?’ জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন ব্লেক।

‘অবশ্যই,’ উত্তর দিলো গার্সিয়া।

আরও কিছুক্ষণ চিন্তা করলেন ক্যাপ্টেন ব্লেক।

‘ঠিক আছে,’ অবশেষে বললেন তিনি, রিসিভারটা নামিয়ে রাখলেন। ‘সোয়াট না হলেও আমি চাই অন্তত দুটো করে পুলিশ কার অ্যাপার্টমেন্ট থেকে বেরোনোর রাস্তা দুটো মনিটর করুক এবং তার ভবনের সামনে এবং পেছনের প্রবেশদ্বারে দুজন অতিরিক্ত ডিটেকটিভ থাকুক। রবার্ট, আপনার মতে, সে অনেক গুছিয়ে কাজ করে; তার মানে পালানোর কোনো না কোনো পরিকল্পনা আগেই থেকেই খাড়া করে রেখেছে সে।’

‘আপত্তি নেই আমার,’ একমত হলো হান্টার।

‘মিল্টন আর জ্যাকবকে নিয়ে যান,’ ওদেরকে নির্দেশ দিলেন ক্যাপ্টেন। ‘নিজেদের ডেস্কেই আছে ওরা এবং মার্কসম্যান হিসেবে দুজনই দুর্দান্ত। পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যায়, তবে ওরা দুজন সাহায্য করতে পারবে আপনাদেরকে।’

‘বেরোনোর সময় ওদেরকে সঙ্গে করে নিয়ে যাবো,’ নিশ্চয়তা দিলো হান্টার।

‘ঠিক আছে তাহলে।’ ডিটেকটিভ দুজনের দিকে তাকিয়ে নড করলেন ক্যাপ্টেন ব্লেক, দরজার দিকে ইশারা করলেন। ‘এবার আপনারা রওনা দিন।’

আটাত্তর

হার্বার ফ্রিওয়ে’তে ঢুকে পড়লো গার্সিয়া, দক্ষিণ-পশ্চিম দিকে এগিয়ে যেতে লাগলো। গাড়ির পুলিশ লাইট এবং সাইরেন চালু করে দিলো সে। টোরান্স তখনও তাদের অবস্থান থেকে প্রায় উনিশ মাইল দূরে বটে; তবে ফ্রিওয়ে এবং পুলিশ লাইট ও সাইরেনের জন্য পুরো একটা লেনই খালি পাবে ওরা। নাম্বারপ্লেটবিহীন কিয়া অপটিমাতে চড়ে ওদেরকে অনুসরণ করলো ডিটেকটিভ মিল্টন ও জ্যাকব। গার্সিয়ার মতো একই কাজ করলো তারাও।

‘আমার আগেই বোঝা উচিত ছিল,’ হান্টারের দিকে না তাকিয়ে বললো গার্সিয়া, রাগত শোনালো তার গলা।

তদন্তের শুরুতে লিন্ডা ইভান্সের সাথে কথোপকথনের কথা বলছে ওর পার্টনার, বুঝতে পারলো হান্টার।

‘না বোঝাটা তোমার দোষ নয়,’ জবাব দিলো হান্টার। ‘বিষয়টা নিয়ে নিজেকে দোষারোপ করো না।’

‘রবার্ট, সামান্য যে-কোনো কিছুই সিরিয়াল কিলারদের পরিচয় ফাঁস করে দেওয়ার জন্য যথেষ্ট। একটা বিরতি, একটা সংকোচ অথবা কোনো অদ্ভুত আচরণ।’

‘সব সময় নয়। তারা অপ্রস্তুত থাকলে এক কথা, কিন্তু লিন্ডা ইভান্সের ক্ষেত্রে অপ্রস্তুত বলে কোনো শব্দ নেই। তুমি তাকে জিজ্ঞাসাবাদ করার আগে প্রস্তুত ছিল সে, কারণ সে জানতো যে তাকে প্রশ্ন করা হবে।’

চোখের কোণ দিয়ে হান্টারের দিকে তাকালো গার্সিয়া।

‘লিন্ডা ইভান্স ছিল শেষ ব্যক্তি যে মেলিসা হোর্থর্নকে জীবিত অবস্থায় দেখেছিল,’ কথা চালিয়ে গেল হান্টার। ‘মনে রাখতে হবে, সে কিন্তু গোপনে মেলিসাকে গাড়িতে তোলেনি। একজন ট্যাক্সি চালক হিসেবে বুকিং নিয়েছিল সে। মেলিসা কার ট্যাক্সিতে করে হোটেল থেকে বাড়িতে ফিরেছিল, সে ব্যাপারে যে আমরা খোঁজখবর করবো, তা সে জানতো। এর মানে কী দাঁড়ায়? এর মানে হলো যে সে জানতো যে খুব শীঘ্রই আমরা তাকে খুঁজে পাবো।’ শ্রাগ করলো হান্টার। ‘একজন মানুষ খুন হওয়ার ঠিক আগে ট্যাক্সি চালক তাকে বাড়িতে নামিয়ে দিলো, খুনের পরে একজন ডিটেকটিভ সেই ট্যাক্সি চালককে কী প্রশ্ন করতে পারে, তা সহজেই অনুমান করা যায়, তাই না?’

রাস্তার ওপর থেকে চোখ সরালো না গার্সিয়া।

‘ঠিক কোন প্রশ্নগুলো তুমি তাকে করবে, এটা সে জানতো না। তবে জিজ্ঞাসাবাদ কোন পথে এগোবে, সেটা ঠিকই জানতো। সম্ভবত আয়নার সামনে দাঁড়িয়ে সম্ভাব্য সকল প্রশ্নের জন্য প্রস্তুতি নিয়েছিল সে, নিজের অভিব্যক্তি, চমকে ওঠা, সংকোচ, চোখের পাতি ফেলা বারংবার যাচাই করে দেখেছে। প্রত্যেকটা অভিব্যক্তি নিখুঁত না হওয়া পর্যন্ত অনুশীলন করেছে সে। তুমি কিছু বুঝতে পারোনি, কারণ সে একদম প্রস্তুত হয়ে তোমার জন্য অপেক্ষা করছিল, কার্লোস।’

সাউথ পার্ক ও গ্রিন মিডৌজ এলাকা পার হয়ে এলো ওরা, এথেন্স ও গার্ডেনার দিকে এগোতে লাগলো।

‘আর দশ মিনিটের মধ্যে পৌঁছে যাবো,’ নিজের রেডিওতে বললো গার্সিয়া।

‘আমরা প্রস্তুত, আপনাদের ঠিক পেছনেই আছি,’ উত্তর দিলো ডিটেকটিভ মিল্টন।

‘তোমার কি মনে হয়? বাড়িতে আছে মহিলা?’ হান্টারকে জিজ্ঞেস করলো গার্সিয়া। ‘সকালের এই সময়ে?’

‘এখন আর ক্যাব ড্রাইভার নয় সে,’ জবাব দিলো হান্টার। ‘ট্রমা নার্সও নয়, দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে সেমিনারও করছে না। মহিলা বিশেষ কয়েকজন মানুষকে খুঁজে বেড়াচ্ছে। আমার ধারণা, এই মুহূর্তে সে তার পরবর্তী শিকারকে হত্যার পরিকল্পনা পর্যালোচনা করছে, প্রস্তুতি নিচ্ছে, প্রতিটি ডিটেইলস ঝালাই করছে। আর এসব করার জন্য তার অ্যাপার্টমেন্টই সবচেয়ে নিরাপদ। এখন পর্যন্ত কোনো কিছুই ভাগ্যের ওপরে ছেড়ে দেয়নি, এবারো দেবে না।’

ওরা যখন টোরান্স শহরে প্রবেশ করছে, তখনই হান্টারের পকেটে ফোনটা বেজে উঠলো। রিসার্চ টিমের শ্যানন হ্যাচারের ফোন।

‘রবার্ট,’ হান্টার রিসিভ করতেই উদ্বিগ্ন গলায় বললো সে। ‘আপনি কোথায়?’

‘টোরান্সে যাচ্ছি, লিন্ডা ইভান্সের বাড়িতে। কী হয়েছে?’

‘মহিলা ওখানে নেই,’ হান্টারকে জানালো শ্যানন।

‘কীহ?’ তীব্র গলায় জিজ্ঞেস করলো হান্টার, ফোনের স্পিকার অন করে দিলো। ‘আপনি কীভাবে জানলেন?’

‘লস অ্যাঞ্জেলস এয়ারপোর্টে তার পাসপোর্ট স্ক্যান করা হয়েছে। প্রায় দেড় ঘণ্টা আগে কাস্টমসের ফর্মালিটি ক্লিয়ার করেছে সে।’

‘কী?’ এবার একই সাথে প্রশ্নটা করলো গার্সিয়া আর হান্টার।

‘দেড় ঘণ্টা আগে?’ চোখের পলকে হান্টারের শান্ত কণ্ঠে উদ্বেগ ভর করলো।

‘মাত্র তথ্য এলো আমাদের হাতে,’ ব্যাখ্যা করলো শ্যানন। ‘রোমগামী আমেরিকান এয়ারলাইন্স, ফ্লাইট নাম্বার ৮৬৪৯’-এ চেপে বসেছে সে।’

পার্টনারের দিকে তাকালো গার্সিয়া, চোয়াল ঝুলে পড়েছে দুজনেরই। নিচু গলায় খিস্তি করলো গার্সিয়া।

‘ফ্লাইটটা টেক অফ করবে কখন?’ জিজ্ঞেস করলো হান্টার।

‘এটাই সমস্যা, রবার্ট।’ উদ্বেগ উত্তেজনায় পরিণত হলো শ্যাননের। ‘ফ্লাইটটা আর ঠিক উনিশ মিনিট পর লস অ্যাঞ্জেলস এয়ারপোর্ট থেকে টেক অফ করবে।’

নিজের অজান্তে ড্যাশবোর্ডের ঘড়ির দিকে চোখ চলে গেল হান্টারের। হান্টারের দিকে তাকিয়ে হতাশভাবে মাথা নাড়লো গার্সিয়া। গাড়িতে থাকা স্যাটেলাইট নেভিগেশন যাচাইয়েরও প্রয়োজন বোধ করলো না। ‘বিমানটার টেক অফ ঠেকাতে হবে আমাদের। সাইরেন অন আছে, কিন্তু তারপরেও এখান থেকে লস অ্যাঞ্জেলস এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতে কমপক্ষে পঁচিশ মিনিট সময় লাগবে। তারপর টার্মিনাল ধরে গেট পর্যন্ত দৌড়াতে হবে এবং… কোনো সুযোগই নেই আমাদের।’

কিন্তু বলার পরেও ডান দিকে গাড়ি ঘোরালো গার্সিয়া, উত্তর-পশ্চিমের সান ডিয়েগো ফ্রিওয়েতে উঠতে যাচ্ছে।

‘উম, আপনারা কোথায় যাচ্ছেন?’ গার্সিয়ার অনবোর্ড রেডিওতে ভেসে এলো প্রশ্নটা। প্রশ্ন করলো ডিটেকটিভ মিল্টন। ‘আপনারা ডান দিকে ঘুরলেন কেন? আমরা তো টোরান্সে যাচ্ছি।’

‘পরিকল্পনায় পরিবর্তন এসেছে,’ দ্রুত উত্তর দিলো গার্সিয়া। ‘লস অ্যাঞ্জেলস এয়ারপোর্টে যাচ্ছি আমরা। আমাদেরকে অনুসরণ করুন।’

‘কপি দ্যাট।’

‘শ্যানন, ফ্লাইটটা কত নাম্বার গেট থেকে ছাড়বে, সেটা বলতে পারেন?’ জিজ্ঞেস করলো হান্টার।

‘হ্যাঁ। এএ ফ্লাইট ৮৬৪৯, এলএএক্স টার্মিনাল বি থেকে ছাড়বে, গেট ২১০এ। দুর্ভাগ্যবশত, গেটটা টার্মিনালের একদম শেষ প্রান্তে।’

‘আমাদের যা কপাল,’ মন্তব্য করলো গার্সিয়া, ‘এটাই হওয়ার কথা ছিল।’

‘ইকোনমি ক্লাসে বসেছে মহিলা,’ আবার বললো শ্যানন। ‘তার নির্ধারিত সিট হলো ৩৫এইচ। ইকোনমি সেকশনের একদম সামনের দিকে আইলের এক সিট। লিন্ডা ইভান্স ও লিন্ডা উইলিয়ামস উভয় নামের অধীনে নিবন্ধিত মোবাইল নাম্বারগুলোও খতিয়ে দেখেছি আমরা। গোটা লস অ্যাঞ্জেলস এলাকায় লিন্ডা উইলিয়ামসের নামে একশোরও বেশি মোবাইল নাম্বার নিবন্ধিত আছে, এবং লিন্ডা ইভান্সের নামে আছে একুশটি নাম্বার। তাদের মধ্যে কোনোটির নিবন্ধিত ঠিকানাই টোরান্সে নয়, এবং আমরা এখন পর্যন্ত যেসব ফোন ট্র্যাক করতে পেরেছি, তাদের মধ্যে কোনোটিই লস অ্যাঞ্জেলস এয়ারপোর্টে দেখাচ্ছে না।’

বলে সামান্য দম নিলো শ্যানন। ‘আমি দুঃখিত, রবার্ট। মহিলা যদি ক্রেডিট কার্ড ব্যবহার করতো, তবে টিকিট সম্পর্কে অন্তত এক ঘণ্টা আগে জানতে পারতাম আমরা, কিন্তু টিকিটের টাকা সে পরিশোধ করেছে তার পেপ্যাল অ্যাকাউন্টের মাধ্যমে। আর সেই অ্যাকাউন্টটা লিন্ডা উইলিয়ামস নামে। তার এই ছোট্ট চালাকির কারণে আমাদের মূল্যবান সময় হারিয়ে ফেললাম আমরা।’

‘ইট’স ওকে, শ্যানন,’ বললো হান্টার। ‘কোনো নতুন তথ্য পেলে আমাদের জানাবেন; কিন্তু এই মুহূর্তে আমার সাথে সরাসরি ক্যাপ্টেন ব্লেকের সংযোগ দিন।’

‘এখনই দিচ্ছি।’

তিন সেকেন্ডের মাথায় লাইনে এলেন ক্যাপ্টেন।

ফ্লাইট এএ৮৬৪৯’র টেক অফ করতে আর মাত্র পনেরো মিনিট বাকি।

ঊনআশি

সেদিন সকালে, ফ্লাইট টেক অফের আড়াই ঘণ্টা আগেই লস অ্যাঞ্জেলস এয়ারপোর্টে পৌঁছে গেল লিন্ডা ইভান্স। এর এক ঘণ্টা পর কাস্টমসের ফর্মালিটি শেষ করে ইন্টারন্যাশনাল ডিপার্চারস লাউঞ্জের ভেতরে ঢুকে পড়লো সে। গতকাল সোফিয়া এলিয়টের বাড়িতে গার্সিয়াকে দেখেই লিন্ডা বুঝে যায়, তাকে নতুন এক পরিকল্পনা খাড়া করতে হবে, এবং সেটা খুব দ্রুত। গার্সিয়া যেহেতু সোফিয়া এলিয়টের বাড়ি পর্যন্ত চলে এসেছে; তাই সোফিয়া কিংবা লুকাস এলিয়টের মধ্যে যে-কোনো একজন মেন্টরের টার্গেটের তালিকায় আছে, তা ভাবা এলএপিডির জন্য খুবই যৌক্তিক। আর সেক্ষেত্রে তাদের জন্য সবচেয়ে যৌক্তিক পদক্ষেপ হবে সোফিয়ার বাড়ির ওপরে চব্বিশ ঘণ্টা নজর রাখা। যার মানে, লিন্ডার জন্য ওই বাড়িতে এখন যাওয়ার কোনো প্রশ্নই আসে না।

এলএপিডি আলট্রা ভায়োলেন্ট ক্রাইমস ইউনিটের ডিটেকটিভ কার্লোস গার্সিয়ার দেওয়া কার্ডটা নিজের কাছে রেখেছে লিন্ডা, মেলিসা হোথর্ন হত্যাকাণ্ডের পরে জিজ্ঞাসাবাদের সময় কার্ডটা দিয়েছিল ডিটেকটিভ। এরপরে আলট্রা ভায়োলেন্ট ক্রাইমস ইউনিটটা আসলে কী, তা জানার জন্য বেশ গবেষণা করে লিন্ডা। গবেষণানুযায়ী, সিরিয়াল কিলার ও হাইপ্রোফাইল হত্যাকারীদের কেস হ্যান্ডল করার জন্য ইউভিসি ইউনিট হলো দেশের সেরা ইউনিট। এমনকি তাদের রেকর্ড এফবিআই থেকেও উন্নত।

লিন্ডা সবসময়ই খুব গোছানো একজন মানুষ। সে এমন একজন, যে শুধু আগাম পরিকল্পনাই করে না, ‘যদি কখনো দরকার পড়ে’ ভেবে একটা বিকল্প পথও প্রস্তুত রাখে। পুরো একটা বছর ধরে প্রতিশোধের পরিকল্পনা করেছে সে; প্রত্যেকটা খুঁটিনাটি, এমনকি বিকল্প পথগুলো এক এক করে সাজিয়েছে। ক্রাভ মাগা নামের মার্শাল আর্ট শিখেছে, নিজের খাদ্যাভ্যাস বদলে ফেলেছে। শরীরের ফিটনেস ও শক্তি বাড়াতে ভারোত্তোলন শিখেছে, এমনকি একটা নাইন এমএম সেমি-অটোমেটিক পিস্তলও চালানো শিখেছে। সবকিছু নিখুঁতভাবে হচ্ছিল, কিন্তু আজকের মুহূর্তটা সেই ‘যদি কখনো দরকার পড়ে’র মুহূর্ত।

সোফিয়ার প্রতিবেশীর সাথে ডিটেকটিভের কথোপকথন শেষ হওয়ার জন্য অপেক্ষা করে লিন্ডা। ডিটেকটিভ চলে গেলে নিজের অ্যাপার্টমেন্টে ফিরে আসে সে। তারপর দ্রুত প্ল্যান ‘বি’ কার্যকর করার প্রস্তুতি নেয়। সেই রাতেই লস অ্যাঞ্জেলস থেকে রোমগামী একটা ফ্লাইট ছিল। তবে সবকিছু গুছিয়ে, সঠিক সময়ে এয়ারপোর্টে পৌঁছানো সম্ভব হলো না লিন্ডার পক্ষে। পরদিন সকালেই আমেরিকান এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট ছিল, লস অ্যাঞ্জেলস থেকে সকাল সাড়ে দশটায় টেক অফ করে স্থানীয় সময় দুপুর দুটো পঞ্চান্ন’তে রোমে ল্যান্ড করার কথা ছিল। ফ্লাইটটায় বেশ কিছু আসন খালি ছিল তখনও। চমৎকার। এতে করে সেদিন জেনেসিস ও মাইকেলের কবর দেখে আসা এবং সকালে পুরোপুরি প্রস্তুত হওয়ার সময় পেয়ে গেল সে।

কিন্তু ফ্লাইটের তারিখ ও সময় নিয়ে লিন্ডার মনের মধ্যে কিছু একটা খচখচ করতে লাগলো। কিন্তু সেটা ঠিক কী, তা সে বুঝে উঠতে পারলো না। নিজের নোট চেক করতে হলো তাকে। নোট চেক করে নাম, তারিখ ও সময় পড়ে জোরে হেসে উঠলো লিন্ডা। মাত্র কয়েক সপ্তাহ আগেই টুকে রেখেছিল।

‘কী কাকতালীয় ব্যাপার,’ শ্রাগ করে আপনমনে বললো সে। ‘আবার এটা একটা ইশারাও হতে পারে,’ টিকিট কেনার সময় বললো নিজেকে।

এয়ারপোর্টে কাস্টমসের ফর্মালিটি মেটানোর পরে কিছুক্ষণ ডিউটি ফ্রি দোকানে ঘোরাঘুরি করলো সে। এমন একটা সময় ছিল, অনেক বছর আগের কথা সেটা। আনন্দ নিয়ে কেনাকাটা করতো সে। জেনেসিসের জন্য নামি ব্র্যান্ডের একটা লিপস্টিক… মাইকেলের জন্য ভালো মানের একটা পারফিউম… নিজের জন্য বা স্বামী জনের জন্য কিছু। কিন্তু সেই দিনগুলো অনেক আগেই শেষ হয়ে গেছে, আর কখনো ফিরে আসবে না। একবার ইতালিতে পৌঁছে গেলে মানসিক চাপ কমানোর জন্য নিজের প্রিয় পানীয় মিখটার ব্র্যান্ডের বুর্বোন দিয়ে গলা ভেজানোর প্রতিজ্ঞা করলো সে।

ডিপার্চার লাউঞ্জের এক ক্যাফেতে বসে একটা এসপ্রেসো অর্ডার দিলো লিন্ডা, মনিটরে নিজের ফ্লাইটের তথ্য দেখলো। বোর্ডিং শুরু হতে আর বেশি দেরি নেই। নিজের ভাবনায় ডুবে গিয়ে একা বসে থাকলো লিন্ডা। মাথার মধ্যে নতুন পরিকল্পনাগুলো ঘুরতে লাগলো। নিজের অজান্তে আঙুলের ডগা দিয়ে নিজের কব্জির বড়ো, সাদা দাগগুলো ছুঁয়ে দেখলো সে। এক সময় সে কতটা ভেঙে পড়েছিল, কতটা অসহায় ছিল, দাগগুলো মনে করিয়ে দিলো তাকে। তবে সেই দিনগুলো বহু আগেই পেরিয়ে গেছে। অবশেষে নিজের লক্ষ্য খুঁজে পেয়েছে সে, এখন আর তা হারানোর প্রশ্নই আসে না।

নিজের কফি শেষ করলো লিন্ডা, শেষ করার পরে চারপাশে চোখ বোলালো। সানগ্লাসের বড়ো এক বিলবোর্ডের পাশে দাঁড়িয়ে হালকা চালে কথা বলছে দুই এয়ারপোর্ট পুলিশ অফিসার। কোনো কিছু নিয়ে চিন্তিত না তারা, ভিড়ের মধ্যে কাউকে খুঁজছেও না। একই সাথে স্ক্রিনে ফ্লাইটের স্ট্যাটাস ‘ওয়েটিং’ থেকে ‘বোর্ডিং’-এ পরিবর্তিত হয়ে গেল। চমৎকার। কয়েক সেকেন্ড পরেই, ঘোষণা শোনা গেল এয়ারপোর্টের লাউডস্পিকারে।

লাগেজ এবং ডিউটি-ফ্রি ব্যাগটা তুলে নেয়ার আগে, নিজের গলায় ঝোলানো চিকন চেইনের ওপর হাত বোলালো লিন্ডা, চেইনের সঙ্গে ঝোলানো ছোটো লকেটটা খুঁজে নিলো। লকেটটা একটা ছোটো সোনার প্রজাপতির। চেইনটা আসলে জেনেসিসের। এটা সেই চেইন, যেদিন সে আত্মহত্যা করে, সেদিন তার গলায় ছিল। লকেটটাকে আলতোভাবে চুমু খেলো লিন্ডা। ‘টাইম টু গো, মাই অ্যাঞ্জেল,’ বিড়বিড় করে প্রজাপতিটাকে বললো সে। ‘এবার তাহলে আমরা বিষয়টা সেরে আসি।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *