পঞ্চান্ন
বেজমেন্ট থেকে কিচেনে উঠে এলো হান্টার আর গার্সিয়া, উঠে আসতেই কিচেনের মেঝেতে পড়ে থাকা গোলাপের পাপড়ির দিকে দৃষ্টি গেল গার্সিয়ার। ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার।
‘একটা কথা জানো?’ ক্লান্ত গলায় পার্টনারকে বললো সে। ‘এক মুহূর্ত আগে, আমি যখন নিচে খুনি কেন দুটো বড়ো আকৃতির লবস্টার ভিকটিমের রানের সাথে আটকে দিয়ে গেছে, এই নিয়ে সিএসআই এজেন্টের সাথে আলোচনা করছিলাম…’ বলতে বলতে মাথা নাড়লো সে। ‘আমি নিশ্চিত না, আমি আসলেই বিশ্বাস করবো, না-কি পুলিশে কাজ করতে করতে…’
থেমে দাঁড়ালো হান্টার, পার্টনারের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো।
শ্রাগ করলো গার্সিয়া। ‘আমি জানি না, রবার্ট। আগের দুটো ক্রাইম সিনে কোনো জন্তু, কোনো সামুদ্রিক প্রাণী, কোনো পোকা অথবা ভিকটিমরা ছাড়া কোনো জীবন্ত প্রাণীর নামগন্ধ ছিল না। সেটাই মাথা খারাপ করার জন্য যথেষ্ট ছিল।’ কিচেন সিঙ্কের সাথে হেলান দিলো সে। ‘আমি ইতোমধ্যেই ভাবতে শুরু করেছি যে, এই খুনগুলোর পেছনে হয়তো আদৌ কোনো কারণ নেই। এমন কি হতে পারে না, খুনি একটা উন্মাদ, প্রত্যেকটা খুনে নিজের নৃশংসতাকে আগেরটার চাইতে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছে? এই সবকিছু—এই নৃশংসতা, এই জটিল মোডাস অপারেন্ডি, পেছনে রেখে যাওয়া উক্তি, নিচের লবস্টার, অদ্ভুত ও ভয়ঙ্কর খুনের তরিকা—এর সবকিছুই যদি আমাদেরকে বিভ্রান্ত করার জন্য হয়? কারণ, আজকালকার সময়ে যারাই টিভি দেখে; তারাই জানে, ক্রাইম সিনে পাওয়া কোনো সূত্রকেই গোয়েন্দারা আসলে ফেলে দেয় না।’ বলে মেঝের ওপরে পড়ে থাকা গোলাপের পাপড়ির দিকে ইশারা করলো সে। ‘এবং এবার সে বেছে নিয়েছে একজন পুরুষ ভিকটিমকে। যা আগের খুনগুলোর থেকে একদম আলাদা।’ দুই হাত দিয়ে নিজের দুই গাল ডললো গার্সিয়া। ‘আমার মনে হচ্ছে, এই উন্মাদ খুনি একটা ঘরে বসে হুট করেই পরিকল্পনা করে।’ বলে গলার স্বর অনুকরণ করার চেষ্টা করলো গার্সিয়া। ‘এরপর সুপারমার্কেটে গিয়ে দুটো লবস্টার কিনে পরের ক্রাইম সিনে রেখে আসবো। তারপর দেখবো, সেই নিয়ে এলএপিডির গোয়েন্দারা কী করে।’
পার্টনারের হতাশাটা খুব সহজেই বুঝতে পারলো হান্টার, কিন্তু ও-ও জানে, হতাশা এমন একটা বিষয়, যেটাকে রোজ সঙ্গী করেই ওদেরকে কাজ করতে হয়। এটা কাজেরই একটা অংশ। আর গার্সিয়াও সেটা জানে।
‘হেই,’ পার্টনারকে ডাকলো হান্টার। ‘তুমি ঠিক আছো? সবকিছু ঠিক আছে?’
নিজের জাম্পস্যুটের হুডি নামিয়ে দিলো গার্সিয়া, চুলের ভেতর দিয়ে হাত চালালো। ‘হ্যাঁ,’ কয়েক সেকেন্ড চুপ থাকার পরে জবাব দিলো সে। ‘আমি ঠিক আছি। শুধু বেশ অসহায় লাগছে, বুঝতে পারছো তো?’ চোখ দিয়ে বেজমেন্টের দিকে ইশারা করলো সে।
‘হ্যাঁ, বুঝতে পারছি, একই রকম চিন্তা আমাকেও জ্বালিয়ে মারছে। তবে কেউ তার ব্যক্তিগত শোধ আমাদের ওপর দিয়ে তুলতে চাইবে, অথবা কেউ একটা খুন আগেরটার চাইতেও নৃশংসভাবে করতে চাইবে—এই আইডিয়াটার সাথে একমত হতে পারছি না।’ হাতের তিনটে আঙুল দিয়ে ভিকটিমদের সংখ্যা বোঝালো ও। ‘ভিকটিম এক ও ভিকটিম তিন খুন হয়েছে সম্পূর্ণ আলাদা তরিকায়, কিন্তু নিজেদের বাড়িতে আবার ভিকটিম দুই খুন হয়েছে একদমই অন্য পদ্ধতিতে; কিন্তু তাকে অপহরণ করে খুন করা হয়েছে অন্য কোথাও, তারপর তাকে ফিরিয়ে আনা হলো কেন? এত হাঙ্গামা পোহানো আর ঝুঁকি নেয়ার কী দরকার ছিল?’
এক মুহূর্ত ভাবলো গার্সিয়া। ‘কারণ, খুনি তাদেরকে একটা নির্দিষ্ট উপায়েই খুন করতে চাইছিল। অন্য কোনোভাবে খুন করলে খুনির উদ্দেশ্য সাধিত হতো না।’
‘এক্সক্সাক্টলি,’ একমত হলো হান্টার। ‘প্রত্যেকটা ভিকটিমের জন্য আলাদা আলাদাভাবে নৃশংস খুনের ব্যবস্থা করেছে সে। এর পেছনে কোনো কারণ না থেকেই যায় না।’
‘আমিও সেটাই চাই,’ নড করলো গার্সিয়া। ‘কারণ, এই মুহূর্তে আমার মাথা আর কাজ করছে না।’ বলে বড়ো একটা দম নিয়ে নিজেকে শান্ত করলো সে। ‘ওপরে আসবো তোমার সাথে?’
রাত বারোটা বেজে তেত্রিশ, ঘড়ি দেখলো হান্টার। ‘না, তার দরকার হবে না,’ উত্তর দিলো ও। ‘খুব বেশি সময় লাগবে না।’
‘আমি বাইরে গেলাম তাহলে,’ বললো গার্সিয়া, জানালার দিকে ইশারা করলো। ‘কয়েকজন প্রতিবেশী জেগে আছে এখনো, তাদেরকে দ্রুত কয়েকটা প্রশ্ন করে আসি। শেরিফ’স ডিপার্টমেন্ট আর এলএপিডির মধ্যে সমন্বয় করবো আমি। আজ রাতে যার সাথে কথা হবে না, কাল সকালে এসে তার সাথে কথা বলবো।’
‘ভালো আইডিয়া। কয়েক মিনিটের মধ্যেই আমি বাইরে মিলিত হচ্ছি তোমার সাথে।’
কিচেনের দরজার কাছে থেমে দাঁড়ালো গার্সিয়া। ‘তুমি জানো যে, তুমি তাকে সতর্ক করো বা না করো, তাতে কিছু যায় আসে না, তাই না?’ মাথা দিয়ে ছাদের দিকে দেখিয়ে ওপরতলার দিকে ইশারা করলো। ‘যতই ব্যাখ্যা দাও না কেন, তার কৌতূহল কোনোভাবেই নিরসন হবে না। সেটা যত পরিষ্কার ব্যাখ্যাই হোক না কেন।’
নড করলো হান্টার, জানে যে ওর পার্টনার সম্ভবত সত্যি কথাই বলছে। ‘আমি শুধু চেষ্টাই করতে পারি, কার্লোস।’
এবারে, হান্টার জানে, ওর কণ্ঠের চিন্তিতভাবটা গার্সিয়া নিজেও খেয়াল করেছে।
ছাপ্পান্ন
সিঁড়ি বেয়ে দোতলায় ওঠার আগে লিভিং রুমে নিজের ফরেনসিকস জাম্পস্যুট খুলে ফেললো হান্টার। এমনিতেই মানসিক অবস্থার চূড়ান্ত খারাপ পর্যায়ে রয়েছে জোসি, এই অবস্থায় জাম্পস্যুট পরে ‘ডক্টর ডেথ’ সেজে তার ঘরে ঢোকার কোনো মানে হয় না। ওপরতলার ল্যান্ডিঙে পৌঁছাতেই করিডোরের শেষ প্রান্তের ঘর থেকে চাপা ফিসফিসানি কানে ভেসে এলো ওর, ঘরের দরজাটা হালকা ভিড়িয়ে রাখা হয়েছে। ওর ডান পাশে একটা ড্রেসার, তার ওপর রাখা ফুলদানিতে সুগন্ধ ছড়াচ্ছে লাল গোলাপ এবং বেগুনিরঙা আজালিয়া। একটা গোলাপ তুলে নাকের কাছে ধরলো হান্টার। খুব হালকা সুগন্ধ আসছে, সেই একই গন্ধ, যা রান্নাঘরের মেঝেতে পড়ে থাকা পাপড়িতে পেয়েছে। ফরেনসিক দলকে এখানেও পরীক্ষা চালাতে হবে। ফুলদানির চারপাশে দামি ফ্রেমে কিছু ছবি সাজিয়ে রাখা। বিয়ের ছবি, হাইস্কুলে চিয়ারলিডার হিসেবে জোসি, বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করা জোসি, টেনিস র্যাকেট হাতে এবং বন্ধুবান্ধবের সঙ্গে পোজ দেওয়া অলিভার। সাধারণ ‘প্রেমিক যুগল ও সুখী সংসার’ এর প্রদর্শনী এক কথায়। গোলাপটা ফুলদানিতে রেখে করিডোর ধরে এগিয়ে গেল হান্টার।
‘মিসেস গ্রিফিথ?’ দরজার সামনে দাঁড়িয়ে ডাকলো হান্টার, গলাটা খুব বেশি চড়ালো না। আলতোভাবে নক করার পরে দরজাটা আরও খানিকটা খুলে গেল, তবে তাতেই ভেতরের দৃশ্য দেখা হয়ে গেল ওর। খাটের চারকোনায় চারটে লম্বা স্ট্যান্ড, এরকম একটা বিছানায় দরজার দিকে পেছন ফিরে শুয়ে আছে লম্বা, স্বর্ণকেশী এক নারী। একটা বালিশ জড়িয়ে ধরে মুখটা সেই বালিশের মধ্যে গুঁজে রেখেছে সে, তবে ঘুমাচ্ছে না। তার কাঁধ কেঁপে কেঁপে ওঠা দেখে বুঝতে পারলো হান্টার। মুখ দেখতে না পেলেও জোসি গ্রিফিথকে চিনতে সমস্যা হলো না ওর। ছোটো, বাদামি চুলের আরেকজন নারী জোসির পাশে বসে ডান হাত দিয়ে জোসির মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। হান্টারের কণ্ঠ শুনে বাদামিচুলো নারী ফিরে তাকালো ওর দিকে। তার চোখেও পানি। সেই পানিতে গলে গেছে চোখের মাসকারা ও আইলাইনার, গালের ওপরে সরু রেখা তৈরি করে নেমে গেছে থুতনি পর্যন্ত।
সার্জেন্টের লোগানের ভাষ্যানুযায়ী, বাদামী চুলের মহিলাই জোসি গ্রিফিথের বেস্ট ফ্রেন্ড, স্টেসি গ্রিন। ঘরের অপর প্রান্তে জানালার পাশে দাঁড়িয়ে আছে একজন পুরুষ, লম্বা ও চিকন গড়ন তার। স্টেসির বাগদত্ত, স্কট সামারস। সে-ও হান্টারের দিকে ফিরে তাকালো। চোখজোড়া লাল হয়ে আছে তার। লাল সেই চোখজোড়ায় উদ্বেগ, অবিশ্বাস, নির্জলা আতঙ্ক। ঘরে আর কেউ নেই। যার মানে, সার্জেন্ট লোগান আর তার পার্টনার সম্ভবত বের হয়ে গেছে ইতোমধ্যেই।
স্টেসি কিংবা স্কট কেউই কিছু বললো না। বেদনার্ত চোখে হান্টারের দিকে তাকিয়ে থাকলো তারা, যেন আরও ভয়াবহ কোনো খবরের অপেক্ষায় আছে। সামান্য নড করে তাদেরকে সম্ভাষণ জানালো হান্টার, তারপর ঘরের ভেতরে এক পা এগোলো।
‘ওনাকে কি সিডেটিভ দেওয়া হয়েছে না-কি?’ জোসিকে ইশারা করে ফিসফিস করে জানতে চাইলো ও।
‘হ্যাঁ, তবে খুব শক্তিশালী কিছু নয়,’ পাল্টা ফিসফিসে স্বরে জবাব দিলো স্টেসি, এলোমেলো চেহারা থেকে অশ্রু মুছলো। ‘ঘুমাচ্ছে না ও।’
‘মিসেস গ্রিফিথ,’ নরম, দৃঢ় কণ্ঠে আবার ডাকলো হান্টার। নড়লো না জোসি। ‘আমি এলএপিডি’র ডিটেকটিভ রবার্ট হান্টার।’ বলে অপেক্ষা করলো ও। তা-ও নড়লো না জোসি। ‘আপনার ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করছি,’ আবার বললো হান্টার। ‘এমন সময়ে বিরক্ত করার জন্যও খুব দুঃখিত, কিন্তু আপনার কিছুটা সময় আমার খুব প্রয়োজন।’
হান্টারের এই কথা শুনে এবার মুখ খুললো স্কট। ‘দুঃখিত, ডিটেকটিভ,’ এক পা এগিয়ে এলো সে, গলা কাঁপছে তার। ‘কিন্তু ওর সাথে কি পরে কথা বললে হয় না? আমি জানি, আপনি আপনার কাজই করছেন এবং অনেক প্রশ্নের উত্তর আপনার দরকার, কিন্তু…’
‘আমি মিসেস গ্রিফিথকে কোনো প্রশ্ন করতে আসিনি,’ তার কথার মধ্যে বাধা দিলো হান্টার, তারপর জোসির দিকে তাকিয়ে বললো, ‘দয়া করে আপনি আমার কথা শুনুন। এটুকুই চাই আমি। বিষয়টা খুব জরুরি।’
এবার বালিশ ছেড়ে শরীর ঘুরিয়ে হান্টারের দিকে তাকালো জোসি। চোখজোড়টা টকটকে লাল আর ফোলা; মনে হলো, কারো সাথে মারামারিতে জড়িয়ে হেরে গেছে সে। নিঃশব্দে কাঁদছে এখনো। কী বলবে, তা ভাবার জন্য একটু সময় নিলো হান্টার। সঠিক শব্দগুলো বেছে নিতে হবে ওকে।
‘আপনি কি আপনার বন্ধুদের সঙ্গেই থাকবেন?’ জোসিকে প্রথম প্রশ্ন করলো হান্টার, সামান্য নড করে ঘরে থাকা দুজনের দিকে ইশারা করলো।
‘হ্যাঁ,’ আরও একবার উত্তরটা এলো স্টেসির কাছ থেকে। প্রথমে হান্টারের দিকে চেয়ে নড করলো সে, তারপর তার বাগদত্তের দিকে। সবশেষে জোসির দিকে তাকিয়ে বললো, ‘তুই আমাদের সাথেই থাকবি, হানি।’ জোসিকে জড়িয়ে ধরার জন্য নিচু হলো সে, পাল্টা প্রতিক্রিয়া এলো না জোসির তরফ থেকে। একজন প্যারালাইজড রোগীর মতো অনড় হয়ে আছে তার শরীর… দৃষ্টিও প্রায় নিশ্চল।
হান্টারের প্রশ্নের কারণ আর কিছুই নয়। এখন ও যে কথাটা জোসিকে বলবে, তা তদন্তের জন্য অত্যন্ত সংবেদনশীল। যত কম মানুষ এ বিষয়ে জানবে, ততই ভালো। তবে ওকে কথাটা এমনভাবে বলতে হবে যেন তথ্যটা নিশ্চিত কিছু নয়, বরং অনুমানসাপেক্ষ।
‘আমি জানি, আমার কথাটা খুব অদ্ভুত শোনাবে,’ শুরু করলো ও, ‘কিন্তু আমার এখানে আসার কারণ… শেরিফ’স ডিপার্টমেন্ট থেকে এলএপিডি’র দায়িত্ব নেয়ার কারণ হলো, নিচের ক্রাইম সিনের সাথে আগে ঘটে যাওয়া অপরাধের ক্রাইম সিনের কিছু মিল আছে। সেই বিষয়ে ইতোমধ্যেই তদন্ত করছি আমরা।’
একইরকম বিস্মিত হলো ঘরের তিনজন মানুষ। প্রশ্ন করার জন্য মুখ খুলতে গেল স্কট, কিন্তু হাতের ইশারায় তাকে থামতে বললো হান্টার। ‘আগে সবকিছু ব্যাখ্যা করি। এরপর যদি আপনার কোনো প্রশ্ন থাকে, তবে সবকিছুর উত্তর আমি শেষে দিতে পারবো।’ চুপ হয়ে গেল স্কট।
‘আপনার ফোন কি আপনার কাছে আছে, মিসেস গ্রিফিথ?’ জিজ্ঞেস করলো হান্টার।
প্রশ্নটা বুঝতে এক কয়েক সেকেন্ড সময় লাগলো জোসির। ‘হ্যাঁ,’ কাঁপা গলায় উত্তর দিলো জোসি। ‘আমার হ্যান্ডব্যাগে।’ অসংলগ্নভাবে ঘরের চারদিকে তাকাতে লাগলো সে। ঘরের সাথে লাগোয়া বাথরুমের এক চেয়ারের ওপরে তার হ্যান্ডব্যাগটা রাখা ছিল। কিন্তু শূন্যদৃষ্টিতে খুঁজতে থাকায় ব্যাগটা চোখে পড়লো না তার। ‘কোথায় আছে, জানি না। কেন?’
একটা দীর্ঘশ্বাস ফেললো হান্টার। পরের অংশটা বেশ জটিল। যতটা সহজ এবং শান্তভাবে সম্ভব, জোসিকে ব্যাখ্যা করলো হান্টার। ওরা যাকে খুঁজছে, সেই খুনিই যদি অলিভারকে খুন করে থাকে, তবে জোসি আগামী এক-দুই দিনের মধ্যে একটা মেসেজ পাবে মোবাইলে। মেসেজটা আসবে একটা অজানা নাম্বার থেকে, এবং স্ক্রিনে ভেসে ওঠা মেসেজের প্রথম শব্দটা হবে ‘অলিভার’। জোসির মনোযোগ পুরোপুরি আকর্ষণ করার জন্য বড়ো হাতের অক্ষরে লেখা থাকবে শব্দটা। এরপর হান্টার ব্যাখ্যা করলো, মেসেজে এমন কিছু থাকবে যা কোনোভাবেই জোসির দেখা উচিত হবে না। হয়তো একটা ছবি, অথবা রেকর্ড করা কোনো অডিয়ো। স্বামীর মৃত্যুর পরে এমনিতেই তার মনের যা অবস্থা, তাতে এই মেসেজের জিনিসটা দেখলে মানসিক অবস্থা আরও খারাপ হতে বাধ্য।
হান্টার যখন এসব ব্যাখ্যা করছে, তখন ও খেয়াল করলো, সবার অভিব্যক্তি গভীর শোক ও দুঃখ থেকে ধীরে ধীরে চরম বিভ্রান্তি ও চূড়ান্ত অবিশ্বাসে রূপ নিচ্ছে।
‘কিন্তু কেন?’ জিজ্ঞেস করলো স্কট, জোসির ওপরে একবার নজর বুলিয়ে আবার হান্টারের দিকে তাকালো। ‘কেউ এমন মেসেজ কেন পাঠাবে?’
‘খুনি কেন এই কাজটা করে, তা এখনো জানি না আমরা,’ শান্ত ও আন্তরিক গলায় জবাব দিলো হান্টার। ‘আমরা শুধু এটুকু জানি, সে কাজটা করে।’ আবার জোসির দিকে তাকালো ও। ‘আর এ কারণেই আমি আপনার সাথে কথা বলতে এসেছি, মিসেস গ্রিফিথ। আপনাকে অনুরোধ করছি, সেই মেসেজটি দেখবেন না। একটা শব্দও পড়বেন না। কোনো ছবি দেখবেন না। কোনো ভিডিয়ো-ও চালাবেন না। কোনো অডিয়ো ফাইল শুনবেন না… তা মেসেজের শিরোনাম যত আকর্ষণীয়ই হোক না কেন।’
পকেট থেকে কয়েকটা ভিজিটিং কার্ড বের করলো হান্টার। ‘আপনি এমন কোনো মেসেজ পেলে, যে-কোনো সময়, দিন হোক বা রাত, আমার সাথে যোগাযোগ করবেন।’ বলে একটা কার্ড জোসির সামনে বিছানায় রেখে দিলো ও, আরেকটা কার্ড দিলো স্টেসির হাতে।
কার্ডের দিকে গেল জোসির দৃষ্টি, কিছুক্ষণ সেখানেই স্থির থাকলো। তারপর আবারও যেন দূরে কোথাও হারিয়ে গেল। শোকার্ত অবস্থাতেও মাথা খাটানোর চেষ্টা করলো সে, ডিটেকটিভ তাকে কী বলছে, সেটা মাথার মধ্যে গেঁথে নেয়ার চেষ্টা করলো। আবার হান্টারের দিকে তাকালো। হান্টার বুঝতে পারলো, জোসির মনে হাজারো প্রশ্ন জমা হয়েছে, মুখ ফুটে সেগুলো করার অপেক্ষা শুধু। কিন্তু তখনই আবার বিছানায় আছড়ে পড়লো জোসি, বালিশে মুখ গুঁজলো।
নিজের সাধ্যমতো চেষ্টা করেছে, সেটা আশা করা ছাড়া এখানে হান্টারের আর কিছু করার নেই। ঘর থেকে বের হওয়ার জন্য পা বাড়াতেই দ্রুত ওর দিকে এগিয়ে এলো স্কট।
‘ডিটেকটিভ?’
তার দিকে ঘুরে তাকালো হান্টার।
‘জোসি কি ঝুঁকির মধ্যে আছে?’ ঘরের দরজা বন্ধ করতে করতে জিজ্ঞেস করলো স্কট। ‘এই মেসেজের ব্যাপারটা… ওলির সাথে এরকম নৃশংসতার পরে জোসিকে ছবি, ভিডিয়ো বা অডিয়ো পাঠাবে খুনি, এর মানে কি জোসিও বিপদে আছে?’
স্কটের অনুনয়ভরা চোখের দিকে তাকালো হান্টার। ‘প্লিজ, ডিটেকটিভ, আমাকে মিথ্যে বলবেন না। আমি একজন অ্যাটর্নি,’ বললো স্কট।
স্কটের পেশার সাথে সত্যি কথা বলার কী সম্পর্ক, তা বুঝতে পারলো না হান্টার। ‘আমরা যতটুকু জানি,’ হান্টার জবাব দিল, ‘না। এখন পর্যন্ত আমাদের অপরাধী তার ভিকটিমদের প্রিয়জনদেরকে টার্গেট করেনি। তবে সে যে মেসেজটা পাঠায়, তার বিষয়বস্তু সত্যিই বিধ্বংসী।’ স্কটের পেছনের দরজার দিকে তাকিয়ে মাথা নাড়লো ও। ‘এই মুহূর্তে, মিসেস গ্রিফিথের মানসিক অবস্থা খুব নাজুক অবস্থায় আছে। সেটাই স্বাভাবিক এবং খুনিও সেটা জানে। যার ফলে তার পাঠানো মেসেজটা হবে পাতলা বরফের ওপর একটি ভারী হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করার মতো। মেসেজটা দেখলে ফাটল ধরবে সেই বরফে, আর সেই ফাটলের মধ্যে হারিয়ে যাবেন মিসেস গ্রিফিথ।’
কিছুক্ষণের জন্য থামলো হান্টার, পুরো বিষয়টার গুরুত্ব বুঝতে কয়েক সেকেন্ড সময় দিলো স্কটকে। ‘এই কারণেই খুবই জরুরি যেন তিনি মেসেজটা না দেখেন এবং যদি কখনো এমন মেসেজ পান, তৎক্ষণাৎ যেন আমার সাথে যোগাযোগ করেন।’
শরীরের ভর বদলালো স্কট, ভারসাম্য খোঁজার চেষ্টা করলো। ‘আমি জানি, জোসির সঙ্গে চব্বিশ ঘণ্টা থাকবে স্টেসি। আমি গোটা ব্যাপারটার গুরুত্ব বোঝানোর চেষ্টা করবো।’
‘ধন্যবাদ।’
ফেরার জন্য ঘুরতেই তাকে থামালো হান্টার। ‘আপনি মিস্টার গ্রিফিথকে কতটা ভালোভাবে জানতেন?’
স্কট কয়েকবার চোখ পিটপিট করলো, মাথা একদিকে কাত করে শ্রাগ করলো। ‘ওলি ছিল আমার বেস্ট ফ্রেন্ডদের একজন।’
‘আমি ধরে নিচ্ছি যে, আপনি নিচটা দেখেছেন?’
পায়ের জুতোজোড়ার দিকে তাকালো স্কট, তার দুই হাত নাক আর মুখের ওপরে বুলিয়ে আনলো। নড করলো সে, কিন্তু হান্টারের চোখের দিকে তাকাতে পারলো না।
‘মিস্টার গ্রিফিথ কি সামুদ্রিক মাছের প্রতি অ্যালার্জিক ছিলেন?’ জিজ্ঞেস করলো হান্টার। ‘বিশেষ করে লবস্টার। লবস্টার বিষয়ে কোনো ভয় ছিল তার মনে? না-কি, সম্ভবত সেটাই ছিল তার প্রিয় খাবার? জানা আছে আপনার?’
একটা দম নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো স্কট। ‘এ বিষয়ে জোসির পক্ষে আপনাকে আরও নির্দিষ্টভাবে উত্তর দেওয়া সম্ভব হবে। তবে আমি যতদূর জানি, আপনি যা বললেন, তার কিছুই সত্য নয়। আমি জানি যে, ওলির সামুদ্রিক মাছে অ্যালার্জি ছিল না, কারণ আমরা আগেও রেস্টুরেন্টে সেগুলো খেয়েছি। ও সেগুলো নিয়ে ভয়ও পেতো না। আর ওর প্রিয় খাবারের কথা যদি বলেন, আমি মোটামুটি নিশ্চয়তা দিতে পারি যে, সেটা ছিল পাস্তা।’
লবস্টার প্রশ্নের ব্যাখ্যা যে এত সহজে পাবে না, তা জানতো হান্টার, কিন্তু চেষ্টা করতেই হতো ওকে।
‘শেষ একটা প্রশ্ন করতে চাই,’ বললো ও। ‘আমি ধরে নিচ্ছি যে, আপনি নিচের বেজমেন্টের দেয়ালে যা লেখা আছে, সেটাও দেখেছেন।’
আবার নড করলো স্কট, তবে এবার অনিশ্চিতভাবে। ‘দেখেছি। কিন্তু সেখানে কী লেখা ছিল, তা মনে নেই আমার।’
এই উত্তরটাই জানার দরকার ছিল হান্টারের। যদি স্কট শব্দগুলো মনেই রাখতে না পারে, তবে বেজমেন্টের লেখাটার কোনো অর্থ তার কাছে নেই।
সাতান্ন
সকাল আটটায় আবার পুলিশ প্রশাসন ভবনে ফিরে এলো হান্টার ও গার্সিয়া। সকাল সাড়ে ন’টার মধ্যে ড. প্ল্যাটারের ফরেনসিক টিমের তোলা ক্রাইম সিনের ছবিগুলো প্রিন্ট করে ফেললো ওরা। এর আধা ঘণ্টা পর ইউভিসি অফিসের ছবির বোর্ডের সামনে নিজেকে হতভম্ব অবস্থায় আবিষ্কার করলেন ক্যাপ্টেন ব্লেক।
‘হোয়াট দ্য…’ অবিশ্বাসের ভঙ্গীতে মাথা নাড়লেন তিনি, ডিটেকটিভ দুজনের দিকে তাকালেন। ‘এগুলো কি সত্যিকারের লবস্টার?’
‘হ্যাঁ,’ উত্তর দিলো গার্সিয়া।
‘এবং এবারের ভিকটিম একজন পুরুষ,’ মন্তব্য করলেন ক্যাপ্টেন, তার নজর গার্সিয়ার ওপর থেকে হান্টারের দিকে সরে গেল। ‘কেন? হুট করে এই পরিবর্তনের কারণ কী?’
‘আমাদের জন্য এটা হুট করে মনে হতে পারে ক্যাপ্টেন,’ জবাব দিলো হান্টার। ‘কিন্তু খুনি’র জন্য তা নয়।’
‘আপনি কীভাবে সেটা জানেন?’
‘কারণ এই খুনি তার ভিকটিমদেরকে আগে থেকে নির্বাচন করে রাখে। আমরা যতটা বুঝতে পেরেছি, খুনি ভিকটিমদের ওপরে নজর রাখে এবং সেভাবেই আগে থেকে পরিকল্পনা সাজায়। গোটা বিষয়টার সাথে খুনির ব্যক্তিগত কোনো সম্পর্ক আছে, আর তাই ভিকটিম নির্বাচনেও সে সেটার পরিচয় দিচ্ছে।’
‘আপনি কি বলতে চান, ভিকটিমরা খুনির অপরিচিত নয়?’ জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন ব্লেক। ‘সে তাদেরকে চিনতো?’
‘হ্যাঁ,’ বললো হান্টার। ‘আমি বিশ্বাস করি, খুনি ভিকটিমদেরকে চিনতো।’ মাথা সামান্য কাত করে হতাশার ভঙ্গী করলো ও। ‘তবে কীভাবে চিনতো এবং কতটা চিনতো, তা এখনো জানি না আমরা।’
নড করে আবার বোর্ডের দিকে তাকালেন ক্যাপ্টেন। ‘এটাই কি ভিকটিমের একমাত্র ক্ষত? মাথায় কোনো আঘাত নেই? অথবা গলা টিপে ধরার কোনো চিহ্ন? কিংবা অন্য কোনো ক্ষত?’
‘জি, এটাই একমাত্র,’ আবার মুখ খুললো গার্সিয়া। ‘যদিও নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছি আমরা। তবে খালি চোখে যা বুঝছি, রক্তক্ষরণে মারা গেছে সে।’
খুব কাছ থেকে অলিভার গ্রিফিথের ক্ষতের ছবি তোলা হয়েছে, এমন একটা ছবির দিকে তাকালেন ক্যাপ্টেন। কিন্তু এক-দুই সেকেন্ড পরেই সেদিক থেকে চোখ সরিয়ে নিতে বাধ্য হলেন, পেটের মধ্যে পাক খেয়ে উঠলো তার।
‘এই লবস্টার বিষয়ে ধারণা কী আপনাদের? কারণ এই ব্যাপারটা সম্পূর্ণ উন্মাদের কাজকারবার মনে হচ্ছে আমার কাছে।’
একে অপরের দিকে তাকালো হান্টার আর গার্সিয়া। কিন্তু কেউই ক্যাপ্টেনকে কোনো উত্তর দিলো না।
‘মানে,’ আবার বললেন ক্যাপ্টেন, ‘ভিকটিমের ক্ষত খুনি যে লবস্টারের মাধ্যমে তৈরি করেনি, সেটা তো পরিষ্কার। তাহলে লবস্টারের ভূমিকা কী এখানে? খুনির ‘ভয়ের মাধ্যমে শিক্ষা’র অংশ? ভিকটিমের কি লবস্টারে আতঙ্ক ছিল? তাই তার ওপরে মানসিক অত্যাচার করার জন্য লবস্টার ব্যবহার করেছে খুনি?’
‘আমরা এখনো লবস্টার ব্যবহারের কারণ সম্পর্কে জানি না, ক্যাপ্টেন,’ বললো হান্টার। ‘একটা কথা আপনি ঠিক বলেছেন, ভিকটিমদের ভয়ই খুনির বিনোদনের উৎস। কিন্তু লবস্টারের প্রতি কোনো ভয় বা আতঙ্ক, এমনকি অ্যালার্জিও ছিল না ভিকটিমের। খতিয়ে দেখেছি আমি।’
ছবির বোর্ড থেকে এক পা পিছিয়ে গেলেন ক্যাপ্টেন ব্লেক। ‘এবং আমরা নিশ্চিত যে আগের দুই ক্রাইম সিনে এরকম কিছু পাওয়া যায়নি? হতে পারে… আগের দু’বার ভিকটিমের দেহের বাহিরে কোথাও লুকানো ছিল?’
‘আমরা নিশ্চিত,’ নিশ্চিত করলো গার্সিয়া।
‘মানে কী এসবের’ ভঙ্গীতে দু’পাশে দুই হাত ছড়িয়ে হতাশা ঝাড়লেন ক্যাপ্টেন। ‘তাহলে তিনটে ক্রাইম সিনের মধ্যে মিল হলো, তিনটে ক্রাইম সিনেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, শুধু এ-ই?’ অলিভার ও জোসি গ্রিফিথের বাড়ির বেজমেন্টের দেয়ালে লেখা ছবিটার দিকে ইশারা করলেন তিনি। ‘এই লাইনগুলো কীসের লাইন, কোথেকে নেয়া হয়েছে, সে সম্পর্কে আমাদের কোনোই ধারণা নেই।’
হাল ছেড়ে দেয়ার ভঙ্গীতে শরীরের দু’পাশে ঝুলে পড়লো ক্যাপ্টেন ব্লেকের দু’হাত। ‘এই তিনটে খুন যে একই লোকের করা, সে ব্যাপারে আমরা কতটা নিশ্চিত?’
‘শতভাগ নিশ্চিত, ক্যাপ্টেন,’ উত্তর এলো হান্টারের তরফ থেকে। বোর্ডে লাগানো খুনির কাজের সাতটি পর্যায়ের তালিকার দিকে ইঙ্গিত করলো ও। ‘তার মোডাস অপারেন্ডি খুবই জটিল, যেটা নকল করা সম্ভব নয়, খুবই জটিল, যেটাতে কাকতালীয় ঘটনা ঘটার সম্ভাবনা খুবই ক্ষীণ। খুন তিনটে একই লোকের করা, এতে কোনো সন্দেহ নেই।’
বোর্ডে লাগানো তালিকাটা দ্রুত পড়লেন ক্যাপ্টেন ব্লেক:
এক-ভয়।
দুই-আটক।
তিন-নোট / কবিতা।
চার-নির্যাতন।
পাঁচ-খুন।
ছয়-পরিস্থিতি তৈরি।
সাত-পরবর্তী ঘটনা।
‘ওয়েল, আমার কিছু প্রশ্ন আছে,’ হান্টারের দিকে তাকালেন ক্যাপ্টেন। ‘প্রথম পর্যায় হলো, ভয়। এই নতুন ভিকটিমকেও কি খুন করার আগে ভয় দেখিয়েছে খুনি?’
‘আমরা মিস্টার গ্রিফিথের সেলফোন প্রোভাইডার, ভেরিজোনের কাছ থেকে ফাইলগুলো পাওয়ার জন্য অপেক্ষা করছি,’ বললো গার্সিয়া, ছবির বোর্ডের কাছে এসে হান্টার ও ক্যাপ্টেন ব্লেকের সাথে যোগ দিলো। ‘সকালে আমার প্রথম কাজ ছিল ওদেরকে অনুরোধ করা, সেই সাথে পরিষ্কার করে বলি যে যদি মৃত্যুর আটচল্লিশ ঘণ্টা আগে পাওয়া কোনো মেসেজের সাথে কোনো ছবি, ভিডিয়ো বা অডিয়ো ফাইল থাকলে সেটা যেন অন্তর্ভুক্ত করে।’
‘কবে নাগাদ দিতে পারবে?’ ক্যাপ্টেন জিজ্ঞেস করলেন।
‘কপাল ভালো হলে, কাল।’
আবার তালিকার দিকে তাকালেন ক্যাপ্টেন। ‘ঠিক আছে। নতুন প্রশ্নে যাওয়া যাক। খুনি কেন হুট করে তার মোডাস অপারেন্ডি বদলালো। উদাহরণ হিসেবে তৃতীয় পর্যায়ের কথা বলা যায়। এবার সে ভিকটিমকে তার লেখা কবিতার লাইন কাগজে লিখতে বাধ্য করেনি। পরিবর্তে দেয়ালে বড়ো করে লিখেছে।’
‘এবং আমাদের ধারণা, খুনি ভিকটিমের রক্ত ব্যবহার করেছে কালি হিসেবে,’ যোগ করলো গার্সিয়া। ‘এটার জন্যও ল্যাব থেকে নিশ্চিত করার অপেক্ষায় আছি।’
ক্যাপ্টেন ব্লেক গার্সিয়ার দিকে তাকালেন। ‘যার মানে, লেখাটা ভিকটিমের নয়। খুনি লিখেছে?’
‘সেরকমটাই আমাদের ধারণা।’
‘যেটা তার মোডাস অপারেন্ডির ক্ষেত্রে উল্লেখযোগ্য এক পরিবর্তন, ঠিক?’ দুই ডিটেকটিভকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুঁড়লেন ক্যাপ্টেন ব্লেক। ‘অন্তত তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে তো বটেই। কিন্তু কেন করলো সে কাজটা?’
‘আপনি যখন আসেন, তখন আমরা ঠিক এটা নিয়েই আলোচনা করছিলাম, ক্যাপ্টেন,’ উত্তর দিলো গার্সিয়া।
‘এবং?’
‘এবং আমরা এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি,’ আলোচনার লাগাম এবার হাতে নিলো হান্টার। ‘কিন্তু যদি আপনি তলিয়ে ভাবেন, তবে তার মোডাস অপারেন্ডিতে আসলে কোনো পরিবর্তন হয়নি, ক্যাপ্টেন। ব্যাপারটা অনেকটা এভাবে বলা যায়, খুনি অভিযোজিত হচ্ছে।’
‘অভিযোজিত হচ্ছে?’
নড করলো হান্টার। ‘আগেও কাজটা করেছে সে। প্রথম খুন থেকে দ্বিতীয় খুনের সময়, এবং দ্বিতীয় থেকে তৃতীয় খুনের সময়।’
আবার বোর্ডের দিকে তাকালেন ক্যাপ্টেন। মেলিসা হাথর্নের নোট থেকে কার্স্টেন হ্যানসেনের নোট হয়ে অলিভার গ্রিফিথের বেজমেন্টে এসে থামলো তার দৃষ্টি। ‘আমি বুঝতে পারছি না,’ বললেন তিনি। ‘আগের দু’বার দুটো নোটই কাগজে লেখা ছিল, এবং দুটো যে নোটই ভিকটিমদের লেখা, সে বিষয়েও নিশ্চিত হয়েছি আমরা। তাহলে হত্যাকারী কীভাবে প্রথম থেকে দ্বিতীয় নোটে ‘অভিযোজিত’ হলো?’
‘নোটের অবস্থানের মাধ্যমে,’ বোর্ডের দিকে ইশারা করলো হান্টার। ‘প্রথম ভিকটিমের ক্ষেত্রে, নোটটা লুকানো ছিল ভিকটিমের দেহের ভেতরে। এবং সেটা উদ্ধার হয় ময়নাতদন্তের সময়। দ্বিতীয় ভিকটিমের ক্ষেত্রে নোটটা ভিকটিমের দেহের ভেতরে না, ছিল হাতে। দ্বিতীয় নোটটা পেতে আর ময়নাতদন্তের দরকার পড়েনি, ফরেনসিকস টিমই ক্রাইম সিনে সেটি খুঁজে পায়।’ গার্সিয়ার দিকে তাকালো ও। ‘এবং তাদের খুঁজে পাওয়ার সময়ে আমরা সেখানে ছিলাম।’
নড করলো গার্সিয়া।
‘এবং এবার কাগজের কোনো নোট নেই, নোটে ভিকটিমের হাতের লেখাও নেই। এবারের নোটটা দেয়ালে লেখা।’
‘সেটা তো জানি, কিন্তু কারণটা কী? আবারও কি খুনি অভিযোজিত হচ্ছে? আর খুনি কোথায় নোট রেখে যাচ্ছে, তাতেই বা কী যায় আসে?’
‘আমি আসলে ঠিক নিশ্চিত নই,’ বললো হান্টার। ‘আপনি আসার আগে এটা নিয়েই আলোচনা করছিলাম।’
এক হাত তুলে ওকে থামার ইশারা করলেন ক্যাপ্টেন ব্লেক, তারপর এক পা পিছিয়ে গেলেন। ‘সেক্ষেত্রে, আবার আলোচনা শুরু করুন।’
ছবির বোর্ড থেকে ছবি তিনটে খুলে নিলো হান্টার, ‘কবিতা’র লাইনগুলো সঠিক ক্রমে টেবিলের ওপরে সাজালো।
আমার চোখে নেই যে কেউ—তুমি ছিলে সবচে অপার।
তোমাকে হারিয়ে বুকের ভেতর অনিঃশেষ এক হাহাকার।
বুকে মেপেছি বিষাদ বেদন, তোমায় হারিয়ে একবার।
একটা করে ছবির দিকে ইশারা করলো হান্টার, আর সেই সাথে বলতে লাগলো: ‘মেলিসা হোথর্ন-নোট তার দেহের ভেতরে রাখা ছিল। কার্স্টেন হ্যানসেন-নোট রাখা ছিল তার ডান হাতে। অলিভার গ্রিফিথ-নোট লেখা ছিল দেয়ালজুড়ে।’
দুই ডিটেকটিভের দিকে পালা করে তাকালেন ক্যাপ্টেন ব্লেক। ‘আমরা কী তথ্য পাচ্ছি এখান থেকে?’
‘প্রথমে আমি ভেবেছিলাম, খুনি কেন নোটগুলোকে একেকবার একেক জায়গায় রাখছে, সে বিষয়ে কোনো সূত্র পাওয়া যাবে বাক্যগুলোর শব্দগুলো থেকে।’ জানালো হান্টার। ‘কিন্তু আমি খুঁটিয়ে খুঁটিয়ে অসংখ্যবার বাক্যগুলো দেখেছি, কিছু পাইনি। আপনারা কিছু পেলে জানান।’
লাইনগুলো আবার পড়লো ঘরের বাকি দুজন। ‘না, কিছু পেলাম না,’ জবাব দিলেন ক্যাপ্টেন ব্লেক। তার সাথে একমত হলো গার্সিয়াও।
‘হয়তো উত্তরটা লাইনগুলোর মধ্যে নেই,’ বললো হান্টার। ‘উত্তরটা হয়তো আরও সহজ কিছু।’
‘খুনি কি আমাদের সাথে মশকরা করছে?’ জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন ব্লেক, তার কণ্ঠস্বরে বিরক্তি চাপা থাকলো না। ‘এই লাইনগুলো দেখলে মনে হয়, কোনো এক প্রেমের কবিতা থেকে নেয়া। কিন্তু তিনজন ভিকটিমের সাথে তিনটে লাইন; বিষয়টা প্রেম, ভালোবাসার হওয়ার কোনো সুযোগই নেই। খুনি আমাদের সাথে খেলছে।’
‘সেটা হতে পারে,’ মেনে নিলো হান্টার। ‘কিন্তু এত জটিল মোডাস অপারেন্ডি, এত নৃশংসতা, প্রতি খুনের আগে এত প্রস্তুতি, খুনির উদ্দেশ্য ‘শুধু আমাদের সাথে খেলা’র চাইতে অনেক বেশি কিছু বলে মনে হচ্ছে, ক্যাপ্টেন।’ এক মুহূর্ত বিরতি দিলো ও। ‘এবং আমি নিশ্চিত যে আপনি জানেন, যেসব সিরিয়াল কিলার প্রেমের বা ধর্মীয় চিহ্ন ব্যবহার করে; তারা আসলে প্রেমের নামে বা ঈশ্বরের নামে খুন করে না। তারা সেই চিহ্নগুলো ব্যবহার করে অজুহাত হিসেবে, তাদের তাড়না বা প্রবৃত্তির সাফাই হিসেবে। তাড়না বা প্রবৃত্তিই তাদেরকে খুন করতে বাধ্য করে, কোনো প্রেম বা ঈশ্বরের নাম নয়।’
‘তাহলে আপনার পরামর্শ কী, রবার্ট?’ ক্যাপ্টেন ব্লেক জিজ্ঞেস করলেন।
আবার বোর্ডের দিকে তাকালো হান্টার, এক অদ্ভুত অনুভূতি গ্রাস করলো ওকে। যেন সকল সূত্র বোর্ডেই আছে, শুধু সূত্রগুলো ওর মেলানোর অপেক্ষা। ওকে সবকিছু অন্য দৃষ্টিকোণ থেকে দেখতে হবে, উপলব্ধি করলো ও।
‘ওয়েল,’ মুখ খুললো হান্টার। ‘আমরা এর আগে এমন অনেক কেস পেয়েছি যেখানে অপরাধীরা নোট ক্রাইম সিনে লুকিয়ে রেখেছিল, অথবা সবার চোখের সামনে রেখে দিয়েছিল, রেখেছিল ভিকটিমদের দেহের ভেতরে, এমনকি তাদের চামড়ায়।’
‘হ্যাঁ, আমি জানি,’ একমত হলেন ক্যাপ্টেন ব্লেক। ‘কিন্তু কখনো এবারের কেসের মতো কিছু পাইনি।’
‘এটাই আমি বলতে চাইছি, ক্যাপ্টেন,’ আবার খেই ধরলো হান্টার। ‘খুনির নোটের ব্যাপারটা আপাতত ভুলে যান। অপরাধীরা যে নোট রেখে যায়, তার মূল কারণ হলো, যোগাযোগ। হ্যাঁ, যোগাযোগের উপায়টা বেশ অদ্ভুত বটে, কিন্তু তারা সেটাই করছে। যোগাযোগ করছে। এখানে মূল প্রশ্ন হলো, কার সাথে যোগাযোগ?’ তর্জনী খাড়া করে ধরলো হান্টার, যেন সব প্রশ্নকে এক মুহূর্তের জন্য থামতে বললো।
‘নব্বই শতাংশ সময়ে তদন্তকারী দলের সাথে যোগাযোগ করে খুনি। সেটা স্থানীয় পুলিশ, শেরিফ অফিস, এফবিআই—যে কেউ হতে পারে। কিন্তু যদি এই কেসে সেটা না হয়? যদি এই ‘কবিতা’টা আমাদের জন্য না হয়, তবে?’
হান্টারের প্রশ্ন শুনে চুপ করে গভীরভাবে কিছু ভাবতে লাগলেন ক্যাপ্টেন ব্লেক। সাথে গার্সিয়াও।
‘তাহলে কার জন্য?’ ক্যাপ্টেন ব্লেক জিজ্ঞেস করলেন। ‘ভিকটিমদের জন্য?’
‘সেটার সম্ভাবনা আছে,’ স্বীকার করলো হান্টার। ‘কিন্তু যদি এই লাইনগুলো যদি ভিকটিমদের জন্যই হয়, তাহলে এই লাইনগুলোর আসল মানে ভিকটিমদের মারা যাওয়ার সাথে সাথেই শেষ হয়ে গেছে।’
‘আর কী বিকল্প আছে আমাদের হাতে?’
‘দুটো বিকল্প আছে,’ দুই আঙুল দেখিয়ে উত্তর দিলো হান্টার। ‘ভিকটিমদের প্রিয়জন, অথবা মিডিয়া।’
‘মিডিয়া?’
‘হান্টারের কথা অদ্ভুত শোনাচ্ছে বটে, কিন্তু যুক্তি আছে ওর কথায়।’ এবার মুখ খুললো গার্সিয়া, পার্টনারের চিন্তার গতিপথ অনুমান করতে পারছে। তার দিকে তাকালেন ক্যাপ্টেন ব্লেক।
‘সত্যি বলতে, ক্যাপ্টেন,’ ব্যাখ্যা করলো গার্সিয়া। ‘এই খুনির আসলে জানার কোনো উপায় নেই যে তার ‘নোটগুলো’ পাওয়া গেছে কিনা। বিষয়টা নিয়ে একটু ভাবুন। প্রথম নোটটা ভিকটিমের দেহের ভেতরে রাখা ছিল। কিন্তু নোটটা ময়নাতদন্তের সময় পাওয়া যায়, ময়নাতদন্তকারী ডাক্তাররা উদ্ধার না করলে আমরা এটার সন্ধান পেতাম বলে আমার মনে হয় না। এমন কেসে আমরা সবাই-ই আগে কাজ করেছি, যেখানে গুরুত্বপূর্ণ সূত্র এক বা একাধিক কারণে ময়নাতদন্তে ধরা পড়েনি।’ বলে ক্যাপ্টেনের দিকে তাকিয়ে শ্রাগ করলো সে।
‘প্রথম নোটটা পাওয়া গেছে কিনা সে জানার জন্য খুনির কাছে দুটো উপায় ছিল,’ আবার বললো হান্টার, ‘যদি আমাদের ইউনিটের কারো সাথে তার কোনো যোগাযোগ থাকতো, যা তার নেই। অথবা মিডিয়ায় কোনো সংবাদ প্রকাশিত হতো।’
‘কিন্তু কোনো সংবাদ প্রকাশিত হয়নি,’ পার্টনারের কথার সাথে যোগ করলো গার্সিয়া। ‘কারণ আমরা জনসমক্ষে নোটটার কথা উল্লেখ করিনি। কেবলমাত্র ডক্টর হোভ আর আমরা জানি। এমনকি ফরেনসিকস টিমও জানে না।’
‘ধরে নেয়া যাক, খুনির বিশ্বাস, আমরা প্রথম নোটটা খুঁজে পাইনি,’ বললো হান্টার। ‘আমরা যেন সহজে খুঁজে পাই, তাই দ্বিতীয় খুনের সময় সে নোটটা ভিকটিমের হাতে রেখে দিলো। কিন্তু এবারও কোনো মিডিয়া কাভারেজ পেলো না সে।’
‘এক মিনিট,’ বাধা দিলেন ক্যাপ্টেন ব্লেক। ‘খুনি যদি মিডিয়াকে জানাতেই চাইতো, তাহলে কেন সে সরাসরি তাদের কাছে অজ্ঞাতনামা হিসেবে নোটটা পাঠালো না? আগে তো অনেকবারই এমনটা হয়েছে।’
‘ঠিক বলেছেন,’ মেনে নিলো গার্সিয়া। ‘কিন্তু মিডিয়া আমাদের কাছ থেকে আগে নিশ্চয়তা চায়, নাহলে রিপোর্ট করে না তারা। অজ্ঞাত সূত্রের দেওয়া খবর ভুয়া হতে পারে, এমনটা আমরা আগেও অনেকবার দেখেছি।’
‘আর জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হোক, তা যদি আমরা না চাই, তাহলে নোটগুলোর কথা জনসমক্ষে না আনাটাই সবচেয়ে ভালো,’ আবার বললো গার্সিয়া, ‘আর জনসমক্ষে যদি আসেও, তবে অস্বীকার করলেই হবে।’
‘কিন্তু দ্বিতীয় নোটটা ক্রাইম সিনে পাওয়া গেছে,’ এবার কথার খেই ধরলো হান্টার। ‘এবং সেটা পেয়েছে ডক্টর প্ল্যাটারের দল, যার ফলে নোট সম্পর্কে জানা মানুষের সংখ্যা বেড়ে গেছে। এবং আমরা সবাই জানি; বিশেষ করে খুনের ক্ষেত্রে, যত বেশি লোক জানবে, মিডিয়ার কাছে খবর ফাঁস হওয়ার ঝুঁকি তত বেশি।’
এবার বুঝতে পারলেন ক্যাপ্টেন ব্লেক। ‘কিন্তু বেশি লোক জানার পরেও কোনো কিছু ফাঁস হয়নি মিডিয়াতে।’
‘ঠিক তা-ই,’ নিশ্চিত করলো হান্টার। ‘কারণ যারা জানে, তারা সবাই বিশ্বাসযোগ্য। ডক্টর স্ল্যাটারের দলের কেউ এমন তথ্য ফাঁস করবে না। দ্বিতীয় নোটের পর খুনির প্রকৃতপক্ষে জানার কোনো উপায় ছিল না যে তার নোটগুলোর প্রত্যাশিত প্রভাব পড়েছে কিনা। আর সত্যিটা হলো, ক্যাপ্টেন,’ ডেস্কের ছবিগুলোর দিকে ইঙ্গিত করে বললো ও, ‘এরকম একটা নোট রেখে যায় যে অপরাধী, সে কোনো না কোনো প্রতিক্রিয়া খুঁজবেই।’
‘তাহলে তৃতীয় ভিকটিমের ক্ষেত্রে,’ হান্টারের কথা এবার পুরোপুরি বুঝতে পেরে বললেন ক্যাপ্টেন ব্লেক, ‘যেন আরও বেশি মানুষের চোখে পড়ে এবং সেটা নিয়ে আলোচনা হয়, তাই খুনি নোটটা দেয়ালে লিখে রেখে গেল।’
‘ঠিক তা-ই,’ একমত পোষণ করলো হান্টার। ‘প্রথম যারা জিনিসগুলো দেখেছে, ডেপুটি, ডিটেকটিভ, পরিবারের সদস্য, পরিষ্কারক দল এবং যারা ব্যাপারটা জানে, সবারই এটা নিয়ে আলোচনা করার কথা। এরকম কিছু খুব বেশিদিন গোপন থাকে না।’
নিজের কপাল ডললেন ক্যাপ্টেন ব্লেক, তারপর হান্টারের দিকে ফিরে তাকালেন। ‘আচ্ছা, ঠিক আছে, রবার্ট। ধরে নিলাম, আপনার সব কথাই ঠিক। কিন্তু খুনি মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে চাইবে কেন? এতে তার লাভটা কী?’
‘কোটি টাকার প্রশ্ন করেছেন, ক্যাপ্টেন। হয়তো সে অন্য কারো দৃষ্টি আকর্ষণ করতে চায়। এমন কেউ, যার এই অপরাধগুলোর সাথে সম্পর্ক নেই, কিন্তু তার কাছে এই লাইনগুলো কোনো অর্থ বহন করে।’
হান্টারের কথাটা কিছুক্ষণ খতিয়ে দেখলেন ক্যাপ্টেন, তারপর তার ঠোঁট একপাশে বেঁকে গেল। ‘থিওরি হিসেবে খুব অদ্ভুত হয়ে যাচ্ছে না, রবার্ট?’
‘হয়তো,’ ক্যাপ্টেনের প্রশ্নের উত্তর দিলো গার্সিয়া। ছবির বোর্ডের দিকে ইঙ্গিত করে বললো, ‘কিন্তু ক্যাপ্টেন, এই কেসের কোন অংশটা আপনার অদ্ভুত মনে হয় না?’
টেবিলের ওপরে রাখা তিনটে ছবির দিকে ফিরে গেল হান্টারের দৃষ্টি। ‘অথবা হয়তো নোটগুলো এমন কাউকে উদ্দেশ্য লেখা যে এই কেসের সাথে সম্পর্কিত।’
‘কী?’ ক্যাপ্টেন ব্লেক আবার হান্টারের দিকে তাকালেন।
‘আমি বলেছি খুনি হয়তো অন্য কারো দৃষ্টি আকর্ষণ করতে চায়… এমন কারো যে অপরাধের সাথে সম্পর্কিত নয়। আবার সে ব্যক্তি এই খুনগুলোর সাথে সম্পর্কিত হতেও পারে।’
‘রবার্ট,’ একটা দীর্ঘশ্বাস ফেললেন ক্যাপ্টেন ব্লেক, তেরছাভাবে তার দিকে তাকালেন। ‘বুঝিয়ে বললে আমার জন্য খুব ভালো হয়। সামনে আমার অনেক কাজ।’
‘প্রথম দুটি নোটের কথা ধরা যাক,’ ব্যাখ্যা করলো হান্টার, ‘তদন্তকারী দলের বাইরে যারা এগুলো দেখেছে, তারা হলো মেলিসা হোথর্নের বোন জ্যানেট, এবং কার্স্টেন হ্যানসেনের বাগদত্ত ট্রয়। এই দুজনই ভিকটিমদের লাশ খুঁজে পায়, এবং তারাই নোটদুটোর লেখা ভিকটিমদের হাতের বলে শনাক্ত করে। কিন্তু…’ থামলো হান্টার, ছবির বোর্ড হয়ে টেবিলে রাখা তিনটে ছবির দিকে ঘুরে এলো তার দৃষ্টি। ‘কিন্তু দুজনেই তাদের সাথে সম্পর্কিত ক্রাইম সিনের লাইনটাই দেখেছে। জ্যানেট ল্যাং দেখেছে শুধুমাত্র প্রথম লাইন। আবার ট্রয় ফস্টার দেখেছে কেবল দ্বিতীয় লাইন। দ্বিতীয়টা আমি জ্যানেটকে দেখাইনি, প্রথমটা আমি ট্রয়কে দেখাইনি।’
চুপ করে হান্টারের কথা হজম করতে লাগলো ঘরের বাকি দুজন।
‘এমনও হতে পারে,’ আবার বললো হান্টার, ‘সবগুলো লাইন না দেখলে তারা বুঝতে পারবে না। পুরো কবিতাটা দেখলে বুঝবে।’
চিন্তামগ্ন দৃষ্টি বিনিময় করলো গার্সিয়া ও ক্যাপ্টেন ব্লেক।
‘আর গত রাতে,’ জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন ব্লেক, ‘অলিভার গ্রিফিথের লাশ খুঁজে পেয়েছে তারই স্ত্রী। দেয়ালে লেখা লাইনটা কি তার জন্য কোনো অর্থ বহন করে?’
‘আমরা জানি না,’ স্বীকার করে নিলো হান্টার। ‘আমি তাকে জিজ্ঞেস করার সুযোগ পাইনি। সম্পূর্ণ শকের মধ্যে ছিল সে।’
‘ওয়েল,’ বললো গার্সিয়া, ভারী শোনালো তার কণ্ঠ। ‘এই বিষয়ে ট্রয় ফস্টারের সাথে কথা বলা সম্ভব হবে না, তবে জ্যানেট ল্যাঙের কাছে যেতেই পারি।’ বলে হান্টারের দিকে তাকিয়ে মাথা নাড়লো সে। ‘অন্তত চেষ্টা করে দেখা যায়।’
গার্সিয়ার চোখের দিকে তাকালো হান্টার; পার্টনার কী বলতে চেয়েছে, তা বুঝতে পারলো— অন্তত চেষ্টা করে দেখা যায়, কারণ আমাদের আর কিছু করার নেই।
আটান্ন
যে মানুষটা ক্রাইম সিনে ভিকটিমের মরদেহ প্রথম আবিষ্কার করে, তাকে আবার জিজ্ঞাসাবাদ করা যে-কোনো সময়ই খুব সংবেদনশীল ব্যাপার। জ্যানেট ল্যাঙের ক্ষেত্রেও কথাটা সত্যি। মাত্র আট দিন আগে বোনের বাড়িতে ঢুকে তার জীবনের সবচেয়ে ভয়াবহ দুঃস্বপ্নের সম্মুখীন হয়েছিল সে। সেই অপূরণীয় ক্ষতি এবং সেদিন সকালে দেখা দৃশ্যটা তার জীবনটাকে বদলে দিয়েছে পুরোপুরি। যদিও দৃশ্যটার প্রভাব তখনও বুঝতে পারেনি সে।
এরকম পরিস্থিতিতে অনেকবার পড়েছে হান্টার এবং গার্সিয়া। কিন্তু তারপরেও ওরা কখনোই ব্যাপারটার সাথে অভ্যস্ত হয়ে উঠতে পারেনি; এবং কোনোদিন পারবে বলে বিশ্বাসও করে না। কিন্তু কাজের অংশ বলে এড়িয়ে যাওয়ারও সুযোগ নেই ওদের কাছে।
জ্যানেট বাসায় আছে কিনা, তা জানার জন্য আগেই ফোন করেছিল হান্টার। জানায়, আবারও কয়েক মিনিটের জন্য কথা বলতে চায় জ্যানেটের সাথে। ফোনটা ধরেছিল জ্যানেটের প্রেমিক টম। প্রথমে কিছুটা দ্বিধায় ছিল সে, কারণ জ্যানেট ইতোমধ্যে অনেক দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছে, পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ও দুঃস্বপ্নের সাথে লড়ছে। এমতাবস্থায় আরও কোনো প্রশ্ন করলে তাতে তার অবস্থা আরও খারাপ হতে পারে। তবে, হান্টার যখন প্রতিশ্রুতি দিলো যে ওরা শুধু একটাই প্রশ্ন করবে, তখন রাজি হলো টম।
‘গত এক সপ্তাহ ধরে এ-ই করছে ও,’ দুজন ডিটেকটিভকে জানালো টম। ‘হয় আমাদের ঘরে দরজা বন্ধ করে বসে থাকে, আর নয়তো লিভিং রুমের জানালার পাশে বসে শূন্য চোখে তাকিয়ে থাকে। খাচ্ছেই না বলতে গেলে। ঘুমের পরিমাণও কম; আর যখন ঘুমাচ্ছে, তখন চিৎকার করে কাঁদতে কাঁদতে ঘুম ভেঙে যাচ্ছে ওর। সবকিছু দেখে হৃদয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আমার, কারণ ওকে কীভাবে সাহায্য করবো তা জানা নেই আমার।’
তাকে দেওয়ার মতো কোনো কার্যকর পরামর্শ হান্টার বা গার্সিয়ার কাছে নেই। শোক খুব ব্যক্তিগত এক অনুভূতি, যার কোনো নির্ধারিত সময়সীমা নেই এবং প্রত্যেকেই এটাকে ভিন্ন ভিন্নভাবে মোকাবেলা করে। একজনের জন্য যে টোটকা কাজ করে, অন্য একজনের ক্ষেত্রে তা কাজ না-ও করতে পারে। একমাত্র সময়ই পারে তার এই শোককে প্রশমিত করতে এবং সময়ই একমাত্র জিনিস যা জ্যানেট নিজেকে দিতে পারে।
পকেট থেকে একটা কার্ড বের করলো হান্টার। ‘আমি জানি, জ্যানেট কিছুদিনের জন্য বাড়ি থেকে বের হতে চাইবেন না,’ বলে কার্ডটা টমকে দিলো ও। ‘কিন্তু লস এঞ্জেলেসের সেরা একজন মনোবিজ্ঞানীর নাম এখানে আছে, পোস্ট-ট্রমাটিক স্ট্রেসের ওপর বিশেষজ্ঞ তিনি। তবে জ্যানেট কথা বলতে রাজি হলে তিনি সাহায্য করতে পারবেন। তাকে একবার ফোন করবেন দয়া করে।’
‘ধন্যবাদ, ডিটেকটিভ,’ কার্ডটা হাতে নিয়ে বললো টম। ‘তবে লস অ্যাঞ্জেলেসের সেরা একজন মনোবিজ্ঞানীকে দেওয়ার মতো পয়সা…’
না-বোধক মাথা নাড়লো হান্টার। ‘ও আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। ওর সঙ্গে কথা বলেছি আমি। কোনো খরচ ছাড়াই জ্যানেটকে দেখবে। জ্যানেট কথা বলতে রাজি হলে ওকে একটা ফোন দিয়েন, ঠিক আছে?’
নিঃশব্দে টম কিছুক্ষণ কার্ডের নামের দিকে তাকিয়ে রইলো, তারপর সেটা তার পেছনের পকেটে রেখে দিলো। ‘ডার্লিং,’ ডাকলো সে। ‘ডিটেকটিভ হান্টার তোমার সঙ্গে দেখা করতে এসেছেন।’
জানালার দিক থেকে চোখ ফিরিয়ে নিজের প্রেমিক আর দুই অতিথির দিকে চোখ ফেরালো জ্যানেট। পরনে তার ঢোলা পায়জামা আর স্কুল ফুটবলের একটা শার্ট। তার ওপর চাপিয়ে রেখেছে গোলাপি-সাদা বাথরোব। গত এক সপ্তাহে অন্তত পনেরো পাউন্ড ওজন হারিয়েছে সে।
‘হ্যালো, মিস ল্যাং,’ মাথা নেড়ে তাকে অভিবাদন জানালো হান্টার। ‘উনি আমার পার্টনার, ডিটেকটিভ কার্লোস গার্সিয়া।’
‘আপনার সঙ্গে পরিচিত হয়ে খুশি হলাম, মিস ল্যাং,’ এগিয়ে এসে জ্যানেটের দিকে হাত বাড়ালো গার্সিয়া। কিন্তু কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলো জ্যানেট, তারপর আবার জানালার দিকে মুখ ঘুরিয়ে নিলো।
‘আমার বোনকে যে দানবটা খুন করেছে, তাকে কি আপনারা ধরতে পেরেছেন, ডিটেকটিভ?’ প্রশ্নটা চাবুকের মতো ধেয়ে এলো হান্টারের দিকে। ‘না-কি আপনি আবারও বলতে এসেছেন যে, ‘আপনারা সর্বোচ্চ চেষ্টা করছেন’?’
‘আমি আপনার সাহায্য চাইতে এসেছি, মিস ল্যাং,’ কণ্ঠে গুরুত্ব ঢেলে হান্টার উত্তর দিলো।
‘আমার সাহায্য?’
এক পা এগোলো হান্টার, আর গার্সিয়া এক পা পিছিয়ে গেল। ‘আমি আপনাকে কিছু দেখাতে এনেছি। যদি চিনতে পারেন… অথবা যদি জিনিসটার কোনো অংশ আপনার কাছে অর্থবহ বলে মনে হয়।’
হান্টারের দিকে তাকালো জ্যানেট, দৃষ্টি সরে গেলা, তারপর আবার হান্টারের ওপরে ফিরে এলো। কাকের বাসা হয়ে আছে তার চুল, চামড়া ফেটে গিয়ে দাগ পড়ে গেছে তাতে। তার ক্লান্ত চোখের নিচের পাতলা শিরাগুলোতে যেন লেগে আছে গত কিছুদিনের নির্ঘুম রাতের ছাপ। কিছুক্ষণ চুপ করে হান্টারের দিকে তাকিয়ে থাকলো জ্যানেট।
‘আপনি আমাকে কী দেখাতে চাইছেন?’ অবশেষে জিজ্ঞাসা করলো সে।
জ্যাকেটের পকেট থেকে এক টুকরো কাগজ বের করলো হান্টার, মেন্টরের ‘কবিতা’র তিনটে লাইন সেই কাগজে লেখা। ইচ্ছে করেই লাইনগুলোর ছবি আনেনি ও, দুটো কারণে ছবিগুলো জ্যানেটকে না দেখানোই ভালো হবে বলে ওর ধারণা। প্রথমত, প্রথম লাইনটা তার বোনের হাতের লেখা, যা দেখলে আরেক দফা মানসিক আঘাত হয়ে যেতে পারে সে। দ্বিতীয়ত, তৃতীয় লাইনটা রক্ত দিয়ে লেখা।
কাগজটা জ্যানেটের সামনের টেবিলে রাখলো হান্টার।
‘পড়ে কবিতার মতো লাগে, মিস ল্যাং,’ ব্যাখ্যা করলো ও। ‘কিন্তু এই তিনটে লাইন যে-কোনো কিছুই হতে পারে… কোনো গানের কথা, কোনো ধাঁধা অথবা কোনো প্রেমপত্র…’ কাঁধ ঝাঁকালো ও, কথা শেষ করলো না। ‘আমরা ঠিক বুঝতে পারছি না। এই তিনটে লাইন আসলে কী, কোথাও তার কোনো হদিস পাচ্ছি না।’
কাগজটার দিকে তাকালো জ্যানেট, আর হান্টার ও গার্সিয়াকে পাশ কাটিয়ে টেবিলের দিকে এগোলো টম। জ্যানেটের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো হান্টার, যে-কোনো ধরনের অভিব্যক্তি খুঁজতে লাগলো। চোখের পলক ফেলা, ঠোঁট কামড়ানো, মুখের কোনো নড়াচড়া, ভ্রূ কোঁচকানো… যে-কোনো ইঙ্গিত যা লাইন তিনটেকে চেনার কোনো সংকেত দেয়। কিন্তু ওকে হতাশ করে প্রথমে ভ্রূ কোঁচকালো জ্যানেট, তারপর মাথা এক দিকে সামান্য কাত করলো। অন্যদিকে টমও পুরোটা সময় হতবুদ্ধি হয়ে বসে রইলো।
‘আপনি কি আমাকে এটা আগেও দেখিয়েছেন?’ জিজ্ঞাসা করলো জ্যানেট। ‘এটাই কি সেই জিনিসটা নয়, যেটা আমার বোনের বাড়িতে ওর হাতের লেখায় পাওয়া গেছে?’
নড করলো হান্টার। ‘হ্যাঁ, আমি আপনাকে এটা আগেও দেখিয়েছিলাম, কিন্তু পুরোটা নয়। তিনটে লাইনের প্রথমটা আপনার বোনের বাড়িতে পাওয়া গেছে। একটা লাইন দেখে আপনার কিছু মনে পড়েনি; কিন্তু আমি ভাবলাম, এখন পুরো কবিতা বা গানটা দেখালে হয়তো কিছু মনে পড়তেও পারে।’
‘আমি একটু বিভ্রান্ত বোধ করছি,’ এক হাত তুলে হান্টারের দিকে তাকিয়ে বললো টম। ‘আপনি তো বললেন প্রথম লাইনটার কোনো হদিস কোথাও পাওয়া যায়নি। তাহলে বাকি দুই লাইন কোথা থেকে এলো?’
‘ভালো প্রশ্ন করেছে টম,’ প্রেমিকের সঙ্গে একমত হলো জ্যানেট। ‘আপনি আমাদের থেকে কী গোপন করছেন, ডিটেকটিভ?’
হান্টার আর গার্সিয়ার চোখাচোখি হলো।
‘প্রথম লাইনটা আপনার বোনের রান্নাঘরে পাওয়া গেছে,’ আগেরবার দেখানোর সময় কী বলেছিল সেটা মাথায় রেখে বললো হান্টার। ‘চুলার পাশে রাখা ছিল।’
পার্টনারের দিকে ভিন্ন দৃষ্টিতে তাকালো গার্সিয়া, কিন্তু সেই দৃষ্টি পড়ার ক্ষমতা ছিল না জ্যানেট বা টমের।
‘এই লাইনগুলোর কোনো সম্পর্ক ঘটনাগুলোর সাথে আছে কিনা, তা শুরুতে আমরা বুঝতে পারিনি।’ কথা চালিয়ে গেল হান্টার। ‘একটা কথা আপনি আমাকে বলেছিলেন যে এটা আপনার বোনের হাতের লেখা। হতে পারে সে কোনো বই থেকে লাইনটা আগের রাতে কপি করে রেখেছিল।’
‘শুরুতে?’ প্রশ্ন করলো টম।
টেবিলে রাখা কাগজটার দিকে তাকালো হান্টার, নড করে বললো, ‘বাকি দুই লাইন পাওয়া গেছে অন্য দুই আলাদা ক্রাইম সিনে।’
‘কীহ?’ একই সাথে বিস্মিত কণ্ঠে প্রশ্ন করলো জ্যানেট আর টম।
‘বাকি দুই লাইনও একই প্যাটার্নে লেখা,’ আরেকবার মিথ্যা বলতে বাধ্য হলো হান্টার। ‘মানে, ওগুলো ভিকটিমের কাছাকাছি পাওয়া গেছে, এবং সেগুলো তাদেরই হাতের লেখা। আর প্রত্যেকটার প্রথম তিনটে শব্দ দেখে একই রচনার অংশ মনে হয়।’
জ্যানেট আর টম দুজনেই আবার টেবিলের কাগজটার দিকে তাকালো। অপেক্ষা করতে লাগলো হান্টার আর গার্সিয়া।
‘এক সেকেন্ড,’ অনিশ্চিত গলায় বললো জ্যানেট। ‘আপনি কি বলতে চাইছেন, আমার বোন কোনো সিরিয়াল কিলারের শিকার হয়েছে?’
‘আমরা সেরকমই ধারণা করছি,’ নিশ্চিত করলো গার্সিয়া।
অস্বস্তি ছড়িয়ে পড়লো সারা ঘরে।
‘কিন্তু কেন?’ প্রশ্ন করলো জ্যানেট, হান্টার আর গার্সিয়ার ওপরে পালাক্রমে ঘুরতে লাগলো তার দৃষ্টি। ‘আমার বোনই কেন?’
‘সেটাই আমরা বের করতে চাইছি, মিস ল্যাং,’ জবাব দিলো হান্টার। ‘কিন্তু সত্যিটা হলো, কেবল তার আক্রমণকারীই জানে কেন সে আপনার বোনকে বেছে নিয়েছে। হয়তো আপনার বোনকে রাস্তায় হাঁটতে দেখে সে, তারপর তার ব্যাপারে আসক্ত হয়ে যায়। হয়তো কোনো ক্যাফে বা লাউঞ্জে দেখা করে তারা, আর আপনার বোন তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। নির্দিষ্ট করে কোনো কারণ বলার উপায় নেই, আর বেশিরভাগ সময় এমন কারণ কেবল আক্রমণকারীর কাছেই যৌক্তিক বলে মনে হয়।’
‘বেশিরভাগ ক্ষেত্রেই,’ যোগ করলো গার্সিয়া, ‘তাদের মস্তিষ্ক একদম অন্যরকম, স্বাভাবিক মানুষের মতো কাজ করে না। কারো মধ্যে অনেক বেশি রাগ আর ক্ষোভ থাকে, যা তাদেরকে অনেক বেশি হিংস্র করে তোলে। আবার কারো মধ্যে কিছুই থাকে না। না সহানুভূতি, না অনুশোচনা, না দয়া… কিছুই না।’
হান্টার দেখলো, নিজেকে সামলাতে কষ্ট পাচ্ছে জ্যানেট।
‘আমি আর আপনার বেশি সময় নেবো না, মিস ল্যাং,’ আবারও কাগজের দিকে ইঙ্গিত করে বললো ও। ‘আলাদা আলাদাভাবে বা এক সাথে এই লাইনগুলো কি কোনো অর্থ বহন করে আপনার কাছে? হয়তো আপনার বোন কোনো সময় এগুলো আপনাকে দেখিয়েছিল বা কিছু বলেছিল এই ব্যাপারে?’
হান্টারের দিকে খানিকটা বিভ্রান্ত দৃষ্টিতে তাকালো জ্যানেট।
‘আমি ভেবেছিলাম, এটা হয়তো কোনো কবিতা,’ ব্যাখ্যা করলো হান্টার। ‘হয়তো সাবেক প্রেমিক বা গোপন কোনো ভক্ত আপনার বোনকে দিয়েছিল। এমন কেউ, যে হয়তো তাকে ভালোবাসতো?’
না-বোধক মাথা নাড়লো জ্যানেট। ‘না, এর কিছুই আমার কাছে কোনো অর্থ বহন করে না। আর আমার বোন কখনো আমাকে এসব দেখিয়েছে বা কারো কাছ থেকে এমন কিছু পাওয়ার কথা বলেছে বলে আমার মনে পড়ে না।’ বলে কান্নায় ভেঙে পড়লো সে।
তার দিকে একটা টিস্যু এগিয়ে দিলো হান্টার।
‘ধন্যবাদ।’
চোখ মুছলো জ্যানেট, নিজেকে শান্ত করার জন্য কয়েক সেকেন্ড সময় নিলো। ‘অন্য ভিকটিমরা কারা?’ তার কণ্ঠের আকুতি ফুটে উঠলো তার চোখের দৃষ্টিতেও। ‘আপনি বললেন, বাকি দুই লাইন অন্য দুই ক্রাইম সিনে পাওয়া গেছে। কারা তারা?’
এই প্রশ্ন আসবে, জানতো দুই ডিটেকটিভ। ফোন বের করে দ্বিতীয় ভিকটিমের ছবি দেখালো হান্টার।
‘মেয়েটার নাম কার্স্টেন হ্যানসেন,’ ফোনটা জ্যানেটের দিকে বাড়িয়ে ধরে বললো ও। ‘লস অ্যাঞ্জেলস সার্জ হাসপাতালের একজন নার্স ছিল সে। আলহাম্বরাতে থাকতো। আপনার বোনের বয়সি ছিল সে।’
ফোনটা নিয়ে ছবিটা কয়েক সেকেন্ড দেখলো জ্যানেট।
‘আমি এই ছবি আগে দেখেছি,’ বললো সে। ‘কয়েকদিন আগে টম আমাকে দেখিয়েছে।’
‘আমি জানি,’ জ্যানেটের কথায় সায় দিলো হান্টার। ‘আমিই ওকে এটা পাঠিয়েছিলাম, আর আপনাকে জিজ্ঞেস করতে বলেছিলাম, এই মহিলাকে আপনি চেনেন কিনা।’
‘হ্যাঁ, বলেছে ও। আমি মেয়েটাকে চিনি না, বলেছি ওকে।’
‘আপনি কি নিশ্চিত যে কার্স্টেন নামের মেয়েটা আপনার বোনের কোনো বন্ধু ছিল না?’ প্রশ্ন করলো গার্সিয়া। ‘তার চেহারাটা কি কোনোভাবেই পরিচিত মনে হয় না?’
জ্যানেট আবার মাথা নেড়ে বললো, ‘না, তাকে আগে কখনো দেখিনি আমি।’
‘আপনি কি নিশ্চিত?’ আবার জিজ্ঞেস করলো গার্সিয়া। ‘সময় নিন, ভালো করে ভাবুন।’
‘এই মেয়েটা খুবই সুন্দরী,’ উত্তর দিলো জ্যানেট। ‘মনে রাখার মতো চেহারা তার। ও মেলিসার বন্ধু হলে আমি অবশ্যই ওদেরকে এক সাথে দেখতাম।’
ফোনে আরেকটা ছবি খুলে টেবিলে রাখলো হান্টার।
‘আরেকজন ভিকটিম, নাম অলিভার গ্রিফিথ,’ বললো ও। ‘প্লায়া ভিস্তায় এক বিজ্ঞাপনী সংস্থায় কাজ করতো সে এবং সান্তা ক্ল্যারিটার ভ্যালেন্সিয়ায় থাকতো। এ-ও মেলিসার সমবয়সি ছিল।’
এবার জ্যানেট ও টম দুজনেই হান্টারের দিকে বিস্মিত দৃষ্টিতে তাকালো।
‘পুরুষ?’ জিজ্ঞাসা করলো টম। ‘একজন পুরুষও ভিকটিম হয়েছে?’
‘ঠিক তা-ই,’ নিশ্চিত করলো গার্সিয়া।
‘একটু দাঁড়িয়ে,’ বললো টম, তার দৃষ্টি প্রথমে অলিভার গ্রিফিথের ছবির দিকে এবং তারপর টেবিলের ওপর রাখা লাইনগুলোর দিকে গেল। ‘এটা কি স্বাভাবিক? মানে, সাধারণত সিরিয়াল কিলাররা কি একই ধরনের শিকার বেছে নেয় না, সবাই স্বর্ণকেশী, অথবা সবাই কৃষ্ণাঙ্গ, কিংবা সবাই পুরুষ, এমন কিছু?’
‘পুরোপুরি নয়,’ উত্তর দিলো গার্সিয়া। ‘এটা একটা ভুল ধারণা, এই ধারণা জনপ্রিয় হওয়ার পেছনে সিনেমা আর টিভি সিরিজের ব্যাপক অবদান আছে। বাস্তবে, সিরিয়াল কিলাররা যদি কোনো নিয়ম মেনে চলে, তবে সেটা তাদের নিজেদের তৈরি করা নিয়ম। আর সেগুলো যে-কোনো সময় পরিবর্তিত হতে পারে। অনেক ক্ষেত্রে, তাদেরকে কী উত্তেজিত করে, কেন তারা একজন ভিকটিমকে অন্য কারো বদলে বেছে নেয়, তার কারণ এমন কিছুও হতে পারে, যা তারাও ঠিকঠাক বুঝতে পারে না। এটা এক ধরনের তাড়না… যা তারা নিয়ন্ত্রণ করতে পারে না।’
‘তার চেহারা কি আপনার পরিচিত মনে হয়?’ এবার টমকে প্রশ্ন করলো হান্টার, আবার ছবির দিকে টম ও জ্যানেটের মনোযোগ ফেরালো।
‘না,’ জ্যানেট প্রথমে উত্তর দিলো। ‘আমি তাকে আগে কখনো দেখেছি বলে মনে হয় না। তার নামও কোনোভাবে পরিচিত মনে হচ্ছে না।’ প্রেমিকের দিকে তাকাল সে, মাথা নাড়লো টম।
‘না,’ টম বললো। ‘আমিও তাকে আগে কখনো দেখেছি বলে মনে করতে পারছি না।’
এক মুহূর্তের জন্য নিজের জুতোর দিকে চলে গেল হান্টারের দৃষ্টি, তারপর নড করে ফোনটা টেবিল থেকে তুলে নিলো।
‘সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকেই ধন্যবাদ,’ বললো হান্টার।
‘এখন তোমার পরামর্শ কী, রবার্ট?’ গাড়িতে ফেরার সাথে সাথে হতাশ গলায় প্রশ্ন করলো গার্সিয়া। ‘আমরা ট্রয় ফস্টারকে এই লাইনগুলো বা ছবিগুলো দেখার জন্য অনুরোধ করতে পারবো না। জোসি গ্রিফিথের সাথে একই চেষ্টা করতে চাও?’
দীর্ঘশ্বাস ফেললো হান্টার। ‘আমি অবশ্যই সেটা করতে চাই, কিন্তু তার সাথে যোগাযোগ করাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। মাত্র চব্বিশ ঘণ্টা পার হয়েছে তার স্বামীকে খুঁজে পাওয়ার পর। সম্ভবত গত রাতটা নির্ঘুম কেটেছে তার, অথবা তাকে এমনভাবে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে যে, একদম অচেতন হয়ে আছে। যেটাই হোক, তার মাথা এখন কাজ করবে না। কোনো কথা বা ছবিও তার কাছে কোনো অর্থ বহন করবে না। আমাদের কয়েকদিন অপেক্ষা করতে হবে।’
‘আমারও তা-ই মনে হচ্ছে,’ গার্সিয়া বলল, ড্রাইভিং সিটে বসে। ‘তাহলে এখন কোথায় যাবো?’
প্যাসেঞ্জার সিটে বসে সিটবেল্ট বাঁধলো হান্টার। ‘গ্রিফিথদের বাড়িতে ফেরা যাক, আরেকবার ঘুরে দেখি সবকিছু। বাড়িটা বেশ বড়ো, এবং গত রাতে আমরা পুরোটা ঠিকমতো দেখতে পারিনি।’
একমত হয়ে গাড়ি স্টার্ট দিলো গার্সিয়া। ‘আমি একমত। যাওয়া যাক তবে।’
ঊনষাট
লেইমার্ট পার্ক থেকে স্যান্টা ক্ল্যারিটায় ড্রাইভ করে আসতে সোয়া ঘণ্টা মতো সময় লাগলো ওদের। লস অ্যাঞ্জেলসের আকাশ ঝকঝকে নীল থেকে গাঢ় ধূসর হয়ে গেল। মেঘ জমা হতে লাগলো, ইঙ্গিত দিতে লাগলো ভারী বর্ষণের। ইতোমধ্যেই দূরে বৃষ্টি শুরু হয়েছে, মুষলধারে হামলে পড়েছে লস পাড্রেস জাতীয় বনভূমির ওপরে।
‘ওয়াও,’ জ্যাকেটের চেইন আটকাতে আটকাতে বললো গার্সিয়া, আরেকবার অলিভার ও জোসি গ্রিফিথের বাড়ির সামনে পার্ক করলো। ‘আকাশ দেখে মনে হচ্ছে, রেগে বোম হয়ে আছে।’
‘হ্যাঁ, সেটাই,’ একমত হলো হান্টার, মেঘের ওপরে চোখ বুলিয়ে নিলো। ‘তবে বাতাস বইছে উত্তর দিকে আর আমরা আছি সেই বাতাসের দক্ষিণ-পূর্ব কোণে।’ পশ্চিমে, বৃষ্টির দিকে দেখালো ও। ‘কপাল ভালো হলে হয়তো তুমুল বর্ষণের মধ্যে আমাদেরকে পড়তে হবে না।’
‘তোমার কথাই যেন সত্যি প্রমাণিত হয়। ভারী বর্ষণ হলে ক্যানিয়নে পানি জমে যাবে। ওখানে আটকা পড়ার কোনো ইচ্ছে নেই আমার।’
বাড়িটা এখনো কালো আর হলুদ ক্রাইম-সিন টেপ দিয়ে ঘেরা। দরজায় বিরক্ত মুখের একজন শেরিফের ডেপুটি দাঁড়িয়ে ছিল, নাকের নিচে তার ঘোড়ার নালআকৃতির গোঁফ। ওদেরকে দেখে ভেতরে ঢোকার ব্যবস্থা করে দিলো সে।
‘পরিষ্কারক দল এখনো আসেনি?’ জিজ্ঞেস করলো হান্টার।
‘দুই ঘণ্টার মধ্যে আসার কথা,’ জবাব দিলো ডেপুটি, হান্টারের দিকে চেয়ে কাঁধ ঝাঁকিয়ে শ্রাগ করলো।
বাড়ির ভেতরে ঢোকার পরে, বেজমেন্ট থেকে শুরু করলো ওরা। লাশটা আর না থাকলেও মৃত্যুর গন্ধে ভারী হয়ে আছে বেজমেন্টের বাতাস। গন্ধটা যে ঠিক কেমন, তা বর্ণনা করা সম্ভব নয়, কিন্তু গন্ধটা নাকে গেলে নাকটা আপনাআপনি কুঁচকে যায়, পেটের নাড়িভুঁড়ি উল্টে আসে। তবে এটুকুই সব নয়। সিঁড়ির নিচের পরিবেশটা ভরে আছে অন্য কিছুতে, এমন কিছু, যেটার কারণে বাতাস ভারী হয়ে আছে, নিঃশ্বাস নিতেও সামান্য কষ্ট হচ্ছে। যেন অলিভার গ্রিফিথের ভয় আর আতঙ্ক রয়ে গেছে দেয়ালে পুরানো রঙের মতো।
মেঝের বেশিরভাগ অংশে এখনো রক্ত রয়ে গেছে। দেয়ালে মেন্টরের লেখা শব্দগুলো এখনো আছে, তা অশুভ, তা অশুচি।
‘সারা জীবনে যত ক্রাইম সিন পুনরায় দর্শন করেছি,’ বললো গার্সিয়া, এক্স-আকৃতির ক্রসের দিকে তাকালো। ওখানেই মিলেছিল অলিভারের লাশ। ‘কিন্তু এই ক্রাইম সিনটা,’ বলে মাথা নাড়লো সে, সঠিক শব্দ খুঁজে না পাওয়ার কারণে বাক্যটা শেষ করলো না।
পকেটে হাত ঢোকালো হান্টার। ‘এখানে যে আমরা কী খুঁজতে এসেছি, তা আমাদের দুজনের কেউই জানি না, কার্লোস। ভাগ হয়ে যদি খুঁজি,’ চোখ দিয়ে বাকি বাড়িটার দিকে ইশারা করলো। ‘কম সময়ে বেশি জায়গা খুঁজতে পারবো আমরা, এবং বৃষ্টি আসার আগেই এখান থেকে বেরিয়ে যেতে পারবো। তুমি কী বলো?’
আর কোনো ইশারার দরকার ছিল না গার্সিয়ার। ‘আমার সমস্যা নেই। ওপরে দেখছি আমি।’
বেজমেন্টে বেশিক্ষণ থাকলো না হান্টার। এটা সত্যি যে, ও আসলেই জানে না কী খুঁজছে, তবে এটা জানে যে ড. স্ল্যাটারের টিম মানুষের পক্ষে যতটা সম্ভব, ততটা পুঙ্খানুপুঙ্খভাবে খুঁজে দেখেছে। যদি কিছু পাওয়ারই থাকতো, তবে এতক্ষণে তারা খুঁজে পেয়ে যেতো।
এবারে কী ঘটেছে, তা কল্পনা করার চেষ্টা করলো না হান্টার। কোনো রহস্য নেই, লুকোছাপা নেই। মেন্টর সেইন্ট অ্যান্ড্রুজ ক্রসের সাথে অলিভার গ্রিফিথকে বেঁধে ফেলে তাকে ক্ষতবিক্ষত করে, তারপরে রক্তক্ষরণে মারা যাওয়ার জন্য ফেলে যায়।
ওপরে উঠে এলো হান্টার, দ্বিতীয় ফ্লোরের ল্যান্ডিঙে ড্রেসারের পাশে গার্সিয়ার সাথে মিলিত হলো। ড্রেসারের ওপরে ছবির ফ্রেম আর ফুলদানি রাখা, ফুলদানিতে গোলাপ আর আজালিয়া দেখা যাচ্ছে। গোলাপগুলোর শেষ দশা হলেও, আজালিয়া ফুটে আছে পরিপূর্ণভাবে।
‘ঠিক আছো তুমি?’ পার্টনারের চোখ দেখে জিজ্ঞেস করলো হান্টার।
‘আমি জানতাম না, তারা নববিবাহিত ছিল,’ বললো গার্সিয়া, বিয়ের রাতের অলিভার আর জোসির ছবির দিকে ইশারা করলো। ‘ছয় মাস আগের ছবি।’ তারিখ দেখার জন্য ঘড়ি দেখলো সে। ‘আরও ভালো করে বললে ছয় মাস চার দিন আগের ছবি।’
হান্টারের মনোযোগ ছবির দিকে ঘুরে গেল।
‘মাত্র ছয় মাস, রবার্ট,’ আবার বললো গার্সিয়া। ‘এখনো হানিমুন পিরিয়ড কাটাচ্ছিল তারা, যে সময়টায় সবকিছুই রঙিন মনে হয়। এখনো নিজেদেরকে আবিষ্কার করছিল তারা, নিজেদেরকে জানছিল, ভবিষ্যতের জন্য পরিকল্পনা করছিল, এমনকি হয়তো বাচ্চা নেয়ারও প্ল্যান সাজাচ্ছিল।’
হান্টার জানে, গার্সিয়া নিজের স্ত্রী অ্যানার কথা ভাবছে। আরেকটা স্বাভাবিক, স্নায়বিক প্রতিক্রিয়া। যখন কেউ কোনো দুঃখজনক ঘটনার সাথে নিজেদের সংযোগ স্থাপন করতে পারে, তখন মানুষের মস্তিষ্ক সেসব মানুষের কথাই ভাবে, যাদেরকে সেই মানুষটা ভালোবাসে।
‘দেখে খুব সুখী দম্পতি বলে মনে হয় তাদেরকে,’ বললো গার্সিয়া, আরেকটা ছবির দিকে ইশারা করলো।
কিন্তু হান্টারের মনোযোগ চলে গেল গার্সিয়ার ইশারা করা ছবিটার তিনটে ছবি ডানে। সেটা দেখে জমে গেল ও। মগজে ঝড় উঠলো ওর, নির্দিষ্ট একটা জিনিস খুঁজছে স্মৃতি থেকে। সেটা ওকে খুঁজে বের করতেই হবে।
এক, দুই, তিন সেকেন্ড।
মিলে গেছে।
ধাঁধার একটা টুকরো। একটা টুকরো, যেটা গোটা ধাঁধাটাকে অন্য আকৃতি দিতে পারে। পার্টনারের আচরণে পরিবর্তন চোখ এড়ালো না গার্সিয়ার।
‘ঠিক আছো তুমি?’ জিজ্ঞেস করলো সে।
পার্টনারের দিকে তাকালো না হান্টার। শুধু একটা বাক্য বললো, সেই বাক্যে মিশে থাকলো আফসোস। ‘আমরা সম্পূর্ণ ভুলভাবে ভেবেছি, কার্লোস।’
‘কী?’ চোখের পাতা ফেললো গার্সিয়া, হান্টারের দৃষ্টি অনুসরণ করলো। ‘কী বলতে চাইছো, রবার্ট? কী দেখছো তুমি?’
একটা নির্দিষ্ট ছবিতে নির্দিষ্ট একটা জিনিস দেখালো হান্টার। ‘পরিচিত লাগে?’
গার্সিয়া প্রথমে বুঝতে পারলো না। আংশিক সংযোগ স্থাপন করতে তার অতিরিক্ত কয়েক সেকেন্ড সময় লাগলো, কিন্তু সেই আংশিক সংযোগও ভেতরটা একদম নড়িয়ে দিলো আর বিস্ফারিত চোখে হান্টারের দিকে তাকালো সে।
‘হারামজাদা!’
‘একদম।’
