জেনেসিস – ৬৫

পঁয়ষট্টি

বিখ্যাত রুজভেল্ট মেমোরিয়াল পার্কের এক পাশে, পশ্চিম ১৮২তম স্ট্রিটে অবস্থিত গার্ডেনা হাই স্কুল। প্রায় দেড় হাজার ছাত্র পড়াশোনা করে এখানে। এই স্কুলে আছে একটা পূর্ণ আকারের ফুটবল মাঠ এবং সুবিশাল ক্যাম্পাস; যেখানে রয়েছে কুড়িটিরও বেশি ভবন। স্কুলটা এতটাই বড়ো যে, তা পুরো শহরের দুটো ব্লক জুড়ে বিস্তৃত। স্কুলের গেটে পৌঁছে নিরাপত্তা রক্ষীদের একজনের কাছ থেকে মিডল-স্কুল প্রিন্সিপালের অফিস কোথায়, তা জেনে নিলো হান্টার। প্রবেশপথ থেকে দুই মিনিট হাঁটার পরেই অফিসে পৌঁছে গেল ও। অফিসটা বিশাল, দেয়ালগুলোতে ঝুলছে বিভিন্ন সম্মাননা ও পুরষ্কার। আছে কিছু কৃতি ছাত্রের ছবি এবং বর্তমান মার্কিন প্রেসিডেন্টের একটি বড়ো ছবি। দুটো আলাদা ডেস্কে বসে নিজেদের কী-বোর্ড দ্রুত হাতে টাইপ করে যাচ্ছে দুজন সেক্রেটারি। পূর্ব দিকের দেয়ালের সাথে হেলান দিয়ে ম্লান মুখে বসে আছে একজন ছাত্র।

অফিসে প্রবেশ করলো হান্টার। সাথে সাথে, দরজার কাছের ডেস্কে বসা মধ্যবয়সি আফ্রিকান আমেরিকান মহিলা সেক্রেটারি তাকালো ওর দিকে।

‘শুভ অপরাহ্ন, স্যার,’ হান্টারকে এক উষ্ণ হাসি দিয়ে অভ্যর্থনা জানালো সে। ‘আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?’ চড়া ও তীক্ষ্ণ কণ্ঠস্বর তার।

তার ডেস্কের কাছে এগিয়ে গেল হান্টার, নিজের পরিচয়পত্র দেখালো। তারপর নিচু স্বরে ব্যাখ্যা করলো যে স্কুলের প্রিন্সিপালের সাথে দেখা করতে হবে ওকে।

‘তিনি এই মুহূর্তে ফোনে কথা বলছেন,’ ব্যাখ্যা করলো সেক্রেটারি। হাসি অদৃশ্য হয়ে গেল তার ঠোঁট থেকে, অদৃশ্য হয়ে গিয়ে সেখানে এক ধরনের চিন্তার ভাব ফুটে উঠলো। ‘কিন্তু বেশিক্ষণ লাগবে না তার। আপনি বসুন, আপনার আসার খবর আমি তাকে জানাচ্ছি।’

ম্লান মুখে বসে থাকা সেই ছাত্রের পাশে বসলো হান্টার। একটা পোস্ট-ইট নোটে কিছু লিখলো সেক্রেটারি, তারপর প্রিন্সিপালের মূল অফিসে ঢুকে গেল। দুই সেকেন্ডের মাথায়, হান্টারের মোবাইল ফোনে একটা ফোন এলো। গার্সিয়া ফোন করেছে।

‘কার্লোস,’ ফোন ধরলো হান্টার। ‘কোথায় তুমি?’

‘এল মন্টেতে,’ উত্তর দিলো গার্সিয়া। ‘সোফিয়া এলিয়টের বাড়ির ঠিক বাইরে। এই মুহূর্তে পোমোনায় ডিটেকটিভ লি’র কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।’

‘এত তাড়াতাড়ি?’ জিজ্ঞেস করলো হান্টার। ‘সোফিয়া এলিয়টের সাথে কথা বলেছো তুমি?’

‘না। এজন্যই আমি ফোন করছি। বড়োসড়ো একটা আপডেট আছে।’ নড়ে উঠলো হান্টার, শক্ত হয়ে বেঞ্চে বসলো। ‘সোফিয়া এলিয়ট ও তার স্বামী লুকাস, দু’দিন আগে ইতালি গেছে। তার দাদার পঁচাশিতম জন্মদিন পালন করতে।’

এক মুহূর্ত থামলো হান্টার। ‘তুমি তথ্যটা এত দ্রুত জানলে কীভাবে?’

‘তার প্রতিবেশী জানিয়েছে আমাকে। আমি এখানে এসে প্রথমে কলিং বেল চাপি, তারপর দরজায় জোরে নক করি। সাড়া দেয়নি কেউ। যখন আমি জানালা দিয়ে ভেতরে দেখার চেষ্টা করছি, তখনই পাশের বাড়ি থেকে বের হয় সেই প্রতিবেশী। নিজের পরিচয় দেওয়ার পরে সে আমাকে জানায় যে দু’দিন আগে ইতালিতে গেছে মি. অ্যান্ড মিসেস এলিয়ট। তাদের বিড়ালের দেখাশোনার দায়িত্ব এখন সেই প্রতিবেশীর ওপরে। সে যতদূর জানে, সোফিয়ার পরিবারের সবাই তার সাথে গেছে। মানে, তার বাবা-মা’ও। তাই গার্ডেনা হাই থেকে বের হওয়ার পর তাদের বাড়িতে আর না গেলেও চলবে তোমার।’

এক মুহূর্ত চিন্তা করলো হান্টার। ‘একদিক থেকে ভালোই মনে হচ্ছে ব্যাপারটা।’

‘আমিও সেটাই ভাবছি,’ একমত হলো গার্সিয়া। ‘সোফিয়া এলিয়ট কোনো প্রিয়জনকে এখানে রেখে যায়নি। তাই তার ওপরে আক্রমণ করার কোনো সুযোগও মেন্টরের নেই।’

‘মিসেস এলিয়ট ও তার স্বামী ফিরবে কবে? যেহেতু তাদের বিড়ালের দেখাশোনা সেই প্রতিবেশী করছে, সেহেতু নিশ্চয়ই জানা আছে তার।’

‘হ্যাঁ, জানে সে। লুকাস এলিয়ট ফিরবে তিন দিনের মধ্যে, শনিবার সকালে। সোফিয়ার আরও কয়েকটা দিন থাকার কথা, তবে শতভাগ নিশ্চিত নয় ব্যাপারটা।’

‘সেক্ষেত্রে লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে নামার পরপরই সাথে সাথে তার পেছনে গোপনে লোক লাগাতে হবে আমাদের,’ বললো হান্টার।

‘হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। মেন্টর যদি সোফিয়া এলিয়টের কোনো প্রিয়জনকে লক্ষ্যবস্তু বানাতে চায়, তবে সেই লক্ষ্যবস্তু তার স্বামী হওয়ার সম্ভাবনা অনেক বেশি। মেন্টরের মোডাস অপারেন্ডির সাথেও ধরনটা মিলে যায়; কারণ ভিকটিম বাড়িতে একা থাকবে আর তার সঙ্গী থাকবে বাইরে।’

‘গত কয়েক দিনে সোফিয়া বা তার স্বামীকে খুঁজতে কেউ এসেছিল কিনা, প্রশ্নটা জিজ্ঞেস করতে পারো প্রতিবেশীকে?’

‘ওহ, শিট!’ বললো গার্সিয়া, নিজের কণ্ঠস্বরকে যতটা সম্ভব সিরিয়াস রাখার চেষ্টা করলো। ‘না, ভুলে গেছি। ফিরে গিয়ে জিজ্ঞেস করবো না-কি?’ ও যে রসিকতা করছে, তা উপলব্ধি করার জন্য কিছুক্ষণ সময় দিলো পার্টনারকে। তারপর বললো, ‘এটা আমার প্রথম অ্যাসাইনমেন্ট নয়, রবার্ট। অবশ্যই তাকে জিজ্ঞেস করেছি আমি। এবং সে-ও জানিয়েছে যে সে তার প্রতিবেশীর দরজা অথবা বাড়ির আশেপাশে কাউকে দেখেনি। আমি দরজার তালা ও জানালাও পরীক্ষা করেছি। কোনো কিছুতে কারিগরি ফলানো হয়েছে বলে মনে হয়নি আমার কাছে।’

‘এখনো হয়নি তাহলে,’ মন্তব্য করলো হান্টার।

‘আমি যা ভাবছি, তুমিও কি তা-ই ভাবছো? গোটা বাড়িটার ওপরে নজর রাখা উচিত আমাদের।’

‘অবশ্যই,’ একমত হলো হান্টার, সেক্রেটারির ডেস্কে ইন্টারকমের বাইরের লাইনের লাইটটা নিভে যেতে দেখলো। ‘আমি গার্ডেনা জুনিয়র হাই স্কুলের প্রিন্সিপালের অফিসে যাচ্ছি। তুমি তো পোমোনায় যাচ্ছো?’

‘হ্যাঁ, গাড়িতে উঠলাম মাত্র।’

‘ঠিক আছে। তুমি কি ক্যাপ্টেন ব্লেককে একটা ফোন করতে পারো?’ জানতে চাইলো হান্টার। ‘তাকে সোফিয়া এলিয়টের ঠিকানা দিয়ে যত দ্রুত সম্ভব নজরদারির একটা দল গঠন করতে বলো। আজকের দিন শেষ হওয়ার আগেই দল প্রস্তুত হওয়া চাই।’

‘পারবো। পরে কথা হবে।’

কথা শেষ হওয়ার দশ সেকেন্ড পরে, অফিসের দরজা খুলে ঢুকলেন মাঝারি উচ্চতার এক মহিলা। গোলাকার মুখে সাধারণ চেহারা। চুলের রং সোনালি আর বাদামির মাঝামাঝি, আর সেই চুল মাথার পেছনে খোঁপা করে রাখা।

‘মি. হান্টার,’ হান্টারকে সম্ভাষণ করলেন তিনি, ছাত্রটার সামনে হান্টারকে ‘ডিটেকটিভ’ বলে সম্বোধন না করার সিদ্ধান্ত নিয়েছেন, বোঝা গেল। হ্যান্ডশেক করার জন্য উঠে দাঁড়ালো হান্টার। ‘আমি প্রিন্সিপাল মার্টিনেজ,’ নিজের পরিচয় দিলেন তিনি। ‘দয়া করে আমার অফিসে আসুন।’

হান্টারকে আগে যেতে দিলেন প্রিন্সিপাল মার্টিনেজ, তারপর বেঞ্চে বসা ছেলেটার দিকে তাকালেন। ‘মিস্টার গুডউড যে! আমি একেবারেই অবাক হচ্ছি না।’

‘আমি কিছুই করিনি, মিসেস মার্টিনেজ,’ না-বোধক মাথা নেড়ে বললো ছেলেটা।

‘তুমি তো তা-ই বলে যাচ্ছো। তবে তোমার সাথে তোমার শিক্ষকদের মত মিলছে না।’ ছেলেটি তার চোখের দিকে তাকালো না। ‘বসে থাকো, মিস্টার গুডউড। কিছুক্ষণের মধ্যেই তোমার সাথে কথা বলবো আমি।’

প্রিন্সিপাল মার্টিনেজ তার অফিসে ফিরে দরজা বন্ধ করে দিলেন। বিষণ্ণ মুখে বসে থাকলো ছেলেটা। ভেতরে হান্টার এবং প্রিন্সিপালের আলাপ খুব বেশিক্ষণ স্থায়ী হলো না। জোসেফ গ্রীর’-এর অবসরের পরে মিডল স্কুলের প্রিন্সিপালের পদে আসীন হয়েছেন মিসেস মার্টিনেজ, সেটা আট বছর আগের কথা। প্রায় কুড়ি বছর গার্ডেনা’র মিডল স্কুলের দায়িত্বে ছিলেন জোসেফ। যার মানে—মেলিসা, ট্রয়, জোসি অথবা ২০০৯ সালের ব্যাচের কাউকে কখনোই দেখেননি মিসেস মার্টিনেজ। প্রিন্সিপাল গ্রীর’-এর সম্পর্কে জানতে চাইলো হান্টার। কিন্তু মিসেস মার্টিনেজ ওকে জানালেন যে, ভদ্রলোক তিন বছর আগে ক্যান্সারে মারা গেছেন।

‘২০০৯ সাল থেকে এখানে কর্মরত, এমন কেউ আপনার শিক্ষক বা কর্মচারীদের তালিকায় আছেন?’ জিজ্ঞেস করলো হান্টার। ‘অথবা তারও আগের কেউ?’

‘আছে বোধহয় কয়েকজন,’ জবাব দিলেন প্রিন্সিপাল মার্টিনেজ, বলে তিনি তার কম্পিউটার স্ক্রিনে স্ক্রল করলেন। ‘একটু দেখে নিয়ে জানাচ্ছি আপনাকে।’

নিজের জ্যাকেটের পকেট থেকে একটা নোটপ্যাড বের করলো হান্টার।

‘স্কুল শিক্ষক হওয়া গত কয়েক বছরে ক্রমশ কঠিন হয়েছে, ডিটেকটিভ,’ ব্যাখ্যা করলেন প্রিন্সিপাল মার্টিনেজ, তবে কম্পিউটারে খোঁজা থামালেন না। ‘ব্যাপারটা আপনিও অনুমান করতে পারেন বোধহয়। বার্ষিক পাঠ্যক্রম, সব ছাত্রদের আলাদা আলাদাভাবে যত্ন নেয়া, অভিভাবকদের প্রত্যাশা… এবং শিক্ষা বোর্ডও তাদের কাছে অনেক কিছু দাবি করে। স্কুলে পরিশ্রমের পরে, বাড়ির জন্যও অনেক কাজ, কিন্তু পর্যাপ্ত বেতন নেই।’ হান্টারের দিকে তাকিয়ে শ্রাগ করলেন তিনি। ‘আমার অভিজ্ঞতায় দেখেছি, বেশিরভাগ মিডল স্কুলের শিক্ষক-শিক্ষিকারা আট থেকে দশ বছরের মধ্যে কাজের চাপে হাল ছেড়ে দেয়। অথবা কম চাপের এবং ভালো বেতনের কাজ খুঁজে নেয়। সত্যিকারের শিক্ষকদেরকে এখন আর সহজে পাওয়া যায় না।’ কিছুক্ষণ থেমে স্ক্রিনের দিকে তাকিয়ে মাথা নাড়লেন। ‘হ্যাঁ, ঠিকই অনুমান করেছিলাম আমি। মিস্টার হার্টলি, অষ্টম শ্রেণির হোমরুম ও ইতিহাসের শিক্ষক এবং মিসেস অ্যান্ডারসন অষ্টম শ্রেণির ইংরেজি শিক্ষিকা, তারা দুজনে ২০০৯ সালে এখানে ছিলেন। তবে বর্তমানে মিসেস অ্যান্ডারসন চিকিৎসার জন্য ছুটিতে আছেন। এক সপ্তাহও হয়নি, সার্জারি হয়েছে তার।’

দ্রুত দুজনের নাম টুকে নিলো হান্টার। ‘তবে মিস্টার হার্টলি তো আজ ক্যাম্পাসেই আছেন, তাই না?’

‘হ্যাঁ, আছেন।’

স্কুলের কর্মচারীদের ব্যাপারে জানাতে পাঁচ মিনিট মতো সময় লাগলো প্রিন্সিপাল মার্টিনেজের। কিন্তু দেখা গেল যে তেরো বছরের বেশি সময় ধরে এই স্কুলে কাজ করছে, এমন মানুষের সংখ্যা খুবই কম। প্রধান পরিচ্ছন্নতাকর্মী, দু’জন সিকিউরিটি গার্ড, স্কুল ক্যান্টিনের তিনজন কর্মী এবং একজন স্কুল মালী।

‘সমস্যা না থাকলে আমি তাদের সবার সাথে আজ কথা বলতে চাই,’ বললো হান্টার। ‘বিশেষ করে মিস্টার হার্টলির সাথে।’

‘হ্যাঁ, নিশ্চয়ই,’ উত্তর দিলেন প্রিন্সিপাল মার্টিনেজ, ঘড়ি দেখলেন। ‘সমস্যা হচ্ছে, এই মুহূর্তে ক্লাস নিচ্ছেন তিনি, আর তার বদলি হিসেবে আমার হাতে কেউ নেই। আপনি যদি অপেক্ষা করেন; তবে আমি নিশ্চিত, তিনি আপনার সাথে খুব খুশি মনেই কথা বলবেন। তবে আপনাকে ঘণ্টা বাজা পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

‘অপেক্ষা করবো আমি,’ জবাব দিলো হান্টার। ‘কোনো সমস্যা নেই।’

একটা কলমের জন্য হাত বাড়ালেন প্রিন্সিপাল মার্টিনেজ। ‘যাদের নাম বললাম, তাদের সবার নাম আমি আপনাকে লিখে দিচ্ছি।’ বলে তিনি দ্রুত সাতটি নাম লিখে ফেললেন। ‘আমার কাছে তাদের আজকের কাজের সময়সূচী নেই, তবে আমি ব্রেন্ডাকে বলতে পারি তাদেরকে আপনার সাথে এখানে দেখা করতে বলার জন্য।’ দরজার দিকে, যেখানে সেক্রেটারি দুজন বসে কাজ করছিল, সেদিকে ইঙ্গিত করলেন তিনি।

‘ধন্যবাদ আপনাকে,’ বলে উঠে দাঁড়ালো হান্টার। ‘সম্ভব হলে ২০০৯ সালের জুনিয়র-হাই স্কুলের ইয়ারবুকটি দেখতে চাই। মানুষকে মনে রাখার জন্য নামের চাইতে ছবি অনেক বেশি কার্যকর।’

‘নিশ্চয়ই, কোনো সমস্যা নেই,’ বললেন প্রিন্সিপাল, নাম লেখা কাগজটি হান্টারের দিকে বাড়িয়ে দিলেন। ‘আপনি আমাদের লাইব্রেরিতে ইয়ারবুকের একটা কপি পাবেন।’ এক মুহূর্ত থেমে কী যেন চিন্তা করলেন তিনি। ‘আমি বরং তাদেরকে আপনার সাথে কথা বলার জন্য লাইব্রেরিতেই পাঠাই। ওখানে আমার অফিসের চাইতে অনেক বেশি প্রাইভেসি পাবেন।’

‘আমার কাজ হলেই হলো,’ তার প্রস্তাবে সম্মত হলো হান্টার। ‘যাওয়ার আগে আমি কি আপনাকে আরও একটি অনুরোধ করতে পারি?’

‘নিশ্চয়ই।’

‘আপনি কি জানাতে পারেন যে ২০০৯ সালের জুনিয়র হাই ক্লাসের এই পাঁচজন ছাত্র,’ বলে প্রিন্সিপাল মার্টিনেজের হাতে পাঁচটা নামের একটা কাগজ দিলো হান্টার। ‘…ওই বছরে কোনো ক্লাসে ফেল করেছিল কিনা?’

হান্টারের হাত থেকে কাগজটা নিলেন প্রিন্সিপাল মার্টিনেজ, চুপ করে নাম পাঁচটি পড়লেন। ‘অবশ্যই পারি,’ আবার নিজের ডেস্কের পেছনে গিয়ে বসলেন তিনি। ‘এক মিনিট সময় দিন, তাদের রেকর্ডগুলো বের করি।’

পাঁচজনের গ্রেড জানাতে প্রিন্সিপাল মার্টিনেজের বেশি সময় লাগলো না। ‘উমম, না। কেউ তো ফেল করেনি, দেখা যাচ্ছে। খারাপ গ্রেড আছে অবশ্যই, কেউ কেউ ‘ডি’ও পেয়েছে। কিন্তু সবাই-ই পাস করেছে শেষ পর্যন্ত।’

‘কোনো শিক্ষক বা শিক্ষিকা যদি তাদের কারো বিষয়ে কোনো মন্তব্য করে থাকেন, তবে তা কি এই রেকর্ডগুলোতে তাদের নামের পাশে দেখা যায়?’ জিজ্ঞেস করলো হান্টার। ‘কোনো ধরনের অভিযোগ… মারামারি… কোনো ঘটনা… যে-কোনো কিছু?’

প্রিন্সিপাল মার্টিনেজ মাথা নাড়ালেন। ‘না। এ ধরনের কিছু নেই। আমরা তেরো এবং চৌদ্দ বছরের বাচ্চাদের সম্পর্কে কথা বলছি, ডিটেকটিভ। জুনিয়র-হাই রেকর্ডে কোনো মন্তব্য থাকার জন্য কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটতে হবে, যেমন বহিষ্কার হওয়া। আমরা তিরস্কারের রেকর্ড রাখি না। যদি রাখতাম, তবে এক হাজার পাঁচশো ছাত্রের স্কুলে, প্রতি বছর একটি লাইব্রেরি পূর্ণ করা সম্ভব হতো।’

অফিসের বাইরের ঘরে এসে হান্টারকে পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সাতজন কর্মচারীর সাথে কথা বলার ব্যবস্থা করার জন্য সেক্রেটারিকে নির্দেশ দিলেন প্রিন্সিপাল। সেক্রেটারি একটা ড্রয়ার থেকে স্কুলের ম্যাপ বের করতে শুরু করলো। নিজের অফিসের দরজা খোলা রাখলেন প্রিন্সিপাল মার্টিনেজ, এক হাত কোমরে রেখে বেঞ্চে বসে থাকা ছাত্রটার দিকে তাকালেন।

‘মিস্টার গুডউড।’ তিনি মাথা হেলিয়ে অফিসের দিকে ইশারা করলেন। ‘যাওয়া যাক তবে?’

ছেষট্টি

গাড়ির ইঞ্জিন বন্ধ করার সময় আপনমনে হেসে উঠলো গার্সিয়া। পোমোনার ছোটো, পুরানো পুলিশ স্টেশনের সামনে দাঁড়িয়ে আছে সে। বিবর্ণ স্টেশন ও সাধারণ ডিজাইন দেখেই বোঝা যায় যে তা মফস্বলের সরকারি সম্পত্তি। এত দূর এসে যেন খালি হাতে ফিরে যেতে না হয়, সেজন্য আগেই ফোন করে রেখেছিলো ও। টেবিলে ফাইলপত্রের স্তুপ নিয়ে ব্যস্তভাবে মাথা ঘামাচ্ছিলেন ওর চেয়ে বয়সে প্রায় দশ বছরের বড়ো এবং উচ্চতায় এক ফুট খাটো ডিটেকটিভ লি।

‘বসুন প্লিজ,’ টেবিলের সামনে রাখা পলিয়েস্টার-কুশনলাগানো দুটো ধাতব চেয়ারের দিকে ইঙ্গিত করে বললেন লি। একটা আঁটসাঁট, ডোরাকাটা স্যুট পরেছেন ডিটেকটিভ লি। চুলে জেল দিয়ে পেছনে টেনে আঁচড়ানো। চওড়া চোয়ালে ঘন দাড়ি। চোখজোড়ায় বুদ্ধিমত্তা ও গভীরতার ছাপ স্পষ্ট।

‘ফোনে আপনি বলেছিলেন যে একটা সুইসাইড কেসের ব্যাপারে কথা বলতে চান,’ গার্সিয়া বসতেই বললেন লি। তার কণ্ঠস্বর মোলায়েম, যেন কোনো জ্যাজ রেডিও’র উপস্থাপক মানুষটা। ‘ঘটনাটা এক বছর আগে ঘটেছে, তাই তো?’

‘হ্যাঁ,’ মাথা নাড়লো গার্সিয়া। ‘ভিকটিমের নাম ছিল পেদ্রো বুস্তামেন্তে।’

লি’র মুখে হালকা চিন্তার ছাপ ফুটে উঠলো। নামটা তার পরিচিত লাগলেও সাথে সাথে মনে করতে পারলেন না।

‘আমার কাছে কেস ফাইলের নম্বর আছে, চাইলে দেখতে পারেন,’ বললো গার্সিয়া।

‘যদি আপনার আপত্তি না থাকে,’ টেবিলের ওপরে ঝুঁকে বললেন লি। নিজের নোটপ্যাড থেকে একটা কেস ফাইল নাম্বার পড়লো গার্সিয়া, আর সেটা কম্পিউটারে টাইপ করলেন লি। ‘এন্টার’ চাপার সাথে সাথে ফাইলটা স্ক্রিনে ভেসে উঠলো। মাথা নেড়ে চেয়ারে হেলান দিলেন তিনি।

‘হ্যাঁ… এবারে মনে পড়ছে। ছেলেটা একটা কিচেন নাইফ দিয়ে বাথরুমে হাত কেটে আত্মহত্যা করেছিল। বেশ ভয়ানক ছিল ব্যাপারটা। শুধু এক হাতের কব্জি কেটে ফেলেছিল সে।’

‘তাই না-কি?’ বিষয়টা বেশ অদ্ভুত লাগলো গার্সিয়ার।

নড করলেন ডিটেকটিভ লি। মাথা নাড়লেন। ‘খুব গভীর ছিল ক্ষতটা। হাতটা প্রায় আলাদাই হয়ে গিয়েছিল, সম্ভবত সেই কারণেই একটা হাত কেটেই থেমে যায় সে। হাতের সব টেন্ডন কাটা পড়েছিল, বাঁ হাতে কিছু ধরার শক্তিও আর অবশিষ্ট ছিল না।’

মাউস দিয়ে কিছু একটা স্ক্রিনে টানলেন তিনি। ‘ক্রাইম সিনটা এলোমেলো হয়ে ছিল রীতিমতো। ছেলেটার অ্যাপার্টমেন্টে কোনো বাথটাব ছিল না, তাই মাটিতে বসেই হাত কেটেছিল সে। রক্ত ছড়িয়ে ছিটিয়ে ছিল সব জায়গায়। সাপ্তাহিক ভাড়া নিতে গিয়ে বাড়িওয়ালা তাকে পায়।’ ফাইলটা আরেকটু দেখে তিনি বললেন, ‘তো এই হলো ঘটনা, খুবই দুঃখজনক একটা ব্যাপার ছিল। ছেলেটার বয়স ছিল মাত্র পঁচিশ।’

শান্তভাবে মাথা নাড়লো গার্সিয়া।

‘দুঃখজনক হলেও সত্যি,’ আবার বললেন লি, ‘তরুণদের মধ্যে আত্মহত্যার প্রবণতা দিন দিন বাড়ছে, ডিটেকটিভ। আমার ধারণা, আপনিও সেটা জানেন।’

‘আপনি তো বললেন, ক্রাইম সিনে অস্বাভাবিক কিছুই ছিল না,’ প্রশ্ন করলো গার্সিয়া। ‘কিন্তু এক হাতে এত গভীর কাটাটা অদ্ভুত লাগেনি আপনার কাছে?’

‘আমি এত আত্মহত্যার ঘটনা দেখেছি যে আর অস্বাভাবিক লাগে না,’ বললেন লি। ‘আত্মহত্যার জন্য কোনো নির্দিষ্ট ‘কীভাবে করবেন’ জাতীয় বই নেই, ডিটেকটিভ। হ্যাঁ, মানুষ ইন্টারনেটে খোঁজাখুঁজি করে, কিন্তু তারপর তারা সেটা কীভাবে করে, সেটা তাদের ওপরে। এই বুস্তামেন্তে ছেলেটা নিজের কবজি কাটতে চেয়েছিল ঠিকই, তবে কোথায় বা কতটুকু চাপ দিতে হবে, সেটা হয়তো ঠিক জানতো না। তাই সে ছুরি হাতে নিয়ে কবজিতে যখন চাপ দিলো,’ ডান হাত দিয়ে নিজের বাম কবজির ওপরে কেটে দেখানোর ভঙ্গী করলেন লি। ‘…অতিরিক্ত চাপ দেওয়ার কারণে সেটা সাধারণ একটা ক্ষত হওয়ার পরিবর্তে হাত প্রায় কাটাই পড়ে গেল। হয়তো সে খুবই নার্ভাস ছিল, অথবা সে পুরো বিষয়টাই না বুঝে করেছিল, আমি ঠিক জানি না। তবে নরম মাংসে ধারালো ছুরি দিয়ে বেশি চাপ দিলে এমনটাই হয়।’ নিজের কম্পিউটার মনিটরের দিকে ইঙ্গিত করলেন তিনি। ‘এক হাত কেটে, গভীরভাবে কেটে আত্মহত্যার ঘটনা আসলে বেশ সাধারণ।’

‘আমরা যে ফাইলটা পেয়েছি, সেখানে কোনো মেডিক্যাল হিস্টোরি ছিল না,’ বললো গার্সিয়া। ‘আপনার রেকর্ডে কি কোনো মেডিক্যাল ফাইল আছে? মানে, ভিকটিম কি বিষণ্ণতায় ভুগছিল? অথবা কোনো পার্সোনালিটি ডিজঅর্ডার? তার পরিবার বা ডাক্তারকে কি কিছু জিজ্ঞেস করেছিলেন?’

প্রশ্নের সুরটা যেন দোষারোপের মতো না শুনিয়ে জিজ্ঞাসার মতো শোনায়, সে ব্যাপারে সতর্ক থাকলো গার্সিয়া।

‘উমম…’ নিজের কম্পিউটারে আবার চেক করলেন লি। ফাইলে কোনো মেডিক্যাল হিস্টোরি নেই, কিংবা বিষণ্নতায় ভুগছিল বলেও উল্লেখ নেই। ‘ঠিক মনে পড়ছে না। সম্ভবত চেক করিনি আমরা। কারণ তদন্তের দরকার পড়েনি। কোনো অপরাধের চিহ্ন ছিল না ক্রাইম সিনে। এটা যে আত্মহত্যার ঘটনা, সে বিষয়ে সন্দেহ ছিল না। আর সত্যি বলতে গেলে,’ গার্সিয়ার চোখে চোখ রেখে বললেন তিনি, ‘কেউ কেন আত্মহত্যার পথ বেছে নিলো, তা উদঘাটন করা আসলে আমাদের কাজ নয়, ডিটেকটিভ।’ বলে টেবিলের ওপরের কাজের ফাইলের দিকে ইঙ্গিত করলেন। ‘আরও অনেক কাজ করতে হয় আমাদের।’

নড করে একমত পোষণ করলো গার্সিয়া।

‘আমার অভিজ্ঞতা থেকে বলছি,’ লি আবার বললেন, ‘আজকাল অনেক তরুণ, আর আমি বুস্তামেন্তেকেও ‘তরুণ’দের মধ্যে ধরছি, সামাজিক গ্রহণযোগ্যতার অভাবে আত্মহত্যার পথে পা বাড়াচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের পাগলামি এবং ‘সামাজিকভাবে বাতিল করার প্রবণতা’র কারণে তৈরি হওয়া মানসিক চাপ, বিষণ্ণতা বা হরমোনজনিত ভারসাম্যহীনতার ফলে মানুষ এ পথ বেছে নিচ্ছে। আসলে ইদানীং কালে, তরুণ-তরুণীদের জীবনে অধিকাংশ দুঃখ আসলে তৈরি হয় ইলেকট্রনিকভাবে, সরাসরি তাদের মনোজগতে প্রবেশ করে সামাজিক মাধ্যমের মাধ্যমে।’

ডেস্কে আঙুল দিয়ে টোকা দিলেন লি। ‘এখন মানুষ এমন মানুষের কাছ থেকে স্বীকৃতি চায়, যাদের সাথে তাদের কখনো দেখা হয়নি এবং দেখা হওয়ার সম্ভাবনাও নেই। যখন তারা নিজেদেরকে সেই সামাজিক মাধ্যমের মিথ্যে জীবনের সাথে তুলনা করে, তখন তারা নিজেদের অসফল মনে করে, এতটাই অসফল যে,’ লি আবার পেদ্রো বুস্তামেন্তের আত্মহত্যার ফাইলের দিকে ইঙ্গিত করলেন।

তার সামনে বসা গোয়েন্দাকে গভীরভাবে পর্যবেক্ষণ করলো গার্সিয়া।

‘আমি যা বোঝাতে চাইছি,’ নিজের চেয়ারের হাতলে কনুই রেখে আঙুলগুলো মটকালেন লি, ‘তা হলো, পরিবার, বন্ধু, এমনকি ডাক্তাররাও অনেক সময় বুঝতে পারেন না যে, এই তরুণরা ভেতরে ভেতরে ধ্বংস হয়ে যাচ্ছে। তারা জানতেও পারে না যে তরুণরা এতটা বিষণ্নতায় ভুগছে। বাস্তবতা হলো, বেশিরভাগ মানুষ, বিশেষত তরুণরা, সাহায্য চাইতে জানে না। কিন্তু তারা একটা জিনিসই জানে, আর সেটা হলো সবকিছুকে একটা আড়াল দিয়ে ঢেকে রাখতে। দুঃখকে আড়াল করে এমন একটা মিথ্যা রূপ দেখায় যে সবকিছু ঠিকঠাক চলছে। আর প্রথম যে মানুষটা এই মিথ্যাটা বিশ্বাস করে, সে নিজেই। শুধুমাত্র একটু স্বস্তির জন্য তারা দেখায় যে সবকিছু ঠিক আছে, কোথাও না কোথাও তাদের গ্রহণযোগ্যতা আছে।’

তার কথার সাথে দ্বিমত পোষণ করতে পারলো না গার্সিয়া। ‘ময়নাতদন্ত রিপোর্ট সম্পর্কে কী বলবেন?’ জিজ্ঞেস করলো সে। ‘ওটা কি আপনাকে ভাবায়নি?’

ডিটেকটিভ লি তার দিকে ভ্রূ কুঁচকে তাকালেন। ‘আমি কখনো ময়নাতদন্ত রিপোর্ট দেখিইনি। দরকার পড়েনি। যেমনটা বললাম, এটা যে আত্মহত্যা, সে ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। সন্দেহজনক কোনো কিছুই পাওয়া যায়নি। আইনানুযায়ী, আত্মহত্যার ক্ষেত্রে ময়নাতদন্ত করা বাধ্যতামূলক, সেটা আপনি জানেন। সেই ময়নাতদন্ত রিপোর্টটা পরিবারের সুবিধার্থে মৃত্যুসনদে যোগ করা হয়।’

তবে গার্সিয়ার প্রশ্নটা শুনে কৌতূহল হলো ডিটেকটিভ লি’র। ‘কেন বলুন তো?’ জিজ্ঞেস করলেন তিনি। ‘ময়নাতদন্ত রিপোর্ট দেখে সন্দেহ হয়েছে আপনাদের?’

নড করলো গার্সিয়া। ‘হ্যাঁ, হয়েছে। কারণ, উচ্চ মাত্রায় অ্যালকোহল আর ট্রামাডল পাওয়া গিয়েছিল ছেলেটার রক্তে।’

ডিটেকটিভ লি’র মুখে বিস্মিত ভাবের সাথে সাথে সামান্য বিদ্রূপের আভাসও দেখা গেল। ‘এত সহজ ব্যাপারটা বুঝতে পারছেন না কেন, ডিটেকটিভ গার্সিয়া,’ বললেন লি, বলে এক মুহূর্ত বিরতি দিলেন। ‘প্রায় নিরানব্বই শতাংশ আত্মহত্যার ঘটনায় আত্মহত্যাকারীর দেহে প্রচুর পরিমাণে অ্যালকোহল বা ড্রাগ পাওয়া যায়। সাধারণত দুটোই থাকে। কারণ তারা যা করতে যায়, তা চূড়ান্ত এবং অপরিবর্তনীয়। চূড়ান্ত যাকে বলে। পুনরাবৃত্তি সম্ভব নয়।’

‘হ্যাঁ, আমি সেটা বুঝতে পারছি, কিন্তু…’

‘এক মিনিট, ডিটেকটিভ।’ গার্সিয়াকে বাধা দিলেন লি। ‘লস অ্যাঞ্জেলস পুলিশের ইউভিসি ইউনিট কেন পোমোনার এক বছরের পুরনো এক আত্মহত্যার বিষয়ে নিয়ে আগ্রহী?’

‘ছেলেটার নাম আমাদের এক তদন্তে এসেছে,’ ব্যাখ্যা করলো গার্সিয়া। ‘আমরা যতটা সম্ভব তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি।’

‘ওয়েল, আমার মনে হয় না আমি এমন কিছু বলতে পারবো যা আপনাদের রিপোর্টে নেই,’ চেয়ারে হেলান দিয়ে বললেন লি।

‘বাড়িওয়ালাই যে লাশটি খুঁজে পেয়েছিলেন, সে ব্যাপারে কি আপনি নিশ্চিত?’ জিজ্ঞেস করলো গার্সিয়া। ‘অন্য কেউ, যেমন প্রেমিকা, বা পরিবারের কেউ নয়?’

‘হ্যাঁ, আমি নিশ্চিত।’ আবার নিজের কম্পিউটার স্ক্রিনে স্ক্রল করলেন লি। ‘ঘটনার বিবরণে তা-ই বলা হয়েছে। বাড়িওয়ালা, মি. হুয়ান ডে বাসটিলা, প্রত্যেক বৃহস্পতিবারের মতো সেদিনও সাপ্তাহিক ভাড়া সংগ্রহ করতে এসেছিলেন। সময় ছিল সন্ধ্যা ৮টা বেজে ১০ মিনিট। বারবার বেল বাজানো ও নক করার পরেও কেউ সাড়া না দিলে নিজের চাবি দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করেন মি. ডে বাসটিলা। ভাড়ার কথা মনে করিয়ে দেওয়ার জন্য একটা নোট রাখার ইচ্ছে ছিল তার, তাই অ্যাপার্টমেন্টের ভেতরে যান। এরপরে তিনি বাথরুমের মেঝেতে পড়ে থাকা মি. বুস্তামেন্তের দেহ আবিষ্কার করেন, রক্তের পুকুরে ভাসছিল দেহটা। এরপর তিনি ৯১১-এ কল করেন।’

থামলেন লি, স্ক্রিনে নতুন কিছু পড়তে লাগলেন। ‘তবে…’

লি’র চোখে একরকম অনিশ্চয়তার ছায়া দেখতে পেলো গার্সিয়া। সে নিজেও একটু সামনে ঝুঁকে মনিটরের দিকে তাকালো। ‘তবে?’

‘আমি ফাইলে একটা মন্তব্য লিখে রেখেছিলাম,’ মনিটরে আঙুল রেখে দেখালেন লি। ‘ভেবেছিলাম, আত্মহত্যাটা হয়তো প্রেমে ব্যর্থ হওয়ার পরিণতি।’

মনোযোগ দিয়ে মন্তব্যটা পড়লো গার্সিয়া।

‘একটা হাতে লেখা নোটের জন্য?’ বিস্মিত দৃষ্টিতে লি’র দিকে তাকালো গার্সিয়া। ‘সে কি সুইসাইড নোট লিখে রেখে গিয়েছিল মৃত্যুর আগে? আমাদের ফাইলে তো এটার কথা উল্লেখ নেই।’

কাঁধ ঝাঁকালেন লি।

‘নোটটা কোথায়?’ জিজ্ঞেস করলো গার্সিয়া। ‘কী লেখা ছিল সেই নোটে? অন্ততপক্ষে এর একটা রেকর্ড তো আছে, না?’

‘উমম,’ কেসের মূল ফোল্ডারে ফিরে গিয়ে স্ক্রিনে ক্লিক করলেন লি। ‘হয়তো কোনো ছবি পাওয়া যেতে পারে।’

একটা সাবফোল্ডারের নাম ছিল ‘ফটো’। সেটি ওপেন করলেন লি, মাত্র বারোটা ছবি ছিল সেখানে। তারা যেটা খুঁজছিল, সেই ছবিটা ছিল তালিকার আট নাম্বারে। ছবিতে দেখা গেল, বাথরুমের সিঙ্কের ওপর একটি সাদা কাগজ রাখা। তাতে হাতে লেখা মাত্র বারোটা শব্দ, শব্দগুলো পড়ে গার্সিয়ার ঘাড়ের লোম খাড়া হয়ে গেল।

ডিটেকটিভ লি গার্সিয়ার এই পরিবর্তন লক্ষ করলেন। ‘কোনো সমস্যা, ডিটেকটিভ?’

নোটের ওপর স্থির হয়ে থাকলো গার্সিয়ার দৃষ্টি। ‘আপনি মজা করছেন আমার সাথে, তাই না?’

সাতষট্টি

হান্টার যেমনটা ভেবেছিল, গার্ডেনা হাই স্কুলের লাইব্রেরিটা তার চাইতেও অনেক বড়ো। ‘ইয়ারবুক’ সেকশনটা দ্বিতীয় তলায় এবং তাকের প্রথম ইয়ারবুকটা ১৯৪৮ সালের ক্লাসের। অনেক কষ্টে সেটা দেখার কৌতূহল দমন করলো হান্টার, তারপর ২০০৯ সালের জুনিয়র হাইয়ের ইয়ারবুকটি তুলে নিলো। ইয়ারবুকের মলাটটা হালকা নীল রঙের, কেন্দ্রে একটা কালো প্যান্থার।

ইয়ারবুকটা হাতে নিয়ে লাইব্রেরির সিটিং এরিয়াতে একটি ফাঁকা টেবিল খুঁজে নিলো হান্টার। দ্রুত পাতা উল্টে ২০০৯ সালের গ্র্যাজুয়েটিং ক্লাসের পাতায় চলে এলো। গার্ডেনা এমন একটা স্কুল, যেখানে প্রচুর ছাত্র-ছাত্রী পড়াশোনা করে। আর এরকম স্কুলগুলোয় এক শ্রেণিতে একাধিক ক্লাস থাকা অস্বাভাবিক নয়। ২০০৮/২০০৯ স্কুল বর্ষে, গার্ডেনা জুনিয়র হাইতে অষ্টম শ্রেণির চারটি আলাদা ক্লাস ছিল; ৮এ, ৮বি, ৮সি, এবং ৮ডি। ৮এ-তে ছাত্র ছিল ৫১ জন, ৮বি-তে ৫২ জন, ৮সি-তে ৫০ জন এবং ৮ডি-তেও ৫২ জন।

গ্র্যাজুয়েটিং ক্লাস হিসেবে, ইয়ারবুকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আরও বেশি পৃষ্ঠা বরাদ্দ করা অন্যান্য শ্রেণির তুলনায়। এছাড়াও রাখা আছে প্রায় চল্লিশ পৃষ্ঠার পুরো একটা সেকশন, যেখানে ছাত্রজীবনের সাধারণ দৃশ্য অথবা বিশেষ কিছু ছাত্র-ছাত্রীদের একাডেমিক, ক্রীড়া, স্কুল ক্লাব, ছাত্র সংসদ ইত্যাদি বিষয়ে সাফল্য তুলে ধরা হয়েছে।

তবে হান্টার সবচেয়ে বেশি আগ্রহী ছিল ক্লাসের পৃষ্ঠা নিয়ে। অন্যান্য আমেরিকান ইয়ারবুকের মতো এই ইয়ারবুকেও প্রতিটা ছাত্রের ছোটো ছোটো মাথার ছবি, সাথে নিচে লেখা ছাত্রছাত্রীর নাম। ধীরে ধীরে ৮এ ক্লাসের চারটে পাতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো হান্টার, কিন্তু সেই পাঁচজনকে খুঁজে পেলো না ও। তবুও, নিজের মোবাইল ফোনটা বের করে প্রতিটি পৃষ্ঠার ছবি তুলে নিলো ও, তারপর ৮বি ক্লাসে চলে গেল।

সব মিলিয়ে পাঁচ পাতায় ৮বি’র ছাত্রছাত্রীর ছবি সন্নিবেশিত হয়েছে এবং সেই ছবিগুলো আইডি সাইজের। প্রথম চারটে পাতায় চারটে করে সারি, প্রতি সারিতে চারটে করে ছবি, এবং শেষ ছয়টি ছাত্রের ছবি পঞ্চম ও শেষ পাতায় এলোমেলোভাবে ছড়িয়ে আছে।

প্রথম পাতাতেই জানেট ল্যাং ও ট্রয় ফস্টারের ছবি খুঁজে পেলো হান্টার। এক দেখাতেই চিনে ফেললো ও, নাম যাচাই করার দরকার পড়লো না।

পরের পাতায় পেদ্রো বুস্তামেন্তেকে খুঁজে পেলো হান্টার। খুব সাধারণ ছিল ছেলেটার চেহারা, মাথায় ছিল কালো কোঁকড়া চুল। কালো চোখ ও ফোলা গালের অধিকারী। প্রাণবন্তভাবে হাসছিল সে, তার হাসি দেখে মনে হচ্ছিল, আসলেই ছবি তোলার সময়টা উপভোগ করছিল। এরকমটা সাধারণত জুনিয়র হাই স্কুলের ছাত্রদের মধ্যে দেখা যায় না।

তৃতীয় পাতার প্রথম ছবিটা জোসি মসের। ছবিতে তার চুল কিছুটা ছোটো, গায়ের রঙও বর্তমানের তুলনায় কালো। তবে কোনো সমস্যা ছাড়াই মেয়েটাকে চিনতে পারলো ও। তেরো বছরে মেয়েটার সৌন্দর্য পরিবর্তিত হয়নি, পরিণত হয়েছে। অষ্টম শ্রেণির সব ছেলেরা যে তার মনোযোগ আকর্ষণের জন্য যে-কোনো কিছু করতে রাজি ছিল, তা ওই এক ছবিতেই বোঝা গেল।

পাতার পঞ্চম ছবিটা তাদের গ্রুপের শেষ ছাত্রী, সোফিয়া রিজোলি’র। জোসির মতো সে-ও মেয়ে হিসেবে খুব আকর্ষণীয়া। লম্বা, কালো চুল এসে পড়েছে বাদামি চোখজোড়ার ওপরে, হৃদয় আকৃতির মুখ। তার দাঁতে ব্রেস লাগানো থাকলেও, উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ তার হাসি। এই মেয়েটার সৌন্দর্যও কি জোসি মসের মতো পরিণত হয়েছে, ভাবলো হান্টার।

কৌতূহলবশত, ৮সি ও ৮ডি’র সব ছাত্রের ছবি দেখলো হান্টার। দেখা শেষ হলে নিজের ঘড়ি দেখলো ও, তারপর প্রিন্সিপাল মার্টিনেজের অফিসে ফিরে গিয়ে ব্রেন্ডাকে জানালো যে সেই সাত জন স্টাফ সদস্যের সাথে দেখা করার জন্য ও প্রস্তুত।

দশ মিনিট পর, লাইব্রেরিতে ফিরে এসে প্রধান পরিচ্ছন্নতাকর্মী মি. ব্যারোসের সাথে দেখা করলো হান্টার। মি. ব্যারোসের বয়স চৌষট্টি বছর। লম্বা, চিকন একজন পুরুষ, গার্ডেনা হাই স্কুলে পঁচিশ বছর ধরে কাজ করছেন। তার মধ্যে পনেরো বছরই প্রধান পরিচ্ছন্নতাকর্মী হিসেবে। ইয়ারবুক থেকে জ্যানেট, ট্রয়, জোসি, সোফিয়া এবং পেদ্রো, এই পাঁচজনের ছবি তাকে দেখালো হান্টার।

চোখ কয়েকবার পিটপিট করার পরে ট্রয় ফস্টারকে চিনতে পারলেন মি. ব্যারোস। ‘ওহ হ্যাঁ,’ তার চেহারার মতো তার কণ্ঠস্বরও দয়ার্দ্র শোনালো। ‘তার কথা মনে আছে আমার। ফুটবল প্লেয়ার ছিল, ঠিক না? ওয়াইড রিসিভার। খুব দ্রুত গতিতে দৌড়াতে পারতো, সেই সাথে শক্তিশালীও ছিল। অনেক দূরে যাওয়ার কথা ছিল ছেলেটার।’

বাকি চার জনের মধ্যে একমাত্র জোসি মসকেই কিছুটা মনে করতে পারলেন মি. ব্যারোস, সেটাও শুধুমাত্র সে চিয়ারলিডিং টিমের সদস্য ছিল বলে। তাকে ট্রয় এবং জোসি সম্পর্কে একসাথে জিজ্ঞাসা করার চেষ্টা করলো হান্টার। ফুটবল ও চিয়ারলিডিং ছাড়া আর কিছু মনে করতে পারেন কিনা, জিজ্ঞেস করলো মি. ব্যারোসকে। কিন্তু মি. ব্যারোস আর কিছু মনে করতে পারলেন না। দুঃখ প্রকাশ করে বললেন যে বয়স হয়ে গেছে তার, স্মৃতি আগের মতো নেই। আর তাছাড়া তিনি কেবল সাধারণ একজন স্কুল পরিচ্ছন্নতাকর্মী। খুব কম ছাত্রই তার সাথে কথা বলতো। তিনি হান্টারকে জানালেন যে তিনি নিজের মতো কাজ করতেন, ছাত্রদের ভালোমন্দ দেখার দায়িত্ব তার ছিল না। ট্রয় এবং জোসিকে মনে রাখার একটাই কারণ, সেটা হলো ফুটবল। এবং তিনি যখনই সুযোগ পেতেন, স্কুলের খেলা দেখতেন।

মি. ব্যারোসের পর, স্কুল ক্যান্টিনের তিনজন সদস্য, স্কুলের মালী এবং একজন নিরাপত্তা রক্ষীর সাথে সাক্ষাৎ করলো হান্টার। সেদিন ছুটিতে ছিল দ্বিতীয় নিরাপত্তা রক্ষী। ট্রয়কে পাঁচজনই চিনতে পারলো, তবে শুধু ফুটবল খেলোয়াড় হিসেবেই। কিন্তু বাকি চারজনের কাউকে, এমনকি জোসিকেও চিনতে পারলো না তারা। তাদের সবাইকে স্কুলে উত্যক্ত করা, মারামারি, হাসিতামাশা সম্পর্কিত ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলো হান্টার, এমন কিছু যার সাথে হয়তো ট্রয় জড়িত ছিল। কিন্তু তাদের কেউই কিছু মনে করতে পারলো না এবং সবাই হান্টারকে প্রায় একই উত্তর দিলো।

প্রথমত, হান্টার যা জিজ্ঞেস করছিল, তা প্রায় তেরো বছর আগের কথা, যা মনে রাখা বেশ কঠিন। দ্বিতীয়ত, প্রায় দেড় হাজার ছাত্র-ছাত্রী নিয়ে একটি স্কুলে, মারামারি, হাসিতামাশা এবং উত্যক্ত করা প্রতিদিনই ঘটে, এগুলো আলাদাভাবে মনে রাখার কোনো কারণ নেই। তবে এটা ঠিক, শারীরিকভাবে শক্তিশালী ছাত্ররা দুর্বল ছাত্রদেরকে উত্যক্ত করে। যেসব ছাত্ররা খেলাধুলা করে, তারা উত্যক্ত করে যারা খেলাধুলা করে না তাদেরকে। মেয়েরা অন্য মেয়েদের উত্যক্ত করে তাদের চুল, জামাকাপড়, জুতো অথবা হাজারটা ফালতু কারণ নিয়ে। গ্রুপে গ্রুপে আড্ডা দেওয়ার অন্যতম কারণ এটা। কোনো নিঃসঙ্গ ছাত্র, অথবা বাইরে থেকে এসেছে বলে মনে করা হলে তাকে বেছে নেয়া হতো উত্যক্ত করার জন্য।

সবার শেষে নিরাপত্তা প্রহরীকে জেরা করলো হান্টার আর শেষ করতেই জ্যাকেটের পকেটে কাঁপতে শুরু করলো ওর ফোন।

‘রবার্ট,’ ফোন ধরতেই বললো গার্সিয়া। ‘তুমি বিশ্বাস করতে পারবে না, কী পেয়েছি।’

‘কিছু পেয়েছো না-কি?’

‘হ্যাঁ, সেরকমটাই।’

‘শুনছি, বলো।’

‘পেদ্রো বুস্তামেন্তের মৃত্যুটা আত্মহত্যা নয়।’

সামান্য বিরতি হান্টারের তরফ থেকে। ‘কথাটা কি ডিটেকটিভ লি তোমাকে বলেছেন?’

‘না। ডিটেকটিভ লি নিশ্চিত যে এটা আত্মহত্যা,’ জবাব দিলো গার্সিয়া। ‘তার মতে এটা ক্লাসিক ওপেন-এন্ড-শাট কেস, কিন্তু আমি এমন কিছু পেয়েছি যা আজ সকালে আমাদের দেওয়া ফাইলে উল্লেখ করা হয়নি।’

‘তাই না-কি? কী সেটা?’

‘হাতে লেখা আত্মহত্যার নোট… বাথরুমের সিঙ্কের ওপর রেখে গিয়েছিল সে। হাতের লেখাটা ছিল মি. বুস্তামেন্তের। সেটা তার মা সেই সময়ে নিশ্চিত করেছিলেন।’

হান্টার অনুভব করলো, তার গালের পেশি শক্ত হয়ে যাচ্ছে। ‘আচ্ছা, আর তাতে কী লেখা ছিল?’

‘তুমি কি বসে আছো?’

‘হ্যাঁ। তাতে কী লেখা ছিল?’

‘এই আঁধারে জ্বলে না আলো, তোমার মতো দ্বীপ্তিতে আর।’

আটষট্টি

ফোনটা কানের সাথে চেপে ধরে শূন্যদৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে থাকলো হান্টার, তবে মস্তিষ্ক ঠিকই দ্রুত গতিতে কাজ করে যেতে লাগলো। সবকিছু এখন খাপে খাপে বসতে শুরু করেছে, সবকিছু আস্তে আস্তে অর্থবহ লাগতে শুরু করেছে ওর কাছে।

‘রবার্ট?’ ফোনের ওপাশ থেকে সাড়া না পেয়ে ডাকলো গার্সিয়া। ‘শুনতে পাচ্ছো আমার কথা?’

‘হ্যাঁ, পাচ্ছি।’ আরও কয়েক মুহূর্ত নীরব থাকলো হান্টার। ‘এর মানে, মেন্টরের প্রথম শিকার ছিল মি. বুস্তামেন্তে।’

‘হ্যাঁ, নিশ্চিতভাবে সে-ই প্রথম শিকার ছিল,’ একমত হলো গার্সিয়া। ‘কারণ একমাত্র এভাবেই পেদ্রো’র প্রিয়জনদের পরিবর্তে তাকে কেন খুন করা হলো, সেটা ব্যাখ্যা করা যায়। কারণটা শুধু এ-ই নয় যে, একা বসবাস করতো সে। আমিও প্রথমে এমনটাই ভেবেছিলাম, কিন্তু ডিটেকটিভ লি’র তথ্য অনুযায়ী, পেদ্রো তার বাবা-মায়ের, বিশেষ করে মায়ের খুব ন্যাওটা ছিল। তার বাবা-মা কোভিনাতে থাকেন, এখান থেকে খুব বেশি দূরে নয়। আমি পোমোনার পরে তাদের সাথে দেখা করার চেষ্টা করবো।’

‘আইডিয়াটা ভালো,’ একমত হলো হান্টার।

‘পেদ্রো ছিল মেন্টরের প্রথম ভিকটিম,’ আবার আগের কথার খেই ধরলো গার্সিয়া, ‘তার পরবর্তী সব খুনের ক্ষেত্রে চরম নৃশংসতা দেখালেও মেন্টর কেন প্রথম খুনটাকে আত্মহত্যার মতো উপস্থাপন করেছে, সেটা বোঝা যায়। পেদ্রো বুস্তামেন্তেকে হত্যার সময় মেন্টরের কোনো মোডাস অপারেন্ডি ছিল না… ছিল না কোনো পরিকল্পনা, এমনকি ‘মেন্টর’-এর ধারণাটাও ছিল না। তখন ছিল শুধু চরম রাগ থেকে প্রতিশোধ গ্রহণের তীব্র ইচ্ছা। আর তাই এই প্রথম হত্যাকাণ্ডটি ছিল পরিকল্পনাহীন ও আবেগের বশে করা।’

‘তোমার সাথে আমি একমত,’ বললো হান্টার। ‘আর তাই মেন্টর পরের খুনটা করতে এক বছরেরও বেশি সময় নেয়। বানানো আত্মহত্যা, অর্থাৎ প্রথম খুনের ধরন পছন্দ হয়নি তার। এই খুনে কোনো কষ্ট, কোনো যন্ত্রণা, কোনো অত্যাচার, কিছুই ছিল না। খুনটা করে আনন্দ বা তৃপ্তি কিছু পায়নি সে, কিন্তু সেটা সে বুঝতে পারে পেদ্রোকে হত্যা করার পরে। তারপর নিজেকে গুছিয়ে নেয় সে… পরিকল্পনা খাড়া করে… এবং পেদ্রোর দলের অন্য সদস্যদের খুঁজে বের করার জন্য প্রস্তুতি নেয়।’

তখনই বাইরে স্কুলের ঘণ্টা বাজলো। মি. হার্টলির সাথে কথা বলার সময় হয়ে গেছে।

‘যদি আমরা ঠিক হই, রবার্ট, তবে এই প্রথম খুন ছিল আবেগের বিস্ফোরণ।’

‘যার মানে, পরের তিন হত্যাকাণ্ডের সময়ে মেন্টর যতটা সতর্ক ছিল, প্রথমবার ততটা ছিল না,’ পার্টনারের কথার মধ্যে বাধা দিয়ে বললো হান্টার। ‘যার মানে, হয়তো প্রথম ক্রাইম সিনে কোনো ফরেনসিক এভিডেন্স রেখে গেছে সে। ক্রাইম সিন ডকুমেন্টেড করা হয়েছিল?’

‘না।’ হতাশা ঝরে পড়লো গার্সিয়ার কণ্ঠে। ‘ক্রাইম সিনটাকে ক্রাইম সিন হিসেবে বিবেচনাই করা হয়নি, পরিষ্কার আত্মহত্যার মামলা হিসেবে বিবেচনা করা হয়েছিল, মনে আছে? পোমোনা পুলিশের কাছে সব মিলিয়ে বারোটা ছবি আর ঘটনার বিবরণ-সহ একটা শিট রয়েছে। এর বেশি কিছু নেই।’

‘যা আছে, সব ইমেইল করতে বলো। প্রত্যেকটা ফাইল, প্রত্যেকটা ছবি। কখন কী কাজে লাগে, তা বলা যায় না।’

‘বলেছি।’

‘চমৎকার।’

‘তোমার কী অবস্থা? গার্ডেনা জুনিয়র হাইয়ে কাজ কেমন চলছে? কোনো অগ্রগতি হলো?’

‘এখনো হয়নি। তবে ২০০৯ সালে এখানে শিক্ষকতা করতেন, এমন একজন শিক্ষকের সাথে কথা বলতে যাচ্ছি।’

‘আশাপ্রদ ব্যাপার। পোমোনায় কাজ শেষ হলে পেদ্রো বুস্তামেন্তের বাবা-মা’র বাসায় যাবো। তাদের সাথে কথা বলার পর তোমাকে ফোনে জানাবো।’

ফোন কেটে দিলো হান্টার, কিন্তু কাটার পরেও জায়গা থেকে নড়লো না। মগজ ব্যস্ত হয়ে গেছে ওর, প্রত্যেকটা ঘটনা খতিয়ে দেখছে। প্রথম হত্যাকাণ্ড রাগের মাথায় বা আবেগের বশে করে দীর্ঘ বিরতি নিয়ে পরিকল্পিতভাবে পরের হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে খুনি, এমন কেসে আগেও কাজ করেছে ও। আর এসব ক্ষেত্রে একটা ব্যাপার সবসময় একই থাকে; আর তা হলো, খুনিদের ক্রোধ কখনো তাদের যুক্তিবোধকে ছাড়িয়ে যায় না।

কৌতূহলবশত, লাইব্রেরির চেকআউট কার্ডের খোঁজে ইয়ারবুকের পেছনের কাভার উল্টে দেখলো হান্টার। কার্ডটা একদম ফাঁকা। এই ইয়ারবুকটা কেউ কখনো ধার নেয়নি। আবার ঘড়ির দিকে তাকালো ও। এবার সত্যিই মি. হার্টলির সঙ্গে দেখা করার সময় হয়ে গেছে।

কিন্তু ইয়ারবুকটা বন্ধ করার জন্য হাত বাড়াতেই ও দেখতে পেলো, বইয়ের শেষ চারটে পাতা শিক্ষার্থীদের বিশেষ অংশের জন্য বরাদ্দ। বিষয়টা আগে খেয়াল করেনি ও। দ্রুত সেই অংশটা পড়লো হান্টার, পৃষ্ঠাগুলোর বারোজন শিক্ষার্থীর ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। তেমন গুরুত্বপূর্ণ কিছু পেলো না। তবে সেই বিশেষ অংশের একেবারে শেষ পাতায় থাকা একটা জিনিস নতুন এক চিন্তার উদ্রেক করলো ওর মনে। আরেকবার অন্ধকারে ঢিল ছোঁড়ার কথা ভাবলো ও।

চট করে উঠে ইয়ারবুক সেকশনে ফিরে গেল হান্টার। এবার ২০১০ সালের জুনিয়র হাই ক্লাসের ইয়ারবুকটা তুলে নিলো। বুকশেলফের পাশে দাঁড়িয়ে ইয়ারবুকের শেষ পাতাগুলো ওল্টাতে শুরু করলো ও। ২০০৯ সালের ইয়ারবুকে খুঁজে পাওয়া সেই বিশেষ অংশটা খুঁজছে। পাওয়া গেল, এই ইয়ারবুকে আছে চার পাতার বদলে সাত পাতা। দ্রুত পাতাগুলো পড়ে ফেললো ও, ছবিগুলো খুঁটিয়ে দেখলো। না, কিছুই নেই। আন্দাজে ঢিল ছোঁড়া ব্যর্থ হলো আরেকবার। তবে বইটি শেলফে রাখতে গিয়ে থেমে গেল।

‘এক সেকেন্ড,’ নিজের উদ্দেশ্যে ফিসফিস করলো ও। ‘আমি হয়তো ভুল ইয়ারবুক দেখছি।’

বুকশেলফে চোখ বোলাতে লাগলো ও, বোলাতে বোলাতে ২০১০ সালের অন্য সংস্করণটি পেয়ে গেল। তবে এটা গার্ডেনা হাই স্কুলের, জুনিয়র হাইয়ের নয়। ‘এটা অনেক বেশি যুক্তিসংগত ও অর্থবহ হবে।’

বইটা তুলে নিলো হান্টার, আবার সেই বিশেষ অংশের খোঁজে শেষের পাতাগুলো ওল্টাতে শুরু করলো। হাই স্কুলের ইয়ারবুকটা জুনিয়র হাইয়ের তুলনায় বেশ অনেকখানি পুরু। এই বইয়ে বিশেষ অংশটা মোট একুশ পাতার। তবে সব পাতা ওকে দেখতে হলো না। অংশের শুরুর দিকে পাতা ওল্টাতে ওল্টাতে হঠাৎ থেমে গেল হান্টার, ওর চোখজোড়া আটকে গেল একটা ছবিতে। যা দেখছে, তা রীতিমতো অবিশ্বাস্য ঠেকলো ওর কাছে।

‘এ অসম্ভব।’

হান্টারের কথা প্রতিধ্বনিত হলো ওর আর বুকশেলফের মাঝখানের ফাঁকা জায়গায়। মাথার মধ্যে অদ্ভুত একটা ধারণা গজাতে শুরু করলো, তবে অযৌক্তিক মনে হওয়ায় তৎক্ষণাৎ বাদ দিয়ে দিলো ও। ‘এ হতে পারে না।’

দ্রুত নিজের টেবিলে ফিরে গেল ও, পাতার তিনটে ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। তারপর আবার ২০০৯ সালের জুনিয়র হাইয়ের ইয়ারবুক খুললো। ওর সামনে এখন দুটো ইয়ারবুক খোলা অবস্থায় টেবিলে রাখা, ওর দৃষ্টি এক বই থেকে অন্য বইতে ঘুরতে লাগলো। যা খুঁজে পেয়েছে, তা মেলাতে এক মিনিটেরও কম সময় লাগলো ওর।

গার্ডেনা হাইয়ের ২০০৯ সালের ইয়ারবুকের আরেকটা পাতা ওল্টালো হান্টার, একটা ছবি দেখে থেমে গেল। ছবির ভেতর থেকে বিষণ্ণ চোখে তার দিকে তাকিয়ে আছে এক কিশোর। হান্টারের মনে হলো, ওর হৃদপিণ্ডটা যেন লাফ দিয়ে গলার কাছে উঠে এসেছে। ফোনটা হাতে নিলো ও।

‘রবার্ট,’ পার্টনারের ফোন ধরে বললো গার্সিয়া। ‘কী খবর?’

ছবির নিচের নামটা নিঃশব্দে পড়লো হান্টার। ‘কার্লোস,’ বললো ও, ‘আমার মনে হয়, আমরা কাকে খুঁজছি, তা এখন আমি জানি।’

‘কীহ?’

‘মেন্টরের কথা বলছি… আমার মনে হয়, এই মুহূর্তে তার ছবির দিকে তাকিয়ে আছি।’

ঊনসত্তর

গার্ডেনা জুনিয়র হাই থেকে বেরিয়ে এলো হান্টার। স্কুল লাইব্রেরিতে যা জানতে পেরেছে তা নিয়ে জ্যানেট ল্যাং আর জোসি গ্রিফিথের সাথে কথা বলতে চায় ও, কিন্তু এই মুহূর্তে তাদের মুখোমুখি না হওয়ার জন্য অনেক কষ্টে নিজেকে সামলালো হান্টার। শেষ পর্যন্ত যে কথা বলতেই হবে, তা ও জানে, কিন্তু তার আগে রিসার্চ টিমের কাছ থেকে ওর থিওরির ব্যাপারে নিশ্চিত প্রমাণের প্রয়োজন। ওর অভিজ্ঞতা বলে, মানুষের কাছে যখন এমন কোনো সত্য প্রকাশ পায় যা তারা লুকিয়ে রাখতে চায়, তখন বেশিরভাগ মানুষই মিথ্যা বলে, তার ফলাফল যতই বিপজ্জনক হোক না কেন।

হান্টার সবার আগে পুলিশ প্রশাসন ভবনে পৌঁছে গেল। ওর প্রায় আধা ঘণ্টা পরে হাজির হলো গার্সিয়া, আর তার দুই মিনিটের মাথায় হাজির হলেন ক্যাপ্টেন ব্লেক। মেয়র আর পুলিশ প্রধানের সঙ্গে তার মিটিংটা নির্ধারিত সময়ের চাইতেও একটু বেশি সময় দীর্ঘায়িত হয়েছে।

‘আপনারা খুঁজে পেয়েছেন লোকটাকে?’ ওদের অফিসের দরজা পার করেই বিস্মিত গলায় প্রশ্ন করলেন ক্যাপ্টেন। ‘খুনিকে পেয়েছেন আপনারা? কীভাবে পেলেন? কে সে?’

মিটিং থেকে বের হওয়ার পর দুটো জরুরি মেসেজ পান ক্যাপ্টেন। প্রথমটা পাঠিয়েছিল গার্সিয়া, মেসেজে সোফিয়া এলিয়টের ইতালি গমন সম্পর্কে জানিয়ে তার বাড়িতে একটা নজরদারি দল মোতায়েনের অনুরোধ করা হয়েছিল। দ্বিতীয় মেসেজটা পাঠিয়েছিল হান্টার।

‘একটা নাম পেয়েছি আমরা,’ ছবির বোর্ড থেকে ঘুরে ক্যাপ্টেনের দিকে তাকিয়ে উত্তর দিলো হান্টার। ‘অবস্থান এখনো জানা যায়নি।’

‘আচ্ছা, বলুন এবার। লোকটা কে?’

‘তার নাম মাইকেল উইলিয়ামস,’ সামান্য বাঁয়ে সরলো হান্টার, বোর্ডে নতুন একটা ছবির দিকে ইঙ্গিত করলো। ‘এই ছবিটা গার্ডেনা হাইয়ের এক পুরানো ইয়ারবুক থেকে নেয়া। ছবিতে ফর্সা ত্বক, হালকা বাদামি চোখ আর সুচালো নাকের অধিকারী একজন শক্তসমর্থ কিশোরকে দেখা গেল। তার কালো লম্বা চুলে সামান্য ঢাকা পড়েছে তার চোখ। ঠোঁট সামান্য বেঁকে গেছে, যেন জোর করে হাসার চেষ্টা করছে।’

‘এই ছবি তোলার সময় মি. উইলিয়ামসের বয়স ছিল সতেরো,’ ব্যাখ্যা করলো হান্টার। ‘এটা তোলা হয়েছিল আজ থেকে তেরো বছর আগে। সে ২০০৯ সালে গার্ডেনা হাই স্কুল থেকে গ্র্যাজুয়েশন করেছে, জুনিয়র হাই থেকে নয়। এখনো আমরা তার নতুন কোনো ছবি খুঁজে পাইনি বটে, কিন্তু রিসার্চ টিম কাজ করছে।’

‘সোশ্যাল মিডিয়ায় নেই কিছু?’ ক্যাপ্টেন ব্লেকের পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো গার্সিয়া। ‘কিছু না কিছু তো থাকার কথা।’

‘রিসার্চ টিম এখন পর্যন্ত তিনটে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অসংখ্য মাইকেল উইলিয়ামসের প্রোফাইল খুঁজে পেয়েছে। দুর্ভাগ্যবশত, মাইকেল নামটা যুক্তরাষ্ট্রে সবচেয়ে সাধারণ পুরুষ নামের মধ্যে চতুর্থ।’

শব্দ করে হাসলেন ক্যাপ্টেন। ‘আর আমাদের দুর্ভাগ্য, উইলিয়ামস নামটাও বেশ কমন, তাই না?’

‘শীর্ষ তিনের একটা,’ নিশ্চিত করলো হান্টার। ‘যুক্তরাষ্ট্রে প্রায় দুই মিলিয়ন মানুষ এই নাম ব্যবহার করে। তবে সত্যি কথা বলতে, সোশ্যাল মিডিয়ার সমস্যা হলো, যে কেউ সেখানে নিজের পছন্দমতো নাম ব্যবহার করতে পারে। মাইক, মিক, ম্যাক, যে-কোনো নামই ব্যবহার করতে পারে আমাদের এই মাইকেল। চাইলে ‘পাপি’ নামেও নিজের পরিচয় দিতে পারে সে।’

ডান পাশে সামান্য মাথা ঝোঁকালো হান্টার। ‘আমরা আশা করছি, সেটা সে করেনি। তবে এ কারণেই রিসার্চ টিম সোশ্যাল মিডিয়ায় থাকা ‘মাইকেল উইলিয়ামস’দের ছবির সাথে ফেশিয়াল রিকগনিশন না করে, ক্যালিফোর্নিয়া স্টেটের ড্রাইভিং লাইসেন্সের ছবিগুলোর সাথে ফেশিয়াল রিকগনিশন করছে। সামান্য বিরতি দিলো হান্টার। ‘এখন পর্যন্ত কোনো মিল পাওয়া যায়নি বটে, তবে ওরা কাজ শুরু করেছে মাত্র। পাশাপাশি তার নাম দিয়ে বাড়ির মালিক, গাড়ির মালিক, ইউটিলিটি বিল, ক্রেডিট কার্ড, সব ধরনের ডাটাবেস চেক করছে।’

‘তার বাবা-মা’কে খুঁজে বের করলে কেমন হয়?’ জিজ্ঞেস করলো গার্সিয়া। ‘তারা হয়তো জানে, কোথায় তাদের ছেলেকে খুঁজে পাওয়া যাবে।’

‘রিসার্চ টিম সেটা নিয়েও কাজ করছে।’

‘এক সেকেন্ড,’ হান্টার ড্রাইভিং লাইসেন্সের উল্লেখ করায় বললেন ক্যাপ্টেন। ‘আপনি বললেন যে মাইকেল নামের এই লোকটা ২০০৯ সালে গ্র্যাজুয়েশন করেছে, তাই তো? তখন তো স্কুলে ড্রাইভার’স এড (ড্রাইভিং শেখানোর কোর্স) পড়ানো হতো, তাই না? যতদূর মনে পড়ে, কোর্সটা স্কুলের কারিকুলাম থেকে ২০১২ বা ২০১৩ সালের দিকে বাদ দেওয়া হয়।’

‘ঠিক বলেছেন,’ নিশ্চিত করলো হান্টার। ‘আমি গার্ডেনা হাইয়ে চেক করেছি, মাইকেল উইলিয়ামস স্কুলে থাকাকালীন সময়ে ড্রাইভার’স এড কোর্স করেনি। সে সময়ে যে বাসায় সে থাকতো, সে ঠিকানাও চেক করেছি। স্কুল থেকে বেশি দূরে থাকতো না সে।’

‘কিছু পাওনি বোধহয়?’ জিজ্ঞেস করলো গার্সিয়া।

না-বোধক মাথা নাড়লো হান্টার। ‘২০১০ সালে সেখান থেকে চলে যায় উইলিয়ামস পরিবার। ওয়েস্ট ১৫৬তম স্ট্রিটের একটা ছোটো অ্যাপার্টমেন্টে থাকতো তারা। নক করার পরে যারা দরজা খুলেছে, সব অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের সাথেই কথা বলেছি আমি। কেউই তাদের কথা মনে করতে পারেনি।’

‘কেউই না?’ ক্যাপ্টেন ব্লেক হান্টারের দিকে অবিশ্বাস নিয়ে তাকালেন।

‘ভবনটায় মোট বারোটা অ্যাপার্টমেন্ট,’ ব্যাখ্যা করলো হান্টার। ‘এবং সবগুলোই এক মালিকের। ভাড়াটিয়াদের বক্তব্য, মালিক খুব বেশি ভাড়া নেয়। এমন জায়গায় তিন-চার বছরের বেশি কেউ থাকতে চায় না, ক্যাপ্টেন। বারো বছর ধরে সেখানে বসবাস করছে, এমন কেউই সেখানে নেই। সেকারনে কেউই উইলিয়ামসদের কখনো দেখেনি।’

‘মালিকের সঙ্গে কথা হয়েছে?’ ক্যাপ্টেন জিজ্ঞেস করলেন।

‘শুধু ফোনে। তার বক্তব্যানুযায়ী, ভদ্র পরিবার ছিল এই উইলিয়ামসরা এবং সময়মতো ভাড়া দিতো। তার রেকর্ড অনুযায়ী, ২০১০ সালের ফেব্রুয়ারিতে চলে যায়। তাদের কোনো পরবর্তী ঠিকানা তার জানা নেই।’

ঠিক তখনই কিছুক্ষণ আগে হান্টারের উল্লেখ করা কিছু একটা মনে পড়লো গার্সিয়ার।

‘দাঁড়াও,’ হাত তুলে হান্টারের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। ‘তুমি বললে, এই মাইকেল ২০০৯ সালে হাই স্কুল থেকে গ্র্যাজুয়েশন করেছে… জুনিয়র হাই থেকে নয়?’ বলে বোর্ডের ছবির দিকে ইশারা করলো সে। ‘আর ২০০৯ সালে, তার বয়স ছিল ১৭ বছর?’

‘হ্যাঁ, আমি সেটাই বলেছি,’ নিশ্চিত করলো হান্টার, বুঝে গেছে গার্সিয়া কোন দিকে ইঙ্গিত করছে।

ক্যাপ্টেন ব্লেকের চেহারা থেকেও বোঝা গেল, তিনিও বিষয়টা ধরার দিকে এগোচ্ছেন।

‘তার মানে, জ্যানেট, ট্রয়, জোসি, সোফিয়া আর পেদ্রো যখন অষ্টম গ্রেড শেষ করে, তখন তাদের বয়স তেরো বা চৌদ্দ বছর,’ গার্ডেনা জুনিয়র হাইয়ের শিক্ষার্থীদের ছবির দিকে ইঙ্গিত করে বললো গার্সিয়া। ‘একই সময়ে মাইকেল উইলিয়ামস ছিল হাই স্কুলের সিনিয়র ছাত্র, বয়স ছিল সতেরো বছর।’

‘একদম ঠিক ধরেছো,’ আবার নিশ্চিত করলো হান্টার।

শেষমেশ ক্যাপ্টেন বুঝতে পারলেন, সমস্যাটা কোথায়।

‘দাঁড়ান, দাঁড়ান,’ সামনে এগিয়ে এলেন তিনি। ‘অষ্টম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীর একটা গ্রুপের কোনোভাবেই সতেরো বছর বয়সের হাই স্কুলের একজন সিনিয়রকে উত্যক্ত করা সম্ভব নয়, বিশেষত যখন সে দেখতে এমন মারদাঙ্গা,’ বোর্ডের ছবির দিকে ইশারা করলেন ক্যাপ্টেন। ‘ছোকরাকে দেখে রীতিমতো বক্সার বলে মনে হয়।’

‘আপনিও ঠিক ধরেছেন,’ বললো হান্টার। ‘তারা মাইকেলকে উত্যক্ত করেনি।’

হান্টারের শেষ কথাতে অন্য কিছুর ইঙ্গিত ছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *