নব্বই
‘ফোন ধরছে না অ্যাম্বার,’ ফোন রেখে বললো গার্সিয়া।
গার্সিয়া, ক্যাপ্টেন ব্লেক, পুলিশ প্রধান, দুজন এফবিআই এজেন্ট, আমেরিকান এয়ারলাইনসের দুজন প্রতিনিধি, দুজন এয়ারপোর্ট কর্মকর্তা এবং একজন এসএসি (সুপারভাইজার এয়ার মার্শাল ইন চার্জ), টার্মিনাল বি’র অস্থায়ী কনফারেন্স রুমের এক বড়ো টেবিল ঘিরে দাঁড়িয়ে ছিল। টার্মিনাল থেকে সব ফ্লাইট আপাতত বাতিল বা স্থগিত করা হছে। নিরাপত্তার জন্য খালি করে দেওয়া হয়েছে পুরো টার্মিনাল।
‘খবর ভালো বলে মনে হচ্ছে না,’ সবার উদ্দেশ্যে মাথা নেড়ে বললো একজন এফবিআই এজেন্ট। ‘আক্রমণের পরিকল্পনা করতে হবে আমাদের, আর সেটা এখনই।’
‘ওয়েল, আমাদের হাতে আর কোনো উপায় না থাকলে সেটা করবো আমরা,’ এফবিআই এজেন্টের আইডিয়া নাকচ করে দিলেন ক্যাপ্টেন ব্লেক। ‘বিমানের ভেতরে দেখতে পাচ্ছি না আমরা। সব শেড বন্ধ করা, যার মানে, আন্দাজে আক্রমণ করা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের হাতে। বিমানে একজন সিভিলিয়ান, একজন এয়ার মার্শাল, আর আমার সেরা ডিটেকটিভদের একজন আছে। এবং আমরা সবাই জানি, আন্দাজে আক্রমণ করলে কী হতে পারে। মানুষগুলো স্রেফ মারা যাবে। না, এই পরিকল্পনায় যাবো না আমরা।’
‘বিমানের ভেতরে দেখাটা কোনো বিষয়ই নয়,’ ক্যাপ্টেন ব্লেককে পাল্টা যুক্তি দিলো এফবিআই এজেন্ট। ‘বিমানের তল দিয়ে একজন লোককে পাঠালেই ঝামেলা মিটে যায়। গ্যালি লিফটের মাধ্যমে ভেতরে ঢুকে ফাইবার অপটিক ক্যামেরা ব্যবহার করে আমাদের ভিজ্যুয়াল দেবে সে। এরপর আর পরিকল্পনা করতে বাধা থাকবে না আমাদের।’
শব্দ করে হাসলো গার্সিয়া। ‘আপনি বোধহয় কিছু জিনিস ভুলে যাচ্ছেন, বাডি।’
‘যেমন?’ চ্যালেঞ্জের সুরে বললো এজেন্ট।
‘যেমন, বিমানটা গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে, আর এর ইঞ্জিন বন্ধ,’ উত্তর দিলো গার্সিয়া। ‘এটা হলো প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো যে চারজন বাদে পুরো বিমানটা খালি। আর সেই চারজনকে শেষ যারা দেখেছে, তারা
জানিয়েছে, ওই চারজন বিমানের মাঝের গ্যালির আশপাশে অবস্থান করছিল। এর মানে হলো, বিমানটা একদম নীরব। ইঞ্জিনের শব্দ বা যাত্রীদের হইহুল্লোড় একজন মানুষের বিমানের তল দিয়ে প্রবেশ করা এবং গ্যালি লিফট ব্যবহার করার শব্দ ঢেকে ফেলতে পারতো। এরকম বড়ো ও খালি একটা বিমানের ভেতরে সামান্য শব্দও প্রতিধ্বনিত হবে, আর সাথে সাথে সেটা আমাদের অপরাধী সাহেবা শুনে ফেলবেন। আর যদি সেটা হয়, তাহলে সবাই মারা পড়বে।’ মাথা নাড়লো গার্সিয়া। ‘ক্যাপ্টেন যেমনটা বললেন, ‘সবাই মারা পড়বে’ এমন পরিকল্পনায় যাবো না আমরা।’
‘তাহলে আপনি কী চাইছেন?’ প্রশ্ন করলো এজেন্ট। ‘বসে বসে মাছি মারবো আমরা?’
নড করলেন ক্যাপ্টেন ব্লেক। ‘এই মুহূর্তে সেটাই করবো আমরা। আরও পাঁচ মিনিট অপেক্ষা করবো, দেখা যাক এয়ার মার্শালের কাছ থেকে কোনো কল আসে কিনা। এয়ার মার্শাল তো এটাই বলেছিলেন, তাই না? তিনি বলেছিলেন, ফোনের পাশে থাকতে, সময়মতো আবার কল আসবে আমাদের কাছে। হয়তো এখনো সময় হয়নি। পাঁচ মিনিট অপেক্ষা করা যাক। যদি এর মধ্যে কোনো কল না আসে, আমরা আবার কল করবো।’
‘সেটা করলে সময় নষ্ট করা হবে,’ এবার নাক গলালো দ্বিতীয় এফবিআই এজেন্ট। ‘এখন যেহেতু কেউ ফোন ধরছে না, তাহলে পাঁচ মিনিটের মধ্যে ওদিক থেকে ফোন আসবে তা ভাবছেন কেন?’
‘কারণ, আমি যেমনটা বললাম,’ উত্তর দিলেন ক্যাপ্টেন ব্লেক, ‘আমার সেরা ডিটেকটিভদের একজন সেই বিমানের ভেতরে আছে, যে মানব আচরণের বিষয়ে দক্ষ একজন মনোবিজ্ঞানীও। আমি জানি যে এই মুহূর্তে সে ওই মহিলার সাথে আলোচনা করছে।’ থামলেন তিনি এবং আমেরিকান এয়ারলাইনসের প্রতিনিধি দুজনের দিকে তাকালেন। ‘ডিটেকটিভ হান্টারই সেই ব্যক্তি, যার কারণে আমরা সব ক্রু মেম্বার এবং একজন বাদে বাকি যাত্রীদের নিরাপদে বিমান থেকে বের করে আনতে সক্ষম হয়েছি। যদি কেউ অপরাধীকে আত্মসমর্পণের ব্যাপারে রাজি করাতে পারে, তবে সেটা একমাত্র আমার লোকই পারবে। ডিটেকটিভ হান্টার জানে যে ফোন না ধরলে উদ্বিগ্ন বোধ করবো আমরা, আর এই মুহূর্তে সে অপরাধীকে সেটাই বোঝাচ্ছে। হান্টার তাকে বোঝাচ্ছে, আমাদের কল ধরা না হলে আক্রমণ করবো আমরা, আর তার ফলে মারা যাবে সে।’
‘কিন্তু তার এবং বিমানে যারা আছে, তাদের জানের পরোয়া যদি সে না করে, তবে?’ প্রশ্ন করলো এজেন্ট। ‘এই সম্ভাবনাটা কি ভেবে দেখেছেন?’ আমেরিকান এয়ারলাইনসের প্রতিনিধিদের দিকে তাকালো সে। ‘আমরা তো জানিও না, তাদের সবাই এখনো বেঁচে আছে কিনা।’
‘বেঁচে আছে,’ তাদের আশ্বস্ত করলো গার্সিয়া।
‘আর সেটা আপনি কীভাবে জানেন, বাডি?’ প্রশ্ন করলো এজেন্ট।
‘কারণ বিমানের ভেতর থেকে গুলির কোনো শব্দ শোনা যায়নি,’ উত্তর দিলো গার্সিয়া। ‘লিন্ডা ইভান্সের হাতে যে অস্ত্রটা ছিল, সেটা ছিল নাইনএমএমের একটা পিস্তল, নিজের চোখে আমি দেখেছি।’ বলে এসএসি’র দিকে তাকালো সে। ‘আমি যেটা বুঝেছি, অপরাধী এয়ার মার্শাল অ্যাম্বার বার্নেটকে কাবু করে অস্ত্রটা তার কাছ থেকে নিয়ে নিয়েছে। অস্ত্রের মুখে কোনো সাইলেন্সার ছিল না। গুলি করা হলে, তার শব্দ কানে আসতো আমাদের।’
‘আরও পাঁচ মিনিট অপেক্ষা করে আবার কল দেওয়া যাক,’ বললেন ক্যাপ্টেন ব্লেক। ‘যদি তখনও কোনো সাড়া না পাওয়া যায়, তবে আমি আমার সোয়াট টিমদের আক্রমণের জন্য প্রস্তুত রেখেছি।’
‘আপনাদের সোয়াট টিম কেন?’ প্রশ্ন করলো এফবিআই এজেন্ট।
‘কারণ বিমানটা লস অ্যাঞ্জেলসের মাটিতে অবস্থান করছে,’ উত্তর দিলেন ক্যাপ্টেন। ‘এখানে যা ঘটছে, তা এলএপিডি’র এখতিয়ারে পড়ে। এফবিআই’-এর এখানে কোনো এখতিয়ার নেই। আমরা আপনাদের হাতে দিলে ভিন্ন কথা, কিন্তু আমরা তো আপনাদের হাতে দিইনি। আমাদের সাথে থাকুন, ফোনের কথাবার্তা শুনুন, আক্রমণের প্রয়োজন হলে পরিকল্পনা করতেও সাহায্য করুন। কিন্তু এই কেসটা আমাদের, অপারেশনও আমাদের। এছাড়া, সবাই জানে যে এলএপিডি সোয়াট দেশের সেরা। তাই শান্ত হয়ে বসে পড়ুন।’ বলে একটা চেয়ার দেখালেন তিনি। ‘কে জানে! হয়তো কিছু শিখতে পারবেন।’
একানব্বই
লিন্ডার কথা শুনে এমনভাবে চিৎকার করে উঠলো ফিল যেন কেউ তার গলা টিপে ধরেছে। ‘প্লিজ… আমি মরতে চাই না, প্লিজ।’ একেবারে ফ্যাকাসে হয়ে গেল তার মুখ। ‘আপনার পরিবারের সবার সাথে যা যা হয়েছে, সবকিছুর জন্য আমি খুব দুঃখিত। কিন্তু আমি এসবের সাথে কোনোভাবেই জড়িত ছিলাম না। আমি নিজের একটা পরিবার গড়ার চেষ্টা করছি। প্লিজ আমাকে ছেড়ে দিন।’
‘না।’
তার দিকে ফিরে তাকিয়ে হাসলো লিন্ডা। ‘তাই না-কি, লাভারবয়?’
‘লিন্ডা,’ ডাকলো হান্টার। ‘আমার মনে হয়, আপনি নিজেও মরতে চান না।’
‘আপনি আসলেই সেটা ভাবছেন না-কি, রবার্ট?’ আবার বিদ্রূপ শোনা গেল লিন্ডার গলায়। নিজের জ্যাকেট খুলে দুই কজি হান্টারের দিকে তুলে ধরলো সে। দুটো বড়ো ক্ষতচিহ্ন স্পষ্ট দেখা গেল কজিদুটোর ওপরে। ‘আপনি ভুল ভাবছেন। আমি সারাটাক্ষণই মরে যাওয়ার কথা ভাবি।’
‘সেটা অনেক দিন আগের কথা,’ নিজের দেহের দিকে তাকিয়ে জবাব দিলো হান্টার। ‘ক্ষতচিহ্ন সম্পর্কে আমি জানি, লিন্ডা। মানসিক ও শারীরিক দুটোই। আমি জানি, এগুলো কতটা যন্ত্রণা দেয়… কতটা ক্ষতি করতে পারে… এবং এগুলো সেরে উঠতে কতটা সময় লাগে। যদি কখনো সারে, তবেই।’ কিছুক্ষণ একে অপরকে পর্যবেক্ষণ করলো দুজন। ‘আমি এ-ও জানি যে মানসিক ক্ষতের ক্ষেত্রে দ্বিতীয়বার সুযোগ পাওয়া যায় না। হয় এগুলো সামলে নিয়েই বেঁচে থাকতে হয়, নয়তো জীবস্মৃত অবস্থায় দিন কাটাতে হয়। আপনি এগুলো সামলাতে পেরেছেন, লিন্ডা। কারণ ওগুলো পুরানো ক্ষতচিহ্ন। এমন সময়ের, যখন আপনি জীবনের নতুন উদ্দেশ্য খুঁজে পাননি।’
‘নতুন উদ্দেশ্য?’ হাসার চেষ্টা করলো লিন্ডা, কিন্তু হাসির বদলে মুখ বিকৃত হয়ে গেল তার।
‘হ্যাঁ,’ বললো হান্টার, কথার জালে আগের লিন্ডা কেমন ছিল, তা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলো। ‘লিন্ডা, সবকিছু হারানো সত্ত্বেও, আপনি এমন একটা মহৎ কাজ করেছেন যা দুনিয়ার বেশিরভাগ মানুষের পক্ষেই করা সম্ভব নয়। আপনি বছরের পর বছর দেশের বিভিন্ন প্রান্তে গেছেন, ছাত্রদের
সঙ্গে কথা বলেছেন… শিক্ষকদের সঙ্গে কথা বলেছেন… অভিভাবকদের সঙ্গে কথা বলেছেন… কিশোর-কিশোরীদের বিষণ্ণতার ব্যাপারে তাদের সচেতন হতে শিখিয়েছেন… মনঃকষ্টে থাকা বাচ্চাদেরকে কীভাবে সাহায্য করতে হয় তা শিখিয়েছেন। ট্রমা নার্সের চাকরি, যেখানে প্রতিদিন প্রাণ বাঁচানোর চেষ্টা করতেন, সেই চাকরিটা ছেড়ে দিয়েছিলেন আপনি। চাকরি ছেড়ে জীবনের বাকি সময়টা অন্যদেরকে জীবন বেছে নিতে সাহায্য করার জন্য উৎসর্গ করেছেন… কেড়ে নেওয়ার জন্য নয়, লিন্ডা।’
চুপ করে থাকলো লিন্ডা।
‘তাই, আমি,’ আবার বললো হান্টার। ‘আমি মনে করি না আপনি মরতে চান… আর আমি এ-ও বিশ্বাস করি না যে আপনি আর কাউকে মারতে চান। এমনকি লুকাসকেও নয়।’
‘বেশ ভালোই খোঁজখবর করেছেন দেখি, রবার্ট,’ ড্রয়ারের ভেতর থেকে নতুন একটা বোতল বের করতে করতে বললো লিন্ডা। ‘আপনি যদি সত্যিই এরকমটা ভেবে থাকেন, তবে আপনি নিজেই খুব অবাক হবেন।’ বলে হান্টারের দিকে তাকিয়ে হাসলো সে, তারপর ফিলের দিকে ফিরে বললো, ‘এই যে, লাভারবয়, একটা ড্রিঙ্ক নাও। দেখে মনে হচ্ছে, একটা ড্রিঙ্ক তোমার খুবই প্রয়োজন।’
নিজের ডান হাতের পেছনের দিকে চুলকাতে শুরু করলো ফিল। ‘ড্রিঙ্ক লাগবে না আমার। শুধু ছেড়ে দিন আমাকে।’
কাউন্টারের ওপরে রাখা অস্ত্র তুলে ফিলের দিকে তাক করলো লিন্ডা। ‘একটা ড্রিঙ্ক নাও। নাহলে কিন্তু…’
‘আমি একটা ড্রিঙ্ক নেবো,’ বললো হান্টার।
‘উদ্ধার করতে নায়ক এসে গেছে,’ হান্টারের দিকে তাকিয়ে বললো লিন্ডা। ‘কী চাই আপনার?’
‘হুইস্কি,’ বললো হান্টার।
অ্যাম্বারের দিকে তাকালো লিন্ডা।
‘কিছু নেবো না,’ নিজের নাকের দিকে ইশারা করে বললো অ্যাম্বার। ‘যা-ই পান করি না কেন, সবই রক্তের মতো লাগবে।’
‘পানি খেতে চান?’ জিজ্ঞেস করলো লিন্ডা।
‘যদি তোর… দুঃখিত, আপনার আপত্তি না থাকে।’
‘আমাকেও কি একটু পানি দেওয়া যায়?’ জিজ্ঞেস করলো ফিল।
শ্রাগ করলো লিন্ডা। কাঁধ ঝাঁকাল। ‘যায়।’ বলে সে পানির দুটো বোতল ফিল আর অ্যাম্বারের দিকে দিকে ছুঁড়ে দিলো। তারপর হুইস্কির একটা ছোটো বোতল ছুঁড়ে দিলো হান্টারের দিকে। শূন্যে থাকা অবস্থাতেই যে যার বোতল ধরে ফেললো।
‘কাপ লাগবে কারো?’ জিজ্ঞেস করলো লিন্ডা।
‘প্লিজ,’ বললো হান্টার, না-বোধক মাথা নাড়লো অ্যাম্বার আর ফিল। হান্টারের দিকে একটা প্লাস্টিকের কাপ ছুঁড়ে দিলো লিন্ডা। বোতলের ঢাকনা খুলে সোনালি তরলটা প্লাস্টিকের কাপে ঢেলে নিলো হান্টার। কাজ শেষ হলে লিন্ডা নিজের কাপ উঁচু করে বললো, ‘জীবনের নতুন লক্ষ্য খুঁজে পাওয়ার উদ্দেশ্যে।’
হান্টারও নিজের কাপ লিন্ডার দিকে তুলে ধরলো, তারপর কাপে চুমুক দিলো। প্রথমে কিছুটা পানি নিজের মুখে ঢেলে রক্তের দাগ পরিষ্কার করলো অ্যাম্বার, তারপর তৃষ্ণার্তের মতো পুরো বোতল খালি করে ফেললো। বোতল থেকে মাত্র কয়েক চুমুক পানি পান করলো ফিল।
‘ঠিকই বলেছেন আপনি,’ কাপটা কাউন্টারের ওপরে রেখে হান্টারের উদ্দেশ্যে বললো লিন্ডা। ‘জীবনে নতুন উদ্দেশ্য খুঁজে পেয়েছি আমি। যা অন্যদের সাহায্য করার চাইতে অনেক, অনেক বেশি তৃপ্তিদায়ক।’
‘প্রতিশোধ,’ বললো হান্টার।
‘হ্যাঁ, প্রতিশোধ। আপনি কি আন্দাজ করতে পারেন, কীভাবে আমি আমার এই নতুন উদ্দেশ্য খুঁজে পেলাম?’
চুপ থাকলো হান্টার।
‘কাম অন, রবার্ট। আপনার নিশ্চয়ই একটা থিওরি আছে, তাই না? আপনি রীতিমতো আমার বিষয়ে গবেষণা করেছেন; এতটাই যে, আমি কাজ শেষ করার আগেই আমার কাছে পৌঁছে গেছেন। এবার বলুন, আপনার কী ধারণা? কেন আমি এগুলো করেছি? বলুন, আপনার মুখ থেকে শুনতে চাই আমি।’
অ্যাম্বার হান্টারের দিকে এমনভাবে তাকালো যেন সে বলতে চায়: কিছু একটা বলুন, রবার্ট। বানিয়ে বললেও চলবে, কিন্তু কিছু একটা বলুন।
হুইস্কির কাপে আরেকবার চুমুক দেওয়ার ভান করলো হান্টার। ‘সবচেয়ে যৌক্তিক অনুমান হলো,’ বলতে শুরু করলো ও। ‘এক বছরের কিছু বেশি সময় আগে আপনি কোনোভাবে জানতে পারেন যে জেনেসিসের অষ্টম শ্রেণির ক্লাসের সহপাঠীদের একটি নির্দিষ্ট দল, গার্ডেনা জুনিয়র হাইয়ের কয়েকজন ছাত্রছাত্রী, ওকে নিয়ে মজা করতো এবং ওর শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বিদ্রূপ করতো। ব্যাপারটা কতদিন ধরে চলছিল, সেটা বড়ো কথা নয়। বড়ো কথা হলো, জেনেসিস আসলে আপনাকে কখনো বলেনি বিষয়টা কতটা প্রভাব ফেলেছিল ওর ওপরে। আসলে কাউকেই বলেনি। আপনার
ভাষ্যমতে, জেনেসিস খুব শক্ত মেয়ে ছিল। ও জানতো, মানুষ ওকে ভিন্নভাবে দেখে। তাই ও ভেবেছিল, নিজেই সব সামলে নিতে পারবে।’
হান্টারের দিকে চেয়ে উঁচু হলো লিন্ডার ভ্রূ। যেন ওকে কথা চালিয়ে যাওয়ার নির্দেশ দিলো।
‘কিন্তু সবার কাছে নিজেকে যতই শক্তিশালী দেখাক না কেন; সত্যিটা হলো, জেনেসিস ছিল একজন কিশোরী। জীবনের অভিজ্ঞতা ছিল সীমিত, এবং এই ধরনের চাপ সামাল দেওয়ার মতো অভিজ্ঞতা ওর ছিল না। এমন একটা বয়সে প্রবেশ করছিল, যে সময়ে সবকিছু খুব রঙিন বলে মনে হয়। চৌদ্দ বছর বয়স, এমন একটা সময়, যখন কিশোর-কিশোরীরা নিজেদের সম্পর্কে এবং জীবন সম্পর্কে অনেক কিছু আবিষ্কার করে। এটা সেই বয়স, যে বয়সে তারা নিজেদের চেহারা নিয়ে চিন্তিত হয়, সবার সঙ্গে মিশতে পারা নিয়ে বিব্রত হয়, নিজেদের গ্রহণযোগ্যতা নিয়ে উদ্বিগ্ন হয়। এসব নতুন তথ্য আর আবেগের ভার সহজেই অনেক কিশোর-কিশোরীকে এলোমেলো করে দেয়। তথ্যগুলো তাদেরকে অনেক বেশি দুর্বল করে তোলে, সেই সাথে বিষণ্ণতা ও উদ্বেগের দিকে ঠেলে দেয়। যাদের জীবনে বিষণ্ণতার সঙ্গে সংগ্রাম করে, তাদের বেশিরভাগের ক্ষেত্রে এই বয়সেই প্রথম এর লক্ষণগুলো প্রকাশ পায়।’
গ্যালির কাউন্টারের সাথে হেলান দিয়ে দাঁড়ালো লিন্ডা। দেখে মনে হলো, হান্টারের থিওরি বেশ উপভোগ করছে সে।
‘দুঃখজনক ব্যাপার হলো,’ নরম গলায় বললো হান্টার, ‘মা… বাবা… ভাই… কারো কাছে সাহায্য না চেয়ে দিনের পর দিন উত্যক্ত, ঠাট্টা, নির্যাতন সয়ে গেছে জেনেসিস। নিজেকে শক্ত রাখার চেষ্টা করেছে। কিন্তু একটা সময় সবকিছু ওর সহ্যের সীমার বাইরে চলে যায়।’
আবার গলার প্রজাপতি লকেটটা স্পর্শ করলো লিন্ডা।
‘আপনার মেয়ে কেন নিজের জীবনের ইতি টেনেছিল, কারণটা আবিষ্কার করার পরে বিশাল ধাক্কা খেলেন আপনি। ধাক্কাটা এখানেই শেষ হলো না, যে বাচ্চারা ওকে উত্যক্ত করতো, তাদের নামও আপনি জানতে পারলেন। এবং ধাক্কার এই পর্যায়ে আপনি ভেঙে চুরমার হয়ে গেলেন। তখনই সিদ্ধান্ত নিলেন তাদের প্রত্যেকের জীবন আপনি অতিষ্ঠ করে তুলবেন। তবে, আপনার প্রতিশোধের পরিকল্পনা তাদের মেরে ফেলার জন্য করেননি। সেটা খুব কম শাস্তি হতো ওদের জন্য, তাই না?’
‘মরে গেলে তো মরেই গেল। আর কোনো দুঃখ, কষ্ট, বেদনা, কিছুই নেই,’ ভারী কণ্ঠে বললো লিন্ডা।
‘আপনি চাইলেন, তারা আপনাকে যেভাবে কষ্ট দিয়েছে, তারাও সেভাবে কষ্ট পাক। আপনি চাইলেন, তারা প্রত্যেকে এমন একজনকে
হারাক, যাকে তারা ভালোবাসে। তাই আপনি প্রত্যেক খুনের পরে নিশ্চিত করলেন, সেদিনের সেই শিশুরা, যারা জেনেসিসকে উত্যক্ত করতো, তারাই যেন তাদের প্রিয়জনের মৃতদেহ খুঁজে পায়। আপনি তাদেরকে মানসিকভাবে পুরোপুরি ভেঙে দিতে চেয়েছিলেন। আর সেই কারণেই আপনি খুনের পরদিন ভিডিয়ো ক্লিপ-সহ তাদেরকে মেসেজ পাঠাতেন, যেন তারা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এমন একটা ক্ষতের সৃষ্টি করলেন তাদের মনে যে, আর কখনোই সেই ক্ষত সারবে না।’
হান্টারের থিওরিটে লিন্ডা বেশ প্রভাবিত হয়েছে, বোঝা গেল। ‘একটা কথা আছে, সময় না-কি সব ক্ষত সারিয়ে দেয়… সময়ের সাথে সব ক্ষত মিলিয়ে যায়… তাই মানুষ শুধু ধৈর্য ধরে অপেক্ষা করার কথা বলে।’ গলা ডললো সে। ‘কিন্তু আমার ক্ষেত্রে এগুলোর কিছুই ঘটেনি। সময় আমাকে কী শিখিয়েছে, জানেন রবার্ট?’
‘আপনার ভেতরের দুঃখ লুকানোর দক্ষতায় আপনাকে আরও পারদর্শী করে তুলেছে?’ অনুমান করলো হান্টার।
সরু চোখে তাকালো লিন্ডা। এই প্রশ্নের উত্তর আশা করেনি সে। সেই সাথে হান্টারের উত্তর শুনেও অবাক হয়েছে। ‘মাই গড,’ তীক্ষ্ণ চোখে তাকিয়ে বললো সে। ‘আপনার ভেতরটাও আমার মতোই ভেঙে চুরমার হয়ে গেছে। সময়ও সেই ক্ষত সারাতে পারেনি। আর সময়ের সাথে সাথে আপনিও আপনার সমস্ত যন্ত্রণা… সমস্ত কষ্ট লুকানোর ব্যাপারে দক্ষ হয়ে গেছেন। আমার মতোই।’
এবার হান্টার চুপ করে থাকলো।
দুজন দুজনের দিকে তাকিয়ে থাকলো তারা, এক পর্যায়ে হেসে চোখ সরিয়ে নিলো লিন্ডা। ‘আপনার থিওরিটা বেশ ভালো ছিল, রবার্ট। আসলে বেশ নয়, খুবই ভালো। তবে আপনি কয়েকটা ব্যাপার উল্লেখ করেননি। তাই সেগুলো আমি বলছি।’
আরও একবার নিজের ড্রিঙ্কে চুমুক দিলো লিন্ডা। ‘হ্যাঁ, আমি সেই ছাত্র-ছাত্রীদের খুঁজে বের করেছিলাম। কীভাবে, তা জানতে চান?’
চুপ থাকলো হান্টার, কিন্তু সেই নীরবতাতেও স্পষ্ট সম্মতি বোঝা গেল ওর।
‘আপনি যেটা বললেন,’ শুরু করলো লিন্ডা, ‘বছরের পর বছর দেশজুড়ে ঘুরে বেড়িয়েছি আমি, বাবা-মা, শিক্ষক, ছাত্র-ছাত্রীদের বোঝানোর চেষ্টা করেছি যে কিশোর-কিশোরীদের মধ্যে হতাশা কতটা ধ্বংসাত্মক হতে পারে। আমি কাজটা করতাম, কারণ আমি সত্যিই বিশ্বাস করতাম যে হতাশার বিরুদ্ধে যুদ্ধে হেরে গেছে জেনেসিস। আমি চাইনি অন্য কোনো
পরিবার আমার পরিবারের মতো অভিজ্ঞতার মধ্য দিয়ে যাক। আমি চাইতাম, তারা বুঝতে শিখুক যে তাদের সন্তানরা কষ্ট পাচ্ছে কিনা… লড়াই করছে কিনা। আমি আমার পরিবারকে সাহায্য করতে পারিনি, কিন্তু হয়তো অন্যদের সাহায্য করতে পারবো।’
হান্টার যতটা আগ্রহ নিয়ে লিন্ডার কথা শুনছিল, ঠিক ততটা আগ্রহ নিয়েই শুনতে লাগলো অ্যাম্বার আর ফিল।
‘তারপর, বছরখানেক আগে পোমোনার ক্লেয়ারমন্ট হাই স্কুলে একদিনের এক সেমিনারে যোগ দেওয়ার সময় ছাব্বিশ বছর বয়সি এক যুবক আমার কাছে আসে।’
‘পেদ্রো বুস্তামেন্তে,’ প্রশ্ন নয়, মন্তব্য করলো হান্টার।
‘ঠিক,’ মাথা নেড়ে সায় দিলো লিন্ডা। ‘খুব বিপর্যন্ত দেখাচ্ছিল তাকে; বিষণ্ণতা, উদ্বেগ, লজ্জা সবকিছুই ফুটে বেরোচ্ছিলো তার চেহারা থেকে। তবে চেহারায় সবচেয়ে বেশি ছিল অপরাধবোধ। আমাকে বললো, একান্তে কিছু কথা বলতে চায়। এতটাই ভেঙে পড়েছিলো সে, আর শুকনো দেখাচ্ছিল যে আমি তাকে কিছু খাবার দিতে চাইলাম। কিন্তু নিলো না। শুধু আমার সাথে কথা বলতে চাইলো। তাই আমার কাজ শেষ হলে, পার্কিং লটে আমার গাড়িতে বসে কথা শুরু করলাম।’
কথা বলার এই পর্যায়ে পানির বোতল হাতে নিলো লিন্ডা, ঢাকনা খুলে এক চুমুক পানি পান করলো সে।
‘সে জেনেসিসকে চিনতো, এই বলে কথা শুরু করলো সে। বললো যে, বন্ধু ছিল তারা, গার্ডেনা জুনিয়রে একই ক্লাসে পড়তো। যা ঘটেছে, তার জন্য খুব দুঃখিত।’ একটু থামলো লিন্ডা। এক মুহূর্তের জন্য তার চোখে শূন্য দৃষ্টি দেখা গেল। ‘তবে সে যেভাবে দুঃখিত বললো, তাতে আমার খটকা লাগে। তার বলার ধরনটা ‘আপনার ক্ষতির জন্য দুঃখিত’ রকমের ছিল না। বরং ছিল এক ধরনের স্বীকারোক্তি, যেমনটা, ‘আমরা যা করেছি, তার জন্য দুঃখিত’ বলতে চাইলে করি। শরীর কাঁপছিল তার, চোখ ভিজে গিয়েছিল। গলার স্বর এত নিচু ছিল যে মনে হচ্ছিল সে ফিসফিস করে কথা বলছে। তখনই আমি তাকে জিজ্ঞাসা করলাম, তার কিছু বলার আছে কিনা।’
হান্টারের দিকে তাকালো লিন্ডা। আগুন জ্বলছে তার চোখে। ‘এবং এখানেই আপনি ভুল করেছেন, ডিটেকটিভ। জেনেসিস শুধুমাত্র নিয়মিতভাবে করা উত্যক্তের জন্য আত্মহত্যা করতে বাধ্য হয়নি। মাইকেলের অতিরিক্ত পরিমাণে মাদক গ্রহণ, ট্রাক্টরের সাথে ধাক্কা খেয়ে জনের মৃত্যুর কারণ শুধু জেনেসিসকে উত্যক্ত করা নয়।’ দমবন্ধ করা এক নীরবতা। ‘একটা মাত্র ঘটনা; হ্যাঁ, একটা বিচ্ছিন্ন ঘটনা, যেটাকে ওরা ‘মজা’ বলে অভিহিত করেছিল।’
‘মজা?’ প্রশ্নটা একই সাথে বের হয়ে এলো হান্টার আর অ্যাম্বারের মুখ দিয়ে।
নিজের জ্যাকেটের পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনে তিনবার ট্যাপ করলো লিন্ডা। ‘আমি পেদ্রোকে জিজ্ঞেস করলাম, সে কিছু বলতে চায় কিনা। তখন সে কাঁদতে শুরু করলো। বারবার বলতে লাগলো, সে খুব দুঃখিত। জেনেসিসের জন্য দুঃখিত। আর আমার কাছে ক্ষমা চাইতে লাগলো। আমি যখন জিজ্ঞেস করলাম, ‘কীসের জন্য ক্ষমা চাচ্ছো?’ তখন সে আমাকে এটা দেখালো।’ বলে ফোনটা হান্টারের দিকে ছুঁড়ে দিলো লিন্ডা।
বাঁ হাতে সেটা ধরে ফেললো হান্টার।
‘স্ক্রিনে ট্যাপ করুন শুধু,’ বললো লিন্ডা। ‘তাহলেই দেখতে পাবেন।’
বিরানব্বই
চাপা উত্তেজনায় কাঁপছে টার্মিনাল বি’র অস্থায়ী কনফারেন্স রুম। দুই এফবিআই এজেন্টের মধ্যে অপেক্ষাকৃত খাটোজন আরেকবার তার ঘড়ির দিকে তাকালো। ‘পাঁচ মিনিট পেরিয়ে গেছে,’ ক্যাপ্টেন ব্লেকের দিকে চেয়ে নড করলো সে, টেবিলের মাঝখানে রাখা ফোনের দিকে ইশারা করলো। ‘আপনার ডিটেকটিভের তরফ থেকে কোনো খবর নেই। এখনই বিমানে ঢুকতে হবে আমাদের। জল অনেক দূর গড়িয়ে গেছে।’ বলে পুলিশ প্রধানের দিকে তাকালো সে।
‘ঠিকই বলছেন উনি,’ এফবিআই এজেন্টের কথায় সায় দিলো এয়ারপোর্টের দুই কর্মকর্তার একজন। ‘এয়ারলাইনসগুলোর চাপ প্রতিনিয়ত বাড়ছে। যত দেরি হচ্ছে, ততই তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই টার্মিনালের প্রতিটা ফ্লাইট হয় বাতিল হয়েছে, নয়তো দেরিতে টেক অফ করছে। সবাই চাচ্ছে, ব্যাপারটা যত দ্রুত সম্ভব শেষ হোক।’
‘বাক্যটার শেষে আরেকটা বাক্য যোগ করা দরকার,’ মাঝখান দিয়ে হাত ঢোকালো গার্সিয়া।
‘কী বাক্য?’ জানতে চাইলো দ্বিতীয় এফবিআই এজেন্ট।
‘তারা সবাই চাচ্ছে, ব্যাপারটা যত দ্রুত সম্ভব শেষ হোক,’ আবার বললো গার্সিয়া। ‘কিন্তু কোনো হতাহতের ঘটনা ছাড়া। আপনারা ইতোমধ্যে জানেন, তিনটে এলএপিডি সোয়াট টিম প্রস্তুত আছে, দুটো গ্রাউন্ডে, আর একটা বোর্ডিং টানেলে, বিমানের দরজার ঠিক বাইরে। আমরা সিদ্ধান্ত নেয়া মাত্র অভিযান শুরু করবে তারা।’
গোটা কথোপকথনটা না শোনার ভান করলেন ক্যাপ্টেন ব্লেক, টেবিলের ফোনটা তুলে ‘রিডায়াল’ বাটনে চাপ দিলেন। ‘আরেকবার চেষ্টা করা যাক।’
ফোনের ওপাশে একবার, দুবার, ছয়বার বাজলো অ্যাম্বারের মোবাইল, তারপর অবশেষে কলটা রিসিভ করলো কেউ।
“সময়মতো তাদের কাছে আরেকটা কল যাবে’ এই বাক্যটার কোন অংশটা ঠিকমতো বোঝেননি আপনারা?’ স্পিকারের ভেতর দিয়ে লিন্ডার কড়া, কর্কশ গলা ভেসে এলো।
‘এলএপিডির ক্যাপ্টেন বারবারা ব্লেক বলছি,’ ক্যাপ্টেন ব্লেক কথা শুরু করতেই মাঝপথে বাধা দিলো লিন্ডা।
‘আপনি কে, তাতে আমার কিছু যায় আসে না। আগের মতোই নির্দেশ দিচ্ছি, সময়মতো আরেকটা কল পাবেন আপনারা। আপাতত চুপচাপ অপেক্ষা করুন।’
কলটা কেটে গেল।
তিরানব্বই
শূন্যে থাকতেই লিন্ডার মোবাইলটা ধরে ফেললো হান্টার। ঠিক তখনই অ্যাম্বারের পকেটে থাকা ফোনটা বেজে উঠলো। লিন্ডার দিকে তাকালো সে।
‘ধরবো?’ জিজ্ঞেস করলো সে।
‘না,’ জানালো লিন্ডা। ‘আগেরবারের মতো রিং হতে থাক।’
‘আমি আগেই বলেছি, লিন্ডা,’ ওদের কথার মাঝখানে কথা বললো হান্টার। ‘আপনি ফোন না ধরলে অনুমান করা শুরু করবে, এবং তারা সবসময় খারাপটাই অনুমান করে।’ বাঁ থেকে ডানে তাকালো ও, দ্রুত চারপাশে চোখ বুলিয়ে নিলো। ‘সোয়াট টিমের লোকজন গুলি চালানোর ছুতা খোঁজে শুধু। আমার কথা বিশ্বাস করুন। তারা এই বিমানে হামলা চালাক, আমার ধারণা, তা আপনিও চান না।’
হান্টারের পরামর্শটা নিয়ে কিছুক্ষণ মাথা ঘামালো লিন্ডা। তারপর অ্যাম্বারকে বললো, ‘আপনার ফোন দিন।’
তার দিকে ফোন ছুঁড়ে দিলো অ্যাম্বার। ফোনটা ধরে সাথে সাথে কল রিসিভ করলো লিন্ডা।
“সময়মতো তাদের কাছে আরেকটা কল যাবে’ এই বাক্যটার কোন অংশটা ঠিকমতো বোঝেননি আপনারা?’ এক মুহূর্ত বিরতি। তারপর আবার বললো, ‘আপনি কে, তাতে আমার কিছু যায় আসে না। আগের মতোই নির্দেশ দিচ্ছি… সময়মতো আরেকটা কল পাবেন আপনারা। আপাতত চুপচাপ অপেক্ষা করুন।’
কল কেটে ফোনটা আবার অ্যাম্বারের দিকে ছুঁড়ে দিলো সে। ‘এবার সন্তুষ্ট?’ হান্টারকে জিজ্ঞেস করলো সে।
ফোন পকেটে রেখে দিলো অ্যাম্বার। এরপর হান্টারের হাতে ধরা ফোনের দিকে তাকালো সে। হান্টার এমনভাবে ফোনটা ধরলো যেন দুজনেই স্ক্রিনটা দেখতে পায়।
‘বললাম তো, শুধু স্ক্রিনে ট্যাপ করলেই হবে,’ আবার বললো লিন্ডা। ভিডিয়োটা দেখার জন্য নিজের অজান্তেই ঘাড় বাড়ালো ফিল।
‘কী করছো তুমি?’ প্রশ্ন করলো লিন্ডা, আবার বন্দুকের দিকে হাত বাড়ালো।
‘কিছু না,’ দ্রুত বললো ফিল। ‘কৌতূহল থেকে দেখার চেষ্টা করছিলাম। দুঃখিত।’
‘যেখানে আছো, ঠিক সেখানেই বসে থাকো।’ লিন্ডার চোখের দিকে আর না তাকিয়ে চুপচাপ বসে পড়লো ফিল।
স্ক্রিনের মাঝখানে ট্যাপ করলো হান্টার।
ভিডিয়োতে কোনো শব্দ নেই, ভিডিয়ো চালু হতেই বুঝতে পারলো ও আর অ্যাম্বার। ফুটেজটা একটি ঘরের ভেতরে তোলা… সম্ভবত কোনো শোবার ঘর, আসবাব দেখে অনুমান করলো ওরা। ভিডিয়োটা যে করেছে, সে সম্ভবত ওয়ার্ডরোবের পেছনে কিংবা কোনো আলমারির ভেতরে লুকিয়ে আছে। খুব কাঁপছে ক্যামেরাটা, ভালোভাবে ভিডিয়ো করার উপায় খুঁজছে ক্যামেরাম্যান। দেখে বোঝা গেল যে হাতে ধরে ভিডিয়ো করা হয়েছে।
দুই দরজার মাঝখানের ফাঁক দিয়ে, ক্যামেরা থেকে প্রায় দশ থেকে পনেরো ফুট সামনে, একটা টিনএজ কিশোর ও একটা টিনএজ কিশোরীকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। খোলা একটা দরজার সামনে দাঁড়িয়ে আছে তারা; দরজাটা অ্যাটাচড বাথরুমের, বাথরুমে কোনো আলো জ্বলছে না।
মেয়েটা যে জেনেসিস, তাতে কোনো সন্দেহ নেই। তার কালো, খোলা চুল ঢেউয়ের মতো খেলা করছে কাঁধের ওপর। সাদা একটা টি-শার্ট পরে আছে সে, টি-শার্টটা কালো, উঁচু কোমরের স্কার্টের ভেতরে গোঁজা। পায়ে নিচু হিলের খোলা জুতো।
টিনএজ ছেলেটা জেনেসিসের সমবয়সি, তবে জেনেসিসের চাইতে প্রায় এক ফুট লম্বা। রাতের অন্ধকারের মতো তার কালো, কোঁকড়ানো চুল মানিয়ে গেছে তার গোলাকার চোখের সঙ্গে। কালো বোতামওয়ালা একটা শার্ট, নীল জিন্স ও সাদা স্নিকার্স পরে আছে সে।
ছেলেটাকে সাথে সাথে চিনতে পারলো হান্টার। ছেলেটার যে ছবিটা ও গার্ডেনা জুনিয়র হাই স্কুলের ২০০৯ সালের ইয়ারবুকে দেখেছিল, ঠিক সেই ছবিটাই ওদের ইউভিসি ইউনিটের অফিসের ছবির বোর্ডে লাগানো আছে। ছেলেটির নাম পেদ্রো বুস্তামেন্তে।
একে অপরের হাত ধরে কথা বলছিল কিশোর-কিশোরী দুজন। জেনেসিসের হাতে জন্মগতভাবেই সমস্যা, কিন্তু সে ব্যাপারে পেদ্রোর কিছু যায় আসে বলে মনে হলো না।
ভিডিয়োর ছয় সেকেন্ডের মাথায়, পায়ের আঙুলের ওপর ভর দিয়ে উঁচু হলো জেনেসিস, একই সময়ে পেদ্রো তার মাথা নিচু করলো। স্পর্শ করলো দুজনের দু’জোড়া ঠোঁট। জেনেসিস তার হাতদুটো আলতো করে পেদ্রোর দুই গালের ওপরে রাখলো, আর পেদ্রো তার হাত দিয়ে জড়িয়ে ধরলো জেনেসিসের কোমর। চুমুটা মাত্র পাঁচ সেকেন্ডের মতো স্থায়ী হলো, তারপর তারা একটু দূরে সরে গিয়ে একে অপরের চোখের দিকে তাকালো।
পরমুহূর্তে, আবার একে অপরকে চুমু খেলো গভীরভাবে। এবার আরও বেশি আবেগ নিয়ে, আরও বেশি সময় ধরে।
বিমানের ভেতরকার দৃশ্য যেন বদলে গেল। এবার লিন্ডা হান্টারের মুখের অভিব্যক্তি খেয়াল করতে লাগলো।
চুমু শেষ হলে, তারা আবার কথা বলতে লাগলো। কিন্তু ক্যামেরার অস্বাভাবিক অবস্থানের কারণে তারা কী বলছে, তা বুঝতে পারলো না হান্টার। তবে, তাদের শরীরের ভাষা দেখে কিছুটা অনুমান করা গেল। পেদ্রোর কথা শুনে দ্বিধা করলো জেনেসিস। এক পা পিছিয়ে গিয়ে হাতজোড়া বুকে বাঁধলো সে। বোঝা গেল, বেশ অস্বস্তি ও দ্বিধা বোধ করছে।
অন্য দিকে, পেদ্রোকে পুরোপুরি আত্মবিশ্বাসী দেখালো। খুব একটা জোরাজুরি করলো না সে, কিন্তু পরোক্ষভাবে চাপ দিলো। জেনেসিসের গায়ের সাথে ছায়ার মতো লেগে থাকলো। সামান্য ডানে সরলো ছেলেটা, সরাসরি ক্যামেরা বরাবর অবস্থান নিলো। আর এবার তার ঠোঁটের নড়াচড়া থেকে তার বলা কথাগুলো বুঝতে পারলো হান্টার।
‘কাম অন, জেন, তুমি তো কথা দিয়েছিলে আমাকে।’
জেনেসিস কী বললো, তা বুঝতে পারলো না হান্টার।
‘হ্যাঁ,’ আবার জেনেসিসকে আশ্বস্ত করলো পেদ্রো। ‘শোবার ঘরের দরজা লক করা। কেউ এখানে আসবে না, কথা দিচ্ছি। এখানে শুধু আমরা দু’জনই আছি।’
বেশ কিছুক্ষণ পরে কাঁধ ঝুলে পড়লো জেনেসিসের, মাথা নিচু হয়ে গেল। এমন একটা ভঙ্গী, যা থেকে বোঝা যায়, অনিচ্ছাসত্ত্বেও প্রেমিকের প্রস্তাবে রাজি হয়েছে সে। তবে তার চেহারা দেখে মনে হলো, সে বেশ অস্বস্তি আর বিব্রত বোধ করছে।
হাসলো পেদ্রো। ‘ঠিক আছে তাহলে, বাইরে অপেক্ষা করছি আমি… আর হ্যাঁ, তুমি বেরোলে এরপরে আমি যাবো।’
অপেক্ষা করতে লাগলো পেদ্রো। ঘরের সাথে লাগোয়া বাথরুমে ঢুকলো জেনেসিস।
আর তখনই পরিস্থিতি পুরোপুরি বদলে গেল।
জেনেসিস দরজা বন্ধ করতেই, ঘুরে দাঁড়িয়ে সোজা ক্যামেরার দিকে তাকালো পেদ্রো। তারপর ক্যামেরাম্যানকে গোপন জায়গা থেকে বেরিয়ে আসার ইঙ্গিত করলো। পরমুহূর্তে, আসবাবের দরজাগুলো খুলে গেল। যে ব্যক্তি লুকিয়ে ভিডিয়ো করছিল, সে দ্রুত এগিয়ে এসে পেদ্রোর পাশে দাঁড়ালো। ক্যামেরাম্যান বাথরুমের দরজা থেকে মাত্র চার ফুট দূরে দাঁড়িয়ে বিশেষ কিছু ঘটার জন্য অপেক্ষা করতে লাগলো।
‘ও মাই গড!’ ফিসফিস করে বললো অ্যাম্বার। এরপরে কী ঘটতে যাচ্ছে, তা স্পষ্ট বুঝতে পারলো সে।
সামান্য কেঁপে উঠলো ক্যামেরা, যেন নিঃশব্দে হাসলো ক্যামেরাম্যান। এর কয়েক সেকেন্ড পরে খুলে গেল বাথরুমের দরজা, আরেকবার ঘরে ঢুকলো জেনেসিস। পার্থক্য হলো, এবার তার শরীরে কোনো কাপড় নেই। সম্পূর্ণ নগ্ন সে।
চোখ তুলে তাকাতেই জেনেসিস দেখলো যে পেদ্রো একা নয়। জায়গায় জমে গেল সে, যেন কী করবে বুঝতে পারছে না। মুহূর্তের মধ্যে ভয় দেখা গেল তার চোখে, চোখ পানিতে ভিজে গেল। ওর পেছনে গিয়ে বাথরুমের দরজা বন্ধ করে দিলো পেদ্রো। বিভ্রান্ত, দিশেহারা, আর প্রতারিত বোধ করলো জেনেসিস, নিজের ছোটো ও বিকৃত হাত দিয়ে যতটা সম্ভব নিজেকে ঢাকার চেষ্টা করলো। কিন্তু দক্ষতার সঙ্গে এদিকওদিক সরে গিয়ে সবকিছু ভিডিয়ো করতে লাগলো ক্যামেরাম্যান।
কাঁদতে কাঁদতে দ্রুত ঘুরে দাঁড়ালো আতঙ্কিত জেনেসিস, আবার বাথরুমে ঢোকার চেষ্টা করলো। কিন্তু শয়তানী হাসি হেসে তার পথ আটকে দিলো পেদ্রো। আর সেই সুযোগে ডানে-বামে, ওপর-নিচ, এদিক-ওদিক ক্যামেরা সরিয়ে জেনেসিসের নগ্ন শরীরের প্রতিটা মুহূর্ত রেকর্ড করে যেতে লাগলো ক্যামেরাম্যান।
অ্যাম্বারের দিকে তাকালো হান্টার, অ্যাম্বারও ওর দিকে তাকালো। দুজনেই যা বোঝার বুঝে গেছে, কেউই ভিডিয়োটা আর দেখতে চাইলো না। স্ক্রিনে ট্যাপ করে ভিডিয়োটা থামিয়ে দিলো হান্টার।
‘স্কুল শেষ হওয়ার ঠিক পরেই ঘটে এই ঘটনাটা,’ বললো লিন্ডা। ‘ট্রয়ের বাসার এক পার্টিতে। তার বাবা-মা তখন বাড়িতে ছিল না। সেদিন, গাড়ির ভেতরে বসে পেদ্রো আমাকে জানায় যে ক্যামেরার পেছনে থাকা ছেলেটা ছিল ট্রয় ফস্টার। সে তার বাবা-মা’র শোবার ঘরের ওয়ার্ডরোবের ভেতরে লুকিয়ে ছিল, কারণ সেদিন রাতে কী হতে যাচ্ছে, তা তারা আগে থেকেই জানতো। পেদ্রো, ট্রয়, জোসি, জ্যানেট আর সোফিয়া, সবাই মিলে পরিকল্পনাটা করেছিল। তারা জানতো যে পেদ্রোকে খুব পছন্দ করে জেন, তাই পার্টির এক সপ্তাহ আগে থেকে ওর সাথে প্রেমের অভিনয় শুরু করলো পেদ্রো। সেই সপ্তাহটা খুব হাসিখুশি ছিল জেন। এখনো মনে আছে আমার।’ আবার নিজের হুইস্কির গ্লাসের দিকে হাত বাড়ালো লিন্ডা।
‘পরিকল্পনাটা ছিল এরকম—জেনেসিসকে কাপড় খুলে তার সামনে দাঁড়ানোর ব্যাপারে রাজি করাবে পেদ্রো, আর তারা সেটা ভিডিয়ো করে পরে মজা নেবে।’ একটা দীর্ঘশ্বাস ফেললো লিন্ডা। ‘ঠিক এই কথাগুলোই আমাকে বলেছিল পেদ্রো।’
‘শুধুমাত্র মজাই করেছিল তারা। কিন্তু কথা হচ্ছে, আমরা এমন একটা মেয়ের কথা বলছি, যে আগে থেকেই ভীষণ দুর্বল ছিল… আগে থেকেই অনেক কষ্টের সঙ্গে লড়াই করছিল। তার শরীর ছিল অন্যদের চেয়ে আলাদা… সেটা ও জানতো… তবুও নিজের মনোবল হারাতে দিতো না। অন্য সব মেয়ের মতো স্বাভাবিক জীবনই কাটাতে চেয়েছিল ও। আর যখন ওর পছন্দের ছেলেটা ওর প্রতি সাড়া দিলো, তখন ও সহজেই তাকে বিশ্বাস করে ফেললো। কারণ ও-ও চেয়েছিল যে পেদ্রোও ওকে একইভাবে ভালোবাসুক। তাদের পরিকল্পনাটা সফল হয়, কারণ তারা ছিল অতিরিক্ত চতুর। পেদ্রো ওকে শারীরিক সম্পর্কে জড়ানোর কথা বলেনি। সে শুধু চেয়েছিল জেনেসিস তার সামনে পোশাক খুলে দাঁড়াক। আর ট্রয়ের বাসায় সেই পার্টির রাতে সে জেনেসিসকে চাপ দেয় কাজটা করার জন্য।’ হান্টারের হাতের ফোনটার দিকে ইঙ্গিত করলো লিন্ডা। ‘জেনেসিসের মনে হয়েছিল, যদি ও এটা না করে, তাহলে পেদ্রো আর ওকে ভালোবাসবে না, ওর সঙ্গে সম্পর্ক রাখবে না। তাই ও রাজি হয়ে যায়।’
নড করলো হান্টার।
‘পেদ্রোর ভাষ্যানুযায়ী, এই পার্টির প্রায় দুই সপ্তাহ পরে আমাদের অ্যাপার্টমেন্ট ভবনে আসে সে আর ট্রয়। সে সময় একা ছিল জেনেসিস। তারা ক্ষমা চাওয়ার ভান করলো প্রথমে, কিন্তু তারপরে ভিডিয়ো ক্লিপটা আমার বাচ্চাটাকে দেখায়। শুধুমাত্র মজা নেয়ার জন্য… শুধুমাত্র ঠাট্টা করার জন্য… তারা জেনেসিসকে বললো যে কেউ কখনো ওর মতো ‘অস্বাভাবিক’ মেয়েকে ডেট করতে চাইবে না। এরপর তারা জানালো যে ভিডিয়োটা রেখে দেবে তারা, কয়েক মাস পর স্কুলে শুরু হলে গার্ডেনা হাইয়ের সবার সামনে তা দেখাবে।’
কিছুক্ষণ চুপ করে থাকলো লিন্ডা, যেন নিজেকে সামলে নেয়ার চেষ্টা করলো। তারপর বললো, ‘সেদিন, ট্রয় আর পেদ্রো চলে যাওয়ার পর… ওপরে গেল জেনেসিস,’ এবার আর চোখের পানি ধরে রাখতে পারল না সে। ‘আমাদের রান্নাঘরের সবচেয়ে ধারালো ছুরিটা হাতে নিলো আমার সোনা মেয়েটা… আর নিজের হাত প্রায় পুরোপুরি কেটে ফেলে আত্মহত্যা করলো। তখন তার বয়স ছিল মাত্র চৌদ্দ বছর।’
আবার অ্যাম্বারের দিকে তাকালো লিন্ডা। নিজের অজান্তেই চোয়াল শক্ত হয়ে গেছে এয়ার মার্শালের।
‘পেদ্রো আমাকে জানায় যে মজা করে কথাটা বলেছিল জেনেসিসকে,’ বললো লিন্ডা। ‘তারা যা বলেছিল, সেটা আসলে করার পরিকল্পনা তাদের ছিল না। তারা আসলে কখনোই ভিডিয়োটা কাউকে দেখানোর পরিকল্পনা করেনি। ব্যাপারটা কয়েকজন কিশোরের একটা মজার খেলা ছিল শুধু।’
‘আমি খুবই…’ বলতে গিয়েও থেমে গেল হান্টার, কারণ লিন্ডা ওকে থামিয়ে দিলো।
‘সেদিন, আমার গাড়িতে বসে, পেদ্রো আমাকে জানায় যে জেনেসিসের বাসায় যাওয়ার ব্যাপারটা তারা কখনো মেয়েদেরকে বলেনি। শুধু সে আর ট্রয় জানতো। পেদ্রো আমাকে আরও জানায়, গত তেরো বছর ধরে অপরাধবোধ, লজ্জা আর অনুশোচনায় ভুগছে সে। জেনেসিসের আত্মহত্যা না-কি তার জীবন ধ্বংস করে দিয়েছে, আর সে চাচ্ছিল আমি যেন তাকে ক্ষমা করি।’
বরফের মতো শীতল হাসি হাসলো লিন্ডা। এত শীতল হাসি হান্টার আগে কখনো দেখেনি। ‘তার জীবন নাকি ধ্বংস হয়ে গেছে! বিশ্বাস করতে পারেন? সে না-কি সবসময়ই আমার কাছে এসে সত্যিটা বলতে চাইতো, কিন্তু কখনোই সাহস করে উঠতে পারেনি। সে বললো, সে আমার বহু সেমিনারে এসেছে, আমাকে সব খুলে বলতে চেয়েছে, কিন্তু শেষমেষ সবসময় ফিরে গেছে। সেদিন, সে জানায়, এবার আর সে আর পিছিয়ে যাবে না… ফলাফল যা-ই হোক না কেন।’
সেই শীতল হাসি আবার খেলা করে গেল লিন্ডার ঠোঁটে। ‘সেই রাতেই মারা যায় সে।’
‘আপনি তাকে হত্যা করেছেন?’ জিজ্ঞেস করলো অ্যাম্বার।
জবাব না দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো লিন্ডা।
‘লিন্ডা,’ আবার কিছু বলতে চাইলো হান্টার, কিন্তু লিন্ডা আবার ওকে থামিয়ে দিলো।
‘কথা বলবেন না,’ বললো সে। হাতের অস্ত্র এবার হান্টারের দিকে তাক করলো। ‘আপনার বলার কিছু নেই… রবার্ট। কারণ, ভিডিয়ো এখনো পুরোটা দেখেননি আপনি।’
চোখ কুঁচকে লিন্ডার দিকে তাকালো হান্টার আর অ্যাম্বার।
‘না, তার চাইতে বলি, আপনি এখনো পুরোটা শোনেননি,’ নিজেকে শুধরে নিলো লিন্ডা। ‘ভিডিয়োর শুরুতে ফিরে যান,’ হান্টারকে আদেশ দিলো সে, কণ্ঠ তীব্র রাগে কাঁপছে। ‘ফোনের বাঁ পাশে ওপরের বাটনে চাপ দিন। ওটাই ভলিউমের বাটন। আওয়াজ বাড়িয়ে দিন। আবার দেখুন। এবার পুরোটা খুব ভালোমতো শুনতে পারবেন।’
চুরানব্বই
ভিডিয়োটা আবার শুরুতে ফিরিয়ে নিলো হান্টার, আর ঠিক তখনই বিমানের দরজার বাইরে থেকে আসা একটা মৃদু শব্দ কানে এলো ওর। কিন্তু তাতে কোনো প্রতিক্রিয়া হলো না ওর। চোখ লিন্ডার ফোনের স্ক্রিন থেকে সরলো না, এক দৃষ্টিতে মোবাইলের দিকে তাকিয়ে থাকলো ও। কিন্তু ও বুঝতে পারলো, প্লেনে ঢোকার প্রস্তুতি নিচ্ছে সোয়াট টিম।
‘দেখুন, দেখুন,’ বললো লিন্ডা। ‘লজ্জা পাবেন না। গ্যারান্টি দিচ্ছি, ভালো লাগবে আপনার।’
ভিডিয়োটা আবার চালু করার আগে ফোনের ভলিউম সর্বোচ্চ করে নিলো হান্টার। ভিডিয়োটা আবার শুরু হতেই এবার ক্যামেরার পেছনের কণ্ঠগুলো শুনতে পেলো হান্টার আর অ্যাম্বার। একা নয় ট্রয় ফস্টার।
‘শশশ,’ ট্রয়ের কণ্ঠ শোনা গেল। ‘আমরা যে এখানে, তা ওকে বুঝতে দেওয়া যাবে না।’ ফিসফিস করে বললো সে। ‘সেই মজা হবে!’
ভিডিয়োতে দেখা গেল, পেদ্রোকে প্রথমবার চুমু খাওয়ার সময় আলতো করে হাত দিয়ে প্রেমিকের গাল স্পর্শ করলো জেনেসিস। ‘বিশ্বাসই হচ্ছে না, পেদ্রো ওই হাত দিয়ে নিজের মুখ স্পর্শ করতে দিচ্ছে,’ ফিসফিস করে বললো একটা কণ্ঠ। বাচ্চা এক মেয়ের কণ্ঠ। ‘চাইলে পেদ্রোকে মেরেও ফেলতে পারে! ফিশ হুকের মতো হাতটা মুখে গেঁথে দিলেই হবে।’
এই মন্তব্য শুনে চাপা হাসিতে ফেটে পড়লো সবাই।
মেরুদণ্ড বেয়ে শীতল একটা স্রোত নেমে গেল হান্টারের, যেন বৈদ্যুতিক শক খেয়েছে ও।
‘কথাটা কে বললো, বলুন তো রবার্ট?’ জিজ্ঞেস করলো লিন্ডা।
‘জ্যানেট ল্যাং,’ উত্তর দিলো হান্টার। ‘মেলিসা হোথর্নের বোন।’
ভ্রূ কুঁচকে হান্টারের দিকে তাকালো অ্যাম্বার, ঠিক কী ঘটছে, তা বোঝার চেষ্টা করছে। হান্টারের দিকে তাকিয়ে মুচকি হাসলো লিন্ডা। আস্তে আন্তে সব বুঝতে শুরু করেছে ডিটেকটিভ। জ্যানেটের এই মন্তব্য আগুনে ঘি ঢালার কাজ করলো। যেহেতু বাচ্চারা সবাই-ই একে অপরকে টপকে যেতে চায়, তাই প্রথমে জ্যানেটের কথা শুনে হাসলো সবাই, তারপর প্রত্যেকে নিজের মতো করে আরও এক ধাপ এগিয়ে, আরও মজার কিছু বলার চেষ্টা করলো।
জ্যানেটের কথা শেষ হতেই ট্রয়ের কণ্ঠ শোনা গেল। আবারও ফিসফিস করলো সে। ‘একটু আগেই ওরা দুজন হাত ধরে কথা বলছিল, দেখেছিস তোরা? পেদ্রো শালা কি পাগল না-কি? ওই সময় যদি হারামজাদী হঠাৎ দৌড় দিতো, তবে টো ট্রাকের হুকের মতো ওই হাত দিয়ে টেনে নিয়ে যেতো পেদ্রোকে! আর তখন মাংসের দলা হয়ে রাস্তার পাশে পড়ে থাকতো পেদ্রো।’ আবারও চাপা হাসি।
‘এটা কে বললো, তা বলার কোনো প্রয়োজন নেই আশা করি,’ বললো লিন্ডা, তার কথা শুনে ভিডিয়োটা পজ দিলো হান্টার। ‘কারণ গ্রুপে আর কোনো ছেলে ছিল না।’
লিন্ডার জ্বলন্ত চোখের দিকে তাকালো হান্টার।
‘দেখতে থাকুন,’ বললো লিন্ডা। ‘জোকটা আরও মজাদার হবে আস্তে আস্তে।’
অনিচ্ছাসত্ত্বেও আবার ভিডিয়োটা চালু করলো হান্টার।
জেনেসিস বাথরুমে ঢুকলে থেমে গেল মন্তব্যের স্রোত, ওয়ার্ডরোব থেকে সবার বের হওয়ার ব্যবস্থা করলো পেদ্রো। দরজা খুলে জেনেসিসের বের হওয়ার জন্য নিঃশব্দে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো সবাই।
‘সারপ্রাইজ!’ জেনেসিস বের হতেই একসাথে চিৎকার করে উঠলো সবাই, তারপর হেসে গড়াগড়ি খেতে লাগলো। হতবিহ্বল জেনেসিস জমে গেল দরজার সামনে।
‘ভালো হয়েছে যে তুই ওর কাছে কোনো হ্যান্ডজব চাসনি, পেদ্রো,’ বললো মেয়েদের একজন, পেদ্রো তখন জেনেসিসের পেছনের দরজা বন্ধ করায় ব্যস্ত। ‘নইলে ওর লবস্টারের ক্ল’র মতো হাত দিয়ে তোর জিনিসপত্র ক্ল্যাক, ক্ল্যাক, ক্ল্যাক করে কেটে ফেলতো।’ আরও এক দফা উচ্চস্বরে হাসাহাসি।
মন্তব্যকারীর নাম জোসি, বুঝতে পারলো হান্টার।
‘আমি হলে ওর ভেতরে আঙুলও দিতাম না,’ আরেকটা মেয়ের কণ্ঠ শোনা গেল। ‘কে জানে, ওর ভেতরেও নখর আছে কিনা!’
‘জ্যানেট,’ জানালো লিন্ডা।
এক মুহূর্তের জন্য মাথা নিচু করে চোখ বন্ধ করলো হান্টার।
‘আমি শুধু ওদের পরামর্শই অনুসরণ করেছি,’ হুইস্কির আরেকটা ছোটো বোতল শেষ করে স্বাভাবিক কণ্ঠে বললো লিন্ডা। হান্টারের হাতে ধরা ফোনের দিকে চেয়ে নড করলো সে। ‘রবার্ট, আমি আসলে খারাপ কাজ করিনি, কী বলেন?’
পুরোপুরি হতভম্ব দেখালো অ্যাম্বারকে। আবার ভিডিয়োতে মনোযোগ দিলো হান্টার।
পেদ্রোর পেটে চাপ দিয়ে ঠেলে সরিয়ে বাথরুমে ঢোকার চেষ্টা করলো জেনেসিস। কিন্তু তার তুলনায় পেদ্রোর শক্তি অনেক বেশি। ‘সাবধান, পেদ্রো।’ আবারও একটা মেয়ের কন্ঠ শোনা গেল। ‘ওর ওই নখরসদৃশ হাত দিয়ে খুব সহজেই তোর মাঝখান বরাবর কেটে ফেলতে পারবে ও। কিমার মতো টুকরো টুকরো হয়ে যাবি তখন।’ আবারও অট্টহাসি।
ভিডিয়োটা থামালো হান্টার। এই মন্তব্যটা এসেছে সোফিয়া রিজোলি ওরফে সোফিয়া এলিয়টের কাছ থেকে। তাহলে লুকাস এলিয়টকে মাঝ বরাবর কেটে ফেলে তার শরীরের অংশগুলো কিমার মতো মেঝেতে ছড়িয়ে দেওয়াই উদ্দেশ্য ছিল লিন্ডার।
‘তাহলে, বুঝলেন তো ডিটেকটিভ সাহেব,’ বললো লিন্ডা, ফোনটা তার দিকে ছুঁড়ে দেওয়ার ইশারা করলো হান্টারকে। সেটাই করলো হান্টার। ‘রহস্যের সমাধান পেলেন তো,’ ফোনটা নিজের পকেটে রেখে বললো লিন্ডা। ‘তবে বাজি ধরে বলতে পারি, এই ভিডিয়োর মাধ্যমে আপনার অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আপনি।’
‘লিন্ডা,’ মুখ খুললো হান্টার। ‘আপনার রাগটা বুঝতে পারছি আমি, কারণ একটা সময় আমিও আপনার মতোই রেগে গিয়েছিলাম। যারা আমার কাছের একজনকে কেড়ে নিয়েছিল, তাদের ওপরে প্রতিশোধ নিতে চেয়েছিলাম। আর এটা একবার নয়, একাধিকবার ঘটেছে।’
‘চমৎকার। তাহলে আমি যেন আমার কাজ শেষ করতে পারি, সেজন্য আমাকে যেতে দেওয়া উচিত আপনার।’
‘আপনার এই প্রতিশোধ সম্পর্কে একটা প্রশ্ন করতে চাই, লিন্ডা,’ ঝুঁকি নিলো হান্টার। ‘প্রতিশোধে কি কাজ হয়েছে? শান্তি পেয়েছেন? প্রতিশোধ নেয়ার কারণে কি জেনেসিস, মাইকেল আর জনের কথা কম মনে পড়েছে? যখন আপনি ওই নির্দোষ মানুষগুলোকে নির্মমভাবে হত্যা করলেন, তখন কি অন্তর শান্ত হয়েছে আপনার? যে কষ্ট ও বেদনা এতদিন বুকের ভেতরে বয়ে নিয়ে বেড়াচ্ছেন, এই প্রতিশোধ কি তা দূর করতে পেরেছে?’
‘দেখুন রবার্ট।’ লিন্ডার কণ্ঠে আবারও ব্যঙ্গের সুর ফিরে এলো। ‘এখানেই আপনি ভুল করছেন। কাজগুলো আমি আমার জন্য করছি না। তাই আমার কেমন লাগছে, সেটা বাদই থাক। আমার অন্তর শান্ত করার জন্য না, আমার কষ্ট দূর করার জন্যও না। আমার যন্ত্রণা তখনই শেষ হবে, যখন আমি আর থাকবো না। এটা আমি জানি। আমি আসলে তাদেরকে শাস্তি দিচ্ছি। যে অন্যায় তারা আমার জেনেসিসের সাথে করেছিল, তার শাস্তি। সেসব মানুষদেরকে শাস্তি দিচ্ছি যারা যা ইচ্ছা তা-ই করে, তারপর সেটাকে ‘মজা’ বলে চালিয়ে দেয়।’ রাগতভাবে মাথা ঝাঁকালো সে। ‘প্রত্যেক কাজের একটা পরিণতি থাকে। এটা কিন্তু আপনিও জানেন। কিছু কাজের তৃতীয় ধাপ থাকে, সেটা হলো ‘প্রতিক্রিয়া’। জেনেসিসের আত্মহত্যা, এরপর মাইকেল আর জনের মৃত্যু ছিল তাদের কাজের ফলাফল।’ নিজের বুকের ওপর আঙুল রাখলো লিন্ডা। ‘আর আমি হচ্ছি সেই প্রতিক্রিয়া। আর আমার কথা বিশ্বাস করুন, রবার্ট, এই প্রতিক্রিয়া থামবে না।’
‘কিন্তু যাদেরকে আপনি হত্যা করেছেন,’ বললো হান্টার, ওর কণ্ঠে উপহাসের কোনো সুর নেই। ‘সেই নির্দোষ মানুষগুলো কিন্তু জেনেসিসের মৃত্যুর জন্য দায়ী না। আমি জানি, সেটা আপনিও জানেন। তারা কোনোভাবেই ওই ভিডিয়োর সঙ্গে জড়িত ছিল না।’
‘নির্দোষ?’ দাঁতে দাঁত চেপে বললো লিন্ডা। ‘আপনি নির্দোষদের ব্যাপারে কথা বলতে চান, তাই তো? ঠিক আছে।’ বড়ো করে একটা দম নিলো সে, ক্ষোভে ফুঁসতে লাগলো। ‘জেনেসিস নির্দোষ ছিল। মাইকেল নির্দোষ ছিল। জন নির্দোষ ছিল। ওরা সবাই আমাকে ছেড়ে চলে গেছে, রবার্ট। আমার পুরো পরিবার, যাদেরকে আমি ভালোবাসতাম, সবাই শেষ হয়ে গেছে, কারণ চৌদ্দ বছরের এক দল বাচ্চা মজা করতে চেয়েছিল, শুধুমাত্র ‘জোক’ করতে চেয়েছিল।’
একটা বাচ্চা মেয়ের গলা নকল করলো লিন্ডা, ব্যঙ্গ করে বললো, ‘আমার কাছে একটা আইডিয়া আছে। শুধুমাত্র মজা করার জন্য একটা দুর্বল মেয়েকে প্রতারিত করে ওর কাপড় খোলানোর ব্যবস্থা করি, তারপর সেটা ভিডিয়ো করে ওকে এতটাই অপমান করি যে সে নিজেকে শেষ করে দিতে বাধ্য হয়।’
আবার স্বাভাবিক কণ্ঠে কথা বলতে লাগলো লিন্ডা। ‘এমনিতেই সারাজীবন নিজের শরীর, মানসিক অবস্থা, সমাজের কটূক্তি আর সবচেয়ে বড়ো কথা মানুষের অজ্ঞতার সঙ্গে লড়াই করতে হয়েছে জেনেসিসকে। সবচেয়ে অবাক করার বিষয় কী জানেন? তাদের মধ্যে পাঁচজন বাচ্চা ছিল, পাঁচজন। তার মধ্যে তিনজন ছিল আবার মেয়ে। অথচ একজনও বললো না, ‘এরকম মজা করাটা ঠিক হবে না। এই মেয়েটাকে আমরা এভাবে হেনস্তা কেন করবো? ও তো আমাদের কারো কোনো ক্ষতি করেনি, তাহলে কেন ওর সাথে এরকম আচরণ করবি তোরা? কেউ যদি তোদের সঙ্গে এমন করতো, তাহলে কেমন লাগত?” দুই হাত নিজের দিকে তাক করলো লিন্ডা। ‘প্রতিশোধ বড়োই নির্মম জিনিস, তাই না?’
‘কিন্তু লিন্ডা, যাদের আপনি হত্যা করেছেন, তারা তো জেনেসিসকে চিনতোই না।’ হান্টার আবার ওর সামনে দাঁড়ানো নির্মম খুনির ভেতরের মানবিকতাকে জাগিয়ে তোলার চেষ্টা করলো। ও জানে, লিন্ডার মধ্যে এখনো সেই মানবিকতাটুকু বেঁচে আছে। রাগের আড়ালে চাপা পড়ে গেছে বটে, কিন্তু আছে। ওকে শুধু সেটা খুঁজে বের করতে হবে।
‘তেরো বছর আগে জেনেসিসের আত্মহত্যার সময়ে যদি ফিরে যান, তাহলে দেখবেন, জ্যানেটের সৎ বোন মেলিসা হোথন ছাড়া আপনি যাদেরকে হত্যা করেছেন, তারা কেউই সেই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিল না। মাত্র তিন বছর আগে ট্রয় ফস্টারের সঙ্গে পরিচয় হয় কার্স্টেন হ্যানসেনের। অলিভার গ্রিফিথ আর জোসি মসের পরিচয়ের বয়স মাত্র সতেরো মাস। লিন্ডা, আপনি তাদের জীবন কেড়ে নিয়েছেন এমন কিছুর জন্য, যার সঙ্গে তাদের কোনো সম্পর্কই ছিল না, এমন কোনো ঘটনার জন্য, যখন তারাও জেনেসিসের মতোই বাচ্চা ছিল।’
জেনেসিসের মতো, শব্দদুটো উচ্চারণের সাথে সাথে হান্টারের মাথায় নতুন এক পরিকল্পনা ঝলসে উঠলো।
‘আমি জানি আপনি অনেক গবেষণা করেছেন, অনেক খোঁজখবর নিয়েছেন, প্রত্যেক ব্যক্তি সম্পর্কে যতটা সম্ভব তথ্য জোগাড় করেছেন,’ বললো হান্টার, একটু বাজিয়ে দেখতে চাইলো। ‘মাসের পর মাস ধরে তথ্য সংগ্রহ করেছেন আপনি। নিখুঁত ছিল আপনার গবেষণা, কিন্তু আমি জানতে চাই, আপনি কি তাদের শৈশব নিয়েও গবেষণা করেছিলেন?’
এক মুহূর্তের জন্য লিন্ডার চোখে দ্বিধা খেলা করে গেল। সেটা চোখ এড়ালো না হান্টারের। উত্তর কী হবে, সে জানে ও, কিন্তু লিন্ডা কোনো উত্তর দিলো না। কাজ হচ্ছে ওর পরিকল্পনায়।
‘আমরা কিন্তু করেছি,’ ডাহা মিথ্যা কথা বললো ও। ‘নিহতদের সম্পর্কে সবকিছু জানতে হয়েছে আমাদের, যেন বোঝা যায় যে কেন তাদেরকে হত্যা করা হচ্ছে। আপনি কি জানেন কেন কার্স্টেন হ্যানসেন ডেনমার্ক ছেড়ে আমেরিকায় এসেছিল?’
সরু চোখে তাকালো লিন্ডা।
‘জন্মগতভাবে কথা বলার সমস্যায় ভুগছিল কার্স্টেন হ্যানসেন,’ গল্প বানালো হান্টার। ‘সাবমিউকাস ক্লেফট প্যালেট। স্কুলে, তার কথা বলার ধরণের কারণে অন্য বাচ্চারা হাসাহাসি করতো তাকে নিয়ে।’ থামলো লিন্ডা, হুট করেই অনিশ্চিতভাবে তাকালো। ‘সে আমেরিকায় এসেছিল এই রোগের অপারেশন করাতে। পরে এখানেই থেকে যায়। অলিভার গ্রিফিথের শারীরিক কোনো সমস্যা ছিল না বটে, কিন্তু যখন তার বয়স চৌদ্দ বছর, ঠিক জেনেসিসের মতো, তখন তার শরীরের গড়ন ছিল শুকনো কাঠির মতো। সবসময় তাকে তার শারীরিক গঠন নিয়ে অপমান করা হতো, মারধর করা হতো, খেলাধুলায় আগ্রহ না থাকায় তাকে উপহাস করা হতো। স্কুল ছাড়ার পরে নিজেকে বদলানোর সিদ্ধান্ত নেয় সে, তখনই জিমে যোগ দেয় এবং শক্তপোক্ত শরীর বানায়।’
প্রথমবারের মতো নিজেকে প্রশ্ন করছে লিন্ডা, বুঝতে পারলো হান্টার। ‘ডিসলেক্সিয়ায় ভুগছে লুকাস এলিয়ট,’ আবার বললো হান্টার। ‘এখনো এই সমস্যার সঙ্গে লড়াই করে যাচ্ছে সে। কিন্তু যখন সে ছোটো ছিল, তখন স্কুলে তাকে নিয়ে উপহাস করা হতো, কারণ সে ঠিকমতো পড়তে বা লিখতে পারতো না। তার ডাকনাম দেওয়া হয়েছিল ‘বোকাহাঁদা’।’
‘আমি কি…?’ কিছু বলার চেষ্টা করলো ফিল, কিন্তু সাথে সাথে তাকে থামিয়ে দিলো লিন্ডা। ‘চুপ।’
‘আপনি যাদেরকে হত্যা করেছেন,’ আবার বললো হান্টার, ‘তাদেরও ছোটোবেলায় লড়াই করতে হয়েছে। তাদেরকেও অপমান করা হয়েছে, মারধর করা হয়েছে, ঠাট্টা-বিদ্রূপ করা হয়েছে।’ থামলো সে, ভারী মনে হলো এবারের নীরবতা। ‘তারা সবাই-ই জেনেসিস ছিল, নিজেদের মতো করে সমাজের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করেছিল… স্বীকৃতি পাওয়ার জন্য সংগ্রাম করেছিল… নিজেদের সীমাবদ্ধতার সঙ্গে লড়াই করেছিল… অজ্ঞতার বিরুদ্ধে যুদ্ধ করেছিল। কিন্তু পার্থক্য একটাই, তারা আত্মহত্যা করেনি, লিন্ডা… আপনি তাদের জীবন কেড়ে নিয়েছেন। আপনি কি সত্যিই বিশ্বাস করেন যে ন্যায়বিচার হয়েছে? জেনেসিসের জন্য? আপনার জন্য? আপনি কি সত্যিই বিশ্বাস করেন যে, জেনেসিস চাইতো তার মা এমন কিছু করুক? আপনি কি বিশ্বাস করেন যে, যারা তার মতো সংগ্রাম করেছে, যারা শুধু নিজেদের মতো বাঁচতে চেয়েছে, তার মা এমন মানুষদের হত্যা করছে দেখে খুশি হতো সে?’
একবার ফিলের দিকে তাকালো লিন্ডা, তারপর অ্যাম্বার হয়ে হান্টারের দিকে তাকালো। মনের ভেতর লড়াই চলছে তার। অপরাধবোধ? লজ্জা? না-কি দুটোই? হান্টার বুঝতে পারলো না। অস্ত্রের দিকে হাত বাড়ালো লিন্ডা।
‘কাউকে না কাউকে মূল্য চোকাতেই হতো,’ বললো সে, কণ্ঠস্বর আবেগে কেঁপে উঠলো। ‘আমরা সবাই তেরো বছর আগেই মরে গেছি। জেনেসিস, মাইকেল, জন আর আমি। আমাকে প্রতিশোধ নিতেই হতো।’ শ্রাগ করলো সে। ‘চোখের বদলে চোখ। একজন নিরপরাধের বদলে আরেকজন নিরপরাধ। তো কী হয়েছে?’ এবার তার গলা দৃঢ় শোনালো। ‘এই পৃথিবী ন্যায্য নয়, ডিটেকটিভ। এই জীবন ন্যায্য নয়। এটা আপনি নিশ্চয়ই এতদিনে বুঝেছেন। জীবন যদি সত্যিই ন্যায্য হতো, তাহলে জেনেসিস একট্রোড্যাকটিলি নিয়ে জন্মাতো না।’
এক মুহূর্তের জন্য হাতে ধরা অস্ত্রের দিকে নজর সরে গেল তার। ‘আমি আমার শাস্তি ভোগ করেছি। ওই পাঁচজনকে শাস্তি দিতে গিয়ে যদি কিছু নিরপরাধ মানুষ মারা গিয়ে থাকে,’ শ্রাগ করলো সে। ‘তাহলে সেটা তাদের দুর্ভাগ্য।’
ভুল হতে পারে ওর, কিন্তু হান্টারের মনে হলো লিন্ডার বলা কথাগুলোতে আত্মবিশ্বাসের অভাব রয়েছে। বড়ো করে একটা দম নিলো লিন্ডা। ফিল, অ্যাম্বার হয়ে হান্টারের দিকে গেল তার দৃষ্টি।
‘আজ আপনি একটা ভুল করেছেন, রবার্ট,’ বললো সে। ‘হয়তো এখন বুঝতে পারবেন না। কিন্তু আমি জানি, খুব তাড়াতাড়িই আপনি সব বুঝে যাবেন। সবকিছু আপনার জন্য রাখা আছে।’
‘কী ভুল করেছি?’
কাকতালীয় হোক বা পরিকল্পিত, লিন্ডার হাতে শুধু প্ল্যান ‘সি’ই বাকি ছিল। এখন শুধু সেটা কার্যকর করা বাকি। ‘আপনি বলেছিলেন, আজ এখানে কেউ মরবে না।’ হান্টার আর অ্যাম্বারের দিকে তাকিয়ে নিষ্প্রাণ হাসি হাসলো সে। ‘আপনি ভুল বলেছিলেন।’
বন্দুক তাক করলো লিন্ডা, পরপর দুটো গুলি ছুঁড়লো। রক্তের ঘন এক কুয়াশা ছড়িয়ে পড়লো বাতাসে, আর সেই কুয়াশার মধ্যে ছিল হাড়ের কুচি ও মগজের টুকরো।
