জেনেসিস – ৫০

পঞ্চাশ

কাশতে কাশতে জেগে উঠলো অলিভার। চেতনা আস্তে আস্তে ফিরে আসছে, সেই সাথে ফিরে আসছে শরীরের ভয়ঙ্কর ব্যথাও।  মনে হচ্ছে, শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ব্যথা ঢুকে গেছে। প্রত্যেকটা পেশি, প্রত্যেকটা হাড়, প্রত্যেকটা জোড়ায় ভয়াবহ ব্যথা, মনে হচ্ছে ভেঙে পড়া বা ছিঁড়ে যাওয়া থেকে মাত্র এক চুল দূরত্বে দাঁড়িয়ে আছে, এবং সেই সাথে আছে ঘন, কালো মেঘের মতো বিভ্রান্তি। মগজ অসাড় হয়ে আছে ওর, চিন্তাশক্তি লোপ পেয়েছে।

কতক্ষণ অচেতন ছিল, চেষ্টা করার পরেও তা মনে করতে পারলো না অলিভার। কোথায় আছে, সেটাও বুঝতে পারলো না। ইন ফ্যাক্ট, ও আসলে কে, তা বুঝে উঠতেই কয়েক সেকেন্ড সময় লেগে গেল।

প্রবল ব্যথা সত্ত্বেও চোখ খোলার চেষ্টা করলো ও। চারপাশটা দেখলে বিভ্রান্তি কেটে যাওয়ার কথা, কিন্তু ওর চোখের পাতা এত ক্লান্ত আর এত ভারী যে খুলতে পারলো না। খোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে চোখের পাতা আবার আগের জায়গায় ফিরে গেল।

মরুভূমির মতো শুকিয়ে আছে মুখের ভেতরটা, থুথু উৎপাদনে হিমশিম খাচ্ছে ওর গ্রন্থিগুলো। যেটুকু উৎপাদন হচ্ছে, সেটুকু গলা পর্যন্ত পৌঁছানোর আগেই শুকিয়ে যাচ্ছে। যে কারণে ঢোঁক গেলার সময়ে গলাটা খটখটে শুকনো ছাড়া আর কিছু লাগছে না।

আরেকবার কাশলো অলিভার, কেশে মুখের ভেতরটা পরিষ্কার করতে চাইলো। কিন্তু সেটা তো হলোই না; বরং মনে হলো, ওর খুলির ভেতরে কোনো বোমা বিস্ফোরিত হয়েছে। মগজের ওপরে চাপ দিচ্ছে কেউ, আবার ঝিমঝিম লাগতে লাগলো ওর। ব্যথা এতটাই বেশি যে শ্বাস নিতেও রীতিমতো সংগ্রাম করতে হলো ওকে।

তখনই একটা শব্দ কানে এলো ওর।

থপ, থপ।

মৃদুভাবে শব্দটা কানে এলো অলিভারের, কিন্তু নির্দিষ্ট এক বিরতিতে। যেন কোনো মায়েন্ত্রো নির্দিষ্ট বিরতিতে একটা বিট কনডাক্ট করছেন।  চিন্তা করার চেষ্টা করলো ও, কিন্তু কোনো কিছুই বুঝতে পারলো না। এটা কি কোনো স্বপ্ন? না-কি দুঃস্বপ্ন? দুঃস্বপ্ন হওয়াটাই একমাত্র যৌক্তিক ব্যাখ্যা।  এছাড়া আর ওর এখানে আসার কারণ কী? ‘এখান’টা যেখানেই হোক না কেন।

থপ, থপ।

শব্দটা নির্দিষ্ট বিরতিতে হতেই থাকলো। সেই সাথে বাড়তে থাকলো শব্দটা… এমনকি কাছিয়েও এলো। এবার আতঙ্ক বোধ করতে লাগলো অলিভার।

থপ, থপ।

ব্যথা সত্ত্বেও অনেকটা বাতাস একবারে টেনে নিলো অলিভার। বাতাস বেশ উষ্ণ আর বাসি, একটা অদ্ভুত গন্ধে ভারী হয়ে আছে। গন্ধটা কীসের, তা ও বুঝতে পারলো না।

থপ, থপ।

শব্দটা হতেই লাগলো। আর অবশেষে অলিভার উপলব্ধি করলো, আশেপাশের কথাও থেকে নয়; শব্দটা আসছে ওরই শরীর থেকে, ওর রক্ত ফোঁটায় ফোঁটায় পড়ে কানে তালা ধরানোর মতো অবস্থার সৃষ্টি করেছে। আর যতবার শব্দটা হচ্ছে, ততবার ওর মাথা ফেটে যাওয়ার উপক্রম হচ্ছে। কী অদ্ভুত ও হাস্যকর এক দুঃস্বপ্ন এটা?

ছপাৎ।

বরফ ঠান্ডা পানিতে ভিজে গেল অলিভারের মুখ, হুট করে মারা এক চড়ের মতো কাজ করলো পানিটা। চেতনা ফিরে আসায় এবার গলা ফাটিয়ে চিৎকার করে উঠলো অলিভার।  চিৎকারটা ওরই আশেপাশে প্রতিধ্বনিত হতে লাগলো; স্পষ্ট হয়ে গেল, ও যেখানে আছে, তার চারপাশে নিরেট দেয়াল।

মরিয়া হয়ে আরেকবার শ্বাস টানলো ও, যেন বাতাসটা পান করার চেষ্টা করছে।  এটা কোনো দুঃস্বপ্ন না, ভাবলো ও, শরীরটা কেঁপে উঠলো। হৃদপিণ্ড যেন বুকের ভেতর থেকে ফেটে বেরিয়ে আসবে। এটা বাস্তব।  পুরোটাই বাস্তব। হচ্ছেটা কী আসলে?

বরফ ঠান্ডা পানিটা মুখে অপ্রত্যাশিতভাবে চড়ের কাজ করায় কয়েকটা ব্যাপার ঘটলো। কেঁপে উঠলো অলিভার, শক্ত হয়ে গেল পেশি, মুখ কুঁচকে গেল, সাদা হয়ে গেল চামড়া।  সবচেয়ে বড়ো কথা হলো, ভয়টা নতুন করে জেঁকে বসলো। কারণ, অলিভার জেনে গেল, যেখানেই থাকুক না কেন, একা নয় ও। পানি যখন মুখ থেকে খোলা বুক বেয়ে গড়িয়ে পায়ের কাছের মেঝেতে জড়ো হচ্ছে, তখন কেশে উঠলো অলিভার, আর সেই কাশিতে একটা ব্যথা মাথার নিচ অংশ থেকে পাঁজর হয়ে নিতম্ব আর উরুর হাড় ভেদ করে চলে গেল।

তবে এই বরফ ঠান্ডা পানি ওর সতর্কতা বাড়িয়ে দিলো আরও। আবার চোখ খোলার চেষ্টা করলো ও, এবার সামান্য খুলতে পারলো। খুলতেই ঝাপসা কিছু অবয়ব আর আকৃতি চোখ পড়লো, মগজ এখনো ভারী আর ঘোলা হয়ে আছে।  তবে আতঙ্ক নিজের মতো করে মানসিক প্রতিক্রিয়া দেখাচ্ছে। সেকেন্ডের ভগ্নাংশ সময় পরে চোখজোড়া ফোকাস করতে শুরু করলো।

কনক্রিটের মেঝে। অলিভার যেটার দিকে তাকিয়ে আছে, সেটা পালিশ করা কনক্রিটের মেঝে।  আরও একবার বড়ো করে শ্বাস টানলো ও। ফুসফুস ভরে গেল প্রয়োজনীয় অক্সিজেনে। আবছা আলোতে এখনো ফোকাস করার চেষ্টা করছে ও, তবে পালিশ করা কনক্রিট ফ্লোরের দিকেই যে তাকিয়ে আছে, সে ব্যাপারে নিশ্চিত।

বিন্দুগুলোর সংযোগ ঘটাতে আরও দুটো সেকেন্ড সময় লাগলো ওর। সোজা অবস্থায় আছে অলিভার, মাথা সামনের দিকে ঝুঁকে আছে, থুতনি প্রায় বুকের সাথে লাগানো। পায়ের নিচের মেঝের দিকে তাকিয়ে আছে, কারণ ওর পা’জোড়া মেঝে স্পর্শ করেনি।

হুট করে, দুই হাত আর বাহু ব্যথায় টনটন শুরু করলো, আঙুলের ডগা থেকে কাঁধ হয়ে ঘাড় পর্যন্ত উঠে এলো এক বন্য দাবানলের মতো।  তখনই নিজের অবস্থাটা বুঝতে পারলো অলিভার। ও সোজা অবস্থায় আছে বটে, কিন্তু একটা বড়ো, এক্স আকৃতির কাঠের ক্রসের সাথে বেঁধে রাখা হয়েছে ওকে। ক্রসটা সেইন্ট অ্যান্ড্রর ক্রস নামেও পরিচিত।

চামড়ার মোটা স্ট্র্যাপের সাহায্যে কজি আর গোড়ালি শক্ত করে বেঁধে রাখা হয়েছে।  এবং এমনই শক্ত যে, সম্ভবত হাত ও পায়ে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। কব্জির স্ট্র্যাপে রক্তের ছিটা দেখা যাচ্ছে।  ওর বাহু, কাঁধ আর ঘাড় যে এতটা ব্যথা করছে; তার কারণ, ওর শরীরের ওজনের বেশিরভাগ বহন করছে ওর বাহুজোড়া, সেই সাথে তার পা’জোড়া মেঝে স্পর্শ করেনি। আর সেই মুহূর্তেই অলিভার উপলব্ধি করলো, ও সম্পূর্ণভাবে নগ্ন।

ছপাৎ।

আরও এক দফা বরফ ঠান্ডা পানি ছেটালো কেউ ওর মুখে। আরও এক দফা শারীরিক প্রতিক্রিয়া। কজির স্ট্র্যাপগুলো আরও শক্ত হয়ে চেপে বসলো।

‘ওঠো কুম্ভকর্ণ, ওঠো।’ কাউকে বলতে শুনলো অলিভার। কণ্ঠ একদম মসৃণ, তবে কণ্ঠে কিছু একটা আছে, যা অস্বস্তি জাগায়।  কথায় কোনো তাড়াহুড়ো নেই, কোনো রাগ নেই, কোনো আবেগ নেই। শুধু ইস্পাতের মতো এক ধীরস্থিরতা, যাকে ভাঙা যায় না।

মাথা তোলার জন্য শক্তি খাটাতে হলো অলিভারকে, কে ওর সাথে কথা বলছে তা দেখার চেষ্টা করছে। চেষ্টা করতেই উজ্জ্বল আলোতে ঝলসে গেল ওর চোখ, সাথে সাথে চোখজোড়া কুঁচকে বন্ধ করে ফেললো। মাথা পেছনে হেলে গেল নিজের অজান্তেই। কণ্ঠস্বরটা আসছে কোত্থেকে?

আরেকবার চোখ পিটপিট করলো ও, চোখকে সয়ে নেয়ার সময় দিলো। ঝাপসা, আবছা একটা অবয়ব চোখে পড়লো ওর, আস্তে আস্তে অবয়বটা একটা রূপ নিলো। লম্বা, অ্যাথলেটিক অবয়ব, কিন্তু আলোটা সেই মানুষটার পেছন থেকে আসার কারণে অলিভারের মনে হলো একটা ছায়া ওর দিকে তাকিয়ে আছে।

ছায়াটার মুখ দেখার চেষ্টা করলো অলিভার। কিন্তু একটা ছায়া ছাড়া আর কিছুই চোখে ধরা দিলো না ওর। চোখ, নাক, ঠোঁট, কিছুই না।

‘কে আপনি?’ বলার চেষ্টা করলো অলিভার, কিন্তু ভোকাল কর্ড বিশ্বাসঘাতকতা করলো ওর সাথে। সামান্য ফিসফিস ছাড়া ঠোঁট দিয়ে কোনো শব্দই বেরোলো না।

ওর সামনে দাঁড়ানো অবয়বটা এক পা থেকে আরেক পায়ের ওপরে ভার বদল করলো, কিন্তু অন্ধকার থেকে বেরিয়ে এলো না।

‘মাথা ব্যথাটা…’ আরও একবার খুব শান্ত ও নিয়ন্ত্রিত গলায় বললো সেই অবয়ব। ‘পেশির ব্যথা মাথার ঝিমঝিম ভাব, গলার জ্বালাপোড়া, সবকিছুর মূলে রয়েছে সেই ড্রাগটা, যেটা আমি তুমি ঘুমিয়ে থাকার সময় তোমার আইসড টি’তে মিশিয়ে দিয়েছিলাম।  তোমার হাতে ব্যথা, কারণ তোমার গোটা শরীরের ভার হাত বহন করছে। আর কয়েক মিনিটের মধ্যেই ড্রাগের সাইড ইফেক্ট কেটে যাবে।’

বলে এক মুহূর্ত বিরতি দিলো অবয়বটা। ‘তবে, কেটে যাওয়ার পরে তোমার মনে হবে, না কাটলেই ভালো হতো।’ অবয়বের বলা শেষ বাক্যটার মধ্যে কী যেন এক অশুভ সঙ্কেত লুকিয়ে আছে।

ফাটা ঠোঁটের ওপরে জিভ বোলালো অলিভার, ঠোঁটে লেগে থাকা শেষ কয়েক ফোঁটা পানির সাহায্যে গলাটা ভেজাতে চাইলো। সেটার মাধ্যমে আতঙ্কের সাথে লড়াই করতে চাইলো, ব্যথার সাথে লড়াই করতে চাইলো, ক্লান্তির সাথে লড়াই করতে চাইলো এবং জোরে কথা বলার মতো শক্তি অর্জন করতে চাইলো।

‘কে আপনি?’ হাঁপাতে হাঁপাতে আবার প্রশ্নটা জিজ্ঞেস করলো ও। এবারে অলিভারের কথা পৌঁছালো অবয়বের কানে।

‘আমি ইতোমধ্যেই তোমাকে বলেছি, আমি কে,’ বললো অবয়ব। ‘তোমার মনে নেই?’ কথাগুলো বলার ফাঁকে হাসির শব্দ পেলো অলিভার।  ‘তোমার জন্য আমি একজন মেন্টর, অলিভার। শিক্ষক বলতে পারো।’

কথাটা অলিভারের মগজের মধ্যে টোকা দিলো। এই কথাটা ও আগে কোথায় শুনেছে?

তোমার জন্য আমি একজন মেন্টর, অলিভার।

মাথা খাটানোর চেষ্টা করলো অলিভার, স্মৃতি আস্তে আস্তে ফিরে আসছে। এই কথাগুলো ও আগে শোনেনি। ও এই কথাগুলো আগে পড়েছে, একটা টেক্সট মেসেজে।  আরেকটা স্মৃতি ভেসে এলো, নিজের বাড়িতে বসে ছিল ও, একটা বাস্কেটবল ম্যাচ দেখছিলো। তখনই ফোনে বিপ করে উঠেছিল ওর। এটা কোনো স্বপ্ন নয়।

‘তুমি কি পানি পান করতে চাও?’ জিজ্ঞেস করলো মেন্টর। পানির পিপাসায় কাতর হয়ে আছে অলিভার, কিন্তু ভয়ে কিছু বলতে পারলো না। একটা বইয়ের মতো করে ওকে পড়তে পারছে মেন্টর।

‘চিন্তা করো না অলিভার। এটাতে ড্রাগ মেশানো নেই। ড্রাগ মেশানোর প্রয়োজন ফুরিয়েছে।’

একটা প্লাস্টিক কাঁপে কিছুটা পানি ঢেলে নিলো মেন্টর, তারপর এক ঢোক গিলে অলিভারের দিকে এগোলো। ‘দেখলে?’

ছায়া থেকে বেরিয়ে আসতেই মেন্টরকে দেখার জন্য আগ্রহী চোখে তাকালো অলিভার। যা দেখলো, তা একটা দুঃস্বপ্নের মতো। মেন্টরের পরনে সম্পূর্ণ কালো পোশাক, সম্ভবত নিওপ্রেনের ডাইভিং স্যুট পরে আছে। তার চুলগুলো পর্যন্ত ঢাকা, ডাইভিং স্যুটের হুডির মধ্যে নিপুণভাবে গুঁজে রাখা হয়েছে, কেবল মুখটা খোলা। সেই চেহারার দিকে মনোযোগ দিলো অলিভার… চোখ, ঠোঁট, নাক, চোয়ালের হাড়, গালের আকৃতি সবকিছুই খুঁটিয়ে দেখার জোর চেষ্টা করলো ও, সাড়া দেওয়ার জন্য আকুতি জানালো মগজের কাছে। কয়েক সেকেন্ড পরে ওর স্মৃতি ওকে জানালো, সামনে দাঁড়ানো মানুষটি যে কে, সে সম্পর্কে ওর কোনোই ধারণা নেই। মেন্টরকে আগে কখনোই দেখেনি ও, এবং এটা বোঝার পরে ওর আতঙ্ক ও বিভ্রান্তি আরও বেড়ে গেল।

প্লাস্টিক কাপটা অলিভারের ঠোঁটের কাছে ধরলো মেন্টর। বুভুক্ষভাবে, অল্প অল্প করে পানিটুকু পান করলো অলিভার। প্রথমে মনে হলো, তরল শিরিষ কাগজ পান করছে, কিন্তু একটু পরেই পানিটুকুকে অমৃত সুধা বলে মনে হলো ওর কাছে।

‘দারুণ এক জায়গা সাজিয়েছো,’ ঘরের চারপাশে তাকাতে তাকাতে বললো মেন্টর। ‘আমার অনেক সময় আর কাজ বাঁচিয়ে দিয়েছে জায়গাটা।’

কাপ থেকে পানির শেষ ফোঁটাটুকু গিলে ফেললো অলিভার, তারপর চারপাশে তাকালো। এত ভয় পেয়েছে ও, এত বিভ্রান্ত বোধ করছে যে চেতনা ফিরে পাওয়ার পর থেকে ওর আক্রমণকারীর ওপরেই মনোযোগ নিবদ্ধ হয়ে আছে ওর। ঘরটা নিয়ে আগে মাথা ঘামায়নি, কিন্তু এখন একটু দেখার পর আলো কম থাকা সত্ত্বেও ঘরটা চিনে ফেললো। গন্ধও ওকে জাগিয়ে তুললো, কারণ বাতাসে ভাসছে চামড়া আর ল্যাটেক্সের মিশ্র গন্ধ।

আরও একবার অলিভারের মুখের ভাব পড়লো মেন্টর।

‘হ্যাঁ, অলিভার, এটা তোমারই বেজমেন্ট, আর বলতে বাধ্য হচ্ছি, আমি মুগ্ধ।’ বাঁ থেকে ডানে তাকালো মেন্টর।  ‘যন্ত্রপাতিসমৃদ্ধ দুর্দান্ত এক ডানজন (অন্ধকূপ) বানিয়েছো। তুমি আর তোমার স্ত্রী দুজনেই সম্ভবত সেক্সের পাগল?’

অলিভার আর জোসি দুজনেই যৌনতার বিভিন্ন রকম খেলা পছন্দ করে।  তার মধ্যে আছে বিডিএসএম, রোল-প্লেয়িং, সামান্য থেকে মধ্যম মাত্রার ব্যথা প্রদানও। এটা তাদের যৌন জীবনের বড় অংশ। বিয়ের ঠিক আগে বিশাল এক বেজমেন্টওয়ালা একটা বাড়ি পেয়ে যায় ওরা, লস অ্যাঞ্জেলসে এরকম বাড়ি পাওয়াটা রীতিমতো সৌভাগ্যই বলতে হয়। বেজমেন্টটাকে যন্ত্রপাতিসমৃদ্ধ এক ডানজনে পরিণত করতে ওদের পাক্কা দুই মাস সময় লেগেছিল। দেয়াল আর সিলিং থেকে ঝুলছে ধাতব রিং, একে অপরকে বাঁধতে ব্যবহৃত হয়। আছে অল্পবিস্তর শাস্তি দেওয়ার যন্ত্রপাতি, বিভিন্ন রকমের চাবুক, বেত, দড়ি, স্ট্র্যাপ আর শিকল। আরও আছে দুটো ভিন্ন রেস্ট্রিকশন চেয়ার আর সেইন্ট অ্যান্ড্রুর ক্রস, যেটার সাথে বেঁধে রাখা হয়েছে অলিভারকে। এটা ওর আর জোসির খেলাঘর।

আসলে হচ্ছেটা কী এখানে?

আতঙ্ক রীতিমতো গ্রাস করলো অলিভারকে, সারা শরীর কাঁপতে লাগলো ওর। হাতজোড়া ছিঁড়ে যেতে লাগলো ব্যথায়, কিন্তু তারপরেও টানতে লাগলো ও।

‘আমাদের, আমাদের কাছে খুব বেশি টাকা নেই।’ দুর্বল গলায় মেন্টরকে বললো ও। ‘কিছু সঞ্চয় আছে…’

গ্লাভসপরা আঙুল অলিভারের ঠোঁটের ওপরে রাখলো মেন্টর।

‘শশশ! তোমার ধারণা, এ সবকিছু আমি টাকার জন্য করছি?’

দুজনের চার চোখ এক হলো। অলিভার দেখলো, মেন্টরের চোখজোড়াতে এমন কিছু একটা জ্বলছে, যা আর কারো চোখে জ্বলতে ও দেখেনি। ব্ল্যাক হোলের মতো গাঢ় আর অন্ধকার দুই চোখ, রাগে জ্বলছে। ‘চোখ হলো আত্মার জানালা’ এই প্রবাদটা যদি সত্যি হয়ে থাকে, তবে বলতেই হচ্ছে মেন্টরের আত্মা বলে কিছু নেই। অলিভার দেখতে পেলো, সেখানে শুধুই অন্ধকার।

মুচকি হাসি দিলো মেন্টর, তারপর আবার ছায়াতে ফিরে গেল। আতঙ্ক চেপে ধরছে ওকে, উপলব্ধি করলো অলিভার। ‘ব্যাপারটা সুখকর হবে না,’ বললো মেন্টর। ‘অন্তত তোমার পক্ষে তো নয়ই। শুরু করা যাক… শিক্ষা নাম্বার ওয়ান।’ তখনই অলিভার খেয়াল করলো, মেন্টর হাতে কী তুলে নিয়েছে। ভয় আর আতঙ্কের যুগপৎ এক মিশ্রণ এক দম আটকানো অবস্থায় ফেলে দিলো ওকে।

‘না… দাঁড়ান, প্লিজ।’ আবার হাসলো মেন্টর। ‘ওয়েল, এতেই যদি ভয় পাও অলিভার, তাহলে আসল জিনিস দেখে কী করবে, তা দেখার জন্য তর সইছে না আমার।’

একান্ন

ঠিকই বলেছিল গার্সিয়া, যেটা ওদের ছুটির দিন হওয়ার কথা ছিল, সেদিনটাতেও কাজ করলো হান্টার। অনেক চেষ্টা সত্ত্বেও, মাথা থেকে তদন্তের বিষয়টা সরলো না, কোনো না কোনোভাবে ঠিকই তদন্ত নিয়ে চিন্তা করতে লাগলো। এটা ওর অনিদ্রার সাথে লড়াই করার মতোই। অর্থহীন এক লড়াই; কারণ ও জানে, এই লড়াইয়ে জিততে পারবে না।

ছুটির দিনটা শুরু হলো ইউনিভার্সিটি হিলস ডিসট্রিক্টে অবস্থিত ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির এলএপিডি ক্রিমিন্যালিস্টিক ল্যাবে হান্টারের গমনের মধ্য দিয়ে। আগের রাতে এক্সচেঞ্জ রেস্টুরেন্টে ‘রহস্যময় মার্ক’-এর কাছ থেকে পাওয়া ওয়াইন গ্লাসটা পরীক্ষার জন্য সেখানে জমা দিলো ও, ফিঙ্গারপ্রিন্ট আর ডিএনএ অ্যানালাইসিসের জন্য অনুরোধ করলো। যদিও মেন্টরের কাছ থেকে কোনো ডিএনএ স্যাম্পলস অথবা ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। হান্টার স্রেফ আরেকবার আন্দাজে ঢিল ছুঁড়েছে।

মার্কের সাথে কথোপকথন টেপ রেকর্ডারের মতো মাথার মধ্যে চলতে লাগলো হান্টারের। সবকিছু মনে পড়লো ওর; মার্কের কণ্ঠের ওঠানামা, তার নড়াচড়া, তার প্রতিক্রিয়া, তার চোখের দৃষ্টি, তার বলা কথা—সব।

মার্ক একজন নারীলিঙ্গু মানুষ, এতে কোনো সন্দেহ নেই। তবে সরাসরি বসে যেটুকু সময় মার্কের সাথে কথা বলেছে, তাতে হান্টারের মনে হয়েছে যে নিজের মনস্তাত্ত্বিক ও শারীরিক মোটর রেসপন্সের ওপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে লোকটার, যেটা অতি দুর্লভ। কথোপকথনের গোটা সময়টায় মার্কের এই ক্ষমতা নজরে পড়েছিল হান্টারের, তবে লোকটাকে যখন কার্স্টেন হ্যানসেনের ছবি দেখানো হলো, তখন বিষয়টা একদম পরিষ্কার হয়ে যায়।

প্রথমবার কার্স্টেনের ছবি দেখার পরে চোখজোড়া সামান্য বড়ো হয়ে গিয়েছিল তার, যা নির্দেশ করে, মেয়েটা তার চেনা নয়। চেনা হলে, একজন ব্যক্তির চোখজোড়া সরু হয়ে যায়; কখনো সেটা বোঝা যায়, কখনো যায় না। প্রশ্নকারী যদি সতর্ক না থাকে, তবে বিষয়টা চোখ এড়িয়ে যাওয়া খুবই স্বাভাবিক। চোখ সরু করার মানে হলো, মনোযোগ। এটা তখনই ঘটে, যখন একজন কোনো কিছু ‘চেনার’ জন্য স্মৃতি হাতড়ায়। তবে সে চিনেছে, না-কি চেনেনি, তা বোঝা যায় তার চোখের নড়াচড়া দেখে।

চোখের নড়াচড়া যদি ওপরে ও ডানে হয়, তবে সেই ব্যক্তি পূর্বে দেখা কোনো মানুষকে মনে করার চেষ্টা করছে। ওপরে ও বামের মানে হলো, সেই ব্যক্তি ভিজ্যুয়াল কনস্ট্রাকটিভ কোর্টেক্স (ব্রেনের একটি অংশ যা অভ্যন্তরীণ চিত্র বা স্মৃতির ভিত্তিতে নতুন চিত্র গঠন করতে সহায়তা করে) হাতড়াচ্ছে, একটা ছবি বা স্মৃতি তৈরির চেষ্টা করছে, যার কোনো অস্তিত্ব নেই।

এক্সচেঞ্জ রেস্টুরেন্টে, হান্টার যখন মেলিসা হোথর্নের ছবি মার্ককে দেখায়, তখন সরু হয়ে গিয়েছিল তার চোখজোড়া, ওপরে উঠে ডানে সামান্য ঘুরে গিয়েছিল। যার মানে, মেয়েটাকে কোথাও দেখেছিল সে, স্মৃতি হাতড়ে মেয়েটাকে মনে করার চেষ্টা করছিল। কার্স্টেন হ্যানসেনের ছবি দেখে মার্কের চোখ ডান, বাম কোনো দিকেই নড়েনি, একদম স্থির ছিল। কিন্তু তারপরেও খুব সূক্ষ্ম একটা পরিবর্তন চোখ এড়ায়নি হান্টারের, কারণ মার্কের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল ও। চোখ বড়ো হয়ে যাওয়া মানে বিস্ময় কিংবা চমক অবশ্যই, কিন্তু একই সাথে তা প্রশংসাও বটে। যখন কোনো মানুষ আকর্ষণীয় একজন মানুষকে দেখে, তখন এমনটা হয়।

চোখ বড়ো হয়ে যাওয়ার পরে মার্ক এমন একটা কমেন্ট করে, যেটা খুবই স্বাভাবিক। কার্স্টেনকে ‘খুব সুন্দরী’ বলে অভিহিত করে সে, আর এটাই তার নারীলিঙ্গু ব্যক্তিত্বকেই ফুটিয়ে তোলে।

বেশিরভাগ মানুষ জানেই না যে তারা এগুলো করে, তাই সেগুলো নিয়ন্ত্রণ করাও তাদের জন্য দুঃসাধ্য। যার অস্তিত্ব সম্পর্কেই জানা নেই, সেই জিনিসটাকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায়? কিন্তু হান্টার জানে, কঠিন হলেও জিনিসটাকে নিয়ন্ত্রণ করা যায়। প্রচুর মনোযোগ লাগে, সম্ভবত কয়েকশ ঘণ্টার অনুশীলন লাগে। আর লাগে প্রচুর শৃঙ্খলা। তবে তারপরেও কাজটা করা সম্ভব। আর এই প্রতিক্রিয়াগুলো যদি নিয়ন্ত্রণ করা যায়, তবে সেগুলোর সাহায্যে ভুল ইশারাও দেওয়া সম্ভব।

খুনি সম্পর্কে হান্টার এখনো অনেক কিছু জানে না। তবে এটুকু জানে যে, এই মেন্টর নামের খুনির শৃঙ্খলা দুর্দান্ত, পরিকল্পিত, সৃজনশীল আর ধৈর্যশীল। যার মানে দাঁড়ায়, মেন্টর গড়পড়তা বুদ্ধিমানের চাইতে বেশি বুদ্ধি ধরে, যেটা কিনা এই শারীরিক ও মনস্তাত্ত্বিক মোটর রেসপন্স নিয়ন্ত্রণের জন্য খুব জরুরি।

বায়ান্ন

রবিবার লাস ভেগাস থেকে ছেড়ে আসা ফ্লাইট ডব্লিউএন১৬৭’র লস অ্যাঞ্জেলসে ল্যান্ড করার কথা ছিল বিকেল ৫:১৫ মিনিটে। তবে বোর্ডিং টাইমে সামান্য দেরি হওয়ার কারণে ছাব্বিশ মিনিট দেরিতে লস অ্যাঞ্জেলসের মাটি স্পর্শ করলো বিমানটা। খুব দ্রুতই বিমান থেকে নেমে গেল সবাই, তবে নিজেদের স্যুটকেস সংগ্রহ করার কারণে আরও পঞ্চাশ মিনিট অপেক্ষা করতে হলো জোসিকে।

ওদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা বার্বি-গোলাপি রঙের স্ট্রেচ-লিমো অপেক্ষা করছিল। এটার ব্যবস্থা করেছিল জোসি নিজেই। তবে যাওয়ার সময় লিমোর ভেতরের অবস্থা যেমন ছিল, ফেরার সময়ের অবস্থার সাথে তার আকাশ পাতাল তফাৎ। যাওয়ার দিন, শুক্রবার সকালে উচ্ছ্বল মেজাজে ছিল সবাই। পরিপূর্ণ বিশ্রাম নিয়ে পার্টি করার জন্য রেডি হয়েছিল। এমন একটা উইকেন্ড কাটাতে যাচ্ছিল তারা, যেটা কেউ সারা জীবনে ভুলবে না।

কিন্তু দুই দিন পরে অবস্থা শুক্রবারের ঠিক উল্টো; না ঘুমিয়ে পার্টি করার কারণে ছয়জন নারীর আর কারো মধ্যেই বিন্দুমাত্র প্রাণশক্তি অবশিষ্ট নেই। সবাই এখন শুধু ঘুমাতে চায়। লিমোতে উঠে বসার সাথে সাথে ছয়জনই সিটে এলিয়ে পড়লো।

বাকি সবাই ঝিমাচ্ছে, তখন অলিভারকে ফোন দেওয়ার চেষ্টা করলো জোসি। তিনবার ইতোমধ্যেই ফোন দিয়ে ফেলেছে ও; একবার হোটেল থেকে বেরোনোর আগে, আর দু’বার ম্যককারান ইন্টারন্যাশনাল থেকে। তবে প্রত্যেকবারই কলটা সরাসরি ভয়েসমেইলে চলে গেছে। তিনবারের তিনবারই। জোসি দুটো মেসেজও দিয়েছে ইতোমধ্যে, কিন্তু এখনো স্বামীর কাছ থেকে কোনো ফিরতি মেসেজ আসেনি। এটা অলিভারের জন্য খুবই অদ্ভুত ও অস্বাভাবিক। গতকাল যখন ওরা ফোনে কথা বললো, অলিভার একদম ঠিক আছে বলেই মনে হয়েছিল জোসির। হ্যাঁ, স্টেসির জন্য আয়োজিত ‘স্ট্রিপার সারপ্রাইজ’ নিয়ে সামান্য ঈর্ষান্বিত ছিল অলিভার, তবে ঈর্ষা জিনিসটা

অলিভারের মধ্যে তেমন নেই, নেই জোসির মধ্যেও। একে অপরকে বিশ্বাস করে ওরা, নিজেদেরকে বিশ্বাস করে, বিশ্বাস করে নিজেদের ভালোবাসাকে।

‘বেবি, আবার ফোন দিলাম,’ সেলফোন কানে নিয়ে ফিসফিস করল জোসি, পাশেই ঘুমিয়ে থাকা স্টেসিকে জাগাতে চাইলো না। ‘আমার আগের মেসেজগুলো দেখেছো কিনা জানি না; যদি দেখে থাকো, তবে মেসেজের উত্তর দাওনি কেন? সবকিছু ঠিক আছে তো? স্ট্রিপার নিয়ে এখনো মন খারাপ করে আছো না-কি, হানি?’ এতটুকু একটানা বলে শ্বাস টানলো ও।

‘যাই হোক, আমরা নিরাপদে ল্যান্ড করেছি, আর এই মুহূর্তে আমি বাড়ির পথে, এটুকু জানানোর জন্য ফোন দিলাম। আমরা সবাই লিমোতে বসে আছি, আর আমি নামবো পাঁচ নাম্বারে। তার মানে, বাড়িতে পৌঁছাতে এখনো দেড় ঘণ্টা মতো লাগবে। তোমাকে দেখার জন্য তর সইছে না আমার। মিস ইউ অ্যান্ড লাভ ইউ।’ বলে ফোন কেটে দিলো জোসি।

‘ওলি এখনো ফোন ব্যাক করেনি?’ শুধুমাত্র ডান চোখ খুলে জিজ্ঞেস করলো স্টেসি। ‘সরি, হানি, তোকে জাগাতে চাইনি,’ আস্তে করে বললো জোসি।

‘ঘুমাচ্ছিলাম না,’ পাল্টা বললো স্টেসি। ‘চোখজোড়াকে বিশ্রাম দিচ্ছিলাম মাত্র।’

মাথা নাড়লো জোসি। ‘না, এমনকি একটা টেক্সট মেসেজও দেয়নি। ও তো এরকম করে না কখনো। কী হয়েছে, বুঝতে পারছি না আসলে।’

জোসির হাঁটুর ওপরে হাত রাখলো স্টেসি। ‘চিন্তা করিস না। ও সম্ভবত ফোন হারিয়েছে। আগেও ফোন হারিয়েছে ও, তাই না?’

নড করলো জোসি। এই সম্ভাবনার কথা আগেই চিন্তা করেছে ও। ‘হ্যাঁ, দু’বার,’ বললো ও। ‘মাঝে মাঝে হুঁশে থাকে না অলিভার, বিশেষ করে যখন ও বন্ধুবান্ধবদের সাথে ড্রিঙ্ক করে। কিন্তু যদি ফোন হারিয়েই থাকে, তবে বাসার কম্পিউটারের ফেসবুক থেকে একটা মেসেজ অন্তত দিতে পারতো।’

এবারে বাঁ চোখটাও খুলে ফেললো স্টেসি। ‘স্কটকে ফোন করবো? ও কিছু জানে কিনা দেখি? শুক্রবার রাতে ওরা একসাথে ছিল, একসাথে খেলা দেখেছে।’

এক মুহূর্তের জন্য আইডিয়াটা নিয়ে চিন্তা করলো জোসি। ‘না, ঠিক আছে। একটু পরেই বাড়িতে পৌঁছে যাবো। তবে তোকে ধন্যবাদ, হানি।’

‘আবার এমনও হতে পারে যে, ও হয়তো তোর জন্য বাড়িতে কোনো সারপ্রাইজ নিয়ে অপেক্ষা করছে,’ বললো স্টেসি। ‘একদম ওলি’র মতো কাজ হবে সেটা।’

জোসির নিখুঁতভাবে প্লাক করা ভ্রূ বাঁকা হয়ে গেল।

অলিভার উপহার, চিরকুট, মেসেজ, কবিতা, ফুল এবং আরও অনেক জিনিস দিয়ে জোসিকে চমকে দিতে পছন্দ করে। রোমান্টিক পার্টনার সে। এমনকি এবারে, স্টেসির ব্যাচেলরেট পার্টিতে, জোসি যখন হোটেলে উঠে নিজের টয়লেট্রিজের ব্যাগ খোলে, তখন অলিভারের দেওয়া একটা চিরকুট খুঁজে পায়। স্ত্রীর চোখ এড়িয়ে স্ত্রীর ব্যাগে গুঁজে দিয়েছিল সে। চিরকুটে ওদের মধ্যে একটা কথোপকথন লেখা ছিল—

জোসি: ‘ওলি, আমি চাই, তুমি তোমার সর্বশক্তি দিয়ে চিৎকার করে বলো যে, তুমি আমাকে ভালোবাসো। যেন গোটা দুনিয়া শুনতে পায়।’

ওলি: ঝুঁকে এসে জোসির কানে ফিসফিস করে বললো—’আমি তোমাকে ভালোবাসি।’

জোসি: বিভ্রান্ত দৃষ্টিতে—’তুমি আমার কানে ফিসফিস করে বলছো কেন?’

ওলি: ‘কারণ তুমিই আমার গোটা দুনিয়া।’

চিরকুটটা পড়ে চোখে পানি এসে গিয়েছিল জোসির। ‘হ্যাঁ, ওলি ওরকমই,’ একমত হলো জোসি।

বাড়িতে পৌঁছাতে দেড় ঘণ্টা লাগবে বলে হিসেব করেছিল জোসি। একদম নিখুঁত প্রমাণিত হলো ওর হিসেব। বিস্ময়করভাবে রাস্তায় ট্র্যাফিক কম থাকার কারণে স্যান্টা ক্ল্যারিটার নিজের বাড়িতে এক ঘণ্টা সাতাশ মিনিটেই পৌঁছে গেল। স্টেসিকে চুমু খেয়ে নিজের স্যুটকেস ধরে নামিয়ে নিলো জোসি। ড্রাইভওয়েতে পার্ক করা আছে অলিভারের কালো মার্সিডিজ, মিনি কুপারের ঠিক পাশেই।

নিশ্চিত হওয়ার জন্য নিজের সেলফোন আরেকবার চেক করলো জোসি। কোনো মেসেজ নেই, কোনো মিসকলও নেই। রাত ৮টা বেজে ৩৮ বাজে। ‘রিয়েলি, ওলি?’ বিরক্তি আর অবিশ্বাসমিশ্রিত গলায় স্বগতোক্তি করলো ও। স্বামীর সাথে তর্ক করা পছন্দ করে না জোসি। ইন ফ্যাক্ট, ওদের পরিচয় হওয়ার পরে মাত্র দু’বার ঝগড়া হয়েছে ওদের মধ্যে। দুবারই খুব হাস্যকর কারণে। তবে অলিভারের কাছে যদি আজকের আচরণের কোনো ব্যাখ্যা না থাকে, তবে জোসি আজ ওকে ছাড়বে না। খবর আছে অলিভারের।

সদর দরজা পর্যন্ত স্যুটকেস বয়ে নিয়ে গেল জোসি, চাবির জন্য হ্যান্ডব্যাগ হাতড়ালো। কিন্তু কীহোলে সঠিক চাবিটা ঢোকানোর চেষ্টা করতেই দরজা খুলে গেল। তালা নেই দরজায়, সেই সাথে খোলাও।

‘আরে, একী?’ ভ্রূ কোঁচকালো জোসি। এবার দুশ্চিন্তা হচ্ছে ওর। ‘ওলি?’ বাইরে থেকেই স্বামীকে ডাকলো ও। কোনো সাড়া নেই। সদর দরজা পার হলেই একটা ছোটো রুম, সেখানে ওরা ওদের জুতা খুলে রাখে, যেন কার্পেট নোংরা না হয়। দ্রুত নিজের জুতাজোড়া খুলে ফেললো জোসি, পেছনে দরজা বন্ধ করে দিলো।

এরপরের রুমটা হলো লিভিং রুম, সেখানকার সব বাতি নেভানো। দরজার ডানে অবস্থিত সুইচবোর্ডের দিকে হাত বাড়িয়ে বাতি জ্বালালো জোসি। ‘অলিভার, আছো তুমি?’ আগের চাইতেও জোরে ডাকলো এবার। নৈঃশব্দ্য ছাড়া আর কিছু নেই। ‘অলিভার?’ বাড়িতে একদম কবরের নিস্তব্ধতা।

ঘরের চারিদিকে তাকালো জোসি। অস্বাভাবিক কিছু দেখতে পেলো না, সব ঠিকঠাকই আছে। কুশনগুলো সোফার এক প্রান্তে স্তুপ করে রাখা। তবে স্যুটকেস নামিয়ে রাখতেই জিনিসটা খেয়াল করলো ও। লিভিং রুম থেকে কিচেনের দিকে যে দরজাটা গেছে, সেই দরজা থেকে দুই ফুট মতো দূরে কিচেনের মেঝেতে কিছু জিনিস ছড়ানো। জিনিসগুলো লাল রঙের গোলাপের পাপড়ি না-কি?

সোজা হলো জোসি, মাথাটা ডান দিকে সামান্য বাঁকিয়ে ভ্রূ কুঁচকে তাকালো। না, হ্যালুসিনেশন হচ্ছে না ওর, মেঝের ওপরে আসলেই গোলাপের পাপড়ি ছড়ানো, তবে এলোমেলোভাবে নয়। একটা সরলরেখায় বিছিয়ে রাখা হয়েছে পাপড়িগুলো, চলে গেছে লিভিং রুম থেকে কিচেন পর্যন্ত। স্টেসির কথা মনে পড়লো জোসির: আবার এমনও হতে পারে যে, ও হয়তো তোর জন্য বাড়িতে কোনো সারপ্রাইজ নিয়ে অপেক্ষা করছে। একদম ওলি’র মতো কাজ হবে সেটা।

মুচকি হাসিটা চাপতে পারলো না জোসি। অলিভার কেন ওকে মেসেজের উত্তর দেয়নি, এখন বুঝতে পারছে ও। আসলে ওলি ওকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। তবে একদমই উত্তর না দেয়াতে যে জোসি দুশ্চিন্তা বোধ করবে, সেটা ভাবা উচিত ছিল ওর।

‘রান্নাঘরে সারপ্রাইজ?’ নিজেকে প্রশ্ন করলো জোসি, তারপর গোলাপ পাপড়ি দিয়ে তৈরি করা লাইনটা ধরে এগোলো। অলিভার হয়তো জোসির জন্য ডিনার বানিয়ে রেখেছে।

অলিভার রান্নায় খুব একটা দক্ষ নয়, তবে কয়েকটা ডিশ প্রস্তুত করাতে বেশ দক্ষতা অর্জন করে নিয়েছে সে, তার মধ্যে আছে জোসির পছন্দের খাবার, পটেটো প্যানকেক দিয়ে বিফ গুলাশ। সেটা যদি অলিভার বানিয়ে থাকে, তবে দুর্দান্ত এক সারপ্রাইজ হবে জোসির জন্য। কারণ, হ্যাংওভার কেটে গেছে, আর সেখানে রাজত্ব শুরু করেছে ক্ষুধা। সমস্যা হচ্ছে, কিচেন থেকে কোনো গন্ধ আসছে না। অলিভার যতবার বিফ গুলাশ রান্না করেছে, ততবারই সুগন্ধে জোসির জিভে পানি চলে এসেছে।

‘ওলি, বেব,’ আবার ডাকলো জোসি, এবারে তার কণ্ঠটা একটু কম দুশ্চিন্তাগ্রস্ত শোনালো। ‘তুমি কি কিচেনে?’ কোনো উত্তর নেই। দরজার পাশে দাঁড়িয়ে লাইটের সুইচ জ্বালিয়ে দিলো জোসি। কিচেন আলোয় ভেসে যেতেই চিন্তায় কপাল কুঁচকে গেল তার।

কিচেনে নেই অলিভার, এবং ও যে রান্না করছিল, তারও কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। চুলার ওপরে কোনো পাত্র নেই, সিঙ্ক অথবা থালাবাসন রাখার শেলফে নেই কোনো প্লেটও। কাজের কাউন্টার এলোমেলো হয়ে নেই, খাবারেরও কোনো সুগন্ধ পাওয়া যাচ্ছে না। গোলাপের পাপড়িগুলো এখানে আঁকাবাঁকাভাবে বিছানো, যেন হ্যানসেল আর গ্রেটেলের জন্য রুটির টুকরো ছড়িয়ে রাখা হয়েছে। বাঁ থেকে ডানে গেছে পাপড়িগুলো, পার হয়ে গেছে ছোটো কুকিং আইল্যান্ড, চলে গেছে বেসমেন্টে অবস্থিত ওদের ডানজনের দরজার দিকে।

‘ও আচ্ছা,’ বললো জোসি, দুই হাত দিয়ে দুই উরুর পাশে থাবা দিলো। ওরা যে গেমগুলো খেলে, সেগুলো খুব পছন্দ ওর। ওদের বাড়ির ডানজনটা সাজানোর সম্পূর্ণ তত্ত্বাবধান ও নিজে করেছিল। নিচের সব আসবাব আর বেশিরভাগ যন্ত্রপাতি ওর পছন্দ করা। শরীরের চাহিদা খুব বেশি জোসির, তবে ও আর অলিভার যে ধরনের গেমগুলো খেলে, সেগুলোতে মুড একটা বড়ো ভূমিকা পালন করে। কিংকি হওয়ার জন্য সেইরকম মুড আর মানসিক প্রস্তুতি লাগে, আর এই মুহূর্তে জোসি শুধুমাত্র একটা জিনিসের জন্যই মানসিকভাবে প্রস্তুত হয়ে আছে, সেটা হলো ঘুম। ঘুমের আগে হয়তো একটা পিজ্জা চলতে পারে, তবে তার বেশি কিছু নয়।

পাপড়িগুলো অনুসরণ করে ডানজনের দরজায় চলে এলো জোসি, ঠেলা দিয়ে দরজাটা খুলে ফেললো। সিঁড়ির ওপরে লাল গালিচা বিছানো, সেই সিঁড়িতে ফেয়ারি লাইটস জ্বলছে। যার ফলে মৃদু আলোয় আলোকিত হয়ে আছে সিঁড়ি। একদম ওপরের সিঁড়িতে থামলো ও, বড়ো করে একটা শ্বাস নিলো।

অলিভারের সারপ্রাইজে পানি ঢেলে দিতে চায় না ও। নিচে ওর স্বামী যা-ই পরিকল্পনা করে থাকুক না কেন, সেটা খুব হট আর সেক্সি হবে বলেই জোসির ধারণা। কিন্তু আজ রাতে একদমই মুড নেই ওর। এতটা ক্লান্ত হয়ে আছে যে, রোল-প্লেয়িং গেম খেলার সময় অথবা সেক্সের উদ্দাম মুহূর্তেও ঘুমিয়ে যেতে পারে ও, আর সেরকমটা হলে খুবই খারাপ হবে।

‘ওলি, বেব, তুমি কি নিচে?’ কোমল গলায় জিজ্ঞেস জোসি। ‘তুমি কি জানো, আমি তোমাকে ভালোবাসি? আর তোমার সাথে খেলতে আমার কোনো লজ্জা নেই।’ দুই ধাপ নেমে গেল ও। ‘কিন্তু আমি সত্যিই খুব ক্লান্ত ও বিধ্বস্ত, বেব। খুব দৌড়ের ওপরে কাটালাম উইকেন্ডটা। আজ রাতে বিছানায় শুধুমাত্র জড়াজড়ি করে ঘুমাই আমরা? আমি কথা দিচ্ছি, সুদ-সহ আসল দিয়ে পুষিয়ে দেবো। তুমি জানো, সে কাজে আমি কতটা ভালো।’

বেজমেন্টের ডানজনে নেমে এলো জোসি, সব আলো নেভানো। সিঁড়িতে থাকা ফেয়ারি লাইটের আলো এখানে এসেও পৌঁছেছে; তবে আলোটা খুব কম, এবং ওর সামনের দুই, তিন ফুট আবছাভাবে ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। পরিবেশটা কেমন যেন অদ্ভুত লাগলো ওর, কিন্তু তার চেয়েও বেশি অদ্ভুত লাগলো ঘরের গন্ধটা। ওদের খেলাঘরে অন্য একটা গন্ধ ভাসছে। ল্যাটেক্স অথবা চামড়ার গন্ধ নয়। ওগুলোকে জোসি এত ভালোভাবে চেনে যে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগই নেই। না, গন্ধটা ধাতব লোহার গন্ধ সম্ভবত। গন্ধটা পছন্দ হলো না ওর।

‘ওলি,’ বাতির সুইচের দিকে হাত বাড়িয়ে স্বামীকে ডাকলো জোসি। ‘এখানে গন্ধটা কীসের?’ বাতি জ্বলে উঠলো। আর বাতি জ্বলে ওঠার সাথে সাথে মেঝেতে ভেজা কিছুতে পা ঠেকলো ওর।

ওদের ডানজনে কী ঘটেছে, সেই উপলব্ধিটা ট্রেনের একটা ধাক্কার মতো আঘাত করলো জোসিকে, বোঝার পরে প্রত্যেকটা পেশি অবশ হয়ে গেল ওর। চোখজোড়া বড়ো হয়ে গেল প্রথমে, তারপর পানিতে ভরে গেল। ভেতরটা আতঙ্কে ও বেদনায় একদম কেঁপে গেছে, সেই সাথে বিভ্রান্তির এক অতল গহ্বরে পড়ে গেছে ও।

সেই মুহূর্তে ডানজন কাঁপিয়ে একটা চিৎকার দিলো ও, যেটা ওর গলা থেকে আসছে বলে নিজেই বিশ্বাস করতে পারলো না। চিৎকারটা দেয়ালে বাড়ি খেয়ে প্রতিধ্বনিত হয়ে ওর দিকেই ফিরে আসতে লাগলো, কেঁপে উঠে ওর বুকে আঘাত করতে লাগলো এক হাতুড়ির মতো। দৌড়ে পালিয়ে যেতে চাইলো ও, কিন্তু পা’জোড়া সাড়া দিলো না। চিন্তা করতে চাইলো ও, কিন্তু মস্তিষ্ক কাজ করলো না।

শকে গোটা শরীর অসাড় হয়ে এলো ওর। দ্বিতীয় চিৎকারটা এলো হুট করে, গোটা ঘরটা ওর চারপাশে ঘুরতে লাগলো। এত দ্রুত যে, তার ওপরে কোনো নিয়ন্ত্রণ নেই ওর। সবকিছু নিয়ন্ত্রণের বাইরে, থামানোর জন্য দেরি হয়ে গেছে।

পা’জোড়া দুর্বল হয়ে গেল ওর। হাঁটু আর শরীরের ভার বহন করতে পারলো না, নিজের অজান্তেই হাঁটুজোড়া ভাঁজ করে মেঝেতে বসে পড়লো জোসি। কিন্তু চোখ বন্ধ করার আগে, অন্ধকার ওকে গ্রাস করার আগে উপলব্ধি করলো যে ও একা নয়। নিজের পেছনে একটা অবয়বকে উদয় হতে দেখলো ও, সিঁড়ির একদম গোড়ার কাছে।

তিপ্পান্ন

হান্টারকে যে ঠিকানা দেওয়া হলো, তা অনুসরণ করে স্যান্টা ক্ল্যারিটার উত্তর দিকের এক কানাগলিতে পৌঁছে গেল ও। রবিবার রাতের এই সময়টাতেও প্রচুর ভিড়, ক্যানিয়ন ধরে খুব ধীরে এগোলো যানবাহন। যার কারণে পঁয়তাল্লিশ মাইল পাড়ি দিতে প্রায় এক ঘণ্টা পনেরো মিনিট সময় লেগে গেল ওর। বাড়িটা বাঁ পাশে তিন নাম্বার বাড়ি, তবে প্রায় এক ব্লক দূরে থাকতেই আকাশের পটভূমিতে নীল আর লাল আলো থেকে থেকে ঝলসে উঠতে দেখলো হান্টার।

বাইরের পেরিমিটারটা রাস্তার একদম কিনারায় স্থাপন করা হয়েছে। ওটা ফরেনসিকসের পেরিমিটার নয়। ফরেনসিকসের পেরিমিটার স্থাপন করা হয়েছে বাড়ির ঠিক বাইরে। সামনের লন, ড্রাইভওয়ে, গ্যারেজ আর সাইডওয়াক থেকে পাথর দিয়ে বানানো রাস্তা, যেটা কিনা চলে গেছে বাড়ির সদর দরজা পর্যন্ত, সেটাও পড়ে গেছে সেই পেরিমিটারের মধ্যে।

হান্টার পৌঁছানোর পরে প্রেসের কোনো বাহন কিংবা পেশাদার কোনো ক্যামেরাম্যানকে দেখতে পেলো না, অন্তত তখনও পৌঁছায়নি। তবে উৎসুক জনতা জড়ো হয়ে গেছে, রাস্তার শুরুর দিকটায় দাঁড়িয়ে উঁকিঝুঁকি মারছে। দেখে হান্টারের মনে হলো, আশেপাশের রাস্তায় অবস্থিত বাড়ি থেকেও লোকজন এসে জমায়েত হয়েছে; এখানে কী ঘটেছে, তা দেখার জন্য।

গতি কমালো হান্টার, ধীরে গাড়ি চালিয়ে পুলিশ ব্যারিয়ারের আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজনকে দুই ভাগে ভাগ করে বের হয়ে গেল। ব্যারিয়ারের পাশে পাহারা দিচ্ছিল এলএ কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের দুজন ডেপুটি। জানালার কাঁচ নামালো হান্টার, নামাতেই দুই ডেপুটির মধ্যে অপেক্ষাকৃত খাটোজন এগিয়ে এলো ওর গাড়ির দিকে।

‘একটা উপকার করতে পারেন, ডেপুটি?’ নিজের পরিচয়পত্র দেখাতে দেখাতে বললো হান্টার। ‘এই লাল-নীল বাতি বন্ধের ব্যবস্থা করতে পারেন?’ হান্টারের ডান পাশে পার্ক করে রাখা আছে শেরিফ’স ডিপার্টমেন্টের এসইউভি’টা। ‘এই বাতি জ্বলার কারণে মানুষজন আরও আকৃষ্ট হচ্ছে।’ নিজের গাড়ির পেছনে জড়ো হওয়া লোকদের দিকে ইশারা করলো ও। ‘প্রায় মাইলখানেক দূর থেকে বাতিগুলো চোখে পড়েছে আমার, আশেপাশের লোকজনেরও যে চোখে পড়েছে, তা বলাই বাহুল্য। এটা একটা ক্রাইম সিন। আর ক্রাইম সিনে যত কম লোক আকৃষ্ট হবে, তত আমাদের জন্য ভালো।’

নির্বিকার মুখে হান্টারের পরিচয়পত্র দেখলো ডেপুটি, তারপর নড করলো। ‘শিওর।’ বলে আরেক ডেপুটিকে ইশারা করলো পথের ওপরের ব্যারিয়ার সরানোর জন্য। ‘আপনারা কি একই রাস্তা কিংবা একই এলাকায় থাকেন না-কি? একসাথেই তো আসতে পারতেন।’

‘দুঃখিত?’ ভ্রূ কুঁচকে ডেপুটির দিকে তাকালো হান্টার।

‘ইউভিসি ইউনিটেরই কয়েকজন ডিটেকটিভ মাত্র এসে পৌঁছেছেন,’ ব্যাখ্যা করার ভঙ্গীতে বললো ডেপুটি, ব্যারিয়ারের ওপাশে হাত দিয়ে ইশারা করলো। ‘এক মিনিটও হয়নি।’

‘ফরেনসিকসও পৌঁছে গেছে না-কি?’ জিজ্ঞেস করলো হান্টার।

‘হ্যাঁ। অন্তত পৌনে এক ঘণ্টা হলো বাড়ির ভেতরে ঢুকেছে তারা।’

ব্যারিয়ার পার করে রাস্তায় ঢুকে পড়লো হান্টার, গাড়ির রিয়ার-ভিউ মিররে চোখ রাখতে ভুললো না। এইমাত্র যে ডেপুটির সাথে কথা বলে এলো, সে আবার আগের জায়গায় ফিরে গিয়ে যোগ দিয়েছে পার্টনারের সাথে। তার এসইউভি’র লাইট জ্বলানেভা করছে এখনো। রাস্তার ওপরে শেরিফ’স ডিপার্টমেন্টের আরও তিনটে গাড়ি রাখা, তারই একটার পাশে গার্সিয়ার হোন্ডা সিভিক পার্ক করা। হান্টারের গাড়ি চোখে পড়তেই পার্টনারকে নিজের গাড়ির সামনে পার্ক করতে বললো গার্সিয়া।

‘ডেপুটির কাছে শুনলাম, মাত্র এসে পৌঁছেছো,’ গাড়ি থেকে নামতে নামতে বললো হান্টার।

‘হ্যাঁ,’ নিশ্চিত করলো গার্সিয়া, চট করে ঘড়িটা দেখে নিলো। ‘এক মিনিট হয়েছে কেবল।’ পেছন ফিরে ব্যারিয়ারের দিকে তাকালো ও, বিদ্রূপের ভঙ্গীতে হাসলো। ‘এখনো বন্ধ করেনি।’

‘কী বন্ধ করেনি?’

‘ডেপুটিকে লাল-নীল বাতি বন্ধ করতে বলেছিলাম,’ ব্যাখ্যা করলো গার্সিয়া। ‘বাড়িঘরের মাথা ছাড়িয়ে আকাশও আলোকিত করে ফেলছে, দূর থেকেও দেখা যাচ্ছে।’

একমত হয়ে নড করলো হান্টার, কিন্তু কিছু বললো না। নিজের ব্যাজটা বেল্টের সাথে আটকে নিলো, তারপর গার্সিয়ার সাথে দোতলা বাড়িটার দিকে এগোলো। বাড়িটার সামনেটা বিজরঙা, এই মুহূর্তে তা কালো আর হলুদ টেপের মাধ্যমে আশেপাশের বাড়িগুলো থেকে আলাদা করে রাখা। বাড়ির ডান দিকে দুটো গাড়ি রাখার একটা গ্যারেজ। একটা লাল মিনি কুপার আর একটা কালো মার্সিডিজ বেঞ্জ প্রশস্ত ড্রাইভওয়েতে পাশাপাশি পার্ক করে রাখা হয়েছে।

সদর দরজার বাইরে দাঁড়িয়ে আছে আরেকজন ডেপুটি। ‘এলএপিডি ইউভিসি, রাইট?’ আচমকা উদয় হলো এক মহিলা, প্রশ্নটা ধেয়ে এলো তার কাছ থেকে। চেহারা ধারালো হলেও অনাকর্ষণীয় নয়। মাথায় স্ট্রেইট অবার্ন চুল, কাঁধ পর্যন্ত নেমে এসেছে। ফ্রেমলেস চশমাটা বসে আছে নাকের খাড়া অংশের ওপরে, কাচের ওপাশে একজোড়া হ্যাজেলরঙা চোখ দেখা গেল। পঁয়ত্রিশ থেকে চল্লিশের মতো হবে তার বয়স।

‘জি,’ জবাব দিলো হান্টার। ওর সাথে সাথে গার্সিয়াও মহিলার দিকে ঘুরে তাকালো। এলএ কাউন্টি শেরিফ’স ডিপার্টমেন্ট থেকে ইস্যুকৃত একটা স্ট্যান্ডার্ড ইউনিফর্ম পরে আছে মহিলা। হাতায় লাগানো তিনটে শেভরন জানান দিলো, সে একজন সার্জেন্ট। মহিলা ছয়ফুটি হান্টারের থেকে এক মাথা সমান খাটো। কিন্তু তার মধ্যে এমন একটা ভাব আছে, যেন সবাই তার দিকে মাথা উঁচু করে তাকাতে বাধ্য হয়।

‘আমি সার্জেন্ট জ্যাকুলিন লোগান, এলএ কাউন্টি শেরিফ’স ডিপার্টমেন্ট,’ নিজের পরিচয় দিয়ে হাত বাড়িয়ে দিলো সে। হান্টার আর গার্সিয়া দুজনেই হ্যান্ডশেক করলো, তারপর যার যার পরিচয়পর্ব সেরে নিলো।

‘ক্রাইম সিনে আপনিই কি সবার আগে এসেছেন?’ জিজ্ঞেস করলো হান্টার।

‘হ্যাঁ,’ নিশ্চিত করলো সার্জেন্ট লোগান। ‘রাত নয়টা দশের দিকে আমাদের লোকের কাছ থেকে একটা কল পাই আমি, সম্ভাব্য হোমিসাইড… প্রেরক যদিও শতভাগ নিশ্চিত ছিল না, কারণ ফোন যে করেছিল সে হিস্টেরিয়াগ্রন্তের মতো চেঁচামেচি করছিল।’ বলতে বলতে বাড়ির দিকে চোখ চলে গেল সার্জেন্টের। ‘আর ভেতরটা দেখার পরে তার আচরণ আমার কাছে একেবারেই অস্বাভাবিক মনে হয়নি।’

হান্টার ও গার্সিয়া দুজনেই চুপ করে থাকলো, সার্জেন্টকে কথা চালিয়ে যাওয়ার সুযোগ দিলো।

‘রাতে টহল দেওয়ার সময় কলটা পাই আমি,’ ব্যাখ্যা করলো সার্জেন্ট। ‘এখান থেকে মাত্র আট ব্লক দূরে ছিলাম আমরা। আমরা বলতে আমি আর ডেপুটি সুয়ারেজ।’ বলে আবার বাড়ির দিকে ইশারা করলো, তারপরে পকেট থেকে নোটপ্যাড বের করলো।

‘ডেপুটি এই মুহূর্তে ভিকটিমের স্ত্রী, স্ত্রী’র বান্ধবী আর বান্ধবীর বাগদত্তের সাথে আছে। ভিকটিমের নাম অলিভার গ্রিফিথ, বয়স তেত্রিশ। এক বিজ্ঞাপনী সংস্থায় ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করতো সে, এজেন্সিটা প্লায়া ভিস্তার কাছাকাছি কোথাও।’

‘অলিভার গ্রিফিথ?’ জিজ্ঞেস করলো গার্সিয়া। ‘তার মানে, ভিকটিম পুরুষ?’

গার্সিয়ার প্রশ্ন শুনে সার্জেন্ট লোগানের দৃষ্টি দুজন ডিটেকটিভের ওপরে পালাক্রমে ঘুরে এলো। গার্সিয়ার গলার বিস্মিতভাবটা তার কান এড়ায়নি।

‘হ্যাঁ, ভিকটিম একজন পুরুষ।’ নাকের ওপরের চশমাটা ঠিক করে নিলো সার্জেন্ট। ‘এই কেসে আমার আসলে করার কিছু নেই। এমন কেসে আমি নাক গলাতে চাই না, যে কেসের দায়িত্ব আপনাদের হাতে যাচ্ছে। তবে আমি যেটুকু জেনেছি, মি. গ্রিফিথ বাসায় একা ছিলেন। তার স্ত্রী জোসি গ্রিফিথ উইকেন্ডে বাড়ির বাইরে ছিলেন। ভেগাসে। দুই রাতের ব্যাচেলরেট পার্টি ছিল বান্ধবীর।’

আরও একবার তর্জনী দিয়ে বাড়িটা দেখালো সার্জেন্ট জ্যাকুলিন। ‘সেই বান্ধবীই এখন ওপরে মিসেস গ্রিফিথের সাথে আছেন। তার নাম স্টেসি গ্রিন। তার বাগদত্ত স্কট সামারসও আছেন তাদের সাথে। ছয়জনের গ্রুপটা শুক্রবার সকালে গিয়ে আজ সন্ধ্যায় ফিরে আসেন। লস অ্যাঞ্জেলস এয়ারপোর্টে নামার পরে আগে থেকে বুক করে রাখা এক লিমোতে চেপে বসেন তারা। এয়ারপোর্ট থেকে এই বাড়ি পর্যন্ত আসতে দেড় ঘণ্টা মতো সময় লাগে, মিসেস গ্রিফিথ ৮:৪০’র দিকে এসে পৌঁছান। বাসায় ঢোকেন তিনি, সিঁড়ি বেয়ে বেজমেন্টে নেমে যান এবং…’ বড়ো করে একটা দম নিলো সার্জেন্ট। ‘স্বামীকে খুঁজে পান।’

‘তাহলে মিসেস গ্রিফিথই ৯১১’-এ ফোন করেছিলেন?’ জিজ্ঞেস করলো হান্টার।

‘না,’ ব্যাখ্যা করলো সার্জেন্ট লোগান। ‘ফোন করেছিলেন তার বান্ধবী স্টেসি গ্রিন। মিসেস গ্রিফিথ যখন লিমো থেকে নামেন, তখন তিনি নিজের ফোনটা ভুল করে সিটের ওপরে ফেলে রেখে আসেন। এরপর গাড়ি রাস্তার মাথা পর্যন্ত যাওয়ার পরে সেটা খেয়াল করেন মিস গ্রিন, ড্রাইভারকে থামতে বলে ফোন ফেরত দেওয়ার জন্য ভিকটিমের বাড়ির দিকে এগোন।’

নোটপ্যাডের একটা পাতা ওল্টালো সার্জেন্ট। ‘মিস গ্রিনের ভাষ্যানুযায়ী, তিনি যখন ডোরবেলে চাপ দিতে যাবেন, সে সময় তিনি ভেতর থেকে ভেসে আসা এক তীক্ষ্ণ চিৎকার শুনতে পান। দরজায় তালা লাগানো ছিল না, তাই ভেতরে ঢুকে পড়েন তিনি। সেই সময়ে তিনি দ্বিতীয়বারের মতো চিৎকার কানে আসে তার, আসছিলো কিচেন থেকে। দৌড়ে যান তিনি, তারপর সিঁড়ি বেয়ে বেজমেন্টে নেমে বাকি সবকিছুর সাথে মিসেস গ্রিফিথকে মেঝের ওপরে খুঁজে পান।’ নিজেকে সামলে নেয়ার জন্য একটু চুপ করলো সার্জেন্ট। ‘বেজমেন্টে দেখা দৃশ্য আমার জীবনে দেখা সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য।’

‘ধন্যবাদ আপনাকে,’ বললো হান্টার, তিনজনই বাড়ির ভেতরে প্রবেশের জন্য এগোলো।

‘যেটা বললাম,’ সার্জেন্ট আবার আগের কথার খেই ধরলো, নোটপ্যাডটা পকেটে রেখে দিলো। ‘কলটা আমরা পাই নয়টা দশ মিনিটে, আর এখানে এসে পৌঁছাতে আমাদের দশ মিনিট সময়ও লাগেনি। তবে একবার চোখ বুলিয়েই বুঝে যাই, এই কেস শেরিফ’স ডিপার্টমেন্টে থাকবে না। অন্তত আমাদের মতো ছোটো শাখায় তো থাকবেই না।’

ক্রাইম-সিন টেপ পার হয়ে ভেতরে ঢোকার জন্য নিচু হলো ওরা। ‘আমি আমার ক্যাপ্টেনকে ফোন করেছিলাম, তারপর দুজনেই একমত হলাম যে এই কেস হয় এফবিআই অথবা এলএপিডি ইউভিসি’র কাছে পাঠাতে হবে। আমরা দ্বিতীয় অপশন বেছে নিই। এবং ফরেনসিকস হেডের মতে, আমরা সঠিক কাজটাই করেছি।’

সদর দরজা থেকে কয়েক ফুট দূরে থেমে দাঁড়ালো ওরা। ‘মানে?’ জিজ্ঞেস করলো গার্সিয়া।

শ্রাগ করলো সার্জেন্ট লোগান। ‘ফরেনসিকস হেড ক্রাইম সিনে চোখ বুলিয়ে শব্দগুলো দেখে প্রথম যে কথাটা বললেন, তা হলো, ‘এলএপিডি ইউভিসিকে ফোন করা দরকার। এটা তাদের কেস।’

‘শব্দ?’ জিজ্ঞেস করলো হান্টার। ‘শব্দ মানে?’

সার্জেন্টের চোখে সামান্য অবিশ্বাস দেখা গেল। ‘উমম, খুনি বেজমেন্টের দেয়ালে কিছু শব্দ লিখে রেখে গেছে।’ তার দৃষ্টি হান্টারকে ছাড়িয়ে একটা বাড়ির ওপরে কয়েক সেকেন্ড স্থির হলো, তারপর আবার ডিটেকটিভের দিকে তাকালো। ‘শব্দগুলো দেখে যদি আতঙ্কিত না-ও হন, তবে ভিকটিমের অবস্থা দেখা পর্যন্ত অপেক্ষা করুন।’

চুয়ান্ন

বাড়ির সদর দরজায় হান্টার আর গার্সিয়াকে ডিজপোজেবল ফরেনসিকস জাম্পস্যুট দেওয়া হলো। নিঃশব্দে স্যুট পরে নিলো ওরা, ক্রাইম-সিন ম্যানিফেস্টে সই করে ঢুকে পড়লো বাড়িতে। লিভিং রুমের জানালায় ল্যাটেন্ট প্রিন্টের জন্য ডাস্টিং করছিল একজন ফরেনসিকস এজেন্ট। আগের দুই ক্রাইম সিনের মতো, এই ক্রাইম সিনের প্রথম রুমেও কোনো ধ্বস্তাধস্তির চিহ্ন নেই। সামান্য নড করে ফরেনসিকস এজেন্টকে সম্ভাষণ জানালো হান্টার আর গার্সিয়া, তারপর বাঁয়ে যে দরজাটা কিচেনের দিকে চলে গেছে, সেদিকে এগোলো। কিন্তু প্রায় সাথে সাথেই দাঁড়িয়ে পড়তে বাধ্য হলো।

‘আরে, এগুলো কী?’ বললো গার্সিয়া, চোখ মেঝের ওপরে ফরেনসিকসের প্রমাণ সনাক্তকারী কলমের কালো কালিতে লেখা ‘১’-এর দিকে নিবদ্ধ। ‘ওগুলো কি গোলাপের পাপড়ি না-কি?’

নড করলো হান্টার। ‘দেখে তো সেরকমই মনে হচ্ছে।’ কিচেনে ঢোকার সাথে সাথেই সনাক্ত করার কারণটা বুঝতে পারলো ওরা।

‘এটা একটা ট্রেইল,’ বললো গার্সিয়া, কণ্ঠে বিভ্রান্তির চাইতেও বিস্মিত ভাব প্রবল। ‘খুনি এবার গোলাপের পাপড়ির একটা ট্রেইল বেজমেন্ট পর্যন্ত রেখে গেছে? এটা তো নতুন ব্যাপার।’

হাঁটুগেড়ে বসে একটা পাপড়ি তুলে নিলো হান্টার। ‘নকল নয়,’ নাকের কাছে ধরে গন্ধ শুঁকে বললো ও। সামান্য সুবাস আসছে পাপড়িটা থেকে। গোলাপের পাপড়িগুলো ছাড়া কিচেনে আর সবকিছু ঠিকই আছে। ট্রেইলটা বাঁয়ে কুকিং আইল্যান্ডের পাশ দিয়ে এক খোলা দরজার দিকে চলে গেছে। নিচ থেকে ভেসে আসা একটা কণ্ঠ কানে এলো ওদের। ড. প্ল্যাটারের কণ্ঠটা চিনতে অসুবিধা হলো না ওদের। সিঁড়িগুলো সরু, সব মিলিয়ে বারোটা। এই মুহূর্তে সিঁড়ির মাথায় বসানো ফরেনসিকসের ক্রাইম-সিন লাইটের আলোয় আলোকিত হয়ে আছে। খুব সাবধানে সিঁড়িগুলো বেয়ে নেমে এলো ওরা, বারোটার মধ্যে আটটা সিঁড়িতে রক্তমাখা গোটা পায়ের ছাপ ও আংশিক পায়ের ছাপের পাশে আরও কিছু সনাক্তকারী চিহ্ন আছে।

বেজমেন্টে নেমে আসতেই স্থাণুবৎ দাঁড়িয়ে পড়লো দুই ডিটেকটিভ, সামনের দৃশ্য দেখে নিঃশ্বাস যেন গলার কাছে গিঁটের মতো দলা পাকিয়ে উঠতে শুরু করলো। বেজমেন্টটাকে যে একটা সেক্স-প্লে ডানজনে পরিণত করা হয়েছে, তা পরিষ্কার। উদ্দাম যৌনতা উপভোগের বিভিন্ন যন্ত্রপাতি দেখা গেল, দেয়াল থেকেও ঝুলছে অনেক কিছু। ওদের ডান দিকের দেয়ালে, সার্জেন্ট লোগান যেমনটা বলেছিলো, বড়ো ও লাল অক্ষরে কেউ একটা মেসেজ লিখে রেখে গেছে।

তবে বেজমেন্টের সত্যিকারের ভয়ঙ্কর বিষয়টা হলো, যেটা দেখে হান্টার ও গার্সিয়ার মতো পেশাদার গোয়েন্দাদেরও হার্ট জোরে বিট করতে লাগলো, তা হলো ভিকটিমের লাশ, এবং সেটাকে যেভাবে রেখে গেছে খুনি। সরাসরি ওদের সামনে পোজ দিয়ে আছে লাশটা, দেয়াল থেকে মাত্র কয়েক ফুট সামনে। অলিভার গ্রিফিথের নগ্ন দেহ টানটান করে বেঁধে রাখা হয়েছে একটা ‘এক্স’ আকৃতির ক্রসের সাথে। কাঠের ক্রসের বিম থেকে বেরিয়ে এসেছে চামড়ার পুরু স্ট্র্যাপ, তার মাধ্যমে কব্জি আর গোড়ালি শক্ত করে বাঁধা। আরও একটা পুরু স্ট্র্যাপ দিয়ে কোমর বেঁধে ফেলা হয়েছে, যার ফলে শরীরের কেন্দ্র আর নাড়ানোর মতো অবস্থা ছিল না। মাথা ঝুঁকে আছে সামনের দিকে। হা করা খোলা মুখের মধ্যে একটা লাল বল-গ্যাগ দেখতে পেলো হান্টার আর গার্সিয়া, বল-গ্যাগটা মুখের ভেতরে ঢুকিয়ে সাথে লাগানো স্ট্র্যাপ পেছনে টেনে খুলির গোড়ার সাথে লাগিয়ে দেওয়া হয়েছে শক্ত করে।

গলা থেকে পেট পর্যন্ত কোনো ক্ষত বা কাটাকুটির চিহ্ন নেই। তবে কোমরের নিচ থেকে অলিভার গ্রিফিথের সাথে যা করা হয়েছে, তাকে এক কথায় প্রকাশ করলে বলতে হয়, বীভৎস। সর্বত্র রক্তের ছড়াছড়ি। রক্তপাত শুরু হয়েছে কুঁচকি থেকে, তারপর দুই পা বেয়ে নেমে এসে পায়ের কাছে সৃষ্টি করেছে এক ছোটো পুকুরের। সেখান থেকে মাত্র এক ফুট দূরে দাঁড়িয়ে আছে হান্টার আর গার্সিয়া। কুঁচকি, পা আর পায়ের পাতার রক্ত ইতোমধ্যেই শুকিয়ে গেছে বটে; তবে রক্তের পরিমাণ দেখে বোঝা যায়, ক্ষত থেকে প্রচুর পরিমাণে রক্তপাত হয়েছে। নৃশংসভাবে লিঙ্গের গোড়া থেকে কেটে নিয়ে অলিভার গ্রিফিথকে খোজা করে দিয়েছে খুনি! লিঙ্গ আর অণ্ডকোষ কাটা হয়েছে একদম গোড়া থেকে, যার ফলে বড়ো, কাঁচা একটা ক্ষত ড্যাবড্যাব করে তাকিয়ে আছে ওদের দিকে। এক্স আকৃতির ক্রসের সাথে পা আটকে রাখার কারণে ক্ষতটা আরও কুৎসিত ও ভয়ঙ্কর দেখাচ্ছে।

ক্রাইম সিনের বীভৎসতা দেখে মুখ বিকৃত করলো গার্সিয়া, কিন্তু তারপরেও ভিকটিমের ওপরে থেকে চোখ সরালো না। ফরেনসিকসের শক্তিশালী আলোয় বেজমেন্ট আলোকিত হয়ে থাকলেও আসলে কী দেখছে, সে ব্যাপারে নিশ্চিত হতে পারলো না।

‘ওগুলো কী আসলে?’ অস্ফুট কণ্ঠে যে প্রশ্নটা গার্সিয়ার মুখ থেকে বেরোলো, তা হান্টারের উদ্দেশ্যে করা হলেও প্রশ্নটা কানে গেল ড. স্ল্যাটার আর দুজন ফরেনসিকস এজেন্টের—যারা কাজ করছিল ক্রাইম সিনে।

‘আপনি সম্ভবত লবস্টারদুটোর (বিশাল আকৃতির চিংড়ি) কথা বলছেন।’ উত্তরটা এলো ড. প্ল্যাটারের কাছ থেকে, ওদের সামান্য ডানে দাঁড়িয়ে আছেন তিনি।

‘এখান থেকে দেখে সেরকমই মনে হচ্ছে,’ পাল্টা জবাব দিলো গার্সিয়া, নজর এক সেকেন্ডের জন্য ডক্টরের ওপরে ঘুরে আবার লাশের দিকে চলে গেল। ‘ভিকটিমের পায়ে কী?’

‘দেখতে ও শুনতে যতই অদ্ভুত লাগুক না কেন,’ নিশ্চিত করলেন ডক্টর, ‘ওগুলো আসলে লবস্টারই।’

অলিভার গ্রিফিথের দুই উরুর ওপরের অংশে একটা করে কাঁচা লবস্টার লাগিয়ে দিয়েছে খুনি। লবস্টারের অ্যান্টেনা (বড়ো শুঁড়) আর অ্যান্টেনুলগুলো (ছোটো শুঁড়) সোজা করে রাখা হয়েছে, যার কারণে সেগুলোকে হুল বলে মনে হচ্ছে। প্রাণীগুলোর পেরিওপডস বা যেগুলোকে দাঁড়া বলে, প্রত্যেকটা লবস্টারের আটটা করে ছড়িয়ে রেখে গিয়েছে খুনি যেন সেগুলোর সাহায্যে অলিভারের উরুর দিকে এগোচ্ছে লবস্টার দুটো। তবে সবচেয়ে ভয়ানক ব্যাপারটা এসেছে লবস্টার দুটোর ক্ল (আঁকশি) থেকে। ক্লদুটো এমনভাবে রাখা, যেন সেগুনোই অলিভারের লিঙ্গ আর অণ্ডকোষ কেটে নেয়ার জন্য দায়ী। বাঁ পায়ের লবস্টারের ক্রাশার ক্ল অণ্ডকোষের গোড়ায়, আর ডান পায়ের লবস্টারের ক্ল’টা লিঙ্গের গোড়ায়।

গোটা দৃশ্যটা একই সাথে প্রচণ্ড অসুস্থকর, সেই সাথে চমকপ্রদও। ‘আমাকে কেউ বলুন, খুনি আসলেই লবস্টার ব্যবহার করেছে?’ কথা শেষ না করেই মাথা নেড়ে থেমে গেল গার্সিয়া।

‘না,’ এবার জবাব এলো হান্টারের কাছ থেকে। শান্ত শোনালো ওর গলা, কিন্তু তাতে অবিশ্বাস চাপা পড়লো না। ভিকটিমের ওপরে স্থির থাকলো ওর দৃষ্টি। ‘লবস্টারের পিঞ্চারগুলো (চিমটা/আঁকশি) এতটা ধারালো বা শক্তিশালী হয় না যাতে কোনো পেশি কেটে ফেলা যায়। ইন ফ্যাক্ট, সেগুলোর সাহায্যে কিছু কাটাও সম্ভব নয়। সেগুলো শুধু ক্রাশ আর পিঞ্চ করে। এজন্যই ওগুলোকে ‘পিঞ্চার’ আর ‘ক্রাশার’ ক্ল বলা হয়। দুটোর মধ্যে ক্রাশার ক্ল’টা শক্তিশালী, কিন্তু যতই ধার থাকুক না কেন, সেই ধারের সাহায্যে শরীরের কোনো অঙ্গ কেটে ফেলা সম্ভব নয়।’

‘ঠিকই বলেছে রবার্ট,’ নিশ্চিত করলেন ড. প্ল্যাটার, এগিয়ে এসে ডিটেকটিভ দুজনের সাথে যোগ দিলেন। ‘আপনারা যেন ক্রাইম সিন নিজের চোখে দেখতে পারেন, সেজন্য যতটা সম্ভব সিনটা একই রেখে দিয়েছি।’ ক্রসে লাগানো লাশের দিকে ইঙ্গিত করলেন তিনি। ‘এই জিনিস ছবির মাধ্যমেও ব্যাখ্যা করা কঠিন হতো, তবে আমি দ্রুত ক্ষতগুলো খতিয়ে দেখেছি। ক্ষতগুলো একদম নিখুঁতভাবে কাটা।’

‘ছুরি ব্যবহার করেছে না-কি খুনি?’ জিজ্ঞেস করলো হান্টার।

‘খুব ধারালো এক ছুরি,’ জবাব দিলেন ড. স্ল্যাটার। ‘সম্ভবত স্ক্যালপেলজাতীয় কিছু, অথবা ঝোপঝাড় ছাঁটার একটা কাঁচি ব্যবহার করেছে। যেটাই ব্যবহার করে থাকুক না কেন, সেটা রেখে যায়নি সে। অন্তত এখনো খুঁজে পাইনি আমরা।’

ডক্টরের জবাব শুনে নিজের অজান্তেই দুই পা একসাথে করে অ্যাটেনশনের ভঙ্গীতে দাঁড়িয়ে পড়লো গার্সিয়া, যেন কোনো বাচ্চার বাথরুমে যাওয়া দরকার। মুখের বিকৃতি আরও বৃদ্ধি পেলো তার।

‘খুনি হয়তো লবস্টার দুটো দিয়ে শক ইফেক্ট দিতে চেয়েছিল,’ আগ বাড়িয়ে বললো একজন ফরেনসিকস এজেন্ট। ‘কারণ, দৃশ্যটা যে কী ভয়ঙ্কর দেখাচ্ছে, তা তো দেখতেই পাচ্ছেন।’

‘আমার তা মনে হয় না,’ পাল্টা বললো গার্সিয়া। ‘সেটআপটা একবার দেখুন।’ ক্রসে লাগানো ভিকটিমের দিকে ইশারা করলো সে। ‘লবস্টার ছাড়াই যথেষ্ট শকিং, আর আপনি খুনির আগের দুই ক্রাইম সিন দেখেছেন, রাইট?’ প্রশ্নটা ড. প্ল্যাটারকে উদ্দেশ্য করে করলো সে। ‘খুনির কোনো উপকরণ বা চটকের দরকার নেই।’ বলতে বলতে সামান্য ক্রোধ প্রকাশ পেলো তার কণ্ঠে। ‘রবার্ট যেমনটা একটু আগে বললো, আমরা হয়তো এখন বুঝবো না, আমরা হয়তো কখনোই বুঝবো না, তবে এই গোটা দৃশ্যটার একটা মানে আছে, এই লবস্টারেরও মানে আছে।’

ভালো করে দেখার জন্য রক্তের পুকুরের দিকে এক পা এগোলো হান্টার। একই কাজ করলো গার্সিয়াও। ভিকটিমের ঘাড় আর গলা খতিয়ে দেখলো হান্টার। কোনো রক্ত জমে নেই, কোনো কালশিটে নেই, নেই কোনো গলা টিপে ধরা অথবা দড়িজাতীয় কিছু দিয়ে টানার চিহ্নও। মুখের বল-গ্যাগে, সেই সাথে ঠোঁটে লেগে আছে শুকনো পিত্ত ও খাবারের অবশিষ্টাংশ। বল-গ্যাগ থাকলেও সেগুলো ঠোঁট হয়ে বের হয়ে এসে গড়িয়ে পড়েছে থুতনি আর খোলা বুকে। যার মানে, অত্যাচার চলাকালীন সময়ে বমি করেছে অলিভার গ্রিফিথ। মুখের ভেতরে এখনো বমি রয়েছে, দেখার জন্য বল-গ্যাগ সরানোর কোনো দরকার দেখলো না হান্টার। অসহ্য দুর্গন্ধে ওর চোখে প্রায় পানি চলে এলো।

নিজের অজান্তেই এক পা পিছিয়ে গেল গার্সিয়া, এক হাত দিয়ে নাক আর মুখ ঢেকে ফেললো। দুই কুঁচকির মাঝখানের ভয়াবহ ক্ষত আর লবস্টার দুটো দেখার জন্য চেয়ারের মতো আসনে বসলো হান্টার। লবস্টার দুটোকে জায়গামতো আটকে দেওয়ার জন্য দুটো বড় ‘টি’ আকৃতির ট্যাক্সিডার্মি পিন ব্যবহার করেছে। খুব নিখুঁতভাবে কেটে ফেলা হয়েছে অলিভার গ্রিফিথের লিঙ্গ ও অণ্ডকোষ। চেয়ারের মতো আসন থেকেই অলিভারের দিকে মুখ তুলে তাকালো হান্টার। চোখ বন্ধ ভিকটিমের, তবে তার চেহারায় এমন একটা ভাব যেন চরম শারীরিক বেদনা ভোগ করছে সে। চরম, অসহ্য ধ্বংস করে দেওয়া এক ভাব। আর আতঙ্ক ও ভয়ের কথাও বলাই বাহুল্য। মেন্টর ওর সাথে কী করতে যাচ্ছে, তা বুঝতে পেরে এক অবর্ণনীয় আতঙ্ক তাকে গ্রাস করে ফেলেছে। মনের মধ্যে অলিভারের আর্তনাদ আর বেঁচে থাকার আকুতি শুনতে পেলো হান্টার, মুখের বল-গ্যাগের কারণে যেটা ঢাকা পড়ে গেছে—কাকুতিমিনতি করে আক্রমণকারীর কাছে দয়া ভিক্ষা করছে সে।

‘অতিরিক্ত রক্তপাতের কারণে মারা গেছে না-কি?’ জিজ্ঞেস করলো হান্টার, ওর চোখ ভিকটিমের দিক থেকে মেঝেতে জমা হওয়া রক্তের পুকুরের দিকে গেল।

‘সেরকমই অনুমান আমাদের,’ ব্যাখ্যা করলেন ড. প্ল্যাটার। ‘একটু আগে যেমনটা বললাম, লিঙ্গ আর অণ্ডকোষের গোড়া থেকে একদম নিখুঁতভাবে কেটে ফেলা হয়েছে। তার গোটা পেনাইল আর্টেরিয়াল আর ভেনাস সাপ্লাই (লিঙ্গের ধমনী ও শিরার সরবরাহ) কেটে ফেলার পরে সেখানে কোনো ব্যান্ডেজ ছাড়াই খোলা রেখে দেওয়া হয়। শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ ধমনী ও শিরার তুলনায় এখানকার ধমনী, শিরা ছোটো ও অগুরুত্বপূর্ণ হলেও যদি সেগুলোর দিকে নজর না দেওয়া হয়, তবে…’ মেঝেতে জমা হওয়া রক্তটা একবার দেখে নিয়ে হান্টারের দিকে তাকালেন তিনি। ‘একটা সময়ে রক্তপাত মারাত্মক হয়ে দেখা দেয়।’

‘একটা সময়ে?’ জিজ্ঞেস করলো গার্সিয়া। ‘কতক্ষণ টিকে ছিল ভিকটিম?’

‘বলা কঠিন,’ জবাব দিলেন ড. প্ল্যাটার। ‘কয়েকটা জিনিসের ওপরে নির্ভর করছে বিষয়টা। ভিকটিমের স্বাস্থ্য, হার্টের কন্ডিশন এবং আরও কিছু। কতবার জ্ঞান হারিয়েছে, সেটাও হিসেবের মধ্যে রাখতে হবে। কোনো সাহায্য পাওয়ার আগে, অথবা নিজের হাত দিয়ে যদি ক্ষতস্থান চেপে ধরতে না পারে, তবে এক ঘণ্টার বেশি সময়ে সে চল্লিশ শতাংশেরও বেশি রক্ত হারিয়ে থাকতে পারে। এই অবস্থায় তার শরীরের বেশিরভাগ গুরুত্বপূর্ণ অঙ্গ কাজ করা বন্ধ করে দেবে।’

‘তার মৃত্যুর সময় বিষয়ে কোনো অনুমান?’ জিজ্ঞেস করলো হান্টার।

‘আগের ভিকটিমের মতোই, লাশ ফুল রিগর মর্টিস হয়ে গেছে। যার মানে, অন্তত বারো ঘণ্টা আগে মৃত্যু হয়েছে ভিকটিমের। তবে তার গায়ের তাপমাত্রা থেকে বলতে পারি, সময়টা কুড়ির কম। যার মানে, একদম সকালের কোনো এক সময়ে মারা গেছে সে।’

‘উন্মাদের কাজকর্ম,’ ফিসফিস করলো গার্সিয়া।

‘তাতে কোনো সন্দেহ নেই,’ একমত হলেন ড. স্ল্যাটার। ‘তবে উন্মাদের কাজের এখানেই শেষ নয়,’ বলে দেয়ালে লেখা শব্দগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করলেন ডিটেকটিভ দুজনের।

সোজা হয়ে দাঁড়ালো হান্টার, গার্সিয়ার সাথে যোগ দিলো। সিঁড়ির ডান পাশে থাকা দেয়ালের দিকে মনোযোগ নিবদ্ধ হলো ওদের। মেঝে থেকে ছয় ফুট উঁচুতে দেয়ালের একটা বড়ো অংশ জুড়ে পনেরোটা শব্দ লাল, বড়ো হাতের অক্ষরে লেখা। অক্ষরগুলোর প্রত্যেকটার আকৃতি ছয় থেকে সাত ইঞ্চি। মেন্টর এই বেজমেন্টে যে নৃশংসতা দেখিয়েছে, তাতে যদি বিন্দুমাত্র সন্দেহও থেকে থাকে; তবে সেটাও উধাও হয়ে গেল যখন ডিটেকটিভ দুজন খুনির লেখা ‘কবিতা’র নতুন লাইনটা পড়লো:

বুকে মেপেছি বিষাদ বেদন, তোমায় হারিয়ে একবার।

জাম্পস্যুটের চেইন খুললো হান্টার, নতুন লাইনটার ছবি তোলার জন্য সেলফোন বের করার জন্য হাত বাড়ালো। সেটা করা শেষ হলে, কাছে গিয়ে দেখার জন্য এগিয়ে গেল দেয়ালের দিকে। ‘রক্ত দিয়ে লেখা হয়েছে,’ ঘোষণার সুরে বললো ও, ড. প্ল্যাটারকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলো না। একটা শীতল স্রোত শিরদাঁড়া বেয়ে নেমে চলে গেল।

‘হ্যাঁ,’ নিশ্চিত করলেন ড. প্ল্যাটার।

দেয়াল থেকে পিছিয়ে দাঁড়ালো হান্টার। দৃষ্টি দেয়াল, দেয়ালের লেখা হয়ে নিচে জমা হওয়া রক্তের দিকে নেমে এলো। ‘ভিকটিমের রক্ত দিয়ে লেখা।’ প্রশ্ন নয়, আরও একবার ঘোষণা করলো হান্টার।

‘সম্ভবত, যদি না খুনি কয়েক ব্যাগ অন্য কারো রক্ত সাথে করে নিয়ে আসে।’ সামান্য ঘাড় বাঁকালেন ড. প্ল্যাটার। ‘যার মানে, এই ক্রাইম সিন ও আগের দুই ক্রাইম সিনে আমরা যা দেখেছি, তাতে অবাক হওয়ার কিছু নেই। যাই হোক, নিশ্চিত হওয়ার জন্য ল্যাব রেজাল্ট হাতে পাওয়া জরুরি।’

‘খুনির মোডাস অপারেন্ডিতে আরেকটা পরিবর্তন,’ গার্সিয়াকে উদ্দেশ্য করে বললো হান্টার, পার্টনারের কথা শুনে নড করলো গার্সিয়া।

‘মানে, আপনারা রক্তকে কালি হিসেবে ব্যবহারের কথা বলছেন?’ জিজ্ঞেস করলেন ডক্টর। ‘উক্তিটা কাগজের বদলে দেয়ালে রক্ত দিয়ে লেখা হয়েছে?’

‘হ্যাঁ, সেটা একটা ব্যাপার,’ একমত হলো হান্টার। ‘তবে আরও কিছু আছে, যেটা আরও তাৎপর্যপূর্ণ। আগের দুই ক্রাইম সিনের মতো,’ ব্যাখ্যা করলো ও, ‘খুনি ভিকটিমকে খুন করার আগে জোর খাটিয়ে তার ‘কবিতা’র লাইনগুলো লিখিয়ে নিয়েছে, কিন্তু এই লাইনগুলো রক্ত দিয়ে লেখা, খুব সম্ভবত ভিকটিমের নিজের রক্ত দিয়ে।’ মাথা নাড়লো হান্টার। ‘যার মানে এটা কোনোভাবেই ভিকটিমের লেখা নয়।’

‘হ্যাঁ, সেটা হওয়ার কোনো সুযোগই নেই,’ একমত হলো গার্সিয়া।

‘তার মানে, এটা খুনির নিজের হাতের লেখা,’ বললেন ড. প্ল্যাটার।

নড করলো হান্টার। ‘এবং এই কারণে সম্ভবত গোটা লাইনটা জড়ানো অক্ষরের বদলে বড়ো হাতের অক্ষরে লেখা হয়েছে। হাতের লেখা অ্যানালাইসিস আরও কঠিন হয়ে যাবে এর ফলে।’

এক মুহূর্ত নীরবতা নেমে এলো বেজমেন্টে, তারপর মুখ খুললো গার্সিয়া। ‘যে অংশগুলো শরীর থেকে কেটে নেয়া হয়েছে,’ জিজ্ঞেস করলো সে, এদিক-ওদিক তাকালো। ‘পাওয়া গেছে না-কি?’

এক মুহূর্ত থেমে কপাল থেকে কয়েক ফোঁটা ঘাম মুছে নিলেন ড. প্ল্যাটার। ফরেনসিকস লাইটের উত্তাপ, সেই সাথে ঘরটা সাউন্ডপ্রুফ হওয়ায় বেজমেন্ট পরিণত হয়েছে চুলাতে। ‘এখনো না,’ মাথা নাড়লেন তিনি। ‘তবে খোঁজ চলছে।’

‘ভিকটিমের সেলফোনের কী অবস্থা?’ এবার প্রশ্ন করলো হান্টার। ‘সেটা কি পাওয়া গেছে?’

আরেকবার মাথা নাড়লেন ড. প্ল্যাটার। ‘এখানে নেই, লিভিং রুম কিংবা কিচেনেও নেই। বাড়ির বাকি অংশে খুঁজে দেখতে পারিনি এখনো।’

সিঁড়ির দিকে এগোনোর জন্য আবার রক্তের পুকুরটা ঘুরে পার হলো হান্টার। ‘আর বিরক্ত করছি না, আপনারা এখানে আপনাদের কাজ শেষ করুন। তবে সুসান, আমরা এখনো কিছুক্ষণ সময় আছি। যদি এর মধ্যে কিছু পান… জানাতে ভুলবেন না।’

‘নিশ্চয়ই,’ জবাব দিলেন ড. প্ল্যাটার। ‘বাইরে যাচ্ছেন না-কি?’

‘হ্যাঁ। তবে যাওয়ার আগে ভিকটিমের স্ত্রী’র সাথে একবার কথা বলতে চাই। আমি যা বুঝেছি, লাশটা সে-ই প্রথম খুঁজে পেয়েছে।’

‘সেটা আমিও বুঝেছি,’ একমত হলেন ডক্টর। ‘তবে মহিলা কিন্তু শকে আছে, রবার্ট। তার কাছ থেকে কোনো তথ্য পাবেন না, আজ অন্তত নয়ই।’

‘তাকে জিজ্ঞাসাবাদ করবো না আমি,’ সিঁড়ির প্রথম ধাপে পা রেখে বললো হান্টার। ‘আমি তাকে সতর্ক করে দিতে যাচ্ছি।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *