কুড়ি
আরেকবার আত্মাকাঁপানো দুঃস্বপ্ন দেখে জেগে উঠলো জ্যানেট ল্যাং। এবারে সে স্বপ্নে দেখেছে, ওর বোন মেলিসা সাহায্য চাইছে, কিন্তু জ্যানেট বোনের একটা কথাও বুঝতে পারছে না। কোনো তার থেকে ঝুলে নেই মেলিসা, তবে সে ঝুলে আছে নিচের চোয়াল ভেদ করে যাওয়া এক জায়ান্ট হুক থেকে। প্রতিবার কথা বলার সময় মুখ থেকে রক্ত বের হয়ে আসছে তার, বাতাসকে লাল কুয়াশায় পরিণত করছে। কুয়াশা পরিণত হচ্ছে মেঘে, আর রক্ত নেমে আসছে বৃষ্টির রূপে।
রবিবার সকালে মেলিসার লাশ আবিষ্কার করার পর থেকে ঘুমিয়ে পার হচ্ছে জ্যানেটের দিনরাত্রি। কখনো ওষুধের প্রভাবে, কখনো ক্লান্তির কারণে। আর তারপরেই দুঃস্বপ্ন দেখে ভেঙে যাচ্ছে তার ঘুম; দুঃস্বপ্নগুলো এতই ভয়ঙ্কর যে, তার সারা শরীর কাঁপতে কাঁপতে ঘুম ভেঙে যায়। দু’বার তো এমনও হয়েছে যে, নিজের ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রস্রাব করে দিয়েছে সে।
এবার নিজের ঘরে ঘুমাচ্ছিল জ্যানেট, কিচেনে একটা স্যান্ডউইচ বানিয়ে খাচ্ছিল টম। সকাল ছয়টায় জ্যানেটের জন্য সে যেটা বানিয়েছিল, সেটা এখনো তার প্রেমিকার বেডসাইড টেবিলে পড়ে আছে, ছুঁয়েও দেখেনি সে। প্রেমিকার পাশে থাকার জন্য এক সপ্তাহ ছুটি নিয়েছে টম; জ্যানেটকে নিয়ে সে উদ্বিগ্ন নয়, এটা বললে ভুল বলা হবে। সে জানে, জ্যানেট খুব শক্ত মনের অধিকারী। কিন্তু পর্যাপ্ত চাপ দিলে সবচেয়ে শক্তিশালী মনের অধিকারী মানুষটাও ভেঙে যেতে বাধ্য। হ্যাঁ, এটা সত্যি যে, এক ধাক্কাতেই মন ভেঙে চুরমার হয়ে যাবে, যেখান থেকে ফিরে আসার আর কোনো সুযোগ থাকবে না, এমন ঘটনা খুব কমই ঘটে। দুর্ভাগ্যজনকভাবে, কোনো প্রিয়জনকে নৃশংসভাবে খুন করা হয়েছে, তা আবিষ্কার করাটা তালিকার একদম প্রথম দিকে থাকবে।
মেলিসা যে শুধু জ্যানেটের বোন ছিল, তা নয়। মেলিসা ছিল জ্যানেটের বেস্ট ফ্রেন্ড, ভরসা ও আস্থার জায়গা। মেলিসা না থাকলে জ্যানেট কোনোভাবেই টিকে থাকতে পারতো না। টমও সেটা জানে।
পিনাট বাটার আর জেলি স্যান্ডউইচে মাত্র এক কামড় দিয়েছে, এমন সময় জ্যানেটের চাপা চিৎকার কানে এলো টমের। কিচেন কাউন্টারের ওপরে স্যান্ডউইচ ফেলে রেখে শোবার ঘরের দিকে দৌড় দিলো সে। ওদের বিছানায় বসে আছে জ্যানেট, হাঁটু বুকের কাছে ভাঁজ করা, ফোঁপাচ্ছে। মুখ দুই হাতের সাহায্যে ঢেকে রেখেছে।
‘ইট’স ওকে, বেবি,’ জ্যানেটের পাশে বসে বললো টম। ‘দুঃস্বপ্ন দেখেছো, স্রেফ একটা দুঃস্বপ্ন।’ প্রেমিকাকে দুই হাতে জড়িয়ে নিজের দিকে টানলো সে। নিজেকে জড়িয়ে ধরতে দিলো জ্যানেট, কিন্তু নিজে জড়িয়ে ধরলো না। মুখ ঢেকে রাখলো হাতের আড়ালে।
‘এই তো আমি, জেন। এই তো আমি।’ প্রেমিকার হাতের দিকে হাত বাড়ালো টম। ‘আমার দিকে তাকাও, জান। স্রেফ একটা দুঃস্বপ্ন দেখেছো।’ জ্যানেটের দুই হাতে চুমু খেলো সে, চুল এলোমেলো করে দিলো। ‘প্লিজ, আমার দিকে তাকাও, জেন।’
ফোঁপাতে ফোঁপাতে প্রেমিকের হাতের ওপরে হাত ছেড়ে দিলো জ্যানেট, চোখে চোখ রেখে তাকালো। প্রেমিকার দুই গালে চুমু খেলো টম, গাল থেকে অশ্রু মুছে দিলো। কিন্তু জ্যানেটের কান্না থামলো না।
‘ইট’স অলরাইট, বেবি,’ আবার কান্না থামানোর চেষ্টা করলো টম। ‘দুঃস্বপ্নটা শেষ হয়ে গেছে, ওটা শুধুই একটা বাজে স্বপ্ন ছিল। এই তো। ওটা বাস্তব ছিল না।’
‘তুমি ভুল করছো, টম,’ এবার মুখ খুললো জ্যানেট, যন্ত্রণাকাতর শোনালো তার কণ্ঠ। ‘কারণ, স্বপ্নটা বাস্তব। মেল চলে গেছে, টম,’ ক্ষীণ হয়ে এলো তার গলা। ‘মেল চলে গেছে। মেল মরে গেছে। ও মরে গেছে। আমার বোনটা আর বেঁচে নেই।’ বলে আবার মুখ ঢেকে কাঁদতে শুরু করলো।
টম বিশ্বাসই করতে পারলো না যে, ও ভুল সান্ত্বনাবাণী বেছে নিয়েছে। জোরে প্রেমিকাকে বুকের সাথে চেপে ধরলো ও, বুকের ভেতরে হৃদয়টা ভেঙে যেতে লাগলো। ‘আমি খুব দুঃখিত, সোনা।’ এবার নিজের অশ্রু সংবরণ করতে বেগ পেলো ও। ‘আমি খুব দুঃখিত।’
ওর দুই হাতের মধ্যে রীতিমতো কাঁপছে জ্যানেট, অনুভব করলো টম। কী বলবে, বুঝতে না পেরে প্রেমিকাকে স্রেফ শক্ত করে ধরে রাখলো ও, এবার ওর চোখ বেয়ে নেমে এলো অশ্রুফোঁটা।
‘জেন, চলো লিভিং রুমে গিয়ে বসি?’ জিজ্ঞেস করলো টম, আরও একবার জ্যানেটের চোখ থেকে অশ্রু মুছে দিলো। ‘পুরানো কিছু শো আবার দেখি। হালকা কিছু যেগুলো দেখার সময় বেশি মাথা ঘামানো লাগবে না। তুমি কী বলো?’
চুপ করে থাকলো জ্যানেট। প্রেমিকার কপালে চুমু খেলো টম, তারপর গালে। ‘কাম অন।’ উঠে দাঁড়ালো সে, তবে প্রেমিকার হাত ছাড়লো না। ‘আমার সাথে এসো। কিছুক্ষণ সোফাতে বসি। পপকর্ন ভাজবো?’
অন্যদিকে তাকালো জ্যানেট; কী করবে, তা বুঝে উঠতে পারছে না। বাস্তবতার মুখোমুখি হতে চায় না সে। অন্তত এই মুহূর্তে তো নয়ই। প্রত্যেকটা সেকেন্ড সে জেগে কাটাচ্ছে, আর প্রত্যেকটা সেকেন্ড সে তার বোনের কথা ভাবছে। আর প্রত্যেকবার তার মনে পড়ছে, সে আর তার বোনকে দেখতে পাবে না, কিন্তু যত ক্লান্তই হোক না কেন, আবার ঘুমিয়ে পড়তেও আতঙ্ক বোধ করছে সে। সত্যি কথা হলো, চোখ বন্ধ করতেও ভয় পাচ্ছে; কারণ, চোখ বন্ধ করলেই রবিবার সকালে দেখা ভয়ঙ্কর দৃশ্যগুলো ভেসে উঠছে মনের পর্দায়। যেন দৃশ্যগুলো সারাজীবনের মতো খোদাই করা হয়ে গেছে তার চোখের ভেতরে।
ঘুমিয়ে পড়বে না-কি জেগে থাকবে, এই সিদ্ধান্তহীনতায় ভুগছে জ্যানেট। প্রেমিকার মুখ থেকে বুঝতে পারলো টম। বিশ্রাম দরকার মেয়েটার, জানে ও; কিন্তু ঘুমালে কোনোভাবেই জ্যানেটের বিশ্রাম হচ্ছে না। যদি সে টমের সাথে লিভিং রুমে আসে, তবে টম অন্তত ওর পাশে থাকতে পারবে।
আরেকবার বললো টম। ‘কাম অন, বেবি। একটা ঘণ্টা আমার সাথে বসো।’ আকুতি ঝরলো তার কণ্ঠে।
নাক টানতে টানতে শেষ পর্যন্ত নড করলো জ্যানেট, খুব ধীরে উঠে দাঁড়ালো। প্রেমিকার হাত ছেড়ে দিলো টম, একটা টিস্যু দিয়ে ভেজা গাল মুছে নিলো জ্যানেট। বেডরুমের দরজায় পৌঁছেই থেমে দাঁড়ালো।
‘আমার ফোন,’ বললো সে, বেডসাইডের টেবিলের দিকে ইশারা করলো। ‘ফোনটা নিই। গত রাত থেকে চেক করিনি।’ জ্যানেট সাইলেন্ট করে রেখেছিল নিজের সেলফোনটা। কোনো রিং যেন না আসে বা ভাইব্রেশন যেন না হয়।
অপেক্ষা করলো টম। ফোনটা তুলে স্ক্রিনের দিকে তাকালো জ্যানেট। দশটা মিসড কল আর বিশের ওপরে মেসেজ। একটা নিঃশ্বাস ফেলে প্রেমিকের দিকে এগোলো সে।
লিভিং রুমে কয়েকশো স্যাটেলাইট চ্যানেল ঘাটতে শুরু করলো টম, হালকা গোছের কোনো অনুষ্ঠান খুঁজছে। মিসড কলগুলো দেখতে শুরু করলো জ্যানেট; একটা ডাক্তারের কাছ থেকে, আটটা এসেছে বন্ধুবান্ধবদের কাছ থেকে, আর একটা এসেছে কর্মস্থলের বসের কাছ থেকে। সবাইকেই পরে ফোন করার সিদ্ধান্ত নিলো সে। কারোর সাথেই ফোনে কথা বলার মতো মানসিক শক্তি অবশিষ্ট নেই। তার বদলে মেসেজগুলো দেখতে শুরু করলো। বেশিরভাগই এসেছে বন্ধুদের কাছ থেকে, হোয়াটসঅ্যাপ মেসেজ এসেছে চব্বিশটা, আর একটা এসেছে এসএমএস টেক্সট।
এসএমএসটা এসেছে একটা অপরিচিত নাম্বার থেকে। এসএমএসের প্রিভিউটা দেখলো জ্যানেট, সাথে সাথেই হতবাক হয়ে গেল। কারণ, প্রিভিউয়ে ‘মেলিসা’ লেখা আছে। এসএমএসে কোনো টেক্সট নেই, আছে শুধু একটা ভিডিয়ো। সাথে সাথে সাড়া দিলো জ্যানেট। মেসেজটা ওপেন করার জন্য ট্যাপ করতেই ভিডিয়োটা চালতে শুরু করলো স্ক্রিনে… আর সঙ্গে সঙ্গে কলিজা লাফ দিয়ে উঠে এলো জ্যানেটের গলায়।
দমবন্ধ হয়ে এলো ওর। শরীর থেকে সব শক্তি ঝরে গিয়ে, হাত থেকে ফোনটা ছিটকে পড়ে গেল মেঝেতে। জ্যানেটের গলা দিয়ে যে ভয়ঙ্কর আর্তনাদ বেরিয়ে এলো, সেরকম আর্তনাদ টম কখনো শোনেনি। সেই আর্তনাদ শুনে জমে গেল সে।
একুশ
পুলিশ প্রশাসন ভবনে ক্যাপ্টেন ব্লেকের অফিসে দাঁড়িয়ে আছে হান্টার আর গার্সিয়া। খুনি আর মেলিসা হোথর্নের মধ্যকার টেক্সট চালাচালির গোটা তালিকাটা পড়ে শেষ করলেন ক্যাপ্টেন।
‘ভিডিয়ো?’ জিজ্ঞেস করলেন তিনি, ট্রান্সক্রিপ্টটা হাতে তুলে ধরলেন। ‘যে ভিডিয়োটা পাঠানো হয়েছে, সেটা কোথায়?’
‘এক্স্যাক্টলি,’ একবার নড করে বললো গার্সিয়া। ‘আপনিও ভাবছেন, তাদের উচিত ছিল ভিডিয়োটা আমাদের অনুরোধের সাথে অন্তর্ভুক্ত করা, তাই না?’
‘তারা করেনি?’ ক্যাপ্টেনের কণ্ঠে নিখাঁদ বিস্ময়।
‘আমাদের একটা ওয়ারেন্ট দরকার, ক্যাপ্টেন,’ দুজনের কথার মাঝে নাক গলালো হান্টার। ‘আপনি তো জানেন, সেলফোন প্রোভাইডাররা প্রাইভেসি ল থেকে কীভাবে নিজেদেরকে আড়াল করে রাখে। ভিডিয়োটা একটা প্রাইভেট ভিডিয়ো।’
‘অবিশ্বাস্য,’ বললেন ক্যাপ্টেন ব্লেক, ডেস্কে রাখা ইন্টারকমের বাটনে চাপ দিলেন।
‘ইয়েস, ক্যাপ্টেন?’ ক্ষুদ্র স্পিকারে ভেসে এলো অফিসার টেরেসা ব্রুডির গলা। ক্যাপ্টেন ব্লেকের দৈনিক কাজের কিছুটা দেখভাল করে সে।
‘টেরেসা, মেট্রোপলিটান কোর্টহাউজে জাজ পিটারসনের সাথে লাইন দাও।’
‘এখনই দিচ্ছি, ক্যাপ্টেন।’
‘ভিডিয়োতে খুনি নিজের চেহারা দেখিয়েছে বলে আপনাদের ধারণা?’ ইন্টারকম বাটন থেকে হাত সরিয়ে হান্টার আর গার্সিয়াকে জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন।
দুজন ডিটেকটিভই শ্রাগ করলো।
‘সেটাই তো সে বলেছে, তাই না?’ আবার তালিকাটা চেক করলেন ক্যাপ্টেন ব্লেক। ‘তবে ঠিক আছে, মেলিসা। চিন্তার কিছু নেই। আমি তোমার জন্য সদর দরজা বন্ধ করে দিয়েছি।’
‘ভিডিয়োতে যে-কোনো কিছুই দেখানো হয়ে থাকতে পারে, ক্যাপ্টেন,’ অনুমান করলো হান্টার। ‘দরজা বন্ধ থাকার দৃশ্য, নব ঘোরাচ্ছে একটা হাত, এমন দৃশ্য দরজা হাট করে খোলা থাকার দৃশ্য, যে-কোনো কিছু। এই মুহূর্তে সেটা বলার কোনো অবস্থা নেই।’
‘অথবা এমনও হতে পারে, মুখোশপরা কেউ দরজা লাগিয়ে দিচ্ছে,’ যোগ করলো গার্সিয়া। ‘টেক্সট চালাচালির উদ্দেশ্যই ছিল মেলিসাকে ভয় দেখানো। ‘ভয়’ বিষয়ক শিক্ষা, ক্যাপ্টেন। একজন অপরিচিত মানুষের সাথে নিজের বাড়িতে আটকা পড়েছেন, এর চেয়ে আতঙ্কজনক আর কী হতে পারে?’
‘হয়তো,’ একমত হলেন ক্যাপ্টেন। ‘তবে কিছু মানুষের নির্বুদ্ধিতাকে ছোটো করে দেখার কোনো সুযোগ নেই। হয়তো খুনি ভেবেছিল, ভিকটিমের ফোন নিয়ে গেলেই আর কোনো বিপদের সম্ভাবনা নেই।’
‘আমরা শুধু আশাই করতে পারি,’ বললো গার্সিয়া।
‘জাজ পিটারসন এক নাম্বার লাইনে আছেন, ক্যাপ্টেন,’ ইন্টারকম দিয়ে ভেসে এলো অফিসার ব্রুডির গলা।
কলটা রিসিভ করলেন ক্যাপ্টেন ব্লেক। তিনি যখন ওয়ারেন্ট ইস্যু করার জন্য জাজ পিটারসেনকে পরিস্থিতি বর্ণনা করছেন, তখন ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলো হান্টার আর গার্সিয়া। ক্যাপ্টেন ব্লেক আর জাজের পরিচয় অনেকদিনের। সবসময়ই ক্যাপ্টেন ব্লেকের জাজমেন্টের ওপরে ভরসা করেছেন জাজ। যদি কখনো ওয়ারেন্ট দরকার হয়, দশবারের মধ্যে আটবারই জাজের শরণাপন্ন হন ক্যাপ্টেন।
‘একজন অফিসারকে পাঠান, বারবারা,’ জাজ বললেন ক্যাপ্টেনকে। ‘আসতে আসতে ওয়ারেন্ট রেডি হয়ে যাবে।’
ফোন নামিয়ে রাখলেন ক্যাপ্টেন ব্লেক, সাথে সাথেই ইন্টারকমে একজন ইউনিফর্ম পরা একজন অফিসারকে ওয়ারেন্ট নিয়ে আসার জন্য মেট্রোপলিটান কোর্টহাউজে পাঠানোর নির্দেশ দিলেন অফিসার ব্রুডিকে।
ক্যাপ্টেন ব্লেক ‘টক’ বাটন ছেড়ে দিতেই হান্টারের জ্যাকেটের পকেটে ভাইব্রেট হলো ওর সেলফোন। ডিসপ্লে স্ক্রিনের দিকে তাকালো ও। অপরিচিত এক নাম্বার, ওর কন্ট্যাক্ট লিস্টে নেই। এক হাত তুলে ক্যাপ্টেনকে অপেক্ষা করার ইশারা করলো ও, তারপর ফোন রিসিভ করলো।
‘ডিটেকটিভ হান্টার, ইউভিসি ইউনিট।’
ওপাশের কথা পাঁচ সেকেন্ড শুনলো ও, এরপরেই ওর মুখভঙ্গী পাল্টে যেতে দেখলো গার্সিয়া আর ক্যাপ্টেন ব্লেক। যেন ওপাশের ফোনদাতা যা-ই বলুক না কেন, তা হান্টার বুঝতে পারছে না।
‘দাঁড়ান, টম,’ বললো হান্টার, কণ্ঠ একদম শান্ত। ‘বড়ো করে একটা দম নিন, তারপরে একদম শুরু থেকে বলুন কী হয়েছে।’ হেঁটে অফিসের উত্তর-পশ্চিম কোনায় গিয়ে দাঁড়ালো ও।
‘টম কে?’ ফিসফিস করে গার্সিয়ার কাছে জানতে চাইলেন ক্যাপ্টেন ব্লেক। চিন্তিত চোখে তার দিকে তাকিয়ে শ্রাগ করলো গার্সিয়া।
‘…জ্যানেট জিনিসটা রিসিভ করেছেন?’ জিজ্ঞেস করলো হান্টার।
কথাটা শুনে পরিষ্কার হয়ে গেল গার্সিয়ার স্মৃতিশক্তি। ‘টম হলো জ্যানেটের প্রেমিক,’ ক্যাপ্টেন ব্লেককে ফিসফিস করে বললো সে। ‘জ্যানেট হলো ভিকটিমের বোন।’
‘…কখন?’ টমকে জিজ্ঞেস করলো হান্টার।
‘…আমি অনুমান করছি, জিনিসটা একটা অপরিচিত নাম্বার থেকে এসেছে,’ বললো হান্টার।
নিজের পার্টনারের দিকে বিস্ফারিত চোখে তাকালো গার্সিয়া। ‘কী হয়েছে?’ জিজ্ঞেস করলো সে, তাকে একটু সময় দেওয়ার জন্য ইশারা করলো হান্টার।
‘…টম, টম, শুনুন আপনি যদি জিনিসটা আমাকে ফরোয়ার্ড করে দেন, তবে আমার জন্য বুঝতে সুবিধা হয়, এবং সম্ভব হলে এখনই পাঠান। পারবেন?’
ওপাশ থেকে টমের উত্তর শুনে দুঃখিত ভঙ্গীতে নড করলো হান্টার। ‘…এরকম একটা ঘটনা ঘটেছে বলে খুবই দুঃখ প্রকাশ করছি, টম। আর বুঝতে পারছি, এই মুহূর্তে জ্যানেট কতটা বিক্ষিপ্ত হয়ে আছেন।’
‘…টম, ব্যাপারটা আসলে আমরা আটকাতে পারতাম না। তবে আমরা হয়তো কোনো লোকেশন পেতে পারি।’
‘…হ্যাঁ, ট্রেস করার চেষ্টা করে দেখতে পারি আমি। আপনি যদি মেসেজটা জ্যানেটের ফোন থেকে ফরোয়ার্ড করেন, তবে আমি তার নাম্বারটা পেয়ে যাবো। সেখান থেকে আমি পেয়ে যাবো প্রেরকের নাম্বারটাও। সেটা কি করতে পারবেন?’
‘…হ্যাঁ, এখনই।’
‘…ধন্যবাদ। আপনাকে পরে জানাচ্ছি।’ ফোন কেটে দিলো হান্টার।
‘হয়েছেটা কী?’ জিজ্ঞেস করলো গার্সিয়া। ‘কীসের মেসেজ?’
‘মেলিসার বোন জ্যানেট আজ সকালে একটা মেসেজ পেয়েছে,’ ব্যাখ্যা করলো হান্টার। ‘কোনো টেক্সট নয়, একটা ভিডিয়ো।’
‘প্রেরক কে?’ এবারে জানতে চাইলেন ক্যাপ্টেন ব্লেক। ‘খুনি?’
‘আমি নিশ্চিত নই, তবে সেরকমই মনে হচ্ছে।’
আরেকবার ভাইব্রেট করলো হান্টারের ফোন, এবার নতুন একটা টেক্সট মেসেজ আসার ঘোষণা দিয়ে দু’বার কেঁপে উঠলো। সাথে সাথে মেসেজটা খুললো হান্টার, ভিডিয়ো ক্লিপটা চলতে শুরু করলো তার মোবাইলের স্ক্রিনে। এক মুহূর্তের জন্য চোখজোড়া সরু হয়ে গেল, তারপর বড়ো করে একটা শ্বাস ছাড়লো।
বাইশ
এলএপিডি রবারি অ্যান্ড হোমিসাইড ডিভিশনের ক্যাপ্টেন হিসেবে প্রায় তেরো বছর ধরে দায়িত্ব পালন করছেন বারবারা ব্লেক। এই সময়ে তিনি হান্টারকে কতবার গালি দিতে শুনেছেন, তা তিনি হাতে গুণে বলে দিতে পারেন। দ্রুত পার্টনারের পাশে গিয়ে দাঁড়ালো গার্সিয়া। তার পিছু পিছু এগোলেন ক্যাপ্টেন ব্লেকও। ভিডিয়োটা একদম শুরুতে নিয়ে গেল হান্টার, এমনভাবে ধরলো যেন বাকি দু’জনও দেখতে পায়। ‘প্লে’ বাটনে চাপ দেওয়ার আগের সময়টা ভয়ানক নৈঃশব্দ্য বিরাজ করলো।
‘হোয়াট দ্য ফাক?’ ফিসফিস করলো গার্সিয়া, তার চেহারায় নিখাঁদ অবিশ্বাস ফুটে উঠলো। ক্যাপ্টেন ব্লেক তেরো বছরে হান্টারকে খুব কম সময় গালি দিতে শুনলেও গার্সিয়ার ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই বিপরীত। তারপরেও তিনি স্বীকার করতে বাধ্য হলেন, এবারে গালি দেওয়ার যৌক্তিক কারণ রয়েছে গার্সিয়ার। যে ভিডিয়োটা হান্টার তাদেরকে দেখালো, সেটা করা হয়েছে মেলিসা হোথর্নের কিচেনে, তার খুনের রাতে। এবং ভিডিয়োটাকে এক কথায় যদি প্রকাশ করতে বলা হয়, শব্দটা হবে বীভৎস।
ভিডিয়োটা যখন শুরু হলো, তখন মেলিসা দাঁড়ানো অবস্থায়। সম্পূর্ণ নগ্ন সে, হাতজোড়া টেনে পেছনে বাঁধা, পা’জোড়া গোড়ালির কাছে বাঁধা। খুনির ব্যবহার করা বিরাট ফিশিং হুকটা ইতোমধ্যেই নির্দয়ভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে তার চোয়ালের নিচের অংশে, হুকের শেষ অংশে লাগানো দড়ি বিমের সাথে আটকানো। ভিডিয়োতে দেখা গেল, তার ক্ষতস্থান থেকে এবং খোলা মুখ থেকে রক্ত ঝরে পড়ছে মেঝেতে। যার ফলে তার শরীর দেখাচ্ছে চিকন লাল রেখাবিশিষ্ট এক ভয়ঙ্কর কম্বলের মতো। তবে মেলিসা জীবিত আছে তখনো।
ভিডিয়ো চলতে থাকলো। খিঁচুনি হলো মেলিসার, দম আটকে এলো। বমি করে বাতাসে ও নিজের মুখের বাইরে রক্ত বের করে দিলো সে। এই সময়টায় ক্যামেরা জুম করা হলো তার চোখজোড়ার উপরে। বিস্ফারিত দুই চোখ, এবং কী পরিমাণ ব্যথা যে ওই দুই চোখের মালিক সহ্য করছে, তা জানতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। ব্যথা ছাড়াও ওই চোখে রয়েছে ভয় ও নির্জলা আতঙ্ক।
এক সেকেন্ড পরে, তার পা’জোড়ার দিকে জুম করা হলো ক্যামেরা। পা’জোড়া বাঁধা, কিন্তু মেঝের সাথে সমান হয়ে আছে। চোয়ালও এখনো জায়গামতো আছে, কিন্তু আর বেশিক্ষণের জন্য নয়। ভিডিয়োর পরের শটটা দেখে সবাই অসুস্থ বোধ করলো। পরের শটে ঠিক সেই দৃশ্যটা দেখানো হলো, যে দৃশ্যে ক্লাইম্বিং রোপ শক্ত করে টান মেরে মেলিসাকে তুলে ফেলা হলো বাতাসে। হান্টার, গার্সিয়া, ক্যাপ্টেন ব্লেক সবাই-ই মেলিসার শরীরটাকে বিশ্রীভাবে ঝাঁকি খেতে দেখলো।
নিদারুণভাবে পা’জোড়া ছুঁড়তে লাগলো মেয়েটা, নিচের দিকে বাঁকা হয়ে গেল। মেঝে খুঁজে পেতে চাইছে, আঙুলের উপরে ভর দিয়ে দাঁড়াতে চাইছে। ঠোঁট দিয়ে যে আর্তনাদ বেরিয়ে এলো, তা চাপা পড়ে গেল মুখের ভেতরে জমা হওয়া রক্তের কারণে। তার পরিবর্তে পানি ফোটার সময়ে যেরকম শব্দ হয়, সেরকম শব্দ হলো। বাঁচার জন্য মেলিসার সকল প্রচেষ্টা আসলে তার বিরুদ্ধেই কাজ করলো। কারণ, যতই বাঁচার জন্য নড়াচড়া করলো সে, ততই ক্লাইম্বিং রোপে টান পড়লো, এবং ততই টান লাগলো হুকটায়। আর এই টানাটানির এক পর্যায়ে হাড় ভাঙার এক কুৎসিত শব্দ ভেসে এলো হান্টারের সেলফোনের ছোটো স্পিকার দিয়ে। মেয়েটার ম্যান্ডিবল শেষ পর্যন্ত স্থানচ্যুত হয়ে ভেঙে গেল।
শেষ শটে দেখা গেল, একদম নিথর হয়ে যাওয়ার আগে আরেকবার খিঁচুনি খেলো মেলিসার দেহ। এরপর তার দুই চোখ বন্ধ হলো শেষবারের মতো। তবে খুনির কাজ এখনো শেষ হয়নি। ভিডিয়ো শেষ করার আগে ভিডিয়োর নিচে বড়ো হাতের অক্ষরে একটা লাইন যোগ করলো খুনি—
জাস্ট লাইক আ ফিশ।
‘জিসাস ক্রাইস্ট!’ একঘেয়ে সুরে ক্যাপ্টেন ব্লেকের ঠোঁট থেকে বেরিয়ে এলো শব্দগুলো। ‘এই ভিডিয়োটা খুনি ভিকটিমের বোনকে পাঠিয়েছে?’
নড করলো হান্টার। ‘দেখছি, রিসার্চ টিম ভিডিয়োটা ট্রেস করতে পারে কিনা।’ বলে দ্রুত রিসার্চ টিমকে কল করলো ও।
‘কেন?’ কল শেষ হলে হান্টারকে বললেন ক্যাপ্টেন ব্লেক। হান্টার শ্রাগ করলে মাথা নাড়লেন তিনি।
‘এ তো পুরাই পাগলের কাজকারবার,’ বললো গার্সিয়া। ‘খুনি বদ্ধ উন্মাদ।’
‘কিন্তু কেন খুনি এরকম নৃশংসতার একটা ভিডিয়ো ভিকটিমের বোনকে পাঠালো?’ প্রশ্ন করলেন ক্যাপ্টেন ব্লেক। ‘মানে, কারণটা কী? যদি না এটা একটা রেসিয়াল ক্রাইম হয়।’
‘আপনি কি বলতে চাইছেন ক্যাপ্টেন, জ্যানেটও ঝুঁকির মধ্যে আছে?’ প্রশ্নটা এলো গার্সিয়ার কাছ থেকে। তার মুখোমুখি হলেন ক্যাপ্টেন ব্লেক। ‘আপনার কী মনে হয়? এই কারণেই কি খুনি তাকে উসকাচ্ছে? সে-ও কি খুনির টার্গেট?’
ভিডিয়োটা দেখার পরে হান্টার নিজেও সম্ভাবনাটা যাচাই করছে। ‘জ্যানেটও ঝুঁকির মধ্যে থাকতে পারে,’ স্বীকার করলো হান্টার। ‘তবে…’ মাথা নাড়লো ও।
‘তবে?’ প্রশ্নবোধক দৃষ্টিতে ওর দিকে তাকালেন ক্যাপ্টেন ব্লেক। হান্টার জবাব দেওয়ার আগেই ফোন বেজে উঠলো ওর। ফোন রিসিভ করলো ও, কয়েক সেকেন্ড কানে চেপে ধরে থাকার পরে কেটে দিলো। ‘রিসার্চ টিম ফোন করেছিল?’ জিজ্ঞেস করলো গার্সিয়া।
নড করলো হান্টার। ‘কোনো ট্রেস পাওয়া যায়নি। প্রেরকের ফোনে কোনো জিপিএস ছিল না।’
বিস্মিত দেখালো না গার্সিয়াকে। এক মুহূর্ত সময় নিলো হান্টার, সঠিক শব্দগুলো বেছে নিতে চাইলো। ‘যে খুনি মেলিসাকে খুন করেছে, সেই একই খুনি যদি জ্যানেট ল্যাঙের জন্যও হুমকি হয়, তবে বিষয়টা আমরা যা ভাবছি, তার চাইতেও অনেক বেশি ব্যক্তিগত। আর আমরা খুনিকে যতটা সাহসী ভাবছি, খুনি তার চাইতেও অনেক বেশি সাহসী।’
ব্যাপারটা নিয়ে চিন্তা করতে করতে ডান হাতের বুড়ো আঙুল বাঁ হাতের আঙুলের গাঁটগুলোর উপরে বোলালেন ক্যাপ্টেন ব্লেক, আগুপিছু করতে লাগলেন। ‘যার মানে, হোর্থর্নদের সাথে খুনির কোনো ব্যক্তিগত শত্রুতা আছে,’ সিদ্ধান্তে উপনীত হলেন তিনি। ‘অথবা এই দুই বোনের সাথে।’
‘সম্ভবত,’ একমত হলো হান্টার।
‘কিন্তু খুনি এটাও নিশ্চয় জানতো, আমরা ভিকটিমের ছোটো বোনের সাথে যোগাযোগ করবো,’ কথা চালিয়ে গেলেন ক্যাপ্টেন ব্লেক। ‘একবার মেসেজ পাওয়ার পরে আমাদের সাথে যোগাযোগ করাটাই হতো তার জন্য যুক্তিযুক্ত এবং সেটাই সে করেছে। তার মানে, খুনি জানতো যে আমরা এই ভিডিয়ো মেসেজ সম্পর্কে জানবো, এবং সেটাই হয়েছে। এবং তার মাথায় যদি সামান্যতম বুদ্ধিও থাকে, তবে আমরা যে উপসংহারে পৌঁছেছি, সেই উপসংহারে সে-ও পৌঁছাবে। আর এলএপিডি যদি এই উপসংহারে পৌঁছায়, তার মানে তারা জ্যানেটকে নিরাপত্তাও দিতে পারে।’ ডেস্কের পেছনে নিজের চেয়ারে ফিরে গেলেন ক্যাপ্টেন, হান্টারের দিকে তর্জনী তাক করলেন।
‘এটাকেই আপনি বলেছিলেন, খুনিকে আমরা যতটা সাহসী ভাবছি, তার চাইতেও বেশি সাহসী হিসেবে, ঠিক?’
আরও একবার নড করলো হান্টার। ‘যদি খুনি আসলেই জ্যানেট ল্যাঙকে টার্গেট করে থাকে, তবে সে নিজের কাজ ইতোমধ্যেই আরও কঠিন করে ফেলেছে। এই ভিডিয়োটা একটা সতর্কবার্তা হিসেবে কাজ করবে।’
দীর্ঘ একটা বিরতি পড়লো ওদের কথা মাঝে, নিজের অপশনগুলো যাচাই করলেন ক্যাপ্টেন ব্লেক। মাত্র ফেব্রুয়ারি চলে, বছর মাত্র শুরু হয়েছে। কিন্তু তিনি জানেন, বাজেটের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে তাকে। বিশেষ করে কাটছাঁটের ব্যাপারে, যে কাটছাঁটের কথা গভর্নর ঘোষণা করেছেন।
‘হয়তো সে তার কাজটা কঠিন করে ফেলেনি,’ অবশেষে বললেন ক্যাপ্টেন ব্লেক, তার ডিটেকটিভদের দিকে চেয়ে মাথা নাড়লেন। ‘কারণ মিস ল্যাংকে পুলিশ প্রোটেকশন কেন দিতে হবে, তা আমি জাস্টিফাই করতে পারবো না। কারণ, আমাদের হাতে এই ভিডিয়ো ক্লিপ ছাড়া আর কিছুই নেই।’
হান্টারের দিকে তাকালো গার্সিয়া, কিন্তু কেউই প্রতিবাদ করলো না। ওরা দুজনেই পোড়খাওয়া ডিটেকটিভ, জানে ক্যাপ্টেন ব্লেক ঠিকই বলছেন। কারণ, শেষ সিদ্ধান্ত ক্যাপ্টেন ব্লেকের নয়। চিফ অব পুলিশের কাছে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে হবে। যতই ভয়ানক আর মনস্তাত্ত্বিকভাবে ধ্বংসাত্মক হোক না কেন, এই ভিডিয়োটা জ্যানেট ল্যাঙের জীবনের উপরে সরাসরি ঝুঁকি নয়। হ্যাঁ, ভিডিয়োটাকে জ্যানেটের জীবনের উপরে ঝুঁকি হিসেবে ব্যাখ্যা করা যায় বটে, কিন্তু সেই ব্যাখ্যাতে সন্দেহের অবকাশ থাকবে। আর সন্দেহ থাকলে কখনো চিফ অব পুলিশের অনুমতি মিলবে না।
দ্বিতীয় সমস্যাটা হলো, ক্যাপ্টেন যদি জ্যানেটের জন্য নিরাপত্তার ব্যবস্থা করেনও, তবে সেটা কতদিনের জন্য? খুনি যদি সত্যিই জ্যানেটের পেছনে লেগে থাকে, তবে সে কবে আঘাত হানবে, তা কেউ নিশ্চিত করে বলতে পারে না। আজও হতে পারে, আগামীকালও হতে পারে, আগামী সপ্তাহেও হতে পারে, আগামী বছরও হতে পারে, কেউ জানে না। অসীম সময়ের জন্য একটা পুলিশ প্রোটেকশন টিমকে দায়িত্ব দেওয়াটা কোনোভাবেই বাস্তবসম্মত নয়। ঘরের সবাই-ই সেটা জানে।
হান্টার যখন নিজের ফোন পকেটে রাখছে, তখনই ক্যাপ্টেনের ঘরের দরজায় নক হলো। ‘ভেতরে আসুন,’ নিজের ডেস্ক থেকে ডাকলেন ক্যাপ্টেন, কে এসেছে তা দেখার জন্য সামান্য শরীর বাঁকালেন।
দরজার দিকে তাকালো হান্টার আর গার্সিয়াও, দরজা খুলে ভেতরে ঢুকলো ইউনিফর্ম পরা একজন তরুণ পুলিশ অফিসার। তার পুলিশ ক্যাপ খুব যত্নের সাথে তার বাঁ হাতের নিচে ধরা। ডান হাতে একটা বড়ো খাম।
‘এক্সকিউজ মি, ক্যাপ্টেন ব্লেক,’ মৃদু কিন্তু দৃঢ় গলায় বললো সেই অফিসার, খামটা তুলে ধরলো। ‘মেট্রোপলিটান কোর্টহাউজ থেকে ওয়ারেন্ট নিয়ে আসার জন্য পাঠানো হয়েছিল আমাকে।’
ডান হাত দিয়ে জিনিসটা হান্টার আর গার্সিয়াকে দেওয়ার ইশারা করলেন তিনি। ‘ওদেরকে দিন জিনিসটা।’ অফিসার খামটা হান্টার আর গার্সিয়ার হাতে তুলে দিলো। সে অফিস থেকে না বেরোনো পর্যন্ত অপেক্ষা করলেন ক্যাপ্টেন।
‘সেলফোন প্রোভাইডারের কাছ থেকে ভিডিয়ো নিয়ে আসার ব্যবস্থা করুন,’ বললেন তিনি, দরজার দিকে দেখালেন। ‘এখনই।’
তেইশ
এটিঅ্যান্ডটি এন্টারটেইনমেন্ট গ্রুপের হেডকোয়ার্টার বিখ্যাত এলএ টাইমস ভবনের ঠিক বিপরীত পাশে। সেখানে পৌঁছানোর পরে ভেতরে খবর পাঠিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করতে হলো হান্টার আর গার্সিয়াকে। এরপরে নিজেদেরকে ‘ভবন দুই’য়ের তৃতীয় তলার এক কনফারেন্স রুমে আবিষ্কার করলো ওরা, ওদের বিপরীত পাশের টেবিলে বসে আছে ফোন কোম্পানির একজন লইয়ার।
লম্বা, হাড্ডিসার একজন মানুষ সে, বয়স চল্লিশের কাছাকাছি। পরনে কালো রঙের পিনস্ট্রাইপড (লম্বা চিকন ডোরাকাটা) স্যুট, স্যুটটা এত নিখুঁতভাবে ইস্ত্রি করা যে মনে হলো, এই ঘরে ঢোকার আগ মুহূর্তে গায়ে চাপিয়েছে সে। নিজের পরিচয় দিলো মার্টিন কার বলে। খুব বেশি কথা বলতে হলো না হান্টার আর গার্সিয়াকে, ওয়ারেন্টই যা বলার বলে দিলো। লইয়ারকে শুধুমাত্র করপোরেট সতর্কতা হিসেবে রাখা হয়েছে।
‘যত তাড়াতাড়ি সম্ভব, আমি ব্যাপারটা সমাধানের চেষ্টা করছি ডিটেকটিভস,’ নিরাসক্তভাবে ওদের দিকে তাকিয়ে হাসলো সে, যেন জীবনে যা দেখার দেখে ফেলেছে। ‘সরাসরি ইমেইল করবো আপনাদেরকে?’
‘সেটাই ভালো হবে,’ বললো হান্টার, গার্সিয়ার ইমেইলটা এক টুকরো কাগজে লিখে লইয়ারের দিকে বাড়িয়ে দিলো। ‘তবে যদি সম্ভব হয়, একটা হার্ড কপিও চাই আমরা।’
‘নিশ্চয়ই,’ জবাব দিলো মার্টিন, তার দৃষ্টি হান্টারের বাড়িয়ে দেওয়া কাগজের টুকরোটার দিকে ঘুরে গেল। ‘সেটার ব্যবস্থা করতে পারবো আমি, সমস্যা নেই। আপনারা এখানে অথবা নিচের লবিতে অপেক্ষা করতে পারেন। আপনাদের যেটা ইচ্ছা।’
‘এখানেই ভালো আছি আমরা, ধন্যবাদ,’ জবাব দিলো গার্সিয়া, নিশ্চিত হওয়ার জন্য হান্টারের দিকে তাকালো। তার উদ্দেশ্যে নড করলো হান্টার।
‘শিওর, আরাম করে বসুন। করিডোরের শেষ মাথায় একটা কফি মেশিন আছে। ফ্রি। টাকা লাগবে না কোনো।’
‘তাহলে তো খুব ভালো হলো,’ বললো গার্সিয়া। ‘ধন্যবাদ আপনাকে।’
দরজার কাছে পৌঁছে ঘুরলো মার্টিন, বারো সিটের কনফারেন্স টেবিলের শেষ মাথার দিকে ইশারা করলো। সেখানে তিনটে ল্যাপটপ রাখা আছে। ‘আমি আসলে জানি না, কতক্ষণ সময় লাগবে। আশা করি, খুব বেশি সময় লাগবে না। তারপরেও ব্রাউজ করতে চাইলে কিংবা ইমেইল চেক করতে চাইলে ওগুলো ব্যবহার করতে পারেন।’ সেই নিরাসক্ত হাসিটা ফিরে এসেছে আবার ঠোঁটে। ‘অবশ্য পর্ন সাইটগুলো ব্লকড।’
কিছু না বলে গরম চোখে তার দিকে তাকিয়ে থাকলো হান্টার আর গার্সিয়া, ওদের মুখ দেখে ভেতরে কী চলছে, তা বোঝা গেল না।
‘উম, মজা করলাম,’ ওদের চেহারা দেখে বললো মার্টিন, হাসি মুছে গেছে।
‘মজা করলেন?’ জিজ্ঞেস করলো গার্সিয়া, গলার স্বর সিরিয়াস শোনালো তার। ‘তার মানে, পর্ন সাইটগুলো ব্লকড নয়?’
‘না,’ অস্বস্তির সাথে জবাব দিলো মার্টিন। ‘ওগুলো ব্লকড।’
‘তাহলে মজাটা কোথায়?’ জিজ্ঞেস করলো গার্সিয়া, নির্বিকার চেহারা আস্তে আস্তে গম্ভীরে রূপ নিতে শুরু করেছে।
‘উম…’ এক পা থেকে আরেক পায়ে নিজের দেহের ভর বদল করলো লইয়ার, বিষয়টা নিয়ে আর কোনো কথা না বলাই ভালো হবে, এই সিদ্ধান্তে উপনীত হলো। ওয়ারেন্টটা উঁচু করে ধরলো সে, অস্বস্তির সাথে নড করলো। ‘আপনাদের কাজটা করে নিয়ে আসি,’ বলে দ্রুত ঘর থেকে বের হয়ে গেল।
দরজাটা বন্ধ হলে হাসলো গার্সিয়া। ‘অবশ্য পর্ন সাইটগুলো ব্লকড,’ ব্যঙ্গের সুরে লইয়ারের বলা কথাটা বললো সে, দু’পাশে মাথা নাড়লো। ‘আপাতত কিছুদিন এই ঠাট্টাটা আর সে করবে বলে আমার মনে হয় না।’ বললো হান্টার।
প্রায় আধা ঘণ্টা পরে ফিরে এলো লইয়ার। ‘দুঃখিত, বেশ দেরি হয়ে গেল,’ বললো সে, স্যুটের ডান পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করলো। ‘আসলে এই কাজের দায়িত্বে কে আছে, তা খুঁজে বের করতে সময় লাগলো, তবে পাওয়া গেছে শেষ পর্যন্ত।’
উঠে দাঁড়ালো হান্টার, দরজা আর কনফারেন্স টেবিলের মাঝামাঝি এসে থেমে দাঁড়ালো। ‘আলোচনানুযায়ী, একই ফাইল আপনাদের দুজনের ইমেইলে পাঠিয়ে দেওয়া হয়েছে,’ জানালো মার্টিন।
পকেট থেকে সেলফোন বের করে দ্রুত ইমেইল চেক করলো গার্সিয়া। ‘হ্যাঁ, পেয়েছি,’ উঠে দাঁড়াতে দাঁড়াতে হান্টারের দিকে চেয়ে নড করলো সে।
খুনি মেলিসাকে কী ভিডিয়ো পাঠিয়েছে, তা দেখার জন্য হান্টার বা গার্সিয়ার কেউই পুলিশ প্রশাসন ভবনে পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করতে চাইলো না। গার্সিয়ার হোন্ডা সিভিকে চড়ে বসতেই পকেট থেকে ফোন বের করলো হান্টার, সরাসরি এটিঅ্যান্ডটি থেকে পাঠানো ইমেইলে চলে গেল। অ্যাটাচড ফাইলের উপরে ট্যাপ করতেই লোড হওয়া শুরু করলো ভিডিয়ো। গার্সিয়া যেন ভিডিয়োটা দেখতে পায়, সেজন্য আঙুল সরিয়ে নিলো হান্টার।
চামড়ার গ্লাভস পরা হাত মেলিসার সদর দরজার তালা খুলছে, এমন দৃশ্য দিয়ে শুরু হলো ভিডিয়ো, তারপর তালাটা পুরোপুরি খুলে ফেললো। ক্যামেরার ডান পাশে সময় দেখা গেল। রাত ২টা বেজে ২৪।
‘মেলিসা এই ভিডিয়োটা পেয়েছিলো কখন?’ জিজ্ঞেস করলো গার্সিয়া। ‘মনে আছে তোমার?’
ভিডিয়োটা পজ করলো হান্টার। ‘রাত ২টা ৩৮’ এর দিকে।’
‘তার মানে কি খুনি গোটা সময়টা ভিকটিমের বাড়ির ভেতরেই ছিল?’ বিস্ময় আর সন্দেহের সুরে জিজ্ঞেস করলো গার্সিয়া। ‘কিন্তু কেন? কী করছিল সে? কীসের জন্য অপেক্ষা করছিল?’
‘সম্ভবত ভিকটিমের বিছানায় যাওয়ার অপেক্ষা করছিল,’ অনুমান করলো হান্টার, দৃশ্যটা মাথার ভেতরে কল্পনা করার চেষ্টা করলো। ‘মাথায় রাখো, টেক্সট মেসেজ আর এই ভিডিয়ো ক্লিপের উদ্দেশ্য ছিল ভিকটিমকে ভয় দেখানো। খুনি চেয়েছিল যেন মেলিসা ভয় পায়। এটা তার পরিকল্পনার অংশ। আলো নিভিয়ে মেলিসার বিছানায় গিয়ে আরাম করে শোয়া পর্যন্ত অপেক্ষা করেছে সে। এটা যে ‘ভয় দেখানো’র জন্যই, তাতে কোনো সন্দেহ নেই।’
একমত হলো গার্সিয়া, তবে আরও প্রশ্ন আছে ওর মনে। ‘তাহলে আমরা কী জানি? মেলিসা পার্টি থেকে বেরিয়ে আসার পরে হোটেলের সামনে থেকে রাত দেড়টার ঠিক আগে ক্যাবে ওঠে, রাইট?’
নড করলো হান্টার। ‘হ্যাঁ, রাত ১টা ২৮ মিনিটে।’
‘এরপর ক্যাবে চড়ে ডাউনটাউনের ফ্রিহ্যান্ড হোটেল থেকে লেইমার্ট পার্কে অবস্থিত তার বাড়িতে ফিরে যায় সে। বিশ, খুব বেশি হলে পঁচিশ মিনিটের বেশি সময় লাগেনি। রাত দুটোর মধ্যে নিজের বাড়িতে পৌঁছে যায়। এ পর্যন্ত কোনো সমস্যা নেই। কিন্তু সে টেক্সট মেসেজ আর এই ভিডিয়ো পায় রাত ২:৩৮ কি ২:৩৯’র দিকে। বাড়িতে পৌঁছানোরও আধা ঘণ্টা পরে। এমনকি প্রথম যে টেক্সটটা খুনি পাঠিয়েছে, সেটাও রাত ২:৩২’এ, যদি ভুল না হয়ে থাকে আমার।’
‘না, ভুল হয়নি। ঠিকই মনে আছে তোমার।’ নিশ্চিত করলো হান্টার।
‘তার মানে, খুনি প্রথম টেক্সট পাঠায় এই ভিডিয়ো ধারণের আট মিনিট পরে,’ বললো গার্সিয়া। ‘এতক্ষণ অপেক্ষা করলো কেন সে? ভিকটিম কোথায় ছিল এই সময়ে?’
‘সম্ভবত গোসল করছিল,’ বললো হান্টার।
‘তার মানে, খুনি ভিকটিমের বাড়িরই কোথাও লুকিয়েছিল, ভিকটিমের গোসল করতে যাওয়ার অপেক্ষা করছিল। এরপর ভিডিয়োটা ধারণ করে, ভিকটিমের বিছানায় যাওয়ার অপেক্ষায় থাকে, আর তারপর টেক্সট পাঠাতে শুরু করে তাকে।’
‘এখন পর্যন্ত সেরকমই মনে হচ্ছে,’ নিশ্চিত করলো হান্টার। দৃশ্যটা মনশ্চক্ষে কল্পনা করে মাথা নাড়লো গার্সিয়া। ‘খুব ধৈর্যশীল ও শৃঙ্খলাবদ্ধ লোক আমাদের খুনি।’
‘একই সাথে খুব ধীর, স্থিরও,’ যোগ করলো হান্টার। ‘কোনো তাড়াহুড়ো নেই, কোনো উদ্বেগ নেই।’
‘যদি খুনি ভিকটিমকে ভয় দেখাতেই চেয়ে থাকে,’ বললো গার্সিয়া, ‘তবে এতেই কাজ হয়ে যাওয়ার কথা। নিজের বাড়িতে বসে একা এই ভিডিয়ো দেখলে আতঙ্কিত না হওয়ার কোনো কারণ ছিল না ভিকটিমের।’
‘ভিডিয়ো এখনো শেষ হয়নি,’ নিজের সেলফোনের স্ক্রিন চেক করে বললো হান্টার। ‘এখনো চার সেকেন্ড বাকি আছে।’
আরেকবার স্ক্রিনের দিকে তাকানোর জন্য যুত করে বসলো গার্সিয়া। ভিডিয়োটা আবার চালু করলো হান্টার। বাকি চার সেকেন্ডে খুব বেশি কিছু ঘটলো না। কিচেনের তালার উপরে স্থির থাকলো ক্যামেরা, তবে শেষ দুই সেকেন্ডে হান্টারের ফোনের ছোটো স্পিকার দিয়ে যে শব্দটা এলো, তাতে একই সাথে একটা হার্ট বিট মিস করলো ওরা।
‘কীসের শব্দ ওটা?’ জিজ্ঞেস করলো গার্সিয়া, চোখ সরু হয়ে গেছে।
‘ফিসফিসানির মতো শোনালো,’ উত্তর দিলো হান্টার, সাথে সাথে ভিডিয়োটা কয়েক সেকেন্ড পিছিয়ে নিলো। বুড়ো আঙুল দিয়ে ভলিউম যতটা সম্ভব বাড়িয়ে দিলো। তারপর আবার রি-স্টার্ট বাটনে চাপ দিতেই ওরা দুজন কান এগিয়ে দিলো সেলফোনের দিকে।
ঠিকই বলেছিলো হান্টার। মাইক্রোফোনে কিছু একটা বলছে খুনি। চারটে শব্দ, প্রায় শোনাই যায় না। তবে কারো শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বইয়ে দেওয়ার জন্য সেটুকুই যথেষ্ট। শব্দ চারটে হলো: আমি বাড়িতে ঢুকে পড়েছি।
চব্বিশ
নীল আর সাদার কারুকার্যমণ্ডিত আকাশটা ঝুলে আছে স্যান ফ্রান্সিসকোর উপরে। আকাশে হালকা মেঘ আছে, সেই মেঘে মাঝে মাঝে ঢাকা পড়ছে সকালের সূর্য। তবে তারপরেও দিনটা বেশ উষ্ণ, তাপমাত্রাও বেশ আরামদায়ক। যে কারণে নিজের পছন্দের ক্যামোফ্লাজ টি-শার্ট পরার সিদ্ধান্ত নিলো ট্রয় ফস্টার।
কার্স্টেনকে দেওয়া কথানুযায়ী, সকালের মিটিং শেষ হওয়ার সাথে সাথেই নিজের পিকআপে উঠে বসলো ট্রয়, যাত্রা শুরু করলো। সকাল ১০:৪০’র দিকে ওকল্যান্ড বে ব্রিজ পার হলো সে, সাড়ে এগারোটার দিকে ইন্টারস্টেট ৫’এ যোগ দিলো। লস অ্যাঞ্জেলসের দিকে এগোতে লাগলো। সবকিছু ঠিক থাকলে স্যান ফ্রান্সিসকো থেকে লস অ্যাঞ্জেলসের মধ্যকার ৩৯০ মাইল দূরত্ব অতিক্রম করতে পাঁচ থেকে ছয় ঘণ্টা লাগার কথা। তবে ক্যালিফোর্নিয়ার ইন্টারস্টেটগুলো নিয়ম মেনে চলে খুব কমই, আর আই-৫ গোটা স্টেটের মধ্যে সবচেয়ে ব্যস্ততম। সেদিন অনেকগুলো ভারী যানবাহন আর এক মাইলমতো খারাপ রাস্তার কারণে অতিরিক্ত আড়াই ঘণ্টা লাগলো।
ট্রয় যখন ফ্রেসনো কাউন্টিতে পৌঁছালো, তখন শামুকের গতিতে চলতে লাগলো যানবাহন। সমস্যার সমাধান ওর হাতে না থাকার কারণে যেটা করতে পারতো, সেটাই করলো। গাড়িতে মিউজিক চালু করে দিলো ও। সকালে স্যান ফ্রান্সিসকো থেকে রওনা দেওয়ার আগে কার্স্টেনকে কল করেছিলো ট্রয়; ও যে রওনা দিয়েছে, তা জানাতে চেয়েছিল। কোনো উত্তর আসেনি কার্স্টেনের পক্ষ থেকে। বরং পাঁচবার রিং হওয়ার পরেও কেউ ফোন ধরলো না, কলটা সরাসরি ভয়েসমেইলে চলে গেল। প্রেমিকার দ্রুত একটা মেসেজ দিলো ট্রয়, জানালো যে রওনা দিয়েছে। আরও জানালো যে, আবার কার্স্টেনকে ফোন করবে ও, দেরি হলে জানাবে।
দুপুর দেড়টার দিকে লাঞ্চের জন্য থামলো ট্রয়, তখন আবার ফোন দিলো প্রেমিকাকে। আরও একবার জবাব দিলো না কেউ। পাঁচবার রিং হওয়ার পরে সরাসরি কার্স্টেনের ভয়েসমেইলে চলে গেল।
‘হেই বেবি, ইট’স মি। তুমি কি আমার প্রথম মেসেজটা পেয়েছো? কোথায় তুমি? যাই হোক, তোমাকে এটা জানাতে ফোন দিয়েছিলাম যে ট্র্যাফিক এখন পর্যন্ত সহনীয় পর্যায়ে আছে। এরকম চলতে থাকলে ছয়টা থেকে সাতটার মধ্যে বাড়িতে পৌঁছে যাবো। মিস ইউ। আমাকে ফোন দিও, অথবা আমার মেসেজ পেয়েছো জানিয়ে টেক্সট করো। যেতে হবে এখন। লাভ ইউ।’
কার্স্টেনের ভয়েসমেইলে কোনো সমস্যা হয়েছে কিনা চিন্তা করে হোয়াটসঅ্যাপেও মেসেজ পাঠালো ট্রয়। দুই ঘণ্টা পরেও কোনো সাড়া এলো না কার্স্টেনের তরফ থেকে। খুব একটা দুশ্চিন্তা করলো না ট্রয়। অন্তত এখনই নয়। কাজে থাকলে, কার্স্টেন ফোন কখনো নিজের কাছে রাখে না। অপারেশন থিয়েটারের মধ্যে ফোন বাজলে একটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়, তাই নিজের লকারে রেখে দেয়। এর ফলে নিজের ফোনের কথা ভুলে যাওয়ার এক অভ্যাসের সৃষ্টি হয়েছে কার্স্টেনের, একমাত্র শিফট শেষ হলেই ফোনটা চেক করে। কিন্তু আজ কার্স্টেনের ডে অফ। অবশ্য ফোনটা সাইলেন্ট করে রেখে থাকতে পারে; এবং সেই অবস্থায় বাড়িতে রেখে বাইরে একটু হেঁটে আসতে যাওয়াও খুব বিচিত্র কিছু নয়। কিন্তু সেটাও যদি হয়, ট্রয় প্রথম মেসেজ পাঠিয়েছিল হোটেল ত্যাগ করার সময়, সকাল এগারোটারও আগে। আর এখন বিকেল চারটে। এতক্ষণে ফোনটা চেক করা উচিত কার্স্টেনের।
এমন সম্ভাবনা আছে যে কার্স্টেনের ফোনটা কোনোভাবে হারিয়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে। এরকম ঘটনা আগেও ঘটেছে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শেষবারের মতো থামলো ট্রয়, লস অ্যাঞ্জেলস পৌঁছাতে আর দেড় ঘণ্টা মতো লাগবে। কিন্তু এখনো কার্স্টেনের পক্ষ থেকে কোনো সাড়া নেই। এবার দুশ্চিন্তা শুরু হলো ট্রয়ের। প্রেমিকা কেন ওকে ফোন দিলো না, অথবা নিদেনপক্ষে একটা মেসেজ পর্যন্ত পাঠালো না, এই নিয়ে চিন্তা করতে লাগলো ট্রয়। কার্স্টেন কি কোনো কারণে ওর উপরে রেগে আছে? যদি থেকেই থাকে, তার কারণ কী, তা ও জানে না।
কার্স্টেন যে কোনোরকম সাড়া দিলো না, এর একমাত্র গ্রহণযোগ্য ব্যাখ্যা হতে পারে, আবার হাসপাতালে ডাক পড়েছে ওর। হয়তো কোনো একজন নার্স অসুস্থ, শেষ মুহূর্তে তাই কার্স্টেনকে ডেকে নিয়েছে, ভাবলো ট্রয়। আগেও এরকম ঘটনা ঘটেছে কয়েকবার। কার্স্টেন যদি গোটা বিকেলের শিফটটা কাভার করে থাকে, তবে কেন ও প্রেমিকের কোনো ফোনকল বা মেসেজের উত্তর দেয়নি, তার একটা ব্যাখ্যা পাওয়া যায়। এটাই হবে, সিদ্ধান্তে উপনীত হলো ট্রয়। হাসপাতাল থেকে ডেকে পাঠিয়েছে কার্স্টেনকে। তারপরেও, গ্যাস স্টেশনে গাড়ি থামাতে থামাতে নিজের ফোনের দিকে হাত বাড়ালো ট্রয়, আরেকবার কার্স্টেনকে ফোন দিলো।
এবারও ভয়েসমেইলে চলে গেল কলটা।
‘হেই, বেবি, আবার ফোন দিলাম। ঠিক আছো তুমি? তুমি আমার উপরে রাগ করে আছো না-কি? অবশ্যই না। আমার মতো পুরুষের ওপরে কি রাগ করে থাকা যায়?’ শব্দ করে হাসলো ও। ‘ওয়েল, আমি যা বুঝতে পারছি, কেউ অসুস্থ হয়ে পড়ায় ডে অফ থাকা সত্ত্বেও তোমার ডাক পড়েছে। ঠিক বলেছি না? অসহ্য এক ব্যাপার, সোনা। আমি জানি, তুমি কাউকে ‘না’ বলতে পারো না, কিন্তু তারপরেও, ব্যাপারটা অসহ্য। যাই হোক, আপডেট জানাই। শেষ মেসেজ দেওয়ার পরে ট্র্যাফিকের চাপ বেড়েছে খুব, আসতে আরও দেরি হবে। এখন সাড়ে সাতটা বাজে, এখনো দেড় ঘণ্টা দূরে আছি আমি। সব ঠিকঠাক থাকলে নয়টা থেকে দশটার মধ্যে বাড়িতে পৌঁছাবো। তবে এই মেসেজটা পাওয়ার সাথে সাথে আমাকে হয় কল করবে, নয়তো মেসেজ দেবে। লাভ ইউ। তোমাকে দেখার জন্য আর তর সইছে না আমার।’
দেরি হয়ে গেছে, আবার ক্ষুধা লেগেছে ট্রয়ের। ও বুঝে গেল যে ডিনার টাইমের মধ্যেও বাড়িতে পৌঁছাতে পারবে না। তাই একটা বার্গার, সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাই কিনে নিয়ে পিকআপে উঠলো ও। তাড়াতাড়ি বাসায় পৌঁছানোর জন্য ড্রাইভ করা অবস্থাতেই খেয়ে নিবে। সামান্য কমেছে ট্র্যাফিকের চাপ, সাড়ে আটটার দিকে এলএ’তে পৌঁছে গেল ট্রয়।
রাত নয়টার সময় হিলসের দক্ষিণে চলে এলো ও, সেখানে পৌঁছে গোল্ডেন গেট ওয়ানের পরিবর্তে ফুটহিল ফ্রিওয়ে’র রাস্তাটা ধরলো। গোল্ডেন গেট ওয়ানের রাস্তাটা ওকে নিয়ে যেতো ডাউনটাউন লস অ্যাঞ্জেলসে, যেখানে যানবাহনের চাপের ক্ষেত্রে দিন-রাতের কোনো বালাই নেই। সিদ্ধান্তটা ফলপ্রসূ বলে প্রমাণিত হলো। ফুটহিল ফ্রিওয়ে’তে যানবাহনের চাপ একদম স্বাভাবিক। গ্লেনডেল পার হওয়ার সময় ড্যাশবোর্ডের ঘড়ির দিকে তাকালো ট্রয়, রাত সোয়া নয়টা বাজে। এখনো কার্স্টেনের তরফ থেকে কোনো সাড়া নেই। এমনকি একটা টেক্সট মেসেজও দেয়নি ওর প্রেমিকা। ডে অফের দিনে কি ডাবল শিফটের কাজ ধরিয়ে দিয়েছে কার্স্টেনকে? যদি সেটাই হয়ে থাকে, তবে কার্স্টেন টানা ষোলো ঘণ্টা কাজ করছে, এমনকি আঠারো ঘণ্টা কাজ করাও অসম্ভব নয়। অসহ্যকর একটা পরিস্থিতি বটে, কিন্তু খুব অবাক হলো না ট্রয়। হাসপাতালে লোকবলের ঘাটতি আছে, ডাক্তার থেকে শুরু করে নার্স পর্যন্ত সবারই সংখ্যা কম, এ কথা কার্স্টেন নিজেই ওকে অসংখ্যবার বলেছে।
কার্স্টেন কেন ওকে কোনো কল বা মেসেজ দিলো না, তা যখন ট্রয় ভাবছে, তখনই বাঁ দিকে ঘুরে নিজের রাস্তায় ঢুকে পড়লো ও। রাত তখন ৯টা বেজে ৩৫।
ডান পাশের একদম শেষ মাথার বাড়িটা একসাথে ভাড়া নিয়েছিল ওরা। ছোটো, একতলা দুই বেডরুমের বাড়ি। সামনের দিকটা সাদা রঙের, বাড়ির সামনে ছোটো একটা বাগান। বাড়ির সামনে গাড়ি থামিয়ে ভ্রূ কোঁচকালো ট্রয়। কারণ, ওদের বাড়ির ড্রাইভওয়ে’তে দাঁড় করানো আছে কার্স্টেনের গাড়ি।
‘এ আবার কী?’ আপনমনে বললো ট্রয়, নিজের গাড়ি প্রেমিকার গাড়ির একদম পেছনে পার্ক করলো। তারপর পেছনে রাখা নিজের আর্মি ব্যাগের দিকে হাত বাড়ালো। স্যুটকেসের চাইতে এই ধরনের ব্যাগ বেশি পছন্দ ওর। ‘কার্স্টেন বাড়িতে? তাহলে আমাকে কল করলো না কেন?’
বাসার সামনের দুই জানালার দিকে তাকালো ও। বাড়ির আলো নিভিয়ে রাখা হয়েছে। খুব আশাবাদী হয়ে উঠলো ট্রয়ের মন, আরও একটা সম্ভাব্য উত্তর মাথায় এলো। হয়তো কারো বদলি হিসেবে হাসপাতালে গিয়েছিল কার্স্টেন, মাত্রই বাড়িতে ফিরেছে। হয়তো খুব বেশি হলে এক মিনিট হবে। হয়তো ভেবেছে, ইতোমধ্যেই প্রেমিক বাড়িতে ফিরে এসেছে। কিন্তু তারপরেও। অন্তত একটা টেক্সট পাঠিয়ে বলতে পারতো যে ঠিকঠাক আছে। এবার দুশ্চিন্তা বিরক্তিতে পরিণত হলো।
গাঢ় নীল সদর দরজার দিকে এগিয়ে গেল ট্রয়, দরজার তালা খোলার চেষ্টা করলো। চাবি ঘুরলো না। দরজাটা আটকানো নয়, খোলা। অস্বাভাবিক ব্যাপার। দরজা, জানালা বন্ধের ব্যাপারে কার্স্টেন সবসময়ই খুব সচেতন। বরং ট্রয়ই অনেক সময় জানালা লাগাতে ভুলে যায়, ভুলে যাওয়ার তালিকা থেকে বাদ পড়ে না দরজাও।
‘সোনা, চলে এসেছি বাড়িতে,’ লিভিং রুমে পা রেখে জোরে ডাকলো ট্রয়, পেছনে দরজা বন্ধ করে আলো জ্বালিয়ে দিলো। দরজার ভেতরের দিকে তালা থেকে ঝুলছে কার্স্টেনের চাবি। ‘সদর দরজা বন্ধ করতে ভুলে গেছো তুমি। এই কাজটা সাধারণত আমি করি।’
অন্যমনস্কভাবে ঘরের উপরে চোখ বোলালো ট্রয়, সন্দেহে চোখজোড়া সরু হয়ে এলো। কিছু একটা ঠিক নেই, কিন্তু সেটা কী, তা ও বুঝে উঠতে পারছে না। আসবাবপত্র সব জায়গামতোই আছে, কোনো কিছু এলোমেলো হয়ে নেই, তাহলে ওকে খোঁচাচ্ছে কোন বিষয়টা? সম্ভবত একদম নৈঃশব্দ্যে ডুবে আছে বাড়িটা, এ কারণেই। আর তখনই ট্রয়ের মনে হলো, ও সম্ভবত ঠিকই অনুমান করেছিল। কারো বদলি হিসেবে সকালে ডেকে নেয়া হয়েছিল কার্স্টেনকে, দেরিতে শিফট শেষ করে প্রচণ্ড ক্লান্ত হয়ে বাড়িতে ফেরে মেয়েটা, তারপর ক্লান্তিতে বিছানায় লুটিয়ে পড়ে। অবশ্য ভারী আর ক্লান্তিকর শিফটের পরে এরকম হওয়াটাই স্বাভাবিক।
যে করিডোরটা শোবার ঘরের দিকে চলে গেছে, তার শেষ প্রান্তে দেখার জন্য ডান পাশে শরীর বাঁকালো ট্রয়। করিডোরের আলো যদিও নেভানো, তারপরেও ঘরের দরজা যে আধখোলা, তা বুঝতে অসুবিধা হলো না ওর। ওরা যখন ঘুমোতে যায়, তখন কার্স্টেন সবসময় এভাবেই দরজা ভেজিয়ে রাখে।
নিজের ব্যাগ সাবধানে নামিয়ে রাখলো ট্রয়, শব্দ যতটা সম্ভব কম করতে চাইছে। আর এক মিনিটের মধ্যেই প্রেমিকাকে দেখতে পাবে ও, একটা চুমু খাবে। প্রেমিকাকে মিস করছে, তবে সবার আগে একটা বিয়ার দরকার। দশ ঘণ্টার উপরে ড্রাইভ করে এখানে এসে পৌঁছেছে, বেশ ক্লান্ত আর অবসাদগ্রস্ত লাগছে। একটা বিয়ার সেই অবসাদকে অনেকটাই ধুয়ে দেবে।
কিচেনে গেল ও, ফ্রিজের দরজা খুলে একটা ঠান্ডা বিয়ারের বোতল খুঁজে বের করলো। প্রথম চুমুক দেওয়ার পরেই থেমে গেল ও, বোতলের গন্ধ শুঁকলো। না, গন্ধটা এখান থেকে আসছে না। কিন্তু খুব অদ্ভুত একটা গন্ধ আসছে, খুব সামান্য পরিমাণে, তারপরও আসছে। এবং গন্ধটা এতই অদ্ভুত যে, কোনোভাবেই ব্যাখ্যা করা যাচ্ছে না। ঠিক টক গন্ধ নয়, আঁশটে গন্ধ নয়, বাসি গন্ধ নয়, পচা গন্ধ নয়, মিষ্টি গন্ধও নয়। বরং সবগুলো গন্ধ একসাথে মেশালে যেরকম গন্ধ হয়, গন্ধটা সেরকম। এমন কোনো গন্ধ নয়, যেটা হুট করে টের পাওয়া যায়। তবে সময়ের সাথে সাথে গন্ধটা নাকে লাগে, এবং অসহ্য লাগা শুরু করে।
ফ্রিজটা আবার খুললো ট্রয়, চারটে শেলফের প্রত্যেকটা তন্নতন্ন করে খুঁটিয়ে দেখলো। কিছুই নেই। নিচে যে ড্রয়ারে সবজি রাখা হয়, সেটা পর্যন্ত খুলে দেখলো। প্রায় ফাঁকা ড্রয়ারটা, কয়েকটা গাজর আছে শুধু। গন্ধটা গাজরগুলো থেকেও আসছে না।
ফ্রিজ বন্ধ করলো ট্রয়, কুকুরের মতো নাক টেনে রান্নাঘরের বাতাসের গন্ধ নিতে লাগলো। হ্যাঁ, একটা অদ্ভুত গন্ধ আছে, তাতে কোনো সন্দেহ নেই। হালকাভাবে বাতাসে ভাসছে। কিচেনের পরে লিভিং রুমেও গন্ধটা পেলো ও, কিন্তু গন্ধটার উৎসটা খুঁজে বের করতে পারলো না। হলওয়ের প্রবেশমুখের সামনে দিয়ে যাওয়ার সময় থমকে দাঁড়ালো ও, কারণ ওখানে গন্ধটা সামান্য তীব্র হয়েছে। গন্ধের যে জিনিসেরই হয়ে থাক না কেন, তা বাড়ির ভেতরে রাখা।
যতটা সম্ভব হালকাভাবে হলওয়ে’তে পা রাখলো ট্রয়, আলো জ্বালালো না। কার্স্টেনকে ঘুম থেকে ওঠাতে চায় না। গেস্ট রুম থেকে ঘুরে এলো ও, সেই ঘরের বাতাস টানলো নাক দিয়ে।
না, গন্ধটা এখান থেকে আসছে না। বাথরুমের পাশ দিয়ে যাওয়ার সময়ও একই কাজ করলো ও, একই ফল পেলো। তবে এখানে গন্ধটা আরও খানিকটা তীব্র হয়েছে। আর শুধু ওদের শোবার ঘরটাই বাকি আছে।
কার্স্টেন কি ওদের শোবার ঘরে কোনো খাবার নিয়ে গেছে? যদি নিয়ে গিয়ে থাকে, তবে বলতেই হবে, ওর এরকম আচরণ অপ্রত্যাশিত। শোবার ঘরে ওয়াইন নেয় ও, খাবার নেয় না। ওদের শোবার ঘরের দরজায় দাঁড়ালো ট্রয়, আরও একবার বাতাসে নাক টানলো। গন্ধটা নিশ্চিতভাবেই এখান থেকে আসছে।
নিজেদের বিছানার উপরে দৃষ্টি স্থির হলো ট্রয়ের, কী দেখছে তা দেখার চেষ্টা করলো। লিভিং রুম থেকে যে আলো আসছে, তাতে স্পষ্ট দেখা যাচ্ছে না। কিন্তু তারপরেও বিছানার উপরে পড়ে থাকা আকৃতিটায় যে ভয়ঙ্কর কোনো একটা সমস্যা আছে, তা বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হলো না।
‘বেবি?’ দ্বিধা নিয়ে প্রেমিকা যেন শুনতে পায়, সেভাবে ডাকলো ও। নড়লো না আকৃতিটা। উত্তরও এলো না কোনো।
‘কার্স্টেন?’ আবার ডাকলো ট্রয়, এবার আলো জ্বালানোর সুইচে চাপ দিলো ও। সিলিঙে লাগানো ঝাড়বাতির আলোর বন্যায় ভেসে গেল ঘর, গোটা ঘর আলোয় উদ্ভাসিত হয়ে উঠলো। ট্রয় যা দেখলো, তা ওকে এমন আঘাত করলো যে জায়গায় জমে গেল ও। একবার চোখের পলক ফেলতেই দুনিয়ার সব উদ্দেশ্য যেন হারিয়ে ফেললো। মাথা কাজ করা বন্ধ করে দিলো। ট্রয় অনুভব করলো, ওর হৃদপিণ্ড চেপে ধরেছে কেউ। ‘কার্স্টেন?’ আর্তনাদ বেরিয়ে এলো ট্রয়ের গলা দিয়ে, কিন্তু সেটা শোনালো আহত কোনো পশুর গলা দিয়ে বেরিয়ে আসা কাতরানির মতো। বিছানার পাশে দৌড়ে গেল ও, শরীর ভয়ঙ্করভাবে কাঁপছে। ‘বেবি? বেবি?’ হাঁটুগেড়ে বিছানার পাশে বসলো ও; ভীত, বিস্ফারিত চোখ বেয়ে পানি গড়িয়ে নেমে এলো। প্রেমিকার দিকে হাত বাড়াতে চাইলো ও জড়িয়ে ধরতে চাইলো, চুমু খেতে চাইলো কিন্তু পারলো না। ঘরটা ভয়ঙ্করভাবে ঘুরতে লাগলো ওর চারদিকে, কারণ সত্যিটা হলো, বিছানার উপরে থাকা দেহটা কার্স্টেনের কিনা, সে ব্যাপারে নিশ্চিত হতে পারলো না ট্রয়।
