জেনেসিস – ৪৫

পঁয়তাল্লিশ

পরের কয়েকটা দিন কাটলো হতাশা আর অপেক্ষায়, তেমন কোনো অর্থপূর্ণ অগ্রগতি হলো না। ড. প্ল্যাটার দুজনের যে দলটাকে কার্স্টেন আর ট্রয়ের বাড়িতে পুনরায় পরীক্ষানিরীক্ষা করার জন্য পাঠিয়েছিলেন, তারা বিছানার নিচে আর ওয়ার্ডরোবের ভেতরের কিছু চুল আর কয়েক ধরনের ফাইবার পেয়েছে। ফাইবারের বেশিরভাগই পাওয়া গেছে ওয়ার্ডরোবের ভেতর থেকে। চুলগুলো ইতোমধ্যেই পরীক্ষা করে দেখা হয়েছে-সবই কার্স্টেন অথবা ট্রয়ের। সাধারণ ও উপ-সাধারণ শ্রেণি নির্ণয় করার জন্য ফাইবারগুলোকে ইনফ্রারেড স্পেকট্রোফটোমেট্রির মাধ্যমে বিশ্লেষণ করা হয়েছে, যেন এগুলোর উৎস বা ধরন চিহ্নিত করা যায়। কিন্তু সমস্যা হলো, নিজের ওয়ার্ডরোবের মধ্যে যত কাপড় কার্স্টেন ঝুলিয়ে রেখেছিল, সেগুলোর যে-কোনোটা থেকেই ফাইবারগুলো এসে থাকতে পারে, তাছাড়া মেয়েটার কাপড়ের সংখ্যা ছিল অগুণতি। পজেটিভ ম্যাচ খুঁজে পেতে কয়েক দিন সময় লেগে যাবে। ফরেনসিকস ল্যাবে পুরোপুরি বিশ্লেষণ একটা সময়সাপেক্ষ ও ধীরগতির কাজ; আর এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ কোনো সূত্রই ওদের হাতে আসেনি।

কিচেনের জানালা আর তালাও পুনরায় পরীক্ষা করা হয়েছে, জোরপূর্বক অনুপ্রবেশের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে তালাটা বেশ কয়েক বছরের পুরানো, সেই সাথে খুব ভালো মানেরও নয়-হান্টারকে জানিয়েছে এজেন্ট। ফলে তালা বা জানালার কোনো ক্ষতি না করেও অনুপ্রবেশ করতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। শুধু এক টুকরো চিকন শক্ত তার এবং সেটা কীভাবে কাজে লাগাতে হয়, সে জ্ঞানটুকু থাকলেই যথেষ্ট।

ড. হোভ দুটো রিপোর্ট নিয়ে যোগাযোগ করেছেন হান্টার আর গার্সিয়ার সঙ্গে।

প্রথম রিপোর্ট: রিগর মর্টিস শেষ হওয়ার পরে কার্স্টেন হ্যানসেনের লাশের পোস্ট-মর্টেম করতে পেরেছেন তিনি। ফলাফল যা এসেছে, হান্টার সেটা আগেই অনুমান করেছিল। প্রথমে মাথায় আঘাত, পরে মস্তিষ্কে রক্তক্ষরণ এবং তারপরে অসংখ্যবার মাথায় জোরে আঘাত লাগার কারণে অনেকগুলো চিড় ধরে তার ক্রেনিয়াম এবং খুলিতে। এর ফলে বিভিন্ন পয়েন্টে ছিদ্র হয়ে যায় তার ব্রেইন। রক্তক্ষরণের বন্যা বয়ে যায়। ব্লাড টক্সিকোলজি থেকে ট্রাইযোলান নামের সিডেটিভের (ঘুমের ওষুধ) ট্রেস পাওয়া গেছে, একই সিডেটিভ পাওয়া গিয়েছিল মেলিসা হোথর্নের রক্ত পরীক্ষা করেও। খুনি কীভাবে ভিকটিমদেরকে অপহরণ করার আগে নিরস্ত্র করে, এখন তা একদম পরিষ্কার। দুর্ভাগ্যজনকভাবে, ট্রাইযোলান খুবই সহজলভ্য একটা ওষুধ, ব্যাখ্যা করেছেন ড. হোভ; প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ বিক্রি করে, এমন অসংখ্য ওষুধের দোকান ইন্টারনেটে ছড়িয়ে আছে।

দ্বিতীয় রিপোর্ট: ক্যালিফোর্নিয়ার আইনানুযায়ী, কেউ আত্মহত্যা করলে তার পোস্টমর্টেম করাটা বাধ্যতামূলক, মৃত্যুর কারণ যতই জানা থাক না কেন। ট্রয়ের কেসে, সবাই যেরকমটা আশা করেছিল, সেরকমই ফলাফল এসেছে পোস্টমর্টেম থেকে। মাথায় একটা গুলির ফলেই মৃত্যু হয়েছে তার; আর সেই গুলিতে বিকৃত হয়ে গেছে খুলি, ব্রেইন আর ক্রেনিয়াম। আংশিক টক্সিকোলজি রিপোর্টও এসেছে প্রত্যাশামাফিকই। ট্রয়ের রক্তে অ্যালকোহল পরিমাণ ছিল হিসেবের বাইরে। ড্রাগের জন্য পুরো টক্সিকোলজি রিপোর্ট আসতে আরও কয়েকদিন সময় লাগবে, তবে ডিটেকটিভ লুইসা কারসনের খুঁজে পাওয়া কোকেইন ব্যাগ ছাড়াও বেডসাইড ড্রয়ারে অক্সিকোডন হাইড্রোক্লোরাইডের একটা খালি বোতল খুঁজে পেয়েছে হান্টার। অক্সিকোডন হাইড্রোক্লোরাইড একটা ওপিঅয়েড-ভিত্তিক ওষুধ, যা দীর্ঘমেয়াদি ব্যথার চিকিৎসায় ব্যবহৃত হয়। অন্যান্য অনেক ওপিঅয়েড-ভিত্তিক মিশ্রণের মতো এটাও একটা প্রেসক্রাইব করা ওষুধ। তবে এটা খুবই আসক্তিকর, নেশা করার জন্য অনেকেই এই ওষুধটা ব্যবহার করে থাকে। নিজের জীবন শেষ করার আগে নিজের শরীর আর মনকে যতটা সম্ভব অবশ করে নিয়েছিল ট্রয়।

ছেচল্লিশ

ডেস্ক থেকে নিজের চেয়ার পেছালো গার্সিয়া, নিজের চোখ আচ্ছামতো ডলে ঘড়ি দেখলো। প্রায় সাতটা বাজতে যাচ্ছে।

‘ওকে, আপাতত ইস্তফা দিতে বাধ্য হচ্ছি,’ বলে কফিতে শেষ চুমুক দিলো সে, তারপর হান্টারের দিকে তাকালো। নিজের ডেস্কে বসে কম্পিউটার স্ক্রিনের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে হান্টার। ‘আজ যদি আর কোনো ফেসবুক কিংবা টুইটার পোস্ট পড়তে হয়, তবে সম্ভাবনা আছে, নিজেই কোনো ফেসবুক বা টুইটার পোস্টের বিষয়বস্তু হয়ে যাবো।’

শরীরটা সামান্য বাঁকিয়ে কম্পিউটার মনিটরের ওপাশ থেকে পার্টনারের দিকে তাকালো হান্টার। ‘পেলে কিছু?’ জিজ্ঞেস করলো ও, জানে গার্সিয়া একটা সূত্র খুঁজেছে। কোনো বন্ধু, কোনো জায়গা, অথবা কোনো কার্যকলাপ। যে-কোনো একটা সূত্র, যেটা মেলিসা হোথর্ন আর কার্স্টেন হ্যানসেনের মধ্যে সংযোগ স্থাপন করতে পারে।

মাথার ওপরে দুই হাত তুলে আড়মোড়া ভাঙলো গার্সিয়া, শরীরটা সামান্য মুচড়িয়ে পেশির আড়ষ্টতা দূর করলো। ‘কিচ্ছু না,’ পার্টনারের প্রশ্নের জবাবে বললো সে, তার কণ্ঠস্বর শুনে মনে হলো, এরপরে কী করবে, সে বিষয়ে নিশ্চিত না। ‘খতিয়ে দেখার মতো সবকিছুই আমি খতিয়ে দেখেছি। মেলিসা আর কার্স্টেন একই সময়ে একই জায়গায় গিয়েছিল কিনা, সেটা চেক করার জন্য তাদের চেক-ইনগুলো পর্যন্ত যাচাই করেছি। যেসব সিনেমা, মিউজিক, টিভি শো, বই… সবকিছুতে লাইক দেওয়া জিনিসগুলো পর্যন্ত ক্রস চেক করেছি। যেসব অনুষ্ঠানগুলোতে তারা উপস্থিত হয়েছিল, সেগুলোও খতিয়ে দেখেছি। তারা যে গ্রুপগুলোতে ছিল, সেগুলো দেখেছি। সবগুলো ছবি দেখেছি…’ পরাজয় মেনে নেয়ার ভঙ্গীতে শ্রাগ করলো সে। ‘যা জানতে পেরেছি, তা হলো, তারা দুজনেই কয়েকজন একই গায়ককে পছন্দ করতো, কয়েকটা একই সিনেমা দেখেছিল, এটুকুই। তাদের সোশ্যাল মিডিয়া যদি তাদের জীবনের প্রতিবিম্ব হয়ে থাকে, তবে বলতেই হচ্ছে,’ বলতে বলতে ভ্রূ বাঁকা হয়ে গেল গার্সিয়ার। ‘… মেলিসা আর কার্স্টেন ততটাই একে অপরের কাছে অপরিচিত ছিল, যতটা অপরিচিত দুজন মানুষের পক্ষে হওয়া সম্ভব।’

পার্টনারের মতো হতাশ হান্টার নিজেও। যেখানেই খুঁজছে ওরা, সেটাই যেন অন্ধ গলিতে পরিণত হচ্ছে। গত কয়েক দিনে, ও আর গার্সিয়া মিলে মেলিসা হোথর্ন আর কার্স্টেন হ্যানসেনের বেশ কিছু বন্ধু-বান্ধবীর সাথে কথা বলেছে; পুরানো প্রেমিক, অনুরাগীদের ব্যাপারে জিজ্ঞেস করেছে। কাউকে প্রত্যাখ্যান করেছিল কিনা, কেউ ভিকটিম দুজনের প্রতি রাগ পুষে রাখতে পারে কিনা, সে বিষয়েও জিজ্ঞেস করেছে। কিন্তু বলার মতো কিছুই পাওয়া যায়নি শেষ পর্যন্ত।

‘মেলিসা হোথর্নের বেশিরভাগ পোস্টই হাস্যকর সব মিমস,’ ব্যাখ্যা করলো গার্সিয়া। ‘অথবা তার ক্লায়েন্টের মাত্র স্টাইল করে কাটা চুলের ছবি। সে তুলনায় কার্স্টেন হ্যানসেনের পোস্টগুলো কিছুটা সিরিয়াস। হসপিটালে দিনটা কেমন গেল, অপারেশনের নিয়মকানুন, নিয়মগুলো কতটা কঠিন ছিল, কীভাবে সেগুলো সম্পন্ন করা হলো, এসব আরকি। নিজের আর প্রেমিকের একসাথে প্রচুর ছবি আপলোড করেছে সে; আর কিছুদিন পরেই যে তাদের বিয়ে, সেটা উল্লেখ করতে ভোলেনি। কয়েকটা ছবি আছে ডেনমার্কের নিজের শহরের, কিছু ছবি আছে বাবা-মা’র সাথে নিজের, কয়েকটা ছবি আছে বন্ধু-বান্ধবীদের সাথে, সবই খুব কমন আরকি। তাদের অ্যাকাউন্টে এক বছর আগের প্রত্যেকটা পোস্ট ও কমেন্ট পর্যন্ত পড়েছি। কারো সাথে কোনো তর্ক, ঝগড়া, কাউকে উত্যক্ত করা, কিছুই নেই। এমন কিছুই নেই, যা দেখে ধারণা করা যায়-তারা কীসের জন্য ওরকম নৃশংসতার শিকার হয়েছে।’

নড করলো হান্টার, নিজেও চেয়ার পেছনে ঠেলে উঠে দাঁড়ালো। ‘বাড়িতে যাও, কার্লোস। আজ শুক্রবার। এই সপ্তাহে প্রত্যেকদিনই কয়েক ঘণ্টা অতিরিক্ত কাজ করেছো তুমি। অফিসে বসে করার কিছু নেই। বাড়িতে যাও, সেখান থেকে সম্ভব হলে অ্যানাকে নিয়ে কোথাও ডিনার করে এসো। এখনো সময় আছে।’

‘হ্যাঁ, জানি,’ বললো গার্সিয়া, বলে আরেকবার ঘড়ি দেখলো। ‘আসলেই ওকে নিয়ে আজ বাইরে খাওয়া কথা।’ বলে উঠে দাঁড়িয়ে হান্টারের দিকে চেয়ে নড করলো। ‘আর শুধু ও-ই না, সাথে আমার শ্বশুরবাড়ির লোকজনও থাকবে।’

‘ওহ, ওকে!’ এক সেকেন্ডের বিরতি দিলো হান্টার। ‘তাদেরকে আমার পক্ষ থেকে ‘হাই’ বোলো। তোমার শাশুড়ি তো খুবই মজার মানুষ।’

শব্দ করে হাসলো গার্সিয়া। ‘হ্যাঁ, ঠিকই বলেছো।’ বলে সামান্য মাথা বাঁকালো সে। ‘তার স্বামী অবশ্য সেরকমই না।’ হুট করেই হান্টারের দিকে তর্জনী তাক করলো গার্সিয়া। ‘মাই গড, আমি ভুলেই গিয়েছিলাম প্রায়।’ বলে সেলফোন বের করার জন্য পকেটে হাত ঢোকালো সে।

‘কী ভুলে গিয়েছো?’

সেলফোন থেকে কিছু একটা কপি করে কাগজে লিখলো গার্সিয়া, তারপর হান্টারের ডেস্কে রাখলো।

‘এটা ডেনিসের ফোন নাম্বার। রবিবার যেদিন বারবিকিউ করলাম, সেদিনই নাম্বারটা তোমাকে দিতে বলেছিল ও, কিন্তু এত দ্রুত ঘটনা ঘটতে থাকলো এর পরে যে দিতে ভুলেই গেছি।’

‘কার ফোন নাম্বার?’ জিজ্ঞেস করলো হান্টার।

‘আবার এই ঘোড়ার ডিম শুরু করো না তো,’ বললো গার্সিয়া, হান্টারের দিকে চেয়ে ওকে ভ্যাঙালো। মুচকি হাসলো হান্টার।

‘আমি সিরিয়াস, রবার্ট। মেয়েটাকে ফোন দেওয়া উচিত তোমার। মেয়েটার তো ভালো লাগবেই, আর তোমার সাথে ডিনার করতে বাইরে যাবে বলেও নিশ্চিত আমি। তোমার ভাষাতেই বলি, এখনো সময় আছে। এবং আমি জানি, আজ রাতে অন্য কোনো পরিকল্পনা নেই তোমার।’

‘তাই না-কি?’ চ্যালেঞ্জের সুরে বললো হান্টার। ‘তুমি কীভাবে জানলে?’

‘কারণ, কখনোই শুক্রবার রাতে তোমার কোনো প্ল্যান থাকে না।’

দুজন দুজনের দিকে স্থিরদৃষ্টিতে তাকিয়ে থাকলো। কিন্তু তাকিয়ে থাকার এই প্রতিযোগিতা দীর্ঘায়িত হলো না।

‘আমি মজা করছি না,’ আবার বললো গার্সিয়া, হান্টারের ডেস্কে মাত্র রাখা কাগজটার দিকে ইশারা করলো। ‘রবার্ট, ওর নাম্বার তোমাকে দিতে বলেছে মেয়েটা। আর তুমিও এই সপ্তাহে প্রত্যেকদিন অতিরিক্ত কয়েক ঘণ্টা করে কাজ করেছো। তুমি নিজেই বললে, অফিসে বসে করার কিছু নেই। আমাদের মগজদুটো ভাজা ভাজা হয়ে গেছে।’ বলে বোর্ডের দিকে দেখালো সে।

‘বারবার এই ছবিগুলো দেখেছি, ক্রাইম সিনে খুনি যে বাক্যগুলো রেখে গেছে, সেগুলো কোটিস্য কোটিবার পড়েছি, কিন্তু কোনো আলাদা ফল পাওয়া যায়নি। কারণ, এই মুহূর্তে আমরা সোজাভাবে চিন্তাই করতে পারছি না। দুজনেরই তাজা হওয়া দরকার, সোজাভাবে যেন চিন্তা করতে পারি, সেই সময়টা দরকার। তারপর আবার মাথা ঘামাবো কেসটা নিয়ে।’ জ্যাকেটের দিকে হাত বাড়ালো সে। ‘তোমার খাওয়া দরকার কিছু, রাইট? আর আজ রাতে ছুটি নিয়ে কারো সাথে ভালো একটা সময় কাটানো দরকার তোমার। আজ শুক্রবারের রাত, এবং রবিবারের আগ পর্যন্ত আমরা ফিরছি না। যদিও, তুমি কাজ করবে বলে আমি নিশ্চিত।’

চুপ করে থাকলো হান্টার।

‘সিরিয়াসলি, রবার্ট, মেয়েটাকে একটা ফোন দাও। চমৎকার একটা মেয়ে ও। হাস্যোজ্জ্বল, বুদ্ধিমতী, সুন্দরী এবং একা।’ বিরতি দিলো গার্সিয়া, অন্য কিছু মনে পড়েছে এমন একটা ভঙ্গী করলো। ‘ও হ্যাঁ… এবং ডেনিস হুইস্কি পছন্দ করে। সুস্বাদু স্কচ পছন্দ করে, এমন কার সাথে শেষবার ডেট করেছিলে?’

গার্সিয়ার কথা শুনে হোঁচট খেলো হান্টারের চিন্তা, এক মুহূর্তের জন্য অতীত ঘুরে এলো। ট্রেসি। নামটা স্বয়ংক্রিয়ভাবে মাথার মধ্যে উদয় হলো, কিন্তু ও জোরে বললো না কিছু। দরকার নেই। ওর চোখ পড়তে পারলো গার্সিয়া।

দরজার কাছে গিয়ে ঘুরে আবার পার্টনারের দিকে তাকালো গার্সিয়া। ‘তুমি ব্যাপারটা ঠেকাতে পারতে না, রবার্ট।’

পার্টনারের দিকে তাকালো হান্টার।

‘আমি জানি, তুমি কীসের কথা ভাবছো,’ বললো গার্সিয়া। ‘ট্রয়কে ঠেকানো তোমার পক্ষে সম্ভব ছিল না।’

কিছু বললো না হান্টার, কিন্তু তার চোখজোড়া বেদনার্ত হয়ে উঠলো।

‘আমি যেটা বলছি, সেটা করো ফ্রেন্ড, একটা দিনের জন্য কেস থেকে ছুটি নাও। ডেনিসকে ফোন দাও। রবিবারে তুমিই আমাকে ধন্যবাদ দেবে। আর সবকিছু বাদ দাও, মেয়েটা তোমাকে হাসাতে পারবে, এই বিষয়ে গ্যারান্টি দিয়ে বলতে পারি।’

‘আজ রাতে কারো সঙ্গ দিতে পারবো বলে মনে হয় না, কার্লোস,’ জবাব দিলো হান্টার, পার্টনারের দিকে তাকালো। ‘আমার মন পড়ে আছে কেসের দিকে, যে আজ রাতে আমাকে সঙ্গ দেবে, তার প্রতি অবিচার হয়ে যাবে। বিশেষ করে, প্রথমবার ডেটে।’

নড করলো গার্সিয়া। ‘হ্যাঁ, তবে এটার মানে কিন্তু তোমাকে দ্বিতীয়বার ডেটে যাওয়া লাগবে। তুমিও সেটা জানো, রাইট? প্রথমবারে যদি সফল না হও।’ বিরতি দিলো সে, তারপর নাটুকে ভঙ্গীতে বললো, ‘…তবে স্কাইডাইভিং তোমার জন্য নয়।’

স্থির দৃষ্টিতে পার্টনারের দিকে তাকিয়ে থাকলো হান্টার। অপেক্ষা করলো গার্সিয়া।

‘ওয়াও, কিছুই বলবে না?’ জিজ্ঞেস করলো গার্সিয়া। ‘সামান্য ঠোঁটও নড়াবে না? জোকটা বুঝেছো তো?’

নড করলো হান্টার। ‘বুঝেছি। আর হ্যাঁ, জোকটা ভালো ছিল।’

‘আমার এমনভাবে বলা উচিত ছিল যে, হাসতে হাসতে পেট ফেটে যেতো তোমার।’ দুই হাত দিয়ে নিজের পনিটেইল ঠিক করে নিলো। ‘সিরিয়াসলি বলছি, আজ রাতটা ছুটি নাও। ছুটিটা তোমার দরকার। ডেনিসের সাথে গিয়ে একটা ড্রিঙ্ক নাও। এই অফিস থেকে বের হওয়া দরকার তোমার। এই কেস থেকেও মন সরানো দরকার।’

পেছনে দরজা বন্ধ করে চলে গেল গার্সিয়া, হান্টারের দৃষ্টি চলে গেল নিজের ডেস্কে পার্টনারের রেখে যাওয়া কাগজের টুকরোটার দিকে। অনেকদিন হয়েছে কারো সাথে ডিনার করতে যায় না ও, এমনকি ড্রিঙ্ক করতেও না। চিন্তাটা মাথায় আসতেই গার্সিয়ার কথা মনে পড়লো হান্টারের, ওকে একদম খোলা বইয়ের মতো পড়তে পারে ওর পার্টনার। ট্রয়ের কথা ভাবলো হান্টার। জ্যানেট ল্যাঙের কথাও মনে পড়লো সাথে সাথে। টমের সাথে রোজ যোগাযোগ রাখছে ও, জ্যানেটের মানসিক অবস্থার খোঁজ রাখছে। তবে গার্সিয়া ঠিকই বলেছে।

এই মুহূর্তে, হান্টারের সবচাইতে বেশি দরকার, এই কেস থেকে বিচ্ছিন্ন হওয়া। সেটা কয়েক ঘণ্টার জন্য হলেও। মাথাটা ভার হয়ে আছে, হাতে থাকা তথ্য কোটিস্য কোটিবার যাচাই করে শুধু হতাশাই বেড়েছে। ঘড়ি দেখলো ও, ৭:১১।

ড্রিঙ্কস অথবা ডিনার করার জন্য যদি ডেনিসের সাথে ও বেরোতে চায়, তবে প্রথমে বাড়িতে ফিরতে হবে। গোসল করে কাপড় বদলে তারপরেই বেরোতে পারবে। সম্ভবত রাত নয়টার সময় মেয়েটার সাথে সাক্ষাৎ করতে পারবে।

চেয়ারে হেলান দিলো ও, হাতজোড়া বুকের ওপরে আড়াআড়িভাবে বাঁধলো। আরেকবার ডেনিসের নাম্বারের দিকে তাকালো।

‘কেন নয়?’ নিজেকে বললো হান্টার, সেলফোনের দিকে হাত বাড়ালো। কিন্তু সেলফোনের দিকে হাত বাড়ানোর সাথে সাথে ভাইব্রেট করে উঠলো সেটা। স্ক্রিনের দিকে তাকালো হান্টার। একটা নাম্বার দেখা যাচ্ছে, তবে নাম নেই কোনো। ফোনটা ধরলো হান্টার। ‘এলএপিডি ইউভিসি ইউনিট থেকে ডিটেকটিভ হান্টার বলছি।’

‘ডিটেকটিভ, রজার উইন বলছি, ফি হ্যান্ড হোটেলের ব্রোকেন শেকার বারের বারটেন্ডার। সোমবারে কথা হয়েছিল আমাদের।’

‘রজার,’ বললো হান্টার, এক মুহূর্ত পরেই বুঝদারের ভঙ্গীতে মাথা নাড়লো। ‘ব্রোকেন শেকার। হ্যাঁ, মনে পড়েছে। সোমবারে কথা হয়েছিল।’

‘ওয়েল,’ রজারের কণ্ঠে শ্রাগ করার ভাব চিনতে পারলো হান্টার। ‘আপনি আপনার কার্ড দিয়ে গিয়েছিলেন, বলেছিলেন যে ওই লোকটাকে আবার দেখলে যেন আপনাকে জানাই। বারের ওই লোকটার কথা বলছি, যে ভদ্রমহিলা খুন হয়েছেন বলেছিলেন, তার সাথে কথা বলেছিল যে লোকটা?’

‘হ্যাঁ,’ চেয়ারে সোজা হয়ে বসলো হান্টার। ‘লোকটাকে দেখেছেন নাকি?’

‘হ্যাঁ। আমি আসলে এই মুহূর্তে তার দিকেই তাকিয়ে আছি।’

‘কী?’ লাফিয়ে উঠে দাঁড়ালো হান্টার। ‘কোথায় আপনি?’

‘শেকারে,’ বললো রজার। ফোনের ওপাশ থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের শব্দ ভেসে এলো হান্টারের কানে। ‘বেশ তরুণী ও বেশ সুন্দরী আরেক ভদ্রমহিলার সাথে এখানে এসেছে সে। এক্সচেঞ্জে একটু পরে ডিনার করবে তারা।’

‘এক্সচেঞ্জ?’ জিজ্ঞেস করলো হান্টার।

‘হ্যাঁ, রেস্টুরেন্টের নাম,’ ব্যাখ্যা করলো রজার। ‘এই লোক আর তার ডেট ডিনারের আগে একটা ড্রিঙ্ক নেয়ার জন্য সরাসরি শেকারে এসেছিল।’

‘আর আপনি কীভাবে জানেন, হোটেলে ডিনার করবে তারা?’

‘কারণ লোকটা যখন ড্রিঙ্কস অর্ডার করতে আমার কাছে এলো, আমাকে সে জিজ্ঞেস করলো, আমি বিলটা এক্সচেঞ্জে পাঠিয়ে দিতে পারি কিনা। সন্ধ্যা সাড়ে সাতটায় একটা টেবিল বুক করা আছে তাদের জন্য।’

নিজের অজান্তেই হাতঘড়ির দিকে চোখ চলে গেল হান্টারের। ৭:১৫ বাজে।

‘ব্রোকেন শেকার আর এক্সচেঞ্জ দুটোই ফ্রিহ্যান্ড হোটেলের অধীনে,’ বললো রজার। ‘বার কিংবা রেস্টুরেন্ট কোনোটাই হোটেল চেইনের অংশ নয়। জায়গাটা ভাড়া দেওয়া হয়েছে, তাই বার আর রেস্টুরেন্ট দুটোর মালিক ভিন্ন দুজন মানুষ। বিল পাঠিয়ে দেওয়া সম্ভব হয়নি।’

‘আচ্ছা,’ জ্যাকেটের দিকে হাত বাড়ালো হান্টার। ‘আপনি নিশ্চিত, এই লোকই সেই লোক? এই লোকই শনিবার সন্ধ্যায় মেলিসা হোথর্নের সাথে বারে বসে ছিল?’

‘এ-ই সেই লোক,’ দৃঢ় গলায় নিশ্চিত করলো রজার।

‘ঠিক আছে। পুলিশ প্রশাসন ভবনে আছি আমি। আপনার বার থেকে প্রায় এক মাইল মতো দূরে জায়গাটা। এখুনি রওনা দিচ্ছি। পাঁচ, খুব বেশি হলে দশ মিনিটের মধ্যে পৌঁছে যাবো ওখানে। তবে একটা উপকার করুন তো রজার, আমার হয়ে লোকটার ওপরে নজর রাখুন। খুব জরুরি বিষয়টা।’

‘শিওর। দেখছি কী করতে পারি। তবে ঘটনা হচ্ছে, আজ রাতে এখানে দুটো পার্টি আছে। একটা সাতটায় শুরু হয়েছে, আরেকটা সাড়ে সাতটায় শুরু হওয়ার কথা। দলে দলে অতিথিরা আসতে শুরু করেছে। আমি চেষ্টা করছি তাকে চোখের আড়াল না করার।’

‘ধন্যবাদ।’ কল কেটে গেল। সেকেন্ডেরও ভগ্নাংশ সময় পরে অফিস থেকে ছুটে বের হলো হান্টার।

সাতচল্লিশ

রজার উইনের ফোন পেয়ে হান্টার এতই বিস্মিত হয়েছিল যে, সময়ের হিসেব করতে ভুল হয়ে গেল ওর। ওর মনে ছিল না যে, সিটি অব অ্যাঞ্জেলসের বুকে আজ শুক্রবারের রাত। গোটা শহর আজ বাইরে বেরিয়েছে, ড্রিঙ্ক করবে, পার্টি করবে, জ্ঞান না হারানো পর্যন্ত থামবে না। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং থেকে ফ্রিহ্যান্ড হোটেল যেহেতু এক মাইল মতো দূরে, তাই ট্র্যাফিক নিয়ে খুব একটা ভুগতে হলো না হান্টারকে। তবে হোটেল প্রাঙ্গণে পার্কিং স্পেস খুঁজে পেতে বেগ পেলো ও। কোনো পার্কিং স্পেস নেই।

ব্লকটাতে দুবার চক্কর মারলো হান্টার, তারপর সাউথ অলিভ স্ট্রিটের এক বহুতল কার পার্কিঙে চলে এলো। তারপরও একটা পার্কিং স্পট পাওয়ার জন্য ওকে চতুর্থ তলা পর্যন্ত ড্রাইভ করে উঠতে হলো। সিঁড়ি বেয়ে নামলো ও, কার পার্ক থেকে বের হয়ে এলো। কোনা ঘুরে ফ্রিহ্যান্ড হোটেলে ঢুকে পড়লো। তারপর এলিভেটর ধরে সোজা চলে এলো রুফ টেরেসে। নিজের অফিস থেকে ব্রোকেন শেকার পর্যন্ত আসতে বিশ মিনিটের সামান্য বেশি সময় লেগেছে হান্টারের।

আজ রাতে মোট তিনজন বারটেন্ডার কাজ করছে ব্রোকেন শেকারে। এক টেবিলের অতিথিদের জন্য ড্রিঙ্কস রেডি করছিল রজার, এই সময়ে হান্টারকে টেবিলের পাশ দিয়ে এঁকেবেঁকে তার দিকে এগিয়ে আসতে দেখলো। যে এরিয়াটা শুধুমাত্র ওয়েটার-ওয়েইট্রেসদের জন্য সংরক্ষিত, হান্টারকে উদ্দেশ্য করে সেদিকে ইশারা করলো রজার। বারটেন্ডারের ইশারা বুঝে সেদিকেই এগোলো হান্টার।

‘ডিটেকটিভ,’ সামান্য ক্ষমা প্রার্থনার সুরে বললো রজার। ‘পাঁচ মিনিটের জন্য লোকটাকে মিস করেছেন আপনি।’

‘চলে গেছে সে?’

‘বার থেকে চলে গেছে, সেটা ঠিক,’ ব্যাখ্যা করলো রজার। ‘কিন্তু ফোনে যেমনটা বললাম, ডিনারের জন্য রিজার্ভেশন আছে তার, তাই এই মুহূর্তে নিচ তলার এক্সচেঞ্জ রেস্টুরেন্টে আছে সে।’

‘আপনি নিশ্চিত?’

আত্মবিশ্বাসের সাথে নড করলো রজার, গর্বিতভাবে একটা হাসি দিলো হান্টারের দিকে তাকিয়ে।

‘হ্যাঁ, চেক করার জন্য নিচে গিয়েছিলাম আমি। নীল শার্ট, কালো প্যান্ট, আর তার সাথে ম্যাচ করা ব্লেজার জ্যাকেট, সাথে একটা পানামা হ্যাট। কালো চুল ছোটো করে কাটা এরকম একজন তরুণীর সাথে ষোলো নাম্বার টেবিলে বসে আছে সে। টেবিলটা রেস্টুরেন্টের পেছনের দিকে।’

স্বস্তির একটা নিঃশ্বাস ফেললো হান্টার, তারপর বারটেন্ডারকে ধন্যবাদ জানিয়ে এলিভেটরের দিকে এগোলো দ্রুত পায়ে।

আটচল্লিশ

নিচে, এক্সচেঞ্জ রেস্টুরেন্টের প্রবেশমুখে অপেক্ষারত লোকেদের সারি দেখতে পেলো না হান্টার।

‘শুভ সন্ধ্যা,’ সহাস্যে ওকে অভ্যর্থনা জানালো রেস্টুরেন্টের হোস্ট। গাঁট্টাগোট্টা চেহারার মানুষ লোকটা, আইরিশদের মতো মাথায় লাল চুলের সাথে ফ্যাকাসে গায়ের রঙ। ষোলো নাম্বার টেবিলে বসে আছে ওর বন্ধু, তার সাথে দেখা করতে এসেছে ও, হোস্টের কাছে দ্রুত ব্যাখ্যা করলো হান্টার।

‘ষোলো নাম্বার টেবিল ফ্লোরের শেষ প্রান্তে,’ ইশারা করলো হোস্ট। ‘ডান পাশে, জানালার ধারে। কোনা ঘুরলেই পেয়ে যাবেন।’

‘ধন্যবাদ,’ বললো হান্টার। ‘খুঁজে বের করতে সমস্যা হবে না। বুকিং কার নামে, সেটা একটু কনফার্ম করতে পারেন?’

‘নিশ্চয়ই,’ জবাব দিলো হোস্ট, নিজের স্ক্রিন চেক করলো। ‘উমম,’ বলে ভ্রূ কুঁচকে হান্টারের দিকে তাকালো। ‘বুকিং করা হয়েছে একজন ভদ্রমহিলা, সারাহ হার্টলির নামে।’

নড করলো হান্টার। ‘ঠিকই আছে তাহলে।’

রেস্টুরেন্টের ভেতরে ঢুকতেই বিভিন্ন মশলা, রসুন আর মরিচ দিয়ে রান্না করা খাবারের গন্ধ অভ্যর্থনা জানালো হান্টারকে। জিভে পানি এসে গেল ওর, পেটের মধ্যেও মোচড় দিয়ে উঠলো। পাকস্থলীটা ওকে জানিয়ে দিলো, রাতে ডিনার করা হয়নি ওর।

ষোলো নাম্বার টেবিলে যে লোকটা বসে আছে, সে বসে আছে হান্টারের দিকে পিঠ দিয়ে। লোকটার চুল ছোটো করে কাটা, একপাশে সিঁথি করা। তার ব্লেজার জ্যাকেট চেয়ারের পিঠের ওপরে রাখা। যে মেয়েটার সাথে সে বসে আছে, তার বয়স ত্রিশের বেশি হবে না কোনোভাবেই। এবং মেয়েটা আসলেই খুব আকর্ষণীয়া। টেবিলের দিকে হান্টার যখন এগিয়ে যাচ্ছে, তখন সামনে রাখা ক্যাবারনেট ফ্রাঙ্কের একটা অর্ধেক খালি বোতলের দিকে হাত বাড়িলো লোকটা। তারপর মেয়েটার হাত ধরার জন্য হাত বাড়াবে সে, তার আগে দুটো গ্লাস ভর্তি করে নিলো।

‘মার্ক?’ পেছন থেকে তাকে ডাকলো হান্টার, এগিয়ে গেল তার দিকে।

লোকটা আর তার ডেট দুজনেই কৌতূহলী দৃষ্টিতে তাকালো হান্টারের দিকে।

আমেরিকার প্রত্যেকটা ডিটেকটিভ জানে, কেউ যত নিখুঁত বর্ণনাই দিক না কেন, বর্ণনামাফিক আঁকা স্কেচ বেশিরভাগ সময়েই বাজে হয়। কারণ, মানুষ যখন স্মৃতি থেকে কারো চেহারার বর্ণনা দেয়, সে সেই বর্ণনাটা দেয় তার স্মৃতিতে আটকে যাওয়া চেহারার বর্ণনা থেকে। কারো চেহারার বর্ণনা দেওয়ার ব্যাপারে মানুষ সামগ্রিকভাবে সেই লোকটার চেহারা স্মৃতি থেকে যাচাই করে; চোখ, কান, নাক, ঠোঁট আলাদা আলাদাভাবে নয়। কিন্তু একজন স্কেচ আর্টিস্ট বর্ণনামাফিক যখন কারো স্কেচ আঁকে, তখন সে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে আঁকে। তাই কারো বর্ণনামাফিক স্কেচ বেশিরভাগ সময়েই ভালো হয় না। কিন্তু বারম্যান রজারের কাজে খুব মুগ্ধ হলো হান্টার। মার্ক নামের এই লোকের চেহারার বর্ণনা দেওয়ার ব্যাপারে রজার দুর্দান্ত কাজ দেখিয়েছে। শক্ত চোয়াল, গোলাকার নাক, ওপরের দিকে উঁচু হয়ে থাকা চোখজোড়া, চুলের স্টাইল, চওড়া কপাল, সবই দারুণভাবে বর্ণনা করেছে বারম্যান।

‘আমি এলএপিডির ডিটেকটিভ, রবার্ট হান্টার।’ নিজের পরিচয়পত্র মার্ককে দেখালো হান্টার। ‘আপনার সাথে ব্যক্তিগতভাবে কিছুক্ষণ কথা বলতে চাই।’

মেয়েটার দৃষ্টি হান্টারের দিক থেকে ঘুরে তার ডেটের দিকে চলে গেল। নিজের ওয়াইন গ্লাস নামিয়ে রাখলো লোকটা। শান্ত ও নির্বিকার থাকলো সে, ঠোঁটের হাসিও মোছেনি বিন্দুমাত্র।

‘উমম, আপনি কি নিশ্চিত যে সঠিক মানুষের সাথে কথা বলছেন?’ নির্বিকার গলায় জিজ্ঞেস করলো সে। এক মুহূর্তের জন্য তার সঙ্গিনীর দিকে তাকিয়ে আবার হান্টারের দিকে তাকালো। খুব ধীরে মার্কের হাত থেকে হাত ছাড়িয়ে নিলো মেয়েটা।

‘হ্যাঁ, আমি নিশ্চিত,’ দ্বিধা না করে জবাব দিলো হান্টার। ‘যদিও আপনার নাম মার্ক কিনা, সে ব্যাপারে আমি নিশ্চিত নই।’

‘একটা রোমান্টিক ডিনারের দ্বারপ্রান্তে আমরা,’ বললো লোকটা, আবারও নিজের ডেটের দিকে তাকিয়ে হাসলো। ‘আর তার আমেজটা সম্পূর্ণভাবে নষ্ট করে দিচ্ছেন আপনি। কী চান আপনি, ডিটেকটিভ?’

‘হান্টার, রবার্ট হান্টার।’ এবারে কালো চুলের মেয়েটার দিকে তাকালো হান্টার। কয়েক সেকেন্ড তাকিয়ে থাকার পরে আবার দৃষ্টি ঘুরিয়ে লোকটার দিকে তাকালো। ‘খুবই গোপনীয় একটা ব্যাপার। আমার ধারণা, ব্যক্তিগতভাবে কথা বললে আমাদের দুজনের জন্যই সুবিধে হয়।’

হান্টারের দেওয়া ইশারাটা ধরতে পারলো মেয়েটা, নিজের হ্যান্ডব্যাগের দিকে হাত বাড়ালো, একই সাথে নিজের হাত ঘড়ি চেক করলো।

‘উমম…’ অনিশ্চিত দেখালো তাকে। ‘বাইরে গিয়ে একটা বা দুটো সিগারেট টেনে আসি বরং।’ উঠে দাঁড়ালো বটে, কিন্তু দৃষ্টি নিবদ্ধ হয়ে থাকলো নিজের ডেটের ওপরে।

‘বেশি দূরে যেও না, সুইটহার্ট,’ বলে মেয়েটার দিকে তাকিয়ে চোখ টিপ দিলো মার্ক। ‘আর কিছুক্ষণের মধ্যেই খাবার চলে আসবে, আর ডিটেকটিভ হান্টারও বেশিক্ষণ থাকবেন না বলেই আমার ধারণা।’ বলে ভস্ম করে দেওয়ার দৃষ্টিতে সে হান্টারের দিকে তাকালো।

কোনা ঘুরে রেস্টুরেন্টের প্রবেশমুখের দিকে চলে গেল মেয়েটা, অসন্তুষ্টভাবে নিঃশ্বাস ফেললো মার্ক নামের লোকটা। ‘এবার ঝেড়ে কাশুন তো, ডিটেকটিভ।’

চুপ থাকলো হান্টার, লোকটার সামনের খালি চেয়ারে বসে পড়লো। এক মুহূর্তের জন্য দুজন পুরুষ একে অপরকে মেপে নিতে লাগলো। হান্টারের উপস্থিতি যদি লোকটাকে নার্ভাস করে থাকে, তবে তার ছিটেফোঁটা চিহ্নও লোকটার মধ্যে নেই।

‘একটা নাম দিয়ে শুরু করলে কেমন হয়?’ প্রথম আঘাতটা হান্টারই হানলো। ‘নামটা কি আসলেই মার্ক, নাকি ডেট করার জন্য নাম ভাঁড়িয়েছেন?’

শব্দ করে হাসলো লোকটা, বিন্দুমাত্র বিচলিত হয়নি। ‘আপনি এখানে এসেছেন, আমার ডিনারে বাগড়া দিয়েছেন, আমার ডেটকে বাইরে যেতে বাধ্য করেছেন, শুধুমাত্র আমার নাম কী তা জানার জন্য? আমি পুরুষদের সাথে ডেট করি না, জানিয়ে দিলাম।’

আরও একবার, কোনো তথ্যই বের করতে পারলো না হান্টার। শুধু টেবিলের ওপাশে থাকা মানুষটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো, যার আচরণ ও প্রতিক্রিয়া একদম মাপা ও নিয়ন্ত্রিত। লোকটার হাতজোড়ার দিকে মনোযোগ ফেরালো হান্টার। অভিজ্ঞতা থেকে হান্টার জানে, হাত আর আঙুল একজন মানুষ কীভাবে নাড়ায়, তা থেকেই অনেক তথ্য বের করে ফেলা যায়। কেউ আঙুল দিয়ে বাজনা বাজায়, কেউ অস্থিরভাবে নাড়ায়, কেউ নার্ভাসভাবে স্থির রাখে আঙুলগুলো, কেউ আঙুল দিয়ে মুখ ঢেকে ফেলে, কেউ আঙুলের সাথে আঙুল ঘষে, কেউ আঙুল মটকায়, কারো আঙুল কাঁপে, সবগুলোই কোনো না কোনো অর্থ বহন করে। হান্টার বসার পরে নিজের চেয়ারে হেলান দিয়ে বসেছে লোকটা, পায়ের ওপরে পা তুলে বসেছে। হাতজোড়া রেখেছে কোলের ওপরে।

টেবিল থেকে যথেষ্ট দূরে থাকায় হাতজোড়া দেখতে পাচ্ছে হান্টার। ডান হাত বাঁ হাতের ওপরে রাখা, কিন্তু একটু অস্বাভাবিক ভঙ্গীতে। ভাঁজকরা বুড়ো আঙুল ভেতরে রেখে গাঁটের কাছে আঙুলগুলো বেঁকে গেছে। ঠিক উদ্বিগ্ন নয়, আবার শিথিলও নয়।

‘মার্ক আমার আসল নাম,’ শেষ পর্যন্ত স্বীকার করলো লোকটা। ‘সন্তুষ্ট?’

পদবীটা বলবে মার্ক, সে জন্য অপেক্ষা করলো হান্টার, কিন্তু বললো না লোকটা। বদলে হান্টারের কাছে ব্যাখ্যা দাবি করে বসলো সে। ‘তার মানে, আমার নাম জানার জন্য অথবা আমার সাথে ডেট করার জন্য আপনি আসেননি?’ মেয়েটার ওয়াইন গ্লাসের জন্য হাত বাড়ালো মার্ক, গ্লাসের মদটুকু নিজের গ্লাসে ঢেলে নিলো। ‘…তাহলে কেন এসেছেন?’

‘রেকর্ডের জন্য জানতে চাইছি,’ শুরু করলো হান্টার, এতটা জোরে বলছে যেন মার্ক শুনতে পায়। আবার এতটাও জোরে নয় যেন আশপাশের টেবিলের মানুষেরও কানে যায়। ‘আপনার পুরো নাম কী?’

এক চুমুক ওয়াইন পেটে চালান করে দিলো মার্ক, তারপর থুতনির বাঁ দিকটা মুছলো। মার্ক নামের এই লোকটা এই ধরনের পরিস্থিতিতে আগেও পড়েছে, তাকে দেখে এমনই অনুমান করলো হান্টার।

‘ওয়েল,’ উত্তর দেয়ার জন্য মুখ খুললো মার্ক, একদম শান্ত আছে। ‘রেকর্ডের জন্য জানাচ্ছি, আপনাকে পুরো নাম জানানোর কোনো প্রয়োজন নেই আমার, যদি না আমাকে গ্রেফতার করতে এসে থাকেন। আর সেটা যে করতে আসেননি, সেটা ইতোমধ্যেই বুঝে গেছি আমি। গ্রেফতার করতে আসলে এতক্ষণে করে ফেলতেন।’

‘ঠিকই বলেছেন।’ মার্কের মতোই শান্তভাবে বললো হান্টার। ‘আমি এখানে আপনাকে গ্রেফতার করতে আসিনি। এসেছি কিছু আলাপ করতে। আমি আলাপই করতে চাই, তবে আপনি চাইলে আপনাকে দুটো লাথি মেরে এখান থেকে তুলে ঠিকই স্টেশনে নিয়ে যেতে পারবো।’ শ্রাগ করার ভঙ্গীতে মাথাটা সামান্য বাঁ দিকে হেলালো হান্টার। ‘তবে আপনাকে বলি, আমি যদি এমনটা করি, তবে তা আপনার আর এই রেস্টুরেন্টের জন্য বিব্রতকর এক পরিস্থিতি হবে, তাই না? কারণ, খেলবো তো আমি, আপনি তো দর্শক হয়ে থাকবেন মাত্র। হাতকড়া, উঁচু গলায় আপনাকে চুপ থাকতে বলা, এমনকি আপনি বাধা দিচ্ছেন এমন ভাব করে আমার অস্ত্রটাও বের করতে পারি। এরপর চুপচাপ মেঝেতে শুয়ে পড়বেন, হাতজোড়া মাথার পেছনে বাঁধবেন, চাইলে দৃশ্যটাকে হলিউড স্টাইলেও বানানো যাবে। দেখার মতো এক দৃশ্য হবে সেটা। এমনকি আপনার ডেটও ইমপ্রেসড হয়ে যাবেন।’ বলে জানালার দিকে ইশারা করলো হান্টার। ‘এবার কী করবেন, সেটা আপনি ঠিক করুন।’

সামান্য খোলা ঠোঁটের চারপাশ দিয়ে জিভ বুলিয়ে আনলো মার্ক। ‘এই শহরের প্রত্যেকটা পুলিশই এরকম বালমার্কা কেন বলুন তো?’

ভ্রূ উঁচিয়ে শ্রাগ করলো হান্টার। ‘আমাদের ট্রেনিঙের একটা অংশ বলতে পারেন।’

হান্টারের দিকে চেয়ে মার্ক এমনভাবে হাসলো, যেন সে জানে হান্টার ওর কোনোই ক্ষতি করতে পারবে না। কিন্তু তারপরেও আত্মসমর্পণের ভঙ্গীতে দুই হাত উঁচু করলো সে। ‘আমার নাম মার্ক ওয়ালার।’

কেন যেন মার্ক মিথ্যে বলছে বলে মনে হলো হান্টারের।

‘আইডি আছে কোনো?’ জিজ্ঞেস করলো হান্টার। ‘নিশ্চিত হওয়ার জন্য দেখতে চাই।’

শব্দ করে হাসলো মার্ক। ‘না।’

‘আপনার নামসহ একটা ক্রেডিট কার্ড হলেও চলবে।’

‘আমি আমার ওয়ালেট আনিনি সাথে।’ বলে ঘাড় হেলিয়ে জানালার বাইরে তাকালো, তারপরে আবার দৃষ্টি ফিরে এলো টেবিলে রাখা বোতলের দিকে। ‘সিগারেট কিনছে মেয়েটা।’

নড করলো হান্টার।

‘ডিটেকটিভ,’ বললো মার্ক, ‘কী হয়েছে খুলে বলবেন, না-কি এই হাস্যকর খেলাটা খেলতেই থাকবো আমরা? খাবার যে-কোনো মুহূর্তে চলে আসবে, আর তার আগেই যদি আপনি এখান থেকে বিদায় হন, তাহলে খুব ভালো হয়।’

ছোটোখাটো ও চিকন একজন ওয়েইট্রেস মুখে হাসি নিয়ে এগিয়ে এলো ওদের টেবিলের দিকে। ‘আপনাকে কিছু দেবো কি, স্যার?’ হান্টারকে জিজ্ঞেস করলো সে। ‘একটা ওয়াইন গ্লাস এনে দিই?’ টেবিলের বোতলের দিকে তাকিয়ে বললো সে।

‘না, ধন্যবাদ,’ জবাবটা এলো মার্কের কাছ থেকে। ‘উনি এখনই চলে যাবেন।’

ওয়েইট্রেসের বিস্মিত চোখ ঘুরে এলো মার্ক, তারপর হান্টারের ওপর দিয়ে।

‘ঠিকই আছে,’ উষ্ণ হাসি হেসে ওয়েইট্রেসকে বললো হান্টার। ‘ধন্যবাদ আপনাকে।’

‘আমি এখনো অপেক্ষা করছি, ডিটেকটিভ,’ ওয়েইট্রেস চলে যেতেই বললো মার্ক। ‘আপনি আমার ডেট নষ্ট করেছেন, হুমকি দিয়েছেন, তিন থেকে চার মিনিট নষ্ট করেছেন, কিন্তু আপনি কেন এখানে এসেছেন, তা আমি এখনো জানি না।’

‘আমি এখানে এসেছি মেলিসা, মেলিসা হোথর্নের কারণে।’

চোখ সরু করে তাকালো মার্ক, স্মৃতি হাতড়াচ্ছে বোঝা গেল স্পষ্ট। কয়েক সেকেন্ড পরে হাল ছেড়ে দিলো সে। ‘দুঃখিত, কার কথা বলছেন?’

মার্কের দিক থেকে চোখ সরালো না হান্টার। ‘মেলিসা হোথর্ন,’ আবার বললো ও, সেই সাথে পকেট থেকে মেলিসার ছবি বের করে মার্কের সামনে টেবিলের ওপরে রাখলো। ‘গত শনিবারে ওপরের ব্রোকেন শেকার বারে তার সাথে দেখা হয়েছিল আপনার। তার সাথে বসে ড্রিঙ্ক করেছেন আপনি, কিছুক্ষণ কথাবার্তাও বলেছেন, তার ফোন নাম্বারও নিয়েছিলেন নাকি?’

এবার ছবিটার দিকে পুরোপুরি মনোযোগ দিলো মার্ক, কয়েক সেকেন্ড ছবিটার দিকে তাকিয়ে থাকলো সে। ‘ওহ! এই মেয়ে?’ হান্টারের দিকে চেয়ে চোখ পিটপিট করলো সে, তারপর নিজের ওয়াইন গ্লাসের জন্য হাত বাড়ালো। ‘হ্যাঁ, মনে আছে ওকে, গত শনিবারে, ওপরে দেখা হয়েছিল। ঠিকই বলেছেন আপনি।’ গ্লাসে আরেকবার চুমুক দিলো সে। ‘হয়েছে কী তার?’

‘আপনারা দুজন ওপরের বার থেকে বের হওয়ার পরে কী হয়েছিল?’

হান্টারের দিকে চেয়ে সামান্য মাথা নাড়লো মার্ক, ঠোঁটও সামান্য ওল্টালো। ‘কিছুই না। আমরা একসাথে বের হইনি ওখান থেকে।’ শ্রাগ করলো সে। ‘আমার কথার অন্য অর্থ বের করার কোনো প্রয়োজন নেই। আমি চেয়েছিলাম, কিন্তু সে-ই নিষেধ করেছিল। তাই,’ চোখজোড়া সরু হয়ে গেল তার। ‘আমার যতদূর মনে পড়ে, সে বেরোনোর কিছুক্ষণের মধ্যেই আমিও বেরিয়ে পড়ি। রাত হয়ে গিয়েছিল, শেকারের ভিড়ও কমে আসছিল। তাই যে যার বাড়িতে ফিরে যাই।’

‘মেলিসাকে অনুসরণ করে তার বাড়ি পর্যন্ত যাননি?’ জিজ্ঞেস করলো হান্টার।

বিভ্রান্ত দেখালো মার্ককে। ‘অনুসরণ করে তার বাড়ি পর্যন্ত যাবো? এর মানে কী? আর কীভাবেই বা যাবো?’

‘গাড়িতে করে, অথবা একটা ক্যাব ভাড়া করে,’ বললো হান্টার। ‘তার অজান্তেই তাকে অনুসরণ করে তার বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন না-কি?’

ওয়াইন গিলতে গিয়ে রীতিমতো বিষম খেলো মার্ক। ‘কী? আমি সেটা কেন করবো?’

মার্ককে এখনো জরিপ করছে হান্টার, লোকটার নড়াচড়া, তার মুখের ভাব, তার গলার স্বর, এমনকি তার নীরবতাও। একদমই দুশ্চিন্তাগ্রস্ত হয়নি লোকটা, ভয়ও পায়নি।

‘হয়তো মেয়েটা আপনাকে ‘না’ বলেছিল, এই কারণে?’ প্রশ্নের জবাবে প্রশ্ন করলো হান্টার। ‘হয়তো ‘না’ শব্দটা শুনতে অভ্যস্ত নন আপনি, এবং মেলিসা নিজের অজান্তেই আপনার অহমে আঘাত করে ফেলেছিল? হয়তো আপনি,’ নিজের অজান্তেই একটা বিরতি দিয়ে ফেললো ও, ‘…তাকে একটা শিক্ষা দিতে চেয়েছিলেন?’

নিজের ওয়াইন গ্লাস নামিয়ে রাখলো মার্ক, চোয়াল ঝুলে পড়লো তার। ‘আপনি কি আসলেই সিরিয়াস? আর ‘তাকে শিক্ষা দিতে চেয়েছিলেন’ এই কথার মানে কী?’

নির্বিকারভাবে তার দিকে তাকিয়ে থাকলো হান্টার। এখনো মাপছে মার্ক নামের এই লোককে।

টেবিলের ওপরে রাখা ছবিটার দিকে আবার তাকালো মার্ক। ‘দেখুন, মেয়েটা সুন্দরী ছিল। তাতে কোনো সন্দেহ নেই। বাট কাম অন, ডিটেকটিভ। আমাকে একবার দেখুন, আপনি যে জায়গায় বসে আছেন, সে জায়গায় একটু আগে যে মেয়েটা বসে ছিল, তাকে একবার দেখুন।’ শব্দ করে হাসলো সে। ‘আমার বাড়ির সামনে মেয়েদের লাইন লেগে থাকে। সবাই এই বান্দার সঙ্গ পাওয়ার জন্য উন্মুখ।’ বলে আঙুল দিয়ে নিজের দিকে দেখালো সে। ‘এবার বিষয়টা উল্টোভাবে ভাবুন, ডিটেকটিভ। আমি মেয়েদের পিছু নিই না। তারাই আমার পিছু নেয়। আর আপনি যেভাবে বলছেন, সেরকম কোনো ‘না’ বলার মতো কিছুও হয়নি। আমার সঙ্গ পেতে উদগ্রীব হয়ে ছিল সে। সে নিজেই আমাকে তার ফোন নাম্বার দিয়েছিল। শুধু এমন একটা ভাব করছিল যেন, সম্ভবত চাইছিল, আমি তার সঙ্গ পাওয়ার জন্য কতটা উদগ্রীব হয়ে আছি, তা দেখাই। ওয়েল, আমি তা দেখাইনি।’

মার্ক কথা বলা শেষ করলে নড করলো হান্টার, হাতজোড়া কোলের ওপরে রাখা।

‘শনিবার রাতে ওপরের বার থেকে বেরোনোর পরে বাড়িতে ফিরেছিলেন তাহলে?’

‘আমি তো সেরকমই বলেছি বলে মনে পড়ে।’

‘আপনার বাড়ি কোথায়?’

আবারও শব্দ করে হাসলো মার্ক। ‘ঘর সেখানেই, যেখানে হৃদয়। এই কথাটা শোনেননি ডিটেকটিভ?’

‘এমন কেউ আছে, যে আপনার কথার সত্যতা প্রমাণ করতে পারে?’

‘কী? আমি আসলেই বাড়িতে ফিরেছিলাম কিনা?’

নড করলো হান্টার।

‘না,’ ঠান্ডা গলায় বললো মার্ক। ‘একা থাকি আমি।’

‘ক্যাব ভাড়া করে ফিরেছিলেন? তাহলে হয়তো আপনার কথা মনে থাকতে পারে ড্রাইভারের।’

‘না, হেঁটে ফিরেছিলাম। রাতটা চমৎকার ছিল।’

‘মেলিসাকে ফোন করেছিলেন?’ ছবিটার দিকে তাকিয়ে নড করলো হান্টার। ‘অথবা টেক্সট?’

জবাব দিলো না মার্ক। তার বদলে ডানের জানালা দিয়ে বাইরে তাকালো।

‘আপনি বলছেন, মেলিসা আপনাকে তার নাম্বার দিয়েছিল,’ আবার বললো হান্টার। ‘তাকে ফোন বা টেক্সট করেননি?’

আরেকবার ভ্রূ কোঁচকালো মার্ক, কয়েক সেকেন্ড প্রশ্নটা নিয়ে ভাবলো। ‘না, কোনোটাই করেছি বলে মনে পড়ছে না। আসলে সপ্তাহটা খুব ব্যস্ততার মধ্যে গেছে। বুধবারেও বেরিয়েছিলাম, আজও বেরিয়েছি, আগামীকালও বেরোনোর কথা আছে, রবিবার পর্যন্ত এরকমই চলবে।’ বলতে বলতে প্রাণহীন, শুষ্ক এক হাসি ফুটে উঠলো তার ঠোঁটে। ‘বাজারে আমার খুবই চাহিদা, এছাড়া আর কী বলতে পারি?’ শ্রাগ করলো সে। ‘হয়তো কখনো তাকে ফোন দেবো, মেয়েটা যথেষ্ট সুন্দরী।’

‘আপনি অনেক মেয়েকে ডেট করেন?’ জানতে চাইলো হান্টার।

আত্মবিশ্বাসের হাসি হাসলো মার্ক। ‘হ্যাঁ, সেরকমই বলতে পারেন।’

মার্ক নামের এই লোকটা প্রচণ্ড নার্সিসিস্ট, নিজের সম্পর্কে খুব উঁচু ধারণা তার। কিন্তু তারপরেও নির্বিকার মুখে হান্টারের সামনে বসে আছে সে। নিজের অস্ত্রাগারে এখনো একটা অস্ত্র আছে হান্টারের। পকেট থেকে আরেকটা ছবি বের করলো ও। এবারের ছবিটা কার্স্টেন হ্যানসেনের। কোনো কথা না বলে টেবিলে রাখা মেলিসার ছবির পাশে কার্স্টেনের ছবিটা রাখলো, তারপর কোনো কথা না বলে মার্কের প্রতিক্রিয়া কী হয়, তা দেখতে লাগলো।

নতুন ছবিটার দিকে তাকালো মার্ক, বেশ কয়েক সেকেন্ড সময় নিয়ে সে ছবিটা নিরীক্ষণ করলো।

‘খুবই সুন্দরী,’ প্রশংসা করার ভঙ্গীতে নড করলো সে। ‘কে এই মেয়ে?’ শ্রাগ করে জিজ্ঞেস করলো, তারপর আবার ওয়াইনের গ্লাসে চুমুক দিলো। ‘আপনি তাকে চেনেন না?’

উদাসীন ভঙ্গীতে মাথা নাড়লো মার্ক। ‘না, কেন? চেনা উচিত না-কি?’

‘আপনি যাদেরকে ডেট করেছেন, এই মেয়ে তাদের একজন নয়?’ জিজ্ঞেস করলো হান্টার। ‘হয়তো বেশ কিছুদিন আগের ঘটনাও হয়ে থাকতে পারে।’

আবার ছবির দিকে মনোযোগ ফেরালো মার্ক, তারপর আবার হান্টারের দিকে চেয়ে মাথা নাড়লো। ‘না, আমার মনে হয় না এই মেয়েকে আমি ডেট করেছি। এত সুন্দরী একজন মেয়েকে ডেট করলে অবশ্যই মনে থাকতো আমার।’ এক মুহূর্ত বিরতি দিয়ে নিজের হাতঘড়ি দেখলো সে। ‘ডিটেকটিভ, সিরিয়াসলি বলুন তো, হয়েছেটা কী আসলে? আপনি এখানে এলেন, সারাহ’র সাথে আমার রোমান্টিক পরিবেশটাকে নষ্ট করলেন।’ মাথা ঝাঁকিয়ে জানালার দিকে ইঙ্গিত করলো সে। ‘এমন একজন মেয়ের ছবি দেখালেন যার সাথে শনিবার রাতে আমি মাত্র আধা ঘণ্টা কথা বলেছি। আমাকে কিছু হাস্যকর প্রশ্ন করলে…’ বলতে বলতে বিরতি দিলো মার্ক, তারপর হান্টারের দিকে চেয়ে থামার ভঙ্গীতে হাত উঁচু করলো। ‘দাঁড়ান, দাঁড়ান। এক মিনিট। আপনার ব্যাজটা আরেকবার দেখান তো?’

মার্কের সামনে টেবিলের ওপরে ব্যাজটা রাখলো হান্টার।

‘হোমিসাইড? আপনি এলএপিডি হোমিসাইডের ডিটেকটিভ?’ বিস্ময়ে গলা সামান্য চড়ে গেল মার্কের, পাশের টেবিলে বসা কাপলটা ফিরে তাকালো তার দিকে।

কোনো কথা না বলে ব্যাজটা তুলে পকেটে ভরে ফেললো হান্টার।

‘আপনি আমার সাথে মজা করছেন, তাই না?’ বিস্মিত শোনালো মার্কের কণ্ঠ, কিন্তু সেখানে কোনো আন্তরিকতা নেই। ‘এই মেয়েটা।’ তর্জনী দিয়ে মেলিসার ছবিতে টোকা দিলো সে। ‘এই মেয়েটার সাথে আমি শনিবার রাতে বারে বসে কথা বলেছিলাম, আর আপনি বলছেন সে মারা গেছে? কখন?’

‘সেই রাতেই,’ তাকে বললো হান্টার। ‘ওপরের বার থেকে বেরোনোর পরেই।’

শব্দ করে হাসলো মার্ক, কিন্তু সেই হাসির অর্থ কী, তা বোঝা গেল না। ‘আর আপনার ধারণা, এই খুনের সাথে আমি জড়িত? এই কারণেই এখানে এসেছেন আপনি? এই কারণেই আপনি জানতে চাইছেন, আমি সেদিন রাতে কখন বাড়িতে ফিরেছিলাম, তার সত্যতা কেউ প্রমাণ করতে পারবে কিনা? আপনি আসলেই আমার সাথে মজা করছেন?’

মুখভঙ্গীর সাহায্যে জবাব দেওয়ার চেষ্টা করলো হান্টার।

‘দেখুন,’ সোজা হয়ে বসলো মার্ক, দুই কনুই টেবিলের ওপরে রাখলো, কণ্ঠ শান্ত। ‘মেয়েটা মারা গেছে শুনে খুবই দুঃখিত আমি। সত্যিই দুঃখিত। কিন্তু আমি তার সাথে বারে কিছুক্ষণ কথা বলেছিলাম, এই কারণে আমি এই খুনের সাথে জড়িত বলে যা প্রমাণ করতে চাইছেন, তা একদমই হাস্যকর। ওপরের বারে শনিবার রাতে যারা উপস্থিত ছিল, তাদের সবার বিরুদ্ধেই কি অভিযোগ আনবেন আপনি? তার সাথে যারা কথা বলেছিল, তাদের সবার বিরুদ্ধে?’ বলে হান্টারের জবাবের অপেক্ষা করলো না মার্ক। ‘আমার কিন্তু তা মনে হয় না। এখন আমাকে ক্ষমা করুন ডিটেকটিভ, আমার ডেট আমার জন্য অপেক্ষা করছে।’

নড়লো না হান্টার। ‘আপনি বলছেন, গত বুধবার রাতেও ডেটে গিয়েছিলেন আপনি?’

‘হ্যাঁ, গিয়েছিলাম। তো?’

‘মঙ্গলবার রাতেও গিয়েছিলেন?’

‘মানে?’

‘বলছি যে, মঙ্গলবার রাতেও ডেটে গিয়েছিলেন না-কি? অন্য কারো সাথে?’

মার্ককে প্রশ্নে জর্জরিত করে ফেললো হান্টার। কিন্তু এত প্রশ্নের মুখেও শান্ত ও নির্বিকার থাকলো মার্ক, মচকালো না এক চুলও। মার্ক নামের এই লোক আগেও এই ধরণের পরিস্থিতিতে পড়েছে, এই ধারণা আরও দৃঢ় হলো হান্টারের। ওর এবারের প্রশ্ন শুনে সবগুলো দাঁত বের করে হাসলো মার্ক।

‘আমার মনে হয়, আমাদের কথা শেষ হয়েছে, ডিটেকটিভ।’

‘খুব সাধারণ একটা প্রশ্ন করেছি।’

‘যার জবাবে খুব সাধারণ একটা উত্তরই পেয়েছেন,’ জবাব দিলো মার্ক। ‘আমাদের কথা শেষ হয়েছে।’

আর কিছু করার নেই ওর, বুঝতে পারলো হান্টার। মার্ক যে আর কোনো প্রশ্নের উত্তর দেবে না, তা পরিষ্কার। অন্তত, আজ রাতে তো নয়ই। নড করলো হান্টার, টেবিলের ওপরে রাখা ছবিগুলো গুছিয়ে নিয়ে উঠে দাঁড়ালো।

কিন্তু ঘুরে পা বাড়ানোর মুহূর্তে ওর ডান হাতের টোকায় মার্কের ওয়াইন গ্লাস উল্টে গেল, ভেতরের ওয়াইনের বেশিরভাগই মার্কের কোলের ওপরে পড়ে লোকটাকে ভিজিয়ে দিলো।

‘ওহ, আচ্ছা?’ হা হা করে হাসলো মার্ক, উঠে দাঁড়ালো। ‘দারুণ দেখালেন বটে।’

হান্টার যেরকমটা আশা করেছিল, তার কণ্ঠস্বর তার চাইতেও অনেক শান্ত।

‘আমি আন্তরিকভাবে দুঃখিত,’ বললো হান্টার, দ্রুত একটা ন্যাপকিন টেনে টেবিলের ওপরে সৃষ্টি হওয়া ছোটো পুকুরটা শুকানোর চেষ্টা করলো।

‘দুঃখিত? আসলেই?’ মাথা নেড়ে নিজেও একটা ন্যাপকিনের দিকে হাত বাড়ালো মার্ক। ‘আপনার হাতের নড়াচড়া আমি দেখেছি, ডিটেকটিভ। কাজটা সম্পূর্ণ ইচ্ছা করে করেছেন আপনি।’

রেড ওয়াইনে একদম ভিজে গেছে মার্কের প্যান্ট, বিশেষ করে কুঁচকির জায়গাটা। ওয়াইন গ্লাসটা টেবিল থেকে গড়িয়ে পড়ার আগেই চট করে ধরে ফেললো হান্টার, অন্য কোনো অংশে হাত না লাগিয়ে বেজের অংশটা ধরে থাকলো শুধু।  হাতের তালু ব্যবহার করলো, আঙুল নয়। ‘আমি আসলেই  খুবই দুঃখিত ব্যাপারটার জন্য। নতুন একটা বোতল দেওয়ার জন্য ওয়েইট্রেসকে ডাকছি আমি।’

হান্টারের দিকে তাকিয়ে নিষ্প্রাণ হাসি হাসলো মার্ক। ‘সমস্যা নেই, ডিটেকটিভ। চাইলেই আরও একটা বোতল কেনার ক্ষমতা আছে আমার। এই বোতলের দাম আপনার বেতনের চাইতেও বেশি।’

‘আমি ভেবেছিলাম, আজ রাতে আপনার ডেট এই বোতলটা কিনেছে।’

‘হ্যাঁ, ও-ই কিনেছে,’ বললো মার্ক। ‘ওরও কেনার ক্ষমতা আছে।’

চোখের কোনা দিয়ে হান্টার দেখলো, ওয়েইট্রেস আর রেস্টুরেন্টের হোস্ট দুজনেই দ্রুত পায়ে টেবিলের দিকে এগিয়ে আসছে।

‘আমি খুবই দুঃখিত,’ তাদের কাছে ক্ষমাপ্রার্থনা করলো হান্টার। ‘বাজে একটা দুর্ঘটনা ঘটে গেল।’

‘হ্যাঁ, ঠিক,’ বললো মার্ক। ‘এখন যাচ্ছেন তো?’

সবাই যখন হান্টারের ঘটানো ঘটনা পরিষ্কার করতে ব্যস্ত, তখন টেবিলের পাশ থেকে সরে এলো ও। পকেট থেকে দ্রুত সেলফোন বের করে দ্রুত মার্কের অজান্তে কয়েকটা ছবি তুলে নিলো তার। ওয়েইট্রেস আর রেস্টুরেন্টের হোস্ট খেয়াল করলো না, টেবিল থেকে নেয়া ওয়াইনের গ্লাসটা তাদেরকে ফেরত না দিয়েই চলে গেছে ডিটেকটিভ।

ঊনপঞ্চাশ

বাড়িতে একা থাকতে অভ্যস্ত নয় অলিভার গ্রিফিথ। অন্তত রাতের বেলায় তো নয়ই। সতেরো মাস আগে জোসির সাথে পরিচয় এবং তারপরে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে প্রত্যেকটা সন্ধ্যা আক্ষরিক অর্থেই একসাথে কাটিয়েছে ওরা।  একে অন্যের সঙ্গ খুব উপভোগ করে তারা। একই ধরনের মিউজিক পছন্দ করে। সিনেমা এবং খাবারের ব্যাপারেও তাদের পছন্দ অভিন্ন।  তাদের দুজনের রসবোধও এত ভালো যে, একে অন্যের কথায় হেসে গড়িয়ে পড়ে। একই ধরনের সেক্সুয়াল ফ্যান্টাসি তাদের। সহজ কথায়, যতটা নিখুঁত একটা দম্পতির হওয়া সম্ভব, তারা ততটাই নিখুঁত।

নিজেদের বিছানায় একা ঘুমানোর অভিজ্ঞতা তাই অলিভারের জন্য একেবারেই নতুন, আর সেটা মোটেই পছন্দ হচ্ছে না ওর। স্টেসির বিয়ের আগের জমকালো পার্টির জন্য গতকাল একদম সকালে লাস ভেগাসের উদ্দেশ্যে বের হয়ে গেছে জোসি আর তার বান্ধবীরা।  আর তাই, রাতে গেম নাইটটার সর্বোচ্চ ব্যবহার করেছে অলিভার। এলএ লেকারস আর স্যান অ্যান্টোনিও স্পার্সের খেলা দেখার জন্য কয়েকজন বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছিল ও। হাড্ডাহাড্ডি লড়াই শেষে দুর্ভাগ্যজনকভাবে ১১০-১০৬ ব্যবধানে লেকারসকে পরাজিত করেছে স্পার্সরা।

সব বন্ধুরা চলে গেলে বাসায় একা হয়ে গেল অলিভার; নিজেকে নিঃস্ব, রিক্ত মনে হলো ওর।  কী করবে, বুঝে উঠতে পারছিলো না। জোসিকে একবার ফোন দেওয়ার কথা ভাবলো ও, কিন্তু বান্ধবীদের সাথে মৌজমাস্তি করছে ওর স্ত্রী, শুধুমাত্র স্বামী তাকে মিস করছে বলে ফিরে আসতে চাইবে না। তাই স্ত্রীকে ফোন করার পরিবর্তে আরও কয়েক শট হুইস্কি ঢেলে নিলো ও, অ্যালকোহল পেটে নিয়েই ঘুমিয়ে গেল।

সকালটা শুরু হলো প্রচণ্ড মাথাব্যথা নিয়ে, রাতে হুইস্কি গিলে ঘুমিয়ে পড়ার কারণে রীতিমতো আফসোস হতে লাগলো ওর। মাথা এত ব্যথা করতে লাগলো যে, ওর মনে হলো, প্রত্যেকবার মাথা নাড়ানোর সাথে সাথে মগজটা খুলির সাথে বাড়ি খাচ্ছে। সকাল সাড়ে এগারোটার দিকে একটা স্প্যানিশ ওমলেট আর একটা ডিটক্স খুদি পেটে চালান করার পরে মাথাব্যথা কিছুটা কমলো অলিভারের।

বাকি দিনটা অলসভাবেই কেটে গেল। দুপুর একটার দিকে স্বামীকে ফোন দিলো জোসি, স্ত্রীর ফোনের শব্দ পেয়েই হ্যাংওভার প্রায় উড়ে গেল অলিভারের।  ফুরফুরে মেজাজে ছিল জোসি আর তার বান্ধবীরা। সেই মুহূর্তে ম্যান্ডেলে বে বিচ হোটেলে লাঞ্চ করছিল সবাই, তবে সারাদিনের প্ল্যান রেডি তাদের। ডিনার করার কথা এজ স্টেকহাউজে, আর তারপরেই থাকছে জোসির বেস্ট ফ্রেন্ড আর হবু বধু স্টেসির জন্য সারপ্রাইজ নাইট।

‘উম… সারপ্রাইজ নাইটে স্ট্রিপার আসার কোনো চান্স আছে না-কি?’ সহজ গলায় জিজ্ঞেস করলো বটে অলিভার, তবে তাতে সতর্কতার সুর একেবারে চাপা পড়লো না।

‘আমরা ভেগাসে এসেছি, হানি,’ জবাব দিলো জোসি। ‘তোমার কী মনে হয়? এই জায়গাটাকে এমনি এমনি পাপের শহর বলা হয় না।’

‘ওহ, ওকে, তোমরা সবাই-ই দারুণ সময় কাটাচ্ছো মনে হয়।’ হালকা চালে বলার চেষ্টা করলো অলিভার, কিন্তু ওকে খুব ভালো করে চেনে জোসি।

‘ইয়ে… হানি, তুমি কি ঈর্ষান্বিত?’

‘না, একদমই না। আমি ঠিক আছি।’ খুব সংক্ষিপ্তভাবে উত্তর দিলো অলিভার। এটা ওর জন্য অস্বাভাবিক, কারণ এভাবে উত্তর ও দেয় না।

‘ওহ, তাই বুঝি!’ জোসির কথায় মুচকি হাসির শব্দ শুনতে পেলো অলিভার। ‘কিন্তু তোমার আসলে ঈর্ষান্বিত হওয়ার কোনো কারণ নেই, জানো তো?’

চুপ থাকলো অলিভার।

‘শুরুতেই বলি,’ নরম, কোমল ও সেক্সি হয়ে এলো জোসির গলা, জানে যে অলিভার দুর্বল হতে শুরু করবে। ‘তুমি তো জানো, যে-কোনো কিছুর চেয়ে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তাই না?’

ওপাশ থেকে সাড়া নেই অলিভারের।

‘তাই না?’

‘হ্যাঁ,’ অবশেষে বললো অলিভার।

‘আর আমি যা চাই, একমাত্র তুমিই সেটা আমাকে দিয়েছো। কীসের কথা বলছি, তা তুমি জানো।’ কথাগুলো এমন আবেদনময় গলায় বললো জোসি, অলিভারের চামড়া শিরশির করে উঠলো।  ‘তুমি আমাকে বিছানায় যতটা সুখ দিয়েছো, ততটা সুখ আর কেউ দিতে পারেনি। তাহলে আমার এত মাথা ঘামানোর কী আছে?’

ফোঁস করে নিঃশ্বাসের সাথে হতাশা বের করে দিলো অলিভার। ‘হ্যাঁ, কিন্তু তুমি এবার আমাকে উত্তেজিত করে দিচ্ছো।’

শব্দ করে হাসলো জোসি। ‘তাহলে বরফ লাগাও, হানি। কাল সন্ধ্যায় আমার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করো। কথা দিচ্ছি, ফিরে এসে তোমার অপেক্ষাটুকু পুষিয়ে দেবো।’

একটু নড়াচড়া করে প্যান্টের নিচে দু’পায়ের মাঝখানের ফুলে ওঠা জিনিসটাকে ঠিকঠাক করে নিলো অলিভার। ‘ডিল,’ বললো ও।

স্বামীকে টিজ করার হাসি হাসলো জোসি।

‘আজ রাতে মৌজ করো, বেবি,’ স্ত্রীকে বললো অলিভার। ‘আর সারপ্রাইজ নাইটের কিছু ছবি পাঠাতে ভুলো না যেন।’

‘অবশ্যই পাঠাবো, হানি। ভরসা রাখো আমার ওপরে। ভবিষ্যতের জন্যই জিনিসগুলো সংরক্ষণ করা হবে। আই লাভ ইউ।’

‘আই লাভ ইউ মোর।’ ফোন কেটে গেল।

পশ্চিম থেকে বেশ উষ্ণ বাতাস আসছে। যে কারণে ফেব্রুয়ারির এই মাঝামাঝি সময়টাতেও বেশ গরম, ক্যালিফোর্নিয়ার ‘শীতকাল’-এর জন্য বিষয়টা খুব একটা বিস্ময়কর নয়। বিকেলে তাই আইসড টি’র একটা বড়ো গ্লাস নিয়ে পুলের পাশে শুয়ে থাকলো অলিভার। সাঁতার কাটার মতো গরম নয় পরিবেশ, তবে সূর্যের নিচে কয়েক ঘণ্টা শুয়ে থাকাই যায়।

বিকেল পাঁচটার দিকে ফোন করলো অলিভারের একমাত্র অবিবাহিত বন্ধু স্টুয়ার্ট। একটা ড্রিঙ্ক নেয়ার জন্য বন্ধু বারে যাবে কিনা, জিজ্ঞেস করলো সে। কিন্তু আগের রাতের হ্যাংওভারের কারণে অলিভারের অবস্থার কথা শুনে নিজেই পরিকল্পনা বাদ দিলো সে, বন্ধুকে বাড়িতে বিশ্রাম নেয়ার জন্য বললো।

সন্ধ্যা সাতটায় আরও একটা ম্যাচ আছে। এলএ ক্লিপারস খেলবে অ্যারিজোনার ফিনিক্স সান্সের বিপক্ষে। ম্যাচটা দেখবে অলিভার, এবং তারপরে ও কতটা ক্লান্ত থাকে, তার ওপরে ভিত্তি করে কোনো সিনেমা দেখবে না-কি ঘুমাতে যাবে, সেই সিদ্ধান্ত নেবে।

খেলাটা শুরু হওয়ার আধা ঘণ্টা আগে ড্রাইভ করে পছন্দের বার্গারের দোকান হ্যাবিট বার্গার গ্রিলে গেল অলিভার। বাসার একদম কাছেই দোকানটা, একটা স্যান্টা বারবারা শার কম্বো বেছে নিলো। এই জিনিসটায় সবসময় এক স্লাইস আনারস আর এক চামচ গুয়াক্যামোল (ম্যাশড অ্যাভোক্যাডো, পেঁয়াজ কুচি, টমেটো, মরিচের গুঁড়া আর বিভিন্ন মশলা দিয়ে বানানো এক খাবার) যোগ করে ও। এই জিনিসটা জোসি শিখিয়েছে ওকে, এবং এটাই ওদের ভাষায় ‘এই পৃথিবীর সেরা বার্গার’-এর গোপন উপকরণ।

লিভিং রুমে ফিরে এসে আরাম করে কাউচে বসলো অলিভার, আরও একটা রোমাঞ্চকর ম্যাচের জন্য প্রস্তুত।  কিন্তু নীরস, ম্যাড়মেড়ে ম্যাচ হতে লাগলো। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই ক্লিপারদের থেকে সান্স’রা এগিয়ে গেল বাইশ পয়েন্টে, এবং ক্লিপারদের খেলায় ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা দেখা গেল না।

পেট ভরা থাকায় আর নীরস এক ম্যাচের কারণে ঘুম ঘুম লাগতে লাগলো অলিভারের, হাফ টাইমের সময়ে তন্দ্রা এসে গেল ওর;  স্বপ্ন আর বাস্তবের মধ্যে ভাসতে লাগলো। আর এই অর্ধচেতন অবস্থাতেই সামনে থেকে কানে ভেসে এলো একটা পরিচিত শব্দ।

ভারী আর ধীর গতিতে কাজ করতে শুরু করলো অলিভারের মগজ, শব্দটা কোথেকে আসছে তার জন্য অর্ধনিমীলিত চোখে তাকালো চারিদিকে।  ম্যাচে বাঁশি বাজিয়েছে না-কি? ভাবলো ও, দ্রুত টিভি স্ক্রিনের দিকে তাকালো। শব্দটা টিভি থেকে আসছে না, তবে ক্লিপারস আরও ছয় পয়েন্টে পিছিয়ে পড়েছে।

টিভির দিক থেকে নজর ফেরাতেই কফি টেবিলের ওপরে রাখা সেলফোনের দিকে দৃষ্টি গেল ওর, কাউচ আর টিভি সেটের মাঝখানে রাখা টেবিলের ওপরে রাখা সেলফোনে লাইট জ্বলছে। সেলফোনের দিকে হাত বাড়ালো ও। টেক্সট মেসেজ এসেছে একটা। অচেনা নাম্বার।

তর্জনী দিয়ে ফোন আনলক করে মেসেজের প্রিভিউয়ের ওপরে ট্যাপ করলো অলিভার।

প্রত্যাশার চাইতে আজকের দিনটা বেশ গরম, কী বলো অলিভার?

মেসেজটা অলিভারের কাছে সামান্য অদ্ভুত লাগলো। প্রথমত, অচেনা নাম্বার থেকে আসার কারণে; দ্বিতীয়ত, ওর সব বন্ধুরা ওকে অলিভার নয়, ওলি বলে ডাকে।

শ্রাগ করে নিজের আইসড টি’র গ্লাসের দিকে হাত বাড়ালো ও। বরফ গলে গেছে, আর আইসড নেই।  কিন্তু মুখের ভেতরটা শুকনো লাগছে। তাই দুই ঢোকে জিনিসটা পেটে চালান করে মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য টাইপ শুরু করলো।

নিশ্চয়ই। জ্যাকেট ছাড়া বাইরে থাকতে দারুণ লাগলো আজ। বাই দ্য ওয়ে, কে বলছেন?

ওপাশ থেকে জবাব আসতে খুব বেশি সময় লাগলো না, তবে যে জবাবটা এলো, তা একদমই প্রত্যাশিত নয়।

হ্যাঁ, এতটাই গরম যে বার্গার আনতে যাওয়ার আগে জানালা খুলে রেখে গিয়েছিলে, হাহ?

‘কী?’ নিজের অজান্তেই শব্দটা মুখ দিয়ে ছিটকে বেরোলো অলিভারের, মাথা নেড়ে মাথাটা পরিষ্কারের চেষ্টা করলো।  তন্দ্রা থেকে জেগে ওঠার চেষ্টা করলো ও, মেসেজটা পড়লো আরেকবার। ‘মানে কী এর?’ উঠে বসলো ও, সোজা হয়ে বসার পরে আগের প্রশ্নেরই পুনরাবৃত্তি করলো।

কে বলছেন?

ওপাশ থেকে মেসেজ আসার আগে আরও কয়েক সেকেন্ড কেটে গেল।

তুমি নিজেও জানো, বার্গার আনতে যাওয়ার সময় তুমি জানালা খোলা রেখে গিয়েছিলে, তাই, না?

মেসেজটা পড়ে মোবাইলের দিক থেকে চোখ তুলে তাকালো অলিভার, দৃষ্টি ঘরের চার দেয়ালের ওপরে ঘুরে এলো।  লিভিং রুমের দুটো জানালাই খোলা। ওর যতদূর মনে পড়ে, পুলের পাশে শুয়ে থাকার আগে জানালাগুলো খুলে দিয়েছিল ও। চেয়েছিল, কিছু তাজা বাতাস ঘরের মধ্যে আসুক।

‘হ্যাঁ, তো?’ জোরে বললো অলিভার, আর বলার পরমুহূর্তেই একটা চিন্তা মাথায় এলো। রাস্তার ওপাশের মিসেস মাইলস না-কি?  সবসময়ের মতো নাক গলাচ্ছে? কিন্তু খুব দ্রুতই চিন্তাটা নাকচ করে নিলো, কারণ মিসেস মাইলস ওর সেলফোন নাম্বার কীভাবে পাবে?

কে বলছেন?

আবার প্রশ্ন করলো অলিভার, এবার পুরো বাক্যটা বড়ো হাতের অক্ষরে লিখলো। এবারে একটা যুতসই জবাব এলো সেলফোনের ওপাশ থেকে।

তোমার জন্য… আমি একজন মেন্টর, অলিভার।

মেসেজটা দেখে সশব্দে হাসলো অলিভার। ‘আচ্ছা, ঠিক আছে। মেন্টরই সই।’  ওর কোনো বন্ধু মজা করছে ওর সাথে। সম্ভবত স্টুয়ার্ট, কারণ ওর সাথে ড্রিঙ্ক করতে বের হয়নি অলিভার।

বলছিস না-কি, ইডিয়ট? এর মধ্যেই গিলে মাতাল হয়ে গেছিস? কোথায় তুই?

টাইপ করতে করতেই একটা নতুন চিন্তা মাথায় এলো অলিভারের, চিন্তিত বোধ করলো ও। অতিরিক্ত একটা লাইন টাইপ করলো—

কিন্তু আমি জানালা খোলা রেখে বার্গার আনতে গিয়েছিলাম, সেটা তুই কী করে জানলি?

প্রায় সাথে সাথে জবাব এলো ওপাশ থেকে।

না, স্টু বলছি না। যেমনটা বললাম, আমি তোমার জন্য একজন মেন্টর, অলিভার। কারণ আমি তোমাকে একটা শিক্ষা দিতে যাচ্ছি।

প্রভাবিত হলো না অলিভার।  ‘ভাগ শালা।’ হাসলো সে। শিক্ষা দিবি। দে তাহলে। স্টু, তুই একটা গর্দভ, কোনো শিক্ষক নোস। শিক্ষা নয়, বাল দিবি। গ্লাসটা নামিয়ে রেখে  হালকা মুতে শুয়ে পড়, অথবা যা ইচ্ছা কর। আমাকে জ্বালাস না। খেলা দেখছি আমি।

দ্রুত জবাব এলো মেন্টরের কাছ থেকে:

তুমি খেলা দেখছো না, অলিভার। হাফ টাইমেই ঘুমিয়ে গিয়েছিলে তুমি। এমনকি ফ্রেঞ্চ ফ্রাইগুলো পর্যন্ত শেষ করোনি।

টেনশনে শক্ত হয়ে গেল অলিভারের শরীর। ‘মজা করা’ আর ‘ভয় দেখানো’র মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে, ওপাশের মেসেজদাতা সেই পার্থক্যের রেখাটা পার করে ফেলেছে। নিজের অজান্তেই সারা ঘরে একবার চোখ বোলালো অলিভার, তারপর খোলা জানালার দিকে তাকালো।

‘হচ্ছেটা কী?’ নিজেকে বললো ও। ‘আমি ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে শেষ করিনি, অথবা ঘুমিয়ে পড়েছিলাম হাফ টাইমে, তা মেসেজদাতা জানলো কী করে?’

কফি টেবিলের ওপরে সেলফোন নামিয়ে রেখে সোজা হয়ে দাঁড়াতে গেল ও।  কিন্তু সেটা করতে গিয়ে মাথা ঘুরে উঠলো ওর, গত কয়েক ঘণ্টা ধরে মদ গেলার ফল। ‘এসব কী ঘোড়ার ডিম হচ্ছে?’  নিজেকে স্থির করলো অলিভার, তারপর মাথা নেড়ে মাথাটা পরিষ্কারের চেষ্টা করলো। তারপর জানালার দিকে এগোলো।

মিসেস মাইলসের বাড়ির সব আলো নেভানো। তার আশেপাশের সব প্রতিবেশীর বাড়ির আলোও নেভানো।  বাইরের রাস্তা কিছুক্ষণ চেক করে জানালা টেনে আটকে দিলো অলিভার। আরেকটা জানালাও একইভাবে বন্ধ করে দিলো। কাজটা শেষ করে কাউচে এসে বসতেই আরেকবার বিপ শব্দ করে ভাইব্রেট করে উঠলো ফোনটা। একই সাথে, মাথাটা ঘোলা হওয়ার পরিমাণও যেন আরও এক ধাপ বেড়ে গেল। ফোনটা তুলে নিয়ে মেসেজ চেক করলো ও।

কোনো ঘোড়ার ডিম হচ্ছে না, অলিভার।

বিস্ফারিত চোখে শব্দগুলোর দিকে তাকিয়ে থাকলো অলিভার। ঘোড়ার ডিম শব্দটা টাইপ করেনি ও, জোরে বলেছিল। এটা কাকতালীয় হতে পারে না।

ডিং, ডিং। নতুন মেসেজ এলো।

দুর্ভাগ্যজনকভাবে, জানালাটা বন্ধ করে আটকে দেওয়ার পক্ষে একটু দেরিই হয়ে গেল, তাই না অলিভার?

পেটের মধ্যে পাক দিলো অলিভারের, কী করবে বুঝতে না পেরে নিজের অজান্তেই বাঁ থেকে ডানে চোখ বোলালো। কিছুই নেই।

ডিং, ডিং।

আমি তোমাকে বলছি, কীভাবে তোমার ফ্রেঞ্চ ফ্রাই আর তোমার ঘুমিয়ে পড়া সম্পর্কে জানি, অলিভার?

অলিভার শেষ মেসেজটা পড়া শেষ করতেই কয়েক সেকেন্ডের জন্য দৃষ্টি একদম ঝাপসা হয়ে গেল। কিছু একটা ঠিক নেই। মাথা এত ঝিমঝিম করছে কেন ওর?

ডিং, ডিং।

কারণ, ইতোমধ্যেই আমি তোমার বাসার মধ্যে ঢুকে পড়েছি। তোমার পেছনে তাকাও।

কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *