একচল্লিশ
সিলমার ত্যাগ করার পঁয়তাল্লিশ মিনিট পরে ইউভিসি ইউনিটের অফিসে ফিরে এলো হান্টার। নিজের ডেস্কে বসে আছে গার্সিয়া, মুখ অন্ধকার করে কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে আছে।
‘এটা যদি উন্মত্ততা না হয়,’ হান্টারের দিকে তাকিয়ে বললো সে। ‘তাহলে আর কোন জিনিসটাকে উন্মত্ততা বলা হবে, তা আমার জানা নেই।’
‘ভিডিয়োর কথা বলছো বলে অনুমান করছি,’ জবাব দিলো হান্টার।
পুলিশ প্রশাসন ভবনে ফেরার পথে ট্রয়কে খুনির পাঠানো ভিডিয়োটা গার্সিয়া আর সাইবার ফরেনসিকস ল্যাবের কাছে পাঠিয়ে দিয়েছে ও।
‘কী নৃশংস আর বীভৎস!’ মন্তব্য করলো গার্সিয়া, সামান্য শিউরে উঠলো। তারপর আবার কম্পিউটার স্ক্রিনের দিকে চলে গেল তার দৃষ্টি। ‘এই ভিডিয়োতে যা দেখিয়েছে খুনি, তা বীভৎস, নৃশংস, দানবীয়, নির্মমতা সবকিছুকেই অতিক্রম করে গেছে। ভিডিয়োটাকে বর্ণনা করার মতো যুতসই শব্দ আর আমার ভাণ্ডারে নেই।’
‘আমি জানি,’ জবাব দিলো হান্টার, অসহায় শোনালো তার কণ্ঠ।
‘তুমি সেখানেই ছিলে?’
নড করলো হান্টার। ‘মাত্র কয়েক গজ দূরে।’
নিজের চেয়ারে বসে পড়লো গার্সিয়া। ‘তোমার কি মনে হয়, লোকটা জানতো? মানে, তুমি যে ওই বাড়িতে আছো, তা কি সে জানতো?’
শ্রাগ করলো হান্টার, নিজের ডেস্কে বসে পড়লো। ‘সম্ভবত। নির্ভর করছে, ট্রয়কে ভিডিয়োটা পাঠানোর আগে কতক্ষণ সে বাইরে অপেক্ষা করেছে। খুব বেশি হলে মেসেজটা আসার দশ থেকে পনেরো মিনিট আগে আমি ওই বাড়িতে ঢুকেছিলাম। তারপর থেকে সময়ের হিসেব আর রাখতে পারিনি,’ বললো হান্টার। ‘ট্রয় মেসেজ পাওয়ার পর থেকে শ্যানন আমাকে কল করা পর্যন্ত কতটা সময় পার হয়েছিল, সে ব্যাপারে আমি নিশ্চিত নই, তবে সময়টা কোনোভাবেই তিন থেকে চার মিনিটের বেশি হবে না। কিন্তু তার মধ্যেই ভেগে যায় লোকটা।’
‘তোমার কি মনে হয়, লোকটা আমাদেরকে চ্যালেঞ্জ করার চেষ্টা করছে?’
পার্টনারের দিকে তাকালো হান্টার, চোখজোড়ায় সতর্কতা।
‘প্রশ্নটা জিজ্ঞেস করছি,’ বললো গার্সিয়া, ‘কারণ…’ পার্টনারের চোখে ভেসে ওঠা প্রশ্ন পড়তে পারলো হান্টার। ‘কারণ, সে এবার জিপিএস চালু রেখেছিল।’
‘ঠিক ধরেছো। এরকমই একটা মেসেজ জ্যানেটকে গতকাল পাঠিয়েছে খুনি। জিপিএস চালু ছিল না। আজ ট্রয়কে একটা মেসেজ পাঠালো সে, এবারে কী হলো? জিপিএস যে চালু আছে, তা কি ভুলে গিয়েছিল? এটা মেনে নিতে পারছি না আমি। এক সেকেন্ডের জন্যেও না। সে আমাদেরকে জানাতে চেয়েছিল, সে ওভাবেই আছে; যার মানে দাঁড়াচ্ছে, তুমি যে ওই বাড়িতে আছো, তা সে জানতো, রবার্ট।’
‘শ্যানন আমাকে জানিয়েছে, মেসেজ পাঠানোর সাথে সাথেই ফোনটা বন্ধ করে দেওয়া হয়।’
‘সেটা জানি না, রবার্ট। তবে আমার ধারণা, খুনির প্রবৃত্তি হয়তো তার নিষ্ঠুরতাকে অতিক্রম করে গেছে। হয়তো চ্যালেঞ্জ চাচ্ছে সে। “ক্যাচ মি ইফ ইউ ক্যান” গেমের ভক্ত। আমরা যে এরকম অনেক অপরাধীর মুখোমুখি হয়েছি, তা ঈশ্বর জানেন। আমি একেবারেই অবাক হবো না, যদি দেখি হুট করে খুনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ শুরু করেছে।’
‘আমিও না,’ একমত হলো হান্টার। ‘ইতোমধ্যে সিলমারের ট্র্যাফিক ডিভিশনের সাথে যোগাযোগ করেছি আমি, মিসেস ফস্টারের বাড়ির কাছের ট্র্যাফিক ক্যামেরাগুলোর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছি।’ মাথা নাড়লো ও। ‘চেষ্টা তো করতেই হবে। ফুটেজটা দেখতে বললাম রিসার্চ টিমকে, তবে আমার মনে হয় না কিছু পাওয়া যাবে। একদম কাছের ক্যামেরাগুলোও একেবারে কাছে নয়, দুটো ক্যামেরাই মিসেস ফস্টারের বাড়ি থেকে তিন ব্লক পূর্ব আর উত্তরে অবস্থিত। ওখানে অনেকগুলো রাস্তা, যে-কোনো একটা ধরে খুব সহজেই পালিয়ে যাওয়া সম্ভব। এই গেল সমস্যা নাম্বার এক। সমস্যা নাম্বার দুই হলো, আমরা জানিও না, কোন গাড়িটা খুঁজছি আমরা।’
ভ্রূ উঁচিয়ে হান্টারের দিকে তাকালো গার্সিয়া।
‘হ্যাঁ,’ বললো হান্টার, ‘আমরা জানি, সোমবার রাতে কার্স্টেনকে অপহরণ করার সময় ট্রয়ের পিকআপ ট্রাকের মতোই একটা পিকআপ ট্রাক ব্যবহার করেছিল খুনি। কিন্তু এই বান্দা তো খুবই ধূর্ত। সম্ভবত আমরা যা ভাবছি, তার চাইতেও অনেক বেশি। তাই সেই রাতে চুরি করে অথবা ভাড়া করে একই রকম একটা ট্রাক হস্তগত করে সে, সেই সম্ভাবনা অনেক বেশি। আজ, সিলমারে, একটা মোটরবাইকও ব্যবহার করে থাকতে পারে, সেটাও আমরা জানি।’
‘হ্যাঁ, আরও এক দফা দুর্ভাগ্য আমাদের,’ বললো গার্সিয়া, নিজের কম্পিউটারে আরেকটা ফাইল খুললো সে। ‘একই চিন্তা আমার মাথায়ও এসেছে। তাই চুরি হওয়া গাড়িগুলোর রিপোর্ট, রেন্টাল কোম্পানি আর ব্যবহৃত গাড়ির ডিলারদের বিষয়ে চেক করছিলাম।’
‘সব ঠিক আছে?’
‘ওয়েল, ট্রয় একটা ফোর্ড এফ-১৫০ পিকআপ ট্রাক চালায়, ২০১৪ মডেলের।’
‘হ্যাঁ, ঠিক।’
‘এবার এগুলো দেখো।’ পার্টনারকে কাছে আসার ইশারা করলো গার্সিয়া।
গার্সিয়ার ডেস্কের দিকে এগোনোর জন্য নিজের ডেস্ক ছেড়ে উঠলো হান্টার।
‘এটা হলো ফোর্ড এফ-১৫০ পিকআপ ট্রাক, ২০১৪ মডেল,’ ব্যাখ্যা করলো গার্সিয়া, স্ক্রিনে স্থির হয়ে থাকা ছবিটার দিকে ইশারা করলো। ‘ওকে।’
‘সামনের দিক,’ পরের ছবিতে যাওয়ার জন্য ক্লিক করার আগে বললো গার্সিয়া। ‘আর পেছনের দিক।’
এরপর গার্সিয়া কী বলতে যাচ্ছে, তা অনুমান করতে পারলো হান্টার।
‘এবার এটা দেখো।’ আবার ক্লিক করলো গার্সিয়া, এবারে নতুন ছবি। ‘এটা ২০১৪ সালের শেভি সিলভারাডো ১৫০০। সামনের দিক এবং…’ আরেকবার ক্লিক। ‘পেছনের দিক।’
দীর্ঘশ্বাস ফেললো হান্টার। সামনে ও পেছন থেকে ফোর্ড এফ-১৫০ এবং শেভি সিলভারাডো ১৫০০’কে দেখতে ঠিক একইরকম লাগে।
আবার ক্লিক করলো গার্সিয়া। ‘এটা ২০১৪ জিএমসি সিয়েরা ১৫০০। সামনের দিক, পেছনের দিক।’ প্রায় হুবহু একইরকম।
আরেকটা ক্লিক। ‘২০১৪ র্যাম ১৫০০, সামনের দিক ও পেছনের দিক।’
আবার ক্লিক। ‘২০১৪ টয়োটা তুন্দ্রা, সামনের দিক ও পেছনের দিক।’
শেষ ক্লিক। ‘এবং সব শেষে ২০১৪ নিসান টাইটান, সামনের দিক ও পেছনের দিক।’
পরাজয় ফুটে উঠলো হান্টারের চেহারায়। পাঁচটা পিকআপের চেহারাই একইরকম, সামনে, পেছনে দু’দিক থেকেই। পিকআপ বিশেষজ্ঞ না হলে কেউই পাঁচটা পিকআপের পার্থক্য বের করতে পারবে না।
‘কার্স্টেনকে অপহরণ করার রাতে খুনি এগুলোর যে-কোনো একটা ব্যবহার করে থাকতে পারে,’ আবার বললো গার্সিয়া। ‘আর মি. হেনেসির মতো কোনো প্রতিবেশী যদি দেখেন, তবে গাড়িটাকে ট্রয়ের ফোর্ড এফ-১৫০ হিসেবে বিশ্বাস করার শতভাগ কারণ আছে তার, বিশেষ করে রাতে। এবং আমি নিশ্চিত, খুনিও সেটা জানতো।’
ধীরে নড করলো হান্টার। ‘যেমনটা বলেছি, এই বান্দা ধূর্ত।’
‘খুবই,’ একমত হলো গার্সিয়া, কোনার দিকে রাখা কফি মেশিনের দিকে এগিয়ে গেল। ‘এই ভিডিয়োটা তার আরেকটা উদাহরণ, পাঁচটা খুবই ছোটো অংশ, জঘন্য আলোয় দুরূহ কোণ থেকে ভিডিয়ো করা। ভিকটিমের নিচের রাস্তাটাও ঠিকমতো দেখা যায় না, এমন অবস্থা। লোকেশন চিহ্নিত করার জন্য সম্ভাবনা দুটো, জিরো ও শূন্য। যদি না সাইবার ফরেনসিকস কোনো মিরাকল ঘটিয়ে ফেলে।’
সেটাও ঘটবে কিনা, সে বিষয়ে নিশ্চিত হতে পারলো না হান্টার।
‘কফি?’ অফার করলো গার্সিয়া।
‘প্লিজ।’
দুটো বড়ো মগে কফি ভরলো গার্সিয়া, একটা হান্টারের হাতে দিলো। তারপর ছবির বোর্ডের দিকে ফিরে তাকালো।
‘গতকাল খুনির জ্যানেটকে পাঠানো ক্লিপটা দেখেই আমরা হতভম্ব হয়ে গিয়েছিলাম…’ বলে নিষ্প্রাণভাবে হাসলো সে। ‘এই ভিডিয়োটা তো সেটাকেও ছাড়িয়ে গেছে। ট্রয় ভিডিয়োটা দেখে যে কেমন অনুভব করেছে, তা তো অনুমানই করতে পারছি…’
‘পুরো ক্লিপটা দেখেনি সে,’ পার্টনারের কথায় বাধা দিলো হান্টার, কী ঘটেছে তা ব্যাখ্যা করলো না।
‘তার মানে, ভিডিয়োর শেষে লিখিত মেসেজটা দেখেনি?’ জানতে চাইলো গার্সিয়া।
‘আমি থাকাবস্থায় দেখেনি।’
ভ্রূ কুঁচকে পার্টনারের দিকে তাকালো গার্সিয়া। ‘কিন্তু তুমি তো মাত্র বললে যে তাকে ভিডিয়ো ডিলিট করতে দেখেছো।’
‘হ্যাঁ, দেখেছি।’
‘তার মানে, ভিডিয়োটা ডিলিট হয়েছে। না-কি খুনি আরেকবার ভিডিয়োটা তাকে পাঠাবে? কী মনে হয় তোমার?’
কোনো অ্যাটাচমেন্ট ফোনের মেমোরিতে স্বয়ংক্রিয়ভাবে সেভড হওয়ার ফিচারের বিষয়ে গার্সিয়াকে বললো হান্টার। নিজের ফোনে একই ফিচার থাকা সত্ত্বেও গোটা বিষয়টা বেমালুম ভুলে গিয়েছিল গার্সিয়া।
‘ট্রয় আমাকে বলেছে যে তার ফোনে ফিচারটা নিষ্ক্রিয় করা আছে।’
নিজের কফিতে চুমুক দিলো গার্সিয়া, এক সেকেন্ড হান্টারকে পড়ার চেষ্টা করলো। ‘তোমার ধারণা, মিথ্যে কথা বলেছে সে?’
গার্সিয়া জানে; কারো শারীরিক ভাষা, বলা কথা, ক্ষুদ্রাতিক্ষুদ্র আচরণ, চোখের নড়াচড়া, চামড়ার রঙবদল, কণ্ঠের ওঠানামা থেকে হান্টার বলে দিতে পারে লোকটা মিথ্যে বলছে কিনা। এ বিষয়ে হান্টার একজন বিশেষজ্ঞ, যে কারো চাইতে বেশি দক্ষ।
‘সম্ভবত না,’ জবাব দিলো হান্টার।
‘তাহলে সেটা একটা ভালো বিষয়, কী বলো? এর মানে, শেষ মেসেজটা আর দেখতে পাবে না সে, শেষ মেসেজটা মাথা নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট।’
নড করলো হান্টার। কিন্তু ও জানে, এখানে একটা ‘কিন্তু’ আছে, যার ফলে বিপজ্জনক একটা অনুমান করে নেয় লোকেরা। কেউ মিথ্যে বলছে না মানে এই নয় যে সে সত্যি বলছে। কিন্তু কারো আচরণ পড়ার ব্যাপারে একজন বিশেষজ্ঞ হওয়া সত্ত্বেও ট্রয়ের ব্যাপারে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারছে না ও। তার কারণও আছে অবশ্য। ট্রয়ের সবকিছু—তার শারীরিক ভাষা, কণ্ঠের ওঠানামা, চোখের নড়াচড়া, সবকিছুই অনির্ভরযোগ্য; কারণ সবগুলোতেই দুঃখ, বেদনা আর শোকের ছাপ স্পষ্ট ছিল।
‘তুমি কি ভিডিয়োটা বড়ো স্ক্রিনে দেখেছো?’ জিজ্ঞেস করলো হান্টার।
‘হ্যাঁ,’ জবাব দিলো গার্সিয়া, বলে নিজের ডেস্কে রাখা কম্পিউটার মনিটরের দিকে ইশারা করলো। ‘নিজেই দেখে নাও। আরেকবার এই জিনিস দেখতে পারবো বলে মনে হয় না। মাফ চাই। এই জিনিস আমার জীবনে দেখা সবচেয়ে অসুস্থ আর দুঃখজনক জিনিস।’
একমত না হয়ে পারলো না হান্টার।
‘ক্যাব ড্রাইভারের সাথে কথা হয়েছে তোমার?’ গার্সিয়ার ডেস্কে বসতে বসতে জিজ্ঞেস করল হান্টার। ‘কিছু পেলে?’
গার্সিয়ার কী-বোর্ডে স্পেস বারে চাপ দিতেই ভিডিয়োটা প্রথম থেকে শুরু হলো। সাতাশ ইঞ্চির স্ক্রিনে ভিডিওটা দেখতে গিয়ে নির্মমতা যেন নতুন এক রূপে আবির্ভূত হলো, বিশেষ করে তৃতীয় অংশে, ফুটেজ যখন কার্স্টেনের চোখজোড়ার ওপরে জুম করা। বড়ো স্ক্রিনে হান্টার স্পষ্ট দেখতে পেলো, আশার আলো ক্রমেই চোখজোড়া থেকে হারিয়ে যাচ্ছে। মেয়েটা জেনে গেছে, মৃত্যু আসন্ন।
ভিডিয়ো শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলো গার্সিয়া, তারপর পার্টনারের উদ্দেশ্যে মুখ খুললো।
‘ড্রাইভারের কাছ থেকে কিছু জানা যায়নি,’ বললো সে, কফিতে আরেকবার চুমুক দিলো।
‘তাই? কোনো তথ্যই দিতে পারেনি লোকটা?’
‘মহিলাটা,’ জবাব দিলো গার্সিয়া, কফির মগ নামিয়ে রেখে ডেস্ক থেকে একটা নোটপ্যাড তুলে নিলো। ‘লিন্ডা ইভান্স। খুবই চমৎকার মহিলা। পঁয়তাল্লিশ বছর বয়স। রবিবার সকালে ফ্রিহ্যান্ড হোটেল থেকে মেলিসাকে পিক করার কথা মনে আছে তার। তার রেকর্ড দেখালো পিক-আপ হয়েছিল রাত ১:২৯-এ।’
‘হ্যাঁ, তথ্যটা জানি আমরা,’ একমত পোষণ করে নিজের ডেস্কে ফিরে গেল হান্টার।
‘ড্রাইভটা ছিল হোটেল থেকে লেইমার্ট পার্কে অবস্থিত মেলিসার বাড়ি পর্যন্ত,’ কথা থামালো না গার্সিয়া। ‘এবং ড্রাইভটার স্থায়িত্ব ছিল আধা ঘণ্টারও কম। ড্রপ করার সময় ছিল রাত ১:৫৮।’ বলে নোটপ্যাডের পাতা ওল্টালো সে। ‘মিসেস ইভান্স জানিয়েছেন যে বেশ মাতাল ছিল মেলিসা। ক্যাব থেকে বেরোনোর পরে দরজাটা কয়েক চেষ্টার পরেও ঠিকমতো লাগাতে পারছিল না। আর মেলিসা যেহেতু মাতাল ছিল, তাই সে নিজের বাড়িতে না ঢোকা পর্যন্ত গাড়ি নিয়ে চলে যাননি মিসেস ইভান্স।’
‘খুবই ভালো একজন মানুষ, যা বোঝা যাচ্ছে,’ মন্তব্য করলো হান্টার।
‘তার একজন টিনেজ মেয়ে আছে। তিনি আমাকে জানিয়েছেন, একা একজন নারী ঘরে ফেরার পরে আক্রমণের শিকার হয়েছে, এমন অনেক ঘটনা তিনি শুনেছেন, বিশেষ করে তারা যখন মাতাল থাকে। প্রত্যেকবার একজন নারীকে নামিয়ে দেওয়ার পরে মাতাল হোক বা না হোক, রাত হোক বা না হোক, তারা নিজের বাড়িতে ঢোকা পর্যন্ত অপেক্ষা করেন তিনি।’
‘এই শহরে তার মতো মানুষ আরও দরকার।’
‘মেলিসা বাড়িতে ঢোকা পর্যন্ত যেহেতু তিনি অপেক্ষা করেছেন,’ আবার আগের কথার খেই ধরলো গার্সিয়া, ‘আমি তাকে জিজ্ঞেস করলাম, মেলিসা সদর দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিল, তা তিনি খেয়াল করেছেন কিনা।’
‘করেছেন না-কি?’
‘না। তিনি জানালেন যে, মেলিসা বাড়ির ভেতরে ঢোকার পরেই তিনি গাড়ি চালিয়ে চলে যান সেখান থেকে। কিন্তু মেলিসার বাড়িতে আমরা গিয়েছি। রাস্তা থেকে বেশ দূরে বাড়িটা, মনে আছে? রাস্তার ওপরে পার্ক করা এক গাড়ি থেকে, তাও আবার রাতের বেলায়, মেলিসা সদর দরজা খোলা রেখেছিল নাকি বন্ধ, তা দেখার জন্য বাজ পাখির চোখ থাকতে হবে।’
‘ঠিকই বলেছো,’ একমত হলো হান্টার। ‘কিন্তু খুনি কখনো বলেনি, মেলিসা সদর দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিল। খুনি বলেছিল, মেলিসা দরজায় তালা দিতে ভুলে গেছে। এমন তো হতেই পারে, সে দরজা বন্ধ করার পরে চাবি দিতে ভুলে গিয়েছিল। আর এখান থেকেই পরের প্রশ্নটা মাথায় আসছে আমার।’
অনুমান করলো গার্সিয়া। ‘মিসেস ইভান্স কাছাকাছি, অথবা মেলিসার বাড়ির আশেপাশে কাউকে খেয়াল করেছেন কিনা?’ এবার হান্টারের দিকে চেয়ে তার হতাশভাবে মাথা নাড়ার পালা। ‘তিনি জানিয়েছেন, যতদূর তার মনে পড়ে, রাস্তা ছিল একদম সুনসান। আমি আরও জিজ্ঞেস করেছিলাম, ফ্রিহ্যান্ড হোটেল থেকে তাদেরকে কেউ অনুসরণ করেছে, এমনটা তার মনে পড়ে কিনা। ওনার বক্তব্যানুযায়ী, কেউ অনুসরণ করেনি। মেলিসা ক্যাব থেকে বের হওয়ার পরে, ক্যাবের দরজা বন্ধ করতে বেগ পাওয়া, টলতে টলতে বাড়ির দিকে যাওয়া এবং শেষ পর্যন্ত বাড়িতে ঢোকা পর্যন্ত পুরো সময়টা মেলিসার বাড়ির সামনে পার্ক করা অবস্থায় ছিলেন তিনি, আর এই সময়ের পরিমাণ প্রায় পাঁচ মিনিট। এই গোটা সময়টাতে একটা গাড়িও রাস্তায় দেখেননি বলে জানিয়েছেন মিসেস ইভান্স। নাহলে তিনি হেডলাইট দেখতে পেতেন।’
নোটপ্যাডটা ডেস্কে নামিয়ে রাখলো গার্সিয়া। ‘যার মানে, খুব বেশি দূরে অগ্রসর হতে পারিনি আমরা।’ নিজের কফি শেষ করে আবার নিজের চেয়ারে বসে পড়লো সে।
‘আমি জানি,’ বললো হান্টার, পার্টনারকে আশ্বস্ত করার চেষ্টা করলো। ‘কিন্তু আরও অনেক লোকের সাথে কথা বলতে হবে। দুজন ভিকটিমের সাথেই রোমান্টিক সম্পর্ক ছিল খুনির, এরকম একটা সম্ভাবনা জোরদার আছে। দুজন ভিকটিমের জীবনের ব্যাপারেই ঘাটতে হবে আমাদের, দেখতে হবে তাদের মধ্যে কোনো যোগসূত্র পাওয়া যায় কিনা। কারণ, তারা কোনোভাবেই দৈবচয়নের ভিত্তিতে বেছে নেয়া হতে পারে না।’
একমত হলো গার্সিয়া, চেয়ার টেনে ডেস্কের দিকে এগিয়ে গেল। ‘আমি মাত্র তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ঘাঁটা শুরু করেছিলাম,’ বলে নিজের হাত বাতাসে উঁচু করলো সে। ‘…আমি জানি না, তাদের মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা, আর তখনই তোমার মেসেজে ফরোয়ার্ড করা ভিডিয়োটা পাই।’ ঘাড়ের পেছন দিকটা ডললো সে। ‘মিথ্যে বলবো না, রবার্ট। ভিডিয়োটা আমাকে নাড়িয়ে দিয়েছে একেবারে। এই মাত্র নৃশংসতা রীতিমতো অস্বস্তিকর, এমনকি আমাদের মতো মানুষদের জন্যেও। আমি জানি যে, খুনি যা করছে, সবকিছুরই একটা অর্থ আছে বলে আমাদের বিশ্বাস। কিন্তু সিরিয়াসলি?’ বলে মনিটরের দিকে চেয়ে নড করলো সে। “আমি একজন উন্মাদ, এবং আমি এমনভাবে মানুষদেরকে আঘাত করি, যেটা এর আগে কেউ করেনি’—এই অর্থ ছাড়া এই ভিডিয়োর আর কী অর্থ থাকতে পারে?’
একমত হতে হলো হান্টারকে। এলএপিডি ইউভিসি ইউনিটে কাজ করার সুবাদে এমন সব খুনিদের পেছনে ধাওয়া করেছে ও আর গার্সিয়া, যাদের নৃশংসতা ছিল অবিশ্বাস্য রকমের। কিন্তু এই খুনি তাদেরকেও ছাড়িয়ে গেছে।
বেয়াল্লিশ
নিজের কাঁপুনি থামাতে কাউচে বসে নিজেকে জড়িয়ে ধরলো গ্রেস বাউয়ের। শক্তভাবে বসে আছে সে, দুই হাঁটু একটা আরেকটার সাথে লাগানো, কাঁধ অসাড় হয়ে আছে, টান টান হয়ে আছে গলার পেশি।
‘শপথ করে বলছি, আমি ভেবেছিলাম, আমি অনেক শক্তিশালী,’ বললো সে, ক্লান্ত ও রুক্ষ শোনালো তার গলা। ‘আমার দিকে তাকান। প্রথম সেশন থেকে একটু একটু করে ভেঙে পড়ছি আমি, কিন্তু জানি না, কী করবো আমি, অথবা কী করা উচিত আমার। ওষুধগুলো খেয়ে কোনো লাভ হচ্ছে না।’
লাল টকটকে রঙের চেস্টারফিল্ড আর্মচেয়ারে গ্রেসের মুখোমুখি বসে আছে জোসি গ্রিফিথ, বাঁ পা ডান পায়ের ওপরে তুলে দিয়েছে। আরাম করে বসে আছে সে, হাতজোড়া উরুর ওপরে রাখা, হাতে নোটপ্যাড ধরা। গ্রেসের কনসাল্টেশন শিট অনুযায়ী, প্রায় দশ মাস আগে প্যাক্সিল ও ব্রিনট্যালিক্স জাতীয় অ্যান্টিডিপ্রেস্যান্ট প্রেসক্রাইব করা হয়েছিল তাকে। কাজও হচ্ছিল তাতে। কিন্তু বর্তমানে তার মানসিক বিষণ্ণতা এমন পর্যায়ে পৌঁছেছে যে সেই ওষুধ আর যথেষ্ট নয়। আঠারো মাস আগে গুরুতর অবসাদ আর উদ্বেগ ধরা পড়ার আগে সেটাই ছিল গ্রেসের প্রথম সাইকোথেরাপি সেশন। এবং গ্রেসের যতদূর মনে পড়ে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সেবারই প্রথম কেউ তার কথা পাঁচ মিনিটেরও বেশি সময় মনোযোগ দিয়ে শুনেছিল।
‘প্রত্যেকটা দিন একইরকম,’ আগের কথার খেই ধরলো গ্রেস, চোখ পানিতে টলটল করছে, যে-কোনো সময় গড়িয়ে পড়বে। ‘সকালে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না। কাজে যেতে ইচ্ছে করে না। খেতে ইচ্ছে করে না। রাতের বেলা স্বামীর সাথে বিছানায় যেতে ইচ্ছে করে না। বন্ধুদের সাথে কথা বলতে ইচ্ছে করে না। বাইরে যেতে ইচ্ছে করে না,’ বলে বিরতি দিলো সে, কোলের ওপরে ভাঁজ করা হাতের দিকে তাকালো। সামলে নিলো নিজেকে, অশ্রু গড়িয়ে নামলো না গাল বেয়ে। ‘এই জীবনটা আর আমার ভালো লাগে না।’
ডাউনটাউন এলএ’তে অবস্থিত নিজের তৃতীয় তলার অফিসের জানালা দিয়ে অপর পাশের লম্বা অফিস টাওয়ারের দিকে তাকালো জোসি। ঠিক কতজন মানুষ নিজের ইচ্ছায় অফিসে এসেছে, এক মুহূর্তের জন্য জানতে ইচ্ছে হলো তার। ঠিক কতজন মানুষ যে চাকরিটা করছে, তা তারা আসলেই করতে চায়। তার দৃষ্টি রাস্তা ধরে ট্র্যাফিক লাইটের সামনে সারি বেঁধে দাঁড়িয়ে থাকা গাড়ির দিকে চলে গেল। এই গাড়িগুলোতে বসে থাকা মানুষগুলো যেখানে যাচ্ছে, তাদের মধ্যে ঠিক কতজন নিজের ইচ্ছায় যাচ্ছে, ভেবে বিস্ময় বোধ করলো। এদের মধ্যে কতজন নিজের ইচ্ছায় বাড়িতে বা কোনো সম্পর্কে ফিরতে চায় আসলে? কুৎসিত সত্যটা হলো, এই গ্রহের মাত্র গুটিকয়েক মানুষেরই নিজের পছন্দের চাকরিটা করার বিলাসিতা আছে। নিজের পছন্দের জীবনটা খুব কম মানুষই যাপন করতে পারে, এমনকি তারা ধনী হলেও। নিজের অফিসে বসে গ্রেসের কথা শুনতে শুনতে জোসির মনে হলো, অলিভারের মতো কাউকে জীবনে পাওয়ায় ও কতটা ভাগ্যবতী, অলিভারের ভালোবাসা পেয়ে, অলিভারকে ভালোবাসতে পেরে ও কতটা ভাগ্যবতী।
‘আমি আর এই জীবনটা চাই না’—একজন সাইকোথেরাপিস্টের কাছে কারো এই বয়ান হলো সকল লাল নিশানের জননী।
‘আপনি কি নিজেকে আঘাত করার কথা ভাবেন, গ্রেস?’ রোগীর দিকে তাকিয়ে শান্তস্বরে জিজ্ঞেস করলো জোসি।
অন্য দিকে তাকালো গ্রেস, নার্ভাসভাবে জিভ দিয়ে দাঁতের প্রান্ত ভেজালো। আঙুলের ডগা দিয়ে খুব সাবধানে চোখের পানি মুছে ফেললো। জোসির প্রশ্নের কোনো উত্তর সে দিলো না।
‘অন্য কাউকে আঘাত করার কথা ভাবেন?’ অন্য পথ নিলো জোসি, কণ্ঠ আগের মতোই শান্ত।
গলা পরিষ্কার করার জন্য কাশলো গ্রেস, কিন্তু মুখে ভেতরটা শিরিষ কাগজের মতো শুষ্ক বলে মনে হলো তার। মুখ যখন খুললো, কণ্ঠটাও সেরকম রুক্ষ শোনালো। ‘আমি শুধু চাই, আমার ভেতরের ভয়ানক অনুভূতিটা চলে যাক। আমি আর এরকম অনুভব করতে চাই না। আমার চাওয়া শুধু এটুকুই।’
তার প্রশ্ন এড়িয়ে গেল গ্রেস, স্পষ্ট বুঝতে পারলো জোসি। প্রশ্ন এড়ানোর কিছু স্পষ্ট নিদর্শন আছে—অন্য দিকে তাকানো, কেশে ওঠা, শরীরের এমন কোনো জায়গা চুলকানো যেখানে চুলকানোর কোনো প্রয়োজন নেই, চেহারা লাল হয়ে যাওয়া, ঠোঁট ভেজানো, অথবা অন্য কিছু করা… যখন কোনো স্বীকারোক্তি সে কাউকে জানাতে চায় না। তবে এটা নিয়ে কথা চালিয়ে যাওয়া প্রয়োজন, কারণ বিষয়টা ওকে খুবই ভাবাচ্ছে।
‘ভেতরে কেমন অনুভব করেন, তা আমাকে বলুন গ্রেস। অনুভূতিটা ঠিক কেমন? কেন এটা এত ভয়ঙ্কর?’
আরেকবার নিজের সাইকোথেরাপিস্টের দিকে তাকালো গ্রেস, তবে তার দৃষ্টিতে শুধুই শূন্যতা, এমনকি প্রাণহীনও মনে হলো। সুন্দর, কালো চোখজোড়ায় বেদনা ছাড়া আর কিছু নেই।
‘অনুভূতিটা এমন যে, ভেতরে কিছুই নেই,’ প্রাণহীন গলায় বললো গ্রেস। ‘ভেতরটা একদম ফাঁকা। কতটা মূল্যহীন আমি, তা প্রত্যেকদিন অনুভব করি।’
রোগীর চোখে আবার পানি জমা হচ্ছে, দেখলো জোসি। গ্রেসের বয়স পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে, কিন্তু এখনো খুব আকর্ষণীয়া। খাড়া নাক, নিখুঁত মাপের চোয়াল, মেহগনিরঙা ঢেউ খেলানো চুল আর রাতের মতো কালো ও গোল চোখজোড়া। এই বয়সেও শরীরের বাঁধুনি দুর্দান্ত তার। গোটা সেশন জুড়ে জোসিকে নিজের সম্পর্কে ও নিজের জীবন সম্পর্কে অনেক কিছু বলেছে গ্রেস। জোসিকে সে জানিয়েছে, বাইশ বছর বয়সে স্বামী ডেটন বাউয়েরের সাথে বিয়ে হয় তার। স্বামী ছিল তার চাইতে বারো বছরের বড় এবং প্রচুর অর্থসম্পদের মালিক। স্টক মার্কেটের মাধ্যমে প্রচুর টাকাকড়ি কামিয়েছিলেন। প্রথমে গ্রেসের মনে হয়েছিল, ডেটন বাউয়েরকে বিয়ে করলে খুব সুখী হবে সে। কিন্তু আজ কুড়ি বছর পরে তার বাহ্যিক সৌন্দর্য যখন কমতে শুরু করেছে, অথবা সেরকমটাই তার ধারণা, সে সিদ্ধান্ত নিয়েছে যে লোকটাকে বিয়ে করেছিল, তাকে সে কখনোই ভালোবাসেনি, ভালোবাসেনি নিজের নকল জীবনধারাকেও। সৌন্দর্য, সম্পদ আর বস্তুগত জিনিসে ডুবে থেকে নিজের আসল সত্ত্বাকে ভুলে গিয়েছিল সে, আর এখন জানে না, নিজের আসল সত্ত্বাকে কীভাবে ফিরে পাবে। এ-ও জানে না, আদৌ ফিরে পাওয়ার মতো কিছু আছে কিনা।
‘আপনার যে কাজ, সেটা করে কি আপনি সন্তুষ্ট নন?’ জিজ্ঞেস করলো জোসি। ‘ভেতরে যে শূন্যতা আপনি অনুভব করেন, কাজের মাধ্যমে সেটার সাথে কি কোনো সংযোগ অনুভব করেন না? যে কাজটা করেন, সেটা উপভোগ করেন না?’
গ্রেস ইতোমধ্যে জোসিকে জানিয়েছে যে, নিজের ইন্টেরিয়র ডেকোরেটিং বিজনেস আছে তার। এ-ও জানিয়েছে, কয়েক বছর আগে বেশ কিছু হলিউড তারকার বাড়ি পুনরায় নকশা করার কাজ বাগিয়েছিল সে। এটা দরকার ছিল তার। কারণ, একবার তার ক্লায়েন্টের তালিকায় প্রভাবশালী ও নামজাদা লোকেদের নাম চলে আসলে পরের ক্লায়েন্টগুলো এমনিতেই আসে। এবং এই ক্লায়েন্টের স্রোত আর কখনো বন্ধ হয় না।
জোসির প্রশ্ন উড়িয়ে দেওয়ার ভঙ্গীতে হাসলো গ্রেস, নিজেকে জড়িয়ে ধরা অবস্থা থেকে ছাড়লো। হাতজোড়া কোলের ওপরে রাখলো।
‘আপনাকে একটা ছোটো গোপন কথা বলছি। আপনি তৈরি তো?’ বলে কাউচের ওপরে আরও আয়েশ করে বসলো সে। ‘ইন্টেরিয়র ডিজাইন বিষয়ে আমি কিছুই জানি না। আমার স্বামীর চাপে কাজটা শুরু করেছিলাম, সম্ভবত আমাকে সারাদিন বাড়িতে বসে থাকতে দেখে বিরক্ত হয়ে গিয়েছিল সে। বলেছিল, একটা ঘরকে “গুছিয়ে” রাখার ব্যাপারে পারদর্শী আমি।’ বিরতি দিলো গ্রেস, তারপর জোসির দিকে নড করে বললো, ‘হ্যাঁ, “গুছিয়ে”। এই শব্দটাই ব্যবহার করেছিল সে। আমি একজন প্রতারক। আমি কোনো ইন্টেরিয়র ডিজাইনার নই। আমি শুধু রঙের সাথে মিল রেখে আসবাব এমনভাবে সাজাই, যাতে সবার মনে হয়, এই ঘরে তাণ্ডব চালায়নি কেউ।’
সামান্য হাসার চেষ্টা করলো জোসি।
‘আমি সিরিয়াস,’ নিজের বলা কথার গুরুত্ব বোঝাতে বললো গ্রেস। ‘আপনি কিছু বাড়ি দেখলে আসলেই বিস্মিত হবেন। এই শহরের খুব কম লোকই ঘরের রঙের সাথে আসবাব মেলাতে পারে, বিশেষ করে ধনী ও বিখ্যাতরা। তারা শুধু কিনতেই পারে। তারপর সেগুলো দিয়ে ঘর ভরিয়ে ভাবে, যেহেতু এত টাকা খরচ করে কিনেছে, দেখতে নিশ্চয়ই ভালো লাগবে।’ বলে অসন্তোষের ভঙ্গীতে মাথা নাড়লো সে। ‘প্রথম কয়েকজন সেলিব্রেটির কাজ আমি পেয়েছিলাম আমার স্বামীর কারণে, আমি আমার কাজে খুব দক্ষ—এই কারণে নয়।’ শ্রাগ করলো সে। ‘লস অ্যাঞ্জেলসের মতো নকল ও নীরস একটা শহরে শুরু করার জন্য এটুকু যে কারো লাগবেই। বাকিরা ভেড়ার পালের মতো অনুসরণ করে যাবে শুধু। কীভাবে কাজ করে বিষয়টা, জানেন আশা করি?’ বলে নাকি কণ্ঠে অনুকরণ করার চেষ্টা করলো। ‘জানো, সে অমুকের বাড়ির ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ করেছে। নিশ্চয়ই খুব কাজের লোক। চলো তাকে ভাড়া করি, হানি।’
আরেকবার হাসার চেষ্টা করলো জোসি।
সামনের দিকে ঝুঁকলো গ্রেস, চোয়াল ঝুলে পড়লো, যেন কোনো ওজন চাপিয়ে দেওয়া হয়েছে তার ওপরে। অপরাধবোধ? গ্লানি? নাকি দুইয়ের মাঝামাঝি কিছু?
‘সত্যিটা হলো,’ ক্ষমা প্রার্থনার সুরে বললো সে, ‘আমি নিজের কাজে পারদর্শী নই। আমি শুধু রঙের সাথে আসবাব মিলিয়ে একটা ঘরে রাখতে পারি, শুধু এটুকুই।’
গ্রেসকে দায়িত্ব দেওয়া হলে সে কীভাবে তার অফিস সাজাতো, তা না ভেবে পারলো না জোসি। এক সেকেন্ডের জন্য নিজের বাঁয়ে থেকে ডানে তাকালো ও। ওর অফিস কি বেশি অন্ধকার? বেশি উজ্জ্বল? বেশি রঙিন? জানালা দিয়ে বাইরে চলে গেল ওর দৃষ্টি, অন্যমনস্কভাবে দুই তলা নিচে তাকালো।
আর তখনই লোকটাকে দেখতে পেলো জোসি।
রাস্তার ওপাশের সাইডওয়াকে এক ভবনের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে লোকটা, লম্বা ও শক্তপোক্ত একজন মানুষ সে। স্রেফ দাঁড়িয়েই আছে। কালো জ্যাকেটের জিপার গলা পর্যন্ত টেনে দিয়েছে সে, মাথার ওপর শক্তভাবে টেনে দিয়েছে হুডি। হাতজোড়া পকেটের ভেতরে ঢোকানো। সত্যি কথা বলতে, লোকটাকে অন্য সবার মধ্যে কোনো কারণেই আলাদাভাবে চোখে পড়বে না। তবে একটা ব্যাপার ছাড়া। সে সরাসরি জোসির অফিসের দিকে তাকিয়ে আছে। এক মুহূর্তের জন্য এক হলো দুজনের চার চোখ, কিন্তু দ্রুত চোখের পাতা ফেলে অন্য দিকে তাকালো লোকটা। জোসিও চোখের পাতা ফেললো, এবং চোখের পাতা ফেলতেই দেখলো, উধাও হয়েছে আগন্তুক। বাঁ থেকে ডানে দৃষ্টি দিয়ে তল্লাশী চালালো জোসি, কিন্তু মানুষের সমুদ্রে হারিয়ে গেছে লোকটা।
আবার চোখ পিটপিট করে নিজের মনোযোগ গ্রেসের দিকে ঘোরালো জোসি, নিজের বাঁ কব্জির ওপরে ডান হাত রেখেছে ওর রোগী। বাঁ কব্জিতে জড়ানো দামি হাতঘড়িতে আঙুলগুলো তাদের ডগা ছুঁইয়ে দিচ্ছে।
‘এই জিনিসগুলো,’ বললো গ্রেস, গলার সাথে আলতোভাবে জড়িয়ে থাকা চেইনের লকেটটা স্পর্শ করলো। ‘আপনি কি জানেন, এগুলো কী?’
দেখে তো মনে হচ্ছে খুবই দামি কিছু—বলার কথা ভাবলো জোসি, তবে নিজেকে সামলালো সে, তার বদলে পেশাদারিত্বের সাথে প্রশ্ন ছুঁড়ে দিলো। ‘আপনার কাছে এই জিনিসগুলো কী?’
আরেকবার বাইরে তাকালো গ্রেস, তারপর জোসির দিকে তাকালো। আর তাকানোর সময় রাগের সামান্য একটা ছাপ দেখা গেল চোখজোড়ায়। শব্দ করে হাসলো সে। ‘জিনিসগুলো আমার কাছে আমার করা ভুলের স্মৃতিচিহ্ন… অনেকগুলো বছর আগে যে জেলখানায় আমি স্বইচ্ছায় ঢুকেছিলাম, তার স্মারক। অনেক ছোটো ছিলাম আমি, সেই সাথে ছিলাম খুব গরিব। এত গরিব ছিলাম যে আমি বোকার মতো বিশ্বাস করেছিলাম বস্তুগত জিনিসেই সুখ খুঁজে পাবো আমি।’ আবার নিজের গয়নার দিকে ইশারা করলো সে। ‘ওয়েল, খুঁজে পাইনি। কখনোই পাইনি। আমি এই জিনিসগুলোকে ঘৃণা করি, এত বোকা ও নির্বোধ ছিলাম বলে নিজেকেও ঘৃণা করি।’
গ্রেসের চিন্তাগুলো কতটা ভয়ঙ্কর ও ক্ষতিকর, তার কথা শুনে সেটা পরিমাপের চেষ্টা করলো জোসি। মাত্র কয়েক মিনিট সময়ের মধ্যে নিজেকে অথবা অন্য কাউকে আঘাত করতে ইচ্ছা হয় কিনা—সেই প্রশ্ন এড়িয়ে গিয়েছে ওর রোগী, নিজের জীবনকে একটা জেলখানার সাথে তুলনা করেছে। ‘ঘৃণা’ শব্দটা দু’বার ব্যবহার করেছে, তার মধ্যে একবার নিজের সম্পর্কে। চিন্তাগুলো কতটা ধ্বংসাত্মক হতে পারে, তা ভাবলো জোসি। ধ্বংসাত্মক হওয়ার চিহ্নগুলো জোসি শুধু গ্রেসের বলা কথা থেকে বুঝতে পারছে, তা নয়; গ্রেসের আচরণ, তার মুখভঙ্গী, তার গলার স্বর ও তার ওঠানামা এবং ইশারা-ইঙ্গিত থেকেও বুঝতে পারছে। এবং নিজেকে আঘাত করার এক তীব্র ইচ্ছার বিরুদ্ধে ক্রমাগত লড়তে হচ্ছে তাকে, যাকে বলে ‘টিকটিক করতে থাকা টাইম-বোমা’। এই কারণেই গ্রেস শেষ পর্যন্ত একজন সাইকোথেরাপিস্টের কাছে এসেছে কিনা ভাবলো জোসি, কারণ খুব, খুব ভয়ঙ্কর কিছু ঘটিয়ে ফেলার থেকে মাত্র এক চুল দূরে আছে গ্রেস। যেটাই হোক না কেন, জোসিকে আবার চেষ্টা করতে হবে।
‘মাঝে মাঝে কি চারপাশের সবকিছুতে বিমূঢ় বোধ করেন?’ জিজ্ঞেস করলো জোসি। ‘যে জীবনটা আপনি যাপন করেন?’
‘হাহ!’ হা হা করে হাসলো গ্রেস। ‘মাঝে মাঝে? বলুন “সবসময়”। আমি বলেছি আপনাকে, এই জীবনটা আমি ঘৃণা করি। আমি আর এই জীবনটা চাই না।’
আবার সেই কথা।
নিজের নোটপ্যাডে কিছু লিখলো জোসি। ‘আর সেই সময়গুলোতে কী ভাবেন?’ জিজ্ঞেস করলো ও। ‘আপনার কি মনে হয়, নিজেকে কোনোভাবে শাস্তি দেওয়া প্রয়োজন আপনার? অথবা শান্তি দেওয়া প্রয়োজন অন্যদেরকে?’
নিজের হাতজোড়ার দিকে তাকালো গ্রেস, দুই হাত দুই হাতকে আঁকড়ে ধরলো। তারপর গভীর চোখে জোসির দিকে তাকালো। অপেক্ষা করলো জোসি, কিন্তু গ্রেস শুধু নিজের ঘড়ি দেখলো।
‘পরের সপ্তাহে বসতে পারি কি আমরা, যদি আপনার স্লট ফাঁকা থাকে?’ জিজ্ঞেস করলো গ্রেস, নিজের হ্যান্ডব্যাগের দিকে হাত বাড়ালো। ‘এখন যেতে হবে আমাকে।’
আরও একবার ওর প্রশ্ন এড়ালো গ্রেস। রোগীর দিকে মনোযোগ নিবদ্ধ রাখলো জোসি। সময় সম্পর্কে পূর্ণমাত্রায় জ্ঞান আছে ওর। ‘আমাদের সেশনের এখনো পনেরো মিনিট বাকি আছে, গ্রেস।’
‘তাই না-কি?’ বলতে বলতে উঠে দাঁড়ালো গ্রেস।
জোসি দাঁড়ালো না। ও বলতে চাইল, গ্রেসই উঠে চলে যাচ্ছে ওর চেম্বার থেকে। গ্রেসের মাথার ভেতরে কী চলছে, তা আবিষ্কার করার বিষয়ে গ্রেসই অস্বীকৃতি জানিয়েছে।
‘হ্যাঁ, সময় বাকি আছে।’ আবার বললো জোসি, তবে তাতে তার রোগীর কোনো হেলদোল হলো না।
‘দুঃখিত, আমাকে এখন যেতেই হবে,’ আবার বললো গ্রেস, এবারে একটু দৃঢ়তার সাথে। দরজার দিকে তিন পা এগোলো সে, তারপর থেমে দাঁড়িয়ে শেষবারের মতো জোসির মুখোমুখি হলো।
‘আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে,’ জোসির চোখে চোখ রেখে বললো সে। তার কণ্ঠ মাপা, গলার স্বর দৃঢ়। ‘নিজের জন্য কোনো বিপদ বা হুমকি নই আমি, নই অন্য কারো জন্যেও। নিজের ব্যাপারে কিংবা অন্যের ব্যাপারে কখনো কোনো ক্ষতিকর বা ধ্বংসাত্মক চিন্তা ছিল না আমার। অন্যদের মধ্যে পশুপাখিও অন্তর্ভুক্ত।’
বুম।
জোসির অফিসে যেন একটা নিউক্লিয়ার বোমা বিস্ফোরিত হলো। জোসি অনুভব করলো, গ্রেসের বলা কথাগুলোর কয়েকটি শব্দ তার নার্ভকে একদম চেপে ধরেছে। দু’বার চোখ পিটপিট করলো সে, ঠিক শুনেছে কিনা নিশ্চিত হতে চাইলো। কারণ, গ্রেস বাউয়ের মাত্র যে কাজটা করেছে, তাকে মনোরোগের ভাষায় ‘কনট্র্যাক্ট ফর সেফটি’ বলে। কোনো সম্ভাব্য বিপজ্জনক রোগী হসপিটালে যাওয়া এড়াতে অথবা সিকিউর সাইকিয়াট্রিক ওয়ার্ডে ভর্তি হওয়া এড়াতে স্বইচ্ছায় এ ধরনের কথা বলে। হুট করেই জোসির মনে হলো সাইকিয়াট্রি ও মনোবিশ্লেষণ সম্পর্কে প্রচুর জ্ঞান রাখে গ্রেস বাউয়ের, কিন্তু বুঝতে দেয় না। সে জানতো যে এই সেশন রেকর্ড করা হচ্ছে, এবং তার ‘কনট্র্যাক্ট ফর সেফটি’ টেপে রেকর্ড হয়ে গেছে। যতক্ষণ না গ্রেস স্পষ্টভাবে বলার মাধ্যমে সেই ‘কনট্র্যাক্ট’ বাতিল করছে; পরবর্তী সেশনগুলোতে যতই সে নিজের বা অন্যদের জন্য বিপজ্জনক হোক না কেন, জোসি তাকে হাসপাতালে ভর্তি করতে পারবে না। ‘কনট্র্যাক্ট ফর সেফটি’র পরে সেটা সম্ভব হবে না।
‘সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ,’ মুখে হাসি ঝুলিয়ে বললো গ্রেস। ‘আশা করি, সামনের সপ্তাহে দেখা হবে আবার। আরেকবার অ্যাপয়েন্টমেন্ট নেয়ার জন্য ফোন দেবো আমি।’
গ্রেস বাউয়ের ওর অফিস থেকে বেরিয়ে যাওয়ার পরে কয়েক সেকেন্ড বসে থাকলো জোসি, ঠিক কী ঘটলো তা বুঝে ওঠার চেষ্টা করছে। তারপর নিজের অজান্তেই ঘুরলো, জানালা দিয়ে আবার বাইরে তাকালো। কী দেখতে চাচ্ছে, সে ব্যাপারে নিজেও নিশ্চিত নয়। শুধু গ্রেস অদৃশ্য হয়ে যাওয়ার আগে তাকে আরেকবার দেখতে চায়। হয়তো কোনো শোফার-চালিত দামি গাড়িতে উঠে বসেছে, অথবা নিচে নেমে স্রেফ জনসমুদ্রে মিশে গেছে।
যেটাই হোক, গ্রেসকে আর দেখতে পেলো না জোসি। বরং আগে যে লোকটাকে দেখেছিল, তাকে দেখতে পেলো। যে জায়গায় দাঁড়িয়ে ছিল, সে জায়গায় ফিরে এসেছে। শুধু দাঁড়িয়েই আছে, হাতজোড়া পকেটে ভরা। তাকে ভালো করে দেখার জন্য উঠে দাঁড়ালো জোসি, কিন্তু উঠে দাঁড়াতেই আরেকবার ভিড়ের মধ্যে মিশে গেল লোকটা, উধাও হয়ে গেল বাতাসে অদৃশ্য হয়ে যাওয়া ধোঁয়ার মতো।
তেতাল্লিশ
ক্যাপ্টেন ব্লেকের সাথে মিটিং করে ইউভিসি ইউনিটের অফিসে ফিরে এলো হান্টার আর গার্সিয়া, আর তখনই একটা নতুন মেইল এলো ওদের দুজনের কাছে। প্রেরকের নাম মার্টিন কার। মেইলের সাবজেক্টের জায়গাটা ফাঁকা।
‘কার্স্টেন হ্যানসেনের সেলফোনের ট্রান্সক্রিপ্ট এসেছে,’ ঘোষণা করলো গার্সিয়া, দ্রুত মেইলটা ওপেন করলো। একই কাজ করলো হান্টারও। ইমেইলের বডিতে একটা দুটো শব্দ লেখা শুধু, ‘অনুরোধক্রমে’। এটুকুই, কোনো সম্ভাষণ নেই, কোনো ব্যাখ্যা নেই, কোনো ঢাক গুড়গুড় নেই। মেইলটা শেষ হয়েছে ‘ধন্যবাদান্তে’ শব্দ, তার নিচে এটিঅ্যান্ডটি কর্পোরেটের লোগো এবং সব শেষে মার্টিন কারের ডিজিটাল স্বাক্ষরের মাধ্যমে।
মেলিসা হোথর্নের সেলফোন থেকে যেমন দুটো অ্যাটাচমেন্ট পাওয়া গেছে, এবারে পাওয়া অ্যাটাচমেন্টের সংখ্যাও একই। জিপ করা দুটো অ্যাটাচমেন্ট, ফোন কনভার্সেশন ট্রান্সক্রিপ্টস আর এসএমএস টেক্সট মেসেজেস।
‘লোকটা কি ফাজলামি করছে না-কি?’ স্ক্রিনে ইমেইলটা ওপেন হতেই জিজ্ঞেস করলো গার্সিয়া।
‘কোনো ভিডিয়ো ফাইল নেই,’ বললো হান্টার, পার্টনারের হতাশার উৎস কী, তা অনুমান করলো।
‘এক্স্যাক্টলি।’
‘হয়তো খুনি কার্স্টেনকে কোনো ভিডিয়ো পাঠায়নি। দেখা যাক।’ এসএমএস টেক্সট মেসেজেস লেখা অ্যাটাচমেন্টের ওপরে ক্লিক করলো হান্টার।
‘সেটা হলেই ভালো,’ পাল্টা বললো গার্সিয়া, কণ্ঠে বিরক্তির সুর। ‘কারণ আবার যদি ছবি বা ভিডিয়ো চাওয়ার জন্য নতুন করে কোনো ওয়ারেন্ট নিয়ে আমাকে যেতে হয়, তবে লোকটার খবর আছে।’
‘হুম, বুঝতে পারছি,’ বললো হান্টার, এসএমএস মেসেজেস ট্রান্সক্রিপ্ট ফাইলগুলোর একদম ওপরে তাকালো। কার্স্টেন হ্যানসেনের সাথে শেষ টেক্সট কনভার্সেশনটা হয়েছিল মঙ্গলবার রাত বারোটা উনত্রিশ মিনিটে, এক অচেনা নাম্বার থেকে।
অচেনা নাম্বার: হসপিটালে খুব কঠিন একটা দিন গেল, কার্স্টেন? পিজ্জাটা কেমন লাগলো খেতে?
কার্স্টেন হ্যানসেন: কে আপনি?
অচেনা নাম্বার: আমি একজন শিক্ষক, কার্স্টেন। একজন মেন্টর বলতে পারো।
‘হ্যাঁ,’ লাইনটা পড়ার সাথে সাথে মন্তব্য করলো গার্সিয়া। ‘খুনিই মেসেজ পাঠিয়েছিল, নিজের মোডাস অপারেন্ডিতে স্থির আছে সে।’
ফাইলের বাকি অংশটুকু নিঃশব্দে পড়লো ওরা।
‘কোনো ভিডিয়ো ফাইল নেই,’ বললো হান্টার, চেয়ারে হেলান দিলো।
‘না,’ একমত হলো গার্সিয়া। ‘কোনো ইমোজিও নেই।’
‘কিছুরই দরকার হয়নি,’ বললো হান্টার, ‘কারণ, প্রথম শিক্ষা ভয় দেখানো বা আতঙ্ক জাগানো দ্রুত অর্জন করে ফেলেছে খুনি।’
‘একদম,’ একমত হলো গার্সিয়া, স্ক্রিনের দিকে আঙুল দিয়ে ইশারা করলো। ‘পিজ্জার ব্যাপারটা উল্লেখ করার পর থেকেই ভয় পাওয়া শুরু করেছিল কার্স্টেন। মেসেজের প্রেরক কীভাবে জানলো যে সে পিজ্জা খেয়েছে? সেই মুহূর্ত থেকে কার্স্টেন যে সে রাতে মারা যাবে, ব্যাপারটা উল্লেখ করতে একেবারেই সময় নেয়নি খুনি। সেই সময়টা কতটুকু?’ মেসেজগুলোর পাঠানোর সময় দেখলো সে। ‘কার্স্টেনকে প্রথম মেসেজ পাঠানোর দুই মিনিটের মধ্যে সে জানিয়ে দিয়েছে।’
‘ঠিক,’ একমত হলো হান্টার।
‘তাহলে,’ আবার আগের কথার খেই ধরলো গার্সিয়া। ‘ঠিক তার পরের মেসেজেই, কিচেন উইন্ডো যে খোলা ছিল, সেটা উল্লেখ করেছে। জানালা খোলা, এটা যদি কার্স্টেন আগেই লক্ষ করে থাকে, তাহলেও পিজ্জার প্রশ্নের মতোই প্রতিক্রিয়া হয়েছিল তার, প্রেরক এই কথা জানে কীভাবে? আর যদি লক্ষ না করে, তবে সন্দেহ থেকে ভয়ের জন্ম হবে, কারণ তার তখন কী করা উচিত? বিছানা থেকে নেমে গিয়ে চেক করা উচিত? না-কি গোটা ব্যাপারটাই একটা মজা, এই ভেবে বিছানায় বসে থাকা উচিত। যেটাই হোক, আতঙ্ক কিন্তু দানা বাঁধতে শুরু করেছে।’
‘আমি যেমনটা বললাম,’ মন্তব্য করলো হান্টার। ‘উদ্দেশ্য পূরণ হয়ে গেছে।’
নিজের থুতনি চুলকালো গার্সিয়া। ‘তাহলে তোমার কী মনে হয়? আসলেই কিচেনের জানালা দিয়ে ঢুকেছিল খুনি, না-কি মিথ্যে বলেছিল? কিচেনের জানালার ব্যাপারে কিছু জানায়নি ফরেনসিকস। জোর করে অনুপ্রবেশের কোনো চিহ্ন নেই। সেদিন সকালে কার্স্টেন জানালা বন্ধ করতে ভুলে গিয়েছিল, না-কি খুনি আসলে তার ভিকটিমকে আরও ভয় দেখানোর চেষ্টা করছিল? মেলিসার ক্ষেত্রেও একই কৌশল প্রয়োগ করেছিল সে। সদর দরজায় তালা মারতে ভুলে গেছে মেলিসা, কথাটা উল্লেখ করেছিল। হয়তো খুনি বোঝাতে চাইছিল যে নিজেদের বাড়ির ব্যাপারে অসতর্ক থাকার জন্য তারা নিজেরাই দায়ী।’
‘জানি না,’ চিন্তামগ্ন গলায় বললো হান্টার। ‘তোমার কথা সত্যি হতে পারে, তবে কার্স্টেনকে খুনি এটা বলছে না। খুনি মেলিসাকে যেমনটা বলেছিল, কার্স্টেনকে কিন্তু বলেনি সে তার বাড়ির জানালা বন্ধ করতে ভুলে গেছে। খুনি বলেছে, জানালা যে খোলা, এর কারণ সে নিজে। তবে সে এমন কিছু তথ্য দিয়েছে, যা আমরা আগে জানতাম না,’ বলে ডেস্কে রাখা ফোনের দিকে হাত বাড়ালো ও।
সরু চোখে পার্টনারকে দেখলো গার্সিয়া।
‘আমার মনে হয় না, বিছানার নিচে কিংবা ওয়ার্ডরোবের ভেতরে লুকিয়ে থাকার ব্যাপারে মিথ্যে বলেছে খুনি। তার কথানুযায়ী, কার্স্টেনের শোবার ঘরে লুকানোর সম্ভাব্য জায়গা ছিল মাত্র দুটো।’ ফরেনসিকস ল্যাবের ড. প্ল্যাটারের নাম্বারে ডায়াল করলো হান্টার। পাঁচবার রিং হওয়ার পরে ফোন তুললেন তিনি।
‘সুসান, ইউভিসি ইউনিট থেকে রবার্ট বলছি।’
‘রবার্ট,’ ওপাশ থেকে ড. প্ল্যাটারের কণ্ঠ শুনে মনে হলো, তিনি কিছু চিবিয়ে খাচ্ছেন। ‘কীভাবে সাহায্য করতে পারি আপনাকে?’
‘কার্স্টেন হ্যানসেনের ক্রাইম সিন,’ বলা শুরু করলো হান্টার, কিন্তু আর কিছু বলার আগেই রিপোর্টিং শুরু করলেন ড. প্ল্যাটার।
‘হ্যাঁ, এক সেকেন্ড লাইনে থাকুন।’ বিরতি দিলেন ড. প্ল্যাটার, র্যাপিং পেপার মোড়ানোর শব্দ শুনতে পেলো হান্টার। ‘অপেক্ষা করানোর জন্য দুঃখিত, রবার্ট। খুব ব্যস্ত একটা দিন গেল আজ।’
‘আমি কি লাঞ্চ ব্রেকের সময় ফোন করেছি না-কি আপনাকে?’ বলে ঘড়ি দেখলো হান্টার। ঘড়িতে বিকেল তিনটার কিছু বেশি বাজে।
‘ব্রেক বলতে পারছি না… অথবা বলতে পারছি না লাঞ্চও। কয়েক মিনিটে একটা স্যান্ডউইচ পেটে চালান করে দিলাম আরকি। তবে খাওয়া শেষ।’ আরও র্যাপিং পেপার মোড়ানোর শব্দ এলো। সাথে আরও যে শব্দটা এলো, তাতে মনে হলো, খাওয়া শেষে ন্যাপকিনে মুখ মুছছেন। ‘ওকে, আমরা এখনো ক্রাইম সিন থেকে যে সামান্য জিনিসগুলো পেয়েছি, সেগুলো নিয়ে কাজ করছি, তবে আপনাকে বলতে পারি, আপনি ঠিকই বলেছিলেন। ভিকটিমকে তার বাড়িতে ফিরিয়ে এনে বিছানায় শোয়ানোর আগে অন্য কোথাও তার লাশ কাপড়ে জড়িয়ে এনেছিল খুনি। যে কাপড়ে জড়িয়ে এনেছিল, সেটা সুতি কাপড়। রক্তে ভিজে গেলেও কাপড়ের আসল রঙটা উদ্ধার করতে সক্ষম হয়েছি আমরা, হালকা বিজ। দুর্ভাগ্যজনকভাবে, যে গ্রেড আর কাঠামোর সুতা দিয়ে কাপড়টা তৈরি, তা রেগুলার ডাস্টশিট উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। জিনিসটা যে-কোনো হোম ইমপ্রুভমেন্ট স্টোরেই কিনতে পাওয়া যায়।’
‘ধন্যবাদ, ডক,’ ড. স্ল্যাটারকে ধন্যবাদ জানালো হান্টার। কাপড় থেকে খুব বেশি তথ্য পাওয়া যাবে বলে আশা করেওনি ও। ‘আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। তবে আমি আপনাকে ফোন করেছি কয়েকজন এজেন্টকে কার্স্টেন হ্যানসেনের বাড়িতে পাঠানোর অনুরোধ জানানোর ব্যাপারে।’
‘তাই না-কি? কেন বলুন তো?’
‘আমি জানি, আপনি ও আপনার টিম সবসময়ই প্রত্যেকটা ক্রাইম সিন খুঁটিয়ে যাচাই করেন। তবে আমার ধারণা, আপনারা এই ক্রাইম সিনের বিছানার নিচটা কিংবা ওয়ার্ডরোবের ভেতরটায় চিরুনি তল্লাশী চালাননি। চালিয়েছেন কি?’
ফোনের ওপাশে বিরতি, কিছু চিন্তা করলেন ডক্টর। ‘চেক করা হয়েছে বটে, কিন্তু চিরুনি তল্লাশী চালানো হয়নি। কেন?’
‘খুনি হয় বিছানার নিচে, অথবা ওয়ার্ডরোবের মধ্যে লুকিয়ে ছিল,’ ব্যাখ্যা করলো হান্টার।
‘দাঁড়ান, সেটা আপনি জানলেন কী করে?’
‘লোকটা আমাদেরকে বলেছে।’
‘উমম, কী? আপনাকে ‘বলেছে’ মানে?’
‘এটা তার মোডাস অপারেন্ডির একটা অংশ,’ দ্রুত টেক্সট মেসেজগুলোর বিষয় ব্যাখ্যা করলো হান্টার।
‘আপনি কি সিরিয়াস?’ চমক আর অবিশ্বাসের মিশ্র আবেগের এক কণ্ঠ শোনা গেল ড. প্ল্যাটারের কণ্ঠে। ‘লোকটা ভিকটিমদেরকে অপহরণ করার আগে ভয় দেখায়?’
‘হ্যাঁ।’
একটা বড়ো শ্বাস নিলেন ড. প্ল্যাটার। ‘মানুষের নিষ্ঠুরতা যত দেখি, ততই অবাক হই।’
‘আমিও, ডক।’
‘এক সেকেন্ড, রবার্ট।’ কী-বোর্ড থেকে কিছু শব্দ ভেসে এলো ওপাশ থেকে। ‘আসলে একটা কাজে ব্যস্ত থাকায় এই মুহূর্তে কাউকে পাঠাতে পারছি না,’ ব্যাখ্যা করলেন ড. প্ল্যাটার। ‘তবে একজন, অথবা দু’জন এজেন্টকে দুই থেকে তিন ঘণ্টা পরে ওখানে পাঠাতে পারবো। তার আগে সম্ভব হবে না।’
‘চলবে,’ বললো হান্টার। ‘আরেকটা ব্যাপার। ভিকটিমকে যে মেসেজ খুনি পাঠিয়েছে, তাতে লেখা, সে বাড়িতে ঢুকেছে কিচেনের জানালা দিয়ে। আমি জানি, আপনার টিম জোরপূর্বক অনুপ্রবেশ বিষয়ে কোনো রিপোর্ট করেনি, কিন্তু তারপরেও কি আরেকবার জানালাটা চেক করতে পারেন?’
‘জি, অবশ্যই।’
‘ধন্যবাদ, সুসান। আমি নিজেও আরেকবার পরিদর্শনের জন্য বাড়িটাতে যাবো, তবে আপনার টিমের জন্য অপেক্ষা করবো ওখানে।’
‘শিওর। ওরা বেরোলে আপনাকে জানাবো।’
কলটা হান্টার কেটে দিতেই আবার বাজতে শুরু করলো ডেস্কে রাখা ওর ফোনটা। হাত বাড়িয়ে ফোন নিয়ে কে ফোন করেছে তা দেখলো। একটা নাম্বার দেখা যাচ্ছে বটে, তবে নাম নেই কোনো।
‘ডিটেকটিভ হান্টার, এলএপিডি ইউভিসি ইউনিট।’
ওপাশে যে-ই থাকুক না কেন, তাকে খুব আতঙ্কিত শোনালো। এমনকি নিজের ডেস্কে বসেও হান্টারের ফোনের ওপাশ থেকে ভেসে আসা চেঁচামেচি শুনতে পেলো গার্সিয়া।
‘দাঁড়ান,’ ফোনের ওপাশের মানুষটাকে বললো হান্টার। ‘বড়ো করে একটা নিঃশ্বাস নিন, তারপর আবার বলুন।’
কৌতূহল বাড়লো গার্সিয়ার।
‘কখন?’ জিজ্ঞেস করলো হান্টার, তার কণ্ঠস্বর ভারী ও বেদনার্ত শোনালো। আরও কয়েক সেকেন্ড ওপাশের মানুষটার কথা শুনলো ও, তারপর চোখ বন্ধ করলো, মাথা পরাজিত মানুষের ভঙ্গীতে ঝুলে পড়লো। ঠোঁট নড়লো বটে, কিন্তু কোনো শব্দ বেরোলো না। লিপ রিডিং জানে না গার্সিয়া, কিন্তু তারপরেও হান্টারের ঠোঁটে অনুচ্চারিত শব্দটি পড়তে পারলো সে।
ফাক!
চুয়াল্লিশ
সাইরেন বাজিয়ে পঁচিশ মিনিটের মধ্যেই সিলমারে অবস্থিত মিসেস ফস্টারের বাড়িতে ফিরে এলো হান্টার আর গার্সিয়া। ভদ্রমহিলার বাড়ির সামনে একটা পুলিশ ক্রুজার পার্ক করে রাখা, বেশ কয়েকজন প্রতিবেশী রাস্তায় দাঁড়িয়ে আছে, গম্ভীর মুখে ফিসফাস করছে তারা। বাড়ির সদর দরজার সামনে ইউনিফর্ম পরিহিত একজন পুলিশ দাঁড়িয়ে আছে। বাড়ির সামনে গাড়ি থামালো গার্সিয়া, পার্টনারকে নিয়ে প্রায় ছুটে বাড়ির ভেতরে ঢুকে পড়লো। ঢোকার পথে দাঁড়িয়ে থাকা অফিসারকে নিজেদের পরিচয়পত্র দেখালো।
লিভিং রুমের সোফাতে বসে আছেন মিসেস ফস্টার। তার কাপড়, তার হাত, মুখের একটা অংশ আর ঘাড় রক্তে রঞ্জিত হয়ে আছে। বেদনার্ত মুখে বেয়ে নেমে আসছে অশ্রু, থেকে থেকে সারা শরীর কেঁপে কেঁপে উঠছে। তার পাশেই বসে আছে ট্রয়ের ভাই ব্রেট, শক্তিশালী হাতজোড়া দিয়ে মা’র ছোটো শরীরটাকে জড়িয়ে রেখেছে সে। তবে মা’র মতো সে-ও সমানে কাঁপছে, মা’র মতো তারও গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তাদের বিপরীত দিকে আর্মচেয়ারে একজন মহিলা বসে আছে। পরনে তার নীল জিন্স, সাদা ব্লাউজ আর গাঢ় রঙের একটা ব্লেজার জ্যাকেট। কালো চিরুনিকরা চুল কানের পেছনে টেনে দুটো অ্যালিগেটর ক্লিপ দিয়ে বাঁধা। হাতে একটা নোটপ্যাড।
ঘরের ভেতরে হান্টার প্রবেশ করতেই নিঃশব্দে তার দিকে তাকালেন মিসেস ফস্টার। মাথা সামান্য বাঁ দিকে ঝুঁকলো, মুখও সামান্য খুলে গেল, যেন কিছু বলতে চাইলেন। কিন্তু কোনো শব্দ বেরোলো না তার মুখ দিয়ে। তার পরিবর্তে তীক্ষ্ণ কণ্ঠে আর্তনাদ বেরিয়ে এলো তার গলা দিয়ে। তার সেই আর্তনাদ শুনে শক্ত হয়ে গেল হান্টার আর গার্সিয়ার শরীর।
ইউনিফর্মপরা দ্বিতীয় আরেকজন পুলিশ অফিসার বাড়ির ভেতরের দিকে যাওয়ার করিডোরের মুখে দাঁড়িয়ে ছিল। তার দিকে তাকালো হান্টার, অফিসারের চোখজোড়া করিডোরের দিকে ইশারা করলো।
‘ওদিকে,’ বললো সে।
দ্রুত হলওয়ের দিকে এগোলো হান্টার, তাকে অনুসরণ করলো গার্সিয়া। ডান পাশের প্রথম দরজাতেই থেমে দাঁড়ালো ওরা। বিরাট, অদৃশ্য এক মেঘের মতো ঘরের বাতাসে ঝুলে আছে বেদনা আর হতাশা। কাছাকাছি যে-ই আসবে, তাকেই আক্রান্ত করবে। নাক কোঁচকালো গার্সিয়া, পার্টনারের সাথে সাথে সে-ও ঘরের ভেতরে তাকালো।
ঘরটা চৌকো আকৃতির, ওপাশের দেয়ালের সাথে একটা ডাবল বেড লাগিয়ে দেওয়া হয়েছে। ঘরের বাঁ পাশে একটা ওয়ার্ডরোব, দরজার ঠিক পাশেই একটা আলমারি। বেডের ডান পাশে একটা বেডসাইড টেবিল, তার ওপরে বুর্বোনের একটা খোলা বোতল দেখা গেল, ভেতরের জিনিসের চার ভাগের তিন ভাগই অদৃশ্য হয়েছে। বিছানার চাদর, হেডবোর্ড, বেডসাইড টেবিল, দুটো দেয়াল আর সিলিঙের একটা অংশ রক্তে মাখামাখি হয়ে আছে। বিছানার ডান পাশের মেঝের ওপরে নিজের রক্তের পুকুরে পড়ে আছে ট্রয় ফস্টারের লাশ। পুরোপুরি বিকৃত হয়ে গেছে তার মুখ, ক্রেনিয়াম আর মাথার তিন ভাগের এক ভাগ উধাও হয়ে গেছে। আশেপাশে কোনো অস্ত্র চোখে পড়লো না ওদের, তবে ঘরের বাতাসে এখনো হালকাভাবে বারুদের গন্ধ ভাসছে।
‘জিসাস ক্রাইস্ট!’ ফিসফিস করলো গার্সিয়া।
অসাড়ভাবে দাঁড়িয়ে থাকলো হান্টার। চোখে শূন্য দৃষ্টি, গলা শুকিয়ে কাঠ। লিভিং রুম থেকে পদশব্দ এগিয়ে আসার শব্দ এলো ওদের কানে, কিন্তু দুজন ডিটেকটিভের কেউই ঘুরে তাকানোর গরজ অনুভব করলো না।
‘আমি ডিটেকটিভ লুইসা কারসন, এলএপিডি ভ্যালি ব্যুরো,’ লিভিং রুমে মিসেস ফস্টারের সাথে বসে থাকা সেই কালো চুলের মহিলার কণ্ঠ শোনা গেল, বেডরুমের দরজার কাছে এসে সে যোগ দিলো হান্টার আর গার্সিয়া সাথে।
এক মুহূর্তের জন্য হান্টার বা গার্সিয়ার কেউই মুখ খুললো না। অপেক্ষা করলো ডিটেকটিভ লুইসা।
গার্সিয়াই প্রথমে তার দিকে তাকালো। ‘দুঃখিত, আমি ডিটেকটিভ কার্লোস গার্সিয়া আর উনি আমার পার্টনার ডিটেকটিভ রবার্ট হান্টার, এলএপিডি ইউভিসি ইউনিট।’
‘হ্যাঁ, বুঝতে পেরেছি,’ বললো কারসন। ‘আপনারা যে আসবেন, তা জানানো হয়েছিল আমাকে।’
‘অন্য একটা তদন্তের স্বার্থে,’ অর্ধেক ব্যাখ্যা করলো গার্সিয়া। ‘সে’ লাশ দেখিয়ে বললো, ‘…আমাদের কেসের ভিকটিমের বাগদত্ত।’
‘ও মাই গড!’
নড করলো গার্সিয়া। ‘হ্যাঁ, বিষয়টা জটিল।’
‘সবসময়ই,’ বললো কারসন, বলতে বলতে মাথা হেলিয়ে লিভিং রুমের দিকে তাকালো। ‘ঠিক কী ঘটেছিল, তা তার মা আর ভাইয়ের কাছ থেকে উদ্ধার করার চেষ্টা করছিলাম,’ গলাটা বেদনার্ত শোনালো ডিটেকটিভের। ‘মানে, ঠিক কী কারণে এরকমটা করলেন ট্রয়, সেটার কথা বলছি আরকি। প্রোটোকল, বুঝতেই পারছেন। কিন্তু প্রচণ্ড শক পেয়েছে তারা, কোনো তথ্যই দিতে পারেননি। আর শক পাওয়ার যথেষ্ট কারণও তো আছে।’
‘আপনি চাইলে রিপোর্টটা ফাইল করতে পারি আমরা,’ গার্সিয়া বললো নারী ডিটেকটিভকে। ‘মেডিকেল এক্সামিনারকে কি জানানো হয়েছে?’
‘হ্যাঁ, প্রায় কুড়ি মিনিট আগে।’
‘কোনো কিছু সরানো হয়েছে না-কি?’ ঘরের দিকে ইশারা করে জিজ্ঞেস করলো গার্সিয়া।
‘হ্যাঁ। খুব কাছ থেকে দেখার জন্য ঘরের ভেতরে ঢুকেছিলাম আমি। আবারও বলছি, প্রোটোকলের স্বার্থে। জানেন তো। সুইসাইডে যদি কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হয়, তবে তা ব্যাগে ভরে ফরেনসিকসে পাঠানো লাগে।’
‘অবশ্যই জানি। আমরা কি একবার অস্ত্রটা দেখতে পারি?’ জিজ্ঞেস করলো গার্সিয়া।
‘নিশ্চয়ই। এক মিনিট,’ বলে আবার লিভিং রুমে ফিরে গেল কারসন।
‘ফোন,’ বললো হান্টার, নড করে বিছানার দিকে ইশারা করলো। পার্টনারের দৃষ্টি অনুসরণ করে তাকালো গার্সিয়া। বিছানার বাঁ পাশে চাদরের ওপরে ফোনটা রাখা, বালিশের নিচে অর্ধেক চাপা পড়ে গেছে। স্মার্টফোনের একটা কোনা শুধু চোখে পড়লো তার।
ঘরের ভেতরে ঢুকলো ওরা, বিছানার দিকে এগোলো। একজোড়া ল্যাটেক্স গ্লাভস বের করার জন্য পকেটে হাত ঢোকালো হান্টার। একই কাজ করলো গার্সিয়াও।
‘ট্রয়ের ফোন,’ দেখেই চিনতে পারলো হান্টার। বিছানা থেকে তুলে নিলো ও ফোনটা, অ্যাক্টিভেট করার জন্য স্ক্রিনে প্রেস করলো। লকড। স্ক্রিনের নিচে একটা মেসেজ ভেসে উঠলো: ‘ইউজ ফিঙ্গারপ্রিন্ট টু আনলক।’
এরকমই ধারণা করেছিলাম ধরনের দৃষ্টি বিনিময় করলো দুই ডিটেকটিভ। তারপর বিছানার যে দিকে ট্রয়ের লাশ পড়ে আছে সে দিকে এগিয়ে গেল হান্টার, রক্তের পুকুরটার দিকে সজাগ দৃষ্টি। ট্রয়ের মাথার ভয়ঙ্কর আঘাতটা চোখে পড়তেই প্রায় দম আটকে আসার মতো অবস্থা হলো ওর। আত্মহত্যা করার জন্য খুব শক্তিশালী এক অস্ত্র ব্যবহার করেছে ট্রয়। গুলিটা ঢুকেছে ঠিক তার থুতনির নিচ দিয়ে। গুলিটা খুলি আর মগজের ভেতর দিয়ে পার হয়েছে, যাওয়ার পথে ধ্বংস করে দিয়ে গেছে যাত্রাপথের সবকিছু। তারপর ক্রেনিয়ামের ওপর দিয়ে বের হওয়ার সময় আঙুরের সমান একটা গর্ত করে রেখে গেছে। মগজ আর হাড়ের কুচি ছড়িয়ে আছে সর্বত্র। বিছানার চাদর, দেয়াল, মেঝে এমনকি সিলিঙেও। ক্লোজ রেঞ্জে ট্রয়ের খুলি, মগজ আর ক্রেনিয়ামে গুলিটা খুবই মারাত্মকভাবে আঘাত হেনেছে। সেই সাথে ট্রয় ব্যবহারও করেছিল হাই ক্যালিবার, হলো-পয়েন্ট আর এক্সপ্যানডিং বুলেট।
হাঁটুগেড়ে বসলো হান্টার, এখনো রক্তের ব্যাপারে সাবধানতা অবলম্বন করছে। সেলফোনটা ট্রয়ের ডান হাতের কাছে নিয়ে গিয়ে ফোনের রিডিং প্যাডে ট্রয়ের তর্জনী ছোঁয়ালো হান্টার। প্রায় সাথে সাথেই দৃশ্যমান হলো স্ক্রিন, আর সেদিকে তাকাতেই গলায় কী যেন দলা পাকিয়ে উঠতে লাগলো ওর। কারণ, ট্রয় স্ক্রিনে শেষ যে জিনিসটা দেখছিল, সেটা এখনো খোলা। ভিডিয়ো প্লেয়ার। শেষ দেখা ভিডিয়োটার প্রথম ফ্রেমটা ভেসে আছে স্ক্রিনে। স্ক্রিনের একদম নিচে বাটন, যেখানে লেখাঃ ‘প্লে ভিডিয়ো’।
কোন ভিডিয়ো, তা জানার জন্য হান্টার বা গার্সিয়ার কেউই বাটনটা ট্যাপ করলো না। প্রথম ফ্রেম দেখেই যা বোঝার বোঝা হয়ে গেছে দুজনের। তার বদলে স্ক্রিনের বাঁ পাশের ওপরে থাকা ‘ব্যাক’ বাটনে ট্যাপ করলো হান্টার। ফোনের ইমেজ গ্যালারিতে থাকা ভিডিয়ো ফোল্ডারে ফিরে গেল স্ক্রিন। গলায় জমাট বাঁধতে থাকা দানাটা যেন আরও জমাট হলো হান্টারের।
‘ফাক!’ একটা দম ছাড়লো গার্সিয়া, মাথা নাড়লো হতাশভাবে। ‘তার মানে, সে মিথ্যে বলেছিল তোমাকে, ফোনে স্বয়ংক্রিয়ভাবে ছবি বা ভিডিয়ো সেভ হওয়ার ফিচারটা নিষ্ক্রিয় করা ছিল না।’
‘চেক করা উচিত ছিল আমার,’ বললো হান্টার, মৃদু ও বেদনার্ত শোনালো তার কণ্ঠ।
‘না,’ পার্টনারের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বললো গার্সিয়া। ‘দোষ নিজের কাঁধে নিও না, রবার্ট।’
‘চেক করা উচিত ছিল আমার, কার্লোস।’
‘তুমি তাকে ভিডিয়োটা দেখতে নিষেধ করেছিলে,’ গার্সিয়ার কথা শুনে মনে হলো কোনো শিক্ষক তার ছাত্রের উদ্দেশ্যে লেকচার দিচ্ছেন। ‘তুমি তাকে ভিডিয়োটা ডিলিট করতে বলেছিলে। তুমি তাকে ভিডিয়োটা ডিলিট করতে দেখেছিলে। তুমি তাকে এ-ও জানিয়েছিলে যে সেলফোনের ‘অটো-সেভ’ ফিচার নামে একটা জিনিস আছে, এবং সে তোমাকে জানিয়েছিল যে ফিচারটা বন্ধ করা আছে। তাই কোনোভাবেই এই মৃত্যুর দায় নিজের কাঁধে নেয়ার কোনো সুযোগ নেই।’
মেঝের ওপরে মুখ থুবড়ে পড়ে থাকা ট্রয়ের দিকে চলে গেল হান্টারের দৃষ্টি। ‘এরকম তো হওয়ার কথা ছিল না।’
‘ঠিকই বলেছো তুমি,’ একমত হলো গার্সিয়া। ‘এরকম হওয়ার কথা ছিল না। কিন্তু ঘটনাটা ঘটে গেছে, এবং বিশ্বাস করো রবার্ট, এখানে আমাদের কিছু করার ছিল না।’ শ্বাস নেয়ার জন্য এক মুহূর্ত বিরতি দিলো সে। ‘শোনো, তুমি এখানে থাকাবস্থায় যে ভিডিয়োটা ট্রয়কে পাঠিয়েছিল সাইকোটা, সেটা পুরোপুরি ভাগ্যক্রমে। এমন যদি হতো, তুমি বের হয়ে যাওয়ার পরে ভিডিয়োটা পাঠিয়েছে, তাহলেও একটা কথা ছিল। ভিডিয়োটা ট্রয়কে দেখা থেকে তুমি কোনোভাবেই নিবৃত্ত করতে পারতে না, রবার্ট।’ তর্জনী উঁচু করে পার্টনারকে বোঝানোর চেষ্টা করলো গার্সিয়া। ‘আরেকটা ব্যাপারে বলতে চাই যে ব্যাপারটা তুমি আমার চাইতে ভালো বোঝো, সেটা হলো ‘মানুষের কৌতূহল’। মানুষের জানতে চাওয়ার যে নেশা, সেটা খুবই শক্তিশালী। খুব কম মানুষই এই নেশাকে অগ্রাহ্য করতে পারে। ট্রয় ফস্টার পারেনি। সে এই ভিডিয়োটা দেখার সিদ্ধান্ত নিয়েছিল, রবার্ট। তুমি নাওনি।’
‘কোন ভিডিয়ো?’ ঘরে ঢুকে জিজ্ঞেস করলো কারসন, ডান হাতে তিনটে স্বচ্ছ এভিডেন্স ব্যাগ ধরে আছে।
তার দিকে চেয়ে শ্রাগ করলো গার্সিয়া। ‘আপনাকে বলেছি তো ডিটেকটিভ, বিষয়টা জটিল।’ গার্সিয়ার ইঙ্গিতটা বুঝতে পারলো কারসন, আর কোনো প্রশ্ন করলো না।
‘ওয়েল,’ বলে তিনটে এভিডেন্স ব্যাগের প্রথমটা দুই ডিটেকটিভের দিকে বাড়িয়ে ধরলো। ‘ভারী অস্ত্র ব্যবহার করেছে সে।’ ব্যাগের মধ্যে একটা ডেজার্ট ঈগল ৫০ এই ম্যাগনাম সেমি-অটোমেটিক পিস্তল, সারা দুনিয়ার সবচেয়ে শক্তিশালী হ্যান্ডগানগুলোর একটি। ব্যাগটা নিলো হান্টার, দ্বিতীয় ব্যাগটা নেয়ার আগে আলোর বিপরীতে তুলে ধরলো। ভেতরে ডেজার্ট ঈগলের ম্যাগাজিনের অবয়ব বোঝা যাচ্ছে। ‘সাত রাউন্ড ক্যাপাসিটি ক্লিপের ছয় রাউন্ড এখনো আছে।’ ওদেরকে জানালো কারসন। ‘হলো-প্রিন্ট, এক্সপ্যান্ডিং রাউন্ডস। কোনো সুযোগই ছিল না লোকটার।’ বলে বেডসাইড টেবিলের দিকে চেয়ে নড করলো সে। ‘এটা ওখানকার ভেতরের ড্রয়ারে পাওয়া গেছে।’ বলে শেষ এভিডেন্স ব্যাগ বাড়িয়ে দিলো নারী ডিটেকটিভ। ভেতরে একটা ছোটো জিপলক প্লাস্টিক ব্যাগ, ভেতরে কিছু সাদা পাউডার দেখা গেল। ‘কোকেইন,’ কারসন জানালো ওদেরকে।
বেদনায় এক মুহূর্ত চুপ হয়ে গেল সবাই, লম্বা একটা সময় কেউ কোনো কথা বললো না।
‘আপনি নিশ্চিত, আপনি রিপোর্টের দায়িত্বটা নিচ্ছেন?’ জিজ্ঞেস করলো কারসন।
‘হ্যাঁ,’ জবাব দিলো হান্টার। ‘নেবো আমরা। কোনো সমস্যা হবে না। আপনার সাহায্যের জন্য ধন্যবাদ, ডিটেকটিভ কারসন।’
কারসন চলে গেলে করোনারের ভ্যানের জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো গার্সিয়া, আর সে সময় লিভিং রুমে মিসেস ফস্টার আর ব্রেটের সাথে বসে কয়েক মিনিট কথা বলতে লাগলো হান্টার। কান্না বন্ধ হয়েছে মিসেস ফস্টারের। এখন একদম চুপ হয়ে গেছেন তিনি, কিন্তু তার নীরবতাই যেন চিৎকার করে চলেছে অবিরত। শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি, একদম বিমর্ষ হয়ে আছেন। তার দুঃখের কোনো সীমা নেই। তার মন ভেঙে চুরমার হয়ে গেছে, এবং এই ব্যাপারে হান্টারের কিছুই করার নেই। এরকম দিশেহারা দৃষ্টি হান্টার আগেও লোকজনের চোখে দেখেছে। নিজের চোখেই একাধিকবার দেখার দুর্ভাগ্য হয়েছে ওর। কোনো দৃশ্য যখন মনের পর্দায় একটা চক্রে চলতেই থাকে, তখন এমনটা হয়। মিসেস ফস্টারের কেসে হান্টার যা বুঝতে পারছে, তার সন্তানের লাশের ছবিগুলো জীবনের বাকি দিনগুলোতে তাড়িয়ে নিয়ে বেড়াবে, লিভিং রুমে বসে ছিলেন তিনি, হুট করেই কামানের গোলার মতো আওয়াজ শুনে আতঙ্কিত ও বিভ্রান্ত অবস্থায় দৌড়ে যান সন্তানের ঘরের দিকে। এবং যে দৃশ্য তিনি দেখেন, তাতে দিনটা পরিণত হয় তার জীবনের সবচেয়ে ভয়াবহ দিনে। সন্তান নিথর, প্রাণহীন অবস্থায় মেঝেতে পড়ে আছে, এই দৃশ্য তাকে আজীবন মানসিকভাবে তাড়িয়ে নিয়ে বেড়াবে।
মিসেস ফস্টার আর ব্রেট যেন কোনো একভাবে এই বিপর্যয়টা কাটিয়ে উঠতে পারেন, তাদেরকে দেখতে দেখতে মনে মনে প্রত্যাশা করলো হান্টার।
