জেনেসিস – ২৫

পঁচিশ

হান্টারের কাছে যখন কল এলো, তখন রাত সাড়ে এগারোটারও বেশি বাজে। বিছানায় শোয়ার পরে আধা ঘণ্টা পার হলেও ঘুম আসেনি ওর। জীবনের বেশিরভাগ সময় অনিদ্রা রোগের সাথে কাটিয়েছে হান্টার। বিগত অনেকগুলো দিন এই নিদ্রাহীনতার সাথে লড়াই করে সময় নষ্ট করেছে ও। হ্যাঁ, সময়টা নষ্টই হয়েছে বলা ভালো, কারণ এই লড়াইয়ে জিততে পারেনি ও। সেটা ও-ও জানে।

ইদানীং নিজের ইচ্ছামতো বিছানায় গড়ায়, চিত হয়ে স্থির শুয়ে থাকে, চোখ বন্ধ করে স্বাভাবিকভাবে শ্বাসপ্রশ্বাস নেয়। এভাবে বিশ্রাম নেয়ার ফলে না ঘুমানোর পরেও শরীরের পেশিগুলো বিশ্রাম পায়, সেই সাথে বিশ্রাম পায় ওর চোখজোড়াও। মাথার মধ্যে খুনি আর মেলিসার টেক্সটের মাধ্যমে হওয়া কথোপকথনের কথা ভাবছিলো হান্টার, এমন সময়ে বেডসাইড টেবিলের উপরে রাখা সেলফোন ভাইব্রেট করে উঠলো। চোখ না খুলেই হাত বাড়ালো ও, কানের সাথে ঠেকালো।

ফোন এসেছে আলহাম্বরা পুলিশ ডিপার্টমেন্টের ডিটেকটিভ পেদ্রো লোপেযের কাছ থেকে। তার সাথে হান্টারের যে কথোপকথন হলো, তার সাথে রবিবার সকালে ডিটেকটিভ বার্নেসের সাথে হওয়া কথোপকথনের কোনো পার্থক্য নেই। আলহাম্বরার এক রেসিডেনশিয়াল স্ট্রিটে হোমিসাইড ঘটেছে একটা। খুনের নৃশংসতা দেখে সরাসরি তা এলএপিডি আলট্রা ভায়োলেন্ট ক্রাইমস ইউনিটের কাছে হস্তান্তরিত হয়েছে। ডিটেকটিভ লোপেয শুধু কিছুটা সময় আর কাগজপত্রের কাজ বাঁচানোর চেষ্টা করছেন।

কল কেটে দেওয়ার দশ মিনিট পরে সান্তা ফে অ্যাভিনিউ ধরে আলহাম্বরার দিকে রওনা দিলো হান্টার। আধা ঘণ্টা পরে রাস্তার ওপরে দাঁড়ানো একটা সাদা রঙের ফরেনসিকস-ইউনিট ভ্যানের পাশে পার্ক করলো ও, ইতোমধ্যেই রাস্তার একটা বড়ো অংশ আলহাম্বরা পুলিশ ডিপার্টমেন্টের টেপ দিয়ে কর্ডন করে ফেলা হয়েছে। পেরিমিটারের কোনায় ছোটোখাটো একটা ভিড় দেখা গেল, ভিড়ের বেশিরভাগই পথচারী।

পরিষ্কার, ঠান্ডা এক রাত। গোল থালার মতো একটা চাঁদ উঠেছে আকাশে, সাথে আছে অজস্র নক্ষত্ররাশি। তাপমাত্রা এমনিতেই কম, সেই সাথে পশ্চিম থেকে যে বাতাস আসছে, তা এক ধাক্কায় আরও কয়েক ডিগ্রি কমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। নিজের গাড়ি থেকে নামলো হান্টার, জ্যাকেটের চেইন টেনে চারদিকে তাকালো। চারটে সাদা-কালো ক্রুজার পার্ক করা আছে ডান পাশের শেষ বাড়িটির রাস্তার সামনে। ছোটো, সাদা এক বাড়ির সামনে হলুদ-কালো ক্রাইম সিন টেপ দিয়ে দ্বিতীয় আরেকটা পেরিমিটার তৈরি করা হয়েছে। বাড়িটির ড্রাইভওয়ে’তে একটা সাদা শেভ্রোলে ম্যালিবু আর একটা ফোর্ড পিকআপ ট্রাক পার্ক করা। পিকআপ ট্রাকের মধ্যে অন্তত দুজন মানুষ বসে আছে, তবে হান্টার যে দূরত্বে দাঁড়িয়ে আছে, সেখানে দাঁড়িয়ে নিশ্চিত হতে পারলো না।

ঘড়ি দেখলো ও। রাত বারোটা ছত্রিশ। পার্টনারের গাড়ির খোঁজে চারদিকে চোখ বোলালো ও, পেয়েও গেল। প্রথম পেরিমিটারের পাশে রাস্তার উপরে পার্ক করছে গার্সিয়া। গার্সিয়ার পার্ক করা পর্যন্ত অপেক্ষা করলো হান্টার। গাড়ি পার্ক করতে গিয়ে এক প্রতিবেশীর ড্রাইভওয়ে কিছুটা ব্লক করে ফেললো গার্সিয়া।

‘ভেতরে গেছো না-কি?’ হান্টারের সাথে যোগ দিলো গার্সিয়া, মাথা হেলিয়ে বাড়ির দিকে ইশারা করলো।

‘তোমার ত্রিশ সেকেন্ড আগে এখানে এসে পৌঁছেছি,’ কাঁধ ঝাঁকিয়ে উত্তর দিলো হান্টার। ‘এখনো কারো সাথে কথা বলিনি।’

ভ্রূ উঁচালো গার্সিয়া। ‘এখনই বলা লাগবে।’

‘কী?’

মাথা সামান্য বাঁকালো গার্সিয়া, থুতনি দিয়ে ইশারা করলো যে ওদের দিকে কেউ এগিয়ে আসছে। ঘুরলো হান্টার, ঘুরতেই খাটো আর গাট্টাগোট্টা একজন মানুষকে ওদের দিকে এগিয়ে আসতে দেখলো। বহু পুরাতন কালো ও ঢোলা এক স্যুট পরে আছে সে।

‘এলএপিডি ইউভিসি ইউনিট, রাইট?’ ওদের কাছে পৌঁছে জিজ্ঞেস করলো লোকটা।

‘জি,’ জবাব দিলো গার্সিয়া, হাতে ক্রেডেনশিয়ালস। ‘আমি ডিটেকটিভ গার্সিয়া আর উনি ডিটেকটিভ হান্টার।’

‘আমি ডিটেকটিভ পেদ্রো লোপেষ, আলহাম্বরা পুলিশ ডিপার্টমেন্ট হোমিসাইড,’ নিজের পরিচয় দিলো লোকটা। ‘ফোনে কথা হয়েছিল আমাদের।’ বলে হান্টারের দিকে চেয়ে নড করলো সে।

কালো চুল পেছনে টেনে আঁচড়ানো ডিটেকটিভ লোপেযের, যে কারণে প্রশস্ত কপাল বের হয়ে আছে। দাড়ি ছোটো করে কাটা, গালের কাছে সেই দাড়িতে কোথাও কোথাও ধূসর ছাপ দেখা যাচ্ছে। চোখে গোল চশমা, সেই চশমার পেছন থেকে ছোটো একজোড়া চোখে সে তাকিয়ে আছে হান্টার আর গার্সিয়ার দিকে। গোলাকার চেহারা দেখলে মনে হয়, হাসিতে উদ্ভাসিত হয়ে ওঠার সুযোগ এই চেহারার খুব একটা হয় না।

‘এখানে হয়েছে’টা কী?’ জিজ্ঞেস করলো গার্সিয়া।

মাথা হেলিয়ে নিজেকে অনুসরণ করার ইশারা করলো লোপেয। ‘একজন ভিকটিম,’ শুরু করলো সে। ‘নারী। সম্ভাব্য পরিচয়, কার্স্টেন হ্যানসেন।’

‘সম্ভাব্য?’ তার কথায় বাধা দিলো গার্সিয়া।

থামলো লোপেয, ইউভিসি’র দুই ডিটেকটিভের দিকে তাকালো। দুঃসংবাদ দেওয়ার আগের সময়ের মতো এক অস্বস্তিকর নীরবতা বিরাজ করলো। ‘কাজটা যে-ই করে থাকুক না কেন, সময় নিয়ে কাজটা করেছে। চেহারার এরকম বিকৃতি আমি আজ পর্যন্ত দেখিনি, যদিও আমার দেখা লাশের সংখ্যা নেহাত কম নয়। আপনারা আল্ট্রা ভায়োলেন্ট ক্রাইমসের লোকেরা আসলে কী ধরনের বিকৃত লাশ দেখে অভ্যস্ত, তা আমি জানি না। তবে বাজি ধরে বলতে পারি, আপনারাও এরকম কিছু দেখেননি।’

এক মুহূর্তের জন্য হান্টারের দিকে তাকালো গার্সিয়া। সেটা দৃষ্টি এড়ালো না লোপেযের। ‘আপনারা নিজেরাই দেখুন।’ বলে আবার হাঁটা ধরলো সে।

তাকে অনুসরণ করলো হান্টার আর গার্সিয়া।

‘হ্যানসেন?’ জিজ্ঞেস করলো হান্টার। ‘ভিকটিম ড্যানিশ না-কি?’

জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকালো লোপেয।

‘হ্যানসেন খুবই কমন স্ক্যান্ডিনেভিয়ান পারিবারিক নাম,’ ব্যাখ্যা করলো হান্টার। ‘প্রধানত ড্যানিশদেরই এরকম নাম হয়ে থাকে।’

একবার নড করলো লোপেয। ‘আপনার কথা বুঝতে পারছি, কিন্তু ভিকটিম ড্যানিশ কিনা, এই মুহূর্তে নিশ্চিত হয়ে বলতে পারছি না। আমাদের হাতে থাকা তথ্য খুবই সীমিত, আর যেহেতু কেসটা আমি ইউভিসির হাতে ছেড়ে দিচ্ছি, তাই পরিচয় নির্ণয়ের দায়িত্বটা আপনারা নিলেই ভালো হয়।’

‘ঠিক আছে,’ কাষ্ঠহাসি হাসলো গার্সিয়া। ‘আপনার হাতে থাকা সীমিত তথ্যগুলো শোনা যাক।’

‘ভিকটিম যদি সত্যিই কার্স্টেন হ্যানসেন হয়ে থাকে,’ আগের কথার খেই ধরলো লোপেয। ‘তবে তার বয়স উনত্রিশ বছর। ওয়েস্টেলেকের লস অ্যাঞ্জেলস সার্জ হসপিটালের একজন সার্জিক্যাল নার্স।’

‘একা থাকতো না-কি সে?’ জিজ্ঞেস করলো হান্টার। ‘লাশ খুঁজে পেয়েছে কে?’

‘না, একা না। বাগদত্তের সাথে থাকতো। তার নাম ট্রয় ফস্টার। বাইরে ছিল সে, স্যান ফ্রান্সিসকোতে এক ওয়েপনস এক্সপোতে যোগ দিতে গিয়েছিল।’ প্রশ্নটা আসার আগেই ব্যাখ্যা করার ভঙ্গীতে হাত উঁচু করলো লোপেয। ‘গ্লেনডেলের গান গ্যালারি নামের এক গানস অ্যান্ড আমোর স্টোরের জেনারেল ম্যানেজার সে। এক্সপোটা ছিল এক বিজনেস ট্রিপ। আজ রাতে একটু আগে ফিরেছে সে, ফিরেই লাশটা আবিষ্কার করে।’

কালো পিকআপ ট্রাকের কাছে পৌঁছে গেল ওরা। এবার হান্টার বুঝতে পারলো, ভেতরে তিনজন বসে আছে, দুজন পুরুষ এবং একজন নারী। পুরুষ দুজনের মধ্যে একজন হাতের তালুতে মুখ ঢেকে বসে আছে, ফোঁপাচ্ছে সমানে। নারীটিও কাঁদছে বলে মনে হলো হান্টারের কাছে।

‘ট্রয় ফস্টার ও তার পিকআপ ট্রাক,’ বললো লোপেয। ‘তার কাছ থেকে খুব বেশি তথ্য আমরা এখনো বের করতে পারিনি। শকে আছে সে, যেটা কিনা খুব একটা অস্বাভাবিক নয়। তবে আমি যা বুঝেছি, শুক্রবার সকালে ড্রাইভ করে স্যান ফ্রান্সিসকো পৌঁছেছিল সে। এক্সপো ছিল শনিবার থেকে সোমবার পর্যন্ত। মঙ্গলবার, অর্থাৎ গতকাল সকালে হোটেল থেকে চেকআউট করে যাত্রা করে এবং সকাল এগারোটার ঠিক আগেই ফ্রিসকো ত্যাগ করে সে। ইন্টারস্টেটে যানবাহনের চাপ ছিল প্রচণ্ড।’ পরের বাক্য বলার সাথে সাথেই শ্রাগ করলো লোপেয। ‘ওয়েল, ওই রুটে সবসময় জ্যাম লেগেই থাকে। ছয় ঘণ্টার একটা ভ্রমণ শেষ করতে নয় ঘণ্টার ওপরেও সময় লেগে যায়। গতকাল রাতে বাড়িতে ফেরে সে, রাত দশটার ঠিক আগে।’ বলে পিকআপ ট্রাকের দিকে ইশারা করলো সে। ‘বাকি দুজন তার ঘনিষ্ঠ বন্ধু। তার মা আর ভাই রওনা দিয়েছে। আর এক ঘণ্টার মধ্যেই পৌঁছে যাবে।’

‘বাগদত্তার সাথে তার শেষ কথা হয়েছিল কখন?’ জিজ্ঞেস করলো গার্সিয়া।

‘আমি যা বুঝতে পারছি,’ বললো লোপেয, তার গলা কেঁপে গেল অনিশ্চয়তায়। ‘পরে হয়তো আপনারাও নিশ্চিত হবেন, তারা শেষ কথা বলেছিল সোমবার সন্ধ্যায়। গতকাল মি. ফস্টার বেশ কয়েকবার তার বাগদত্তাকে ফোন করেছিলেন, স্যান ফ্রান্সিসকো থেকে রওনা দেওয়ার আগে এবং যাত্রাপথে। একবারও সাড়া দেয়নি কেউ। কয়েকবার টেক্সট মেসেজও পাঠিয়েছিলেন। সেগুলোরও উত্তর দেয়নি কেউ।’

সামনেটা সাদা, সেই বাড়ির সামনে পৌঁছে গেল ওরা, সামনের উঠানকে ঘিরে রাখা ক্রাইম-সিন টেপটার নিচ দিয়ে ভেতরে ঢুকে পড়লো। ‘ফরেনসিকস এসে পৌঁছেছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট আগে,’ বললো লোপেয। ‘খুব বেশি হলে এক ঘণ্টা…’ বলে ভ্রূ উঁচু করলো সে। ‘তারা পর্যন্ত শোবার ঘরে যাওয়ার পরে জমে গিয়েছিল এক মুহূর্তের জন্য।’

‘শোবার ঘরে খুন করা হয়েছে ভিকটিমকে?’ জিজ্ঞেস করলো হান্টার।

নিজের জুতোজোড়ার দিকে তাকালো লোপেয, তারপর দ্বিধান্বিত ও দুঃখিতভাবে মাথা নাড়লো। ‘আমার তা মনে হয় না।’

প্রশ্নটা জিভের ডগায় এসে গেলেও হান্টার কিংবা গার্সিয়া কেউই তা উচ্চারণ করলো না। তার পরিবর্তে ক্রাইম-সিন ম্যানিফেস্টে সই করলো ওরা, তারপর ওদের প্রত্যেকের হাতে একটা সাদা টাইভেক কভারঅল তুলে দেওয়া হলো।

‘এখানেই ‘আপনাদের সাথে পরিচিত হয়ে ভালো লাগলো’ ও ‘শুভ কামনা’ জানাচ্ছি। এখানে আমার কাজ শেষ,’ বলে ঘসঘস করে নিজের দাড়ি চুলকালো লোপেয। ক্রাইম-সিন টেপের দিকে রওনা দেওয়ার আগে থেমে দাঁড়ালো একটু। ‘ডিটেকটিভস… আমি খুব করে চাই, অপরাধীকে আপনারা খুঁজে বের করুন। ভেতরে যা আছে… কোনো মানুষের কাজ নয়।’

ছাব্বিশ

বাতাসের গতি বেড়েছে, রাতের তাপমাত্রা আরও এক ডিগ্রী মতো কমে গেছে তাতে। ক্রাইম সিন পরিদর্শনের জন্য প্রয়োজনীয় স্যুট পরে নিল হান্টার আর গার্সিয়া, দুজনেই একজোড়া করে ল্যাটেক্স গ্লাভস টেনে নিলো। তারপর ঢুকে পড়লো বাড়ির ভেতরে। বাড়ির সদর দরজা দিয়ে ঢুকেই লিভিং রুম। ছোটো হলেও পরিপাটি করে সাজানো। দুজন ফরেনসিকস এজেন্ট ল্যাটেন্ট প্রিন্ট সংগ্রহের জন্য সারফেস ও জানালা থেকে ধুলো সরাতে ব্যস্ত। সদর দরজার ভেতর থেকে ইতোমধ্যেই ধুলো পরিষ্কার করা হয়েছে। প্রথম ঘরে কোনোকিছুই সরানো হয়েছে বলে মনে হলো না। ধ্বস্তাধস্তিরও কোনো চিহ্ন নেই। তবে মেঝের ওপরে কয়েক ফোঁটা রক্ত দেখতে পেলো হান্টার। ফোঁটাই, ছড়িয়ে থাকা রক্ত নয়।

ভেতরের দিকে যাওয়ার আগে ফরেনসিকস এজেন্টদের উদ্দেশ্যে সামান্য নড করলো হান্টার আর গার্সিয়া। লিভিং রুম থেকে যে করিডোরটা চলে গেছে, সেটা প্রশস্ত হলেও ছোটো। দেয়ালগুলো সাদা, সেখানে ঝুলছে না কোনো পেইন্টিং অথবা কোনো শোপিস। ডান পাশে দুটো দরজা, বাম পাশে একটা। আর করিডোরের শেষ মাথায় একটা। সবগুলোই খোলা। শেষ মাথার দরজাটা থেকে ফরেনসিকসের উজ্জ্বল আলো ছিটকে বেরোচ্ছে, ছায়া পড়েছে করিডোরের দেয়ালে। সম্ভবত ঘরের মধ্যে যে এজেন্টরা কাজ করছে, তাদের শরীরের ছায়া। মেঝেতে আরও কয়েক ফোঁটা রক্তের দেখা পাওয়া গেল।

ডান পাশে প্রথম দরজাটা পার হয়ে ঢুকে পড়লো হান্টার আর গার্সিয়া, ভেতরে উঁকি দিলো। সেকেন্ড বেডরুম এটা, দেখে মনে হলো অফিস হিসেবেও ব্যবহৃত হয়। এখানেও ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই। বাঁয়ের দরজাটা একটা বাথরুমের, নীল আর সাদা টাইলস লাগানো। একটা ওয়াক-ইন শাওয়ার আছে। কোনো কিছু ছড়ানো নেই এখানেও। সবকিছুই জায়গামতো আছে। ডান পাশের পরের দরজাটা একটা ছোটো স্টোরেজের; তোয়ালে, বেডশিট, ভ্যাকুয়াম ক্লিনার-সহ অন্যান্য গৃহস্থালী জিনিসপত্র রাখা। সেখান থেকে তিন পা এগোলেই শেষ দরজা, মেইন বেডরুমের দরজা

ঘরের পূর্ব দিকের দেয়ালের সাথে একটা ডাবল সাইজের খাটের মাথা লাগানো। তিনজন ফরেনসিকস এজেন্ট কাজ করছে সেই খাটের চারপাশে। খাটটা শোবার ঘরের দরজার ঠিক বিপরীত পাশে। দুজন এজেন্ট খাটের দুই পাশে কাজ করছে, তৃতীয়জন কাজ করছে খাটের পায়ের দিকে। যে দুজন খাটের দুই পাশে কাজ করছে, তারা উবু হওয়ার পজিশনে আছে। ওরা যে কী করছে, তা দেখতে পেলো না হান্টার আর গার্সিয়া, কারণ ওদের দৃষ্টির সামনে দাঁড়িয়ে আছে তৃতীয় এজেন্ট। দুই ডিটেকটিভের পায়ের শব্দ দাঁড়িয়ে থাকা এজেন্টের কানে গেল, ঘুরে দরজার দিকে তাকালো সে। আবারও ড. সুসান স্ল্যাটারের সাথে দেখা হলো ওদের।

দূর থেকে তার দিকে তাকালো হান্টার। ডক্টরের হালকা নীল চোখে এমন এক দৃষ্টি দেখতে পেলো, যে দৃষ্টি আগে কখনো দেখেনি ও। বিতৃষ্ণা নয়, ক্রোধ নয়, দুঃখবোধও নয়। যেন তিনি মানবতার ওপর থেকে আশা হারিয়ে ফেলেছেন।

‘রবার্ট কার্লোস,’ ওদেরকে স্বাগত জানালেন ড. স্ল্যাটার, বলতে বলতে এক পা ডানে সরে গেলেন ওদেরকে দেখার সুযোগ দেওয়ার জন্য। ধাতব ফ্রেমের খাট আর তার ওপরে থাকা বডিটা চোখে পড়লো এবার ওদের। ডিটেকটিভ লোপেজ ঠিকই বলেছিল, ভাবলো হান্টার। এটা কোনো মানুষের কাজ হতে পারে না।

সাতাশ

সৈকতে বিরতি দিয়ে আছড়ে পড়া ঢেউয়ের মতো বাইরে কিছুক্ষণ পরপর প্রচণ্ড জোরে বাতাস বয়ে যাচ্ছে। তবে বৃষ্টি নেই কোনো। প্রত্যেকবার বাতাস বয়ে যাওয়ার সময় শিষ দেওয়ার মতো শব্দ হচ্ছে, যা মানুষকে ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তারপর জানালার কাঠামোতে বাড়ি খেয়ে আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে সেই শিষের শব্দ। তারপর যে নীরবতার সৃষ্টি হচ্ছে, সেটাও সুখকর নয়; বরং স্নায়ুর ওপরে চাপের সৃষ্টি করছে।

এক মুহূর্ত আগে ড. স্ল্যাটারের চোখে দুঃখ দেখতে পেয়েছে হান্টার। আর ডঃ স্ল্যাটার হান্টারের চোখে দেখেছেন দুঃখ ছাড়াও অন্য আবেগ, সম্ভবত বিভ্রান্তি আর নিশ্চিতভাবে অবিশ্বাস।

বিছানায় রক্তে মাখামাখি চাদরের ওপরে একজন নারীর নগ্ন লাশ রাখা। তার হাতজোড়া মাথার ওপরে তোলা, কব্জিজোড়া এক টুকরো দড়ি দিয়ে শক্ত করে বাঁধা। সেই দড়িতে বাঁধা আছে একটা ক্লাইম্বিং হুক, হুকের সাথে তিন থেকে চার ফুট লম্বা একটা ধাতব চেইন লাগানো। চেইনের অপর প্রান্তে নতুন একটা ধাতব হুক। এই হুকটা হাতকড়াসদৃশ, কব্জিতে লাগানোটার থেকে বড়ো আর ভারী। তবে এই হুকটা কোথাও আটকানো নেই। এই দড়ি-চেইন-হুকের সেটটা বিছানার হেডবোর্ডের ওপর দিয়ে ছুঁড়ে দেওয়া হয়েছে।

ওদের মধ্যে চেপে বসা নিস্তব্ধতা প্রথম ভাঙলো গার্সিয়া। ইতস্ততভাবে মুখ খুললো সে, প্রায় শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকলো সামনের দিকে। ভিকটিমের সাথে কী নৃশংসতা চালানো হয়েছে, তা পরিমাপ করার ব্যর্থ চেষ্টা করছে। ‘ক…কী হয়েছে তার?’

ভিকটিমের পায়ের পাতা, পা, নিতম্ব, হাত, মাথা, কপাল এবং মুখের বেশিরভাগ চামড়া তুলে ফেলা হয়েছে। কাঁচা মাংস বেরিয়ে এসেছে তার ফলে, যেগুলো বাতাসের সংস্পর্শে এসে ইতোমধ্যেই বাদামি হয়ে গেছে। ভিকটিম যেন ব্যথায় পাগল হয়ে যায়, এই কারণে স্তনজোড়া কোনো ভোঁতা অস্ত্র দিয়ে সময় নিয়ে কাটা হয়েছে। পুরোপুরি অদৃশ্য হয়েছে নাক, কার্টিলেজের সামান্যই আর অবশিষ্ট আছে। কিছু জায়গা… যেমন কাঁধ, হাত, হাঁটু, কনুই, মাথা আর মুখের কিছু মাংস আর পেশি উধাও হয়ে গেছে, ভেতরের সাদা হাড় দেখা যাচ্ছে। সেসব হাড়গুলোর কয়েকটা আবার কয়েকবার করে ভেঙেছে। একসময় মেয়েটার চুলের রং সোনালি ছিল, সেই সোনালি চুল মাথার চামড়া-সহ কেটে ফেলেছে খুনি, সেখান থেকে খুলি তাকিয়ে আছে মুখ ব্যাদান করে।

কিন্তু ঘরের সবাইকে যে জিনিসটা অসুস্থ করে তুলেছে, তা হলো, ভিকটিমের চামড়া, মাংস, পেশি, অপারেশনের সাহায্যে ছাড়ানো হয়নি। না, ছুরি বা স্ক্যালপেলের সাহায্যে চামড়া ছাড়ানো হয়নি ভিকটিমের। শরীর থেকে যেন খাবলা মেরে মাংস ও পেশি তুলে নিয়েছে কেউ। এভাবে তুলে নেয়ার ফলে আঘাতটা পৌঁছেছে হাড় পর্যন্ত, যার ফলে হাড়েরও কিছুটা অংশ উধাও হয়ে গেছে। সব মিলিয়ে ভিকটিমের লাশের অবস্থা দাঁড়িয়েছে ভয়ঙ্কর—কিছুটা কাঁচা মাংস, কিছুটা নগ্ন কঙ্কাল, কিছুটা বিকৃত লাশে। আর গোটা জিনিসটা ডুবে আছে রক্তের পুকুরে, যেটা কিনা ইতোমধ্যেই শুকিয়ে গেছে।

গার্সিয়ার প্রশ্নের জবাবে দীর্ঘ নীরবতা বিরাজ করলো। ড. স্ল্যাটারের দৃষ্টি একবার লাশের ওপর থেকে ঘুরে এসে আবার দুই ডিটেকটিভের দিকে ফিরে গেল। ‘অটোপসি রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের,’ অবশেষে মুখ খুললেন তিনি, চোখের বেদনা কণ্ঠেও ফুটে উঠলো। ‘এ বিষয়ে শতভাগ নিশ্চিত।’

সামনে এগিয়ে গেল হান্টার আর গার্সিয়া। বিছানার পাশে গিয়ে ফরেনসিকস এজেন্ট দুজনার মতো উঁকি দিলো। হান্টার থাকলো ডানে, আর গার্সিয়া বামে।

‘কিন্তু আপনার একটা থিওরি তো আছে,’ ডক্টরের মুখভঙ্গী জরিপ করতে করতে বললো হান্টার।

বিছানা থেকে এক কদম পেছালেন ডক্টর, তার কেঁপে ওঠাটা দেখতে পেলো হান্টার। ‘আমরা মাত্র এক ঘণ্টা হলো এখানে এসেছি,’ নিজেকে সামলে নিয়ে বললেন তিনি। ‘থিওরির চাইতে বিষয়টাকে অনুমান বলবো আমি; তবে হ্যাঁ, লাশের অবস্থা এবং খুঁজে পাওয়া অন্যান্য কিছু বিষয় থেকে তার সাথে আসলে কী হয়েছে, সে ব্যাপারে একটা অনুমান করতে পারি।’

নিজের পাশে দাঁড়িয়ে থাকা একজন ফরেনসিকস এজেন্টের দিকে দৃষ্টি ঘুরে গেল হান্টারের। সার্জিক্যাল ফরসেপ দিয়ে লাশের নিতম্বের ঠিক নিচের কাঁচা ক্ষত থেকে কিছু একটা সংগ্রহ করে নিলো। এজেন্ট জিনিসটা স্বচ্ছ প্লাস্টিক এভিডেন্স ব্যাগে রাখতেই দেখতে পেলো হান্টার, একটা ছোটো নুড়িপাথর। এভিডেন্স ব্যাগ ইতোমধ্যেই সেরকম বেশ কিছু নুড়িতে ভরে গেছে। ডক্টর স্ল্যাটারের কাছ থেকে আরও কিছু শোনার জন্য অপেক্ষা করলো গার্সিয়া, কিন্তু আবার চুপ হয়ে গেলেন ডক্টর।

‘কোনো গোপন অনুমান না-কি, ডক?’ জিজ্ঞেস করল ও। ‘আমাদের সাথে শেয়ার করতে পারেন?’

‘টেনেহিঁচড়ে নেয়া হয়েছে ভিকটিমকে।’ ডক্টর স্ল্যাটারের থেকে নয়, জবাব এলো হান্টারের তরফ থেকে।

‘টেনেহিঁচড়ে?’ পার্টনারের ওপরে নিবদ্ধ হলো গার্সিয়ার দৃষ্টি।

‘আমাদের প্রাথমিক অনুমান এমনই,’ বললেন ডক্টর স্ল্যাটার, দুজন ডিটেকটিভের দিকে তাকিয়ে নড করলেন।

‘টেনেহিঁচড়ে বলতে?’ বাতাসে কিছুক্ষণ ভেসে থাকলো গার্সিয়ার প্রশ্ন, ওর প্রশ্নের জবাব দেওয়ার জন্য মুখ খুললো হান্টার।

‘টেনেহিঁচড়ে বলতে, কোনো গাড়ি কিংবা মোটরবাইকের পেছনে হাতজোড়া বেঁধে ছেঁচড়ে নিয়ে গেছে খুনি,’ বললো হান্টার। ‘কব্জি আটকে কোনো রুক্ষ ভূখণ্ডের ওপর দিয়ে টেনে নিয়ে গেছে ভিকটিমকে।’ ধাতব চেইনের শেষ প্রান্তে থাকা ভারী হাতকড়াসদৃশ হুকের দিকে ইশারা করলো ও। ‘এটা খুব কমন একটা টো হুক। শ্যাকল অ্যাঙ্কর নামেও পরিচিত। এটা একটা সূত্র।’

হান্টারের উদ্ধারকৃত তথ্যগুলো নীরবে বিবেচনা করতে লাগলো গার্সিয়া, কিন্তু একই সাথে খুনি কী পরিমাণ নৃশংসতা দেখিয়েছে ভিকটিমের সাথে, তা চিন্তা করে গায়ের রোম দাঁড়িয়ে গেল ওর। এরপর পাশে দাঁড়িয়ে থাকা ফরেনসিকস এজেন্টের হাতে ধরা প্লাস্টিক এভিডেন্স ব্যাগের দিকে ইশারা করলো হান্টার। ‘অন্যান্য সূত্রগুলো হলো এই নুড়ি আর কাঁকর, লাশের সারা গায়ে লেপ্টে আছে।’

এজেন্টের দিকে তাকানোর জন্য ঘাড় বাঁকালো গার্সিয়া। গার্সিয়া যেন দেখতে পায়, এ জন্য এভিডেন্স ব্যাগ উঁচু করে ধরলো হান্টারের পাশে দাঁড়ানো এজেন্ট। আরও একবার হান্টারের কথা সত্যি প্রমাণিত হলো, আর চুপচাপ হজম করলো গার্সিয়া। তার দৃষ্টি হাতকড়াসদৃশ হুক হয়ে এভিডেন্স ব্যাগের দিকে চলে গেল, তারপর আবার ফিরে এলো হুকের দিকে।

‘এই ‘দড়ি-চেইন-হুকের’ গোটা সেটটা ভিকটিমের কব্জির সাথে লাগিয়ে দেওয়া হয়েছিল,’ ব্যাখ্যা করলো হান্টার, বলতে গিয়ে বিতৃষ্ণা কেঁপে গেল তার কণ্ঠস্বর। ‘মরদেহটা এখানে, এই শোবার ঘরে থাকার কোনো কারণ নেই। এখানে খুন করা হয়নি ভিকটিমকে। এখানে তার মৃত্যু হয়নি।’

‘মরে যাওয়ার পরে এখানে আনা হয়েছে তাকে,’ বললেন ডক্টর স্ল্যাটার, মার্জিত ও শান্ত তার কণ্ঠ। বলার সময় নড করলেন কয়েকবার।

‘খুনি,’ কথোপকথনের লাগাম আবার নিজের হাতে নিলো হান্টার। ‘ভিকটিমকে এখানে আনার আগে খুব সহজেই হাতজোড়া মুক্ত করে দিতে পারতো, অথবা বিছানায় শুইয়ে দেওয়ার পরেও করতে পারতো। কিন্তু সেটা সে করেনি। খুনি যে শুধু এভাবেই সেটআপটাকে রেখে গেছে, তা-ই নয়, ভিকটিমকেও এভাবে শুইয়ে দিয়ে গেছে।’ ভিকটিমের দিয়ে চেয়ে নড করলো ও। ‘হাতজোড়া মাথার ওপরে তোলা, যেন বোঝা যায় ভিকটিমকে টেনেহিঁচড়ে নেয়া হয়েছে। কেন?’

ভিকটিমের কব্জির ওপর দিয়ে ঘুরে এলো গার্সিয়ার চোখজোড়া, এবার হান্টারের লাইনে চিন্তা শুরু করলো সে। ‘কারণ, খুনি কাজটা কীভাবে করেছে তা আমাদেরকে জানাতে চেয়েছিল।’

‘লাশের গায়ে যত আঘাত দেখতে পাচ্ছেন,’ আরেকবার লাগাম ধরলেন ডক্টর স্ল্যাটার, লাশের দিকে মনোযোগ ফেরালেন তিনি। ‘সবকিছু সেদিকেই নির্দেশ করে।’

‘কিন্তু ফোলা তো খুব কম,’ বললো হান্টার, লাশের বিকৃত মুখের দিকে মনোযোগ ফেরালো।

‘দারুণ আপনার নজর, রবার্ট,’ বললেন ডক্টর, মাথা নাড়িয়ে একমত প্রকাশ করলেন। ‘যার মানে, প্রাণ হারানোর পরেও তাকে ছেঁচড়ে নিয়ে যাওয়া বন্ধ করেনি খুনি।’

‘হ্যাঁ, কিন্তু কেন?’ জিজ্ঞেস করলো একজন ফরেনসিকস এজেন্ট। ‘একজন মানুষ মারা যাওয়ার পরেও তাকে এভাবে ছেঁচড়ে নিয়ে যাওয়ার কারণটা কী?’

হান্টারের দিকে তাকালেন ড. স্ল্যাটার। ‘কারণ, ভিকটিমকে শুধু মেরে ফেলার জন্য এমন নৃশংসতা দেখায়নি খুনি,’ বললো হান্টার, বিছানা থেকে সরে দাঁড়ালো। ‘কাজটা করেছে সে নিজের জন্য, আরও ভালো করে বললে নিজের সন্তুষ্টির জন্য।’ ‘সন্তুষ্টি’ শব্দটা বলার সময় মাথা নাড়লো ও। গোটা ব্যাপারটার সাথে শব্দটা যাচ্ছে না একেবারেই। ‘নিষ্ঠুরতা এক ধরনের নিয়ন্ত্রণহীন প্রবৃত্তি। এটা খুনির অন্তরে সন্তুষ্টি এনে দেয়।’

‘একটা ক্ষত চুলকানোর মতো অনুভূতি,’ যোগ করলো গার্সিয়া, নিজের অজান্তেই বাঁ হাতের উল্টো পাশটা চুলকালো। ‘কখনো কি এমন হয়েছে যে একটা ক্ষত সেরে যাওয়ার পরেও জায়গাটা চুলকাচ্ছেন, কারণ চুলকাতে আপনার ভালো লাগছে? খুনির ক্ষেত্রেও ব্যাপারটা এরকমই।’ গার্সিয়ার কথাগুলো হজম করার চেষ্টা করলো এজেন্ট, তারপর মাথা নেড়ে চিন্তাটা দূর করার চেষ্টা করলো।

শোবার ঘরের দরজার কাছে ফিরে এলো হান্টার, কাঠের ল্যামিনেট করা মেঝেটা খতিয়ে দেখতে শুরু করলো। মেঝেটা একদম পরিষ্কার। কোনো দাগ নেই, কোনো আঁচড়ের চিহ্ন নেই।

‘টানাটানির চিহ্ন নেই কোনো,’ বললেন ডক্টর, হান্টারের চোখ কীসের খোঁজে ঘুরছে, তা বুঝতে পেরেছেন। ‘করিডোরে আর লিভিং রুমে শুধু কয়েক ফোঁটা রক্ত পড়ে আছে বটে, তবে শুধু ওটুকুই। যার মানে হলো, ভিকটিমকে টেনে নিয়ে যাওয়া হয়নি। বহন করে নিয়ে যাওয়া হয়েছে।’

নড করলো হান্টার। ‘হ্যাঁ, রক্তের ফোঁটাগুলো চোখে পড়েছে আমার।’

ঘুরে বিছানার অন্য পাশে গেল গার্সিয়া। ‘কিন্তু ভিকটিমকে এখানে বয়ে নিয়ে আসাটা খুব একটা কঠিন কাজ হয়নি খুনির পক্ষে।’ লাশের দিকে থুতনি দিয়ে ইশারা করলো সে। ‘তার উচ্চতা কত ছিল? পাঁচ ফুট ছয়, অথবা পাঁচ ফুট সাত? দেখে চিকন একজন নারী ছিল বলেই মনে হচ্ছে। ওজন ১৩০ থেকে ১৪০ পাউন্ডের মধ্যে ছিল, এটা বলে দিতে পারি।’

‘যদি তা-ই হয়, তবে?’ একজন ফরেনসিকস এজেন্ট মন্তব্য করলো।

‘আমি নিশ্চিত যে ততক্ষণে মারা গেছে ভিকটিম। কোনো লড়াই বা ধ্বস্তাধ্বস্তি মোকাবেলা করতে হয়নি খুনিকে।’ কথা চালিয়ে গেল গার্সিয়া।

‘কিন্তু এই ঘরের দরজার সামনে কয়েক ফোঁটা রক্ত পড়ে আছে, যেটা সদর দরজা থেকে এই ঘরে এসেছে,’ বললো হান্টার, এখনো দরজাটা খতিয়ে দেখছে। ‘ভিকটিমকে নিশ্চয়ই কোনো কিছুতে মুড়িয়ে নিয়েছিল খুনি।’

‘হ্যাঁ, নিয়েছিল,’ নিশ্চিত করলো বিছানার বাঁ পাশে দাঁড়ানো ফরেনসিকস এজেন্ট। ‘ছোটো নুড়ি, পাথর ছাড়া ভিকটিমের শরীর থেকে বেশ কিছু ফাইবার সংগ্রহ করেছি আমরা, যেগুলো প্রথম দেখায় কৃত্রিম বলে মনে হয়েছে। আমার মতে, সন্তার কোনো কার্পেট বা এই জাতীয় কিছুতে মুড়ে নেয়া হয়েছিল ভিকটিমকে। বাকিটা ল্যাব থেকে নিশ্চিত হওয়া যাবে।’

‘বুঝতে পারছি, তদন্তের এই পর্যায়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হচ্ছে না আপনার পক্ষে,’ ডক্টর স্ল্যাটারকে বললো হান্টার। ‘কিন্তু কতক্ষণ আগে ভিকটিমের মৃত্যু হয়েছে বলে অনুমান আপনার? পনেরো না-কি ষোলো ঘণ্টা?’

হান্টারের করা প্রশ্নটা নিয়ে চিন্তা করলেন ডক্টর, ঠোঁটে ঠোঁট চেপে বসলো। ‘লাশে পুরোপুরি রিগর মর্টিস শুরু হয়ে গেছে।’ একমত হওয়ার ভঙ্গীতে মাথা দোলালো ফরেনসিকস এজেন্ট দুজন। ‘যার মানে,’ নিশ্চিত করলেন ড. স্ল্যাটার। ‘আনুমানিক হিসেব করলেও আপনার হিসেব প্রায় ঠিকই আছে। কীভাবে জানলেন বলুন তো?’

লাশটা এখনো ঠিকঠাকভাবে পরীক্ষা করতে পারেনি হান্টার। লাশটা আর লাশের অবস্থা দেখেছে শুধু। পুরোপুরি রিগর মর্টিস যে শুরু হয়েছে, তা ডক্টর স্ল্যাটারের জানা থাকলেও হান্টার জানে না।

‘কারণ ভিকটিমকে এই ঘরে খুন করা হয়নি,’ বললো হান্টার, আবার বিছানার কাছে ফিরে এলো। ‘আর আপনারা যেমনটা বললেন, তাকে বয়ে নিয়ে আসা হয়েছে এখানে।’ জানালার দিকে ইঙ্গিত করলো ও। ‘এই রাস্তাটা খুব একটা ব্যস্ত নয়, কিন্তু তারপরও আবাসিক এলাকা তো বটেই। আশেপাশে প্রচুর প্রতিবেশী বাস করে। এই ঘরের বিছানা পর্যন্ত নিয়ে আসতে খুনির কোনো যানবাহন ব্যবহার করার কথা। গাড়িটা কোথাও পার্ক করে, সম্ভবত ড্রাইভওয়ে’তে পার্ক করার পরে ভিকটিমের লাশ ভেতরে বয়ে নিয়ে আসে খুনি। আর কারো চোখে না পড়ে কাজটা করার জন্য সবচেয়ে নিরাপদ সময় হলো ভোর তিনটে বা চারটে। রাইট?’

নিঃশব্দে একমত হলো সবাই।

‘কিন্তু তারপরেও,’ পার্টনারের উদ্দেশ্যে বললো হান্টার। ‘খুনি ড্রাইভ করে রাস্তায় যখন ঢুকে ভিকটিমকে বয়ে নিয়ে বিছানার ওপরে এনে রেখেছে; সে সময়টা হয়তো কোনো প্রতিবেশী জেগে ছিল।’

পার্টনারের ইশারা বুঝতে অসুবিধা হলো না গার্সিয়ার। ‘প্রতি বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য একটা দল গঠনের ব্যবস্থা করছি আমি।’ বলে ঘড়ি দেখলো সে। ‘অবশ্য প্রতিবেশীরা সবাই জেগেই আছে বোধহয়।’

দেয়ালের সাথে লাগানো কাঠের ড্রেসারটার দিকে এগোলো হান্টার। লম্বা, ওভাল আকৃতির একটা আয়না ড্রেসারটার একদম মাঝ বরাবর আটকানো। বাঁয়ে আছে তিনটে পারফিউমের বোতল, গোলাপখচিত একটা গয়নার বাক্স, আর কয়েকটা চিরুনি। ডানে আছে ঢাকনাবিহীন একটা ধাতব বাক্স; তাতে বেশ কিছু পাত্র, বোতল আর হাতে, পায়ে, মুখে, চোখে মাখার ময়েশ্চারাইজিং ক্রিমের টিউব রাখা।

ড্রেসারের তিনটে ড্রয়ারের প্রথমটা খুললো হান্টার। বিভিন্ন আকৃতির মেকআপ ব্রাশে ভরে আছে ড্রয়ারটা। দ্বিতীয় ড্রয়ারে আইশ্যাডো প্যালেট, প্রায় পাঁচটা। আর শেষ ড্রয়ারে রঙধনু স্টাইলে সাজানো আছে লিপস্টিক, আইলাইনার আর আইব্রো পেন্সিল।

ড্রেসারের ওপরে, পারফিউম বোতলের পেছনে ছয় ইঞ্চি বাই চার ইঞ্চির একটা ছোটো ছবির ফ্রেম রাখা। সেদিকে হাত বাড়ালো হান্টার। ছবিতে সমুদ্র সৈকতে বসে থাকা এক দম্পতিকে দেখা গেল। ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে। পেছনের সাগর শান্ত, উজ্জ্বল সূর্যালোকে চমকাচ্ছে সাগরের পানি। ছবিতে পুরুষটিকে পেছন থেকে জড়িয়ে ধরে আছে নারীটি, সঙ্গীর কাঁধের ওপরে হাত রেখেছে। মেয়েটার ডান গাল লেগে আছে তার সঙ্গীর বাঁ কাঁধে।

‘এই মেয়েটাই,’ বললেন ড. স্ল্যাটার। ‘খুবই সুন্দরী ছিল মেয়েটা, হাসিটা ছিল মনোমুগ্ধকর।’

ছবির মেয়েটাকে আরও এক মুহূর্ত দেখলো হান্টার। কথার কথা বলেননি ড. স্ল্যাটার, মেয়েটার আকর্ষণীয়তা আসলে না লক্ষ করার কোনো কারণ নেই। গায়ের রং ধবধবে সাদা, মাথায় সোনালি চুল। শরীরের ত্বক ছিল মসৃণ, ঠোঁটজোড়া গোলাপি। হাসিটা যে মনোমুগ্ধকর ছিল, তা-ই নয়; ছিল নিখুঁত, সাদা ঝকঝকে দাঁতের সাথে নিখুঁতভাবে মানিয়ে যেতো। গাঢ় নীল চোখ পাল্লা দিতে পারতো পেছনের পরিষ্কার আকাশের সাথে।

‘লাশটা যে এই মেয়েটারই, তা নিশ্চিত হওয়ার জন্য,’ বিছানার ডান পাশে দাঁড়িয়ে থাকা ফরেনসিকস এজেন্ট বললো, ‘ডিএনএ টেস্ট করতে হবে আমাদের।’

ছবিটা নামিয়ে রাখলো হান্টার, বিছানার ওপরে ভিকটিমের লাশের দিকে তাকালো। ফরেনসিকস এজেন্টের মন্তব্যের যথাযথ কারণ আছে। লাশটা এমনই বিকৃত করেছে খুনি যে ডিএনএ টেস্ট না করে কোনো উপায় নেই।

কোনো উত্তর দিলো না হান্টার, তবে ওর কোনো সন্দেহ নেই বিছানার ওপরে পড়ে থাকা লাশটা আসলে কার্স্টেন হ্যানসেনেরই। লাশটা তার না হলে তার ঘরে, তার বিছানায় লাশটা রাখার আর কী যুক্তি থাকতে পারে? কব্জিতে লাগানো দড়ি-চেইন-হুকটা যে কারণে খুনি রেখে গেছে, ঠিক সেই কারণে লাশটাও রেখে গেছে। খুনি সবাইকে জানাতে চাইছে, কীভাবে সে কাজটা করেছে। খুনি এটাও সবাইকে জানাতে চাইছে, কার সাথে সে এতটা নৃশংসতা দেখিয়েছে।

আটাশ

বাইরে বাতাসের তোপ কমেছে অনেকটাই। জানালার কাঠামো আর বাতাসের সংঘর্ষে যে শিষের মতো শব্দ হচ্ছিল, তা-ও থেমে গেছে; তবে ফিসফিসানি হচ্ছে এখনো থেমে থেমে। যেন ফিসফিস করে গোপন কথা বিনিময় করছে দুজন মানুষ।

‘আপনারা যেহেতু দুজনেই লাশটা খতিয়ে দেখেছেন,’ দুজন ডিটেকটিভকে উদ্দেশ্য করে বললেন ডক্টর স্ল্যাটার, ‘আমি ভিকটিমের হাতজোড়া খুলে দেবো এখন। তার কব্জির দাগগুলো খতিয়ে দেখতে চাই, সেই সাথে সবকিছু ব্যাগে ভরে অ্যানালাইসিসের জন্য পাঠানোরও ব্যাপার আছে।’

একই সাথে নড করলো হান্টার আর গার্সিয়া।

‘ইতোমধ্যেই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বাঁধনটার ছবি তোলা হয়েছে,’ ব্যাখ্যা করলেন ডক্টর। ‘নট দেখে মনে হচ্ছে, রেগুলার ডাবল নট ব্যবহার করেছে খুনি, একটা প্যাঁচ দিয়ে আরেকটা ডাবল নট দিয়েছে। খুব অস্বাভাবিক নয় ব্যাপারটা।’

বিষয়টি হান্টার আর গার্সিয়াও ইতোমধ্যে খেয়াল করেছে। ওদের চোখের সামনে ভিকটিমের কব্জিতে বাঁধা হুকটার দিকে হাত বাড়ালেন ড. স্ল্যাটার, খুলে ফেললেন দড়ি থেকে। তারপর হুকটা চেইন থেকে খুললেন, পরবর্তীতে চেইনটা খুলে ফেললেন শেষ মাথার বড়ো টো হুক থেকে। হুকগুলো যখন চেইন থেকে খুলছেন ডক্টর স্ল্যাটার, তখন আলাদা আলাদা এভিডেন্স ব্যাগে তোলার জন্য পৃথক অংশগুলো ফরেনসিকস এজেন্টদের জন্য বিছানার ওপরে রেখে দিলেন তিনি। কাজগুলো সারা হলে ভিকটিমের কব্জির বাঁধনগুলো খুলতে শুরু করলেন। পুরোপুরি খুলতে এক মিনিটেরও কম সময় লাগলো। খোলার পরেও মুষ্টিবদ্ধ হয়ে থাকলো হাতজোড়ার সবগুলো আঙুল।

ব্যাগে ভরে ট্যাগ লাগানোর জন্য এজেন্টের হাতে দড়ি তুলে দিলেন ডক্টর। রিগর মর্টিসের কারণে ভিকটিমের হাতজোড়া শক্ত হয়ে যে অবস্থানে ছিল, সেভাবেই থাকলো। ভিকটিমের লাশের দিকে সামান্য এগোলেন ডক্টর স্ল্যাটার, বাঁধনের দাগ পরীক্ষা করার জন্য লাশের কব্জির কয়েক ইঞ্চির মধ্যে মুখটা এনে থামালেন। দড়ি কেটে বসেছিল ভিকটিমের চামড়া আর পেশিতে, কিন্তু তারপরেও সারা শরীরের আঘাতের তুলনায় কব্জির ক্ষত অনেক কম ভয়ঙ্কর বলে মনে হলো।

‘বেচারি,’ ভারী গলায় বললেন ডক্টর প্ল্যাটার। ‘ব্যাপারটা…’ বলে মাথা নাড়লেন তিনি, আর তখনই তার পেছনের আলোতে চমকে উঠলো কিছু একটা। সেটা দৃষ্টি আকর্ষণ করলো তার, বিরতি দিলেন এক মুহূর্ত। ডক্টরের অভিব্যক্তির পরিবর্তন চোখে এড়ালো না হান্টারের। বাঁ পাশে মাথা হেলালেন ডক্টর, তারপর ডানে; যেন পরিষ্কারভাবে কিছু দেখার চেষ্টা করছেন। তার দৃষ্টি নিবদ্ধ হলো ভিকটিমের মুষ্টিবদ্ধ ডান হাতে।

‘একটা ফরসেপ দাও তো, প্লিজ,’ বিছানার পাশে দাঁড়ানো একজন এজেন্টকে বললেন তিনি।

‘কিছু পেলেন না-কি?’ কৌতূহলী গলায় জিজ্ঞেস করলো হান্টার। নতুন শিকার পাওয়া শিকারি পশুর মতো এগিয়ে গেল গার্সিয়াও।

‘আমি ঠিক নিশ্চিত নই,’ জবাব দিলেন ডক্টর প্ল্যাটার, এজেন্টের হাত থেকে ফরসেপ নিলেন। ‘তবে দেখে মনে হচ্ছে, কিছু একটা আঁকড়ে ধরে আছে ভিকটিম।’

‘আঁকড়ে ধরে আছে?’ জিজ্ঞেস করলো গার্সিয়া, সে আর হান্টার দ্রুত বিছানার পাশে গিয়ে দাঁড়ালো।

‘হ্যাঁ, ডান হাতে কিছু আছে বলেই মনে হচ্ছে।’ ফরসেপ দিয়ে দেখালেন ডক্টর। ‘পুরোপুরি দেখা যাচ্ছে না, তবে আঙুলের ফাঁক দিয়ে আলো যাওয়ার কারণে চমকাচ্ছে।’

দুজন ডিটেকটিভই নিজেদের শরীর বাঁকালো, দুজনেই ভালো করে দেখার চেষ্টা করলো। তবে দূরত্ব বজায় রাখলো দুজনেই, ডক্টরের কাজে যেন বাধার সৃষ্টি না করে, সেদিকে খেয়াল রাখলো।

‘দেখে মনে হচ্ছে, একটা ছোটো প্লাস্টিকের ব্যাগ,’ বললেন ডক্টর। ‘অথবা এই ধরনের কিছু।’ ভালোভাবে দেখার জন্য জিনিসটার একটা প্রান্ত ফরসেপ দিয়ে চেপে ধরলেন তিনি।

বিছানার মাথার দিকে এগোলো হান্টার। নিজের কাজ থামিয়ে ডক্টরের দিকে তাকিয়ে আছে দুই ফরেনসিকস এজেন্টও, তাদের মুখে অনিশ্চয়তা। ভিকটিমের মুঠোর মধ্য থেকে জিনিসটা আস্তে আস্তে বের করে আনতে শুরু করলেন ড. প্ল্যাটার।

‘জিনিসটা একটা প্লাস্টিক ব্যাগই,’ নিশ্চিত করলেন তিনি; ব্যাগটা যেন ছিঁড়ে না যায়, সেজন্য ফরসেপের অবস্থান বদলালেন। ‘এবং দেখে মনে হচ্ছে, ব্যাগের ভেতরে কিছু আছে।’

‘কিছু মানে কী?’ জিজ্ঞেস করলো গার্সিয়া।

‘এখনো নিশ্চিত না, তবে দেখে মনে হচ্ছে…’ বিরতি দিলেন ডক্টর, তার বিরতি দেওয়ার কারণে নীরবতা নেমে এলো ঘরে। যেন ঘরটা নিজেও দম আটকে আছে। ‘এক টুকরো কাগজ, গোল করে ভাঁজ করা এক টুকরো কাগজ।’

দৃষ্টি বিনিময় করলো দুজন ডিটেকটিভ, দৃষ্টিতে একই সাথে অনিশ্চয়তা আর প্রত্যাশা।

‘আরেকটা ফরসেপ দাও, প্লিজ?’ বলে বাঁ হাত বাড়িয়ে দিলেন ডক্টর স্ল্যাটার, তবে প্লাস্টিকের ছোটো ব্যাগটার ওপর থেকে চোখ সরলো না তার। ‘রক্ত শুকিয়ে আঠার ভূমিকা পালন করছে তালুর ভেতরে। চাইছি না, ব্যাগটা ছিঁড়ক।’

দ্বিতীয় আরেকটা ফরসেপ ডক্টরের হাতে দিলো এজেন্ট, আবার নিজের কাজে মন দিলেন ডক্টর। সতর্কতার সাথে খুব অল্প অল্প করে ভিকটিমের মুঠোবন্দি তালু থেকে প্লাস্টিকের ব্যাগটা বের করে নিয়ে আসতে লাগলেন। বাকি সবাই স্থাণুবৎ হয়ে তার কাজ দেখতে লাগলো। ব্যাগটা পুরোপুরি বের করে নিয়ে আসতে দুই মিনিটের সামান্য বেশি সময় লাগলো ড. স্ল্যাটারের।

‘ইন্টারেস্টিং,’ বললেন তিনি, বলতে বলতে ব্যাগটা সোজা করে ধরলেন। দুই বর্গ ইঞ্চির একটা জিপ-লক প্লাস্টিক ব্যাগ, ডান হাতে ধরা ফরসেপের আগা থেকে ঝুলছে। ভেতরে ছোটো একটা কাগজের টুকরো গোল করে একটা ছোটো টিউবের মধ্যে রেখে দেওয়া আছে। ‘এটার ছবি তোলো।’ এজেন্টকে আদেশ দিলেন তিনি।

নিজের ব্রিফকেসে রাখা ডিজিটাল ক্যামেরার দিকে হাত বাড়ালো ড. প্ল্যাটারের ডানে দাঁড়ানো এজেন্ট, দ্রুত কয়েকটা ছবি তুলে নিলো।

‘জিনিসটা কী আসলে?’ জিজ্ঞেস করলো সেই এজেন্ট। ‘কোনো নোট না-কি?’

ঘুরে হান্টার আর গার্সিয়ার মুখোমুখি হলেন ড. প্ল্যাটার। ‘আপনাদের কেস, কী করবেন, আপনারা সিদ্ধান্ত নিন। এখানেই খুলবো ব্যাগটা, না-কি অ্যানালাইসিসের জন্য ল্যাবে পাঠাবো?’

নিশ্চিত হওয়ার জন্য হান্টারের দিকে তাকালো গার্সিয়া, তবে তার কোনো দরকার ছিল না। সে জানে, তার পার্টনারের উত্তর কী হবে। এই কাগজের টুকরোটা আসলে কী, তা জানার জন্য মাঝ সকাল পর্যন্ত অপেক্ষা করার ধৈর্য ওদের কারোরই নেই।

‘অপশন এক, প্লিজ,’ জবাব দিলো গার্সিয়া, ডক্টরের দিকে চেয়ে দৃঢ়ভাবে একবার নড করলো।

‘অলরাইট।’ ফরেনসিকস মাস্ক দিয়ে মুখ ঢাকা থাকলেও ডক্টরের চোখের কোনা বিশ্বাসঘাতকতা করলো। কারণ, তার চোখের কোনা দিয়ে মুখের হাসি বোঝা গেল স্পষ্ট।

‘ওদিকে চলুন,’ ড্রেসারের দিকে মাথা হেলিয়ে বললেন তিনি। এই প্লাস্টিক ব্যাগটা যেহেতু ক্রাইম সিনে খুলতে যাচ্ছেন, তাই যেন কিছু গড়িয়ে না পড়ে যায়, সে জন্য সমতল এক পৃষ্ঠ দরকার তার। তাকে অনুসরণ করলো হান্টার আর গার্সিয়া, অনুসরণ করলো দুই ফরেনসিকস এজেন্টও।

ফরসেপ নামিয়ে রাখলেন ড. প্ল্যাটার, গ্লাভস পরা হাত দিয়েই প্লাস্টিক ব্যাগের সিল খুলে ফেললেন। সেটা করা হলে গোল করা কাগজের টুকরোটা বের করে বাঁ হাতের তালুর ওপরে রাখলেন। তার প্রত্যেকটা কাজ অনুসরণ করতে লাগলো চারজোড়া চোখ। এরপর নিজের ডান হাতের তর্জনী আর বুড়ো আঙুলের মাধ্যমে রোলকরা কাগজটা বের করে আনলেন ডক্টর।

‘ভেতরে কোনো শক্ত জিনিস আছে বলে মনে হচ্ছে না,’ সবাইকে জানালেন তিনি। তারপর কাগজটা তুলে নিলেন, ভেতরে পাউডার জাতীয় কিছু আছে কিনা, পরীক্ষার জন্য দুই প্রান্তে ঝাড়া দিলেন। নেই কিছু।

আর একটা কাজই করার বাকি আছে। সবার ব্যগ্র দৃষ্টির সামনে খুব ধীরে রোলকরা কাগজটার ভাঁজ খুলে ফেললেন ড. প্ল্যাটার। ঘরটার যদি হার্টবিট থাকতো, তবে সেটাও এই মুহূর্তে থেমে যেতো।

ডক্টরের উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি, হান্টার আর গার্সিয়া দুজনেই তার চাইতে লম্বা। ডক্টরের পেছনে দাঁড়িয়ে তার কাঁধের ওপর দিয়ে উঁকি দিলো ওরা। ভাঁজভাঙা কাগজটা সাইজে লম্বায় সাড়ে পাঁচ ইঞ্চি, চওড়ায় দেড় ইঞ্চি। ভেতরে একটা হাতে লেখা বাক্য ছাড়া কিছুই নেই। ডঃ প্ল্যাটারের হাতে ধরা নোটের ওপরে গার্সিয়ার দৃষ্টি এক মুহূর্ত নিবদ্ধ থাকলো, তারপরেই দৃষ্টি ঘুরে গেল পার্টনারের দিকে। দুই সেকেন্ড পরে, বিছানায় রাখা লাশের দিকে তাকালো সে। বিভ্রান্তি আর বিস্ময়ে মুখ হা হয়ে গেল তার।

‘নো… গডড্যাম ওয়ে! এটা কীভাবে সম্ভব?’

উনত্রিশ

ক্রাইম সিনে আরও এক ঘণ্টা অবস্থান করলো হান্টার আর গার্সিয়া, ইতোমধ্যে কার্স্টেন হ্যানসেনের লাশ করোনারের ভ্যানে তুলে পাঠিয়ে দেওয়া হলো লস অ্যাঞ্জেলসের নর্থ মিশন রোডে অবস্থিত ডিপার্টমেন্ট অব মেডিক্যাল এক্সামিনার-করোনারের অফিসে। নিজের সহকারীদের নিয়ে ক্রাইম সিনে কাজ করতে লাগলেন ড. স্ল্যাটার, আর এই সুযোগে সূত্রের খোঁজে বাড়িটায় তল্লাশী চালাতে শুরু করলো গার্সিয়া।

বাইরে গিয়ে ট্রয় ফস্টারের সাথে কথা বলার চেষ্টা করলো হান্টার; বেচারা এখনো নিজের পিকআপ ট্রাকে বসে আছে, কপালটা দুই হাতের ওপরে রাখা, কনুই দুটো রাখা দুই হাঁটুর ওপরে। থেকে থেকেই তার সারা শরীর কেঁপে কেঁপে উঠছে। তার দু’জন বন্ধু এখনো তার সাথে বসে আছে।

হান্টারের মতোই লম্বা ও সুগঠিত দেহের অধিকারী ট্রয়। একজন লাইনব্যাকারের (রাগবি খেলার পজিশন) মতো চওড়া কাঁধ, একজন পেশাদার জিমন্যাস্টের মতো একজোড়া হাত। কিন্তু যখন হান্টারের সাথে দেখা করতে গাড়ি থেকে নামলো সে, তখন পরাজিত ছোটোখাটো একজন মানুষ বলে মনে হলো তাকে। মাথা নুয়ে পড়েছে, বেদনার ভারে ঝুলে পড়েছে গোটা শরীরও।

রবিবার সন্ধ্যায় মেলিসার বাড়ির বাইরে জ্যানেট ল্যাঙের কাছ থেকে প্রাথমিক কিছু তথ্য বের করার সময় যেমন এক ঘণ্টা মতো সময় লেগেছিল, ট্রয়ের ক্ষেত্রেও সেরকম সময় লাগলো। বেশিরভাগ সময়েই, হান্টার যখন তাকে প্রশ্ন করলো, তখন সে ভেজা, লাল চোখে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তারপর যখন সেই চোখজোড়া হান্টারের দিকে ফিরলো, চোখজোড়া দেখে মনে হলো বিভ্রান্ত ও অমনোযোগী; কণ্ঠ দুর্বল আর কম্পমান। তার বেদনা দৃশ্যমান, স্পষ্ট সংক্রামক। যখন সে মুখ খুললো, তখন কান্নার দমকে কণ্ঠ আটকে আসতে লাগলো, বুকপিঠ ফুলে উঠতে লাগলো অনিয়মিতভাবে, যেন অক্সিজেন বুকের ভেতরে আটকে গেছে কোথাও।

খুব ধীরে কথা বলতে লাগলো সে, যেন শব্দগুলো একের পর এক বসিয়ে বাক্য গঠনের জন্য যে শক্তিটা দরকার, তা তার নেই। তাকে চাপ দিতে চাইলো না হান্টার। ট্রয়ের বেদনার আসলেই কোনো সীমা-পরিসীমা নেই। বাস্তবতার সাথে পাঞ্জা লড়েছে তার মস্তিষ্ক, কারণ বাস্তবতা এই মুহূর্তে রীতিমতো অবিশ্বাস্য বলে মনে হচ্ছে। কিন্তু ট্রয়কে কিছু প্রশ্ন না করলেই নয়।

‘মি. ফস্টার?’ কোমল গলায় জিজ্ঞেস করলো হান্টার। ‘আমি বুঝতে পারছি, পরিস্থিতিটা আপনার জন্য খুব কঠিন, কিন্তু আমি কি আপনাকে শেষ একটা প্রশ্ন করতে পারি? প্রশ্নটা আসলেই খুব গুরুত্বপূর্ণ।’

প্রথমে মনে হলো, হান্টারের কথা শুনতে পায়নি ট্রয়। কিন্তু তারপরেই নড করলো সে, ভেজা গাল লাল হয়ে আছে, চোখজোড়া ভেজা, হাতজোড়া বুকের ওপরে এমনভাবে ধরা যেন কোনো আক্রমণ থেকে বাঁচার জন্য এক ঢাল ধরে আছে।

‘আমরা আপনাদের শোবার ঘরে একটা নোট পেয়েছি,’ শুরু করলো হান্টার, বলতে বলতে সেলফোনের দিকে হাত বাড়ালো। ‘জিনিসটা আপনি একবার দেখলে ভালো হয়।’

হান্টার যত কোমলভাবেই কথাগুলো বলুক না কেন, ট্রয়ের তাতে কোনো লাভ হলো না। চোখের পাতা ফেলে ঝাপসা দৃষ্টি পরিষ্কারের চেষ্টা করলো সে, তারপর হান্টারের দিকে তাকালো। হাত দিয়ে তৈরি করা ঢাল যেন শক্ত হয়ে গেল, সামান্য উঁচু হলো কাঁধজোড়া। ‘একটা নোট পেয়েছেন আপনারা? কোথায়?’

‘বিছানার নিচে,’ মিথ্যে বললো হান্টার। কথাটা বলা নিজেরই পছন্দ হলো না ওর, কিন্তু ট্রয়ের কষ্ট আরও এক দফা বাড়ানোর কোনো কারণ ও খুঁজে পেলো না।

‘কী নোট? কী লেখা আছে তাতে?’ এতটাই ভেঙে পড়েছে যে প্রশ্ন করতে গিয়ে গলা ভেঙে গেল ট্রয়ের।

সেলফোনে নোটের ছবি বের করলো হান্টার, সেটা ট্রয়কে দেখালো। আগের চাইতে সামান্য দ্রুত ও মনোযোগ দিয়ে তাকালো। ঠোঁট নাড়িয়ে শব্দগুলো পড়লো ও, কিন্তু শব্দ শোনা গেল না কোনো। অপেক্ষা করলো হান্টার। পড়া শেষ হলে হান্টারের সেলফোন থেকে চোখ তুলে ডিটেকটিভের দিকে তাকালো হান্টার। আবার কাঁপতে শুরু করেছে সে।

‘ও?’

‘আমি বুঝতে পারছি না।’

‘এই বাক্যটা কি আগে দেখেছেন কোথাও?’ জিজ্ঞেস করলো হান্টার।

আরেকবার মনোযোগ সহকারে বাক্যটা পড়লো ট্রয়। ‘না, কখনোই না।’ শেষ শব্দটা হান্টার পর্যন্ত আসার আগেই বাতাস উড়িয়ে নিয়ে গেল। ‘ও কি এটা লিখে রেখে গেছে আমার জন্য?’

রক্ত চলাচলের গতি দ্রুত হলো হান্টারের। এই বিষয়টাই নিশ্চিত হওয়া দরকার।

‘হাতের লেখাটা চিনতে পেরেছেন?’ জিজ্ঞেস করলো ও, কণ্ঠ শান্ত রাখলো। ‘হাতের লেখাটা কি মিস হ্যানসেনের?’

এবার আর অশ্রু সংবরণ করতে পারলো না ট্রয়। অনিয়ন্ত্রিতভাবে নেমে এলো গাল বেয়ে, থুতনি দিয়ে গড়িয়ে পড়তে লাগলো।

‘হ্যাঁ,’ অবশেষে উত্তর দিলো সে, গলা দিয়ে অনেক কষ্টে স্বর বেরোলো। হান্টার স্পষ্ট বুঝতে পারলো, দুনিয়াটা ভেঙেচুরে যাচ্ছে ট্রয়ের কাছে। ‘হ্যাঁ, ওর হাতের লেখা। ও আমার জন্য লিখে রেখে গেছে?’ আবার জিজ্ঞেস করলো ট্রয়, হাতজোড়া বুকের ওপর থেকে সরিয়ে হান্টারের কাঁধ চেপে ধরলো সে। ‘আমার জন্য লিখে রেখে গেছে? বলুন আমাকে। নোটটা কি আমার জন্য?’

হান্টার বুঝতে পারলো, ট্রয়ের গোটা শরীর কাঁপছে। ‘বলুন আমাকে, লিখে গেছে ও?’

ওদের চার চোখ এক হলো, কিন্তু নীরব থাকলো হান্টার। বলার মতো কিছু নেই ওর কাছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *