মৃতেরা কোথাও নেই – সোমজা দাস
মৃতেরা কোথাও নেই – সোমজা দাস
টাপুরদি-মিতুল সিরিজ
MRITERA KOTHAO NEI by Somaja Das
প্রথম প্রকাশ – মে ২০২২
প্রচ্ছদ ও অলংকরণ – অভীক দাস
উৎসর্গ
”তাহার মতন আলো হৃদয়ের অন্ধকারে পেলে
মানুষের মতো নয়,—নক্ষত্রের মতো হতে হয়!”
কবি জীবনানন্দ দাস শ্রীচরণেষু
.
ভূমিকা
ভূমিকা লিখতে আমার বরাবর বড্ড আলসেমি লাগে। কী লিখব? আগুন জ্বালার আগে সলতে পাকানোর গল্প কিছু থাকে বটে, তবে আমার ক্ষেত্রে সেসব নিতান্তই এলেবেলে। বলার মতো যুৎসই একটা গল্পও নেই যে গুছিয়ে লিখব। তাই এই পৃষ্ঠাগুলি একেবারেই অপ্রয়োজনীয়।
তবু কেন ভূমিকা লিখছি তার কারণটা বলব। তার আগে টাপুরদিকে নিয়ে কিছু কথা বলে নিই। টাপুরদিকে নিয়ে আমার লেখা শুরু ২০২০ সালে। সেখান থেকে একটি দুটি করে এটা তিন নম্বর বই। টাপুরদির গোয়েন্দাগিরি লেখার সময়ে যে টাপুরদিকে আমি পাঠকের সামনে তুলে ধরেছিলাম, তিন নম্বর বই অবধি আসতে আসতে সে এখন আগের চেয়ে অনেক অভিজ্ঞ, অনেক বেশি স্বচ্ছন্দ। তবে শুধু এটুকুই নয়, টাপুরদির কেসগুলোও এখন আগের চেয়ে অনেক জটিল।
প্রাইভেট ডিটেকটিভদের নিয়ে গল্প লেখা সহজ নয়। আজকালকার পাঠক অনেক বেশি সচেতন। তারা প্রাইভেট ডিটেকটিভের এক্তিয়ার জানেন। জানেন যে বাস্তবে প্রাইভেট ডিটেকটিভের কাজের পরিসর খুবই সংকীর্ণ। এর চেয়ে পুলিশি তদন্ত নিয়ে লিখলে লেখকের অনেক বেশি স্বাধীনতা থাকে। তবু যখন টাপুরদিকে নিয়ে লিখব ঠিক করলাম, তখন সেই চ্যালেঞ্জটা মাথায় রেখেই শুরু করেছিলাম। জানতাম, এক্তিয়ারের বাইরে গেলেই আঙুল উঠবে। তখন ‘লিটারারি ফ্রীডম’-এর গপ্পো করে পার পাব না। তাই প্রতিটা কাহিনির শুরু থেকেই মাথায় রাখতে হয় যাতে টাপুরদিকে কেসটাতে এমনভাবে ইনভল করা যায়, যেটা বিশ্বাসযোগ্য মনে হয়। এই উপন্যাসের ক্ষেত্রেও তার ব্যত্যয় হয়নি।
ঠিক সেই কারণে এখানে এসেছে এমন কিছু চরিত্র, যাদের সঙ্গে টাপুরদির পাঠকেরা আগে থেকেই পরিচিত। টাপুরদি, মিতুল, অর্জুনকে বাদ দিয়েও এই উপন্যাসে হাজির আছেন আমাদের পূর্ব-পরিচিত ডিসিডিডি সৌরভ সান্যাল, মুখ্যমন্ত্রী অম্লান চক্রবর্তী, মৃণাল দত্ত। শুধু উপস্থিত থাকা নয়, যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্রেই আছেন তাঁরা। আবার যারা টাপুরদি সিরিজ প্রথমবার পড়বেন, ‘মৃতেরা কোথাও নেই’ দিয়ে শুরু করলেও তাদের অসুবিধে হবে না।
এই কাহিনি লিখতে শুরু করার আগে বেশ খানিকটা পড়াশোনা করতে হয়েছে অরগ্যান ট্র্যাফিকিং নিয়ে। যত বিষয়টার ভেতরে ঢুকেছি, তত বিস্মিত হয়েছি। যন্ত্রণা পেয়েছি আরও বেশি। উপন্যাসটিকে তথ্যভারে ভারাক্রান্ত করতে চাইনি, তাতে কাহিনির স্বাভাবিক গতি ব্যাহত হত। কিন্তু তথ্যগুলো পাঠককে জানানোর লোভও ছাড়তে পারিনি। কারণটা ঠিক আমার সদ্য আহৃত জ্ঞানের প্রদর্শনেচ্ছা নয়, বরং আমার মনে হয়েছে এই বিষয়ে একটা সামগ্রিক সামাজিক সচেতনতা প্রয়োজন। তাই উপন্যাসের শেষে কিছু তথ্য তুলে ধরেছি। ইচ্ছে হলে পড়ে দেখবেন। পরিস্থিতি খুবই ভয়াবহ। ভলান্টারি অরগ্যান ডোনেশন নিয়ে আমরা যদি সকলে এগিয়ে না আসি, আরও সচেতন না হই, তবে লালনেরা হারাতেই থাকবে। সব ব্যাপারে সরকারের মুখের দিকে তাকিয়ে বসে থেকে লাভ নেই। সচেতন নাগরিক হিসেবে আমাদেরও চেষ্টা করতে হবে। নইলে কে বলতে পারে, আপনাকে-আমাকেও কোনওদিন হয়তো আরেকজন অসহায় মানুষের জীবনের মূল্যে নিজের বা প্রিয়জনের জীবন বাঁচাতে হবে!
এই উপন্যাসটির নাম নিয়ে যখন ভাবতে বসলাম, তখন অন্য একটি নাম মাথায় ছিল। কিন্তু ঠিক তৃপ্তি পাচ্ছিলাম না। ফলে শরণাপন্ন হতে হয়েছে কিছু বন্ধু ও অভিভাবকসম শুভাকাঙ্ক্ষীর। শেষমেষ আশ্রয় মিলল চির-পরিচিত কবিতার পংক্তিতে। ১৯৪৬-৪৭ কবিতাটি পড়তে বসে মনে হল যা কিছু আমি এই উপন্যাসে বলতে চেয়েছি, তা কবেই কবি একটি মাত্র পংক্তিতে লিখে গেছেন। সারা কবিতা জুড়েই আমার কাহিনির বিস্তার। এই কাহিনি তাই আমি কবিকেই উৎসর্গ করেছি।
আরও অনেক মানুষ আমায় কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করেছেন। পাঠকেরা যেভাবে ভালোবেসে টাপুরদিকে গ্রহণ করেছেন, তাতে তাঁদের জন্য কৃতজ্ঞতাও বড় কম মনে হয়। আশা রাখি টাপুরদির বাকি কাহিনির মতো এই উপন্যাসকেও তাঁরা ভালোবাসা দিয়ে গ্রহণ করবেন। কৃতজ্ঞতা জানাই কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়কে, যিনি টাপুরদির সঙ্গে পাঠকের প্রথম পরিচয় করিয়েছিলেন। দীপ প্রকাশনের কর্ণধার দীপ্তাংশু মন্ডলকে ও সম্পাদক গৌরব অধিকারীকে আমার আন্তরিক ধন্যবাদ। বইটির সুন্দর প্রচ্ছদটির জন্য প্রচ্ছদ শিল্পী অভীক দাসকে জানাই অশেষ কৃতজ্ঞতা। দুর্দান্ত অলংকরণগুলিও করেছেন তিনিই। বইটিকে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলার জন্য দীপ প্রকাশনের টিমকে অনেক ধন্যবাদ। এই বইয়ের সঙ্গে জুড়ে আছে আরও অনেক মানুষের পরিশ্রম ও আবেগ। তাদের সকলকেই আমার আন্তরিক ধন্যবাদ জানাই।
পরিশেষে যাদের কথা না বললেই নয়, তাদের কথা বলি। অনির্বান, বারবার বলি, আবারও বলি, তুমি না থাকলে কিছু হত না। আমার উপর আমার চেয়ে তুমি বেশি ভরসা রেখেছ সব সময়। আমার পুত্রদ্বয়ের থেকে সময় চুরি করে দিনের পর দিন লিখে চলেছি। ওরা মা-কে ক্ষমা করে দিয়েছে। ওদেরও ধন্যবাদ।
প্রণাম জানাই আমার বাবা ও মাকে, যারা হাতে তুলে দিয়েছিলেন প্রথম বর্ণপরিচয়।
ধন্যবাদ সকলকে।
পাঠ শুভ হোক।
সোমজা দাস
কৈখালি, কলকাতা
২৪ মার্চ, ২০২২




Leave a Reply