মৃতেরা কোথাও নেই – ২০

।। কুড়ি।।

মধ্যরাতে আমার প্রোজেক্ট ম্যানেজারের কল এসেছিল। একটা বড়োসড়ো এস্কেলেশনের জেরে ভোররাত পর্যন্ত কাজ করে তারপর ঘুমোতে গেছি। ঘুম ভেঙে দেখলাম বেলা দশটা বেজে গেছে। ঘর ছেড়ে বাইরে এসে দেখলাম টাপুরদি সোফায় বসে কারও সঙ্গে ফোনে কথা বলছে। আমি বাথরুমে ঢুকলাম।

বেরিয়ে দেখলাম টাপুরদি কিচেনে কিছু করছে আর গুনগুন করে গান গাইছে। কিচেনের দরজার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম, ‘খবর কী? বেশ খুশি খুশি লাগছে!’

টাপুরদি দুটো প্লেটে চিঁড়ের পোলাও সার্ভ করতে করতে বলল, ‘তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে রেডি হয়ে নে। বেরোতে হবে।’

‘কোথায় যাবে?’ জানতে চাইলাম আমি।

‘অম্লানবাবুর সঙ্গে দেখা করতে’, মুচকি হেসে বলল টাপুরদি।

‘অম্লানবাবু? মানে অম্লান চক্রবর্তী? মুখ্যমন্ত্রী?’ চোখ কপালে তুলে জিজ্ঞাসা করলাম।

‘ইয়েস!’ মাথা নেড়ে বলল টাপুরদি।

‘বাপ রে! তোমার ব্যাপার-স্যাপারই আলাদা। তা কীসের জন্য যাওয়া হচ্ছে?’

টাপুরদি ট্রে-তে দুটো চিঁড়ের পোলাওয়ের প্লেট আর দু কাপ চা দিয়ে আমাকে বলল, ‘এগুলো নিয়ে গিয়ে টেবিলে রাখ।’

হাত বাড়িয়ে ট্রে-টা নিলাম। বসার ঘরে ডাইনিং টেবিলে সাজিয়ে রাখলাম খাবারগুলো। অম্লানবাবুর বাবা অমিয় চক্রবর্তীকে মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানের আগের দিন সন্ধেবেলায় পার্টি অফিসে নিজের কেবিনে মৃত অবস্থায় পাওয়া গেছিল। অনেক বাধাবিপত্তি মাথায় নিয়ে সেই হত্যারহস্যের সমাধান করেছিল টাপুরদি। অমিয়বাবুর মৃত্যুর পর পার্টির সিদ্ধান্ত অনুসারে অম্লান চক্রবর্তীকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়। অম্লানবাবু টাপুরদিকে পার্টির অভ্যন্তরীণ বিশেষ নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব দিতে চেয়েছিলেন। টাপুরদি সেটা সেই সময়ে সবিনয়ে প্রত্যাখ্যান করেছিল। কিন্তু অম্লানবাবু বলেছিলেন, যে-কোনো প্রয়োজনে তাঁকে জানাতে। তিনি চেষ্টা করবেন যথাসাধ্য সাহায্য করতে। তবে কি আজ সত্যিই তাঁকে প্রয়োজন পড়েছে টাপুরদির?

টাপুরদি দ্রুত হাতে রান্নাঘর পরিষ্কার করে বসার ঘরে এল। ডাইনিং টেবিলের চেয়ার টেনে বসে বলল, ‘আমাদের বর্তমান কেসটার জন্য যাচ্ছি একটা শেষ চেষ্টা করতে। পুলিশ আমাকে এই কেসে ঢুকতে দেবে না। কিন্তু লালনকে খুঁজে বের করতে হলে এর ভেতরে আমাকে ঢুকতেই হবে। তাই অম্লানবাবুর সাহায্য দরকার। তিনি যদি অনুমতি দেন, তাহলে আমি এগোতে পারব। নতুবা, আমার তরফ থেকে এই কেসের এখানেই ইতি।’

বুঝতে পারলাম, আমার ধারণাই ঠিক। আজ অম্লানবাবুর সাহায্য টাপুরদির প্রয়োজন। খুব দ্রুত খাওয়া শেষ করলাম আমরা। স্নান সেরে তৈরি হয়ে বেরোতে আরও আধ ঘণ্টা লাগল। বারোটার আগেই মুখ্যমন্ত্রীর অফিসে পৌঁছে গেলাম। রিসেপশনে আমাদের পরিচয় জানাল টাপুরদি। অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, সেটাও জানাল। রিসেপশনিস্ট ভাবলেশহীন মুখে নাম লিখে নিয়ে বসতে বললেন আমাদের। মুখ্যমন্ত্রী জরুরি মিটিং-এ আছেন।

প্রায় ঘণ্টাখানেক অপেক্ষার পর ভেতর থেকে ডাক এল। আমরা ভেতরে পৌঁছোতে হাসিমুখে অভ্যর্থনা জানালেন মুখ্যমন্ত্রী অম্লান চক্রবর্তী। আমরাও হাত জোড় করে নমস্কার জানালাম। টেবিলের অন্য প্রান্তে বসে থাকা আর এক ভদ্রলোককেও ভালো করেই চিনি। ইনি মুখ্যসচিব সুদর্শন গাঙ্গুলি। গত প্রায় দশ বছর ধরে ইনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগের সরকারের আমলেও মুখ্যমন্ত্রী বিনয় বোস সুদর্শনবাবুর ওপর যথেষ্ট নির্ভর করতেন, এখন অম্লানবাবুও করেন। দীর্ঘদেহী, গৌরবর্ণ, প্রৌঢ় মানুষটিকে দর্শনেই শ্রদ্ধা জাগে।

‘বসুন মিস ব্যানার্জি, মিস সেন’, বললেন অম্লানবাবু।

সুদর্শনবাবুর পাশে রাখা খালি চেয়ারে বসলাম আমরা।

অম্লানবাবু চেয়ারে হেলান দিয়ে বসলেন। বললেন, ‘আজ সকালে আপনার ফোনের কথা বলল আমার পার্সোনাল সেক্রেটারি। তখনই বুঝেছি, আবার কোনো কেস নিয়ে লড়তে নেমেছেন। বলুন, কীভাবে সাহায্য করতে পারি?’

টাপুরদি দেখলাম ভূমিকা-টুমিকার ধার দিয়েও গেল না। সরাসরি বলল, ‘আমি অরগ্যান ট্র্যাফিকিং-এর কেসটা নিয়ে ইন্টারেস্টেড। কোনোভাবে এই কেসে আমার কাজ করা কি সম্ভব?’

অম্লানবাবু ও সুদর্শনবাবু নীরবে দৃষ্টি বিনিময় করলেন দেখলাম। তারপর গলা খাঁকরে অম্লানবাবু বললেন, ‘দেখুন মিস ব্যানার্জি, এই কেসটা নিয়ে আমরা যথেষ্ট চিন্তিত। আপনাকে বলতে বাধা নেই, আপনি আসার আগে এটা নিয়েই মিটিং চলছিল আমাদের। এটা এখন আর পাঁচটা সাধারণ কেসের মতো নিছক একটা কেসে আবদ্ধ নেই। কেন্দ্রে ক্ষমতাসীন দল এই ঘটনাকে হাতিয়ার করে সামনে লোকসভা নির্বাচনে আমাদের দলের বিরুদ্ধে প্রচারে নামবে। সুতরাং প্রচার শুরু হওয়ার আগেই আমাদের এই কেসকে ক্র্যাক করতে হবে।

‘আপনি জানেন, কলকাতা পুলিশ যথেষ্ট এফিসিয়েন্টলি হ্যান্ডল করছে কেসটা। যদিও এখনও চোখে পড়ার মতো কোনো অগ্রগতি হয়নি, তবু আশা করছি খুব শিগরিরই কিছু ফল পাব আমরা। এই কেসের গুরুত্ব যেমন বেশি, রিস্কও প্রচুর। কিছু মনে করবেন না, আমি আপনার এফিশিয়েন্সিকে সন্দেহ করছি না। আপনাকে অসম্মান করা আমার উদ্দেশ্য নয়। আমি জানি, আপনি নিজের কাজে কতটা কমিটেড। কিন্তু এই কেসে আপনার আদৌ কিছু করার আছে কি না, সেই বিষয়ে আমি ঠিক নিঃসন্দেহ নই।’

টাপুরদি বলল, ‘আশা করি, লাস্ট যে বডিটা পাওয়া গেছে, তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনায় নবদিগন্ত সেবাশ্রম নামের একটি হোমের কানেকশনের খবর আপনার কানে পৌঁছেছে। ওই হোম থেকে গত কয়েক বছরে বেশ কিছু বাচ্চা মিসিং হয়েছে। উত্তীয় সোম নামে একজন অধ্যাপক লালন নামে একটি অনাথ বাচ্চাকে ওই হোমে রেখেছিল। বাচ্চাটা নিখোঁজ। উত্তীয় সোমের বক্তব্য, যেই লোকটির ডেডবডি পাওয়া গেছে, সেই লোকটিকে নবদিগন্ত সেবাশ্রমে দেখেছিলেন। তাঁর মতে লোকটির নাম জসীমুদ্দিন শেখ।’

‘আপনি কেসটা নিয়ে অনেকটাই এগিয়েছেন দেখছি’, বলে হাসলেন অম্লানবাবু। বললেন, ‘সবই ঠিকই বলেছেন। কিন্তু দু-দিন আগে পুলিশ নব দিগন্তে রেড করেছিল। ওদের সব কাগজপত্র, ডেটা সিজ করে নিয়ে এসেছে। এখন পর্যন্ত যতটা পরীক্ষা করে দেখা হয়েছে, তাতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। সব ডেটা ক্লিন আছে। বাচ্চাদেরও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। কেউ কোনো অভিযোগ জানায়নি। বরং উলটোটাই জানা গেছে। ওই হোমে বাচ্চাদের যথেষ্ট যত্ন করা হয়। তাই কোনো সলিড প্রমাণ ছাড়া নবদিগন্ত সেবাশ্রমের বিরুদ্ধে পুলিশ কোনো অ্যাকশন নিতে পারে না, সে নিশ্চয়ই আপনার অজানা নয়।’

‘না’, মাথা নাড়ল টাপুরদি। বলল, ‘সেই প্রমাণ জোগাড়ের কাজটা যদি আমি করি?’

অম্লানবাবু বিস্মিত মুখে টাপুরদির দিকে তাকালেন। বললেন, ‘কীভাবে?’

টাপুরদি একটু ভাবল। তারপর বলল, ‘এই কেসে রিস্ক আছে আমিও জানি, স্যার। আপাতত আমি নবদিগন্তের সঙ্গে যুক্ত লোকজনের সঙ্গে কথা বলতে চাই। তাদের জিজ্ঞাসাবাদ করতে চাই। আমি চাই, এই ব্যাপারে আপনি আমায় স্পেশাল পারমিশন দিন।’

অম্লানবাবু কিছুক্ষণ স্থির দৃষ্টিতে টাপুরদির মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর হো হো করে হেসে উঠলেন। একটু পরে হাসি থামিয়ে সুদর্শনবাবুর দিকে চেয়ে বললেন, ‘দেখলেন তো, আপনাকে বলেছিলাম না, মিস ব্যানার্জি এভাবেই নিজের মতামত ব্যক্ত করেন। অনুরোধ-উপরোধের ব্যাপার নেই, সোজা ‘আমি চাই’, ‘আপনি দিন’। আর এই সোজাসাপটা ব্যাপারটাই আমি পছন্দ করি। যাই হোক, এই ব্যাপারে আমি একা সিদ্ধান্ত নিতে পারছি না। আপনি বলুন সুদর্শনবাবু, কী করা উচিত আমাদের? শুধু আমলা হিসেবে আপনার মতামত চাইছি না কিন্তু। আপনার অভিজ্ঞতা অনেক বেশি। নির্বাচন সামনে। এই কেসটা একটা হেডেক হয়ে দাঁড়িয়েছে।’

সুদর্শনবাবু এতক্ষণ চুপ করে উভয় পক্ষের কথা শুনছিলেন। এবার বললেন, ‘এই কেসের জাল গোটা দেশ জুড়ে ছড়িয়ে আছে। শুধু পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ কতটা কী করতে পারবে আমি জানি না। কেন্দ্রীয় সরকার ইচ্ছে করলেই এই কেসটা সিবিআই-এর হাতে দিতে পারত, কিংবা তদন্তে সাহায্য করতে পারত। কিন্তু সেটা যখন করছে না তখন ধরে নেওয়া যেতেই পারে অপোজিশন এই কেস দিয়ে রাজ্য সরকার, বা বলা ভালো রাজ্যে রুলিং পার্টিকে প্যাঁচে ফেলার চেষ্টা করছে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী হিসেবে আপনি আইনের বাইরে না গিয়ে সব রকম চেষ্টা করতেই পারেন।’

অম্লানবাবু একটু ভাবলেন। তারপর বললেন, ‘কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে আমি কোন পদাধিকারে মিস ব্যানার্জিকে এই তদন্তে শামিল করব? বাই চান্স এই খবরটা বাইরে গেলে আমার দিকে, কলকাতা পুলিশের দিকে আঙুল উঠবে।’

সুদর্শন গাঙ্গুলির কপালে ভাঁজ পড়ল। হাতে থুতনি গুঁজে অল্প সময় ভাবলেন তিনি। তারপর বললেন, ‘মুখ্যমন্ত্রী হিসেবে আপনি হয়তো পারেন না। কিন্তু উত্তীয় সোম মিস ব্যানার্জিকে অলরেডি অ্যাজ আ ডিটেকটিভ অ্যাপয়েন্ট করেছেন। সুতরাং মিস ব্যানার্জি তাঁর ক্লায়েন্টের হয়ে তো কাজ করতেই পারে। আপনি পুলিশমন্ত্রীও। আইজি-কে জানিয়ে রাখুন, মিস ব্যানার্জিকে যেন ভেতরে ভেতরে কো-অপারেট করা হয়, আন-অফিসিয়ালি আর কী! মিস ব্যানার্জি তার ফাইন্ডিংস আপনাকে রিপোর্ট করবেন।’

‘কিন্তু পুলিশের ভেতরেও সকলে তো আর আমাদের সমর্থক নয়। বিরোধীদের কানে উঠতেই পারে’, বললেন অম্লানবাবু, ‘তখন সে নিয়ে আবার জলঘোলা হবে। আমিও আগামী দিন সাতেক কলকাতায় থাকছি না, দিল্লি যেতে হচ্ছে। সেক্ষেত্রে…’

সুদর্শনবাবু বললেন, ‘সেক্ষেত্রে আপনার বিশ্বস্ত কারও কাছে রিপোর্ট করতে পারেন মিস ব্যানার্জি। তবে বেশি বাড়াবাড়ি করা, বা লোকের চোখে পড়াটা বুদ্ধির কাজ হবে না।’

অম্লানবাবু কিছুক্ষণ ভাবলেন। তারপর বললেন, ‘এই মুহূর্তে আপনার থেকে বেশি বিশ্বস্ত আমি আর কাউকে দেখছি না। আমি যে ক-দিন থাকছি না, মিস ব্যানার্জি আপনাকে রিপোর্ট করবেন। আপনার আপত্তি নেই তো?’

সুদর্শনবাবু মাথা নাড়লেন।

অম্লানবাবু এবার টাপুরদির দিকে তাকিয়ে বললেন, ‘কিন্তু মিস ব্যানার্জি, আপনাকেও কথা দিতে হবে যে আপনি যা করার, সেটা লিমিটে থেকে করবেন। বিন্দুমাত্র রিস্ক বুঝলে আর এগোবেন না। আপনার প্রতিটি স্টেপের খবর আমার কাছে, এবং আমার অনুপস্থিতিতে সুদর্শনবাবুর কাছে থাকতে হবে। কাউকে সন্দেহ হলে আমাদের জানাতে হবে। আর সবচেয়ে বড়ো শর্ত হল, এই তদন্তের গোপনীয়তা বজায় রাখতে হবে। আমি, সুদর্শনবাবু, আইজিসাহেব, ডিসিডিডি সৌরভ সান্যাল ও আপনারা দু-জন ছাড়া আর কেউ জানবে না।’

আমি টাপুরদির মুখের দিকে তাকালাম। আমরা তদন্ত করব, অথচ সেটা অর্জুনদা জানবে না, এই ব্যাপারটা আমার তেমন মনঃপূত হল না। টাপুরদি চিন্তিতমুখে মাথা নাড়ল। বলল, ‘সবই তো বুঝলাম স্যার, কিন্তু এত গোপনীয়তা রেখে তদন্তটা করব কেমন করে? আমি জিজ্ঞাসাবাদ করতে গেলে সাসপেক্টরা আমাকে এন্টারটেইন করবে কেন?’

অম্লানবাবু সুদর্শনবাবুর মুখের দিকে তাকালেন। সুদর্শনবাবু বললেন, ‘সেটা ঠিকই বলেছেন আপনি। কিন্তু এ ছাড়া আর কোনো পথও নেই। বড়ো জোর, আপনাকে আমরা কোনো নিউজ পেপারের জার্নালিস্ট আইকার্ড ও প্রেস ক্লাবের মেম্বারশিপ প্রোভাইড করার ব্যবস্থা করে দিতে পারি।’

অম্লানবাবু বললেন, ‘সেটা কী করে হবে সুদর্শনবাবু? মিস ব্যানার্জিকে অনেকেই চেনে। মিথ্যে পরিচয়ে তদন্ত করলে ধরা পড়ে যাবেন।’

টাপুরদিও মাথা নাড়লেন।

সুদর্শনবাবু চিন্তিত মুখে বললেন, ‘আমি তো আর কোনো উপায় দেখছি না স্যার।’

অম্লানবাবু বললেন, ‘আমি মুখ্যমন্ত্রী হিসেবে ওঁকে অ্যাপয়েন্ট করতে পারি না। কিন্তু যদি স্বাস্থ্য দপ্তর থেকে একটা স্পেশাল অর্ডার বের করা যায়, সেক্ষেত্রে ব্যাপারটাতে সুবিধে হতে পারে কি? স্বাস্থ্যমন্ত্রী বিমল দে বয়স্ক মানুষ। তাঁর পলিটিক্যাল ইমেজ ক্লিন, বিরোধীরাও শ্রদ্ধা করে। রাজনৈতিক সৌজন্য বজায় রেখে চলেন। তাঁর বিরুদ্ধে কাদা-ঘাঁটাঘাঁটি কম হবে বলেই আমার ধারণা। আমি কথা বলে দেখি বিমলবাবুর সঙ্গে। আশা করি রাজি হয়ে যাবেন। আপনি স্বাস্থ্য দপ্তরের সেক্রেটারি অদ্বৈত মুখার্জির সঙ্গে কথা বলুন। এভাবে পারমিশন বের করার ব্যাপারে আইনি জটিলতা আপনারা আমলারা মিলে সামলান। আমার মনে হয়, এটাই বেস্ট ওয়ে-আউট।’

সুদর্শনবাবু মাথা নাড়লেন। বললেন, ‘আমি দেখছি। যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করার চেষ্টা করছি।’

টাপুরদি বলল, ‘আচ্ছা, তাহলে তাই-ই দেখুন। পারমিশনটা পেয়ে গেলে আমি আমার কাজ শুরু করতে পারি।’

‘গুড!’ বললেন মুখ্যমন্ত্রী অম্লান চক্রবর্তী, ‘তাহলে সেরকমই কথা রইল। মিস ব্যানার্জি, আপনি সুদর্শনবাবুর নম্বর নিয়ে রাখুন। নেক্সট কয়েক দিন আমাকে হয়তো সব সময় ফোনে পাবেন না। সব আপডেট ওঁকে জানাবেন।’

দু-জনকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে আসছি, পেছন থেকে ডাকলেন অম্লানবাবু। আমরা পেছন ফিরে তাকালাম। অম্লানবাবু বললেন, ‘আপনাদের একটা খারাপ খবর দিই। মৃণালজেঠুর ক্যানসার ধরা পড়েছে। চিকিৎসা চলছে। কিন্তু বয়সও হয়েছে। পারলে একবার দেখা করে আসবেন। জেঠুর ভালো লাগবে।’

।। একুশ।।

বিশেষ অনুমতিপত্রটা হাতে এল চব্বিশ ঘণ্টার মধ্যেই। বেশ কয়েক দিন পর আজ আবার টাপুরদির মুখে আলো জ্বলতে দেখলাম। জিজ্ঞাসা করলাম, ‘সত্যিই কি তুমি অর্জুনদাকে কিছু জানাবে না?’

টাপুরদি চুপ করে রইল কিছুক্ষণ। দেখলাম ওর মুখের রেখায় অনেক দ্বিধাদ্বন্দ্ব, ‘হ্যাঁ’ ও ‘না’-এরা আসা-যাওয়া করছে। একটু সময় পর কঠিন স্বরে বলল, ‘আপাতত নয়।’

একটা দীর্ঘশ্বাস ফেললাম। আমার মনের ভাব বোধহয় বুঝতে পারল টাপুরদি। পরিস্থিতিটা হালকা করার জন্য হেসে বলল, ‘মনে কর না, আমরা সিক্রেট এজেন্ট। কোনো সিক্রেট মিশনে কাজ করছি, যা আর কাউকে জানানো বারণ। ভেবে দ্যাখ, ব্যাপারটায় একটা থ্রিল আছে কিন্তু যাই বলিস!’

আমি মুখ ভেংচে বললাম, ‘সিক্রেট এজেন্ট? ‘বন্ড, জেমস বন্ড’ টাইপ? হুহ ছাই থ্রিল! অর্জুনদার কাছ থেকে লুকোনোর ব্যাপারটা আমার একদম ভালো লাগছে না।’

টাপুরদি একটা লম্বা নিশ্বাস ছেড়ে বলল, ‘ভেবে দেখ মিতুল, আজ যদি কর্তব্যের খাতিরে অর্জুনের আমার কাছ থেকে কিছু লুকোনোর দরকার হত, ও কী করত? লুকোত না?”

ভাবলাম, হয়তো ঠিকই বলছে টাপুরদি। প্রসঙ্গ বদলে বললাম, ‘তাহলে এখন নেক্সট মুভ কী?’

‘কথা বলতে হবে। নবদিগন্তের সঙ্গে জড়িত প্রত্যেকের সঙ্গে কথা বলা দরকার।’

‘তারা যদি বা তোমার সঙ্গে কথা বলতে রাজি হয়, তবু ভেতরের গোপন তথ্য তোমার হাতে তুলে দেবে সেটা নিশ্চয়ই আশা করছ না?’

টাপুরদি মুচকি হাসল। বলল, ‘আমি থোড়াই ওদের কাছে গোপন তথ্য জানতে যাচ্ছি?’

‘তাহলে?’ চোখ কপালে তুলে জিজ্ঞাসা করলাম আমি।

টাপুরদি এবার জোরে জোরে হাসল। বলল, ‘তথ্য যেটুকু পাওয়া যায়, সেটা উপরি। আমিও জানি ওরা কেউ থালায় সাজিয়ে আমার হাতে তথ্য তুলে দেবে না। কিছু হয়তো মিলবে, কিন্তু সেটা এলিমেন্টারি, বুঝলে মাই ডিয়ার ওয়াটসন!’

‘বাব্বা, অ্যাক্কেরে এলিমেন্টারি?’ হেসে ফেলে বললাম আমি, ”এলিমেন্টারির জন্যই মুখ্যমন্ত্রীর চিঠিচাপাটি? তাহলে এই কেসে এগোতে কার পারমিশন লাগবে? প্রাইম মিনিস্টার না প্রেসিডেন্ট?’

টাপুরদি ভুরু নাচিয়ে বলল, ‘ইয়েস, এক্কেবারে গোড়ার ব্যাপার সেটা। মনে কর এটা একটা বোর্ড গেম, প্রেফারেবলি চেজ। তারা তাদের চাল দিয়ে গেছে। তুই জানতেও পারিসনি কখন তোকে প্রায় চিত করে এনেছে। এবার তোর পালা। ওদের খেলাতে হবে। এবার থেকে ওরা দান তো দেবে, কিন্তু সেটা তোর ইচ্ছানুসারে। ওদের নেক্সট মুভ তুই ডিসাইড করবি।”

‘মানে?’ আমার মুখ প্রায় হাঁ হয়ে গেছে টাপুরদির কথা শুনে, ”ওরা আমার কথা মতো চলবে কেন?’

‘চলবে না তো’, বলল টাপুরদি, ‘নিজের ইচ্ছেয় কোনোদিনই চলবে না। তোকে চালাতে হবে। সেই জন্যই তো বললাম এটা একটা গেম। ওরা ওদের মতো খেলছে। সতর্ক চাল দিচ্ছে। তোকে মাত করতে চাইছে। আমাদের উদ্দেশ্য হবে, ওদের আমাদের প্ল্যান মতো চালানো।’

‘আর সেটা কীভাবে হবে?’ জানতে চাইলাম আমি।

‘কীভাবে হবে সেটা আমি এখনও জানি না। কিন্তু ভগবান ঘাড়ের ওপর একটা মাথা যখন দিয়েছেন, একটা প্ল্যান নিশ্চয়ই বের করে ফেলতে পারব।’

‘এখনও প্ল্যান করোনি?’ একটু হতাশ কণ্ঠে জিজ্ঞাসা করলাম আমি।

মাথা নাড়ল টাপুরদি। বলল, ‘নাহ ভাবছি। তুইও ভাব।’

‘আমি?’ আঁতকে উঠে বললাম, ‘আমি তোমার সেপাই। যা করতে বলবে করব। প্ল্যান-ট্যান আমাকে করতে ব’লো না।’

টাপুরদি মেঝের দিকে তাকিয়ে এক মনে পায়ের আঙুল দিয়ে মেঝে খুঁটছে দেখলাম। অর্থাৎ ওর মাথায় এখন কিছু চলছে। কলিং বেলটা বেজে উঠল। উঠে গিয়ে দরজা খুলতে গিয়ে অর্জুনদা ভেতরে ঢুকল। হাতে কতগুলো প্যাকেট।

‘এগুলো কী?’ জিজ্ঞাসা করলাম আমি।

‘খাবার’, গম্ভীরমুখে বলল অর্জুনদা।

টাপুরদি এবার বলল, ‘এত খাবার কীসের? রাতের জন্য ভাত বসিয়ে দিয়েছি।’

‘ভাত ফ্রিজে তুলে রাখো’, একই রকম গম্ভীর মুখে বলল অর্জুনদা। প্যাকেটগুলো ডাইনিং টেবিলের ওপর রেখে আমার দিকে তাকিয়ে বলল, ‘ক-দিন ধরে মনটা বিরিয়ানি-বিরিয়ানি করছে। তা তোমার দিদি তো ওসবের পাট তুলে দিয়েছে, তাই আর্সেলানই ভরসা।’

‘খেতে ইচ্ছে হলে বললেই পারতে। বানাতাম। না বললে, কখন তোমার মন বিরিয়ানি-বিরিয়ানি করে, কখন পান্তা-পান্তা করে, আমি জানব কেমন করে?’ ভুরু কুঁচকে বলল টাপুরদি।

‘সেই তো!’ সোফায় গা এলিয়ে বসে একটা ছদ্ম দীর্ঘশ্বাস ছেড়ে বলল অর্জুনদা, ‘মনের কথা বুঝতে তোমার বয়েই গেছে। রাজ্যের চোর-ডাকাত-খুনির ভাবনা থেকে ফুরসত পেলে না আমার ইচ্ছের কথা ভাববে?’

আমি ফিক করে হেসে বললাম, ‘আহা রে, তোমার মনের কথা বুঝছে না টাপুরদি? তুমি শিওর?’

অর্জুনদা মুখটা করুণ করে নাটুকে স্বরে বলল, ‘আর মন? পাষাণী, পাষাণী! তোমার দিদির দায় পড়েছে আমার মনের কথা ভাবতে।’

আমি এবার টাপুরদির দিকে তাকিয়ে বললাম, ‘টাপুরদি, এ কেমন অভিযোগ! তুমি এর জবাব দেবে না?’

টাপুরদি টেবিল থেকে খাবারের প্যাকেটগুলো নিয়ে রান্নাঘরের দিকে এগোতে এগোতে বলল, ‘ওসব ন্যাকামোর জবাব দেওয়ার আমার মুড নেই।’

‘ন্যাকামো?’ বড়ো বড়ো চোখ করে বলল অর্জুনদা, ‘দেখলে সখী, আমার সত্যিকারের আবেগ, মানে ট্রু ফিলিং-কে ন্যাকামো বলছে তোমার দিদি। এর প্রতিবাদে আমি বিরিয়ানি বয়কট কচ্ছি।’

টাপুরদি প্লেটে করে বিরিয়ানি, আচারি চিকেন আর একটা ছোটো বাটিতে রায়তা এনে টেবিলে রাখল। বলল, ‘করো বয়কট। চল মিতুল, তুই আর আমি খেয়ে নিই। খুব খিদে পেয়েছে।’

জাফরান আর গরম মশলার গন্ধে ঘরের বাতাস ম-ম করছে। জোরে নিশ্বাস টানল অর্জুনদা। তারপর প্লেটটা টেনে নিয়ে বলল, ‘আচ্ছা, কাল থেকে প্রতিবাদ করব। আজ খেয়ে নিই। সেই সকালে এক কাপ চা ছাড়া সারাদিনে কিছু জোটেনি। খালি পেটে প্রতিবাদ সইবে না।’

টাপুরদি জিজ্ঞাসা করল, ‘কেন? খাওনি কেন সারাদিন?’

‘ওরে বাপ রে, এই কেসটা একেবারে জান কয়লা করে দিল মাইরি! সারাদিন শহরের এ-প্রান্ত থেকে ও-প্রান্ত ছুটে যাচ্ছি। দম ফেলার ফুরসত নেই। খাব কখন?’ খেতে খেতেই বলল অর্জুনদা।

টাপুরদির মুখের দিকে তাকালাম। ওর চোখে বেদনার ছায়া আমার নজর এড়াল না। মনে মনে বললাম, এত ভালোবাসো টাপুরদি, তবু ধরা দিতে কীসের এত দ্বিধা? রান্নাঘর থেকে গ্লাসে করে জল এনে অর্জুনদার পাশে রাখলাম। তারপর আমার বিরিয়ানির প্লেটটা হাতে নিয়ে বললাম, ‘আমার অফিসের একটা কল আসবে এখন। তোমরা কথা বলো।’

শোবার ঘরে চলে এলাম। ওদের নিজেদের জন্য একটু আলাদা সময় দরকার।

।। বাইশ।।

কাল রাতেই ফোন করে শিউলি মজুমদারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিল টাপুরদি। নবদিগন্তের রেজিস্ট্রেশন ডকুমেন্ট অনুসারে মিসেস মজুমদারের বয়স আটচল্লিশ। তবে দামি প্রসাধন এবং সম্ভবত ডাক্তারের ছুরি-কাঁচির বদান্যতায় চেহারাটাকে ত্রিশের কোঠায় ধরে রেখেছেন। তাঁর বাড়িতে সকাল দশটায় পৌঁছে দেখা গেল এর মধ্যেই তিনি দামি শাড়ি পরে, উগ্র প্রসাধিতা হয়ে আমাদের অপেক্ষায় বসে আছেন। ভীষণ সরু ব্লাউজের স্লিভের নীচ থেকে তাঁর ধবধবে ফর্সা হাতের দিকে দৃষ্টি চলে যায় বারবার। এই বয়সেও এমন মাখনের মতো ত্বক যে-কোনো তরুণীর কাছেও ঈর্ষণীয়, সন্দেহ নেই। আমাদের দেখে উঠে দাঁড়ালেন। হাসিমুখে অভ্যর্থনা জানালেন। গোয়েন্দা জিজ্ঞাসাবাদের জন্য আসছে জেনে এত খুশি হতে কাউকে দেখিনি।

কারণটা অচিরেই বুঝতে পারলাম। হাত জোড় করে নমস্কার জানালেন মিসেস মজুমদার। হাসিমুখে বললেন, ‘আপনার ফোন পেয়ে অবাক হয়েছিলাম। আমার কাছে পুলিশ কেন আসবে সেটাই ভেবে পাচ্ছিলাম না। যাই হোক, বসুন। বলুন কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?’

মিসেস মজুমদার আমাদের পুলিশের লোক বলে মনে করেছেন। টাপুরদিও ভুল ভাঙাল না। আমরা সোফায় বসলাম। মাঝারি মাপের বাংলো প্যাটার্নের বাড়ি, গৃহসজ্জায় গৃহস্বামিনীর রুচির ছাপ স্পষ্ট। শৌখিন ও মহার্ঘ আসবাবে সাজানো বসার এই ঘরটি, বিদেশি ওয়ালপেপার লাগানো, দেয়ালে ছাপ্পান্ন ইঞ্চির স্মার্ট টিভি এই ঘরের মালিকের রুচির সঙ্গে সঙ্গে আর্থিক সঙ্গতিরও সাক্ষ্য দেয়। ছাদ থেকে ঝুলছে একটি মাঝারি আকারের ছিমছাম ঝাড়বাতি। সেটিরও দাম নেহাত কম হবে না।

‘আপনারা চা খাবেন, না কফি?’ জিজ্ঞাসা করলেন মিসেস মজুমদার।

‘আপাতত কিছুই খাব না।’ মৃদু হেসে বলল টাপুরদি, ‘কিছু কথা জানার আছে আপনার কাছ থেকে। সেটুকু জেনেই চলে যাব।’

মিসেস মজুমদার সামনের চেয়ারে গুছিয়ে বসলেন। বললেন, ‘বলুন, কী জানতে চান?’

‘নবদিগন্ত সেবাশ্রমের মালিক তো আপনি?’ জিজ্ঞাসা করল টাপুরদি।

শিউলি মজুমদার কাঁধ ঝাঁকিয়ে বললেন, ‘না, ব্যাপারটা ঠিক তেমন নয়। আমি নবদিগন্ত সেবাশ্রমের বোর্ডের মেম্বার, কিন্তু মালিক নই। নন-প্রফিট অর্গানাইজেশনের ওভাবে ব্যক্তিগত মালিকানা হয় না।’

মাথা নাড়ল টাপুরদি। বলল, ‘কিন্তু নবদিগন্ত এনজিও তো আপনার নামে ছিল।’

‘ছিল’, ওপর-নীচে মাথা নাড়লেন মিসেস মজুমদার। তারপর একটু স্বগতোক্তির ঢঙে বললেন, ‘উনিশে বিয়ে, কুড়িতে মা হলাম। ছেলে একটু বড়ো হতেই বাড়িতে আমার বিশেষ কাজ থাকত না। সমাজসেবার কাজ করতাম টুকটাক। আমার হাজব্যান্ড বললেন, এভাবে বসে না থেকে একটা এনজিও তৈরি করতে পারি আমি। কথাটা আমারও মনে ধরল। ছেলেকে দেখাশোনার জন্য আমাকে দরকার ছিল না। শাশুড়ি বেঁচে ছিলেন তখন, আয়া ছিল। সেই আজ থেকে বাইশ বছর আগে নবদিগন্ত এনজিও তৈরি করি।’

‘এনজিও তৈরি করা তো মুখের কথা নয়। যতদূর জানি নানানরকম আইনি জটিলতা থাকে। আপনি বললেন, বাইরের দুনিয়া তেমন কিছু চিনতেন না। সেরকম অবস্থায় এনজিও তৈরি করে ফেললেন?’ জানতে চাইল টাপুরদি।

শিউলি মজুমদার বললেন, ‘আমি সেরকমভাবে কিছু জানতাম না। আমার স্বামী ও ভাই সব ঝামেলা মিটিয়েছে। আমাকে যেখানে যেখানে সাইন করতে বলা হয়েছিল করে দিয়েছি।’

‘কী কাজ করত আপনাদের এনজিও?’

শিউলি মজুমদার বললেন, ‘শুরুর দিকে আমরা ক-জন মিলে কাজ করতাম। বিভিন্ন বস্তিতে গিয়ে বাচ্চাদের বই-খাতা দেওয়া, রাস্তায় স্টেশনে বাচ্চাদের লেখাপড়ার ব্যবস্থা করা এসবই করতাম। পরে দেখলাম, এতে বিশেষ কিছু লাভ হয় না। বইপত্র বেচে ওরা নেশা করে। ওদের রিহ্যাবিটেট করাটা প্রয়োজন হয়ে পড়ছিল। সেই সময়ই হোমের কথাটা কানে এল। আমরা আলোচনা করলাম, আমাদের এনজিও যদি হোমটা টেক ওভার করে, তাহলে বাচ্চাগুলোর জন্য একটা স্থায়ী আস্তানা বানানো যেতে পারে। এই চিন্তা থেকেই মার্জারটা হয় বারো সালে।’

‘এই হোম যখন নতুন করে নবদিগন্ত সেবাশ্রম নামে রেজিস্টার হল, তখন এর কমিটির ফাউন্ডার মেম্বার হিসেবে মোট ছ-জন ছিলেন। তাঁরা…’

‘আমি ওইসব ব্যাপারে কিছুই জানি না।’ টাপুরদির মুখের কথা কেড়ে নিয়ে বললেন শিউলি মজুমদার, ‘আপনাকে তো আগেই বললাম, সবরকম জটিলতা আমার হাজব্যান্ড সামলেছিলেন। আমি শুধু সই করেছিলাম।’

‘এটা কি ঠিক বিশ্বাসযোগ্য, ম্যাডাম? আপনার নামে এনজিও, অথচ আপনি জানেন না যে হোমের কমিটিতে কারা কারা ছিলেন! আচ্ছা মানলাম, তখন না হয় আপনি জানতেন না, এতদিনেও জানেননি? ন-বছর ধরে নব দিগন্ত সেবাশ্রম আপনাদের আন্ডারে রয়েছে। এখনও আপনি জানেন না বললে কেউ বিশ্বাস করবে কেন?’

‘বিশ্বাস করা না-করা আপনাদের ব্যাপার।’ নির্লিপ্ত মুখে বললেন শিউলি মজুমদার, ‘নবদিগন্ত হ্যান্ড-ওভার হওয়ার পর থেকে খুব বেশি আমি ওই হোমের সঙ্গে নিজেকে জড়াইনি। আমার হাজব্যান্ড যতদিন বেঁচে ছিলেন, তিনিই সবটা দেখাশোনা করতেন। ওঁর হার্টের সমস্যা ছিল। রিটায়ারমেন্টের অনেক আগেই উনি ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছিলেন। তার পর থেকে হোমে খানিকটা সময় দিতেন। তারপর তো…’

‘আচ্ছা।’ বলল টাপুরদি, ‘আপনার ভাইও নবদিগন্তের কমিটি মেম্বার। সেটা নিশ্চয়ই জানেন?’

শিউলি বললেন, ‘জানি। ওর নামটা এমনিই রাখা হয়েছিল জাস্ট। সেই সময়ে হ্যান্ড-ওভার প্রসেসের জন্য খুব দ্রুত একটা কমিটি ফর্ম করা দরকার হয়ে পড়েছিল। আমার হাজব্যান্ডই ভাইকে অ্যাপ্রোচ করেন। ও একটু দোনোমনা করে রাজি হয়েছিল। তবে বলে দিয়েছিল, ওর নামটাই থাকবে। হোমের ব্যাপারে ও মাথা গলাবে না। তা ছাড়া ওর সময়ই বা কোথায়? ও দিল্লিতে নিজের কোম্পানির কাজের চাপে কলকাতায় আসারই সময় পায় না। নবদিগন্তের সঙ্গে খাতাকলমের বাইরে ওর কোনো যোগাযোগ নেই।”

‘কিন্তু আমার কাছে তো অন্যরকম তথ্য আছে, মিসেস মজুমদার!’ ঠান্ডা গলায় বলল টাপুরদি।

শিউলি মজুমদার ভুরু কুঁচকে তাকালেন টাপুরদির মুখের দিকে।

টাপুরদি বলল, ‘আপনার ভাই, মিস্টার সাগর দাশগুপ্ত, দিন পাঁচেক আগেই কলকাতায় এসেছিলেন। জসীমের ডেডবডি পাওয়া যাওয়ার পরেই তিনি এসেছিলেন। কী, ঠিক বলছি তো?’

শিউলি মজুমদার গম্ভীর মুখে বললেন, ‘সেটা ও ওর নিজের ব্যাবসার কাজে এসেছিল। কয়েকটি হাসপাতালের ডক্টরদের সঙ্গে ওর এখানে মিটিং ছিল, তাই…’

‘সব কি কলকাতার হাসপাতাল?’

শিউলি মজুমদার ঢোক গিলে বললেন, ‘আমি অত সব জানি না। ও শুধু এক রাতের জন্য এসেছিল। ওর কোম্পানির একটা ফ্যাক্টরি কলকাতায় শুরু করা হবে। তার কাজ চলছে। সেটাও দেখতে এসেছিল ও।’

কথার মাঝখানেই টাপুরদির ফোনটা বেজে উঠল। স্ক্রিনে চোখ রেখে উঠে দাঁড়াল টাপুরদি। বলল, ‘এক মিনিট। ফোনটা ধরতে হবে।’

রিং হতে থাকা ফোনটা হাতে নিয়ে বাইরে বারান্দায় গিয়ে দাঁড়াল টাপুরদি। আমি ভেতর থেকে দেখতে পাচ্ছি, ফোনে কারও কথা শুনে মাথা নাড়ছে টাপুরদি। তারপর কিছু বলে ফোনটা কেটে পকেটে ঢোকাল। ঘরে ফিরে এসে আবার সোফায় বসল।

শিউলি মজুমদার আবার বললেন, ‘আপনারা কফি খাবেন তো?’

‘না।’ টাপুরদি বলল, ‘ধন্যবাদ। কিন্তু এখন আর কিছু খাব না। তার চেয়ে বরং কথা বলা যাক।’

মিসেস মজুমদার মাথা নাড়লেন।

টাপুরদি বলল, ‘আমার যদি খুব ভুল না হয়, সাগর দাশগুপ্তের কোম্পানি ডিজি ফার্মার এগেন্সটে লো কোয়ালিটির কাঁচামাল ব্যবহারের অভিযোগে একটা ল-স্যুট হয়েছিল চার বছর আগে। ওই কোম্পানির একটি পেইন কিলারে অনুমোদিত পরিমাণের চেয়ে অনেক বেশি পরিমাণ মরফিন ব্যবহারের প্রমাণ পাওয়া গেছিল। এছাড়াও আমাদের দেশে ব্যানড কিছু ওষুধ অবৈধভাবে তৈরি ও বিভিন্ন হাসপাতালে সেগুলি ব্যবহারের জন্য ডাক্তারদের সঙ্গে একটি অশুভ আঁতাত তৈরি করে হাজার হাজার রোগীর প্রাণ বিপন্ন করার অভিযোগ ছিল। সেই সময় তিনি মাস তিনেকের জন্য ফেরারও ছিলেন।’

‘বাজে কথা। সে-সব ভাইয়ের এগেনস্টে কনস্পিরেসি ছিল। এই হেলথকেয়ার ইন্ডাস্ট্রিতে কতটা কমপিটিশন, আপনাদের কোনো আইডিয়া নেই। ওর কোম্পানির বদনাম করার জন্য অন্য কোম্পানি এসব রটিয়েছিল। কোর্টে কিচ্ছু প্রমাণ করতে পারেনি।’ গম্ভীর মুখে বললেন শিউলি মজুমদার।

‘বেশ’, একপেশে হেসে বলল টাপুরদি, ‘কিন্তু আমি এও জেনেছি সরকারের তরফের সাক্ষী ছিল ডিজি ফার্মার একজন জুনিয়ার ম্যানেজার। যাকে কেস চলাকালীন নিজের বেডরুমে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ভুল বলছি না তো?’

শিউলি মজুমদারের চোখ যেন মুহূর্তের জন্য ধক করে জ্বলে উঠল। তারপর হেসে বললেন, ‘আপনাদের ইনফরমেশন সোর্স খুব একটা বিশ্বাসযোগ্য নয়। যাই হোক, এতটাই যখন জেনেছেন তাহলে এটাও জেনে রাখুন, সেই লোকটির বডির পাশে সুইসাইড নোট ছিল। স্ত্রীর অবৈধ সম্পর্কের জেরে আত্মহত্যা করেছিল লোকটা। এর সঙ্গে ডিজি ফার্মার কোনো সম্পর্ক নেই।’

টাপুরদি উঠে দাঁড়াল, সঙ্গে আমিও উঠলাম। টাপুরদি বলল, ‘আমি ইনফরমেশন না নিয়ে কিছু বলি না মিসেস মজুমদার। আমি এও জানি, ডিজি ফার্মাতে আপনারও অংশীদারিত্ব আছে। যাই হোক, আর একটা শেষ প্রশ্ন করতে চাই। জানি না বলবেন না প্লিজ। রাঘব সামন্ত কে?’

শিউলি মজুমদারের ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটে উঠল। বললেন, ‘জানব না কেন? অবশ্যই জানি। রাঘব সামন্ত নবদিগন্তের একজন কমিটি মেম্বার।’

‘যাক, অন্তত কিছু তো জানেন আপনি!’ বলল টাপুরদি, ‘তা এই রাঘব সামন্ত কে? কোথায় থাকেন?’

শিউলি মজুমদার কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর মৃদু হেসে বললেন, ‘আমি জানি না। ভদ্রলোককে আমি কখনো চোখেই দেখিনি।’

‘আপনাদের কমিটি মেম্বার, অথচ আপনি চেনেন না?’

‘না।’ বললেন শিউলি মজুমদার, ‘আপনি বিশ্বাস করবেন কি না সেটা আপনার ব্যাপার। কিন্তু ওঁর সমস্ত সইসাবুদ শেখর, মানে আমার হাজব্যান্ড নিয়েছিল। ওঁকে শেখর চিনত।’

‘তার মানে বলতে চাইছেন আপনার হাজব্যান্ড ছাড়া নবদিগন্তের কোর কমিটি মেম্বারদের কেউ রাঘব সামন্তকে চিনতেন না?’ জানতে চাইল টাপুরদি।

‘বাকিদের কথা আমি বলতে পারব না। আমি চিনি না সেটুকু জানি।’ বললেন শিউলি মজুমদার।

বেরিয়ে আসার সময় মিসেস মজুমদারও আমাদের সঙ্গে গেট পর্যন্ত এলেন। তারপর বললেন, ‘আপনারা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম, তাই তো?’

টাপুরদি উত্তর দিল না। শুধু মুচকি হাসল, যার অর্থ হ্যাঁ-ও হতে পারে, না-ও হতে পারে।

মিসেস মজুমদার বললেন, ‘আমাদের হোমেও পুলিশ রেইড করেছে। কিন্তু কিছু পায়নি। পাবেও না। আমাদের হোমে বে-আইনি কিছু হয় না।’

বেরিয়ে আসতে আসতে টাপুরদি জিজ্ঞাসা করল, ‘আপনার ছেলে কোথায়?’

মিসেস মজুমদারের চোখে চকিতে বেদনার ছায়া পড়ল। বললেন, ‘ও তো গত পাঁচ বছর ধরেই ইউকে-তে সেটলড, ওখানেই জব করে।’

‘দেশে আসেন না?’

‘খুব চাপ ওর কাজের। ঘনঘন আসতে পারে না। শেষবার এসে কিছুদিন থেকেছিল তিন বছর আগে।’

‘আর শেখরবাবুর মৃত্যুর পর?’ বিস্মিত কণ্ঠে জিজ্ঞাসা করল টাপুরদি।

মিসেস মজুমদার বিষণ্ণ মুখে বললেন, ‘দুইদিনের জন্য এসেছিল শুধু শ্রাদ্ধ করতে। তবে আমাকে নিয়ে যেতে চেয়েছে অনেকবার। আমিই যাইনি। এই শহর, নবদিগন্ত ছেড়ে কোথাও গিয়ে শান্তি পাব না।’

।। তেইশ।।

‘কী বুঝলে টাপুরদি?’ মিসেস মজুমদারের বাড়ি থেকে বেরিয়ে টাপুরদিকে জিজ্ঞাসা করলাম আমি।

টাপুরদি চুপচাপ ড্রাইভ করছিল। আমার প্রশ্নের উত্তরে রাস্তায় চোখ রেখেই বলল, ‘গভীর জলের মাছ। তিনি ভালো করেই জানেন, এখন পুলিশ আসবে তাঁর কাছে, জিজ্ঞাসাবাদ করবে। তাই উত্তর ঠোঁটের আগায় সাজিয়ে বসে আছেন। আমার ধারণা যদি খুব ভুল না হয়, তাহলে কমিটির বাকিরাও এই একই মুখস্থ বুলি আওড়াবেন।’

‘মানে তুমি বলতে চাইছ, ওঁরা সকলে প্ল্যান করেই এই উত্তরগুলো দিচ্ছেন?’ জিজ্ঞাসা করলাম আমি।

‘হুম।’ বলল টাপুরদি, ‘একদম তাই-ই বলতে চাইছি। নবদিগন্তে যা হচ্ছে, সম্ভবত এরা সকলেই তা জানে। সকলে মিলে নিজেরা সিদ্ধান্ত নিয়ে অথবা অন্য কারও শেখানো বয়ান দিচ্ছে।’

‘তাহলে এবার কী করবে?’

‘ভাবছি। তবে একটা কথা অস্বীকার করার উপায় নেই। এই কেসটা ক্রমেই আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। তবে আমি এনজয় করছি। এই কেসটা আমার আগের সব কেসের চেয়ে একদম আলাদা। আর সেটাই এর বিউটি।’

‘বিউটি?’ চোখ বড়ো বড়ো করে বললাম আমি।

টাপুরদি হাসল, ‘ফ্ললেস ক্রাইম ইজ লাইক আ স্টেট অব আর্ট, বুঝলি মিতুল। এরকম কম্প্যাক্ট ক্রাইম দেখলে বেশ এক্সাইটেড লাগে। যাই হোক, শিউলি মজুমদার জানতেন না আমি পুলিশের লোক নই। কিন্তু বাকিদের ক্ষেত্রে সেটা হবে না। মিসেস মজুমদারের সঙ্গে আমাদের সাক্ষাৎকারের কথাটা ওদের দলে বাকিরা এতক্ষণে জেনে গেছেন। এটাও জেনে যেতে সময় লাগবে না যে আমি পুলিশের লোক নই। তাই তাঁরা এত সহজে মুখ খুলবেন না।’

‘তাহলে?’ জিজ্ঞাসা করলাম আমি।

‘জানি না।’ বলল টাপুরদি, ‘চিন্তাভাবনা করে একটা পথ বের করতে হবে। তার আগে এখন আমরা বাইরে কোথাও লাঞ্চটা সেরে নিই চল।’

‘বাইরে? কেন বাড়ি ফিরবে না?’

ড্রাইভ করতে করতেই মাথা নাড়ল টাপুরদি। বলল, ‘ডিসিডিডি দেখা করতে চান। দুপুরে লালবাজারে যেতে হবে।’

‘ও মা, এটা বলোনি তো!’ বললাম আমি।

‘কখন বলব?’ টাপুরদি বলল, ‘মিসেস মজুমদারের বাড়িতে থাকতেই ফোন এসেছিল। সেজন্যই তো বাইরে গেলাম।’

আমি বললাম, ‘কিন্তু টাপুরদি, লালবাজারে গেলে তো অর্জুনদা জেনে যাবে।’

হাসল টাপুরদি। বলল, ‘জানলে জানবে। আমি তো জানাচ্ছি না আর।’

‘সত্যি কথা বলো তো টাপুরদি, তুমিও মনে মনে চাইছ যে অর্জুনদা জানুক। অর্জুনদাকে অন্ধকারে রেখে তুমিও স্বস্তি পাচ্ছ না, তাই না?’ জিজ্ঞাসা করলাম আমি।

টাপুরদি খানিকক্ষণ কোনো উত্তর না দিয়ে চুপচাপ গাড়ি চালাল। তারপর বলল, ‘ওর সঙ্গে কাজ করাটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে।’

‘আচ্ছা!’ মুচকি হেসে বললাম আমি, ‘শুধু কাজ করাটাই অভ্যেস? আমার তো ধারণা, আস্ত মানুষটাই তোমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে। শুধু সেটা মুখে স্বীকার করতেই তোমার যত অনীহা।’

টাপুরদি উত্তর দিল না। ওর মুখে একটা আলো মাখা হাসির রশ্মি খেলে বেড়াচ্ছে। ভালো লাগল আমার। জানি টাপুরদি অর্জুনদার মতো মনের কথা বলে ফেলতে পারেনি আজও। হয়তো এখনও দ্বিধা আছে, উত্তর না জানা প্রশ্নদের ভিড় আছে। তবু ভালোবাসাটাও আছে ঠিক, এ আমি নিশ্চিত জানি। একদিন ঠিক টাপুরদির সব দ্বিধার অবসান হবে। হবেই।

বাইপাসের ধারে একটা শপিং মলের তিনতলায় ফুড কোর্টে ঢুকলাম আমরা। কাজের মধ্যে থাকলে টাপুরদি কখনোই ভরপেট খায় না। আমার অবশ্য সেই দায় নেই। আমি ছোলে ভাটুরের প্লেট নিলাম, সঙ্গে ক্যাফে কফি ডে থেকে ক্যাপুচিনো। টাপুরদি ওখান থেকে সল্টেড ক্যারামেল আইস ফ্র্যাপ কফি নিল নিজের জন্য।

খেতে খেতে বললাম, ‘ডক্টর মিত্র আর শিউলি মজুমদারের সঙ্গে কথা হল। এখনও বাকি চার। এর মধ্যে রাঘব সামন্ত ইজ মিসিং। বাকি তিনজনের ক্ষেত্রে কীভাবে এগোবে ঠিক করেছ কিছু?’

টাপুরদি হাতের স্ট্র দিয়ে ফ্র্যাপের ওপরের ফেনা নাড়তে নাড়তে একটু অন্যমনস্ক কণ্ঠে বলল, ‘কথা তো বলতেই হবে। কিন্তু শুধু কথা বলে ওদের ভাঙা যাবে না। সবাই মুখস্থ বুলি আওড়াবে।’

আমি জিজ্ঞাসা করলাম, ‘সাগর দাশগুপ্তের ব্যাপারে যা যা বললে, সব সত্যি? তুমি জানলে কোত্থেকে?’

টাপুরদি বলল, ‘সেটা কোনো কঠিন ব্যাপার নয়। গুগলে ডিজি ফার্মা দিয়ে সার্চ করলে তুইও জানতে পারতি। তবে সত্যি কী মিথ্যে সেটা কী করে বলি, বল? আমাদের দেশের আইন অনুসারে একজন অভিযুক্ত ততক্ষণ ‘নট গিলটি’, যতক্ষণ না দেশের আদালত তাকে ‘গিলটি’ ঘোষণা করে।’

‘অর্থাৎ সাগর দাশগুপ্ত ‘নট গিলটি’, যেহেতু সরকার পক্ষের আইনজীবী আদালতে তার কোনো দোষ প্রমাণ করতে পারেনি?”

‘তাই দাঁড়াচ্ছে।’ ফ্র্যাপেতে চুমুক দিয়ে বলল টাপুরদি।

‘আচ্ছা টাপুরদি, মিসেস মজুমদার তো দেখলাম সব প্রশ্নের উত্তরে মৃত মানুষটার কোর্টে বল ঠেলে গেল।’

টাপুরদি হাসল। বলল, ‘সেটাই সবচেয়ে সহজ গেমপ্ল্যান। মৃতেরা প্রতিবাদ করে না।’

‘শেখর মজুমদার তো আইপিএস ছিলেন। কীভাবে মারা যান তিনি, জানো কিছু?’ জানতে চাইলাম আমি।

টাপুরদি বলল, ‘শুনেছি হার্ট অ্যাটাক। এখানে যা সব ব্যাপার-স্যাপার দেখছি তাতে অ্যাটাকটা ভেতরের না বাইরে থেকে হয়েছিল, সেটা একটু খতিয়ে দেখা দরকার।’

।। চব্বিশ।।

লালবাজারে পৌঁছে বেশিক্ষণ অপেক্ষা করতে হল না। ডিসিডিডি সৌরভ সান্যাল আমাদের নিজের কেবিনে ডেকে নিলেন। ঘরে ঢুকে দেখলাম তিনি ল্যাপটপে কিছু টাইপ করছেন। ইশারায় আমাদের বসতে বললেন তিনি। মিনিট খানেকের মধ্যে টাইপ করা শেষ করে মুখ তুলে তাকলেন। একটু হেসে বললেন, ‘কেসটা তাহলে হাতে নিয়েই নিলেন, সঙ্ঘমিত্রা?’

টাপুরদি সজোরে মাথা নেড়ে বলল, ‘না না, এভাবে বলবেন না। আমি শুধু নিজের মতো করে একটু মাথা ঘামাতে চাইছিলাম। পুলিশের কাজে ইন্টারফেয়ার করার কোনো উদ্দেশ্য আমার নেই।’

সৌরভবাবু মৃদু হাসলেন। তারপর বললেন, ‘আপনি ব্রিলিয়ান্ট ডিটেকটিভ সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। পুলিশে চাকরি করলে আপনি ডিপার্টমেন্টের অ্যাসেট হতে পারতেন। কিন্তু আপনার খারাপ লাগলেও আমি বলব, আমাদের পুলিশের হাতে কিছু অতিরিক্ত সুবিধা থাকে। আমাদের নিরাপত্তার ব্যবস্থা সরকার করে। আপনার কাছে এই সুবিধেগুলো নেই।’

উপর-নীচে মাথা নাড়ল টাপুরদি। বলল, ‘আই নো স্যার।’

সৌরভবাবু বললেন, ‘আমি চাইনি আপনি এই কেসে কোনোভাবে ইনভলভ হ’ন।’

টাপুরদি ডিসিডিডির মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কোনো জবাব দিল না।

সৌরভবাবু বললেন, ‘আমাকে আপনি ভুল বুঝতেই পারেন। কিন্তু এই কেসটা ভীষণ রিস্কি। এখানে আমরা কোনো খুনি, চোর, রেপিস্টকে খুঁজছি না। এই কেসে আমাদের লড়াই এমন একটি অপরাধ চক্রের বিরুদ্ধে, যাদের জাল সারা দেশে বিছানো। যারা নির্দ্বিধায় মানুষের শরীর থেকে প্রত্যঙ্গ খুলে নেয়, তারা কতটা নিষ্ঠুর নিশ্চয়ই বুঝতে পারছেন আপনি?’

টাপুরদি নীরবে মাথা নাড়ল।

সৌরভবাবু বললেন, ‘আওয়ার ফাইনেস্ট অফিসার্স আর ওয়ার্কিং অন দিস কেস, মিস ব্যানার্জি! স্টিল উই আর গ্রোপিং ইন দ্য ডার্ক। এরা কতটা চালাক আপনি ভাবতেও পারবেন না। এদের নেটওয়ার্ক ভীষণ স্ট্রং। এরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখে ডার্ক ওয়েবের মাধ্যমে। পুরো নেটওয়ার্কটা গত কয়েক বছর ধরে সারা ভারতবর্ষের পুলিশের নাকের ডগায় বসে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু কোনো রাজ্যের পুলিশ, আইবি তাদের ধরতে পারেনি। ইট ইজ লাইক আ ওয়ার এগেন্সট সাম ভেরি পাওয়ারফুল অপোনেন্টস। অ্যাজ পার মাই ভিশন, দেয়ার ইজ নাথিং টু স্টর্ম ইয়োর ব্রেইন ইন। এই কেসে আপনি ঠিক কী করবেন আমি বুঝতে পারছি না, ঠিক যেমন আপনি বুঝতে পারছেন না এই কেসের গুরুত্ব কতটা?’

টাপুরদি চুপ করে রইল।

সৌরভবাবু একটু অস্থিরভাবে মাথা নেড়ে বললেন, ‘না মিস ব্যানার্জি, আপনি বুঝতে পারছেন না। বুঝতে পারলে মুখ্যমন্ত্রীর কাছে দরবার করে এই কেসে ইনভলভ হওয়ার মতো ভুল করতেন না। এটা শুধু ভুল নয়, দিস ইজ লাইক আ সুইসাইড।’

টাপুরদি একটা বড়ো নিশ্বাস ছাড়ল। তারপর শান্ত গলায় বলল, ‘স্যার, আপনি না চাইলে আমি এই মুহূর্তে এই কেস থেকে বেরিয়ে যাব। পুলিশের সাহায্য ছাড়া আমি কিছুই নই। আমি জানি, গল্প-উপন্যাসের মতো শুধু মগজাস্ত্রে শান দিয়ে বাস্তবে কেস সলভ হয় না, অপরাধী ধরা যায় না। আমি লাকি যে আমার জীবনের প্রতিটি কেসে পুলিশের সাহায্য পেয়েছি। বরং বলা ভালো, আমি পুলিশকে সামান্য সাহায্য করেছি। তার বেশি আর কিছু নয়। এই ক্ষেত্রেও তার ব্যত্যয় হবে না। সারা দেশে ছড়িয়ে থাকা অরগ্যান ট্র্যাফিকিং নেটওয়ার্ককে ধরার ক্ষমতা আমার নেই। আমি শুধু নব দিগন্ত সেবাশ্রম থেকে হারিয়ে যাওয়া লালন নামের ছেলেটিকে খুঁজছি। শুধু সেটুকু অনুমতিই আমি চেয়েছি মুখ্যমন্ত্রীর কাছে।’

সৌরভবাবু মাথা ঝাঁকিয়ে বললেন, ‘ইউ আর ভেরি স্মার্ট মিস ব্যানার্জি! এনিওয়ে, আমি সরকারের চাকর। ওপর থেকে যা অর্ডার আসবে আমাকে পালন করতেই হবে। আপনি আপনার কাজ করুন। আমার কাছে অর্ডার আছে আপনার ইনভলভমেন্ট গোপন রাখার জন্য। সুতরাং এটা আমাকে করতেই হবে। অর্ডার না থাকলেও আপনার সিকিওরিটির কথা ভেবেই করতাম। আমি জানি, আপনি আপনার ফাইন্ডিংস আমার কাছে রিপোর্ট করবেন না। তবে যদি প্রয়োজন বোধ করেন, বা এমন কোনো সিচুয়েশন অ্যারাইজ করে যাতে পুলিশের সাহায্য আপনার প্রয়োজন হয়, জানাবেন আমাকে। আর আমাকে না পেলে অর্জুনকে জানাবেন। ওকে আমার ইনস্ট্রাকশন দেওয়া আছে।’

টাপুরদি একটু দ্বিধাগ্রস্ত স্বরে বলল, ‘অফিসার অর্জুন জানেন আমি এই কেসে কাজ করছি, বা মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার দেখা হওয়ার কথা?’

সৌরভবাবু বললেন, ‘জানেন। যদিও এটা গোপন রাখতে বলা হয়েছে আমায়, কিন্তু আপনার সুরক্ষার কথা ভেবেই আমি অর্জুনকে জানিয়েছি। এই কেসে ও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ও খুব এফিশিয়েন্ট অফিসার, সর্বোপরি আপনার সঙ্গে আগে থেকেই পরিচয় আছে ওর। সুতরাং আমার ধারণা ওর সঙ্গে কাজ করতে আপনার অসুবিধে হবে না।’

টাপুরদি একটুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, ‘একটা কথা ছিল, স্যার।’

‘বলুন!’ বললেন সৌরভ সান্যাল।

টাপুরদি আজ শিউলি মজুমদারের সাক্ষাৎকারের বিষয়ে খুলে বলল সৌরভবাবুকে। তারপর বলল, ‘কিন্তু ওদের কমিটির বাকিরা এতক্ষণে আমার আসল পরিচয় জেনে গেছে। একজন প্রাইভেট ডিটেকটিভের সামনে মুখ খুলতে বাধ্য নয় তাঁরা কেউই। তবে আমি জিজ্ঞাসাবাদ চালিয়ে যাব। সেটা সমস্যা নয়। সমস্যা হল, আমার সামনে ওরা হয়তো তেমন করে মুখ খুলবে না, যেভাবে পুলিশের সামনে খুলবে।’

‘বেশ, তাতে অসুবিধে কী? মানে কীভাবে সাহায্য চাইছেন আপনি?’

টাপুরদি বলল, ‘সেটা আমি এখনও ভাবিনি। কিন্তু সেরকম পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে পুলিশের সাহায্য পাব আশা রাখছি।’

সৌরভবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে হেলান দিয়ে বসলেন। চুপ করে সেভাবেই বসে রইলেন কয়েক মুহূর্ত। তারপর বললেন, ‘আপনার সঙ্গে পুলিশ কো-অপারেট করবে। আমার ওপর সেরকমই ইনস্ট্রাকশন আছে। কিন্তু আমি আপনাকে আবারও বলব, যা করবেন চিন্তা-ভাবনা করে করবেন। এর আগে অমিয় চক্রবর্তী মার্ডার কেসে আমাদের ওপর পলিটিকাল প্রেসার ছিল। তবু আমি নিজেই আপনাকে ওই কেসে ইনভলভ হতে বলেছিলাম। কিন্তু এই কেসে আমি যখন বাধা দিচ্ছি, সেরকম কারণ আছে বলেই দিচ্ছি। যাই হোক, অল দ্য বেস্ট।’

‘একটা কথা জানতে চাইছি, যদি কিছু মনে না করেন!’ বলল টাপুরদি।

‘বলুন!’

‘লালন বলে যে ছেলেটা নবদিগন্ত থেকে নিরুদ্দেশ, সেই কেসটা নিয়ে পুলিশ কি কিছু করেছে? মানে সেটা নিয়ে কোনোরকম তদন্ত হয়েছে কি?’

সৌরভবাবু বললেন, ‘ওপর থেকে মুভ করার পর লোকাল থানা কেসটা নিয়েছে। কতটা এগিয়েছে আমি ঠিক জানি না। আমি অর্জুনকে বলে দেব। ও খোঁজ নিয়ে আপনাকে জানিয়ে দেব। আর কিছু?’

টাপুরদি উঠে দাঁড়াল। বলল, ‘আর কিছু নয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *