মৃতেরা কোথাও নেই – ২৫

।। পঁচিশ।।

সৌরভবাবুর কেবিন থেকে বেরিয়ে টাপুরদিকে জিজ্ঞাসা করলাম, ‘অর্জুনদাকে একটা ফোন করবে? এখানে এসে দেখা করবে না একবার?’

টাপুরদি দাঁত দিয়ে নীচের ঠোঁট কামড়ে ধরল। বলল, ‘ও আমার ওপর নিশ্চয়ই ভীষণ রেগে আছে। ওকে ফেস করার সাহস আমার নেই। এখানে সিন ক্রিয়েট করতে চাইছি না।’

আমি হাসলাম। বললাম, ‘জানো টাপুরদি, মাঝে মাঝে আমার মনে হয় অর্জুনদাকে তোমার চেয়ে আমি বেশি ভালো বুঝি। তোমার সত্যিই মনে হয় অর্জুনদা পাবলিক প্লেসে সিন ক্রিয়েট করার মানুষ? হ্যাঁ মানছি, অর্জুনদা একটু অভিমানী, তোমার ব্যাপারে প্রোটেকটিভ, কিন্তু সে একজন আদ্যন্ত প্রফেশনাল পুলিশ অফিসার। তোমার কাজকে অর্জুনদা শ্রদ্ধা করে। যাই হোক, চলো যাওয়া যাক।’

গাড়িতে বসে টাপুরদিকে জিজ্ঞাসা করলাম, ‘রাঘব সামন্তর ব্যাপারটা সৌরভবাবুকে জানালে না কেন? পুলিশ তো তদন্ত করে দেখতে পারত। রাঘব সামন্তের মিসিং ডকুমেন্টস পুলিশ খুঁজলে হয়তো পাওয়াটা সহজ হত।’

‘তা হত’, বলল টাপুরদি, ‘আবার উলটোটাও হতে পারত। ওরা জানে আমি রাঘব সামন্তকে খুঁজছি। আমাকে ওরা পাত্তা দিচ্ছে না বিশেষ। কারণ ওরা জানে আমার লিমিটেশনস আছে। এদিকে পুলিশ লালনের মিসিং কেস বা নবদিগন্ত নিয়ে খোঁজখবর করলেও খুব বেশি মাথা ঘামাচ্ছে না। তাই ওরা সাবধান হলেও সেটা বাড়াবাড়ি রকমের কিছু নয়। কিন্তু পুলিশ খোঁজাখুঁজি শুরু করলে সেই খবর ওদের কাছে সহজেই পৌঁছে যাবে। এর ফলে ওরা আরও বেশি করে সাবধান হয়ে যাবে। নবদিগন্তের এগেনস্টে যা কিছু তথ্য-প্রমাণ এখনও পাওয়ার সম্ভাবনা আছে, সেটা আর পাওয়া যাবে না।’

টাপুরদির ফোনটা বাজছে। ড্রাইভ করাকালীন টাপুরদি ফোন ধরে না। আমাকে বলল, ‘দ্যাখ তো কে!’

টাপুরদির ফোনের স্ক্রিনে চোখ বুলিয়ে বললাম, ‘সুদর্শনবাবুর ফোন।’

টাপুরদি গাড়িটাকে রাস্তার এক পাশে দাঁড় করাল। তারপর ফোনটা আমার হাত থেকে নিয়ে রিং ব্যাক করল টাপুরদি। ওপাশ থেকে সুদর্শনবাবু কী বললেন শুনতে পেলাম না। টাপুরদি বলল, ‘লালবাজার থেকেই আসছি আমি। ডিসিডিডি-র সঙ্গে কথা হয়েছে। কোনো অসুবিধে নেই।’

এর পর দীর্ঘ নীরবতা। ওপ্রান্তে সুদর্শনবাবু কিছু বলছেন। শুনতে শুনতে টাপুরদির ভুরুতে ভাঁজ পড়ছে দেখলাম। বেশ কিছুক্ষণ শোনার পর টাপুরদি বলল, ‘ঠিক আছে স্যার। কিন্তু ব্যাপারটা কি পুলিশ জানে?’

আবার নীরবতা। কথা শোনার পর টাপুরদি বলল, ‘দেখছি আমি। এটা তো হওয়ারই ছিল। কেউ না কেউ সিস্টেমের ভেতরের লোক না থাকলে এতদিন ধরে এরকম একটা বিজনেস এমন স্মুদলি চলতে পারে না। আমি আজ শিউলি মজুমদারের সঙ্গে কথা বলেছি। আমি শিওর, তিনি সব শেখানো বুলি আওড়াচ্ছেন। নেক্সট যাব এমএলএ মশাইয়ের কাছে। আপনি চিন্তা করবেন না। ব্যাপারটা গোপন থাকবে। আমার পক্ষে যেটুকু সম্ভব আমি করছি।’

টাপুরদি ফোনটা রাখতে জিজ্ঞাসা করলাম, ‘কী বললেন সুদর্শনবাবু?’

‘সৌরভবাবুর সঙ্গে কথা বলে নিয়েছি কি না জানতে চাইলেন। কোনো কিছুর প্রয়োজন হলে, যে-কোনো সমস্যা হলে তাঁকে জানাতে বললেন’, গাড়িতে স্টার্ট দিয়ে বলল টাপুরদি।

‘আর?’

‘আর বললেন, তিনি সন্দেহ করছেন এই চক্র সারা দেশে যেভাবে নেটওয়ার্ক বিস্তার করেছে, তাতে সিস্টেমের ভেতরের এক বা একাধিক ব্যক্তির মদত নিশ্চয়ই আছে।’

‘সিস্টেমের ভেতরের ব্যক্তি বলতে?’

‘সিস্টেম, রাষ্ট্রযন্ত্র’, বাঁকা হেসে বলল টাপুরদি, ‘সে বা তারা সেই যন্ত্রের যে-কোনো পার্ট হতে পারে। পুলিশ হতে পারে, প্রশাসন হতে পারে, নেতা-মন্ত্রী হলেও অবাক হওয়ার কিছু নেই। যে কেউ হতে পারে এই চক্রের মাথা, এনিবডি।’

‘সত্যব্রত মল্লিক?’

‘হতেই পারে, অন্য কেউও হতে পারে।’ টাপুরদি বলল।

‘সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আমরা যতটা ভাবছি তার থেকেও অনেক বেশি জটিল’, বললাম আমি।

‘হুম’, মাথা নেড়ে বলল টাপুরদি, ‘ভেবে দ্যাখ মিতুল, আমি এই মুহূর্তে যদিও নবদিগন্তের বাইরে ভাবছি না, তবু এত বড়ো একটা চক্র এত মসৃণভাবে কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসনের নাকের ডগা দিয়ে। এমন কী করে হয় যে এত বছরে একবারও পুলিশ ওদের কাউকে ধরতে পারল না?’

জিজ্ঞাসা করলাম, ‘আচ্ছা টাপুরদি, তুমি কি শিওর নবদিগন্ত আর অরগ্যান ট্র্যাফিকিং কেস এক সূত্রে গাঁথা?’

‘মোটামুটি শিওর।’ বলল টাপুরদি।

আমি চুপ করে রইলাম। সৌরভবাবু টাপুরদিকে সাবধান করতে চাইছিলেন। কেসটা সত্যিই ভীষণ বিপজ্জনক। জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলাম। আমার নীরবতা লক্ষ করে টাপুরদি বলল, ‘কী ভাবছিস মিতুল?’

মনের কথাটাই বললাম, ‘কেসটা ক্রিটিক্যাল দিকে বাঁক নিচ্ছে টাপুরদি।’

‘তুই কি ভয় পাচ্ছিস?’ টাপুরদি জিজ্ঞাসা করল।

একটু চুপ করে থেকে বললাম, ‘মিথ্যে বলব না। তা পাচ্ছি।’

টাপুরদি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ‘তোকে এই কেসে ইনভলভ করা আমার উচিত হয়নি।’

আমি বললাম, ‘তুমি তো আমাকে ইনভলভ করোনি। আমি নিজে হয়েছি। ভয় পাচ্ছি সেটা যেমন সত্যি, আবার এই কেসে আমি তোমার সঙ্গে শেষ পর্যন্ত আছি, এই নিয়েও তুমি কোনো সন্দেহ রেখো না।’

টাপুরদি বলল, ‘ভেবে দ্যাখ মিতুল, এখনও…’

বাধা দিয়ে বললাম আমি, ‘এ নিয়ে আর ভাবনা-চিন্তার কোনো অবকাশ নেই। যাই হোক, তোমার নেক্সট প্ল্যান কী?’

টাপুরদি বলল, ‘এমএলএ সত্যব্রত মল্লিকের সঙ্গে কাল সকালে দেখা করব।’

‘তিনি কি তোমার সঙ্গে কথা বলতে রাজি হবেন?’ জিজ্ঞাসা করলাম আমি।

‘হবেন’, বলল টাপুরদি, ‘কারণ, আমার কাছে খোদ হেলথ মিনিস্ট্রি থেকে পারমিশন আছে। আর সত্যব্রত মল্লিক রুলিং পার্টির এমএলএ। সুতরাং কথা তাঁকে বলতেই হবে। জানি সত্যি কথা তিনিও বলবেন না। কিন্তু মিথ্যের মধ্য থেকে দু-এক দানা সত্যি যদি বেরিয়ে আসে, সেই ভরসাতেই যাওয়া।’

হাসলাম আমি। বললাম, ‘পলিটিশিয়ান, তায় এমএলএ, এরা রাতে ঘুমিয়ে স্বপ্নের মধ্যেও সত্যি বলে না।’

‘রাজনীতিবিদদের সম্পর্কে তোর ধারণা বেশ উচ্চমানের সন্দেহ নেই’, হেসে বলল টাপুরদিও।

আমার ফোনটা বাজছে। ফোনের স্ক্রিনে অর্জুনদার নাম দেখে একবার আড়চোখে টাপুরদির মুখের দিকে তাকালাম। তারপর ফোনটা রিসিভ করে কানে ঠেকালাম।

‘হ্যাঁ অর্জুনদা, বলো!’

‘কোথায় আছ তোমরা?’ অর্জুনদার কণ্ঠস্বরটা বেশ গম্ভীর শোনাল।

‘রাস্তায়’, বললাম আমি।

‘তোমরা একবার লালবাজারে আসতে পারবে এখন?’

‘এখনই? আমরা তো লালবাজার থেকেই এলাম।’ বলেই মনে মনে জিভ কাটলাম আমি।

‘জানি’, গম্ভীর গলায় বলল অর্জুনদা, ‘ডিসিডিডি স্যার তোমাদের খবর দিতে বলেছেন। নবদিগন্ত থেকে ওদের কম্পিউটার তুলে এনেছিলাম আমরা। সেখানে কিছু ই-মেল পাওয়া গেছে। টাপুর যদি দেখতে চায়, তাহলে আসতে পারে।’

‘কিছু সূত্র পাওয়া গেল?’ উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করলাম আমি।

‘না’, সংক্ষেপে উত্তর দিল অর্জুনদা।

টাপুরদি আমাদের কথোপকথন শুনছিল এতক্ষণ। আমি কিছু বলার আগেই সামনে রোড ক্রসিং থেকে গাড়ি ঘোরাল। আমি ফোনে অর্জুনদাকে বললাম, ‘আমরা আসছি।’

ঠিক পঞ্চান্ন মিনিটের মধ্যে ফের লালবাজারে পৌঁছোলাম আমরা। গেটের সামনে থেকেই অর্জুনদার ফোনে ফোন করলাম আমি। মিনিট পাঁচেক অপেক্ষার পর অর্জুনদা বেরিয়ে এল। মুখটা থমথম করছে। আমাদের দিকে তাকিয়ে শুধু বলল, ‘চলো!’

অর্জুনদার পিছু পিছু হেঁটে লম্বা করিডোর পার করে একটা ছোটো ঘরে এলাম। এখানে একটা মাঝারি আকারের টেবিল পাতা, সম্ভবত ছোটোখাটো মিটিং, আলোচনা হয় এখানে। আপাতত এই ঘরে চেয়ারে একজন তেইশ-চব্বিশ বছরের ছেলে বসে সামনে খোলা ল্যাপটপে ডুবে আছে। এতটাই কাজে মগ্ন যে আমাদের পায়ের শব্দেও চোখ তুলে তাকাল না।

অর্জুনদা এগিয়ে গিয়ে ছেলেটির কাঁধে হাত রাখল। বলল, ‘কত দূর, শুভম?’

এতক্ষণে ছেলেটি চোখ তুলে তাকাল। কোঁকড়ানো মাথার চুল, ফর্সা ধারালো মুখ, ভীষণ উজ্জ্বল দু-টি চোখ। অর্জুনদার দিকে তাকিয়ে বলল, ‘অর্জুনদা, মাইরি বলছি, যে এনক্রিপশনগুলো করেছে না মাইরি, সামনে পেলে হাত দুটোতে চুমু খাব।’

অর্জুনদা চাপা গলায় বলল, ‘হুম, এবার তুমি কত দূর এগোলে সেটা বলো।’

শুভম এবার আমাকে আর টাপুরদিকে দেখেছে। অর্জুনদার দিকে তাকিয়ে এক গাল হেসে বলল, ‘একটুও না।’

টাপুরদি এবার এগিয়ে গেল। অর্জুনদার সামনে দাঁড়িয়ে কিছুই হয়নি এমন ভঙ্গিতে বলল, ‘কী ব্যাপার?’

অর্জুনদা শুভমের ল্যাপটপের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে বলল, ‘নব দিগন্তের মেলবক্স ওপেন করেছে শুভম। বাই দ্য ওয়ে, এ হল শুভম, আমাদের কলকাতা পুলিশের ওয়ান অব দ্য বেস্ট অফিসার ফ্রম সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট। হি ইজ অ্যান এথিক্যাল হ্যাকার, অ্যান্ড হি ইজ আ জিনিয়াস।’

শুভম হাত তুলে হাসিমুখে ‘হাই’ করল। বাঁ হাতের আঙুল এখনও কি-বোর্ডে ছুটে চলেছে।

অর্জুনদা আমাদের দেখিয়ে বলল, ‘শুভম, এঁরা হলেন সঙ্ঘমিত্রা ব্যানার্জি আর মৈথিলী সেন।’

অর্জুনদার কথা শেষ করতে না দিয়ে শুভম বলল, ‘টাপুরদি আর মিতুল। জানি আমি। বাই দ্য ওয়ে, অমিয় চক্রবর্তী মার্ডার কেসে আমিও সামান্য একটু ভূমিকা পালন করেছিলাম। সুতরাং না চেনার কারণ নেই।’

টাপুরদি বলল, ‘একটু নয়, অনেক বড়ো ভূমিকা ছিল। যাই হোক, মেলে কিছু পাওয়া গেল কি?’

‘হুম।’ মাথা নেড়ে বলল শুভম, ‘মোট চারটা সাসপিশাস মেল পাওয়া গেছে। প্রতিটা মেলে একটা বা দুটো করে এনক্রিপ্টেড ফাইল আছে। মেল সার্ভার ফাইল টাইপ আইডেন্টিফাই করতে পারেনি। তার ওপর সেন্ডারের আইডেন্টিটি ক্লিয়ার নয়। তাই স্বাভাবিকভাবে মেলগুলি স্প্যামে চলে গেছে।’

টাপুরদি কিছু জিজ্ঞাসা করতে গেল। তার আগেই তাকে থামিয়ে দিয়ে শুভম বলল, ‘ফাইলগুলো মাল্টিপল লেয়ারে এনক্রিপ্টেড করা আছে। কোনো নির্দিষ্ট প্যাটার্ন, বিশেষ কোনো অ্যালগোরিদম ফলো করলে তবেই এগুলোকে খোলা যাবে। কিন্তু সেটা আমরা জানি না।’

‘কোথা থেকে, মানে কার কাছ থেকে এসেছে মেলগুলো?’ অর্জুনদা জানতে চাইল।

শুভম বলল, ‘এখানে বেশ একটা মজার ব্যাপার ঘটিয়ে ফেলেছে এরা। মেল এসেছে একটি ক্রিপ্টো-কারেন্সি কেনা-বেচার সংস্থার নিজস্ব আইডি থেকে। আমি পরীক্ষা করে দেখেছি, আইডিটা অথেন্টিক। আমার ধারণা, এটা হ্যাক করা হয়েছে।’

‘কেন এরকম মনে হল তোমার? আমি যতদূর জানি এসব ক্রিপ্টো-কারেন্সি লেনদেন যেসব সংস্থার মাধ্যমে হয়, সেগুলির সাইট হাইলি প্রোটেক্টেড থাকে’, অর্জুনদা বলল।

শুভম হাসল। বলল, ‘একদম ঠিক বলেছ তুমি। আর ঠিক সেই কারণেই ওদের সাইট ইউজ করছে এরা। কারণ তাতে ওদের সিকিওরিটি ফায়ারওয়ালের হেল্প পাচ্ছে নিজেদের আইডেন্টিটি হাইড করার জন্য। উপরন্তু তার ওপর নিজেরা নিজেদের ডেটা এনক্রিপ্ট করছে মাল্টিপল লেয়ারে।’

‘আইপি অ্যাড্রেস?’

হ্যা হ্যা করে হাসল শুভম। খানিক হেসে নিয়ে স্বভাবসুলভ ভঙ্গিতে বলল, ‘এ অর্জুনদা, কোন জমানায় পড়ে আছ তুমি? যারা এমন সব দুর্দান্ত কাজ করছে, তারা তোমার জন্য আইপি অ্যাড্রেস সাজিয়ে বসে আছে? কিন্তু বস, যে বা যারা করেছে, তারা ডার্ক ওয়েব গুলে খেয়েছে। স্পুফিং ওদের কাছে বাঁয়ে হাত কা খেল, বুঝলে বস? ওদের ধরতে পারলে আমার সঙ্গে দেখা করিও প্লিজ!’

অর্জুনদা মুচকি হাসল।

‘এটা খুলতে কত সময় লাগবে, শুভম?’ জিজ্ঞাসা করল টাপুরদি।

‘নো আইডিয়া!’ বলল শুভম, ‘যে রেটে লেয়ার দিচ্ছে, তাতে আদৌ এটা এভাবে খোলা যাবে কি না তাও জানি না। তবে একটা ইনফরমেশন দিতে পারি।’

আমরা তিনজনে তাকালাম শুভমের মুখের দিকে।

‘এই অ্যাটাচমেন্টগুলো এখান থেকে কেউ খোলেইনি কখনো’, বলল শুভম।

‘সে কী?’ ভুরু কুঁচকে জিজ্ঞাসা করল অর্জুনদা, ‘তাহলে কী করে বুঝছ যে এগুলি সত্যিই কোনো স্প্যাম নয়, আদৌ ইম্পর্ট্যান্ট কিছু?’

শুভম বলল, ‘কারণ আছে অর্জুনদা। এই অ্যাটাচমেন্টগুলো কেউ খোলেনি বটে, তবে ফরোয়ার্ড করেছে।’

‘কাকে?’ টাপুরদি ও অর্জুনদা একসঙ্গে বলে উঠল।

শুভম ল্যাপটপটা এগিয়ে দিল।

মেল আইডির নামটা দেখে চমকে উঠলাম আমি। অস্ফুটে আমার মুখ থেকে বেরিয়ে এল, ‘রাঘব সামন্ত! মাই গড!’

শুভম বলল, ‘লাস্ট মেলটা চালাচালি হয়েছে এক বছরেরও বেশি আগে। তার পর থেকে এই মেল আইডি থেকে রাঘব সামন্তের কাছে আর কোনো মেল যায়নি।’

‘টাপুরদি!’ মৃদু কণ্ঠে বললাম আমি, ‘লাস্ট ডেটটা দেখো। শেখর মজুমদারও মারা যান ওই সময়েই। তার মানে কি শেখর মজুমদারই রাঘব সামন্ত? সেই কারণেই সব কিছু ব্যবস্থাপনা নিজের হাতে করেও কমিটিতে তিনি নেই? আসলে তিনি কমিটিতে ছিলেন, কিন্তু বেনামে। হতেই পারে, বলো?’

অর্জুনদা বলল, ‘তোমাদের আর একটা ইনফর্মেশন দিই। আমরা নব দিগন্তের আর ওখানকার ম্যানেজার স্বরূপ পাঠকের কল রেকর্ড তুলেছিলাম। সেরকম কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া না গেলেও নবদিগন্তের ল্যান্ডফোনে গত পাঁচ মাসে হবে তিনবার হলদিয়া থেকে কল এসেছে। নম্বরগুলোর লোকেশন হলদিয়া হলেও সবগুলিই কলকাতার সিম। কিন্তু সেটা ব্যাপার নয়। আসল ব্যাপারটা হল সেই সিমগুলো সব চোরাই। মানে আনরেজিস্টার্ড। তার চেয়েও গুরুত্বপূর্ণ কথা হল, প্রতিটি কলের পর থেকে সিমগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সম্ভবত নষ্ট করে দেওয়া হয়েছে।’

‘ম্যানেজারকে জেরা করেছ এই ব্যাপারে?’ টাপুরদি বলল।

‘হুম, জেরা করা হয়েছে। এখনও চলছে। সে বলছে, সে কিছু জানে না। ওই ফোনে অনেকের ফোন আসে। এমনকি বোর্ডিং-এর বাসিন্দাদেরও আত্মীয়-পরিজনরা ওই নম্বরেই ফোন করে। ফলে তার পক্ষে জানা সম্ভব নয় কে কোথা থেকে ফোন করে।’

‘হুম’, চিন্তিতমুখে মাথা নাড়ল টাপুরদি।

‘তাহলে?’

অর্জুনদা বলল, ‘আমাদের হলদিয়ার সোর্সদের অ্যালার্ট করে দেওয়া হয়েছে। দেখা যাক, কী জানা যায়!’

পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসতে আসতে অর্জুনদা বলল, ‘আর একটা খবর দিই। নবদিগন্ত থেকে আমরা যেসব ফাইলপত্র বাজেয়াপ্ত করেছিলাম, তাতে নবদিগন্তের রেজিস্ট্রেশন ডকুমেন্টের কপি ছিল। সেখানেও রাঘব সামন্তের কোনো নথি পাওয়া যায়নি। ছবিও না। লোকটা জাস্ট কর্পূরের মতো উবে গেছে।’

।। ছাব্বিশ।।

ঘড়ির সবচেয়ে ছোটো কাঁটাটি যখন মধ্যরাত্রি পার করে আরও দুই ঘর অগ্রসর হয়ে খানিক জিরোচ্ছে, ঠিক সেই সময়ে এই মহানগরীর বুকে নিদ্রাচ্ছন্ন লক্ষাধিক মানুষের মধ্যে একজনের মোবাইল ফোনটি বেজে উঠল। এই মানুষটি অবশ্য গভীর নিদ্রাচ্ছন্ন ছিল না। বরং তন্দ্রার একটা ঘোর এসে সবেমাত্র তার চোখের পাতা ছুঁয়েছিল। তবু তাঁর মস্তিষ্ক ছিল সচেতন। লোকটি জানত এখনই আসবে ফোনটা। বিছানায় উঠে বসে স্ক্রিনে জ্বলজ্বল করতে থাকা প্রাইভেট নম্বর লেখাটি দেখে তার ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ফুটে উঠল। এ নম্বর কলকাতা পুলিশ সারা জীবন ধরে চেষ্টা করলেও ট্র্যাক করতে পারবে না। গত প্রায় দশ বছর ধরে ধীরে ধীরে এই দুর্ভেদ্য চক্রব্যূহ রচনা করেছে সে। সেদিন তাদের দু-জন লোকের সামান্য একটা ভুলে সেই চক্রব্যূহের প্রাচীরে একটা ধাক্কা লেগেছে বটে, কিন্তু একে ভেদ করা অত সহজ নয়।

‘হ্যালো!’

‘সব রেডি বস।’ ফোনের ও-প্রান্তের কণ্ঠস্বর তার উত্তেজনা লুকোতে পারছে না।

‘হুম, কনসাইনমেন্ট কে নিয়ে যাবে? গতবারের মতো ভুল যেন না হয়!’ বলল লোকটা।

‘না বস, হবে না। এবার গজপতি আর রাজু যাবে। রাজু সঙ্গে থাকলে কেউ সন্দেহ করবে না। আর করলেও ও সামলে নেবে।’

‘হুম।’

লোকটা একটু ভাবল। রাজু সিস্টেমের ভেতরের লোক, কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর। সে অবশ্যই ছোটোখাটো সমস্যা সামলে নিতে পারবে। তা ছাড়া তাদের কাজে রিস্ক তো সবসময়েই থাকে। ভেবেচিন্তে বলল, ‘দেখো, এমনিতেই পরিস্থিতি তেতে আছে। ওদের ভালো করে বুঝিয়ে দেবে, যাতে করে কোনোরকম ফালতু রিস্ক না নেয়। এটা গেলে আর ক-টা কনসাইনমেন্ট বাকি থাকছে?’

‘আরও দুটো, বস। একটা দিল্লি আর একটা ত্রিভান্দ্রাম। তাহলেই আপাতত এখনকার মতো কিছুদিন শান্তি।’

‘হুম, মাল রেডি আছে তো আমাদের স্টকে?’ জিজ্ঞাসা করল লোকটা।

‘হ্যাঁ বস। মাল তো রেডিই আছে। পাঠানোটাই সমস্যা। টোলে পাহারা জোরদার হয়েছে। আগের রেটে আর মানছে না।’

‘এখন টাকা নিয়ে ভেবে লাভ নেই। বিজনেসে সবসময় একই রকম লাভ পাওয়া যায় না। রেপুটেশনটা ধরে রাখতে পারলে আবার বড়ো বিজনেস হবে। ও নিয়ে ভেবো না। মনে রেখো, আমাদের ব্যাবসায় কনসাইনমেন্ট ফেল করলে তার দাম কিছু পেশেন্টকে নিজেদের জীবন দিয়ে চোকাতে হবে। এখন শুধু যাতে করে কনসাইনমেন্টগুলো ঠিকঠাক পৌঁছোয় সেটা দেখো।’ গম্ভীর গলায় বলল লোকটা।

‘আরেকটা কথা বস!’ ওদিকের কণ্ঠস্বর বলল, ‘পুলিশের ভেতরের খবর আমরা কম-বেশি পেয়ে যাব, সে নিয়ে ভাবছি না। কিন্তু ওই যে মেয়ে গোয়েন্দা, কী যেন নাম, হ্যাঁ, সঙ্ঘমিত্রা ব্যানার্জি, সে একটু বেশিই নাক গলাচ্ছে। ও কিন্তু ঝামেলা বাঁধাতে পারে।’

লোকটা একটু ভাবল। তারপর বলল, ‘জানি। আমি দেখছি ও দিকটা। ও নিয়ে ভেবো না।’

‘ইয়েস বস!’ বলে ফোন রেখে দিল ও-প্রান্তের ব্যক্তি।

লোকটি অন্ধকারে বিছানায় বসে রইল কিছুক্ষণ। এই খেলায় পুরোন খেলুড়ে সে। এতগুলো বছর ধরে খেলাটা চালিয়ে যাচ্ছে পুলিশ-প্রশাসনের নাকের ডগা দিয়ে। কেউ সন্দেহ করেনি তাকে, কেউ কিছু বুঝতে পারেনি। সরকারের খাতায়-কলমে তার অস্তিত্বই নেই কোনো। তবু সে আছে, ভীষণভাবে আছে। ধীরে ধীরে সময় নিয়ে সারা দেশে ছড়িয়ে দিয়েছে এক অদৃশ্য জাল। নিজেকে মাঝে মাঝে তার ঈশ্বর বলে মনে হয়। কত মানুষ বেঁচে যাচ্ছে, প্রাণ ফিরে পাচ্ছে তার দাক্ষিণ্যে। মৃত্যুপথযাত্রী রোগীর আত্মীয়স্বজনের মুখে হাসি ফুটছে।

তাই এ নিয়ে কোনো অপরাধবোধ নেই লোকটার। কেন থাকবে? এই সওয়াশো কোটির দেশে জন্মনিয়ন্ত্রণের পরোয়া না করে রোজ রোজ কীটপতঙ্গের মতো মানুষ জন্মাচ্ছে। রাস্তাঘাট, বাজারহাটে থিকথিক করছে নোংরা, খুঁটে খাওয়া মানুষের দল। এদের মরা বা বেঁচে থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। ঘৃণ্য পোকার মতো মানুষগুলো কিন্তু তা বলে নেহাত অবহেলার বস্তু নয়। এদের শরীরেও রয়েছে ভীষণ দামি সব অঙ্গ-প্রত্যঙ্গ। লোকটা মনে-প্রাণে বিশ্বাস করে, এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার তাদেরই আছে, যারা জীবনটাকে ক্রয় করার সামর্থ্য রাখে। বাকিদের হারিয়ে যাওয়া, মুছে যাওয়াই নিয়তি। লোকটা এই কাজটাই করে। এই পৃথিবীর বোঝা কমিয়ে তাদের হাতে জীবন তুলে দেয়, যারা জীবনের মূল্য দিতে পারে। এই-ই নিয়ম। যুগ যুগ ধরে চলে আসছে। যোগ্যতমের উদবর্তন একেই তো বলে। লোকটার বাবা, মা, বোন, স্ত্রী সকলে চলে গেছে একে একে, জীবনের মূল্য চোকাতে পারেনি তারা। তারা আজ কোথায়? মৃত্যুর পর আর কিছুই অবশিষ্ট থাকে না, জানে লোকটা। কিচ্ছু নয়।

ফোন রেখে অন্ধকারে বসে বসে নিজের মনেই দুলে দুলে হাসতে থাকে লোকটা। তারপর ভরাট কণ্ঠে আবৃত্তি করতে থাকে,

‘পৃথিবীতে সুদ খাটে: সকলের জন্য নয়।

অনির্বচনীয় হুন্ডি একজন দু-জনের হাতে।

পৃথিবীর সব উঁচু লোকদের দাবি এসে

সবই নেয়, নারীকেও নিয়ে যায়।

বাকি সব মানুষেরা অন্ধকারে হেমন্তের অবিরল পাতার মতন

কোথাও নদীর পানে উড়ে যেতে চায়,

অথবা মাটির দিকে-পৃথিবীর কোনো পুনঃপ্রবাহের বীজের ভিতরে

মিশে গিয়ে। পৃথিবীতে ঢের জন্ম নষ্ট হ’য়ে গেছে জেনে, তবু

আবার সূর্যের গন্ধে ফিরে এসে ধুলো ঘাস কুসুমের অমৃতত্বে কবে

পরিচিত জল, আলো, আধো অধিকারিণীকে অধিকার ক’রে

নিতে হবে:

ভেবে অন্ধকারে লীন হ’য়ে যায়।’

গলা কাঁপছে লোকটার। অন্ধকারে ভালো দেখা যায় না। তবু তার কন্ঠস্বরের বেদনার বাষ্প ঘরের বাতাসকে ভারী করে তুলেছে। ঢোক গেলে লোকটা। একটু চুপ করে থাকে। তারপর কম্পিত মন্দ্র কণ্ঠে ধীর লয়ে আবার ধরে,

‘লীন হ’য়ে গেলে তারা তো—মৃত।

মৃতেরা এ পৃথিবীতে ফেরে না কখনো।

মৃতেরা কোথাও নেই; আছে?

কোনো-কোনো অঘ্রানের পথে পায়চারি করা শান্ত মানুষের

হৃদয়ের পথে ছাড়া…’

আর পারে না। গলা বুজে আসে লোকটার। অনেকগুলো মুহূর্ত কেটে যায় নৈঃশব্দ্যের মধ্য দিয়ে। তারপর অন্ধকারে ডুবে হা হা করে অট্টহাসি হেসে ওঠে লোকটা, যার নাম হয়তো রাঘব সামন্ত, অথবা…

।। সাতাশ।।

প্রত্যেক রাজনৈতিক দলেই কিছু এমন কর্মী থাকেন, যারা দলের কাছে বোঝাস্বরূপ। এক সময় হয়তো তাঁরা দলের কাজে এসেছেন, নিজেদের দক্ষতার পরিচয় দিয়ে নিজের জায়গা তৈরি করেছেন। তার পর থেকে স্রেফ দলবদলের খেলা খেলে সিঁড়ি ভেঙে চলেছেন। একটা সময়ের পর কী রুলিং, কী অপোজিশন সব দলই বুঝে যায়, এই ধরনের লোকেরা কারও আপন হয় না। দলের ওপরমহল তাঁদের এড়িয়ে চলতে শুরু করে। এঁদের রাজনৈতিক উচ্চাশা কম। সেই কারণে নিজের কেন্দ্রে সিংহাসনটুকু ধরে রাখতে পারলেই খুশি থাকেন। আর সেটা পেরেও যান, কারণ বহুদিন রাজনীতির সঙ্গে জড়িত থাকার সুবাদে নিজের এলাকার নিচুতলার কর্মীদের মধ্যে এঁদের আধিপত্য হয় অপরিসীম। আর ঠিক সেই কারণেই চাইলেও এঁদের ঝেড়ে ফেলা যায় না, কোনো দলই পারে না।

সত্যব্রত মল্লিক ঠিক এরকমই একজন নেতা। এর আগের সরকারের সময়কালে অল্প সময়ের জন্য মন্ত্রীও হয়েছিলেন তিনি। তারপর হাওয়া বদলের গন্ধ পেয়েই দল বদলে ফেলেছিলেন। অম্লান চক্রবর্তীর মন্ত্রীসভায় তিনি না থাকলেও তাঁর নিজের এলাকায় তিনি প্রবল জনপ্রিয়। রাজনীতিতে তিনি যে দারুণ দক্ষ তেমন নয়। তবে ভদ্রলোকের প্রভাব বিস্তার করার ক্ষমতা অসাধারণ। অল্পবয়সে স্ত্রী-বিয়োগের পর আর সংসার করেননি। ক্ষমতার রশি হাতে নিয়ে নিজের সাম্রাজ্যে সিংহাসনে বসে আছেন। তাঁর এলাকায় তিনিই শেষ কথা। স্বাভাবিক কারণেই তাঁর সমর্থন ছাড়া নবদিগন্ত সেবাশ্রম তৈরি সম্ভব ছিল না। নবদিগন্তের প্রাথমিক কমিটির ছয়জনের মধ্যে তাই সত্যব্রত মল্লিক ছিলেন অন্যতম মুখ।

ফোনে সত্যব্রত মল্লিকের অ্যাপয়েন্টমেন্ট নিয়েই এসেছিলাম আমরা। বড়ো রাস্তার ওপরেই এমএলএ সাহেবের মর্মর প্রাসাদ, দুই মানুষ উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। ভেতরে বিস্তীর্ণ লনে সার সার বেঞ্চ পাতা। সম্ভবত এখানে এমএলএ সাহায্যপ্রার্থী ও দর্শনাভিলাষীদের দর্শন দেন। এখন এই সকাল ন-টাতেও এখানে বেশ কিছু লোকজন রয়েছে দেখা গেল। এছাড়া নিচুতলার পার্টিকর্মীরাও আসা-যাওয়া করছে অনবরতই।

চারিদিকে দৃষ্টি বুলিয়ে আমি টাপুরদিকে ফিসফিস করে জিজ্ঞাসা করলাম, ‘ইনি তো টাকার পাহাড়ে বসে আছেন বলে মনে হচ্ছে। তা এঁর সোর্স অব ইনকামটা কী?’

টাপুরদি গলা নামিয়ে বলল, ‘চেপে যা। এমএলএ-মন্ত্রীদের সোর্স অব ইনকাম জিজ্ঞাসা করতে নেই।’

আমি বললাম, ‘সে না হয় চেপে গেলাম। কিন্তু সেটা অরগ্যান বেচার টাকা নয় তো?’

অমিয় চক্রবর্তী মার্ডার কেসে সনাতন বিশ্বাসের সঙ্গে সেই এক রাতের সাক্ষাৎকারের স্মৃতি আমার মনে দগদগে ঘায়ের মতো জেগে আছে। তাই এই নেতা-মন্ত্রীদের সঙ্গে দেখা করার কথা হলেই হৃদকম্প উপস্থিত হয়। কে জানে এখানে আবার কী অভিজ্ঞতা অপেক্ষা করে আছে!

সত্যব্রত মল্লিক আমাদের বেশিক্ষণ অপেক্ষা করালেন না। মিনিট পাঁচেকের মধ্যেই যিনি ঘরে ঢুকলেন তাঁকে টিভির পর্দায় অনেকবার দেখেছি। টিভিতে তাঁকে যতটা দীর্ঘদেহী মনে হয়, বাস্তবে তার চেয়েও লম্বা ভদ্রলোক। টিভিতে যেটা বোঝা যায় না সেটা হল তাঁর চোখের দৃষ্টি। সেই দৃষ্টিতে সাবধানতা, চাতুরী, কপটতা, সন্দেহ সব মিলেমিশে আছে। এমএলএ সাহেবের মুখোমুখি দাঁড়িয়ে মনে হল, ভদ্রলোক ভেতরে ভেতরে কোনো কারণে অস্থির হয়ে আছেন।

আমাদের সামনে এসে কোনো ভূমিকা না করেই বললেন, ‘ব্যাপারটা কী বলুন তো, আমার কাছে ওপরমহল থেকে ফোন এসেছিল আপনাদের কো-অপারেট করার জন্য। আপনারা কি পুলিশ, না আইবি, না কি সিবিআই?’

টাপুরদি হাত জোড় করে নমস্কার করল। তারপর হেসে বলল, ‘এর কোনোটাই নই। আমি খুব সামান্য একজন প্রাইভেট ডিটেকটিভ। নবদিগন্ত সেবাশ্রমের ব্যাপারে একটু খোঁজখবর করছি আর কী!’

‘ডিটেকটিভ?’ ভুরু কুঁচকে বললেন সত্যব্রতবাবু, ‘আমার কাছে ডিটেকটিভের কী প্রয়োজন? আর নবদিগন্তের ব্যাপারেই বা নতুন করে কী জানার আছে?’ কথাটা বলে নিজেই হা হা করে হাসলেন ভদ্রলোক। তারপর বললেন, ‘দেখুন ম্যাডাম। সত্যব্রত মল্লিক হল বইয়ের খোলা পাতার মতো। এই জায়গা থেকে টানা ছ’বার ভোটে লড়ে জিতেছি। এখানকার লোক আমাকে ইন অ্যান্ড আউট চেনে, জানে। যে কাউকে ধরে আমার সম্পর্কে জিজ্ঞাসা করলেই আপনার সব উত্তর পেয়ে যাবেন। সত্যব্রত মল্লিকের কাছে আপনাকে সাহায্যের জন্য কোনো সিক্রেট নেই।’

টাপুরদি হাসল। বলল, ‘কিছু কথা অবশ্যই আছে, যা সকলে জানে না। এরকম কিছু কথা সকলের থাকে। আমি অবশ্য সেইসব খবরে আগ্রহী নই। আপাতত নবদিগন্ত সম্পর্কে জানতে পারলেই আমার চলবে।’

সত্যব্রত মল্লিক এবার গম্ভীর মুখে বললেন, ‘বলুন, কী জানতে চান!’

টাপুরদি বলল, ‘আপনি তো নব দিগন্ত সেবাশ্রমের ট্রাস্টি মেম্বারদের মধ্যে একজন।’

সম্মতিসূচক মাথা নাড়লেন সত্যব্রত মল্লিক।

টাপুরদি বলল, ‘আপনি নিশ্চয়ই জানেন নবদিগন্ত থেকে গত দুই বছরে বেশ কিছু ছেলে নিরুদ্দেশ হয়েছে!’

‘জানি। শুনেছি। আমি ওদের কাছে জানতে চেয়েছিলাম। তো আমাকে বলল, ছেলেগুলো মাদকাসক্ত ছিল। হোমে মানিয়ে নিতে পারছিল না। তাই পালিয়েছে। এরকম তো হয়ই ম্যাডাম। এ নিয়ে এত বেশি জলঘোলা কেন হচ্ছে বুঝতে পারছি না আমি।’

‘বা রে!’ হেসে বলল টাপুরদি, ‘আপনি হোমের ফাউন্ডার মেম্বার। এখন ‘এরকম তো হয়ই’ বলে দায় ঝেড়ে ফেললে চলবে কেন?’

সত্যব্রত মল্লিক বললেন, ‘দেখুন এই হোমটা কিন্তু আগে থেকেই ছিল। যখন নবদিগন্ত এটা টেক ওভার করল, তখন শেখর মজুমদার আমার কাছে ট্রাস্টি মেম্বার হওয়ার প্রস্তাব নিয়ে এসেছিল।’

‘কেন, আপনার কাছে কেন?’

মুচকি হাসলেন সত্যব্রত মল্লিক। বললেন, ‘এই চত্বরে আমার পারমিশন ছাড়া কেউ কিছু করে না ম্যাডাম। তা বলে কিন্তু ভাববেন না আমি কাউকে বাধা দিই, বা ভয় দেখিয়ে রাখি। আসলে কী জানেন তো, এই এলাকার মানুষেরা আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। আমি মানা করলেও শোনে না। বলে, ‘আপনি হলেন আমাদের গার্জেন। আপনার অনুমতি ছাড়া আমরা কিছু করতে পারি?’ ভাবুন তো, আমি তো বলি, ‘ওরে, আমি হলাম নেতা, তোদের সেবক। তা ওরা বলে, ‘আপনি বাপ-মা। আপনি মাথার উপর আছেন, তাই আমরাও নিশ্চিন্তে আছি।’ আমি কখনো কাউকে বলিনি আমার অনুমতি না নিলে কাজ করতে দেব না। কিন্তু একটা বড়ো কাজ করা তো আর চাড্ডিখানি ব্যাপার নয়, তাই না? কত দিকে কত ঝামেলা হয়। কাজ মাঝপথে আটকে যায়। আমার কেন্দ্রে কিন্তু তেমন হয় না। আমি যার মাথায় হাত রাখব, আমার দলের ছেলেরা নিজেদের কাজ মনে করে তার কাজ উতরে দেবে।’

‘আচ্ছা, সে না হয় বুঝলাম’, বলল টাপুরদি, ‘কিন্তু নব দিগন্তের কোর কমিটিতে আপনাকে রাখার লজিকটা এখনও পরিষ্কার হল না।’

নেতামশাই বললেন, ‘তাহলে শুনুন। শেখর মজুমদার আমার পারমিশন নিতে এসেছিলেন। তিনি নিজে থেকেই বললেন, ‘এই এলাকায় একটা ভালো উদ্যোগ শুরু হতে যাচ্ছে। আপনি তো জনসেবক। আপনি সঙ্গে থাকলে মানুষ ভরসা পাবে।’ আমিও ভাবলাম, প্রস্তাবটা মন্দ নয়। আমাকে কিছু করতে হচ্ছে না। শুধু নামটা থাকবে। তাতে আমার ইমেজও ভালো হবে। একটা সামাজিক কাজ বলে কথা! তাই রাজি হয়ে গেলাম।’

‘হুম।’ মাথা নেড়ে বলল টাপুরদি, ‘আচ্ছা অন্য একটা কথা জানতে চাইছি। নব দিগন্তে মোট ছয়জন ফাউন্ডার মেম্বার ছিলেন। সকলকে আপনি চেনেন?’

দুই দিকে মাথা নাড়লেন সত্যব্রত মল্লিক। বললেন, ‘নাহ শেখর আমার বাড়িতে উকিল নিয়ে এসে আমাকে দিয়ে কাগজপত্রে সই করিয়ে নিয়ে গেছিল।’

‘কাউকে চেনেন না?’ বিস্মিত কণ্ঠে জিজ্ঞাসা করল টাপুরদি।

সত্যব্রত মল্লিক বললেন, ‘শেখরের বউকে চিনি। নবদিগন্ত তৈরির সময় কিছু জটিলতা মেটাতে হেল্প করেছিলাম আমি। তাই আমাকে ওদের বাড়িতে নেমন্তন্ন করেছিল। সেদিন ওখানে কমিটির আরও তিন-জন ছিল।’

‘কে?’

‘একজন তো শেখর মজুমদারের শালা, দিল্লিতে থাকে। আর একজনকে চিনতাম না আমি। হোমে আগে যারা মালিক ছিলেন, তাদেরই বন্ধু-টন্ধু হয় লোকটা। নামটা মনে নেই। পরে শুনেছি অ্যাক্সিডেন্টে মারা গেছে।’ বললেন সত্যব্রতবাবু।

‘শোভন সেন?’

‘হ্যাঁ হ্যাঁ, শোভন সেন নাম ছিল।’

‘শোভনবাবুর সম্পর্কে আর কিছু জানেন আপনি?’ জানতে চাইল টাপুরদি।

‘নাহ, আর দেখা হয়নি কখনো।’

‘আচ্ছা, আরেকজন কে?’

সত্যব্রতবাবু মুচকি হেসে বললেন, ‘ডাক্তার। মানে দেবাশিস মিত্র। চেনেন নিশ্চয়ই?’

মাথা নাড়ল টাপুরদি।

‘চিনি। আচ্ছা, ভালো কথা! আপনি রাঘব সামন্তকে চেনেন তো?’

‘রাঘব সামন্ত? সে আবার কে?’ খুব অবাক হয়ে জিজ্ঞাসা করলেন সত্যব্রত মল্লিক।

‘কে কী?’ বলল টাপুরদি, ‘নব দিগন্তের ফাউন্ডার ট্রাস্টি মেম্বার হয়ে কমিটির আরেকজন মেম্বারের নামই জানেন না?’

‘রাঘব সামন্ত? বাপের জন্মে অমন নাম শুনিনি। ধুর, ও নামে ট্রাস্টি বোর্ডে কেউ কোনোদিন ছিল না। আমরা কজনই তো ছিলাম বলে জানি।’

টাপুরদি ভুরু কুঁচকে বলল, ‘তা কী করে হয়? কাগজপত্রে নাম তো আছে।’

‘কাগজপত্র আছে? তাহলে তো হয়েই গেল। অসুবিধা কোথায়? তবে আমি জানতাম না আর কেউ ছিল’, বললেন এমএলএ মশাই।

টাপুরদি বলল, ‘না, শুধু নামটাই পাওয়া গেছে। রাঘব সামন্তর কোনও কাগজপত্র পাওয়া যায়নি।’

সত্যব্রত মল্লিক এবার খিক খিক করে হাসলেন। বললেন, ‘আপনাদের গোয়েন্দা কে বানিয়েছে মাইরি! এটুকুও জানেন না, এরকম কমিটিতে আইন বাঁচিয়ে ফ্যান্টম আইডেন্টিটি ক্রিয়েট করা হয়?’

‘মানে?’ টাপুরদি ভীষণ অবাক হয়ে জিজ্ঞাসা করল।

”মানেটা খুব সোজা। এরকম কমিটিতে যাদের যাদের নাম থাকে, তারা অনেকেই বাস্তবে এক্সিস্টই করে না হে গোয়েন্দা ম্যাডাম! যদিও আমি জানি না যে এটাও সেরকমই কেউ কি না! আমি এই নামটা আগে অন্তত শুনিনি, চেনা তো অনেক দূরের কথা!’

‘সেটা কী করে সম্ভব?’

‘তা আমি কীভাবে বলব? শেখরের বউকে জিজ্ঞাসা করুন, ওর আশিককে জিজ্ঞাসা করুন।’ মুচকি হেসে বললেন সত্যব্রত মল্লিক।

‘শিউলি দেবীর আশিক! সে আবার কে?’

হো হো করে হাসলে সত্যব্রত মল্লিক। বললেন, ‘আপনার দ্বারা হবে না। এটুকু খবর না নিয়ে আপনি টিকটিকিগিরি করতে নেমেছেন? দুর মশাই! বলছি শুনুন। আমার কাছে জিজ্ঞাসাবাদ করে লাভ হবে না। ডাক্তারবাবুর কাছে যান। খবর নিন শেখর মজুমদার কেমন করে মরল!’

‘মানে আপনি বলতে চাইছেন, ডক্টর দেবাশিস মিত্র শিউলি দেবীর প্রেমিক? তিনিই শেখর মজুমদারকে মেরেছেন?’ টাপুরদি জিজ্ঞাসা করল।

‘যাত্তারা! এ আবার কখন বললাম আমি? বলেছি নাকি? বয়স হচ্ছে তো, কখন কী বলি, মনে-টনে থাকে না। আপনি বরং এখন আসুন। আমাকে এখন এলাকার লোকজনের সঙ্গে দেখা করতে হবে। সবার যত অভাব-অভিযোগ, সব তো আমারই কাছে। ওদের কথা আমি ছাড়া তো আর কেউ ভাবে না, তাই ওদের কাছে আমি ভগবান, বুঝলেন কি না?’ কথাটা বলে উঠে দাঁড়ালেন এমএলএসাহেব। ইঙ্গিত স্পষ্ট। আর আমাদের সঙ্গে তিনি কথা বলবেন না। অগত্যা আমরাও উঠলাম। টাপুরদি মিষ্টি করে হেসে বলল, ‘অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দরকার পড়লে আবার জ্বালাতে আসব কিন্তু!’

বেরিয়ে আসার সময় দেখলাম লনের সেই বসার জায়গায় ইতোমধ্যে অনেক দর্শনার্থী জমে গেছে। আমাদের সঙ্গে সত্যব্রতবাবু বাইরে বেরোতেই সকলে হাত জোড় করে উঠে দাঁড়াল। বুঝলাম, নিজের দেবত্ব নিয়ে সত্যব্রতবাবু অত্যুক্তি করেননি।

গাড়িতে উঠে জিজ্ঞাসা করলাম, ‘কী মনে হল টাপুরদি?’

টাপুরদি আমার কথার উত্তর না দিয়ে বলল, ‘গাড়িটা তুই ড্রাইভ কর তো মিতুল। ভাবার জন্য আমার একটু সময় প্রয়োজন।’

।। আটাশ।।

লালবাজারের প্রাচীন পুলিশ হেড কোয়ার্টার বিল্ডিংটি কত স্মৃতি, কত কাহিনি বুকে করে দাঁড়িয়ে আছে প্রায় আড়াই শতক ধরে। কত ইতিহাসের জন্ম হয়েছে এখানে। কলকাতা তথা সারা বাংলার সুরক্ষাব্যবস্থা নিয়ন্ত্রিত হয়েছে এখান থেকে। সামাজিক, রাজনৈতিক কত পালাবদল প্রত্যক্ষ করেও আজও এই অট্টালিকা স্থিতধী বৃদ্ধের মতো দাঁড়িয়ে আছে অগাধ নির্লিপ্তি নিয়ে। কত গুরুতর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই জায়গায়, রূপ দেওয়া হয়েছে কত গোপন রুদ্ধদ্বার পরিকল্পনাকে, যা বঙ্গ রাজনীতির অভিমুখ নিয়ন্ত্রণ করেছে একাধিকবার।

আজও এই সুবিশাল অট্টালিকার কোনো এক কক্ষে চলছিল এমনই এক গোপন আলোচনা। সেই আলোচনার বিষয়বস্তু এতটাই গোপন যাতে করে ঘরের দেওয়ালগুলিকেই বুঝি সন্দেহ হয়। ঘরের ভেতর যে গুটিকয় মানুষ রয়েছেন তাঁরা মন্ত্রগুপ্তির শপথ নিয়েই এ-ঘরে ঢুকেছেন। ভেতরের কথা বাইরের কাকপক্ষীতে জানবে না।

কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার অনন্তবিজয় সেনশর্মা বললেন, ‘তদন্তটা যেন ডেডলক হয়ে গেছে। এভাবে চললে আমরা এগোতে পারব না।’

সৌরভ সান্যাল বললেন, ‘স্যার, গত সপ্তাহে আমরা নবদিগন্তে রেইড করেছি। ওদের কম্পিউটার, খাতাপত্র সব তুলে এলেছি। আমাদের সাইবার সেলের ছেলেরা রাতদিন খাটছে…’

সৌরভবাবুকে থামিয়ে দিয়ে জয়েন্ট কমিশনার বললেন, ‘আপনাদের কি মনে হয় না যে সেটা যথেষ্ট নয়? কলকাতা ও তার আশেপাশের অঞ্চল জুড়ে এরকম অনেক হোম আছে। হাওড়া, লিলুয়া, কলকাতার শহরতলিতে হোমগুলিতে অনেক রকম অবৈধ কাজকর্ম হয় আমরা সকলেই জানি। একটা হোমে তালা লাগালে পরদিন আর একটা গজিয়ে ওঠে। নর্থ বেঙ্গলেও বছর দু-এক আগে হোম থেকে শিশু পাচারের অভিযোগ ছিল। খবর নিলে দেখতে পাবেন এই হোমগুলির প্রতিটির ওপর রুলিং বা অপোজিশনের কোনও না কোনও নেতা-মন্ত্রীদের আশীর্বাদ রয়েছে, যাদের দয়ায় এরা বেপরোয়া হয়ে উঠছে। এদের অ্যারেস্ট করতে গেলে ওপর থেকে ফোন এসে যায়। টিভিতে নিউজ চ্যানেল চালালেই শিশু পাচার, নারী পাচারের খবর দেখতে হয়। পুলিশের দিকে আঙুল উঠছে। এই রাজ্য দিনে দিনে ট্র্যাফিকিং-এর স্বর্গ হয়ে উঠছে। আর আমরা নিজেদের প্রবোধ দিচ্ছি এই বলে যে আমরা চেষ্টা করছি।’

অনন্তবিজয়বাবুর কথাগুলি তেতো হলেও অসত্য নয়। তবু খারাপ লাগল সৌরভবাবুর। কেসটা এতটাই প্যাঁচালো হয়ে গেছে যে চেষ্টা করেও ভেতরে ঢোকা যাচ্ছে না।

তিনি বললেন, ‘স্যার, আপনি পরিস্থিতিটা জানেন। এই চক্রগুলির সঙ্গে অনেক বড়ো মানুষেরা ভেতরে ভেতরে জড়িয়ে আছে। আমাদের সাবধানে এগোতে হচ্ছে। সিস্টেমের মধ্যে থেকে সিস্টেমের বিরুদ্ধে লড়া সহজ নয়। আমরা তবু চেষ্টা করছি। শহরের বিভিন্ন বড়ো হাসপাতাল ও প্রাইভেট নার্সিং হোমে নিজেদের সোর্স সেট করা আছে। নবদিগন্তের আশেপাশেও সাদা পোশাকের পুলিশ রয়েছে। ওখানে কারা ঢুকছে, কারা বেরোচ্ছে সব নজরে রাখা হচ্ছে।’

অনন্তবিজয়বাবু অস্থিরভাবে হাত নেড়ে বললেন, ‘হবে না, ওভাবে হবে না। ইট ইজ নট এনাফ। শুধু নবদিগন্ত নিয়ে পড়ে থাকলে চলবে না। এই চক্রের কিং পিন কে বা কারা, আমাদের খুঁজে বের করতেই হবে। চিফ মিনিস্টার দিল্লি গেছেন। আগামী সপ্তাহে ফিরে এসেই রিপোর্ট চাইবেন। আমি কী বলব তাঁকে? আমরা এখনও একই জায়গায় গোল গোল ঘুরছি, তাই বলব? সেই চেষ্টার দাম কী সৌরভ, যদি তাতে কোনো ফলই না পাওয়া যায়? প্রেস, মিডিয়া আমাদের উঠতে-বসতে ধুয়ে দিচ্ছে। উই ওয়ান্ট রেজাল্ট, রাইট? উই ওয়ান্ট সামথিং বিগ টু শাট দেয়ার মাউথ।’

এতক্ষণ অর্জুন চুপ করে ছিল। এবার বলল, ‘স্যার, আমি একটা কথা বলতে চাই।’

অনন্তবিজয়বাবু তার দিকে তাকিয়ে বললেন, ‘বলো।’

অর্জুন বলল, ‘স্যার, আমরা টোলগুলোতে অ্যালার্ট করেছি। প্রতিটা ট্রাক চেক করা হচ্ছে। এর ফলে হাইওয়েতে রাতের বেলায় যানজট তৈরি হচ্ছে, ট্র্যাফিক স্লো হয়ে বিশাল লম্বা লাইন পড়ছে। এভাবে বেশি দিন চলবে না। এদিকে কোনো হসপিটাল থেকেও সেরকম প্রয়োজনীয় তথ্য এখনও পাইনি আমরা। মানে আমাদের সোর্সরা এখনও আমাদের কোনো খবর দিতে পারেনি। আমার ধারণা, এবার আমাদের একটু শক্ত হাতে হাল ধরা উচিত।’

‘কেমন? কী বলতে চাইছ খুলে বলো।’ বললেন জয়েন্ট কমিশনার।

অর্জুন বলল, ‘শহরের ছোটো-বড়ো হাসপাতালগুলোতে র‌্যানডম রেইড, ডাক্তারদের, বিশেষ করে সার্জেনদের ইতিহাস-ভূগোল ঘেঁটে দেখা, সর্বোপরি নেতা-মন্ত্রীদের মধ্য থেকে যাদের নামে এর আগে কোনোরকম অভিযোগ এসেছে কিংবা এই ধরনের ব্যাপারে সন্দেহের আঙুল উঠেছে সকলের পেছনে লোক লাগানো। একটা আলোড়ন তৈরি করতে পারলে কিছুটা সময় পেয়ে যাব। আর প্রেস-মিডিয়ারও মুখ বন্ধ হয়ে যাবে আপাতত।’

‘রাবিশ!’ খুব বিরক্ত মুখে বললেন অনন্তবিজয়বাবু, ‘তোমার প্ল্যানে কোনো সারবত্তা নেই অফিসার। তুমি যাদের কথা বলছ, তারা কোনো আন্ডারওয়ার্ড ডন নন। শহরের রেসপেক্টেবল চিকিৎসক, নেতা-মন্ত্রী। তোমার কথা মতো সিস্টেমের সব রাঘব-বোয়ালদের পেছনে একসঙ্গে লাগলে তাঁরা আমাদের ছেড়ে দেবে? আমাদের জবাব দিতে হবে না?’

অর্জুন বলল, ‘কতদিন স্যার? আমরা সকলেই জানি যাদের হাতে রাজ্যের রাশ, তারা বেশিরভাগই ধোয়া তুলসীপাতা নয়। আমাদের সংবিধান অনুসারে কারও এগেন্সটে একাধিক কেস থাকলেও তার ভোটে দাঁড়াতে বাধা নেই। যারা ভোটে জিতে এমএলএ, এমপি, মন্ত্রী হচ্ছেন বেশিরভাগের এগেন্সটে গুচ্ছের কেস ঝুলছে। সব মোটেও রাজনৈতিক কেস নয়, ক্রিমিনাল কেসও আছে। তবু তাদের ওপর সন্দেহের বশে অ্যাকশন নেওয়া যাবে না। কারণ তারা জন-প্রতিনিধি। আবার উলটো দিকে মানুষ পুলিশের দিকে আঙুল তুলবে। কেন আমরা একটা মাস মুভমেন্ট করতে পারি না, ঠিক যেভাবে মুম্বাই পুলিশ নয়ের দশকে মুম্বাই থেকে আন্ডার ওয়ার্ল্ডকে ঝেড়ে সাফ করে দিয়েছিল? পুলিশে চাকরি নিয়েছি সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য। সব ক্ষেত্রে ওপরমহলে জবাবদিহির জুজু দেখিয়ে পুলিশের হাত বেঁধে দিলে কাজ করব কী করে আমরা?’

কথা বলতে বলতে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিল অর্জুন। অনন্তবিজয়বাবু তার মুখের দিকে কিছুক্ষণ চেয়ে রইলেন। তারপর সৌরভবাবুর দিকে তাকিয়ে হেসে ফেললেন। সৌরভবাবুর গোঁফের নীচে মৃদু হাসির রেখা দেখা গেল। তিনি বললেন, ‘অর্জুন, তুমি বোধহয় জানো না স্যার নিজেও সেই সময়ে মুম্বাই পুলিশে কর্মরত ছিলেন। তাঁরও তখন তোমার মতোই বয়স ছিল, এরকমই গরম রক্ত ছিল। মুম্বাইকে আন্ডারওয়ার্ল্ডের প্রভাবমুক্ত করার লড়াইয়ে তিনিও সৈনিক ছিলেন।’

অনন্তবিজয়বাবু এবার নরম কণ্ঠে বললেন, ‘তোমার কথায় ভুল নেই অফিসার। কিন্তু সেই সময়ে আমরা জানতাম লড়াইটা কার বা কাদের বিরুদ্ধে, প্রতিপক্ষের মুখগুলো কারা। কিন্তু এক্ষেত্রে আমরা এখনও অন্ধকারে। সিস্টেমের সবাই তো খারাপ নয়। তুমি নিজেও এই সিস্টেমেরই অংশ। সুতরাং আমাদের এই কেসের আরও ভেতরে ঢুকতে হবে। বৃত্তটাকে ছোটো করে আনতে হবে। মুখ্যমন্ত্রী নিজে এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট চিন্তিত। রাজ্যের সমস্ত মেডিকেল কলেজগুলিকে অ্যালার্ট করা আছে এরকম কোনো পেশেন্ট, যার বা যাদের বাইরে প্রাইভেটে কোথাও অরগ্যান ট্রান্সপ্লান্ট সার্জারি হয়েছে, তাদের থেকে লিগাল ট্রান্সপ্লান্টের সমস্ত রিপোর্ট কলেক্ট করতে হবে। কিংবা যাদের শরীরের কোনো অরগ্যান মিসিং এরকম পেশেন্ট পেলে পুলিশ ও হেলথ মিনিস্ট্রিকে ইমিডিয়েটলি ইনফর্ম করতে হবে। এই পুরো ব্যাপারটা হেলথ সেক্রেটারি অদ্বৈত মুখার্জি নিজে পরিচালনা করছেন। পুলিশকেও আরও বেশি প্রো-অ্যাকটিভ হতে হবে। তবে সেটা করতে হবে সিস্টেমকে যথাসম্ভব অবিচলিত রেখে। উই ক্যান’ট অ্যাফোর্ড টু ক্রিয়েট এনি আনরেস্ট ইন দ্য সিস্টেম অ্যাট দিস মোমেন্ট, বয়! হোপ ইউ আন্ডারস্ট্যান্ড।’

অর্জুন বিমর্ষমুখে মাথা নাড়ল।

সৌরভবাবু এবার বললেন, ‘আমরা এখন আমাদের কাজ চালিয়ে যাব। এই বিজনেসের কতগুলি চক্র এই মুহূর্তে কলকাতায় সক্রিয় আছে জানি না আমরা। সারা রাজ্যের ব্যাপারে মাথা ঘামানোর পরিস্থিতি নয় এখন। আপাতত কলকাতার ঘটনাগুলো আমাদের আর একটু খতিয়ে দেখতে হবে। সেই বিষয়ে আমরা পরে আলোচনা করছি। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমাদের পরবর্তী কর্মসূচির ব্যাপারে। এ-বিষয়ে তোমাদের কারও কিছু বক্তব্য আছে?’ কথাগুলো বলে নিজের টিমের দিকে তাকালেন ডিসিডিডি।

অর্জুন বলল, ‘আমরা সন্দেহভাজন ক্ষমতাশালী লোকেদের একটা লিস্ট তৈরি করে তাদের ওপর নজর রাখতে পারি।’

শুভম বলল, ‘তাদের ফোন, মেল হ্যাক করা যায়।’

‘না না’, বলে উঠলেন সৌরভবাবু, ”এটা করা যাবে না শুভম। পুলিশ এভাবে ইললিগ্যালি এসব করতে পারে না।’

অর্জুন আবার বলল, ‘আরেকটা কথা স্যার। ডাক্তারদের নিজস্ব ইউনিয়ন আছে। সেই ইউনিয়নের লিডার অখিল মিদ্যা নিজে একজন এমবিবিএস ডাক্তার, যদিও প্র্যাকটিস করেন না। তিনি রুলিং পার্টির এমএলএও। মেডিকেল কলেজগুলির ভেতর দালাল চক্র নিয়ে এমনিতেই পুলিশ জেরবার। কলেজ হাসপাতালগুলির ভেতর নানান অবৈধ চক্র দিনে দিনে সক্রিয় হয়ে উঠছে। তার ওপর আবার এইসব রাজনীতিকদের অত্যাচার। আমার ধারণা যারা অরগ্যান ট্র্যাফিকিং-এর সঙ্গে জড়িত, তারা কোনোভাবে মেডিকেল কলেজগুলির ডেটাবেসের অ্যাক্সেস পেয়ে যাচ্ছে। সেখান থেকে পোটেনশিয়াল অরগ্যান বায়ারদের এই চক্রের ক্লায়েন্ট হসপিটালগুলির কাছে পাঠাচ্ছে দালালরা। প্রিয়জনের জীবন বাঁচানোর জন্য শেষ কপর্দক দিয়েও ইললিগ্যালি অর্গান কিনছে এই মানুষগুলো। ফলে এই ব্যাবসাও ফুলে ফেঁপে উঠছে।

‘স্যার, মেডিকেল কলেজগুলির ভেতরের কর্মীরা জড়িত না থাকলে এ অসম্ভব। কিন্তু মেডিকেল কলেজে ঢুকে তদন্ত করতে গেলে অখিল মিদ্যার দলের ছেলেরা ঝামেলা বাধায়। এঁর নামে অনেক অভিযোগ আছে, একাধিক কেসও চলছে। এঁর ওপর নজর রাখার জন্য আমি একজন সোর্সকে লাগিয়ে রেখেছি। দেখা যাক, কিছু পাওয়া যায় কি না।’

অনন্তবিজয়বাবু চিন্তিত মুখে মাথা নাড়লেন। বললেন, ‘সাবধান অফিসার। এসব খুব গোপনে চালাতে হবে। কোনোভাবে আমাদের সন্দেহের কথা বাইরে লিক হয়ে গেলে পার্টির লোকেরা ইন্টেনশনালি এমন অশান্তি তৈরি করবে, যাতে করে তদন্ত করাই অসম্ভব হয়ে পড়বে। আর শুধু রুলিং পার্টি বলে নয়, রুলিং, অপোজিশন সব দলেরই কিছু কিছু অসৎ ব্যক্তি এই ব্যাবসার সঙ্গে যুক্ত। যা হলে এত বছর ধরে এত স্মুদলি ব্যাবসা চালাতে পারত না। সব দলই এই ব্যাপারে মুখে কুলুপ এঁটে আছে। চোখের সামনে সব দেখেও কেউ এ নিয়ে টুঁ শব্দ করছে না। কারণ, সকলের কাছেই লভ্যাংশের ভাগ পৌঁছোচ্ছে। যাই হোক, এভাবে খড়ের গাদায় সূচ খুঁজতে হলে ঠক বাঁছতে গাঁ উজাড় হয়ে যাবে। আমাদের উদ্দেশ্য হওয়া দরকার এই চক্রের কিং পিনকে ধরা। ফোকাসটা ঠিক রেখে সে দিকে এগোতে হবে। যাই হোক, আর কিছু থ্রেড পেয়েছ?’

অর্জুন বলল, ‘হোমের ল্যান্ডলাইনে হলদিয়া থেকে বেশ কিছু ফোন এসেছে। আমরা কোনো সূত্রই ছাড়তে রাজি নই। ওখানে আমাদের সোর্স অ্যালার্ট করা আছে। সন্দেহজনক কিছু দেখলে আমাদের জানাবে।’

।। উনত্রিশ।।

‘এভাবে হবে না রে মিতুল!’ বলল টাপুরদি, ‘আমার ধারণাই ঠিক। সকলে শেখানো বুলি আওড়াচ্ছে। নইলে এটা কীভাবে সম্ভব যে ছয়জনের কমিটি থেকে একজনকে বাকি পাঁচজন চেনে না?’

‘বাকিরা কেউ চেনে না কী করে বুঝলে? মনে আছে, আমরা যখন ডক্টর মিত্রর চেম্বারে গেছিলাম, তিনি কিন্তু একবারও বলেননি যে তিনি রাঘব সামন্তকে চেনেন না। বরং তুমি যখন তাঁকে জানিয়েছিলেন যে রেজিস্ট্রেশন ডকুমেন্ট থেকে রাঘব সামন্তের নথি মিসিং, শুনে তিনি খুব অবাক হয়েছিলেন।’

‘তখন তিনি আমাকে সিরিয়াসলি নেননি। কিন্তু এতদিনে তিনি জেনে গেছেন যে আমি সরকারি তরফে নবদিগন্ত কেসের তদন্ত করছি। সুতরাং এখন তিনি কতটা মুখ খুলবেন সে-বিষয়ে সন্দেহ আছে আমার।’ বলল টাপুরদি।

‘তাহলে কী করবে এখন?’

‘আবার কথা বলব। এবার আর কোনো রাখঢাকের প্রয়োজন নেই। সোজাসুজিই যা বলার বলব। দাঁড়া, আগে ফোন করি’, বলে ফোন থেকে ডক্টরের নম্বরটা খুঁজে বের করল টাপুরদি। বার দুয়েক রিং করার পর ওদিক থেকে কেউ ফোন রিসিভ করল। আমি এখানে বসে শুনতে পাচ্ছি, বেশ উত্তপ্ত কথাবার্তা, তর্ক চলছে। মিনিট পাঁচেক কথার পরে ফোনটা রেখে টাপুরদি সোফায় এসে বসল।

‘কী হল?’ জিজ্ঞাসা করলাম।

‘ডক্টর মিত্র কথা বলবেন না’, টাপুরদি বলল।

‘মানে?’

‘একজন ভদ্রমহিলা ফোন ধরেছিলেন। তিনি বললেন, ডক্টর মিত্র অসুস্থ। তিনি কারও সঙ্গে কথা বলবেন না। আমি বললাম, বেশি সময় নেব না। জাস্ট পাঁচ মিনিট সময় দিলেই হবে। ভদ্রমহিলা মুখের ওপর মানা করে দিলেন। বললেন, আর ফোন করে তাঁকে বিরক্ত না করতে’, বলল টাপুরদি।

‘এ কী অভদ্রতা!’

‘অভদ্রতা নয় রে মিতুল!’ চিন্তিত মুখে টাপুরদি বলল, ‘ভদ্রমহিলাকে কেমন যেন টেনসড লাগছিল। ডক্টর মিত্রর কোনো বিপদ হল না তো?’

‘বিপদ?’ খুব অবাক হয়ে জিজ্ঞাসা করলাম আমি, ‘তোমার একথা কেন মনে হল যে ডক্টর মিত্রর কোনো বিপদ হতে পারে?’

টাপুরদি বলল, ‘ভেবে দেখ, ধরে নিলাম, নবদিগন্তে ইললিগ্যাল কিছু চলছে। হোমের ফাউন্ডার মেম্বার ছয়জন। এদের মধ্যে একজন মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। স্বাভাবিক মৃত্যু নয় কিন্তু। রইল বাকি পাঁচ। শিউলি মজুমদার আর সত্যব্রত মল্লিক বললেন তাঁরা রাঘব সামন্তকে চেনেন না। সত্যব্রত মল্লিক তো এও বলছেন আদতে রাঘব সামন্ত বলে কেউই নেই। বাকি রইল সাগর দাশগুপ্ত। তিনি দিল্লিতে থাকেন। ফার্মা কোম্পানির মালিক। ভদ্রলোকের সততা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। তিনি রাঘব সামন্তকে চেনেন কি না আমরা জানি না এখনও। কিন্তু শিউলি দেবীর মতে সাগর দাশগুপ্ত হোমের কোনো ব্যাপারে নেই। তাহলে বাকি রইলেন ডক্টর মিত্র। সেদিন রাঘব সামন্তের নামের উল্লেখে তিনি চমকে উঠেছিলেন। তাই ধরে নিতে পারি তিনি রাঘব সামন্তকে চেনেন। রাঘব সামন্ত যদি কিং পিন হন, তাহলে ডক্টর মিত্রর সূত্র ধরে তাঁর কাছে পৌঁছোনো সম্ভব। ঠিক কি না?’

মাথা নাড়লাম আমি।

‘সেদিন আমরা যখন ডক্টর মিত্রর চেম্বারে গেছিলাম, একজন লোক আমাদের আগে ভেতরে ঢুকেছিল, তোর নিশ্চয়ই মনে আছে?’

‘হ্যাঁ, আছে।’ বললাম আমি।

‘লোকটা ডক্টর মিত্রকে রীতিমতো ধমকধামক দিচ্ছিল। আমার এখন মনে হচ্ছে, কোনো কারণে ডক্টর মিত্রের সঙ্গে দলের দূরত্ব তৈরি হয়েছে, বা তিনি ভয় পেয়ে সরে আসতে চাইছেন। সেই কারণেই এখন যখন পুলিশ-প্রশাসন একসঙ্গে এই চক্র ভাঙার চেষ্টা করছে, রাঘব সামন্ত চেষ্টা করবে ডক্টর মিত্রকে সরিয়ে দিতে, তাই না?’ টাপুরদি বলল।

মাথা নেড়ে সম্মতি জানালাম আমি। বললাম, ‘তাহলে কী করবে?’

টাপুরদি একটুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, ‘চল দেখি, একবার চেষ্টা করে দেখা যাক!’

‘কীসের চেষ্টা করবে?’ জানতে চাইলাম।

‘ডক্টর মিত্রর সঙ্গে দেখা করার’, বলল টাপুরদি, ‘আমি কোনো বড়ো বিপদের গন্ধ পাচ্ছি।’

দশ মিনিটের মধ্যে তৈরি হয়ে রাস্তায় নামলাম। টাপুরদি আগেই খবর নিয়ে জেনেছে, ডক্টর মিত্র অসুস্থতার জন্য হেলথলাইন হসপিটালে যাচ্ছেন না গত দু-দিন। তাঁর বাড়ি গলফ গ্রিনে। সেখানে পৌঁছে দেখলাম বাড়ির বড়ো কালো লোহার গেট ভেতর থেকে বন্ধ। বাইরে গেটের পাশে কালো গ্রাফাইট পাথরের স্ল্যাবের ওপর সোনালি রঙে লেখা ডক্টর মিত্রর নাম ও ডিগ্রির লম্বা তালিকা। তার পাশে কলিং বেলের সুইচ বারবার টিপেও ভেতর থেকে কোনো সাড়া মিলল না। টাপুরদিকে হতাশ দেখাচ্ছে। চলে আসব বলে রাস্তার দিকে পা বাড়াচ্ছি, ভেতর থেকে গেটটা খুলে গেল। একজন মধ্যবয়সি মহিলা গেট খুলে সামান্য মুখ বাড়িয়ে বাইরে উঁকি মারলেন।

‘আপনারা?’ জিজ্ঞাসা করলেন ভদ্রমহিলা।

‘ডক্টর মিত্র আছেন? ওঁর সঙ্গে একটু দেখা করতে এসেছি।’ বলল টাপুরদি।

‘না। স্যার পেশেন্ট দেখছেন না এখন। পরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন।’ রুক্ষ স্বরে বললেন ভদ্রমহিলা।

‘আমরা চিকিৎসা করাতে আসিনি। ডক্টর মিত্রর সঙ্গে দেখা করাটা খুব জরুরি। ওঁকে গিয়ে বলুন সঙ্ঘমিত্রা ব্যানার্জি এসেছে।’

ভদ্রমহিলা এবার কিছুটা শঙ্কিত মুখে বেশ উচ্চস্বরে বললেন, ‘বললাম না, দেখা হবে না? আপনিই তো একটু আগে ফোন করেছিলেন, তাই না? না বলে দিলাম, তবুও এসেছেন কেন এখানে? প্লিজ যান এখান থেকে। স্যার অসুস্থ, কারও সঙ্গে দেখা করবেন না তিনি।’

টাপুরদি নীরবে তাকিয়ে রইল ভদ্রমহিলার মুখের দিকে। তারপর বলল, ‘বেশ, আসব না। আপনি ওঁকে বলে দেবেন, আমরা ওঁকে সাহায্য করতে এসেছিলাম। আর এটাও বলবেন, রাঘব সামন্তকে আমি খুঁজে বের করবই।’

ভদ্রমহিলার উত্তরের অপেক্ষা না করে টাপুরদি রাস্তার দিকে হাঁটতে লাগল। আমি একবার তাকালাম মহিলার মুখের দিকে। কেমন অসহায় দৃষ্টিতে টাপুরদির দিকে তাকিয়ে আছেন তিনি। একবার আমার দিকে তাকালেন। তারপর গেটটা বন্ধ করে দিলেন।

নীরবে গাড়ি চালাচ্ছে টাপুরদি। মুখটা থমথম করছে।

‘এখন কী, টাপুরদি? কী করবে?’ জিজ্ঞাসা করলাম আমি।

টাপুরদি বলল, ‘ডক্টর মিত্র যথেষ্ট বিপদে আছেন। তাঁকে বাঁচাতে হবে মিতুল।’

‘সে তো বুঝলাম। কিন্তু কীভাবে?’

‘এক কাজ কর। আমার পকেট থেকে ফোনটা বের করে সুদর্শনবাবুকে কল কর। ফোন স্পিকারে রাখ।’ বলল টাপুরদি।

টাপুরদির কথা মতো কাজ করলাম। কিন্তু ফোন রিং হয়ে যাচ্ছে। কেউ কল রিসিভ করছেন না।

টাপুরদি বলল, ‘সুদর্শনবাবু সম্ভবত ব্যস্ত আছেন। তুই সৌরভবাবুর নম্বর ডায়াল কর।’

তাই করলাম।

সৌরভবাবু ফোন ধরলেন। টাপুরদি যতটা সম্ভব সংক্ষেপে জানাল ঘটনাটা। সৌরভবাবু মন দিয়ে শুনলেন। তারপর বললেন, ‘আপনি কোথায় আছেন সঙ্ঘমিত্রা?’

‘গাড়ি ড্রাইভ করছি। রাস্তায় আছি।’

‘লালবাজারে চলে আসুন। আমি দেখছি কী করা যায়।’ বললেন সৌরভ সান্যাল।

গলফ গ্রিন থেকে লালবাজার পৌঁছোতে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগল। সোজা সৌরভ সান্যালের কেবিনে গেলাম আমরা। তিনিও আমাদের অপেক্ষাতেই ছিলেন। আমাদের দেখে বললেন, ‘আমাদের টিম দেবাশিসবাবুর বাড়িতে পৌঁছে গেছে। অর্জুন ফোনে এইমাত্র জানাল, ভদ্রলোক সত্যিই অসুস্থ। অত্যন্ত বেশি স্ট্রেসে ছিলেন তিনি। তিনি পুলিশ দেখে অদ্ভুতভাবে রিঅ্যাক্ট করছিলেন। মানসিকভাবে অত্যন্ত খারাপ অবস্থায় ছিলেন ভদ্রলোক। ভাগ্যক্রমে হেলথ সেক্রেটারি অদ্বৈত মুখার্জি সেই সময়ে লালবাজারে একটা কাজে এসেছিলেন। তিনিই পরামর্শ দিলেন ভদ্রলোককে মেগাসিটি মেডিকেল কলেজে ট্রমাকেয়ারে ভর্তি করে দিতে। এর ফলে তাঁর চিকিৎসাও হবে। সেখানে তিনি সুরক্ষিতও থাকবেন।’

টাপুরদি একটু ভাবল। তারপর বলল, ‘ডক্টর মিত্রর স্ট্রং সিকিওরিটির ব্যবস্থা করবেন, স্যার। প্লিজ, হি ইজ ইন ডেঞ্জার।’

‘ডেঞ্জার?’ সৌরভবাবু ঝুঁকে বসে ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলেন।

‘হ্যাঁ স্যার!’ বলল টাপুরদি, ‘নবদিগন্ত হোমের ফাউন্ডার মেম্বারদের সঙ্গে আমি কথা বলছি। আমার মনে হয়েছে কিছু কথা এঁরা প্রত্যেকেই গোপন করছেন। দেবাশিসবাবু নবদিগন্তের কমিটিতে ছিলেন। বিনয়কৃষ্ণ ভট্টাচার্যের নামাঙ্কিত হোম তাঁর মধ্যস্থতাতেই নবদিগন্ত এনজিও-র হাতে তুলে দেওয়া হয়েছিল। সেই সময়ে কমিটিতে যারা ছিলেন, তার মধ্যে একজন হলেন রাঘব সামন্ত, যাঁর সম্পর্কে কোনো নথি পাওয়া যায়নি।

‘আমার ইন্টারোগেশনে নবদিগন্তের অন্যান্য মেম্বাররা জানাচ্ছেন, তাঁরা নাকি জানেনই না এই রাঘব সামন্ত কে? তাদের বক্তব্য নবদিগন্ত এনজিও-র ওনার শিউলি মজুমদারের স্বামী শেখর মজুমদার শুধু চিনতেন তাঁকে। সেই শেখর মজুমদারও এখন মৃত। সাগর দাশগুপ্ত দিল্লিতে থাকেন। আমার ফোন তিনি ধরেননি। তাই আমিও তাঁর সঙ্গে যোগাযোগ করে উঠতে পারিনি এখনও পর্যন্ত। এটা বিশ্বাস করা কঠিন যে তাঁরা কেউ রাঘব সামন্তকে চেনেন না বা কোনোদিন দেখেননি। কিন্তু আমার ধারণা দেবাশিসবাবু অবশ্যই জানেন, কে এই রাঘব সামন্ত। সেই কারণেই বলছি তিনি এখন বিপদের মধ্যে আছেন। রাঘব সামন্ত যদি এই চক্রের কিং পিন হন, তাহলে তিনি কখনোই চাইবেন না যে দেবাশিসবাবু বেঁচে থাকুন।’

সৌরভবাবু বিরক্তমুখে বললেন, ‘এসব কথা আপনি আমাকে আগে জানাননি কেন?’

টাপুরদিও এবার কঠিন কণ্ঠে বলল, ‘আপনি আমায় বলার সুযোগটাই বা দিলেন কোথায়? প্রথম থেকেই পুলিশ চায়নি আমি এই কেসে ইনভলভ হই। যাই হোক, এখন বলছি। প্লিজ, দেবাশিসবাবু এই কেসে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষী। তিনি সুস্থ হয়ে মুখ খুললে আমরা সম্ভবত একটা বড়ো ব্রেক থ্রু পেতে পারি।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *