মৃতেরা কোথাও নেই – ৫৫

।। পঞ্চান্ন।।

ভিআইপি রোড ধরে ছুটছে পরপর তিনটে পুলিশের গাড়ি। টাপুরদির গাড়িতে আমরা দু-জনও চলেছি দলের সঙ্গে। এই টিমকে লিড করছে স্বয়ং জয়েন্ট কমিশনার অনন্তবিজয় সেনশর্মা। সকাল পৌনে আটটা বাজে। রাস্তায় অফিসযাত্রীদের ভিড় শুরু হয়ে গেছে। ভিআইপি রোডে তাই এখন গাড়ির গতির কাঁটা খুব বেশি উঁচুতে ওঠানো যাচ্ছে না। টাপুরদির মুখের প্রতিটি রেখায় অস্থিরতা স্পষ্ট। অর্জুনদা ফোন করেছিল। ওরা পুরো দলটাকে নিয়ে আসছে।

জানলা দিয়ে বাইরের দিকে চোখ রাখলাম। এই মুহূর্তে মাথার ভেতর অনেক প্রশ্ন ছোটাছুটি করছে। কী হচ্ছে এসব! আমাদের এই কেসটা শুরু হয়েছিল নবদিগন্ত হোম থেকে লালনের হারিয়ে যাওয়া দিয়ে। আজ এই মুহূর্তে আমরা জানি, লালনকে উদ্ধার করা হয়েছে। তার সঙ্গে আরও সতেরো জনকে নিয়ে অ্যাম্বুলেন্স রওনা দিয়েছে কলকাতার পথে। এদের বেশিরভাগই পুরোপুরি সুস্থ নয়। তাদের অনেকেরই শরীর থেকে এক বা একাধিক অঙ্গ বের করে নেওয়া হয়েছে অপারেশন করে। আবার তাদের পাঠানো হচ্ছিল নতুন কোনো গন্তব্যে, বাকি অঙ্গগুলোর জন্য। এর মধ্যেও লালন পালানোর চেষ্টা করেছিল, একটুর জন্য গুলি থেকে বেঁচেছে ছেলেটা।

গাড়ির জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছি আমি। রাস্তায় কত মানুষ। এরা সকলে বেঁচে আছে, বেঁচে থাকার জন্য নিয়ত লড়াই করছে। আসলে মানুষ শেষ মুহূর্ত অবধি বেঁচে থাকার লড়াইটা চালিয়ে যায়। আর একটা অতিরিক্ত নিশ্বাসের জন্য সে কী ভীষণ আকুলতা! অথচ একজন মানুষের থাকা বা না-থাকা নিয়ে এই পৃথিবীর আহ্নিক বা বার্ষিক গতির কিছুমাত্র বিচলন হয় না। যে মানুষটা কাল অবধি ছিল, অথচ আজ নেই, তার জন্য কিছু থেমে যায় না কোথাও। হয়তো কিছু নিতান্ত আপনজনের স্মৃতিতে বেঁচে থাকে তারা। কিন্তু কতদিন? স্মৃতি থাকে, শোক থাকে কি? বা শূন্যতা? মানুষের শোকের আয়ু কতদিন, কত বছর?

এই যে শেখর মজুমদার এতদিন বেঁচে ছিলেন। অথচ সত্যিই বেঁচে ছিলেন কি? পৃথিবীর থেকে নিজেকে লুকিয়ে, আপনজনের থেকে দূরে গিয়ে, পৃথিবীর রূপ-রস-বর্ণ-গন্ধ থেকে নিজেকে বঞ্চিত করে এই বেঁচে থাকার সত্যিই কি কোনো অর্থ আছে? হয়তো একটা ভুলের মাশুল গুনে চলেছিলেন তিনি এতগুলো দিন ধরে, ক্লান্ত হয়ে উঠেছিলেন। অর্থ, সম্পদের লোভ, আরও আরও লোভ আসলে তাঁকে হয়তো পৌঁছে দিয়েছিল এক অসহনীয় একাকিত্বের শিখরে। অর্থ তো ছিল তাঁর কাছে, সেই অর্থ যা দিয়ে সব কিনে নেওয়া যায়। তবু সত্যিই কি যায়? শুনেছি পুলিশকে দরজা খুলে দিয়েছিলেন তিনি। বাধা দেননি, পালানোর চেষ্টাও করেননি। তিনি জানতেন খুব শিগগিরিই সত্যি সত্যি পালিয়ে যাবেন তিনি এমন এক দুনিয়ায়, যেখানে মৃত্যু সত্য, অমোঘ। সেখানে মৃত্যুর পর আর জীবনের দায় নেই, কিছু নেই।

যে-কোনো মৃত্যুই কষ্ট দেয়। তাই খবরটা পাওয়া ইস্তক মনটা ভারী হয়ে আছে। আজ অবধি টাপুরদির সঙ্গে যত কেসে কাজ করেছি, এই কেসটা বাকি সবগুলোর চেয়ে আলাদা। এখানে আমরা কোনো খুনি, ব্ল্যাকমেলার, অপরাধীর পেছনে ছুটছি না। এই লড়াইটা শুধু কিছু মানুষের প্রাণ বাঁচানোর জন্য নয়, বরং এ হল চিরন্তন শুভ ও অশুভের লড়াই। এ যুদ্ধ মৃত্যুর সঙ্গে জীবনের, পৃথিবীর প্রত্যেকটি মানুষের বেঁচে থাকার সমান অধিকারের।

কিন্তু মুদ্রার আর একটি দিকের কথা অস্বীকার করতে পারি না আমরা চাইলেও। জিজ্ঞাসা করেছিলাম টাপুরদিকে, ‘আচ্ছা টাপুরদি, এই যারা অরগ্যান নিয়ে ব্যাবসা করছে, তারা তো কিছু মানুষকে জীবন ফিরিয়েও দিচ্ছে, বলো?”

টাপুরদিকে কেমন যেন বিহ্বল দেখাচ্ছিল। ল্যাপটপে কিছু খুঁজে চলেছিল। আমার প্রশ্নে মুখ তুলে বলেছিল, ‘অ্যাপারেন্টলি ঠিক। কিন্তু ওরা কোনো সমাজসেবা করছে না, ব্যাবসা করছে। কিছু মানুষকে হত্যা করে তাদের প্রাণের মূল্যে অপর আর একজনকে জীবন দিচ্ছে, সেটাও অর্থের পরিবর্তে।’

একটুক্ষণ চুপ করে ছিলাম আমি। কথাগুলো নিয়ে মনের ভেতরে নাড়াচাড়া করছিলাম। জিজ্ঞাসা করেছিলাম, ‘কিন্তু টাপুরদি, সেটা ওরা না করলেও কিছু মানুষকে মরতেই হত। যারা অসুস্থ, তারা অরগ্যানের অভাবে মারা যেত।’

‘যেত!’ ম্লান হেসে বলেছিল টাপুরদি, ‘মৃত্যুকে কে কবে এড়াতে পেরেছে রে! মরতে তো সকলকেই হবে একদিন না হয় একদিন। প্রশ্নটা সেখানে নয়। আসলে আমাদের দেশে অরগ্যান ডোনেশন নিয়ে সচেতনতা ভীষণ কম। সরকারের তরফেও কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। পৃথিবীর বেশ কিছু দেশে অরগ্যান ডোনেশন বাধ্যতামূলক করা হয়েছে। আরও অনেক দেশে সরকারের তরফে নানান প্রকল্প তৈরি করে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা হয়েছে, যাতে সেসব দেশে বেশিরভাগ মানুষ মরণোত্তর দেহদান ও অঙ্গদানের জন্য রেজিস্টার করে নিজেরাই। অথচ আমাদের দেশের জনসংখ্যা সোয়াশো কোটি ছাড়িয়েছে সেই কবে। মৃত্যুহারও অন্যান্য দেশের তুলনায় বেশি। কিন্তু মানুষ এই বিষয়ে নির্বিকার।’

‘আচ্ছা, একটা কথা বলো! এই যে ওরা এভাবে মানুষ চালান করে, তাতে তো ধরা পড়ে যাওয়ার চান্স বেশি। এর থেকে অরগ্যান কেটে চালান করলে তো সুবিধা হত, তাই না?’ জিজ্ঞাসা করেছিলাম আমি।

টাপুরদি হেসেছিল। মাথা নেড়ে বলেছিল, ‘হত না। কারণ কারও দেহ থেকে অরগ্যান বের করে আনার পর নির্দিষ্ট সময়ের মধ্যে তা জীবিত মানুষের দেহে প্রতিস্থাপন করতে হয়। নইলে সেই অরগ্যান আর কোনো কাজে লাগে না। এইসব নৃশংস জানোয়ারগুলো অনেক সময় জীবিত মানুষের থেকেও প্রত্যঙ্গ খুলে নেয়, জানিস? শরীরের ভেতর থেকে একে একে অরগ্যান বের করে নিতে থাকে যতক্ষণ না মানুষটা মরে যায়। তোর মনে আছে, জসীম শেখের শরীর থেকে দুটো কিডনিই মিসিং ছিল?’

‘দুটো কিডনি বের করে দেওয়ার পরেও বেঁচে থাকে মানুষ?’

‘থাকে না। বড়োজোর দুই-একদিন। জসীম শেখ এমনিতেও বাঁচত না। নিশ্চয়ই কোনো কারণে সেই অবস্থাতেও পালানোর চেষ্টা করেছিল। দলটাকে ইন্টারোগেট করলে কারণটা জানা যেতে পারে। আমাদের দেশে অঙ্গ প্রতিস্থাপনে সমস্যা একটা নয়। কেউ মারা যাওয়ার পর সেই অঙ্গের গ্রহীতা হয়তো দেখা গেল অন্য রাজ্যে রয়েছে। এত বড়ো দেশে সফলভাবে এক রাজ্য থেকে অন্য রাজ্যে অঙ্গ নিয়ে যাওয়াও একটা চ্যালেঞ্জ। আজকাল কিছু ক্ষেত্রে গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু তার সংখ্যা নিতান্তই কম। তাই যারা মরণোত্তর দেহদানের জন্য রেজিস্ট্রেশন করেও, এইসব ঝামেলায় তাদের অঙ্গ আসলে ব্যবহার করাই হয় না। পচে নষ্ট হয়ে যায়। সমস্যা অনেক রে মিতুল! মানুষ বাধ্য হয় এই অঙ্গ-দালালদের হাতে নিজেদের যাবতীয় সঞ্চয় তুলে দিতে। যে-কোনো মূল্যেই আপনজনকে বাঁচাতে চায় তো সকলেই, তাই না?’

‘কিন্তু টাপুরদি, এরকম চলতে থাকলে তো’…

‘এরকম চলতে থাকলে রাঘব সামন্তেরা সংখ্যায় ক্রমশই বাড়তে থাকবে। কতজনকে আটকাব আমরা? যদি আমরা নিজেরা সচেতন না হই, তাহলে একদিন হয়তো আমাদেরও প্রিয়জনের জীবন বাঁচাতে এই দুষ্টচক্রের সামনে হাত পেতে দাঁড়াতে হবে, অর্থের বিনিময়ে আরও একটি মানুষের জীবনের মূল্যে গোপনে কিনে নিতে হবে আমার আপনজনের প্রাণবায়ুটুকু।’

নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নতুন টার্মিনালের সামনে খাকি পোশাকের পুলিশে ছেয়ে আছে। এয়ারপোর্ট থানায় আগেই খবর দেওয়া হয়েছিল। কর্মী, অন্যান্য যাত্রীদের দৃষ্টিতে কৌতূহল, প্রশ্ন। কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার অনন্তবিজয় সেনশর্মার মুখ দেখে মনে হচ্ছে আজ সংঘাতিক কিছু ঘটতে যাচ্ছে এখানে।

আমরা ঢুকতেই একজন পুলিশ অফিসার এগিয়ে এলেন জয়েন্ট কমিশনারের দিকে। বললেন, ‘কোনো খোঁজ পাওয়া যায়নি স্যার। এই দেখুন, ভোর চারটের পর থেকে যতগুলো দিল্লির ফ্লাইট ছেড়েছে সেগুলোর প্যাসেঞ্জার লিস্ট। কোথাও নাম নেই।’

অনন্তবিজয়বাবু এগিয়ে গেলেন কাউন্টারের দিকে। এক মুহূর্ত চুপ করে ভেবে বললেন, ‘শুধু দিল্লির নয়, আজ সকাল পাঁচটার পর থেকে যত ফ্লাইট ছেড়েছে, ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল, সবের প্যাসেঞ্জার লিস্ট দিন। আরজেন্ট।’

ডেস্কের তরুণীকে মুহূর্তের জন্য বিহ্বল দেখাল। কিন্তু সে সামান্য কয়েক মুহূর্ত। তারপরেই সে ডেকে নিল পাশের ডেস্কের আর এক মধ্যবয়স্ক কর্মীকে। দু-জন মিলে পরবর্তী মিনিট দশেকের মধ্যে এক গোছা প্রিন্ট আউট বের করে এগিয়ে দিল।

অনন্তবিজয়বাবু ও আরও কয়েকজন পুলিশ মিলে দ্রুত একটার পর একটা কাগজে চোখ বোলাতে শুরু করল। কেটে গেল আরও প্রায় পনেরো মিনিট। শেষ প্রিন্টটাও দেখা শেষ হলে তাদের কার্যতই হতাশ দেখাল।

‘আর কোনো ফ্লাইট যায়নি? আর ইউ শিওর?’ জিজ্ঞাসা করলেন জয়েন্ট কমিশনার।

তরুণীটি মাথা নাড়ল। বলল, ‘আই অ্যাম শিওর স্যার।’

‘তবু প্লিজ আর একবার আপনাদের ডেটাবেসে চেক করুন’, গম্ভীর কণ্ঠে বললেন জয়েন্ট কমিশনার। তবু তাঁর কণ্ঠস্বরে অনুনয়ের দুর্বল ভঙ্গিটুকু চাপা থাকছে না, ‘প্যাসেঞ্জার’স নেম ইস মিস্টার সুদর্শন গাঙ্গুলি, দ্য চিফ সেক্রেটারি অব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট।’

।। ছাপ্পান্ন।।

মুখ্যমন্ত্রী অম্লান চক্রবর্তী জানিয়েছিলেন, আজ ভোরের ফ্লাইটে চিফ সেক্রেটারির দিল্লি যাওয়ার কথা। পরবর্তী চব্বিশ ঘণ্টায় শুধু দিল্লিই নয়, সারা দেশের সমস্ত এয়ারপোর্ট, রেলওয়ে, বাস ট্রান্সপোর্টের প্যাসেঞ্জার লিস্ট ওলটপালট করে ফেলা হল। কিন্তু সুদর্শন গাঙ্গুলির কোনো হদিস পাওয়া গেল না। লোকটা যেন বেমালুম উবে গেছে। তাঁর স্ত্রী মণিকা গাঙ্গুলিকে জেরা করার চেষ্টা করা হল। মহিলা মানসিক রোগী, অ্যালাজাইমার্সে ভুগছেন। কিছু মনে রাখতে পারেন না, প্রশ্নের উত্তরে ফ্যালফ্যাল করে চেয়ে থাকেন, দু-একটা অসংলগ্ন কথা বলেন। বাড়িতে দেখাশোনার জন্য সর্বক্ষণের আয়া আছে। পুলিশের জেরার উত্তরে কিছু খাপছাড়া অর্থহীন কথা ছাড়া আর কিছুই বলতে পারলেন না তিনি। অরগ্যান ট্র্যাফিকিং-এর কথা শুনে ফ্যালফ্যাল করে চেয়ে রইলেন। মানসিক চিকিৎসক সার্টিফাই করলেন, মিসেস গাঙ্গুলি সত্যিই অসুস্থ।

আরও জানা গেল, ইনি সুদর্শন গাঙ্গুলির দ্বিতীয়া স্ত্রী। তাঁর প্রথমা স্ত্রী বিয়ের দু-বছরের মধ্যে মারা যান। ভদ্রমহিলার হার্টের সমস্যা ছিল। ট্রান্সপ্লান্টের জন্য হার্ট পাওয়া যায়নি। সুদর্শনবাবুর বাবাও কিডনি ফেলিওর হয়ে মারা যান।

এর পর কানাডাতে তাঁর পরিচয় হয় মণিকা গাঙ্গুলির সঙ্গে। ভদ্রমহিলা প্রবাসী বাঙালি, জন্মসূত্রে কানাডার নাগরিক। সুদর্শনবাবু সেই সময় ডিপ্লোম্যাট হিসেবে কানাডায় ইন্ডিয়ান এম্বাসিতে কর্মরত ছিলেন কয়েক বছর। মণিকা গাঙ্গুলি কানাডাতে হার্ট সার্জেন ছিলেন। বিয়ের পরপরই রোড অ্যাক্সিডেন্টে প্রথম স্বামীকে হারান। তারপর পরিচয় থেকে প্রেম। দুজনেরই বয়স তখন চল্লিশ পেরিয়েছে। সেখানেই বিয়ে করে দেশে ফিরে আসেন সস্ত্রীক। এদেশে ফিরে সুদর্শনবাবুর স্ত্রী কলকাতায় বেশ কয়েকটি হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন। দক্ষ সার্জন ছিলেন মিসেস গাঙ্গুলি। সন্তান হয়নি তাঁদের। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানসিক অসুস্থতার জন্য কাজ থেকে সময়ের আগেই অবসর নেন। ফেরার হওয়ার কয়েক দিন আগেই সুদর্শন গাঙ্গুলি সল্টলেকের বাড়ি, ব্যাঙ্কে অ্যাকাউন্ট, বিভিন্ন ইনভেস্টমেন্ট সহ যাবতীয় বৈধ সম্পত্তি স্ত্রীর নামে স্থানান্তরিত করেছেন। অর্থাৎ তিনি জানতেন পালাতে হতে পারে। তাই আটঘাঁট বেঁধেই ব্যবস্থা করেছিলেন যাতে তাঁর অনুপস্থিতিতে অসুস্থ স্ত্রীর অসুবিধে না হয়।

টাপুরদির বসার ঘরে সন্ধ্যাবেলায় উপস্থিত টাপুরদি, অর্জুনদা ও আমি। আসরটা অবশ্য আজ শুধু চায়ের নয়। উত্তীয়দাও আসবে লালনকে নিয়ে। আজ টাপুরদি বিরিয়ানি রেঁধেছে। রাতে জম্পেশ ভোজ হবে। অর্জুনদা সোজা অফিস থেকে এসেছে। আমিও অফিস গেছিলাম। আজ তাড়াতাড়ি ফিরেছি। এসে দেখলাম অর্জুনদা ইতোমধ্যে এসে গেছে। জিজ্ঞাসা করলাম, ‘এত তাড়াতাড়ি! কাজে ফাঁকি দিচ্ছ?’

অর্জুনদা বলল, ‘হুঁ, এই কেসটা শরীরের সব এনার্জি একেবারে নিংড়ে নিয়েছে। দম ফেলার ফুরসত পাচ্ছি না। আর তোমার মনে হচ্ছে ফাঁকি দিচ্ছি?’

আমি হেসে বলল, ‘তা নয়তো কী? এই তো কেমন কাজকর্ম ফেলে নিভৃতে প্রেম করতে চলে এসেছ। আমি ভুল সময়ে এন্ট্রি নিয়ে ফেললাম।’

অর্জুনদা ডানদিকে ভুরু তুলে বলল, ”প্রেম? ডিটেকটিভ ম্যাডামের সঙ্গে? ধুর, ধুর! আমি হলাম গে পাতি সরকারি চাকুরে। আর উনি হলেন সেলেব্রিটি ডিটেকটিভ। কী যে বলো মিতুল, তার ঠিক নেই।’

টাপুরদি পাশ থেকে বলল, ‘যত্তসব ঢং!’

আমি বললাম, ‘অর্জুনদা কিন্তু ভুল বলেনি টাপুরদি। তুমি বড়ো কঠোর-কঠিন হয়ে উঠছ দিনকে দিন। বেচারা অর্জুনদাকে পাত্তাই দিচ্ছ না। এটা কি ঠিক হচ্ছে?’

‘অ্যাই তুই কার বোন রে?’ ছদ্ম কোপ দেখিয়ে বলল টাপুরদি, ‘ওর না আমার?’

‘দু-জনেরই’, বললাম আমি, ‘কবে থেকে অপেক্ষা করে আছি তোমাদের বিয়ের জন্য। কত প্ল্যান একের পর এক জমে উঠছে। বিয়ের দিন শাড়ি পরব, রিসেপশনে ইন্দো-ওয়েস্টার্ন ফিউশন। দুর্দান্ত একটা কালেকশন দেখে এসেছি। বলো না কবে বিয়ে করবে তোমরা? ও টাপুরদি, বলো না, প্লিজ!’

‘থামবি তুই?’ রাগ করতে গিয়েও হেসে ফেলল টাপুরদি।

আমি মুচকি হেসে অর্জুনদার দিকে তাকিয়ে বললাম, ‘যাক, টাপুরদি হেসেছে, অর্জুনদা। আমি ভেতরে যাচ্ছি চেঞ্জ করতে। মিনিট দশেক টাইম দিলাম। এর মধ্যে পটিয়ে ফেলো। আর সেটা না পারলে বুঝব তোমার দ্বারা কিচ্ছু হবে না। তোমার চেয়ে টাপুরদির এক্স, মানে উত্তীয়দা বেটার। বেশ গুরু দত্তের মতো চেহারা কিন্তু।’

‘এক্স!’ কপালে ভুরু তুলে বলল অর্জুনদা।

‘তা নয়তো কী? দেখোনি, টাপুরদির দিকে কেমন গভীর চোখে তাকায়? পুরেনো ব্যথা না থাকলে অমন দৃষ্টি আসে না’, বলতে গিয়ে হেসে ফেললাম আমি।

‘মিতুল!’ চোখ পাকিয়ে ধমকে উঠল টাপুরদি।

অর্জুনদা সোফায় হেলান দিয়ে সিলিং-এর দিকে চেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে সুর করে গেয়ে উঠল, ‘জানে ও ক্যায়সে লোগ থে জিনকে প্যারকো প্যার মিলা। হামনে তো যব কলিয়া মাঙ্গি কাঁটো কা হার মিলা…’

‘লেগে থাকো, তোমারও হবে!’

অর্জুনদা এবার বলল, ‘সেই আশাতেই আছি। আমার কথা ছাড়ো, আমি একটা কথা তো বলতেই ভুলে গেছিলাম।’

টাপুরদি ভুরু কুঁচকে বলল, ‘কী কথা?’

অর্জুনদা মুচকি হেসে বলল, ‘শুভম মিতুলের নম্বর চেয়েছে। কী মিতুল, দেব?’

টাপুরদি জোরে জোরে হেসে উঠল। বলল, ‘দাও দাও। এতে জিজ্ঞাসা করার কী আছে? কী ব্রাইট ছেলেটা, তেমনই কিউট দেখতে। তাই না রে মিতুল?’

আমি গম্ভীর মুখে বলল, ‘যত্তসব বাজে কথা। বাচ্চা ছেলে, কাজে মন দিতে বলো!’

অর্জুনদা বলল, ‘বাচ্চা আবার কীসের? চব্বিশ বছরের ছেলে বাচ্চা হয় নাকি? বড়ো জোর তোমার চেয়ে বছর দেড়েকের ছোটো হবে। তাতে কী? আপাদমস্তক বিচ্ছু ছেলে ও। আমি কিন্তু নম্বর দেব কথা দিয়েছি।’

রাগ হয়ে গেল আমার। বললাম, ‘আমাকে জিজ্ঞাসা না করেই কথা দিয়েই ফেলেছ একেবারে? তাহলে আর কী?’

গটগট করে পা ফেলে ভেতরে চলে গেলাম। পেছন থেকে অর্জুনদা আর টাপুরদির সম্মিলিত হাসির আওয়াজ ভেসে এল।

মিনিট পনেরো পর স্নান সেরে বসার ঘরে ফিরলাম। নাহ, অর্জুনদাটার কিচ্ছু হবে না। গম্ভীর মুখে বসে বসে টাপুরদির সঙ্গে কেসের আলোচনা করছে। আমিও গুছিয়ে বসে জিজ্ঞাসা করলাম, ‘আমার সব কেমন ঘেঁটে যাচ্ছে। দাঁড়াও, একটু গোড়া থেকে শুনি। সত্যি করে বলো তো টাপুরদি, তুমি সত্যি কখন বুঝতে পেরেছিলে যে শেখর মজুমদার বেঁচে আছেন?’

টাপুরদি হাসল। বলল, ‘যদি বলি বুঝতে পেরেছিলাম, তাহলে মিথ্যে বলা হবে। আগে বুঝতে পারলে তদন্তের গতিপ্রকৃতিই বদলে যেত। শেখর মজুমদার এভাবে সকলের হাতের বাইরে চলে যেতে পারতেন না। তবে শেষের দিকে একটা খটকা লেগেছিল।’

‘কখন? কবে?’ জানতে চাইলাম আমি।

‘তোর মনে আছে, হলদিয়ায় যাওয়ার আগে আমি একা বেরিয়েছিলাম?’

‘হ্যাঁ।’ বললাম আমি।

‘বেশ কয়েকটা জায়গায় গেছিলাম আমি। তার মধ্যে একটা হল বসিরহাটে, অনিতা সাহার বাড়ি।’

হঠাৎ করে মনে করতে পারলাম না কে এই অনিতা সাহা। তারপর মনে পড়ল, ডক্টর দেবাশিস মিত্রর বাড়ির কাজের মহিলা নিজের নাম অনিতা সাহা বলে জানিয়েছিলেন।

‘কী জানতে পারলে?’ জিজ্ঞাসা করলাম।

টাপুরদি বলল, ‘নবদিগন্তের সঙ্গে যুক্ত সকলের ছবি দেখিয়েছিলাম ওঁকে। জানতে চেয়েছিলাম এঁদের মধ্যে কাউকে চেনে কি না, বা ডক্টর মৈত্রর সঙ্গে দেখেছেন কি না? ভদ্রমহিলা তখনই আমাকে অবাক করা এক তথ্য দিলেন। শিউলি মজুমদার এ-বাড়িতে আসা-যাওয়া করতেন। সেটায় বিস্ময়ের কিছু ছিল না। শিউলি মজুমদার নিজেই বলেছিলেন দেবাশিসবাবুর প্রতি তাঁর অন্যরকম আকর্ষণ ছিল। কিন্তু শেখর মজুমদারের ছবি দেখে আইডেন্টিফাই করেন তিনি। বলেন, শেখরবাবুকে কয়েক মাস আগে এক রাতে এ-বাড়িতে দেখেছেন তিনি। আমি বারবার জিজ্ঞাসা করি, তিনি সত্যিই দেখেছিলেন কি না? কিন্তু অনিতা জানান তাঁর কোনো ভুল হচ্ছে না। তখনই বুঝতে পারি, অনিতার কথা সত্যি হলে শেখর মজুমদার বেঁচে আছেন।’

‘তবে এই মৃত্যুর নাটক কেন?’ অর্জুনদা জিজ্ঞাসা করল।

টাপুরদি বলল, ‘শেখর মজুমদার ছিলেন আইপিএস অফিসার, পোস্টিং ছিল লালবাজারে। সেই সূত্রেই সম্ভবত সুদর্শন গাঙ্গুলির সঙ্গে তাঁর আলাপ। অর্জুনকে বলেছিলাম শেখর মজুমদারের সার্ভিস রেকর্ডের ফাইল আমায় বের করে দিতে। তাতেই দেখেছি ওর এগেনস্টে ডিপার্টমেন্টের মধ্যে কোরাপশনের চার্জে ইনভেস্টিগেশন চলছিল। সাসপেন্ডও ছিলেন কিছুদিন। ঘুষ নিয়ে চার্জশিট থেকে আসামির নাম বাদ দেওয়ার অভিযোগও ছিল।

‘এদিকে সুদর্শন ব্যানার্জিও তখন ব্যাবসায় বিশ্বস্ত পার্টনার খুঁজছেন। রতনে রতন চেনে। দু’জন দুজনকে চিনে নেন। এক সঙ্গে ব্যাবসা শুরু করার পরিকল্পনা করেন। দেবাশিসবাবুকে শেখর মজুমদার আগে থেকেই চিনতেন। তাঁর কাছ থেকেই জানতে পারেন অনাথ আশ্রমের কথা। নবদিগন্ত ট্রাস্টের আন্ডারে সেটা অধিগ্রহণ করেন তাঁরা। হোমের আড়ালে চলতে থাকে অবৈধ ব্যাবসা।

‘সময়ের সঙ্গে সঙ্গে নবদিগন্তের ব্যাবসা বাড়ছিল। হোমের ভেতরকার আসল রহস্য প্রাথমিকভাবে জানতেন মাত্র ক-জন। শেখর মজুমদার, শিউলি মজুমদার, দেবাশিস মৈত্র, সম্ভবত সাগর দাশগুপ্ত এবং পরে জেনেছিলেন শোভন সেন। সত্যব্রত মল্লিকের ব্যাপারে আমি এখনও শিওর নই। সেটা খুঁজে বের করার দায়িত্ব পুলিশের। তবে আমার ধারণা তিনি জানতেন না। ওঁরা এমএলএ সাহেবকে কমিটিতে রেখেছিল প্রশাসনিক সুবিধে পাওয়ার জন্য। একটা হোম চালানো খুব মসৃণ প্রসেস তো নয়। আর সেই হোমের পেছনে অবৈধ চোরাচালান চালাতে হলে ব্যাপারটা আরও কঠিন হয়ে যায়। তাই একজন নেতা-মন্ত্রী গোছের কেউ হোমের সঙ্গে থাকলে একটা বিশ্বাসযোগ্যতা যেমন তৈরি হয়, তেমনই সুযোগ-সুবিধেও কিছু অতিরিক্ত মেলে। সুদর্শনবাবু নিজে একজন পোড়খাওয়া আমলা, শেখরবাবু অভিজ্ঞ আইপিএস। এসব ব্যাপারগুলো দু-জনেই ভালোভাবে বোঝেন।’

‘তুমি কী করে জানলে যে শিউলি মজুমদার বা ডক্টর মিত্র সব জানতেন?’ আমি জিজ্ঞাসা করলাম।

টাপুরদি হাসল। বলল, ‘পুরুষ মানুষ সারা দুনিয়ার কাছে যতই নিজেকে লুকোন, স্ত্রীর কাছে খুব কম ব্যাপারই লুকোতে পারে। আর আমাদের এই কেসে ঘটনাক্রম যেভাবে এগিয়েছে, তাতে শিউলি মজুমদারকে না জানিয়ে এই প্ল্যান এগোনো সম্ভব ছিল না। এটা একক প্ল্যান নয়, একটা দল বেঁধে এক্সিকিউট করা দুর্দান্ত একটা প্রোজেক্ট। শেখর মজুমদার প্রথমেই হোমের কমিটি তৈরি করলেন। রাঘব সামন্ত কে তা কেউ জানে না। অন্তত বাইরের সকলেই জানল শেখর মজুমদার ছাড়া রাঘব সামন্তকে কেউ দেখেনি, চেনে না। কিন্তু শেখর মজুমদার তো চেনেন। ধরা পড়লে রাঘব সামন্তর ওপর দোষ চাপানো হবে। শেখর মজুমদারকে জেরা করলেই পুলিশ রাঘব সামন্ত অবধি পৌঁছে যাবে। কিন্তু শেখর মজুমদারই যদি বেঁচে না থাকেন। তাহলে?’

আমি বললাম, ‘তাহলে শেখর মজুমদার বেঁচে না থাকলে রাঘব সামন্ত অবধি পৌঁছোনোর সব রাস্তা বন্ধ। তাই তো?’

‘একদমই তাই’, বলল টাপুরদি।

‘সেই মতো শেখর মজুমদার ভিআরএস নিলেন। তারপর শুরু হল তাঁর মৃত্যুর প্ল্যানের এক্সেকিউশন। দেবাশিসবাবু যৌবনে স্ত্রীকে হারিয়ে আর বিয়ে করেননি। কিন্তু একাকিত্ব তো থাকেই, তা সে শারীরিক হোক, বা মানসিক। শিউলি মজুমদার নিজেকে এগিয়ে দিলেন ডক্টর মৈত্রর দিকে। অবশ্য আমার ধারণা ব্যাপারটা আরও অনেক আগেই শুরু হয়েছিল। মানে ওই হোম টেক ওভারের সময় থেকেই। বুড়ো বয়সে দেবাশিসবাবু শিউলি মজুমদারের মতো আকর্ষণীয়া মহিলাকে এড়াতে পারেননি। প্রথম রিপুর দংশন, দ্য ইটারনাল লাস্ট স্টোরি। সব জেনেও হোমের অবৈধ কাজে নিজেকে জড়িয়েছিলেন। আমাদের ভুলে গেলে হবে না যে ডক্টর মৈত্রর বাবা একজন সমাজবিরোধী ছিলেন। রক্তের দোষ যাবে কোথায়?

‘এর পর শেখর মজুমদারকে যখন দুনিয়ার চোখে মেরে ফেলার দরকার হল, তখন দেবাশিসবাবুর চেয়ে বিশ্বাসযোগ্যভাবে সেটা আর কে করতে পারত? হার্ট অ্যাটাকের নাটক করা হল। সাগর দাশগুপ্তের পার্টনারশিপ আছে হেলথলাইন হসপিটালে। দেবাশিসবাবু সেখানে ডাক্তার। সুতরাং ওই হসপিটালের চেয়ে ভালো জায়গা আর কী হতে পারে?’

‘কিন্তু কীভাবে? কেউ বেঁচে থাকতেই তাকে কীভাবে মৃত বলে সার্টিফাই করা যায়? যন্ত্রপাতিতে কারচুপি করা যায়। কিন্তু নার্স, ওয়ার্ড বয়দের তো সন্দেহ হবে। পালস চলবে, শ্বাস পড়বে যে রোগীর তাকে কীভাবে মৃত সাজানো যাবে?’ আমি কৌতূহলী প্রশ্ন করলাম।

‘কোনো উপায়েই কোনো জীবিত মানুষকে টেমপোরারিলি মৃত বানিয়ে দেওয়া যায় না। তবে কিছু ওষুধ আছে, যেগুলির সঠিক প্রয়োগে জীবনের লক্ষণ ফিকে হয়ে আসে। ধরা যাক অপিয়য়েডস। আফিম, মরফিন, বিভিন্ন সিন্থেটিক কম্পাউন্ডস দিয়ে অপিয়য়েডস তৈরি হয়। অল্প পরিমাণে ব্যবহার করলে পেইন কিলার হিসেবে খুব ভালো কাজ করে। নার্ভ শান্ত হয়, ঘুম ভালো হয়। বেশি পরিমাণে ব্যবহার করা হয়ে শ্বাসকষ্ট সহ বিভিন্ন সিম্পটমস দেখা দেয়, যাকে হার্ট অ্যাটাক বলে মনে হতে পারে অ্যাপারেন্টলি। ওভারডোজে মৃত্যু অবধি হতে পারে। শুধু একজন ডাক্তার জানেন, ঠিক কতটুকু ওষুধ ব্যবহারে শ্বাসের গতি কমে আসবে, পালস খুঁজে পেতে অসুবিধে হবে, জীবিত ব্যক্তির শরীরে মৃতের লক্ষণ ফুটে উঠবে। সেই সময়ে যন্ত্রে ম্যানিপুলেশন করে রোগীকে মৃত সাজালে কেউ কোনো সন্দেহ করবে না। বেশ কয়েক ঘণ্টা এই অবস্থা স্থায়ী হবে। তার মধ্যে হাসপাতাল থেকে ডেথ সার্টিফিকেট বের করে রোগীর আত্মীয়রা বডি বের করে নিয়ে চলে যাবে। আর হাসপাতালে যদি নিজেদের পার্টনারশিপ থাকে, তাহলে পুরো প্রসেসটা হবে আরও বেশি মসৃণ। আমার ধারণা এভাবেই জীবিত শেখর মজুমদারকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল দুনিয়ার সামনে। দেবাশিসবাবু প্রেমিকার জন্য এটুকু রিস্ক তো নিতেই পারেন, তাই না?’

‘ও বাবা, এ তো দারুণ প্ল্যান!’

অর্জুনদা বলল, ‘শিউলি মজুমদার, সাগর দাশগুপ্তকে অ্যারেস্ট করা হয়েছে। তাদের কাছ থেকে জবানবন্দি বের করার চেষ্টা চলছে। এখনও মুখ খোলেনি যদিও, দেখা যাক কতদিন চুপ করে থাকে!’

টাপুরদি বলল, ‘দারুণ প্ল্যান তো বটেই। শেখর মজুমদার দুনিয়ার চোখে মারা গেলেন। রাঘব সামন্তও মুছে গেলেন। শোভন সেন কোনো ভাবে জেনে গেছিলেন সব কথা। হয় তাকে হত্যা করা হল, না হয় এমনভাবে ভয় দেখানো হল যাতে তিনি আত্মহত্যা করলেন। শেষ ছিলেন দেবাশিসবাবু। তাকে আর বাঁচিয়ে রাখার দরকার ছিল না। অদ্বৈতবাবুর একটা ভুল সিদ্ধান্ত কাজটা সহজ করে দিল। সুদর্শনবাবু জানতে পারলেন আমরা দেবাশিসবাবু অবধি পৌঁছোতে চেষ্টা করছি। আমরা তাঁর কাছে পৌঁছোনোর আগেই তাঁকেও সরিয়ে দেওয়া হল। এমন একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি হল, যাতে করে তাঁর মৃত্যু সম্পর্কিত তদন্তও থিতিয়ে গেল।’

‘ঠিক এই জায়গাতেই এসে আমার সন্দেহ হল, এমন একজন কেউ এ- সবের পেছনে আছেন যিনি যথেষ্ট ক্ষমতাশালী। মেগাসিটি মেডিকেল কলেজে ডক্টর ইউনিয়নের সেক্রেটারি অখিল মিদ্যা জুনিয়র ডাক্তারদের তাতিয়েছিলেন। কিন্তু কার প্ররোচনায়? তাঁর কীসের স্বার্থ? প্রথমে সন্দেহ হয়েছিল সত্যব্রত মল্লিককে। পরে মনে হল, যুক্তিটা দাঁড়াচ্ছে না। রাজনীতিতে বন্ধুত্বের কোনো জায়গা নেই। যদিও দু-জনেই একই পার্টির এমএলএ, রাজনৈতিক সতীর্থ, তবু একজনে জন্য অপরজন গলা জলে নামবেন, এতটা রিস্ক নেবেন, ব্যাপারটা ঠিক বিশ্বাসযোগ্য বলে মনে হল না। বরং উলটোটাই স্বাভাবিক। খবর পেলাম, অখিল মিদ্যার সঙ্গে রুলিং পার্টির দূরত্ব বেড়েছে। অপোজিশনের নেতাদের সঙ্গে দেখা যাচ্ছে তাকে।

‘খোঁজ নিতে শুরু করলাম অখিল মিদ্যার সম্পর্কে। জানতে পারলাম ইনি ভয়ানক দুর্নীতিপরায়ণ ও ক্ষমতালোভী। মেগাসিটি মেডিকেল কলেজে ইনি মুকুটহীন সম্রাট। প্রথমে অদ্বৈত মুখার্জিকে আমরা সকলেই সন্দেহ করেছিলাম। সন্দেহ করার যথেষ্ট কারণ ছিল। প্রথমত এ ভদ্রলোক বদরাগী মানুষ, খুব সহজে রিঅ্যাক্ট করেন। জানলাম তার সার্ভিস রেকর্ডও খুব একটা ক্লিন নয়। বিভিন্ন সময়ে সাবঅর্ডিনেটসদের সঙ্গে মিসবিহেভিয়র আর কোরাপশনের চার্জে ডিপার্টমেন্টাল এনকোয়ারি হয়েছে তাঁর এগেনস্টে। এই তথ্যগুলো আমাকে সাময়িকভাবে বিভ্রান্ত করেছিল। আমি তারপর অদ্বৈত মুখার্জির সার্ভিস সংক্রান্ত সমস্ত ফাইল জোগাড় করি। কীভাবে জানিস? সুদর্শনবাবুর কাছে চেয়েছিলাম। আর তিনিই আমায় দিয়েছিলেন। এখন বুঝতে পারছি, তিনি মরিয়া হয়ে উঠেছিলেন অদ্বৈত মুখার্জিকে আমার সন্দেহের তালিকায় পাকাপোক্তভাবে প্রথম স্থানে বসাতে।

‘কিন্তু ফল হল উলটো। অদ্বৈত মুখার্জির ফাইল ভালোভাবে উলটেপালটে দেখে বুঝলাম, ভদ্রলোক আর যাই হ’ন, অসাধু নন। অধৈর্য, বদরাগী স্বভাবের জন্য কাজের জায়গায় বরাবরই শত্রু তৈরি করেছেন। সেইসব শত্রুরাও যথাসম্ভব শত্রুতা করতে পিছু হটেনি। অদ্বৈত মুখার্জির নামে একের পর এক চার্জ, মিথ্যে চার্জ তৈরি হয়েছে। সব খুঁটিয়ে দেখে মনে হল আমরা ভুল পথে এগোচ্ছি। এত বছর ধরে সুনিপুণ জাল বুনে ঠান্ডা মাথায় একটা অপরাধ চক্র চালিয়ে যাওয়ার মতো ধৈর্য বা মানসিক গঠন, কোনোটাই অদ্বৈত মুখার্জির নেই।’

‘কিন্তু তুমিই বলেছিলেন অখিল মিদ্যা অদ্বৈত মুখার্জির সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে গেছিলেন?’ জিজ্ঞাসা করলাম আমি।

‘হ্যাঁ গেছিলেন। অদ্বৈতবাবু পুলিশকে জানিয়েছেন, মেডিকেল কলেজের স্ট্রাইক সংক্রান্ত ব্যাপারে আলোচনা করতে গেছিলেন তিনি। অখিল মিদ্যাই ডেকেছিলেন’, বলল টাপুরদি।

‘সুদর্শনবাবুর ওপর তোমার প্রথম সন্দেহ হল কবে?’

‘সন্দেহ হতই না, যদি না সেদিন মৃণালবাবুর বাড়ি যেতাম। আসলে তুরুপের তাসটা মৃণালবাবুর আমার হাতে তুলে দিয়েছিলেন’, টাপুরদি বলল।

।। সাতান্ন।।

‘মৃণালবাবু?’ আমি আর অর্জুনদা এক সঙ্গে বলে উঠলাম।

‘হ্যাঁ!’ আমার দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বলল টাপুরদি, ‘এত অবাক হওয়ার কিছু নেই। তুইও আমার সঙ্গেই ছিলি। সন্দেহটা তোর মনেও জাগা উচিত ছিল।’

‘কেন বলো তো? আমার কিছুই মাথায় ঢুকছে না।’ বললাম আমি।

‘এই জন্যই তো তোকে রোজ অঙ্ক করতে বলি’, টাপুরদি হেসে বলল, ‘তাহলে মাথাটা খুলত। সেদিন মৃণালবাবু সুদর্শন গাঙ্গুলি সম্পর্কে কী বলেছিলেন মনে আছে তোর?’

কী বলেছিলেন! মনে করার চেষ্টা করলাম। অর্জুনদা অবশ্য কিছুই জানে না।

টাপুরদিই বলতে শুরু করল, ‘সুদর্শনবাবুর প্রশংসাই করেছিলেন মৃণালবাবু। বলেছিলেন, সুদর্শনবাবু খুব ভালো মানুষ। মৃণালবাবুর নাতি, মানে সুপর্ণাদির ছেলে থ্যালাসেমিয়ায় মারা গেছে। বাচ্চাটার চিকিৎসার সময় অসহায়ের মতো একটু সাহায্যের জন্য সকলের দ্বারে দ্বারে ঘুরেছিলেন মৃণালবাবু। সেই সময়ে সুদর্শনবাবু তাঁকে সাহায্য করেন। মৃণালবাবুই আমাদের জানান, সুদর্শন গাঙ্গুলি মৃণালবাবুর নাতির জন্য ব্লাড জোগাড় করে দিয়েছিলেন। এছাড়া খুব কম খরচে কলকাতার একটি বড়ো প্রাইভেট হসপিটালে মৃণালবাবুর নাতির চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছিলেন। সেদিন আমি তাঁকে হাসপাতালের নাম জিজ্ঞাসা করিনি। মাথাতেও আসেনি। পরে বাড়ি ফিরে একটা খটকা লাগল। ফোন করে হাসপাতালের নাম জিজ্ঞাসা করলাম। কী জানতে পারলাম বল তো?’

আমি আর অর্জুনদা একসঙ্গে বলে উঠলাম, ‘হেলথলাইন হসপিটাল?’

‘একদম ঠিক।’ টাপুরদি বলল, ‘অদ্বৈত মুখার্জির থেকে আমার সন্দেহটা কিছুটা সরে যেতে ভাবতে শুরু করলাম, তিনি না হলে আর কে? কে এমন আছে যিনি শুরু থেকে এই কেসের সব মাইনিউট ডিটেলস জানতেন! কার কাছে এতটা ক্ষমতা আছে যে সমস্ত ব্যাপারটা ঘটিয়ে তুলতে পারেন!

‘সুদর্শন গাঙ্গুলি আর হেলথলাইনের অ্যাসোসিয়েশনের ইঙ্গিত পেতে মাথায় হঠাৎই ক্লিক করল ব্যাপারটা! ভাবতে শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত এই কেসের সঙ্গে ক্লোজলি অ্যাসোসিয়েটেড ছিলেন মিস্টার গাঙ্গুলি। কেসের প্রতিটি স্টেপের খবর ছিল তাঁর কাছে। মনে হল আমাকে এই কেসে রাখার পেছনে তাঁর নিজেরও স্বার্থ ছিল। তাঁর পদাধিকার তাঁকে বারবার পুলিশকে তাদের কাজের অগ্রগতি জানতে চাওয়ার অনুমতি দেয় না। তিনি সেটুকুই জানতে পারেন, যেটুকু অম্লান চক্রবর্তী তাঁকে জানান। আর সেটুকু যথেষ্ট নয়।

‘সেই জন্যই তাঁর আমাকে দরকার হল। তিনি জানতেন আমি পুলিশের সঙ্গে মিলে কাজ করব। তিনি নিজেই অম্লানবাবুকে পরামর্শ দিলেন যাতে আমি অম্লানবাবুর অনুপস্থিতিতে এমন কাউকে রিপোর্ট করি যাঁকে সিএম বিশ্বাস করেন। তিনি জানতেন সিএম সেই দায়িত্ব তাঁকেই দেবেন। আমার সূত্র ধরে তিনি পুলিশি তদন্তের হাল-হকিকতের খবর পেতে লাগলেন এবং নিজের গেমও সেভাবে সাজাতে লাগলেন। কথাগুলো মনে হতেই সন্দেহটা জাঁকিয়ে বসল মাথায়। তবু নিশ্চিত হতে পারছিলাম না। সেজন্য আর একটা কাজ করতে হল।’

‘কী কাজ?’ জিজ্ঞাসা করলাম।

‘হলদিয়া যাওয়ার আগে আমি অনিতা সাহার বাড়ি ছাড়াও আরেক জায়গায় গেছিলাম।’

‘কোথায়?’

‘অদ্বৈত মুখার্জির বাড়ি, তাঁর সঙ্গে দেখা করে ক্ষমা চাইতে’, বলল টাপুরদি।

‘ক্ষমা চাইলে তুমি?’ বিস্মিতমুখে জিজ্ঞাসা করল অর্জুনদা।

‘হ্যাঁ, চাইলাম। কারণ আমিও ভুল করেছি তাঁকে সন্দেহ করে’, টাপুরদি বলল।

আমি জানতে চাইলাম, ‘ক্ষমা করলেন তিনি?’

‘প্রথম প্রথম তো বাড়িতে ঢুকতেই দিচ্ছিলেন না’, হেসে বলল টাপুরদি, ‘প্রায় ঘাড়ধাক্কা যাকে বলে, তাই-ই দিচ্ছিলেন। তারপর আমার অনুরোধে ভেতরে নিয়ে গিয়ে বসালেন। আমি ক্ষমা চাইলাম। সব খুলে বললেন তাঁকে। তিনি ঠান্ডা হলেন। নিজেও ক্ষমা চাইলেন আমার কাছে। বললেন, আমাকে এই কেস থেকে সরানোর জন্য তিনিই সিএমকে বলেছিলেন। আমার এগেনস্টে কমপ্লেন করেছিলেন। কারণ আমার ব্যবহারে খুব রেগে গেছিলেন তিনি। সুদর্শনবাবুকে ফোন করে সব জানান। তাতে সুদর্শনবাবুই তাঁকে পরামর্শ দিয়েছিলেন যাতে তিনি সিএমকে আমার এগেনস্টে কমপ্লেইন করে আমাকে সরিয়ে দেওয়ার জন্য জোর করেন। তিনিও রাগের মাথায় সে-কথা মেনে নিয়েছিলেন।’

‘বোঝো!’ বললাম আমি, ‘আর সিএম-এর কেবিনে আমাদের সামনে সুদর্শনবাবু নাটক করে আমাকে কেসে রাখা যায় কিনা ভেবে দেখতে বললেন সিএমকে।’

‘হুম।’ বলল টাপুরদি, ‘শুধু তাই নয়। দেবাশিস মিত্রকে হসপিটালে ট্রান্সফার করার আগে তিনি সুদর্শনবাবুকে ফোন করেছিলেন। তিনিই অদ্বৈতবাবুকে পরামর্শ দেন যে তিনি চাইলে দেবাশিস মিত্র মেডিকেল কলেজে অ্যাডমিট করাতে বলতে পারেন। ওখানে চিকিৎসাটা ভালো হবে।’

‘কী সাংঘাতিক। অথচ এই কথাটা তিনি সকলের কাছে বেমালুম চেপে গেছিলেন। কিন্তু অদ্বৈত মুখার্জি যখন দেখলেন তাঁর ওপর সব দোষ এসে পড়ছে, তখন তিনি কেন এ-কথা কাউকে বলেননি?’

টাপুরদি বলল, ‘আমি জিজ্ঞাসা করেছিলাম। তিনি উত্তর দেননি। আমার মনে হয় ভদ্রলোকের ইগো ভীষণ বেশি। তিনি একজন আমলা হয়ে অপর একজন আমলার পরামর্শ নিয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটা মেনে নিতে তাঁর ইগো হার্ট হচ্ছিল। তার চেয়ে নিজের ঘাড়ে দোষ তুলে নেওয়া তাঁর সহজ মনে হয়েছিল।’

‘উফ, সবটাই দুর্দান্ত স্ক্রিপ্টেড নাটক। সব সুতোর জট খুলতে শুরু করল ধীরে ধীরে। অবশ্য তার আগেই হেলথলাইন সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম যে শুরুতে সাগর দাশগুপ্ত ওই হাসপাতালের সামান্য অংশের শেয়ার হোল্ডার ছিলেন। কিন্তু গত পাঁচ বছরে তিনি প্রায় ষাট পার্সেন্ট শেয়ার কিনে নিয়েছেন। অর্থাৎ এর অর্থ দাঁড়াচ্ছে এখন সাগর দাশগুপ্ত এই হসপিটালের ওনার। গত বছর নিউটাউনে হেলথলাইনের নতুন ইউনিট উদবোধন করেছিলেন অখিল মিদ্যা। খুঁজে-পেতে সাগর দাশগুপ্তের সঙ্গে অখিল মিদ্যার ঘনিষ্ঠ যোগাযোগের আরও কিছু প্রমাণ পেলাম। দেখলাম হেলথলাইনের পনেরো পার্সেন্ট শেয়ার অখিল মিদ্যার মেয়ের নামে রয়েছে, যে ওই হাসপাতালেরই ইনটার্ন। এবার দুইয়ে দুইয়ে চার করতে অসুবিধে হল না। পুরোটাই টাকার খেলা।’

‘তার মানে এই অখিল মিদ্যাও এসবের মধ্যে আছেন?’ আমি জিজ্ঞাসা করলাম।

অর্জুনদা এতক্ষণ চুপ করে ছিল। এবার বলল, ‘থাকতেও পারেন, আবার সরাসরি জড়িত থাকতে না-ও পারেন। অবশ্য তাতে অপরাধ কিছু কম হয়ে যায় না। কিন্তু এইসব ব্যাপারে রাজনীতি সব সময়েই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইনভলভড থাকে। সারা পৃথিবীতে তাবড় তাবড় পলিটিশিয়ানরা বিভিন্ন সময়ে হরেক কিসিমের কেলেঙ্কারিতে ফেঁসেছেন। বেশিরভাগ ক্ষেত্রেই ধরা পড়েন না, কারণ পুলিশ-প্রশাসন তাঁদের হাতে। আর ধরা পড়লেও বেস্ট ল-ইয়ার পান তাঁরা। জামিন পেয়ে বুক ফুলিয়ে ঘোরেন। রাজনীতিতে আরও পদোন্নতি হয়। কেস চলতে থাকে। সাক্ষীদের কিনে নেওয়া হয়, না নেওয়া গেলে নিঃশব্দে সরিয়ে দেওয়া হয়। কেস আর শেষ হয় না। তারপর একদিন বার্ধক্য আসে, স্বাভাবিক মৃত্যু আসে। খবরের কাগজের ফ্রন্ট পেজে শোকবার্তা ছাপা হয়, তাঁদের মহত্ত্বের গল্পে জনতার চোখে জল আসে। কেস ক্লোজ হয়ে যায়। আইনের দেবীর চোখ সত্যিই বাঁধা, মিতুল। যাদের হাতে টাকা আছে, ক্ষমতা আছে, তারা সব কিনে নিতে পারে, আইনও। পুলিশে চাকরি করি, আমরা আইনের রক্ষক। তবু স্বীকার করতে লজ্জা করে, আসলে আমরা নেতা-মন্ত্রীদের হাতের দম দেওয়া পুতুল। পলিটিশিয়ান অপরাধী হলে পুলিশের স্বাধীনভাবে চার্জশিট বানানোর উপায় পর্যন্ত নেই।’

‘কিন্তু এমন তো নয় অর্জুনদা, যে নেতা-মন্ত্রীরা শাস্তি পায় না’, আমি বললাম।

‘পায়’, অর্জুনদা বলল, ‘খুব কম যদিও। সেটাও তখনই পায়, যদি সেই দলের সুপ্রিমো সেই নেতা বা মন্ত্রীকে ভোট-ব্যাংকের স্বার্থে উৎসর্গ করতে রাজি হন।’

আমি বললাম, ‘অম্লানবাবু নিশ্চয়ই জানতেন না যে তার দলে এমএলএ এসবের সঙ্গে যুক্ত। জানলে নিশ্চয়ই প্রশ্রয় দিতেন না। অম্লানবাবু সৎ পলিটিশিয়ান, বলো টাপুরদি!’

টাপুরদি বিষণ্ণ হেসে বলল, ‘রাজনীতিতে সততা খুঁজতে যাস না মিতুল। ভুল করবি। পলিটিশিয়ান সৎ বা অসৎ হয় না। পলিটিশিয়ান শুধু পলিটিশিয়ান হয়। এটা একটা বোর্ড গেম। খেলায় টিকে থাকতে গেলে নিজের চাল দিয়ে যেতে হয়। থামলে কী ছিটকে গেলে। কে কাকে টক্কর দিয়ে এগিয়ে যাবে, তার ওপরেই নির্ভর করছে কে টিকে থাকবে। এতে সত্যি-মিথ্যে, ন্যায়-অন্যায়, সততা-অসততার মূল্যায়ন করতে যাওয়া বৃথা।’

‘আচ্ছা, তা না হয় হল, কিন্তু টাপুরদি, তুমি তো সুদর্শনবাবুকে আগেই সন্দেহ করেছিলে। তাহলে পাহারার ব্যবস্থা করোনি কেন?’

টাপুরদি একটা দীর্ঘশ্বাস ফেলল। অর্জুনদার দিকে তাকিয়ে বলল, ‘সৌরভবাবুকে রিকোয়েস্ট করেছিলাম আমি। তোর মনে আছে মিতুল, হলদিয়া যাওয়ার সময় সৌরভবাবু ফোন করেছিলেন শুভমের ফোনে! আমার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। তখন আমায় বললেন, সুদর্শনবাবুর বাড়ির আশেপাশে সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছে।’

‘তাহলে পালালেন কী করে?’ বিস্মিত কণ্ঠে জিজ্ঞাসা করলাম আমি।

এবার অর্জুনদা বলল, ‘সন্ধের পর সুদর্শনবাবু অফিস থেকে বাড়ি ফেরেন। তাঁর গাড়ি বাড়ির ভেতরে ঢুকেছিল। কিন্তু তারপর ওই বাড়ি থেকে তাঁকে বেরোতে কেউ দেখেনি। কেউ জানে না কীভাবে পালালেন ভদ্রলোক!’

‘স্ট্রেঞ্জ!’

এবার অর্জুনদা বলল, ‘স্ট্রেঞ্জ তো বটেই। বাড়িতে ওঁর স্ত্রী ছাড়াও স্ত্রীর আয়া ছিল। কেউ কিছু বলতে পারেনি। আয়া জানান, রাতে খেয়ে-দেয়ে নিজের ঘরে শুয়ে পড়েছিল সে-ও। আর কিছু টের পায়নি। পুলিশ যখন ওঁর বাড়িতে ঢোকে, তখন মিসেস গাঙ্গুলি ঘুমোচ্ছিলেন। ধাক্কাধাক্কি করেও ঘুম ভাঙেনি। আয়া উঠে দরজা খুলে দেয়। মণিকা দেবীকে হসপিটালে নিয়ে গিয়ে জানা যায়, তাঁকে কড়া ডোজের ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। ঘরের ডাস্টবিনে ইঞ্জেকশনের সিরিঞ্জ পাওয়া গেছে। তাতে সুদর্শনবাবুর ফিঙ্গারপ্রিন্টও পাওয়া গেছে।’

‘মাই গড! নিজের অসুস্থ স্ত্রীকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে পালালেন ভদ্রলোক! কিন্তু কীভাবে? কেউ কেন জানতে পারল না? একজন জলজ্যান্ত মানুষ বেমালুম উবে গেলেন নাকি?’

‘সেটাই তো! তবে একটা কথা অস্বীকার করব না। নিজের বুদ্ধি নিয়ে ইদানীং আমার মনে একটু অহংকার তৈরি হয়েছিল। সেটা উনি ধুলোয় মিশিয়ে দিয়ে গেছেন। সুদর্শন গাঙ্গুলি অসম্ভব বুদ্ধিমান, আমার চেয়ে অনেক বেশি। হয়তো সেই জন্যই তিনি এই রাজ্যের সর্বোচ্চ পদাধিকারী আমলা।”

‘যাক গে! কত দূরে আর যাবে? পুলিশ খুঁজছে, আজ না হয় কাল ঠিক পেয়ে যাবে’, টাপুরদিকে সান্ত্বনা দিয়ে বললাম।

কলিং বেলটা বাজছে। দরজা খুলে দেখলাম উত্তীয়দা আর লালন দাঁড়িয়ে আছে। সেদিন রাতে লালনকে খুব রোগা, অসুস্থ লাগছিল। এই ক-দিনেই যেন বদলে গেছে ছেলেটা। ভেতরের দীপ্তিতে ঝলমল করছে।

ওরা ভেতরে এসে বসল।

টাপুরদি জিজ্ঞাসা করল, ‘কেমন আছ লালন?’

লালন হাসিমুখে ঘাড় নাড়ল।

উত্তীয়দা বলল, ‘সঙ্ঘমিত্রা, তোকে কীভাবে যে ধন্যবাদ দেব জানি না। তোদের একটা খবর দিই। লালনকে আমি অফিশিয়ালি অ্যাডপ্ট করছি।’

আমরা সকলে হইহই করে উঠলাম। এ তো দারুণ খবর! সত্যিই এরকম খবর শুনলে মন ভালো হতে বাধ্য। টাপুরদি লালনের মাথার চুল নেড়ে দিয়ে বলল, ‘খুব মন দিয়ে এবার থেকে লেখাপড়া করবে, কেমন?’

লালন মাথা নাড়ল আবার।

‘বড় হয়ে দাদার মতো প্রফেসর হতে হবে কিন্তু’, অর্জুনদা বলল।

‘না’, মাথা নাড়ল লালন। আমরা একটু অবাক হয়ে ওর মুখের দিকে তাকালাম।

লালন অর্জুনের চোখে চোখে রেখে বলল, ‘আমি তোমার মতো পুলিশ হব।’

উত্তীয়দার চোখে বেদনার ছায়া আমাদের দৃষ্টি এড়াল না। লালন প্রফেসর হতে চায় না সেজন্য নয়, বরং লালন যা হতে চায় সেটা হয়তো কখনোই হতে পারবে না সেজন্য। এত প্রাপ্তির মধ্যে বোধ হয় ছেলেটা ভুলেই গেছে যে ওর একটা কিডনি চোরেরা চুরি করে নিয়েছে। ও কখনোই আর পাঁচজনের মতো সব কিছু করতে পারবে না।

আজ এই আনন্দের মুহূর্তে ওর ভুলটা ভাঙিয়ে দিতে ইচ্ছে হল না। ধীরে ধীরে ও নিজেই বুঝে যাবে, হয়তো মেনেও নেবে।

উত্তীয়দা টাপুরদির মুখের দিকে তাকিয়ে বলল, ‘সঙ্ঘমিত্রা, তোর কাছে যখন ছুটে এসেছিলাম তোর ফিজ জানতাম না। তুইও কিছু বলিসনি। এটা ধর।’

টাপুরদির দিকে একটা মোটা খাম এগিয়ে দিল উত্তীয়দা। টাপুরদি সেটা খুলে পাঁচশো টাকার একটা বেশ মোটা বান্ডিল বের করল। তারপর তার থেকে একটা মাত্র নোট বের করে টেবিলের ওপর রাখল। বাকি বান্ডিলটা খামে ঢুকিয়ে উত্তীয়দার হাতে দিয়ে বলল, ‘আমার পারিশ্রমিক আমি নিলাম।’

‘কিন্তু…’

উত্তীয়দাকে শেষ করতে না দিয়ে টাপুরদি বলল, ‘চিন্তা করিস না। আমাকে রাজ্য সরকারের স্বাস্থ্যদফতর থেকে অফিশিয়ালি এই কেসের জন্য হায়ার করেছিল। সেখান থেকে মোটা পারিশ্রমিক পাচ্ছি আমি। ওদের কিন্তু আমি মানা করিনি। করার প্রশ্নও নেই। তোরা বোস, আমি সবার জন্য একটু কফি করি। আজ বেশ ঠান্ডা পড়েছে।’

অর্জুনদা টেবিলের ওপর থেকে টিভির রিমোটটা তুলে টিভি চালাল। বাংলা নিউজ চ্যানেলে সংবাদ পাঠিকা খবর পড়ছেন। ফ্রেমের পর ফ্রেম বদলাচ্ছে। সারা পৃথিবীতে প্রতি মুহূর্তে কত খবর তৈরি হচ্ছে। নিজেদের মধ্যে গল্পগাছা করছিলাম আমরা। হঠাৎ করে টিভি স্ক্রিনে দৃষ্টি স্থির হয়ে গেল। মেগাসিটি মেডিকেল কলেজে একটি সভায় মুখ্যমন্ত্রী অম্লান চক্রবর্তী বক্তৃতা দিচ্ছেন। মেডিকেল কলেজে এক কিংবদন্তি বাঙালি ডাক্তারের নামে নতুন ভবন তৈরির ঘোষণা করছেন। পাশেই বসে আছেন অখিল মিদ্যা। অম্লান চক্রবর্তী অখিল মিদ্যার ভূয়সী প্রশংসা করে চলেছেন। বক্তৃতা শেষে মিদ্যামশাইকে জড়িয়ে ধরলেন মুখ্যমন্ত্রী।

টাপুরদি রান্নাঘর থেকে বেরিয়ে কখন এসে দাঁড়িয়েছে টের পাইনি। হাসির শব্দে তাকালাম। টাপুরদি খিলখিল করে হাসতে হাসতে বলল, ”যাক, রাগ-অভিমান মিটে গেছে তাহলে। এখন দুজনারই ইমেজ রক্ষার দায়। ভোটব্যাংক বড়ো বালাই। তা ছাড়া হেলথলাইনের ভবিষ্যৎ এখন সরকারের হাতে। দু-জনেই গাড্ডায় পড়েছে। ঝগড়া না মিটিয়ে এখন উপায় কী?”

আমি অর্জুনদাকে জিজ্ঞাসা করলাম, ‘হেলথলাইনের ব্যাপারে পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে, অর্জুনদা?’

অর্জুনদা বলল, ‘আমাদের হাতে সলিড কোনো প্রূফ নেই হেলথলাইনের এগেনস্টে। তদন্ত চলছে এখনও। শহরের কিছু লো-প্রোফাইল ক্লিনিক, মেটারনিটি হোম হেলথলাইনের অবৈধ কাজেকম্মে মদত দেয়, গোপন সিস্টার কনসার্ন হিসেবে কাজ করে। দেখা যাচ্ছে গত কয়েক বছরে হেলথলাইনে অনেক বেশি পরিমাণ রোগীর বিভিন্ন অরগ্যান ট্র্যান্সপ্লান্ট হয়েছে। সাগর দাশগুপ্ত ও হেলথলাইনের সঙ্গে জড়িত সকলের ওপর পুলিশের ক্লোজ সার্ভিলেন্স রয়েছে।

‘এছাড়াও সেদিন ওদের দলের যারা ধরা পড়েছে, তাদের ম্যারাথন জেরা করা হচ্ছে। অনেক তথ্য-প্রমাণ পুলিশের হাতে এসেছে। সেই প্রমাণ ধরে আরও কিছু লোককে অ্যারেস্ট করা হয়েছে। দলের যারা আন্ডারগ্রাউন্ড হয়ে আছে বিভিন্ন রাজ্যে, সেসব রাজ্যের পুলিশের সঙ্গে মিলে কলকাতা পুলিশ বেশ কিছু অভিযান করে অনেককে ধরেছে। এই চক্রটা একদম গোড়া থেকে ভেঙে দেওয়া গেছে বলেই মনে হচ্ছে আপাতত।’

উত্তীয়দা বলল, ‘এটা সত্যিই ভালো খবর।’

‘আর হ্যাঁ মিতুল, আর একটা খবর তোমাকে দিতে ভুলে গেছি। কলকাতা পুলিশ ও আইবি মতিমিঞাকে সরকারি সাক্ষী হিসেবে চার্জশিটে তার নামে কোনো কেস দিচ্ছে না। শিবেন্দ্র তোমারই মতো মতিমিঞার ব্যাপারে একটু উইক দেখলাম। ও এ-ব্যাপারে বিশেষভাবে অনুরোধ করেছে ওপরমহলে”, অর্জুনদা বলল।

টাপুরদির মুখে হাসি ফুটল। এটা ভালো খবর।

উত্তীয়দা বলল, ‘কিন্তু সঙ্ঘমিত্রা, সুদর্শন গাঙ্গুলি ধরা পড়লেন না? এটা কিন্তু সত্যিই অদ্ভুত। যেভাবে সকলের নাকের ডগা দিয়ে পালালেন, ভাবাই যায় না। কেমন করে পালালেন, কে জানে?’

টাপুরদি কাঁধ ঝাঁকাল। বলল, ‘আমি ডিটেকটিভ, জ্যোতিষী নই। সুদর্শনবাবু যখন পালালেন, তখন আমি ছিলাম না। তাই কী করে তিনি পুলিশের সামনে দিয়ে পালালেন আমি জানি না। তবে কারও সাহায্য ছাড়া সেটা সম্ভব নয়। আমার কেন জানি না মনে হচ্ছে আমরা কিছু মিস করে যাচ্ছি। খুব গুরুত্বপূর্ণ কোনো সূত্র চোখের সামনে আছে, অথচ দেখতে পাচ্ছি না।’

‘মানে? সবই তো হয়ে গেল, আবার কী মিস করছ?’ আমি জিজ্ঞাসা করলাম।

টাপুরদি একটু অন্যমনস্কভাবে কাঁধ ঝাঁকিয়ে বলল, ‘জানি না। তবে আমার মন বলছে, সবটা জানা হয়নি। হয়তো এখনও কোনো মেঘনাদ আছে, আড়ালে। আছেই বলছি না, তবে থাকলেও অবাক হব না। হয়তো আবার দেখা হবে। হয়তো হবে না। কিন্তু গেম ইজ নট ওভার ইয়েট।’

আমি এবার বললাম, ‘ব্যস! আর ভালো লাগছে না এই কেসের কচকচি। এবার খাওয়া-দাওয়ার ব্যবস্থা হোক। আর টাপুরদি, আমাদের সেই বেড়াতে যাওয়ার প্ল্যানের কী হল?’

টাপুরদি বলল, ‘যাব তো। আমি তো বেকার মানুষ। তোদের ছুটিছাটার ব্যবস্থা কর।’

উত্তীয়দা বলল, ‘বেড়াতে যাওয়ার প্ল্যান হচ্ছে নাকি?’

টাপুরদি হেসে বলল, ‘হ্যাঁ, তুইও চল না!’

উত্তীয়দা বলল, ‘না রে, আমার হবে না। সামনে ইউনিভার্সিটির পরীক্ষা শুরু হচ্ছে। এছাড়া লালনকে অ্যাডপশনের ফর্মালিটিজ আছে। তোরা ঘুরে আয়।’

আমি অর্জুনদার দিকে তাকিয়ে বললাম, ‘অর্জুনদা, তুমি ছুটির ব্যবস্থা করতে পারবে তো?’

অর্জুনদা মাথা নাড়ল, ‘হয়ে যাবে। কিন্তু যাব কোথায়?’

টাপুরদি হেসে বলল, ‘আই হ্যাভ আ প্ল্যান!’

আমি আর অর্জুনদা সমস্বরে বললাম, ‘কোথায়?’

টাপুরদি আমাদের দুজনের দিকে পর্যায়ক্রমে তাকিয়ে মুচকি হেসে বলল, ‘গোয়া। চলবে তো?’

‘চলবে মানে? দৌড়োবে’, হাত তালি দিয়ে বললাম আমি।

অর্জুনদাও হেসে বলল, ‘পারফেক্ট!’

।। পরিশিষ্ট।।

গভীর রাতে ফোনের শব্দে ঘুম ভেঙে গেল মণিকা গাঙ্গুলির। সুদর্শন পালিয়ে যাওয়ার পর থেকে একাই শোন তিনি। পাশের ঘরে আয়া মালতী শোয়। বিছানা থেকে নামলেন তিনি। ধীর পায়ে হেঁটে পাশের ঘরের পরদা সরিয়ে দেখলেন। মালতী ঘুমোচ্ছে। দরজাটা টেনে দিয়ে এক মুহূর্ত সেখানেই দাঁড়ালেন। তারপর দৃপ্ত পায়ে হেঁটে বিছানা থেকে মোবাইল ফোনটা তুলে নিলেন হাতে। তিনি জানেন, পুলিশ তাঁর ফোনে আড়ি পাতছে। কিন্তু পুলিশের সাধ্য নেই এই কল ধরতে পারে।

‘মোনা! মণিকা!’

ফোন রিসিভ করে কানে ঠেকিয়ে চাপা স্বরে হেসে উঠলেন মিসেস মণিকা গাঙ্গুলি। কিশোরীর মতো তরল গলায় বললেন, ‘কী খবর, মিস্টার হাজব্যান্ড? মিস করছ আমায়?’

ও-প্রান্তের কণ্ঠ গাঢ় স্বরে বলল, ‘না করে উপায় আছে? আমায় যে স্বখাত-সলিল থেকে তুমি টেনে তুলেছ, আমার জীবনকে একটা অর্থ দিয়েছ, তোমাকে ছাড়া আমি কিছুই না, জানো তুমি! ভীষণ মিস করছি।’

মণিকা গাঙ্গুলিও যেন একটু আবেগপ্রবণ হয়ে পড়েন। বলেন, ‘যে যুদ্ধ আমি একা শুরু করেছিলাম, তুমি তার শরিক হয়েছিলে সুদর্শন। নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম, অরগ্যানের অভাবে যেন কাউকে মরতে না হয় সেটা নিশ্চিত করব আমি। তুমি শুধু স্বামী হিসেবে নয়, সহযোদ্ধা হয়ে আমার বিশ্বাসে বিশ্বাস রেখেছ, সে জন্য আমি কৃতজ্ঞ।’

‘তুমিও তো কম ত্যাগ করোনি, মোনা!’ ও-প্রান্তের কণ্ঠস্বর বলল, ‘সারা পৃথিবীর সামনে তুমি নিজেকে পাগল সাজিয়ে রেখেছ, এ ত্যাগ কি কম? তা ছাড়া সেদিন সন্ধেবেলাতেই তুমি চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে আমার পোশাক পরে আমার গাড়ি নিয়ে বাড়ি ফিরে এসেছিলে। পুলিশ ভেবেছে আমি বাড়িতে ফিরে এসেছি, সেখানেই আছি। সব প্ল্যান তো তোমারই ছিল।’

খিলখিল করে হেসে বললেন মিসেস গাঙ্গুলি, ‘পুলিশ প্লেন ড্রেসে সারারাত আমাদের বাড়ি ঘিরে রেখেছিল। অথচ তুমি তখন ছিলে আমাদের গোপন ডেরায়। প্রতি কনসাইনমেন্ট ডেলিভারির দিন তুমি ওখানেই থাকো, সেটা ওরা কী করে জানবে? আমরা রিস্ক নিইনি কখনও। ডিসিডিডি ফোন করে সিএমকে জানিয়েছিল শেখরের বাড়িতে রেইড করছে ওরা। সিএম সরল বিশ্বাসে তোমাকে জানান তখনই। তুমি বললে আমাকে। আমি বুঝে গেছিলাম, এবার ওরা আমার বাড়িতে আসবে। এও বুঝে গেছিলাম, তুমি আর বাড়ি ফিরবে না।’

‘তুমি যেভাবে পুলিশকে বোকা বানিয়েছ পদে পদে, সেটা সহজ ছিল না মোনা। রিস্ক যথেষ্টই ছিল। ইউ আর জাস্ট সুপার্ব! কেউ ভাবতেও পারবে না যে এই গেমের রাঘব সামন্ত অন্য কেউ নয়, তিনি মিসেস মণিকা গাঙ্গুলি।”

মণিকা গাঙ্গুলি চাপা কণ্ঠে হাসেন আবার। বলেন, ‘আই নো দ্যাট আই অ্যাম সুপার্ব, মিস্টার হাজব্যান্ড, অ্যান্ড ইউ টু। অ্যান্ড অফ কোর্স, দ্যাট’স হোয়াই আই চোজ ইউ।’

‘কষ্ট একটাই। আমরা তবু হেরে গেলাম। শেখরের মতো সৈনিককে হারালাম’, একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন সুদর্শন গাঙ্গুলি।

মণিকা গাঙ্গুলির এতক্ষণের হাসিখুশি ভাবটা মুছে গেল। সামান্য কঠিন গলায় বললেন, ‘যুদ্ধে সৈনিককে আত্মত্যাগ করতেই হয়। শেখরও করেছে। তুমি শেখরকে জানিয়েছিলে যে দল ধরা পড়েছে। শেখরও মতিমিঞার ফোন না পেয়ে সেটা আন্দাজ করেছিল। ও চাইলে পালাতে পারত। সেরকমই তো কথা ছিল আমাদের। কিন্তু ও পালায়নি। হয়তো ওর লড়াইয়ের ইচ্ছে শেষ হয়ে গেছিল। হারার আগেই দুর্বল হয়ে হেরে বসে ছিল। ফ্যামিলিকে মিস করতে শুরু করেছিল। আমাদের কাজে যোগ দেওয়ার জন্য অনুতাপ হচ্ছিল ওর। আমরা তো কত হারিয়েছি। কই, ভেঙে তো পড়িনি! দুর্বল লোককে নিয়ে যুদ্ধ হয় না সুদর্শন।’

একটু থামলেন মিসেস মণিকা গাঙ্গুলি। তারপর বললেন, ‘সে যাই হোক, তুমি হারার কথা ব’লো না। মনে রেখো, আমাদের লড়াই এখনও শেষ হয়নি। আপাতত সব ঠান্ডা হওয়া পর্যন্ত গা ঢাকা দিয়েই থাকো।’

‘আমাদের কবে দেখা হবে আবার?’ গাঢ় গলায় জিজ্ঞাসা করলেন সুদর্শনবাবু।

মনিকা দেবী বললেন, ‘একটু অপেক্ষা করো। সময়মতো আমি তোমার সঙ্গে যোগ দেব। তুমি আমাদের প্ল্যানমতো কাজ করো। এখান থেকে বেরোনোর আগে মালতীরও ব্যবস্থা করতে হবে।’

‘কিন্তু মালতী তো সবসময় আমাদের সাহায্য করেছে মোনা। ওকে কেন…’

কথাটা শেষ হওয়ার আগেই মণিকা গাঙ্গুলি বললেন, ‘আহ তোমার এই-ই প্রবলেম সুদর্শন। বড়ো বেশি ইমোশনাল তুমি। মনে রেখো যুদ্ধে আবেগের জায়গা নেই। মালতী আমাদের প্রতি কৃতজ্ঞ ছিল, কারণ তুমি ওর ছেলেকে কিডনির ব্যবস্থা করে প্রাণ বাঁচিয়েছিলে। কিন্তু তা বলে পুলিশের থার্ড ডিগ্রি সহ্য করার মতো নার্ভ নেই ওর।’

‘তুমি যা ভালো বোঝো’, মৃদুকণ্ঠে বললেন সুদর্শন গাঙ্গুলি।

মণিকা দেবী বললেন, ‘যাই হোক, আমাদের কাজ আমরা আবার এগিয়ে নিয়ে যাব। যাবই। তার জন্য সময় চাই। আবার নতুন পরিকল্পনার সঙ্গে শুরু করতে হবে যাতে একটা সামান্য বাচ্চা মেয়ে, কোনো টিকটিকি আমাদের ধরে ফেলতে না পারে। আরও সতর্ক হতে হবে আমাদের। আরও সলিড প্ল্যান চাই,আর ওই মেয়েটির সঙ্গে সামান্য বোঝাপড়া বাকি আছে। কী যেন নাম ওর?’

‘ওর নাম টাপুর’, গম্ভীর গলায় বললেন সুদর্শন গাঙ্গুলি, ‘ডিটেকটিভ সঙ্ঘমিত্রা ব্যানার্জি।’

একটু চুপ করে রইলেন মিসেস মণিকা গাঙ্গুলি। তারপর হিসহিসে স্বরে বললেন, ‘উই উইল মিট হার আগেন ডার্লিং, সুনার ওর লেটার!’

———————

আরও কিছু কথা:

১) ২০০৫-এর জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট অনুসারে প্রতি বছর গড়ে ৪৪০০০ শিশু নিরুদ্দেশ হয়, যার মধ্যে ১১০০০ শিশুর আর খোঁজ পাওয়া যায়নি। সেই রিপোর্টেই বলা হয়েছে এই শিশুদের একটি বড়ো অংশকে দেশব্যাপী ছড়ানো প্রত্যঙ্গ ব্যাবসায়ের জন্য ব্যবহার করা হয়।

২) নেপাল-ভারত বর্ডার দিয়ে এই চোরাচালানের একটা বড়ো অংশ নিয়ন্ত্রিত হয়। বর্তমানে শুধু উত্তরপ্রদেশেই ৩৫টি অ্যান্টি-অরগ্যান ট্র্যাফিকিং ইউনিট কাজ করছে। অরগ্যান-মাফিয়াদের কাছে শিশু ও নারীরা সহজ টার্গেট এবং এদের দ্বিমুখী লাভের জন্য ব্যবহার করা হয়। শরীর থেকে অঙ্গ-প্রত্যঙ্গ বের করে নেওয়ার পরেও জীবিত শিশু ও পূর্ণবয়স্কদের ভিক্ষা ও বেশ্যাবৃত্তির জন্য ব্যবহার করা হয়।

৩) ২০১৯-২০২১-এ কোভিড পরিস্থিতির কারণে অরগ্যান ট্র্যাফিকিং অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। একদিকে যেমন কর্মহীনতা, অভাব এক শ্রেণির মানুষকে স্বেচ্ছায় নিজেদের প্রত্যঙ্গ এই ব্যবসায়ীদের বিক্রি করতে বাধ্য করছে, অপরদিকে কোভিডের কারণে বৈধ প্রত্যঙ্গ পরিবহন ও প্রতিস্থাপনে সমস্যা হওয়ায় অবৈধ প্রত্যঙ্গ ব্যাবসা বেড়েছে বহুগুণে।

টেলিগ্রাফ ইন্ডিয়ার ২৮ জুলাই, ২০২১-এর একটি প্রতিবেদন অনুসারে, “Given the misery of those suffering from end-stage organ failure, the hopelessness of India’s poor making them susceptible to being allured by promise of quick money and the willingness of a section of healthcare professionals to look away, the organ bazaar refuses to die down. Worryingly, the Covid-19 pandemic seems to have added fuel to the fire.

৫) ২০২০-তে ১১২০০০ জনেরও বেশি মানুষ প্রত্যঙ্গ প্রতিস্থাপনের জন্য অপেক্ষায় আছেন, সেখানে বৈধ ডোনারের সংখ্যা মাত্র এর 3%। একটি সমীক্ষা অনুযায়ী, মোট প্রতিস্থাপিত অঙ্গের 5% থেকে 42% অবৈধভাবে কেনা হয়ে থাকে। এই ব্যবসায়ীদের মূল লক্ষ্য শিশু, নারী ও দুর্বল পরিজনহীন মানুষেরা। এদের শরীর থেকে প্রয়োজনীয় অঙ্গ বের করে দেনওয়ার পর সামান্য সেলাই করা হয় শুধু। তার পরেও বেঁচে গেলে এদের আবার ব্যবহার করা হয়।

৬) নোবেল পিস প্রাইজ প্রাপক কৈলাস সত্যার্থির এন জি ও ‘বচপন বাঁচাও আন্দোলন’-এর জাতীয় সেক্রেটারি রাকেশ সেঙ্গারের মতে নিরুদ্দিষ্ট শিশুদের সন্ধান চালানোর সময় এদের একটা বড়ো অংশের মৃতদেহ পাওয়া যায় অঙ্গ (vital organs)-হীন অবস্থায়। বেশিরভাগ ক্ষেত্রে পুলিশও শুধু এই বলে ছেড়ে দেয় যে জলে ভেসে থাকা দেহের অঙ্গপ্রত্যঙ্গ (vital organs) কোনো জন্তু-জানোয়ার খেয়ে নিয়েছে। অর্গ্যান ট্র্যাফিকিং-এর কেসের চেয়ে মার্ডার বা কিডন্যাপিং-এর কেস ফাইল করা সহজ।’

তথ্যসূত্র:

১) The Red Market: Scott Carney

২) hindustantimes.com: How Bengal, India’s human trafficking hub, is weaving a turnaround story, By Snigdhendu Bhattacharya, nov 11, 2019

৩) Illigal Organ and Human Trafficing during Covid 19, Harsha Prakash

৪) Illigal Human Organ Trade in India: A study of the International Socio-Legal Perspective (a research project of Lloyed law college), author unknown

৫) আনন্দবাজার পত্রিকা (ডিজিট্যাল), নিউইয়র্ক, ৩০ অক্টোবর ২০২১

৬) Child Trafficking, ‘manufactured orphans’: The dark underbelly of inter-country adoption in India, by Gita Aravamudan, Firstpost, September 03, 2017

৭) Telegraphindia.com: organ trafficking concerns about Assam and Calcutta (28.07.21)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *