।। পনেরো।।
ডক্টর দেবাশিস মিত্রর বয়স ষাটের আশেপাশে হবে। শুভ্র কেশ, গায়ের রং টকটকে ফর্সা। আমরা ঘরে ঢুকতে একবার চোখ তুলে তাকালেন। টাপুরদির মুখের দিকে দৃষ্টিনিক্ষেপ একটু দীর্ঘ হল মনে হল। তারপর হাতের প্রেসক্রিপশনে চোখ রেখে বললেন, ‘সঙ্ঘমিত্রা ব্যানার্জি! বসুন।’
চমকে উঠলাম। তবে কি ভদ্রলোক আগে থেকেই টাপুরদিকে চেনেন? পরক্ষণেই ভুল ভাঙল। বিলিং কাউন্টারে নাম লিখে বিল পেমেন্ট করার পর সেখান থেকেই প্রেসক্রিপশন প্যাডে রোগীর নাম, বয়স লিখে ডাক্তারের কাছে পাঠানো হয়েছে। তাঁর হাতে ধরা প্রেসক্রিপশনে স্পষ্ট হরফে নাম লেখা আছে ‘সঙ্ঘমিত্রা ব্যানার্জি’, বয়স উনত্রিশ প্লাস।
ডাক্তারের টেবিলের সামনে রাখা দু-টি চেয়ারে আমরা দু-জন বসলাম।
‘কী সমস্যা?’ ডক্টর মিত্র টাপুরদির মুখের দিকে তাকিয়েই জিজ্ঞাসা করলেন।
টাপুরদি বলল, ‘ক-দিন ধরে পেটে খুব ব্যথা হচ্ছে।’
‘কোন দিকে?’
‘ডান দিকে নীচের দিকটাতে’, অম্লানবদনে বলল টাপুরদি।
ডাক্তার কোনো কথা না বলে প্রেসক্রিপশনের বাঁ দিকে লিখলেন ‘পেইন ইন রাইট লোয়ার অ্যাবডোমেন।’
‘আর কিছু?’ জিজ্ঞাসা করলেন ডাক্তার মিত্র।
টাপুরদি বলল, ‘খিদে হচ্ছে না। মাঝে মাঝে ব্যথাটা খুব তীব্র হয়ে উঠছে।’
ডাক্তার উঠে দাঁড়ালেন। টাপুরদির দিকে তাকিয়ে পাশের সরু বেডের দিকে দেখিয়ে বললেন, ‘শুয়ে পড়ুন।’
আমি একবার টাপুরদি মুখের দিকে তাকিয়ে দেখলাম। টাপুরদি ভাবলেশহীন মুখে গিয়ে বেডে শুয়ে পড়ল। ডাক্তার বেশ কিছুক্ষণ পেটে টিপেটুপে দেখে বললেন, ‘উঠে আসুন।’
টাপুরদি উঠে এসে চেয়ারে বসল। ডক্টর মিত্র মাথা নিচু করে খসখস করে কিছু লিখছেন প্রেসক্রিপশনে। টাপুরদি এবার বলল, ‘আপনার রেফারেন্স আমাকে আমার এক বন্ধু দিয়েছে। আপনি চিনবেন হয়তো। নাম উত্তীয় সোম, যাদবপুরে কমপ্যারেটিভ লিটারেচার পড়ায়। ও-ই বলল, দেখাতে হলে আপনাকেই দেখানো উচিত। আপনি এই শহরের বেস্ট সার্জেন।’
ডক্টর মিত্রর কলম মুহূর্তের জন্য থেমে গেল। তার পরমুহূর্তেই আবার লিখতে শুরু করলেন। লেখা শেষ হলে প্রেসক্রিপশনটা টাপুরদির দিকে এগিয়ে দিয়ে বললেন, ‘আমি খালি হাতে পরীক্ষা করে কিছু সমস্যা বুঝলাম না। একটা আলট্রাসাউন্ড লিখে দিলাম। ওটা করে নিয়ে এসে দেখিয়ে যাবেন। আপাতত কোনো ওষুধ দিচ্ছি না। শুধু একটা ট্যাবলেট লিখে দিয়েছি। বেশি ব্যথা হলে খাবেন, নইলে নয়।’
টাপুরদি হাত বাড়িয়ে প্রেসক্রিপশনটা নিয়ে বলল, ‘উত্তীয় আপনার খুব প্রশংসা করছিল। চেনেন তো ওকে?’
একটু বিরক্ত মুখে মাথা নাড়লেন ডক্টর মিত্র। বললেন, ‘না, মনে পড়ছে না।’
টাপুরদি যেন আজ পণ করেই এসেছে যে ডক্টর মিত্রকে মনে করিয়েই ছাড়বে। উচ্ছ্বসিত ভঙ্গিতে বলল, ‘আরে, উত্তীয়কে চিনলেন না? ও স্ট্রিট চাইল্ডদের নিয়ে কাজ করে। আপনাদের নবদিগন্ত হোমে একটা ছেলেকে রেখেছিল ও। ছেলেটার নাম লালন। মুশকিল হল, ছেলেটা আবার ক-দিন আগে হোম থেকে নাকি হারিয়ে গেছে। আচ্ছা, আপনাদের হোমে সিকিওরিটি তো খুব টাইট শুনেছি। তাহলে বারবার এমন করে কী করে বাচ্চা হারিয়ে যায়, বলুন তো?’
ডক্টর মিত্র এবার পেনের ঢাকনাটা ধীরে-সুস্থে বন্ধ করলেন। তারপর নিজের রিভলভিং চেয়ারে হেলান দিয়ে বসে টাপুরদির মুখের দিকে তাকালেন। তারপর মুচকি হেসে টেনে টেনে বললেন, ‘সঙ্ঘমিত্রা ব্যানার্জি। প্রাইভেট ডিটেকটিভ। অমিয় চক্রবর্তীর কেসটাতে পুলিশের সঙ্গে আপনিও ছিলেন তাই তো?’
টাপুরদির ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা। এ যেন সেয়ানে সেয়ানে কোলাকুলি। কোনো উত্তর দিল না টাপুরদি।
ডক্টর মিত্র বললেন, ‘ভাবছেন ভেতরের কথা আমি জানলাম কী করে? জেনে গেলাম! এরকম অনেক কথাই আমি এমনি এমনিই জেনে যাই। আপনি এখানে ঢোকার সময়েই আপনাকে চিনেছি। যাই হোক, বলুন, কী জানতে চান?’
টাপুরদি একটা দীর্ঘশ্বাস ছেড়ে টেবিলের দিকে ঝুঁকে বসল। ডক্টর মিত্রর চোখে চোখ রেখে জিজ্ঞাসা করল, ‘নবদিগন্তের ভেতর কী চলছে সেটা আপনাকে জিজ্ঞাসা করব না। কারণ জিজ্ঞাসা করলেও আপনি বলবেন না জানি। আমি অন্য একটা কথা জানতে এসেছি।’
‘আগে আপনি বলুন, আপনার প্রশ্নের জবাব আমি কেন দেব?’ জিজ্ঞাসা করলেন ডক্টর মিত্র।
‘দিতে না চাইলে দেবেন না।’ হেসে বলল টাপুরদি, ‘আপনার ইচ্ছে সেটা। কিন্তু বললে ভালো করতেন। যাই হোক, আমি জানতে চাইছি রাঘব সামন্ত কে? নামটা নিশ্চয়ই অচেনা ঠেকছে না। আপনাদের নবদিগন্ত হোমের ফাউন্ডার মেম্বারদের মধ্যে একজন তিনি। রেজিস্ট্রেশন ফর্মেও তার নাম আছে।’
ডক্টর মিত্র বললেন, ‘এত কিছু যখন জেনেই গেছেন, তখন বাকিটাও নিজেই জেনে নিন।’
টাপুরদি বলল, ‘তা জেনে নেব। আপনি বলে দিলে কিছুটা সময় বাঁচত আর কী! যাই হোক, একটা খবর আপনাকে দিয়ে যাই। আমার ধারণা, খবরটা আপনি এখনও জানেন না। নবদিগন্ত সেবাশ্রমের রেজিস্ট্রেশনের নথি থেকে রাঘব সামন্তর সমস্ত ডিটেলস কে বা কারা সরিয়ে দিয়েছে। আপনি নিশ্চয়ই চেনেন রাঘব সামন্তকে?’
এবার ডক্টর মিত্রের মুখের রেখার বিস্ময় আর চাপা রইল না। বললেন, ‘মানে?’
‘মানে, যা বললাম তাই।’ কাঁধ ঝাঁকিয়ে বলল টাপুরদি, ‘এর আর একটা মানে আছে। ফাঁসলে আপনারা ফাঁসবেন। রাঘব সামন্তকে কেউ ছুঁতে পারবে না। তিনি ঠিক পিছলে যাবেন।’
‘হোয়াট ননসেন্স!’ ডক্টর মিত্রের উত্তেজনা আর চাপা থাকছে না।
টাপুরদি উঠে দাঁড়াল। বলল, ‘আপনি না বললেও রাঘব সামন্তকে আমি নিজের মতো করে চিনে নেব, ডক্টর মিত্র! আপনি আমাকে চেনেন, ভালোই হল। এর পর থেকে আর মিথ্যে রোগের অভিনয় করতে হবে না। একটা কথা বলে যাই, আপনাদের নবদিগন্ত হোমে আপনারা যা যা করছেন, সেগুলো ঠিক করছেন না। একটা বাচ্চা ছেলের জীবনের প্রশ্ন, আমি এত সহজে হাল ছাড়ব না। আপনাদের ওই রাঘব সামন্ত, সেই তো বোধহয় আপনাদের বস, তাই না? তাঁকে বলে দেবেন।’
‘আপনি কি আমাকে থ্রেট করছেন?’ কঠিন স্বরে প্রশ্ন করলেন ডক্টর মিত্র।
‘না, সাবধান করে দিচ্ছি।’ একপেশে হাসি হেসে বলল টাপুরদি, ‘জসীমকে মেরে আপনাদের লোকেরা কাঁচা কাজ করে ফেলেছে। আমার কথা না হয় ছেড়েই দিলাম। কিন্তু পুলিশ ছাড়বে না আপনাদের। সকলকে জেলে ঢোকালে তখনও রাঘব সামন্তকে আড়াল করবেন তো?’
ডক্টর মিত্রর চোয়াল শক্ত হল। কেটে কেটে বললেন, ‘তাহলে পুলিশের কাজটা তাদেরই করতে দিন। আপনি মাথা নাই বা গলালেন।’
‘সেটা না হয় আমিই বুঝে নেব ডক্টর মিত্র। আজ আসি।’ বলল টাপুরদি।
।। ষোলো।।
‘এভাবে ডক্টর মিত্রর কাছে চলে গেলে তুমি?’ অর্জুনদা চোখ কপালে তুলে জিজ্ঞাসা করল।
বেচারা অর্জুনদা! যখনই ভাবে যে টাপুরদিকে নিয়ে বিস্মিত হওয়া বুঝি তার শেষ হয়ে গেছে, তখনই টাপুরদি এমন কিছু করে বসে যে অর্জুনদা হাঁ করে তাকিয়ে থাকে।
‘কী হল? অমন মুখ করে আছ কেন? চা-টা খাও। ঠান্ডা হয়ে যাচ্ছে।’ বলল টাপুরদি।
অর্জুনদা চায়ের কাপটা হাতে তুলে চুমুক দিল। তারপর বলল, ‘ডিসিডিডি স্যার তোমাকে জানাতে বলেছেন যে এই কেসটা যথেষ্ট রিস্কি। তাই তোমার এতে জড়ানো ঠিক হবে না।’
‘আমি পুলিশে চাকরি করি না। পুলিশি ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। তোমার ডিসিডিডি স্যারের উপদেশ মানার কোনো দায় আমার নেই।’ নির্লিপ্ত মুখে বলল টাপুরদি।
‘সে কি আমি আর জানি না?’ চায়ের কাপে আর একটা চুমুক দিয়ে বলল অর্জুনদা, ‘বাই দ্য ওয়ে, এই চা-পাতাটা কোত্থেকে জুটিয়েছ? তোমায় পচা জিনিস গছিয়েছে।’
‘চোপরাও!’ ছদ্ম গর্জন করে বলল টাপুরদি, ‘প্রিমিয়াম মাসকাটেল সেকেন্ড ফ্লাশ চা। এটা তোমার পচা বলে মনে হল?’
‘সে তোমার হেড-টেল যাই হোক না কেন, পচাকে আমি পচাই বলি। সস্তার বিড়ির মতো গন্ধ ছাড়ছে। এক কাঁড়ি টাকা ঢেলে পচা জিনিস গিলে উহু-আহা করতে পারব না। মিতুল, অ্যাম আই রাইট?’
আমিও বললাম, ‘সত্যিই টাপুরদি, এবারের চা-টা ভালো দেয়নি গো। কেমন যেন একটা উগ্র সোঁদা গন্ধ। পুরোনো বোধ হয়, নইলে সিল খোলা ছিল।’
টাপুরদি চায়ে চুমুক দিয়ে ব্যোম হয়ে বসে রইল কিছুক্ষণ। তারপর বলল, ‘কালই দোকানে গিয়ে ধরছি দাঁড়া। সে যাক গে যাক, অর্জুন, তোমাদের তরফ থেকে কেস কত দূর?’
অর্জুনদা চায়ের কাপটা টেবিলে রেখে বলল, ‘মিতুল, তোমার দিদির হেড-টেল চা তোমার দিদিকে খাওয়াও। আমাকে একটু কড়া করে কফি খাওয়াতে পারো বোনটি?’
আমি হেসে উঠে দাঁড়ালাম। বললাম, ‘করে দিচ্ছি দাঁড়াও। টাপুরদি তুমি খাবে?’
টাপুরদি কিছু বলার আগেই অর্জুনদা বলল, ‘না না, তোমার দিদি সেকেন্ড ফ্লাশ প্রিমিয়াম মাসকাটেল ফ্লেভার চা খাবে। তুমি তোমার আর আমার জন্য বানাও।’
‘না রে মিতুল!’ টাপুরদি গলা চড়াল, ‘তুই বানাবি? তাহলে আমার জন্যও বানা। তুই কফিটা আজকাল বেশ ভালো করিস।’
আমি বললাম, ‘সবার জন্যই করছি।’
এই ঘরের হাওয়া থেকে থেকেই ভারী হয়ে ওঠে। টাপুরদি ও অর্জুনদার মধ্যে সম্পর্কটা কোথায় যেন মাঝে মাঝে তাল কেটে যায়। হয়তো ওদের দু-জনের পেশাটাই এর কারণ। অথচ, দু-জন দু-জনের ওপর মানসিকভাবে কতটা নির্ভরশীল তা আর কেউ না জানুক আমি জানি। মাঝে মাঝে আমার মনে হয়, টাপুরদি কমিটমেন্ট ফোবিয়ায় ভুগছে। ভালোবাসা, নির্ভরতা সবই আছে। কিন্তু তবুও বিশ্বাসের জায়গাটা বোধহয় এখনও তেমন পোক্ত হয়নি।
টাপুরদিকে আমি অনেক বছর ধরে চিনি। সে আদ্যন্ত একজন স্বাধীনচেতা মানুষ। নিউ জার্সিতে কর্পোরেটে উজ্জ্বল ভবিষ্যৎ ছেড়ে কলকাতায় ফিরে এসেছে শুধু নিজের ভালোলাগাকে নিয়ে কাজ করার জন্য। টাপুরদির বাবা-মা মেয়ের এই অধঃপতন মানতে না পেরে বিরক্তিতে নিজেদের সরিয়ে নিয়েছেন টাপুরদির থেকে। হাওড়াতে থেকেও কলকাতাতে টাপুরদির ফ্ল্যাটে আসেন না তাঁরা। টাপুরদিও অদম্য অভিমানে নিজে থেকে এগোয় না। ফলে সম্পর্কটা শুধুই ফর্মালিটি হয়ে দাঁড়িয়েছে। যোগাযোগ তলানিতে এসে ঠেকেছে।
অর্জুনদা টাপুরদিকে কতটা ভালোবাসে, তা টাপুরদি নিজেও খুব ভালো করে জানে। তবু ভয় পায়, যদি অর্জুনদা ওর ‘প্যাশন’টাকে না বোঝে! আর অর্জুনদাটাও এমন বোকা, বারবার ওকে বাধা দিয়ে ওর ভয়টাকেই সত্যি করে তোলে। আমি জানি, অর্জুনদা নিজের জন্য ভয় পায় না। কিন্তু মানুষ যাকে ভালোবাসে, তাকে সব বিপদ থেকে দূরে রাখতে চায়। কিন্তু এক্ষেত্রে অপরদিকের মানুষটা যে টাপুরদি। সে তো বিপদে ঝাঁপাবেই। বিপদ নিয়ে খেলবে বলে যে মানুষ সব ছেড়েছে, তাকে কি এভাবে দমিয়ে রাখা যায়! এই সামান্য ব্যাপারটা যদি বুঝত অর্জুনদা, তাহলে আর কোনো সমস্যাই থাকত না। মাঝে মাঝে মনে হয় আমি অর্জুনদাকে বুঝিয়ে বলি। তারপর মনে হয়, না, অর্জুনদা ঠেকে শিখুক। নিজে থেকে টাপুরদিকে বুঝুক। ওর প্যাশনকে বুঝুক। হয়তো সময় লাগবে, কিন্তু তাতে ওদের সম্পর্কটা মজবুত ভিতের ওপর প্রতিষ্ঠিত হবে। আমি জানি, টাপুরদি অপেক্ষা করবে।
কফি বানিয়ে তিনটে কাপ ট্রে-তে সাজিয়ে বসার ঘরে এলাম।
অর্জুনদা একটা কাপ তুলে নিয়ে চুমুক দিয়ে বলল, ‘টাপুর, তোমার ওই পচা হেড-টেল চা-এর থেকে মিতুলের এই কফি ঢের ভালো। মিতুল, এই কফির জন্য তোমাকে নোবেল প্রাইজ দেওয়া উচিত।’
টাপুরদি ঠোঁট বাকিয়ে বলল, ‘ঠিক আছে। খাও। এবার যেটা জিজ্ঞাসা করলাম সেটার উত্তর দাও।’
‘কেন বলব? তুমিই তো বললে পুলিশি ব্যাপারে তোমার কোনো ইন্টারেস্ট নেই।’ মুচকি হেসে বলল অর্জুনদা।
টাপুরদি চোখ বড়ো বড়ো করে তাকাল। অর্জুনদা হেসে ফেলল। বলল, ‘তোমার বন্ধুকে আজ লালবাজারে ডাকা হয়েছিল।’
‘কাকে? উত্তীয়কে?’ অবাক কণ্ঠে জিজ্ঞাসা করল টাপুরদি।
‘হ্যাঁ।’ বলল অর্জুনদা।
‘কেন?’
‘জিজ্ঞাসাবাদের জন্য। মোর প্রিসাইজলি, নবদিগন্ত সম্পর্কে জানার জন্য। স্ট্রিট চাইল্ডদের নিয়ে উত্তীয় অনেক দিন ধরে কাজ করছে। এই কেসে ওকে কাজে লাগানো যেতে পারে।’
‘উত্তীয়কে? মানে? আমি ঠিক বুঝতে পারছি না। কেমন করে?’ জিজ্ঞাসা করল টাপুরদি।
অর্জুনদা কফির কাপে চুমুক দিয়ে বলল, ‘আচ্ছা, ভেবে বলো, অরগ্যান ট্র্যাফিকিং-এর ক্ষেত্রে সাধারণত টার্গেট কারা হয়?’
টাপুরদি কিছু বলার আগেই আমি বললাম, ‘স্ট্রিট চাইল্ডরা?’
অর্জুনদা বলল, ‘কিছুটা ঠিক বলেছ। সাধারণত নিম্নবিত্তের লোকজন, যাদের নির্দিষ্ট কোনো ঠিকানা নেই, বা আপন বলতে তেমন কেউ নেই, যে কি না তাদের খোঁজখবর করতে পারবে, করলেও লড়াই করার ক্ষমতা নেই, এরাই আসল টার্গেট। এর বাইরেও যে হয় না তা বলছি না। প্রচুর মানুষ অভাবের কারণে নিজেরাই অরগ্যান বিক্রি করে।’
অর্জুনদার মুখের কথা কেড়ে নিয়ে বললাম, ‘আরে হ্যাঁ, কিছুদিন আগে পেপারে পড়েছিলাম আইফোন কেনার জন্য চিনে একটি ছেলে নিজের কিডনি বেচে দিয়েছে।’
অর্জুনদা মাথা নাড়ল। বলল, ‘এরকম অনেক কাণ্ড আছে। চিনের কথাই যখন বললে, তখন চিনেরই আর একটা ঘটনা বলি। চিনের শিনজিয়াং প্রদেশে বন্দিশিবিরে আনুমানিক কুড়ি লক্ষ উইঘুর মুসলিমকে বন্দি করে রাখা হয়েছে দীর্ঘদিন যাবৎ। এদের ওপর নৃশংস অত্যাচার করা হয়। খুন, ধর্ষণ তো ছেড়েই দিলাম, বৈজ্ঞানিক গবেষণার জন্য এদের গিনিপিগ করা হচ্ছে লাগাতার। তার চেয়েও খারাপ কথা হল, এইসব বন্দিদের অঙ্গ-প্রত্যঙ্গ কেটে নিয়ে আন্তর্জাতিক চোরবাজারে বিক্রি করে চিন কোটি কোটি ডলারের এক ভয়ংকর ব্যাবসা ফেঁদে বসেছে।’
‘কী সাংঘাতিক!’ বললাম আমি, ‘কেউ প্রতিবাদ করে না?’
‘করে’, বলল অর্জুনদা, ‘কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার কমিশন প্রতিবাদ করেছে। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশন উদবেগ প্রকাশ করেছে। কিন্তু চিনের অভ্যন্তরীণ ব্যাপারে সোজাসুজি হস্তক্ষেপ করা যায় না ওভাবে। ফলে ব্যাপারটা চলছেই।
‘যাই হোক, এ তো গেল চিনের কথা। আমাদের কেসের কথায় ফিরি। যেটা বলছিলাম, এদেশে অরগ্যান ট্র্যাফিকিং-এর যে চক্রগুলো কাজ করছে, তাদের লক্ষ্য হল এইসব গৃহহীন, হতদরিদ্র বা অনাথ মানুষেরা। আর উত্তীয় এদের নিয়ে বহুদিন কাজ করার সুবাদে এদের চেনে, জানে। ও কলকাতা পুলিশকে এই ব্যাপারে সাহায্য করতে পারবে। ডিসিডিডি স্যার নিজে ওর সঙ্গে কথা বলেছেন। উত্তীয় রাজি হয়েছে। তা ছাড়া ও একটা শক্তিশালী চক্রের বিরুদ্ধে লড়াই শুরু করেছে। ও এখন সেফ নয়। আমরা উত্তীয়কে পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলাম। সেই উদ্দেশ্যে কথা বলার জন্যেও ডেকেছিলাম। ও রাজি হয়নি। ‘
‘হুম।’ বলে চুপ করে গেল টাপুরদি। একটু অন্যমনস্ক দেখাল ওকে।
।। সতেরো।।
‘কী হল টাপুরদি? কী ভাবছ তখন থেকে?’ জিজ্ঞাসা করলাম আমি।
এখন রাত এগারোটা বাজে। অর্জুনদা চলে গেছে অনেকক্ষণ আগেই। রাতে খাওয়া-দাওয়া সেরে টাপুরদির ফ্ল্যাটের দক্ষিণমুখী ব্যালকনিটাতে বসেছি দু-জনে। ইচ্ছে করেই আলো জ্বালায়নি টাপুরদি। অন্ধকারের একটা আলাদা আরাম আছে, বিশেষ করে যখন মন আড়াল চায়।
টাপুরদি বলল, ‘ভাবছি, আবার ভাবছিও না। সত্যি বলতে কি, এখন আমার আর ভাবার কিছু নেই এই কেসে।’
বুঝলাম, উত্তীয়দাকে পুলিশ ব্যবহার করছে, এই ব্যাপারটা টাপুরদির খুব একটা ভালো লাগেনি। কখনো-কখনো মন ও মস্তিষ্ক সম্মুখসমরে নামে। টাপুরদির এখন তাই চলছে। সে খুব ভালো করে জানে যে কেসটা সলভ হওয়া জরুরি, লালনকে খুঁজে পাওয়াটা বেশি দরকার। কেসটা টাপুরদি সলভ করল, না পুলিশ সেটা এখন গুরুত্বপূর্ণ নয়।
কিন্তু মন সব সময় যুক্তি মানে না। কেসটা নিয়ে মাথা ঘামাতে শুরু করেছিল টাপুরদি। খাটাখাটনিও করছিল। আবার এটাও বুঝতে পারছিল যে এই কেসে ওর খুব বেশি কিছু করার নেই। সারা দেশব্যাপী ছড়ানো এই অপরাধচক্রকে ধরার কাজ পুলিশের, কোনো প্রাইভেট ডিটেকটিভের নয়। তবু ওই যে, সব বুঝেও মনখারাপটা যায় না। তবে আশা করি খুব শিগগির টাপুরদি অন্য কোনো কেসে জড়িয়ে যাবে। আবার তাতে ঝাঁপিয়ে পড়বে। এই কেসের জন্য মন খারাপটা মুছে যেতে সময় লাগবে না।
তাই বললাম, ‘এই-ই ভালো হল টাপুরদি। এই কেসে তোমার তেমন কিছু করার ছিল না। পুলিশ এটা অনেক বেটার হ্যান্ডল করতে পারবে। কলকাতা পুলিশ ইজ দ্য বেস্ট। পলিটিক্যাল প্রেশার না থাকলে কলকাতা পুলিশ অসাধ্যসাধন করতে পারে, তুমিই বলেছ আমাকে অনেকবার।’
‘হুম’ বলল টাপুরদি। তারপর একটু থেমে বলল, ‘কিন্ত এই রাঘব সামন্তটা কে বল তো? কাঁটাটা মনের মধ্যে খচখচ করছে রে মিতুল। যত ভাবছি, আর ভাবব না ছাই, কিছুতেই মাথা থেকে বের করতে পারছি না।’
মনে মনে হাসলাম। আমার পক্ষে টাপুরদিকে কেসের কথা ভুলে যাওয়ার পরামর্শ দেওয়া সহজ। কিন্তু টাপুরদি অন্য ধাতুতে গড়া। যে প্রশ্ন তার মনে একবার জেগেছে, তার উত্তর খুঁজে না পাওয়া পর্যন্ত শান্তি পাবে না ও। বললাম, ‘আচ্ছা, এমনও তো হতে পারে রাঘব সামন্ত বলে কেউ এক্সিস্টই করে না। জাস্ট একটা আই-ওয়াশ।’
টাপুরদি বলল, ‘হতে পারে না বলছি না। কিন্তু কেন? কেন এরকম একটা কাল্পনিক চরিত্রের দরকার পড়বে?’
‘ধরো, এমনও তো হতে পারে যে নবদিগন্ত সেবাশ্রমের ট্রাস্টি মেম্বাররা আগেই জানত যে এই হোমের আড়ে তারা কিছু বে-আইনি কাজকর্ম চালাবে। সেই কারণে একটি কাল্পনিক চরিত্রকে কমিটিতে রেখেছিল। যাতে পরে ধরা পড়লেও তার ঘাড়ে সব দোষ চাপিয়ে নিজেদের নির্দোষ প্রমাণ করা যায়’, বললাম আমি।
টাপুরদি আমার দিকে তাকিয়ে হাসিমুখে বলল, ‘শাবাশ তোপসে! এই সন্দেহটা কিন্তু আমার মাথাতেও আসেনি। ব্র্যাভো! তার মানে তুই বলতে চাইছিস, রাঘব সামন্ত বলে আদতে কেউ নেই-ই? কিন্তু ডক্টর মিত্রর চেম্বারে যখন আমি বললাম যে রাঘব সামন্তর ছবি রেজিস্ট্রেশনের নথি থেকে মিসিং, তখন ভদ্রলোকের অভিব্যক্তিটা তোর মনে আছে?’
‘হুম, খুব অবাক হয়েছিল। কিন্তু সেটা তো অভিনয়ও হতে পারে টাপুরদি, পারে না?’
‘পারে। অবশ্যই পারে। তবে সেক্ষেত্রে বলতে হবে ডক্টর মিত্র বেশ উচু দরের অভিনেতা। যাই হোক, এই নতুন অ্যাঙ্গলটা নিয়ে একটু ভাবা দরকার, বুঝলি?’
হাসলাম আমি। বললাম, ‘তার মানে তুমি এই কেসটাকে মাথা থেকে বের করছ না?’
‘অভিয়াসলি নট!’ চোখ বড়ো বড়ো করে বলল টাপুরদি, ‘তুই কী ভেবেছিলি? কেসটা নিয়ে ফিল্ডে নেমে কাজ না করতে পারি, মাথা খাটাতে তো দোষ নেই। আশা করি অর্জুনের ডিসিডিডি স্যার তাতে আপত্তি করবেন না!’
‘না, তা করবেন না বটে,’ বললাম আমি, ‘কিন্তু তুমি কি আর ঘরে বসে মাথা খাটিয়ে খুশি থাকবে? সে যাক গে, এবার বলো তো তোমার মাথায় কী চলছে?’
টাপুরদি এবার চেয়ারে হেলান দিয়ে বসল। একটা লম্বা নিশ্বাস ছেড়ে বলল, ‘অনেক কিছু। পুরো ব্যাপারটা ফিশি। দাঁড়া। আগে প্রথম থেকে একটু সাজিয়ে নেওয়া যাক। লালন নামে একজন স্ট্রিট চাইল্ডকে বিধাননগর স্টেশন থেকে উদ্ধার করে উত্তীয়। তাকে সে নবদিগন্ত সেবাশ্রমে রাখার ব্যবস্থা করল। সেখানে লালন ছিল দুই বছর প্রায়। তারপর একদিন সেখান থেকে হারিয়ে গেল সে। থানায় লালনের মিসিং রিপোর্ট লেখাতে গেলে লোকাল থানায় পুলিশ ব্যাপারটিকে গুরুত্ব দেয়নি। বরং বলে অনাথ আশ্রম থেকে বাচ্চারা পালায়ই। এটা নর্মাল।’
‘হুম!’
‘এবার এই ঘটনার ক-দিন পরে কোনা এক্সপ্রেসওয়েতে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ পাওয়া গেল। পিঠে গুলি লেগে মৃত্যু হয়েছে লোকটির। অটোপসিতে জানা গেল লোকটির শরীর থেকে অপারেশন করে দু-টি কিডনিই বের করে নেওয়া হয়েছিল। গুলি খেয়ে না মরলে দু-একদিনের মধ্যে এমনিই মরত লোকটা। টিভি নিউজে লোকটা ছবি দেখে উত্তীয় আইডেন্টিফাই করল লোকটাকে। ওর মতে লোকটার নাম জসীম, তাকে উত্তীয় নবদিগন্ত সেবাশ্রমে দেখেছিল লালনের সঙ্গে। পুলিশের সোর্সও সেই আইডেন্টিটি কনফার্ম করল, জানাল যে লোকটা সোনারপুরের একটা বস্তিতে থাকত। তার মানে উত্তীয় তাকে চিনতে ভুল করেনি।
‘ঠিক এখানে এসে কেসটা অরগ্যান ট্র্যাফিকিং-এর সঙ্গে জড়িয়ে গেল। গত কয়েক মাসের মধ্যে এরকম আরও দু-টি মৃতদেহ কলকাতার আশেপাশের অঞ্চলে পাওয়া গেছে, যেগুলিতে অরগ্যান মিসিং ছিল। কলকাতা পুলিশ পুরো ব্যাপারটাকে অরগ্যান ট্র্যাফিকিং-এর সঙ্গে মিলিয়ে নিয়ে দেখছে। তাদের কাছে লালনের মিসিং রিপোর্টটা ততটা জরুরি নয়। তারা অনেকটা ব্রড অ্যাসপেক্ট থেকে কেসটাকে দেখছে।
‘আর ঠিক এখানেই আমার আপত্তি আছে। তাঁরা তাঁদের কাজ করছে। সে নিয়ে আমার কিছু বলার নেই মিতুল। কিন্তু আমার চিন্তাটা লালনকে নিয়ে। যদি সত্যিই এটা অরগ্যান ট্র্যাফিকিং-এর কেস হয়, সেক্ষেত্রে আমরা ধরে নিতেই পারি, লালন একদল সাংঘাতিক ক্রিমিনালের হাতে পড়েছে। ভেবে বল তো মিতুল, পুলিশ কি আদৌ ওর কথা আলাদা করে ভাবছে?’
এই দেশে প্রতিদিন শয়ে শয়ে রাস্তার ছেলে হারিয়ে যায়। ওরা যেন হারিয়ে যাওয়ার জন্যই জন্মায়। দায়িত্বজ্ঞানহীনতা, কখনো-বা অশিক্ষা ও দারিদ্র্যের ফলশ্রুতি ওরা। ওরা এক বিশাল ভারতবর্ষ, যাদের পরিচয় কোনো খাতায় ওঠে না, কোনো পরিচয়পত্র তৈরি হয় না। সরকারি যোজনা, রূপকথার স্বপ্ন তাদের জন্য নয়। নর-নারীর জৈবিক তাগিদের ফলস্বরূপ এই ভারতবর্ষ বেঁচে থাকে। এদের জন্ম, মৃত্যু, হারিয়ে যাওয়া নিয়ে সরকার, জনগণ, পুলিশ-প্রশাসন কারও কোনো মাথাব্যথা নেই। মরে গেলে ক-দিন মর্গে পচে। তারপর অজ্ঞাত পরিচয় মৃতদেহ হিসেবে পুড়িয়ে দেওয়া হয়। তাই টাপুরদির প্রশ্নের জবাবটা এক্ষেত্রে খুব সহজ ছিল আমার কাছে। মাথা নাড়লাম আমি, ‘না, ভাবছে না।’
‘ঠিক, আমার চিন্তাটা এখানেই।’ বলল টাপুরদি, ‘আর ভয়টাও। আমার সত্যিই ভয় হচ্ছে বড়ো ব্যাপার সামলাতে গিয়ে পুলিশ লালনের ব্যাপারটাকে গুরুত্ব দিতে ভুলে না যায়। আমরা জানি না আদৌ ছেলেটা এখনও বেঁচে আছে কি না। কিন্তু যদি বেঁচে থাকে তবে তাকে বাঁচানোর চেষ্টাটুকু ছেড়ে দিয়ে জাস্ট হাত গুটিয়ে বসে থাকব?’
‘তুমি ঠিক কী চাইছ, টাপুরদি?’ জানতে চাইলাম আমি।
”জানি না রে! কী চাইছি, কিংবা কীভাবে এগোব কিচ্ছু জানি না। মাথার ভেতরটা পুরো ব্ল্যাংক হয়ে আছে। আমি জানি, অর্জুনের ভয়টা অমূলক নয়। এই কেসে প্রচুর রিস্ক আছে। যারা হিউম্যান অরগ্যানস নিয়ে ব্যাবসা করে তারা সাধারণ ক্রিমিনাল নয়। সব জানি। তবু হাত গুটিয়ে বসে থাকতে মন থেকে সায় পাচ্ছি না। পরে যদি জানতে পারি লালন এখনও বেঁচে আছে, শুধু আমি হাত তুলে নিয়েছি বলে ছেলেটাকে যদি বাঁচানো না যায়, নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারব না।’
একটু থেমে টাপুরদি বলল, ‘মিতুল, এই কেসটা আর পাঁচটা খুন, চুরি, কিডন্যাপিং-এর মতো কেস নয়। তুই নিশ্চয়ই বুঝতে পারছিস এতে রিস্ক ঠিক কতটা? আমি এটা ছাড়তে পারব না। কিন্তু তোকে এতে জড়াতেও পারব না। তুই এই কেসে আমার সঙ্গে কাজ করছিস না।’
আমি উঠে দাঁড়ালাম। টাপুরদির চোখে চোখ রেখে বললাম, ‘আমি শুতে যাচ্ছি টাপুরদি। খুব ঘুম পাচ্ছে। শুধু যাওয়ার আগে একটা কথা বলে যাই। এই কেসে তুমি কাজ করবে, আমিও করব। লালনকে আমরা খুঁজে বের করব, একসঙ্গে। তুমিও শুয়ে পড়ো। রাত ক’রো না। কাল থেকে নতুন করে কাজ শুরু করা যাবে।’
‘পাগলামো করিস না মিতুল’, কঠিন গলায় বলল টাপুরদি।
‘গুড নাইট!’
টাপুরদিকে আর একটা কথাও না বলতে দিয়ে ঘরে চলে এলাম আমি।
।। আঠারো।।
‘কেউ কোথাও নড়বেন না।’ বলিষ্ঠ কণ্ঠে বলল অর্জুন, ‘বাধা দেওয়ার চেষ্টা করবেন না। ইট’স আ রেইড।’
উপস্থিত কারও মুখে তেমন ভাব-বৈলক্ষণ্য দেখা গেল না। শুধু এক বয়স্ক ভদ্রলোক এগিয়ে এসে বললেন, ‘আমাদের ম্যাডাম, মানে এই হোমের যিনি ওয়ার্কিং কমিটির সেক্রেটারি, তাকে একটা ফোন করা যাবে?’
‘না’, বলল অর্জুন, ‘কাউকে কোনো ফোন করবেন না। সকলে ভালো করে শুনে নিন। এখানে কেউ কাউকে কোনোরকম ফোন করবেন না। আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে। আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার আগে কেউ এখান থেকে কোথাও যাবেন না, কাউকে ফোন করা বা কোনো ফোন রিসিভ করা চলবে না। আমাদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে লিগালি মুভ করতে বাধ্য হব। কৌশিক, তুমি, সন্দীপ আর অনিমেষদা ভেতরটা দ্যাখো। আমি এদিকটা দেখছি।’
আপাতত এই ঘরে বয়স্ক ভদ্রলোক ছাড়াও আর একজন কমবয়সি লোক বসে আছে একটি পুরোনো আমলের ডেস্কটপ কম্পিউটারের সামনে। আর একজন মধ্যবয়সি মহিলা একটি টেবিলে বসে একটা মোটা খাতায় কিছু হিসেব দেখছেন।
অর্জুন কবজি উলটে ঘড়ি দেখল। সকাল এগারোটা বাজতে এখনও পাঁচ মিনিট বাকি। তাকে কী করতে হবে সে জানে। কাগজপত্র ঘেঁটে তথ্য-প্রমাণ খুঁজে দেখতে সময় লাগবে। তাই কৌশিকদের বলে দিয়েছে সময় নিয়ে ভেতরটা খুঁজতে। বাচ্চাদের সঙ্গেও আলাদা করে কথা বলা দরকার।
‘আপনারা তিনজনে ওদিকের সোফায় গিয়ে বসুন।’ বলল অর্জুন।
তিনজনই দ্বিরুক্তি না করে বাঁ দিকের দেয়ালে লাগানো সোফায় গিয়ে বসল। অর্জুন দুটো বড়ো সেক্রেটারিয়েট টেবিলের সবকটা ড্রয়ার খুলে ফেলল। বেশ কিছু মোটা জাবদা খাতা, ফাইল, খাম পাওয়া গেল। শুভম এতক্ষণ একদিকে দাঁড়িয়ে ইতিউতি চাইছিল। এবার অর্জুনের ইশারায় কম্পিউটারের সামনে গিয়ে বসল সে-ও।
‘আলমারির চাবি দিন।’ বয়স্ক ভদ্রলোককে বলল অর্জুন।
‘চাবি ম্যাডামের কাছে থাকে।’ ভদ্রলোক উত্তর দিলেন।
‘আপনার নাম কী? কী কাজ করেন এখানে?’ জিজ্ঞাসা করল অর্জুন।
লোকটার বয়স পঞ্চান্ন-ষাট হবে। মুখ দেখে গোবেচারা গোছের সরল-সাদাসিধে মানুষ বলে মনে হয়। কিন্তু অভিজ্ঞতা থেকে অর্জুন জানে, অন্ধকার জগতে মুখ দেখে ভেতরের মানুষকে চেনা সম্ভব নয়। ভীতু মুখে ভদ্রলোক বললেন, ‘আমার নাম স্বরূপ পাঠক। আমি এই হোমের ম্যানেজার।’
‘আপনি ছাড়া এই হোমে আর কতজন কাজ করে, তারা কে কী কাজ করে তার ডিটেলস চাই আমার। একটা কাগজ-কলম নিন। এখানে বসে চুপচাপ লিস্ট বানান। প্রত্যেকের ফোন নম্বর দেবেন’, বলল অর্জুন।
‘স্যার!’ কাঁচুমাচু মুখে বললেন স্বরূপ পাঠক, ‘এখানে যারা কিচেনে, বাগানে, বাচ্চাদের দেখাশোনার কাজে সাহায্য করে তারা বেশিরভাগই আশেপাশের গ্রাম থেকে আসে। সকলের তো ফোন নেই।’
‘যাদের আছে, তাদের নম্বর লিখুন।’ অর্জুন বলল, ‘কারও নাম যেন বাদ না পড়ে। আর হ্যাঁ, আপনাদের এখানে জসীমুদ্দিন শেখ নামে কেউ কাজ করে, বা করত?’
‘জসীম?’ মনে করার চেষ্টা করলেন স্বরূপ পাঠক, ‘না তো স্যার, এই নামে কেউ এই হোমে কাজ করে বলে তো মনে পড়ছে না।’
‘করে নয়, করত। মনে করুন।’ জোর দিয়ে বলল অর্জুন।
‘না স্যার!’ মাথা নাড়লেন ভদ্রলোক, ‘আমি এই হোমে ছয় বছর ধরে কাজ করছি। জসীম নামে কেউ এই সময়ের মধ্যে এখানে কাজ করলে আমি নিশ্চয়ই জানতাম।’
কথাটা বলে সোফায় বসা আরও দু-জনের দিকে তাকালেন স্বরূপ পাঠক। বললেন, ‘তোমরা কেউ এখানে জসীম নামে কাউকে চেনো? এই হোমে এই নামে কাউকে দেখেছ কোনোদিন?’
দু-জনেই সজোরে মাথা নাড়ল। ওদের মাথা নাড়া দেখে মনে হল, এই প্রশ্নের সম্মুখীন হতে হবে তাদের জানাই ছিল। উত্তর দেওয়ার জন্য তৈরি হয়েই ছিল। দিয়ে যেন হাঁফ ছেড়ে বাঁচল। মনে মনে হাসল অর্জুন। অভিনয়টা সকলে ঠিকঠাক করতে পারে না। মাত্রাজ্ঞান ঠিক না থাকলে ঠিক জায়গায় ঠিক মতো ডেলিভারি করা মুশকিল।
‘এই হোমে মোট কতজন কাজ করে স্বরূপবাবু?’ জিজ্ঞাসা করল অর্জুন।
স্বরূপবাবু অর্জুনের মুখের দিকে তাকিয়ে রইলেন কয়েক সেকেন্ড। তারপর বললেন, ‘ফ্রন্ট অফিস, হোম, বাচ্চাদের দেখাশোনা, কমিউনিটি কিচেন, মেইন্টেনেন্স সব মিলে প্রায় পঞ্চাশ-ষাট জন তো হবেই। তবে সবাই পার্মানেন্ট কর্মী নয়। অনেকেই ডেইলি ওয়েজের বদলে লেবার দেয়।’
‘এদের সকলের নাম জানেন আপনি?’
স্বরূপবাবুকে একটু অপ্রস্তুত দেখাল। বললেন, ‘হ্যাঁ, তা মোটামুটি মানে ডেইলি ওয়েজারদের অত মনে থাকে না। তবে…’
‘তবে আপনি শিওর যে জসীমুদ্দিন শেখ নামে এখানে কেউ কোনোদিন কাজ করেননি। কীভাবে? মানে এত শিওর হলেন কীভাবে?’
স্বরূপবাবু মাথা নেড়ে বললেন, ‘না, আসলে ওই নামে কাউকে মনে পড়ছে না। তাই…’
মুখে ‘হুম’ বলে সোফায় জড়সড়ো হয়ে বসে থাকা মহিলার দিকে তাকাল অর্জুন। মহিলার বয়স চল্লিশের একটু বেশি হবে সম্ভবত। তবে এই বয়সেও শরীরের বাঁধুনি টানটান। চেহারায় আলগা চটক আছে। অর্জুন জিজ্ঞাসা করল, ‘আপনার নাম কী?’
মহিলা ভীত মুখে জিবাব দিল, ‘সবিতা সাহা।’
‘কী কাজ করেন এখানে?’ জানতে চাইল অর্জুন।
সবিতা সাহার মুখ শুকিয়ে গেছে। বললেন, ‘আমি অ্যাকাউন্টসের হিসেব রাখি।’
‘কত দিন কাজ করছেন?’
‘দুই বছর।’
অর্জুন লক্ষ করল, ভদ্রমহিলা কথা বলতে বলতে স্বরূপ পাঠকের মুখের দিকে বারবার আড়চোখে তাকাচ্ছেন। সে জিজ্ঞাসা করল, ‘আপনাদের ওয়েবসাইটে তো দেখলাম, কম্পিউটার জানা অ্যাকাউন্টসের লোক চাওয়া হচ্ছে। তাহলে আপনার চাকরি যাচ্ছে বুঝি?’
ভদ্রমহিলার মুখের রেখার প্রথমে বিস্ময় ও বেদনার যুগলবন্দি খেলে গেল অতি দ্রুত। পরক্ষণেই চোয়াল শক্ত হয়ে উঠল। তারপর যখন কথা বললেন, তখন আর স্বরূপবাবুর মুখের দিকে তাকালেন না। সরাসরি অর্জুনের মুখের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বললেন, ‘সে আমি কী করে বলব বলুন? আমি এখানে চাকরি করি। মালিক রাখলে কাজ করব, না রাখলে চলে যাব। অন্য কোথাও কাজ খুঁজব। তবে আমাকে দিয়ে আর কাজ চলছে না, সেটা আমার জানা ছিল না।’
অর্জুন কিছু বলার আগে স্বরূপ পাঠক প্রবোধ দেওয়ার স্বরে বললেন, ‘আরে না না, তোমার কাজ কেন যাবে? আসলে জমানা বদলেছে। কাজের চাপ বাড়ছে। তাই মালিক চান কম্পিউটারে হিসেব-নিকেশ রাখার একজন লোক থাকুক। আরে আমি তো আছি, নাকি? তুমি তোমার মতো কাজ করবে। সব হিসেব তো আর কম্পিউটারে থাকবে না!’
অর্জুন লুফে নিল কথাটা। সবিতা সাহার সঙ্গে সম্ভবত স্বরূপ পাঠকের একটা নরমসরম সম্পর্ক আছে। পুলিশে চাকরি করতে করতে মুখের রেখা দেখে মানুষের মনের চলন কিছুটা বোঝার একটা প্রতিভা বোধ হয় সব পুলিশেরই তৈরি হয়। বেশিরভাগ ক্ষেত্রেই সেই ধারণাগুলি সঠিক হয়। এক্ষেত্রে সবিতার মান ভাঙানোর জন্য একটা আলটপকা মন্তব্য করে ফেলেছেন স্বরূপ পাঠক। সেটাকে মাটিতে পড়তে না দিয়ে অর্জুন বলল, ‘কোন কোন হিসেব কম্পিউটারে থাকবে না স্বরূপবাবু?’
স্বরূপবাবুর মুখে কিছুক্ষণ আগেকার গোবেচারা অভিব্যক্তিটা আবার ফুটে উঠল, ‘কোন হিসেব স্যার? আমি তো জানি না, ম্যাডামকে ফোন করে জিজ্ঞাসা করব?’
‘আপনি সবই জানেন স্বরূপবাবু। বলতে না চাইলে মুখ খোলাতে আমরাও জানি। নিজে থেকে মুখ খুললে কষ্ট কম হবে। ভেবে দেখবেন।’
স্বরূপবাবু বোকা-বোকা মুখ করে দাঁড়িয়ে রইলেন। কোনো উত্তর দিলেন না। অর্জুনের বুঝতে অসুবিধে হল না, ইনি গভীর জলের মাছ। একে জোর করার আগে কিছুটা খেলানো বুদ্ধিমানের কাজ হবে, যাতে ইনি নিজের তাগিদেই সব ওগড়ান।
কৌশিক ভেতর থেকে বাইরের ঘরে এল। নীরবে অর্জুনের দিকে তাকিয়ে আলগোছে মাথা নাড়ল সে। অর্থাৎ সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। অবশ্য সেটা যে যাবে না, সেটা ভেবেই এসেছিল তারা এখানে। পুলিশ যে অ্যালার্ট হয়ে গেছে, সেই খবর এদের কাছে এসে পৌঁছেছে ইতোমধ্যে। এরা পুলিশের জন্য প্রমাণ যে সাজিয়ে রাখবে না, সে তো জানা কথাই।
‘এইসব খাতাপত্র, ফাইল, লেটারস আমরা সিজ করছি। সব ঠিক থাকলে এক সপ্তাহের মধ্যে ফেরত পেয়ে যাবেন।’ বলল অর্জুন, ‘শুভম, তোমার কত দূর?’
‘হয়ে গেছে অর্জুনদা!’ বলেই জিভ কাটল শুভম। অর্জুন মুচকি হাসল। এই ছেলেটা কবে যে প্রফেশনাল এটিকেটগুলো বুঝবে, কে জানে!
অর্জুন এবার স্বরূপ পাঠকের কাছে এগিয়ে গেল। মুখোমুখি দাঁড়িয়ে তার চোখে চোখ রেখে বলল, ‘জসীমুদ্দিন শেখকে আপনি খুব ভালো করে চেনেন স্বরূপবাবু। আমি তো আপনার কাছে জসীমুদ্দিন শেখকে চেনেন কি না জানতে চেয়েছিলাম। আপনি তাড়াহুড়োয় ‘জসীম’কে চেনেন না বলে দিলেন। আপনার দোষ নেই। পুলিশের সামনে অনেক দাগি অপরাধীও নার্ভ হারায়। তবে কী জানেন? নিজের ভালো পাগলেও বোঝে। আপনি না বুঝলে আপনারই ক্ষতি।’
।। উনিশ।।
সব কাজ গুছিয়ে তুলেছিল লালন। পাঁচটা তক্তা, একটা রাস্তা। এখান থেকে পালাতেই হবে যেভাবে হোক। রাতের অন্ধকারে ওয়াশ বেসিনের ওপর পা রেখে দেয়ালের তক্তা সরানো ফাঁকা জায়গাটা দিয়ে বাইরে উঁকিঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করেছিল সে। বাইরে আকাশ ছাড়া আর কিছু চোখে পড়েনি। এই ঘরটা ঠিক কত তলায়? বেশি উঁচুতে হলে বাইরে নামবে কী করে সেই চিন্তাটাই মাথায় ঘুরছিল। আর যদি বাইরে পাহারা থাকে? যদি ওরা ধরে ফেলে লালনকে? একবার পালাতে গিয়ে ধরা পড়েছে সে। জসীমচাচাকে প্রাণ দিতে হয়েছে তার জন্য। এবার ধরা পড়লে আর বাঁচিয়ে রাখবে না। অবশ্য এমনিতেও বাঁচবে না সে। আজ না হয় কাল তাকে আবার অপারেশন টেবিলে শুতেই হবে। তার আগেই পালাবে লালন, এরকমই ভেবে রেখেছিল।
কিন্তু মানুষ ভাবে এক, হয় আর এক। অন্তত লালনের মতো অভাগাদের ক্ষেত্রে সেটাই হয়, বরাবর দেখে এসেছে সে। কাজ শেষ করে ফেলেছিল, ছিল শুধু পালানোর অপেক্ষা। কিন্তু তার আগেই ওয়াশ বেসিনের ওপরের একটা তক্তা খসে পড়ল। আর সেটাও পড়ল যে লোকটা খাবার দিতে আসে তার সামনে।
লোকটাকে এ ক-দিনে কিছুটা হলেও বুঝেছে লালন। মনে হত, এই লোকটা বাকিদের থেকে একটু অন্যরকম। মনটা অন্যদের থেকে নরম। ওদের খেতে দিতে এসে লোকটার হাতে প্যাকেট ছিঁড়ে গলা খাবার চলকে পড়েছিল সেদিন। বিড়বিড় করে দুটো কাঁচা খিস্তি মেরে উঠে বাথরুমে গিয়েছিল হাতটা ধুয়ে নিতে। আর ঠিক তখনই ঘটেছিল কাণ্ডটা। বেসিনের নীচে জল পড়ে ছিল অনেকটা। লোকটা পিছলে পড়তে পড়তে নিজেকে বাঁচানোর জন্য দেয়ালে আঁকড়ে ধরতে গিয়ে ধাক্কা মেরেছিল নিজেকে সামলাতে। আর সেই ধাক্কাতেই ওপর থেকে তক্তাগুলো খসে পড়ল লোকটার সামনে।
লোকটা কিছুক্ষণ হাঁ হয়ে তাকিয়েছিল ওপরে ঘুলঘুলির দিকে। তারপর কী মনে করে সোজা বাথরুম থেকে বেরিয়ে আর কোনোদিকে না তাকিয়ে লালনের সামনে এসে দাঁড়িয়েছিল। চোখদুটো জ্বলছিল লোকটার। ঠাস করে একটা চড় কষিয়েছিল লালনের গালে।
লালন ভীষণ অবাক হয়েছিল সেই মুহূর্তে। লোকটা কী করে বুঝল তক্তাগুলো লালনই খুলেছে? গালে চড় খেয়ে, কিংবা হয়তো এতদিনের রাতজাগা পরিশ্রম ব্যর্থ হওয়ায় হঠাৎ করে মাথা গরম হয়ে গেছিল লালনের। ফুঁসে উঠে সিড়িঙ্গে বুড়োটে লোকটার ওপর ঝাঁপিয়ে পড়েছিল সে। এলোপাতাড়ি কিল-চড়-ঘুসি মারতে শুরু করেছিল। ঘরের অন্যান্য লোকেরা নীরবে তাকিয়ে ছিল তাদের দিকে। কেউ বিস্ময় প্রকাশ করেনি, কেউ এগিয়েও আসেনি। বাঁচার জন্য লড়াই করা নাকি মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। কিন্তু এই অবস্থায় তাদের দেখে সেটা মনে হচ্ছিল না। ওরা বিস্মিত হতে ভুলে গেছে, ওরা হাল ছেড়ে দিয়েছে।
কিন্তু লালন ছাড়েনি হাল, ছাড়বেও না। লালন শেষ পর্যন্ত লড়ে যাবে। লালনের আক্রমণের প্রাথমিক বিস্ময় কাটিয়ে লোকটা লালনের হাতের কবজি চেপে ধরেছিল। রোগা লোকটার হাতে কী ভীষণ জোর! লালন হাত মুচড়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে চলেছিল। লোকটা নির্বিকারমুখে লালনের সেই অসহায় মুখের দিকে তাকিয়ে বিশ্রী নোংরা দাঁত বের করে হাসছিল। লালন সাহায্যের আশায় আশেপাশে তাকিয়েছিল। কেউ ওর দিকে তাকিয়েও দেখেনি। মাথায় আগুন জ্বলছিল তার, চোখে জল আসছিল। জলটাকে চোখের বাঁধের ভেতর বেঁধে রাখতে প্রাণপণ চেষ্টা করছিল সে। লোকটা হ্যাঁচকা টান মারতে হুমড়ি খেয়ে লোকটার বুকের ওপর পড়তেই লোকটা ফিশফিশ করে বলল, ”মাইর্যা ফ্যালাইব তরে চাইরদিকে চুখ-কান বাঁচবা না বাপ।’
লালন নিজেকে সামলে সোজা হয়ে দাঁড়িয়েছিল। অবাক দৃষ্টিতে তাকিয়েছিল লোকটার মুখের দিকে। লোকটা আর দাঁড়ায়নি। হুড়মুড় করে বেরিয়ে গেছিল ঘর থেকে।
অবসন্ন শরীর ও মনে ধপ করে মেঝের ওপরেই বসে পড়েছিল লালন। ঘরের টিমটিমে আলোয় এই ঘরের মানুষগুলিকে যেন মানুষ বলে আর মনে হচ্ছিল না তার। মনে হচ্ছিল কয়েকটি মৃতদেহের সঙ্গে এই বন্দিশালায় বাস করছে সে। এরা সবাই মৃত। হঠাৎই শরীরটা শিরশির করে উঠেছিল লালনের। মেঝেতে পাতা বিছানায় শুয়ে পড়েছিল গুটিশুটি মেরে। চব্বিশটা ঘণ্টা চোখ খুলে তাকায়নি সে। লোকটা রাতেও এসেছিল খাবার দিতে। খাবার ছুঁয়েও দেখেনি। প্রচণ্ড তাপে গা পুড়ছিল লালনের। সারা শরীরে কী অসহ্য দাহ! চোখ জ্বলে যাচ্ছিল। সেই মুহূর্তে বাঁচার শেষ আশাটাও ধীরে ধীরে মুছে যেতে দেখেছিল সে।
আজ দুপুরের খাবারটাও পাশে পড়ে ছিল। লোকটা খাবার দিয়ে রাতে অভুক্ত খাবার তুলে নেওয়ার সময় বিড়বিড় করে বলেছিল, ‘না খাইলে বাঁচবা কেমনে? প্যাট ঠান্ডা তো মাথা ঠান্ডা!’
দুপুরের খাবারের থালাটা বিছানার পাশে বসিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল লোকটা।
কিছুক্ষণ শুয়ে থেকে উঠে বসল লালন। আর তখনই টের পেল, ভীষণ খিদে পেয়েছে তার। প্যাকেটে গলা ভাত আর ঘ্যাঁট সবজি রাখা আছে একটুখানি। সেটুকুই চেটেপুটে খেল সে। সত্যিই তো, বাঁচার চেষ্টা করতে হলেও আগে বেঁচে থাকতে হবে। খাবারটা পেটে যেতেই পেটটা শান্ত হল, ঠান্ডা হল মাথাটাও। বাথরুমে গিয়ে বেসিন হাত ধুল সে। বেসিনের ওপরে ফাঁকা জায়গাটা লোকটা তক্তাগুলো ঠ্যাকনা দিয়ে বন্ধ করে রেখেছে কোনোমতে। সেদিক থেকে চোখ ফিরিয়ে নিল লালন। এখান থেকে বেরোনো যাবে না, বুঝে গেছে সে। সম্ভবত এদিকে কোনো রাস্তাই নেই, অথবা শক্ত পাহারা আছে। নতুন করে ভাবতে হবে। আবার চেষ্টা করবে লালন।
