মৃতেরা কোথাও নেই – ১

।। এক।।

তিলোত্তমা তার আলোকোজ্জ্বল রাজপথ, আকাশচুম্বী অট্টালিকা, শীতাতপ নিয়ন্ত্রিত বাজার, ছবিঘর, মহার্ঘ পপকর্ন, হাসি, গান, আকাশ ঢেকে ফেলা হোর্ডিং ছাড়িয়ে যেখানে এসে সাজপোশাক খুলে চানঘরে কলের নীচে দাঁড়ায়, প্রসাধন ধুয়ে ফেলে মাটির গন্ধ বুকে ভরে নেয়, অথচ তবু শরীর থেকে শহুরে উগ্র সুরভি মুছে ফেলতে পারে না পুরোপুরি, ঠিক তেমনই কোনো এক স্থানে জাতীয় সড়কের ওপর এই মুহূর্তে দাঁড়িয়ে আছে একটি ওয়াগন ট্রাক। সময়টা মধ্যরাত। ড্রাইভার রাস্তায় নেমে এসেছে নিজের আসন ছেড়ে। সঙ্গে আর একজন লোক দাঁড়িয়ে, মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলে চলেছে। মন দিয়ে দেখলে বোঝা যায়, দু-জনেরই শরীরী ভাষায় স্পষ্ট উত্তেজনা।

ফোনটা অফ করতেই অপরজন জিজ্ঞাসা করল, ‘কী হল? কী বলল বস?’

ফোন হাতে লোকটা খিঁচিয়ে উঠল, ‘শালা, হাগতে যাওয়ার সময় পাস না? এখন যত হুজ্জোত আমার!’

অপরজন, যে কি না এই ওয়াগনের ড্রাইভার, খসখসে স্বরে বলে, ‘হাগা পেলে কী করব? তুই কেন লক চেক করিসনি?’

‘কে বলল লক চেক করিনি? আমাকে দোষ দিবি না, কেটে ফেলব শালা!’ লোকটার কণ্ঠস্বরে বিরক্তি ঝরে পড়ছে।

‘তাহলে মালদুটো পালাল কী করে?’

‘সেটাই তো বুঝতে পারছি না। কড়া ডোজের ঘুমের ওষুধ দেওয়া ছিল। বাকিগুলো তো অঘোরে ঘুমোচ্ছে। ওই দুটো জাগল কেমন করে, কেমন করেই বা পালাল, কিছুই মাথায় ঢুকছে না। বুড়োটা তো প্রায় মরো-মরো ছিল, শালা ট্রাকে তোলার সময় মনে হচ্ছিল রাস্তাতেই টেঁসে যাবে। ধুঁকছিল দেখেছি…’ চিন্তিত শোনাল লোকটার গলা।

‘তাহলে এখন?’

খেঁকিয়ে উঠল লোকটা এবার, ‘এখন আবার কী? খুঁজতে হবে মালদুটোকে! পায়ে হেঁটে কত দূর যাবে? মাটির তলা থেকে হলেও খুঁজে বের করতে হবে! কাটা মাল ছুটে গেলে বস শালা খাল খিঁচে নেবে।’

অন্য লোকটা একটি অশ্লীল শব্দ উচ্চারণ করে বলল, ‘এই জন্য চালানের ডিউটি নিতে চাই না আমি। কাটা মাল বাঁচিয়ে রাখার দরকার কী? যত ঢং! শালা ওপরওয়ালারা কাটা মাল বারবার কাটবে। মরাধরা ঘেঁটে আমাদের জীবন যায়। কোনদিন পুলিশের হাতে পড়লে ওপরওয়ালারা স্রেফ কেটে যাবে, মরব আমরা।’

‘হুহ, ওসব আমরা বুঝব না শালা। কাটা মালও বিক্কিরি হয়। এখন মুখ বন্ধ করে খোঁজা শুরু কর। গোনা মাল ডেলিভারি দিতে না পারলে বস আমাদেরও ছাড়বে না!’ বলতে বলতে হাতে ছয় ব্যাটারির জোরালো টর্চ হাতে এগোল লোকটা।

‘আশেপাশের ঝোপজঙ্গলগুলো দেখ ভালো করে। কাঁচা কাটা, কত দূরে যাবে পালিয়ে?’

লোকদুটো এবার আঁতিপাঁতি করে খুঁজতে শুরু করে। দু-জনের হাতেই দুটো জোরালো আলোর টর্চ জ্বলছে। ওয়াগনের ভেতরে এখনও তেরোটা ‘কাটা মাল’ অঘোরে ঘুমোচ্ছে। এদের মধ্যে দু-তিনজনের অবস্থা বেশ সঙিন। ডেলিভারির আগে রাস্তাতেই মরে গেলেও অবাক হওয়ার কিছু নেই। আসলে এদের খোলসটাই আছে, ভেতরটা ফাঁকা হয়ে যাচ্ছে ধীরে ধীরে। মাল ঠিক জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব লোকদুটোর। এই ব্যাবসায় ভুলের কোনো ক্ষমা নেই। এখানে ভুলের অর্থ হল মৃত্যু, তা ভালো করেই জানে দু-জন। ভয়ে বুকের ভেতরে ঢিপঢিপ করে তাদের। বের করতেই হবে, যেমন করে হোক খুঁজে বের করতেই হবে। না হলে…

বেশিক্ষণ সময় লাগল না। লোক দু-জন এই লাইনে অনেকদিন আছে। অভিজ্ঞতা সব সময়েই কাজে দেয়। লোকটা ঠিকই বলেছিল, ‘কাটা মাল’ বেশি দূরে যেতে পারবে না। হাইওয়ের পাশ দিয়ে ঢালু হয়ে যেখানটা ঘন ঝোপঝাড়ের মধ্য দিয়ে অন্ধকারে মিশেছে, সেখানেই ছেলেটাকে পাওয়া গেল। গুটিসুটি মেরে বসে ঝোপের আড়ালে নিজেকে লুকোনোর ব্যর্থ চেষ্টা করছিল। ছেলেটার বয়স চোদ্দো-পনেরো হবে। মুখখানা ভয়ে শুকিয়ে গেছে। টেনে তুলতে গিয়ে বোঝা গেল ব্যাপারটা। ওয়াগন থেকে লাফিয়ে নামতে গিয়ে পা-টা মচকেছে ছেলেটার।

‘আর একটা কোথায়? বল শালা!’ ছেলেটার চুলের মুঠি ধরে সজোরে ঝাঁকাল ওয়াগনের ড্রাইভারটা।

ভয়ে, ব্যথায় চিৎকার করে উঠল ছেলেটা। ফুঁপিয়ে কেঁদে উঠল তারপর।

‘তুই ট্রাকে তোল এটাকে, আমি দেখছি অন্যটাকে’, বলে অন্ধকারের মধ্যে ছুটে গেল অন্য লোকটা।

ড্রাইভার ছেলেটার জামার কলার ধরে টেনে তুলল। পায়ের যন্ত্রণায় খুড়িয়ে হাঁটছে। লোকটা পাঁজাকোলা করে তুলে নিল রোগা ছেলেটাকে। তারপর রাস্তার দিকে এগোল।

ট্রাকের কাছে পৌঁছোনোর আগেই গুলির শব্দ শোনা গেল, পরপর দুটো।

চিবুকের রেখা কঠিন হয়ে উঠল লোকটার। মাথাগরম মূর্খটাকে সঙ্গে আনাই উচিত হয়নি।

।। দুই।।

‘এই নিয়ে গত ছয় মাসে পরপর তিনবার হল!’ বললেন কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার অনন্তবিজয় সেনশর্মা।

লালবাজারে কলকাতা পুলিশের হেড কোয়ার্টারের একটি কনফারেন্স রুমে এই মুহূর্তে জরুরি মিটিং চলছে। ঠিক উনিশ ঘণ্টা আগে জোকা এক্সপ্রেসওয়ের ধারে ঝোপের মধ্যে এক অজ্ঞাতপরিচয় প্রৌঢ়ের গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া গেছে। পেটে কাঁচা সেলাই। কেসটা অবশ্য নিয়ম অনুযায়ী স্থানীয় থানাতেই গেছিল প্রথমে, কিন্তু পোস্ট-মর্টেম রিপোর্ট আসতেই দৃশ্যটা একশো আশি ডিগ্রি বদলে গেল। প্রৌঢ়ের শরীরে একটিও কিডনি নেই। অটোপসি সার্জেন জানিয়েছেন, লোকটির দুটো কিডনিই অপারেট করে বের করা হয়েছে। জোড়াতালি দিয়ে পেটে একটা সেলাই করা হয়েছিল। অটোপসি সার্জেনের মতে তিরিশ ঘণ্টার বেশি হয়নি অপারেশনের। ক্ষত তাজা ছিল, সেটা থেকে অনেকটা রক্তক্ষরণ হয়েছিল। পেটের ব্যান্ডেজ রক্তে লাল হয়ে গেছিল। পিঠের পেছনে দেড় ইঞ্চির দূরত্বে পরপর দুটো গুলি করা হয়েছে লোকটাকে। গুলি লাগার সময় লোকটি বেঁচে ছিল। যদিও সার্জেন বলছেন, গুলি না লাগলেও আর বেশিক্ষণ বাঁচার সম্ভাবনা ছিল না।

গোয়েন্দা বিভাগের ডিসিডিডি সৌরভ সান্যাল বললে, ‘স্যার, অটোপসি রিপোর্ট হাতে আসার পর কেসটা আর সাধারণ খুনের ব্যাপার থাকছে না। একটা কিডনি গায়েব হলেও অন্য কিছু ভাবার অবকাশ থাকত। দুটো কিডনিই যখন নেই, সেক্ষেত্রে এটা কোনো অরগ্যান ট্র্যাফিকিং র‌্যাকেটের কাজ।’

‘আমি ভাবছি অন্য কথা। একটা লোক, যার শরীরে একটাও কিডনি নেই, সে মধ্যরাতে ওই জঙ্গলের মধ্যে গেল কীভাবে? অবশ্য যদি মেরে এনে ফেলা হয়, তাহলে অন্য কথা। তাহলেও প্রশ্ন ওঠে, ওরকম খোলা জায়গায় বডি কেন ফেলা হবে? প্রশ্ন অনেক, উত্তর নেই। যাই হোক, লোকটার আইডেন্টিফিকেশন হয়েছে?’ জয়েন্ট কমিশনারসাহেব চিন্তিত মুখে জিজ্ঞাসা করলেন।

সৌরভ সান্যাল মাথা নাড়লেন। পাশে চেয়ারে বসা অফিসারের দিকে ইঙ্গিত করতে তরুণ অফিসারটি মাথা নাড়ল। অর্জুন রায় কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের একজন তরুণ তুর্কি। এর আগেও বিভিন্ন কেসে নিজের প্রতিভার পরিচয় দিয়েছে সে। ঠান্ডা মাথা, বুদ্ধিমান ও পরিশ্রমী অফিসার এই অর্জুন রায়। ডিসিডিডি নিজে তার ওপর যথেষ্ট ভরসা করেন।

জয়েন্ট কমিশনারের দিকে তাকিয়ে অর্জুন বলল, ‘স্যার, আমরা ভিকটিমের ফোটো কলকাতা ও আশেপাশের সব থানায় পাঠিয়ে দিয়েছি। এছাড়া আমাদের সব সোর্সদেরও কাজে লাগিয়ে দিয়েছি। আশা করছি খুব শিগগিরই একটা কিছু ব্রেক থ্রু পাব।’

‘বেটার ইট বি সুন’, গম্ভীর মুখে বললেন জয়েন্ট কমিশনার, ‘আমাকেও ওপরে জবাবদিহি করতে হয়। এই নিয়ে এরকম তিনটে কেস এল লাস্ট ছয় মাসে। প্রেস, মিডিয়া চুপ থাকবে না। প্রথমবার যেটা ছিল ভেতরের পাতার বাঁ দিকে কলামের ছোট্ট একটা নিউজ, দ্বিতীয়বার সেটাই তৃতীয় পাতায় বড়ো আকারে উঠে এসেছে। এবার অলরেডি প্রতিটা চ্যানেলে খবরটা টেলিকাস্ট করা শুরু করে গেছে। কালকের পেপারে ফ্রন্ট পেজ নিউজ হতে যাচ্ছে সন্দেহ নেই।’

সৌরভ সান্যাল বললেন, ‘আমাদের টিম সাধ্যমতো চেষ্টা করছে স্যার। আগের কেসদুটোর মধ্যে একটাতে ভিকটিমের আইডেন্টিফিকেশন সম্ভব হয়নি। অপরটিতে তার সম্পর্কে জানতে পারা গেছে। মহিলা নরেন্দ্রপুরের দিকে থাকত। বয়স চল্লিশের ওপরে, নাম রত্না দাস। কয়েকটি বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করত, স্বামী পরিত্যক্তা, একাই থাকত। এক মেয়ের বিয়ে হয়ে গেছিল অনেক আগেই। মায়ের সঙ্গে যোগাযোগ ছিল না। মহিলা নিখোঁজ হওয়ার প্রায় দেড় মাস পরে সুন্দরবনের দিকে একটা খাঁড়িতে তার মৃতদেহ ভেসে আসে। কুমিরে খেয়ে নিয়েছিল কোমরের নীচটা, সেখানকার লোকেরা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। প্রথমে ভাবা হয়েছিল, কুমিরে মারার কেস। শরীর পুরো পচে গেছিল বলে স্টিচের দাগ চোখে পড়েনি। পরে অটোপসিতে জানা যায়, মহিলার শরীরে হার্ট ছিল না।’

‘হুম, মনে আছে আমার। আর সেই প্রথম কেসটা তো আরও খারাপ ছিল, ইট ওয়াজ ব্রুট ইন রিয়াল সেন্স।’ বললেন মিস্টার সেনশর্মা।

‘ইয়েস স্যার!’ ডিসিডিডি বললেন, ”সতেরো-আঠারো বছরের ছেলেটার শরীর থেকে ট্র্যান্সপ্লান্টেবল সমস্ত অরগ্যান বের করে নেওয়া হয়েছিল। ইট ওয়াজ প্যাথেটিক। বডিটা সেবারও ডায়মন্ড হারবারের কাছে ভেসে উঠেছিল। স্যার, এগুলো এক বা একাধিক অরগ্যান ট্র্যাফিকিং র‌্যাকেটের কাজ। রিপোর্ট অনুসারে এই মুহূর্তে দেশে বেঙ্গল, রাজস্থান আর গুজরাট হিউম্যান ট্র্যাফিকিং-এর লিড করছে। এটা আমাদের দুর্ভাগ্য। কলকাতা পুলিশ ও ওয়েস্ট বেঙ্গল পুলিশ অনেক চেষ্টা সত্ত্বেও এই পাচার আটকাতে পারছে না।’

‘হুম’, চিন্তিত মুখে মাথা নাড়লেন জয়েন্ট কমিশনার, ‘এখন গা ঘামাতে হবে বয়েজ। আর ফেলে রাখা যাচ্ছে না। এইরকম ব্যাপার বারবার হলে পলিটিক্যাল টার্বিউলেন্স তৈরি হয়। সিএম নিজে ফোন করে খবরাখবর নিয়েছেন কেসটার ব্যাপারে। আমি চাই তোমরা একটা সুনির্দিষ্ট ওয়ার্ক প্ল্যান তৈরি করো। ব্লু-প্রিন্ট তৈরি করে চব্বিশ ঘণ্টার মধ্যে রিপোর্ট করবে আমাকে। সেই রিপোর্টে টিমে কারা কারা থাকবে, সেটা স্পষ্ট করে উল্লেখ থাকে যেন। আমার স্পষ্ট একটা ভিশন চাই।’

অর্জুন এতক্ষণ চুপ করে ছিল। এবার বলল, ‘স্যার, এই ব্যাপারে আমার বক্তব্য আছে।’

সকলে অর্জুনের মুখের দিকে তাকাল।

অর্জুন বলতে শুরু করল, ‘অরগ্যান ট্র্যাফিকিং-এর ট্র্যাপ সারা দেশ জুড়ে বিছানো। কিন্তু অন্যান্য সমস্ত স্মাগলিং বা ট্র্যাফিকিং-এর সঙ্গে অরগ্যান ট্র্যাফিকিং-এর একটা পার্থক্য আছে। অরগ্যান হাইলি পেরিশেবল অবজেক্ট, সহজেই নষ্ট হয়। কোনো অরগ্যান এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য নির্দিষ্ট সময়ের সীমা ধরে রাখতে হয়, অনেক টেকনিক্যালিটিসের দিকে নজর রাখতে হয়। তাই পুলিশ, কাস্টমস, স্টেট বর্ডারে মোতায়েন পুলিশের নজর এড়িয়ে ট্র্যাফিকিং খুব সহজ নয়। হচ্ছে না যে তা বলব না। আমার ধারণা, কলকাতার ভেতরে ট্র্যাফিকারদের নিজস্ব কিছু বেস আছে।’

জয়েন্ট কমিশনার বললেন, ‘খুলে বলো কী বলতে চাইছ!’

অর্জুন একবার সৌরভ সান্যালের মুখের দিকে তাকাল। তিনি সম্মতিসূচক মাথা নাড়লেন। অর্জুন এবার বলল, ‘মাস দেড়েক আগে একটা খবর পেয়ে আমরা একটা ইললিগাল ক্লিনিক রেইড করেছিলাম। নর্থ কলকাতায় গলির ভেতর একটা দোতলা বাড়ি, বাইরে থেকে দেখে কিছু বোঝার উপায় নেই। ভীষণ শ্যাবি আর অন্ধকার। নীচের তলায় একটা মেস চলে। ওপরে ইললিগ্যাল অ্যাবোর্শন সহ আরও বেশ কিছু ছোটোখাটো সার্জারি হত। ক্লিনিকটির কোনো রেজিস্ট্রেশন ছিল না।

‘সেখান থেকে আমরা তিনজনকে অ্যারেস্ট করেছিলাম। তারা সকলেই ওখানকার এমপ্লয়ি, কেউ বিশেষ কিছু ইনফরমেশন দিতে পারেনি। কিন্তু সেখানে আমরা আর একটা জিনিস পেয়েছিলাম।’

অর্জুন একটু থামল। সকলের দৃষ্টি তার দিকেই নিবদ্ধ। একটা লম্বা শ্বাস ছেড়ে সে বলল, ‘দুটো কারটন ভরতি সেলসিয়রের পাউচ উদ্ধার হয়েছিল সেখান থেকে।’

‘সেলসিয়র?’ ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার।

‘হ্যাঁ স্যার। সেলসিয়র অরগ্যান প্রিজার্ভ করার কাজে ব্যবহার করা হয়। আমরা সেই ক্লিনিকের মালিকের খোঁজ শুরু করি। জানা যায়, ওই বাড়ির ওপরের তলাটা ভাড়া নেওয়া হয়েছিল। ভাড়াটের নথি যা দিয়েছিল, সব ভুয়ো। ওখানকার যে এমপ্লয়িদের অ্যারেস্ট করা হয়েছিল, তারাও তাদের এমপ্লয়ারের সম্পর্কে কোনো আলোকপাত করতে পারেনি। তিনজন ভিজিটিং ডক্টর নাকি ছিলেন। তাদের ডিটেলস নিয়ে দেখা গেল সেগুলোও ভুয়ো। তবু আমরা চেষ্টা করেছিলাম। কিন্তু সেরকম কিছুই ব্রেক-থ্রু আমাদের হাতে আসেনি আর। অবশ্য আমাদের ওই এলাকার সোর্সরা এখনও চেষ্টা করছে।’

সৌরভ সান্যাল বললেন, ‘এই ধরনের আনরেজিস্টার্ড ক্লিনিক শহরে অনেক আছে। সেগুলিতে সব যে লিগাল কাজকর্ম হয়, তাও নয়। এর আগেও আমরা এরকম অনেক ক্লিনিকে রেইড করেছি, ধরপাকড় করেছি। কিন্তু সেগুলো বড়ো ব্যাপার কিছু নয়। এই ক্লিনিকটার ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম ছিল। আপনার মনে আছে কি না জানি না, কয়েক বছর আগে এই শহরের একজন ডক্টর নিজের বাড়ি থেকে রাতে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। বাড়িতে বলে বেরিয়েছিলেন, হঠাৎ করেই একটা সার্জারির জন্য ডাক এসেছে, বাড়ি ফিরে রাতের খাবার খাবেন। কিন্তু আর ফিরে আসেননি। সেই সময়েও আমরা অনেকগুলো ক্লিনিকে রেইড করেছিলাম। কলকাতার বে-আইনি ক্লিনিকগুলোতে কী কী হয় দেখে চমকে উঠেছিলাম।

‘তারপর থেকেই মাঝেমধ্যেই এরকম রেইড চালাই আমরা। রেজিস্ট্রেশন না থাকার কারণে, অথবা বে-আইনি সার্জারির জন্য আমরা অনেক ক্লিনিক বন্ধ করে দিয়েছি। কিন্তু অর্গান ট্র্যাফিকিং-এর কোনো সূত্র পাইনি। তবে আমার ধারণা, এই ক্লিনিকগুলোর আড়ালে অনেক বড়ো র‌্যাকেট চলে। কিন্তু অনেক চেষ্টা করেও আমাদের হাতে কিছু আসেনি। কোনো পোক্ত প্রমাণ জোগাড় করতে পারিনি আমরা। তবে চেষ্টা চালাচ্ছি।”

জয়েন্ট কমিশনার কিছুক্ষণ চুপ করে রইলেন। গভীরভাবে কিছু যেন ভাবছেন তিনি। তারপর বললেন, ‘এই ধরনের ক্লিনিকগুলোর ওপর নজর রাখুন। তা বলে শহরের নামজাদা হাসপাতাল, ক্লিনিকগুলোকেও হিসেবের বাইরে রাখবেন না। ছোটো ক্লিনিকগুলো হয়তো ব্যাক-আপ বা ইমার্জেন্সি বেস হিসেবে ইউজ হতে পারে, অথবা ওয়ারহাউস হিসেবে, কিন্তু অরগ্যান ট্র্যাফিকিং-এর বিজনেস চালাতে হলে ইনফ্রা-স্ট্রাকচার দরকার হয়। দক্ষ ডাক্তার দরকার হয়। সেগুলো বড়ো হসপিটাল ছাড়া সম্ভব নয়। আজ কিছুক্ষণ আগে হেলথ সেক্রেটারি অদ্বৈত মুখার্জি আমায় ফোন করেছিলেন। খবরটা তাঁর কানেও পৌঁছেছে। আমার কাছে রিপোর্ট চেয়েছেন তিনি। তিনি নিজেও যথেষ্ট চিন্তিত।’

সৌরভ সান্যাল বললেন, ‘আমরা চেষ্টা করছি স্যার। যত তাড়াতাড়ি সম্ভব আপনি রিপোর্ট পেয়ে যাবেন।’

।। তিন।।

রাত গভীর হলে গাড়িটা এসে দাঁড়ায় গেটের সামনে। আজ প্রথম নয়, বরাবরই আসছে। যবে থেকে লালন এখানে এসেছে, তখন থেকেই দেখছে ব্যাপারটা। রোজ অবশ্য নয়, তিন-চার মাস পরপর আসে। কখনও আবার অনেকদিন আসে না। কিন্তু গাড়িটাকে বড্ড ভয় পায় লালন।

মা-কে লালনের মনেও পড়ে না। জ্ঞান হওয়া ইস্তক একটা পাগলাটে, মাতাল, হিংস্র, বুড়োটে লোককে বাবা হিসেবে জেনেছে। লোকটা সারাদিন কোথায় থাকত কে জানে! কোনোদিন মাঝরাতে, কখনো ভোররাতে তাদের বস্তির দরমার ঘরে টলতে টলতে ফিরে আসত। লালন ঘাপটি মেরে বিছানায় মুখ গুঁজে ঘুমের ভান করে পড়ে থাকত। কারণ জেগে থাকলেই কপালে জুটত বেদম মার। ঘরে ঢুকেই চিৎকার করতে থাকত, নর্দমার জলের মতো খিস্তি-খেউড়ের বান ডাকত। লালন টের পেত সব। আরও বেশি করে বিছানার মধ্যে মুখ গুঁজে থাকত। কিছুতেই চোখ খুলত না। চোখ বন্ধ অবস্থাতেই এক-একদিন টের পেত লোকটা ঘরের মধ্যেই গলগল করে বমি করছে। দুর্গন্ধে ঘরের বাতাস ভারী হয়ে যেত। লালন নড়ত না তবু।

সেইসব দিনগুলো ছিল নরকের চেয়েও ভয়ংকর। তারপর একদিন আর বাবা বাড়ি ফিরল না। দু-দিন, তিনদিন করে সপ্তাহখানেক কেটে গেল। স্টেশনে ভিক্ষা করে নিজের পেট চালাতে শুরু করল লালন। বাবার অনুপস্থিতির জন্য কোনো দুঃখবোধ ছিল না। বরং স্টেশন চত্বরে কিছু বন্ধু জুটেছিল তার। ভালোই ছিল। প্রথম প্রথম সামান্য দ্বিধা থাকলেও ধীরে ধীরে বন্ধুদের সঙ্গে মিলে বিড়িতে সুখটান দিতে শিখেছিল। আরও হয়তো অনেক কিছু শিখত, কিন্তু তার আগেই দাদামণির সঙ্গে দেখা হয়ে গেল।

দমদম, বিধাননগর স্টেশনের সব বাচ্চাদের কাছে উত্তীয় সোম তাদের দাদামণি। উত্তীয় সোম পেশায় অধ্যাপক, নেশায় সমাজসেবী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল ছাত্র উত্তীয় পিএইচডি করার পর সেখানেই লেকচারার হিসেবে জয়েন করে। বয়স তিরিশ, দীর্ঘদেহী এই সুদর্শন যুবকটি সেই কলেজে পড়ার সময় থেকেই পথশিশুদের নিয়ে কাজ করে চলেছে। শুরুতে সঙ্গে বেশ কিছু বন্ধুবান্ধবও ছিল। তারপর যা হয়, প্রারম্ভিক উত্তেজনা কেটে গেলে সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে তারা খসে পড়েছে। কিন্তু উত্তীয় সোম কিন্তু এই বাচ্চাগুলোকে ছেড়ে যায়নি। স্টেশন চত্বরের এই ঘরহারা, বয়ে যাওয়া বাচ্চাগুলোর জন্য উত্তীয় সোমই তাদের আপনজন, তাদের সকলের দাদামণি।

লালনের সঙ্গে দাদামণির পরিচয়ের প্রথম দিনটা কোনোদিন ভুলবে না লালন। তখন খোঁড়া শম্ভু হপ্তায় একবার আসত টাকা নিতে। লালন সেই বয়সেই জেনে গেছিল, এই দুনিয়ায় বিনামূল্যে কিছু মেলে না। সরকারের তৈরি স্টেশন চত্বরে মাথা গোঁজার জন্যও মূল্য দিতে হয় বই কি! সরকারকে না হোক, খোঁড়া শম্ভুকে দিতে হয়। নগদে দিতে না পারলে গতর দিয়ে দাম চোকাতে হয়। তা সে টাকা দিয়ে হোক, বা রাতের অন্ধকারে শরীরী খেলায়। সেলামি মাফ হলে পেটটা একটু বেশি ভরে।

লালন ভেবে নিয়েছিল, এভাবে আর চলছে না। এবার খোঁড়া শম্ভুর কাজ শিখেই নেবে। ছোটোখাটো চুরি, পকেট কাটা বই তো নয়! শিখতে শুরুও করেছিল ভোলা, শিবু, রববানিদের থেকে। ভিড়ের মধ্যে পার্স, মোবাইল ফোন নিঃশব্দে উঠিয়ে নিতে পারছিল লালন। আরও ক-দিন লেগে থাকতে পারলে সেলামিটা পুরোপুরি মাফ করিয়ে নিতে পারত সে। কিন্তু তার আগেই দাদামণি এলেন। সব ওলটপালট হয়ে গেল লালনের। জন্মাবধি ভালোবাসা কোনো চিড়িয়ার নাম না-জানা লালনের মনের ভেতর প্রথমবার বিস্ফোরণ ঘটে গেছিল। এতদিনের চেনা পৃথিবীটাকে অন্যরকমভাবে দেখতে শিখিয়েছিল লালনদের দাদামণি। প্রথমবারের জন্য লালনের মনে হয়েছিল, সব খারাপ নয়, সবাই খারাপ নয়। অন্তত ভালোবাসা পাওয়ার জন্য মূল্য দিতে হয় না।

লালন দেখেছিল, ওর বন্ধুরা দাদামণিকে এড়িয়ে চলে। কারণ খোঁড়া শম্ভু দাদামণিকে পছন্দ করে না। বন্ধুরা সাবধান করে দেয় লালনকে। ওরা দাদামণির থেকে সাহায্য নেয়, আবার দাদামণি বেরিয়ে গেলেই নিজের স্বরূপে ফিরে আসে।

ভালো লাগত না লালনের। এই স্টেশন চত্বর, এই অপরাধের জগৎ, অন্ধকার হলেই খোঁড়া শম্ভুর ভয়ে লুকিয়ে থাকার জীবন বিষ লাগতে শুরু করেছিল তার। ইচ্ছে হচ্ছিল এই পরিবেশ থেকে দূরে কোথাও পালিয়ে যেতে। লেখাপড়া শিখে সুস্থ জীবনে ফেরার একটা অসম্ভব ইচ্ছে উঁকি দিচ্ছিল লালনের মনে।

ইচ্ছে, শুধুই ইচ্ছে। সেই ইচ্ছে যে সফল হতে পারে, এমন সুদূরপরাহত স্বপ্ন লালনের মতো মাটিতে মুখ গুঁজে বড়ো হওয়া ছেলেরা দেখে না। লালনও দেখেনি কোনোদিন। কিন্তু সেটাই ঘটিয়ে বসল দাদামণি। কী জানি কী দেখেছিল সে লালনের মধ্যে, জিজ্ঞাসা করল একদিন, ‘এখান থেকে বেরোতে চাস, লালন?’

লালন অবাক হয়ে দাদামণির মুখের দিকে তাকিয়েছিল। ঠোঁট কাঁপছিল তার। মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। গলার কাছে কী যেন একটা দলা পাকাচ্ছিল। বারবার ঢোক গিলেও যাচ্ছিল না কিছুতেই।

দাদামণি লালনের পিঠে হাত রেখে বলেছিল, ‘আমি তোর জন্য সব ব্যবস্থা করে ফেলেছি লালন। আগামী সোমবার এখান থেকে বেরিয়ে উল্টোডাঙা ফ্লাই-ওভারের ঠিক পাশের গলিতে নিতুর দোকানে দাঁড়াবি বেলা বারোটায়। ভুলেও যেন বলবি না কাউকে। পুলিশ নিয়ে এসে তোকে এখান থেকে বের করে নিয়ে যেতে পারতাম, কিন্তু তাহলে আমি এখানে আর কাজ করতে আসতে পারতাম না। শম্ভু আমাকে এখানে কাজ করতে দিত না। তুই বুঝতে পারছিস তো?’

টক করে এক পাশে ঘাড় কাত করেছিল লালন। কাউকে কিচ্ছু বলেনি সে। রাতে ঘুমোতে পারেনি উত্তেজনায়। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত অতি দীর্ঘ বলে মনে হয়েছে। শুধু সময় গুনেছে লালন, কবে আসবে সোমবার, কখন বাজবে বারোটা! যদি এখান থেকে বেরোতে না পারে! বন্ধুরা ‘কোথায় যাচ্ছিস’ জিজ্ঞাসা করলে কী বলবে সে! যদিও লালন ভালো করেই জানে দিনের বেলা এই চত্বরে সকলেই পেটের ধান্দায় ঘোরে, কেউ কারও খোঁজ রাখতে যায় না। তবু যদি! এই ‘তবু যদি…!’-তে রাত কেটে গেছে। প্রশ্নের পর প্রশ্নের উত্তর খুঁজেছে, নানান পরিস্থিতি কল্পনা করে ঘেমে-নেয়ে উঠে বসেছে।

তারপর এক সময় সোমবার দুপুর হয়েছে। দাদামণি নিজের কথা রেখেছে। ঠিক বারোটার সময় একটা ট্যাক্সি এসে দাঁড়িয়েছিল সেদিন নিতুদার দোকানের সামনে। দরজা খুলতেই পেছনের সিটে গিয়ে উঠে বসেছিল লালন। সামনে ড্রাইভারের পাশের সিট থেকে হেসেছিল দাদামণি। নরম গলায় জিজ্ঞাসা করেছিল, ‘খুব চিন্তা করছিলি নাকি?’

দু-দিকে সজোরে মাথা নেড়েছিল লালন। দাঁত বের করে হেসেছিল সে-ও। তারপর জানলা দিয়ে মুখ বাড়িয়ে চোখ রেখেছিল রাস্তায়। জোরে জোরে নিশ্বাস নিয়েছিল সে। খোলা জানলা দিয়ে ধুলো-ধোঁয়া মাখা মহানগরের দূষিত হাওয়া তার মুখে আদরের পরশ বুলিয়ে যাচ্ছিল। সব কিছু ভালো লাগছিল লালনের। মনে হচ্ছিল, এত আলো, এত বাতাস সে এ জীবনে দেখেনি।

সেইদিন প্রথম দাদামণির সঙ্গে লালন পা রেখেছিল এই নব দিগন্ত সেবাশ্রমে। নামে অনাথ আশ্রম, তা বলে সকলে যে এখানে পিতৃমাতৃহীন, তা নয়। অনেকের বাবা-মা থেকেও নেই। সন্তান প্রতিপালন করার সামর্থ্য নেই, কিন্তু জন্ম দিয়ে গেছে অকাতরে। স্বাভাবিকভাবেই সেইসব অনাকাঙ্ক্ষিত সন্তানদের ঠাঁই হয়েছে এই হোমে।

সেদিনের পর থেকে লালন এখানেই আছে। মাঝেমধ্যে দাদামণি আসে তার সঙ্গে দেখা করতে। এখানে খাওয়া-পরার কষ্ট নেই। লেখাপড়াও শেখানো হয় তাদের। মাসে দু-বার নিয়ম করে ডাক্তারবাবু আসেন তাদের পরীক্ষা করতে। এখানে ছেলেদের সঙ্গে বেশ বন্ধুত্ব হয়ে গেছে লালনের।

দাদামণি জিজ্ঞাসা করে, ‘কেমন আছিস? এখানে ভালো লাগছে তো?’

কী বলবে লালন? দাদামণির জন্যই এমন একটা নিশ্চিন্ত জীবন পেয়েছে সে। কৃতজ্ঞতায় গলা বুজে আসে তার। চোখ ছলছল করে। দাদামণি পিঠ চাপড়ে হেসে বলে, ‘ধুর পাগল, কাঁদিস কেন? মন দিয়ে লেখাপড়া করবি। অনেক বড়ো হতে হবে কিন্তু তোকে। কেমন?’

লালন ঘাড় নাড়ে। সে জানে, অনেক বড়ো হতে হবে তাকে, অনেক। দাদামণি বলেছে যে!

গাড়িটাকে প্রথমবার দেখে কিছু ভাবেনি লালন। সারাদিন কত গাড়িই তো আসে। তাতে কী? যে রাতে গাড়িটা এল, তার পরদিনই সৌরভ বলে ঢ্যাঙামতো ছেলেটাকে আর পাওয়া গেল না হোমে। যথা নিয়মে পুলিশে ডায়েরি করা হল। হোমে পুলিশ এল, সকলে জিজ্ঞাসাবাদ করল। প্রথম প্রথম ঘন ঘন এল, তারপর কিছুদিন পরপর। তারও পর আস্তে আস্তে থিতিয়ে পড়ল ব্যাপারটা।

প্রায় মাস পাঁচেক পরে আবার এক রাতে এল গাড়িটা। চলেও গেল। পর দিন কিছু হল না। তার পর দিন ডাক্তারবাবু এলেন। সবার পরীক্ষা করলেন। তারপর চলে গেলেন তিনি নিয়ম মতো। এর ঠিক দুই দিন পর একদিন সকালে লিয়াকতকে আর হোমে খুঁজে পাওয়া গেল না। আবার পুলিশ এল, তদন্ত হল। শিশু সুরক্ষা কমিটির প্রতিনিধিরা এলেন। হোম পরিদর্শন করে সন্তুষ্ট হয়ে সার্টিফিকেট দিলেন। বাচ্চাদের সুখ-স্বাচ্ছন্দ্য সাধ্যমতো দেখা হয় এখানে। কোনো ছেলে কোনো অভিযোগ জানায়নি। খাবারের মান ভালো, সুপার ও অন্যান্য কর্মীদের ব্যবহার ভালো। বাচ্চাদের যথেষ্ট যত্ন নেওয়া হয়। তাদের স্বাস্থ্য ও সুরক্ষার ব্যাপারে খেয়াল রাখা হয়। হোমের পরিবেশ বেশ পরিচ্ছন্ন। আর কী চাই!

তখনও লালন ব্যাপারটা ঠিক খেয়াল করেনি। কিন্তু এর পরের ঘটনাটা ঘটল, ঠিক তিন মাসের মাথায়। ছেলেটা নতুন এসেছিল। সরকারি খাতায় এন্ট্রিও হয়নি। তার আগেই গায়েব হয়ে গেল। এবার আর পুলিশ এল না। কেউ কোনো কথা বলল না। দু-একজন জিজ্ঞাসা করেছিল। তারা জানল, ছেলেটার বাড়ির লোক ওকে ফিরিয়ে নিয়ে গেছে, যদিও তাকে হোম থেকে নিয়ে যেতে কাউকে কেউ দেখেনি। কিন্তু লালন দেখেছে, দু-দিন আগেই গাড়িটা এসেছিল।

তার পরেও কয়েক বার এসেছে গাড়িটা। প্রতিবারই কাউকে না কাউকে তারপর আর খুঁজে পাওয়া যায়নি। লালন অনেকবার ভেবেছে দাদামণিকে সব খুলে বলবে। কিন্তু বলতে পারেনি। দাদামণি তাকে রাস্তা থেকে তুলে এনে এখানে রেখেছে। নিজের বিপদের সম্ভাবনা অগ্রাহ্য করেও নরক জীবন থেকে বাঁচিয়েছে তাকে। আর ওখানে ফিরে যেতে চায় না লালন। সে এখানেই থাকবে। এখানে অন্তত তিন বেলা ভর পেট খাবার তো জুটছে!

কাল রাতে আবার এসেছিল গাড়িটা। লালনের চৌকি একদম জানলার পাশে। এখান থেকে সামনের রাস্তা, গেট পরিষ্কার দেখা যায়। কে এল, কে বেরোল সব দেখতে পায় লালন। এখন সে অনেক কিছু জানে। কিন্তু এসব কথা কাকে বলবে সে? দাদামণিকে? বলা কি উচিত হবে? ভাবতে থাকে লালন। এই কম বয়সেই অনেকটা জীবন দেখে ফেলেছে লালন। দাদামণিকে পেয়েছে। অথচ কিছু জিজ্ঞাসা করার সাহস সঞ্চয় করে উঠতে পারে না সে। দাদামণির দুশ্চিন্তা সে বাড়াতে চায় না। তাই দাদামণি যখন জিজ্ঞাসা করে, ‘কেমন আছিস? সব ঠিক আছে তো?’ তখন লালন হাসিমুখে মাথা নাড়ে। কিন্তু তার ভাবনাটা যায় না। সে ভাবতেই থাকে, এবার তাহলে কার পালা!

তবে একজনকে সে বলেছে তার ভয়ের, সন্দেহের কথা। নব দিগন্ত হোমে মালির কাজ করে জসীমচাচা। স্থায়ী কর্মী নয়, দিনমজুর। লালনকে খুব ভালোবাসে জসীমচাচা। মাটিতে খুরপি চালাতে চালাতে বিড়বিড় করতে থাকে দিনভর। চাচা বলেছেন, লালনের কোনো ক্ষতি হতে দেবে না।

।। চার।।

মা-বাবা হানিমুনে গেছে। যদিও এই কথাটা ওদের সামনে বলতে গিয়ে মায়ের কাছে ধমক খেয়েছি। বাবা অবশ্য খুব স্পোর্টিংলি নিয়েছে। একগাল হেসে বলল, ‘তা বলতেই পারিস। বিয়ের সময় জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম। বিয়ের এক বছর পরে পুরীতে বেড়াতে যাওয়া হয়েছিল বটে, তবে সেটা তেরোজন মিলে। আমার বাবা কিছুতেই হোটেলে অজাত-কুজাতের হাতের রান্না খাবেন না। তাই তোর মাকে সেখানে গিয়েও রান্নাবান্না করতে হয়েছিল। তার পরবর্তীকালে অনেক জায়গায় বেড়াতে যাওয়া হয়েছে অবশ্য, কিন্তু তোর মায়ের দুঃখটা আজও গেল না।’

এসব গল্প আমার অনেক আগে থেকেই মায়ের মুখে বহুবার শোনা। আমি ছোটো থাকতে যেখানেই যাওয়া হত, আমাকে সঙ্গে করেই যেত। তারপর ওদেরও বয়স হল। শরীর ভালো যায় না বলে মা আজকাল আর কোথাও যেতেই চায় না। বাড়িতে বসে থেকে কেমন যেন খিটখিটে হয়ে গেছে। আমাকে নিয়ে খুব চিন্তা করে।

দিন পনেরো আগে আমিই টিকিটটা বুক করেছিলাম। তারপর অনলাইনে হোটেল বুক করে ওদের জানিয়ে দিয়েছিলাম, ‘তোমরা হানিমুনে যাচ্ছ।’

‘মানে? কোথায়?’ চোখ কপালে তুলে জিজ্ঞাসা করেছিল বাবা।

‘মানে, যা বললাম তাই। আর যাচ্ছ গোয়াতে’, মুচকি হেসে বলেছিলাম আমি।

‘গোয়াতে? এই বয়সে গোয়াতে? ফাজলামো হচ্ছে?’ মা আর্তনাদ করে উঠেছিল প্রায়।

আমি মুখ গম্ভীর করে উত্তর দিলাম, ‘কেন নয়? বয়স-টয়েস আবার কী? আমি তো তোমার জন্য টু পিস সুইম স্যুটও অর্ডার করে দিয়েছি।’

কথাটা শেষ করার আগেই মায়ের মুখ দেখে হেসে ফেলেছিলাম। মা বুঝে গেছিল, আমি ইয়ার্কি মারছি। মুখ গম্ভীর করে বলেছিল, ‘বাহ বাহ, ওই শিখেছ। মা-বাবার সঙ্গে ফাজলামো করছ!’

বাবা তাড়াতাড়ি আসরে নেমেছিল তখন। বলেছিল, ‘আরে তাতে কী? ছেলে-মেয়ে বড়ো হলে বন্ধু হয়ে যায়, জানো না? যাক গে, তুই তোর মায়ের কথা ছাড় তো! আমার জন্য দুটো জংলা ছাপ হাওয়াই শার্ট অর্ডার করেছিস তো? আর শোন, কাল সাউথ সিটিতে গিয়ে দুটো রে-ব্যানের সানগ্লাস কিনতে হবে, আর সঙ্গে স্ট্র-এর টুপি।’

আমি চোখ পাকিয়ে বললাম, ‘শখ মন্দ নয়। কোনো গোয়া-ফোয়া যাওয়া হবে না। তীর্থ করার বয়সে গোয়া যাওয়ার শখ, না?’

বাবা কাঁধ নাচিয়ে বলল, ‘তীর্থে তুই যা। আমি তো গোয়াতেই যাব।’

হেসেছিলাম। বাবার চোখের খুশিটা দেখতে খুব ভালো লাগছিল। টিকিট দুটো আর হোটেল বুকিং-এর কাগজপত্র বাবার হাতে দিয়েছিলাম। চোখ বুলিয়ে দেখে বাবার ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটে উঠল। গোয়া নয়, পনেরো দিনের কেরালা টুর। হোটেলে, হাউসবোটে থাকা, কুন্নুর, কোদাইকানাল, ত্রিবান্দ্রম সহ অন্যান্য জায়গায় ঘোরার পুরো ট্যুর প্ল্যানটা ছকে দিয়েছিলাম। গত এক মাস ধরে প্ল্যানটা করেছি আমি।

সব দেখে-শুনে মা বলেছিল, ‘তুই যাবি না?’

‘হ্যাঁ মা, তা আবার যাব না?’ হেসে বলেছিলাম, ‘তুমি আমার হয়ে আমার প্রোজেক্ট ম্যানেজারকে একটু বলো না আমাকে পনেরো দিনের ছুটি দিতে। তবে তারপর যদি আমার চাকরিটা আর না থাকে, তবে কিন্তু তোমাদের যাওয়াও ক্যানসেল হয়ে যাবে, সেটা ভেবে যা করার ক’রো।’

‘যত্তসব বাজে চাকরি। বেড়ানোর জন্য ছুটি দেবে না?’

‘ঠিক বলেছ মা জননী, যাচ্ছেতাই চাকরি! তবে স্যালারিটা মাস শুরুর আগেই দিয়ে দেয় কি না, নেহাত সেই লোভটা কাটাতে পারছি না বলে চাকরিটাও ছাড়তে পারছি না। যেদিন মোহমুক্ত হতে পারব, সেদিনই রেজিগনেশন লেটারটা ম্যানেজারের মুখে ছুড়ে দিয়ে মায়ের মেয়ে মায়ের কোলে ফিরে আসব।’

‘আসল কথাটা বল তো? আবার টাপুরের কোনো কেস এসেছে, না? সেই জন্য আমাকে আর তোর বাবাকে এখান থেকে তাড়াতে চাইছিস?’ ভুরু কুঁচকে জিজ্ঞাসা করেছিল মা।

আমি নাটুকে ভঙ্গিতে গলা ছুঁয়ে চোখ বড়ো বড়ো করে গলা কাঁপিয়ে বলেছিলাম, ‘মাক্কালী, আয়ি শপথ! ছি ছি মা, তুমি আমায় সন্দেহ করছ? একমাত্র মেয়েকে সন্দেহ? কী দিনকাল এসে গেল, মাইরি! এ জীবন রেখে আমি কী করব?’

‘চোপ’, হেসে ফেলেছিল মা, ‘কীসব গাঁইয়াদের মতো ভাষা হচ্ছে তোমার, মিতুল? খুব নাটক শিখেছ, না? টিকিট যখন কেটে ফেলেছ, যাব’খন। কিন্তু তুমি টাপুরের সঙ্গে টইটই করে চোর গুন্ডা-বদমাশ ধরতে বেরোবে না, বলে দিলাম।’

‘একদম না। কক্ষনো না। নেভার’, জোর দিয়ে বলেছিলাম আমি।

বাবা এতক্ষণ নীরব শ্রোতা হয়ে বসে ছিল। আমার আর মায়ের বাকবিতণ্ডা মন দিয়ে শুনছিল আর মুচকি মুচকি হাসছিল। এবার বলল, ‘ব্লাফ দিও না মামণি। যা করবে, বুক চিতিয়ে বীরের মতো করো। মা-কে বলে দাও যে, আমরা বাড়ি থেকে বেরোনো মাত্র তুমিও গাড়ি বের করে টাপুরের ফ্ল্যাটে রওনা হবে।’

চোখ কটমট করে বাবার দিকে তাকালাম।

তারপর মায়ের গলা জড়িয়ে ধরে বললাম, ‘অত ভয় পাও কেন মা? তোমার মেয়ে দিনের শেষে তোমার কাছেই ফিরবে। আজ অবধি টাপুরদি আমার কোনো ক্ষতি হতে দিয়েছে কখনো, মনে করে বলো তো?’

‘আমার ভয় করে’, গোঁয়ার বাচ্চার মতো বলেছিল মা।

আমিও মায়ের গালে চকাস করে চুমু খেয়ে বলেছিলাম, ‘ভয় পেয়ো না, ভয় পেয়ো না, তোমার মেয়ে মরবে না। যাও তো, সুটকেস গোছানো শুরু করো, শপিং-টপিং যা যা করতে হবে লিস্ট করে রেখো, উইকএন্ডে কিনে ফেলা যাবে।’

বাবার কথাটা সেদিন ভুল ছিল না। বাবা-মা-কে এয়ারপোর্টে ছেড়ে বাড়ি ফিরছি, এমন সময়ে টাপুরদির ফোনটা এসেছিল, ‘ফ্রি আছিস?’

ব্লুটুথ স্পিকার অন করে উত্তর দিয়েছিলাম, ‘হুম, ভিআইপি রোডে অফিস আওয়ারে ড্রাইভ করাকে যদি ফ্রি থাকা বলা যায়!’

‘কাকু-কাকিমাকে রওনা করিয়ে দিয়েছিস?’

‘হ্যাঁ, এয়ারপোর্টে ঢুকিয়েই ফিরছি।’ বললাম আমি।

‘চলে আয়।’ ওদিক থেকে বলল টাপুরদি।

‘কেস?’ উত্তেজিত গলায় জিজ্ঞাসা করলাম আমি।

‘জানি না এখনও। একজন দেখা করতে আসছে’, বলল টাপুরদি।

‘কে গো? কী কেস?’ জিজ্ঞাসা করলাম।

‘কী কেস জানি না, কিন্তু মানুষটাকে চিনি। ওর নাম উত্তীয় সোম, আমার সঙ্গে কলেজে পড়ত।’

‘তোমার এক্স?’ ফিক করে হেসে জিজ্ঞাসা করলাম।

‘মারব এক থাপ্পড়!’ কপট রাগত স্বরে বলল টাপুরদি, ‘চলে আয় তাড়াতাড়ি।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *