।। পঞ্চাশ।।
অন্ধকারের চাদর মুড়ে দাঁড়িয়ে আছে ওয়াগন ট্রাকটা। জায়গাটা এমনিতেই বেশ অন্ধকার। নভেম্বরের শেষে হিম পড়তে শুরু করেছে। মধ্যরাতের পরে রাস্তায় লোক থাকে না। মাতালদেরও বাড়ি ফেরার সময় পেরিয়ে গেছে অনেক আগেই। এই গলির ভেতরে ল্যাম্পপোস্ট ছিল একটা, যার বালবটা কে বা কারা খুলে নিয়েছে অনেক আগেই। অর্জুন জানে, যেসব জায়গায় সমাজবিরোধী কাজকম্ম হয়, সেখানে আলো থাকা চলে না।
এই হিমের রাতে সারা শহর যখন হালকা চাদরের ওম মেখে ঘুমোচ্ছে, কিছু মানুষ জেগে আছে তবু। তাদের সবার যদিও জেগে থাকার উদ্দেশ্য এক নয়, তবু উভয় পক্ষই সমান সচেতন। তারা জানে, সামান্য ভুলের জন্য চরম মূল্য দিতে হতে পারে।
অর্জুনের টিম ছড়িয়ে আছে পুরো জায়গাটা জুড়ে। বেড়ালের মতো পা টিপে চলাচল করছে অন্ধকারের আড়ালে, প্রয়োজনে ফিসফিস করে কথা বলছে, যার শব্দ ঘাসে শিশিরবিন্দুর পতনের চেয়েও মৃদু। অর্জুনের পকেটের ফোন ভাইব্রেট করছে। ভ্রূ কুঁচকে ফোনটা বের করে দেখল ডিসিডিডি স্যার। এক কোণে অন্ধকারে সরে গিয়ে ফোনটা কানে ঠেকাল অর্জুন।
‘হ্যালো, স্যার!’
‘সব ঠিক আছে? শুভমের মেসেজ পেয়েছ তো?’
‘পেয়েছি স্যার। সব ঠিক আছে। রাত দুটোর পর একটা ওয়াগন ট্রাক একটু দূরে এসে দাঁড়িয়ে আছে। এখনও কোনো মুভমেন্ট নেই।’ ফিসফিস করে বলল অর্জুন।
‘আমি টিম নিয়ে আসছি। রেড হ্যান্ডেড অ্যারেস্ট করতে হবে অর্জুন। চেষ্টা করবে গ্যাংটার সকলকে জীবন্ত ধরতে। নইলে ওদের কিং পিন অবধি পৌঁছোনো যাবে না।’
‘ওকে স্যার। আমাদের উদ্দেশ্য হল ওরা যখন ট্রাকে লোড করবে তখন ধরা। কারণ, ওই বাড়ির ভেতর কে কী অবস্থায় আছে আমরা জানি না। আশা করা যায় ওদের কাছে আর্মস আছে। ওখানে যাদের রাখা হয়েছে, তাদের লাইফের কোনোরকম রিস্ক নেওয়া যাবে না। তাই আমরা ভেতরে ঢুকছি না। আপাতত বাইরেই অপেক্ষা করছি। আপনারা আসুন। ততক্ষণ আমরা সামলে নেব’, বলে ফোনটা রেখে দিল অর্জুন।
জীবন্ত ধরতে হবে। একটা দীর্ঘশ্বাস ফেলে সে। জীবন্ত ধরার সব দায় পুলিশের। নইলে মিডিয়া, হিউম্যান রাইটস চিবিয়ে খাবে তাদের। ক্রিমিনালদের এমন কোনো দায় নেই। ওরা সেদিক থেকে ভাগ্যবান। হাতের অস্ত্রকে সংবরণ করার কোনো নির্দেশ থাকে না তাদের ওপর।
কবজি উলটে ঘড়ি দেখল অর্জুন। রাত দুটো চল্লিশ বাজে। এখনও কেউ বেরোয়নি ওই বাড়ি থেকে। তবে কি শুভম ভুল শুনল? মন্থর পায়ে অন্ধকারে বাড়িটার দিকে এগোল অর্জুন। আর ঠিক সেই মুহূর্তে অন্ধকারের বুক চিরে একটা বাইক এসে থামল বাড়িটার সামনে। দু-জন নামল বাইকটা থেকে। অন্ধকারে ভালো দেখা যাচ্ছে না। তবে দূর থেকে মনে হল, একজন দীর্ঘদেহী, কমবয়সি। অপর গাঁট্টাগোঁট্টা চেহারার টাক-মাথা মানুষটির বয়স বেশি। তারা নিঃশব্দে বাইকটাকে তুলে বাড়ির ভেতরে ঢুকিয়ে নিল। নিজেরাও সিঁড়ি বেয়ে উঠে গেল ওপরে।
ওরা ঢুকে যেতেই অর্জুন নিজের টিমকে নির্দেশ দিল কাছে এসে বাড়িটার চারপাশে ঘিরে থাকতে। ওদের এখনই কিছু টের পেতে দেওয়া চলবে না।
ঘড়ি ধরে মিনিট দশেক কাটল। আর কাউকে ঢুকতে বা বেরোতে দেখা গেল না। অর্জুন ও তার টিম নিশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। প্রতিটা মুহূর্ত এখানে গুরুত্বপূর্ণ।
এবার অন্ধকারে কিছু আন্দোলন দেখা গেল। কয়েকজন নেমে আসছে সিঁড়ি বেয়ে। বেঁটে লোকটা এগিয়ে গিয়ে ওয়াগন ট্রাকটার ড্রাইভিং সিটে বসল। তারপর সেটা ব্যাক করিয়ে এনে তিনতলা বাড়িটার সামনে থামল। নিজেও নেমে এল গাড়ি থেকে।
সিঁড়ি বেয়ে দু-জন মিলে ধরে ধরে পাঁজাকোলা করে কাউকে নামাচ্ছে। মৃত কী জীবিত বোঝা যায় না। দেহে কোনো সার নেই। তারপর আর একজনকে নামানো হল, আবার আর একজন। সারসার দেহ নামছে। সকলের মুখ-হাত বাঁধা। লোকগুলো বারবার সিঁড়ি বেয়ে ওঠানামা করছে। হাঁফাচ্ছে। অর্জুন বোধ হয় নিশ্বাস ফেলতেও ভুলে গেছে। একের পর এক মৃতবৎ দেহগুলিকে যন্ত্রের মতো নিঃশব্দে ট্রাকে তোলা হচ্ছে। বোঝা যায় এরা এইসব কাজে যথেষ্ট দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন।
অন্ধকারে গা ঢাকা দিয়ে মার্জারপদে এগোচ্ছে অর্জুনের টিমও। হাতে সবার লোডেড সার্ভিস রিভলভার। সব মিলে ওদের দলে জনা আষ্টেকের বেশি হবে না। সম্ভবত অস্ত্রও আছে ওদের কাছে। সেটা থাকাই স্বাভাবিক।
একসময় শেষ মানুষটিকেও তোলা হয়ে গেল ওয়াগনের ভেতর। ঠিক সেই সময়ে ঘটল ঘটনাটা। ওয়াগনের খোলা শাটার দিয়ে একটা ছেলে পরিত্রাহি চিৎকার করে উঠল, ‘বাঁচাও, কে আছ, বাঁচাও!’
গলা শুনে মনে হল বয়স চোদ্দো-পনেরো হবে। লাফিয়ে পড়ল ছেলেটা রাস্তায়। কোনোভাবে মুখের বাঁধন খুলে ফেলেছে ছেলেটা। কেউ কিছু বুঝে ওঠার আগে হাত বাঁধা অবস্থাতেই দিকবিদিকজ্ঞানশূন্য হয়ে ছুটতে শুরু করল। দু’জন ওর পেছনে ছুটছে ওকে ধরার জন্য। মুহূর্তে দুটো আগ্নেয়াস্ত্র শূন্যে গর্জে উঠল। বাচ্চাটা ততক্ষণে অন্ধকারে পথের অন্য প্রান্তে ছুট লাগিয়েছে। ওর গা-ঘেঁষে বেরিয়ে এল একটা গুলি। লোকটা আবার ফায়ার করতে যাওয়ার আগেই ওদের নিজের দলের থেকেই একজন ঝাঁপিয়ে পড়ল লোকটার ওপর। ধ্বস্তাধ্বস্তির মাঝে লোকটার হাত থেকে রিভলভার কেড়ে নিল। আর তখনই মুহূর্তমাত্র সময় নষ্ট না করে অর্জুনের টিম ঘিরে ফেলল ওদের।
অন্ধকারে কিছু বুঝে ওঠার আগেই পুলিশের লোকেরা ওদের গোটা দলটাকে কবজা করে ফেলল। কয়েকজন বাধা দেওয়ার চেষ্টা করেছিল অবশ্য। তাতে সুবিধে করে উঠতে পারেনি। ওদের সকলের হাতে অস্ত্র ছিল না। এই পরিস্থিতির জন্য তৈরিও ছিল না ওরা। দীর্ঘদিন নিরুপদ্রবে কাজ চালিয়ে এসে হয়তো অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগছিল। তা ছাড়া অর্জুনের টিম আজ অ্যাকশনের জন্য তৈরি হয়েই এসেছিল। লড়াইটা একপাক্ষিকই হল।
ওদের দলের ভেতর থেকে যে লোকটা নিজের দলের একজনকে অ্যাটাক করেছিল, সে এগিয়ে এসে অর্জুনের সামনে দাঁড়িয়ে পকেট থেকে একটা কার্ড বের করে দিল।
‘আমি শিবেন্দ্র কুলকর্নি, স্পেশাল আন্ডারকভার আইবি অফিসার’, বলে হাত বাড়ালেন তিনি।
অর্জুন আই-কার্ডটা দেখে নিয়ে ফেরত দিল। বিস্ময়ের ভাবটা চেপে রেখে করমর্দনের জন্য হাত বাড়াল। সে শুনেছিল বটে, অরগ্যান ট্র্যাফিকিং কেসে আইবি কাজ করছে। কিন্তু তারা যে কলকাতা থেকে দূরে এই হলদিয়াতে পুলিশের আগেই পৌঁছে গেছে, ওদের দলে মিশে ওদের মিশন ফেল করানোর কাজ করে চলেছে জানা ছিল না অর্জুনের। মনটা একটু দমে গেল এই ভেবে যে, কলকাতা পুলিশের সব ক্রেডিট হয়তো আইবি নিয়ে যাবে।
কৌশিক এসে বলল, ‘স্যার, ছেলেটা ঠিক আছে। গুলি লাগেনি। তবে কড়া ডোজের ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। তাই খানিকটা ঘোরের মধ্যে আছে। নাম বলল’…
‘লালন’, কৌশিক শেষ করার আগেই বলল অর্জুন।
ঠিক তখনই অন্ধকার কেটে একটি চেনা গাড়ি এসে দাঁড়াল তাদের সামনে।
।। একান্ন।।
আমরা গাড়ি থেকে নামতে অর্জুনদা এগিয়ে এল আমাদের দিকে। টাপুরদির দিকে একবার চকিতে নরম দৃষ্টি নিক্ষেপ করে শুভমকে বলল, ‘খুব ভালো হয়েছে তুমি নিজেই এসেছ। তোমাকে দরকার পড়তে পারে। এখানে মোবাইল সিগন্যাল খুব লো। বারবার ফোন করে যোগাযোগ করা হয়তো সম্ভব হত না।’
একজন লম্বা-চওড়া লোক অনেকক্ষণ ধরে ফোনে কথা বলছিলেন দূরে দাঁড়িয়ে। এবার ফোনটা পকেটে ঢুকিয়ে এগিয়ে এলেন আমাদের দিকে। অর্জুনদা আমাদের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দিল।
‘এঁরা হলেন শুভম মিত্র, কলকাতা পুলিশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের অফিসার, ইনি সঙ্ঘমিত্রা ব্যানার্জি, প্রাইভেট ইনভেস্টিগেটর আর ইনি তাঁর সহকারী, সফটওয়্যার ইঞ্জিনিয়ার মৈথিলী সেন। আর ইনি হলেন আইবি আন্ডারকভার এজেন্ট শিবেন্দ্র কুলকার্নি।”
করমর্দন ও প্রাথমিক পরিচয়ের পালা সাঙ্গ হলে টাপুরদি বলল, ‘আপনি বেশ বাংলা বলেন তো! শুনে অবাঙালি বলে মনেই হয় না।’
শিবেন্দ্র হেসে বললেন, ‘আমার মা পুরোদস্তুর বাঙালি, তায় কাঠ-বাঙাল। তাই বাংলা আমার মাতৃভাষা।’
টাপুরদি বলল, ‘আপনি কীভাবে এদের সঙ্গে মিলে, মানে আমি কিছু বুঝতে পারছি না।’
শিবেন্দ্র বলল, ‘আমাদের কাছে খবর ছিল হলদিয়াতে ট্র্যাফিকিং-এর একটা বেস আছে। এর পর আমাদের টিম খোঁজখবর শুরু করতে এদের খোঁজ পাই। এদেরই একজনের থ্রু আমি এদের দলে ঢুকি। প্ল্যান ছিল হাতে নাতে ধরা। কিন্তু সেই সুযোগটাই হচ্ছিল না। এরা নতুন লোকের উপর বিশ্বাস করে না। আজও ঠিক লাস্ট আওয়ারে ডেট অ্যান্ড টাইম বদলে দেওয়ায় আমার টিম এসে পৌঁছোতে পারেনি। অনেক চেষ্টা করেও এদের মাথা কে, আমি জানতে পারিনি। আপনারা কিছু জেনেছেন কি?’
টাপুরদি আর অর্জুনদা মুহূর্তে চোখ চাওয়াচাওয়ি করল। অর্জুনদা মাথা নেড়ে বলল, ‘না, এদের মুখ খোলাতে পারলে হয়তো জানা যেতে পারে।’
অর্জুনদা কৌশিকের সঙ্গে কথা বলছিল একটু দূরে দাঁড়িয়ে। রেসকিউড মোট আঠারোজনকে ওপরে নিয়ে গিয়ে বসানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ডিসিডিডি স্যারকে সমস্ত আপডেট জানানো হয়েছে। তিনি প্রিজন ভ্যান ও অ্যামবুলেন্সের ব্যবস্থা করেছেন। যে-কোনো সময়েই এসে যাবে।
অর্জুনদা এবার এগিয়ে এসে বলল, ‘অ্যারেস্টেড লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কেউ মুখ খুলতে রাজি নয়। এদের হায়ার অথরিটি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।’
শিবেন্দ্র বললেন, ‘চলুন, আমি যাচ্ছি।’
তিনতলায় যেখানে লোকগুলো এতদিন ধরে থাকছিল, জায়গাটাতে ঢুকতেই অসহ্য বোঁটকা গন্ধে বমি এসে গেল। চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হচ্ছিল এদের। পাশের ঘরটাতে দলের লোকেদের হাতে দড়ি বেঁধে পাশাপাশি মেঝেতে বসানো হয়েছে। শিবেন্দ্র সোজা ঢুকে মতিমিঞার সামনে উবু হয়ে বসলেন। চোখে চোখ রেখে নরম গলায় বললেন, ‘তোমার বস কে মতিমিঞা? তুমি আমাকে মিথ্যে বলবে না আমি জানি।’
মতিমিঞা কিছুক্ষণ শিবেন্দ্রর মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর হঠাৎ এক দলা থুথু ছুড়ে দিল তার মুখে।
শিবেন্দ্র ছিটকে সরে এল। জ্যাকেটের স্লিভ দিয়ে মুখ মুছে আবার এগিয়ে গিয়ে বসল মতিমিঞার সামনে। আবার একই কথা জিজ্ঞাসা করল, ‘বলো মতিমিঞা, কে তোমাদের বস?’
মতিমিঞা শিবেন্দ্রর মুখের দিকে তাকিয়ে ঘৃণায় মুখ বিকৃত করল। তারপর মুখ ঘুরিয়ে নিল। এদিকে অর্জুনদা ও টিম সমানে বাকিদের ম্যারাথন জেরা করে চলেছে। ওরাও তোতার মতো একই কথা উগড়ে চলেছে, কে বস তারা কেউ জানে না।
শিবেন্দ্র এবার উঠে দাঁড়িয়ে অর্জুনদার দিকে তাকিয়ে চোখের ইশারা করল। অর্জুনদা এদিকে সরে এলে শিবেন্দ্র নিজের ফোনটা বের করে বলল, ‘আমার কাছে দু-বার মেসেজে অর্ডার এসেছিল একটা প্রাইভেট নম্বর থেকে। আপনার সাইবার ডিপার্টমেন্টের অফিসার এটা থেকে কিছু এক্সট্র্যাক্ট করতে পারেন কি না দেখুন। কারণ, আমি আমার ডিপার্টমেন্টেও পাঠিয়েছিলাম এই মেসেজ। কিন্তু ফরোয়ার্ড করা মাত্রই সেই মেসেজ এনক্রিপ্ট হয়ে যাচ্ছে। ফলে কিছু জানা যায়নি।’
অর্জুনদা হাত বাঁড়িয়ে মোবাইলটা নিল। তারপর শুভমকে ডেকে বুঝিয়ে বলতেই শুভম সোজা হয়ে দাঁড়াল। উত্তেজনায় ওর চোখ জ্বলছে। এই মুহূর্তে ওকে দেখে আর তেইশ-চব্বিশ বছরে বাচ্চা ছেলে বলে মনে হচ্ছে না। বিশ্বাস করতে অসুবিধে হচ্ছে না যে সে কলকাতা পুলিশের একজন দায়িত্বশীল অফিসার। প্রায় ছুটে নীচে নেমে গেল সে। টাপুরদির গাড়ি রাস্তার একপাশে দাঁড় করানো ছিল। দ্রুত হাতে ডিকি খুলে ফেলল। ওপরে জানলা দিয়ে দেখলাম, সেখানে ঠাসা যন্ত্রপাতি। পরবর্তী মিনিট দশেকের মধ্যে শুভম তিনতলার ঘরে টেম্পোরারি সাইবার সেল বসিয়ে ফেলল।
টাপুরদি এগিয়ে গেল অর্জুনদার কাছে। বলল, ‘আমি অন্য ঘরে আলাদা করে শুধু মতিমিঞার সঙ্গে কথা বলতে চাই।’
শিবেন্দ্র পাশে দাঁড়িয়ে ছিলেন। একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ‘লাভ হবে না। আমি মতিমিঞাকে চিনি। ও আর যাই করুক, বেইমানি করবে না।’
টাপুরদি বলল, ‘আপনাদের আপত্তি না থাকলে আমি একবার চেষ্টা করে দেখতে চাই। শুধু মিতুল থাকবে আমার সঙ্গে। মতিমিঞার হাতের বাঁধন খুলে দিন।’
অর্জুনদা বলল, ‘অসম্ভব! ভেতরে পুলিশ থাকবে। এরা হার্ডকোর ক্রিমিনাল। লোকটা তোমাদের অ্যাটাক করতে পারে। হাত কোনোমতেই খোলা যাবে না।’
টাপুরদি বলল, ”আমাকে একটা সুযোগ দাও অর্জুন। যা বলছি করো, প্লিজ। মতিমিঞার মুখ খোলাতেই হবে। চাইলে দরজার বাইরে পুলিশ রাখো যাতে ও পালাতে না পারে। কিন্তু ঘরের ভেতর নয়।’
অর্জুনদা টাপুরদির মুখের দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। তারপর বলল, ‘ওকে। অল দ্য বেস্ট!’
শিবেন্দ্র এবার বলল, ‘মতিমিঞা বাংলাদেশের লোক। ঘরে ছেলে-মেয়ে আছে। বাড়ির লোকেদের মিস করে খুব। লোকটা ইমোশনাল, খুব সরলও। মনটা নরম। জানিয়ে রাখলাম আপনাকে, যদি কাজে লাগে!’
মাথা নাড়ল টাপুরদি। বলল, ‘থ্যাঙ্ক ইউ!’
একটা ফাঁকা ঘরে চেয়ারে বসানো হয়েছে মতিমিঞাকে। হাতের বাঁধনও খুলে দেওয়া হয়েছে। দরজার বাইরে পুলিশ আছে জানি, তবু লোকটার দিকে তাকিয়ে কেমন ভয়-ভয় করছে আমার। গাঁট্টাগোট্টা বেঁটেখাটো চেহারা, মুখে সাদা দাড়ি বুক পর্যন্ত নেমেছে। গোঁফ চাঁছা, টাক মাথা। চোখদুটো আহত বাঘের মতো জ্বলছে।
টাপুরদি আমাকে এই ঘরে ঢোকার আগেই বলে রেখেছে দূরে থাকতে। আমি দরজার কাছেই দাঁড়ালাম। সত্যি বলতে কী খুব কাছে যেতে আমারও সাহস হচ্ছিল না।
টাপুরদি এগিয়ে গিয়ে মতিমিঞার মুখোমুখি বসল। তারপর নরম কণ্ঠে বলল, ‘আপনি জানেন, আপনাদের বস কে, তাই তো?’
মতিমিঞা উত্তর দিল না। খরদৃষ্টিতে তাকিয়ে রইল। টাপুরদি এবার বলল, ‘বেশ, আপনার ইচ্ছে না হলে আপনাকে উত্তর দিতে হবে না।’
একটু চুপ করে রইল টাপুরদি। তারপর বলল, ‘জানেন আপনার সঙ্গে কেন কথা বলছি আমি?’
মতিমিঞা উত্তর দিল না। টাপুরদি নরম গলায় বলল, ‘আমি যখন খুব ছোটো ছিলাম, সবে ছয় বছর বয়স, সেই সময়ে বাবাকে হারিয়েছি। বাবা আমাকে পিঠে চাপিয়ে ঘোড়া-ঘোড়া খেলত। আইসক্রিম কিনে দিত। খুব ভালোবাসত আমাকে। তারপর বাবা চাকরি করতে অনেক দূরে কোথাও চলে গেল। প্রতি পুজোয় অপেক্ষা করতাম কবে বাবা আসবে, আমাকে আবার কোলে করে নিয়ে ঠাকুর দেখতে যাবে, কাঠি আইসক্রিম কিনে দেবে। তারপর একদিন জানতে পারলাম, বাবা আর ফিরবে না। যে কোম্পানিতে বাবা কাজ করত, তারা নিজেদের দোষ ঢাকতে বাবাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়েছে। আমার বাবা লজ্জায়, দুঃখে আত্মহত্যা করেছে।
‘মতিমিঞা, জানেন, আপনাকে অনেকটা আমার বাবার মতো দেখতে। আপনাকে প্রথমবার দেখে চমকে উঠেছিলাম আমি। মনে হয়েছিল বাবা দাঁড়িয়ে আছেন। নইলে এত মিল দু-জন মানুষের মধ্যে হয় কখনো?’
বলতে বলতে টাপুরদি খপ করে মতিমিঞার হাত চেপে ধরল। দেখলাম টাপুরদির চোখের কোলে জল টলটল করছে। গলা কাঁপছে। মতিমিঞার মুখের রেখাগুলি অনেকটা কোমল হয়ে এসেছে। এখন আর তাকে একজন খুনি অপরাধী বলে মনে হচ্ছে না। মনের মধ্যে একবার টাপুরদির বাবার ছবিটা ভেসে উঠল। দীর্ঘদেহী, সৌম্যদর্শন একজন মানুষ। তাঁর সঙ্গে মতিমিঞার কোথাও বিন্দুমাত্র মিল নেই। কাকু বহাল তবিয়তে বেঁচে আছেন যে শুধু তাই নয়, ছোটোমেয়ের কাছে বস্টন ঘুরতে গেছেন। কালকেও ফেসবুকে ছবি পোস্ট করেছেন দেখলাম।
হাত ধরা অবস্থাতেই টাপুরদি বলল, ‘আমার বাবা ভুল করেছিল। আমার বাবা তার ওপরওয়ালাদের বিশ্বাস করেছিল। তার ফল বাবা জীবন দিয়ে ভুগেছে, আমরা সম্পূর্ণ পরিবার সারা জীবন দিয়ে ভুগেছি। বিশ্বাস করুন, যারা নিজেরা গর্তে লুকিয়ে অধস্তনদের বিপদে ফেলে, তারা কারও আপন হয় না। আমি নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে শিখেছি। ওরা আপনার জন্য ভাববে না, আপনার পরিবারের কথা ভাববে না। ওরা নিজেরা নিরাপদ দূরত্বে বসে থেকে আপনাকে মরতে এগিয়ে দেবে।
‘আমি জানি মতিমিঞা, মরতে আপনি ভয় পান না। আমার বাবাও পেত না। কিন্তু এখন মনে হয়, বাবা একটু ভয় পেলে সেদিন আমাদের পরিবারটা বেঁচে যেত। বাবা তার সত্যিকারের অপরাধীদের নামটা বলে দিলে আমাদের জীবনটা নরক হয়ে যেত না। না খেয়ে, আধপেটা খেয়ে বড়ো হয়েছি। অসুস্থ মায়ের চিকিৎসা করাতে পারিনি। সব শেষ হয়ে গেছে আমাদের।’
‘আপনার পরিবার আছে, মতিমিঞা?’
মতিমিঞা ওপর-নীচে মৃদু মাথা নাড়ল।
টাপুরদি বলল, ‘জানি না, আপনারও আমার মতো কোনো মেয়ে আছে কি না! যদি থাকে, তার মুখের দিকে তাকিয়ে অন্তত স্বার্থপর মালিকের জন্য প্রাণ দেবেন না। আমার মতো আপনার মেয়েকেও অনাথ করে দেবেন না। প্লিজ! আপনার যাতে শাস্তি না হয়, বা কম হয় সেই ব্যবস্থা করা হবে। সরকার থেকে সাহায্যও করা হবে। আপনি চাইলে আপনার পরিবারকেও এদেশে এসে থাকার জন্য সিটিজেনশিপের ব্যবস্থা করে দেওয়া হবে। একটা সুস্থ জীবন পাবেন আপনি, আপনার পরিবার, যেটা আমরা কখনো পাইনি। আমার মতো আপনার সন্তানকেও অনাথ করে দেবেন না মতিমিঞা, দেবেন না প্লিজ।’
টাপুরদির এই গুণটার কথা জানা ছিল না। এ তো যাকে বলে অস্কার উইনিং পারফরমেন্স!
মতিমিঞা তাকিয়ে আছে টাপুরদির দিকে। চোখের দৃষ্টি এখন অনেকটা নরম। টাপুরদি বলল, ‘আচ্ছা, নাম আপনাকে বলতে হবে না। আমি বলছি। আপনি শুধু বলুন আমার ধারণা ঠিক কি না!’
মতিমিঞা এবারও জবাব দিল না। টাপুরদি নিজের মুখ মতিমিঞার কানের কাছে নিয়ে ফিসফিস করে কিছু বলল। মতিমিঞা একটু চমকে উঠে বিস্মিত মুখে তাকাল টাপুরদির মুখের দিকে। তারপর খাঁকরে গলাটাকে পরিষ্কার করে নিয়ে বলল, ‘কাগজ-কলম দ্যাও।’
টাপুরদি পেছন ফিরে আমার দিকে তাকাতে আমি তাড়াতাড়ি কাগজ-কলম এগিয়ে দিলাম। টাপুরদি সেটা মতিমিঞার হাতে দিল। মতিমিঞা খসখস করে কিছু লিখে টাপুরদির হাতে দিল। এক ঝলক সেই কাগজের দিকে তাকিয়ে টাপুরদির মুখে আলো জ্বলে উঠল দেখতে পেলাম। মতিমিঞার দিকে তাকিয়ে বলল, ‘আমি কথা দিলাম মতিমিঞা, আপনার শাস্তি কমানোর জন্য আমি চেষ্টা করব। আপনার উকিলের ব্যবস্থা আমি করব।’
আমরা ঘর ছেড়ে বেরিয়ে আসছি, মতিমিঞা পেছন থেকে ডাকল, ‘একখান কথা জানি যাও। মরণ নিয়া মোদের কারবার। ফাঁসির রশিকে ভয় পায় না মতিমিঞা।’
টাপুরদি দাঁড়িয়ে মতিমিঞার চোখের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল শুধু।
ঘর থেকে বেরিয়ে টাপুরদিকে বললাম, ‘কী পারফরমেন্স দিলে মাইরি! উফফ, দুর্দান্ত অভিনয় করলে!’
‘অভিনয়!’ কেমন বিষণ্ণ হাসল টাপুরদি।
আমি বললাম, ‘তা নয়তো কী? তোমার বাবার সম্পর্কে যা নয় তাই বলে গেলে। ইশ, কাকু দেখতে অমন নাকি?’
টাপুরদি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ‘সারা দুনিয়ার সব বাবারা একইরকম দেখতে রে!’
‘সে যাই হোক, মতিমিঞাকে বুদ্ধু বানিয়ে দিয়েছ তুমি।’ হেসে বললাম।
‘তাই?’ বলে হাতের কাগজটা আমার হাতে এগিয়ে দিল টাপুরদি। দেখলাম তাতে কাঁচা হস্তাক্ষরে লেখা, ‘তুমি মিচা কথা কইতাছ আম্মা, আমি জানি। আমি তুমার আব্বার মতো দ্যাখতে না। কিন্তুক তুমি আমার বেটি আইষার মতন দ্যাখতে।’
নীচে একটা ঠিকানা লেখা, আর সেটা হলদিয়ারই।
।। বাহান্ন।।
কাগজটা অর্জুনদা হাতে তুলে দেওয়ার সময় থেকেই টাপুরদি কেমন যেন থম মেরে আছে। অন্যমনস্কভাবে কী যেন ভেবে যাচ্ছে। অর্জুনদা কাছে এসে বলল, ‘আমরা তোমার দেওয়া ঠিকানায় যাচ্ছি। তুমি যাবে আমার সঙ্গে?’
টাপুরদি উত্তর দিল না। মুখ দেখে বুঝলাম ও কোনো অন্য চিন্তায় ডুবে আছে। আঙুল দিয়ে খোঁচা দিয়ে ডাকলাম, ‘টাপুরদি!’
‘হ্যাঁ!’ চমকে তাকিয়ে বলে উঠল টাপুরদি।
‘অর্জুনদা তোমায় কিছু জিজ্ঞাসা করছে’, বললাম আমি।
টাপুরদি অর্জুনদার মুখের দিকে তাকাল। অর্জুনদা আবার একই কথা জিজ্ঞাসা করল।
টাপুরদি বলল, ‘না, আমি যাব না। অর্জুন, মতিমিঞা তো পুলিশকে সাহায্য করেছে। চার্জশিটে ওর নামে বেশি চার্জ দেবে না তো?’
অর্জুনদা টাপুরদির কাঁধ হাত রেখে নরম গলায় বলল, ‘সব কিছু আমার হাতে নেই, তুমি জানো। এখন এর মধ্যে আবার আইবিও ঢুকে গেছে। তবে আমি চেষ্টা করব। তুমি কী করবে এখন?’
টাপুরদি আশেপাশে তাকাল একবার। তারপর অর্জুনদাকে বলল, ‘একটু বাইরে এসো। কিছু কথা আছে। এখানে বলা যাবে না। মিতুল, তুই শুভমকে জিজ্ঞাসা কর কিছু পেল কি না।’
আমি আর কথা না বাড়িয়ে শুভমের কাছে গেলাম। ও কানে হেডফোন লাগিয়ে খুব মন দিয়ে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। ভুরুতে গভীর ভাঁজ। আমি গিয়ে দাঁড়াতেও মুখ তুলল না।
মিনিট পাঁচেক পরে টাপুরদি আর অর্জুনদা ঘরে এসে ঢুকল। শিবেন্দ্র অর্জুনদার কাছে এসে বলল, ‘আপনার টিমকে এখানেই রাখতে হবে এদের পাহারা দেওয়ার জন্য। তাহলে ওই ঠিকানায় যাবে কারা? শুধু আমি আর আপনি? যদি ওখানে ওদের দলবল থাকে?’
অর্জুনদা বলল, ‘কলকাতা থেকে ফোর্স আসছে। তাদের অ্যাড্রেস মেসেজ করে দেওয়া হয়েছে। তারা সোজা ওখানে পৌঁছে যাবে খুব অল্প সময়ের মধ্যেই। আমি, আপনি আর কৌশিক এখান থেকে যাচ্ছি। শুভম, কিছু জানতে পারলে?’
হাসিমুখে মুখ তুলল শুভম। বলল, ‘একটা হাইলি সিকিওর লাইনকে পার্শিয়ালি হ্যাক করেছিলাম এখানে আসার আগেই। সেখান থেকেই প্ল্যান চেঞ্জের মেসেজটা পেয়েছিলাম। এই মুহূর্তে ওই লাইনে কনস্ট্যান্ট ডেটা ট্রান্সফার হচ্ছে গত পাঁচ মিনিট ধরে। আইপি বদলে বদলে যাচ্ছে, স্পুফ করছে ওরা। তাই লোকেট করা সম্ভব নয়। তবে এর মধ্যে একটা লোকেশন অবশ্যই কাছাকাছি, বড়োজোর ফিফটিন কিলোমিটার টেরিটোরির মধ্যে।’
‘অপরটা?’ অর্জুনদা জিজ্ঞাসা করল।
‘কাছাকাছি নয়’, শুভম ল্যাপটপে চোখ রেখে বলল।
‘কলকাতা হতে পারে?’ জানতে চাইল টাপুরদি।
‘হুম, হতে পারে।’
‘আমি কলকাতা ফিরছি’, টাপুরদি বলল।
‘কলকাতা?’ অবাক হয়ে জিজ্ঞাসা করলাম আমি, ‘আমরা কলকাতা ফিরে যাব কেন?’
টাপুরদি বলল, ‘যেতেই হবে। আসল মাথা তো সেখানে বসে আছে।’
‘তাহলে এখানে কাকে ধরতে যাচ্ছে অর্জুনদারা? মতিমিঞা যে ঠিকানাটা দিল, সেটা কার?’ বিস্মিতমুখে জিজ্ঞাসা করলাম।
হাসল টাপুরদি। বলল, ‘সেকেন্ড কমান্ডার ইন চিফ বলতে পারিস।’
অর্জুনদা বলল, ‘শুভম, আমাদের সঙ্গে যেতে হবে তোমায়।’
ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখেই থাম্বস আপ দেখাল শুভম।
দেরি না করে গাড়িতে কলকাতার দিকে রওনা দিলাম আমরা। গত কয়েক ঘণ্টায় এত কিছু ঘটে গেছে যে মাথা কাজ করছে না। টাপুরদি ড্রাইভ করতে করতেই বলল, ‘একটু ঘুমিয়ে নে পারলে। আজ রাতে আর ঘুম হবে না। কলকাতা পৌঁছোতে পৌঁছোতে ভোর হয়ে যাবে।’
সিটে হেলান দিয়ে চোখ বুজলাম, যদিও জানি ড্রাইভারের পাশে বসে ঘুমোতে নেই। কিন্তু শরীর খুব ক্লান্ত লাগছে। কিন্তু মাথার ভেতর ভাবনাগুলো ঝড়ের বেগে ছোটাছুটি করছে। তাদের থামাই কীভাবে?
মিনিট দশেক এভাবেই কাটল। তারপর চোখ খুলে সোজা হয়ে বসলাম। জিজ্ঞাসা করলাম, ‘টাপুরদি, মতিমিঞা তখন কী বলল?’
টাপুরদি বলল, ‘তোর সামনেই তো বলল।’
‘আমার কিছু মাথায় ঢোকেনি। তুমি বলো!’ বললাম আমি।
টাপুরদি বলল, ‘আর একটু ওয়েট কর। আর কিছুক্ষণের মধ্যেই জেনে যাব আমার ধারণা কতটা ঠিক বা বেঠিক।’
‘কে এই সেকেন্ড কমান্ডার ইন চিফ? আমাদের চেনা কেউ?’ জানতে চাইলাম আমি।
‘চেনা তো বটেই। প্রথম থেকেই আমাদের বোকা বানিয়ে এসেছেন তিনি’, বলে জোরে জোরে হাসল টাপুরদি। বলল, ‘আমি এমন বোকা, এই সম্ভাবনাটা আমার মাথাতেই আসেনি।’
টাপুরদি বোকা! আমি আমার এই পঁচিশ বছরের জীবনে টাপুরদির চেয়ে বুদ্ধিমতী কাউকে দেখিনি। কলকাতায় ঢোকার আগেই ফোনটা এল। সেকেন্ড কম্যান্ডার ইন চিফ অ্যারেস্ট হয়েছেন। এখন তাঁর বাড়ি সার্চ করা হচ্ছে। মতিমিঞা মিথ্যে বলেনি। সকলকে কলকাতায় নিয়ে আসা হবে।
টাপুরদির মুখে হাসির রেখা ফুটে উঠল। কলকাতায় তখন ভোর হচ্ছে, এক নতুন আশার সকাল, জয়ের সকাল। আমি তখনও জানতাম না যে সব জয় আসলে আনন্দ দেয় না। জিত বা হার তো অনেক পরের কথা, আসল খেলাটা তখনও শুরুই হয়নি আমাদের।
।। তিপ্পান্ন।।
জানত না অর্জুনও। যে মুহূর্তে জয়ের তৃপ্তি মনকে ফুরফুরে করে তুলেছিল, মনে হচ্ছিল গত কয়েক সপ্তাহের অমানুষিক পরিশ্রমের ফল তাদের হাতে এসে পৌঁছেছে, অপরাধীকে হাতকড়া পরানো হয়ে গেছে, তখনই ঘটল ঘটনাটা।
ভোররাতে দরজায় কলিং বেল বাজাতে হয়েছিল কয়েক বার। ধাক্কাধাক্কি, ডাকাডাকিতে আশেপাশের ফ্ল্যাটের লোকজন দরজা খুলে উঁকিঝুঁকি দিচ্ছিল বিরক্তমুখে, তখনই এই ফ্ল্যাটের বাসিন্দা নির্লিপ্ত মুখে দরজা খুলে দিয়েছিল। অর্জুন আর শিবেন্দ্র লোকটাকে ঠেলে ভেতরে ঢুকেছিল। এ ঘর-ও ঘর খুঁজেও আর কাউকে পাওয়া যায়নি। লোকটা অবশ্য কোথাও যায়নি, পালানোর চেষ্টাও করেনি। অর্জুনদের সঙ্গেই ঘরে ঢুকে সোফায় হেলান দিয়ে বসেছিল।
তার হাত থেকে মোবাইল ফোনটা নিয়ে নিয়েছিল অর্জুন। হ্যান্ডকাফটা বের করে বলেছিল, ‘আপনাকে আমরা অ্যারেস্ট করছি।’
লোকটা মৃদু হেসেছিল শুধু। কোনো প্রশ্ন না করে দুই হাত এগিয়ে দিয়েছিল।
অর্জুনের টিম ঘরে ঢুকে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করেছিল। তখনই ভেতরের ঘরে খোলা ল্যাপটপটা চোখে পড়েছিল অর্জুনের।
‘পাসওয়ার্ড?’ চেঁচিয়ে বলেছিল অর্জুন।
লোকটা ধীর পায়ে এগিয়ে গিয়ে পাসওয়ার্ড দিয়েছিল অগাধ নির্লিপ্তি নিয়ে।
শুভম প্রায় লাফিয়ে গিয়ে বসেছিল ল্যাপটপের সামনে চেয়ারে। শিবেন্দ্র ও অর্জুন তার পেছনে দাঁড়িয়ে রইল। উত্তেজনায় জোরে জোরে নিশ্বাস পড়ছে তাদের।
ল্যাপটপের স্ক্রিনে ওয়েভ গ্রাফ ক্রমাগত বদলাচ্ছে। শুভম তাকিয়ে রইল সেদিকে কিছুক্ষণ। তারপর তার আঙুল কি-বোর্ডের ওপর যেন ঝড় বইয়ে দিল। এটা যদি এরকম উত্তেজনার মুহূর্ত না হত, অর্জুনের মনে হতে পারত শুভমের কাজটাও কোনো শিল্পের চেয়ে কম নয়। কিন্তু এখন মুগ্ধ হওয়ার মতো মানসিক অবস্থা নেই কারোরই। রেজাল্ট চাই, যত তাড়াতাড়ি সম্ভব। বাইরে হ্যান্ডকাফ পরানো লোকটার কাছে টিমের দু-জন পাহারায় আছে। লোকটা বয়স কম নয়। দেখে মনে হচ্ছে তেমন সুস্থও নয়। জোরে জোরে শব্দ করে নিশ্বাস নিচ্ছে, কুঁজো হয়ে হাঁটছে।
নভেম্বরের শেষে এই ভোরের দিকে একটা শিরশিরে শীত কামড় বসাচ্ছে। কিন্তু এর মধ্যেও ঘামছে শুভম, দেখতে পাচ্ছে অর্জুন। ওর কপাল, রগ বেয়ে ঘামের বিন্দু গড়িয়ে নামছে।
‘স্যার, এদিকে আসুন শিগগিরি!’ বাইরে কৌশিকের গলায় প্রায় আর্তনাদের মতো চিৎকারটা অর্জুনদের বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল যে বাইরে সব কিছু ঠিক নেই। শিবেন্দ্র ও অর্জুন দৃষ্টি বিনিময় করেছিল সেই মুহূর্তে। তারপর তিরের বেগে ছুটে বেরিয়েছিল বাইরের ঘরে। সেখানে যে দৃশ্যটা দেখল তারা, তার জন্য প্রস্তুত ছিল না।
সোফায় বসা প্রৌঢ়ের মুখ থেকে গ্যাঁজলা বেরোচ্ছে, চোখ উলটে গেছে। বুকটা হাপরের মতো ওঠানামা করছে, যেন এক ফোঁটা শ্বাসবায়ুর জন্য সে কী মর্মান্তিক আকুতি! মেঝেতে উলটে পড়ে গেছে লোকটা। কৌশিক তাকে টেনে তোলার চেষ্টা করছে।
‘জল, একটু জল!’ জড়ানো কণ্ঠে বলল লোকটা। শিবেন্দ্র ছুটে গেল পাশের কিচেনে। অর্জুন অ্যাম্বুলেন্সে ফোন করছে। কৌশিক লোকটার গলার ভেতরে প্রায় পুরো হাতটাই ঢুকিয়ে দিয়ে তাকে বমি করানোর চেষ্টা করছে। জল এনে মুখের ভেতর ফোঁটা ফোঁটা ঢালতে শুরু করল শিবেন্দ্র।
অর্জুন ছুটে এসে বলল, ‘অ্যাম্বুলেন্স আসছে এখনই।’
শিবেন্দ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ‘তার আর দরকার হবে না অফিসার।’
লোকটার মুখে ঢালা জলটুকু গাল বেয়ে গড়িয়ে পড়েছে মেঝেতে। চোখের তারা স্থির, ঠোঁটের কোণে একচিলতে হাসি তবু ছুঁয়ে আছে আলতো করে। যেন বলছে, ‘পারলে ধরতে আমাকে? মরা মানুষকে অ্যারেস্ট করা যায় না।’
দুনিয়ার চোখে শেখর মজুমদারের মৃত্যু হয়েছিল অনেক আগেই। তাই আজ সত্যিই তার মৃত্যুতে হয়তো নতুন করে কারও শোক হবে না শুধু তাঁর স্ত্রী ছাড়া, যিনি এতগুলো বছরে সধবা হয়েও বৈধব্য পালন করেছেন। শিউলি মজুমদার অবিশ্বাসিনী ছিলেন না। আজ তিনি সত্যিই বিধবা হলেন।
শিবেন্দ্র বললেন, ‘আমরা এখানে আসার আগেই সম্ভবত বিষ খেয়েছিলেন। সেজন্যই অসুস্থ দেখাচ্ছিল। আমরা বুঝতে পারিনি।’
অর্জুন বিষণ্ণ মুখে মাথা নাড়ল, ‘তার মানে দাঁড়াচ্ছে, আমরা এখানে আসার আগেই শেখর মজুমদার বুঝে গেছিলেন যে তাঁর দল ধরা পড়ে গেছে। কিন্তু কীভাবে?’
শিবেন্দ্র বললেন, ‘হয়তো দলের থেকে কেউ কিছু জানিয়েছিল।’
‘না’, মাথা নাড়ল অর্জুন, ‘ওদের দলের সকলের হাত থেকে ফোন সঙ্গে সঙ্গেই কেড়ে নেওয়া হয়েছিল। কীভাবে খবর দেবে কেউ?’
শিবেন্দ্র ভুরু কুঁচকে বলল, ‘আপনি যেটা বলছেন এর একটাই অর্থ হয়।’
‘এর মানে ভেতরের কেউ’, মাথা নেড়ে চিন্তিত মুখে বলল অর্জুন। পকেটে ফোনটা বাজছে তার। ফোন রিসিভ করে কানে ঠেকাল। তারপর বলল, ‘অ্যারেস্ট করেছিলাম স্যার। কিন্তু অপরাধী সুইসাইড করেছে।’
ফোন রেখে শিবেন্দ্রর দিকে তাকিয়ে অর্জুন বলল, ‘ডিসিডিডি স্যার এসে পৌঁছেছেন টিম নিয়ে। সব অ্যারেঞ্জ করে কলকাতায় রওনা দিতে হবে। আপনি যাবেন তো?’
শিবেন্দ্র উত্তর দিতেই যাচ্ছিল, ভেতরের ঘর থেকে শুভম উচ্চস্বরে ডাকল, ‘অর্জুনদা, এদিকে এসো তাড়াতাড়ি।’
সকলে ছুটে গেল ভেতরে। শুভমের ঠোঁটে কান এঁটো করা হাসি। বলল, ‘হেব্বি কাজ অর্জুনদা! এ জিনিস যে বানিয়েছে তাকে খুঁজে কলকাতা পুলিশের সাইবার সেলে চাকরি দাও। আমার ওপর লোড কমে যাবে।’
অর্জুন বলল, ‘আগে কী পেলে সেটা বলো।’
শুভম হেসে বলল, ‘খবর হল আমরা এখানে আসার আগেই এখানে ফোন করা হয়েছিল।’
অর্জুন বলল, ‘তার মানে কেউ ওঁকে ফোন করে জানিয়েছে যে দল ধরা পড়েছে?’
শিবেন্দ্র জিজ্ঞাসা করল, ‘কে সে? এই গ্যাং-এর সুপ্রিমো? সে-ই বা জানল কী করে?’
অর্জুন জবাব দিল না কিছু। যাওয়ার আগে ঘরের বাইরে দাঁড়িয়ে টাপুরের বলা কথাগুলো মনে পড়ে গেল। তবে কি টাপুরের সন্দেহই ঠিক? অবশ্য অর্জুন একে শুধু সন্দেহ বলে এখন আর ভাবতে পারছে না। টাপুর হাওয়ায় তির চালানোর মেয়ে নয়। এই ঠিকানায় এসে কাকে পাওয়া যাবে, সেই ব্যাপারে টাপুরের সন্দেহ যে সঠিক ছিল এখন তা জেনে গেছে অর্জুন। সুতরাং অপর সন্দেহটাও হয়তো ভুল নয়। সেরকম হলে মহা বিপর্যয় উপস্থিত হতে চলেছে।
।। চুয়ান্ন।।
‘কী!’ সজোরে ব্রেক কষল টাপুরদি, ‘কীভাবে? মাই গড! তাহলে তোমরা ওঁর কাছ থেকে কোনো কথা ওগড়াতে পারোনি?’
ও-প্রান্ত থেকে অর্জুনদা কী উত্তর দিল শুনতে পেলাম না আমি। কিন্তু আগের ফোন আর এই ফোনের মাঝে যে গুরুতর কিছু ঘটে গিয়েছে সেই বিষয়ে সন্দেহ রইল না।
‘কী হল টাপুরদি?’ ফোন রাখলে জানতে চাইলাম আমি।
টাপুরদি গম্ভীর মুখে বলল, ‘শেখর মজুমদার সুইসাইড করেছেন।’
‘মানে?’
‘মানে যা বুঝছিস তাই’, বলল টাপুরদি, ‘পুলিশ গিয়ে পৌঁছোনোর আগেই দলের ধরা পড়ার খবর পৌঁছে গেছিল শেখরবাবুর কাছে। তখনই বিষ খেয়েছিলেন। কী বিষ, ঠিক কখন খেলেন সেটা ভিসেরা টেস্ট না করলে জানা যাবে না।’
‘তুমি আগে থেকেই জানতে শেখর মজুমদার বেঁচে আছেন?’ জিজ্ঞাসা করলাম আমি।
দু-দিকে মাথা নাড়ল টাপুরদি। বলল, ‘আগে থেকে কী করে জানব? আমি কি ম্যাজিশিয়ান নাকি? তবে ডক্টর মিত্রর মৃত্যুর পর থেকে একটা সন্দেহ তৈরি হয়েছিল।’
‘কেন?’ জানতে চাইলাম।
টাপুরদি রাস্তায় চোখ রেখেই বলল, ‘সে অনেক গল্প। এখন বলতে গেলে গাড়ির স্পিড কমে যাবে। তবে আমার সন্দেহটা যে ঠিক সেটা মতিমিঞা কনফার্ম করেছিল। আমরা কলকাতায় ঢুকছি। আগে রাঘব সামন্তকে খাঁচা থেকে বের করে আনি, তারপর তোর সব প্রশ্নের জবাব দেব। অবশ্য, যদি তিনি এখনও বেঁচে থাকেন! শেখর মজুমদারের পরিণতি ভেবে ভয় হচ্ছে।’
‘আবার সেই রাঘব সামন্ত? এ নামে সত্যি কেউ আছে?’
টাপুরদির চোয়াল শক্ত হল। বলল, ‘রাঘব সামন্ত, এ কাহিনির মেঘনাদ। আড়াল থেকে পুরো খেলাটা তো তিনিই খেলছেন।’
‘অদ্বৈত মুখার্জি, টাপুরদি?’
মুচকি হাসল টাপুরদি। উত্তর দিল না কিছু।
আরও প্রায় তিরিশ মিনিট পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছোলাম। টাপুরদির দিকে চেয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, ‘এখানে?’
টাপুরদি কিছু বলল না। দেখলাম সৌরভবাবুর নম্বর ডায়াল করছে। বাড়িটার দিকে তাকিয়ে দেখলাম। বছর খানেক আগে এই বাড়িতেই এক চমকপ্রদ নাটকের অন্তিম দৃশ্য অভিনীত হয়েছিল। সেই রাতের কথা মনে করলে এখনও গায়ে কাঁটা দেয়। এ বাড়ির মালিক এ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী অম্লান চক্রবর্তী। কিন্তু এখানে কেন এল টাপুরদি। তবে কি…?
‘স্যার, আমরা পৌঁছে গেছি। যেখানে বলেছিলাম আপনার টিম পাহারায় আছে তো?’ জিজ্ঞাসা করল টাপুরদি।
ফোনটা এখনও কানে ধরা। শুনলাম টাপুরদি বলল, ‘আমার কথাটা প্লিজ শুনুন। অলরেডি শেখরবাবুকে আমরা হারিয়েছি। আর রিস্ক নেওয়া যাবে না। আমি আদৌ জানি না এখনও আমাদের রাঘব সামন্ত বেঁচে আছে কি না। যদি থাকে, তাকে জীবন্ত ও সুস্থ অবস্থায় অ্যারেস্ট করতে হবে। আপনি প্লিজ ব্যবস্থা করুন। আমিও দেখছি।’
সৌরভবাবু ওদিক থেকে কী বললেন শোনা গেল না। টাপুরদি বলল, ‘এটুকু ভরসা তো আমার ওপর রাখতেই পারেন। ভরসার অযোগ্য যে নই, সে প্রমাণ এর আগেও দিয়েছি।’
ফোনটা রেখে গেটের পাশে লাগানো কলিং বেল টিপল টাপুরদি। বড়ো লোহার গেটের এক পাশে ছোট্ট এক টুকরো স্লাইডের মতো সরে গেল। এক মধ্যবয়স্ক সিকিওরিটি অফিসারের মুখ উঁকি মারল ভেতর থেকে।
‘কাকে চাই?’
‘সিএম-এর সঙ্গে দেখা করব। খুব জরুরি!’ বলল টাপুরদি।
ভদ্রলোক বললেন, ‘এখন এভাবে দেখা হবে না। পরে সিএম-এর সেক্রেটারির কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অফিসে দেখা করবেন।’
টাপুরদি বলল, ‘সেটা আমিও জানি। প্রয়োজনটা গুরুতর না হলে এভাবে এই সকালে এখানে ছুটে আসতাম না। সিএম-কে বলুন সঙ্ঘমিত্রা ব্যানার্জি দেখা করতে এসেছেন।
টাপুরদির কণ্ঠস্বরে কিছু ছিল যার জন্য ভদ্রলোক পুরোপুরি এড়িয়ে যেতে পারলেন না। বললেন, ‘এখানেই অপেক্ষা করুন।’
কয়েক মিনিট পরে দরজাটা খুলে গেল। ফিমেল গার্ড দিয়ে থরো বডি সার্চ করার পর আমাদের ভেতরে নিয়ে যাওয়া হল। বছরখানেক আগেও এই বাড়িতে এসেছি আমরা। সেদিন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ছিল। অম্লান চক্রবর্তী তখনও এ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন না। কিন্তু সেদিনও এরকমই দমবন্ধ করা উত্তেজনা ছিল।
ভেতরে বসার ঘরে পৌঁছে দেখলাম অম্লানবাবু সিঁড়ি দিয়ে নীচে নেমে আসছেন। আমাদের দেখেই বোধ হয় সন্দেহ করলেন যে গুরুতর কিছু ঘটেছে।
তিনি কিছু জিজ্ঞাসা করার আগেই টাপুরদি বলল, ‘শেখর মজুমদার সুইসাইড করেছেন। আপনি বোধ হয় খবরটা এখনও পাননি।’
‘শেখর মজুমদার?’ অম্লানবাবু সম্ভবত হঠাৎ করে মনে করতে পারলেন না যে কে এই শেখর মজুমদার!
টাপুরদি মনে করিয়ে দিল। বলল, ‘নবদিগন্তের ফাউন্ডার মেম্বার শিউলি মজুমদারের স্বামী, প্রাক্তন আইপিএস অফিসার।’
এবার অম্লানবাবুর মনে পড়ল। ভীষণ বিস্মিত মুখে বললেন, ‘সে কী? তিনি তো আগেই মারা গেছিলেন শুনেছিলাম। সৌরভবাবু আমাকে ফোন করে জানিয়েছিলেন যে তাঁর টিম ওদের দলের একজনের দেওয়া ঠিকানা ধরে যাচ্ছে দলের যে মাথা তাকে অ্যারেস্ট করতে, কিন্তু সেখানে শেখর মজুমদার এলেন কী করে?’
টাপুরদি বলল, ‘আসেননি, তিনি সেখানেই ছিলেন, একেবারে সশরীরে। একবার মারা গেলে তো আর দ্বিতীয়বার মরা যায় না স্যার। এর একটাই অর্থ হয়, আগে তিনি মারা যাননি। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। পুলিশ তাকে জেরা করার আগেই মারা গেছেন তিনি। সুতরাং, সামান্য কিছু সূত্র ছাড়া পুলিশের হাতে কোনো শক্তপোক্ত প্রমাণ নেই। এই মুহূর্তে আপনাকে একটা স্পেশাল পারমিশন দিতে হবে যাতে পুলিশ সন্দেহভাজনকে অ্যারেস্ট করে জেরা করতে পারে।’
অম্লানবাবুর ভুরুতে ভাঁজ পড়ল। একটু যেন অস্থির দেখাল তাঁকে, ‘কাকে অ্যারেস্ট করবে পুলিশ? কার কথা বলছেন আপনি?’ জিজ্ঞাসা করলেন তিনি।
টাপুরদি স্থির দৃষ্টিতে তাকাল অম্লানবাবুর মুখের দিকে।
