মৃতেরা কোথাও নেই – ১০

।। দশ।।

আসমুদ্র হিমাচল বঙ্গভূমের রাজধানী এই ত্রিশতবর্ষীয়া অতিবৃদ্ধা নগরী যখন নাগরিক প্রসাধন ও আলোকমালায় যৌবনবতী সাজে, তখন সেই চাকচিক্যে সাধারণের চোখ ধাঁধিয়ে যায়। সাজের আড়ালে তার গলিত জীর্ণ রূপ চোখে পড়ে না সহসা। কিন্তু এই প্রসাধনের খাঁজ-আড়ালেই লুকিয়ে আরও এক লোলচর্ম দীর্ণ গলিত রাজধানী, যেখানে মানুষের দারিদ্র্য, খিদে, রোগ, মৃত্যুর সঙ্গে নিত্য সহবাস। নগরের সেই অংশে একবার পাঠককে ঘুরিয়ে আনতে চাই।

হে পাঠক, পকেট থেকে রুমাল বের করে আপনার নাকে চাপা দিন। এখানকার পূতিগন্ধময় পরিবেশে আপনার পরিশীলিত রুচি শিউরে উঠতে পারে। রাস্তার পাশে আবর্জনা, ভাঙা মদের বোতল, পচা খাবার, ব্যবহৃত জন্মনিরোধক ও ছিন্ন স্যানিটরি ন্যাপকিন আর তার মাঝেই পথ-কুকুরের আতুর দেখে আপনার গা-ঘিনঘিন করলেও কাহিনিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দয়া করে এটুকু সয়ে নিন। রাস্তার এক পাশ ঘেঁষে যথাসম্ভব দৃষ্টি অন্যত্র ঘুরিয়ে চলতে থাকুন। বাঁ দিকে গলিটা ঘুরলেই একটা পলেস্তারাহীন বাড়ি দেখতে পাচ্ছেন, যার দেয়ালে ক্যাটকেটে সবুজ রং-চটা দরজাগুলি যেন বাড়িটির জীর্ণ অঙ্গসৌষ্ঠবকে মশকরা করছে, সেই বাড়িটিই আপাতত আমাদের গন্তব্য। লেখক-পাঠক তো কল্পদর্শী, তাই আমাদের গৃহকর্তার অনুমতির প্রয়োজন নেই।

বাড়ির ভেতরে ঢুকে চমকে গেলেন তো? জানি, চমকানোই স্বাভাবিক। এমন ভাঙা-চোরা বাড়ির ভেতর এ হেন গৃহসজ্জা আশা করেননি আপনি, জানি। ঘরের ভেতরে হালকা নরম আলো জ্বলছে। ভারী পর্দা ঝোলানো দরজা-জানলায়। বাইরে প্রচণ্ড গরমের দাবদাহ পেরিয়ে এই ঘরে ঢুকলে শরীর জুড়িয়ে যায়। শীতাতপ-নিয়ন্ত্রকের যান্ত্রিক শীতলতা এই ঘরকে নরম আদরের মতো ঘিরে আছে।

ঘরের মাঝখানে একটি বড়ো টেবিল পাতা। সেখানে বসে আছে পাঁচজন মানুষ। আরও তিনজন পাশেই দারুব্রহ্মের মতো ভাবলেশহীন মুখে দাঁড়িয়ে আছে। বসে থাকা পাঁচজনের মুখ গম্ভীর। কথাবার্তা হচ্ছে যথাসম্ভব নিচুস্বরে। যদিও তার প্রয়োজন ছিল না। কারণ, বাড়িটি বাইরে থেকে দেখতে যেমনই হোক, ভেতর থেকে এই ঘরটি পুরোপুরি শব্দ-নিরোধক। টেবিলের ওপর প্রত্যেকের সামনে একটি করে ফাইল রয়েছে। মুখ আঁটা মিনারেল ওয়াটারের বোতল, গ্লাসে মহার্ঘ পানীয় সবই সাজানো আছে, ঠিক যেমন জরুরি মিটিং-এ থাকে।

ক্ষমা করবেন পাঠক, এই মুহূর্তে কাহিনির প্রয়োজনে এই ঘরে উপস্থিত ব্যক্তিদের পরিচিতি উদঘাটন করতে পারছি না। আজকের এই মিটিং-এর উদ্যোক্তা এখানে উপস্থিত দ্বিতীয় ও তৃতীয় ব্যক্তি। বাকি তিনজন এই শহরে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। তিনজনেরই যথেষ্ট অভিযোগ রয়েছে দ্বিতীয় ও তৃতীয় ব্যক্তির প্রতি। রয়েছে এক রাশ বিরক্তি। দ্বিতীয় ও তৃতীয় ব্যক্তি সেটা জানেন ভালো করেই। তাদের সমস্যার সমাধানের জন্যই আজকের মিটিং-এর অবতারণা। আচ্ছা এভাবে বললে ঠিক বুঝতে পারবেন না পাঠকেরা, তার চেয়ে বরং ওঁদের আলোচনা একটু শোনার চেষ্টা করা যাক।

চতুর্থ ব্যক্তি: দিস ইস রিডিকুলাস। এত কেয়ারলেস কীভাবে কেউ হতে পারে? বুড়োটাকে গুলি করে ওখানেই ফেলে আসার মানে কী?

দ্বিতীয় ব্যক্তি: এটা একটা ব্লান্ডার হয়েছে, স্বীকার করছি। হওয়া উচিত ছিল না, তবু হয়েছে। ওই রাস্তায় পুলিশ পেট্রলিং চলে রাতে। ওরা তাই লাশ তুলে আনার সাহস পায়নি। এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।

পঞ্চম ব্যক্তি: আপনার ক্ষমা চাওয়া, না-চাওয়াতে কিছু এসে যায় না। আপনার লোকেরা গাফিলতি করেছে। এরকম ভুলের পরেও যদি ওদের মাফ করে দেওয়া হয়, ভবিষ্যতে ওরা বা অন্য কেউ আবার এরকম করবে। এই ব্যাপারটা নিয়ে আমি সিরিয়াস পানিশমেন্টের প্রস্তাব রাখছি।

দ্বিতীয় ব্যক্তি: অফ কোর্স, দে উড ফেস দ্য কনসেকুয়েন্সেস। এরকম একটা ভুল আমাদের সমস্ত অপারেশনকে অনেকটা পিছিয়ে দেয়। পুলিশ অ্যালার্ট হয়ে গেছে। এখন কিছুদিন মুভমেন্ট বন্ধ রাখাই ভালো।

প্রথম ব্যক্তি এতক্ষণ চুপ করে ছিলেন। তাঁর মুখের রেখায় বিরক্তি ক্রমশ প্রকট হচ্ছিল। এবার তিনি মুখ খুললেন।

প্রথম ব্যক্তি: হোয়াট রাবিশ? এসব ননসেন্স শোনার জন্য দিল্লি থেকে কলকাতায় এসেছি আমি? একটা বিচ্ছিন্ন ঘটনার জন্য বিজনেস বন্ধ রাখতে হবে? এদিকে নেক্সট উইকে আমার হাসপাতালে চারটে অপারেশন শিডিউল করা হয়েছে। তার মধ্যে দু-জন পেশেন্ট ক্রিটিক্যাল। এক সেন্ট্রyল মিনিস্টারের শ্যালিকার কিডনি দরকার। পেমেন্ট নিয়ে বসে আছি। দু-সপ্তাহের মধ্যে ট্রান্সপ্লান্ট হবে কথা দিয়েছি। এখানে এসব ফালতু কথা শুনতে আমি আসিনি। আমাদের বিজনেসে কথার দাম একজন মানুষের প্রাণ, আমার হাসপাতালের রেপুটেশন। আমার হাসপাতালের বদনাম হলে আপনাদেরও ছাড়ব না আমি।

দ্বিতীয় ব্যক্তি: অপারেশন রি-শিডিউল করুন। যা করতে হয় করুন। এখানে আপনার রেপুটেশন বাঁচানোর জন্য আমার পুরো নেটওয়ার্ককে বিপদের মুখে ফেলা যাবে না।

প্রথম ব্যক্তি: ভুলে যাবেন না, আমি আপনাদের অ্যাডভান্স পেমেন্ট করেছি। বরাবরই করে আসছি।

দ্বিতীয় ব্যক্তি: তার পরিবর্তে আমাদের কাছ থেকেও আপনি বরাবর ভিআইপি ক্লায়েন্টের ট্রিটমেন্ট পেয়েছেন। সেটা আপনি অস্বীকার করতে পারেন না।

প্রথম ব্যক্তি: আমাদের পুরো বিজনেসটা বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আছে। আপনি জানেন, দিল্লির প্রথম সারির হাসপাতালগুলোর মধ্যে কী পরিমাণ প্রতিযোগিতা চলে! গত তিন বছর ধরে আমি গ্রেড ওয়ান সার্ভিস দিয়ে আসছি। এই এক নম্বর জায়গাটা ধরে রাখতে হলে কতটা পরিশ্রম করতে হয়, কত ত্যাগ স্বীকার করতে হয়, কোনো আইডিয়া আছে আপনার? আমি কিন্তু চাইলে অন্য কোনো সাপ্লায়ারের কাছে যেতে পারতাম। যাইনি, কারণ আমি লং-টার্ম বিজনেস রিলেশনশিপে বিশ্বাসী। আমার ধারণা ছিল আপনারাও তাই। আজ দেখলাম আমি ভুল ছিলাম। আপনাদের কোনো এথিকসই নেই।

দ্বিতীয় ব্যক্তিকে স্পষ্টতই উত্তেজিত দেখাল। ক্রুদ্ধস্বরে বললেন, ‘আমাদের এথিক্সের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে তাকিয়ে দেখুন। আজ পর্যন্ত কোনোদিন কোনো অভিযোগের অবকাশ দিয়েছি আপনাদের! মুখ থেকে পড়ার সঙ্গে সঙ্গে মাল ডেলিভার করিনি? এমনকি অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই আপনার ইমার্জেন্সি কেসের জন্য রাতারাতি মাল ডেসপ্যাচ করেছি, ভুলে গেছেন সব? আর আপনারা কী করেছেন? ছোটো হাসপাতালগুলো যাতে মাথা তুলতে না পারে, সেই জন্য তাদের অর্ডার আটকে দিয়েছেন। দেননি? আমাদের থ্রেট দেননি যে ওদের মাল ডেলিভারি করলে আপনি আমাদের সঙ্গে বিজনেস করবেন না? মানছি আপনারা বিগ হাউস, কিন্তু আপনাদের সঙ্গে বিজনেস করার জন্য আমাদের অনেক বিজনেস ছাড়তে হয়েছে। যথেষ্ট কম্প্রোমাইজ করেছি আমরা। এভাবে বারবার চাপ সৃষ্টি করলে আপনাদের সঙ্গে আর কাজ করাই চলে না।’

চতুর্থ ব্যক্তি: বুলশিট! আপনারা কীসের বিজনেস করবেন না, আমরাই করব না আপনাদের সঙ্গে। এই দেশে সাপ্লায়ারের অভাব নেই। আমাদেরও অলরেডি একটা অপারেশন ক্যানসেল করতে হয়েছে। আপনাদের যা অবস্থা, তাতে কতদিনে আপনারা আবার আগের ফর্মে ফিরতে পারবেন তার কোনো ঠিক নেই। উনি আজ দিল্লি থেকে এখানে এসেছেন, আমি চণ্ডীগড় থেকে এসেছি। ভেবেছিলাম মুখোমুখি বসে কথা বললে একটা ওয়ে আউট ঠিকই বেরোবে। কিন্তু আপনাদের যা অ্যাটিটিউড দেখছি, তাতে ভবিষ্যতেও আপনাদের সঙ্গে ফারদার বিজনেস রিলেশনশিপ কনটিনিউ করব কি না ভাবতে হবে। দোষ করল আপনাদের লোকেরা, এর ফল কেন আমাদের ভুগতে হবে? আপনাদের আর কী? ক-দিনের জন্য আন্ডারগ্রাউন্ড হবেন। তারপর সব ঠান্ডা হলে আবার কাজ শুরু করবেন। কিছু টাকার ক্ষতি হবে আপনাদের। আর আমাদের? টাকার কথা তো ছেড়েই দিন, রেপুটেশন, ক্লায়েন্টদের বিশ্বাস তো যাবেই, মার্কেটে কী পরিমাণ বদনাম হবে ভাবুন!

পঞ্চম ব্যক্তি: এক্স্যাক্টলি! এরকম চলতে পারে না।

দ্বিতীয় ব্যক্তি: আমি সবই বুঝতে পারছি। কিন্তু এই পরিস্থিতিতে কিছুদিন কাজ বন্ধ রাখা ছাড়া উপায় নেই।

এঁদের মধ্যে তৃতীয় ব্যক্তি এতক্ষণ চুপ করে ছিলেন। উভয় পক্ষের কথা মন দিয়ে শুনছিলেন। তাঁর মুখ পাথরের মতো শক্ত, অভিব্যক্তি বোঝা যায় না। এবার তিনি মুখ খুললেন।

তৃতীয় ব্যক্তি: সাইলেন্ট প্লিজ! আমাকে বলতে দিন।

সকলে কথা থামিয়ে তৃতীয় ব্যক্তির মুখের দিকে ঘুরলেন।

তৃতীয় ব্যক্তি: যা চলছিল, যেমন চলছিল, সেরকমই চলবে।

দ্বিতীয় ব্যক্তি: কিন্তু স্যার!

হাত তুলে দ্বিতীয় ব্যক্তিকে থামতে ইশারা করলেন তৃতীয় ব্যক্তি। তারপর বললেন, ‘পুলিশের ব্যাপারটা সামলাতে হবে। একটু সময় লাগবে, তবে ম্যানেজ হয়ে যাবে। একটা কেস ধরে বসে থাকার মতো সময় কলকাতা পুলিশের নেই। তবে আমাদের আর কোনো ভুল করা চলবে না। প্রতিটা স্টেপ খুব সাবধানে ফেলতে হবে। আমাদের বিজনেসে একটা সামান্য ভুলের মাশুলও অনেক ভারী হয়, এতদিনে নিশ্চয়ই বুঝেছেন আপনারা। ততদিন খুব সাবধানে থাকতে হবে। যে অর্ডারগুলোর পেমেন্ট অলরেডি নেওয়া হয়ে গেছে, সেগুলো ডেসপ্যাচ করে দেব আমরা। এটা আমাদের কমিটমেন্ট। আর আপনাদেরও বলছি, আমরা আমাদের কমিটমেন্ট পূরণ করছি। আপনারাও একটু কো-অপারেট করুন। এত বছর ধরে এক সঙ্গে বিজনেস করেছি আমরা। সেই সম্পর্কের খাতিরে এটা রিকোয়েস্ট বলেই ধরে নিন। এখন মাসখানেক অপারেশন একটু কম রাখবেন, মানে যেটুকু না হলেই নয় আর কী! আমি যেমন চাইব না আপনাদের বিজনেসের ক্ষতি হোক, আপনারাও নিশ্চয়ই আমাদের ক্ষতি চাইবেন না। আর আমরা কিন্তু মুদ্রার এ-পিঠ আর ও-পিঠ। আমরা, বা আমাদের লোক যদি পুলিশের হাতে ধরা পড়ে, আপনারাও কি আর সেফ থাকবেন? পুলিশের ইন্টারোগেশনে, টর্চারে যে সে আপনাদের নাম বলে দেবে না, তার কোনো গ্যারান্টি আছে? সে জন্যই…’

প্রথম ব্যক্তি গলা দিয়ে ঘোঁতঘোঁত শব্দ করে বললেন, ‘আমি তো বলছি সেটাই… আমাদের বিজনেস…’

তৃতীয় ব্যক্তি হাসলেন। বরাবরই এরকমই হয়ে আসছে। শেষ হাসিটা তিনিই হাসেন। তিনি জানেন কেমন করে পরিস্থিতিকে নিজের সপক্ষে ঘোরাতে হয়। এই খেলায় তিনি পুরোনো খেলুড়ে। মৃদু হেসে বললেন, ‘তাহলে সেই কথাই রইল। ব্যস আর কোনো কথা নয়। আপনাদের জন্য আজ রাতে সাউথ আরবান হোটেলে প্রেসিডেনশিয়াল সুইটে থাকার ব্যবস্থা করা হয়েছে প্রতিবারের মতো। খাদ্য-পানীয়র ঢালাও আয়োজন আছে। তাহলে ওঠা যাক?’

চতুর্থ ব্যক্তি: (মৃদু হেসে) শুধু খাদ্য আর পানীয়?

তৃতীয় ব্যক্তি তাকালেন দ্বিতীয় ব্যক্তির দিকে। দ্বিতীয় ব্যক্তি মাথা নাড়লেন। বললেন, ‘সেটাও আছে। ঠিক সময়ে পৌঁছে যাবে।’

চতুর্থ ব্যক্তি: কাটা মাল নয় তো?

দ্বিতীয় ব্যক্তি: না, একদম ফ্রেশ। আপনাদের ‘খাতিরদারি’তে কোনো কমতি হয়েছে আজ পর্যন্ত? আপনারা শুধু আমাদের সঙ্গে একটু কো-অপারেট করুন, ব্যস! আপনারা আমাদের স্বার্থটা দেখুন, আপনাদেরটা আমরা দেখব।

অতিথিরা বেরিয়ে গেলেন, সঙ্গে দাঁড়িয়ে থাকা তিনজন লোকও। তারাই অতিথিদের হোটেলে পৌঁছে দেবে। আতিথেয়তার সব দায়িত্বও তাদেরই ওপর। সকলকে বিদায় জানিয়ে ঘরে রয়ে গেলেন দ্বিতীয় ও তৃতীয় ব্যক্তি। দু-জনের কপালেই ভাঁজ।

দ্বিতীয় ব্যক্তি: স্যার, বলে তো দিলেন, কিন্তু হবে কী করে? এমনিতেই পুলিশ অ্যালার্ট হয়ে গেছে…

তৃতীয় ব্যক্তি: জানি। কিন্তু এছাড়া আর কোনো পথ ছিল কি? ভেবে দ্যাখো, আমরা মাল না পাঠালে ওরা নিজেদের বিজনেস বন্ধ করবে না। বরং অন্য কারও কাছ থেকে মাল নেবে। মাঝখান থেকে বাঁধা ক্লায়েন্ট আমাদের হাত থেকে বেরিয়ে যাবে।

দ্বিতীয়: জানি স্যার। এদিকে আর এক কাণ্ড হয়েছে। যে মালটা বুড়োটার সঙ্গে পালাচ্ছিল, তাকে নবদিগন্ত থেকে তোলা হয়েছিল। যাদবপুরের একজন লেকচারার ওকে সেখানে রেখেছিল। ছেলেটা মিসিং দেখে লোকটা খেপে গেছে।

তৃতীয়: (বিরক্ত মুখে) এখন কি এসব ব্যাপারেও আমাকে মাথা ঘামাতে হবে? রাবিশ! এটুকু যদি সামলাতে না পারো তো ব্যাবসা বন্ধ করে দাও।

দ্বিতীয়: সরি স্যার। আসলে লোকটা একটু নাছোড়বান্দা গোছের। পুলিশের কাছেও গেছিল। লোকাল পুলিশ ওকে এনটারটেইন করেনি। তবু নবদিগন্তে গিয়ে ঝামেলা করছে।

তৃতীয়: এরকম চলতে থাকলে কী করতে হবে সেটা নিশ্চয়ই এতদিন পর তোমাকে বলে দিতে হবে না!

‘ইয়েস স্যার!’ মাথা নাড়ল দ্বিতীয় লোকটা।

।। এগারো।।

আমাকে আর বাড়িতে ফিরতে দেয়নি টাপুরদি। বাবা-মা না ফেরা পর্যন্ত আপাতত আমি টাপুরদির বাড়িতে ঘাঁটি গেড়েছি। আজ সারাদিন টাপুরদি বাড়িতে ছিল না। কোথায় বেরোচ্ছে বলেনি, আমিও বেরোনোর মুখে আর জানতে চাইনি। আমি সারাদিন বাড়ি থেকেই অফিস সামলেছি। সন্ধের পর টাপুরদি বাড়ি ফিরে ওয়াশরুমে ঢুকে গেল। স্নান করে বেরিয়ে এসে বলল, ‘একটু চা কর না রে মিতুল। খুব টায়ার্ড লাগছে।’

‘তুমি বলার আগেই বসিয়ে দিয়েছি।’ বললাম আমি।

‘গুড গার্ল!’ বলে হেসে সোফায় গা এলিয়ে দিল টাপুরদি।

‘সারাদিন ছিলে কোথায়?’ জিজ্ঞাসা করলাম এখন।

টাপুরদি চোখ বুজেই বলল, ‘অনেক জায়গায়। নবদিগন্তের ঠিকুজি-কুষ্ঠি বের করতে গেছিলাম।’

‘পেলে?’ জানতে চাইলাম আমি।

‘সব না হলেও কিছুটা পেয়েছি।’

আমি উঠে দাঁড়ালাম। বললাম, ‘দাঁড়াও, চা-টা নিয়ে আসি। তারপর শুনব।’

রান্নাঘরে ঢুকে দু-টি কাপে চা ঢাললাম। প্লেটে কুকিজ আর ড্রাইফ্রুটস সাজিয়ে নিয়ে বসার ঘরে এলাম। সেন্টার টেবিলের ওপর ট্রে-টা রেখে গুছিয়ে বসলাম আমি। বললাম, ‘এবার বলো।’

চায়ের কাপটা তুলে এক চুমুক দিয়ে টাপুরদি বলল, ‘বেড়ে বানিয়েছিস! হুম, যা বলছিলাম, নবদিগন্ত হ্যান্ড-ওভার হয় বারো সালের অক্টোবরে। যেহেতু কাগজে-কলমে নন-প্রফিট অর্গানাইজেশন, তাই আর্থিক লেনদেনের কোনো উল্লেখ নেই। সেই সময়ে নতুন কমিটিতে ছিল মোট ছয়জন। এর মধ্যে একজন হলেন ওখানকার লোকাল এমএলএ সত্যব্রত মল্লিক। বিনয়কৃষ্ণ ভট্টাচার্যের পরিবারের একজন সদস্যও আছেন। তার নাম দেবাশিস মিত্র। ভদ্রলোক পেশায় ডাক্তার, দক্ষিণ কলকাতার একটি নামি হাসপাতালে গ্যাস্ট্রো-এন্টোরোলজি বিভাগের সার্জেন। যত দূর জানতে পেরেছি, পুরো ডিলটা এই ডাক্তারবাবুর মাধ্যমেই হয়েছিল। তিনি আগে থেকেই বিনয়কৃষ্ণ মেমোরিয়ালের সঙ্গে যুক্ত ছিলেন।’

আমি জিজ্ঞাসা করলাম, ‘তাহলে যে উত্তীয়দা বলল বিনয়কৃষ্ণবাবু পরিবারের বর্তমান প্রজন্ম হোমের ব্যাপারে ইন্টেরেস্টেড ছিল না?’

‘হুম’, বলল টাপুরদি, ‘এখানে ব্যাপারটা একটু জটিল। তাহলে তোকে বিনয়কৃষ্ণ ভট্টাচার্যের পারিবারিক ইতিহাস একটু বলতে হয়। বিনয়কৃষ্ণবাবু আদতে ওই পরিবারের কেউ নন। তাঁকে দত্তক নিয়েছিলেন তাঁর বাবা অনাদিভূষণ ভট্টাচার্য। অনাদিভূষণের একটিমাত্র মেয়ে ছিল। বিনয়কৃষ্ণ ছিলেন অনাদিভূষণের এক কর্মচারীর ছেলে। একটি দুর্ঘটনায় পুরো পরিবারকে হারান বিনয়কৃষ্ণ, এসে পড়েন অনাদিভূষণের আশ্রয়ে। লেখাপড়ায় ভালো বুদ্ধিমান ছেলেটিকে দত্তক নেন অপুত্রক অনাদিভূষণ। এই ভট্টাচার্য পরিবারের বর্তমান প্রজন্ম বলতে উত্তীয় এই বিনয়কৃষ্ণর উত্তরাধিকারীদেরই বুঝিয়েছে।

‘এদিকে অনাদিভূষণের মেয়ে কুন্তলা দেবীর ছেলে হলেন দেবাশিসবাবু। কুন্তলা দেবী নিজের পছন্দে বিয়ে করেন বলে অনাদিভূষণ জীবদ্দশায় তাঁর সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি। সেটা অকারণ নয় অবশ্য। কুন্তলার স্বামী ছিলেন পলিটিকাল গুন্ডা। তোলাবাজি থেকে শুরু করে কিডন্যাপিং, খুন সবেরই চার্জ ছিল তাঁর ওপরে। দলীয় কোন্দলে গোলাগুলি চলে। গুলি লেগে মারা যান তিনি। কুন্তলা দেবীর বাবা তাঁকে ফিরিয়ে না নিলেও তাঁর মৃত্যুর পর বিনয়কৃষ্ণবাবু ভাগনেটিকে নিজের কাছে টেনে নেন। বরাবরই তুখোড় ছাত্র ছিলেন দেবাশিসবাবু। তাঁর উচ্চশিক্ষার খরচও চালান বিনয়কৃষ্ণবাবু।

‘বিনয়কৃষ্ণবাবুর নিজের দুই ছেলেই খুব কম বয়সে মারা গেছেন। দুই ছেলের ঘরের তিন নাতি ও এক নাতনি দেশের বাইরে সেটলড। তাঁরা এখানকার হোম নিয়ে একেবারেই ইন্টারেস্টেড ছিলেন না। জীবনের শেষ দিন পর্যন্ত ভাগনেই তাঁর কাছে ছিলেন। বিনয়কৃষ্ণবাবু নিজের সম্পত্তির কিছু অংশ ভাগনেকে দিয়েছেন। তিনি নিজে ছিলেন অনাথ। হয়তো সেই কারণেই একটি অনাথ আশ্রম স্থাপন করতে চেয়েছিলেন, করেওছিলেন। তাঁর ছেলেরা যতদিন বেঁচে ছিলেন, তাঁরাও আশ্রমটা চালিয়েছেন। তাঁদের মৃত্যুর পর দেবাশিসবাবুর পরামর্শেই বিনয়কৃষ্ণবাবুর নাতিরা নবদিগন্তের হাতে তাদের হোমটা তুলে দেন।’

‘আচ্ছা, বুঝলাম।’ বললাম আমি, ‘তা তুমি এসব গল্প কোত্থেকে কালেক্ট করলে?’

মুচকি হাসল টাপুরদি। বলল, ‘সারাদিন কি এমনি এমনি ঘুরে বেড়ালাম মামণি? কত জায়গায় গেছি জানিস! এসব খবর, বিনয়কৃষ্ণবাবুর ইতিহাস পেতে অবশ্য বেশি গা ঘামাতে হয়নি। এই কাজটা উত্তীয়ই করে রেখেছিল। তবে নবদিগন্তের ট্রাস্টি কমিটির ফাউন্ডার মেম্বারদের হালহকিকত বের করতে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। ভাগ্যক্রমে এফসিআরএ রেজিস্ট্রেশন অফিসে আমার এক বন্ধুর দাদা কাজ করেন। তিনিই আমার অনুরোধে নব দিগন্তের রেজিস্ট্রেশনের কাগজ বের করে দিলেন।’

‘আচ্ছা, দু-জন তো হল। বাকি চারজন কারা?’ জানতে চাইলাম আমি।

টাপুরদি বলল, ‘নবদিগন্ত এনজিও-র প্রতিষ্ঠাতা শিউলি মজুমদার, তাঁর ভাই সাগর দাশগুপ্ত। দু-জনেই আছেন কমিটিতে। এখানে দুটো কথা উল্লেখ করা প্রয়োজন। শিউলি মজুমদারের হাজব্যান্ড শেখর মজুমদার একজন রিটায়ার্ড আইপিএস। তিনি মারা গেছেন ২০২০-তে। সাগরবাবু দিল্লিতে থাকেন। তিনি একটি ফার্মা কোম্পানির মালিক।’

‘আর রইল বাকি দুই’, বললাম আমি।

‘ঠিক।’ হাসল টাপুরদি, ‘একজন শোভন সেন। বিনয়কৃষ্ণবাবুর ছোটো ছেলের বন্ধু। নবদিগন্ত টেক-ওভারের আগে থেকেই কমিটিতে ছিলেন তিনি। বিনয়কৃষ্ণর ছেলেদের সঙ্গে মিলে অনাথ আশ্রমটিকে হাতে করে দাঁড় করিয়েছিলেন। বছর দু-এক আগেই একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন ভদ্রলোক। আর শেষজন রাঘব সামন্ত। এই রাঘব সামন্ত একটি পিকিউলিয়ার ক্যারেক্টার। এঁর সম্পর্কে কোনো তথ্য জোগাড় করে উঠতে পারিনি এখনও। নবদিগন্ত সেবাশ্রমের সঙ্গে তাঁর কী সম্পর্ক, তাই বুঝে উঠতে পারছি না।’

‘কেমন?’

টাপুরদি একটু থামল। তারপর বলল, ‘এই রাঘব সামন্ত সম্পর্কে বিশেষ কিছু জানা যাচ্ছে না। লোকটা কে, কোথা থেকে এসেছে, বিনয়কৃষ্ণবাবু বা এই হোমের সঙ্গে কীভাবে সম্পর্কিত কিছুই তথ্য নেই আমাদের কাছে।’

‘কেন?’

‘জানি না।’ বলল টাপুরদি, ‘এই নবদিগন্তের সব কিছুই কেমন ঘোরালো। সব জট পাকিয়ে আছে। আর এই রাঘব সামন্ত হলেন মিস্টার এক্স। তিনি কে, কোথায় থাকেন, আদৌ এক্সিস্ট করেন কি না, করলেও বেঁচে আছেন কি না, নবদিগন্তের সঙ্গে কী সম্পর্ক কিছুই জানি না!’

‘কেন? রেজিস্ট্রেশন সার্টিফিকেটে ডিটেলস তো থাকার কথা!”

টাপুরদিকে একটু অন্যমনস্ক দেখাল। বলল, ‘থাকার কথা তো ছিল। কিন্তু নেই।’

‘নেই মানে?’ বিস্মিত স্বরে জিজ্ঞাসা করলাম আমি।

‘নেই মানে, নেই। কেউ সরিয়ে দিয়েছে সব ডেটা। আজ আমি গিয়ে খোঁজ করতে চুরিটা ধরা পড়ল।’

‘বলো কী? যাই হোক, কমিটির অন্যান্যরা তো দেখেছেন তাঁকে। তাঁরা নিশ্চয়ই চেনেন। আর রেজিস্ট্রেশন সার্টিফিকেটের কপি নিশ্চয়ই নব দিগন্তের অফিসেও থাকবে। সেখানে ছবিও পাওয়া যাবে, অন্যান্য নথিও।’

টাপুরদি মাথা নাড়ল। বলল, ‘ভেবে দ্যাখ মিতুল। এই রাঘব সামন্ত যদি রেজিস্ট্রি অফিস থেকে ফোটো সরাতে পারেন, তাহলে নবদিগন্তের অফিস থেকে সরানো তো তাঁর বাঁ হাতের খেলা, যেখানে তিনি নিজেই কমিটি মেম্বার।’

আমি বললাম, ‘কিন্তু টাপুরদি! এমনও তো হতে পারে যে নথিটা রেজিস্ট্রি অফিস থেকে কেউ চুরি করেনি। পুরোনো জিনিস, কোথাও হারিয়ে গেছে।’

টাপুরদি চোখ কটমট করে আমার দিকে তাকাল। বলল, ‘বুদ্ধিটা কোথায় বন্ধক দিয়ে এসেছিস? আজকাল সরকারি অফিসে সব নথি কম্পিউটারাইজড করা হয়। সেখানকার ডেটাবেস থেকেই গায়েব হয়েছে ছবিটা।’

‘তাহলে এখন কী হবে? নবদিগন্তের কাছে যে কপি আছে, তাতে রাঘব সামন্তর ছবি আছে কি না জানতে হলে তো নবদিগন্তে ঢোকা ছাড়া উপায় নেই টাপুরদি।’ বললাম আমি।

টাপুরদি বলল, ‘এই কেসটা এক আশ্চর্য গোলকধাঁধা রে মিতুল! যেদিক দিয়েই এগোতে যাচ্ছি, সব রাস্তা ঘুরে ফিরে নবদিগন্তে এসে থেমে যাচ্ছে। অর্জুন শুনলেই আবার রে রে করে উঠবে জানি, কিন্তু নবদিগন্তের ভেতরে না ঢুকে এই কেস সলভ করা কঠিন।’

।। বারো।।

কাল সারাটা রাত দু-চোখের পাতা এক করতে পারেনি লালন। এক রাতের মধ্যে চোখের সামনে দিয়ে দু দু-টি মৃত্যু প্রত্যক্ষ করতে হয়েছে তাদের। এই ঘর থেকে কাল দু-টি মৃতদেহ বেরিয়েছে। এই ঘর যেন এখন সাক্ষাৎ নরক। মৃত্যু এখানকার অধিবাসীদের গা-সওয়া হয়ে গেছে। মৃত্যু দেখে দেখে এ ঘরের দেয়াল, ইট, কড়ি-বরগাও যেন আজকাল নিস্পৃহ।

ভিড় কমে আসছে। বাকিদের আজকাল একটু হাত-পা ছড়িয়ে শোয়ার জায়গা জোটে। এখানে কেউ কারও সঙ্গে আর কথা বলে না। যেটুকু সময় জেগে থাকে, শূন্য দৃষ্টিতে চেয়ে থাকে, কেউ কেউ নিজের মনে বিড়বিড় করে। এরা জেনে গেছে, মৃত্যু অমোঘ। মৃত্যুর পরে আর কিছু নেই। এই পৃথিবীতে মৃতেরা কখনো ফেরে না, তারা কোথাও নেই। এখানে মানুষ মেনে নিয়েছে একজন সরে গেলে অন্যদের একটু বেশি জায়গা সংকুলান হয়। তবু সেই অতিরিক্ত স্থানটুকুও চিরসত্য নয়। তাও ছেড়ে দিতে হয় একদিন, জীবিত বা মৃত অবস্থায়।

হ্যাঁ, জীবিত অবস্থাতেও বেরোয় বই কি! কোথায় নিয়ে যাওয়া হয় তাদের, কেউ জানে না। এখন আর কেউ জানার চেষ্টাও করে না। মাঝে মাঝে লালনের মনে হয় এটা একটা গুদামঘর। পচা আলুর মতো মৃতদেহগুলিকে বের করে ফেলে দেওয়া হয়, কোথায় কে জানে! আর যারা বেঁচে আছে, তারা কাজে লাগে। তাদের শরীরের প্রতিটা অঙ্গপ্রত্যঙ্গ খুব দামি। এতদিনে এই ঘরের সকলে এই সারসত্যটা জেনে গেছে। অপারেশনের ধকল সয়ে যারা বেঁচে যাচ্ছে, তাদের আবার কোনো না কোনোদিন অপারেশন টেবিলে শুতে হবে। এভাবেই চলবে, যতদিন না সেই টেবিলেই তাদের মৃত্যু হয়, অথবা শরীরের সব অঙ্গ দান করে ফেলার পর বাইরের খোলসটা পচে ফুলে উঠে শেষ হয়ে যায় ধুঁকে ধুঁকে।

লালন এখন জানে, তার একটা কিডনি বের করে নেওয়া হয়েছে। পথের ছেলে সে। জীবনের রূঢ়তাকে খুব কাছ থেকে অনুভব করেছে। এসব বুঝতে তার অসুবিধে হয় না। এটাও লালন ভালো করেই জানে, এখনও তার অনেক কিছু আছে দেওয়ার। এখনও এই বাজারে তার দাম আছে। তাই তাকে দেখতে ডাক্তারবাবু আসেন। তাকে ওরা ঠিক মতো খাবার-দাবার দেয়। যতদিন না ওর শরীর থেকে শেষ অঙ্গটি ওরা খুলে নেবে, ততদিনই ও খুব মূল্যবান। জসীমচাচার দুটো কিডনিই বের করে নিয়েছিল ওরা। খুব দ্রুত মৃত্যুর দিকে এগোচ্ছিল জসীমচাচা। সে যে কী কষ্ট, চোখে দেখা যায় না। তাই হয়তো নিজের প্রাণটা দিয়ে লালনকে বাঁচানোর চেষ্টা করেছিল। নাকি ধুঁকে ধুঁকে মরার চেয়ে গুলি খেয়ে মরাটা সহজ বলে মনে হয়েছিল তার!

চোয়াল শক্ত হয়ে আসে লালনের। হাতের তালু মুঠি হয়। দ্রুত নিশ্বাস পড়তে থাকে। একবার, অন্তত আরও একবার চেষ্টা না করে মৃত্যুর হাতে অসহায় আত্মসমর্পণ করতে রাজি নয় সে। মরতে তো হবেই। তাহলে পালাতে গিয়ে যদি জসীমচাচার মতো গুলি খেয়েও মরে, তাতে কী যায়-আসে? কতজনই তো কতভাবে মরে? মৃত্যুর চেয়ে সত্যি আর কী আছে? চিন্তাটা লালনকে স্থির থাকতে দেয় না। এই ঘরের বাইরে কী আছে, পাহারায় কতজন আছে, এই জায়গাটা কোথায় কিছুই জানে না সে। এখান থেকে বেরোতে পারলে জেনে নিতে কতক্ষণ! কিন্তু কীভাবে বেরোবে?

এই ঘরের দরজা সারাদিনে তিনবার খোলে। সকালে, দুপুরে ও রাতে ওদের খেতে দেওয়া হয়। ঘরের সঙ্গেই অ্যাটাচড বাথরুম আছে। টানা বাথরুমে দু-টি চান করবার জায়গা এবং তিনটি আলাদা খুপরিতে কমোড রয়েছে। মুখ-হাত ধোয়ার বেসিন আছে একটা। তার ঠিক পাশে ওপরের দিকে একটা বড়ো মাপের ঘুলঘুলি আছে, যেটা চারটে কাঠের তক্তা দিয়ে পেরেক ঠুকে আটকানো আছে। তক্তাগুলির ফাঁক দিয়ে সরু আলোর রেখা এসে ঢোকে অন্ধকার বাথরুমে। এই আলোটুকুই বাইরের পৃথিবীর সঙ্গে এই ঘরে ক্ষীণ যোগাযোগ রক্ষা করে চলেছে।

এমনিতে ভীষণ অপরিচ্ছন্ন এই বাথরুমে ঢুকলে দুর্গন্ধে পেটের ভেতরটা গুলিয়ে ওঠে। কিন্তু কিছুদিন ধরে লালন এখানে অনেকটা সময় কাটাচ্ছে। এই ঘরের বেশিরভাগ অধিবাসী কড়া ঘুমের ওষুধের ঘোরে থাকে। লালনও ছিল। ইদানীং অপারেশনের ব্যথা কমে আসায় এবং হয়তো সেও কিছুটা বাধ্য ছেলে হয়ে থাকায় তার ইঞ্জেকশন বন্ধ করা হয়েছে। তার পরিবর্তে খাওয়ার ওষুধ দেওয়া হচ্ছে তাকে। লালন চিনে নিয়েছে, ছোটো ছোটো সাদা রঙের গোল ট্যাবলেটগুলোই ঘুমের ওষুধ। ক-দিন ধরে ওষুধগুলো লুকিয়ে ফেলে দিচ্ছে সে। রাতে যখন এই ঘরের মানুষগুলো গভীর ঘুমে অচেতন হয়ে পড়ে, তখন তার কাজ শুরু হয়।

কাজটা সামান্যই;কয়েকটা পেরেক খোলা। কিন্তু খালি হাতে কোনো যন্ত্রপাতি ছাড়া সেই সামান্য কাজটাই দুরূহ হয়ে দাঁড়ায়। তার ওপর ঘুলঘুলির নাগাল পেতে হলে বেসিনের ওপর উঠে দাঁড়াতে হয়। সেটিও খুব একটা শক্তপোক্ত নয়। লালন উঠে দাঁড়াতে গেলে নীচ থেকে ঘটঘট শব্দ করে নড়ে। ভয় হয়, কোনোদিন না পুরোটা খুলে লালনকে নিয়ে নীচে পড়ে!

তবু লালন কাজ চালিয়ে যাচ্ছে। দু-দিন আগে একটা তক্তা খুলতে গিয়ে আঙুলে কেটে গেছিল। যে লোকটা খাবার দিতে আসে, সে বাকিদের মতো অত নিষ্ঠুর নয়। সম্ভবত এদের দলের লোকও নয়। লালন তার কাটা হাত দেখিয়ে একটা চামচ চেয়েছিল। লোকটা ভেবে দেখলে বুঝতে পারত, এই বন্ধ ঘরে হাত কাটার কোনো কারণ থাকতে পারে না। কিন্তু সে মাথা ঘামায়নি। পরের দিন একটা চামচ এনে দিয়েছিল লালনকে। তার পরের দিনও। দু-তিনদিন পরে একদিন লালন আর সেটা ফেরত দেয়নি। লোকটাও চায়নি, কেন কে জানে!

চামচটা পেতে একটু সুবিধে হয়েছিল। প্রায় বারোদিন ধরে সারারাত পরিশ্রম করে চারটের মধ্যে তিনটে তক্তা খুলে ফেলতে পেরেছে লালন। কিন্তু সেইটুকু ফাঁক দিয়ে একটি পনেরো-ষোলো বছরের ছেলের বেরোনোর পক্ষে যথেষ্ট নয়। ঘুলঘুলি থেকে উঁকি মেরে বাইরেটা দেখার চেষ্টা করেও অন্ধকারে কিছুই দৃষ্টিগোচর হয়নি। যদি ঘরটা দোতলা, বা তিনতলা বা আরও উঁচুতে হয়, তাহলে হয়তো লালনের পরিশ্রমটুকু জলে যাবে।

তবু লালন হাল ছাড়ে না। শেষ তক্তাটা খুলে ফেলতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। যদিও তারপরও এখান থেকে বেরোনোটা সহজ হবে না। কারণ বেসিনের ওপর উঠে দাঁড়ালেও ঘুলঘুলিটা লালনের মাথা সমান উঁচুতে পড়ে। সেখান দিয়ে বের হওয়া খুবই কঠিন। কিন্তু লালন আপাতত সে নিয়ে ভাবছে না। আগে তক্তাগুলো খোলা হোক, তারপর দেখা যাবে। খোলা তিনটে তক্তা সে আলগা করে পেরেক দিয়ে কোনোমতে লাগিয়ে রেখেছে যাতে কেউ বুঝতে না পারে।

হাতে আর বেশি সময় নেই বুঝতে পারছে লালন। আজ সকালে ডাক্তারবাবু এসেছিলেন তাকে দেখতে। পরীক্ষা করে দেখে সঙ্গে ষণ্ডা মতোন লোকটার দিকে তাকিয়ে ঘাড় নেড়ে ইশারা লালনের নজর এড়ায়নি। অর্থাৎ সে এখন সম্পূর্ণ সুস্থ আছে, হয়তো আর একটি অঙ্গ শরীর থেকে খুলে দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। আর সময় নেই। যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। আর একবার অপারেশন টেবিলে শুতে হলে হয়তো আর কোনোদিনই ফিরে যেতে পারবে না লালন। এতদিন ধরে চোখের সামনে এত মৃত্যু দেখে মৃত্যুকে আর ভয় করছে না তার। কিন্তু বাঁচার ইচ্ছেটাও পুরোপুরি শেষ হয়ে যায়নি। তাই শেষ চেষ্টাটা করবে সে।

।। তেরো।।

অফিসে পৌঁছোতেই পিয়োন রমেনদা জানিয়ে গেল, ডিসিডিডি স্যার অর্জুনকে তলব করেছেন। সেই যে স্যারের ঘরে ঢুকল অর্জুন, এখনও বেরোতে পারেনি। ঘরে ঢুকতেই সৌরভ সান্যাল চোখ পাকিয়ে বললেন, ‘কী ব্যাপার অর্জুন? কোনো রিপোর্ট পাচ্ছি না কেন?’

হঠাৎ ধমকে অর্জুন থতমত খেয়ে বলল, ‘চেষ্টা করছি স্যার।’

‘চেষ্টা করছ যে, সেটা বুঝব কী করে? এদিকে উপরমহলে জবাব দিতে গিয়ে আমার প্রাণান্তকর অবস্থা। বডিটার আইডেন্টিটি জানা গেল কিছু?’

অর্জুন বলল, ‘একটা ইনফরমেশন আছে। তবে সোর্সের অথেন্টিসিটি সম্পর্কে শিওর নই।’

‘কীরকম?’ জানতে চাইলেন সৌরভ সান্যাল।

অর্জুন উত্তরটা মনের মধ্যে একটু গুছিয়ে নিল। তারপর ইতস্তত করে বলল, ‘বসব, স্যার? বুঝিয়ে বলতে সময় লাগবে।’

এর পর অর্জুন ডিসিডিডি স্যারকে উত্তীয় সোম, নবদিগন্ত হোম, লালনের নিরুদ্দেশ হওয়ার প্রসঙ্গ, সেখানে মৃত লোকটির উপস্থিতি, সর্বোপরি নিজের সোর্সের কাছে পাওয়া তথ্যগুলো সবই খুলে বলল। তারপর বলল, ‘স্যার, তবে আমি নিজে উত্তীয় সোমের সঙ্গে কথা বলিনি এখনও। তাই নিশ্চিতভাবে বলতে পারছি না যে, উত্তীয় সত্যিই নবদিগন্ত হোমে লোকটাকে দেখেছে।’

সৌরভ সান্যাল মন দিয়ে সবটুকু শুনলেন। তারপর বললেন, ‘হোমের নামটা কী বললে?’

‘নবদিগন্ত সেবাশ্রম স্যার, হোমটা ওই সোনারপুরের দিকে।’ বলল অর্জুন।

সৌরভবাবু ভুরু কুঁচকে কিছু ভাবলেন। তারপর বললেন, ‘নামটা চেনা চেনা লাগছে। ঠিক মনে করতে পারছি না। উত্তীয় সোম লোকাল থানায় এফআইআর করেছে?’

‘শুনলাম তো করেছে। কিন্তু সেখানে পুলিশ নাকি তাকে এন্টারটেন করেনি। উলটো ‘হোম থেকে ছেলেরা অমন পালায়ই’ বলে নিজেদের মধ্যে মিটিয়ে নিতে বলেছে।’

‘ইডিয়টস!’ দাঁতে দাঁত চেপে বললেন সৌরভ সান্যাল, ‘এক কাজ করো অর্জুন। এই উত্তীয় সোমকে আজই ডাকো এখানে। তুমি নিজে ইন্টারোগেট করো। দেখো, লোকটা কী কী জানে! হি ক্যান বি আ ইউজফুল সোর্স ইন দিস কেস। কিন্তু সাবধানে হ্যান্ডল ক’রো, লোকটা যাদবপুরের লেকচারার। পান থেকে চুন খসলে ক্যাওস বাধিয়ে দেবে ছাত্র-ছাত্রীরা মিলে। সে অভিজ্ঞতা আমার খুব একটা সুখকর নয়।’

হেসে ফেলল অর্জুন। যাদবপুরের ছাত্রছাত্রীদের কথা উঠতে টাপুরের মুখটা মনে পড়ে গেল। বলল, ‘এদের হ্যান্ডল করা সত্যিই শক্ত।’

সৌরভ সান্যাল কী বুঝলেন কে জানে! গম্ভীর মুখে মাথা নেড়ে বললেন, ‘তা এই উত্তীয় সোমকে তুমি পেলে কোথা থেকে?’

অর্জুন বলল, ‘ঠিক আমি পাইনি স্যার। পেয়েছে অন্য একজন। তার কাছেই জেনেছি উত্তীয় সোমের ব্যাপারে।’

‘কে সে? তোমার সোর্স?’

হাসল অর্জুন। বলল, ‘না। ঠিক সোর্স নয়। আপনিও চেনেন তাকে।’

‘কে বলো তো!’ জিজ্ঞাসা করলেন ডিসিডিডি।

‘সঙ্ঘমিত্রা। ডিটেকটিভ সঙ্ঘমিত্রা ব্যানার্জি।’ বলল অর্জুন।

‘বলো কী! সে কী করছে এই কেসে, ব্যাপারটা খুলে বলবে আমাকে?’

অর্জুন একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর একটু ব্যাজার মুখে বলল, ‘এই উত্তীয় সোম সঙ্ঘমিত্রার ক্লায়েন্ট। ওই যে ছেলেটি, লালন, তাকে খোঁজার জন্য উত্তীয় সোম সঙ্ঘমিত্রার হেল্প নিচ্ছেন। অ্যাজ সাচ, এইসব ইনফরমেশন সঙ্ঘমিত্রার সূত্রেই পেয়েছি।’

‘বোঝো! লোকটার আইডেন্টিটি কিছু জানা গেল?’

অর্জুন বলল, ‘উত্তীয় সোম জানিয়েছেন, একবারই লোকটিকে তিনি নব দিগন্তে দেখেছিলেন। লালন তাকে জসীমচাচা বলে ডাকছিল। উত্তীয় নিউজ দেখে নবদিগন্তে গিয়েও ছিলেন। তাঁকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি। জসীমকে নিয়ে চার্জ করলে নবদিগন্তের লোকেরা জসীমকে চিনতে সম্পূর্ণ অস্বীকার করে। আমি নিশ্চিত হওয়ার জন্য সোনারপুরের বস্তিতে গিয়েছিলাম, যেখানে লোকটা থাকত বলে জেনেছিলাম। যার ঘরে লোকটা ভাড়া থাকত সে বিশেষ কিছু বলতে পারেনি। তবে কনফার্ম করেছে যে লোকটার নাম জসীমুদ্দিন শেখ।’

‘তার মানে এখন আমরা মৃতের নাম জানি। এও জানি যে সে নবদিগন্ত সেবাশ্রমে কাজ করত। কিন্তু এখন নবদিগন্ত সেটা অস্বীকার করছে। তাতে অসুবিধে নেই। উত্তীয় সোমের সামনে অস্বীকার করলেও পুলিশের সামনে করতে পারবে না। কিন্তু নবদিগন্তের ব্যাপার-স্যাপার ফিশি লাগছে। একটু খোঁজ নাও অর্জুন। আর শোনো, এইসব কেস কিন্তু ভীষণ রিস্কি হয়। যারা এই ধরনের বিজনেস করে, তারা বাধা পড়লে একটা মেয়েকে সরিয়ে দিতে এক সেকেন্ডও ভাববে না। যদিও আমরা এখনও জানি না সত্যিই নবদিগন্ত সেবাশ্রমের সঙ্গে জসীম বা অরগ্যান ট্র্যাফিকিং-এর সত্যিই কোনো যোগ আছে কি না, তবু বলব সঙ্ঘমিত্রা এর থেকে দূরে থাকলেই ভালো করবেন। এই ধরনের কেস প্রাইভেট ডিটেকটিভের এক্তিয়ারের মধ্যেও পড়ে না।’

অর্জুন একটা দীর্ঘ নিশ্বাস চাপল। টাপুর যদি সত্যিই তার কথা শুনত, তাহলে তো এত সমস্যাই হত না। কিন্তু সে মেয়ে অন্য ধাতুতে গড়া। নিজের এক্তিয়ারের পরোয়া কবেই বা করেছে সে?

‘বাই দ্য ওয়ে, তোমার সঙ্গে সঙ্ঘমিত্রার যোগাযোগ আছে?’ জানতে চাইলেন সৌরভ সান্যাল।

অর্জুন একটু তুতলিয়ে বলল, ‘হ্যাঁ মানে, ওই আর কী!’

‘বেশ।’ একটু ভেবে বললেন সৌরভ সান্যাল, ‘তাহলে ওঁকে বুঝিয়ে ব’লো।’

অর্জুন মাথা নাড়ল। মনে মনে ভাবল, টাপুরকে বোঝানোর চেয়ে প্রত্যঙ্গ- ব্যবসায়ীদের ব্যাবসা বন্ধ করে দেওয়ার জন্য বোঝানো বেশি সহজ হবে। কিন্তু সে-কথা ডিসিডিডি স্যারকে বলা যায় না। অতএব ঘাড় নাড়ল সে। সৌরভ সান্যাল চুপচাপ ভাবলেন কিছুক্ষণ। তারপর বললেন, ‘অর্জুন, এই কেসটা সবদিক থেকেই যথেষ্ট গুরুত্বপূর্ণ। সরকারের ওপরমহল থেকে চাপ আসছে। অরগ্যান ট্র্যাফিকিং, শুধু এ-দেশে নয়, সারা পৃথিবীতেই রমরমিয়ে চলছে। পৃথিবীর কয়েকটি দেশে মরণোত্তর দেহদান, অঙ্গদান বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। কিন্তু এই আইনটা সর্বত্র প্রয়োজন। আমাদের দেশে তো খুবই দরকার। না হলে অরগ্যান ট্র্যাফিকিং বন্ধ করা যাবে না।

‘কিন্তু সমস্যা হচ্ছে সেটা করবে কে? রাজনৈতিক জটিলতা আছে, ধর্মীয় অন্ধবিশ্বাস আছে। ‘কুর্সিকা কিসসা’ সর্বত্রই। সব দলই জনমোহিনী রাজনীতিতে বিশ্বাসী। বোঝে না, রোগ সারাতে গেলে মাঝে মাঝে তেতো পাচন গেলাতে হয়। তাই সরকার বদলেছে একাধিকবার। কিন্তু স্বাধীনতার চুয়াত্তর বছর পরেও আজ পর্যন্ত কেউই এই বিষয়ে ভাবেনি। ফলস্বরূপ অরগ্যান ট্র্যাফিকিং দেশ জুড়ে একটা লাভজনক ব্যাবসা হয়ে দাঁড়িয়েছে। এটা একটা বিষাক্ত ক্ষতের মতো দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে। শুনেছি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি-ও এই ব্যাপারে তদন্ত করছে। তাদের একটা দল কলকাতায় আসতে পারে বলে একটা কানাঘুষো শুনছি। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে মুখ্য সচিব খবর পাঠিয়েছেন, মুখ্যমন্ত্রীকে যেন এই কেসের প্রতিটি মাইনিউট ডিটেইলস ইনফর্ম করা হয়।’

‘স্যার, আপনি তো জানেন এই ধরনের কেসে তাড়াহুড়ো করে কিছু রেজাল্ট পাওয়া সম্ভব নয়। এখানে আমরা একজন অপরাধীকে খুঁজছি না। একটা চক্রকে প্রমাণসহ ধরতে হলে একটু সময় তো লাগবেই’, বলল অর্জুন।

সৌরভ সান্যাল মাথা নেড়ে বললেন, ‘সময়টাই তো আমাদের হাতে নেই, অর্জুন। প্রেস, মিডিয়া থেকে গভর্নমেন্ট সকলেই মাথার ওপর ডানা মেলে উড়ছে। সামান্য গাফিলতির গন্ধ পেলেই ঝাপট মারবে। আমাদের এই কেসটা তাই কতটা গুরুত্বপূর্ণ নিশ্চয়ই বুঝতে পারছ তুমি? আমাদের দেখতে হবে আইবি-র সামনে যেন কলকাতা পুলিশের মুখরক্ষা হয়। তাই আমি নিজেই কেসটা লিড করব। আমরা এই কেসে কাজ করব অ্যাজ আ টিম। কৌশিক আমাদের সঙ্গে থাকবে। সাইবারে উই নিড শুভম অ্যাজ হি ইজ দ্য বেস্ট। ফরেনসিকে ডক্টর পান্ডার টিম অলরেডি কাজ করছে। তিনি সবদিক দিয়েই অভিজ্ঞ ডাক্তার। তাই তিনিই থাকুন। তুমি সকলের সঙ্গে ফলো আপ করো। উত্তীয় সোমের সঙ্গে কথা বলে আমাকে জানাবে। বিকেল সাড়ে পাঁচটায় আমরা পুরো টিম মিট করব। সেখানে পরবর্তী কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করা যাবে।’

‘ওকে স্যার!’ বলে স্যালুট ঠুকল অর্জুন।

ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছিল, পেছন থেকে সৌরভ সান্যাল ডাকলেন তাকে। অর্জুন ঘুরে দাঁড়াল। ডিসিডিডি বললেন, ‘সঙ্ঘমিত্রাকে এই কেস থেকে দূরে থাকতে ব’লো। জানি, মেয়েটা রেবেল। কিন্তু ও বিপদে পড়ুক আমি চাই না। এবারের কেসটা ওর জন্য নয়।’

‘ইয়েস স্যার’, বলে ঘর ছেড়ে বেরিয়ে গেল অর্জুন।

।। চোদ্দো।।

‘আমরা কোথায় যাচ্ছি বলবে একটু প্লিজ?’ জিজ্ঞাসা করলাম আমি।

টাপুরদি আজ বেশ খোশমেজাজে আছে। সকালে গুনগুন করে গান গাইছিল। আমায় বলল, ‘একটা জায়গায় যাব, যাবি?’

‘কোথায়?’ জানতে চেয়েছিলাম।

মুচকি হেসে স্নান করতে বাথরুমে ঢুকে পড়ল। তখনই বুঝেছিলাম, জবাব পাব না এত সহজে। এখন আমরা চলেছি মা ফ্লাইওভার ধরে। এখনও জানি না গন্তব্যটা ঠিক কোথায়। এফএমে গান বাজছে নচিকেতার ‘চল যাব তোকে নিয়ে এই নরকের অনেক দূরে।’ টাপুরদির এই হেঁয়ালিগুলো আমাকে বিরক্ত করে জানে টাপুরদি। তবু করবেই। তবে এবার বোধহয় তার দয়া হল। বলল, ‘ডাক্তারের কাছে।’

‘ডাক্তারের কাছে!’ অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, ‘কেন? কী হয়েছে?’

‘অ্যাপেনডিক্স, বা গল ব্লাডার স্টোন, কিংবা ধর ওভারিতে সিস্ট, না ওভারি সিস্ট চলবে না, ওটা গাইনির ডিপার্টমেন্ট। উমম লিভারে সিস্ট হতে পারে, কিংবা…’

‘ওয়েট!’ বললাম আমি, ‘মানেটা কী? কীসব বলে যাচ্ছ?’

হাসল টাপুরদি। বলল, ‘এতগুলো রোগ বললাম, একটাও পছন্দ হল না?’

‘ঝেড়ে কাশবে প্লিজ?’ রাগত স্বরে বললাম আমি।

‘ঝেড়ে আবার কী কাশব? কাশি হয়ইনি আমার। কাশির জন্য তো ইএনটি দেখাতে হত। কিন্তু এখন আমরা তো ইএনটি-র কাছে যাচ্ছি না। আমরা যাচ্ছি গ্যাস্ট্রো-সার্জেনের কাছে।’

‘সার্জেন?’ এক মুহূর্ত থমকালাম। তারপরেই উৎফুল্ল গলায় বললাম, ”আমরা ডক্টর দেবাশিস মিত্রের কাছে যাচ্ছি। রাইট?’

টাপুরদি মুচকি হাসল। উত্তর দিল না।

‘কিন্তু তিনি আমাদের সঙ্গে কথা বলবেন কেন?’ জিজ্ঞাসা করলাম।

‘বলবেন না ধরে নিয়েই যাচ্ছি। বললে সেটা অতিরিক্ত পাওনা।’ টাপুরদি বলল।

‘কিন্তু টাপুরদি, ওরা তো জেনে যাবে যে তুমি এই কেসে কাজ করছ। তাতে ওরা আরও বেশি সাবধান হয়ে যাবে না?’

‘সতর্ক ওরা আগে থেকেই হয়ে গেছে। ডেডবডিটা পাওয়া যাওয়ার পর থেকে পুলিশ-প্রশাসন নড়েচড়ে বসেছে। সেটা ওরাও ভালো করেই জানে। আর জানে বলেই এখন ওরা সাবধান হয়েছে। আমি তো ওদের কিডন্যাপিং-এর ব্যাপারে জানতে যাচ্ছি না। আমি যাচ্ছি ডাক্তারবাবুকে জানতে।’ বলল টাপুরদি।

‘তুমি কী বলছ, কিচ্ছু মাথায় ঢুকছে না আমার।’ আমি বললাম।

‘চেষ্টা করিস না। চুপচাপ গান শোন।’ টাপুরদি হেসে বলল। তারপর নিজেই এফ এমের সঙ্গে গলা মিলিয়ে ‘চল যাব তোকে নিয়ে’ গুনগুন করতে শুরু করল। আমি মুচকি হেসে বললাম, ‘নরকের অনেক দূরে? আর ইউ শিয়োর?’

টাপুরদি ঠোঁট টিপে হাসল। আমিও আর কথা না বাড়িয়ে চুপচাপ জানলা দিয়ে রাস্তায় চোখ রাখলাম।

হেলথলাইন হসপিটালে পৌঁছে দেখা গেল ডাক্তারবাবু ওয়ার্ড ভিজিট করতে গেছেন। পেশেন্টের লিস্টে নিজের নাম লেখাল টাপুরদি। তারপর ওয়েটিং এরিয়ায় গিয়ে বসলাম দু-জনে। ঝাঁ-চকচকে এই হাসপাতালটি বছর পনেরো পুরোনো। তবে এর মধ্যেই বেশ নাম করেছে। বেশ কিছু কঠিন সার্জারি করে জনপ্রিয়তা ও পরিষেবার বিচারে প্রথম সারির হাসপাতালগুলির মধ্যে জায়গা করে নিয়েছে। অন্যান্য রাজ্য, প্রতিবেশী দেশ থেকেও রোগীরা এখানে চিকিৎসার জন্য আসে।

ডক্টর দেবাশিস মিত্র ভিজিট সেরে এসে পৌঁছোলেন আরও পঁয়তাল্লিশ মিনিট পরে। আমাদের আগে আরও প্রায় দশ-বারোজন রোগী ছিল। তাদের দেখা শেষ হতে হতে দুপুর একটা বেজে গেল। তালিকায় শেষ নাম টাপুরদির। গম্ভীর সেক্রেটারি কড়া গলায় বললেন, ‘সঙ্ঘমিত্রা ব্যানার্জি কে আছেন? এই পেশেন্ট বেরোলে আপনি যাবেন।’

আমরা দু-জন উঠে গিয়ে দরজার সামনে দাঁড়ালাম। পরের রোগী বেরোতে আমরা ঢুকতে যাব, হঠাৎ কোত্থেকে একজন লম্বা-চওড়া মুশকো চেহারার লোক হন্তদন্ত হয়ে টাপুরদিকে ধাক্কা দিয়ে চেম্বারের ভেতরে ঢুকে গেল। এমন অসভ্যের মতো ব্যবহার দেখে রাগটা চড়াৎ করে চড়ে গেল। পেছন থেকে চ্যাঁচাতে যাব, টাপুরদি আমার হাত টেনে ধরল। আমি টাপুরদির দিকে তাকালাম, সে আমায় ইশারায় চুপ করে দাঁড়াতে বলল। এদিক-ওদিক তাকিয়ে দেখলাম, সেক্রেটারি ভদ্রমহিলা ধারেকাছে নেই। আমাকে হাত ধরে একটু সরিয়ে নিল টাপুরদি। নিজে দরজার পরদার পাশে ঘেঁষে দাঁড়াল।

ভেতর থেকে উত্তপ্ত তর্ক-বিতর্কের শব্দ ভেসে আসছে।

একটি উত্তেজিত ক্রুদ্ধ কণ্ঠ বলে উঠল, ‘আপনি, মানে আপনি ভেবেছেনটা কী? নবদিগন্ত আপনার বাপের সম্পত্তি? যা খুশি করতে পারেন?’

অপর একটি শান্ত, বয়স্ক কণ্ঠ উত্তর দিল, ‘বাপের না হলেও মায়ের সম্পত্তি তো বটেই। নেহাত সেই সময় মা আইন-আদালত করেননি। সে যাই হোক, হয়েছেটা কী?’

‘আপনি কী অর্ডার দিয়েছেন? এভাবে হয় নাকি? হোমে কাজ তো আমাদের করতে হয়। এমনিতেই রোজ পুলিশ হুজ্জোত করছে, হোমের পেছনে ফেউ লেগেছে, তার ওপর আপনারা ওপরে বসে কিচাইন করছেন। আমাদের ভুগতে হচ্ছে। শালা!’ রাগি গলা বলল।

বয়স্ক কণ্ঠ চাপা ধমক লাগিয়ে বলল, ‘আহ আস্তে কথা বলো। এই হোম নবদিগন্তর হাতে আমি দিয়েছি। আমি যা বলব তাই হবে।’

‘আপনি তো বলেই খালাস!’ বলল রাগি কণ্ঠ, ‘খরচ কত বেড়ে গেছে এদিকে। সবার তেল বেড়ে গেছে। এদের নিয়ে কাজ হয়? আপনি বসের সঙ্গে কথা বলুন। অর্ডার আছে, কাজ বন্ধ করা যাবে না। বাইরে থেকে…’

‘কথা বাড়িয়ো না,’ বয়স্ক কণ্ঠ বলল, ‘এখানে শেষ কথা আমি বলব। ‘সব হোম থেকেই আবাসিকরা পালায়’, ‘পুলিশ কী করবে?’ এসব যুক্তি দিয়ে চলবে না আর। একজন ধরা পড়লে সবাই মরবে। লোভের সীমা থাকা উচিত। যাই হোক, এখন এখান থেকে যাও। বাইরে পেশেন্টরা আছে। অনেকবার বলেছি, এটা আমার কাজের জায়গা। এরকম হুটহাট এখানে আসবে না।’

‘যাচ্ছি। কিন্তু আপনারা এক-একবার এক-একজন এক-এক রকম অর্ডার দিলে কাজ করতে পারব না বলে দিচ্ছি। বারবার অর্ডার পালটাবেন না’ বলে হুড়মুড় করে ষণ্ডা লোকটা পরদা সরিয়ে বেরিয়ে এল। টাপুরদি তার আগেই চট করে সরে এসেছে। একদৃষ্টিতে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে আছে, যেন এই মুহূর্তে ঘড়ি দেখার চেয়ে জগৎ-সংসারে বেশি গুরুত্বপূর্ণ কাজ কিছু নেই। লোকটা অবশ্য কোনোদিকে না তাকিয়ে হনহন করে যেমন এসেছিল, তেমনই বেরিয়ে গেল।

‘নেক্সট?’ ভেতর থেকে ডাক এল।

আমি টাপুরদির মুখের দিকে তাকালাম।

টাপুরদি বলল, ‘চল। তুই কোনো কথা বলবি না। যা বলার আমি বলব।’

আমি বাধ্য মেয়ের মতো মাথা নাড়লাম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *