মৃতেরা কোথাও নেই – ৪০

।। চল্লিশ।।

‘লোকটা কী বলল, রাঘব সামন্ত আসলে কে?’ জিজ্ঞাসা করল টাপুরদি।

অর্জুনদা মাথা নাড়ল। বলল, ‘বলছে জানে না। সাগর দাশগুপ্তর বক্তব্য সত্যি বলে মানলে ধরে নিতে হয়, শেখর মজুমদার ছাড়া আর কেউ জানত না রাঘব সামন্ত আসলে কে? নবদিগন্ত ট্রাস্ট যখন বিনয়কৃষ্ণ মেমোরিয়াল হোমকে টেক ওভার করে, তখন পরিকল্পনা থেকে শুরু করে পুরো প্রসেসটাই শেখর মজুমদার একা হাতে সামলেছিলেন।’

টাপুরদি চিন্তিত মুখে বলল, ‘হুম, কিন্তু তিনি নিজে কমিটিতে থাকলেন না। কেন?’

অর্জুনদা বলল, ‘কে জানে! আচ্ছা, রাঘব সামন্ত নামে আদতে কেউ আছে তো? এমন তো নয় যে শেখর মজুমদার নিজেই রাঘব সামন্ত নাম নিয়ে সাইন করেছিল?’

টাপুরদি বলল, ‘হওয়া অসম্ভব নয়। কিন্তু সেক্ষেত্রে অন্য একটা প্রশ্ন তৈরি হয়। শেখর মজুমদার মারা গেছেন দুই হাজার কুড়ি সালে। তাহলে তারপর নবদিগন্তের ভেতর থেকে কে এই অবৈধ ট্র্যাফিকিংকে অপারেট করছে? শোভনবাবু কিছু জানতে পেরেছিলেন। ডক্টর মিত্রকে হত্যা করার প্ল্যানটা কার? এখন ওই হোমের কমিটি মেম্বারদের মধ্যে বেঁচে আছেন তিনজন। এমএলএ মশাই, শিউলি মজুমদার ও সাগর দাশগুপ্ত। সত্যব্রত মল্লিকের কথা অনুসারে শিউলি মজুমদারের সঙ্গে ডক্টর মিত্রর অন্যরকম সম্পর্ক ছিল। সব কেমন ঘেঁটে যাচ্ছে, অর্জুন। তবে কেউ তো আছে। এমন কেউ নিশ্চয়ই আছে যে এইসব পরিচালনা করছে। নবদিগন্ত থেকে হিসেব মতো ছয়জন হারিয়েছে, গত ছ-মাসে তিনজন। আসল সংখ্যাটা হয়তো আরও অনেক বেশি। কিন্তু আমার ধারণা যদি ঠিক হয়, এই ব্যাবসাটা নবদিগন্তের বাইরেও অনেক দূর পর্যন্ত ছড়ানো। সেক্ষেত্রে আমার বেশি কিছু করার নেই। যা করার তোমাদেরই করতে হবে।’

অর্জুন মাথা নাড়ল। বলল, ‘এই কেস যতটা কলকাতা পুলিশের কেস, ততটাই তোমারও। তুমি প্রথম থেকে এই কেসের সঙ্গে আছ। যে যাই বলুক, মাঝ পথে ‘আমি নেই’ বললে চলবে না।’

‘বলছ?’ টাপুরদি হেসে বলল।

‘বলছি।’ হাসল অর্জুনদাও।

টাপুরদি মোবাইল ফোনটা হাতে নিয়ে বলল, ‘দাঁড়াও, সুদর্শনবাবুকে একটা ফোন করি।’

ফোনটা স্পিকারে দিল টাপুরদি। বার দুয়েক রিং হওয়ার পরই ফোন ধরলেন সুদর্শনবাবু, ‘বলো মিস ডিটেকটিভ, কী খবর? অদ্বৈতকে ঝেড়ে এসেছ শুনলাম। সে কিন্তু সিএম-এর কাছে তোমার নামে কমপ্লেইন করবে, তৈরি থেকো।’

হাসল টাপুরদি। বলল, ‘সে আমি জানি। সেজন্যই আপনাকে ফোন করা। আমার ধারণা, ডক্টর মিত্রর ডেথটা নিয়ে তদন্ত বন্ধ করার জন্যই অদ্বৈতবাবু ভেতরে ভেতরে কলকাঠি নেড়ে জুনিয়র ডাক্তারদের ধর্মঘট করিয়েছে।’

‘এ কথা তুমি কীভাবে বলতে পারো?’ সুদর্শনবাবু জিজ্ঞাসা করলেন।

টাপুরদি বলল, ‘আমি শিওর নই স্যার। কিন্তু আমার মনে হচ্ছে অখিল মিদ্যা আর অদ্বৈত মুখার্জির মধ্যে একটা অশুভ আঁতাত তৈরি হয়েছে। আমি এই ব্যাপারটা একটু তলিয়ে দেখতে চাই।’

‘ডোন্ট বি সো এক্সাইটেড ইয়ং লেডি’, ফোনের অপর প্রান্ত থেকে মৃদু হাসির শব্দ শোনা গেল, ‘তুমি কী বলছ, ভেবে বলছ? অদ্বৈত একটু রগচটা বটে, আগে যেসব জায়গায় পোস্টিং ছিল সেখানে রেকর্ড খুব একটা ক্লিয়ার নয়, তবু ও এই ধরনের বিজনেসে জড়াতে পারে আমার বিশ্বাস হয় না। এনিওয়ে, এমনিতেই পরিস্থিতি খুব উত্তপ্ত হয়ে আছে। যদি তোমার সন্দেহ সত্যিও হয়, সেক্ষেত্রেও আমাদের খুব সাবধানে এগোতে হবে। কারণ, তোমার ধারণা অনুসারে যারা এর পেছনে আছে, বেগতিক দেখলে তারা ঝামেলাটা আরও বেশি করে পাকিয়ে তুলবে যাতে করে তদন্ত বন্ধ হয়ে যায়।’

‘বুঝতে পারছি স্যার!’ বলল টাপুরদি।

সুদর্শনবাবু বললেন, ‘সিএম দিল্লি থেকে ফিরবে আর দু-দিন পর। এখানকার সব রিপোর্টই ওঁর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। মেডিকেল কলেজের ইস্যু নিয়েও সিএম খুব চিন্তিত। কিন্ত পরশু সকালে প্রধানমন্ত্রীর ডাকা একটা সর্বদলীয় বৈঠকে ওঁকে থাকতেই হবে। তাই ফিরতে পারছেন না। মিটিং শেষ করেই ফ্লাইট ধরবেন তিনি। জুনিয়র ডক্টরদের সঙ্গে নিজে কথা বলবেন। আজ সকালেই কথা হল। তিনি বলেছেন মেডিকেল কলেজে যে-কোনো মুহূর্তে বড়ো রকম অশান্তি হতে পারে। ওখানে হাই স্ট্রেংথের পুলিশ ফোর্স মোতায়েন করতে হবে। তাই এই মুহূর্তে আমরা কোনোরকম রিস্ক নিতে পারব না। আপাতত মেডিকেল কলেজের অশান্তি রোখাই পুলিশের প্রায়োরিটি।’

টাপুরদি বলল, ‘তাহলে আমাকে কি তদন্ত বন্ধ করে দিতে বলছেন?’

সুদর্শনবাবু একটু ভাবলেন। তারপর বললেন, ‘না, তোমার তদন্ত তুমি চালাও। মনে রেখো অদ্বৈত একজন উচ্চপদস্থ আমলা। তার এগেনস্টে স্ট্রং প্রূফ ছাড়া আমরা কোনো অ্যাকশন নিতে পারব না। সুতরাং তুমি প্রমাণ খুঁজে এনে দাও আমায়। আই প্রমিজ ইউ, দ্য ক্রিমিনাল উইল ফেস হিজ ওন ফেট। তবে যা করবে সাবধানে করবে। নিজের সেফটির দিকে খেয়াল রাখবে। টাইম টু টাইম আমাকে রিপোর্ট করবে। অ্যান্ড ডোন’ট হেজিটেট টু আস্ক ফর এনি হেল্প। ওকে?’

‘ওকে স্যার’, হেসে বলল টাপুরদি, ‘থ্যাংক ইউ সো মাচ!’

ফোনটা রেখে আমাদের দিকে তাকাল টাপুরদি। অর্জুনদা বলল, ‘তাহলে এখন কী করবে?’

টাপুরদি বলল, ‘অনেক কাজ। হাতে সময় কম। একবার মৃণালবাবুর বাড়ি যাব আজ-কালের মধ্যে। অম্লানবাবুর মুখে শুনলাম মৃণালবাবু অসুস্থ, ক্যানসারের লাস্ট স্টেজ। তবে তার আগে আর-একবার শিউলি দেবীর সঙ্গে কথা বলতে হবে। ভদ্রমহিলা অনেক গোপন কথা হজম করে বসে আছেন। তুমি যাবে, অর্জুন?’

অর্জুনদা কবজি উলটে ঘড়ি দেখে বলল, ‘যাওয়া যেতে পারে। হাতে দু-ঘণ্টা সময় আছে এখন।’

‘চলো তবে। মিতুল, তুই যাবি?’

‘অফিস আছে। তবে যাব, গাড়িতে যেতে যেতে একটা কল নিয়ে নিই বরং!” বললাম আমি।

।। একচল্লিশ।।

আগের দিন শিউলি মজুমদারকে যেমন দেখেছিলাম, আজ একদম অন্যরকম লাগল। তাঁকে দেখে খুব ক্লান্ত, অবসন্ন মনে হচ্ছিল। আজ মুখে একটুও প্রসাধন নেই। সাধারণ সুতির চুড়িদার পরে আছেন। আমাদের সঙ্গে ইউনিফর্মে অর্জুনদাকে দেখে চকিতে একটা আতঙ্কের অভিব্যক্তি খেলে গেল।

‘আপনারা! বলেননি তো আসবেন?’

অর্জুনদা কিছু বলতে যাচ্ছিল, টাপুরদি তাকে থামিয়ে নরম কণ্ঠে বলল, ‘হঠাৎই চলে এলাম। আপনাকে ফোন করার সময় পাইনি। কেমন আছেন?’

শিউলি দেবী চোখ নামিয়ে সংক্ষেপে বললেন, ”ভালোই তো!”

টাপুরদি রবাহূত হয়েই সোফায় গিয়ে বসল। দেখাদেখি আমরাও বসলাম। অগত্যা শিউলি দেবীও যেন কিছুটা অনিচ্ছা সহকারেই সামনের সোফা- চেয়ারটাতে বসলেন কোলের ওপর দুই হাত জড়ো করে।

টাপুরদি একটু গলা খাঁকরে বলল, ‘আপনার কাছে কিছু কথা জানতে চাইব, মিসেস মজুমদার। উত্তর দেওয়া না দেওয়া আপনার মর্জি। কিন্তু মনে রাখবেন, আপনি যথেষ্ট বিপদের মধ্যে আছেন। উত্তরগুলো দিলে আপনার আখেরে ভালোই হবে।”

শিউলি দেবী একবার চোখ তুলে আবার নামিয়ে নিলেন। বললেন না কিছু।

‘ডক্টর মিত্রকে আপনি কবে থেকে চিনতেন?’

শিউলি দেবী বললেন, ‘প্রায় কুড়ি বছর আগে থেকে। আমার একটা গল ব্লাডার স্টোনের অপারেশন করেছিলেন তিনি। সেই থেকে পরিচয়। পরবর্তীতে আমাদের পরিবারের সঙ্গে বেশ সখ্য গড়ে উঠেছিল।’

‘নবদিগন্তের কথা তিনিই আপনাদের বলেছিলেন। তাই তো?’

সম্মতিসূচক মাথা নাড়লেন শিউলি দেবী।

‘তারপরেই আপনারা হোমটা নিজেদের ট্রাস্টের আন্ডারে টেক ওভার করার কথা ভাবেন?”

‘না’, বললেন শিউলি দেবী, ”ডক্টর মিত্র ক্যাজুয়ালি বলেছিলেন। সেটা আমার মাথা থেকে বেরিয়ে গেছিল। কিন্তু দিন কয়েক পরে আমার হাজব্যান্ডই প্রস্তাবটা দিলেন। আমি একটু অবাকই হয়েছিলাম। কারণ তার আগে পর্যন্ত আমার নবদিগন্ত এনজিও-র কাজ খুব কম পরিসরেই হত। নেহাত শখে করা বলতে পারেন। হঠাৎ হোম টেকওভারের কথা শুনে একটু অবাক হয়েছিলাম। কারণ সেটা অনেক খরচের ব্যাপার। শেখরকে জিজ্ঞাসা করতে ও বলেছিল, কোনো অসুবিধে হবে না। একজন ইনভেস্টর আছেন। তিনিই ইনভেস্ট করবেন।’

‘আপনি জানতে চাননি যে কেন কেউ ইনভেস্ট করবেন? তাঁর স্বার্থ কী?’ অর্জুনদা এবার জিজ্ঞাসা করল।

শিউলি দেবী মাথা নিচু করে বললেন, ‘জানতে চেয়েছিলাম। ও বলল,সেসব নিয়ে আমাকে ভাবতে হবে না। যিনি ইনভেস্ট করছেন, তিনি গভর্নমেন্ট গ্রান্ট পাওয়ার ব্যবস্থা করে দেবেন। গ্রান্টের টাকা আসতে শুরু করলেন হোমের রোজগার অনেক বেড়ে যাবে। তখন আর কোনো ইনভেস্টরের দরকার পড়বে না।’

‘হোম তো আপনার নামে?’ টাপুরদি জিজ্ঞাসা করল।

‘হ্যাঁ, কারণ শেখর গভর্নমেন্ট এমপ্লয়ি ছিল। নিজের নাম হোমের সঙ্গে তাই ও অ্যাসোসিয়েট করতে চায়নি।’

টাপুরদি একটু ভাবল। তারপর বলল, ‘এবার একটা অন্য প্রশ্ন করছি। ভেবে উত্তর দেবেন।’

শিউলি দেবী চোখ তুলে তাকালেন।

‘শেখরবাবুর মৃত্যুটা কি স্বাভাবিক ছিল বলে মনে করেন আপনি?’ জিজ্ঞাসা করল টাপুরদি।

শিউলি দেবী অস্বাভাবিক জোর দিয়ে বললেন, ‘অফকোর্স, রাতে খেয়ে উঠে শুয়েছিল ও। ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হয়।’

‘শেখরবাবুর কি আগে থেকেই হার্টের সমস্যা ছিল?’

‘হ্যাঁ, ছিল। বেশ কয়েক বছর ধরেই ছিল সমস্যাটা। সে জন্য ও নিয়মিত ওষুধও খেত।’ বললেন শিউলি দেবী।

‘আচ্ছা, তারপর বলুন’, টাপুরদি বলল।

‘তারপর আর কী বলব। ওকে ওই অবস্থাতেই হাসপাতালে নিয়ে গেলাম তড়িঘড়ি। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও বেঁচে ছিল ও। ইঞ্জেকশন দেওয়া হয়। হার্ট পাম্প করা হয়। কিন্তু লাভ হয়নি। সেখানে ডাক্তার, নার্সদের চোখের সামনে মারা গেছে শেখর।’

‘ডক্টর মিত্র, তাই তো?’ ঠান্ডা গলায় জিজ্ঞাসা করল টাপুরদি।

‘হ্যাঁ, তাতে কী হয়েছে? কী বলতে চাইছেন আপনি?’ রুক্ষস্বরে বললেন শিউলি দেবী।

টাপুরদি বলল, ‘তেমন কিছু হয়নি। আপনার বাড়ি থেকে হেলথ লাইন হাসপাতালের দূরত্ব উনিশ কিলোমিটার। এর মাঝখানে আরও দুটো হাসপাতাল ছিল। আপনি তাঁকে সেখানে না নিয়ে অত দূরের হাসপাতালে নিয়ে গেছিলেন কেন?’

শিউলি দেবী চুপ করে রইলেন। মনে হল মনের মধ্যে উত্তর হাতড়াচ্ছেন তিনি। তারপর বললেন, ‘হেলথ লাইন বড়ো প্রতিষ্ঠান। সেখানে ভালো ডাক্তাররা আছেন। আপনার বাড়িতে কারও শরীর খারাপ হলে আপনি তো তাকে বেস্ট ট্রিটমেন্টই দিতে চাইবেন, তাই না?’

টাপুরদি বলল, ‘অবশ্যই চাইব। কিন্তু যখন প্রতিটা মুহূর্ত ইম্পর্ট্যান্ট, আমি প্রথমে তার প্রাণ বাঁচানোর চেষ্টা করব। সে বিপন্মুক্ত হলে তারপর ভালো জায়গায় শিফট করব। সবাই সেটাই করে।’

‘আমি সেই মুহূর্তে সেটা ভালো বুঝেছি সেটাই করেছি। ভুলে যাবেন না শেখর আমার হাসব্যান্ড ছিল। ওকে হারিয়ে সবচেয়ে ক্ষতি আমারই হয়েছে’, তেরিয়া গলায় বললেন শিউলি দেবী।

অর্জুনদা বলল, ‘ডক্টর মিত্রর সঙ্গে আপনার সম্পর্ক নিয়ে কিছু কথা আমাদের কানে এসেছে।’

আমাদের খুব অবাক করে অর্জুনদাকে থামিয়ে দিয়ে শিউলি দেবী সহজ কণ্ঠে বললেন, ”কী কথা? আমাদের মধ্যে প্রেম ছিল?”

আমরা তিনজনেই চুপ করে রইলাম। শিউলি দেবী বিষণ্ণ হাসলেন। বললেন, ‘দেবাশিসদা আমার থেকে প্রায় বারো বছরের বড়ো ছিলেন। তবু অস্বীকার করব না, ওঁকে ভালো লাগত আমার। শেখর বলেছিল, হোমটা হাতে না পাওয়া পর্যন্ত দেবাশিসদাকে একটু খাতির-যত্ন করতে। আমি আপত্তি করিনি। সেই সময়েই মানসিকভাবে কাছাকাছি এসেছিলাম দু-জনে। একে অন্যায় বললে অন্যায়। কিন্তু শেখর আমায় সময় দিতে পারত না। বয়সেরও অনেকটাই পার্থক্য ছিল আমাদের। দাম্পত্যে কোনো সমস্যা না থাকলেও রসায়নটা সেভাবে গড়ে ওঠেনি। আমি ডিপ্রেশন আর একাকিত্বে তলিয়ে যাচ্ছিলাম। অথচ দেখুন, দেবাশিসদাও তো কত বড়ো ছিলেন আমার চেয়ে, তবু আমার দেবাশিসদাকে ভালো লাগত। সে-কথা নিজের মনের কাছে অস্বীকার করি কী করে, বলুন তো?’

‘আর আপনার স্বামী? তিনি জানতেন?’ টাপুরদি জিজ্ঞাসা করল।

‘আমার স্বামী!’ হাসলেন শিউলি মজুমদার, ‘শেখর নিজের প্রয়োজনে আমাকে দেবাশিসদার দিকে ঠেলেছিল। তারপর যখন টের পেল আমি দেবাশিসদার প্রতি দুর্বল, আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিল, জানেন? তখন নবদিগন্তের সইসাবুদ সব হয়ে গেছে। দেবাশিসদা, শোভনবাবু আর সত্যব্রতবাবুকে আমাদের বাড়িতে নেমন্তন্ন করলাম। রাঘব সামন্তর ব্যাপারেও জিজ্ঞাসা করলাম শেখরকে। ও বলল, তিনি আসবেন না। যাই হোক, তিনজন বাড়িতে এলেন। আমি রান্নাঘরে অতিথিদের খাওয়া-দাওয়ার আয়োজন করছিলাম। দেবাশিসদা রান্নাঘরের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলছিলেন আমার সঙ্গে। শেখর অতিথিদের সকলের সামনে দেবাশিসদাকে অপমান করল, সঙ্গে আমাকেও। দেবাশিসদার মুখ লাল হয়ে উঠেছিল। শেখর চিৎকার করে তাঁকে বলল নবদিগন্তের কমিটি থেকে রিজাইন করতে। দেবাশিসদা কোনো কথা না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন সেদিন। আমি বুঝলাম শেখরের কাছে দেবাশিসদার প্রয়োজন ফুরিয়েছে। এই হল আমার পরকীয়ার গল্প, যা আপনারা বাইরের লোকের মুখ থেকে শুনে এসেছেন। কাউকে ভালো লাগা নিশ্চয়ই দোষের নয়? শেখরের মৃত্যু নিয়ে দেবাশিসদাকে সন্দেহ করলে ভুল করবেন আপনি।’

‘আগের দিন বলেছিলেন, নবদিগন্তের আড়ে চলা অবৈধ চোরাচালান সম্পর্কে জানতেন না আপনি। কিন্তু শেখরবাবুর অবর্তমানে আপনি কি নিজের দায়িত্ব অস্বীকার করতে পারেন?’ টাপুরদি বলল।

শিউলি দেবীর চোয়াল শক্ত হল এবার। বললেন, ‘আমি জানি না, আগেও বলেছি, এখনও বলছি। আমি বা আমার ভাই কেউ কিছু জানি না। শেখরের মৃত্যুর পর থেকে হোম সম্পর্কে আমার আর ইন্টারেস্ট ছিল না। দেবাশিসদা হোমের কাজকর্ম দেখত। তাঁর অবর্তমানে হোমের কী হবে আমি জানি না। চাইলে রাঘব সামন্তকে জিজ্ঞাসা করুন।’

‘রাঘব সামন্ত নামে আদৌ কি কেউ আছেন?’

শিউলিদেবী মাথা নিচু করে বললেন, ‘আমি জানি না। সাগরও জানে না।’

‘আপনি আপনার কথা বলুন। আপনার ভাইকে যা জিজ্ঞাসা করার করা হয়েছে। প্রয়োজনে আবারও করা হবে। একবার প্রূফ হাতে পেলে আপনারা কেউ বাঁচবেন না। তাই বলব, পুলিশের সঙ্গে কো-অপারেট করুন।’ বলল অর্জুনদা।

শিউলি দেবী অর্জুনদার মুখের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তারপর বললেন, ‘আমার শরীর ভালো নেই। আমি একটু বিশ্রাম নেব এখন। আপনাদের জিজ্ঞাসাবাদ শেষ হলে এখন আসুন।’

শিউলি দেবীর বাড়ি থেকে বেরিয়ে অর্জুনদার গাড়িতে উঠলাম আমরা। অর্জুনদা ড্রাইভ করছে।

‘কী মনে হল টাপুরদি? শিউলি দেবী তো বলছেন কিছুই জানেন না।’ বললাম আমি।

টাপুরদি বলল, সবাই যে একেবারে ধর্মপুত্র যুধিষ্ঠির, জিজ্ঞাসা করা মাত্রই গড়গড়িয়ে সব সত্যি কথা বলে দেবে, এমনটা না হওয়ার সম্ভাবনাই বেশি।’

‘মানে তিনি মিথ্যে বলছেন?’

‘উনি জানতেন আমরা তাঁর ব্যাপারে অনেক কিছু জেনে এসেছি। সাগর দাশগুপ্তের ইন্টারোগেশন সম্পর্কেও জানেন। তাই হয়তো যেটুকু আমরা জানি, সেটুকুই আমাদের সামনে আর একটু সাজিয়ে-গুছিয়ে বলে ভিকটিম প্লে করলেন, যাতে আমরা বিশ্বাস করি যে তিনি সত্যিই কিছু জানতেন না; শেখর মজুমদার তাঁকে ব্যবহার করেছেন। তবে একটা ব্যাপারে আমার খটকা লাগছে’, বলল টাপুরদি।

‘কী ব্যাপার?’

‘শিউলি দেবী বললেন তিনি দেবাশিসবাবুর প্রতি দুর্বল ছিলেন। কিন্তু কেন বললেন? এসব কি কাউকে বলার কথা?’

অর্জুনদা চুপচাপ গাড়ি চালাচ্ছিল। এবার মুচকি হেসে বলল, ‘ও তুমি বুঝবে না।’

‘কী বুঝব না?’ ভুরু কুঁচকে জিজ্ঞাসা করল টাপুরদি।

অর্জুনদা রাস্তায় দৃষ্টি নিবদ্ধ করেই বলল, ‘প্রেমের চরিত্রই এই যে সকলকে ডেকে বলতে মন চায়, দেখো আমি ভালোবাসি। এতদিন নিজের মনের মধ্যে কথাগুলো চেপে রেখেছিলেন শিউলি দেবী। এখন দেবাশিসবাবুর মৃত্যুর পরে হয়তো কষ্ট পাচ্ছেন। গোপনীয়তার ওজন কখনো কখনো খুব বেশি হয়। একা বইতে কষ্ট হয়। যাই হোক, মিতুলকে অফিসে নামিয়ে আমি অফিস যাব। তুমি বাড়ি যাবে তো টাপুর?’

টাপুরদি বাইরের দিকে তাকিয়ে কিছু ভাবছিল। এবার অর্জুনদার প্রশ্নের উত্তর না দিয়ে জিজ্ঞাসা করল, ‘তোমরা কেসটা নিয়ে কতটা এগোলে, অর্জুন?’

অর্জুনদা বলল, ‘প্রতিটা টোলে অ্যালার্ট করা হয়েছে। সাগর দাশগুপ্তর ইন্টারোগেশনের ব্যাপারে তো তোমাকে আগেই বলেছি। তিনি জানিয়েছেন, হোমের ইনভেস্টরের নাম তিনি না জানলেও শেখর মজুমদার একদিন মদের ঘোরে বলেছিলেন যে রাঘব সামন্ত গভীর জলের মাছ। সাগর দাশগুপ্ত জানতে চেয়েছিলেন, তিনি যে হোমে ইনভেস্ট করছেন তাতে তাঁর স্বার্থ কী? তাতে শেখর মজুমদার বলেন, এরকম অনেক হোমের পেছনে টাকা ঢালেন রাঘব সামন্ত। আর কয়েক গুণ টাকা রিটার্ন পাবেন জেনেই ঢালেন। এই হোম থেকে তাঁরা নিজেরাও অনেক রোজগার করতে পারবেন। আর সেটাই সত্যি হয়েছিল। মাসে মাসে একটা মোটা অঙ্কের টাকা সাগর দাশগুপ্তের অ্যাকাউন্টে পৌঁছে যেত। তিনি অনেকবার জিজ্ঞাসাও করেছিলেন শেখরবাবুকে যে এই টাকা কোথা থেকে আসছে? তাতে শেখরবাবু বলেন, সাগরবাবু যেন লাভের গুড় খান, খেজুর গাছের খবর জানার চেষ্টা না করেন।’

টাপুরদি বলল, ‘টাকা ভালোই রোজগার হচ্ছিল। শেখর মজুমদার প্রি-ভলান্টারি রিটায়ারমেন্টও নিয়ে নিয়েছিলেন।’ কিন্তু ভোগ করতে পারলেন না। তিনি মারা গেলেন বা মেরে ফেলা হল।’

অর্জুনদা বলল, ‘হুম।’

টাপুরদি বলল, ‘শোভনবাবু কোনোভাবে সব জেনে গেছিলেন। তাকে থ্রেট দেওয়া হল। হত্যা করা হল, অথবা এমনভাবে ভয় দেখানো হল যে আত্মহত্যা করলেন তিনি। তারপর দেবাশিসবাবুকেও সরিয়ে দেওয়া হল। সেদিন হেলথলাইনে দেবাশিসবাবুর চেম্বারে লোকটা তাঁকে হুমকি দিচ্ছিল। সম্ভবত দেবাশিসবাবু সব জেনেও বেরিয়ে আসতে পারছিলেন না। মেনে নিতে বাধ্য হয়েছিলেন। তারপর যখন তদন্ত শুরু হল, রাঘব সামন্ত ভয় পেল দেবাশিসবাবু সব বলে দিতে পারেন। তাঁকেও সরিয়ে দেওয়া হল।’

‘তাহলে শিউলি দেবী, সাগর দাশগুপ্ত ও সত্যব্রত মল্লিক এখনও দিব্যি বেঁচেবর্তে আছেন কী করে?’ জানতে চাইলাম আমি।

টাপুরদি বলল, ‘এর দুটোই কারণ হতে পারে। এক, তাঁরা সত্যিই জানেন না রাঘব সামন্ত কে? দুই, রাঘব সামন্ত বলে সত্যিই কেউ নেই। এঁদের মধ্যে একজন এই চক্রের কিং পিন।’

আমি বললাম, ‘সেটা হতেই পারে টাপুরদি। কারণ, শেখর মজুমদার মারা গেছেন এক বছর আগে। তার পরেও হোমের কাজকর্ম চলছে, ছেলে পাচারও চলছে। কেউ যদি হোমের ব্যাপারে কোনো খবরই না রাখে তাহলে এটা সম্ভব নয়। হোমের মধ্যেকার কেউ না কেউ তো জড়িত আছে এই চক্রে।’

‘ঠিক বলেছিস।’ বলল টাপুরদি।

।। বিয়াল্লিশ।।

ক্লাস শেষ করে বারান্দায় পা রাখতেই পকেটে মোবাইল ফোনের কাঁপুনি টের পেল উত্তীয়। আজকাল ঘন ঘন থ্রেটকল আসছে তার কাছে। দিন তিনেক আগে কয়েকজন গুন্ডা মতোন লোক ইউনিভার্সিটি চত্বরে এসেছিল শাসাতে। ওরা উত্তীয়র জনপ্রিয়তা সম্পর্কে আন্দাজ পায়নি। ছাত্ররা রে রে করে ছুটে আসায় ল্যাজ তুলে পালাতে বাধ্য হয়েছে। তবে ফোন আসা বন্ধ হয়নি। এসব কথা সঙ্ঘমিত্রাকে বলেনি উত্তীয়। দরকার কী! ও এমনিতেই অনেক করছে। আর নতুন করে ওকে দুশ্চিন্তায় ফেলতে চায় না।

ক্লাসে ফোন সাইলেন্ট করে ভাইব্রেশন মোড অন রাখে উত্তীয়। পাঞ্জাবির পকেট থেকে ফোনটা বের করে দেখল, স্ক্রিনের নম্বরটা অপরিচিত কোনো ল্যান্ডফোনের। ট্রুকলারে নাম দেখাচ্ছে ‘খোকনদার হোটেল’। কে এই খোকনদা, কে জানে? ভুরু কুঁচকে ফোনটা রিসিভ করল উত্তীয়।

‘হ্যালো!’

‘হ্যালো, আপনি মাস্টার-দাদামণি?’ অপর প্রান্তের কণ্ঠ চাপা, সাবধানি স্বরে বলল। মনে হল কোনো মধ্যবয়স পার করা পুরুষের গলা। বুকের ভেতরটা একটু লাফিয়ে উঠল উত্তীয়র। ও যে বাচ্চাগুলোকে নিয়ে কাজ করে, তারা ওকে দাদামণি বলে। তবে কি কারও কিছু হল?

গলাটাকে যথাসম্ভব স্বাভাবিক রেখে বলল উত্তীয়, ‘হ্যাঁ, বলছি।’

লোকটা গলাটাকে আরও নামিয়ে ফিসফিস করে বলল, ‘লালনকে বাঁচান। অরে টেরাকে তোলা অইব পাঁচ তারিখ।’

লোকটার কথা শেষ না হতে কে যেন পেছন থেকে চেঁচিয়ে বলল, ‘অ্যাই বুড়া, কার লগে গুজুর গুজুর করো? রান্না হইছে? বাসাবাড়িতে দিয়া আসো গিয়া।’

লোকটা গলা চড়িয়ে প্রশ্নকর্তাকে বলল, ‘না, তর লাইগ্যা বইস্যা আসি। আমি বুড়া মানুষ, একা পারি নাকি? তুই লগে লগে যাবি। জামাইয়ের লগে কথা কইতাসি। এট্টু খাড়ায় যা। তর ওই তিনতলা বাসাবাড়ির মরাগুলানের আবার খাওয়া! বলির আগে বিচালি খাওয়াইয়া অইব কীডা? খাইলেও মরব, না খাইলেও মরব।’

‘হ্যালো হ্যালো!’ উত্তীয় যোগাযোগ স্থাপনের চেষ্টা করল। ও-প্রান্ত থেকে লোকটা এবার উঁচু গলায় বলল, ‘বাবাজীবন, আমাদের ভাতের হুটেল তো চিনো তুমি। ওই য্যা, হলদিয়ায় সুতাহাটা বাস স্ট্যান্ডে নাইম্যা…’

‘হ্যালো, হ্যালো!’

কেটে গেল ফোনটা। অস্থির উত্তীয় আবার রিংব্যাক করল। লাইন কানেক্ট হচ্ছে না। ফোনটা হাতে নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল উত্তীয়। লোকটা কী বলল? ও জানে লালন কোথায় আছে। কোথায়? কী যেন বলল লোকটা? হলদিয়াতে সুতাহাটা বাসস্টপ? ভাতের হোটেল। তিনতলা বাড়ি। হলদিয়ার কিছুই চেনে না উত্তীয়। সুতাহাটা বাসস্টপ অবধি যদি পৌঁছোতেও পারে, সেখানে হোটেল আর তিনতলা বাড়ি নিশ্চয়ই কম থাকবে না। কোথায় খুঁজবে সে লালনকে? অন্যমনস্কভাবে মোবাইলটা ঘাঁটতে ঘাঁটতে একটা নম্বর ডায়াল করল উত্তীয়।

‘হ্যালো, সঙ্ঘমিত্রা!’

জয়েন্ট কমিশনার অনন্তবিজয় সেনশর্মা বিরক্ত কণ্ঠে বললেন, ‘এখন এত সমস্যা একসঙ্গে সামলানো যাচ্ছে না। মেডিকেল কলেজে আজ থেকে চারজন অনশনে বসেছে। চিকিৎসা পরিষেবা লাটে উঠেছে ওখানে। এমন অবস্থা, ইমার্জেন্সি পেশেন্টদের বের করে অ্যাম্বুলেন্সে অন্যত্র নিয়ে যাওয়াও যাচ্ছে না। শুনছি সিএম দিল্লির মিটিং ক্যানসেল করে আজই আসছেন। এই অবস্থায় এখন অন্য ব্যাপার নিয়ে মাথা ঘামানোর মতো অবস্থা নেই।’

অর্জুন বলল, ‘স্যার, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমাদের কাছে খবর আছে, পাঁচ তারিখ লালন নামে ছেলেটাকে পাচার করা হবে। আমরা ওদের রেড হ্যান্ডেড ধরতে পারি। প্লিজ আমাকে পারমিশন দিন স্যার।’

জয়েন্ট কমিশনার বললেন, ‘কে খবর দিয়েছে তোমাকে? তোমার নিজের সোর্স?’

অর্জুন বলল, ‘না স্যার, উত্তীয়বাবুকে ফোন করে কেউ জানিয়েছেন…’

‘কে জানিয়েছে কিছুই জানো না। অজানা-অচেনা কার কাছে খবর পেয়ে এভাবে ফোর্স নিয়ে চলে যাবে? মনে রেখো, আমাকেও কোথাও জবাবদিহি করতে হয়। আর তা ছাড়া হলদিয়াতে তোমার সোর্সের কাছ থেকে খবর নিয়েছ? তারা কী বলছে?’

টাপুর হলদিয়ার খোকনদার পাইস হোটেলের যে বিলটা দেখিয়েছিল, সেটার কথা চেপে গেল অর্জুন। ওই বিলটা ছাড়া তিনতলা বাড়িটা এত তাড়াতাড়ি খুঁজে বের করা সম্ভব হত না। হলদিয়াতে ভাতের হোটেল বা তিনতলা বাড়ির সংখ্যাটা তো কম নয়। টাপুর নিজে ওই বিলে লেখা হোটেলের নামটা গুগল ম্যাপ থেকে জুম করে কাছে বাড়িটা বের করেছে। বাকি খবর অর্জুনের সোর্স করে দিয়েছে। টাপুরের সন্দেহ ভুল ছিল না। উত্তীয়র কাছে যে কলটা এসেছিল সেটা ট্রেস করে দেখা গেছে সেটা ওই অঞ্চল থেকেই এসেছিল। দুইয়ে দুইয়ে চার করতে অসুবিধে হয়নি আর। কিন্তু সেসব কথা জয়েন্ট কমিশনারকে বলতে মানা করেছেন ডিসিডিডি স্যার।

অর্জুন তাই বলল, ‘খবরটা শোনা মাত্র আমি লোকাল সোর্সকে অ্যালার্ট করেছিলাম। তারা কনফার্ম করেছে সুতাহাটা বাসস্টপ থেকে খানিকটা দূরে বাজারের কাছে ওরকম একটা বাড়ি আছে। দরজা-জানলা সব বন্ধ থাকে। কাছেই একটা পাইস হোটেল থেকে তিনবেলা সেখানে অনেকটা পরিমাণ খাবার যায়। ভেতরে কী হয় কেউ জানে না। সোর্স চেষ্টা করছে। তারা সময় পেলে আরও ইনফর্মেশন দিতে পারবে।’

‘তাহলে অপেক্ষা করো’, বললেন জয়েন্ট কমিশনার।

‘প্লিজ স্যার’, অর্জুন বলল, ‘অনেক দেরি হয়ে যাবে।’

এতক্ষণ সৌরভ সান্যাল চুপ করে ছিলেন। এবার তিনি বললেন, ‘স্যার, যেতে চাইছে যাক। আমি টিমের ব্যবস্থা করে দিচ্ছি। আপনাকে জবাব দিতে হবে না। মিশন ফেল করলে দায় আমি নেব।’

জয়েন্ট কমিশনার সেনশর্মা দু-জনের মুখের দিকে একে একে তাকালেন। তারপর বললেন, ‘যা ইচ্ছে করো।’

অর্জুন কৃতজ্ঞ দৃষ্টিতে ডিসিডিডি স্যারের মুখের দিকে তাকাল।

জয়েন্ট কমিশনার স্যারের কেবিন থেকে বেরিয়ে লম্বা করিডর ধরে হাঁটতে হাঁটতে সৌরভ সান্যাল জিজ্ঞাসা করলেন, ‘তাহলে? এবার প্লান কী?’

অর্জুন বলল, ‘আমি নিজে গিয়ে আগে হলদিয়ায় তিনতলা বাড়িটা ময়না করে আসব। দরকার হলে লোকাল থানা থেকে ওই বাড়ির আশেপাশে প্লেইন ড্রেস পুলিশ পাহারা বসাতে হবে। তারপর পাঁচ তারিখ যখন পাচার করার সময় হবে, তখন হাতেনাতে ধরব টিম নিয়ে গিয়ে।’

ডিসিডিডি মাথা নাড়লেন। বললেন, ‘না, লোকাল থানাকে ইনভলভ করা ঠিক হবে না অর্জুন। বলতে খারাপ লাগলেও জানোই তো, আমাদের ডিপার্টমেন্টে সরষের মধ্যেকার ভূতের সংখ্যা নেহাত কম নয়। লোকাল থানার কারও কারও এই গ্যাং-এর সঙ্গে ইনভলভমেন্টের চান্স যথেষ্টই আছে। আমরা কোনো চান্স নিতে পারি না। এটাকে গোপন মিশন হিসেবেই এক্সিকিউট করতে হবে।’

‘ঠিক আছে স্যার, আমি একাই যাব।’ অর্জুন বলল।

‘টিমের থেকে কাউকে সঙ্গে নিতে পারো’, বললেন ডিসিডিডি।

‘দরকার হবে না স্যার। এখন তো কোনো অ্যাকশনে যাচ্ছি না।’

সৌরভবাবু বললেন, ‘যা হয়, আমাকে জানাবে। আর একা একা কোনোরকম বাহাদুরি দেখাতে যাবে না। কেমন? সেরকম প্রয়োজন বুঝলে আমাকে কল করবে। আমি ফোর্স পাঠাব।’

‘ওকে স্যার!’ বলল অর্জুন।

‘অল দ্য বেস্ট!’ বলে হাসলেন ডিসিডিডি সৌরভ সান্যাল।

।। তেতাল্লিশ।।

‘আমি যাব তোমার সঙ্গে’, টাপুরদি বলল।

‘নো ওয়ে, আমার ওপর স্ট্রিক্ট অর্ডার আছে একা যাওয়ার’, বলল অর্জুনদা।

‘আমি যেতে পারব না’, মুখ কালো করে আমি বললাম, ‘আজ সারারাত আমাকে সাপোর্ট দিতে হবে প্রোজেক্টের।’

‘আমি পার্টি করতে যাচ্ছি না, একটা জরুরি মিশনে যাচ্ছি। তোমাদের কাউকেই আমি সঙ্গে নেব না।’ কঠিন গলায় বলল অর্জুনদা।

টাপুরদি বলল, ‘নিয়ো না। আমি নিজে ড্রাইভ করে যাব।’

‘হোয়াট ননসেন্স!’ অর্জুনদা বেশ রেগে উঠে বলল।

‘যা খুশি বলতে পারো, আমি যাবই’, বলল টাপুরদি।

মাথা নেড়ে কাঁধ ঝাঁকাল অর্জুনদা। টাপুরদির মুখে বিজয়িনীর হাসি।

আমি গম্ভীর মুখে বললাম, ‘দেখো বাপু, রাত-বিরেতে বয়ফ্রেন্ডের সঙ্গে নৈশভ্রমণ করতে যাচ্ছ। সাবধান!’

টাপুরদি হাত তুলে আমায় গাট্টা মারতে এগোল। বলল, ‘তবে রে!’

আমি চট করে সরে এলাম। রাতের খাওয়া আটটার মধ্যে সেরে বেরোল ওরা দু-জনে। আমায় বলে গেছে, খুব প্রয়োজন না হলে ফোন না করতে। আমিও নিজের ডিনার সেরে কাজে মন দিলাম।

সকাল সাড়ে চারটা নাগাদ কাজ সেরে শুতে গেলাম। টাপুরদি ফিরলে নিজেই দরজা খুলে ঢুকতে পারবে। ওর কাছে চাবি আছে।

চেষ্টা করেও রাতে ভালো ঘুম হল না। অর্জুনদা আর টাপুরদিকে নিয়ে চিন্তা হচ্ছে। ছেঁড়া-ছেঁড়া ঘুমের মধ্যে নানানরকম স্বপ্ন দেখছি বারবার। ঘুম ভাঙল সকাল ন-টা নাগাদ। উঠে বাইরের ঘরে গেলাম। টাপুরদিরা ফেরেনি এখনও। দুশ্চিন্তাটা ঘুণপোকার মতো মনের ভেতরটা আঁচড়াচ্ছে। ওদের কোনো বিপদ হল না তো? টাপুরদি ফোন করতে মানা করে গেছে। কী করি এখন?

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্থিরতাটা বাড়তে লাগল। বার কয়েক ফোনটা হাতে নিয়ে টাপুরদির নম্বর ডায়াল করে আবার রেখে দিলাম পাশে। ব্রেকফাস্ট করার কথাও মনে থাকল না। বারবার গিয়ে ব্যালকনিতে দাঁড়াচ্ছি। মনে হচ্ছে, এর চেয়ে ওদের সঙ্গে গেলে ভালো হত। অন্তত বাড়িতে বসে এতটা দুশ্চিন্তায় তো কাটাতে হত না!

বেলা বারোটা বাজতে আর থাকতে পারলাম না। টাপুরদির নম্বর ডায়াল করলাম। ফোন সুইচ অফ বলছে। হে ভগবান! পরের ফোনটা করলাম অর্জুনদার নম্বরে। এটা রিং হচ্ছে। কিন্তু রিং হয়ে হয়ে এক সময়ে থেমে গেল ফোন। এবার আর অপেক্ষা করা যায় না। ওরা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। কাকে ফোন করব, কার কাছে সাহায্য চাইব এখন? ডিসিডিডি স্যারকে ফোন করা যায়। কিন্তু তাঁর নম্বর তো আমার কাছে নেই। কেন নিয়ে রাখলাম না! এখন আমি কী করি!

বিদ্যুতচমকের মতো মনে হল, সুদর্শনবাবুকে সব খুলে বললে নিশ্চয়ই তিনি সাহায্য করবেন। তাঁর নম্বরও আছে আমার কাছে। ঠিক আছে, তাঁকেই বলি। তিনি তো বলেইছেন যে-কোনো প্রয়োজনে ফোন করতে। কল লিস্ট ঘেটে সুদর্শনবাবুর নম্বরটা বের করলাম। ডায়াল করতেই যাব, দরজার ল্যাচ ঘোরানোর শব্দে চমকে উঠে তাকালাম। দরজা খুলে টাপুরদি ও অর্জুনদা ঢুকছে।

‘কোথায় ছিলে তোমরা? আমি টেনশনে মরে যাচ্ছিলাম!’ প্রায় চিৎকার করে উঠলাম আমি।

পরক্ষণে ওদের দু-জনের মুখের দিকে তাকিয়ে চুপ হয়ে গেলাম। দুজনেই কেউ কোনো কথা বলছে না।

‘কী হল টাপুরদি, অর্জুনদা?’ একটু থমকে গিয়ে জিজ্ঞাসা করলাম আমি।

টাপুরদি একবার অর্জুনদার মুখের দিকে তাকাল, একবার আমার মুখের দিকে। তারপর ওরা দু-জনের ফিক করে হেসে দিল। টাপুরদি বলল, ‘খুব টেনশন করছিলি, না?’

‘করব না? তোমার ফোন সুইচ অফ!’ রাগ-রাগ গলায় বললাম আমি।

‘চার্জ শেষ হয়ে গেছিল রে!’ ক্লান্ত গলায় টাপুরদি বলল। সোফায় বসে গা এলিয়ে দিল।

‘সকাল থেকে পেটে দানাপানি কিছু পড়েছে?’ জিজ্ঞাসা করলাম আমি।

অর্জুনদা বলল, ‘না। টানা ড্রাইভ করেছি।’

ওদের আর বললাম না যে আমিও কিছুই খাইনি। তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে গ্যাস ওভেনের একদিকে সকলের জন্য ইন্সট্যান্ট নুডলস, আর এক দিকে চা বসালাম।

বাইরের ঘরে এসে বললাম, ‘তোমাদের সিক্রেট মিশনের রেজাল্ট কী? তোমাদের দেরি দেখে আমার এত চিন্তা হচ্ছিল, আমি এখুনি সুদর্শনবাবুকে ফোন করতে যাচ্ছিলাম।’

টাপুরদি সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বলল, ‘ঠিক আছে। আমি পরে ফোন করে জানিয়ে দেব। লোকেশনটা খুঁজে বের করতেই অনেক সময় চলে গেছিল। অর্জুনের সোর্সদের ইন্সট্রাকশন ফলো করে একটা বাড়ি পেয়েছি। এটাই সেই বাড়ি কি না জানি না। অর্জুন সৌরভবাবুকে জানিয়ে দিয়েছে লোকেশন। কলকাতা থেকে দু-জন প্লেন ড্রেসের পুলিশ এতক্ষণে রওনা দিয়ে দিয়েছে হলদিয়ার দিকে। ওরা ওখানে থাকবে। এছাড়া অর্জুনের লোকাল সোর্সরাও অ্যালার্ট আছে। প্রতিটা মুভমেন্টের খবর পাব আমরা, মানে পুলিশ আর কী!”

আমি জিজ্ঞাসা করলাম, ‘উত্তীয়দাকে কে ফোন করেছিল জানতে পেরেছ?’

টাপুরদি মাথা নাড়ল। বলল, ‘ল্যান্ডলাইন নম্বরটা জনৈক খোকন দাসের নামে রেজিস্টার করা। ওটা একটা পাইস হোটেলের নম্বর। সম্ভবত, ওই হোটেলরই কোনো কর্মী করেছে ফোনটা। এখন তাকে খোঁজার সময় নেই, খুব একটা প্রয়োজনই নেই। তাতে বরং লোকটার বিপদ হতে পারে।’

অর্জুনদা বলল, ‘টাপুর, একটা কথা ভাবছিলাম। বলছি যে সুদর্শনবাবুকে এখনই কিছু জানানোর দরকার নেই। কারণ, তাতে অদ্বৈত মুখার্জির কাছে খবর পৌঁছে যেতে পারে। বলা তো যায় না। আমরা ওই লোকটাকে হাতেনাতে ধরতে চাইছি।’

আমি বললাম, ‘তোমরা শিওর, এই সব কিছুর পেছনে অদ্বৈত মুখার্জিরই হাত আছে?’

অর্জুনদা কোনো উত্তর না দিয়ে আবার সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করল। টাপুরদি বলল, ‘সন্দেহের সব তিরগুলো তো তাঁর দিকেই নির্দেশ করছে। পুরোপুরি নিশ্চিত হতে আমাদের আরও প্রমাণ চাই। আপাতত প্রমাণ বলতে অদ্বৈত মুখার্জির কিছু পাস্ট রেকর্ড, যেগুলি বলছে এর আগে ভদ্রলোকের বিহার মিনিস্ট্রিতে পোস্টিং ছিল। সেখানে একজন সাবঅর্ডিনেটকে চড় মেরেছিলেন তিনি, যে কারণে তাঁর ওপর ডিপার্টমেন্টাল এনকোয়ারি হয়। সেই সাবঅর্ডিনেট এবং আরও কয়েকজন তাঁর নামে একাধিক কোরাপশনের অভিযোগ এনেছিল এনকোয়ারির সময়, যদিও কিছু প্রমাণ হয়নি। কিন্তু ধোঁয়া উঠলে তার একটা উৎস তো থাকেই, তাই না?’

অর্জুনদা এবার চোখ খুলে সোজা হয়ে বসল। নাক কুঁচকে বলল, ‘মিতুল, গ্যাসে কী বসিয়েছ? সব গেল।’

‘সর্বনাশ!’ বলে ছুটলাম আমি রান্নাঘরে। পেছন থেকে টাপুরদি হেসে উঠল।

।। চুয়াল্লিশ।।

বয়স বাড়ছে। রাতে আজকাল বেশ ক-বার উঠতে হয়। জলখালাস করে ফ্লাশ টানতেই ফোনের রিং শুনতে পেল লোকটা। এই সময়ে একজনই ফোন করে তাকে। ধীরে-সুস্থে বাইরে এল। বাথরুমের দরজাটা টেনে বন্ধ করে বিছানায় এসে বসল সে। ফোনটা রিসিভ করে কানে ঠেকাল, ‘হ্যালো!’

‘হ্যালো বস। কনসাইনমেন্ট ঠিকঠাক পৌঁছে গেছে।’

লোকটার ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। বলল, ‘গ্রেট! পথে কোনো অসুবিধে হয়নি তো?’

‘না স্যার। সেরকম কিছু নয়। স্টেট বর্ডারে টোলে আটকেছিল। ভাগ্যিস রাউন্ডে আমাদের চেনা অফিসার ছিল। কিছু খসাতে হয়েছে। ম্যানেজ হয়ে গেছে। ট্রাক বিহারে ঢোকার পর থেকে আর অসুবিধে হয়নি।’

‘গুড!’ হাসি ফুটল লোকটার মুখে। বলল, ‘এর পর নেক্সটটা কবে যাচ্ছে?’

‘পাঁচ তারিখ, স্যার। শিবেনকে সব বুঝিয়ে দিয়েছি।’ ও-প্রান্ত বলল।

‘বেশ, এটাই আপাতত শেষ। এর পর পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত কিছুদিন কাজ বন্ধ রাখতে হবে। আমাদের লোকেদের বলবে পাঁচ তারিখের পর আন্ডারগ্রাউন্ড হয়ে যেতে। কেউ কারও সঙ্গে যোগাযোগ করবে না। এই লাইন অফ করে দেবে তুমি। আমাদের সাইবার সেলের ছেলেদের দিয়ে নতুন সিকিওর লাইন তৈরি করবে। সব শান্ত হলে আবার কাজ শুরু হবে, ক্লিয়ার?’

‘ইয়েস বস!’ বলল ও-প্রান্তের লোকটা, ‘কিন্তু অসুবিধে কিছু হত না। এই তো এই অবস্থাতেও তো মতি মিঞা মাল ডেলিভারি করে এল। পারল কেউ ধরতে? আমার লোকেদের ওপর চোখ বন্ধ করে ভরসা করতে পারেন।’

এ-প্রান্ত বলল, ‘না, ওভার কনফিডেন্স ভালো নয়। বেশি লাভের লোভে আমি কোনো রিস্ক নিতে চাইছি না। এখন কিছুদিন কাজ বন্ধ থাকবে।”

‘বস, নবদিগন্তের কী হবে? যেভাবে পুলিশ ওই হোমের পেছনে পড়েছে, তাতে ওখান থেকে আর কোনো লাভ পাওয়া যাবে মনে হয় না। শুধু শুধু এতগুলো ছেলে পোষা…’

‘আপাতত কিছু নয়। সরকারি গ্রান্ট তো আসছে। খরচ চলেও লাভই থাকছে। সব ঠান্ডা হলে তখন ওটা নিয়ে ভাবব।’

‘আর বস, ওই মেয়ে টিকটিকিটা…’

লোকটা একটু চুপ করে রইল। তারপর বলল, ‘তোমার দুটো ছেলেকে মেরে-ধরে ফেরত পাঠিয়েছে বলে তোমার আঁতে লেগেছে বুঝতে পারছি। মেয়েটার দম আছে। ওকে বেশি ঘাঁটিও না আর। আর মাত্র কটা দিনের ব্যাপার। আর ঝামেলা চাইছি না আমি। কিন্তু যাই হোক, পাঁচ তারিখের কাজটা শেষ করে আমাকে ফোন করবে, কেমন?’

‘ওকে বস, হয়ে যাবে। আপনি চিন্তা করবেন না। রাখছি।’

‘রাখো। কাজটা যেন ঠিকমতো হয়, অনেকগুলো মানুষের বাঁচা-মরা নির্ভর করছে এর ওপর বুঝতেই পারছ। সরকার, রাষ্ট্র আমাদের কাজটাকে বে-আইনি বলে দেগে দিতেই পারে, কিন্তু সবসময় মনে রাখবে আমরা সত্যিকারের সমাজসেবা করছি। কিছু মৃত্যুপথযাত্রীকে জীবনে ফিরিয়ে দিচ্ছি। তুমি জানো, টাকাটা আমার কাছে কোনোদিনই গুরুত্বপূর্ণ ছিল না। আমি শুধু চাই, আর কোনো পরিবারকে যেন শুধু অরগ্যানের অভাবে প্রিয়জনকে চোখের সামনে মরতে দেখতে না হয়।’

‘জানি বস!’ বলল ও প্রান্ত, ‘আপনি এ কথা আমাকে অনেকবার বলেছেন।’

‘সেটাই মনে রেখে চলো। সব ভালো হবে। মনে রেখো, আমরা কোনো অন্যায় করছি না। যাদের কেউ নেই, পরিবার নেই, বাড়ি ফিরে দেখার মতো হাসিমুখ নেই, তাদের জীবনের কোনো মূল্য নেই। আমরা তাদের একাকিত্বের যন্ত্রণা থেকে মুক্তি দিচ্ছি। তাদের অঙ্গ-প্রত্যঙ্গ সেইসব মানুষকে বাঁচাবে, যাদের বেঁচে থাকাটা আরও অনেকের কাছে জরুরি। এতে কোনো ভুল নেই, কোনো অন্যায় নেই।’

ও-প্রান্ত চুপ করে থাকে। সে জানে, বস এ কথাগুলি নিজেকেই বলছেন। আজ প্রথমবার তো নয়, এই কথা এর আগেও অনেকবার শুনেছে। মানুষটাকে বুঝে উঠতে পারে না সে। তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে বেশি কিছু জানে না, কিন্তু মনে হয় সারা দেশের সব অসুস্থ মানুষের শরীরে প্রয়োজনীয় প্রত্যঙ্গ পৌঁছে দেওয়াই লোকটার জীবনের ব্রত।

ফোন রেখে অন্য প্রান্তের লোকটা ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। একটা সিগারেট ধরিয়ে ভাবতে থাকে। আর একটা কনসাইনমেন্ট, তারপরেই ব্রেক। আন্ডারগ্রাউন্ডে যেতে হবে। কোথায় যাবে সে? বাড়ি ফেরার উপায় নেই, সেই পথ সে নিজে হাতে বন্ধ করে এসেছে। এভাবেই কি কাটবে তার বাকি জীবন? তারও তো বয়স কম হল না। শুরুতে যখন কাজটা শুরু করেছিল, তখন অঢেল অর্থ উপার্জনই মুখ্য উদ্দেশ্য ছিল। আগুপিছু না ভেবে ঝাঁপিয়ে পড়েছিল। আজ সে বুঝেছে এই চক্রে জড়িয়ে গেছে সে। এখান থেকে এখন বেরোতে চাইলেও বেরোনোর উপায় নেই। সারা দেশে ছড়িয়ে থাকা অসংখ্য প্রাইভেট হাসপাতালগুলির বেশিরভাগই এক-একটি পাপচক্র। এগুলির সঙ্গে ব্যাবসা শুরু করলে আর বেরিয়ে আসা যায় না। তারা অনেক গোপন পাপের ভাগীদার। তাই সরে আসতে চাইলে ওরাও ছেড়ে কথা বলবে না। হয়তো রাস্তায় বা আস্তাকুঁড়ে পড়ে থাকবে তাদের বেওয়ারিশ লাশ। পার্টনার ইন ক্রাইমকে কেউ বাঁচিয়ে রাখে না।

একটা দীর্ঘশ্বাস ছাড়ে লোকটা। পাপের গোলকধাঁধায় সে স্বেচ্ছায় ঢুকেছে। এখান থেকে বেরোনোর পথ নেই আর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *