মৃতেরা কোথাও নেই – ৪৫

।। পঁয়তাল্লিশ।।

‘স্পটে কলকাতা পুলিশের দু-জন অলরেডি প্লেইন ড্রেসে আছে। যে-কোনোরকম মুভমেন্ট দেখলে আমাদের ইনফর্ম করবে ওরা। লোকাল থানাকে এখনই কিছু জানানো হয়নি সংগত কারণেই। প্রয়োজন পড়লে সেটা করা হবে। আপাতত যে প্ল্যান আছে সেটা হল চার তারিখ রাতে আমাদের একটা টিম প্লেন ড্রেসে স্পটে পৌঁছুব। গোপনে বাড়িটা ঘেরাও করা হবে। আর একটা টিম দুপুরের মধ্যে পৌঁছে যাবে। যারা বাজারের কাছে অপেক্ষা করবে। ওরা ট্রাকে লোড করা শুরু করলে আমরা ওদের রেড হ্যান্ডেড ধরব।’ বললেন সৌরভ সান্যাল।

টাপুরদি বলল, ‘স্যার, একটা কথা বলতে চাই। ওখানে পুলিশ ওদের দলের একটা অংশকে অ্যারেস্ট করবে। ঠিক আছে। কিন্তু অবশ্যই আমরা আশা করতে পারি না যে পুরো দলটা ওখানে থাকবে। এই অ্যারেস্টের খবর পাওয়া মাত্র দলের যারা মাথা তারা গা ঢাকা দেব। পুলিশ পরে দলের লোকেদের থার্ড ডিগ্রি দিয়ে ওদের চাঁইয়ের নাম বের করতে পারবেন না। কারণ এসব ক্ষেত্রে দলের নীচের তলার কর্মীরা সাধারণত মাথায় বসে থাকা কিং পিনের নাম জানে না, তাকে চেনেও না। তারা আবার নিজেদের গুছিয়ে নিয়ে কাজ শুরু করবে ক-দিন পর। এসব অবশ্য আমার থেকে আপনি ভালো জানেন।’

মাথা নাড়লেন সৌরভ সান্যাল। বললেন, ‘জানি। সেই কারণেই হিউম্যান ট্র্যাফিকিং, অরগ্যান ট্র্যাফিকিং-এর ক্ষেত্রে পুলিশ বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে সাফল্যের মুখ দেখলেও এই চক্রগুলোকে পুরোপুরি রোখা যায়নি। বরং ওরা আরও বেশি সাহসী হয়ে উঠেছে।’

টাপুরদি বলল, ‘স্যার, আপনাকে পরামর্শ দেওয়া আমার বাতুলতা। কিন্তু ওদের ধরার আগে ওদের দলের মাথাকে ধরা দরকার। অন্তত একসঙ্গে দু-দিকে দুটো অভিযান করা প্রয়োজন যাতে কেউ পালাতে না পারে।’

সৌরভ সান্যাল হাসলেন। বললেন, ‘মিস ব্যানার্জি, আপনি বুদ্ধিমতী। আপনার প্রতিটি কথা যুক্তিযুক্ত। কিন্তু আপনি কি জানতে পেরেছেন কে এই চক্রের কিং পিন?’

টাপুরদি অর্জুনদার দিকে তাকাল তেরছা দৃষ্টিতে। তারপর বলল, ‘আমি শিওর বলতে পারব না। কিন্তু অদ্বৈত মুখার্জির ওপর আমার যথেষ্ট সন্দেহ আছে।’

সৌরভ সান্যাল ভীষণ অবাক হয়ে বললেন, ‘অদ্বৈত মুখার্জি, মানে হেলথ সেক্রেটারি? আর ইউ ক্রেজি, মিস ব্যানার্জি?’

টাপুরদি বলল, ‘কেন নয়? তিনি পাওয়ারফুল, তাঁর পাস্ট রেকর্ড ক্লিন নয়, ডক্টর মিত্রর ডেথের ক্ষেত্রে তিনি ফোর্সফুলি তদন্ত বন্ধ করতে চেয়েছেন। এমনকি আমি তো এমনও খবর পেয়েছি যে মেডিকেল কলেজে স্ট্রাইকের আগের দিন রাতে অখিল মিদ্যা রাতের দিকে অদ্বৈত মুখার্জির বাড়ি গেছিলেন।’

‘এ খবর কোথায় পেলেন?’ জিজ্ঞাসা করলেন সৌরভ সান্যাল।

টাপুরদি মুচকি হেসে বলল, ‘পুলিশ তো জানি নিজেদের সোর্স ডিজক্লোজ করে না, এমনকি নিজেদের কলিগের কাছেও নয়। আমাকে তাহলে আপনি কী করতে বলেন? মনে করুন, আমারও কিছু সোর্স আছে।’

সৌরভ সান্যাল মুচকি হেসে মাথা নাড়লেন। বললেন, ‘ভেরি স্মার্ট!’

আমরাও হাসলাম। সৌরভবাবু বললেন, ‘কিন্তু মিস ব্যানার্জি, সলিড প্রূফ ছাড়া অদ্বৈত মুখার্জিকে ছোঁয়া যাবে না সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনি।’

টাপুরদি চুপ করে রইল। খুব মন দিয়ে কিছু চিন্তা করছে ও। তারপর মুখ তুলে বলল, ‘আজ দুই তারিখ। আমাকে দুটো দিন সময় দিন প্লিজ। দেখছি কী করা যায়!’

ডিসিডিডি স্যারের কেবিন থেকে বেরিয়ে এলাম আমরা। প্ল্যানের পরবর্তী অংশ নিয়ে আলোচনার জন্য অর্জুনদা ভেতরেই রয়ে গেল। লালবাজার থেকে বেরিয়ে জিজ্ঞাসা করলাম, ‘অতঃ কিম?’

টাপুরদি বলল, ‘আপাতত শুধু প্রমাণ খোঁজা। তবে তার আগে আর একটা কাজ আছে।’

‘কী কাজ?’ জানতে চাইলাম আমি।

টাপুরদি একটু বিষণ্ণ মুখে বলল, ‘মৃণালবাবুর সঙ্গে দেখা করে আসি। কাল সুপর্ণাদিকে ফোন করেছিলাম। বললেন, মৃণালবাবু ভালো নেই। ডাক্তার কোনো আশা দিতে পারছেন না। এখন শুধু সময়ের অপেক্ষা।’

মনটা খারাপ হয়ে গেল। অমিয় চক্রবর্তী মার্ডার কেসের সূত্রে এই বৃদ্ধ মানুষটির সঙ্গে পরিচয় আমাদের। কিছু মানুষ থাকেন, যাঁরা অল্প সময়েই খুব আপন হয়ে ওঠেন। যাঁদের হৃদয় উৎসারিত স্নেহের ফল্গুধারা সদ্যপরিচিত মানুষকেও ভিজিয়ে দিয়ে যায় অনায়াসে। জ্ঞানতপস্বী এই অসাধারণ মানুষটি বাংলার রাজনীতির অনেক উত্থান-পতনের সাক্ষী। বর্তমান সিএম অম্লান চক্রবর্তীর বাবা অমিয় চক্রবর্তীর রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন মৃণাল দত্ত। তারপর একসময় স্বেচ্ছায় সরে এসেছিলেন, নিয়েছিলেন রাজনীতি থেকে সন্ন্যাস। একমাত্র সন্তানহারা কন্যাটিকে অবলম্বন করে বেঁচে ছিলেন। মৃণালবাবুর কিছু হলে সুপর্ণাদি কী নিয়ে বাঁচবেন কে জানে?

বললাম, ‘আমিও যাব তোমার সঙ্গে।’

মৃণালবাবুর বাড়ি পৌঁছোলাম যখন ঘড়ির কাঁটায় বিকেল পাঁচটা বাজে। কলিং বেল বাজতেই ভেতর থেকে সুপর্ণাদির গলা পাওয়া গেল, ‘আসছি।’ পরক্ষণেই দরজা খুলে উঁকি মারল পরিচিত মুখটি। আমাদের দেখে উল্লসিত হয়ে বলল, ‘আরে, তোমরা?’

বছর খানেক পরে দেখা হল সুপর্ণাদির সঙ্গে। একটা অপরাধবোধ কাঁটা ফোটাচ্ছে মনের কোণে। নিজেদের প্রয়োজনে এই বাড়িতে এসেছিলাম একদিন। কই, তারপর প্রয়োজন ফুরিয়ে যেতে আর তো আসিনি! মৃণালবাবু নিজে মাঝেমধ্যে ফোন করে খবরাখবর নিতেন। কবে যে ফোন আসা বন্ধ হয়েছে, খেয়ালই করিনি। জানতেও পারিনি যে তিনি এত অসুস্থ।

সুপর্ণাদি হেসে বলল, ‘আরে, এসো এসো! বাবা তোমাদের দেখে খুব খুশি হবে। তোমাদের কথা প্রায়ই বলে বাবা।’

মনের ভেতর অন্ধকারটা গভীর হচ্ছে।

আমাদের নিয়ে ভেতরের ঘরের দিকে এগোল সুপর্ণাদি। ঢোকার আগে আমাদের হাতে একটা বোতল এগিয়ে দিয়ে বলল, ‘হাতটা একটু স্যানিটাইজ করে নাও প্লিজ। আসলে বাবার ইমিউনিটি বলতে আর কিছু অবশিষ্ট নেই তো। অল্পেতেই ইনফেকশন হয়ে যায়। কেমো আর রে দিয়ে দিয়ে শরীরটা শেষ হয়ে গেছে।’

আমি আর টাপুরদি নীরবে হাত স্যানিটাইজ করলাম।

‘বাবা, দেখো কারা এসেছে,’ বলতে বলতে হাসিমুখে ঘরে ঢুকল সুপর্ণাদি। আমরা ঢুকলাম পেছনে পেছনে। ঢুকেই চমকে গেলাম। এ কাকে দেখছি? সেই দীর্ঘদেহী, ঋজু, সৌম্য বৃদ্ধের জায়গায় এই বিছানায় প্রায় মিশে যাওয়া, মুখে খোঁচা দাড়িগোঁফ-সম্বলিত, ন্যাড়া মাথা, ঘোলাটে দৃষ্টির এই বৃদ্ধ কে? এঁকে তো আমরা চিনি না! টাপুরদি এগিয়ে গিয়ে সামনে দাঁড়াল।

‘চিনতে পারছেন আমাকে?’ জিজ্ঞাসা করল টাপুরদি। স্পষ্ট টের পেলাম, জিজ্ঞাসা করতে গিয়ে ওর গলাটা কেঁপে গেল।

বলিরেখাকীর্ণ মুখে হাসি ফুটে উঠল। ভাঙা গলায় বললেন মৃণালবাবু, ‘ওমা, চিনব না? তাও আবার হয় নাকি? সম্রাট অশোক দুহিতাকে ভোলা অতই সহজ?’

সুপর্ণাদি এগিয়ে গিয়ে বলল, ‘বাবা, তুমি বসবে? বসিয়ে দেব?’

‘দে তবে’, বললেন বৃদ্ধ, ‘একটু বসে কথা কই। সারাদিন তো শুয়েই থাকি।’

সুপর্ণাদি এগিয়ে গিয়ে মৃণালবাবুকে শিশুর মতো পাঁজাকোলা করে বিছানায় বসিয়ে দিল।

‘এত সব কিছু হয়ে গেল, আমাদের জানাননি কেন?’ এবার কেঁদেই ফেলল টাপুরদি। আমারও গলার কাছটা ব্যথা করছে।

সুপর্ণাদি ম্লান হাসল। বলল, ‘কেঁদো না বোন। বাবা ওরকমই। সবার খবর নেবে, কিন্তু নিজের কথা কাউকে জানাবে না। আসলে রাজনীতি রক্তে কিনা! মন্ত্রগুপ্তি ভালোই আয়ত্ত করেছেন।’

‘সুপু!’ কাঁপা গলায় ডাকলেন মৃণালবাবু, ‘তুই আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নিন্দে করতে লাগলি! যা না, ওদের জন্য চা-টা কী আছে নিয়ে আয়। আজ ওদের সামনে বসে খাওয়াই। কে জানে, আর সেই সুযোগ হবে কি না।’

সুপর্ণাদি আর একটা কথাও না বলে ঘর ছেড়ে বেরিয়ে গেল, চোখের জল লুকোতেই বুঝি-বা। টাপুরদি নিজেই একটা চেয়ার টেনে বসল। আমিও একটা প্লাস্টিকের টুলের ওপর বসলাম।

মৃণালবাবু বললেন, ‘কেমন আছ তোমরা? কাজকর্ম কেমন চলছে?’

টাপুরদি মাথা নাড়ল।

মৃণালবাবু এবার আমার দিকে তাকিয়ে বললেন, ‘মৈথিলী, তোমায় আর এক মৈথিলীর গল্প শোনাব বলেছিলাম, মনে আছে?’

উদগত কান্নাকে দমন করে ওপর-নীচে মাথা নাড়লাম আমি। তিনি বললেন, ‘সে আর হল না। শরীর দেয় না এখন। বেশি কথা বললে হাঁফ ধরে। তবে মনে রেখো মা, মৈথিলী কিন্তু সামান্যা নারী নন। পুরো মহাকাব্যে তুমি অমন আর একটা চরিত্র খুঁজে পাবে না আর। পরবর্তীতে টীকাকার, অনুবাদকরা তাঁকে নরম-সরম দুর্বল করে এঁকেছেন। কিন্তু জেনো মা, মূল রামায়ণে মৈথিলী এক অসাধারণ তেজোদীপ্ত মহিয়সী, যাকে দশাননও স্পর্শ করতে পারেন না। এমন তেজ যাঁর, যার এত প্রখর আত্মসম্মানবোধ, তিনি কি সাধারণ হতে পারেন?’

কথা বলতে বলতে হাঁফাচ্ছেন মৃণালবাবু। টাপুরদি বলল, ‘আপনি বেশি কথা বলবেন না। আপনার কষ্ট হচ্ছে।’

মৃণালবাবু হাসলেন। বললেন, ‘ধূমপান ছেড়েছি সেই চল্লিশ বছর বয়সে। এতদিনে সেই ধোঁয়া প্রতিশোধ নিতে এসেছে। কখন যে এসে ফুসফুসে বাসা বেঁধেছে, টেরই পাইনি মা। যাই হোক, আমি বরং চুপ করি। তোমরা তোমাদের কাজের কথা বলো। কোন কেসে কাজ করছ এখন?’

‘সরকার বাহাদুরের কেস’, হেসে বলল টাপুরদি।

‘বলো কী! আবার কী হল? অম্লান অ্যাপোয়েন্ট করেছে তোমাদের?’

টাপুরদি মাথা নাড়ল। বলল, ‘হ্যাঁ, যদিও তিনি এখন দিল্লিতে আছেন। আমরা সুদর্শনবাবুকে রিপোর্ট করছি।’

‘সুদর্শন, মানে মুখ্য সচিব?’ জিজ্ঞাসা করলেন মৃণালবাবু।

‘হ্যাঁ।’ বলল টাপুরদি, ‘চেনেন নাকি?’

হাসিমুখে মাথা নাড়লেন বৃদ্ধ। বললেন, ‘হ্যাঁ, আজ না হয় রাজনীতি থেকে বহুদূরে, একদিন তো সে চত্বরে আনাগোনা ছিল। আমাদের থেকে অনেক ছোটো যদিও, তবে চিনি ওকে। স্কলার ছেলে, অসম্ভব বুদ্ধিমান, দুর্দান্ত জব প্রোফাইল, তার চেয়েও বড়ো কথা ভীষণ রকম হেল্পফুল। আমাদের টুবাই, মানে সুপুর ছেলে যখন খুব অসুস্থ, আমি দোরে দোরে সাহায্যের জন্য ঘুরছি, সুদর্শনই কিন্তু আমায় সাহায্য করেছিল। বড়ো বেসরকারি হাসপাতালে অনেক কম খরচে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছিল। ফোন করে করে খবর নিত। ব্লাডের ব্যবস্থা করে দিয়েছিল ক’বার। ওর প্রতি আমার কৃতজ্ঞতা অসীম। সে যাই হোক, আমার অসুখের কথা তোমরা জানলে কী করে?’

‘অম্লানবাবু বললেন’, বলল টাপুরদি।

মৃণালবাবু মাথা নাড়লেন। বললেন, ‘অম্লান আমার খবর নেয়। এসেওছিল মাসখানেক আগে একবার। খুব ব্যস্ত তো। একটা রাজ্য সামলানো মুখের কথা?’

কথাবার্তার মাঝখানেই সুপর্ণাদি ঘরে ঢুকলেন ট্রে-তে অনেক খাবারদাবার সাজিয়ে।

‘কী আনলি রে?’ জিজ্ঞাসা করলেন মৃণালবাবু।

সুপর্ণাদি হেসে বললেন, ‘চিন্তা ক’রো না। তোমার অতিথিদের অযত্ন করছি না।’

খাওয়া-দাওয়া, আরও অনেক গল্পগুজব শেষে আরও ঘণ্টাখানেক পরে যখন ও-বাড়ি থেকে বেরোলাম, মহানগরীর রাজপথে তখন স্ট্রিট লাইটেরা একে একে জ্বলে উঠছে। দীর্ঘ দিনাবসানে তিলোত্তমা সেজে উঠছে আলোর মালায়। টাপুরদির গাড়িতে ওঠার পর থেকে আর কোনো কথা বলেনি। নিজের ভাবনাতেই ডুবে আছে ও। মৃণালবাবুকে এভাবে দেখার ধাক্কাটা হজম করা সহজ নয়। আমারও আজ আর কথা বলতে ভালো লাগছে না। একটা বটগাছের ছায়া সরে যাচ্ছে ধীরে ধীরে, মুছে যাচ্ছেন মৃণাল দত্ত একটু একটু করে। মৃত্যুর কাছে মানুষ বড়ো অসহায়।

।। ছেচল্লিশ।।

পরের দিনটা সারাটা দিন টাপুরদির কোনো পাত্তা পেলাম না। আমারও অফিস ছিল। তাই টাপুরদির সঙ্গে থাকতে পারিনি। রাতে প্রায় এগারোটা নাগাদ ঝোড়ো কাকের মতো চেহারায় বাড়ি ফিরল টাপুরদি। হাতে মোটা মোটা ক-টা ফাইল। ওর মুখের অবস্থা দেখে কিছু জিজ্ঞাসা করতে সাহস হল না। চুপচাপ ডিনার সেরে বিনা বাক্যব্যয়ে আবার ফাইলগুলো নিয়ে বসে গেল। একবার শুধু আমার দিকে চোখ তুলে জিজ্ঞাসা করল, ‘নিউজ দেখেছিস?’

মাথা নাড়লাম আমি। দেখিনি।

‘সিএম কলকাতায় ফিরেছেন। মেডিকেল কলেজে গেছিলেন। জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন। ওরা স্ট্রাইক তুলে নিচ্ছে।’

‘যাক, ভালো খবর।’

ফাইলগুলোর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, ‘এগুলো কীসের ফাইল গো?’

কাগজপত্র ছড়িয়ে বসে ছিল টাপুরদি। সেগুলো থেকে চোখ না তুলেই বলল, ‘প্রমাণের।’

‘মানে?’ চোখ কপালে তুলে আমি জিজ্ঞাসা করলাম।

‘সব মানে পরে বোঝাব তোকে। এখন কথা বলার মতো সময় নেই। তুই শুতে যা।’

একটু রাগ হল আমার। এতদিন একসঙ্গে কাজ করে আজ টাপুরদি আমার কাছ থেকে কথা গোপন করছে। যাক গে, আমিও কথা না বাড়িয়ে শুতে চলে এলাম। বিছানায় শুয়ে কিছুক্ষণ এ পাশ-ও পাশ করলাম। শরীরে ক্লান্তি, কিন্তু মস্তিষ্ক চঞ্চল হয়ে আছে। স্নায়ুর মধ্যে দিয়ে এক অসম্ভব অস্থিরতা সংবাহিত হচ্ছে। মনে হচ্ছে, টাপুরদি কি পারবে এই জটিল রহস্যের সমাধান করতে, এই অঙ্গ পাচার-চক্রের চাঁই কে, কোথায় লুকিয়ে বসে আছে কে জানে! তাকে গর্ত থেকে বের করে আনতে কি পারবে টাপুরদি? ভাবতে ভাবতে চোখ জড়িয়ে আসে। প্রথমে হালকা ছেঁড়া-ছেঁড়া, তারপর গভীর ঘুমে তলিয়ে যাই আমি।

ওদিকে অনেক দূরে কোথাও তখন এই নাটকের অন্য কোনো অধ্যায় অভিনীত হচ্ছিল, যা সম্পর্কে আমরা সম্পূর্ণ অন্ধকারে ছিলাম। অন্ধকার রাস্তা দিয়ে টলতে টলতে হাঁটছে দু-জন মানুষ। দেখেই বোঝা যায় দু-জনেই নেশায় চুর হয়ে আছে। যার বয়স বেশি, সে হেঁড়ে গলায় বাজার-চলতি বাংলা সিনেমার গানের সুর ভাঁজছে। অপরজন রাস্তার গর্তে পড়তে পড়তে বাঁচল। বয়স্ক লোকটা গান থামিয়ে জড়ানো গলায় বলল, ‘এ শালা শিবেন, শালা তুই মাতাল হোইছস।’

‘কে মাতাল? কেন মাতাল?’ নিজেকে সামলে নিয়ে অপেক্ষাকৃত কমবয়সি যুবকটি বলল।

‘তুই মাতাল, শালা তুর বাপ মাতাল। মর শালা!’ বয়স্ক লোকটা বলল।

‘ও মতিমিঞা, তুমিই আমার বাপ, তুমিই আমার মা!’ বলে শিবেন নামে ছেলেটা ভেউ ভেউ করে কাঁদতে লাগল। মতি মিঞা তার মাথাটা নিজের বুকে টেনে সান্ত্বনা দিতে দিতে বলল, ‘আরে কান্দোস ক্যান? তরে সব শিখায় দিমু আমি। এইবার একবার ঠিক কইর‌্যা মাল দিয়া আয় গিয়া, তারপর দেখবি মালিক তরেও কেমন মস্তকে বসায় রাখবে। তহন ট্যাহাই ট্যাহা। দ্যাশে ট্যাহা পাঠাইবি, দালান তুলবি, বিয়ায় বসবি। ট্যাহায় অনেক সুখ, বুঝলানি বাপ?’

‘অনেক টাকা, মতিমিঞা? অনেক?’ জড়ানো গলা জিজ্ঞাসা করে শিবেন।

‘অনেক!’ দুই পাশে হাত প্রসারিত করে দেখায় মতিমিঞা।

‘অনেক টাকা, অনেক, আমার অনেক টাকা হবে!’ টলতে টলতে বিড়বিড় করতে থাকে শিবেন।

মতিমিঞা এই খেলায় পুরোনো খেলোয়াড়। মাতাল হলেও মাথা কাজ করা বন্ধ করে না তার। একটা করোগেট টিনের বাড়ির সামনে এসে বলে, ‘চল, বাড়িত গিয়া ঘুম দে ছ্যামরা। বড়ো কাজের আগে ভালো কইর‌্যা ঘুমান লাগে, বোঝলানি? কাজের সময় ঘুমাবার পাবা না। চক্ষে মরিচ ঘইষা জাইগ্যা থাকোন লাগব।’

বাড়িটার ভেতর ঢোকে দু-জন। শিবেন ধপ করে নিজের শরীরটাকে নোংরা তেলচিটে বিছানাটার ওপর ছুড়ে দেয়। তলিয়ে যায় গভীর ঘুমে। মতিমিঞা তার দিকে স্নেহভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর টলতে টলতে পাশের ঘরে গিয়ে শোয়। দলের সঙ্গে দুটো ডাকাতি করে পালিয়ে এসেছিল এপারে মতিমিঞা প্রায় পনেরো বছর আগে। এদেশে এসে ভুয়ো কাগজপত্র বানিয়ে থেকে গেছে। প্রথমে টানা দশ বছর দেশে যেতে পারেনি। এখন অবশ্য যায় কখনো-সখনো। কিন্তু মন টেকে না। তবে নিয়মিত টাকা পাঠায়। দেশে নিজের বড়ো ছেলেটার কথা মনে হয় তার। এরকমই বয়স হবে, কাজকামাই কিছুই করে না। ছোটোমেয়েটার জন্য মতিমিঞার মন পোড়ে। তার খুব ন্যাওটা ছিল মেয়েটা। এখন তো সেও এক বাচ্চার মা। মতিমিঞার বউ শয্যাশায়ী। ছেলে অপদার্থ। তাই তো মতিমিঞাকে এই বয়সেই এই পাপকাজ করতে হচ্ছে। নইলে সকলে না খেয়ে মরবে?

আধ ঘণ্টা কাটে। মতি মিঞার নাক ডাকার শব্দ এই ঘর থেকেও শোনা যাচ্ছে। শিবেনের চোখ খুলে গেল। সন্তর্পণে বিছানায় উঠে বসল সে। বেড়ালের মতো পা ফেলে পাশের ঘরে উঁকি মারল। মতিমিঞার কাছে গিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। নিশ্বাসের তালে তালে বুকের ওঠানামা ছাড়া আর কোনো নড়াচড়া বোঝা যাচ্ছে না।

এতটুকু শব্দ না করে বেরিয়ে এল শিবেন। নিজের চৌকির তলা থেকে একটা ট্রাঙ্ক বের করল টেনে। পকেট থেকে চাবি বের করে তালাটা খুলে ফেলল। এই তালা সাধারণ দেখতে হলেও সাধারণ নয়। চাবি ঘুরিয়ে খোলার পরেও এতে লুকোনো নম্বরবারে নম্বর দিতে হয়। ঠিক নম্বর একবারই দেওয়া যায়। তা না হলে এই তালা বারো ঘণ্টার জন্য লক হয়ে যায়।

চাবি ঘুরিয়ে নম্বর দিল শিবেন। কট করে হালকা একটা শব্দ হল। ট্রাঙ্কের ডালা খুলে জামা-কাপড়ের নীচ থেকে একটা ছোট্ট ল্যাপটপ বের করে আনল। দ্রুত হাতে সেখানে কিছু বোতাম টিপে কানে একটা ব্লু-টুথ লাগিয়ে নিল। এই লাইন পুরোপুরি সুরক্ষিত এখন। কেউ এই ফ্রিকোয়েন্সিকে আইডেন্টিফাই করতে পারবে না।

‘হ্যালো হ্যালো, এজেন্ট এমভি-জিরোসিক্স-ই রিপোর্টিং!’

‘হ্যাঁ, এখানে সব ঠিক আছে। পাঁচ তারিখ কনসাইনমেন্ট যাবে। আমি তৈরি আছি। এক্স্যাক্ট টাইম এখনও আমাকে জানানো হয়নি। জানতে পারলেই জানিয়ে দিচ্ছি।’

‘ইয়েস স্যার, ইয়েস স্যার আন্ডারস্টুড স্যার!’

‘ওকে। অল ক্লিয়ার। মিশন ইস গোইং টু বি আ গ্র্যান্ড সাক্সেস।’

ব্লু-টুথটা কান থেকে খুলে ল্যাপটপের সঙ্গে ট্রাঙ্কে ঢোকাল শিবেন। তারপর ট্রাঙ্কে তালা লাগিয়ে ঠেলে চৌকির নীচে পাঠিয়ে দিল। পাশের ঘরের দরজায় দাঁড়াল কয়েক মুহূর্ত। মতিমিঞা অঘোরে ঘুমোচ্ছে এখনও। ফিরে এসে নিজের বিছানায় শুয়ে চোখ বুজল শিবেন। মতিমিঞা ঠিকই বলেছে। বড়ো কাজের আগে ভালো ঘুম দরকার।

।। সাতচল্লিশ।।

সকালে ঘুমটা অন্যদিনের চেয়ে তাড়াতাড়িই ভেঙে গেল। টাপুরদি দেখলাম সোফার ওপর ছড়ানো কাগজপত্রের পাশে গুটিসুঁটি মেরে ঘুমোচ্ছে। মনটা নরম হয়ে এল। ঘর থেকে একটা পাতলা চাদর এনে ওর গায়ের উপর বিছিয়ে দিলাম। কেসটার জন্য খুব খাটছে টাপুরদি। কে জানে, আদৌ আসল অপরাধীর হদিস মিলবে কি না! রান্নাঘরে গিয়ে চায়ের জল বসিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম আমি। কমপ্লেক্সের ভেতর একটা কামিনী ফুলের গাছ আছে। হয়তো বাড়ির পুরোনো মালিকের। বাড়ি ভেঙে কংক্রিটের কাঠামো ওঠার পরও মাড়োয়ারি প্রোমোটার কে জানে কোন অজ্ঞাত কারণে গাছটি কাটেনি। এখন গাছটি ফুলে ফুলে ছেয়ে আছে। মাটিতে ঝরে পড়া কামিনী ফুলে সাদা হয়ে আছে পুরো জায়গাটা। এখান থেকেও মিষ্টি গন্ধ পাওয়া যাচ্ছে।

কেন যে লোকে শরৎ বা বসন্ত নিয়ে এত আদিখ্যেতা করে কে জানে? আমার তো মনে হয় হেমন্তের মতো ঋতু হয় না। হেমন্ত আসে রাজার মতো। কত তার সম্পদ, কত সমারোহ! খেত হয় গর্ভিণী, কৃষকের উঠোন ম-ম করে নতুন ওঠা সোনালি শস্যের সৌরভে। গৃহস্থের ঘরে বাজে মঙ্গল শঙ্খ। দুই হাতে অকাতরে বিলোতে আসে হেমন্ত। যেন সে কোনো সন্ন্যাসী রাজা! পরনে তার গৈরিক। না আছে তার বসন্তের উচ্ছলতা, না আছে শরতের অহমিকা। নিজেকে রিক্ত করেই আনন্দ তার।

‘মহারাজ এ কি সাজে এলে হৃদয়পুর মাঝে!

চরণতলে কোটি শশী সূর্য মরে লাজে।।

গর্ব সব টুটিয়া মূর্ছি পড়ে লুটিয়া,

সকল মম দেহ মন বীণাসম বাজে।।’

গুনগুন করতে করতে মন্থর পায়ে ঘরে ঢুকলাম। টাপুরদির ঘুম ভেঙেছে। সোফায় বসে আড়মোড়া ভাঙছে।

বললাম, ‘গুড মর্নিং!’

উত্তর না দিয়ে টাপুরদি বলল, ‘বেশ তো গাইছিলি। থামলি কেন? গা না।’

আমি হাসলাম। তারপর রান্নাঘরে চা ঢেলে এনে আবার ধরলাম,

‘এ কি পুলকবেদনা বহিছে মধুবায়ে!

কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে।’

টাপুরদিও এবার আমার সঙ্গে সুর মেলাল,

‘পলক নাহি নয়নে, হেরি না কিছু ভুবনে–

নিরখি শুধু অন্তরে সুন্দর বিরাজে।।’

গরম চায়ে চুমুক দিয়ে চোখ বুজে বলল টাপুরদি, ‘বেহাগ গাইবার একদম পারফেক্ট সময়। আহা, কী ভালো গাস রে তুই! মন ভরিয়ে দিলি।’

আমি বললাম, ‘তুমিও কি কম ভালো গাও নাকি?’

‘হয়েছে।’ চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে উঠে দাঁড়াল টাপুরদি,বলল, ‘আজকে অফিস যাবি, না ওয়ার্ক ফ্রম হোম?’

আমি বললাম, ‘কোনোটাই নয়। আজ নির্ভেজাল ছুটি। প্রোজেক্টের কাজ নামিয়ে দিয়েছি। আজ আমার ডে অফ।’

টাপুরদি মিষ্টি করে হেসে বলল, ‘তুই খুব খাটিস, মিতুল। কেস, অফিস সব কী সুন্দর সামলাচ্ছিস। তুই আক্ষরিক অর্থেই দশভূজা!’

অর্জুনদা এল দশটা নাগাদ। কাল মাঝরাতে ঘুমের ঘোরের মধ্যে শুনেছিলাম টাপুরদি ফোনে কথা বলছে। আজ অর্জুনদা ঢুকেই বলল, ‘এখনই বেরোবে তো?’

টাপুরদি বলল, ‘হ্যাঁ, দেরি করা ঠিক হবে না। শুভম কোনো আপডেট দিতে পারল?’

অর্জুনদা একটু বিমর্ষমুখে বলল, ‘কলগুলো ফায়ারওয়াল ইউজ করে করা হচ্ছে। তাও চেষ্টা করছে ও।’

টাপুরদিকে এখন একটু অস্থির লাগছে। বলল, ‘চেষ্টার আর সময় নেই অর্জুন। উই ওয়ান্ট রেজাল্ট, নাও অর নেভার।’

অর্জুনদা বলল, ‘মনে রেখো, হি ইজ দ্য বেস্ট। ও না পারলে এ জিনিস আর কেউ পারবে না।’

‘পারতে হবে অর্জুন!’, বলল টাপুরদি, ‘প্রমাণ ছাড়া আমরা অমন একজন ক্ষমতাশালী লোকের গায়ে আঙুলও ছোঁয়াতে পারব না।’

‘জানি টাপুর!’ টাপুরদির কাঁধে হাত রেখে বলল অর্জুনদা, ‘আমরা সকলেই যথাসম্ভব চেষ্টা করছি। ব্যস্ত হ’য়ো না। সব ঠিক হবে।’

আমি এবার বললাম, ‘এসব কী নিয়ে কথা হচ্ছে আমাকে কেউ বলবে কি?’

টাপুরদি জুতোয় পা গলাতে গলাতে বলল, ‘সব বলব। তবে এখন সময় নেই। চটপট বেরোতে হবে।’

‘কোথায়? আমরাও কি হলদিয়াতে যাব নাকি পুলিশের সঙ্গে?’

‘না’, বলল টাপুরদি, ‘আমরা অন্যখানে যাব। এখন চল তো।’

কিছুই বুঝতে পারলাম না। এও জানি এখন জিজ্ঞাসা করলে উত্তর পাব না। তাই আর কথা না বাড়িয়ে রওনা হলাম। জানি না কেন আমার মন বলছে আজকের দিনটা আমাদের জন্য অনেক চমক নিয়ে অপেক্ষা করছে।

।। আটচল্লিশ।।

৪ তারিখ, বেলা ১১:৩০

স্থান: লালবাজার পুলিশ হেড কোয়ার্টার।

সৌরভ সান্যাল বললেন, ‘হলদিয়াতে আমাদের লোকেরা জানিয়েছে বাড়িটার একতলার একটা ওষুধের দোকান আছে। দোতলা আর তিনতলার দরজা-জানলা সব বন্ধ। গত দুইদিনে ওই দুটো তলায় কোনো মুভমেন্ট চোখে পড়েনি। দিনে দু-বার একটা বুড়ো মতোন লোক খোকন দাসের হোটেল থেকে খাবার নিয়ে যায় ওই বাড়িতে। বাড়ির পেছন দিকে একটা সিঁড়ি আছে। সেটা দিয়ে উঠে যায়। সঙ্গে একটা বাইশ-তেইশ বছরের ছেলে থাকে। কাগজের বাক্সে করে খাবার যায়। মোটামুটি কুড়ি থেকে পঁচিশটার মতো বাক্স থাকে এক-একবারে।

‘এছাড়া একজন লম্বা-চওড়া চেহারার লোক মাঝেমধ্যে সিগারেট কিনতে বেরোয়। লোকটা কারও সঙ্গে কথা বলে না তেমন। আরও দুই-একজন আসা-যাওয়া করে ওই বাড়িতে, সম্ভবত দলেরই লোক। নীচের ওষুধের দোকানে দু-জন ডাক্তার বসেন। তার মধ্যে সকালে যিনি বসেন, তিনি গত দু-দিনই সিঁড়ি দিয়ে ওপরে উঠেছিলেন। খবর নিয়ে জানা গেছে ডাক্তারের নাম অনিমেষ রায়। তাঁকেও নজরে রাখা হয়েছে।

‘অর্জুন, তুমি আজকের টিমে যাচ্ছ না। কাল সকালে যাবে। আজ এখানে কিছু কাজ আছে। মিস ব্যানার্জি, এবার আপনি আপনার ফাইন্ডিংস বলুন।’

টাপুরদি কিছু বলার আগে অর্জুনদা বলল, ‘কিন্তু স্যার, আমি আজ যেতে পারলে ভালো হত।’

সৌরভবাবু বললেন, ‘ওরা কনসাইনমেন্ট পাঠাবে আগামীকাল। তোমার কাল গেলেই হবে। আজ মেগাসিটি মেডিকেল কলেজে মুখ্যমন্ত্রীর একটা সভা আছে, যেখানে তিনি জুনিয়র ডাক্তারদের অ্যাড্রেস করবেন। সেখানে পুলিশ প্রোটেকশনের জন্য তোমাকে চাই। হলদিয়াতে কাল আমি নিজে টিম লিড করব। আজ রাতটা বাকিরা সামলে নিতে পারবে। দরকার হলে লোকাল থানা তো রইলই ব্যাক আপ হিসেবে।’

অর্জুনদার মুখের দিকে তাকিয়ে মনে হল কথাটা তার পছন্দ হয়নি। এই কেসটা নিয়ে প্রচুর খেটেছে অর্জুনদা। রাতের পর রাত বাড়ি ফেরারও সময় পায়নি। আজ এত কাছে এসে কেস থেকে দূরে থাকতে ইচ্ছে করছে না তার।

সৌরভদা টাপুরদির মুখের দিকে তাকালেন। বললেন, ‘আপনি বলুন মিস ব্যানার্জি। আপনি বোধ হয় কিছু বলতে চান।’

টাপুরদি একটু চুপ করে থেকে বলল, ‘জানি না, পুলিশের ইন্টারনাল ম্যাটারে নাক গলানো কতটা উচিত হচ্ছে আমার। তবু আপনি আমার ওপর ভরসা রেখেছেন বলে বলছি, আমার মনে হয় অর্জুনবাবু ঠিক কথাই বলেছেন। এরকম হাই প্রায়োরিটি মিশনে যে-কোনো সময় যা কিছু হতে পারে। শুধু লোকাল থানা আর ছোটো একটা টিম তখন সামলাতে পারবে কি? তার চেয়ে…’

সৌরভবাবু টাপুরদিকে শেষ করতে না দিয়েই বলল, ‘না, অর্জুনকে এখানে প্রয়োজন। অর্জুন, তুমি একবার শুভমের কাছে যাও। কাল সারারাত বাড়ি যায়নি ও। কত দূর এগোল, দেখো একটু।’

অর্জুনদা ‘ইয়েস স্যার’ বলে বেরিয়ে গেল। বুঝলাম, একজন জুনিয়র অফিসারের সামনে প্রাইভেট ডিটেকটিভের সাহায্য নিতে কোথাও বাধছে ডিসিডিডি স্যারের।

‘এবার বলুন। আপনাকে তো যা যা চেয়েছিলেন, সব ফাইলস দেওয়া হয়েছে। কী বুঝলেন?’ জিজ্ঞাসা করলেন সৌরভবাবু।

টাপুরদি বলল, ‘পুরোপুরি বুঝেছি বলব না। তবে কিছুটা বুঝেছি। বাকিটা হিসেব মিলিয়ে এগোতে হবে, এই আর কী!’

দুপুর ৩:০০

স্থান: পুলিশ হেড কোয়ার্টারের কাছে একটা ছোটো রেস্তোরাঁ।

‘অর্জুনদাকে আজই হলদিয়া পাঠাতে চাইছ কেন, বলো তো? তোমার মাথায় কী চলছে?’ জিজ্ঞাসা করলাম আমি।

শেষমেশ টাপুরদি সৌরভবাবুকে রাজি করিয়েই ছেড়েছে। অর্জুনদা আজ রাতেই যাবে হলদিয়া। পুলিশ হেড কোয়ার্টার থেকে বেরিয়ে বাইরে দুপুরের খাবার খেতে এসেছি। এটা একটা ছোটো চাইনিজ রেস্তোরাঁ। ছোটো হলেও বেশ পরিষ্কার-পরিচ্ছন্ন। খিদেয় পেট চুঁইচুঁই করছে। আমি মিক্সড চাউমিন অর্ডার দিয়েছি, সঙ্গে সেজোয়ান চিকেন। টাপুরদি শুধু চিকেন স্যালাড আর মান চাও সুপ নিয়েছে নিজের জন্য।

আমার প্রশ্নের উত্তরে গরম স্যুপে চুমুক দিয়ে বলল, ‘জানি না। মনে হল ওর থাকা উচিত।’

‘আসল কথা হল, অর্জুনদা ওখানে থাকতে চেয়েছিল। তাই…’

টাপুরদি বলল, ‘অর্জুনের থাকতে চাওয়ার কারণ ছিল। এত দূর এসে আর গাফিলতির কোনো জায়গা নেই।’

চাউমিনটা খুব ভালো বানিয়েছে। সেজোয়ানটা বেশ ঝাল হলেও দারুণ স্বাদ। খেতে খেতে জিজ্ঞাসা করলাম, ‘সিএম তো কলকাতায় ফিরে এসেছেন। কথা হয়েছে?’

‘না, সময় হয়নি।’ বলল টাপুরদি।

টাপুরদির ফোনটা বাজছে। ফোন রিসিভ করে কানে ঠেকাল টাপুরদি। দেখলাম দ্রুত ওর মুখের অভিব্যক্তি বদলে যাচ্ছে। চোয়াল শক্ত হয়ে যাচ্ছে। বলল, ‘আমরা পাঁচ মিনিটের মধ্যে আসছি।’

বিকেল ৪:০০

স্থান : পুলিশ হেড কোয়ার্টার।

‘কেন?’ জিজ্ঞাসা করল টাপুরদি।

সৌরভ সান্যাল কাঁধ ঝাঁকিয়ে বললেন, ‘কী করে বলব, সঙ্ঘমিত্রা? ওপর থেকে অর্ডার এসেছিল আপনাকে এই কেসে ইনভলভ করার জন্য। আমি করেছি। এখন হেলথ মিনিস্ট্রি থেকে বলা হয়েছে, আপনি এই কেসে ফারদার আর কাজ করবেন না। আমি তো সরকারের চাকুরে। যেহেতু পুরো ব্যাপারটাই আন-অফিশিয়াল, এক্ষেত্রে আমার আর কিছু করার নেই।’

টাপুরদি উত্তেজিত কণ্ঠে বলল, ‘করার নেই মানে? এতগুলো দিন আমি এই কেসে কাজ করেছি। অনেক তথ্য-প্রমাণ তুলে দিয়েছি পুলিশের হাতে। আজ এত কাছে এসে আমাকে সরে যেতে হবে? আপনি তো জানেন, এই কেসে ওপরমহলের অনেক রাঘব-বোয়ালরা জড়িয়ে আছে। তাঁদের ল্যাজে পা পড়েছে বলে আমাকে সরিয়ে দিতে চাইছে। তার মানে আমি ঠিক পথে এগোচ্ছি। প্লিজ আপনি কিছু করুন।’

টাপুরদিকে ভীষণ মরিয়া লাগছে, মনে হচ্ছে হঠাৎ এরকম একটা সংবাদে যথেষ্ট ভেঙে পড়েছে।

সৌরভবাবু বললেন, ‘আমিও বলি কী মিস ব্যানার্জি, এই কেসে আপনার যতটা করার ছিল, আপনি করেছেন। আমি এবং আমার টিম আপনার কাছে কৃতজ্ঞ। এখন আর আপনার তেমন কিছু কাজও নেই। এটা একটা পুলিশি অভিযান। পুলিশ ওদের লোকেশন জেনে গেছে। এখন শুধু হাতেনাতে ধরার অপেক্ষা। এখানে আপনি আর কী করবেন?’

টাপুরদি বাঁকা হাসল। বলল, ‘তাই নাকি? শুধু এটুকুই বাকি? আপনারা কী ভাবছেন? পুরো দল আপনাদের ওয়েলকাম করার জন্য ওখানে বসে থাকবে? বড়োজোর কয়েকজন চুনোপুঁটিকে ধরবেন আপনারা। রাঘব-বোয়ালদের ছুঁতেও পারবেন না।’

সৌরভবাবুর চোয়াল শক্ত হল। বললেন, ‘তাহলে এক কাজ করুন। আপনার তো ওপরমহলে ভালোই হোল্ড আছে। যেখান থেকে অর্ডার এসেছে, সেখানে গিয়েই বরং তদবির করুন। আমি এখানে কিছুই করতে পারব না।’

বেরিয়ে এলাম রাস্তায়। অর্জুনদা হয়তো ব্যস্ত আছে। তাই তাকে আর বিরক্ত করা ঠিক হবে না।

টাপুরদি বলল, ‘চল।’

‘কোথায় যাবে?’ জানতে চাইলাম আমি।

‘সিএম-এর অফিসে।’ টাপুরদি উত্তর দিল।

‘অ্যাপয়েন্টমেন্ট ছাড়া?’

‘অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় না থাকলে সেটা ছাড়াই দেখা করতে হবে’, কঠিন গলায় বলল টাপুরদি।

সন্ধ্যা ৬:৪৫

এক ঘণ্টারও বেশি অপেক্ষা করার পর সিএম-এর দেখা পাওয়া গেল। জানালেন, জরুরি মিটিং-এ ব্যস্ত ছিলেন।

‘বলুন, মিস ব্যানার্জি! কী সমস্যা?’ স্বাভাবিক হেসে বললেন অম্লানবাবু, যেন কিছুই হয়নি।

টাপুরদি বলল, ‘সমস্যা তেমন কিছু নয়। শুধু জানার ছিল, আমাকে তদন্ত থেকে সরিয়ে দেওয়া হল কেন?’

অম্লানবাবু কিছুক্ষণ চুপ করে টাপুরদির মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, ‘দেখুন মিস ব্যানার্জি, আমি নিজে দায়িত্ব নিয়ে আপনাকে এই কেসে ইনভলভ করার পারমিশন ইস্যু করিয়েছিলাম। আমি নিজে পুলিশ মন্ত্রী। সুতরাং, এতে যে আমার নিজের ডিপার্টমেন্টের ওপর আমার অনাস্থাই প্রকাশ পায়, এ নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না। আপনি যথেষ্ট বুদ্ধিমতী। যা বলছি মন দিয়ে শুনুন। বুঝতে চেষ্টা করুন।

‘আমার এই পারমিশনের জন্য হেলথ ও পুলিশ, দুই বিভাগেই যথেষ্ট কথা চালাচালি হচ্ছে, এ আমার কানে এসেছে। তার ওপর জুনিয়র ডাক্তারদের স্ট্রাইকটা নিয়ে হেলথ মিনিস্ট্রির ওপর যথেষ্ট চাপ আছে।

এই রকম অবস্থায় আপনি হেলথ সেক্রেটারিকে তাঁর অফিসে গিয়ে অপমান করে এসেছেন। আমাকে তো এঁদের নিয়েই কাজ করতে হয়, মিস ব্যানার্জি। উচ্চপদস্থ এই আমলারা কিন্তু সেন্ট্রালের এমপ্লয়ি। আর সেখানে আমাদের অপোজিশন পার্টি রয়েছে। আপনার এই স্টেপটা আমাদের সরকার ও পার্টির জন্য যথেষ্ট সমস্যা তৈরি করেছে। আপনি নিশ্চয়ই আমার কথা বুঝতে পারছেন? আমি সিএম হলেও যা খুশি সিদ্ধান্ত নিতে পারি না। আমাকেও অনেক দিক সামলাতে হয়।’

‘ভেতরে আসতে পারি?’

পরিচিত কণ্ঠস্বর শুনে তিনজনেই ফিরে দেখলাম সুদর্শনবাবু দরজার সামনে দাঁড়িয়ে আছেন।

‘আসুন সুদর্শনবাবু!’ বললেন সিএম।

ভেতরে এসে আমাদের পাশের চেয়ারে বসলেন চিফ সেক্রেটারি। বললেন, ‘কী ব্যাপার? এনি প্রবলেম?’

অম্লানবাবু বললেন, ‘মিস ব্যানার্জি কেসটা থেকে তাকে উইথড্র করার অর্ডারের সম্পর্কে কথা বলতে এসেছেন।’

সুদর্শনবাবু বিষণ্ণ মুখে মাথা নাড়লেন। বললেন, ‘অদ্বৈত খুব বিরক্ত তোমার ওপর। ও যদি এই নিয়ে সেন্ট্রাল মিনিস্ট্রির কাছে কমপ্লেইন করে, ব্যাপারটা অন্য দিকে টার্ন নেবে। অপোজিশন এটাকে ইস্যু করে পলিটিকাল ফায়দা তুলতে পারে।’

টাপুরদি বলল, ‘আপনারা বুঝতে পারছেন না। এই কেসে আপনার প্রশাসনের উঁচু পদের লোকেরা জড়িয়ে আছে। তারা আমাকে এই কেস থেকে সরানোর চেষ্টা করবেই। কারণ তারা জানে আমি তাদের কাছাকাছি পৌঁছে গেছি। এখন আমি এই কেস থেকে সরে গেলে তাঁদেরই সুবিধে করে দেওয়া হবে। আমাকে অন্তত আর দুটো দিন সময় দিন। তার মধ্যে যদি আমি অপরাধীদের পুলিশের হাতে তুলে দিতে না পারি, আমি নিজেই সরে যাব এই কেস থেকে।’

অম্লানবাবু ও সুদর্শনবাবু মুখ চাওয়া-চাওয়ি করলেন। সুদর্শনবাবু বললেন, ‘তোমার ওপর আমরা অনেক আশা রেখেছিলাম, বিশেষত আমি। কিন্তু তুমি যে কেন হেলথ সেক্রেটারিকে থ্রেট করার মতো একটা হঠকারী কাজ করে বসলে!’

তারপর সুদর্শনবাবু অম্লানবাবুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, ‘কিছু করা সম্ভব কি? কোনোভাবে মিস ব্যানার্জিকে পারমিশন দেওয়া যেতে পারে?’

অম্লানবাবু মাথা নেড়ে বললেন, ‘নাহ, এখন এই পরিস্থিতিতে সম্ভব নয় আর। আই অ্যাম সরি মিস ব্যানার্জি। ভবিষ্যতে যে-কোনো প্রয়োজনে বলবেন আমাকে। আমি চেষ্টা করব আপনাকে যথাসম্ভব সাহায্য করতে। কিন্তু এই কেসে আমি আর কিছু করতে পারছি না। এখানে আপনাকে ইনভলভ করার রিস্ক আমি নিতে পারব না।’

‘ধন্যবাদ!’ বলে উঠে দাঁড়াল টাপুরদি। আর একটাও কথা না বলে সিএম-এর কেবিন থেকে বেরিয়ে গেল।

বাইরে বেরিয়ে দেখি অর্জুনদা রাস্তায় দাঁড়িয়ে।

‘তুমি এখানে? তুমিও আমাকে সান্ত্বনা দিতে এসেছ?’ রুক্ষস্বরে বলল টাপুরদি।

‘না। ডিসিডিডি স্যারের কাছে শুনলাম তুমি এখানে এসেছ। তাই এলাম। আমি হলদিয়া রওনা হচ্ছি টিম নিয়ে।’ অর্জুনদা বলল।

টাপুরদি কোনো উত্তর না দিয়ে মাথা নাড়ল।

‘সিএম স্যার কী বললেন?’

টাপুরদি নীরবে দু-দিকে মাথা নাড়ল। অর্জুনদা ওর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর হাত বাড়িয়ে টাপুরদির মুখের ওপর এসে পড়া চুলের গোছা সরিয়ে সযত্নে কানের পেছনে ঠেলে দিয়ে নরম গলায় বলল, ‘টাপুর, আমি এখানে শুধু একটা কথা তোমায় বলতে এলাম। তুমি তো সরকারি চাকুরে নও। তুমি একজন স্বাধীন প্রাইভেট ডিটেকটিভ। কাউকে কোনো জবাব দিতে হয় না তোমার। কই, অমিয় চক্রবর্তী মার্ডার কেসে লুকিয়ে অম্লানবাবুর বাড়িতে ঢোকার জন্য কারও অনুমতির তোয়াক্কা তো করোনি তুমি! আদপেই কারও কোনো অনুমতির প্রয়োজন আছে কি তোমার? কেউ চাইলেই তোমাকে এই কেস থেকে সরিয়ে দিতে পারে কি না ভেবে দেখো তো!’

টাপুরদি চকিতে মুখ তুলে অর্জুনদার মুখের দিকে সবিস্ময়ে তাকাল। মুচকি হেসে চোখ টিপল অর্জুনদা। তাকিয়ে দেখলাম, টাপুরদির আঁধার মুখে ফুটে উঠেছে একচিলতে হাসির আলো।

।। উনপঞ্চাশ।।

বাড়ি ফিরে অনেকক্ষণ সময় নিয়ে স্নান সারলাম। সারাদিনে মনের মধ্যে যা গ্লানি জমেছিল, ধুয়ে গেল অনেকটাই। তারপর রাতে হালকা খাবার খেয়ে নিলাম। টাপুরদি কথা খুব কম বলছে। আমিও বেশি ঘাঁটাচ্ছি না। খেয়ে উঠে দেখি টাপুরদি জিনস টি-শার্টের ওপর পাতলা জ্যাকেট পরে তৈরি। সোফায় বসে স্নিকারের ফিতে বাঁধছে। জিজ্ঞাসা করলাম, ‘কোথায় যাচ্ছি আমরা?’

টাপুরদি আমার সামনে সোফায় বসল। আমার চোখে চোখ রেখে বলল, ‘আমি তোকে নিয়ে যাব, মিতুল, তবে এখন নয়। আমার কথা শোন। আমি এখন কয়েকটা জায়গায় যাব। তুই অবশ্যই জানবি। সব বলব তোকে। সব আমার প্ল্যানমাফিক হলে তারপর তোকে নিয়ে যাব। এখন জেদ করিস না লক্ষ্মী বোন আমার!’

আমি আর কথা বাড়ালাম না। মনখারাপ হলেও মেনে নিলাম। টাপুরদি বেরিয়ে যেতে দরজা বন্ধ করে টিভিতে নিউজ চ্যানেল চালিয়ে বসলাম। কিন্তু মন উচাটন। কিছুতেই মন বসছে না। অগত্যা ঘরে গিয়ে বিছানায় শুয়ে চোখ বুজলাম। সারাদিন শরীরের ওপর দিয়ে ধকল কম যায়নি। কখন ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি।

ঘুমের মধ্যে ফোনের শব্দে ঘুম ভেঙে গেল, ‘টাপুরদি?’

ঘড়ির দিকে তাকালাম। পৌনে একটা বাজে। টাপুরদি বলল, ‘ঘুমিয়ে পড়েছিলি?’

‘কী ব্যাপার বলো!’ উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করলাম আমি।

‘তৈরি হয়ে নীচে আয়, ফাস্ট। দু-মিনিট সময় দিলাম। আমি পৌঁছোচ্ছি।’

ঠিক দুই মিনিটের মধ্যেই ফ্ল্যাটে তালা লাগিয়ে নীচে নামলাম আমি। কমপ্লেক্সের গেট দিয়ে বাইরে বেরোতেই টাপুরদির গাড়িটা প্রচণ্ড বেগে সামনে এসে ব্রেক কষল।

‘উঠে আয়।’ বলল টাপুরদি।

তাকিয়ে দেখি, টাপুরদি ড্রাইভ করছে। পাশের সিটে শুভম।

টাপুরদি গাড়ি চালাতে চালাতেই বলল, ‘অর্জুন শুভমকে বলে গেছিল, যে-কোনো আপডেট আমাকে জানাতে, অবশ্যই আন-অফিশিয়ালি। আপাতত যেটুকু ইনফরমেশন আমাদের কাছে আছে, তাতে আমাদের খুব শিগগিরই হলদিয়া পৌঁছোতে হবে।’

‘কেন?’

‘শুভম একেবারেই অ্যাক্সিডেন্টালি একটা হাইলি সিকিওর লাইন হ্যাক করে ফেলেছে। নবদিগন্তের ডেটা থেকে ডক্টর মিত্রর ই-মেল অ্যাকাউন্ট পেয়েছিল ও। সেটা হ্যাক করে একটা লিংক পায়, অনেক ফায়ারওয়াল সেট করা একটা প্রাইভেট নেটওয়ার্কের হদিস খুঁজে পায় ও। একটা সিকিওর লাইন বিল্ড-আপ করা হয়েছে। সেই নেটওয়ার্ক পুরোটাই হ্যাক করেছে শুভম। দারুণ কাজ করেছে। যদিও কলগুলোর লোকেশন বা আইপি অ্যাড্রেস কিছুই জানা যায়নি।

‘যাই হোক, সেখানে একটা কনভার্সেশন শোনা গেছে। গলার স্বর বোঝা না গেলেও এটা শিওর যে ওরা আগামীকালের বদলে আজই কনসাইনমেন্ট পাঠাবে। অথচ অর্জুনের ফোন লাগছে না। শুভমও ওদের টিমের কয়েক জনকে ট্রাই করল। ওই জায়গাটাতে বোধহয় সিগন্যালের সমস্যা আছে। কাউকেই ফোনে পাওয়া যাচ্ছে না। মেসেজ করে দিয়েছি। কিন্তু রিস্ক নেওয়া যাবে না। তাই আমি যাচ্ছি।’

‘সৌরভবাবু জানেন?’ জিজ্ঞাসা করলাম।

শুভম এর উত্তর দিল। বলল, ‘স্যার সারাদিন অফিসেই ছিলেন। রাত দশটার পর বেরিয়েছেন। আজ স্যারের ছোটো শ্যালিকার বিয়ে। ফোন করেছি। স্যার ধরেননি। টিমকেও পেলাম না। তাই টাপুরদিকে ফোন করে সব জানালাম। তবে স্যারকেও মেসেজ করেছি। চেক করলে কলব্যাক করবেন নিশ্চয়ই।’

একটু চুপ করে রইলাম। তারপর হঠাৎ বিদ্যুতচ্চমকের মতন একটা কথা মনে হল। জিজ্ঞাসা করলাম, ‘সত্যি করে বলো তো টাপুরদি, তুমি জানতে যে ওরা প্ল্যান চেঞ্জ করবে! তাই সৌরভবাবুকে বলে অর্জুনদাকে আজই পাঠালে?’

টাপুরদি একটু চুপ করে থেকে বলল, ‘জানতাম বলব না, আন্দাজ করেছিলাম।’

শুভমের ফোন বাজছে। পকেট থেকে বের করে স্ক্রিনে চোখ রেখে বলল, ‘অর্জুনদা।’

বুঝলাম অর্জুনদা শুভমের মেসেজ দেখেছে। শুভম পুরো ঘটনাটা বুঝিয়ে বলল ফোনে। ও-প্রান্ত থেকে অর্জুনদা কী বলল শোনা গেল না। ফোনটা রেখে ল্যাপটপ খুলে বসল শুভম। কি-বোর্ডের ওপর ওর আঙুল অবিশ্বাস্য গতিতে ছুটতে লাগল। প্রায় আধ ঘণ্টা কেটে গেল নীরবে। তারপর হঠাৎই ল্যাপটপ থেকে পুরোনো অল ইন্ডিয়া রেডিয়োর মতো ছেঁড়া ছেঁড়া ঘ্যারঘেরে শব্দ ভেসে আসতে লাগল। আমি পেছনের সিট থেকে উঁকি মারলাম। শুভম সোজা বসে বসেছে। ঘন ঘন নিশ্বাস ফেলছে উত্তেজনায়। দ্রুত হাতে কোনো ভয়েজ কল থেকে একের পর এক এনক্রিপশন লেয়ার সরিয়ে যাচ্ছে।

শব্দটা সামান্য পরিষ্কার হল। একটা কণ্ঠস্বর শোনা গেল।

‘শিবেনের সঙ্গে মতি মিঞাকে রাখবে।’

আবার ঘ্যারঘ্যার।

‘যা বলছি করো। মতিমিঞা যাবে সঙ্গে। আমি কোনো রিস্ক নেব না। প্রতি ঘণ্টায় তোমাকে স্ট্যাটাস ইনফর্ম করবে। রাত টিনটের মধ্যে’…

শব্দটা বাড়ছে। কণ্ঠস্বরটা ডুবে গেল। টাপুরদি বলল, ‘গাড়ি থামাব, শুভম?’

শুভম মাথা নেড়ে বলল, ‘লাভ নেই। আরও লেয়ার পড়ছে। আর কিছু পাওয়া যাবে না।’

কথাটা শুনে শিবেনের চোয়াল শক্ত হয়ে গেল। হঠাৎ প্ল্যান চেঞ্জের কারণটা ঠিক বুঝে উঠতে পারছে না সে। মতিমিঞা সঙ্গে যাবে। কেন? তাহলে কি কেউ কিছু সন্দেহ করছে? তার টিম কাল এসে পৌঁছোবে। এত কম সময়ের মধ্যে নতুন করে খবর দেওয়ারও উপায় নেই। মতিমিঞা সারাক্ষণ সঙ্গে সেঁটে আছে। শিবেন ভেবেছিল, কোনো রক্তক্ষয় ছাড়াই মসৃণভাবে কাজ হাসিল করে নেবে। কবে থেকে এই আজকের দিনের প্রতীক্ষা করেছে সে। নিজেকে তৈরি করেছে, বিশ্বাস অর্জন করেছে। তাহলে? মতিমিঞা মানুষটা সরল, শিবেনের প্রতি স্নেহপ্রবণ। কিন্তু সে বেইমান নয়। তাকে ভাঙা সহজ হবে না। উত্তেজনায় হাতের মুঠি বারবার খোলা-বন্ধ করতে থাকে শিবেন।

কাঁধে হাতের ছোঁয়া অনুভব করে চমকে পেছনে ফেরে শিবেন।

‘কিতা করস, ছ্যামরা? কাজে যাওনের আগে বেশি ভাববার নাই, বুজলানি?’

ফিকে হেসে মাথা নাড়ে শিবেন। এই ক-দিনে এই প্রৌঢ় লোকটার ওপর কেমন যেন মায়া পড়ে গেছে। কিন্তু কর্তব্যের চেয়ে বড়ো আর কিছু নেই। উঠে দাঁড়ায় শিবেন। বলেন, ‘তুমি রেডি হয়েছ?’

মতিমিঞা ঘাড় নাড়ে।

‘তিনটার মইধ্যে বাইরান লাগব। একটু শুইয়া ন্যাও বাপ।’

‘নাহ এখন আর শুব না’, শিবেন বলে।

মতিমিঞা একটা দেশি মদের বোতল খুলে বসে। নিজের মনেই বলতে থাকে, ‘আইজ তুমার পত্থম কাইজ। মন লাগায়া কাইজ করবা। আমি সঙ্গে আসি, সব দেহায় বুঝাই দিমু। হাতে কইর‌্যা কত জনারে কাইজ শিখাইলাম। চক্ষু-কান খুলা রাখন লাগব সব্বদা, বুঝলা। আর মাথা ঠান্ডা রাখবা। ব্যস, তাইলেই হইব। আমাদের কাইজে কুনো প্যালেন হয় না জানবা। জ্যাহন জ্যামুন সামনে আসব, ত্যাহন ত্যামুন কইর‌্যা প্যালেন বানাইয়া লইতে লাগব।’

শিবেন ভাবে, ঠিক এই কথাগুলোই ট্রেনিং-এর প্রতিটা স্টেপে বেদবাক্যের মতো করে তাদের শেখানো হয়েছিল। কত মিল তাদের কাজের, অথচ…

লালন জানে আজ তাদের এখান থেকে নিয়ে যাওয়া হবে। সকাল থেকেই সাজো সাজো রব উঠেছে। এর আগেও এই ঘর থেকে অনেকে গেছে। আজ লালন যাবে। সে আজকাল আর বেশি ভাবে না। বাথরুমের কাঠের পাটাতন খুলে পালাতে চেয়েও পারেনি। তারপরেও চেষ্টা করেছিল বেশ কয়েক বার। লালন বুঝতে পেরেছে, এই ঘরের বাইরে জোরদার পাহারা আছে। তারপর একদিন মরিয়া চেষ্টা করেছিল সে। বোধহয় পাগলই হয়ে গেছিল লালন সেদিন। খাবার দিতে আসা বুড়োটাকে ধাক্কা মেরে খোলা দরজা দিয়ে পালাতে চেষ্টা করেছিল। বেধড়ক মার খেয়েছিল। বুড়োটা না বাঁচালে বোধহয় ওরা লালনকে মেরেই ফেলত। কিংবা হয়তো মারত না। লালনের অনেক দাম, সেটা এখানে এসে বুঝেছে সে। তারপর থেকে ওকে কড়া ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়। সারাদিন ঘুমোয় সে। খিদেও আর পায় না। শুধু ঘুম, ঘুম। এরই মধ্যে একদিন খাবার দিতে আসা বুড়োটা চুপিচুপি তার কাছে নম্বর চেয়েছিল ওর কোনো আপনজনের। আপনজন! ঘোর লাগা চোখে বুড়োটার মুখের দিকে তাকিয়ে থেকে তড়িঘড়ি বুড়োটার হাতে ধরা একচিলতে কাগজে লিখে দিয়েছিল উত্তীয় দাদামণির নাম আর নাম্বার।

দাদামণি আসেনি তাকে বাঁচাতে। কী জানি বুড়োটা দাদামণিকে খবরটা আদৌ দিতে পেরেছে কি না! আর এসেও লাভ নেই। আজ লালনদের নিয়ে যাওয়া হবে এখান থেকে। গত দুইদিনে ডাক্তার দু-বেলা করে এসে ওদের পরীক্ষা করে গেছে। ওষুধ, ইঞ্জেকশন দিয়েছে। একটু পরেই তাদের ঘুমের ইঞ্জেকশন দেওয়া হবে। একবার পালাতে চেষ্টা করে জসীমচাচাকে হারিয়েছে লালন। সে জানে, আর চেষ্টা করে লাভ নেই। পাশ ফিরে শোয় সে। আজ কে জানে কেন মায়ের কথা মনে পড়ে তার। মাতাল বাপটার কথাও।

হলদিয়ায় ঢোকার মুখে শুভমের ফোনটা আবার বেজে উঠল। শুভম বলল, ‘ডিসিডিডি স্যার!’

ফোন ধরে কথা সারল সে। শুভম, টাপুরদি ও আমার সঙ্গে হলদিয়া যাচ্ছে শুনে সৌরভবাবু বোধহয় কিছু বলছেন, শুনলাম শুভম বেশ আত্মবিশ্বাসী গলায় বলল, ‘আমার যাওয়াটা দরকার, স্যার। ওখানে আমাকে দরকার হবে।’

আরও কিছু কথা বলে ফোনটা টাপুরদির হাতে দিল শুভম। বলল, ‘স্যার তোমার সঙ্গে কথা বলবেন।’

আমি একটু অবাক হয়ে টাপুরদির মুখের দিকে তাকালাম। কিন্তু টাপুরদিকে অবাক হতে দেখলাম না। গাড়ি রাস্তার একদিকে দাঁড় করিয়ে ফোন নিল। ফোনটা কানে লাগিয়ে খুব স্বাভাবিক গলায় বলল, ‘হ্যাঁ, বলুন।’

ও-প্রান্ত থেকে কী কথা হল জানি না, টাপুরদি বলল, ‘পুরোপুরি শিওর কি না বলতে পারছি না। সেটা হতে আর একটু সময় লাগবে। ততক্ষণ যেন পালাতে না পারে সেটা নিশ্চিত করা আপনার দায়িত্ব। যত বেশি লোক সম্ভব পাহারায় রাখা দরকার। আমাদের টার্গেট অত্যন্ত চতুর। দরকার হলে প্লেইন ড্রেসের পুলিশ দিয়ে বাড়ি ঘিরে রাখুন।’

ফোন রেখে গাড়ি স্টার্ট করল টাপুরদি। বলল, ‘সৌরভবাবু ওদিক থেকে ফোর্স নিয়ে রওনা দিয়েছেন।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *