।। পাঁচ।।
ভিআইপি রোডের ট্র্যাফিক ঠেলে টাপুরদির বাড়ি পৌঁছোতে সাড়ে দশটা বাজল। দরজা খুলে হাসি মুখে অভ্যর্থনা করল টাপুরদি, ‘আয়, ভেতরে আয়।’
আটপৌরে সুতির চুড়িদার পরেছে টাপুরদি। গোলাপির ওপর সাদা চিকনের কাজ। ভেজা চুল পিঠে ছড়ানো। এই সকালে কী তরতাজা লাগছে টাপুরদিকে! মাঝে একটু ওজন বেড়েছিল, যোগাসনের সময় বাড়িয়ে বাড়তি মেদ ঝরিয়ে ফেলেছে এক মাসেই। এখন টাপুরদিকে আরও ফিট দেখাচ্ছে; আরও বেশি ঝকঝকে সুন্দর।
‘কী সুন্দর লাগছে তোমাকে!’ কাঁধের ব্যাগটা সোফায় ছুড়ে দিয়ে বললাম।
‘তোর চা ডাইনিং টেবিলের ওপর ঢাকা আছে। এখনই বানালাম। নিয়ে নে।’
‘কখন আসবে তোমার ক্লায়েন্ট, আই মিন তোমার বন্ধু কাম এক্স?’ চায়ের কাপটা নিয়ে এসে সোফায় বসে জানতে চাইলাম আমি।
‘আবার?’ চোখ পাকিয়ে বলল টাপুরদি।
‘আচ্ছা বাবা আচ্ছা, তোমার বন্ধু। কখন আসবে?’
‘ফোনে বলল, জরুরি দরকার। ফোনে বলতে পারবে না। তাই আজ সকালে বাড়িতে আসতে বলেছি। এখনই আসার কথা’, ঘড়ির দিকে তাকিয়ে বলল টাপুরদি।
চায়ের কাপে দ্বিতীয় চুমুক দেওয়ার আগেই কলিং বেলটা বেজে উঠল। টাপুরদি উঠে গিয়ে দরজা খুলল। দরজার দিকে তাকিয়ে দেখলাম বেশ লম্বা চেহারার এক ভদ্রলোক ভেতরে এলেন। পরনে জিনসের ওপর মরচে রঙের খাদির পাঞ্জাবি। মাথার চুল উশকোখুশকো, চোখে চশমা। সম্ভবত ইনিই উত্তীয় সোম। ভদ্রলোক দুর্দান্ত রকমের সুদর্শন, সেটা না মেনে উপায় নেই। অনেকটা যৌবনের গুরু দত্তের মতো দেখতে। এখন রোদে পুড়ে বাদামি ছোপ পড়লেও দেখে বোঝা যায় ভদ্রলোকের গায়ের রং বেশ ফর্সা। বয়স টাপুরদির মতোই, ত্রিশের আশেপাশে হবে। তবে দেখে মনে হল কোনো কারণে তিনি যথেষ্ট উদবেগের মধ্যে আছেন।
টাপুরদির দিকে তাকিয়ে উত্তীয় সোম মুখে হাসি টেনে জিজ্ঞাসা করলেন, ‘কেমন আছিস সঙ্ঘমিত্রা?’
টাপুরদি হাসিমুখে মাথা নাড়ল। বলল, ‘আমি ভালো আছি। তুই আগে বোস, তারপর সব কথা হবে।’
বাইরে যথেষ্ট গরম। বেশ ঘামছেন উত্তীয় সোম। টাপুরদি রান্নাঘর থেকে এক গ্লাস জল এনে সামনে রাখল। ঢকঢক করে পুরো জলটাই খেয়ে নিলেন। তারপর হাতের উলটো পিঠ দিয়ে মুখ মুছে বললেন, ‘একটা ছেলে হারিয়ে গেছে। মানে, একজনের বেশিও হতে পারে। অনেকে হতে পারে। ক-জন জানি না আমি।’
টাপুরদি স্থির দৃষ্টিতে ভদ্রলোকের মুখের দিকে তাকাল। তারপর বলল, ‘আমার মনে হচ্ছে তুই খুব ডিসটার্বড আছিস। মন শান্ত কর। আমাকে পুরো ঘটনাটা খুলে বলতে হবে। নইলে বুঝব কী করে?’
উত্তীয় সোম কেমন অসহায় দৃষ্টিতে তাকালেন টাপুরদির মুখের দিকে। তারপর বললেন, ‘খুব বড়ো বিপদ হয়ে গেছে রে সঙ্ঘমিত্রা! সব আমার জন্য হল। আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। খুব খারাপ মানসিক অবস্থায় আছি আমি। গত প্রায় এক সপ্তাহ সারা শহরে পাগলের মতো ঘুরেছি। সর্বত্র খুঁজেছি, লালনকে কোথাও খুঁজে পাইনি।’
উত্তীয় সোমের কথা বিন্দুমাত্র বুঝতে পারছি না। তবু এবার টাপুরদি আর কিছু বলল না। উত্তীয়বাবুকে বলতে দিল। উত্তীয় সোম বলে চললেন, ‘তোকে সব কথা বলব বলেই আজ এসেছি। কিন্তু ঠিক কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না।
‘এক শহরে থেকেও অনেকদিন তোর সঙ্গে যোগাযোগ নেই। যাদবপুরে তুই ছিলি ইঞ্জিনিয়ারিং-এ। আমি কম্পারেটিভ লিটারেচারে। ডিগ্রি নিয়ে তোরা পাশ করে বেরিয়ে গেলি। আমি ওখান থেকে মাস্টার্স করেছি। তারপর পিএইচডি। এখন আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কমপারেটিভ লিটারেচার বিভাগে অধ্যাপনা করি। এটা ছাড়াও আর একটা কাজ করি আমি। সেটা অবশ্য আমার পেশা নয়। টুকটাক সামাজিক কাজ, ধর স্ট্রিট চাইল্ডদের জন্য, হোমলেস বয়স্ক মানুষদের জন্য কাজ করে থাকি। এদের পথ থেকে তুলে এনে একটা সুস্থ জীবন দেওয়াই আমার লক্ষ্য। গত প্রায় দশ বছর ধরে কাজ করি আমি।
‘তুই হয়তো জানিস, আমি নিজে অনাথ। খুব ছোটোবেলায় বাবা-মা দু-জনকেই হারিয়েছি। দাদুর কাছে বড়ো হয়েছি। আমার যখন সতেরো বছর বয়স, তখন দাদুও চলে গেলেন। মাথার ওপর ছাদ না-থাকা, স্নেহের ছায়া না-থাকার কষ্ট আমি বুঝি। তাই পথশিশুদের নিয়ে কাজ করে শান্তি পাই। আমি জানি না তুই পথশিশুদের সম্পর্কে কতটা জানিস, কিন্তু বিশ্বাস কর আমরা নিউজপেপার, টিভি দেখে যেটুকু ধারণা করতে পারি, সেটা আসলে হিমশৈলের চুড়ো। ওদের জীবন আসলে নরকের চেয়েও খারাপ। কচি বয়স থেকে ওরা চরম দারিদ্র্য, খিদে, অত্যাচার, অপমান সয়ে বড়ো হতে থাকে। খোলা আকাশের তলায় কোনো নিরাপত্তা থাকে না। দিনের পর দিন সেক্সুয়াল ভায়োলেন্স চলে ওদের ওপর। ধীরে ধীরে ওদের মধ্যেকার সুকুমার প্রবৃত্তিগুলো মরে যায়। চারপাশের পৃথিবী, এই সমাজ ও মানুষকে ঘৃণা করতে শেখে ওরা। এদের থেকে বেশিরভাগই হয় সমাজবিরোধী তৈরি হয় আর কলজের জোর না থাকলে ভিক্ষা করে খায়। আমার লড়াই এই এদের জন্যই। এদের একটু সুস্থ জীবন দেওয়ার জন্যই এতদিন ধরে লড়াইটা চালিয়ে এসেছি।’
এই পর্যন্ত বলে উত্তীয় সোম একটু থামলেন। আমরা এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো তাঁর কথা শুনছিলাম। এবার বললাম, ‘আপনার কাজটা খুব ইন্টারেস্টিং, উত্তীয়বাবু!’
উত্তীয় সোম হাসলেন। বললেন, ‘আমাকে বাবু-টাবু ডাকবেন না, অস্বস্তি হয় খুব। আর ওই আপনিটাও বাদ দিলে ভালো হয়। কথা বলতে সুবিধে হয়। আসলে আমার নিজের মুখেও ‘আপনি’, ‘আজ্ঞে’টা ঠিক আসে না। আমার কলেজের ছাত্ররাও আমাকে স্যার নয়, উত্তীয়দা বলে ডাকে।’
আমি ঝট করে বলে ফেললাম, ‘সেই ভালো। আমিও আপনাকে উত্তীয়দা বলেই ডাকব। বাই দ্য ওয়ে, আমার নাম মৈথিলী সেন।’
উত্তীয়দা হাসল। বলল, ‘সে আমি দেখেই বুঝেছি যে তুমি মিতুল। সঙ্ঘমিত্রার রহস্যোদঘাটন নিয়ে তোমার লেখা কাহিনিগুলি আমি আগেই পড়েছি। ওকে আমি সেই কলেজ থেকে চিনি। অথচ জানতামই না ওর মধ্যে এমন প্রতিভাও আছে। তোমার লেখাগুলো পড়ে তো আমি অবাক। সত্যি বলতে কী, সেগুলি পড়েই আমার মনে হয়েছিল আমাকে ও-ই হেল্প করতে পারে।’
‘বেশ।’ হাসল টাপুরদি, ‘হেল্প করতে হলে, আগে সমস্যাটা তো জানতে হবে। তাই আগে তোর সমস্যাটা শুনি। তোকে খুব ডিস্টার্বড দেখাচ্ছে।’
উত্তীয়দা এবার উত্তেজিত স্বরে বলল, ‘আমি ডিসটার্বড সঙ্ঘমিত্রা, আমি সত্যিই ভীষণভাবে ডিসটার্বড। ঘটনাটা খুলে বলি। আমি যখন কাজ শুরু করেছিলাম, তখন আমার সঙ্গে বেশ কিছু বন্ধুবান্ধব ছিল। সময়ের সঙ্গে সঙ্গে তারা নিজেদের জীবনে ব্যস্ত হয়ে পড়েছে। আমি কিন্তু কাজটা চালিয়ে গেছি। আমার ছাত্রছাত্রীরা প্রয়োজনে-অপ্রয়োজনে সাহায্য করে, পাশে থাকে।
‘কাজ শুরু করেছিলাম শেয়ালদা স্টেশন থেকে। তারপর দমদম, বিধাননগর আরও কিছু জায়গায় বাচ্চাদের নিয়ে কাজটা চালাচ্ছি। কাজটা সহজ নয়। সমাজবিরোধী, লোকাল মস্তান, এমনকি রাজনৈতিক প্রতিরোধও ফেস করতে হয়েছে আমাকে। মারও খেয়েছি, একাধিকবার অ্যাটাক হয়েছে আমার ওপর। বছর দুয়েক আগের কথা। বিধাননগর স্টেশন থেকে একটা ছেলেকে রেসকিউ করেছিলাম। ছেলেটা অনাথ, নাম লালন। খেয়াল করেছিলাম, বাকিদের মতো ওর মনটা পুরোপুরি দূষিত হয়ে যায়নি। মনে হয়েছিল, ওই পরিবেশ থেকে সরিয়ে নেওয়া গেলে ছেলেটাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা যাবে। মায়াও পড়ে গেছিল ওর ওপর।
‘একটি এনজিও-র সঙ্গে যোগাযোগ করি। ওদের সাহায্যেই ওকে তুলে আনি। কয়েকটা হোমে যোগাযোগ করেছিলাম। কিন্তু সেসব জায়গা আমার পছন্দ হচ্ছিল না। বেশিরভাগ হোমেই চূড়ান্ত অব্যবস্থা। বাচ্চাদের পুষ্টির দিকে, প্রাথমিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা হয় না। কোথাও কোথাও তো রীতিমতো মারধরও করা হয়। বেশ কয়েক জায়গায় ঘুরে সোনারপুরের দিকে নব দিগন্ত সেবাশ্রমে জায়গা পাওয়া গেল। সব ব্যবস্থা দেখে-শুনে বেশ পছন্দ হল আমার। খুব বেশি বাচ্চা রাখে না ওরা। বেশ কড়া নিরাপত্তা; হোমের চারপাশে উঁচু দেয়াল। খাওয়া-দাওয়া ভালো। বাচ্চাদের হেলথ, হাইজিন মেনটেইন করা হয়। অনেক কাঠখড় পুড়িয়ে লালনের থাকার ব্যবস্থা সেখানেই করা গেল।’
‘কাঠখড় পোড়ানো বলতে কী বোঝাচ্ছিস?’ জিজ্ঞাসা করল টাপুরদি।
উত্তীয়দা থামল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ‘দেখ, এই কাজগুলো ওপর থেকে যতটা মনে হয়, ততটা সহজ নয়। পুলিশের সূত্রে বাচ্চা নিয়ে গেলে ব্যাপারটা সহজ হয়। কিন্তু আমরা নিজেরা যারা কাজ করি, আমাদের পক্ষে অনেক ধরাধরি, রেফারেন্স ছাড়া হোমে বাচ্চা রাখা সহজ হয় না। এদেশে অনাথ বাচ্চাদের তো অভাব নেই। সেই তুলনায় ক-টাই বা হোম আছে?
‘আমার ইউনিভার্সিটির একজন প্রফেসর রুলিং পার্টি নেতাদের কাছের মানুষ। তাঁকে ধরেই ব্যবস্থা করেছিলাম। ভদ্রলোক আমার কাজকম্মো সম্পর্কে জানেন। তাই সাহায্য করতে আপত্তি করেননি। আমাদের কাজে রাজনৈতিক নেতাদের সঙ্গে ভালো সম্পর্ক মেনটেইন করে চলতেই হয়। নইলে কাজ করা মুশকিল। প্রথম প্রথম বুঝতাম না। পার্টির লোকাল কমিটির ছেলেপিলেরা ভাবত, আমি তাদের সরকারকে নিচু দেখাতে, ইমেজ নষ্ট করতে এসব করছি। মারধরও খেয়েছি। এখন আর এই ভুল করি না।’ কথা শেষ করে ম্লান হাসল উত্তীয়দা।
টাপুরদি বলল, ‘আচ্ছা, তারপর বল।’
‘তারপর লালনকে নব-দিগন্ত হোমে রেখে এলাম। মাঝে মাঝে যেতাম ওর সঙ্গে দেখা করতে। খুশিই ছিল ও। লেখাপড়া শিখতে শুরু করেছিল। চেহারায় ঔজ্জ্বল্য এসেছিল। ওকে দেখে ভালো লাগত আমার। আমরা যারা ঘরের খেয়ে বনের মোষ তাড়াই, এরকম একটা সাফল্যও আমাদের বুস্ট করে; আরও অনেক বাচ্চাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার ইচ্ছেটা বাড়িয়ে দেয়।’
‘সে তো বটেই!’ বলল টাপুরদি।
উত্তীয়দা বলল, ‘প্রথম বছর কাটল। সব কিছু ভালোই চলছিল। আমিও অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। লালন ভালোই ছিল। ওখানে বেশ মানিয়ে নিয়েছিল। আমারও আর ঘন ঘন যাওয়ার দরকার পড়ত না ওখানে। একদিন পেপারে পড়লাম নব দিগন্ত থেকে একটা ছেলে নাকি মিসিং।
‘সত্যি বলতে কী, প্রথম প্রথম আমি ব্যাপারটা নিয়ে খুব একটা মাথা ঘামাইনি। সেটা আমার দোষ। আসলে হোম থেকে ছেলে পালানো খুব কমন ব্যাপার। স্ট্রিট চাইল্ডরা জন্ম থেকে একা একা বড়ো হয় স্বাধীনভাবে। অনেকেরই খুব কম বয়স থেকে নানান রকম নেশা করার অভ্যাস তৈরি হয়ে যায়। সেই বাধাবন্ধনহীন মুক্ত জীবন থেকে এসে হোমের চার দেয়ালের মধ্যে অনেক ছেলেই মানিয়ে নিতে পারে না। নেশার অভাবে অস্থির হয়ে পড়ে। অসুস্থও হয়ে পড়ে কেউ কেউ। হোম ছেড়ে পালানোর ব্যাপার প্রায়ই ঘটে। তা ছাড়া আমি নিজে নব দিগন্তর ভেতরকার সুব্যবস্থা নিজের চোখে দেখে এসেছি। তাই বিশেষ চিন্তা করিনি।’
‘তারপর?’
‘তারপর চিন্তা করতে হল। পরবর্তী কয়েক মাসের মধ্যে আরও দুটো ছেলে গায়েব হল নব দিগন্ত থেকে। সব খবর বাইরে আসে না। সংখ্যাটা বেশিও হতে পারে। পুলিশ রুটিন এনকোয়ারি করে জানিয়ে দেয়, এখানকার কড়া শাসনের জন্য বাচ্চারা পালাচ্ছে। কিন্তু আমি লালনের মুখে দুশ্চিন্তার ছায়া দেখেছিলাম। ও আমাকে কিছু বলত না। হয়তো আমাকে টেনশন দিতে চাইত না ও। আমি কিন্তু ওকে বার বার জিজ্ঞাসা করেছিলাম, ‘সব ঠিক আছে তো?’
‘ও প্রতিবারই মাথা নাড়ত। সব ঠিক ছিল। তারপর একদিন লালন হারিয়ে গেল। হোম থেকে ফোন পেয়ে ছুটে গেছিলাম। থানা, পুলিশ সব করেছি। কিন্তু ওকে ফিরে পেলাম না। আমাকে জানানো হল, ও নাকি নেশার অভাবে হোমের মধ্যে অশান্তি করত। আগেও নাকি পালানোর চেষ্টা করেছে। এরকম অনেক কথা শুনলাম, যেগুলো আগে কোনোদিন হোম কর্তৃপক্ষ আমাকে বলেনি। আমিও চার্জ করেছিলাম। জিজ্ঞাসা করেছিলাম, ‘তাহলে এতদিন বলেননি কেন আমাকে?’
‘ওরা বলল, এসব ওদের অভ্যন্তরীণ ব্যাপার। ওরা জানে কীভাবে হ্যান্ডল করতে হয়।
‘আমি রেগে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম, ‘জানেন যখন, তবে হ্যান্ডল করতে পারলেন না কেন শুনি?’
‘ওরা বলল, সব হোমেই এরকম দু-চারটা কেস হয়। এটা অস্বাভাবিক কিছু না।
‘আমি চেষ্টা করেছিলাম, বিশ্বাস কর সঙ্ঘমিত্রা। ওকে খুঁজে বের করার যথাসাধ্য চেষ্টা করেছি। ছেলেটা যেন কর্পূরের মতো উবে গেছে। আমার জন্য এসব হল। ওকে যদি স্টেশন থেকে তুলে না আনতাম, তাহলে আজ অন্তত ছেলেটা হারিয়ে যেত না। সব আমার দোষে হল। বুঝতে পারছি হোম কর্তৃপক্ষ মিথ্যে বলছে। লালন নেশা করত না। সব জেনেও কিছু করতে পারছি না।’
কথা শেষ করে হাত দিয়ে নিজের মাথার চুল খামচে ধরল উত্তীয়দা। তাকে এই মুহূর্তে একজন ভেঙে পড়া মানুষ বলে মনে হচ্ছে।
।। ছয়।।
‘তুই আমার থেকে কী চাস?’ নিরুত্তাপ কণ্ঠে জিজ্ঞাসা করল টাপুরদি।
একটু অবাক হয়ে টাপুরদির মুখের দিকে তাকালাম। একটা চোদ্দো-পনেরো বছরের বাচ্চা ছেলে হারিয়ে গেছে, টাপুরদি তার পরেও এত শান্ত থাকছে কী করে? উত্তীয়দাও বোধ হয় একটু আহত হল। যখন কথা বলল, তার কণ্ঠস্বরে সেই অভিমান আমার শ্রুতি এড়াল না।
উত্তীয়দা বলল, ‘আমি হয়তো তোর সময় নষ্ট করছি, সঙ্ঘমিত্রা। আর আমার কেসটাকেও ঠিক কেস বলা যায় কি না আমি জানি না। আর তা ছাড়া তোর কাছে এসেছি বটে, কিন্তু তোর ফিজ কত, আদৌ আমার সামর্থ্যের মধ্যে কি না সেটাও জানি না। আসলে ছেলেটা হারিয়ে যাওয়ার পর থেকে আয়নায় নিজের সঙ্গে দৃষ্টি মেলাতে পারছিলাম না। রাতে ঘুমোতে পারি না। শুধু মনে হয়, আমার জন্যই এসব হল। নিজেকে বেশি মহান ভেবে বসেছিলাম আমি। ছেলেটার জীবন বদলাতে যাচ্ছিলাম। আর দ্যাখ, হল কী? উলটে ওর জীবনটা উলটেপালটে দিলাম। লালন এখন কোথায় আছে, কী অবস্থায় আছে, বা আদৌ বেঁচে আছে কি না কিছুই জানি না। তাই আর থাকতে না পেরে সাত-পাঁচ না ভেবেই ছুটে এসেছিলাম তোর কাছে।’
টাপুরদি কিছুক্ষণ চেয়ে রইল উত্তীয়দার মুখের দিকে। তারপর মুচকি হেসে বলল, ‘তুই এখনও সেই আগের মতোই আবেগপ্রবণ আছিস!’
উত্তীয়দাও ম্লান হাসল এবার। বলল, ‘তা হয়তো আছি। সে যাক, তুই বল, তুই কি কোনো সাহায্য করতে পারবি এই ক্ষেত্রে?’
টাপুরদি কিছুক্ষণ ভাবল। তারপর বলল, ‘লালন সম্পর্কে আমার সব ডিটেলস চাই। কোনো ছবি আছে ওর?’
‘হ্যাঁ, আছে।’ বলে পকেট থেকে মোবাইল ফোন বের করল উত্তীয়দা। গ্যালারি খুলে একটা ছবি বের করে ফোনটা টাপুরদির হাতে দিল।
‘এই ছবিটা ওকে হোমে ভরতি করানোর সময় ফর্ম ফিলআপের জন্য তুলেছিলাম।’
টাপুরদি মন দিয়ে দেখছে ছবিটা। আমিও মাথা বাড়িয়ে দেখলাম। শ্যামলা তরতরে চেহারার এক কিশোরের ছবি। মুখের গড়ন লম্বাটে। চুলগুলো কপালে এসে পড়েছে। চোখদুটি উজ্জ্বল বুদ্ধিদীপ্ত, ঠোঁটের কোণে সামান্য হাসি।
টাপুরদি ছবিটা নিজের হোয়াটসঅ্যাপে ফরোয়ার্ড করে নিল। তারপর মোবাইলটা উত্তীয়দাকে ফেরত দিয়ে বলল, ‘আগের প্রশ্নটাই আবার করছি, হোয়াট ডু ইউ ওয়ান্ট মি টু ডু নাও? আমি ঠিক বুঝতে পারছি না কীভাবে এগোব, বা আমার ঠিক কী করা উচিত এক্ষেত্রে!’
উত্তীয়দা এবার আর রাগ করল না। একটু ভেবে বলল, ‘তোর কাজের স্টাইল বা এক্তিয়ার কোনোটাই আমি জানি না। আদৌ তুই কোনো সাহায্য করতে পারবি কি না সেটাও জানি না। কিন্তু’…
টাপুরদি তাকে থামিয়ে দিয়ে বলল, ‘নব দিগন্ত সেবাশ্রম সম্পর্কে যা জানিস আমায় বল। ছোটোখাটো কোনো বিষয়ও বাদ দিবি না। আর হ্যাঁ, তার আগে বল, চা খাবি না কফি?’
উত্তীয়দা হাসল। বলল, ‘কফিই দে বরং। আর শোন, আমার ওই ব্ল্যাক কফি চলে না। বেশি করে দুধ-চিনি দিয়ে বানাবি।’
টাপুরদি হেসে উঠে রান্নাঘরে গেল।
উত্তীয়দা আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, ‘চাকরি সামলে টাপুরের সঙ্গে রহস্য সমাধান করে বেড়াচ্ছ কী করে?’
আমি হেসে বললাম, ‘ঠিক যেমন করে তুমি চাকরি সামলে পথশিশুদের জন্য এত কিছু করছ।’
‘হ্যাঁ, সে তো বুঝলাম!’ বলল উত্তীয়দা, ‘কিন্তু কর্পোরেট জব তো অনেক বেশি ডিমান্ডিং, তাই না! আমার অনেক বন্ধুরা আইটি সেক্টরে আছে। ওদের দিন-রাত বলে কিছু নেই দেখি। সারাদিনই কাজ।’
আমি মাথা নাড়লাম। বললাম, ‘আমার ডেভেলপমেন্ট প্রোজেক্ট তো! সারাদিন সময় দেওয়ার দরকার পড়ে না। নিজের কাজটা ঠিক করে ডেলিভার করে দিলেই হল। তা ছাড়া আমাদের কম্পানিতে ওয়ার্ক ফ্রম হোমেরও সুবিধে আছে।’
‘এটা একটা বেশ ভালো সুবিধে। ওয়ার্ক ফ্রম হোম। আইটি ইন্ডাস্ট্রি এই নতুন সংস্কৃতিটা এনেছে। আমার বেশ লাগে। নিজের কমফোর্ট জোনে থেকে সুবিধে মতো কাজ করে যাও।’
ট্রে-তে তিন কাপ কফি আর প্লেটে কুকিজ সাজিয়ে টাপুরদি ঘরে ঢুকল। কাপ-প্লেটগুলো সেন্টার টেবিলে সাজিয়ে রেখে বলল, ‘তারপর কন্টিনিউ কর। যা জিজ্ঞাসা করলাম ডিটেলে বল।’
চেয়ারে বসল টাপুরদি। উত্তীয়দাও বলতে শুরু করল, ‘নবদিগন্ত সম্পর্কে খুব বেশি কিছু আমিও জানি না রে! স্ট্রিট চাইল্ডদের নিয়ে কাজ করতে গিয়ে কলকাতা ও আশেপাশে অঞ্চলের সবগুলো হোমের একটা লিস্ট বানিয়েছিলাম গুগল থেকে। তার মধ্যে নবদিগন্তের নাম ছিল। লালনের জন্য যখন হোমের খোঁজ নেওয়ার দরকার পড়ল, তখন বেশ কয়েকটা হোমের সঙ্গে এই হোমটা ভিজিট করেছিলাম আমি। তখনই কিছুটা জানতে পারি। সেটুকুই বলছি তোকে।
‘নবদিগন্ত সেবাশ্রম প্রতিষ্ঠিত হয় আজ থেকে প্রায় ছাব্বিশ বছর আগে, উনিশশো পঁচানব্বই সালে। এখন যেখানে ওই হোম, সেটা আসলে ছিল বিনয়কৃষ্ণ ভট্টাচার্য নামে এক বিশাল ধনী ব্যবসায়ীর বাগানবাড়ি। ভদ্রলোক জীবদ্দশাতেই অনাথ আশ্রমের ভবনটি তৈরি করেন। তিনি মারা যাওয়ার সময় উইলে তাঁর এই বাড়িটি ও নিজের সম্পত্তির কিছু অংশ অনাথ শিশুদের জন্য দান করে যান। সেই মতো তাঁর ছেলেরা একটা ট্রাস্টি বোর্ড গঠন করে এখানে একটি অনাথ আশ্রম গড়ে তোলেন। তখন এর নাম ছিল ‘বিনয়কৃষ্ণ ভট্টাচার্য মেমোরিয়াল অরফ্যানেজ।’
‘দুইহাজার বারো সাল পর্যন্ত তাঁরাই চালাচ্ছিলেন হোমটা বিনয়কৃষ্ণ ট্রাস্টের খরচে। কিন্তু পরবর্তী প্রজন্ম হোম নিয়ে আগ্রহী ছিল না, সম্ভবত হোমের পেছনে পৈতৃক সম্পত্তি নষ্ট করতে ইচ্ছুকও ছিল না। বারো সালের অক্টোবরে হোমের মালিকানা বদল হয়। ‘নবদিগন্ত’ নামের একটি এনজিও হোমটা টেক ওভার করে। রীতিমতো কাগজে-কলমে হোমের হ্যান্ড-ওভার হয়।’
‘এই এনজিও-টা এখন কে পরিচালনা করেন?’ জিজ্ঞাসা করল টাপুরদি।
‘রেজিস্ট্রেশন হয়েছিল নবদিগন্ত পরিচালন কমিটির নামে। সেরকমভাবে ব্যক্তিগত মালিকানা কারও একার নয়। অন্তত আমাকে সেরকমই জানানো হয়েছে।’
আমি জিজ্ঞাসা করলাম, ‘একটা ব্যাপার আমাকে একটু বুঝিয়ে বলো। এই যে অনাথ আশ্রম, বা বৃদ্ধাশ্রম, এগুলো তো নন-প্রফিট অর্গানাইজেশন। সাধারণত সরকারি সাহায্য বা লোকজনের থেকে আর্থিক সাহায্য নিয়ে চলে। তাহলে এর আবার মালিকানা কীসের?’
‘খুব ভালো প্রশ্ন করেছ মিতুল!’ বলল উত্তীয়দা, ‘সাধারণত এইসব হোমগুলি তিন রকম হয়। প্রথমত, সরকারি। এক্ষেত্রে এগুলি পুরোপুরিভাবে রাজ্য বা কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত হয়ে থাকে। বিভিন্ন জুভেনাইল হোম, যেগুলিতে শিশু-কিশোর অপরাধীদের রাখা হয়, সেগুলি এই ক্যাটাগরিতে পড়ে।
‘তারপর হল বেসরকারি হোম। এক্ষেত্রে ব্যাপারটা বেশ জটিল। অরফ্যানেজ তৈরি করা সহজ নয়। অনেক রকম হার্ডল পেরোতে হয় একটা হোম তৈরি করার জন্য। একটা ট্রাস্টি বোর্ড তৈরি করে ‘কেয়ার অ্যান্ড প্রোটেকশন অব চিলড্রেন অ্যাক্ট আন্ডার জুভেনাইল জাস্টিস’-এর আন্ডারে তার রেজিস্ট্রেশন করাতে হয়। ফরেন কনট্রিবিউশনের রাস্তা খোলা রাখার জন্য এফসিআরএ রেজিস্ট্রেশন করাতে হয়। লোকাল থানা থেকে, মিউনিসিপ্যালিটি থেকে পারমিশন নিতে হয়। আরও এরকম হাজারটা ফর্মালিটিস থাকে। এক্ষেত্রে পুরোটাই ব্যক্তিগত সাহায্যের ওপর নির্ভর করে ফান্ড কালেকশন হয়।
‘আর তিন নম্বর হল, সরকারি অনুদানপ্রাপ্ত হোম। সেগুলির ফান্ড ব্যক্তিগত সাহায্যের সঙ্গে সঙ্গে সরকারি অনুদানও পায়।
‘এবার মনে করো তুমি একটি হোম তৈরি করতে চাও। কিন্তু সেটা তোমার একার নামে রেজিস্টার হবে না। তোমাকে একটা ট্রাস্টি কমিটি তৈরি করতে হবে। কমিটিতে থাকবে বোর্ড অব ডিরেক্টর্সরা। হোমের রেজিস্ট্রেশন হবে সেই কমিটির নামে। তবে সবের পেছনে মালিক একজন হয়তো থাকে। তার একার নামে রেজিস্ট্রেশন না হলেও থাকে বেশিরভাগ ক্ষেত্রে।’
‘বুঝলাম’, বললাম আমি।
উত্তীয়দা আবার বলতে শুরু করল, ‘যা বলছিলাম, নবদিগন্ত সেবাশ্রমের হাতবদল হল। নতুন কমিটি তৈরি হল। কিছু কিছু ফরেন ফান্ডিং আসতে লাগল। কয়েক বছর পর থেকে সরকারি সাবসিডি মেলাও শুরু হল। এত বছর ধরে ঝিমিয়ে চলা অরফ্যানেজের খোলনলচে বদলে ফেলা হল। চারদিকে উঠল উঁচু দেয়াল। সিকিওরিটির জন্য আলাদা টিম তৈরি হল। বাচ্চাগুলোরও অবস্থা বদলাল। তাদের পাতে ভালো খাবার এল। পরিবেশ ভালো হল। মোট কথা, নবদিগন্তে গেলে তোমাদের ভালো লাগতে বাধ্য। খুব সুন্দর ব্যবস্থা ওখানে। আমারও ভালো লেগেছিল। কিন্তু তারপর শুরু হল বাচ্চা গায়েব হওয়া। অবশ্য শুরু হল বলা যাবে না। আমি বিশ্বস্ত সূত্র থেকে খবর নিয়ে জেনেছি, গত দুই বছরে অফিশিয়ালি ছয়জন বাচ্চা নব দিগন্ত থেকে মিসিং। তার আগে আরও কত কী হয়েছে জানি না। আন-অফিশিয়ালি সংখ্যাটা সম্ভবত আরও অনেক বেশি!’
টাপুরদি এবার বলল, ‘এই ব্যাপারে আমার সেরকম পরিষ্কার ধারণা নেই। একটা কথা জানতে চাই। নন-প্রফিট তো বুঝলাম। কিন্তু সত্যিই কি তাই হয়? হোমগুলো থেকে ট্রাস্টের কোনো প্রফিট হয় না?’
উত্তীয়দা একটুক্ষণ টাপুরদির মুখের দিকে তাকিয়ে রইল। তারপর তেতো হেসে বলল, ‘প্রফিট করতে চাইলে সুযোগের অভাব নেই। তবে নবদিগন্ত সেই পথে হাঁটছে কি না বলতে পারব না। বিভিন্ন হোমের নামে বিভিন্ন সময়ে মোটা টাকার বিনিময়ে ইললিগালি বাচ্চা অ্যাডপশনে দেওয়ার অভিযোগ উঠেছে। জানি না, এখানেও তেমন কিছু চলছে কিনা! নাকি আরও খারাপ কিছু! আমি আর ভাবতে পারছি না।’
।। সাত।।
‘কেসটা তুমি নেবে, টাপুরদি?’ জিজ্ঞাসা করলাম আমি।
দুপুরে খেতে বসেছি। উত্তীয়দা যাওয়ার পর থেকে টাপুরদিকে একটু অন্যমনস্ক দেখাচ্ছে। কাজ করছে, কথাও বলছে। কিন্তু পুরো সময়টাই গভীরভাবে কিছু যেন ভেবে চলেছে। আমার প্রশ্নে চোখ তুলে বলল, ‘হুম, কী বললি?’
‘জানতে চাইছি, কেসটা নেবে কি না!’ বললাম আমি।
টাপুরদি চিন্তিত মুখে বলল, ‘কেসটা কী, তাইই তো বুঝতে পারছি না রে! তুই যে-কোনো হোমে যা, ছেলে-মেয়েরা সব হোম থেকেই পালায়। এটা খুব কমন প্র্যাকটিস, স্ট্রিট চাইল্ডদের সাধারণ প্রবণতা। তুই ওদের দেখে আহা-উহু করতে পারিস, সাহিত্যে, শিল্পে ওদের জন্য চোখের জল ফেলতেই পারিস, ওদের ভাগ্য ওদের পথে এনে দাঁড় করিয়েছে। কিন্তু তার মানে এই নয় যে ওদের পথ থেকে তুলে সুস্থ জীবনে ফেরাতে চেষ্টা করলেই সকলে ফিরতে চাইবে। কেউ কেউ হয়তো চায়, ফেরেও; কিন্তু সকলে নয় রে! উত্তীয়কে আমি চিনি। ও ভীষণ ইমোশনাল ছেলে। লালন নামের ছেলেটাকে ও ভালোবাসত। তাই হয়তো মেনে নিতে পারছে না ওর চলে যাওয়াটা।’
‘এই দিকটা কিন্তু আমি ভেবে দেখিনি। সত্যিই তো, এরকম তো হতেই পারে।’ বললাম আমি।
‘আবার না-ও হতে পারে’, বলল টাপুরদি, ‘ও যদি সত্যিই পালায়, তাহলেও প্রশ্ন থেকে যাচ্ছে দু-বছর পরে কেন? আরও আগে নয় কেন? মানে সেক্ষেত্রে তো ও আরও আগে চেষ্টা করত। সেটা হলে উত্তীয়কে নিশ্চয়ই জানাত হোম কর্তৃপক্ষ!’
‘উফফ, এবার কিন্তু তুমি আমাকে কনফিউজ করছ টাপুরদি!’ বললাম আমি।
টাপুরদি হাসল। বলল, ‘দুটো পসিবিলিটিই তো ভেবে দেখতে হবে, নইলে এগোব কী করে?’
‘তাহলে? কী করবে ঠিক করলে?’
টাপুরদি চুপচাপ খেতে লাগল। একটু পরে বলল, ‘কী করব সেটাই ভাবছি রে! কী করি বল তো? কেসটা নিতে হলে হোমে ঢুকে তদন্ত করতে হবে। কিন্তু ঢুকব কেমন করে? ধর যদি বা ঢুকলাম, তবু অভ্যন্তরীণ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে ওরা সাবধান হয়ে যাবে। উত্তীয়র কথা সত্যি বলে মানতে হলে আমাদের ধরে নিতে হবে হারিয়ে যাওয়ার আগে লালন কোনো কারণে দুশ্চিন্তায় ছিল। কেন? আরও অনেক অনেক প্রশ্ন আছে।’
টাপুরদির মুখ দেখে বুঝলাম, টাপুরদি ভাবছে কেসটা নিয়ে। আজকাল টাপুরদির খ্যাতির সঙ্গে পাল্লা দিয়ে কাজের চাপ বেড়েছে। তবে সব কেস নেয় না টাপুরদি। যেখানে বোঝে তার করার কিছু নেই, সোজাসুজি ক্লায়েন্টকে বলে দেয়, ‘এটা আমার এক্তিয়ারে পড়ে না। আপনি বরং পুলিশের কাছে যান’ কিংবা ‘কেসটা আমার কাছে ক্লিয়ার হচ্ছে না। আমার মনে হয় না এই ব্যাপারে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারব।’
অর্জুনদা মজা করে বলে, ‘তোমার দিদি হল গিয়ে এখন সেলিব্রিটি সত্যান্বেষী।’
কথাটা মিথ্যে নয়। ইদানীং টাপুরদির বেশ নামডাক হয়েছে। আমারও অফিসে কাজের চাপ বেড়েছে। তাই সব কেসে আমি সঙ্গে থাকতে পারি না। কিন্তু সব কেসেরই খবর রাখি বিশদে। টাপুরদি পুলিশের কাজেও টুকটাক সাহায্য করে। তবে খুব প্রয়োজন ছাড়া পুলিশ কেসে মাথা গলাতে টাপুরদি পছন্দ করে না, সেটা আমি জানি।
টাপুরদির মোবাইল ফোনটা বাজছে। ফোনের স্ক্রিনে চোখ বুলিয়ে ফোনটা রিসিভ করল টাপুরদি। আমি টাপুরদির মুখের দিকে তাকিয়ে দেখলাম ও-প্রান্তের কথা শুনে টাপুরদির মুখের অভিব্যক্তি বদলে যাচ্ছে ধীরে ধীরে। ‘আচ্ছা, আমি দেখছি’ বলে ফোনটা রেখে দিয়ে উঠে টিভিটা চালাল।
কলকাতার একটি বাংলা নিউজ চ্যানেলে খবরটা দেখাচ্ছে। কোনা এক্সপ্রেসওয়ের কাছে জলা জমিতে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। মৃতের বয়স পঞ্চাশ থেকে পঞ্চান্নর মধ্যে হবে। পিঠে গুলি করে হত্যা করা হয়েছে। কেউ যদি মৃতের পরিচয় জেনে থাকেন, তাহলে লালবাজারে জানাতে অনুরোধ করা হচ্ছে।
‘কী হল, টাপুরদি? কার ফোন ছিল?’ জিজ্ঞাসা করলাম।
‘উত্তীয়র’, টিভির পর্দায় চোখ রেখে টাপুরদি সংক্ষিপ্ত জবাব দিল।
‘কী বলল উত্তীয়দা?’
‘বলল এই লোকটিকে সে নব দিগন্ত হোমে দেখেছে।’
‘তাহলে পুলিশকে বলছে না কেন?’
‘কীভাবে প্রমাণ করবে? হোম কর্তৃপক্ষ অস্বীকার করলে প্রমাণ করা যাবে না’, টাপুরদি চিন্তিত স্বরে বলল।
জিজ্ঞাসা করলাম, ‘টাপুরদি, নবদিগন্ততে শিওর কিছু চলছে জেনেও তুমি হাত গুটিয়ে বসে থাকবে?’
টাপুরদি আমার মুখের দিকে তাকাল, তাকিয়েই রইল। বুঝলাম টাপুরদির দৃষ্টি আমার দিকে হলেও মন অন্য কোথাও বিচরণ করছে। বেশ কিছুক্ষণ কাটল। তারপর টাপুরদি মোবাইল ফোনটা হাতে তুলে নিল। নম্বর ডায়াল করে ফোনটা কানে ছোঁয়াল। কয়েক মুহূর্ত কাটল। রিং হচ্ছে ওদিকে।
‘হ্যালো অর্জুন!’
।। আট।।
চোখ না খুলেই লালন টের পেল ওর খুব খিদে পেয়েছে। পেটের ভেতর যন্ত্রণা হচ্ছে। জ্ঞান ফিরে এসেছে কিছুক্ষণ হল। চোখ খুলতে ইচ্ছে করছে না ওর। সারা শরীর জুড়ে তার চটচটে অবসাদ; শরীর ভীষণ দুর্বল লাগছে।
চোখ না খুলেও লালন বোঝে এই জায়গাটা সম্পূর্ণ অন্ধকার। আশেপাশে নিশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। এই শব্দের সঙ্গে সে এখন পরিচিত। গত কয়েক দিনে এভাবেই খামারের গোরু-বাছুরের মতো গাদাগাদি করে রাখা হয়েছে তাদের। মানুষ আছে এখানে, অনেক মানুষ, জীবিত, ওদের ভাষায় ‘কাটা মাল’। কিন্তু তবু যেন মৃত্যুর শীতলতা ছেয়ে আছে গোটা জায়গাটাতে। লালন জানে, এখানে সকলেই তার মতো মৃত্যুর জন্য অপেক্ষা করছে। কেউ আগে যাবে, কেউ পরে। কারও কারও ক্ষত বিষিয়ে উঠেছে। পচা গন্ধ ছাড়ছে। রোজই একটা-দুটো করে ‘কাটা মাল’ বাদ পড়ে হিসেব থেকে। চালান হওয়ার ধকল সইতে সইতে পৃথিবীর ওপারে চালানের টিকিট কাটিয়ে নেয় তারা। শান্তি!
চোখ বন্ধ করেই লালন পেটের এক পাশে কাটা জায়গাটাতে হাত বোলায়। কড়া ঘুমের ওষুধের ইঞ্জেকশন দেওয়া হয় তাদের। তবু যন্ত্রণায় ঘুম আসতে চায় না সবসময়। খুব কাছেই কেউ বমি করছে। পচা টক গন্ধে ভারী হয়ে উঠেছে ঘরের বাতাস। প্রথম প্রথম গন্ধে গা গুলিয়ে উঠত লালনের। এখন অভ্যাস হয়ে গেছে। এখানে সকলেরই এরকম হয়। বমি, পেটে অসহ্য যন্ত্রণা। জ্ঞান থাকলে কাটা পাঁঠার মতো দাপায়, চিৎকার করে, কাঁদে। তারপর আবার ঘুম পাড়িয়ে দেওয়া হয়। কে জানে, এভাবে আর কতদিন চলবে!
মুক্তির স্বপ্ন আর দেখে না লালন। দেখেছিল একবার। জসীমচাচা তখনও বেঁচে ছিল। লালনের ভরসা ছিল, পালাতে পারবে সে। নব দিগন্ত সেবাশ্রমে কাজ করতে আসত জসীমচাচা। কমপাউন্ডের ভেতরে যে বাগান ছিল, তারই দেখা-শোনা করত। লালন বসে বসে দেখত চাচার হাতের কাজ। কত মমতায় একটা একটা করে গাছকে বাঁচিয়ে রাখত চাচা; তাদের যত্ন করত নিজের সন্তানের মতো করে। কাজ করতে করতে চাচার মুখ চলতে থাকত। অনেক গল্প করত লালনের সঙ্গে। সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে বাড়ি ছিল চাচার। একটা পরিবার ছিল, একটা গাই-গোরু, একটা বকনা বাছুর ছিল। তারপর আয়লার টানে একদিন ভেসে গেল স্ত্রী-পুত্র, ঘর-বাড়ি, গাই-বকনা, সব। জসীমচাচা এখন এই শহরে থাকে। সঙ্গে কেউ নেই, কিছু নেই। সব ‘নেই’-এর মাঝে চাচা গাছ নিয়ে থাকে, গাছে ডুবে থাকে।
লালনের খুব মায়া হত। তার এই অনতিদীর্ঘ জীবনে ভালোবাসা বড়ো কম পেয়েছে সে। দাদামণি তার জীবনে না এলে হয়তো সে ভেসে যেত, বয়ে যেত। আর ছিল জসীমচাচা। আদর করে বুকে টেনে নিয়েছিল অনাথ ছেলেটাকে। কেন কে জানে, সেই রাতে রোজকার মতো বস্তিতে ফিরে না গিয়ে হোমেই থেকে গেছিল জসীমচাচা। লালনকে যখন গাড়িতে তোলা হচ্ছিল, প্রাণপণে বাধা দিতে ছুটে এসেছিল প্রৌঢ় মানুষটা। খালি হাতে লড়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল লালনকে। ওরা খুব মেরেছিল চাচাকে। তারপর তুলে নিয়েছিল গাড়িতে। একটা সূ�চ বেঁধার অনুভূতি টের পেয়েছিল লালন। আর কিছু মনে নেই তার।
অন্ধকারে চোখ বুজে লালন টের পাচ্ছে তার চোখের কোণ ভিজে উঠেছে। জসীমচাচার সঙ্গে আবার দেখা হয়েছিল তার। ততদিনে বেশ কয়েক বার জায়গা বদল হয়েছে। পেট কাটার অপারেশনও হয়ে গেছে। হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে আসা হয়েছিল আর এক জায়গায়। কোন জায়গা, জানে না লালন। ঘোরের মধ্যে প্রায় কিছুই টের পায়নি। জ্ঞান ফিরতে দেখেছিল, এরকমই আর একটা ঘরে মেঝে জুড়ে পাতা খড়ের বিছানার ওপর শুয়ে ছিল সে। পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। সেভাবেই কেটেছিল একটা সপ্তাহ। রোজ নতুন লোক আসত, পুরোনোরা চালান হত, বা বাতিল। তারপর একদিন ঘরের টিমটিমে আলোতে এদিক-ওদিক দৃষ্টি বোলাতেই দেখতে পেয়েছিল জসীমচাচাকে। অবশ্য জসীমচাচা তাকে দেখতে পায়নি তখন। কারণ সেই মানুষটাও অজ্ঞান অবস্থায় সেখানে পড়ে ছিল। সেদিনই নিয়ে আসা হয়েছিল চাচাকে ওই ঘরে।
সেই ঘরটাতে কোনো জানলা ছিল না। দিনের আলো বা রাতের আকাশ কোনোটাই দেখা যেত না ঘর থেকে। দিনে দু-বার খাবার আসত, যদি তরল, গলা সেই জাউটাকে খাদ্য বলা যায়। ততদিনে একটু একটু করে উঠে বসতে পারছিল লালন। জসীমচাচার জ্ঞান ফিরতে তার গলা জড়িয়ে খুব কেঁদেছিল। লালনের বয়স কম, বাইরের ক্ষত শুকিয়ে আসছিল। কিন্তু জসীমচাচার ভাগ্য ততটাও ভালো ছিল না। কাটা পেটের সেলাই ছিল দগদকে। ব্যান্ডেজ ভেদ করে পুঁজ-রক্ত বেরোচ্ছিল, সারাদিন বমি হচ্ছিল। ধীরে ধীরে ঝিমিয়ে পড়ছিল জসীমচাচা। চব্বিশ ঘণ্টা তখনও কাটেনি। লালনের বয়স কম হলেও জীবনের অভিজ্ঞতা কম নয়। মৃত্যু সে অনেকবার প্রত্যক্ষ করেছে। জসীমচাচার চোখের দিকে তাকিয়ে সে মৃত্যুর পদধ্বনি শুনতে পাচ্ছিল।
জসীমচাচা নিজেও বুঝেছিল, সে আর বেশি সময় নেই। ঘোর লাগা চোখে তাকিয়ে থাকত, লালনের কথা শুনত। আর লালন? সে তখন পালানোর ছক কষে চলেছিল।
একটা সুযোগ এসেছিল বই কি! জীবন সবাইকেই অন্তত একটা সুযোগ দেয়। কিন্তু সেই সুযোগটাও কাজে লাগাতে পারল না লালনরা। ওয়াগন থেকে নামতে গিয়ে পা-টা যদি না মচকে যেত, তাহলে নিশ্চয়ই অনেক দূরে পালিয়ে যেতে পারত তারা। তবু জসীমচাচা চেষ্টা করেছিল। তার শরীরের অবশিষ্ট অঙ্গ ক’টাও খুলে নেওয়ার জন্য হয়তো তাকে আবারও ওয়াগনে তোলা হয়েছিল সেদিনই, হয়তো শেষবারের মতো। চলার মতো অবস্থা ছিল না তার। তবু লালনকে ঝোপের আড়ালে লুকিয়ে রেখেছিল। নিজে অন্ধকারে সেদিন পালায়নি জসীমচাচা, বরং ওদের দৃষ্টিটাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে লালনকে বাঁচিয়ে দিতে চেয়েছিল। দুটো গুলির শব্দ শুনতে পেয়েছিল লালন। কিন্তু এত করেও তো শেষরক্ষা হল না। ধরা পড়ে গেল লালন। আবার তাকে ছুড়ে ফেলা হল ওয়াগনের পেটের ভেতর।
এখানে দু-দিন হল এসেছে ওরা। এখন ওদের নিয়ে কী করা হবে জানে না ওরা কেউ। ওদের মধ্যে অনেকেই বলছে যে কাউকেই আর বাঁচিয়ে রাখা হবে না। সেটা লালনের বিশ্বাস হয় না। মারার হলে তো অপারেশন টেবিলেই মেরে ফেলতে পারত। সেটা যখন করেনি, তখন পরিস্থিতি জটিল করার জন্য এখানে এনে মারার যুক্তিটা ঠিক বিশ্বাসযোগ্য ঠেকছে না। হয়তো অবশিষ্ট অঙ্গগুলিও একে একে খুলে নেওয়া হবে তাদের শরীর থেকে।
লালন জানে না, তার শরীরে ঠিক কীসের অপারেশন করা হয়েছে! অন্যমনস্কভাবে নিজের পেটের কাটা দাগে হাত বোলায়। গতকাল একজন ডাক্তার এসেছিল ওদের দেখতে। লোকটাকে দেখলে ডাক্তার বলে ভক্তি হয় না। রোগা চিমড়ে মতো চেহারা। চোখদুটো কোটরের ভেতরে গর্তে ঢোকানো। ঘরে ঢুকে জুলজুল করে তাকিয়ে দেখেছিল চারপাশে। তারপর নির্লিপ্ত মুখে একে একে সকলকে পরীক্ষা করে যন্ত্রের মতো বেরিয়ে গেছিল। একটা কথাও খরচ করেনি।
লালন জানে না তার কপালে কী আছে! ভাবতে ভাবতে তার চোয়াল শক্ত হয়; ঘন হয় শ্বাস-প্রশ্বাস। জন্মাবধি ভাগ্যের সঙ্গে লড়াই করেছে লালন। সেই যুদ্ধ ছিল ভীষণ রকম একতরফা। বারবার হারতে হারতে আজ তার হারার ভয় নেই। এর চেয়ে আর বেশি কী হারাবে সে! তাই একবার শেষ চেষ্টা করবে। বাঁচার আরও একটা সুযোগ ভগবান নিশ্চয়ই দেবেন তাকে। বিনা যুদ্ধে নিয়তির হাতে আত্মসমর্পণ করলে জসীমচাচার আত্মত্যাগ মিথ্যে হয়ে যাবে যে। সেটা লালন এত সহজে হতে দিতে পারে না।
।। নয়।।
‘উত্তীয় বলছে লোকটাকে ও নবদিগন্ত সেবাশ্রমে দেখেছে।’ বলল টাপুরদি।
‘নবদিগন্ত সেবাশ্রম? সেটা কোথায়? কোনো আশ্রম-টাশ্রম, গুরু-মহারাজ গোছের ব্যাপার নাকি? তাহলেই চিত্তির!’ বলল অর্জুন।
‘না না, ধর্মকর্মের আশ্রম-টাশ্রম নয় রে বাবা। এটা অনাথ ছেলেদের জন্য একটা হোম, সোনারপুরের দিকে।’ টাপুরদি বলল, ‘উত্তীয়র রেসকিউ করা ছেলেটা ওখানেই ছিল।’
‘তাও ভালো। আজকাল গুরু, আশ্রম এসব শুনলেই ভয় লাগে। যা অবস্থা চারিদিকে! যাই হোক, অনাথ আশ্রম তাও মন্দের ভালো। আমার খবরি মারফতও খবর পেয়েছি লোকটা সোনারপুরের দিকে একটা বস্তিতে ঘর ভাড়া করে একা থাকত। তবে কী কাজ করত বলতে পারেনি। নামও জানে না। সেটা জেনে নিতে অসুবিধে হবে না অবশ্য। তা তোমার বন্ধু শিওর যে লোকটাকে ওখানে দেখেছিল সে?’ জানতে চাইল অর্জুন।
‘তাইতো বলল।’
‘হুম, কবে দেখেছিল মনে আছে?’
টাপুরদি মাথা নাড়ল, ‘উত্তীয় বলল শেষ যেবার লালনকে দেখতে হোমে গেছিল, সেবারই লোকটাকে দেখেছিল ও। লালন সামনে লনে বসে লোকটার সঙ্গে গল্প করছিল। উত্তীয়কে দেখে ছুটে এসেছিল। তখনই উত্তীয় দেখেছিল লোকটাকে। লালন ওকে জসীমচাচা বলে ডাকছিল।’
‘হুম, তার মানে লোকটা যে কোনোভাবে নবদিগন্তর সঙ্গে যুক্ত ছিল। সোনারপুর লোকেশনটাও মিলে যাচ্ছে। কিন্তু আমাদের সন্দেহ যদি ঠিক হয়, নবদিগন্তর ভেতর কিছু তো চলছে। সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করা যায়। কিন্তু ওরা স্বাভাবিকভাবেই স্বীকার করবে না কিছু। এমনকি লোকটা সেখানে কাজ করত, সেটাও স্বীকার না করারই চান্স বেশি। কোনো প্রমাণ ছাড়া সার্চ ওয়ারেন্টও বের করা যাবে না।’
‘না।’ দু-দিকে মাথা নাড়ল টাপুরদি, ‘ওভাবে হবে না। প্রমাণ জোগাড় করতে হবে আগে।’
‘তা তো হবেই।’ অর্জুনদা বলল, ‘কিন্তু কীভাবে?’
টাপুরদি বলল, ‘নব দিগন্তের ভেতরে না ঢুকে প্রমাণ মিলবে না। ভেতরে ঢুকতেই হবে।’
‘ওরা কেন উটকো লোককে ঢুকতে দেবে?’
‘দেবে, দেবে, সেই ব্যবস্থা করতে হবে অর্জুন। এছাড়া আর কোনো পথ নেই।’
‘সবই তো বুঝলাম, কিন্তু সেটা হবে কী করে, কিছু ভেবেছ?’ জিজ্ঞাসা করল অর্জুনদা।
ল্যাপটপটা সামনে খোলা ছিল। আজ সারাদিন টাপুরদি ল্যাপটপে মুখ গুঁজে থেকেছে। এখন মুচকি হেসে একটা উইন্ডো খুলে ল্যাপটপটা অর্জুনদার দিকে ঠেলে দিল। অর্জুনদা সেটা নিয়ে চোখ বুলিয়ে কঠিন কণ্ঠে বলল, ‘না, একদম না। তোমার অনেক পাগলামো আমি দেখেছি। কিন্তু জেনেশুনে বাঘের গুহায় ঢুকবে না তুমি!’
ল্যাপটপটা আমি এবার নিজের দিকে টেনে নিলাম। এখানে নবদিগন্তের ওয়েবসাইট খোলা আছে। বেশ কয়েকটা ভ্যাকেন্সি পোস্ট আছে দেখা গেল। আমি মুখ তুলে একবার টাপুরদির মুখের দিকে তাকালাম, একবার অর্জুনদার মুখের দিকে। দু-জনের মুখই ভীষণরকম সিরিয়াস।
জিজ্ঞাসা করলাম, ‘টাপুরদি, সিরিয়াসলি?’
টাপুরদি কাঁধ ঝাঁকাল। অর্জুনদা বলল, ‘একদম ওসব বাজে আইডিয়া মাথা থেকে বের করো টাপুর। তুমি এখন যথেষ্ট পরিচিত মুখ। যারা হোমের আড়ালে অনৈতিক কাজকর্ম করছে, তারা সহজ মানুষ নয়। এদের মাথায় এমন কোনো চাঁইয়ের হাত থাকে যে বা যারা সমাজের ক্ষমতাশালী ব্যক্তি। ধরা পড়লে তোমাকে ওরা বাঁচিয়ে রাখবে না, মনে রেখো।’
টাপুরদি বলল, ‘তুমি বুঝতে পারছ না অর্জুন। এই কেসে ঢোকার এটাই একমাত্র পথ। আমি আজ সারাদিন অনেক ভেবেছি। কিন্তু কোনো সুরাহা হয়নি। বিশ্বাস করো, ছেলেটার ছবি দেখেছি আমি। অমন একটা তরতাজা ব্রাইট ছেলে জাস্ট হারিয়ে গেল, এটা আমি মন থেকে মেনে নিতে পারছি না।’
‘আমি বুঝতে পারছি তোমার কথা। সেক্ষেত্রে উত্তীয়কে বলো, লোকাল থানায় যে কমপ্লেন করেছে, তার আইডি আমায় দিতে। আমি লোকাল থানার সঙ্গে কনট্যাক্ট করে দেখছি কী করা যায়।’
‘সেটা তো তোমাকে করতেই হবে অর্জুন। এই কেসে তোমার সাহায্য ছাড়া আমি এক পা-ও এগোতে পারব না। কিন্তু আমি এই মুহূর্তে চাইছি না যে লোকাল পুলিশ কেসটা নিয়ে মুভ করুক। ডোন্ট মাইন্ড অর্জুন, কিন্তু ভেবে দেখো, নবদিগন্ত যদি সত্যিই কোনো অবৈধ কাজে লিপ্ত থাকে, সেটাও এত দীর্ঘ সময় ধরে, তাহলে মেনে নিতে হবে পুলিশকে ওরা হাতে রেখেই এগিয়েছে। তুমি নিজে সিস্টেমের মধ্যে আছ; আমার চেয়ে তুমি ভালো জানো যে সব পুলিশ যে দারুণ সৎ, এমন তো নয়। সুতরাং পুলিশ এখন হঠাৎ করে মুভ করলে ওরা সাবধান হয়ে যাবে। ওদের হাতেনাতে ধরাটা কঠিন হয়ে যাবে আরও।’
অর্জুনদা গম্ভীর মুখে চুপ করে বসে রইল কিছুক্ষণ। তারপর বলল, ‘ঠিক কী করতে চাইছ তুমি?’
টাপুরদি বলল, ‘জানি না। কোনো প্ল্যান নেই আপাতত। ওখানে না ঢুকলে বুঝতে পারব না কীভাবে এগোতে হবে।”
অর্জুনদা ঠোঁটের কোণে হাসল। বলল, ‘আর সেটা খুব সহজ হবে বলে তোমার মনে হচ্ছে, টাপুর? লাস্ট কয়েকটা কেসের সূত্রে তুমি এখন যথেষ্ট পরিচিত মুখ। খবরের কাগজে তোমার ছবি অনেকেই দেখেছে। এক মুহূর্তে ধরা পড়ে যাবে তুমি।’
‘হয়তো!’ চিন্তিত মুখে বলল টাপুরদি, ‘কিন্তু এই রিস্কটা আমাকে নিতেই হবে অর্জুন। নবদিগন্ত সেবাশ্রমের ভেতরে কী চলছে না জানা পর্যন্ত কিছু করা যাবে না।’
অর্জুনদা এবার একটু বিরক্ত মুখে বলল, ‘তুমি কি এর রিস্কটা বুঝতে পারছ না, নাকি বুঝেও না বোঝার ভান করছ? এনি ওয়ে, তুমি যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছ, তখন আমার আর কিছু বলার নেই।’
টাপুরদি এবার নরম গলায় বলল, ‘রাগ ক’রো না অর্জুন। আর কোনো উপায় নেই। আমাকে ওরা আজ না হয় কাল চিনে ফেলবে। তার আগেই আমাকে ওখান থেকে বেরিয়ে আসতে হবে। এছাড়া আর কোনো অলটারনেটিভ চয়েস নেই আমাদের হাতে।”
‘আছে’, আমি বললাম।
দু-জনেই ঘুরে আমার মুখের দিকে তাকাল। দৃষ্টিতে জিজ্ঞাসা।
‘মানে?’ জিজ্ঞাসা করল টাপুরদি।
আমি হাসলাম। বললাম, ‘তোমাকে ওরা হয়তো চেনে বা চিনে ফেলার চান্স আছে। কিন্তু আমাকে কেউ চিনবে না। আমি যাব নবদিগন্ত সেবাশ্রমে।’
‘ব্যস!’ কড়া গলায় প্রায় চেঁচিয়ে উঠল অর্জুনদা, ‘নবদিগন্তে যাওয়া নিয়ে আর একটা কথা হবে না। টাপুর, তুমি যদি অন্য কোনোভাবে কেসটা সমাধান করতে পারো, করো। নইলে কেস ছেড়ে দাও। পুলিশ নিজেদের মতো করে দেখে নেবে। তুমি বা মিতুল কেউ ওখানে যাচ্ছ না, ব্যস।’
টাপুরদির মুখের রেখা কঠিন হল এবার। বলল, ‘একটা বাচ্চা ছেলে হারিয়ে গেছে। শুধু তাই নয়, আমাদের সন্দেহ যদি ঠিক হয়, সেক্ষেত্রে ওখানকার বাকি বাচ্চারাও সেফ নয়। ওদের বাঁচানোর জন্য যে-কোনো রিস্ক আমি নিতে প্রস্তুত।’
অর্জুনদা যেন বিশ্বাস করতে পারছে না। খর দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল টাপুরদির মুখের দিকে। তারপর কাঁধ ঝাঁকিয়ে উঠে দাঁড়াল। বলল, ‘ডু হোয়াটএভার ইউ উইশ!’
পায়ে জুতো গলিয়ে গটগট করে দরজা দিয়ে বেরিয়ে গেল অর্জুনদা।
