মৃতেরা কোথাও নেই – ৩৫

।। পঁয়ত্রিশ।।

অদ্বৈত মুখার্জি লোকটাকে দেখেই কেমন একটা অস্বস্তি হয়। লম্বা তালঢ্যাঙা চেহারা, গায়ের রং ফর্সা না বলে রক্তশূন্য বললে বুঝি বেশি ভালো হয়। সামনের দিকে চুল পাতলা হয়ে এসেছে, তোবড়ানো গাল। চোখের মণি ধূসর। কিন্তু সে-জন্য নয়, তার দুই চোখের দৃষ্টি কেমন যেন সাপের মতো ঠান্ডা। চোখের পাতায় যেন কঠিন প্রাচীর দিয়েছেন তিনি। সেই প্রাচীর টপকে মনের কথা চোখের পর্দায় ভেসে ওঠে না। অথচ শুনেছি ভদ্রলোক নাকি ছাত্র জীবনে স্কলার ছিলেন। নিজে তিনি ইউনিভার্সিটি গোল্ড মেডেলিস্ট হয়েও প্রশাসনিক পরীক্ষায় বসেন। একবারের চেষ্টাতেই প্রথম দিকে র‌্যাঙ্ক করে আইএএস-এর জন্য মনোনীত হন। আবার অন্যদিকে অদ্বৈত মুখার্জি কবিতা লেখেন। বড়ো পত্রিকাতে তাঁর কবিতা ছাপে। বেশ কিছু কবিতার বইও আছে তাঁর। এসব গল্প টাপুরদির মুখেই শোনা আমার।

বিরাট সেক্রেটারিয়েট টেবিলের অপর প্রান্তে চেয়ারে বসা মানুষটিকে প্রথম দৃষ্টিতে কেমন যেন রক্তশূন্য ‘জম্বি’-র মতো লাগে। এত উচ্চপদাধিকারী একজন আমলার টেবিলের ওপরটা নিরাভরণ, ভদ্রলোকের চেহারার মতোই ম্যাড়মেড়ে। কম্পিউটার আর কয়েকটা ফাইল ছাড়া একটা বই রয়েছে সেখানে। বইটি ভীষণ চেনা, জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা। ভদ্রলোকের পাথরের মতো অভিব্যক্তিহীন মুখ দেখে এই মানুষটির মধ্যে কোনো আবেগ আছে বলে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। বিশ্বাস হতে চায় না এই লোক কবিতা পড়েন। আমাদের দিকে তাকিয়ে বিরক্ত মুখে বললেন তিনি, ‘আপনাদের আমার কাছে কী প্রয়োজন, সেটা তো বুঝলাম না।’

টাপুরদি বলল, ‘হেলথ মিনিস্ট্রি থেকে আমাকে এই কেসে কাজ করার পারমিশন দেওয়া হয়েছে। সুতরাং যে-কোনো প্রবলেমে আর কোথায় যাব এখানে ছাড়া?’

হেলথ সেক্রেটারি বললেন, ‘আচ্ছা! তা সমস্যাটা কী?’

টাপুরদি বলল, ‘একটা কথা জানার ছিল।’

অদ্বৈতবাবু কোনো কথার উত্তর দিলেন না। স্থির দৃষ্টিতে টাপুরদির মুখের দিকে তাকিয়ে রইলেন।

টাপুরদি বলল, ‘ডক্টর মিত্রকে আপনি মেডিকেল কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন?’

‘হ্যাঁ, দিয়েছিলাম’, বললেন অদ্বৈতবাবু।

‘সেটাই জানতে চাইছি। কেন দিয়েছিলেন? আপনাকে এভাবে জিজ্ঞাসা করার এক্তিয়ার হয়তো আমার নেই। তবু জানতে ইচ্ছে হচ্ছে।’ বলল টাপুরদি।

অদ্বৈতবাবু এবার হাসলেন। চেয়ারে গা এলিয়ে হেলান দিয়ে বসে বললেন, ‘জানতে ইচ্ছে হল, আর তাই সকাল সকাল হেলথ সেক্রেটারিকে জেরা করতে চলে এলেন? ভাবলেন আমি আপনার সামনে বসে বসে আপনার এসব আজেবাজে প্রশ্নের উত্তর দেব? ইউ আর সাচ অ্যান অ্যামবিশাস ইয়ং লেডি, আই মাস্ট সে। আই অ্যাম ইমপ্রেসড!’

টাপুরদি ঠান্ডা গলায় বলল, ‘উত্তর দেবেন কী দেবেন না, সেটা আপনার ব্যাপার। আমি আপনাকে জোর অবশ্যই করতে পারি না। কিন্তু নেতা-মন্ত্রীরা যদি জনগণের সেবক হন, আমলারাও তাই। আপনার কোনো ভুল সিদ্ধান্তে যদি একজন মানুষেরও প্রাণ যায়, সেক্ষেত্রে আপনাকে জনতার কাছে জবাবদিহি করতে হবে বই কি! মনে করুন না, আমি সেই জনগণেরই তরফেই একজন, যে আপনার কাছে জানতে চাইছে এমন সিদ্ধান্ত আপনি কেন নিলেন?’

অদ্বৈতবাবু এবার ঝুঁকে টেবিলে ভর দিয়ে হিসহিসে কণ্ঠে বললেন, ‘আমি আপনাকে জবাব দিতে রাজি নই, মিস ব্যানার্জি। আপনি যা ইচ্ছে করতে পারেন। আপনার তো আবার সিএম-এর সঙ্গে বেশ ভালো সম্পর্ক। চাইলে তাঁর কাছেও কমপ্লেইন করতে পারেন। মনে রাখবেন, আমি রাজ্য সরকারের নই, কেন্দ্রীয় সরকারের চাকুরে।’

‘সে আপনি যে সরকারের থেকে বেতন পান না কেন, দায়িত্ব যখন এ রাজ্যে নিয়েছেন, তখন সেটা নিশ্চয়ই অস্বীকার করতে পারেন না। আর তা ছাড়া একটি মৃত্যুর তদন্ত বন্ধ করতে জোরও করতে পারেন না। পারেন কি?’

অদ্বৈতবাবু বললেন, ‘অবশ্যই পারি। হেলথ ডিপার্টমেন্টের দায়িত্ব নিয়েছি আমি। তাই যাতে সেখানে কোনোরকম অশান্তি না হয়, যাতে কাজকর্মে অসুবিধে না হয়, সেটা দেখার দায়িত্ব আমাদের। মেডিকেল কলেজে ঢুকে তদন্ত করার অর্থ হল সেখানকার কর্মীদের, ডাক্তারদের ওপর সন্দেহ করা। কাল এ নিয়ে আরও বড়ো সমস্যা দেখা দিতে পারে। আমি সেটা অ্যালাও করব না কিছুতেই, যেখানে অটোপসি রিপোর্টেও মৃত্যু স্বাভাবিক বলে উল্লেখ করা হয়েছে। আপনি যেতে পারেন এখন।’

আমি টাপুরদির মুখের দিকে তাকালাম। সরকারের উচ্চপদস্থ একজন আমলার মুখোমুখি বসে এভাবে প্রত্যয়ের সঙ্গে কথা বলতে বোধ হয় টাপুরদিই পারে। এখন এই মুহূর্তে ও অদ্বৈতবাবুর মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কয়েক মুহূর্ত এভাবেই কাটল। তারপরেই হেসে উঠল টাপুরদি। হাসতে হাসতে চেয়ারে হেলান দিয়ে বসে কিছুক্ষণ সিলিং-এর দিকে তাকিয়ে রইল। আমি অবাক হয়ে ওর মুখের দিকে তাকালাম। এবার হাসতে হাসতেই বলল টাপুরদি, ‘সবই তো বুঝলাম অদ্বৈতবাবু। কিন্তু আপনার চাকরির আর বছর দু-এক বোধ হয় বাকি, তাই না? আপনার ভুল সিদ্ধান্তে একজন লোক খুন হয়েছে এই কথাটা মিডিয়ায় লিক হলে সামাল দিতে পারবেন তো? জানেনই তো, মিডিয়া তিলকে তাল বানায়। খুব খারাপ স্বভাব ওদের। হয়তো বলেই বসল, আপনি ইচ্ছে করেই ডক্টর মিত্রকে হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছিলেন যাতে করে তাঁকে সরিয়ে ফেলা সহজ হয়। বলতেও তো পারে, বলুন!’

তাকিয়ে দেখলাম অদ্বৈত মুখার্জি স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে টাপুরদির মুখে। টাপুরদি বলেই চলেছে।

‘তারপর নিউজ পেপার, টেলিমিডিয়া, সোশ্যাল নেটওয়ার্ক সর্বত্র দেখবেন শুধু আপনাকে নিয়েই চর্চা হচ্ছে। আজকাল আবার জনগণ ভীষণ অসহিষু� হয়ে গেছে। তাদেরও দোষ নেই। তাদের কাছে চাকরি নেই, অর্থ নেই, স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, খাদ্যের সুরক্ষা নেই, গরিবের অনুকূলে আইন-প্রশাসন কিচ্ছু নেই। এই ‘নেই’-এর দেশে জনতা-জনার্দন বড়ো সহজেই রেগে যায়। তার ওপর অরগ্যান ট্র্যাফিকিং কেসে আপনার নাম জড়ালে রাজ্য বা কেন্দ্র কেউ আপনার পাশে দাঁড়াবে বলে মনে হয় আপনার? আমার তো মনে হয় না। তখন ডিপার্টমেন্টাল এনকোয়ারি বসবে। আপনাকে হয়তো সাসপেন্ড করা হবে। আপনার কোনো দোষ ছিল না বোঝাতে বোঝাতে আপনার রিটায়ারমেন্টের সময় চলে আসবে। আপনার অবসরকালীন সুবিধে, পেনশন সব আটকে দেওয়া হবে। আপনার স্ত্রী তো নেই জানি, কিন্তু ছেলে-মেয়েরা আপনার দিকে সন্দেহের চোখে তাকাবে। হয়তো আপনাকে ঘৃণাও করতে পারে। আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলে লোকে বলবে, ওই যে সেই খুনি আমলা। আরও যে কী কী হতে পারে, আপনি ভাবতেও পারছেন না বোধ হয়।’

অদ্বৈতবাবুর মুখের দিকে তাকিয়ে দেখলাম, তার সাদা রক্তহীন মুখে কোথা থেকে জানি এক রাশ রক্ত এসে জমেছে! মুখ-চোখ লাল হয়ে উঠেছে। রাগে কাঁপছেন ভদ্রলোক। সোজা উঠে দাঁড়ালেন। আঙুল তুলে দরজার দিকে নির্দেশ করে বললেন, ‘গেট আউট! জাস্ট গেট আউট আই সে!’

‘শিওর!’ বলে মুচকি হেসে উঠে দাঁড়াল টাপুরদি। আমার দিকে তাকিয়ে বলল, ‘চল মিতুল, যাওয়া যাক।’

আর এক মুহূর্ত অপেক্ষা না করে আমরা বেরিয়ে এলাম। এতক্ষণ ওই ঘরে যা নাটক হল, আমি এখনও বিশ্বাস করতে পারছি না।

অফিস থেকে বেরিয়ে বললাম, ‘এটা কী হল, টাপুরদি?’

টাপুরদির চোয়াল শক্ত হল, চোখের দৃষ্টি তীক্ষ্ন। চিবিয়ে চিবিয়ে বলল, ‘লোকটার এত বড়ো সাহস অর্জুনকে অপমান করে! কী ভেবেছে কী? জাস্ট একটু আলতো করে রগড়ে দিয়ে এলাম।’

এবার বুঝলাম ব্যাপারটা। প্রেম কী বিচিত্র জিনিস! সামনে থাকলেই দু-জনে কথায় কথায় ঝগড়া করে। অথচ অর্জুনদাকে কেউ কিছু বললে টাপুরদি যে এমন রণরঙ্গিনী হয়ে উঠতে পারে না দেখলে বিশ্বাস করতাম না।

বললাম, ‘তাহলে তুমি আদৌ কিছু জিজ্ঞাসাবাদ করতে আসোইনি এখানে। তাই তো?’

‘আমি জিজ্ঞাসাবাদ করতে চাইলেও উনি আমাকে জবাব দিতেন বলে তোর মনে হয়?’

‘তার মানে শুধু অর্জুনদার জন্য…’

টাপুরদি মুচকি হেসে কাঁধ ঝাকাল। তারপর আমার পিঠে চাপড় মেরে বলল, ‘চল, তোকে অফিসে নামিয়ে দিই। তারপর শোভনবাবুর বাড়িতে যাব।’

।। ছত্রিশ।।

রাতে বাড়ি ফিরতে সাড়ে ন-টা বাজল। টাপুরদি ড্রয়িংরুমে সোফায় বসে ল্যাপটপে কিছু করছিল। আমায় ঢুকতে দেখে মুখ না তুলেই বলল, ‘আজ রান্নাবান্না কিছু করিনি, সুইগি থেকে পিৎজা অর্ডার করে দিয়েছি। এখনই এসে যাবে। ফ্রেশ হয়ে নে চটপট।’

‘তুমি পিৎজা খাবে? তুমি না ডায়েটে আছ?’ হেসে বললাম আমি।

‘আমার জন্য সিজার স্যালাড আর কফি’, বলল টাপুরদি, ‘পিৎজা তোর জন্য।’

‘তাই বলো! আমার খুব খিদে পেয়েছে। তুমি খাও ঘাসপাতা আর সেদ্ধ চিকেন, আমি তো পিৎজাই খাব। এখুনি আসছি’, বলে ব্যাগটা ঘরে রেখে তোয়ালে আর জামাকাপড় নিয়ে বাথরুমে ঢুকলাম। বাথরুমে শাওয়ারের কল খুলে নীচে দাঁড়াতেই কলিং বেলের শব্দটা শুনতে পেলাম। পিৎজা এসে গেছে।

কিন্তু ভুল ভাঙল কয়েক মুহূর্তের মধ্যেই। ঘরের মধ্যে থেকে জোরে জোরে একাধিক পুরুষকণ্ঠ শোনা যাচ্ছে। কেউ আমার বাথরুমের দরজায় দুই-তিনবার ঘা দিল। শাওয়ারের কল বন্ধ করে স্থির হয়ে দাঁড়িয়ে পড়লাম আমি। বাইরের ঘরে ঝনঝন করে কিছু একটা ভাঙার শব্দ এল, সেই সঙ্গে টাপুরদির গলায় একটা তীক্ষ্ন আর্তনাদ শুনতে পেলাম।

ভগ্নাংশ সেকেন্ডের মধ্যে ভেজা গায়ে পোশাক চড়িয়ে বাথরুমের দরজার লক ঘোরালাম। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে টাপুরদির চিৎকার শুনলাম, ‘দরজা খুলবি না মিতুল।’

আমি কিছু বোঝার আগেই কেউ আমার বাথরুমের দরজায় সজোরে লাথি কষাল। আমি ছিটকে সরে না এলে দরজার ধাক্কায় আহত হতাম। তবু লকটা এসে আমার কবজিতে লাগল। যন্ত্রণায় ‘আহ করে উঠলাম আমি।

‘বেরিয়ে আয় শালি!’ ষণ্ডা চেহারার লোকটিকে দেখে চেনা মনে হল। পর মুহূর্তেই মনে পড়ল একে ডক্টর মিত্রর চেম্বারে দেখেছিলাম সেই প্রথম দিন।

পায়ে পায়ে বেরিয়ে এসে দেখলাম বসার ঘরে আরও একজন লোক দাঁড়িয়ে আছে। সে টাপুরদির মাথায় রিভলভার ধরে আছে। আমার পেছনে দাঁড়ানো লোকটা দাঁতে দাঁত চেপে হিসহিস করে বলল, ‘বেশি তেল হয়েছে না তোর? শালি হারামজাদি আমাদের চিনিস না! তোদের দুটোকে গায়েব করে দিতে দুই মিনিটও লাগবে না। আর তোর ঐ পুলিশ আশিকটার কী অবস্থা করি শুধু দ্যাখ।’

টাপুরদির দিকে তাকিয়ে দেখলাম ওর ঠোঁটে কোণে দু-ফোঁটা রক্ত রেগে আছে। বাথরুমে থাকতে আমি টাপুরদির গলায় যে আর্তনাদ শুনেছিলাম, সেটা এর জন্যই। অর্থাৎ এরা ওকে শারীরিকভাবে আঘাত করেছে। প্রাথমিকভাবে হঠাৎ আক্রমণে হতচকিত হয়ে পড়লেও এই মুহূর্তে টাপুরদির মুখের দিকে তাকিয়ে মনে হল ওর মাথা এখন বরফের মতো ঠান্ডা। কিন্তু আমার মাথার ভেতরটা জ্বলছে। টাপুরদির গায়ে হাত তোলার সাহস এদের হয় কী করে?

টাপুরদি হাতের তালুর উলটো পিঠ দিয়ে ঠোঁটের কোণে লেগে থাকা রক্তটুকু মুছে নিল। তারপর ঠান্ডা গলায় বলল, ‘কী চান আপনারা?’

আমার পেছনে দাঁড়ানো লোকটা বলল, ‘নব দিগন্ত নিয়ে তোর এত চুলকানি কীসের হারামজাদি? বেশি চুলকালে মলম আছে আমাদের কাছে। এমন এমন জায়গায়’…

লোকটার কথার মাঝখানে টাপুরদি কড়া গলায় বলল, ‘ভদ্রভাবে কথা বলুন। দু-জন ভদ্রমহিলার সঙ্গে কীভাবে কথা বলতে হয় কেউ শেখায়নি আপনাদের? আপনাদের বসকে গিয়ে বলবেন মেয়েদের কাছে পাঠাতে হলে আগে যেন ঠিক করে কথা বলা শিখিয়ে পাঠান।’

টাপুরদির পেছনে দাঁড়িয়ে থাকা লোকটা এবার রিভলভারের বাঁট দিয়ে টাপুরদির মাথায় জোরে আঘাত করল। টাপুরদি যন্ত্রণায় ‘আহ’ করে উঠল। আমার আর সহ্য হল না। আড়চোখে আগেই দেখে নিয়েছি আমার পেছনে দাঁড়ানো লোকটার হাতে কোনো অস্ত্র নেই। ধীরে ধীরে এক পা-দু-পা করে পেছোচ্ছি আমি। টাপুরদি সেটা লক্ষ করেছে মনে হল। মাথা নিচু করে আমায় ইশারা করল কিছু না করতে। কিন্তু ওরা টাপুরদির গায়ে হাত দেবে, আর আমি এত সহজে ওদের ক্ষমা করিই বা কী করে?

পেছোতে গিয়ে ইচ্ছে করে পেছনের লোকটার পায়ে পা লাগিয়ে হোঁচট খেয়ে মেঝেতে মুখ থুবড়ে পড়লাম আমি। লোকটা মুহূর্ত সময়ের জন্য অন্যমনস্ক হয়ে নিচু হয়ে আমাকে দেখতে গেল। ঠিক সেই মুহূর্ত হাঁটু দিয়ে তার দুই ঊরুর মাঝে সজোরে আঘাত করলাম। লোকটা ‘আক’ শব্দ করে দুই পায়ের মাঝখানটা চেপে ধরে মাটিতে বসে পড়ল। আকস্মিক এই ঘটনায় টাপুরদির পেছনে দাঁড়ানো লোকটারও মনোযোগ বোধ হয় মুহূর্তের জন্য সরে গেছিল। সেই সুযোগে টাপুরদি তিরের মতো বেগে কোমর বাঁকিয়ে লোকটার রিভলভার ধরা হাতের কবজিটা চেপে ধরল। আমি দেখতে পাচ্ছি, লোকটার মুখটা ব্যথায় বেঁকে যাচ্ছে। টাপুরদিকে নরম কোমলাঙ্গী ভেবে বসার ভুল করেছিল লোকটা। জানে না, প্রয়োজন পড়লে টাপুরদির হাতের প্রতিটি পেশি লোহায় পরিণত হয়ে যেতে পারে। লোকটার হাত থেকে রিভলভারটা খসে পড়ল।

টাপুরদি এবার লোকটার হাতটা উলটো দিকে একটা মোক্ষম মোচড় দিল। আর্তনাদ করে মেঝের ওপর বসে পড়ল লোকটা। টাপুরদি ডান হাত দিয়ে ওর কাঁধে এক জব্বর রদ্দা মারল। লোকটা আবার কাঁউকাঁউ করে সদ্য ভূমিষ্ঠ মানবকের মতো মেঝের ওপর শুয়ে রীতিমতো শব্দ করে কেঁদে উঠল। টাপুরদি লোকটার শার্টের বুকের কাছটা মুঠোতে ধরে এক ঝটকায় তার হাত থেকে রিভলভারটা কেড়ে নিল।

আমার পেছনের লোকটা নিজের নিম্নাঙ্গ চেপে ধরে এতক্ষণ জুলজুল করে দেখছিল। এবার টাপুরদি তার দিকে অগ্রসর হতেই দুই হাত জোড় করে কুঁইকুঁই করে কী জানি বলতে লাগল। টাপুরদি এবার উবু হয়ে লোকটার মুখোমুখি হাঁটু গেড়ে বসল। লোকটার মাথায় রিভলভারটা ঠেকিয়ে বলল, ‘চলে যান এখান থেকে। এর পর আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে এভাবে হুটহাট কোনো ভদ্রমহিলার ফ্ল্যাটে আসবেন না, কেমন? আর হ্যাঁ, আপনাদের বসকে বলে দেবেন, সঙ্ঘমিত্রা ব্যানার্জি মেয়ে হলেও অবলা-অসহায় মেয়ে নয়। এর পর কাউকে পাঠাতে হলে যেন বড়ো দল পাঠান। এভাবে আপনাদের মতো দু-জনকে হাসপাতালে পাঠাতে আমার মিনিট কয়েকের বেশি সময় লাগে না। ফলে খেলাটা ঠিক জমল না।’

বলে অন্য লোকটির কাছে গিয়ে দাঁড়াল টাপুরদি। হাতের রিভলভারটা তার সামনে নাড়িয়ে বলল, ‘আপনার এই খেলনাটা আমি রাখছি। লালবাজারে জমা করে দেব। আপনার বসকে বলবেন খুব দরকার থাকলে গিয়ে ছাড়িয়ে আনতে। এবার আপনারা আসুন। আমাদের ডিনারের সময় হল।’

কথাটা বলে রিভলভার দিয়ে দরজার দিকে ইশারা করল টাপুরদি। ঠিক সেই মুহূর্তে কলিং বেলটা বেজে উঠল। আমি গিয়ে দরজা খুললাম। পিৎজা ডেলিভারি বয় দরজায় দাঁড়িয়ে আছে। আমার কাঁধের ওপর দিয়ে ঘরের ভেতর দৃষ্টি বুলিয়ে ছেলেটার চোখে ভয়ের অভিব্যক্তি খেলে গেল চকিতে। টাপুরদির হাতের রিভলভারটাও নজর এড়ায়নি তার। আমি নির্লিপ্ত মুখে খাবারের প্যাকেটটা নিয়ে ডাইনিং টেবিলের ওপর রাখলাম। টাপুরদি বলল, ‘এই যে আপনারা, আপনারা এবার আসুন। আমরা খাওয়া-দাওয়া করব এখন। আপনাদের অফার করতে পারলাম না, কারণ দুজনের মতো করেই অর্ডার দেওয়া হয়েছে।’

লোকদুটি পড়িমরি করে বিস্ময়ে প্রায় স্তব্ধ হয়ে যাওয়া পিৎজা ডেলিভারি বয়ের পাশ দিয়ে ছুটে বেরিয়ে গেল। লিফট আসার অপেক্ষা না করে সিঁড়ি দিয়েই নীচে নেমে গেল ওরা।

দরজা বন্ধ করে এসে দেখি টাপুরদি একটা গোলাপি রং-এর কাগজের টুকরোতে চোখ বোলাচ্ছে। জিজ্ঞাসা করলাম, ‘এটা আবার কী?’

টাপুরদি কাগজটা আমার হাতে দিল। দেখলাম একটা বিল, কোনো পাইস হোটেলের, নাম লেখা আছে খোকনদার হোটেল।

‘এটা কোত্থেকে এল?’

‘লোকটার পকেট থেকে পড়েছে। ঠিকানাটা দেখ’, বলল টাপুরদি।

‘হলদিয়ার!’

‘হুম!’ টাপুরদিকে একটু অন্যমনস্ক দেখাল। বলল, ‘তোর মনে আছে মিতুল, অর্জুন বলছিল হলদিয়া থেকে নবদিগন্তে ফোন করা হয়েছিল অনেকবার। এই হলদিয়া কানেকশনটাকে আর অবহেলা করা যাচ্ছে না।’

আমি বললাম, ‘সে না হয় হল। কিন্তু অর্জুনদাকে জানানো দরকার যে এভাবে বাড়ির মধ্যে…’

‘খবরদার যদি অর্জুনকে কিছু বলেছিস, মিতুল, খুব খারাপ হয়ে যাবে বলছি!’ হুংকার করে উঠল টাপুরদি।

‘কেন, বললে কী হয়? তুমি কিন্তু আজকাল অর্জুনদার কাছ থেকে কথা লুকোচ্ছ’, আমিও গোঁয়ারতুমি ভরা গলায় বললাম।

‘হ্যাঁ তুমি ওকে বলো, আর ও আবার আমার এই কেসে কাজ করা বন্ধ করার জন্য ঝগড়া শুরু করুক আর কী! অনেক কষ্টে বাগে এনেছি ওকে।’

‘কী কী কষ্ট করলে বাগে আনার জন্য, বলো না?’ চোখ টিপে মুচকি হেসে জিজ্ঞাসা করলাম আমি।

টাপুরদি লাজুক মুখে বলল, ‘মারব এক থাপ্পর! ভাগ।’

এই মুহূর্তে টাপুরদির লজ্জারাঙা মুখ দেখলে কে বলবে একটু আগে এ-ঘরেই সে দু-জন ষণ্ডাগোছের গুন্ডাকে ঠ্যাঙাচ্ছিল। হাসলাম আমি। টাপুরদি এরকমই, তাইতো এত ভালোবাসি ওকে।

।। সাঁইত্রিশ।।

সকালে ঘুম ভেঙেই খারাপ খবরটা পেলাম। মেগাসিটি মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তাররা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে ধর্মঘটে বসেছে। সিনিয়র অনেক ডাক্তারও তাদের এই ধর্মঘটকে সমর্থন করছেন। টাপুরদি অন্ধকার মুখে টিভির পর্দায় সেঁটে ছিল। জিজ্ঞাসা করলাম, ‘এবার?’

টাপুরদি টিভির পর্দা থেকে চোখ না সরিয়ে বলল, ‘অদ্বৈত মুখার্জি তাঁর চাল দিলেন।’

‘মানে? বুঝলাম না!’ বললাম আমি।

টাপুরদি সোফায় হেলান দিয়ে চোখ বুজল। কিছুক্ষণ সেভাবেই রইল। তারপর চোখ খুলে বলল, ‘ডক্টর মিত্রর হত্যারহস্যের ফাইল আপাতত কালের গর্ভে ঢুকে গেল। পুলিশ এখন মেডিকেল কলেজে ঢুকতেই পারবে না।’

‘কিন্তু টাপুরদি’, একটু দ্বিধান্বিত স্বরে বললাম আমি, ‘অদ্বৈত মুখার্জি একজন আমলা, কোনো নেতা বা মন্ত্রী তো নন। তাহলে তিনি কীভাবে চব্বিশ ঘণ্টার মধ্যে এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেলতে পারবেন? তাঁর কথা জুনিয়র ডক্টররা শুনবেই বা কেন?’

টাপুরদি কয়েক মুহূর্ত আমার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, ‘তোর বোধ হয় ধারণা নেই, এই আমলারা কতটা পাওয়ারফুল হন। সরকারের যাবতীয় নীতি-নির্ধারণ কিন্তু আমলারাই করেন। সরকারের কাজ হল সেটাকে জনতার সামনে সাজিয়ে-গুছিয়ে ডেলিভার করা। আমাদের দেশের বেশিরভাগ নেতা-মন্ত্রীদের শিক্ষাগত যোগ্যতা দেখে তোর মনে হয় এত বড়ো একটা দেশের বিভিন্ন দপ্তরের অভ্যন্তরীণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মতো বুদ্ধি তাঁদের আছে? সে-সব কাজই করেন এই আমলারা। মন্ত্রীরা পুরোপুরিভাবে তাঁদের ওপর নির্ভরশীল। সুতরাং এই আমলাদের ক্ষমতা কম বলে ভাবিস না। অনেক নেতা-মন্ত্রীদের টিকি বাঁধা থাকে আমলাদের ঘরের খুঁটে। রাজনীতির অনেক গোপনীয়তার শরিক এঁরা। জুনিয়র ডাক্তাররা একজন আমলার কথা শুনবে না হয়তো। কিন্তু এমন কেউ যদি তাদের প্রোভোক করে, যাঁর কথা তারা শোনে, তাহলে?’

‘কে? কার কথা বলছ?’ জিজ্ঞাসা করলাম আমি।

‘অখিল মিদ্যা’, বলল টাপুরদি।

‘নামটা চেনা চেনা লাগছে। কে এই অখিল মিদ্যা?’

‘এই জন্য বলি, একটু খবরের কাগজ-টাগজ পড়’, টাপুরদি হাই তুলে বলল।

‘পড়ি তো, অনলাইন পোর্টালে’, হেসে বললাম আমি।

‘হুম, জানি তো! কোন হিরো কাকে ডাম্প করছে, কার সঙ্গে তার অ্যাফেয়ার চলছে, কোন হিরোইন কত উত্তেজক পোশাক পরে ইনস্টাতে ছবি পোস্ট করেছে, কোন নেতা বউকে ছেড়ে অন্য সুন্দরীর সঙ্গে লিভ ইন করে সঙ্গিনীকে সম্পত্তি লিখে দিচ্ছেন, এসব পড়িস তুই’, বলল টাপুরদি।

আমি বললাম, ‘আরে, বলো না বাবা, কে এই অখিল মিদ্যা?’

‘ডক্টর ইউনিয়নের নেতা’, বলল টাপুরদি, ‘একজন এমএলএ।’

‘রুলিং না অপোজিশন?’

‘রুলিং’, বলল টাপুরদি।

‘কী করে বুঝলে এই অখিল মিদ্যাই আছে ধর্মঘটের পেছনে?’ জিজ্ঞাসা করলাম আমি।

টাপুরদি বলল, ‘বকবক না করে নিউজটা দেখলে তুইও বুঝতে পারতি। বোস এখানে, নিউজ দেখ। আমি ব্রেকফাস্ট বানিয়ে আনি।’

টাপুরদি রান্নাঘরে গেল। আমি টিভির পর্দায় চোখ রাখলাম। মেডিকেল কলেজ চত্বরে প্ল্যাকার্ড, সাইনবোর্ড নিয়ে জুনিয়র ডাক্তাররা বসে রয়েছে। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেউ কাজ করবে না তারা। স্টুডিয়োতে সঞ্চালিকা পরিস্থিতির গুরুত্ব বোঝাতে খুব সিরিয়াস মুখ করে ঘটনার বিবরণ দিচ্ছেন। তারপর বললেন, ‘আমরা কথা বলে নেব ডক্টর অখিল মিদ্যার সঙ্গে, যিনি জুনিয়র ডাক্তারদের এই ধর্মঘটকে সমর্থন করছেন। অখিলবাবু, আপনি আমাদের দর্শকদের বলবেন, কেন এই হঠাৎ ধর্মঘট?’

অখিল মিদ্যাকে দেখলাম। ষাটের নীচেই বয়স হবে। বেশ মোটাসোটা, ঘাড়ে-গর্দানে চেহারা। ঠোঁটের ওপর মোটা গোঁফে রূপোলি আভাস। দুই গালে মেচেতার দাগ। রক্তাভ চোখের দৃষ্টি অসম্ভব ধূর্ত। গম্ভীর মুখে তিনি বললেন, ‘জুনিয়র ডক্টরদের এই ক্ষোভ আজকের নয়। তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে অন্যায় করা হয়ে আসছে। তাদের ডিউটি আওয়ার্সের কোনো বাঁধা-ধরা লিমিট নেই। কখনো-কখনো চব্বিশ ঘণ্টারও বেশি টানা কাজ করে যেতে হয় তাদের। তার ওপর রোগীর আত্মীয়রা মুমূর্ষু রোগী নিয়ে এসে আশা করেন ডাক্তার জাদুবলে তাকে সুস্থ করে তুলবেন। ডাক্তাররাও মানুষ, তারা কোনো জাদুকর নয়। রোগীর মৃত্যু হলে ডাক্তারদের সঙ্গে বেড়াল-কুকুরের চেয়েও খারাপ ব্যবহার করা হয়। রোগীর আত্মীয়দের হাতে মার খাওয়া তো জুনিয়র ডাক্তারদের নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে গেছে।’

সঞ্চালিকা জিজ্ঞাসা করলেন, ‘অখিলবাবু, ডাক্তারি পেশার দায়িত্ব তো অনেক বেশি। জুনিয়র ডাক্তাররা এভাবে কাজ বন্ধ করে বসে থাকলে রোগীদের কত অসুবিধে হবে, ভাবতে পারছেন! চিকিৎসার অভাবে কত গরিব মানুষ বিপদে পড়বে। এই সমস্যার নিষ্পত্তি তো সামনাসামনি বসেও শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে হতে পারে।’

‘আলোচনা, অনুরোধ-উপরোধের জায়গা আর নেই। সেসব অনেক হয়েছে। কেউ কর্ণপাত করেনি। যান তো, মেডিকেল কলেজ হস্টেলের ভেতরের অবস্থাটা গিয়ে দেখে আসুন। দেখুন ওরা কীভাবে থাকে। যারা দিন-রাত মানুষের সেবার জন্য দেহক্ষয় করছে, তাদের কি সামান্য সুযোগ- সুবিধেটুকু প্রাপ্য নয়? আমি তো জুনিয়র ডাক্তারদের বলব না এই ধর্মঘট প্রত্যাহার করতে। তারা নিজেরা সিদ্ধান্ত নেবে কী করবে!’

‘আপনি নিজে সরকারে ক্ষমতাসীন দলের একজন এমএলএ। এভাবে সরকারের দিকে আঙুল তোলা কি আপনার উচিত হচ্ছে?’

অখিলবাবু হাসলেন। বললেন, ‘এই অখিল মিদ্যা কাউকে ভয় পায় না। দলের জন্য নয়, মানুষের জন্য কাজ করব বলে রাজনীতিতে এসেছি। দলের যদি আমাকে প্রয়োজন না থাকে তো রইল ঝোলা চলল ভোলা। আমার কিচ্ছু যায়-আসে না।’

টাপুরদি কখন পেছনে এসে দাঁড়িয়েছে টের পাইনি। এবার পেছন থেকে বলল, ‘তা আর যাবে-আসবে কেন? ক-দিন ধরেই ফিসফাস চলছে অখিল মিদ্যা অপোজিশনের সঙ্গে গোপন মিটিং করছেন। ক-দিন আগেই দিল্লি পর্যন্ত গেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গোপন বৈঠক সেরে এসেছেন।’

‘তার মানে বলতে চাইছ, এটা বিরোধীদের ষড়যন্ত্র! এরকম একটা আনরেস্ট তৈরি করে রুলিং পার্টিকে বদনাম করা?’ জিজ্ঞাসা করলাম আমি।

টাপুরদি হাসল। বলল, ‘বিরোধীদের ষড়যন্ত্র কি না তা এখনও জোর দিয়ে বলা যাচ্ছে না। তবে, এতে অখিল মিদ্যার অ্যাডভান্টেজ যে ষোলো আনা সে-বিষয়ে সন্দেহ নেই।’

‘কীভাবে?’ জানতে চাইলাম আমি।

‘এক ঢিলে দুই পাখি মারার মানে বুঝিস?’ জিজ্ঞাসা করল টাপুরদি, ‘একটা সিঙ্গল স্টেপে নিজেকে রুলিং পার্টির এগেনস্টে গিয়ে নিজেকে বিরোধীদের কাছের লোক করে তোলার মধ্যে দিয়ে পলিটিকাল আখেরও গোছানও হল, আবার অরগ্যান ট্র্যাফিকিং চক্রকে মদত দিয়ে আর্থিক একটা দাঁও-ও মারা গেল। নট ব্যাড, অখিল মিদ্যা।’

‘কিন্তু অখিল মিদ্যা সেটা কেন করবে, টাপুরদি?’ জানতে চাইলাম আমি।

টাপুরদি টিভির দিকে চোখ রেখেই বলল, ‘বিধানসভায় জিতে মন্ত্রিত্ব পাননি। সেই সময় থেকেই ফাটল ধরেছিল। মুখ্যমন্ত্রীর কাছে দরবারও করেছিলেন। কিন্তু মেগাসিটি মেডিকেল কলেজ সংক্রান্ত বিভিন্ন অভিযোগ সিএম-এর কানে এসেছিল। ফলে তিনি ব্যাপারটা সুচতুরভাবে এড়িয়ে গেছেন। ভেতরে ভেতরে ক্ষোভ তো ছিলই। এই অবস্থায় বিরোধী শিবিরে যোগ দেওয়ার মধ্যে অস্বাভাবিক কিছু নেই। রাজ্যে না সই, লোকসভা ভোটের পর একটা কেন্দ্রীয় মন্ত্রিত্ব, নিদেনপক্ষে প্রতিমন্ত্রিত্ব জুটে গেলেও যেতে পারে।

‘কিন্তু তাতে অসুবিধে ছিল না। রাজনীতিতে দলবদল জামাকাপড় বদলের মতোই স্বাভাবিক ঘটনা। আদর্শের জন্য রাজনীতি করেন ক-জন? সেটা বড়ো কথা নয়। সমস্যা অন্য জায়গায়। আমার মন বলছে, মেডিকেল কলেজে এই আনরেস্ট সিচুয়েশনটা তিনি এই মুহূর্তে ইচ্ছে করে করেছেন। কারণ, যেসব দাবির জন্য এই ধর্মঘট, জুনিয়র ডাক্তারদের সেইসব সমস্যা আজকের নয়। আজ হঠাৎ করে রাতারাতি হরতাল করতে বসে যাওয়ার কারণ নেই। অল্পবয়সি ছেলেমেয়ে সব। তাদের আবেগকে সুপরিকল্পিতভাবে অন্য উদ্দেশ্যে একটা অভিমুখে চালিত করা হচ্ছে। আর আমার যদি খুব ভুল না হয় মিতুল, তবে উদ্দেশ্যটা হল ডক্টর মিত্রর মৃত্যুর তদন্ত বন্ধ করা। অখিলবাবুও এই ক্ষেত্রে শতরঞ্জের বোড়ে। তাকে আর্থিক বা অন্য কোনো প্রলোভন দিয়ে কাজে লাগাচ্ছে অন্য কোনো আরও পাকা মাথা।’

‘অদ্বৈত মুখার্জি?’ জিজ্ঞাসা করলাম আমি।

‘হতেই পারে!’ বলল টাপুরদি।

‘বাপ রে, কী সাংঘাতিক!’ বললাম আমি।

টাপুরদি মুচকি হাসল। বলল, ‘খেলা জমে উঠেছে।’

।। আটত্রিশ।।

সারাদিন অফিসে ছিলাম। ক্লান্ত শরীরে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। কলিং বেলের শব্দে ঘুম ভেঙে গেল। চোখ খুলে বোঝার চেষ্টা করলাম ক-টা বাজে। ঘরের ভেতরে ঘুটঘুটে অন্ধকার। মোবাইলের স্ক্রিনে ডিজিট্যাল ঘড়িতে দেখলাম রাত দেড়টা। গতকালের অভিজ্ঞতার কথা মনে করে বুক কেঁপে উঠল।

উঠে বাইরের ঘরে পৌঁছুলাম। টাপুরদিও ঘুমজড়ানো চোখে বেরিয়ে এসেছে দেখলাম।

‘কে এল এত রাতে?’ জিজ্ঞাসা করলাম আমি।

‘দেখি দাঁড়া!’ বলে এগিয়ে গিয়ে টাপুরদি দরজার আই-হোলে চোখ রাখল। আমি পেছন থেকে ‘দরজা খুলো না’ বলতে বলতে দরজাটা খুলে দিল টাপুরদি। দেখলাম উদভ্রান্ত ঝোড়ো কাকের মতো চেহারায় অর্জুনদা ঘরে ঢুকল।

‘কাল তোমাদের উপর অ্যাটাক হয়েছিল, জানাওনি কেন?’ কঠিন স্বরে বলল অর্জুনদা।

‘তোমাকে কে বলল?’ টাপুরদি জিজ্ঞাসা করল।

‘আমাকে কে বলল, সেটা বড়ো প্রশ্ন নয়। তুমি আমাকে কেন বলোনি, সেটা জানতে চাইছি আমি। টাপুর, তুমি তোমার মতো করে এই কেসে কাজ করতে চেয়েছ। আমি তোমার ইচ্ছেকে সম্মান জানিয়েছি। কিন্তু তুমি আমার ওপর এতটুকু ভরসা করতে পারলে না? এত বড়ো একটা ঘটনা হয়ে গেল, আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না তুমি?’

অর্জুনদা অনেক কথা বলে যাচ্ছে। টাপুরদি চুপ করে দাঁড়িয়ে আছে। এবার আমি এগিয়ে গিয়ে বললাম, ‘শান্ত হয়ে ব’সো অর্জুনদা। আমার কথা শোনো। লোকদুটো এসেছিল ঠিকই, কিন্তু তাদের ফেরত পাঠাতে আমাদের খুব বেশি সময় লাগেনি। তোমার চিন্তা হওয়াটা স্বাভাবিক। কিন্তু বিশ্বাস করো, দুশ্চিন্তা করার মতো কিছু তেমন হয়নি।’

অর্জুনদা অন্ধকার মুখে সোফায় বসে আছে। আমি টাপুরদির মুখের দিকে তাকালাম। মনে হল, ও আদৌ অর্জুনদার ক্ষোভ নিয়ে চিন্তিত নয়। অন্যমনস্কভাবে কী যেন ভাবছে।

এবার অর্জুনদার সামনে মেঝেতে হাঁটু মুড়ে বসল। অর্জুনদাকে বলল, ‘তাকাও এদিকে। আমাকে একটু বলো, আমাদের ওপর অ্যাটাক হয়েছে এ খবর তোমাকে কে দিল?’

‘সেটা কি খুব জরুরি, টাপুর?’ বিরক্তমুখে জিজ্ঞাসা করল অর্জুনদা।

‘হ্যাঁ, জরুরি’, কঠিন গলায় টাপুরদি বলল, ‘তুমি বুঝতে পারছ না অর্জুন। এসব ওরা ইচ্ছে করে করছে। ওরা তোমাকে আমার বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে।’

‘হোয়াট রাবিশ!’ বলল অর্জুনদা, ‘তুমি লোকাল থানায় রিভলভার জমা দিতে গেছিলে আজ সকালে। সেটা রাত ন-টা নাগাদ কেস ফাইল সমেত হেড কোয়ার্টারে পৌঁছেছে। আমি আজ রাত পর্যন্ত অফিসে ছিলাম তোমারই কাজে। সারাদিন অফিসের হাজারও কাজে সময় হয় না। রাতে শোভন সেনের অ্যাক্সিডেন্টের ফাইল খুঁজে বের করার জন্য থেকে গেছিলাম। তখনই জানতে পারলাম।’

‘সেটাই তো জানতে চাইছি আমি’, বলল টাপুরদি, ‘কী করে জানতে পারলে? সারা শহরের সব থানায় সারাদিনে যত এফআইআর লজ হয়, সব জানতে পারো তুমি? পারো না তো? তাহলে এই খবরটা কে তোমার কানে তুলে দিল, একটু মনে করে বলো প্লিজ!’

অর্জুনদার চোয়াল শক্ত হল। বলল, ‘এই রাতবিরেতে তোমাকে জবাবদিহি করার জন্য আমি এখানে ছুটে এসেছি বলে তোমার মনে হয় টাপুর? এনিওয়ে, রেকর্ডরুম থেকে কেউ ফোন করেছিল। কে করেছিল, মনে নেই।’

‘রেকর্ডরুম থেকে? কেন?’ টাপুরদির ভুরুতে ভাঁজ পড়ল। বলল, ‘মাথা ঠান্ডা করে ভেবে দেখো অর্জুন। কেউ এত রাতে রেকর্ডরুম থেকে কেন তোমাকে ফোন করে জানাবে? আমার ওপর অ্যাটাক হয়েছে সেটা তোমাকে জানানো প্রয়োজন বলে কারও কেন মনে হল? তোমার সঙ্গে আমার পরিচয় আছে সেটা কে কে জানে?’

অর্জুনদা বিমূঢ়ের মতো তাকিয়ে রইল টাপুরদির মুখের দিকে। টাপুরদি বলল, ‘যে বা যারা চায় যে আমি এই কেস থেকে সরে যাই, তারা প্রথমে এই বাড়িতে গুন্ডা পাঠিয়ে আমাকে আটকাতে চেষ্টা করেছে। তারপর সেটা না পেরে তোমাকে মানসিকভাবে দুর্বল করে আমার বিরুদ্ধে দাঁড় করাতে চেষ্টা করছে এখন। এর অর্থ, আমি ঠিক দিকে যাচ্ছি।’

‘কেস কেস করে তোমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে টাপুর। ইউ নিড আ ব্রেক।’ বলল অর্জুনদা।

টাপুরদি হেসে বলল, ‘ব্রেক নেব তো। আগে এই কেসটা সলভ করে নিই আমরা। তারপর কোথাও বেড়াতে যাব সবাই মিলে। যাবে তো?’

অর্জুনদার মুখেও হাসি ফুটল এতক্ষণে। বলল, ‘কোথায় যাবে, শুনি?’

টাপুরদি বলল, ‘দেখা যাক। আগে কেস শেষ হোক, তারপর বলব।’

আমিও হেসে বললাম, ‘আগে থেকে ব’লো টাপুরদি। ছুটির জন্য অ্যাপ্লাই করতে হবে।’

টাপুরদি অর্জুনদার দিকে তাকিয়ে বলল, ‘রাতে ডিনার করেছ তো?’

‘হুম।’ বলল অর্জুনদা।

‘মিতুল একটু চা বানাবি রে?’ টাপুরদি বলল।

আমি রান্নাঘরের দিকে এগোলাম।

সসপ্যানে চায়ের জল বসিয়ে বসার ঘরে এলাম। শুনি টাপুরদি জিজ্ঞাসা করছ, ‘শোভনবাবুর কেসফাইল থেকে কিছু পেলে?’

অর্জুনদা মাথা নেড়ে বলল, ‘তেমন কিছু না। সকালে বাজারে যাবেন বলে বেরিয়েছিলেন তিনি। বাজারের কাছাকাছি আসতে একটা ছোটো ট্রাক, যেগুলোকে ছোটো হাতি বলে, তার ধাক্কায় ছিটকে পড়ে যান। ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়েছিল। তার মতে শোভনবাবু নিজেই ট্রাকের সামনে এসে পড়েছিলেন। প্রত্যক্ষদর্শীদেরও একই মত। শোভনবাবু রাস্তা ধরে যেতে যেতে হঠাৎ করেই ছুটে ট্রাকের সামনে চলে যান। ট্রাক ড্রাইভার বয়স্ক সর্দারজি। তিনি নিজেই তাঁকে ট্রাকে তুলে হাসপাতালে নিয়ে গেছিলেন। কিন্তু বাঁচাতে পারেননি।’

‘সুইসাইড!’ বলল টাপুরদি।

‘হতে পারে!’ অর্জুনদা বলল।

টাপুরদি বলল, ‘আজ সকালে আমি শোভনবাবুর বাড়িতে গেছিলাম। তাঁর ছেলে বাড়িতে ছিলেন না। পুত্রবধূ জানালেন, মারা যাওয়ার আগ দিকে কিছুদিন ধরে কোনো অজ্ঞাত কারণে শোভনবাবু খুব টেনশনে ছিলেন। ঠিকমতো খাওয়া-দাওয়া করছিলেন না। রাতে ঘুমোতেন না। তাঁর পুত্রবধূ বললেন, মারা যাওয়ার আগের রাতে বাথরুমে যাওয়ার জন্য উঠে তিনি শ্বশুরমশাইকে নিজের ঘরে পায়চারি করতে দেখেছিলেন। তিনি জানতে চেয়েছিলেন, কী হয়েছে? তাতে শোভনবাবু জানান, খুব বড়ো ভুল হয়ে গেছে। আর ফেরার উপায় নেই। বিড়বিড় করে বলছিলেন, তার জন্য বাকি সকলকে মরতে দেবেন না তিনি। আরও অনেক কিছু বলছিলেন। তাঁর পুত্রবধূ ঠিক বুঝতে পারেননি। তবে তাঁকে মানসিকভাবে সুস্থ বলে মনে হচ্ছিল না।’

‘তার মানে তিনি টেনশনে ছিলেন?’ ভুরু কুঁচকে জিজ্ঞাসা করল অর্জুনদা।

‘সেটাই তো আমিও জিজ্ঞাসা করছিলাম ভদ্রমহিলাকে।’ টাপুরদি বলল।

‘তা তিনি কী বললেন?’

‘বললেন, তিনি জানেন না। পরদিন সকালে নাকি শোভনবাবুকে অনেক সুস্থ লাগছিল। শোভনবাবু নিজে বাজারে যেতেন না, বরং তাঁর ছেলেই যেতেন। কিন্তু সেদিন সকালে নিজেই রান্নাঘরে গিয়ে পুত্রবধূর কাছে বাজারের ব্যাগ চান। ভদ্রমহিলা ভেবেছিলেন, একটু বাইরে গেলে, চারজনের সঙ্গে গল্পগুজব করলে হয়তো একটু ভালো থাকবেন তিনি। কিন্তু ঘুণাক্ষরেও ভাবেননি, শ্বশুরমশাইয়ের মৃতদেহ ফেরত আসবে।’

রান্নাঘরে চায়ের জল গরম হয়ে গেছে। গ্যাসের নব বন্ধ করে টি-পটে চা-পাতা দিয়ে তাতে গরম জল ঢেলে ঢাকনা বন্ধ করে দিলাম। এখন কয়েক মিনিট ভিজবে এটা। বসার ঘরে ফিরে এসে শুনলাম টাপুরদি বলছে, ‘শোভনবাবু নবদিগন্তের কমিটিতে থাকলেও খুব বেশি যেতেন না সেখানে। এমনকি কমিটিতে নিজের নামও রাখতে চাননি। পরে নেহাত বন্ধুকৃত্য করতেই দেবাশিসবাবুর অনুরোধেই তিনি কমিটিতে নিজের নাম রাখতে রাজি হয়েছিলেন।’

চায়ের পাতা ভিজে হালকা লাল রং ধরেছে, সুন্দর গন্ধ ছাড়ছে। তিনটে কাপে চা ঢেলে বসার ঘরে এসে সেন্টার টেবিলের ওপর রাখলাম।

চায়ের কাপ তুলে তাতে চুমুক দিয়ে অর্জুনদা বলল, ‘মাঝরাতে এসে তোমাদের জ্বালাচ্ছি। এই চা-টুকুর খুব দরকার ছিল। যাই হোক, শোভনবাবুর বাড়ি থেকে এর বেশি আর কিছু জানা গেল না, তাইতো?”

টাপুরদি মুচকি হেসে বলল, ‘না, আরও কিছু আছে। মারা যাওয়ার দিন সাতেক আগে থেকেই শোভনবাবু অস্থির হয়ে উঠেছিলেন। তারপর আগের দিন একটা ফোন এসেছিল তাঁর কাছে। সেই ফোনটা পাওয়ার পর তিনি কয়েকজনকে পরপর ফোন করেন। ফোনে রীতিমতো চ্যাঁচামেচি করছিলেন তিনি। তারপরে ফোন রেখে একদম চুপ হয়ে গেছিলেন।’

‘কার ফোন?’

টাপুরদি বলল, ‘শোভনবাবুর বউমা তাঁকে চা দিতে সেই সময় ঘরে গেছিলেন। তিনি শুনেছিলেন, শোভনবাবু কাউকে বলছেন, ‘বিনয়কৃষ্ণ মেমোরিয়ালকে নিজের হাতে তৈরি করেছিলাম আমি। দু-দিনের ছোকরা সাগর দাশগুপ্তের এত সাহস আমাকে হুমকি দেয়! সব ফাঁস করে দেব, সবাইকে জেলের ঘানি টানতে হবে।’ ফোন রাখার পর তাঁর বউমা জানতে চেয়েছিলেন, কী হয়েছে? শোভনবাবু কোনো উত্তর না দিয়ে দরজা বন্ধ করে দেন।’

‘তার মানে শোভনবাবু নবদিগন্ত সম্পর্কে কোনো গোপন কথা জানতে পেরেছিলেন, যা বাইরে এলে সবাইকে জেলে যেতে হত। সাগর দাশগুপ্ত তাঁকে থ্রেট দিয়েছিলেন। শোভনবাবুও পুলিশকে সব জানাবেন বলে কাউকে হুমকি দিয়েছিলেন। আর তারপরেই রোড অ্যাক্সিডেন্ট। তাহলে কি দুর্ঘটনা নয়, খুন?’ নিজের মনেই বলল অর্জুনদা।

‘আত্মহত্যাও হতে পারে!’ বলল টাপুরদি, ‘হয়তো শোভনবাবুর মনে অনুশোচনা বা ভয় দানা বেঁধেছিল। হয়তো মনে হয়েছিল, তাঁর কারণে তাঁর পরিবারের বিপদ হতে পারে। হয়তো তাঁকে সেরকমই থ্রেট দেওয়া হয়েছিল। আবার মনের মধ্যে গোপন কথাগুলো চেপে রাখার অপরাধবোধও আর সহ্য করতে পারছিলেন না। অগত্যা…’

‘এসব কথা তো ওদের ফ্যামিলির লোকেরা পুলিশকে জানাননি। জানালে কেস ফাইলে লেখা থাকত।’ বলল অর্জুনদা।

‘জানিয়েছিলেন’, টাপুরদি বলল, ‘অন্তত ওঁরা আমাকে তাই-ই জানিয়েছেন। পুলিশের ফাইলে যদি না থাকে তাহলে ধরে নিতে হবে ফাইলও ম্যানিপুলেট করা হয়েছে।’

‘লালবাজারে? ইমপসিবল!’ জোর দিয়ে বলল অর্জুনদা।

‘এভরিথিং ইজ পসিবল ইন দিস কেস, অর্জুন। ভুলে যেয়ো না এই কেসে সব রাঘব-বোয়ালরা জড়িয়ে আছে। আর শেখর মজুমদার নিজে একজন আইপিএস ছিলেন। শেখর মজুমদারের মৃত্যুর ব্যাপারে কিছু জানতে পারলে?’

।। উনচল্লিশ।।

সাগর দাশগুপ্তকে কলকাতা পুলিশের তরফ থেকে জিজ্ঞাসাবাদের জন্য লালবাজারে ডেকে পাঠানো হয়েছে। পারমিশনটা অর্জুন অনেক কাঠখড় পুড়িয়ে বের করেছে। সকাল সাড়ে দশটায় তাঁকে পুলিশ হেড কোয়ার্টারে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু তিনি এলেন পৌনে বারোটায়। দামি স্যুট পরনে, মুখে চ্যান্সেলর কোম্পানির ট্রেজারার সিগারেট। পোলারাইজড রেব্যানের সানগ্লাসটা খুলে খুব বিরক্ত মুখে পুলিশ স্টেশনে ঢুকলেন তিনি। সঙ্গে কালো কোটে একজন গম্ভীরমুখো উকিল সঙ্গে করে নিয়ে এসেছেন। সিগারেটটা ফেললেন না সাগরবাবু। মনে হল, এখানে আবির্ভূত হয়ে কলকাতা পুলিশকে দয়া করেছেন তিনি।

কথোপকথন শুরু হয়েছিল খুব স্বাভাবিকভাবেই। সময় যত গড়াতে থাকল, ইন্টারোগেশন রুমের উষ্ণতার পারদ ততই চড়তে লাগল।

‘নবদিগন্ত সেবাশ্রমের আড়ালে ট্র্যাফিকিং চলছিল, সেটা জানতেন তো আপনি?’

‘অল রাবিশ! কীসের ট্র্যাফিকিং? কোনো প্রমাণ আছে?’ রূঢ়ভাবে বললেন সাগর দাশগুপ্ত।

‘প্রমাণ যা দেওয়ার কোর্টে দেব। আগে আপনি বলুন, নবদিগন্তে কবে থেকে এসব চলছে। এর পেছনে কে কে আছে?’ অর্জুন কঠিন কণ্ঠে জিজ্ঞাসা করল।

সাগরবাবুর ল-ইয়ার বললেন, ‘আমার ক্লায়েন্ট এই প্রশ্নের উত্তর দেবেন না।’

অর্জুন: বেশ! দেবেন না উত্তর। বরং অন্য কথা জিজ্ঞাসা করি। শেখর মজুমদার মারা গেলেন কেমন করে? সেই সময় তো আপনি কলকাতাতেই ছিলেন।

সাগর: ছিলাম। জামাইবাবুর হার্ট অ্যাটাক হয়েছিল। ডেথ সার্টিফিকেটে দেখতে পারেন।

অর্জুন: হেলথলাইন হাসপাতালের ডেথ সার্টিফিকেট, তাইতো? যেখানে দেবাশিস মিত্র কাজ করতেন। কিন্তু একটা কথা বলুন, কার্ডিওলজিস্টের বদলে একজন গ্যাস্ট্রো সার্জেন কেন ডেথ সার্টিফিকেট দিলেন?

সাগর: সেটা তাঁকেই জিজ্ঞাসা করুন।

অর্জুন: সেটা তো আর সম্ভব নয়। আর তা ছাড়া খোঁজ নিয়ে জেনেছি, আপনি হেলথলাইন হসপিটালের একটা বেশ বড়োসড়ো শেয়ার হোল্ড করছেন।

সাগর: তাতে আপনার আপত্তি আছে?

অর্জুন (হেসে): নাহ, আপত্তি কীসের? কিন্তু হেলথলাইনের এগেনস্টে অনেকগুলো চার্জ আছে। যেমন ধরুন, ইচ্ছে করে পেশেন্ট ধরে রেখে বিল বাড়ানো, অপ্রয়োজনীয় অপারেশন করা, মৃত ব্যক্তির অপারেশন করা, লো গ্রেডের ওষুধ দেওয়া, যেগুলি কি না আপনার কোম্পানির, তারপর ধরুন, ভুয়ো রিপোর্ট তৈরি করে পেশেন্টকে হাসপাতালে ভরতি রাখা আরও অনেক কিছু। আপনাদের হাত অনেক লম্বা জানি, কিন্তু পুলিশ যদি সবগুলো ফাইল খুলে একে একে কেস সাজানো শুরু করে আপনি কিন্তু বেশ কয়েক বছরের জন্য ভেতরে যাবেন।

ল-ইয়ার: আমার ক্লায়েন্ট এ-বিষয়ে কিছু জানেন না। সব অভিযোগ মিথ্যা। আপনারা কেস সাজাতে পারেন, কোর্টে দেখা হবে।

অর্জুন: বেশ, কোর্টে দেখা হলে আমার কোনো অসুবিধে নেই। চার্জশিট তৈরি করার মতো এনাফ এভিডেন্স আমার কাছে আছে। কিন্তু মিস্টার দাশগুপ্ত, আপনার দিদি যদি জানতে পারেন যে শেখর মজুমদারের মৃত্যুর পেছনে আপনার হাত আছে, তিনি আপনাকে ক্ষমা করতে পারবেন তো?

সাগর দাশগুপ্ত একটা কথাও বললেন না। স্থির দৃষ্টিতে অর্জুনের চোখের দিকে তাকিয়ে রইলেন।

অর্জুন: না কি, মিসেস মজুমদারও ছিলেন আপনার সঙ্গে! রাইট, মিসেস মজুমদারের সায় না থাকলে ডক্টর মিত্র নর্মাল ডেথের রিপোর্ট দিতেনই না। আপনার দিদির সঙ্গে ডক্টর মিত্রর তো একটা অন্যরকম সম্পর্ক ছিল, তাই না?

সাগর (দাঁতে দাঁত চেপে): বাজে কথা।

অর্জুন: না, বাজে কথা নয়। আমরা শেখর মজুমদারের ডেথটা নিয়ে নতুন করে কেস ফাইল ওপেন করছি। তদন্ত হবে। এতদিন পরে, তাই সাক্ষীসাবুদ জোটাতে অসুবিধে হয়তো হবে। কিন্তু হয়ে যাবে, শিউলি দেবী আছেন। শত হলেও নিজের স্বামী বলে কথা!

সাগর: দিদিকে ডিস্টার্ব করবেন না। ও এমনিতেই ডিপ্রেশনের রোগী। তার ওপর ইদানীং ওর সমস্যাটা আরও বেড়েছে। যা জিজ্ঞাসা করার আমাকে করুন।

অর্জুন: সেটাই তো স্বাভাবিক। ডক্টর মিত্রর মৃত্যুর পর শিউলি দেবী যে ডিপ্রেসড হয়ে যাবেন, সেটা খুব স্বাভাবিক। যাই হোক, এবার বলুন তো, শোভন সেন মারা যাওয়ার কদিন আগে আপনি তাকে ফোন করে থ্রেট দিয়েছিলেন। কেন?

সাগর (খুব অবাক হয়ে): থ্রেট! আমি কেন থ্রেট দিতে যাব?

অর্জুন: দিয়েছিলেন, দিয়েছিলেন। মনে করে দেখুন। শোভনবাবুর পুত্রবধূ ফোনে কথোপকথন শুনেছিলেন।

সাগর: মিথ্যে কথা, আমার ফোন রেকর্ড চেক করতে পারেন।

অর্জুন: লাভ নেই। শোভনবাবুর কাছে সেই রাতে যে ফোনটা এসেছিল, তার নম্বর এনক্রিপ্টেড। কিন্তু তারপরেই তিনি যে নম্বরে ফোন করেছিলেন, সেটা আমাদের কাছে আছে। সেই নম্বর দেবাশিস মিত্রর। তাঁকে ফোন করে শোভন সেন জানিয়েছিলেন যে আপনি তাঁকে থ্রেট করেছেন।

সাগর: আমি কোনো ফোন করিনি। সব মিথ্যে।

অর্জুন: আপনার ফ্যাক্টরিতে জাল ওষুধ তৈরি, সাক্ষীর রহস্যজনক মৃত্যু, একাধিক প্রাইভেট হাসপাতালের সঙ্গে আপনার বে-আইনি লেনদেন, সরকারি টেন্ডার পাওয়ার জন্য মন্ত্রীকে ঘুষ দেওয়া সেসবও মিথ্যে? কেস কোর্টে উঠলে কিন্তু বিজনেসের পাস্ট রেকর্ডের খাতা সবার সামনে খুলবে। কোর্ট কেস বছরের পর বছর গড়াবে। আপনার উকিল পকেটে টাকা ভরে বড়োলোক হবে। আর আপনার বদনাম সারা দেশে ছড়িয়ে পড়বে। মিডিয়া, প্রেস আপনাকে নিয়ে রসালো খবর করবে। আপনার কোম্পানির শেয়ার মূল্যে ধস নামবে। আপনার এতদিন ধরে গড়ে তোলা বিজনেস এম্পায়ার ধুলোয় মিশে যাবে।

ল-ইয়ার: আপনি আমার ক্লায়েন্টকে এভাবে থ্রেট করতে পারেন না।

অর্জুন (খুব রেগে গিয়ে): চুপ করুন। আমি সব করতে পারি। আরও এমন অনেক কিছু করতে পারি যা আপনি ভাবতেও পারেন না। সবার আগে পুলিশি তদন্তে বাধা দেওয়ার জন্য আপনাকে জেলে পুরতে পারি।

সাগর দাশগুপ্ত (গম্ভীর মুখে): কী জানতে চান বলুন?

অর্জুন: সবার আগে বলুন রাঘব সামন্ত কে?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *