মৃতেরা কোথাও নেই – ৩০

।। ত্রিশ।।

দুঃসংবাদটা রাতের মধ্যেই এসে পৌঁছোল। ডক্টর দেবাশিস মিত্র মারা গেছেন। সাডেন মেজর কার্ডিয়াক অ্যারেস্ট, চিকিৎসা করার সময়ই পাওয়া যায়নি। ফোনে খবরটা শুনে ধপ করে মেঝেতে বসে পড়ল টাপুরদি। আমি গিয়ে পাশে বসলাম। টাপুরদির কাঁধে হাত রেখে বললাম, ‘ওঠো টাপুরদি, উঠে ব’সো।’

আমার দিকে শূন্যদৃষ্টিতে তাকাল টাপুরদি। তার পরমুহূর্তেই হাউহাউ করে কেঁদে উঠল, ‘আমার জন্য হল। আমার জন্য মরতে হল মানুষটাকে!’

ওর এরকম প্রতিক্রিয়ায় আমিও ক্ষণিকের জন্য বিহ্বল হয়ে গেলাম। তারপর টাপুরদির মাথায়, পিঠে হাত বুলিয়ে বললাম, ‘এরকম ক’রো না, লক্ষ্মী দিদি আমার! তুমি তো চেষ্টা করেছিলে।’

টাপুরদি ফোঁপাতে ফোঁপাতেই বলল, ‘চেষ্টা করাটা যথেষ্ট ছিল না মিতুল, তুই বুঝতে পারছিস না। আমার বোঝা উচিত ছিল, যারা এসব করছে তারা কতটা বিপজ্জনক লোক। তারা কিছুতেই ডক্টর মিত্রকে বাঁচিয়ে রাখবে না বুঝেই তিনি নিজেকে গৃহবন্দি রেখেছিলেন। আমি বুঝতে পারিনি নিজের বাড়িতে তিনি বেশি সেফ ছিলেন। বুঝিনি মেগাসিটি-মেডিকেল কলেজ হাসপাতালে অত ভিড়ের মধ্যে তার কাছে আততায়ীর পৌঁছোনো অনেক সহজ হবে, তাকে হত্যা করা সহজ হবে। আমি বুঝিনি যারা এত বড়ো একটা ব্যাবসা এতদিন ধরে পুলিশের নজর এড়িয়ে চালাচ্ছে, তাদের পক্ষে একজন প্রৌঢ়কে মেরে ফেলা কোনো বড়ো সমস্যা হবে না। আমি বুঝতে পারিনি রে মিতুল! আমার দোষে এসব হল।’

টেবিল থেকে জলের বোতল নিয়ে এলাম আমি। মুখ খুলে টাপুরদির হাতে দিলাম। বললাম, ‘জল খাও। চোখ মোছো। মেডিকেল কলেজে ডক্টর মিত্রকে তুমি পাঠাওনি টাপুরদি। সেই সিদ্ধান্ত নিয়েছিলেন সৌরভবাবু ও হেলথ সেক্রেটারি। তুমি তো শুধু ওঁদের তোমার আশঙ্কার কথা জানিয়েছিলে।’

‘না মিতুল, আমায় তুই সান্ত্বনা দিস না। আমার ভুলে একটা মানুষের প্রাণ গেল। আমি এই কেসে আর কাজ করব না, কিছুতেই না। পুলিশ যা পারে করুক। পুলিশ তো আমার সাহায্য চায়নি। আমি যেচে পড়ে গেছিলাম ওদের কাছে’, বলতে বলতে নিজের মোবাইলটা নিয়ে কাউকে ডায়াল করতে শুরু করল টাপুরদি।

‘কাকে ফোন করছ তুমি? টাপুরদি, কী করছ?’ বলে উঠলাম আমি। ততক্ষণে টাপুরদি ফোনের ও-প্রান্তের ব্যক্তির সঙ্গে কথা বলতে শুরু করেছে।

কিছুক্ষণ কথা বলে ফোন রাখল টাপুরদি। আমি জিজ্ঞাসা করলাম, ‘কী বললেন সুদর্শনবাবু?’

‘আমার সঙ্গে দেখা করতে চাইছেন।’ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল টাপুরদি, ‘আমাকে তাঁর বাড়িতে যেতে বললেন।’

‘চলো, আমিও যাব।’ বললাম আমি।

সল্টলেক সেক্টর টু-এ ছিমছাম দোতলা বাড়িটি বাইরে থেকে দেখলেই গৃহকর্তার রুচির পরিচয় মেলে। সুদর্শনবাবু বাড়িতেই ছিলেন। কলিং বেল টিপতে নিজের দরজা খুললেন তিনি।

‘এসো, ভেতরে এসো তোমরা। বাড়ি চিনতে অসুবিধে হয়নি তো?’ জিজ্ঞাসা করলেন তিনি।

আমি মাথা নাড়লাম।

‘যাক, সাধারণত সল্টলেকের বাইরের লোকের কাছে সল্টলেক গোলকধাঁধার চেয়ে কিছু কম নয়। তাই জিজ্ঞাসা করলাম।’ বললেন তিনি।

আমি বললাম, ‘আমি জিপিএস ধরে ড্রাইভ করে এসেছি। তাই অসুবিধে হয়নি।’

‘আচ্ছা, আচ্ছা। আজকাল এসব সুবিধে হয়েছে। আমি বুড়ো মানুষ, এসব টেকনোলজি-টজি ভালো বুঝি না। রাস্তা হারালে লোকজনকে জিজ্ঞাসা করে করে ঠিক পৌঁছে যাই।’ হাসিমুখে বললেন সুদর্শনবাবু।

টাপুরদি এতক্ষণ একটাও কথা বলেনি। কেঁদেকেটে চোখ ফুলে উঠেছে ওর।

বসার ঘরটা বেশ বড়ো। ঘরের একটা দেয়াল জোড়া বুকসেলফে প্রচুর বই। সুন্দর চামড়ায় বাঁধানো সোফায় বসলাম আমরা। সুদর্শনবাবু আমাদের মুখোমুখি বসলেন। বললেন, ‘চা খাবে, না কফি? তোমরা অনেক ছোটো, তাই ‘তুমি’ই বলছি, কেমন?’

আমি টাপুরদির দিকে তাকালাম। তারপর বললাম, ‘একদম ‘তুমি’ বলুন। এখন কিছু খাব না স্যার। আসলে ডক্টর মিত্রর সাডেন ডেথটা’…

আমাকে থামিয়ে দিয়ে সুদর্শনবাবু টাপুরদির দিকে তাকিয়ে নরম গলায় বললেন, ‘তোমাদের বয়স কম। এই বয়সে আঘাতের অভিঘাত অনেক বেশি হয়, বুঝি। আমার বয়স হয়েছে। এই চাকরি উপলক্ষ্যে কম তো দেখলাম না। কিন্তু যাই হোক না কেন, যে দায়িত্ব নিজের কাঁধে নিয়েছ তা তো এত সহজে নামিয়ে দেওয়া যায় না। কষ্টটা কমে এলে তখন এভাবে মাঝপথে যুদ্ধ ছেড়ে পালানোর জন্য নিজের সঙ্গেই দৃষ্টি মেলাতে পারবে না তুমি।’

টাপুরদি মুখ তুলে বলল, ‘কী করব? আমি নিজেকেই ক্ষমা করতে পারছি না। বারবার মনে হচ্ছে আমার জন্যই এসব হল।’

সুদর্শনবাবু বললেন, ‘আমি সব শুনেছি। তোমার এখানে কোনো দোষ নেই। ভুল যদি কারও থেকে থাকে তা সৌরভ ও অদ্বৈতর। তাদের সিদ্ধান্তে ভুল ছিল। ভুলও বলব না, তারাও বোঝেনি পরিস্থিতির গুরুত্বটা। যদিও ডক্টর স্বাভাবিক মৃত্যুই সার্টিফাই করেছে, তবু অটোপসি তো করতেই হবে। তুমি আর এ নিয়ে ভেবো না। যে কাজের দায়িত্ব নিয়েছ সেটা করো।’

‘ডক্টর মিত্রর বাড়ি থেকে বেরিয়ে আমি আপনাকেই আগে ফোন করেছিলাম। আপনি তখন ফোন ধরেননি স্যার!’ বলল টাপুরদি।

সুদর্শনবাবু বললেন, ‘আমি একটা জরুরি মিটিং-এ ছিলাম। ফোন সাইলেন্ট ছিল। পরে মিটিং থেকে বেরিয়ে এসে তোমার মিসড কল দেখে কল করতে যাব, তার আগেই অদ্বৈত খবরটা দিল। সত্যি কথা বলতে কী, তখন ওই মুহূর্তে আমারও অদ্বৈতর সিদ্ধান্তই ঠিক বলে মনে হয়েছিল। আমিও পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারিনি। তুমি যদি এই ঘটনার জন্য নিজেকে দোষী করো, তাহলে আমিও একই অপরাধে অপরাধী।’

টাপুরদি বলল, ‘আমার কী করা উচিত বুঝে উঠতে পারছি না!’

‘আগে এক কাপ গরম গরম কফি খাওয়া উচিত’, হেসে বললেন সুদর্শনবাবু, ‘তারপর এ-বিষয়ে ভাবনাচিন্তা করা যাবে, কেমন?’ বলে ঘরের ভেতরে চলে গেলেন তিনি। মিনিট দুয়েকের মধ্যে আবার ফিরে এসে বসলেন। সম্ভবত ভেতরে কাউকে কফির জন্য বলে এলেন।

‘দেখো সঙ্ঘমিত্রা, তুমি যদি কাজটা করতে না চাও সেক্ষেত্রে তোমাকে কেউ জোর করতে পারবে না, আমি বা সিএম কেউই নয়। কাজটা তুমি নিজে করতে চেয়েছিলে, তাই না? এখন ভেবে দেখো তো, কেন করতে চেয়েছিলে? একটা ছোটো ছেলেকে খুঁজে বের করার জন্য, তাই না?’

মাথা নাড়ল টাপুরদি।

‘তাকে কি পেয়ে গেছ তুমি? সে কেমন আছে, কী অবস্থায় আছে জানো কি? নাকি তাকে খোঁজার প্রয়োজন ফুরিয়ে গেছে? শুধু সে নয়, হয়তো তার মতো আরও অনেক মানুষকে তুমি বাঁচাতে পারো। এত সহজে হাল ছেড়ে দিলে চলবে?’

টাপুরদি ক্ষীণ কণ্ঠে বলল, ‘ডক্টর মিত্রর মৃত্যুটা আমার আত্মবিশ্বাসের ভিতটা নাড়িয়ে দিয়েছে। আমি নিজের ওপর ভরসা রাখতে পারছি না আর।”

হাসলেন সুদর্শনবাবু। তারপর বললেন, ‘তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি আমি। জানো, আমি যেদিন সিভিল সার্ভিসের জন্য পরীক্ষা দিতে গেছিলাম, আমার বাবা মৃত্যুশয্যায়। পরীক্ষা দিচ্ছি আর ভাবছি ফিরে গিয়ে বাবাকে হয়তো আর দেখতে পাব না। ভাবছি, কেন এলাম পরীক্ষা দিতে! ফিরে গিয়ে দেখলাম আমার আশঙ্কাই সত্যি হয়েছে। বাবা আর নেই। মৃত্যুর আগে আমাকে দেখতে চেয়েছিল বাবা। সেই অপরাধবোধ আমাকে কুরে কুরে খেয়েছে অনেকদিন। একটা সময় সিদ্ধান্ত নিয়েছিলাম, যে পরীক্ষার জন্য বাবাকে শেষ দেখাটা দেখতে পেলাম না, সেই চাকরি আর করব না। তারপর মনে হল, কেন করব না? এই কাজ করে হয়তো আরও অনেক মানুষকে বাঁচাতে পারব। সমাজের মঙ্গলের জন্য আরও অনেক কাজ করতে পারব। সেদিন আমি আবেগের চেয়ে কর্তব্যকে আগে স্থান দিয়েছিলাম। এবার বল তোমার কোর্টে। তুমি কী করবে সেই সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে।’

পর্দা সরিয়ে একজন বয়স্কা মহিলা ঢুকলেন। কেমন যেন ঘোলাটে চোখের দৃষ্টি। আমাদের দিকে না তাকিয়ে সোজা সুদর্শনবাবুর মুখের দিকে তাকিয়ে কেমন যেন ধরা গলায় বললেন, ‘আমার খুব ঘুম পাচ্ছে।’

সুদর্শনবাবু কেমন অপ্রস্তুত মুখে বললেন, ‘তুমি বাইরে এলে কেন? মালতী কোথায়? মালতী মালতী!’

একজন মোটাসোটা পরিচারিকা ঘরে এল হাতে ট্রে-তে কফির কাপ ও কুকিজ সাজিয়ে।

‘বউদিকে দেখো মালতী, ভেতরে নিয়ে যাও। ঘুম পেয়েছে বলছে, ঘুম পাড়িয়ে দাও।’

মালতী বলল, ‘ঘুম পাড়াচ্ছিলাম তো। কফি করতে গেলাম, সেই ফাঁকে উঠে এসেছে।’

‘ওরা কে?’ আমাদের দিকে আঙুল তুলে জিজ্ঞাসা করলেন ভদ্রমহিলা।

‘ওরা আমার কাছে কাজে এসেছে, মণিকা। ওদের নাম সঙ্ঘমিত্রা আর মৈথিলী।’

এবার আমাদের দিকে তাকিয়ে সুদর্শনবাবু পরিচয় করিয়ে দিলেন, ‘আমার স্ত্রী, মণিকা।’

আমরা নমস্কার করলাম। ভদ্রমহিলা আমাদের প্রত্যুত্তর করলেন না। সুদর্শনবাবুর দিকে তাকিয়ে বললেন, ‘আমার খিদে পেয়েছে। আমি খাব না?’

সুদর্শনবাবু নরম গলায় বললেন, ‘তুমি তো একটু আগেই ডিনার করেছ, মণিকা। আমিই তো খাইয়ে দিলাম তোমায়। যাও, এখন ঘুমিয়ে পড়ো, মালতী তোমাকে ঘুম পাড়িয়ে দেবে।’

বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে পর্দা সরিয়ে ভেতরে চলে গেলেন মণিকা দেবী। সুদর্শনবাবু সেদিকে তাকিয়ে বিষণ্ণ কণ্ঠে বললেন, ‘মণিকা অ্যালজাইমার্সের পেশেন্ট। অনেকদিন ধরেই এই অবস্থা, ধীরে ধীরে আরও খারাপ হচ্ছে।’

মনটা খারাপ হয়ে গেল। হাসিখুশি, পরোপকারী মানুষটিকে দেখলে বোঝাই যায় না তার ব্যক্তিগত জীবনে এমন জটিলতা আছে। কফিতে চুমুক দিতে দিতেই একটা ফোন এল সুদর্শনবাবুর মোবাইলে। তিনি ‘হ্যাঁ অদ্বৈত, বলুন!’ বলে উঠে গেলেন। একটু পরে ফিরে এসে বললেন, ‘একটা খবর আছে তোমার জন্য সঙ্ঘমিত্রা। ডক্টর মিত্রর অটোপসি হয়ে গেছে। যদিও অফিশিয়াল রিপোর্ট এখনও হাতে আসেনি, তবু মৃত্যুটাকে নর্মাল বলেই মনে হচ্ছে। ডক্টর মিত্রর হার্টের সমস্যা ছিল, প্রায় নাইনটি পার্সেন্ট ব্লকেজ ছিল আর্টারিতে। হয়তো বেশি টেনশনে ছিলেন তিনি। অরগ্যানস ভিসেরার জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট আসতে ক-দিন লাগবে আরও।’

টাপুরদি সুদর্শনবাবুর মুখের দিকে তাকাল। সুদর্শনবাবু তার মাথায় হাত রেখে বললেন, ‘এত ভেঙে পড়লে চলবে কেন? তোমার সম্পর্কে অম্লানের কাছে অনেক শুনেছি। তুমি তো অমন দুর্বল মেয়ে নও। নাউ বি স্ট্রং, অ্যান্ড ফাসন ইয়োর সিটবেল্ট। যে দায়িত্ব নিয়েছ, সেটা সম্পূর্ণ করো।’

।। একত্রিশ।।

সেদিনের পর থেকে অর্জুনদা আর আসেনি। টাপুরদির ইগোও তো কম নয়। কষ্ট পাবে, তবু নিজে থেকে একবার কল করবে না। অর্জুনদার অভিমানটা আমি বুঝতে পারি, কিন্তু টাপুরদির এই অকারণে কষ্ট পাওয়ার অর্থ খুঁজে পাই না। আজ তাই আমি নিজেই ফোন করেছিলাম অর্জুনদাকে। ডক্টর মিত্রর মৃত্যুর খবর আমাদের আগে অর্জুনদা পেয়েছে। কিন্তু টাপুরদির মনের খবরটা আমাকেই দিতে হল। জানতাম টাপুরদি ভালো নেই জানলে অর্জুনদা অভিমান ভুলে ছুটে না এসে থাকতে পারবে না।

ঘরে ঢুকে জুতো খুলতে খুলতে হাঁক ছেড়ে বলেছিল অর্জুনদা, ‘যা আছে খেতে দাও শিগগির। পেটের নাড়িভুঁড়ি সব জ্বলে গেল।’

ওই একটা কথাতেই ঘরের বাতাস হালকা হয়ে গেছিল। আমি তাড়াতাড়ি জল এনে দিয়েছিলাম। টাপুরদি মন-খারাপ ভুলে রান্নাঘরে ছুটেছিল কিছু খাবার বানাতে। গ্লাসে জল এনে অর্জুনদার সামনে টেবিলে রাখলাম। অর্জুনদা ইশারায় জানতে চাইল টাপুরদি কেমন আছে? মৃদু মাথা নাড়লাম, ভালো নেই টাপুরদি। অর্জুনদা একটুক্ষণ মাথা নিচু করে বসে রইল। জলের গ্লাসটা তুলে জলটা খেল। তারপর উঠে রান্নাঘরের দিকে এগোল। আমিও সেখান থেকে সরে বেডরুমে চলে এলাম। অনেক মান-অভিমান জমে আছে। সেটা নিঃশেষে মুছে ফেলার জন্য ওদের এখন খানিকটা একান্ত প্রয়োজন।

ঘরে এসে ল্যাপটপটা নিয়ে বসলাম। টাপুরদি নবদিগন্তের রেজিস্ট্রেশনের নথিগুলির সফটকপি নিয়ে এসেছিল। সেগুলো আমিও আমার ল্যাপটপে সেভ করেছিলাম। সেই ফাইলটা খুলে নথিগুলি দেখতে লাগলাম। পাঁচজনের ডকুমেন্টস ও ছবি রয়েছে এখানে। এদের মধ্যে শোভন সেন, ডক্টর মিত্র এখন আর বেঁচে নেই। এই হোমের উদ্যোক্তা, শিউলি মজুমদারের স্বামী শেখর মজুমদারও মারা গেছেন। রাঘব সামন্তের সম্পর্কে কোনো খবর পাওয়া যাচ্ছে না। তার মানে কি কেউ বা কারা সুনিপুণভাবে কমিটি মেম্বারদের একে একে সরিয়ে দিচ্ছে! যদিও প্রত্যেকটা মৃত্যুই স্বাভাবিক। শোভনবাবু রোড অ্যাক্সিডেন্টে মারা গেলেও প্রত্যক্ষদর্শীরা সেটাকে সাধারণ দুর্ঘটনা বলেই মত দিয়েছেন। কিন্তু দুর্ঘটনা তো পরিকল্পনামাফিক ঘটানোও যায়! তাই যদি হয়, এর মানে তো দাঁড়াচ্ছে যে জীবিত বাকি তিনজনও সুরক্ষিত নন। এই অ্যাঙ্গল থেকে আগে তো ভেবে দেখিনি!

কথাটা মাথায় আসা মাত্র লাফিয়ে উঠলাম। বসার ঘরে গিয়ে দেখলাম টাপুরদি প্লেটে করে চাউমিন নিয়ে টেবিলে সাজাচ্ছে। পেছনে অর্জুনদা ট্রে-তে তিন কাপ চা নিয়ে আসছে। আমি ঘরে ঢুকতে টাপুরদি আমার দিকে তাকিয়ে লাজুক হাসল। লড়াকু মেয়ের মুখে এই লজ্জার অরুণাভাটুকু ভারি ভালো লাগে। যাক, মেঘ কেটে গেছে। অতএব নিশ্চিন্তি!

‘টাপুরদি, একটা কথা মাথায় এল!’ তড়িঘড়ি বললাম আমি।

‘বলে ফেল!’

‘এখন পর্যন্ত নবদিগন্তের সঙ্গে জড়িত তিনজন মারা গেছেন। একজন নিরুদ্দেশ। এটা ভেবে দেখেছ?’

‘এটা ফ্যাক্ট। এতে ভাবার কী আছে?’ পেছন থেকে অর্জুনদা বলল।

‘তোমাদের এটা অস্বাভাবিক লাগছে না?’ জিজ্ঞাসা করলাম আমি।

টাপুরদি বলল, ‘পুরো কেসটাই অস্বাভাবিক!’

‘তাহলে কী ঠিক করলে?’ জিজ্ঞাসা করলাম আমি, ‘কেসটা নিয়ে এগোবে, না এখানেই ছাড়বে?’

টাপুরদি লাজুক মুখে অর্জুনদার দিকে তাকিয়ে বলল, ”জানি না কতটুকু পারব। তবু দেখি চেষ্টা করে।”

আমি কৃতজ্ঞ দৃষ্টিতে অর্জুনদার দিকে তাকালাম। অর্জুনদা মুচকি হেসে চোখ টিপল। অর্জুনদাই পারে। টাপুরদির সব ক্ষতের মলম ওর কাছে থাকে। অর্জুনদা নিজের চাউমিনের প্লেটটা নিয়ে সোফায় বসল। আমি বললাম, ‘আচ্ছা টাপুরদি, সত্যব্রত মল্লিক একটা অদ্ভুত ইঙ্গিত দিচ্ছিলেন, মনে আছে? যার অর্থ দাঁড়ায় রাঘব সামন্ত বলে আসলে কেউ নেই। এটা কি হতে পারে বলে মনে হয় তোমাদের?’

টাপুরদি বলল, ‘এই রাঘব সামন্তকে নিয়ে আমি অনেক ভেবেছি। তিনটে সম্ভাবনা আমার মাথায় এসেছে। প্রথম, রাঘব সামন্ত বলে আদৌ কেউ নেই। সেক্ষেত্রে কমিটি ফর্মেশনের সময় একজন ফ্যান্টম মেম্বারকে কেন রাখা হয়েছিল সেটার কারণ আমাদের ভাবতে হবে। তার মানে কি প্রথম থেকেই কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এই হোম শুরু হয়েছিল এবং রাঘব সামন্ত নামটি সেই কারণেই ইনক্লুড করা হয়েছিল যাতে বিপদে পড়লে তার ঘাড়ে দোষ চাপিয়ে পুলিশকে বিভ্রান্ত করা যায়!

‘দ্বিতীয় আর একটি সম্ভাবনা আমার মাথায় আসছে। এই হোম তৈরির পেছনে সবচেয়ে বেশি যার নাম উঠে আসছে তিনি হলেন শেখর মজুমদার। নবদিগন্ত হোমের পরিকল্পনা থেকে শুরু করে কমিটির সকলের সঙ্গে সিংক্রোনাইজ করা, রেজিস্ট্রেশনের ব্যবস্থা সব তিনি করেছেন। তাহলে এখন প্রশ্ন আসে, কমিটিতে তিনি নেই কেন? স্ত্রী কমিটিতে থাকলে তিনি থাকতে পারবেন না, এমন তো কোনো ব্যাপার নেই! তাহলে? তাহলে কি শেখর মজুমদার নিজেই বকলমে রাঘব সামন্ত? এমনও হতে পারে যে তিনি সরকারি চাকুরে ছিলেন বলে অন্য কোনো ভেঞ্চারে নিজেকে খাতায় কলমে জড়াতে চাননি।

‘তৃতীয় সম্ভাবনা হল, রাঘব সামন্ত আছেন। ভীষণভাবে আছেন। হয় এই কমিটির ছয়জনের মধ্যে একজন, বা এই কমিটির বাইরের কেউ তিনি। শেখর মজুমদারের সঙ্গে প্ল্যান করে এই হোম টেক ওভার করেন রাঘব সামন্ত। তারা দু-জনে সম্ভবত প্রথম থেকেই জানতেন এই হোমের আড়ালে আসলে কী হতে যাচ্ছে। তাই শেখর মজুমদার নিজেও রইলেন না কমিটিতে, স্ত্রীকে রাখলেন। পরবর্তীতে হয়তো বাকিরাও জানতে পেরেছে। যাঁরা মেনে নিয়েছেন, তাঁরা বেঁচে আছেন, যাঁরা মানেননি তাঁদের মরতে হয়েছে।’

অর্জুনদা খাওয়া থামিয়ে বলল, ‘নবদিগন্তে যা যা চলছিল, সেসব নতুন কিছু নয়। প্রথম থেকেই এসব চলছে। শুভমের কথা মেনে নিলে ওদের ডেটাবেস থেকে অনেক ডেটা বিভিন্ন সময়ে ডিলিট করা হয়েছে। সুতরাং, বাকি কমিটি মেম্বাররা কেউ কিছু জানে না, এটা অবিশ্বাস্য। কিন্তু আমাদের হাতে কোনো প্রমাণ নেই। এর পেছনে যে মাথা কাজ করছে, সে প্রথম থেকেই অত্যন্ত সাবধানতার সঙ্গে সুচারু পরিকল্পনা করে এগিয়েছে। পেছনে এক ফোঁটা প্রমাণও ফেলে রাখেনি। গত দুই বছরে বেশ কিছু বাচ্চা মিসিং হয়েছে যেটা নজরে এসেছে। কিন্তু আমার ধারণা এর আগেও অনেক বাচ্চা এখান থেকে গেছে। তাদের ডেটা ডিলিট করে দেওয়া হয়েছে, অথবা এনট্রিই করা হয়নি কখনো। নবদিগন্ত সেবাশ্রম আসলে ট্র্যাফিকিং বিজনেসের ওয়ারহাউস হয়ে উঠেছিল। সব জেনেও আমাদের হাত গুটিয়ে বসে থাকতে হচ্ছে।’

আমার খুব রাগ হল শুনে। বললাম, ‘তোমরা পুলিশেরা তো অনেকভাবে পেট থেকে কথা বার করতে পারো। হোম কমিটি মেম্বারদের তুলে এনে থার্ড ডিগ্রি দিলেই সব বলে দেব।’

অর্জুনদা হাসল। বলল, ‘অত সহজও নয় সখী। মেম্বাররা সব সমাজের প্রভাবশালী লোকজন। অত সহজে প্রমাণ ছাড়া ওঁদের গায়ে হাত লাগালে মিডিয়া, হিউম্যান রাইটস সব ছিঁড়ে খাবে পুলিশকে। উলটে আমাদের ডিপার্টমেন্টাল এনকোয়ারির মুখে পড়তে হবে, বুঝলে? চাকরি যাওয়াও অস্বাভাবিক নয়।’

আমি টাপুরদির দিকে তাকিয়ে বললাম, ‘এই ব্যাপারটা সুদর্শনবাবুকে বললে হয় না?’

টাপুরদি বলল, ‘কাঁদুনে বাচ্চার মতো সব সমস্যা নিয়ে তাঁর কাছে যাওয়াটা ঠিক হবে না রে মিতুল। একটা কাজের দায়িত্ব নিজে চেয়ে নিয়েছি। সেটা এক্সিকিউট করার উপায়ও আমাদেরই খুঁজে বের করতে হবে। খুব প্রয়োজন পড়লে তাঁর সাহায্য তো নিতেই হবে। আগে নিজেরা চেষ্টা করে দেখি।’

অর্জুনদা বলল, ‘একটা ব্যাপার নিয়ে মনের মধ্যে একটু খচখচ করছে।’

‘কী?’ জিজ্ঞাসা করল টাপুরদি।

অর্জুনদা একটু চুপ করে থেকে বলল, ‘ডক্টর মিত্রর মৃত্যুটা অটোপসি রিপোর্ট অনুসারে স্বাভাবিক মৃত্যু হিসেবেই বলা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হল, তাঁকে মেডিকেল কলেজে আনা হল কেন? তাঁর লাইফ থ্রেট থাকলে তাঁকে পুলিশ প্রোটেকশন দিয়ে বাড়িতে রাখাই তো উচিত ছিল। আমি আমার ডিপার্টমেন্টের হায়ার অথরিটিকে প্রশ্ন করতে পারি না। কিন্তু যতটুকু শুনেছি, তাতে ডক্টর মিত্রকে মেডিকেল কলেজে অ্যাডমিট করার প্রস্তাবটা হেলথ সেক্রেটারি অদ্বৈত মুখার্জি দিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হল, কেন দিলেন?’

‘কেন দিলেন?’ জিজ্ঞাসা করলাম আমিও।

‘সেটাই তো ভাবছি মিতুল। কেন দিলেন?’ বলল অর্জুনদা, ‘যেখানে আমরা জানি মেগাসিটি মেডিকেল কলেজের ভেতরে নানানরকম দালাল চক্র সক্রিয়, এদের মাধ্যমে বিভিন্ন সমাজবিরোধী কাজকর্ম হয়, সবচেয়ে বড়ো কথা এই চক্রের লোকেরা সহজেই মেডিকেল কলেজের ভেতরে ডক্টর মিত্র অবধি পৌঁছোতে পারবে জানা সত্ত্বেও কেন তাঁকে রাখা হল ওখানে?’

আমি ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলাম, ‘তোমার মাথায় কী চলছে অর্জুনদা?’

তাকিয়ে দেখলাম টাপুরদিও নীরবে অর্জুনদার মুখের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে।

অর্জুনদা আমাদের দু-জনের মুখের দিকে একবার দৃষ্টি বুলিয়ে বলল, ‘ডিসিডিডি স্যার কোনোরকম সন্দেহের ঊর্ধ্বে। ইন ফ্যাক্ট, ডক্টর মিত্রর মৃত্যুটা নিয়ে তিনি নিজেও অনুশোচনা করছেন। কিন্তু’…

‘কিন্তু?’ ঠান্ডা গলায় জিজ্ঞাসা করল টাপুরদি।

‘জানি না। তবে যেখানে এই অপরাধ চক্রে পুলিশ-প্রশাসন সবই জড়িয়ে আছে, সেখানে আমি কোনো পসিবিলিটিই ছাড়তে রাজি নই টাপুর, তুমিও ছেড়ো না।’ গম্ভীর মুখে বলল অর্জুনদা।

‘না, ছাড়ছি না।’ টাপুরদি বলল।

ঘরের মধ্যে এক অদ্ভুত নীরবতা নেমে এল। সকলে একই কথা ভেবে চলেছি, কে আছে এই সব কিছুর পেছনে?

এবার নৈঃশব্দ্য ভেঙে টাপুরদি বলল, ‘আমাকে ডক্টর মিত্রর অটোপসি রিপোর্টের একটা কপি এনে দিতে পারবে অর্জুন?’

।। বত্রিশ।।

অটোপসি রিপোর্টে অস্বাভাবিক কিছু ছিল না। ডক্টর মিত্রকে ট্রমা কেয়ারে রাখা হয়েছিল। অতিরিক্ত স্নায়বিক উত্তেজনা ও অবসাদের চিকিৎসা চলছিল। রক্তে কড়া ডোজের মের্টাজপিন জাতীয় ওষুধ পাওয়া গেছে। এটি একটি খুব সাধারণ অ্যান্টি-অ্যাংজাইটি মেডিসিন। আমার মা এক সময়ে নিত, তাই জানা আছে আমার। টাপুরদি মোবাইলের স্ক্রিনে অটোপসি রিপোর্টের দিকে তাকিয়ে কিছুক্ষণ বসে রইল।

‘কী ভাবছ টাপুরদি?’ জিজ্ঞাসা করলাম আমি।

‘কোথাও কিছু একটা ভুল হচ্ছে মিতুল!’ ভুরু কুঁচকে বলল টাপুরদি। বুঝলাম ডক্টর মিত্রর স্বাভাবিক মৃত্যুর রিপোর্টটা মেনে নিতে পারছে না ও।

‘কী করবে এখন?’ জানতে চাইলাম।

‘দাঁড়া’, বলে টাপুরদি কাজে যেন একটা ফোন করল অন্য ঘরে গিয়ে। তারপর বেরিয়ে এসে বলল, ‘ডক্টর মিত্রর বাড়িতে যাব। তাড়াতাড়ি রেডি হয়ে নে।’

সোফায় বসে অর্জুনদার নম্বর ডায়াল করল টাপুরদি।

ঘণ্টা তিনেক পরে গলফ গ্রিনে ডক্টর মিত্রর বাড়ির সামনে হাজির হলাম আমরা তিনজন, টাপুরদি, অর্জুনদা ও আমি। কলিং বেল বাজিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর আগের দিনের ভদ্রমহিলা গেট খুললেন। আমাদের দেখে বললেন, ‘কাকে চাই?’

‘পুলিশ। দরজা খুলুন।’ বলল অর্জুনদা।

ভদ্রমহিলার দৃষ্টিতে ভয়ের ছায়া খেলে গেল। গেটটা পুরো খুলে বললেন, ‘আসুন।’

‘আপনি ডক্টর মিত্রর কে হন?’ অর্জুনদা জিজ্ঞাসা করল।

ভদ্রমহিলা মাথা নীচু করে বললেন, ‘আমি স্যারের দেখাশোনা করতাম। ঘরের কাজ, রান্নাবান্না, স্যারের খেয়াল রাখা, সব। বয়স হয়েছিল তো মানুষটার, তার ওপর শরীরও ভালো যেত না। একা থাকতে পারতেন না। তাই আমি এ-বাড়িতেই থাকতাম।’

‘কী নাম আপনার?’ জিজ্ঞাসা করল টাপুরদি।

‘অনিতা সাহা।’

‘হুম’, বলে অর্জুনদা বাড়ির ভেতরে ঢুকল। পেছনে পেছনে আমরাও ঢুকলাম। বাংলো প্যাটার্নের দোতলা বাড়ি, সামনে বড়ো ছড়ানো ইংরেজির এল অক্ষরের মতো বারান্দা। সেখানে রাখা ডেক চেয়ার ও ছোট্ট একটা গোল টেবিল। বসার ঘরটা প্রায় পুরো একতলাটা জুড়ে, মেঝেতে কাঠের টালি বসানো, দেয়ালে বাঁশ ও ডোকরার ওয়াল হ্যাঙ্গিং ঝোলানো। পেছন দিকে রান্নাঘর ও খাওয়ার জায়গা রয়েছে। ঘরের চারদিকে চোখ বুলিয়ে বুঝলাম গৃহকর্তা যথেষ্ট শৌখিন মানুষ ছিলেন। একদিকের দেয়ালে দুইজন বয়স্ক মানুষের ছবিতে মালা ঝোলানো রয়েছে দেখলাম। একজন নারী, অপর জন পুরুষ। টাপুরদি এগিয়ে গেল সেদিকে। পেছন থেকে ভদ্রমহিলা বললেন, ‘স্যারের মা আর মামা।’

বুঝলাম ইনিই বিনয়কৃষ্ণ ভট্টাচার্য। দেবাশিসবাবুর নিজের মামা ছিলেন না ইনি, বরং দেবাশিসবাবুর দাদু দত্তক নিয়েছিলেন বিনয়কৃষ্ণ ভট্টাচার্যকে। নিজের মেয়েকে বঞ্চিত করে পালিত পুত্রকে সম্পত্তির ওয়ারিশ করেন তিনি। তবু দেবাশিসবাবু নিজের মায়ের ছবির পাশে বিনয়কৃষ্ণবাবুর ছবি শ্রদ্ধার সঙ্গে সাজিয়ে রেখেছেন। অর্থাৎ মামার প্রতি তাঁর রাগ ছিল না বা শ্রদ্ধার অভাব ছিল না।

বসার ঘরের একদিক দিয়ে ঘোরানো সিঁড়ি দোতলায় উঠে গেছে। এখানে মাত্র তিনটি ঘর রয়েছে। অন্য ঘরগুলি দেখে দেবাশিসবাবুর বেডরুমে ঢুকলাম আমরা। ঘরে ঢুকেই টানা পর্দাটা সরিয়ে দিল টাপুরদি। দিনের আলো ঝাঁপিয়ে এসে ঢুকল ঘরের ভেতরে। এই ঘরটাই দোতলায় সবচেয়ে বড়ো। ঘরের মাঝখানে বিছানায় টানটান করে চাদর পাতা। এই ঘরের মালিক দু-দিন আগেও এই ঘরে থেকেছেন, এই বিছানায় শুয়েছেন। আজ তিনি কোথাও নেই। তবু এই ঘরের, এই বাড়ির কোনায় কোনায় রয়ে গেছেন তিনি। মনটা ভারী হয়ে গেল।

টাপুরদি সারা ঘরে ঘুরে বেড়াচ্ছে। ওকে কেমন যেন অস্থির লাগছে আজ। আমি টাপুরদির সঙ্গে এতগুলো কেসে থেকেছি, ওর মধ্যে এমন অস্থিরতা আগে দেখিনি। চুরি, ব্ল্যাকমেল বা খুনের কেস একরকম, কিন্তু একটা এত বড়ো চক্রের সঙ্গে লড়াই করা একেবারেই অন্যরকম ব্যাপার। এতে বিপদ বেশি, জটিলতা বেশি, তার চেয়েও বড়ো কথা এই ধরনের কেসে প্রাইভেট ডিটেকটিভের করার মতো বিশেষ কোনো কাজ থাকে না। এ অনেকটা বুনোহাঁসের পেছনে ছোটার মতো ব্যাপার। এখানে মগজাস্ত্র তেমন কাজে দেয় না। বরং বড়ো ফোর্স, টেকনিক্যাল সাপোর্ট ছাড়া এদের ধরা কার্যত অসম্ভব, যা টাপুরদির কাছে নেই। আমি তেমন আশার আলো দেখতে পাচ্ছি না।

খাটের উলটো দিকে একটা বড়ো কাঠের আলমারি রয়েছে। টাপুরদি হাতল ধরে টেনে দেখল, দরজায় তালা লাগানো আছে। বলল, ‘এটা খোলার ব্যবস্থা করা দরকার, অর্জুন।’

‘হুম!’ বলল অর্জুনদা।

বিছানার পাশে একটা ছোট্ট দেরাজ-ওয়ালা বেডসাইড টেবিল রয়েছে। তার ওপর একটা সুদৃশ্য টেবল ল্যাম্প রাখা। টাপুরদি উবু হয়ে বসে দেরাজটা ধরে টানতেই সেটা খুলে এল। ভেতরে একটা প্লাস্টিকের বাক্সে অনেকগুলি ট্যাবলেটের স্ট্রিপ রয়েছে।

পেছন থেকে অনিতা বললেন, ‘এগুলো স্যারের ওষুধবিষুধ।’

টাপুরদি মেঝেতে বসে ওষুধগুলো মন দিয়ে উলটেপালটে দেখতে লাগল। অর্জুনদা ঘরের অন্যদিকে টেবিলের ওপর রাখা বইপত্র ঘেঁটে দেখছে।

‘অর্জুন, এদিকে এসো’, উত্তেজিত কণ্ঠে ডাকল টাপুরদি।

অর্জুনদা এদিকে এগিয়ে এল, ‘কী হল?’

টাপুরদি একটা ট্যাবলেটের পাতা এগিয়ে দিল অর্জুনদার দিকে। অর্জুনদা সেটা উলটেপালটে দেখে বলল, ‘কী এটা?’

‘মন্টেলুকাস্ট লিভোসেট্রিজিন কম্পোজিশনের ওষুধ, অ্যান্টিহিস্টামিন।’ বলল টাপুরদি।

‘তাতে কী হল?’ অর্জুনদা জিজ্ঞাসা করল।

টাপুরদি সে-কথার উত্তর না দিয়ে অনিতাকে জিজ্ঞাসা করল, ‘ডক্টর মিত্রর কি অ্যালার্জির সমস্যা ছিল?’

অনিতা মাথা নাড়লেন। বললেন, ‘খুব সমস্যা ছিল। অর্ধেক খাবার তো খেতেই পারতেন না। ধুলোবালি সহ্য হত না। ইনহেলার নিতে হত। ওষুধ ছাড়া চলত না। গায়ে চাকা চাকা হয়ে ফুলে উঠত, অল্পেই সর্দি লেগে শ্বাসকষ্ট শুরু হত, মাথাব্যথা…’

‘ড্যাম!’ টাপুরদি ডান হাত দিয়ে শূণ্যে হাওয়ায় ঘুসি মারল।

‘কী হল বলবে তো? আমি তো কিছুই বুঝতে পারছি না!’ বিহ্বল স্বরে বলল অর্জুনদা।

টাপুরদি বলল, ‘ডক্টর মিত্রর অ্যাংজাইটির চিকিৎসার জন্য মের্টজপিন জাতীয় ওষুধ দেওয়া হয়েছিল। অটোপসি রিপোর্ট অনুসারে কড়া ডোজের মের্টজপিন ছিল দেবাশিসবাবুর রক্তে। মের্টজপিনের সাইড এফেক্ট আছে, সেটা হল অ্যালার্জি। ডক্টর মিত্র এমনিতেই অ্যালার্জি-প্রোন ছিলেন। তার ওপর এই ওষুধ পড়েছিল। বুঝতেই পারছ, যা হওয়ার তাই হয়েছে।’

অর্জুনদা চোখ বড়ো করে বলল, ‘আমি এখনও বুঝতে পারছি না কিছু। অ্যালার্জি হলে কেউ মরে যায় নাকি?’

‘আলবাত যায়!’ বলল টাপুরদি, ‘আজ তোমাকে ফোন করার আগেই আমার এক ডাক্তার বন্ধুকে ফোন করেছিলাম। অটোপসি রিপোর্টে ব্লাডে মের্টজপিনের ট্রেস দেখে ওর কাছে জানতে চেয়েছিলাম, এর কোনো সাইড এফেক্ট আছে কি না! ওর কাছেই জানলাম এমনিতে সেরকম বাড়াবাড়ি কিছু নেই। তবে সিভিয়ার অ্যালার্জিতে অনেক পেশেন্ট অ্যানাফাইলেটিক শকের মধ্য দিয়ে যায়। ইনফ্লেমেশনের কারণে এয়ারওয়ে ব্লকেজ হয়ে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে আসে রোগীর। যে রোগীর অলরেডি হার্টের সমস্যা আছে, তাঁর ক্ষেত্রে এমত অবস্থায় হার্ট অ্যাটাক হওয়া খুব স্বাভাবিক!”

‘তার মানে?’ বললাম আমি।

‘মার্ডার!’ বলল টাপুরদি, ‘সুপরিকল্পিত খুন মিতুল। ডক্টর মিত্র নিজে একজন নামকরা ডাক্তার, সার্জেন। তিনি চিকিৎসা শুরুর আগে তাঁর অসুখের হিস্ট্রি অবশ্যই ডক্টরকে জানিয়েছিলেন। সব জেনে-শুনে যদি ডাক্তার তাঁকে মের্টজপিন দিয়ে থাকেন, তাহলে একে মার্ডার ছাড়া আর কিছু বলা যায় না।’

‘কী বলছ? তাহলে ইমিডিয়েট সেই ডক্টরকে অ্যারেস্ট করা দরকার।’ বলল অর্জুনদা।

টাপুরদি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ‘করতে পারো। কিন্তু মনে হয় না তাতে লাভ কিছু হবে। কোনো ডাক্তারই এরকম বাজে একটা ভুল করবেন না, ইচ্ছে করেও নয়। কারণ তাতে তিনি অনায়াসে ধরা পড়ে যাবেন।’

‘তাহলে?’ আমি জিজ্ঞাসা করলাম।

‘তাহলে এর একটাই অর্থ দাঁড়াচ্ছে। মেডিকেল কলেজের ভেতরেই কেউ এই কর্মটি করেছে। হয়তো কম ডোজের ওষুধের বদলে বেশি ডোজের ওষুধ দিয়েছে, বা অন্য কোনো প্রেসক্রাইবড সেফ ওষুধের জায়গায় মের্টজপিন দিয়েছে। নার্স, ওয়ার্ড বয় বা অন্য যে কেউ হতে পারে। ভাড়াটে খুনি হতেও বাধা নেই। তুমি এক কাজ করো অর্জুন। মেগাসিটি মেডিকেল কলেজে গিয়ে ডক্টর মিত্রর প্রেসক্রিপশন, যে পাতা থেকে ওষুধ দেওয়া হয়েছিল, সব সিজ করার ব্যবস্থা করো। কে তাঁকে ওষুধ দিয়েছিল, কে কে ওই কেবিনে ঢুকেছিল খবর নাও প্লিজ। এটা খুব জরুরি।’

পেছনে কান্নার শব্দ পেয়ে আমরা ঘুরে তাকালাম। অনিতা কাঁদছেন মুখে আঁচল চাপা দিয়ে। কাঁদতে কাঁদতেই বললেন, ‘স্যার সবসময় বলতেন, ‘অ্যালার্জির জ্বালায় জীবন অতিষ্ঠ হয়ে গেল। এই অ্যালার্জিতেই আমার মরণ লেখা আছে রে অনিতা’। স্যারকে কি সত্যিই কেউ মেরে ফেলেছে? সেদিন তিনি হাসপাতালে যেতে চাননি। ওরা জোর করে নিয়ে গেল। বাড়িতে থাকলে স্যার মরতেন না।’

টাপুরদি নরম গলায় বলল, ‘আমরা এখনও জানি না কী হলে কী হত! তদন্ত চলছে।’

‘আমি আর এখানে থেকে কী করব? আমি তবে বাড়ি চলে যাই? এই খালি বাড়িতে একা থাকতে কেমন ভয়-ভয় করছে আমার।’ অনিতা বলল।

‘আপনার বাড়ি কোথায়?’ জানতে চাইল অর্জুনদা।

‘বসিরহাটে’, বললেন অনিতা।

একটু ভাবল অর্জুনদা। তারপর বলল, ‘ডক্টর মিত্রর আত্মীয়স্বজন কেউ আছে?’

অনিতা দুইদিকে মাথা নাড়ল। বলল, ‘কে থাকবে! বিয়ের পরপরই স্যারের বউ মারা যান। স্যার আর বিয়ে করেননি তো।’

‘ঠিক আছে। বিনয়কৃষ্ণবাবুর নাতি-নাতনিদের খবর দেওয়া হবে তাহলে। আপনি এক কাজ করুন, একটা কাগজে আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর পরিষ্কার করে লিখে আমাকে দিন। বাড়ি তালা দিয়ে চাবি থানায় জমা দিয়ে দিন। যে-কোনো প্রয়োজনে ডাকলেই লালবাজারে হাজিরা দিতে হবে। ঠিক আছে?’

অনিতা মাথা নাড়লেন।

।। তেত্রিশ।।

টাপুরদির সন্দেহ মিথ্যে ছিল না, তার প্রমাণ মিলল কয়েক ঘণ্টার মধ্যেই। দেখা গেল ডাক্তারের প্রেসক্রিপশনে দেবাশিসবাবুকে মাত্র পনেরো মিলিগ্রাম ডোজের মের্টোজপিন দেওয়া হয়েছিল। তিনি এও জানালেন, দেবাশিসবাবু তাঁকে অ্যালার্জির কথা জানিয়েছিলেন। তাই বেশি ডোজ দেওয়ার প্রশ্নই ওঠে না। অন্যদিকে ফরেনসিক বিশেষজ্ঞের মতে তাঁকে অন্তত চল্লিশ মিলিগ্রাম ডোজ দেওয়া হয়েছিল। এমনকি তার বেশিও হতে পারে। রক্তে মের্টজপিনের কনসেন্ট্রেশন যথেষ্ট বেশি ছিল।

এদিকে কেবিনে কর্তব্যরত নার্স দেবাশিসবাবুকে মের্টজপিন দেওয়ার কথা সম্পূর্ণ অস্বীকার করেন। তাঁর বক্তব্য অনুসারে, এই ওষুধ রাতে ডিনারের পর দেওয়ার কথা। দিনের বেলা তিনি পেশেন্টকে মের্টজপিন দেনইনি। ওয়ার্ড বয় জানায়, সে একবারই ঢুকেছিল কেবিনে, সেটাও নার্স সেখানে থাকাকালীন। আর রোগীকে ওষুধ দেওয়া তার কাজ নয়। সবচেয়ে বড়ো কথা, দেবাশিসবাবু নিজে ডাক্তার, ওয়ার্ডবয়ের হাতে ভুল ওষুধ তিনি খাবেন কেন? ওই ইউনিটে সিসিটিভি ক্যামেরা নেই। তাই জানার উপায় নেই কে বা কারা ডক্টর মিত্রকে ওষুধটা দিয়েছিল।

অর্জুনদা ফোনে সব কথা জানানোর পর সবার কথা মন দিয়ে শুনল টাপুরদি। তারপর বলল, ‘অর্জুন একটা কাজ করতে পারবে?’

ও-প্রান্তে অর্জুনদা কী উত্তর দিল শোনা গেল না। টাপুরদি আবার বলল, ”শোভন সেন ও শেখর মজুমদারের মৃত্যু সম্বন্ধীয় সব রেকর্ড আমার খুব দরকার। মনে রেখো, এভরি মাইনিউট ডিটেলস কাউন্ট। জানি এতদিন পর কাজটা কঠিন। প্লিজ, আমাকে এই ব্যাপারে একটু হেল্প করতে পারবে তুমি?”

ফোন রাখার পর আমি জিজ্ঞাসা করলাম, ‘তোমার মাথায় কী চলছে বলো তো, টাপুরদি!’

টাপুরদি বলল, ‘তুই সেদিন বলছিলি না মিতুল, নবদিগন্ত সেবাশ্রমের সঙ্গে যুক্ত তিনজন এখন মৃত। এখন মনে হচ্ছে, ডক্টর মিত্রর মৃত্যুটা হত্যা হলে, বাকিগুলো হবে না কেন? আমরা জানি না আসলে কী ঘটেছিল। কিন্তু একটা মনগড়া কাহিনি তৈরি করতে পারি, যেটা ঠিকও হতে পারে, আবার ভুলও হতে পারে।’

আমি কোনো কথা বললাম না। তাকিয়ে রইলাম টাপুরদির মুখের দিকে।

টাপুরদি বলে চলেছে, ‘ধরা যাক, শেখর মজুমদার জানতে পারলেন বিনয়কৃষ্ণ ভট্টাচার্য মেমোরিয়াল হোম হস্তান্তর হবে। সেটা তিনি জানালেন রাঘব সামন্তকে, কিংবা রাঘব সামন্ত জানালেন তাঁকে। তাঁরা দু-জনে মিলে ঠিক করলেন, নবদিগন্ত এনজিও হোমটিকে টেক ওভার করবে।’

‘তুমি কী করে বলছ যে শেখর মজুমদারের সঙ্গে রাঘব সামন্ত শুরু থেকেই ছিল?’ জিজ্ঞাসা করলাম আমি।

টাপুরদি বলল, ‘এর পেছনে আমার বেশ কিছু লজিক আছে। কমিটির অন্যান্যদের বক্তব্য, রাঘব সামন্তকে শেখর মজুমদার ছাড়া আর কেউ চেনেন না। সেটা যদি সত্যি হয়, তাহলে রাঘব সামন্ত প্রথম থেকেই নিজেকে গোপন রেখেছিলেন। এখন প্রশ্ন ওঠে, কেন? একটা অনাথ আশ্রম তৈরি হলে সেটা তো একটা মহান কাজ। তার জন্য নিজেকে গোপন রাখার প্রয়োজনীয়তা কোথায়? কমিটির বাকিদের এই কথাটা সত্যি হলে ধরে নেওয়া যেতে পারে, রাঘব সামন্তের নিজেকে আড়ালে রাখার উদ্দেশ্য খুব একটা মহান ছিল না। তিনি ও শেখর মজুমদার প্রথম থেকেই একটা অসৎ উদ্দেশ্য নিয়ে এই হোম শুরু করেন।’

‘হুম, বলে যাও।’ বললাম আমি।

‘হোম তৈরির পর কয়েক বছর সব ঠিকঠাক চলল। দিনে দিনে হোমের আড়ালে ছেলে পাচারের ব্যাবসা ফুলেফেঁপে উঠতে লাগল। এর কারণ হিসেবে বলতে পারি, শেখর মজুমদার আইপিএস অফিসার হওয়া সত্ত্বেও চাকরি ছেড়ে দিয়েছিলেন। অর্থাৎ আর চাকরি থেকে প্রাপ্ত বেতনের দরকার তাঁর পড়ছিল না। তা ছাড়া শিউলি মজুমদারের বাড়ি দেখলি তো সেদিন। একজন আইপিএসের পক্ষে ওরকম বাড়ি করা সম্ভব বলে তোর মনে হয়?

‘যাই হোক, এরকম সময়ে হয়তো শেখর মজুমদার ও রাঘব সামন্তর কোনো কারণে ঝামেলা বাধে। সেটা আর্থিক বা অন্য কোনো কারণ হতে পারে। রাঘব সামন্ত দেখলেন, বিপদ। পার্টনার ইন ক্রাইম বিগড়ে গেলে তাকে কোনোমতেই ছেড়ে দেওয়া চলে না। অগত্যা তাঁকে সরিয়ে দিলেন তিনি।’

‘খুন?’ ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলাম আমি।

‘সম্ভবত’, বলল টাপুরদি।

‘আর শোভন সেন?’

‘শোভন সেন!’ বলে চুপ করে গেল টাপুরদি। একটু ভেবে বলল, ‘এই শোভন সেন সম্পর্কে আমরা এখনও কিছুই জানি না। জানা দরকার। শোভন সেনের বাড়ির লোকদের সঙ্গে কথা বলা দরকার।’

‘কখন যাবে?’ জিজ্ঞাসা করলাম।

‘কাল সকালেই যাব ভাবছি। দেরি করার সময় নেই।’

বললাম, ‘কাল আর পরশু আমাকে অফিস যেতে হবে টাপুরদি। একটা মডিউল ডেলিভারি আছে। তাই অফিসে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে।’

টাপুরদি বলল, ‘অসুবিধে নেই। তুই যা। চাকরিটা আগে। আমি সামলে নেব এদিকটা।’

‘অফিস থেকে ফিরে কিন্তু পুরো ঘটনা ডিটেলে শুনব’, বললাম আমি।

টাপুরদি হাসল। টাপুরদির ফোনটা বাজছে। অর্জুনদার ফোন। ফোনটা ধরে চুপচাপ টাপুরদি কথা শুনছে দেখলাম। বেশ কিছুক্ষণ শোনার পর বলল, ‘ভদ্রলোকের প্রবলেমটা কী, অর্জুন? কী আশ্চর্য, ডক্টর মিত্রর মৃত্যুর জন্য উনিই দায়ী। তার পরেও সমানে সমস্যা সৃষ্টি করে যাচ্ছেন কেন?’

অর্জুনদা কী বলল শুনতে পেলাম না। আরও কিছুক্ষণ কথাবার্তা বলে ফোনটা রেখে দিল টাপুরদি।

আমি জিজ্ঞাসা করলাম, ‘কী হল টাপুরদি? কী বলল অর্জুনদা?’

টাপুরদি বলল, ‘মেডিকেল কলেজে তদন্ত করার এবং ডক্টর মিত্রর মৃত্যুটাকে হত্যা সন্দেহ করার জন্য হেলথ সেক্রেটারি অদ্বৈত মুখার্জি অর্জুনকে নিজের অফিসে ডেকে রীতিমতো অপমান করেছেন। তাঁর মতে, সরকারি মেডিকেল কলেজ সম্পর্কে এসব বললে, চিকিৎসার ভ্রান্তি বা খুনের অভিযোগ আনলে সরকারের প্রতিই আঙুল তোলা হয়। সরকারের বেতনভুক কর্মচারী হয়ে অর্জুন সেটা করতে পারে না।’

আমি বিস্মিত মুখে বললাম, ‘সে কী? ব্যাপারটাকে এত প্যাঁচালো করছেন কেন উনি? মেডিকেল কলেজের ভেতর যদি কেউ খুন হয় সেটা সরকারের দিকে আঙুল তোলা হবে কেন? মেডিকেল কলেজে বাইরের লোকেদেরও অবাধ আনাগোনা চলে। তাদের মধ্যে যে কেউ কাজটা করতে পারে। এতে অদ্বৈত মুখার্জির এত রেগে যাওয়ার কারণটা কী?’

‘সেটাই তো বুঝতে পারছি না!’ অত্যন্ত বিরক্ত মুখে বলল টাপুরদি।

বুঝলাম অর্জুনদার অপমান টাপুরদিকে রাগিয়ে দিয়েছে। ওর চোয়াল শক্ত হয়ে উঠে। একটুক্ষণ চুপ করে বসে থেকে তার বলল, ‘শোভন সেনের বাড়ি পরে গেলেও চলবে। আগে এই অদ্বৈত মুখার্জির সঙ্গে মোলাকাত করা দরকার।’

‘কবে যাবে?’

‘কাল সকালেই’, বলল টাপুরদি, ‘আর শোন, অর্জুনকে এই ব্যাপারে খবরদার কিছু বলবি না। কথাটা মনে থাকে যেন।’

‘হুম। কিন্তু আমি যাব তোমার সঙ্গে’, বললাম আমি।

‘তোর তো অফিস আছে। তুই কী করে যাবি?’ জিজ্ঞাসা করল টাপুরদি।

‘যাব’, বললাম আমি, ‘ওখান থেকে অফিস চলে যাব। এমনিতেও আমার ইউএস ক্লায়েন্ট, দুপুরের আগে কাজ শুরু হবে না।’

।। চৌত্রিশ।।

‘হ্যালো।’

‘হুম, বলো!’

‘বস, ফার্স্ট কনসাইনমেন্ট পৌঁছে গেছে। সেকেন্ড কনসাইনমেন্ট কাল রাতে ত্রিবান্দ্রাম রওনা হচ্ছে। রাজু আর শিবেন যাবে’, ফোনের অপর প্রান্ত থেকে যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে এল। পরিচিত নয়, কারণ কোনোভাবে পুলিশ যদি এই হাইলি সিকিওর ফোন কল ট্যাপ করেও ফেলে, তাহলেও কণ্ঠস্বর শুনে চিনতে পারবে না কাউকে। ডেটা এনক্রিপশনের ফলে কন্ঠস্বর বদলে যায়। নিজেদের মধ্যে কণ্ঠস্বর শুনে পরিচিত হওয়ার দরকার পড়ে না। সেজন্য আলাদা কোড আছে।

‘গুড!’ এ-প্রান্তের ভরাট কণ্ঠ বলল, ‘আমি টোলগুলোতে সেটিং করে রেখেছি। আটকানোর কথা নয়। তবে এই পরিস্থিতিতে কিছুই বলা যায় না। কোনোরকম রিস্ক বুঝলে যে ওরা ফিরে আসবে, সেরকম বুঝিয়ে রাখবে ওদের।’

‘বলা আছে বস। আশা করি এবার আর কোনো ভুল হবে না।’

‘ভুল না হলেই ভালো’, বলল এ প্রান্ত, ‘ভুল হলে কিন্তু তার চূড়ান্ত মূল্য চোকাতে হবে, সেটাও বলে দেবে ওদের। আমাদের বিজনেসে সেকেন্ড চান্স পাওয়া যায় না। বাই দ্য ওয়ে, একটা কথা ভাবছিলাম আমি। রাজু ঠিক আছে, কিন্তু এই শিবেন ছেলেটা কি বিশ্বাসযোগ্য? একদম নতুন ছেলের ওপর এতটা ভরসা করা ঠিক হচ্ছে?’

‘হ্যাঁ বস!’ ও প্রান্ত বলল, ‘ও আমাদের যাদবের গ্রামের ছেলে। যাদব দেশে গেছে। কিন্তু এই শিবেন ছেলেটাও বেশ ডাকাবুকো, সাহস আছে। মাথাও ঠান্ডা। আগে কয়েকটা ছোটো কাজ করিয়ে বাজিয়ে দেখেছি। পারবে ও।’

এ-প্রান্ত অসহিষু� স্বরে বলল, ‘পারা বা না-পারার কথা নয়, কতটা বিশ্বস্ত সেটা জানতে চাইছি। নেক্সট দুটো কনসাইনমেন্ট আমাদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট তুমি জানো। এভাবে একটা নতুন ছেলের ওপর নির্ভর করা একটু বেশি রিস্ক নেওয়া হয়ে যাচ্ছে না?’

ও-প্রান্ত একটু চুপ করে রইল। মনে হল, তার সিদ্ধান্তে ওপরওয়ালার এই সন্দেহপোষণ তার পছন্দ হল না। তারপর বলল, ‘আপনি বললে ওকে বসিয়ে দিচ্ছি। আসলে কনসাইনমেন্টগুলো ইম্পর্ট্যান্ট বলেই ওকে দায়িত্ব দিতে চাইছিলাম। কারণ, আমাদের ড্রাইভাররা বেশিরভাগই পুলিশের খাতায় দাগি। পুলিশ আটকালে ওদের ওপর সহজেই সন্দেহ করবে। শিবেন ফ্রেশ মুখ। পুলিশ রেকর্ডও নেই।’

এ-প্রান্ত কিছুক্ষণ ভাবল। তারপর বলল, ‘সবই বুঝলাম। এক কাজ করো, এবারের মতো ওকে বসিয়ে দাও। এটা বড়ো কনসাইনমেন্ট। এতে নতুন কাউকে ঢোকাতে আমি ভরসা পাচ্ছি না। পরের দিল্লিরটা না হয় ও যাবে। ততদিন ওকে ভালো করে মাল ডেলিভারির ঘাঁতঘোঁত বুঝিয়ে দাও।’

‘আপনি যেমন বলবেন’, ও-প্রান্ত বলল।

‘হুম, সেটাই করো।’

‘তাহলে শিবেনের জায়গায় কাকে পাঠাব কাল? সব রেডি, এখন নতুন করে ক্যারিয়ার চেঞ্জ করাটা একটু সমস্যা হবে।’ ও-প্রান্তের কণ্ঠস্বরে বিরক্তি চাপা থাকছে না।

এ-প্রান্ত ঠান্ডা গলায় বলল, ‘সদাশিব যেতে পারে। মতি বা সঞ্জয়, যে কাউকে পাঠাতে পারো। ওদের অভিজ্ঞতা বেশি। বিপদ বুঝলে নিজেরা সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনমতো স্টেপ নিতে পারবে ওরা।’

‘সদাশিব যেতে পারবে না। ওর পায়ে সেবার যে গুলি লেগেছিল বিহারে, সেটা এখনও ভালো মতো সারেনি। খুঁড়িয়ে হাঁটে। সঞ্জয় আন্ডারগ্রাউণ্ড আছে। মতি মিঞা আছে। আবার তাহলে ওকেই পাঠাব?’

‘হ্যাঁ, ওকে পাঠাও। আর শোনো, পরের দিল্লির কনসাইনমেন্টটা কবে যাচ্ছে যেন?’

ও প্রান্ত বলল, ‘আরও পাঁচদিন পরে, বস।’

‘ঠিক আছে। ওটার জন্য নতুন ছেলেটা, কী যেন নাম বললেন, হ্যাঁ শিবেন, ওকে রেডি করো।’

‘ঠিক আছে বস! আর একটা কথা ছিল।’

‘বলো!’

‘আপনি বলেছিলেন ওই মেয়ে টিকটিকিটাকে আপনি সামলে নেবেন। কিন্তু ও বড়ো বেশি মাথা গলাচ্ছে। আপনার কথা মতো ডক্টর মিত্রকে আমার লোক স্মুদলি সরিয়ে দিয়েছিল। অটোপসিতেও কিছু ধরা পড়ত না, এভাবেই প্ল্যান করা হয়েছিল। ধরা পড়েওনি। কিন্তু শুনলাম, ওই মেয়ে টিকটিকিটা সব ধরে ফেলেছে। এখন পুলিশ আবার নড়েচড়ে বসেছে। মেয়েটা কিন্তু দিনে দিনে আমাদের সমস্যা বাড়িয়েই চলেছে। এখন ডক্টর মিত্রর ডেথটা নিয়ে ঝামেলা শুরু হলে মুশকিল হবে।’

এ-প্রান্ত অল্প সময় চুপ করে রইল। তারপর বলল, ‘হুম, বুঝতে পারছি। তবে মেয়েটা তদন্তে থাকার কিছু সুবিধেও আছে, তাই একটু হেজিটেট করছিলাম। এখন মনে হচ্ছে ওর ক্ষমতাকে আন্ডারএস্টিমেট করা হয়ে গিয়েছিল। ওর রিচ অনেক ওপর অব্দি। তাই ওকে আটকানো একটু মুশকিল। আমারও তো একটা লিমিটেশন আছে।’

‘বস, আপনি বললে আমাদের ছেলেদের দিয়ে একটু কড়কে দিতে পারি। বেশি কিছু নয়, ওই একটু-আধটু চড়-চাপড় আর কী! আশা করি তাতেই কাজ হবে।’

একটু ভাবল লোকটা। বলল, ‘চেষ্টা করে দেখতে পারো। কতটা ভয় পাবে জানি না। মেয়েটা শুনেছি খুব ডাকাবুকো। দেখো তোমার ছেলেরা বাড়াবাড়ি যেন না করে। ওদের তো আবার মশা মারতে কামান দাগা স্বভাব।’

‘ঠিক আছে বস, হয়ে যাবে। আর হ্যাঁ, এই দুটো কনসাইনমেন্ট গেলে আমাদের আবার রিস্টক করতে হবে কিন্তু!’ বলল ও-প্রান্ত।

‘তাতে অসুবিধে নেই। নেপাল থেকে একটা বড়ো কনসাইনমেন্ট এসে পৌঁছোবে আগামী মাসে। সুন্দরবন আর ঝাড়গ্রামের আমাদের অন্য ট্রাস্টের সেন্টারদুটোতেও কিছু মাল রেডি করা আছে। ওই ট্রাস্টের ওপর এখনও পুলিশের নজর পড়েনি। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত নবদিগন্তকে আপাতত ছোঁয়া যাবে না।’

‘তাতে অসুবিধে নেই। এমনিতেও বরাবরই নবদিগন্তকে আমরা জাস্ট ইমার্জেন্সি ব্যাক-আপ হিসেবেই ইউজ করি। এখন ওতে হাত দেওয়ার দরকার হবে না।’

‘বেশ, কালকের কাজটা ভালো করে করো।’

‘ওকে বস! রাখছি তাহলে। মাল ডেলিভারির পর আপনাকে আবার ফোন করছি।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *