চৈতন্য – শহিদুল শাহ্
উৎসর্গ—
যাঁর চৈতন্যের অনুপ্রেরণায়
এই ‘চৈতন্য’ উপস্থাপন করতে সক্ষম হলাম,
ভক্তিপূত চিত্তে সেই রহস্যময় গুরু—
চৈতন্য শাহ্’র শ্রীপাদপদ্মে
পবিত্র গ্রন্থটি অর্পণ করলাম।
‘চৈতন্য’—এ এক শব্দ নয়, এক স্পন্দন। এ এমন এক দীপ্তি, যা ইন্দ্রিয়ের বাইরে, যুক্তির পরেও; তবুও অনুভবে সবচেয়ে জীবন্ত! ধর্ম তাকে ঈশ্বরের ছায়া বলে, দর্শন বলে আত্মার প্রকৃতি, আর বিজ্ঞান তাকে খোঁজে নিউরনের গহনে। কিন্তু আমি আমার এই উপন্যাসে তাকে খুঁজেছি মানুষের গভীরতম প্রশ্নগুলোর ভেতরে, প্রশ্নগুলোর উত্তর বের করে আনতে চেয়েছি এক চেতন গুরুর মুখ থেকে—যে গুরু নিজেও ছিলেন প্রশ্নের মতোই রহস্যময়, আর তাই উপন্যাসটির নাম রেখেছি— ‘চৈতন্য’।
আমি এই চৈতন্যের পথচলায় ভেঙেছি বহু প্রথা, কারণ প্রথা অনেক সময় চৈতন্যের পথ রুদ্ধ করে দেয়। আমি সমর্থন করেছি কিছু চিরন্তন সত্যকে, কারণ তারা সময়ের আবরণ ছিঁড়ে বেরিয়ে আসা আলো। আমি দাঁড় করিয়েছি নতুন কিছু, কারণ প্রতিটি জাগ্রত চৈতন্যই এক নব জন্ম।
চৈতন্য আমার কাছে শুধু জ্ঞান নয়, প্রজ্ঞাও নয়—এ এমন এক উপলব্ধি, যা জানার নয়, জেগে ওঠার। এই উপন্যাস সেই জাগরণকেই ধারণ করে—যেখানে জীবন কেবল গল্প নয়, যেখানে এক-এক করে খোলা হয় জীবনের বিভিন্ন স্তর, আর প্রতিটি স্তরের পরেই দেখা যায় সত্যের নতুন মুখ!
যারা এই বইয়ের পৃষ্ঠাগুলোর ভেতর দিয়ে হেঁটে যাবেন, তারা শুধুই পাঠক নন, তারা আমার সহযাত্রী—চৈতন্যের অভিযাত্রায়। এই বই এক উত্তর নয়, বরং সেই আলো, যা প্রশ্নকে নতুন রূপ দেয়।
আমি কোনো গুরু নই। কিন্তু আমার ভেতর এক গুরু জন্ম নিয়েছে—প্রশ্নে-প্রশ্নে, যন্ত্রণায়-যন্ত্রণায় এবং নিঃশব্দে।
‘চৈতন্য’—এই উপন্যাস তাঁরই কথা। একজন গুরুর নয়, একজন সত্যার্থী বা সত্যানুসন্ধানীর কথা—যাঁর অনুসন্ধান কখনো ঈশ্বরের দিকে গেছে, কখনো নিজের দিকে, কখনো কোনো উত্তরের আশায় বিজ্ঞানের গহনে। শেষমেশ সে বুঝেছে, উত্তরগুলো বাইরের নয়, ভেতরের! কিন্তু সেই ‘ভেতর’ও একা আসে না—সেই ভেতর খুঁজে পেতে একজন গুরুর দরকার হয়। এই উপন্যাসে সে গুরু কথা বলেন।
তিনিও মানুষ। কিন্তু তাঁর শব্দে যেন আকাশ জেগে ওঠে!
‘চৈতন্য’ একটি কাহিনি নয়, একটি ধারা। যেখানে প্রশ্নগুলো আমার, তোমার, আমাদের সবার। আর উত্তরগুলো হয়তো আলাদা হবে, কিন্তু পথে হাঁটার ছন্দ এক।
ধর্ম, দর্শন ও বিজ্ঞান—তিনটি সেতুর ওপর আমি হেঁটেছি, কখনো লড়েছি, কখনো ভালোবেসেছি। এই বইটি সেই যাত্রার মানচিত্র, সেই গুরুর মুখে শোনা শব্দগুলোর সংরক্ষণ।
আমি কেবল লিখেছি। যদি কখনো মনে হয়, শব্দগুলো তোমার নিজের কথা বলছে—জেনে নিও, সত্য ঠিকই ধরা পড়েছে!



Leave a Reply