ঘুমন্ত মানুষ—৬১
ইসলাম চাচা, তিনি এলাকার মুরুব্বি, তাকে সবাই সম্মান করে। তিনি মসজিদে আজান দেন, ইমামতি করেন, ওয়াজ মাহফিল করেন, বাচ্চাদের আমপারা শেখান, সবসময় তসবিহ জপেন। তিনি নারীদের সম্মান করেন, বাচ্চাদের আদর করেন, তার গুণের যেন শেষ নাই। তিনি সাধুগুরু পছন্দ করেন না, কারণ অধিকাংশ পীর-উস্তাদ গাঁজা খায়। ইসলাম চাচা গানবাজনা শুনতে পারেন না, কারণ এসব ইসলামে হারাম। খেলাধুলা তার দুচোখে বিষতূল্য, কারণ আল্লাহ দুনিয়ার খেলা পছন্দ করেন না। নবীজির সুন্নত পালন করতে গিয়ে তিনি এপর্যন্ত তিনটে বিয়ে করেছেন, আরও করবেন। নিজস্ব একটা মাদরাসাও আছে। কিন্তু দুঃখজনক ঘটনা—তিনি নাকি আট বছর বয়সী এক বাচ্চা ছেলেকে বলাৎকার করেছেন! এই ঘটনা প্রথমে কেউ বিশ্বাস করে নি, কিন্তু বিচারে স্বাক্ষীপ্রমাণে উনি দোষী সাব্যস্ত হয়েছেন! শাস্তিস্বরূপ তার চুলদাড়ি কেটে দেয়া হয়েছে এবং জুতার মালা গলায় পরিয়ে পুরো এলাকা জুড়ে ঘুরানো হচ্ছে! এইমাত্র গ্রামবাসী আশ্রমের পাশ দিয়ে ইসলাম চাচাকে নিয়ে গেলেন। ইসলাম চাচার এই ঘটনা শুনে আমি যতটা লজ্জিত হলাম, তারচে বেশি বিস্মিত। গুরুদেবের সঙ্গে আড্ডা চলাকালীন সময়ে ঘটনাটা আলোচনায় তুললাম। গুরুদেবকে প্রশ্ন করলাম, “বাজান, এতো ভালো একটা মানুষ, এমন জঘন্য কাজ তিনি কীভাবে করতে পারলেন? তিনি কি শয়তানের ধোঁকায় পড়ে এই কাজটা করেছেন?”
গুরুদেব মৃদু হাসলেন, তারপর বললেন, “আকাশকে কীভাবে দেখো তুমি?”
আমি বললাম, “আকাশ তো অপার নীল, অশান্ত সমুদ্রের চেয়েও বিশাল!”
গুরুদেব মাথা নাড়িয়ে বললেন, “ঠিক তাই! কিন্তু একদিন যদি সেই আকাশ কালো মেঘে ছেয়ে যায়, বজ্রপাতের গর্জনে কেঁপে ওঠে, তখনও কি তুমি তার সৌন্দর্য দেখে মুগ্ধ হবে?”
গুরুদেবকে আমি কী উত্তর দেবো বুঝতে পারছিলাম না। আমার নিরবতা দেখে গুরুদেব বললেন, “মানুষও ঠিক আকাশের মতোই। সে বাহ্যিক সৌন্দর্যে যতই উজ্জ্বল হোক, তার ভেতরে এক ঘুমন্ত মানুষ থাকে। তাকে সবসময় দেখা যায় না। সেই মানুষটা স্বয়ং শয়তান! সে অপরাধ করার সুযোগ পেলে তথা জেগে উঠলেই দুর্ঘটনা ঘটিয়ে বসে। তখন সেই ভালো মানুষটা যা করে, তা আমাদের কাছে অচেনা মনে হয়।”
আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, “তাহলে কি শয়তানের ঘুম ভাঙলে মানুষ বদলে যায়?”
গুরুদেব বললেন, “মানুষ বদলায় না, বরং তার ভেতরের সত্য প্রকাশ পায়। যে নিজের ঘুমন্ত মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে, সে-ই প্রকৃত জ্ঞানী এবং পরিশুদ্ধ মানুষ।”
আমি মাথা নিচু করে গুরুদেবের কথা ভাবতেছিলাম। গুরুদেব তখন আকাশের দিকে তাকিয়ে বললেন, “তুমি যখন কোনো মানুষের সৌন্দর্যে মুগ্ধ হবে, মনে রেখো— সে আসলে এক গভীর সমুদ্র। শান্ত ঢেউয়ের নিচে তীব্র স্রোত লুকিয়ে থাকতে পারে!”
কল্পনার রাজ্য
আমার এক গুরুভাই মেরাজ, যিনি সবসময় কল্পনার রাজ্যে বসবাস করেন। বাস্তবতা নিয়ে উনার কোনো চিন্তা নেই। উনার কাল্পনিক কথাবার্তা এমন বেখাপ্পা যে, সাধারণ মানুষ তাঁর কথাবার্তা শুনলে নিশ্চিত মারধর করবে! আমি তাঁকে ভালোবাসি ব’লে বারবার বাস্তবতা বুঝানোর চেষ্টা করেছি, সে শোনেনি। তাই গুরুদেবকে একদিন বললাম, “সাঁইজি, মেরাজ তো সারাক্ষণ কল্পনার জগতে ঘুরে বেড়ায়। আমি তাকে বাস্তবে ফেরানোর চেষ্টা করি, উপদেশ দিই, কিন্তু সে শুনতে চায় না।”
গুরুদেব মৃদু হেসে বললেন, “তুমি কি কখনও মেঘ ধরতে চেয়েছ?”
আমি অবাক হয়ে বললাম, “মেঘ? সেটা কি সম্ভব?”
গুরুদেব বললেন, “ঠিক যেমন মেঘ ধরা যায় না, তেমনি কারও কল্পনার রাজ্যে জোর করে প্রবেশ করা যায় না এবং সেখান থেকে তাঁকে বের করে আনা যায়না, যদি না সে আপনা-আপনি আসে।”
আমি কিছুটা থমকে গেলাম। গুরুদেব আবার বললেন, “একবার এক সন্যাসী নদীর ধারে বসে ছিলেন। এক যুবক ছুটে এসে বলল, ‘গুরুদেব, আমাকে মুক্তির পথ দেখান!’ সন্যাসী চুপচাপ নদীর দিকে তাকিয়ে রইলেন। যুবক কিছুক্ষণ অপেক্ষা করে হতাশ হয়ে চলে গেল।”
আমি এবার প্রশ্ন করলাম, “কিন্তু সাঁইজি, সন্যাসী কিছু বললেন না কেন?”
গুরুদেব সিদ্ধির ধোঁয়ার কুণ্ডলী আঁকতে আঁকতে বললেন, “কারণ সে তখনো প্রস্তুত ছিল না। সময় এলে, সে নিজেই ফিরে আসবে, প্রশ্ন করবে, শোনার জন্য ব্যাকুল হবে।”
গুরুদেবের গল্প শুনে বুঝতে পারলাম— কাউকে হুট করে উপদেশ দেয়া ঠিক না। আমাকে অপেক্ষা করতে হবে, যতক্ষণ না কেউ নিজে আমার জ্ঞানের দরজায় কড়া নাড়ে।
মহাকালের নায়ক
পূর্বেই বলেছি—এক পুলিশ কর্মকর্তা আমার পকেটে বেশকিছু টাকা গুঁজে দিয়েছিলেন। টাকাটা গুরুদেবকে দিতে চেয়েছিলেন, উনি নেননি। তাই আমাকে দিয়েছেন। গুনে দেখি প্রায় ছয় হাজার টাকা। পুকুরের মাছ বিক্রি করা টাকা থেকে গুরুদেব আমাকে দশ হাজার টাকা দিলেন। এই মোট ষোলো হাজার টাকা। গুরুদেব বললেন, “দেখো এই টাকা দিয়ে নতুন কোনো ব্যবসা শুরু করা যায় কিনা।”
আমি সারারাত ভাবলাম এই টাকা দিয়ে কী ধরনের ব্যবসা করা যায়। অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম—কাচামালের ব্যবসা করবো। গ্রাম থেকে ঘুরে-ঘুরে সবজি ক্রয় করবো, শহরে নিয়ে গিয়ে বিক্রি করবো। প্রথমেই দরকার জায়গা নির্বাচন। কোথায় দোকান বসাবো সেটা আগে নিশ্চিত হওয়া জরুরি। তাই সকাল-সকাল বেরিয়ে পড়লাম শহরের উদ্দেশ্যে। শহরে গিয়ে অনেক ঘোরাঘুরি করে একটা জায়গা পেয়ে গেলাম। ক্রোকারিজের দোকানের সামনে ছোট্ট একটু জায়গা, প্রতিদিন একশত টাকা ভাড়া দিতে হবে। আমি রাজি হয়ে গেলাম। দিন প্রায় শেষ। আশ্রমে ফিরতে হবে। ফেরার পথে রাস্তায় একজন নারীকে স্বচক্ষে হেনেস্তার শিকার হতে দেখলাম। হেনেস্তাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহস পেলাম না, কারণ তারা সংখ্যায় ছিল বেশি এবং তাদের হাতে ছিল ধারালো ছুরি! নারীটিকে রক্ষা করতে পারিনি এজন্য মনটা খুব খারাপ ছিল। রাতে গুরুদেবকে ঘটনাটা খুলে বললাম। আমি প্রতিবাদ কেন করিনি এজন্য গুরুদেব দুঃখ প্রকাশ করলেন। আমি বললাম, “বাজান, প্রতিবাদ করব কি করে? আমি তো ওদের তুলনায় দুর্বল ছিলাম।”
গুরুদেব ধূপকাঠির ধোঁয়ায় দৃষ্টি রেখে বললেন, “তোমার ভেতরের আগুন কি নিভে গেছে?”
আমি বললাম, “না বাজান, কিন্তু ভয় কাজ করে। অন্যায় দেখলে রাগ হয়, কিন্তু প্রতিবাদ করতে গেলে বিপদে পড়ব এই ভয়ে চুপ থাকি।”
গুরুদেব ধোঁয়ার ভেতর কি যেন খুঁজলেন, তারপর বললেন, “তোমাকে একটা গল্প বলি: এক রাজা ছিলেন। তার দরবারে একজন দরিদ্র ব্রাহ্মণ এসে বললেন, ‘রাজা, আপনার সৈন্যরা আমার জমি কেড়ে নিয়েছে। আমি এখন কোথায় যাব?’ রাজা নিরব থাকলেন। তারপর সেই ব্রাহ্মণ চলে গেল। কয়েক বছর পর রাজা অন্য আরেকটি রাজ্যের সঙ্গে যুদ্ধে জরিয়ে গেলেন। যুদ্ধে তিনি মারাত্মক আহত হলেন। মৃত্যু শয্যায় স্বপ্নে দেখলেন— এক সাদা পোশাকধারী এসে বললেন, ‘তুমি এক ব্রাহ্মণের বিপদে চুপ ছিলে, তুমি তখন ক্ষমতাশালী ছিলে। আজ তোমার কোনো ক্ষমতা নেই। আজ আমি চুপ থাকব, কারণ আমি সেই মহাকাল, যে প্রতিটা সময়ের হিসাব কড়ায়গণ্ডায় গুণে নেয়। আমিই কালের নায়ক। আমি যুগে-যুগে আসি ন্যায় প্রতিষ্ঠা করার জন্য।’
গুরুদেব এই রূপক গল্পে আমাকে কিসের ইংগিত দিলেন, বুঝতে বাকি রইল না। আমি লজ্জায় মাথা নিচু করে বসে রইলাম। গুরুদেব এবার বললেন, “তোমার ভয়ের দেয়াল ভেঙে ফেলো। মহাকাল সব দেখে, কিন্তু প্রতিবাদীর কণ্ঠই ইতিহাস লেখে। আজ যদি তুমি চুপ থাকো, কাল মহাকালও তোমার পাশে চুপ থাকবে।”
আমার হৃদয়ে অদৃশ্য এক অগ্নিশিখা জ্বলে উঠল। আমি সিদ্ধান্ত নিলাম—অন্যায় দেখলে আর চুপ থাকবো না। কারণ, যারা প্রতিবাদ করে, তাঁরাই মহাকালের নায়ক!
নামের অতৃপ্তি
সারা গ্রাম জুড়ে ঘোরাঘুরি করে সবজি ক্রয় করবো, আবার শহরে নিয়ে বিক্রি করবো, মানুষের সঙ্গে কত কথা বলতে হবে! মানুষের সঙ্গে বেশি কথা বলতে ভালো লাগে না। কিন্তু কিছু একটা তো করতে হবে। চালানপাতিও কম। আজ যদি আমার অনেক টাকাপয়সা থাকতো, ক্ষমতা থাকতো, ভালো ক্যারিয়ার থাকতো, তাহলে মানুষ আমাকে চিনতো, সম্মান করতো। আমার কিচ্ছু নেই। আমি যেন এই দুনিয়ার সবচেয়ে অবহেলিত মানুষটা। আমাকে কেউ চেনে না, আমার কোনো নাম-ধাম নেই। চোখে হতাশা, কপালে চিন্তার ভাঁজ নিয়ে গুরুদেবের পাশে বসেছিলাম। গুরুদেব জিজ্ঞাসা করলেন, “কী হয়েছে, বাপ?”
আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, “বাজান, আমি কিছুতেই সন্তুষ্ট হতে পারছি না। আপনার কাছ থেকে এতো জ্ঞান আহরণ করলাম, আমার এত প্রতিভা, এত জ্ঞান, কিন্তু কেউ আমাকে চেনে না! আমার নাম কেউ জানে না। আমি চাই মানুষ আমাকে জানুক, আমার সম্পর্কে কথা বলুক, আমার মতামতকে গুরুত্ব দিক। কিন্তু এসবের কিচ্ছু হচ্ছে না! আমি এই দুনিয়ায় নাম-পরিচয়হীন একজন মানুষ!”
গুরুদেব হেসে বললেন, “তুমি কি চাও, মানুষ তোমার নাম উচ্চারণ করুক? নাকি তুমি সত্যিকারের মূল্য পাওয়ার জন্য কাজ করো?”
আমি বললাম, “দুটোই চাই। আমি চাই আমার কথাগুলো পৃথিবী শুনুক। আমি চাই মানুষ আমাকে চিনুক। আমি চাই মানুষ আমার চিন্তাকে অনুসরণ করুক। আমি চাই, মৃত্যুর পরেও আমার নাম বেঁচে থাকুক।”
গুরুদেব কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে-ধীরে বললেন, “একটা নদীর কথা ভাবো। সে কি মানুষ তাকে স্মরণ করুক বলে প্রবাহিত হয়?”
আমি মাথা নেড়ে বললাম, “না, সে নিজের নিয়মেই প্রবাহিত হয়।”
গুরুদেব বললেন, “ঠিক তাই। নদী তার নিজের কাজটাই করে যায়—শস্যকে সেচ দেয়, জীবন ধারণের জল সরবরাহ করে। সে খ্যাতির জন্য প্রবাহিত হয় না। কিন্তু দেখো, তার নাম সবাই জানে! গঙ্গা, নীল, সিন্ধু—এসব নদীর নাম ইতিহাসেও অমর হয়ে আছে।”
আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। গুরুদেব আবার বললেন, “প্রকৃত বিখ্যাত তারা হয়, যারা খ্যাতির জন্য কাজ করে না, বরং গুণের দ্বারা জগতের উপকার করে। নাম একদিন মুছে যাবে, কিন্তু গুণের প্রভাব থাকবে চিরকাল।”
আমার মনটা এবার শান্ত হল। আমি বুঝলাম—খ্যাতির পেছনে ছুটলে তা মরীচিকার মতো দূরে সরে যায়, কিন্তু যদি সত্যিকার গুণ অর্জন করা যায়, তবে খ্যাতি একসময় নিজে থেকেই এসে ধরা দেয়!
তিতো সত্য
গুরুদেবের সঙ্গে সাধুসঙ্গ করতে-করতেই আমি গভীর চিন্তায় ডুবে ছিলাম। গুরুদেব আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, “কী ভাবছো?”
আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম,”বাজান, সত্য বড়ো তিতো, তাইনা?”
গুরুদেব বললেন, “সত্য তিতো না, সত্যকে বলার ধরনটাই তিতো হতে পারে। কী হয়েছে বলো তো?”
আমি মাথা নিচু করে বললাম, অনেক বছর আগের কথা। আমি তখন সবে বন্ধুদের পাল্লায় পড়ে সিগারেট ধরেছি। একদিন এলাকার এক বড় ভাই আমাকে দেখে রাস্তায় দাঁড় করিয়ে বললেন, “বাপে খায় কামলা বেইচা আর তুমি টানো সিগারেট?”
গুরুদেব মাথা ঝুঁকিয়ে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে ছিলেন। আমি আবারও বললাম, “উনি সত্যি বলেছিলেন, কিন্তু আমি আজও তাঁকে ঘৃণা করি। কেন জানি না, মন থেকে ওনাকে আজও মেনে নিতে পারিনি!”
গুরুদেব কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর মৃদু স্বরে বললেন, “তুমি কি তাঁর কথাটা ভুল প্রমাণ করতে পেরেছো?”
আমি মাথা নেড়ে বললাম, “না, বাজান। বরং আমি ওনার কথায় লজ্জিত হয়েছিলাম। তারপর সিগারেট ছেড়ে দিয়েছিলাম।”
গুরুদেব বললেন, “তুমি সত্য গ্রহণ করেছো, অথচ সত্যদাতাকে বর্জন করেছো। কারণ, তিনি তোমার আত্মসম্মানকে আঘাত করেছিলেন। শোনো, সত্য কখনও তিতা নয়, কিন্তু সত্যকে যদি তরবারির মতো চালানো হয়, তবে সেটি কেটে ফেলে, জোড়া লাগায় না!”
আমি মাথা নিচু করে বললাম,”তবে কি আমি ভুল বুঝেছি?”
গুরুদেব বললেন, “না, তুমি ভুল বুঝোনি। কিন্তু তিনি যদি তোমার কাঁধে হাত রেখে বলতেন, “ভাই, তোর বাবা অনেক কষ্ট করে টাকা উপার্জন করেন, তুই কি এইভাবে ওনার কষ্টের মূল্য দিচ্ছিস?” — তাহলে হয়তো তুমি একই সত্যটাকে অপমান নয়, ভালোবাসা হিসেবে গ্রহণ করতে।”
আমি চুপচাপ বসে রইলাম। গুরুদেব আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, “সত্য তখনই সুন্দর, যখন তা কারও অন্তরে প্রবেশ করতে পারে। সত্য যদি অপমানের সঙ্গে জড়িত হয়, তবে সে সত্য তিতো হয়ে যায়। তাই সত্য বলার আগে ভাববে, তুমি সত্যের আলো দেখাচ্ছো, নাকি কারও আত্মসম্মান পুড়িয়ে দিচ্ছো!”
আমি ধীরে ধীরে মাথা তুললাম। মনে হলো—হৃদয়ে নতুন এক উপলব্ধির আভাস পেলাম!
শত্রু নির্বাচন
আশ্রমে কিছু ফুল গাছের চারা লাগিয়েছি, তাতে জল ঢালছিলাম। হটাৎ একজন লোক আসলেন, যিনি ইতিপূর্বে আমার গুরুদেবকে নিয়ে বাজে মন্তব্য করেছিলেন। তার প্রতি আমার ক্ষোভ ছিল, তাই তাকে সমাদর করিনি। তিনি আমাকে কিছু একটা জিজ্ঞেস করেছিলেন, তাকে সাড়া দিইনি। এই ঘটনা গুরুদেব খেয়াল করেছিলেন। লোকটা গুরুদেবের সঙ্গে দেখা করে চলে গেলেন। তারপর গুরুদেব আমাকে ডেকে বললেন, “বাপ, এসো। আজ তোমাকে একটি গোপন কথা জানাবো, যা জীবন চলার পথে জেনে রাখা খুবই জরুরি।”
আমি নতশিরে গুরুদেবের সম্মুখে গিয়ে বসলাম। গুরুদেব চোখ বন্ধ করে কিছুক্ষণ নীরব রইলেন, যেন অন্তর্দৃষ্টি থেকে কোনো কথা আহরণ করছিলেন। তারপর ধীর স্বরে বললেন, “জীবন এক ক্ষণস্থায়ী প্রদীপ। শত্রু ও মিত্র, এরা তার তেল এবং বাতাস। ভুল নির্বাচন হলে প্রদীপ নির্বাপিত হয়। শুদ্ধ নির্বাচন হলে প্রদীপ জ্বলতে থাকে অন্তিম সময় পর্যন্ত।”
আমি জিজ্ঞেস করলাম, “বাজান, কার সঙ্গে শত্রুতা করবো আর কার সঙ্গে করবো না?”
গুরুদেব চক্ষু মেলে তাকালেন দূরের আকাশপানে। তারপর বললেন, “শত্রু সে, যে তোমাকে অন্ধকারে টানে। মিত্র সে, যে তোমার দীপ্তিকে রক্ষা করে। কিন্তু মনে রেখো, সবচেয়ে ভয়ংকর শত্রু সেই, যাকে তুমি অবজ্ঞা করো, তুচ্ছ মনে করো, অথচ সে অন্তরে বিষের বীজ বুনে রাখে।”
এরপর গুরুদেব সাপুড়ের খাঁচায় বন্দী বিষাক্ত সাপের উদাহরণ দিয়ে বললেন, “সাপুড়ের খাঁচায় বন্দী সাপ ক্ষীণ, কারণ সে বন্দী। কিন্তু সাপুড়ের এক মুহূর্তের অসতর্কতায় সাপটা যদি ছাড়া পেয়ে যায়, সে তার সমস্ত বিষ সাপুড়ের রক্তে ঢেলে দিতে একটুও দেরি করবে না! তেমনি শত্রুও। অবহেলিত শত্রু সুযোগ পেলে সে মূহুর্তেই দাবানল জ্বালিয়ে দিবে!”
আমি ধরা গলায় বললাম, “বাজান, তবে কি কাউকে শত্রু না ভাবাই শ্রেয়?”
গুরুদেব মৃদু কাঁপা কণ্ঠে বললেন, “কাউকে শত্রু করো না। কিন্তু শত্রু যদি ভাগ্যে জুটে যায়, তবে তাকে অচেনা রেখো না। জেনে নাও তার শক্তি, তার দুঃখ, তার রাগ। কারণ শত্রু যেমন তোমার পতনের কারণ হতে পারে, তেমনি সে তোমার জাগরণের অনুঘটকও হতে পারে, যদি তুমি যথাযথ বুদ্ধি রাখো।”
আমি গুরুদেবের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম। গুরুদেব আবারও বললেন, “ধরো আমি তোমাকে একটা বিষবৃক্ষের বীজ আর একটা সুঘ্রাণ ফুলের বীজ দিলাম। তুমি যা বপন করবে, তাই ফলবে। ফুল বপন করলে সুবাস পাবে। বিষ বপন করলে ছায়া পাবে— এমন ছায়া, যেখানে তোমার নিজের মৃত্যুও পরিপক্ক হবে। বলো, তুমি কোনটা বপন করবে?”
গুরুদেবের কথায় আমি থমকে গেলাম! পৃথিবী যেন স্তব্ধ হয়ে এ কথাগুলো শুনছিল। তারপর মাথা নত করে বললাম, “বাজান, আমি ফুলই বপন করবো। বিষ নয়।”
গুরুদেব আমার মাথায় তাঁর হাত রেখে আশীর্বাদ করলেন এবং মৃদুস্বরে সেই চিরন্তন বাণী উচ্চারণ করলেন, “যা বপন করবে, তা-ই কেটে নিবে।
শত্রুতার বীজ বপন করলে হিংসার অরণ্যে হারাবে; প্রেমের বীজ বপন করলে আকাশ হবে তোমার সম্বল। জীবন এক বীজের রহস্য।
বিষবৃক্ষের ছায়া যতই শীতল হোক, তার ফল মৃত্যুরই নামান্তর। জীবনের শ্রেষ্ঠ বুদ্ধি হলো, শত্রুকে জিতিয়ে দিয়ে নিজেকে রক্ষা করা!”
অতঃপর বুঝতে পারলাম—গুরুদেবকে নিয়ে বাজে মন্তব্য করা লোকটাকে এড়িয়ে যাওয়া আমার উচিত হয়নি। কারণ, এভাবেই শত্রুতার সৃষ্টি হয়।
মূল্যের মাপকাঠি
আমি আমার নাম-ধাম নিয়ে সন্তুষ্ট নই, কথাটা ইতিপূর্বে বলেই ফেলেছি। এ প্রসঙ্গে গুরুদেবও আমাকে যথেষ্ট জ্ঞান দান করেছেন। অথচ তবুও আমি আমার মস্তিষ্কের স্নায়ুতন্ত্র হতে চিন্তাটা দূর করতে পারতেছি না! চিন্তাটা এবার আমার মাথায় চেপে বসেছে একটু ভিন্নভাবে। আমার মন বলে—গুরুদেবের কাছ থেকে তো কম জ্ঞান অর্জন করলাম না। এখন আমি নিশ্চয়ই আর দশটা মানুষের চেয়ে আলাদা এবং তাদের চেয়ে আমার মূল্য বেশি। কিন্তু মানুষ আমাকে কেন শ্রদ্ধা করে না? কেন মানুষ আমার কথা শুনতে চায় না? আমি চাই মানুষ আমাকে সম্মান করুক, কাছে এসে জ্ঞান আহরণ করুক এবং আলোকিত হোক। কিন্তু এমনটা হচ্ছে না কেন? বিষয়টি মাথা থেকে দূর করতে তাই একদিন গুরুদেবকে আবারও জিজ্ঞেস করলাম, “বাজান, আমি নিজেকে অনেক মূল্যবান মনে করি, কিন্তু অন্যরা আমাকে সেভাবে দেখে না। এমনটা কেন হচ্ছে?”
গুরুদেব একটু হেসে বললেন, “একটা গল্প বলি শোন: একদিন এক যুবককে তাঁর বৃদ্ধ বাবা একটি পাথরের টুকরো হাতে দিয়ে বললেন, “এই পাথরটি নাও এবং বাজারে গিয়ে জিজ্ঞেস করো, কেউ এটি কত মূল্যে কিনতে চায়। কিন্তু বিক্রি করবে না। শুধু দাম জিজ্ঞেস করে ফিরে এসো।’ যুবক পাথরটি নিয়ে বাজারে গেল। প্রথমে এক সবজি বিক্রেতার কাছে গেল। সবজি বিক্রেতা বলল, ‘এটা দেখতে সুন্দর, আমি বিশ টাকা দিতে পারি।’ যুবক অবাক হলো, কিন্তু কিছু না বলে ফেরি করার দোকানে গেল। দোকানদার বলল, ‘এটা বেশ চকচকে! যদি চাও, একশো টাকা দিতে পারি।’ এভাবে সে কয়েকটি জায়গায় ঘুরল। কেউ পঞ্চাশ, কেউ দুইশো, কেউ পাঁচশো টাকা পর্যন্ত দাম বলল। শেষে সে এক রত্ন বিক্রেতার কাছে গেল। রত্ন বিক্রেতা পাথরটি দেখে বিস্মিত হলো, তারপর বলল, ‘তুমি কি জানো, এটি একটি অমূল্য রত্ন? আমি যদি আমার সব সম্পত্তিও দিই, তবু এর প্রকৃত মূল্য দিতে পারব না!’ যুবক অবাক হয়ে তার বৃদ্ধ বাবার কাছে ফিরে গিয়ে সব বলল। বাবা বললেন, ‘দেখলে, একই পাথরের মূল্য একেকজনের কাছে একেকরকম। কেউ তাকে সস্তা ভাবছে, কেউ মূল্যবান। কারণ, যার দৃষ্টি যত গভীর, সে তত বেশি মূল্য বোঝে।’ যুবক তার বাবাকে বলল, ‘তাহলে, বাবা, আমি এ থেকে কী শিক্ষা নেবো?’ বাবা বললেন, ‘নিজের মূল্য নিজেই নির্ধারণ করো। তোমাকে সবাই সস্তা ভাববে, যদি তুমি নিজেকে সবজি বাজারে নিয়ে যাও। আর যদি নিজের মূল্যবান সত্তা রক্ষা করো, তবে সত্যিকারের জহুরি একদিন তোমার মূল্য বুঝবে।’
গুরুদেবের গল্প শুনে বুঝে গেলাম—নিজের মূল্য কখনোই সস্তায় বিক্রি করা উচিত নয় এবং কে যথেষ্ট মূল্য দিলো আর কে দিলো না, তা নিয়ে আফসোসের অবকাশ নেই। জীবনচক্রে একদিন-না-একদিন সঠিক মূল্যদাতাকে পেয়েও যেতে পারি। আমার জ্ঞানকে ধারণ করার পাত্র যার আছে, যে আমার মূল্য বুঝবে, সে ঠিকই আমার প্রশংসা করবে, শ্রদ্ধা করবে। শ্রদ্ধা এবং প্রশংসা কেউ না করলেও আমার যে দাম, তা কমবে না।
তর্ক এবং ব্যাখ্যা
গুরুদেবের অনুমতি নিয়েই কাচামালের ব্যবসা আরম্ভ করেছি। খুব ভোরে গ্রামের ক্ষেতখামারে চলে যাই, সবজি সংগ্রহ করি, বিকেলে শহরে নিয়ে বিক্রি করি। লাভ মোটামুটি ভালোই হয়, কিন্তু পরিশ্রম অনেক বেশি। অপরদিকে মানুষের সঙ্গে কথাও বলতে হয় বেশি। তবুও ব্যবসাটা চালিয়ে যাচ্ছি। তুলসীদের বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়েই যাতায়াত করি। তুলসীকে একনজর দেখার আশায় ওর বাড়ির দিকে তাকিয়ে থাকি, কিন্তু দেখতে পাই না। ওকে দেখার জন্য রাস্তায় দাঁড়িয়েও থাকি না, পুরোহিতের ভয়ে। তুলসীদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেলে আমাকে মেরেই ফেলবে। আমাকে মেরে ফেললে ফেলুক, কিন্তু তুলসীর কী অবস্থা হবে? এই ভয়ে কোনো ঝুঁকি নিই না। ভ্যানে আসি ভ্যানে যাই।
আজকাল আমি যেকোনো মানুষের সঙ্গে তর্কে জড়িয়ে যাচ্ছি। আমার ভেতরে আমি দারুণ একটা ক্ষমতা আবিস্কার করেছি। আমি যে কাউকে তর্কে হারিয়ে দিতে পারি এবং বিপক্ষের মতামত সত্য হলেও আমি তা ব্যাখ্যা করে ভুল প্রমাণ করতে পারি! কিন্তু আমি এটাও অনুভব করি—আমার তর্কে যাওয়া উচিত হচ্ছে না। কারণ এতে অদৃশ্য শত্রুর সংখ্যা বেড়ে যেতে পারে। তাই গুরুদেবকে রাতে খাবার খেতে-খেতে বললাম, “বাজান, আমি তর্কে খুব দক্ষ। যে কারও কথার যুক্তি খণ্ডন করতে পারি। তর্কে জেতার মধ্যে দারুণ আনন্দ পাই। এই গুনটা ভালো নাকি মন্দ?”
গুরুদেব মৃদু হাসলেন। কথার শুরুতে উনি একটু হাসবেন, এটা নতুন কিছু নয়। তাঁর হাসি আমার চিরচেনা। তাঁর হাসিমাখা মুখটা আমার চোখের তাঁরায় সবসময় ভাসে। খাবার শেষে গুরুদেব আমাকে নিয়ে পুকুর পাড়ে গেলেন। রাতটা ছিলো চাঁদনী রাত। সন্ধ্যার পরপরই আকাশে চাঁদ উঠেছে। চাঁদের আলোয় চারপাশটা স্পষ্ট দেখা যাচ্ছিলো। পুকুরে পানি আরও স্বচ্ছ দেখা যাচ্ছিলো। গুরুদেব পুকুরের পানিতে একটি পাথর ছুঁড়ে দিলেন। পানিতে তরঙ্গের সৃষ্টি হলো, কিছুক্ষণ কাঁপলো, তারপর শান্ত হয়ে গেল। গুরুদেব বললেন, “এই তরঙ্গগুলোর মতো তর্কেরও ক্ষণস্থায়ী অস্তিত্ব আছে। কিন্তু পাথরটা এখনো জলের নিচেই পড়ে আছে।”
গুরুদেবের কথা ও উদাহরণ আমি তেমনটা বুঝতে পারলাম না। তাই স্পষ্ট বোঝার জন্য প্রশ্ন করলাম, “বাজান, আপনি কি বলতে চাইছেন? আপনার কথা আরও স্পষ্ট করে বুঝতে চাই।”
গুরুদেব বললেন, “যখন তুমি তর্ক করো, তখন তা শুধু তরঙ্গের মতো শব্দ সৃষ্টি করে। কিন্তু সত্য সেই পাথরের মতো—যেখানে ছিল, সেখানেই থাকে। তোমার কথার তরঙ্গগুলো হয়তো অন্যকে সাময়িকভাবে প্রভাবিত করে, কিন্তু সত্যকে বদলাতে পারে না।”
তারপর আমি মুখ খুললাম। বললাম, “তাহলে কি ভুল মতবাদকে চ্যালেঞ্জ করা উচিত নয়?”
গুরুদেব একটু দূরে দাঁড়িয়ে থাকা একটি নিমগাছে এক কাঠঠোকরা পাখির বাসা দেখিয়ে বললেন, “ওই বাসায় থাজা কাঠঠোকরা পাখির কথা চিন্তা করো। সে কী করেছিল?”
আমি বললাম, “পাখিটি তার ঠোঁট দিয়ে গাছ কেটেছে, বাজান।”
গুরুদেব বললেন, “সে কি গাছকে যুক্তি দিয়ে বলেছিল—আমি তোমার দেহে বাসা বাঁধবো, তোমার শরীর ছিদ্র হবে, এখানে পচন ধরবে, তোমার ক্ষতি হবে, তুমি আমার চাওয়া মেনে নিবে? বলেনি। সে কেবল তার ধারালো ঠোঁটদুটো চালিয়ে দিয়েছিল। আর এটাই প্রকৃত জ্ঞান। সত্যকে প্রচার করার জন্য তর্ক বা অযথা বাক্যবিনিময় বা বাকবিতন্ডার দরকার নেই। কাঠঠোকরার মতোই তুমি নিজের কাজ করে যাও। মানুষের হৃদয়ে যদি সত্যের জন্য স্থান থাকে, তাহলে তারা আপনাআপনিই বুঝবে।”
আমি তখন বললাম, “কিন্তু বাজান, ব্যাখ্যা না দিলে মানুষ বুঝবে কীভাবে?”
গুরুদেব তখন পুকুর থেকে এক অঞ্জলি জল নিলেন এবং সে জল আমার হাতে দিয়ে বললেন, “এই জলকে হাতে রাখো।” আমি জল হাতে রাখার চেষ্টা করলাম, কিন্তু জল আঙুলের ফাঁক দিয়ে গড়িয়ে পড়ল। তা দেখে গুরুদেব বললেন, “দেখলে? ব্যাখ্যা হলো এই জলের মতো। যতই তুমি ধরে রাখার চেষ্টা করবে, ততই ফসকে যাবে। সত্যকে ব্যাখ্যার মাধ্যমে না, উপলব্ধির মাধ্যমে বুঝতে হয়।”
আমি যুক্তি ও তর্কবিদ্যা নিয়ে খুবই গর্বিত ছিলাম। কিন্তু গুরুদেবের সামনে আমার অহংকার ধূলিসাৎ হয়ে যাচ্ছে দেখে মাথা নিচু করে বললাম, “তাহলে এখন আমি কী করব, বাজান?”
গুরুদেব বললেন, “যা জানো, তা নিরবে নিজের জীবনে প্রয়োগ করো। তর্ক কোরো না, ব্যাখ্যা দিয়ো না। যদি তোমার সত্য যথেষ্ট শক্তিশালী হয়, তাহলে একদিন মানুষ নিজেরাই তা বুঝতে পারবে। আর যদি তা দুর্বল হয়, তাহলে তর্ক করলেও কেউ তা গ্রহণ করবে না।”
আমি গভীরভাবে চিন্তা করে সিদ্ধান্ত নিলাম—আর তর্ক নয়, কর্মই হবে আমার সত্যের ভাষা।
শব্দের যাদুকর
গুরুদেব যা-কিছুই বলুক না কেন, তাঁর প্রতিটা কথাই শুনতে মধুর লাগে। আশ্রমে আসা প্রতিটা লোক চাতক পাখির মতো বসে থাকে গুরুদেবের কথা শোনার জন্য। গুরুদেবের প্রতিটা কথাই যে চূড়ান্ত সত্য, বিষয়টি এমন নয়। তাঁর কথার মাঝেও অনেকসময় সত্যের চেয়ে আবেগের ছোঁয়া বেশি থাকে। তবুও তাঁর কথাই একমাত্র সত্যসুন্দর মনে হয়। জীবন চলার পথে কত মানুষের দেখা পেলাম। তারমধ্যে সত্যবাদী মানুষ অনেক পেয়েছি। কিছু সত্যবাদী মানুষের কথা সত্য মনে হলেও, তাদের অম্লমধুর লেগেছে। গুরুদেবের কথায় কী এমন সম্মোহনী শক্তি আছে তা জানার মনটা হটাৎ ব্যাকুল হয়ে উঠলো। রাতের খাবারদাবার ও সাধুসঙ্গ শেষে ঘুমাতে যাবো এমন সময় বিছানায় বসে জিজ্ঞেস করলাম, “বাজান, কিছু মানুষ যা-ই বলুক, সবাই মুগ্ধ হয়ে শোনে। অথচ কেউ-কেউ কঠিন সত্য বলে ফেললেও মানুষ শুনতে চায় না। এমনকি বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নেয়। কেন এমন হয়?”
গুরুদেব মৃদু হেসে বললেন, “কারণ, কথা শুধু শব্দ নয়। কথা একধরনের সুর—যে সুর হৃদয়ের দরজায় কড়া নাড়ে। শুধু সত্য জানলেই চলবে না, সত্যকে কেমন করে বলা হয়, তাও জানতে হয়। শোনো, আমি তোমাকে একটি গল্প বলি…
অনেক বছর আগে, এক প্রাচীন রাজ্যে দুই মহাজ্ঞানী ছিলেন। একজনের নাম শঙ্কর, অন্যজন বিনায়ক। শঙ্কর ছিলেন সত্যবাদী। তাঁর তীক্ষ্ণবুদ্ধি ছিলো এবং সে ছিলেন নীতিনিষ্ঠ মানুষ। তিনি যা সত্য মনে করতেন, তা অকপটে উচ্চারণ করতেন। তার কণ্ঠে কোনো ভণিতা ছিল না, তাঁর বাক্যে কোনো অলঙ্কার ছিল না।তিনি বলতেন—জীবন অনিত্য, সুখ ক্ষণিক, মোহ ত্যাগ করো। মানুষ তার কথায় সত্যের গন্ধ পেত ঠিকই, কিন্তু সেগুলো ছিল শুষ্ক বালুর মতো কঠোর, রূঢ় এবং নির্মম। কেউ ভয়ে, কেউ বিরক্ত হয়ে তার সান্নিধ্য এড়িয়ে চলত।
অন্যদিকে, বিনায়ক ছিলেন শব্দের যাদুকর, বাগ্মী, কৌশলী ও মানবমন-বুঝতে পারা এক শিল্পী। তিনি সত্যকে বলতেন না সরাসরি, বলতেন রূপকের ভেতর দিয়ে। তার কথায় সুর ছিল, হাসি ছিল, সান্ত্বনা ছিল। তিনি বলতেন—জীবন এক রহস্যময় ফুল, প্রতিটি পাপড়ি একটি উপলব্ধি। এই ফুলের সৌরভ নিতে শিখলে জীবন হয়ে ওঠে পূর্ণ। তিনি হয়তো সবসময় কঠিন সত্য বলতেন না, কিন্তু মানুষের আকাঙ্ক্ষাকে তিনি বোঝাতেন সান্ত্বনার ভাষায়। ফলে, তার চারপাশে তৈরি হয়েছিল এক অদ্ভুত সম্মোহন—শত শত অনুসারী, প্রশংসা এবং অবিরাম ভালোবাসা।
একদিন রাজা উভয় পণ্ডিতকে রাজদরবারে ডেকে পাঠালেন। বললেন—আমার রাজ্য আজ বিভ্রান্ত। আমাদের দরকার একজন প্রধান জ্ঞানী, যিনি পথ দেখাতে পারবেন। আমি একটি প্রশ্ন করব—জীবনের সবচেয়ে গভীর শিক্ষা কী?
প্রথমে শঙ্কর উত্তর দিলেন—জীবন হলো দুঃখময়, ক্ষণস্থায়ী এবং কামনাবাসনার বন্ধনে বন্দী। যে কামনাবাসনা থেকে মুক্ত হতে পারে, সে-ই সত্যিকারের মুক্ত।
তার কথা শেষ হতেই চারপাশে নীরবতা নেমে এলো। কেউ-কেউ চোখ নামিয়ে ফেলল। এরপর বিনায়ক হাসিমুখে বললেন—জীবন এক অপূর্ব ফুল। তার প্রতিটি পাপড়ি, প্রতিটি রঙ, প্রতিটি ঘ্রাণ আমাদের শেখায় ভালোবাসতে। জীবনকে ভালোবেসেই আমরা জ্ঞানী হয়ে উঠি।
রাজা কিছু বললেন না।
পরদিন দেখা গেল: শঙ্কর নির্জন বটতলায় বসে ধ্যানে নিমগ্ন। আর বিনায়ক বসে আছেন রাজপ্রাসাদের ছায়াঘেরা চত্বরে, অসংখ্য মানুষ তাকে ঘিরে আছে। তারা শিষ্য, অনুসারী, শ্রোতা—তার প্রতিটি কথায় মুগ্ধ, মোহিত, মোহাবিষ্ট!”
গুরুদেব গল্প বলে আমার চোখে চোখ রাখলেন। গল্পটা শুনে আমি একটু বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, “বাজান, তবে কি সত্যের চেয়ে মোহের মূল্য বেশি?”
গুরুদেব মাথা নেড়ে বললেন, “সত্য হলো ধারালো তরবারি, আর মোহ হলো সুরভিত মালা। মানুষ তরবারির ধার দেখে সরে যায়, কিন্তু মালার সৌরভে নিজেই এগিয়ে আসে। তুমি যদি চাও সত্য মানুষের হৃদয়ে প্রবেশ করুক, তাহলে তাকে এমনভাবে বলো—যেন তারা ভয় না পায়, যেন তারা আপন করে নিতে পারে। কথা শুধু বক্তব্য নয়, কথা মানুষের মনের দরজায় ঢোকার জন্য একধরনের শিল্প।”
অতঃপর বুঝলাম—কঠিন সত্য একা দাঁড়িয়ে থাকে—সম্মানের ভারে, গম্ভীরতার নিঃসঙ্গতায়। আর মায়াময় সত্য মানুষের হৃদয় জিতে নেয়—তার কোমলতা, শব্দের সংগীত আর সাহচর্যের মাধ্যমে। গুরুদেবের বলা গল্পটা শুধু দুজন পণ্ডিতের নয়। এ আমাদের সবার জীবনের আয়না। কতবার আমরাও শঙ্কর হয়ে উঠি—তীব্র, সত্যবাদী, অথচ নির্জন। আবার কতবার বিনায়কের মতো—সামান্য মায়া দিয়ে মানুষকে জিততে শিখি। সত্য আর মায়া—এই দুইয়ের মাঝেই লুকিয়ে আছে প্রকৃত প্রজ্ঞা।
বিখ্যাত এবং কুখ্যাত
গুরুদেবের মাঝে যে জ্ঞান ও প্রজ্ঞাশক্তি আছে, চাইলে তা দিয়ে তিনি আরাম-আয়েশের জীবন উপভোগ করতে পারতেন। কিন্তু তিনি বেছে নিয়েছেন কামনাবাসনাহীন বিষয়মোহ বিবর্জিত একটা জীবনকে। তিনি যদি ধ্যান, যোগব্যায়াম ও আধ্যাত্মিক বিদ্যার স্কুল খুলতেন, তাহলে তাঁর ছাত্র/ছাত্রীর অভাব হতো না। মাসিক বেতন নিতেন আর তা দিয়েই সম্পদের পাহাড় গড়তে পারতেন। তিনি যদি তাঁর আধ্যাত্মিক কথাবার্তার ভিডিও তৈরি করে তা ফেসবুকে এবং ইউটিউবে পোস্ট করতেন, তাহলেও প্রচুর টাকা ইনকাম করতে পারতেন। কিন্তু এদিকে তাঁর কোনো মোহ নেই। তাঁর জন্যে অনেক পথ খোলা ছিলো। তিনি চাইলে প্রচলিত ধারায় ভক্ত তৈরি করে বায়াত দিতেন এবং খেলাফত দিতেন তথা পীরগীরি করতেন, তাতেও তাঁর সুখের শেষ ছিলো না। কিন্তু তিনি প্রচলিত এই প্রথাকে ভণ্ডামি মনে করেন। তাঁর কাছে একমাত্র সত্যসুন্দর ও সহজসরল পথ হচ্ছে গুরুবাদ। তিনি গুরুগীরিকে কোনো বাদের মধ্যেও ফেলতে চান না। তাঁর কাছে এই দুনিয়াটাই গুরুময়। দুনিয়ার সবাই গুরু, সবাই আবার শিষ্যও! আমার মাঝেমধ্যে মনে হয়—তিনি চাইলে তো বিখ্যাত একজন গুরু হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারেন, এইটুকুও কেন চান না? তাই গুরুদেবকে সেদিন জিজ্ঞেস করলাম, “গুরুময় দুনিয়ায় আপনি চাইলেই বিখ্যাত একজন গুরুরূপে প্রতিষ্ঠা লাভ করতে পারেন, কিন্তু এটা কেন চান না?”
গুরুদেব সোজা উত্তর দিলেন, “বিখ্যাত হতে চাই না কুখ্যাত হয়ে যাবার ভয়ে। কারণ, বিখ্যাত হবার বাসনার মধ্যে লুকিয়ে আছে কুখ্যাত হবার সম্ভাবণা। বিখ্যাত হওয়া যায় না, মানুষ বিখ্যাত ওঠে।”
গুরুদেবের কথায় আশাহত হলাম। তবুও আরও কিছুক্ষণ আলাপ করার লোভে গুরুদেবকে প্রশ্ন করলাম, “বিখ্যাত এবং কুখ্যাত মানুষের মধ্যে পার্থক্য কী?”
গুরুদেব সামনে রাখা প্রদীপের শিখায় গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, “যারা দুনিয়ার প্রেমে পড়ে সফলতা অর্জন করে তারা কুখ্যাত, আর যারা দুনিয়ার মায়া ত্যাগ করে সফলতা অর্জন করে তারা বিখ্যাত।”
গুরুদেবের কথার মানে কিছু না বুঝে চুপ করে রইলাম। গুরুদেব এবার ধীরে-ধীরে বলতে লাগলেন, “একটা গল্প বলি শোনো: একই মায়ের পেটের আপন দুই ভাই ছিল। এক ভাই ছিল রাজা, অন্য ভাই ছিল সন্ন্যাসী।
রাজা ছিল শক্তিশালী, নির্দয় এবং দূরদর্শী। তার হাত থেকে কেউ রক্ষা পেত না। অন্য রাজ্যগুলো তাকে ভয় করত, কারণ সে কৌশলে রাজ্য জয় করত, বিশ্বাসঘাতকতা করত, প্রতিপক্ষকে ধ্বংস করত। তার একমাত্র লক্ষ্য ছিল ইতিহাসে নিজের নাম লেখা।
অন্যদিকে, তার ভাই ছিল এক নির্জন সন্ন্যাসী। সে রাজপ্রাসাদ ছেড়ে জঙ্গলে চলে গিয়েছিল, শীত-গ্রীষ্মে ধ্যান করত, কোনো কিছুর ভয় পেত না, জীবনের মোহ কাটিয়ে ফেলেছিল। মানুষ তাকে পাগল বলত, কিন্তু সে হাসত, কারণ সে সত্য জেনেছিল।
অনেক বছর পর একদিন রাজা তার ভাইকে খুঁজতে গেল। গভীর জঙ্গলের এক গুহায় সে সন্ন্যাসীকে পেল। রাজা বলল— তুমি কেন এমন হলে, ভাই? রাজ্য ছেড়ে এভাবে পলায়ন কেন?
সন্ন্যাসী হেসে বলল— আর তুমি কেন এমন হলে, ভাই? ভালোবাসা ছেড়ে এভাবে শাসন কেন?
রাজা চুপ করে রইল। সন্ন্যাসী আবার বলল—তুমি কঠিন হয়েছো, কারণ তুমি দুনিয়াকে জয় করতে চাও। আমি কঠিন হয়েছি, কারণ আমি দুনিয়ার মোহ ছেড়ে দিয়েছি। তুমি ক্ষমতার কাঠামো তৈরি করেছো, আর আমি মায়ার কাঠামো ভেঙে দিয়েছি। তুমি ইতিহাসে বাঁচতে চাও, আর আমি মহাকালের অংশ হতে চাই। তুমি কুখ্যাত, আমি বিখ্যাত।
রাজা কিছু বলল না। তার চোখে এক অনির্বচনীয় দৃষ্টি ফুটে উঠল। সে বুঝতে পারলো— তার ভাইয়ের কঠিনতা তার চেয়ে আলাদা, কিন্তু সমান শক্তিশালী!”
গল্প বলে গুরুদেব চুপ করে গেলেন। আমি ভাবনায় ডুবে গেলাম। কিছুক্ষণ পর গুরুদেবকে বললাম, “নিশ্চয়ই শয়তান কুখ্যাত, আল্লাহ বিখ্যাত; দুজনেই সমান শক্তিশালী!”
গুরুদেব হা-হা করে হেসে দিয়ে বললেন, “আমি আল্লাহ এবং শয়তান কোনোটাই হতে চাই না! আমি মানুষ হতে চাই। কারণ, মানুষই এদের রহস্য!
