চৈতন্য (শহিদুল শাহ) – ৩

যোগী ও রোগী

আমি আমার গুরুদেবের আশ্রমে যতোদিন যখন যেভাবেই প্রবেশ করেছি, তাঁকে কোনোদিন যোগাসনে বসে থাকতে দেখিনি। এনিয়ে আমার মনে একটা খটকা ছিলো। কারণ, শুনেছি প্রত্যেক মহাযোগীরাই কঠোর যোগ অনুশীলন করতেন। আমার গুরুদেব কেন যোগ অনুশীলন করেন না? গুরুদেবকে একদিন বললাম, “সাঁইজি, শুনেছি মহাযোগীরা পদ্মাসন, সিদ্ধাসন, সুখাসন, স্বস্তিকাসন, তাড়াসন, ভুজঙ্গাসন, শলভাসন, ধনুরাসন, পশ্চিমোত্তানাসন, বৃক্ষাসন, গরুড়াসন, নটরাজাসন, শবাসন ও মকারাসন সহ আরও কতরকম আসনে যোগ সাধন করতেন, আপনি কেন করেন না?”

গুরুদেব হাসলেন, তারপর পরন্ত বিকেলের রক্তিম সূর্যের দিকে তাকিয়ে বললেন, “দেখো, এই সূর্য অবিরাম বয়ে চলেছে, তাতে কোনো জড়তা নেই, কোনো বিরতি নেই। সূর্য কি কখনও ধ্যানমগ্ন অবস্থায় থাকে? না, সে জীবনকে বয়ে নিয়ে চলে, আলো দেয়, তাপ দেয়, প্রাণ জাগায়। যে যথাসময়ে যথাবিহিত কর্ম যথাযথভাবে সম্পাদন করে, সে-ই যোগী। মূলকথা— যে কর্মের মাঝেও আত্মাকে জাগিয়ে রাখে, সে-ই প্রকৃত যোগী।”

গুরুদেবের কথা আমি ভালোভাবে তখনও বুঝতে পারিনি। তাই আবারও জিজ্ঞেস করলাম, “তাহলে যাঁরা যোগ সাধন করেন, তাঁরা কি ভুল?”

গুরুদেব শান্ত কণ্ঠে বললেন, “যদি তাঁদের সাধনা তাঁদেরকে জীবনের সঙ্গে সংযুক্ত না করে, তবে তা নিছকই অঙ্গভঙ্গির খেলা। অথবা তাঁরা বিভিন্নরকম রোগের রোগী, সেইসব রোগ থেকে মুক্তির জন্যই যোগ সাধন করেন। আমার দৃষ্টিতে যোগ মানে শুধু বসে থাকা নয়, যোগ মানে কর্মের সাথে আত্মার মিলন। একজন কৃষক, যে মনোযোগ দিয়ে ফসল ফলায়, একজন শিল্পী, যে সৃষ্টির আনন্দে নিমগ্ন, একজন প্রেমিক, যে ভালোবাসায় দেহ ও মন এক করে— তারাই প্রকৃত যোগী।”

গুরুদেবের কথায় আমি কিছুটা বিস্মিত হলাম। কত সুন্দর করে তিনি বোঝালেন— যোগ ও জীবনের গল্প! আমি তাঁর জ্ঞানের সীমানা খুঁজে পাই না। তাঁর দিকে মুগ্ধ নয়নে চেয়ে রইলাম। তিনি আরও বললেন, “যোগী সে-ই, যে জীবনের প্রতিটি কাজে সম্পূর্ণভাবে নিজেকে যুক্ত করতে পারে। এমনকি, যখন একজন ব্যক্তি গভীর ভালোবাসা ও একাগ্রতায় তার সঙ্গীর সঙ্গে মিলিত হয় তথা সঙ্গমে অংশগ্রহণ করে, তখন সে এক মহাযোগের অভিজ্ঞতা লাভ করে। কারণ সেই মুহূর্তে দেহ, মন ও আত্মার সত্যিকারের সংযোগ ঘটে। যোগ মানে শুধুই শারীরিক কসরত নয়, যোগ মানে প্রতিটি কাজে নিজেকে উৎসর্গ করে দেওয়া।”

আমার অন্ধকার মনে যেন পূর্ণিমার আলো জ্বলে উঠলো। আমি বুঝতে পারলাম— যোগ শুধু ধ্যান বা কঠোর সাধনায় সীমাবদ্ধ নয়— বরং জীবনযাপনের একটি প্রবাহ। আমি গুরুদেবের পায়ের কাছে মাথা রেখে বললাম, “গুরুদেব, আমি বুঝেছি! আমার জীবনের প্রতিটি মুহূর্তই যেন যোগময় হয়।”

গুরুদেব মৃদু হেসে বললেন, “যদি তা হয়, তবে তোমার জীবনই এক মহাযোগ হয়ে উঠবে।”

 ঝাড়ফুঁক

সন্ধ্যার আকাশে লালচে আভা লেগে আছে, যেন সূর্য অস্ত যাওয়ার আগে শেষবারের মতো আলো ছড়িয়ে বিদায় জানাচ্ছে। নদীর ধারে বাতাসে কাশফুল দুলছে, আর কোথাও একটা পাখি ডেকে উঠল—বিস্ময় জাগানো এক সুরে। গুরুদেব আর আমি নদীর কুল দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আর কিছুদূর হাঁটলেই আসিব শাহ্ সাধুর বাড়ি। আসিব সাধুর বাড়িতে আজ রাতে সাধুসঙ্গ হবে, বাৎসরিক অনুষ্ঠান। গুরুদেবকে অনেক আগেই দাওয়াত করে রেখেছিলেন। সৌভাগ্যক্রমে আমিও দাওয়াত পেয়ে গেছি। দু’জনে পথ হাঁটছি তো হাঁটছিই…। হটাৎ নিরবতা ভেঙে গুরুদেবকে বললাম, “বাজান, আমাদের গ্রামের অনেক মানুষকে দেখতাম রোগবালাই হলে কবিরাজের কাছে যেতো, ঝাড়ফুঁক করাতো, দোয়া পড়া পানি পান করতো। এই বিষয়গুলো নিয়ে আমার মনে সন্দেহ কাজ করতো। আচ্ছা বলুন তো, ঝাড়ফুঁকে কি সত্যই রোগব্যাধি ভালো হয়?”

গুরুদেব একটু হাসলেন, তারপর নদীর পাড় থেকে দু’টুকরো মাটি হাতে তুলে নিলেন। একটুকরো হাতে রেখে আরেকটুকরো নদীতে ছুঁড়ে দিলেন। মাটির টুকরোটা জল ছুঁয়ে দ্রুত তলিয়ে গেল। গুরুদেব বললেন, “দেখো, বাপ, এই মাটির টুকরোটির মতোই মানুষ যখন কষ্টে থাকে, তখন সে ডুবতে থাকে। ভয়, দুঃখ ও অসহায়ত্ব মানুষকে ডুবিয়ে দেয়। তখন সে কিছু একটা আকড়ে ধরতে চায়—হোক তা সত্য, অথবা কেবলই বিশ্বাস।”

আমি বললাম, “বুঝলাম বিপদে পড়ে মানুষ ঝাড়ফুঁকে বিশ্বাস করে। কিন্তু, এগুলো কি সত্যিই কোনো কাজে আসে? কাজে না আসলে তবুও মানুষ কেন ঝাড়ফুঁকে বিশ্বাস করে?”

গুরুদেব এবার থমকে দাঁড়ালেন। তাঁর হাতে রাখা দ্বিতীয় মাটির টুকরোটা পায়ের কাছে নামিয়ে রেখে বললেন, এই টুকরোটা কেন ডুবছে না, বলো তো?”

আমি সোজা উত্তর দিলাম, “কারণ এটি মাটির ওপর স্থির রয়েছে।”

গুরুদেব মাথা নেড়ে বললেন, “ঠিক তাই। যে মানুষ নিজের মনের শক্তি ও জ্ঞানের ওপর ভরসা রাখে, সে এই মাটির টুকরোটার মতোই স্থির থাকতে পারে। সে অন্ধবিশ্বাসে ডুবে যায় না, বরং যুক্তি ও সত্যকে আঁকড়ে ধরে। যাঁরা যুক্তি ও সত্য বোঝে, তাঁরা রোগবালাই হলে ধর্মালয়ে যায় না, চিকিৎসালয়ে যায়।”

গুরুদেবের কথা আরও সুস্পষ্টভাবে বোঝার জন্য বললাম, “তাহলে যারা কবিরাজ, ওঝা ও মোল্লাদের কাছে ঝাড়ফুঁকের জন্য যায়, তারা নিশ্চয়ই অজ্ঞানী?”

গুরুদেব নদীর স্রোতের দিকে তাকিয়ে বললেন, “তারা একেবারে অজ্ঞানীও নয়। তারা শুধু ভয় পায়। যখন মানুষ অসহায় বোধ করে, তখন সে যা-ই হোক, কিছু একটা ধরার চেষ্টা করে। যদি কেউ তাদের সঠিক পথ দেখায়, তবে তারা সত্যের আলোয় আসতে পারে।”

আমি বললাম, “তাহলে কি আমাদের উচিত মানুষকে বোঝানো যে তারা যেন অন্ধবিশ্বাসের পেছনে না ছোটে?”

গুরুদেব উদাসী ভাব দেখিয়ে বললেন, “বোঝানো উচিত, তবে তিরস্কার করে নয়, ঘৃণা দিয়ে নয়। যেমন নদী তার স্রোত দিয়ে মাটিকে ধীরে ধীরে বদলে দেয়, তেমনি জ্ঞান ও প্রেম দিয়ে মানুষকে সত্যের পথে আনতে হয়। মানুষ একদিন এমনিতেই ঝাড়ফুঁকের প্রতি বিশ্বাস হারাবে। তোমার এবং আমার এনিয়ে মাথা না ঘামালেও চলবে। যা এমনিতেই নিঃশেষ হবে, তা শেষ করার জন্য উদগ্রীব না হওয়াই বুদ্ধিমানের কাজ।”

নদীর ধারে বাতাসে কাশফুল আবারও দুলে উঠল, আর সন্ধ্যার আকাশে প্রথম তারা ফুটে উঠতে লাগলো, আমরা পৌঁছে গেলাম আসিব সাধুর বাড়িতে।

ব্যক্তিত্ব

এই প্রথম কোনো প্রশ্ন ছাড়াই গুরুদেব নিজ থেকে আমাকে জ্ঞান দান করলেন। সারারাত আসিব সাধুর বাড়িতে সাধুসঙ্গ করে পরদিন দুপুরবেলা আমরা আশ্রমের দিকে ফিরছিলাম। নদী ভাঙনের শিকার একটি বাড়ির দুটো বাঁশঝাড়, কিছু কলাগাছ ও শালগাছ রাস্তার পাশে ছিলো। বাতাসে গাছের পাতা দুলছিল, আর দূরে একদল সারস আপন মনে নীরব জল ছুঁয়ে উড়ছিল। হাঁটতে-হাঁটতে গুরুদেব বললেন, “বলো তো বাপ, ব্যক্তিত্ব কাকে বলে?”

গুরুদেব যেহেতু নিজ থেকে আমাকে প্রশ্ন করেছেন, সেহেতু কারণ নিশ্চয়ই একটা আছে। মনেমনে ভাবলাম— প্রশ্নের উত্তর দেয়াটা সম্ভবত বেয়াদবি হবে। তারচে বরং গুরুদেবের কাছ থেকেই প্রশ্নের উত্তর জেনে নেয়াটা ভালো হবে। তাই আমি গুরুদেবকে বললাম, “আপনিই বলুন বাজান। ব্যক্তিত্ব কাকে বলে সেটা আপনার কাছ থেকে জানতে চাই।”

গুরুদেব মুচকি হেসে নদীর ধারে থাকা গাছগুলোর দিকে ইঙ্গিত করে বললেন, “দেখো, ওখানে কিছু গাছ আছে— শালগাছ, কলাগাছ ও বাঁশগাছ। বলো তো, শক্তির দিক থেকে শালগাছ ও কলাগাছের মধ্যে পার্থক্য কী?”

আমি সরল সোজা উত্তরে বললাম, “শালগাছ অনেক উঁচু, দৃঢ় আর শক্ত কাঠের। আর কলাগাছ কোমল, একটু চাপ দিলেই ভেঙে যায়।”

গুরুদেব বললেন, “ঠিক বলেছো। এই পার্থক্যই দুটি গাছের বৈশিষ্ট্য। মানুষের মাঝেও এমন পার্থক্য আছে। পার্থক্যই মানুষের আলাদা-আলাদা ব্যক্তিত্ব। পাত্রে যা থাকে ঢাললে তাই পড়ে। অর্থাৎ, যে যা ধারণ করে, তা-ই তার ব্যক্তিত্ব। শালগাছের মতো ব্যক্তিত্ববান মানুষ নিজের অবস্থানে স্থির থাকে, অন্যদের আশ্রয় দেয়, তবু অহংকার করে না। সে যতই বড় হোক, নিজের শিকড়ের কথা ভুলে না। কিন্তু কলাগাছের মতো ব্যক্তিত্বহীন মানুষ সামান্য চাপেই ভেঙে পড়ে।”

আরও বিস্তারিত জানার জন্য গুরুদেবকে প্রশ্ন করলাম, “তাহলে কি ব্যক্তিত্ববান মানুষ কখনো নত হয় না?”

গুরুদেব এদিক-ওদিক তাকিয়ে বললেন, “ব্যক্তিত্ববান মানুষ নত হয়, তবে বিনয়ের জন্য, দুর্বলতার জন্য নয়। যেমন, বিশাল শালগাছ বাতাসে ঝুঁকতে জানে না, তাই প্রবল ঝড়ে কখনো কখনো উপড়ে পড়ে। কিন্তু বাঁশগাছ মাথা নিচু করে, বাতাসের সঙ্গে তাল মিলিয়ে চলে, তাই সে টিকে থাকে।”

আমি কথা বাড়ানোর জন্য বললাম, “তাহলে ব্যক্তিত্ববান হওয়া মানে কি শুধু শক্ত হওয়া?”

গুরুদেব পিছন ফিরে আমার দিকে তাকিয়ে বললেন, “বাপ, প্রকৃত ব্যক্তিত্ব হলো শক্তির সঙ্গে নম্রতার মিশ্রণ। শক্তিতে সে শালগাছের মতো দৃঢ়, আর নম্রতায় বাঁশের মতো নমনীয়।”

তকদির ও তদবির

অর্থনৈতিক সচ্ছলতা পেতে বহু চেষ্টা করলাম, না, কোনোভাবেই সফলতার মুখ দেখতে পারছিনা। এনিয়ে আজকাল নিজের প্রতি নিজেরই ঘৃণা হয়। শুধু অর্থনৈতিক না, জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমি অকৃতকার্য। আমার ব্যর্থতাগুলোকে ভুলে থাকার জন্য মাঝেমধ্যে ‘ভাগ্যের লিখন’ বলে নিজেকে শান্তনা দিই। আজ চরম হতাশা নিয়ে গুরুদেবকে জিজ্ঞেস করলাম, “সাঁইজি, জীবনে সফলতা পেতে অনেক চেষ্টা করেও ব্যর্থ হচ্ছি। মনে হচ্ছে, আমার ভাগ্যে সফলতা নেই। তবে কি মেনে নেবো— এটা আমার তকদির বা ভাগ্যের লিখন?”

গুরুদেব কোনো কথা না বলে এক বালতি জল নিয়ে এসে আমার সামনে রাখলেন। তারপর একটা পাথর এনে আমাকে বললেন, “এবার বলো, এই পাথর কি জলে ভাসবে?”

পাথর তো জলে ভাসে না, তবুও কেন এমন প্রশ্ন করছেন গুরুদেব? গুরুদেবের কর্মকাণ্ডে আমি বিভ্রান্ত হলাম। তারপরও আমতা-আমতা করে বললাম, “না, সাঁইজি। পাথর তো ডুবেই যাবে!”

গুরুদেব একটা কাঠের টুকরো বালতির জলে ভাসিয়ে দিলেন এবং পাথরটি তার উপর রেখে বললেন, “এবার দেখো, পাথর ডুবল কি?”

আমি বিস্মিত হয়ে বললাম, “না, সাঁইজি, এটা তো ভেসে আছে! আর এটা ভেসে আছে কাঠের টুকরোটার জন্য।”

গুরুদেব মৃদু হেসে বললেন, “এই পাথর হলো তোমার তকদির বা ভাগ্য। স্বাভাবিক নিয়মে এটি ডুববে। কিন্তু কাঠের টুকরো হলো তদবির বা প্রচেষ্টা। সঠিক প্রচেষ্টা থাকলে, ভাগ্যের কঠিন শিলাও স্রোতের ওপরে ভেসে থাকতে পারে।”

এবার আমার চোখ দুটো জ্বলজ্বল করে উঠল। গুরুদেবের কথা আর বুঝতে বাকি রইল না। ভাগ্যে যা-ই থাক, সঠিক প্রচেষ্টায় তা পরিবর্তন করা সম্ভব। আমি আমার অতীতের সকল প্রচেষ্টাকে খুঁজে বের করতেছিলাম আর দেখতে ছিলাম আমার প্রচেষ্টাগুলো ভুল ছিলো কি-না। গুরুদেব আমার ধ্যান ভঙ্গ করে দিয়ে বললেন, “বাপ, ভাগ্য তার পথ ঠিক করে রাখে, কিন্তু প্রচেষ্টা সেই পথকে বদলে দিতে পারে। তবে, শুধু প্রচেষ্টা থাকলেই হবে না, প্রচেষ্টার সঙ্গে কৌশলকে জুড়ে দিতে হবে। পাথর জলে ডোবে, কাঠ ভাসে, এটা বুঝতে পারাটা তোমার জ্ঞান। আর কতটুকু কাঠের গুড়ি কতটুকু পাথর বহন করে ভাসতে পারবে, সেটা বুঝতে পারাটা তোমার প্রজ্ঞা। প্রজ্ঞাই মূলত কৌশল। এখন যাও, তোমার কাঠের টুকরো তুমি নিজেই খুঁজে নাও এবং জীবন সাগরে ঝাপ দাও! আশা করি নিশ্চয়ই সফলতা পাবে।”

 আমি বললাম, “হোটেলের থালাবাটি ধোয়ার কাজ আর ভালো লাগে না। এই শহরে একটা ভালো কাজ খুঁজেও পাচ্ছি না। এখন কী করি বলো?”

গুরুদেব বললেন, “তোমাকে তো ছোটোখাটো একটা ব্যবসার কথা বলেছিলাম, তুমি গুরুত্ব দিলে না। বোকামি করো না, তোমাকে যে টাকাগুলো দিয়েছিলাম, সেগুলো এখনও আছে, ওগুলো নিয়ে ব্যবসা শুরু করো। আশা করি তোমার চাহিদার চেয়েও বেশি ইনকাম হবে।”

আর তিনদিন পরেই মাস শেষ। বেতন হবে। মনেমনে সিদ্ধান্ত নিলাম—বেতনটা হলেই বাসাভাড়া ও দোকান বাকী দিয়ে চাকুরীটা ছেড়ে দেবো। কিন্তু গুরুদেবের টাকা নিয়ে ব্যবসা শুরু করবো, এটা ভাবতেই লজ্জা লাগছে। গুরুদেবকে বলেই ফেললাম বিষয়টা। গুরুদেব বললেন, “সবাইকে তো আর সবাই টাকাপয়সা দেয় না। টাকাটা তো আমি অন্য কাউকে দিইনি, তোমাকে দিয়েছি। তোমার উপলব্ধি করা উচিৎ—আমি কেন তোমাকেই দিচ্ছি।”

আমি মাথানিচু করে বললাম, “ঠিক আছে সাঁইজি, আর তিনদিন ডিউটি করলেই মাস শেষ। বেতনটা হলেই চাকুরি ছেড়ে চলে আসবো।”

রাত গভীর হয়ে আসছে। ঘুমাতে হবে। খুব ভোরে ঘুম থেকে উঠে ডিউটিতে যেতে হবে। আর তিনটা দিনই তো। এই তিনটা দিন কোনোমতে পাড় হলেই হলো। গুরুদেবের চোখে তখনও ঘুম নেই। সে যেনো রাতজাগা পাখি। উনার ঘুমের কোনো ঠিকঠিকানা নেই। খুব বেশি ঘুম পেলে কিছুক্ষণ বিছানায় হেলান দিয়ে চোখ বন্ধ করে থাকেন। তাঁর অধিকাংশ সময় কেটে যায় চুপচাপ বসে থেকে। আবার মন চাইলে সেতারের সুরে গান আরম্ভ করে দেন। গুরুদেব তখনও বসে আছেন। আমি গুরুদেবের পাশেই টুপ করে ঘুমিয়ে পড়লাম।

স্বপ্নে স্বপ্ন

সেদিন রাতে আমার খুব ভালো একটা ঘুম হয়েছিল। ঘুমের ঘোরে স্বপ্ন দেখলাম—আমি এক সুরম্য রাজপ্রাসাদে রয়েছি! সোনার থালায় সুস্বাদু খাবার পরিবেশন করা হচ্ছে আমার জন্য! মাছের কলিজা ভুনা, কবুতরের মাংস, সুরাপাত্রে ঝিলমিল করছে লাল পানী, অসংখ্য সুন্দরীরা আমার সেবা করছে! আমি রেশমি নরম বিছানায় হেলান দিয়ে বসে আছি। বাহিরে ফুল ও ফলের বাগান। রঙবেরঙের ফুল ফুটে আছে, ফলগুলো গাছে-গাছে ঝুলে আছে। প্রজাপতিরা উড়াউড়ি করছে। চারদিকে মনমাতানো সুবাস, প্রতিটা নিঃশ্বাসে বুকটা ভরে যাচ্ছে। উন্নত যৌবনা, বক্ষযুগল পর্বতসম—এমন একজন নারী আমার মুখে মদের গ্লাস তুলে দিলেন! আমি তাঁর স্তনের স্পর্শ অনুভব করলাম! তাঁকে জড়িয়ে ধরে বললাম, “এটাই কি স্বর্গ?”

নারীটির খিলখিল হাসিতে হঠাৎ আমার চোখের সামনে থেকে সবকিছু উদাও হয়ে গেল! আমি তখন এক ভয়ংকর অন্ধকার জগতে পড়লাম, যেখানে আগুনের লেলিহান শিখা, আর্তনাদ করছে মানুষ, দগ্ধ হচ্ছে শরীর! কী বিচ্ছিরি গন্ধ! কী ভয়ংকর! আতংকে আমি চিৎকার করে উঠলাম, আচমকা আমার ঘুম ভেঙে গেল। আমি উঠে বসলাম। আমার শরীরটা ঘামে ভিজে গেছে। আমি তখনও থরথর করে কাঁপছিলাম। মনে হচ্ছিল—আমি এইমাত্র নরক হতে বেরিয়ে এলাম!

আমার এই অবস্থা দেখে গুরুদেব বললেন, “কী হয়েছে বাপ? এমন করছো কেন? স্বপ্নে দেখেছো?”

আমি শুধু মাথা নাড়ালাম। গুরুদেব বললেন, “কেমন ছিল স্বপ্ন?”

আমি উত্তেজিত কণ্ঠে বললাম, “সাঁইজি, স্বপ্নটা এত বাস্তব মনে হচ্ছিল যে, মনে হলো সত্যিই আমি স্বর্গ ও নরকে চলে গিয়েছিলাম!”

গুরুদেব শান্ত স্বরে বললেন, “কিন্তু এখন তো বুঝতে পেরেছ, ওসব কিছুই ছিল কেবল স্বপ্ন। স্বপ্নের মধ্যে যা সত্য মনে হয়, তা জাগরণে এসে মিথ্যা হয়ে যায়। ঠিক তেমনি, এই ইহকালও একদিন স্বপ্নের মতো মিথ্যা হয়ে যাবে। তুমি যদি সত্য জানতে চাও, তবে এই স্বপ্নের খেলায় নিজেকে হারিয়ে ফেলো না। সত্য শুধু সেই চেতনাতেই আছে, যা কখনো মিথ্যা হয়ে যায় না। স্বর্গ-নরকের বর্ণনা মানুষের কল্পনার আল্পনা, যা স্বপ্নের মতোই। স্বপ্ন আর বাস্তবতা এক না। বাস্তবতাকে চেতনার জালে জড়িয়ে ধরো, তাহলে দেখবে আমরা ঘুমে আছি! আমরা ঘুমের মধ্যেই ছোটাছুটি করতেছি! যেদিন আমাদের জাগতিক মৃত্যু হবে, সেদিন আমাদের ঘুম ভাঙবে! আমরা স্বপ্নে স্বপ্ন দেখি!”

আমি আর ঘুমালাম না। রাত প্রায় ভোর হয়ে এসেছে। পুকুরের জলে মুখহাত ধুয়ে বেরিয়ে পড়লাম। আটটার আগেই কাজে যোগদান করতে হবে। আজকের দিনটা চলে গেলেই আর মাত্র দুটো দিন। এরপর থেকে আর পরের গোলামী করবো না।

ধর্মগ্রন্থ

চাকুরীটা ছেড়েই দিলাম। গুরুদেবের কথামত শাঁখারি বাজারের এক পাইকারি দোকান থেকে ধূপ, ধূপকাঠি, ধুপদানী, মোমবাতি, শাখা, সিঁদুর, শঙ্খ, চন্দন, তুলসীর মালা, রুদ্রাক্ষের মালা, পৈতা, মাটির প্রদীপ, পিতলের প্রদীপ, ঘণ্টি, প্লাস্টিকের দেবদেবীর মূর্তি, পোস্টার, ক্যালেন্ডার, আংটি, পানপাত্র, চুনের কৌটা, সুপারিকর্তনী, আয়না, চিরুনি, রেশমি চুড়ি, রঙিন পুঁতির মালা, কানের দুল, বাঁশি, মাখনপাত্র ও ত্রিশূল কিনলাম। এতোগুলো জিনিসপত্র একসঙ্গে কেনার কারণে দোকানদার জানতে চাইলেন আমি এগুলো দিয়ে কী করবো। এগুলো দিয়ে আমি ব্যবসা শুরু করবো বিষয়টি তাঁকে জানালাম। তিনি খুশি হয়ে আমাকে আরও দিগুণ জিনিসপত্র দিয়ে বললেন, “আপনার টাকার সমস্যা থাকলে চিন্তার কারণ নেই; মালপত্র নিয়ে যান, বিক্রি করে টাকা দিবেন।”

আমি দারুণ একটা সুযোগ পেলাম। এখন বাকি— গায়ত্রী মন্ত্রের বই। গায়ত্রী মন্ত্রের বইয়ের জন্য একটা লাইব্রেরিতে গেলাম। লাইব্রেরির নাম—জয় গৌরাঙ্গ বুক ডিপো। লাইব্রেরিম্যানের কাছে দশ কপি গায়ত্রী মন্ত্রের বই চাইলাম। উনি জানতে চাইলেন আমি এগুলো দিয়ে কী করবো। তাঁকে বললাম আমার ব্যবসার কথা। উনি উপদেশ দিয়ে বললেন, “ব্যবসা যখন করবেনই, তখন শুধু গায়ত্রী মন্ত্রের বই কেন রাখবেন? আপনি বিভিন্ন ধর্মগ্রন্থ, গল্প, কবিতা ও উপন্যাসের বইও রাখতে পারেন। আপনার যতোগুলো বই লাগে নিয়ে যান, বিক্রি করবেন, বাকি টাকা দিয়ে আবার বই নিবেন।”

শুরুতেই এতো সহযোগিতা পাবো কল্পনাও করতে পারিনি! আমি লাইব্রেরি থেকে বাইবেল, কুরান, পুরাণ, বেদ, গীতা, জেন্দাবেস্তা, ত্রিপটক, গ্রন্থসাহেব, বুখারী, মুসলিম, তিরমিজি, নজরুল রচনাসমগ্র, রবীন্দ্র রচনাসমগ্র, লালন গীতিকা ও বেশকিছু গল্প উপন্যাসের বই নিয়ে নিলাম। জিনিসপত্র নিয়ে আশ্রমে ফিরে এলাম। অল্প টাকায় এতোগুলা জিনিসপত্র এনেছি দেখে গুরুদেব বিস্মিত হলেন। আমি তাঁকে বিস্তারিত জানালাম। গুরুদেব আশির্বাদ করলেন। আমিও মনেমনে প্রতিজ্ঞা করলাম—যত কষ্টই হোক, ব্যবসা করেই আমার জীবিকা নির্বাহের সক্ষমতা অর্জন করতে হবে। পড়ের গোলামী আমার জন্য না।

পরদিন থেকে তুলসীদের বাড়ির সামনে রাস্তার অপর পাশে প্লাস্টিকের কাগজ বিছিয়ে দোকান শুরু করলাম। পথচারীরা দু’একজন আসে, কেউ জিনিসপত্র দেখে, কেউ কেনে, কেউ চলে যায়। দুপুরের পরেই, বিকেলের শুরুতে দোকান চালু করেছি। এশার আজানের আগে দোকান বন্ধ করে আশ্রমে ফিরে আসলাম। হিসেব করে দেখি—প্রায় ছয়শত পঁচিশ টাকার মতো লাভ! গুরুদেবকে বললাম, গুরুদেব খুশিতে আত্মহারা! আমার খুশিও দেখে কে! ছয়শত পঁচিশ টাকা আমার জন্য তো অনেককিছু! আমার চাহিদা কম, শুধু খাবারের টাকা হলেই চলবে। আমার উৎসাহ বেড়ে গেল। প্রথম দিনেই যা বিক্রি হয়েছে, এরচেয়ে কম বিক্রি হলেও সমস্যা নেই। সবকিছু মিলিয়ে আমার ও গুরুদেবের খাবারের পয়সাটা উঠলেই হলো। মনেমনে শপথ করলাম—লাভের টাকা থেকে কিছুকিছু জমিয়ে গুরুদেবের টাকাটা ফেরত দেবো এবং মহাজনদের সব ঋণ পরিশোধ করবো।

আমার মনের আশা এতো দ্রুত পূরণ হবে ভাবতেও পারিনি। ব্যবসা বানিজ্য ভালোই চলতে লাগলো। অবশ্য আমার এজন্য এটা বহুকিছু। বিকেলের শুরু থেকে সন্ধ্যার শেষ অবধি টুকটাক যাকিছু বিক্রি হয়, আশ্রমে ফিরে এসে হিসেব করে দেখি প্রতিদিন প্রায় পাঁচ থেকে সাত’শ টাকার মতো লাভ থাকে। আশ্রমে ফেরার পথে কিছু বাজারঘাট করে নিয়ে আসি। বাজার আনতে গুরুদেব নিষেধ করেন, আমি তাঁর নিষেধ মানি না।

হটাৎ একদিন তুলসী আমার দোকানে এলো। আমাকে দেখেই বলল, “দাদা তুমি!”

আমি তুলসীকে বিস্তারিত বললাম। তুলসী অনেক খুশি হলো। রেশমি চুড়ি, পুঁতির মালা ও কানের দুল প্যাকেটে ভরে তুলসীকে দিয়ে বললাম, “এগুলো তোমার জন্য।”

তুলসী বলল, “এতোগুলা জিনিসপত্রের টাকা তো আমি নিয়ে আসি নাই। আচ্ছা ঠিক আছে, তুমি জিনিসগুলো রাখো, আমি বাড়ি থেকে টাকা নিয়ে আসতেছি।”

আমি বললাম, “তুলসী, টাকা লাগবে না। নিজের বোন কিংবা স্ত্রী থাকলে তাঁকেও তো দিতে হতো। মনে করো তুমিও তাঁদেরই একজন। তুমি জিনিসগুলো নিয়ে যাও।”

তুলসী জিনিসগুলো নিয়ে খুশিতে দৌড়ে বাড়িতে গেল। একটু পরেই দেখি তুলসীর বাপ-মা আমার দোকানের সামনে হাজির! তুলসীর মা বললেন, “বাবা, তোমার ক্ষুধা লাগলে বাড়িতে এসে খেয়ে যেও। আর তোমার দোকানের জিনিসপত্র প্রতিদিন গুঁছিয়ে নিয়ে যেতে হবে না। আমাদের ঘরে রেখে যাবে।”

 আমি আবারও দারুণ একটা সুযোগ পেয়ে গেলাম। এ যেন মেঘ না চাইতেই জল! প্রতিদিন নিয়মিত দোকান খুলি। জিনিসপত্র শেষ হবার আগেই বাকী টাকা পরিশোধ করে আবার নিয়ে আসি। প্রায় প্রতিদিন একবার না একবার তুলসীর সঙ্গে দেখা হয়। আমিও অপেক্ষায় থাকি কখন তুলসী উঁকি দেবে! তুলসী আমাকে ওর দাদার চোখে দেখে। আমি কোনোভাবেই ওর দাদার স্থানে নিজেকে আবিষ্কার করতে পারি না। আমার মনের কথাও মুখ ফুটে বলতে পারি না। বলাটা ঠিকও হবে না। তবুও মনকে শান্তনা দিই—যে চোখেই দেখুক, তুলসীকে প্রতিদিন দেখতে পাচ্ছি, এটাই আমার জন্য বড় প্রাপ্তি।

প্রতিদিন নিয়মিত দোকান খুলি। যখন কাস্টমার থাকে না, তখন বিভিন্ন ধর্মগ্রন্থের বই পড়ে সময় কাটাই। সবগুলো বই বাংলা ভাষায় অনুবাদ করা। আমি বাংলা ছাড়া অন্য কিছু পড়তে পারি না। বইগুলো যাঁরা অনুবাদ করেছে, সেইসব অনুবাদকের প্রতি চির কৃতজ্ঞ। তাঁরা বাংলা না করলে আমি হয়তো ধর্মগ্রন্থের এই বইগুলো সম্পর্কে কিচ্ছু জানতাম না। কিন্তু দুঃখের বিষয় হলো—বিভিন্ন ধর্মগ্রন্থের বই পড়ে আমার মনের মধ্যে সন্দেহ দানা বেঁধেছে!

ঈশ্বর যদি একজন’ই হোন, তাহলে এতোগুলা ধর্মগ্রন্থ কেন? ঈশ্বর যদি মহাজ্ঞানী’ই হোন, তাহলে ধর্মগ্রন্থে স্ববিরোধী ও অবৈজ্ঞানিক কথাবার্তা কেন? ধর্মগ্রন্থগুলো যে ঈশ্বরের’ই বাণী, তার প্রমাণ কী? —এই প্রশ্নগুলো আমার মাথায় কিলবিল করা শুরু করলো। পবিত্রতা রক্ষার ভয়ে একসময় ধর্মগ্রন্থ ছুঁইতে ভয় পেতাম। ব্যবসার সুবাদে ধর্মগ্রন্থগুলো পড়তে শুরু করলাম। ধর্মগ্রন্থের প্রায় সবগুলো বই পড়ে একসময় মনে হলো— এগুলো মানব রচিত কেচ্ছা-কাহিনী ছাড়া আর কিছুই না! তবুও মনের সংশয় দূর করার জন্য গুরুদেবকে একদিন জিজ্ঞেস করলাম, “গুরুদেব, ধর্মগ্রন্থ কি সত্যিই ঈশ্বরের বাণী?”

গুরুদেব সোজা উত্তর দিলেন, “হ্যা, ওগুলো ঈশ্বরের বাণী। এইযে আমি তোমাকে উপদেশ দিই, এগুলোও ঈশ্বরের বাণী। মানুষ ঈশ্বরের রহস্য, ঈশ্বর মানুষের রহস্য। যিনি চৈতন্য লাভ করতে পেরেছেন, তিনি রহস্য উন্মোচন করতে পেরেছেন। যিনি রহস্য উন্মোচন করতে পেরেছেন, চৈতন্য লাভ করা মানুষের প্রত্যেকটা কথাই ঈশ্বরের বাণী।”

গুরুদেবের কথায় আমি সম্ভবত বিভ্রান্ত হলাম। কী বলবো বুঝতে পারছিলাম না। তবুও বুকে সাহস এনে বললাম, “ওগুলো যদি ঈশ্বরের বাণী’ই হয়ে থাকে, তাহলে তাতে এতো-এতো অজ্ঞানী কথাবার্তা কেন?”

গুরুদেব কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর ধীরে-ধীরে বললেন, “একটি ছোট্ট গল্প শোনো: একদিন এক বালক নদীর ধারে বসে একপ্রকার সুন্দর নুড়ি কুড়িয়ে নিচ্ছিল। এক বৃদ্ধ তাঁকে দেখে বলল, ‘এই নুড়িগুলো খুব দামী, এগুলো সংগ্রহ করো। এগুলো তোমার জন্য সৌভাগ্য বয়ে আনবে।’

বালক আনন্দিত হয়ে যতগুলো পারল সংগ্রহ করল। সে জানত না, নুড়িগুলোর প্রকৃত মূল্য কী। অনেক বছর পর, যখন সে জহুরি হলো, তখন বুঝল— তার সংগ্রহ করা নুড়িগুলোর মধ্যে কিছু মূল্যবান রত্ন ছিল, আবার কিছু ছিল একেবারে সাধারণ পাথর।”

গুরুদেব গল্প বলে একটু থামলেন। আমি অপেক্ষায় ছিলাম তিনি ধর্মগ্রন্থ নিয়ে কী সমাধান দেন। তিনি আবার বললেন, “প্রত্যেক ধর্মগ্রন্থই সেই নুড়িগুলোর মতো। কিছুতে রয়েছে অনন্ত জ্ঞানের আলো, কিছুতে কেবল ঐতিহাসিক তথ্য, আর কিছুতে সময়ের প্রভাবে মিশে যাওয়া কুসংস্কার। যদি তুমি অন্ধভাবে সব গ্রহণ করো, তবে বোঝার ক্ষমতা হারাবে। কিন্তু যদি জহুরির মতো বাছাই করতে শেখো, তবে সেখান থেকে সত্যকে আলাদা করতে পারবে।”

আমি মাথা ঝুঁকিয়ে বললাম, “তাহলে কি আমি ধর্মগ্রন্থের কিছু মানবো আর কিছু অস্বীকার করবো?”

গুরুদেব হেসে বললেন, “সূর্য আকাশে উদিত হয়, কিন্তু সবাই সমানভাবে তার আলো গ্রহণ করতে পারে না। কেউ জানালার পর্দা সরিয়ে নেয়, কেউ আঁধারে থাকতে ভালোবাসে। ধর্মগ্রন্থও তাই— যে যেমন আলো গ্রহণ করার ক্ষমতা রাখে, সে ততটুকুই গ্রহণ করবে। কিন্তু মনে রেখো, আলো সব সময় সত্যের পথ দেখায়, অন্ধকার নয়।”

কেয়ামত

চৈত্রের খা খা ভরদুপুর, যেন কোনো নির্বাসিত সূর্যের আর্তনাদ—চারদিক জ্বলন্ত সীসার মতো গলে পড়ছে, আর মাটির শরীরে জেগে উঠেছে অন্তহীন জলের তৃষ্ণা! খা খা রোদে বাতাসও যেন দাউদাউ আগুনে পোড়া কুয়াশা! পৃথিবী যেন ধূসর এক নরক দরজা খুলে দিয়েছে মাটির ওপরে! গরমে ঘরেও থাকা যায় না। আমি আশ্রমের পাশে থাকা পুকুর পাড়ে আমগাছের ছায়ায় বসে মাছের জলকেলি দেখছিলাম। আমার হৃদয়ের গভীরে এক অস্থিরতা কাজ করছিল। কেন এই অস্থিরতা জানি না। সিগারেটের খোসায় সিদ্ধি ভরে তা ক্রমাগত টানছিলাম। ধোঁয়ার কুণ্ডলী আকাশে মিশে যাচ্ছে, আমি দেখছি। হটাৎ শুনতে পেলাম একটি ব্যাঙের আর্তনাদ। খেয়াল করে দেখি— ব্যাঙটিকে সাপে ধরেছে! সাপটি সম্ভবত খুবই ক্ষুধার্ত, তার আহারের প্রয়োজন। সে ব্যাঙটিকে প্রাণপণে কামড়ে ধরেছে। ব্যাঙটিও বাঁচতে চায়, সে যথাসাধ্য চেষ্টা করেও ক্রমাগত হেরে যাচ্ছে…। এইমূহুর্তে সাপ এবং ব্যাঙ, দুজনেই বোধহয় ঈশ্বরের নাম নিচ্ছে। একজন, হয়তো ঈশ্বরের কাছে বাঁচার আকুতি জানাচ্ছে; আরেকজন, সে হয়তো বলছে—হে প্রভু, তুমি রিজিকের মালিক, তুমি পরম করুণাময়। ঈশ্বর হয়তো এই লীলা বসেবসে দেখতেছেন। কারণ, তিনি ন্যায় বিচারক, একজনের প্রার্থণা শুনবেন, আরেকজনেরটা শুনবেন না, এমনটা হতে পারে না। সাপে ব্যাঙ খাচ্ছে, ব্যাঙটি বেঁচে থাকলে অন্য জীবকে খাবে। খাওয়াদাওয়া জীবের জীবন। কিন্তু, আমি কেন এতোকিছু ভাবছি? এতো ভেবে লাভ কী? আমি আরেকটা সিগারেট জ্বালালাম। জোরসে একটা টান মেরে একগাদা ধোঁয়া আকাশের দিকে ছেড়ে দিলাম। ধোঁয়ার কুণ্ডলী আকাশে আস্তেধীরে মিশে যাচ্ছে। সহসা মনে হলো—ধোঁয়ার কুণ্ডলীটার মতোই আমিও একদিন মিশে যাবো এই বিশ্বপ্রকৃতি’র মাঝে। এই পৃথিবীটাও একদিন থাকবে না। কেয়ামত হবে, সব শেষ হবে! খেয়াল করলাম গুরুদেব পাশে এসে বসলেন, ধীর পায়ে। তার দীর্ঘ চুল ঘামে ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, কিন্তু চোখে এক গভীর আলো। আমি জিজ্ঞেস করলাম, “সাঁইজি, এই বিশ্বব্রহ্মাণ্ড তো একদিন ধ্বংস হবে তথা কেয়ামত হবে, তাইনা? তো, এটা কখন হবে?”

গুরুদেব চোখ রাঙিয়ে বললেন, “তোর কেয়ামত কখন ঘটবে, সেটা জানিস?”

আমি থমকে গেলাম! গুরুদেব আজ এভাবে কথা বলছেন কেন? তিনি কি আমার উপর রেগে গেছেন? আমার কেয়ামতের কথা তিনি কেন বলছেন? ব্যক্তি মানুষেরও কি কেয়ামত হয়? আমি উত্তর খুঁজতে চেষ্টা করলাম, কিন্তু পেলাম না। গুরুদেব আবারও বললেন, “বাপ, তোর, আমার, আমাদের সবার জন্মের আগের সময় শূন্যতায় ভরা। আমরা জন্মের আগের কিচ্ছু জানি না। আমরা ক্রমাগত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। মৃত্যুপরবর্তী অবস্থাটাও শূন্যতায় ঘেরা। আমরা কিচ্ছু জানিনা। এইযে আমরা বেঁচে আছি, এইটুকুই জানি। আমাদের শ্বাস-প্রশ্বাস গ্রহণ এবং বর্জনের সময়টুকুই জীবন। ক্ষণিকের এই জীবন নিয়ে কেয়ামতের আলাপ করে লাভ কী? মহাবিশ্বের কেয়ামত নিয়ে চিন্তা করে কী হবে, যখন তোর-আমার ব্যক্তিগত কেয়ামত নিত্যসঙ্গী?”

আমি নিশ্চুপ। ব্যাঙের আর্তনাদ থেমে গেছে, মাছেরা নৃত্য ছেড়ে দিয়েছে। গুরুদেব আকাশের দিকে তাকিয়ে বললেন, “একদিন এ মহাবিশ্ব হয়তো সংকুচিত হবে, হয়তো ঠান্ডায় জমে যাবে, হয়তো ছিন্নভিন্ন হবে। কিন্তু সত্যি বল তো, তাতে তোর, আমার, আমাদের তাতে কী এসে যায়? বরং নিজের অন্তর্জগতের কেয়ামতের কথা ভেবে দেখ। যে দিন তোর বিবেক মরে যাবে, সেদিনই তোর ব্যক্তিগত কেয়ামত নেমে আসবে!”

আমি দীর্ঘশ্বাস ফেলে কিছুক্ষণ চিন্তা করলাম। তারপর বুঝতে পারলাম গুরুদেব আজ কেন আমার উপর রেগে গেছেন। পুকুরের ধারে পড়ে থাকা একটি শুকনো পাতা হাতে তুলে নিলাম। হটাৎ দক্ষিণা বাতাস বয়ে গেল। হাত থেকে পাতাটা উড়ে গেল অজানার পথে…। গুরদেব বললেন, “যাও, দুপুর গড়িয়েছে, এখন তোমার দোকানে যাবার সময়।”

পুলসিরাত

আজ চৈত্রের পূর্ণিমা। আজকের এই পূর্ণিমা ঠিক যেন সবকিছুকে ছুঁয়ে দিতে চায়—গাছের পাতা, নদীর ঢেউ, মাটির গন্ধ, অথবা নদীর ধারে নিঃশব্দে বসে থাকা কারো একাকী হৃদয়। আকাশের চাঁদটা আজ যেন একটু বেশিই হাসিখুশি, যেন বহুদিন পরে ফিরে দেখা কোনো প্রিয় মুখ। চারপাশে নিস্তব্ধতা, অথচ সেই নিস্তব্ধতাতেই যেন বাজছে এক গভীর সুর—অদৃশ্য বাঁশির মতো, যা শুধুই অনুভবে ধরা দেয়। আজকের এই রাতটা আমার জন্য কোনও জোছনার রাত নয় শুধু, এটি আজ রূপান্তরের রাত, আশাপূরণের রাত। পুরোনো বছর ঝরে পড়ে নতুন বছরের আগমনে, পাতারা ঝরে যায় নতুন পাতার আশায়, আমিও আজ এই রাতটা জেগে আছি নতুন একটা ভোরের প্রত্যাশায়। আজকের রাতটা নতুন কিছু আসার ঠিক আগের সেই নীরব দীপ্ত ক্ষণ। এই দীপ্ত ক্ষণে ঘুম আসা যায় না। আজকের এই চৈত্রের পূর্ণিমা রাত যেন আমার হৃদয় ঋষির নিঃশব্দ ধ্যান—যেখানে সময় নিজেই নিজেকে থামিয়ে দিয়েছে, আর আমি নিজের ভেতরের আলোয় একটু ঝুঁকে দেখছি—কে আমি, কোথা থেকে এসেছি, আর কোথায় চলে যাব, কী পেলাম এই জীবনে, কী হারালাম। এ রাত যেন আজ আমার আত্মার আয়না!

রাতের খাবার খাইনি, তবুও পেটে ক্ষুধা নেই। গতরাতে ভালো ঘুম হয়নি, তবুও এমুহূর্তে মনে হচ্ছে—আমি কেবল এইমাত্র ঘুম থেকে উঠলাম। এর একটা কারণ আছে। কারণটা—তুলসী! তুলসী আমার সঙ্গে একদিন ঘুরতে চায়, আর আমিও চাই আমার মনের কথা খুলে বলতে। সন্ধ্যার ঠিক একটু আগে তুলসী এসেছিল আমার দোকানে। ও যখন আমার সঙ্গে ঘুরতে যাবে বলেছে, তখন আমার আর আনন্দের সীমা ছিলো না, সঙ্গে-সঙ্গেই রাজি হয়েছি। কথা দিয়েছি—আমরা একদিন বেরোবো। আমি ওর চোখের তাঁরায় আমার স্বপ্নের কৃষ্ণগহব্বর দেখেছি। আমি তুলসী নামক নক্ষত্রটিকে আমার স্বপ্নের গহব্বরে শুষে নিতে চাই।

আমি বসে আছি নদীর ধারে। গুরুদেবকে কিচ্ছু বলে আসিনি। হটাৎ খেয়াল করলাম গুরুদেব আমার পেছনে দাঁড়িয়ে। তাঁকে বলে না আসাতে কিছুটা লজ্জিত হলাম। আমার আনন্দের সীমা ছিলো না, তাই বলা হয়নি, খাওয়া হয়নি। আমি উঠে দাঁড়ালাম। গুরুদেব বললেন, “এখানেই আরও কিছুক্ষণ বসো, জায়গাটা ভালোই লাগছে।”

আমি বসে পড়লাম। গুরুদেবও বসলেন। গুরুদেব আকাশের দিকে তাকিয়ে বললেন, “বাপ, মানুষের জীবন এক দীর্ঘ সেতুপথ—পুলসিরাত কিংবা বৈতরণী, নাম ভিন্ন হলেও ধারণা একই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মানুষই যেন এক নদীর ওপর টানানো অদৃশ্য দড়ির ওপর দিয়ে হাঁটছে। কারও পথ প্রশস্ত, কারও সংকীর্ণ; কারও চলা সাবলীল, কারও কাঁপা-কাঁপা পা। এ পথের শেষে কী আছে, কেউ জানে না, তবুও সবাই পার হতে চায়।”

গুরুদেবের মুখে পুলসিরাত শব্দ শুনেই মনে পড়ে গেল মৃত্যু পরবর্তী জীবনের উপাখ্যান। আমি আজকাল প্রচুর বই পড়ি, কোনো বাছবিচার নেই, যেকোনো ধর্মের বই পড়ি। ধর্ম, দর্শন ও বিজ্ঞানের বইগুলো আমাকে দারুণ টানে। দোকানে কাস্টমার না থাকলেই বই পড়া শুরু করি। আশ্রমেও বই পড়ে সময় কাটাই। মৃত্যু পরবর্তী জীবনে ভয়ংকর একটি নদী পাড়ি দিতে হবে, গল্পটা বহুবার পড়েছি। ভারতীয় পুরাণে বৈতরণী এক রহস্যময় নদী, যা পৃথিবী ও নরকের মাঝে প্রবাহিত। বলা হয়, যারা পুণ্যবান, তারা এই নদী পার হওয়ার সময় দেখতে পান অমৃতধারার স্নিগ্ধ জল। কিন্তু পাপীরা? তাদের জন্য এই নদী রূপ নেয় এক দুঃস্বপ্নে—জল নয়, সেখানে থাকে রক্ত, কফ, মল, প্রস্রাব, আর তাতে বিচরণ করে কুমির, সাপ, বিচ্ছু ও ভয়ংকর সব প্রাণী। নদীর জল হয় আগুনের মতো উত্তপ্ত, আর তার ওপর উড়তে থাকে শকুনের ঝাঁক। এ যেন এক বিভীষিকাময় পরীক্ষার ক্ষেত্র, যেখানে কেবল যোগ্যতমরাই পারে টিকে থাকতে। শিখ ধর্মের বিশ্বাসেও রয়েছে এমন এক ভয়ংকর প্রবাহ। পারলৌকিক জীবনে প্রত্যেককেই নাকি বিষাক্ত অগ্নিশিখার নদী পার হতে হবে, যেখানে কেউ পাশে থাকবে না। আগুনের প্রবল শিখার ঢেউ সেই নদী থেকে বের হয়ে আসবে, আর একে একা পাড়ি দিতে হবে। শুধু পূণ্যবানরাই সে পথ অতিক্রম করতে পারবেন, পাপীরা সেখানে জ্বলন্ত তরঙ্গে নিমজ্জিত হবেন। বৌদ্ধদের বিশ্বাস অনুযায়ী, মৃত্যুর পর একটি ভয়ংকর নদী পার হতে হয়, যার তলদেশে লুকিয়ে থাকে ধারালো তলোয়ার ও অস্ত্রপাতা। নদীর দুই তীরে থাকে কাঁটাযুক্ত বিশাল বৃক্ষরাজি, যা যেকোনো পথিককে ক্ষতবিক্ষত করতে পারে। পাপীরা যখন সেই নদীতে প্রবেশ করে, তখন তাদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়, আর তারা হারিয়ে যায় এক শাশ্বত যন্ত্রণায়। গ্রীক পুরাণেও রয়েছে এমনই এক নদীর গল্প—স্টিক্স নদী। এটি জীবিত পৃথিবী ও পাতালপুরীর সংযোগস্থল। প্রতিটি মৃত আত্মাকে এই নদী পার হতে হয়, কিন্তু কেবল ন্যায়বানরাই পারে গন্তব্যে পৌঁছাতে। অ্যারাবিয়ান পুরাণে নদীটি রূপ নেয় এক সেতুতে, যার নাম পুলসিরাত। ইসলামিক বিশ্বাস অনুযায়ী, কিয়ামতের দিনে ইস্রাফিল নামের এক ফেরেশতা শিঙ্গায় ফুঁ দেবেন, আর সেই মুহূর্তে ধ্বংস হয়ে যাবে সমগ্র পৃথিবী। এরপর দ্বিতীয়বার ফুঁক দিলে সবাই পুনরুজ্জীবিত হবে, আর পৃথিবী রূপ নেবে সমতল এক ময়দানে—হাশরের ময়দান। সেখানে হবে পাপ-পুণ্যের বিচার। তারপর সবাইকে পার হতে হবে এক ভয়ংকর সেতু, যার নিচে জ্বলতে থাকবে দাউদাউ করে জ্বলতে থাকা জাহান্নামের আগুন। এই সেতুটি এতটাই সূক্ষ্ম যে তা চুলের চেয়েও চিকন এবং তলোয়ারের চেয়েও ধারালো! পুণ্যবানরা সহজেই তা পার হতে পারবেন, কিন্তু পাপীরা ভারসাম্য হারিয়ে পড়ে যাবেন অগ্নিকুণ্ডে।

পুলসিরাত বা বৈতরণীর এই কাহিনিগুলো পৌরাণিক নাকি বাস্তবের প্রতিচিত্র তা নিয়ে আমার মনের মধ্যে প্রশ্নের উদয় হলো। আমি গুরুদেবকে বললাম, “সাঁইজি, বৈতরণী বা পুলসিরাতের কাহিনিগুলো বাস্তব নাকি নিছক কল্পনা?”

গুরুদেব বললেন, “পুলসিরাত বা বৈতরণী কাল্পনিক নাকি বাস্তবিক সেই প্রশ্নের উত্তর খোঁজার চেয়ে গুরুত্বপূর্ণ হলো এদের রূপক দিকটি অনুধাবন করা। আসলে, মানুষের সমগ্র জীবনটাই তো এক বৈতরণী বা পুলসিরাত! জন্মের পর থেকেই আমরা সবাই এক সংকীর্ণ পথে হাঁটি—নিয়মিত বিচারের মুখোমুখি হই, প্রতিনিয়ত সিদ্ধান্ত নিই এবং ভালো-মন্দের এক সেতু পার হই। জীবনের এই নদী মানসিক এক প্রবাহ। কেউ সেটিকে পবিত্র অমৃতের জলধারা হিসেবে দেখে, কেউ দেখে অগ্নিরূপী নরক। কারও জন্য জীবন সহজ, কারও জন্য তা কাঁটা-ভরা এক দুঃসহ যাত্রা। সত্যি বলতে, পুলসিরাত বা বৈতরণী আসলে আমাদের চিন্তার গভীরতম প্রতিফলন। প্রতিটি মুহূর্তে আমরা দাঁড়িয়ে থাকি এক সংকীর্ণ সেতুর কিনারায়—এক পা এগিয়ে গেলে হয়তো মুক্তি, আর এক পা পেছালে অবধারিত পতন। তাই, জীবনকে ন্যায়ের পথে পরিচালিত করাই প্রকৃত সেতু পার হওয়ার প্রস্তুতি। যারা সৎ, তারা নির্বিঘ্নে পার হয়ে যান। আর যারা অন্যায় ও প্রবঞ্চনার জালে জড়িয়ে পড়েন, তারা ভয়ংকর স্রোতে তলিয়ে যান। তাই, প্রতিটি মানুষই তার নিজস্ব পুলসিরাত বয়ে নিয়ে চলে—তার বিশ্বাস, কাজ ও চরিত্রই নির্ধারণ করে, সে পেরোতে পারবে কিনা।”

রাত গভীর থেকে আরও গভীরে পৌঁছেছে। আমাদের এখন উঠতে হবে। গুরুদেবের কথাগুলো আমার মস্তিষ্কের স্নায়ুতন্ত্রে ঘুরপাক খেতে লাগলো। আমার উপলব্ধি হলো—মানুষের জীবনটাই একটা পুলসিরাত। চৈতন্যবান মানুষেরা এই পুলসিরাতে পা ফেলেন সতর্কতার সঙ্গে। গুরুদেবও সম্ভবত আমাকে সতর্কতার সঙ্গে এই পুলসিরাত পাড়ি দিতে ইংগিত দিলেন। আমাকে সজাগ থাকতে হবে; কোনো ভুল করা যাবে না। আচ্ছা, গুরুদেব কী আমার আর তুলসীর ব্যাপারে কিছু উপলব্ধি করতে পেরেছেন? গুরুদেব তো ত্রিকালদর্শী, আগাম বুঝতে পারেন অনেককিছু। আমি তো ভুল পথে পা বাড়াচ্ছি না? আমি ছন্নছাড়া বাউণ্ডুলে মানুষ। জন্মগতভাবে মুসলমান। প্রেমের গভীরে পৌঁছানোর পর তুলসী আমার ব্যাপারে জানতে পারলে তখন কী হবে? তখন কী নতুন কোনো দুঃখের সাগরে তরী বাইতে হবে?

আমি আমার মতো করে শুধু ভাবছি আর ভাবছি। গুরুদেব বললেন, “চলো আশ্রমে যাই। এতোকিছু ভেবে লাভ কী যদি নিরিখ ঠিক থাকে? দুনয়নে এমন নিরিখ বান্ধ, যেন মৃত্যুর সময়ও তাঁকে ভুলতে না পারো। প্রতিজ্ঞা করো—যদি দুঃখ পেলে তাঁরে পাওয়া যায়, তবে দুঃখের সাগরেই নৌকা ভাসিয়ে দিলাম।”

গুরু তো মনের গোবিন্দ, তিনি ভক্তের ভালোমন্দ বোঝেন। আমারও বুঝতে বাকি রইলো না—তিনি টের পেয়েছেন তুলসী এবং আমার বিষয়টা। আমাকে তিনি আতর, গোলাপ, টুপি, জুব্বা ও হাদিসের বইয়ের ব্যবসার কথা বলতে পারতেন। তিনি অন্যকোনো ব্যবসার দিকনির্দেশনাও আমাকে দিতে পারতেন৷ তিনি কেন হিন্দুদের ব্যবহার্য জিনিসপত্রের দোকান দিতে বললেন? তা-ও আবার তুলসীদের বাড়ির সামনে! নিশ্চয়ই গুরুদেব আমার আর তুলসীর মিলনের পক্ষে। এখন আমাকে এই পৃথিবীর সবচেয়ে বড় সুখী মানুষ মনে হচ্ছে। আজ যেন আমার ভাবনার আকাশে চৈত্রের পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে….

ফেরেশতার প্রত্যাবর্তন

অমাবস্যার রাত। আকাশ যেন এক গাঢ় রহস্যময়তা—চাঁদের অনুপস্থিতি আরও বাড়িয়ে তুলেছে তার গভীরতা। তারারা আজ অসম্ভব স্পষ্ট, যেন মহাশূন্যের অজস্র চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। প্রকৃতি স্তব্ধ, বাতাস থেমে গেছে, শব্দ নেই কোথাও। পুকুরের কালো জলেও একটুকরো নক্ষত্র পড়েনি আজ—সব যেন নিঃশব্দ চেতনার অভ্যন্তরে আত্মগোপন করে আছে।

আমি আর গুরুদেব বসে আছি পুকুরপাড়ে অবস্থিত পাকুড় গাছের নিচে। তিনি নির্ভর ও শান্ত কণ্ঠে বললেন, “তুমি কি জানো, একদিন আমরা নিজেরাই হয়ে উঠব অন্য কোনো জাতির চোখে ফেরেশতা?”

আমি চমকে তাকালাম তাঁর দিকে। “আমরা? ফেরেশতা? কীভাবে?”

গুরুজির চোখে এক ধরণের প্রজ্ঞার দীপ্তি। তিনি বললেন, “তুমি কি কখনও ভেবেছো, যে সব দেবদেবী বা ফেরেশতার কথা আমাদের ধর্মগ্রন্থগুলো বলে—তারা হয়তো আমাদের মতোই রক্ত-মাংসের জীব ছিল? তবে তাদের প্রযুক্তি, তাদের চেতনার স্তর ছিল অনেক উচ্চতর। তারা এই পৃথিবীর বাইরের কেউ, এক মহাজাগতিক জাতি—যাদের জ্ঞান, বিজ্ঞান, চেতনা আমাদের সময়ের তুলনায় শত সহস্র বছর এগিয়ে।”

আমি ধীরে জিজ্ঞেস করলাম, “তাহলে তারা পৃথিবীতে কেন এসেছিল?”

তিনি বললেন, “হয়তো তারা এসেছিল অনুসন্ধানে। হয়তো তারা এসেছিল জানাতে, শেখাতে। হয়তো তাদের নিজ গ্রহ ধ্বংসের মুখে পড়ে গিয়েছিল, আর তারা খুঁজছিল নতুন এক ঘর। তারা পৃথিবীতে এল, বেছে নিলো কিছু মানুষ, তাদের দিলো জ্ঞান, সৃষ্টির বীজ, প্রযুক্তির ছোঁয়া। আবার কেউ কেউ তাদের সঙ্গে ফিরে গেল। ফিরে আসা সেই মানুষদের আমরা বললাম ঋষি, নবী, ফেরেশতা, দেবতা। অথচ তারা আসলে ছিলেন গ্রহান্তরের দূত।”

আমি নিঃশব্দে তাকিয়ে রইলাম আকাশের দিকে। মনে হলো, তারারাও আজ একটু বেশি ঝলমলে। আমি বললাম, “তবে কি আজ আমরা যা করছি—চাঁদে পা রাখা, মঙ্গল অভিযানে যাওয়া—সেটাও একদিন কোনো গ্রহের প্রাণীদের কাছে অলৌকিক মনে হবে?”

গুরুদেব মাথা নেড়ে বললেন, “হ্যাঁ। একদিন আমরা অন্য কোনো গ্রহে পৌঁছাবো। হয়তো সেখানে এমন কোনো প্রাণ আছে, যারা এখনো প্রযুক্তি চেনে না, চেতনার উন্নত স্তরে পৌঁছায়নি। তখন আমরা যেভাবে সেই আদি আগন্তুকদের দেবতা ভেবেছিলাম, তারাও আমাদের দেবতা ভাববে। এইভাবেই সৃষ্টি হয় ‘আদিম ঈশ্বর’-এর কাহিনি।”

আমি বিস্ময়ের ঘোরে বললাম, “তবে কি ঈশ্বর বলে কিছু নেই?”

তিনি স্থির গলায় বললেন, “ঈশ্বর আছেন—কিন্তু ঈশ্বর একক কোনো অস্তিত্ব নয়। ঈশ্বর হলো চেতনার সর্বোচ্চ স্তর, যেখানে বিজ্ঞান ও ভাবনার সীমা মুছে যায়। যেখানে প্রাণ ও ব্রহ্মাণ্ড একাকার। সেই স্তরে পৌঁছেছে কেউ কেউ, হয়তো সেই আদি আগন্তুকরাও। তাই তারা ঈশ্বরসম।”

নিঃশব্দ প্রকৃতি যেন হঠাৎ এক গূঢ় দোলায় কেঁপে উঠল। মনে হলো, আকাশের একেকটা তারা যেন এখন আমাদের কথাগুলো শুনছে, আর ঠায় তাকিয়ে আছে।

আমি প্রশ্ন করলাম, “তাহলে আমরা কি সেই চূড়ান্ত চেতনার পথে হাঁটছি?”

গুরুদেব হেসে বললেন, “আমরা তো সেই পথেরই যাত্রী—বিজ্ঞান আমাদের বাহন, আধ্যাত্মিকতা আমাদের দিশা। দুটো একসঙ্গে মিলেই আমাদের পৌঁছে দেবে সেসব দিগন্তে, যেখান থেকে একদিন আমরা নিজেরাই হয়ে উঠব অন্য কারও উপকথার ফেরেশতা।”

সেই মুহূর্তে আকাশের এক তারা হঠাৎ ঝরে পড়ল অন্ধকারের ভিতরে। মনে হলো, সে যেন নিঃশব্দে বলল,“আমি তোমাদের এই কথোপকথনের সাক্ষী হয়ে রইলাম…”

শয়তানের বাক্স

প্রতিদিন নিয়মিত দোকানদারি করছি। ঘুম, গোসল ও খাওয়া সবকিছুই ঠিকঠাক আছে। এরমধ্যে তুলসীকে নিয়ে একদিন ঘুরতে বেরিয়েছিলাম। এখন প্রায় প্রতিদিন তুলসীর সঙ্গে একবার করে দেখা হয়। দিনগুলো আনন্দেই কাটছে। প্রতিদিন আশ্রমে ফেরার পথে বাজার-সদাই করে নিয়ে আসি, গুরুদেব রান্না করে রাখেন, আমি শুধু খাই। আজকাল আর গুরুদেবের সঙ্গে সাধুসঙ্গ হচ্ছে না। গুরুদেবও আগ্রহ করে আমাকে কোনো জ্ঞানের কথা বলেন না। রাতে ঘুমানোর আগে মনে হয়—গুরুদেবের সঙ্গে সাধুসঙ্গ করছি না এতে গুরুদেব আমার প্রতি মনখারাপ করছেন না তো? আবার ভাবি— অনেককিছুই তো জানা হলো, কী হবে এতোকিছু জেনে? ধর্ম, দর্শন, বিজ্ঞান, সাহিত্য, পুরাণ, রাজনীতি এবং আরও কত কী জানলাম! জানার শেষে কী আছে? এতো জেনে লাভ কী? পেটে ভাত না থাকলে এসব জানাজানিতে কিচ্ছু হয় না। জ্ঞান আহরণ করে লাভ নাই। এই জীবনে নারী, গাড়ি, বাড়ি আর টাকাই সব।

বৃহস্পতিবার দিবাগত রাত। রাত্রি তখন দ্বিপ্রহর। আমি নিরিবিলি শুয়ে আছি। হটাৎ আমার চোখের সামনে বিশাল একটা ধোঁয়ার কুণ্ডলী হাজির হলো! ধোঁয়ার কুণ্ডলীটা থেকে বেরিয়ে এলেন স্বয়ং গুরুদেব! আমি চোখ ঢলতে-ঢলতে চিন্তা করলাম—আমি স্বপ্নে দেখছি নাতো? নিশ্চিত হবার জন্য নিজের শরীরে নিজেই চিমটি কাটলাম, নাহ, এতো বাস্তব! গুরুদেব হাসলেন। তিনি একটা ব্যাগ হাতে দিয়ে বললেন, “এই ব্যাগে ভোগ, কাম, শক্তি, সাফল্য, পরাজয় সবকিছুই আছে। শুধু নাই জ্ঞানের আলো, যে আলোতে মানুষ নিজেকে দেখতে পারে।”

কথা বলা শেষে আচমকা গুরুদেব উদাও! ভয়ে আমার শরীরটা কাঁপতে ছিলো। কাঁপা-কাঁপি করতে-করতে ব্যাগটা আমি খুলে ফেললাম। —আরে, এখানে তো শুধু টাকাপয়সা আর সোনাদানা! ব্যাগের কোণায় ছিলো ছোট্ট একটা চিরকুট। খুলে দেখি তাতে লেখা—বাপ, এই ব্যাগে যাকিছু আছে তার সবকিছু তুমি তোমার ইচ্ছেমত ব্যবহার করতে পারো। তবে শর্ত একটা—যদি এসবকিছুই নিজের মতো করে ব্যবহার করো, তাহলে যতই আমার কথা মনে পড়ুক কোনোদিন তুমি আমার সামনে আসতে পারবে না। আর যদি মনে করো গুরু জ্ঞানের কাছে এসব একদম তুচ্ছ, তাহলে এখান থেকে কিচ্ছু খরচ করবে না।

কথাগুলো পড়ে কিছুক্ষণ হাসলাম। গুরু জ্ঞান? সে তো শুধু জানাজানির মধ্যেই সীমাবদ্ধ, কী হবে গুরু জ্ঞান দিয়ে? আমি চাই আসল জীবন। সিদ্ধান্ত নিলাম সব টাকাপয়সা ও সোনাদানা দিয়ে আমি আমার জীবনটাকে সাজাবো।

কয়েকদিন পড়েই সুরম্য বাড়ি কিনলাম, গাড়ি কিনলাম, ব্যবসা প্রতিষ্ঠান খুললাম এবং তুলসীকে ঘরে তুললাম। এখন আর আমার সুখের শেষ নাই। ঘরে বৌ থাকতেও বাহিরে নারীসঙ্গ উপভোগ করি। অল্প বয়সী, মধ্য বয়সী, সম বয়সী, সাদা, কালো, বিভিন্ন প্রকারের নারী! প্রতিদিন একটা-একটা করে স্বাদ নিই। দামি মদ পান করি। এলাকায় এখন আমার প্রভাব সবার চেয়ে বেশি। সামনে জাতীয় সংসদ নির্বাচন, সিদ্ধান্ত নিলাম এমপি পদে নির্বাচন করবো। নির্বাচনের সময় ঘনিয়ে আসলো। নির্বাচনে প্রার্থী হলাম। নির্বাচনে হেরে যাবার ভয়ে প্রতিপক্ষকে লোক দিয়ে খুন করলাম। ঘটনা জানাজানি হয়ে গেল, আমি ফেঁসে গেলাম! পুলিশ আমাকে গ্রেফতার করলো। আমি জেলখানায় মানবেতর জীবনযাপন করতে শুরু করলাম। তুলসী আমাকে জামিনে বের করার জন্য জেলগেটে বেশকিছু কাগজপত্র নিয়ে আসলো, আমি অন্ধের মতো তাতে স্বাক্ষর করলাম। পরে জানতে পারলাম—তুলসী আমার স্থাবর-অস্থাবর সব সম্পত্তি তার নিজের নামে লিখে নিয়ে গেছে এবং সে আমাকে ডিভোর্স দিয়েছে! আমি কান্নায় ভেঙে পরলাম। জেল খাটতে-খাটতে একসময় আমার ফাঁসির রায় হলো। আমি আমার মৃত্যুর দিন গুণতে থাকলাম।
 শেষের দিন, যেদিন আমার ফাঁসি, গুরুদেবকে অনেক স্মরণ করলাম। তাঁর কথা স্মরণ করে নিজের প্রতি নিজেই ঘৃণা ছুড়ে মারলাম। আমার মরাই উচিত। কী হলো টাকাপয়সা, সোনাদানা ও ভোগবিলাস দিয়ে? এসব দিয়ে জীবনে সব পেলাম, কিন্তু নিজেকে পেলাম কই? ঠিক তখনই এক আলো নেমে আসে আমার চোখে। না, সে আলোটা আকাশ থেকে নয়, আমার ভেতর থেকে। সেই আলো বলে, “তুই যেভাবেই ঘুরেছিস, খুঁজেছিস তো সত্যিকেই। সেই আকাঙ্ক্ষাই তো তোকে বাঁচাবে।” পাশের মসজিদ থেকে মুয়াজ্জিনের কণ্ঠে ভেসে আসলো— আল্লা…আ…আ…আ…হু…আকবর। আমার ঘুম ভেঙে যায়! না, এতোক্ষণ স্বপ্নই দেখতে ছিলাম। তাড়াহুড়ো করে গুরুদেবকে ঘুম থেকে ডেকে তুললাম। তাঁর পায়ে পরে গেলাম এবং আমার স্বপ্নের কথা বললাম। তিনি স্বপ্নের ব্যখ্যা দিতে গিয়ে বললেন, “ঐ ব্যাগটা ছিলো শয়তানের বাক্স। আর শেষে তোর হৃদয়ে জ্বলতে থাকা আলোটা ছিলো আল্লাহর নূর!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *