মানবগ্রন্থ
পড়ালেখা আমার ভালো লাগেনি কোনোদিনই। স্কুলে যাবার চেয়ে নদীর ধারে ঘুরে বেড়াতেই বেশি স্বস্তি পেয়েছি। ক্লাসরুমের চারদেয়ালকে মনে হতো, এ যেনো জেলখানা—আমি কয়েদি, আর শিক্ষকেরা পুলিশ! পড়ার টেবিলে বেশিক্ষণ বসে থাকতে পারতাম না। বইয়ের পাতা খুললেই মনে হতো— এ এক শৃঙ্খলার শিকল, যা আমাকে বেঁধে ফেলছে!
বাবামায়ের চাপাচাপিতে স্কুলে ভর্তি হলেও, তাঁদের স্বপ্ন পূরণ করতে পারিনি। প্রথম শ্রেণীতে দুইবার ফেল করে তিনবারের মাথায় দ্বিতীয় শ্রেণীতে উঠি। একদিন স্কুল শেষে বাড়ি ফিরছিলাম। রাস্তা দিয়ে হাওয়ার মিঠাই বিক্রেতা যাচ্ছিলেন। তিনটা হাওয়ার মিঠাইয়ের বিনিময়ে আমি তাকে আমার বইখাতা দিয়ে দিই। খালি হাতে বাড়িতে ওঠার সময় মা জিজ্ঞেস করেন, “কি রে, তোর বইখাতা কই?” সত্যি ঘটনা বলার সঙ্গে-সঙ্গে, সেদিন মা আমাকে ইচ্ছেমতো মারধর করেন।
পড়াশোনা ছাড়া একবছর কেটে যায়। এরপর মা-বাবা জোরজবরদস্তি করে এলাকার এক শিক্ষিত লোকের মাধ্যমে তৃতীয় শ্রেণীতে ভর্তি করিয়ে দেন। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ালেখা মোটামুটি ভালোই চলছিল। সমস্যা বাঁধে হাইস্কুলে যাবার পর। ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ছাত্র আমি, দশম শ্রেণীর এক মেয়ের প্রতি প্রেমের টান অনুভব করি! টানটান প্রেমের ভেতর দিয়ে একটা বছর ভালোই কেটে গেল। আমি সপ্তম শ্রেণীতে উঠলাম, আমার ভালোবাসার মানুষটি এসএসসি পরীক্ষায় উত্তির্ন হয়ে কলেজে ভর্তি হলো। তার সাথে এখন আর আমার যোগাযোগ হয় না। তাকে না দেখে থাকতেও পারি না। একদিন খবর পেলাম আমার প্রিয় মানুষটি কলেজে গিয়ে অন্য কারও সঙ্গে প্রেমে জড়িয়েছে! স্বচক্ষে একদিন তার প্রমাণও দেখলাম। পরে জানতে পারলাম— আমার সঙ্গে সে প্রেম করেনি, দুষ্টমি করেছে! আমাকে সে ভালোবাসতো না, আদর করতো। তাঁকে হারানোর বেদনায় আমি ভেঙে পড়ি। পড়ালেখা ছেড়ে দিই।
বাবা-মা আমাকে দেখতে পারেন না। আত্মীয়স্বজন সবাই তুচ্ছতাচ্ছিল্য করেন। এভাবে কেটে যায় দুইবছর। এরপর এক বন্ধুর সঙ্গে বুদ্ধি করে সরাসরি নবম শ্রেণীতে ভর্তি হই। টেনেটুনে দশম শ্রেণী পাস করলেও এসএসসি পরীক্ষায় প্রায় সবগুলো বিষয়ে ফেল করি! ফেল করার কথা শুনে সবাই আমাকে বিদ্রুপ করে। লজ্জায় ঘৃণায় কাউকে আর মুখ দেখাতে ইচ্ছে হলোনা। তাই একদিন সব ছেড়ে বেরিয়ে পড়লাম— কোনো দিক ঠিক না করেই।
আমি অবিরাম হেটে চলেছিলাম…। কোনো উদ্দেশ্য নেই, কোনো গন্তব্য নেই। শহরের পথ ধরে হাঁটতে-হাঁটতে সন্ধ্যা ঘনিয়ে আসে। রাতের আধারে কোথায় যাবো ভাবতেই বুকটা ধুকপুক করে ওঠে! তবুও হাঁটতে থাকি। শহরের পথ পরিবর্তন করে হাঁটতে থাকি এক গ্রামের দিকে। কিছুদূর এগোতেই নিজেকে আবিষ্কার করলাম নির্জন এক জায়গায়। শহরের বাইরে এক পুরনো মন্দির, এখানে মানুষজন সম্ভবত খুব একটা আসা-যাওয়া করে না। জায়গাটা ধ্বংসস্তূপের মতো, চারদিকে শুধু শুকনো পাতা আর ফাটল ধরা ইট পাথর।
ভাঙা মন্দিরের ভেতরে বসা একজন বৃদ্ধ, হয়তো ষাট কিংবা সত্তর বছরের, ধূসর দাড়ি, এলোমেলো চুল। মাটি থেকে যেন উঠে এসেছেন, ধুলো-মলিন চাদরে জড়ানো শরীর। চোখে গভীর প্রশান্তি, মুখে অদ্ভুত মায়াবী হাসি। তিনি ছোট্র একটা আগুণের সামনে বসে আছেন, যেন কোনোকিছু গরম করছেন। ভালো করে খেয়াল করলাম— তিনি গাঁজা সেবনের জন্য নারিকেলের আঁশ পোড়াচ্ছেন। আমাকে দেখেই বললেন, “এসো, ক্লান্ত পথিক, তোমার জন্য দরজা খোলা।”
আমি কিছু না বুঝেই তাঁর সামনে গেলাম। তিনি আমাকে মন্দিরের পেছনে থাকা পুকুরে গোসল করালেন। ছেঁড়া একটা লুঙ্গী দিলেন পরতে। খেতে দিলেন। তারপর আমার গল্প শুনলেন। কিন্তু, আমার গল্প শুনে একটুও বিস্মিত হলেন না! শুধু বললেন, “তুমি তো এক অস্থির তরঙ্গ, স্থির হতে হবে, গভীর হতে হবে, সমুদ্র হতে হবে।”
আমি অবাক হয়ে তাকালাম। বললাম, “আপনি তো সম্ভবত পড়াশোনা জানেন না, তবুও এত সুন্দর করে কথা বলেন কীভাবে?”
তিনি মুচকি হাসলেন। বললেন, “আমি ষষ্ঠ শ্রেণী পর্যন্ত প্রাতিষ্ঠানিক বই পড়েছি। তারপর থেকে মানবগ্রন্থ পাঠ করি।”
আমি হতভম্ব হয়ে গেলাম! “মানবগ্রন্থ? সেটা আবার কী?”
তিনি বললেন, “মানুষের চোখ, মুখ, হাঁটা, বসা, নীরবতা— সবকিছুই মানবগ্রন্থের একেকটা অধ্যায়। যে এই বই পড়তে পারে, সে-ই আমার মতো সুন্দর করে কথা বলতে পারে।”
আমি বললাম, “তাহলে আমিও মানবগ্রন্থ পাঠ করতে চাই!”
তিনি বললেন, “পাঠকের যোগ্যতা অর্জন করো। বোঝার শক্তি অর্জন করো। জ্ঞান শুধু বইয়ের পাতায় থাকে না, জীবনেও থাকে।”
তারপর থেকে তাঁর ছায়ায় আমি রয়ে গেলাম। সময়-সুযোগ বুঝে প্রশ্ন করতাম, তিনি উত্তর দিতেন। তাঁর কাছ থেকে শেখা প্রতিটি বাক্য যেন একেকটা দীপশিখা, অন্ধকার থেকে আলোর দিকে পথ দেখানো মশাল।
কিন্তু, একদিন তিনি চলে গেলেন— ফিরে আসবেন না কোনোদিন, এমন এক পথে। তাঁর কবরের চারপাশে এখন আগরবাতি আর মোমবাতির আলো জ্বলে। শত শত মানুষ সেখানে প্রার্থনা করে, আশীর্বাদ চায়। কিন্তু আমি জানি, তিনি কবরের মাটির নিচে ঘুমিয়ে নেই।
আমি যখনই কোনো প্রশ্নের মুখোমুখি হই, তিনি ঠিকই চলে আসেন! চোখ বন্ধ করলেই তাঁর মৃদু কণ্ঠস্বর শুনতে পাই।
সেদিনও, যখন একদল মানুষ আমার জ্ঞানের উৎস নিয়ে প্রশ্ন তুলছিল, আমি চুপ করে ছিলাম। হঠাৎ মনে হলো, আমার গুরু আমার সামনে দাঁড়িয়ে আছেন। তাঁর গভীর চোখ দুটি যেন আমাকে ভেদ করে যাচ্ছে।
তিনি বললেন, “বাপ, গুরুর ভক্ত তো সবাই হতে পারে না। কৃষ্ণের ভক্ত যেমন অর্জুন, মুহাম্মাদের ভক্ত যেমন আলী, রামকৃষ্ণের ভক্ত যেমন বিবেকানন্দ, সক্রেটিসের ভক্ত যেমন প্লেটো, সিরাজ সাঁইয়ের ভক্ত যেমন লালন, তেমনি তুইও আমার ভক্ত!”
আমি কাঁপতে-কাঁপতে চোখ খুললাম, আশেপাশে তাকালাম, কেউ তাঁকে দেখেনি, কেউ শুনতে পায়নি। কিন্তু আমি জানি— তিনি ছিলেন! তিনি আছেন! তিনি থাকবেন! কারণ, গুরু কখনও মরেন না…তিনি শুধু রূপ বদলান।
আমি এখনো নদীর ধারে বসে থাকি, বাতাসে গন্ধ নিই, গাছের পাতার শব্দ শুনি, কখনও উদ্দেশ্যহীন পথ হাঁটি, ভাবের মানুষ পেলে তাঁর সঙ্গে দু’একটা কথা বলি। মনে হয়, আমি মানবগ্রন্থ পাঠ করতে শিখছি… ধীরে ধীরে এবং গভীরভাবে…!
জীবনের পথে হাঁটতে-হাঁটতে, আমার গুরুদেবের সান্নিধ্য পেয়ে আমি এমন এক জ্ঞানের দরজা খুলে ফেললাম—যা আমার আত্মাকে কাঁপিয়ে দিয়েছে, মনকে স্থির করেছে এবং চেতনার আকাশে নতুন এক সূর্যের আলো ছড়িয়েছে।
এই অভিজ্ঞতা, এই উপলব্ধি, এই চেতনার আলো—আমি একা রেখে দিতে পারি না।
আমার মন চায়—জীবনে কেউ আসুক, এসে এই আলোর স্বাদ গ্রহণ করুক, আলোকিত হোক তাঁর মানবজীবন। কিন্তু এই আলোর ঝলকানি সহ্য করার মতো সহনশীল কেউ আসে না। যাঁরা এই আলোর সন্ধান করে, তাঁরা হয়তোবা জানেনা—আমার কাছে আছে এই চেতনার আলো। তা-ই, বাধ্য হয়ে এই আলো বিস্ফোরিত হতে চায় কাগজের পাতায়, শব্দের ভেতর দিয়ে, হৃদয়ের গভীরে…
জ্ঞানপাখি
অনেক ভেবেচিন্তে আজ লিখতে বসলাম। হ্যাঁ, আজ এমনকিছু লিখব, যা সত্য, তা-ই। একটুও লুকাবো না। কারণ, এ এক নবজাগরণ—যা শুধু মত নয়, পথ। শুধু তত্ত্ব নয়, স্পর্শ। শুধু আলো নয়, নতুন দিগন্ত। একে লুকানো ঠিক হবে না।
সাদা খাতার পাতায় লেখা খুব সহজ। কিন্তু লিখতে-লিখতে যে খাতার পাতা শেষ হয়ে গেছে, সে খাতায় ঘষামাজা করে লেখাটা এতো সহজ না। আমার গুরুদেব ছিলেন সেই লেখক, যিনি লিখতে-লিখতে যে খাতার পাতা শেষ হয়ে গেছে, সেই খাতার পাতায় লিখতে পছন্দ করতেন। তিনি ছিলেন মানবগ্রন্থের পাঠক এবং লেখক। তিনি আমাকে খুব সহজেই পাঠ করেছিলেন এবং মানবগ্রন্থ পাঠ করার যোগ্যতা অর্জন করতে আমাকেও সাহায্য করেছিলেন।
তাঁর আশ্রমে সবসময় পড়ে থাকার মতো কোনো ব্যবস্থা ছিলো না। গুরুদেবের সঙ্গে প্রথম যেদিন সাক্ষাৎ হয়, তার পরদিন শহরের অলিগলি খোঁজা-খুঁজি করে একটা কর্মসংস্থান খুঁজে পাই। পেটে-ভাতে হলেও একটা কাজ আমার জন্য দরকার ছিলো। বাড়ি থেকে পালিয়ে এসেছি, আর ফিরতে চাইনা। এই শহরেই থাকতে চাই। সারাদিন কাজ করি, কিন্তু মনটা পড়ে থাকে গুরুদেবের আশ্রমে। প্রথম সাক্ষাতেই আমি তাঁর প্রেমে পড়ে গেছি। কারণ, তিনি আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তা ভুলবার নয়।
সাপ্তাহিক ছুটির দিন চলে গেলাম গুরুদেবের কাছে। গুরুদেব বসে আছেন মন্দিরচত্বর থেকে একটু দূরে, আশ্রমের উঠানে সেই প্রাচীন বটগাছের নিচে। বাতাসে পাতার মৃদু সুর, আশেপাশে নিস্তব্ধতা। আমাকে দেখেই মুচকি হাসি দিয়ে বললেন, “কেমন আছো বাপ? আহা, মুখটা মলিন কেন? কিছু খেয়েছ?”
আমি মাথা নেড়ে বুঝালাম, ভালো আছি। তিনি একটা পুটলি খুলে কিছু সন্দেশ, বাতাসা আর জলের ঘটী এগিয়ে দিয়ে বললেন, “খেয়ে নাও বাপ।”
এই আদরটুকু পেয়ে আমার চোখে জল এসে গেল। আমি চুপচাপ খেয়ে নিলাম। তিনি আমাকে বাড়িতে ফিরে যাবার জন্য অনুরোধ করলেন। আমি আর বাড়ি ফিরে যেতে চাই না। আমার ভালে লাগে না বাড়ি ঘর। মা-বাবার কথা মনে হলে কষ্ট হয়। আমি জানি—তাঁরাও আমার জন্য কষ্ট পাচ্ছেন। কিন্তু, আমার মনকে বুঝাতে পারি না। আমার মন শৃঙ্খল মানে না। গুরুদেব আমার মনের কথাগুলো আবারও মনোযোগ দিয়ে শুনলেন। দ্বিতীয়বার বাড়ি ফেরার ব্যাপারে টুঁশব্দ করলেন না। দুপুর পেরিয়ে বিকেল প্রায় শেষ। সন্ধ্যার আগেই বাসায় ফিরে যেতে হবে। সকালে ডিউটি আছে। গুরুদেবের কাছ থেকে বিদায় নিতে চাইলাম। তিনি বিদায় দিলেন না। বললেন, “আজকের রাত আমার কাছে থাকো, ভোরে এখান থেকেই ডিউটিতে যেও।”
আমি রয়ে গেলাম। আশ্রমের চারপাশ ঘুরে দেখলাম। ছোট্ট একটা পুকুর, পুকুরপাড়ে আমগাছ, পাকুড়গাছ আর বটগাছে ঘিরে রেখেছে পুরো আশ্রমটা। নিরিবিলি। কোনো কোলাহল নেই। জনবসতি এখান থেকে মোটামুটি ভালোই দূরে। আধ্যাত্মিক মানুষদের এমন নির্জনবাস আমাকে মুগ্ধ করে। আমিও আধ্যাত্মিক মানুষ হতে চাই। সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এসেছে, আশ্রমে শুকনো খাবার ছিলো, দুজন মিলে খেয়ে নিয়েছি। গুরুদেব গাঁজা সেবনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমি পাশে বসা। আমার মনে হাজারো প্রশ্নের গুঞ্জন। তিনি একবার আমার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, “বলো বাপ, কিছু জিজ্ঞেস করবে?”
আমি একটু থেমে, কিন্তু সোজাসাপটা বললাম,
“সাঁইজি, আধ্যাত্মিকতা কী? আমি কী করলে আধ্যাত্মিক মানুষ হতে পারবো?”
সেদিন রাতের আকাশে চাঁদ ছিলো। চাঁদের আলোয় আশ্রমের ভেতর থেকে জানালা দিয়ে বাহিরের সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছিলো। গুরুদেব মৃদু হেসে চোখ তুলে তাকালেন। তারপর আঙুল দিয়ে সামনের পুকুরের দিকে ইঙ্গিত করে বললেন,
“বল তো, চাঁদের আলো কীভাবে পানিতে প্রতিফলিত হয়?”
আমি কিছুক্ষণ চিন্তা করে বললাম, “পানি যদি শান্ত থাকে, তবে প্রতিফলন স্পষ্ট হয়। আর যদি ঢেউ থাকে, তাহলে ছায়া বিকৃত হয়ে যায়।”
তিনি সন্তোষভরে মাথা নেড়ে আমার কাঁধে হাত রেখে বললেন, “এই হলো আধ্যাত্মিকবিদ্যার প্রথম পাঠ। আধ্যাত্মিকতাও ঠিক এমনই—যদি তোমার মন অস্থির থাকে, তবে তুমি সত্যের প্রতিচ্ছবি বুঝতে পারবে না। আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে হলে প্রথমেই মনকে শান্ত করতে হবে। তাকাতে হবে নিজের ভেতরে দিকে। বাইরে নয়, ভিতরেই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। তাই, নীরবতার ভাষা শোনার শক্তি গড়ে তোলো, তবেই আধ্যত্মিকতার আসল উত্তর তোমার অন্তরে ছাপ ফেলবে।”
আমি গম্ভীর মুখে বললাম, “কিন্তু মনকে স্থির করব কীভাবে? চারপাশে এত টানাপোড়েন, এত গোলমাল…”
গুরুদেব জানালার ফাঁক দিয়েই আকাশপানে তাকালেন। মিটিমিটি জ্বলতে থাকা একগুচ্ছ তাঁরা দেখিয়ে বললেন, “নক্ষত্রদের দেখো। ওরা চুপচাপ বসে আছে, কিন্তু ওরা বসে নেই। ওরা ক্রমাগত এগিয়ে যাচ্ছে…। ঠিক নক্ষত্রের মতোই, যেখানে যে-অবস্থাতেই থাকো, তুমি তোমার আধ্যাত্মিকতার পথে এগিয়ে যাও, ধৈর্যের সঙ্গে। যেমন নদী নিজের পথ খুঁজে নেয় ধীরে-ধীরে, তেমনই মানসিক ও চৈতন্যগত বিকাশ আসে ধৈর্যের সঙ্গে। নিজের দিকে মন দাও, প্রতিদিন একটু করে বুঝতে শেখো। ভুল করো, প্রশ্ন করো, শিখো—এই পথেই মন স্থির হবে।”
আমি বললাম, “তাহলে কি আধ্যাত্মিকতা মানে শুধু নিজের ভেতরেই ডুবে থাকা? বাইরের জগত, প্রকৃতি, অন্যান্য মানুষ—এসব কি তবে অবান্তর?”
গুরুদেব নিচু হয়ে মাটির ছোট্ট একটা ঢেলা তুলে বললেন, “এটা কী?”
আমি বললাম, “মাটি।”
তিনি সেটিকে আঙুলের চাপে গুড়িয়ে দিয়ে বললেন, “এখন?”
আমি বললাম, “ধূলিকণা।”
তিনি আমার চোখে চোখ রেখে বললেন, “এই ধূলিকণাকেও যদি ভাঙা যায়, তখন মিলবে অণু-পরমাণু। সেগুলোও শেষ নয়—তারও ভেতরে আছে আরও সূক্ষ্মতর কিছু। তাই যা কিছু আমরা দেখি, তা কখনোই নিরপেক্ষ চূড়ান্ত সত্য নয়। সবই রূপান্তরশীল। আধ্যাত্মিকতা মানে এই রূপান্তরের অন্তর্নিহিত সত্যকে খোঁজা। প্রশ্ন করতে শেখো—নিজেকেও, জগৎকেও। প্রশ্নই পথ খুলে দেবে।”
আমি গভীরভাবে ভাবতে লাগলাম। মনে এক নতুন প্রশ্ন জেগে উঠল, বললাম, “সাঁইজি, তাহলে আমি কীভাবে নিজের মধ্যেই কেবল থাকব? আর নিজের মধ্যে থেকেই বিশ্বপ্রকৃতির মাঝে কীভাবে আধ্যাত্মিকতা খুঁজে পাবো?”
গুরুদেব স্নেহভরে বললেন, “বাপ, প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে কখনও আত্মাকে চেনা যায় না। যেমন গাছের শিকড় থাকে মাটির গভীরে, তেমনি আমাদের অস্তিত্বও সৃষ্টির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। প্রকৃতির ছন্দ বোঝো, তার মৌনতার ভাষা শোনো। এই সংযুক্তিই তোমাকে আত্মশুদ্ধির পথে নিয়ে যাবে। আর আত্মশুদ্ধিই আধ্যাত্মিকতার মূল সুর।”
আমি চুপ করে গেলাম। কিন্তু হঠাৎ মনে এক সংশয় দেখা দিলো, তাই বললাম, “তাহলে আমি কীভাবে বুঝব যে আমি সঠিক পথে আছি?”
গুরুদেব বললেন, “এই পথের কোনো শেষ নেই। প্রতিদিন তুমি নতুন কিছু জানতে পারো, নতুন কিছু অনুভব করতে পারো। যখন তুমি উপলব্ধি করবে যে জ্ঞানের সন্ধানই তোমাকে বদলে দিচ্ছে—ভিতর থেকে, তখনই বুঝবে তুমি ঠিক পথে আছো। আত্মশুদ্ধির পথ নিজেই পথ দেখায়।”
আমি চোখ বুজলাম। প্রশ্নেরা যেন নিজেরাই মিলিয়ে গেল। মনে হলো—আমার ভেতরে আলো জ্বলে উঠেছে। যেন আমি এক বিশাল আকাশে ডানা মেলেছি, এক অদৃশ্য পাখি হয়ে, যে পাখিটির নাম—জ্ঞানপাখি!
রাত অনেক গভীর হয়েছে, ঘুমাতে হবে। খুব ভোরে উঠে ডিউটিতে যেতে হবে। আমি ঘুমিয়ে গেলাম। ভোরে গুরুদেব আমাকে ডেকে তুললেন। পকেটে খুচরো কয়েকটা টাকা পুরে দিয়ে বললেন, “হোটেল থেকে নাস্তা করে নিও।” আমি তাঁর দিকে জল টলমল চোখে তাকিয়ে বিদায় নিয়ে চলে এলাম।
আত্মদীপ
আধ্যাত্মিক জগতে ঢুকে পড়ার পেছনে আমার এক ধরণের লোভ কাজ করত—অলৌকিকতার লোভ। শুনেছি, রাবেয়া বসরী বাতাসে ভেসে জায়নামাজে নামাজ পড়তেন, শাহজালাল নদী পার হতেন জায়নামাজ বিছিয়ে, খাজা বাবা আনা সাগরের পানি বদনায় ভরেছিলেন, বড়পীর আব্দুল কাদির জিলানী মৃতকে জীবিত করতে পারতেন, আর রাসুল (সা.) আকাশভ্রমণ করেছিলেন। লোকমুখে আরও বহু কাহিনি শুনেছি, যেখানে সাধকের ফুঁয়ে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যেত।
এই গল্পগুলো কল্পনার মতো লাগলেও আমি মনেপ্রাণে বিশ্বাস করেছিলাম। কিন্তু ইদানীং এই অলৌকিক কাহিনিগুলো নিয়ে মনে খচখচানি শুরু হয়েছে। গল্পগুলো কেন যেনো অবিশ্বাস্য মনে হচ্ছে। আসলে আমি নিজ চোখে এমন কাউকে কখনো দেখিনি, যিনি সত্যিই আকাশে উড়েছেন বা মৃতকে জীবিত করেছেন। বরং আমি দেখেছি—যিনি ঝাড়ফুঁক দিয়ে মানুষের রোগ ভালো করার আশ্বাস দেন, তিনিই আবার অসুস্থ হলে হসপিটালে যান!
কাজেকর্মে যেখানে যে অবস্থাতেই থাকি, ভাবনাগুলো আমার মস্তিষ্ক থেকে দূর হয় না। আমার মনপাখি আমাকে প্রশ্ন করে— যদি তাঁরা আকাশে উড়ার চেষ্টার বদলে উড়ার প্রযুক্তি আবিষ্কার করতেন, জলে ভেসে না থেকে জাহাজ নির্মাণ করতেন, ঝাড়ফুঁকের বদলে চিকিৎসাবিজ্ঞানের উন্নয়নে আত্মনিয়োগ করতেন, তাহলে মানবজাতির কত উপকার হতো! অলৌকিকতার বদলে যদি তারা বৈজ্ঞানিক চিন্তা নিয়ে বাস্তবের সমস্যার সমাধান করতেন, তাহলে সেটাই কি প্রকৃত মহৎ সাধনা হতো না?
এইসব প্রশ্নের উত্তর খুঁজে পাই না। কাকে জিজ্ঞেস করবো তাও জানি না। ভয় হয়— যদি কেউ এই প্রশ্ন শুনে আমাকে নাস্তিক বলে আক্রমণ করে? যদি চিন্তার বদলে ঘৃণার ঢেউ উঠে? তবু প্রশ্নটা রয়ে যায়— মানবকল্যাণে কে সত্যিকারে বেশি অবদান রাখেন? আধ্যাত্মিক সাধক? নাকি বৈজ্ঞানিক গবেষক?
আমার গুরুদেব তো আধ্যাত্মিক সাধক। তাঁকে এই প্রশ্ন করা যেতে পারে। উনি নিঃসন্দেহে সঠিক উত্তর দিবেন। উনার কাছে অলৌকিক শক্তি বলে কোনোকিছু থাকলে, নিশ্চয়ই তা আমাকে দান করবেন। আজকাল আমার মস্তিষ্কে আরেকটা বোজা চেপে বসেছে—গুরুর বোঝা। আমার গুরুদেবকে কোনোভাবেই আমার মাথা থেকে নামাতে পারি না। মনে যেকোনো প্রশ্নের উদয় হলে, উনার প্রতিচ্ছবি চোখের তাঁরায় ভেসে ওঠে। আমার দেহটা পড়ে থাকে কাজে বা অন্য কোথাও, মনটা পড়ে থাকে গুরুদেবের অভয় চরণে। প্রতিদিন দিন গুনি—শুক্রবার আসতে আর কত দিন? শুক্রবার সাপ্তাহিক ছুটি। ছুটির দিনটা গুরুদেবের সঙ্গেই উদযাপন করতে ভালো লাগে।
বৃহস্পতিবার, দিবাগত রাত। সারাদিন ডিউটি করে রাতেই চলে এসেছি গুরুদেবের দরবারে। গুরুদেব মোমের প্রদীপ জ্বালিয়ে ধ্যানমগ্ন ভঙ্গিতে গাঁজা সেবন করছিলেন, একাকী। আশেপাশে নিস্তব্ধতা, শুধু ধোঁয়ার হালকা গন্ধ আর প্রদীপের ক্ষীণ আলো। আমি পাশে গিয়ে দাঁড়ালাম। গুরুদেব মিষ্টি হাসি দিয়ে কাপড়চোপড় পাল্টিয়ে ফ্রেশ হয়ে আসতে বললেন। আমি একটা ছেঁড়া লুঙ্গি নিয়ে সোজা পুকুর থেকে গোসল করে আসলাম। হাঁড়ির তলায় কিছু পোড়া ভাত ছিলো, লবণ, পানি ও কাঁচামরিচ দিয়ে খেয়ে পেটের আগুন নেবালাম। তারপর গুরুদেবের পাশে গিয়ে বসলাম। অনেক্ক্ষণ পর জিজ্ঞেস করলাম, “আচ্ছা সাঁইজি, তুমি তো আধ্যাত্মিক মানুষ, তোমার কাছে কি অলৌকিক ক্ষমতা আছে? তুমি কি ফুঁ দিয়ে মানুষের রোগ ভালো করতে পারো? জায়নামাজ বিছিয়ে নদী পাড়ি দিতে পারো?”
গুরুদেব বললেন, “তোকে কে বলছে আধ্যাত্মিক মানুষ হলেই তাঁর কাছে এসব তথাকথিত অলৌকিক ক্ষমতা থাকতে হবে? আধ্যত্মিক মানুষ হওয়া মানে অলৌকিক ক্ষমতা হাসিল করা না। আধ্যাত্মিক মানুষ হওয়া মানে আত্মজ্ঞানী হওয়া। একজন আত্মজ্ঞানী মানুষ রূপকথার গল্পকে বাস্তব বলে কখনোই বিশ্বাস করেন না। এই গল্পগুলো অতিভক্তি দেখানো লোকদের জনশ্রুতি। বাস্তবে এসব হয় না। আত্মজ্ঞান লাভ করো, দেখবে এই বিষয়গুলো একদম ভূয়া গল্প।”
গুরুদেবের কথা শুনে আমি অবাক হলাম। দারুণ তাঁর কথাবার্তা। আমার উপলব্ধির সঙ্গে একদম মিলে গেছে! কিন্তু, আমাকে আত্মজ্ঞান সম্পর্কে জানতে হবে। আমাকে বুঝতে হবে আত্মজ্ঞানী ও বিজ্ঞানীর মধ্যে কে বেশি জ্ঞানী। আমি জানালা দিয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে বললাম,
“সাঁইজি, বিজ্ঞানী ও আত্মজ্ঞানীর মধ্যে পার্থক্য কী?”
গুরুদেব মুচকি হেসে নীরবে প্রদীপের দিকে তাকালেন। আমি তাঁর মুখের দিকে কৌতূহলী চোখে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর তিনি প্রদীপটি হাতে তুলে বললেন, “বিজ্ঞানী সেই ব্যক্তি, যে এই আলো মেপে বলে দিতে পারবেন এর উজ্জ্বলতা কত লুমেন, বাতাসে কতটুকু অক্সিজেন থাকলে এটি জ্বলবে, আর কতক্ষণ পর নিভে যাবে।”
আমি মাথা নাড়লাম। তিনি আবার বললেন,
“আর আত্মজ্ঞানী? সে এই প্রদীপের আলোয় নিজের মুখ দেখবে… আর ধীরে ধীরে উপলব্ধি করবে—আমি কে?”
আমি বিস্ময় নিয়ে আরেকটু এগিয়ে বসলাম। গুরুদেবের চোখে তখন যেন অন্য এক আলো। তিনি বললেন, “বিজ্ঞানী অনুসন্ধান করে জগতের বাইরে,আর আত্মজ্ঞানী খোঁজে নিজের ভিতরে।
বিজ্ঞানীর সত্য নির্ভর করে পরীক্ষার ওপর, আর আত্মজ্ঞানীর সত্য অনুভূতির ওপর। একটির মাপকাঠি মস্তিষ্ক, আরেকটির হৃদয়।”
আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম,
“তবে কি বিজ্ঞানীরা সত্য খুঁজে পান না?”
গুরুদেব প্রদীপের শিখার দিকে আঙুল তুলে বললেন, “সত্য খুঁজে পান, তবে সে সত্য সময়ের সঙ্গে রূপ বদলায়। আজ যা সত্য বলে ধরা হয়, কাল সেটিই ভ্রান্ত প্রমাণিত হতে পারে। কিন্তু আত্মজ্ঞানীর সত্য চিরন্তন। একবার উপলব্ধি করলে তা আর বদলায় না—কারণ তা অস্তিত্বের অন্তঃস্থ কেন্দ্র থেকে উদ্ভূত।”
আমি আবার প্রশ্ন করলাম, “তবে তাঁদের মধ্যে কে শ্রেষ্ঠ?” বিজ্ঞানীরা তো মানবজাতির কল্যানে অনেকদূর এগিয়ে, আত্মজ্ঞানীরা কোথায়?”
গুরুদেব মৃদু হেসে আমার কাঁধে হাত রাখলেন। তারপর বললেন, “শ্রেষ্ঠত্ব কেবল তুলনায় নয়, উপলব্ধিতে। বিজ্ঞানী যদি আত্মজ্ঞান লাভ করেন, তবে তিনি নিজেকে আলোকিত করতে পারেন। কিন্তু আত্মজ্ঞানী যদি বিজ্ঞানের জ্ঞান অর্জন করেন, তবে তিনি গোটা বিশ্বকে আলোকিত করতে পারেন!”
আমি প্রদীপের দিকে তাকিয়ে রইলাম। সেই আলোর ভেতরে আমি গুরুদেবের এক আশ্চর্য প্রতিচ্ছবি দেখলাম—যিনি আত্মজ্ঞানী, তিনি আবার একজন বিজ্ঞানীও! আমার দৃষ্টিতে বিস্ময় দেখে গুরুদেব ঠোঁটের কোণে এক মৃদু হাসি এনে বললেন, “আত্মজ্ঞানী হতে চাও? তবে প্রথমেই আত্মদীপ জ্বালিয়ে দাও।”
কর্মই উপাসনা
দুমুঠো ভাত, লজ্জা ঢাকার জন্য কিছু পোশাকআশাক আর এই শহরে শুধু থেকে যাবার জন্য অবিরাম পরিশ্রম করে যাচ্ছি…। ভোরের আলো ফোটার আগেই ঘুম ভাঙে, আবার গভীর রাতে ফিরে আসি ক্লান্ত দেহ নিয়ে। কর্মস্থলে বৈষম্যের গ্লানি পিছু ছাড়ছে না। এমনও হচ্ছে— কাজ করি আমি, কৃতিত্ব নেয় অন্যে, অথচ আমি বোকার মতো নির্বাক থাকি। মাঝেমধ্যে মনে হয়— বুঝি কর্ম শুধু ক্লান্তি দেয়, মুক্তি দেয় না।
চৈত্রের দাহনদগ্ধ দুপুর। রৌদ্রের উত্তাপ মাথায় নিয়েই চলে এলাম গুরুদেবের আশ্রমে। গুরুদেবকে খুঁজে পেলাম নির্জন আশ্রমের সামনে বটগাছের ছায়ায়। তিনি একাকী বসে ডুগডুগির তাল-ছন্দে এক আদিমযুগের বাউলগান গাইছিলেন— “যত কাজ করি জগতে, ততই পাই তারে…
চোখের পলকে হারায় সে, হৃদে থেকে যায়-ফেরে…”
আমি নিঃশব্দে গিয়ে তাঁর পাশে গিয়ে দাঁড়ালাম। গান থামিয়ে তিনি স্নেহভরে জিজ্ঞেস করলেন, “কেমন আছো বাপ?”
আমি কেমন আছি সে প্রসঙ্গে কিছু না বলে সরাসরি বললাম, “সাঁইজি, কোন পথটা আমার জন্য শ্রেষ্ঠ? জ্ঞান, ভক্তি না কর্ম? আমি তো তিনটাকেই একসাথে ধারণ করতে পারছি না।”
গুরুদেব হেসে বললেন, “এখানে বসো, আমি একটু আসছি।”
তিনি উঠে গেলেন মন্দিরের পেছনে পুকুরের দিকে। আমি বসে রইলাম। সময় গড়াতে লাগল, কিন্তু তিনি ফিরলেন না। শেষমেশ আমি নিজেই এগিয়ে গেলাম। গিয়ে দেখি—পুকুরে জমে থাকা নোংরা আবর্জনা পরিষ্কার করছেন! আমি বিস্ময়ে বললাম, “সাঁইজি! তুমি কেন এই কাজ করছ? বললেই তো আমি করতাম। আমার উপর রাগ করেছো? আমি কি তোমাকে বিরক্ত করেছি? আমি যদি তোমাকে বিরক্ত করে না থাকি, তাহলে কেন তুমি আমার সাথে এমন করলে? আমি তোমার এই আচরনে অনেক কষ্ট পেলাম।”
তিনি মাথা নাড়লেন, তারপর গভীর কণ্ঠে বললেন, “তুমি মুক্তি খুঁজছো, কিন্তু বোঝো না যে মুক্তি কোনো গুহার ধ্যান নয়, পাহাড়ের তপস্যা নয়—মুক্তি আছে এই কর্মেই। কর্ম যদি নিঃস্বার্থ হয়, যদি ভালোবাসা দিয়ে করা হয়, তবে সেটাই সবচেয়ে বড় উপাসনা। পুকুর পরিষ্কার করছি, কারণ আমি এই জগৎকে ভালোবাসি। আর ভালোবাসা থেকে করা প্রতিটি কাজই ঈশ্বরের পুজো হয়ে যায়। আর তুমি আমার আচরনে কষ্ট পেয়েছ, এটা শুভ লক্ষণ। ভক্তকে জ্বালিয়ে পুড়িয়ে খাঁটি করাই গুরুর কাজ।”
আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলাম। সত্যিই তো, তিনি কাদার মধ্যে দাঁড়িয়ে, কিন্তু তাঁর মুখে এমন এক পবিত্র দীপ্তি, যেন এই নোংরা জলের মধ্যেই ফুটে উঠেছে কোনো গোপন তীর্থ! আমি আবার জিজ্ঞেস করলাম, “কিন্তু সাঁইজি, তুমি নিঃস্বার্থ কর্মের কথা বলেছো; সত্যিই নিঃস্বার্থ কর্ম বলে কিছু হয়। যে কর্মের ফলাফল নাই, সে কর্ম কে করে? ফলাফলের আশা না করে কাজ করা কি বোকামি নয়? আমরা তো স্বভাবতই চাই—প্রতিদান, স্বীকৃতি এবং সাফল্য।”
গুরুদেব একরকম গুনগুন করে বললেন, “সেই শিশুর কথা ভাবো, যে বাগানে গাছ লাগায়। সে জানে না গাছে কখন ফুল ফুটবে, বা আদৌ ফুটবে কিনা। তবু সে জল দেয়, আগাছা পরিষ্কার করে। কারণ সে ভালোবাসে। কর্মও তাই—ভালোবাসা থেকে করলে, তার ফল নিয়ে ভাবার দরকার পড়ে না।”
আমি তখনো পুকুরপাড়ে দাঁড়িয়ে ছিলাম, আর গুরুদেব পুকুরের ময়লা পরিস্কার করতে-করতে আমার সঙ্গে কথা বলতেছিলেন। বিষয়টা আমার ভালো লাগেনি। আমি ঝাপিয়ে পুকুরে নেমে গেলাম। চৈত্রের সূর্য মাথার ওপর, অথচ মনে হচ্ছিল পুকুরের শীতলতা যেন আমার অন্তরকে ধুয়ে দিচ্ছে। পুকুরের জলে গা ডুবিয়ে আমি আরও জানতে চাইলাম, “আচ্ছা সাঁইজি, কর্মে এত বৈচিত্র্য কেন? কেউ রাষ্ট্র চালায়, কেউ রাস্তায় ঝাড়ু দেয়। কারও গায়ে রাজকীয় পোশাক, কারও গায়ে ছেঁড়া। তাহলে বলো তো—এই বৈপরীত্য কি পূর্বনির্ধারিত?”
গুরুদেব এবার একটু কঠিনভাবে বললেন, “তুমি ‘কার কী কাজ’ দেখছো, আমি ‘কার কীর্তি’ দেখি? যে রাষ্ট্র চালায়, সে যদি অহংকারী হয়, তবে সে নিজের পাপ বাড়ায়। আর যে রাস্তায় ঝাড়ু দেয়, সে যদি তা করে ভালোবাসা দিয়ে, তবে সে একজন উপাসক। কর্মে ছোট-বড় কিছু নেই। মেথর যদি একমাস শহর পরিষ্কার না করে, তবে রাজা কীভাবে রাজত্ব করবে, বলো?”
তিনি থামলেন, আমি চুপ করে তাঁর মুখের দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল, এই লোকটা কেবল গুরুই নন—তিনি কর্মবীর, যিনি কর্মের মাঝেই ঈশ্বরকে আবিষ্কার করে নিয়েছেন! তাঁর কথাগুলো আমার হৃদয়ে যেন বজ্রপাতের মতো সত্য আঘাত করল! আমার মনপাখি বলে উঠল—কর্মই উপাসনা, সেবাই মুক্তি।
পুকুরের কর্দমাক্ত জলে দাঁড়িয়ে আমি যেন আমার জীবনচক্রের পথ খুঁজে পেলাম! আমি পুকুর থেকে উঠে গুরুদেবের জন্য লুঙ্গি ও গামছা আনতে আশ্রমের ভেতরে গেলাম, এসে দেখি গুরুদেব গুণগুণ করে গাইতেছেন, “যে কর্মে আছে সৎপথের সাধনা, সেই কর্মই তো সত্য আর ধ্যানে পূর্ণ প্রার্থনা।”
গুরুদেব ভেজা কাপড়চোপড় পাল্টালেন। আমিও পাল্টালাম। তারপর আশ্রমের ভেতর বসে তামাক সাজাতে-সাজাতে বললেন, “জ্ঞান, ভক্তি ও কর্ম—এই ত্রয়ীকে একসাথে গ্রহণ করতে না পারলে, জাগতিক দুঃখ থেকে মুক্তি লাভ একপ্রকার অসম্ভব। এই তিনটি পথকে একই সঙ্গে ধারণ করার ক্ষমতা, ইচ্ছা আর ধৈর্য্য না থাকলে, তোমার জন্য আরেকটি পথ খোলা আছে—পাগলের পথ। পাগলের কাছে জ্ঞান, ভক্তি কিংবা কর্ম—এর কোনোটিই বাধ্যতামূলক নয়। সে কাউকে প্রমাণ দিতে চায় না, কোন দায় বহন করে না, কোন শাস্ত্র মানে না। সে মুক্ত, কারণ সে বাধ্য নয়। আর যে বাধ্য নয়, সেই তো প্রকৃত অর্থে স্বাধীন। আর স্বাধীনতাই মুক্তি।”
প্রেম: মহাজাগতিক স্রোত
ঘরবাড়ি নেই, বাবা-মা ও আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন। এই শহরের এক কোণায়, বস্তির ছোট্ট একটি রুমে একা থাকি। পেটের দায়ে একটি হোটেলে থালাবাটি ধোয়ার কাজ করি। যা বেতন পাই, তা দিয়ে মাসের শেষে বাসাভাড়া আর সামান্য খরচাপাতি মেটাই। কোনো বড় স্বপ্ন নেই, বরং অবসরে উদ্দেশ্যহীন পথ হাঁটি; শহরের কোলাহলে নিজেকে হারিয়ে ফেলি। কখনো-কখনো চলে যাই গুরুদেবের আশ্রমে, শুনি তাঁর কাছে বসে কিছু জীবনজিজ্ঞাসার উত্তর। এমন বাউণ্ডুলে জীবনে ভালোবাসা কেবল কল্পনার মতো মনে হয়। তাই কোনো নারীর চোখে চোখ রাখা হয় না, কোনো সম্পর্কের সম্ভাবনাকে আহ্বান জানাতে পারি না। তবু, এমন একদিন আসে, যখন প্রেম নিজেই পথ চিনে আমার সামনে এসে দাঁড়ায়!
শহর থেকে গুরুদেবের আশ্রমে যাওয়ার পথে, শুরুতেই ছিলো একটি পুরনো হিন্দু বাড়ি। বাড়ির সামনেই একটি ছোট্ট মন্দির—‘শ্রীঁশ্রীঁ গৌড় বিগ্রহ নিতাই মন্দির’। সেখানে তুলসী নামের একটি মেয়েকে প্রায়ই পূজা দিতে দেখতাম। চুপচাপ, নরম চোখে, স্নিগ্ধ আচরণে পূজা করত সে। প্রথম যেদিন ওর সঙ্গে চোখাচোখি হলো, সেদিন সে লজ্জা পেয়েছিল। আর আমি থেমে গিয়েছিলাম সেই লজ্জার আলোয়। মনে হলো, যেন বহুদিনের চেনা একজন; কেন জানি ওকে দেখেই বুকের ভেতর ভালোবাসার কুয়াশা জমে উঠল। কিন্তু মনে-মনে বলি, “তুলসী, তুমি যদি জানতে পারো আমি কে, কোথায় থাকি, কী করি—তাহলে কখনও আর এভাবে আমার দিকে তাকাবে না। অথচ আমার মন তোমার দিকেই হাঁটে বারবার।”
একদিন বিকেলে গুরুদেবের আশ্রমে যাচ্ছিলাম। মনে হচ্ছিল—আজকেও তুলসীর দেখা পাবো। এবং ঠিকই, ওর দেখা পেলাম! ও সেদিন লালপেড়ে সাদা শাড়ি পরেছিল। খোলা চুলে রোদ পড়েছিল গভীরভাবে। দূর থেকে দেখে মনে হলো—এ যেন মর্ত্যে নেমে আসা কোনো দেবী।
আমি চুপচাপ তাকিয়ে থাকলাম তুলসীর দিকে। হঠাৎ ও এগিয়ে এসে বলল, “দাদা, তোমার বাড়ি কোথায়? তুমি রোজ এ পথে আসো কেন?”
আমি অবাক হয়ে শুধু বললাম, “এমনিতেই আসি।”
তুলসী একটু থেমে বলল, “তুমি আমার দাদার মতো দেখতে! আমার দাদা গতবছর সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তুমি যদি কখনো ক্ষুধার্ত হও, আমাদের বাড়িতে অন্ন সেবা নিয়ে যেও। মন্দিরের পাশেই বাড়ি।”
ওর কথা শুনে বুকের ভেতর কেঁপে উঠলো! আমি কী ভেবেছিলাম আর ও কী বলল! আমি ওকে জীবনসঙ্গিনী ভাবি, প্রেমিকা মনে করি, আমার আরাধ্য দেবি হিসেবে দেখি, আর ও কি-না আমাকে ওর মৃত দাদার প্রতিচ্ছবি হিসেবে দেখে! চোখের কোণে জল এসে পড়ে। তুলসী কাছে এসে ওর শাড়ির আঁচল দিয়ে আমার চোখের জল মুছে দিয়ে বলল, “আসো না, একটু ভেতরে আসো।”
আমি বললাম, “আজ না, অন্যদিন।”
তারপর দ্রুত পায়ে হেঁটে চললাম গুরুদেবের আশ্রমের দিকে। গিয়ে দেখি গুরুদেব গাছের শুকনো পাতা কুড়োচ্ছেন। আমি শহর থেকে এক পুটলি গাঁজা নিয়ে গিয়েছিলাম, সেটা তাঁকে দিলাম। গুরুদেব খুশি হলেন। কিন্তু আমার মুখে কোনো রং নেই দেখে তিনি চোখ মেলে বললেন,
“কি রে আব্বা, তোর মন ত নিস্প্রাণ! কী হইছে?”
আমি বললাম, “সাঁইজি, আমি এক মেয়েকে ভালোবেসে ফেলেছি। কিন্তু সে আমাকে যে চোখে দেখে, তাতে আর ভালোবাসার কোনো মানে থাকে না। শুরুতেই সব শেষ হয়ে গেল।”
গুরুদেব কথা না বাড়িয়ে একগুচ্ছ শুকনো পাতা বাতাসে ছড়িয়ে দিলেন। পাতাগুলো ভেসে গিয়ে মাটিতে পড়লো। তারপর বললেন, “এই পাতাগুলো কি গাছকে দোষ দেয়, যে তাদের ধরে রাখতে পারেনি?”
আমি বললাম, “না, সাঁইজি, গাছ তো চায় না পাতা ঝরে যাক। কিন্তু ঋতু বদলায়, পাতা পড়ে যায়—এটাই নিয়ম।”
গুরুদেব হেসে বললেন, “তুই বুঝলি তো! প্রেমও এক ঋতু, বাপ। যদি তোরা সত্যিকারে ভালোবাসিস, তাহলে সেই ভালোবাসার পরিণতি কী হবে তা ভাবিস না। প্রেম কিছু চায় না, কিছু দাবি করে না। প্রেম শুধু নিজস্ব প্রবাহে বয়ে যায়—বিলীন হতে-হতে নতুন করে জন্ম নেয়।”
আমি ধীরে-ধীরে বুঝতে লাগলাম—প্রেম মানে কারো সঙ্গে থাকা নয়, বরং কারো জন্য নিজেকে নিঃশেষ করে দেওয়ার প্রস্তুতি। আবারও প্রশ্ন করলাম, “সাঁইজি, তবে সত্যিকারের প্রেম কাকে বলে?”
তিনি বললেন, “যে প্রেম নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে অন্যের সাড়া খোঁজে, সেটি প্রেম নয়—সেটি চাহিদা। প্রেম এমন কিছু, যা দিয়ে যাওয়ার জন্য। যার কোনো গন্তব্য নেই, কেবল প্রবাহ আছে।”
আমি আরও জানতে চাইলাম, “তবে কি প্রেম কেবল একজন মানুষের প্রতি হয়? নাকি এর বিস্তার আরও বড়?”
গুরুদেব বললেন, “প্রেমের প্রকৃতি মহাজাগতিক। প্রথমে তা ব্যক্তিগতভাবে একজনের মধ্যে উদ্ভূত হয়, তারপর ধীরে-ধীরে সমস্ত অস্তিত্বের দিকে প্রসারিত হয়। প্রকৃতি, প্রাণী, মানুষ, দুঃখ, সুখ—সব কিছুকে আলিঙ্গন করতে শেখায় প্রেম। ঈশ্বরপ্রেমও এইরকম—নির্বিচার, নির্বিশেষ, নির্লোভ।”
গভীর এক নিরবতা চারপাশে নেমে এলো। আমার ভেতরে যেন এক নতুন ভোর জেগে উঠলো। তুলসী এখন আর কেবল একটি নাম নয়, একটি অনুভব; একটি উপলব্ধি—ভালোবাসা দেওয়া মানেই যে ভালোবাসা পাওয়া, এমন নয়। কারো চোখে জল মুছে দেওয়ার মধ্যেও এক স্বর্গীয় প্রশান্তি আছে।
গুরুদেবের সঙ্গে কথা শেষে চলে এলাম আশ্রমের পেছনের সেই পুরনো পুকুরপাড়ের আমগাছতলায়। পাতাগুলো পড়ে যাচ্ছে এক-এক করে, তবু গাছ দণ্ডায়মান। আমার ভেতরেও কিছু ঝরে গেছে—আকাঙ্ক্ষা, দাবি, অপরাধবোধ।
শুধু রয়ে গেছে—নিঃশর্ত, নিরব ও প্রবাহমান ভালোবাসা।
তুলসী এখন আমার কাছে একজন সুন্দরী নারী নয়, এক নাম নয়, সে এক প্রতিচ্ছবি—যাঁর চোখে আমি দেখেছি প্রিয়জনের স্মৃতি, যার আঁচলে পেয়েছি ঈশ্বরীর স্পর্শ! এখন আমি উপলব্ধি করতে পেরেছি— প্রেম কেবলমাত্র কারো হাতে হাত রাখা নয়, প্রেম মানে বাতাসে শুকনো পাতার মতো ভেসে থাকা, যেখানে পেয়েও শান্তি, হারিয়েও শান্তি!
আমি বুঝে গেছি— প্রেম মানে বাতাসে শুকনো পাতার মতো ভেসে থাকা, যেখানে পেয়েও শান্তি, হারিয়েও শান্তি। বোঝার পরেও আমার দুটি চোখ শুধু তুলসীকেই খোঁজে। তাঁকে দেখতে ইচ্ছে হয়। কথা হোক বা না হোক, দেখলেই শান্তি। প্রকৃত প্রেমের মানুষটিকে না দেখলেও যে শান্তি, সেটা আমি কেন পাইনা? এই প্রশ্ন সামনে এলেই আমার বিবেক বলে ওঠে—নিশ্চয়ই তোমার প্রেম এখনও পরিপক্ব হয়নি! এতে আমি লজ্জিত হই। তারপর নিজেকে শাসন করি। গুরুদেবের আশ্রমে আসা-যাওয়ার পথে আমার অবুঝ মন শুধু তুলসীকেই খোঁজে!
বৃহস্পতিবার। কর্মদিবসের ক্লান্তি তখনও শরীরে লেগে আছে, তবু মন ঠিক যেন আগেই হালকা হয়ে গেছে। শুক্রবার সাপ্তাহিক ছুটি। অফিস সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। তবে বৃহস্পতিবার বিকেলের পর থেকেই আমার প্রাণ খুলে যায়। কারণ, এই দিনেই প্রতি সপ্তাহে আমি বেরিয়ে পড়ি—আমার গুরুদেবের আশ্রয়ে, তাঁর সান্নিধ্যে এক রাত কাটাতে। শুক্রবার তাঁর আশ্রমে কাটে আমার একান্ত সময়, আর শনিবার ভোর হতেই ফিরে আসি কর্মক্ষেত্রে। এই রীতি শুরু হয়েছে কয়েকমাস ধরে। আজও তার ব্যত্যয় হলো না।
বিকেল গড়িয়ে এসেছে। সূর্য পশ্চিমাকাশে হেলে পড়ছে, আলো আর ছায়ার খেলা ছায়াপথের মতো বয়ে যাচ্ছে শহরের গায়ে। আমি চলেছি আশ্রমের পথে, পশ্চিমদিকেই। হাতে গুরুদেবের পছন্দের কিছু খাবার—সাদা সন্দেশ, নারকেলের লাড্ডু, আর তেঁতুল ও জলপাইয়ের আচার, যেটা তিনি চেটেপুটে খান। রোদের তাপ আমার কপালে পড়ছে, ঘামে ভিজে গেছে পুরো শরীর। তবুও এই যাত্রাপথে কোনো ক্লান্তি নেই। কারণ, গন্তব্য হলো আনন্দধাম—আমার গুরুদেবের আশ্রম। সেখানে গেলে মনে হয়, সমস্ত ক্লান্তি ধুয়ে যায়, মনে এক অনির্বচনীয় প্রশান্তি নামে।
পথে শ্রীঁশ্রীঁ গৌড় বিগ্রহ নিতাই মন্দিরে একবার ঢুঁ মারলাম। তুলসীকে খুঁজে পেলাম না। হয়তো অন্য কোথাও ব্যস্ত। মনে কোনো খেদ জাগলো না। মনের ভেতর এক শান্ত স্রোত বইছে, আমি হাঁটছি।
আশ্রমের কাছাকাছি পৌঁছে গেলাম। দূর থেকেই চোখে পড়লো দৃশ্যটি। গুরুদেব আসন পেতে বসে আছেন, আর তাঁর সামনে বসে আছেন এক রূপসী নারী। এমন রূপবতী নারী আমি আগে কখনো দেখিনি। যেন কল্পনার মধ্যকার কোনো চরিত্র হঠাৎ করেই বাস্তবের রঙে আঁকা হয়ে গেছে। রেশমি কালো চুল কোমর অবধি ছুঁয়ে গেছে, পরনে লালপেড়ে সাদা শাড়ি, হাতে শাখা, কপালে লাল টিপ, চোখে গভীরতা, আর মুখে এমন এক ভক্তির আভা যা চোখ সরাতে দেয় না। আমি গিয়ে গুরুদেবের পাশে বসতেই, নারীটি গুরুদেবকে সাষ্টাঙ্গ প্রণাম করে বললেন, “সাঁইজি, আজ তাহলে আসি। আপনার কৃপা হলে আবার আসবো।”
গুরুদেব স্নেহভরে তাঁর মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। নারীটি উঠলেন। আমি তাকিয়েই আছি তাঁর দিকে। তাঁর শরীরের ছন্দ, তার হেঁটে যাওয়ার ভঙ্গি—এক সুষমা আর রহস্যে পরিপূর্ণ। মনে হলো, কামনা নয়, যেন শিল্পকে দেখছি! আবার মনে হলো—কামনাই তো একপ্রকার শিল্প, যদি তা চোখ দিয়ে হৃদয়ে পৌঁছায়। তাঁর চলে যাওয়ার পরও আমার চোখ সেই পথেই নিবদ্ধ। নারীটি চলে গেছেন, কিন্তু আমার মন তাঁর শরীরের ভাঁজে-ভাঁজে এখনও এক্কাদোক্কা খেলছে। গুরুদেব হয়তো সব বুঝলেন। কিন্তু, কিছু বললেন না। নারীটি চলে গেছে, কিন্তু আমার কামনার আয়নায় এখনও তাঁকে স্পষ্টত দেখতে পাচ্ছি। আমার কামনার আয়না ভেঙেচুরে গুরুদেব নরম গলায় বললেন, “কাম আগুন এক মহাশক্তি—যদি তা চেতনায় রূপান্তরিত না হয়, তবে তা আত্মাকে ভস্ম করে; আর যদি রূপান্তরিত হয়, তবে তা পরম সত্যের দ্বারে পৌঁছায়।”
আমি চমকে উঠলাম। লজ্জায় মাথা নিচু করে ফেললাম। এতখানি নগ্নভাবে ধরা পড়েছি গুরুদেবের সামনে! অথচ তিনি শান্ত। কোমল। আশ্রয়দাতা। গুরুদেব অভয় দিয়ে বললেন, “গুরু ত ভক্তের ভগবান, ভগবানের কাছে লজ্জাশরম থাকতে নেই।”
আমি চোখ তুলে তাকালাম। সাহস করে প্রশ্ন করলাম, “সাঁইজি, সাধকের সাধনার পথে কাম কি বাঁধা? সাধককে কি কাম থেকে মুক্তির সাধনাও করতে হয়?”
গুরুদেব তাঁর ব্যাগে রাখা একটা পুটলি খুললেন, গাঁজার পুটলি। সেখান থেকে দুটো বীজ বের করলেন। একহাতে ধরে দু’আঙুলে ঘষতে-ঘষতে বললেন, “এই বীজের মতোই কামশক্তিও এক সম্ভাবনার ধারক। ভোগে ফেললে এটি আগুনে পুড়ে যাবে, পচে যাবে, নষ্ট হবে। কিন্তু যদি এটিকে সঠিকভাবে লালন করো, তবে এটি বৃক্ষে পরিণত হবে, এক মহাজাগতিক প্রক্রিয়ার অংশ হবে।”
আমি স্তব্ধ হয়ে শুনছি। তিনি আবার বললেন,
“যখন দুটি আত্মা এক হয়, তখন তা কেবল শরীর নয়—এটি এক আধ্যাত্মিক মিলন। যদি কামশক্তিকে শুদ্ধ প্রেম, শ্রদ্ধা আর আত্মিক সংযোগের মাধ্যমে রূপান্তর করো, তবে তা অপার শক্তি হয়ে ওঠে। এই শক্তিই তোমাকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যেতে পারে।”
আমি যেন ধীরে-ধীরে এক নবজাগরণে প্রবেশ করছি! প্রশ্ন জাগে, জিজ্ঞেস করি, “কীভাবে এই শক্তিকে শুদ্ধ করবো, সাঁইজি?”
গুরুদেব একটু হেসে বললেন, “প্রথমত, কামনাকে কেবল শরীরের খেলা মনে করো না। প্রতিবার যখন কামনা আসে, সেটিকে ভেতরের দিকে প্রবাহিত করো। ভালোবাসা, স্নেহ, করুণা দিয়ে একে শুদ্ধ করো। প্রতিটি শ্বাসে বিশুদ্ধ শক্তিকে গ্রহণ করো। মনে মনে ভাবো—এই শক্তিই তোমার ঊর্ধ্বগমন।”
তারপর চোখ বন্ধ করে বললেন, “যদি কামশক্তিকে ভোগের মধ্যে আটকে রাখো, সে তোমাকে দাস বানাবে। কিন্তু এটিকে যদি সৃষ্টির শক্তি হিসেবে নাও, তাহলে সে তোমার আত্মাকে পূর্ণতা দেবে।”
জীবনে এই শক্তির বহু অপচয় করেছি। সে কথা মনে পড়তেই আমার চোখ ছলছল করে উঠলো। আমি কতই না নিজের ক্ষতি করেছি! কণ্ঠ জড়িয়ে এলো। গুরুদেবকে শুধু বললাম,
“সাঁইজি, আমি বুঝতে পারছি—কামশক্তি শুধু ভোগ নয়, এটা এক শক্তি, যা মুক্তির পথ দেখায়।”
গুরুদেব মাথা নেড়ে বললেন, “হ্যাঁ, বাপ। এই শক্তিকে সঠিক পথে প্রবাহিত করতে শেখো।”
সেই রাতে, আমাদের মধ্যে আরও অনেক কথা হলো। পরদিন আশ্রমের প্রতিটা গাছের গোড়ায় জল ঢেলে, আগাছা পরিষ্কার করে, গুরুদেবের কাপড়চোপড় ধুয়ে কেটে গেল। গুরুদেব আমার পাশেই থাকলেন সবসময়। কথাবার্তাও হলো অনেক। দিনের আলো থেকে রাতের গভীর অন্ধকার—সব মিলিয়ে এক পরিপূর্ণ সাধুসঙ্গ হলো। ভোরবেলা গুরুদেবের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতেছিলাম। পেছন থেকে গুরুদেব বললেন, “গতকাল যে নারীটিকে দেখলি, সে আমার সহধর্মিণী, তোর মা।”
আমি থমকে গেলাম। বিস্ময়ে তাকিয়ে রইলাম গুরুদেবের মুখের দিকে। কিছু বলার ছিল না, শুধু একরাশ প্রশ্ন, একরাশ আলোড়ন নিয়ে ফিরে এলাম। ফিরে আসার পথে শুধু একটা কথাই বারবার মনে হচ্ছিল—ওমন সুন্দরী নারী এমন এক বৈরাগীর ঘর করে কী করে? আর গুরুদেবই বা কেন সংসার ছেড়ে এই নির্জন আশ্রমে পড়ে থাকেন?
বিয়ে: মুক্তির শপথ
বাবা-মা, চাচা-চাচি, খালা-খালু, ফুপা-ফুপু কিংবা আশপাশের প্রতিবেশীদের দাম্পত্যজীবন দেখে ছোটবেলা থেকেই আমার মনে একটা ধারণা গেঁথে গিয়েছিল—বিয়ে হলো একধরনের সামাজিক চুক্তি, যেখানে একজন নারী স্বেচ্ছায় নিজেকে পুরুষের অধীনে সমর্পণ করে, আর পুরুষ হয় সর্বেসর্বা। কর্তৃত্ব, নিয়ন্ত্রণ আর দায়িত্বের ভারে গড়া এই ব্যবস্থার বাইরে গিয়ে কিছু ভাবার সুযোগই আমার মধ্যে ছিল না।
কিন্তু যখন গুরুর সংসারের দিকে তাকালাম, সে ধারণা চূর্ণ হয়ে যেতে লাগল। তাঁরা দুজন—গুরুদেব আর গুরুমা—একেবারে বিপরীত মেরুর মানুষ। একজন নিঃশব্দ, স্থির জলধি; আরেকজন সজীব, ঝর্ণার মতো প্রাণময়। তবু তাদের জীবনে কোনো টানাপোড়েন নেই, নেই কোনো শাসন বা দখলের চেষ্টা। বরং আছে একধরনের স্বচ্ছতা, স্বাধীনতা, গভীর বোঝাপড়া। তাঁদের সংসার যেন ধ্যানের মতো—শান্ত, প্রশান্ত, অথচ উজ্জ্বল।
একদিন আমি বলেই ফেললাম, “সাঁইজি, বিয়ে তো এমন একপ্রকার চুক্তি, যেখানে দুটি মানুষ একে অপরকে নিয়ন্ত্রণ করে, শাসন করে নিজের মতো করে। কিন্তু আপনি আর গুরুমা তো একে অপরকে কোনোভাবে দমন করেন না! এটা কীভাবে সম্ভব?”
গুরুদেবের চোখে এক আশ্চর্য শান্তি। তিনি মৃদুস্বরে বললেন, “বিয়ে শুধুই চুক্তি নয়, এটি আত্মার মিলনের এক পথ। কিন্তু যদি এই পথটি শুরু হয় বোঝাপড়া আর সম্মান ছাড়া, তবে তা কেবল সীমাবদ্ধতা আর দ্বন্দ্বের জন্ম দেয়।”
আমি কিছুটা ধন্দে পড়ে বললাম, “বিয়ের আগেই যদি বোঝাপড়ার দরকার হয়, তাহলে সেটা সম্ভব কীভাবে? বিয়ের আগে তো সমাজ একসাথে থাকার সুযোগ দেয় না।”
গুরুদেব হালকা হেসে বললেন, “সমাজ অনেক নিয়ম বানিয়েছে, কিন্তু সত্যিকারের বোঝাপড়ার জন্য কখনোই মনকে আটকে রাখা উচিত নয়। আমি মনে করি, বিয়ের আগেই নারী-পুরুষের একসাথে কিছুদিন কাটানো উচিত—একই ছাদের নিচে, একই নিঃশ্বাসে, যেন তারা বুঝতে পারে তারা সত্যিই সারাজীবন একসাথে থাকতে পারবে কিনা। যদি বোঝে পারবে না, তাহলে সে সম্পর্ক না গড়াই ভালো। আর যদি তারা প্রজ্ঞাবান হয়, তাহলে তাঁরা হুটহাট বিয়ে করলে সমস্যা নেই, কারণ প্রজ্ঞাবানরা জানে—বিয়ে মানে একে অপরকে বন্দী করা নয়, বরং একে অপরের স্বাধীনতাকে সম্মান করে বাঁচতে দেওয়া।”
আমি চুপ করে গেলাম। মনে হচ্ছিল গুরুদেব যা বলছেন, তা যেমন সত্য, তেমনি বিপজ্জনকও। সমাজ কি এসব মেনে নেবে? আমি শুধু বললাম, “তাহলে বিয়ে নামক চুক্তিতে আবদ্ধ হবার আগে দীর্ঘ একটা পথ পাড়ি দিতে হবে, তাইনা?”
গুরুদেব মাথা নেড়ে বললেন, “হ্যাঁ, এটি একটি যাত্রা—যেখানে দুটি আত্মা একে অপরের মাধ্যমে আরও গভীর, আরও উঁচু এক আকাশে পৌঁছানোর চেষ্টা করে। যদি সেই যাত্রার শুরুতেই তারা নিজেদের খুলে না ধরে, তাহলে সেই পথ আর যাত্রা হয়ে থাকে না—থেকে যায় কেবল বোঝা, শেকল।”
আমি নিচু স্বরে বললাম, “এই পথ তো বিপদের!”
গুরুদেব হেসে বললেন, “তুমি যাকে বিপদ বলছ, সেটিই হয়তো আসলে মুক্তির পথ। যখন আমরা ভালোবাসার নামে কাউকে নিজের মতো গড়ে তুলতে চাই, তখন আমরা তার পূর্ণতাকে চুরি করি। কিন্তু যখন আমরা তাকে নিজের মতো বেড়ে উঠতে দিই, তখনই আমরা তাকে সত্যিকার ভালোবাসা দিই। বিয়ে তখন আর শাসনের জায়গা নয়, হয়ে ওঠে একে-অপরের পাশে দাঁড়ানোর এক পবিত্র সহযাত্রা।”
তাঁর কথা শুনে আমার মনে একপ্রকার আলোড়ন তৈরি হলো। মনে হচ্ছিল, ভিতরে কোথাও নতুন এক দরজা খুলছে। আমি গভীর দৃষ্টিতে তাঁর মুখের দিকে তাকিয়ে বললাম, “তাহলে, বিয়ে কি একটি স্বীকৃতি—যেখানে দুটি আত্মা একসঙ্গে মুক্তির শপথ নেয়?”
গুরুদেব হো হো করে হেসে উঠলেন, “ঠিক তাই। বিয়ে হলো এমন এক চুক্তি, যেখানে আমরা একে অপরের স্বাধীনতা, ভালোবাসা ও সম্মানকে চিরকালের জন্য মূল্য দেওয়ার শপথ করি।”
সেদিন প্রথমবারের মতো আমি বুঝলাম—বিয়ে মানে একে অপরকে দখল করা নয়, বরং একে অপরকে মুক্তি দেওয়া। একজন আরেকজনের জীবনে আলো হয়ে আসবে, আশ্রয় হয়ে থাকবে, কিন্তু বাঁধা হয়ে নয়। দাম্পত্য তখনই পূর্ণতা পায়, যখন সেই সম্পর্কে ভালোবাসার চেয়েও বড় হয়ে ওঠে বোঝাপড়া আর পারস্পরিক শ্রদ্ধা। তখনই সম্পর্ক হয় না শুধুই সামাজিক চুক্তি, হয়ে ওঠে আত্মার সহযাত্রা…।
সন্তানাদি: মহাজাগতিক পর্যটক
আমার গুরুদেব শুধু একজন জ্ঞানী বা আধ্যাত্মিক পুরুষ নন—তিনি ছিলেন এক চৈতন্য সত্তা। আমার জীবনে তাঁর উপস্থিতি ছিলো একান্ত, নিবিড় এবং প্রশান্তির সমাহার। তাঁর চোখে ছিলো সময়ের ওপার থেকে তাকিয়ে থাকা কোনো গূঢ় আলো। আমি তাঁকে শুধু একজন গুরু হিসেবে দেখিনি, দেখেছি এক বিশ্বচেতন সত্তা হিসেবে, যাঁর প্রতিটি বাক্যে, প্রতিটি স্তব্ধতায় ছিলো কোনো অজানা মহাবিশ্বের আভাস।
তাঁর জীবনে ছিলো দুই সন্তান—এক ছেলে ও এক মেয়ে। অথচ আমি কখনো তাঁকে তাঁদের নিয়ে উদ্বিগ্ন হতে দেখিনি। তিনি তাঁদের নিয়ে আলোচনা করতেন খুব স্বাভাবিক ভঙ্গিতে, যেন তারা কোনো দায় নয়, বরং স্বতন্ত্র আত্মা—যারা তাঁর আশ্রয়ে নয়, বরং তাঁর পাশে পাশে হাঁটার সুযোগ পেয়েছে কিছু সময়ের জন্য।
সন্তানাদি নিয়ে আমার চিন্তাভাবনা ছিলো ভিন্নরকম। আমার ভাবনা— সন্তানাদি মানে নিজের অস্তিত্বকে সময়ের গর্ভে বাঁচিয়ে রাখা। আমরা সন্তান জন্ম দিই সন্তানের ভেতর দিয়ে নিজেদের বাঁচিয়ে রাখার জন্য। যেন মৃত্যুতেই আমাদের অস্তিত্ব বিলীন হয়ে না-যায়। আমরা মারা যাবো জেনেও সন্তানাদি জন্ম দিই, কারণ এই নশ্বর পৃথিবীতে কিছু রেখে যেতে চাই। তাই একদিন গুরুদেবের সামনে নিজেকে আর আটকে রাখতে পারলাম না। সোজাসুজি জিজ্ঞেস করলাম, “সাঁইজি, মানুষ সন্তানসন্ততি জন্ম দেয় নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, কথা ঠিক কি-না?”
গুরুদেবের মুখে ভেসে উঠলো এক চেনা মুচকি হাসি—যেটা তাঁর প্রতিটি উত্তরের ভূমিকা হতো।
তিনি বললেন, “তুমি জানো, সন্তানরা আমাদের রক্তের ধারাবাহিকতা নয়, বরং তারা এক নতুন সম্ভাবনার বাহক। তারা আসে এই জগতে, বেড়ে ওঠে, কিছু আলো গ্রহণ করে আমাদের কাছ থেকে, তারপর তারা নিজের আকাশের দিকে উড়তে শুরু করে।”
আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলাম।
তারপর বললাম, “তাহলে কি আমাদের দায়িত্ব শুধুই তাঁদের ভালোবাসা আর সহানুভূতির পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দেওয়া?”
গুরুদেব গাছের ছায়ায় বসা অবস্থায় চোখ তুলে বললেন, “ঠিক তাই। দায়িত্ব মানে কখনোই নিয়ন্ত্রণ নয়। দায়িত্ব মানে সহযাত্রা। সন্তানেরা যেন নিজের সত্যের দিকে এগিয়ে যেতে পারে, নিজেদের আলোর খোঁজে চলতে পারে—সেই পথটা সহজ করে দেওয়াটাই বাবা-মায়ের প্রকৃত দায়িত্ব। কিন্তু যদি আমরা আমাদের স্বপ্ন, আমাদের ভয়, আমাদের অপূর্ণতাগুলো তাদের ওপর চাপিয়ে দিই—তাহলে তারা তাদের সত্যিকারের সত্তাকে চিনতেই পারবে না।”
আমি দ্বিধায় পড়ে বললাম, “তাহলে কি আমরা সন্তানের ভেতর দিয়ে নিজেদের বাঁচিয়ে রাখার জন্যই সন্তান জন্ম দিই, কথাটা অসত্য?”
এইবার গুরুদেব আঙুল তুললেন আশ্রমের পেছনের প্রাচীন বটগাছটার দিকে।
তিনি বললেন, “দেখো, এই গাছের শিকড় আছে গভীর মাটির নিচে, কিন্তু তার ডালপালা আকাশ ছুঁয়েছে। আমাদের শিকড় এই পৃথিবীতে, কিন্তু আমাদের ভাবনা, প্রেম, দৃষ্টিভঙ্গি শাখার মতো ছড়িয়ে পড়ে আগামী প্রজন্মে। মরেও বেঁচে থাকার কর্ম সন্তানাদি জন্ম দেওয়াতে নেই, বরং তা আছে আমাদের ভাবনার ধারায়, জনহিতকর কার্যের ছোঁয়ায়, আমাদের ভালোবাসার ছায়ায়। কিন্ত, অধিকাংশ মানুষ আমিত্বের ধোকায় পড়ে সন্তান গ্রহণ করে। হ্যাঁ, তারা সন্তানের ভেতর দিয়ে বেঁচে থাকতে চায়, কিন্তু বাঁচে না।”
আমি অবাক হয়ে তাঁর কথার গভীরে ডুবে গেলাম। একটানা তাকিয়ে থেকে বললাম, “তাহলে মরেও বেঁচে থাকার মাধ্যম রক্তের সেতু নয়। বরং এটি আমাদের চিন্তা ও অনুভবের সেই প্রবাহ, যা সময়ের সীমানা পেরিয়ে যায়।”
তিনি হেসে বললেন, “সন্তানরা চিরকাল আমাদের মতো হবে না, এটাই স্বাভাবিক। তারা তাদের নিজস্ব পথ খুঁজে নেবে। আমাদের কর্ম এটা নয় যে—আমরা তাদের ডানার নিচে হাওয়া দেবো, যেনো তারা আমাদের উড়ুক, বরং আমাদের সহযোগিতা করা উচিৎ এ-ই ভেবে, যেন তারা নিজেদের মতো উড়তে পারে।”
সেদিনের সেই কথোপকথন আমার ভেতরের একটা পুরনো বিশ্বাসের সলতে নাড়ালো। আমি বুঝতে পারলাম—সন্তান আমাদের প্রতিচ্ছবি নয়, বরং তারা পৃথক পথিক, এই মহাজাগতিক ভ্রমণে। তারা এসেছে, থাকবে, শিখবে, প্রশ্ন করবে, নিজের মতো করে বেছে নেবে নিজের পথ। তাদের ইচ্ছের উপর আমাদের ইচ্ছা-অনিচ্ছা চাপিয়ে দেওয়া শুধু তাদের নয়, আমাদের নিজেদের অস্তিত্বকেও সংকীর্ণ করে ফেলে।
অতএব, সন্তান জন্ম দিয়ে আমরা নিজেদের অমর করি না, বরং তাদের সঠিক পথে সহযাত্রী হয়ে আমরা চিরন্তন হয়ে উঠি। সন্তানরাও আমাদের মতোই একেকজন মহাজাগতিক পর্যটক—তাঁদের নিজের পথ, নিজের আকাশ, নিজের যাত্রা। আর আমরা? আমরা কেবল সেই পথের একটুকরো ছায়া মাত্র।
উত্তম দান
সখিপুর শহরের পাকা রাস্তার সঙ্গে মালতী পাড়ার কাঁচা রাস্তাটা যেখানে মিলেছে, ঠিক সেই মোড়টায় একটা চায়ের দোকান ছিল একসময়। এখন আর নেই। দোকান উধাও, শুধু একটি বেঞ্চি পড়ে থাকে পাশের গাছতলায়। আর প্রতিদিন সেখানে এসে বসেন এক বৃদ্ধ লোক। তাঁর গায়ে পুরনো ময়লা চাদর, মুখে পাকা দাড়ি, চোখদুটো যেন ফসিল হয়ে যাওয়া শূন্যতা।
মানুষ প্রতিদিন পেরিয়ে যায় সেই মোড়। কেউ কিছু দেয়—কিছু টাকা, বিস্কুট, পুরনো কাপড়। কেউ কেউ দান করা মূহুর্তের ছবি তুলে ফেসবুকে পোস্ট করে। সংবেদনশীল মানুষেরা কমেন্ট বক্সে লেখে—“মানবতা এখনও বেঁচে আছে!” মোড়টাকে যেন মানবতার নাট্যমঞ্চ বানানো হয়েছে, আর বৃদ্ধ লোকটা তার অনিচ্ছাকৃত অভিনেতা!
আমি প্রায় প্রতিদিনই সেই মোড় পেরিয়ে যাই। কিছু না কিছু দেই—পয়সা, ফল, কখনও শুধু একটা হাসি। কিন্তু ভিতরে কোথাও একটা খচখচানি লেগেই থাকে। মনে হয়, আমি কিছু দিচ্ছি ঠিকই, কিন্তু আদৌ কি কিছু দিতে পারছি?
একদিন সকালে গুরুদেবকে বললাম, “আপনার জন্য কিছু জামাকাপড় কিনতে চাই। শহরে ভালো দোকান আছে, চলুন না একদিন।”
প্রথমে কিছুতেই রাজি হচ্ছিলেন না। বললেন, “আমার তো যা আছে তাতেই চলে।”
শেষে বহু অনুরোধে সেদিনই রাজি হলেন। শুরু হলো আমাদের পথচলা। আশ্রম থেকে বেরিয়ে, রোদ্দুর গায়ে মেখে যখন আমরা শহরের দিকে হাঁটছি, তখনই আবার সেই মোড়। আমি চট করে পকেটে হাত ঢুকিয়ে কিছু খুঁজছিলাম বৃদ্ধ লোকটিকে দেওয়ার জন্য। কিন্তু গুরুদেব হঠাৎ থেমে গেলেন। তিনি একদৃষ্টে বৃদ্ধ লোকটির দিকে তাকালেন, তারপর ধীরেধীরে তাঁর পাশে গিয়ে বসে পড়লেন। আমার পায়ের গতি থেমে গেল। গুরুদেব বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করলেন, “দাদাভাই, আগে কী করতেন আপনি?”
বৃদ্ধ যেন কানে বিশ্বাস করতে পারছিলেন না। এতদিন কেউ কিছু দেয়নি এমন নয়, কিন্তু কেউ তাঁর ‘আগে’ জানতে চায়নি। ধীরে-ধীরে মাথা তুলে বৃদ্ধ বললেন, “ভাইজান, একসময় কাঠের কাজ করতাম। ঘর সাজানোর জিনিস বানাতাম—টেবিল-চেয়ার, খাট-পালঙ্ক। ভালোই চলত জীবন। কিন্তু একদিন দুর্ঘটনায় হাতে গুরুতর চোট লাগে। শক্তি ফিরে এলেও হাত কাঁপে। এখন আর কেউ বিশ্বাস করে না। কাজও দেয় না। তাই এখানে বসে থাকি।”
গুরুদেব নরম গলায় বললেন, “হাত কাঁপে বুঝলাম। কিন্তু মনটা কি কাঁপে?”
এই কথাটা যেন চাবি হয়ে খুলে দিলো বৃদ্ধ লোকটির হৃদয়ের তালা। তাঁর চোখ দুটো জলে ভরে উঠল, কিন্তু সেটা দুঃখের জল নয়—এটা যেন ভেতরের কোনো পুরনো আলোয় ধুয়ে ফেলা এক আনন্দের অশ্রু। গুরুদেব আর কিছু বললেন না। উঠে দাঁড়িয়ে আমাকে বললেন, “চলো বাপ।”
আমি স্তব্ধ হয়ে হাঁটছিলাম তাঁর পাশে-পাশে। শহরের দোকান থেকে কাপড় কিনে ফেরার পথে মোড়টা আবার এল, কিন্তু এবার বৃদ্ধ লোকটিকে আর দেখা গেল না।
পরের কদিনও তাঁকে কোথাও দেখা গেল না। আমি ভাবতে লাগলাম—তাঁর কিছু হলো না তো?
প্রায় দুই সপ্তাহ পর হঠাৎ শহরের একপাশে ছোট্ট একটি কাঠের দোকানে দেখি তাঁকে। হাতে কাঠের সরঞ্জাম, সামনে কয়েকটা ছোটো টুল, পেনহোল্ডার, খেলনার গাড়ি। মুখে গভীর মনোযোগ। চোখে সেই আলো, যা মোড়ের ভিখারীর নয়, একজন কারিগরের।
আমি ছুটে গিয়ে গুরুদেবকে সব বললাম। গুরুদেব শুধু মৃদু হেসে বললেন, “দান শুধু পেট ভরানোর জন্য হলে তা ক্ষণস্থায়ী। কিন্তু যদি সেই দান আত্মাকে জাগিয়ে তোলে, তবে মানুষ নিজেই নিজের পথ খুঁজে নেয়। একে বলে উত্তম দান।”
আমার মনে পড়ে গেল বৃদ্ধ লোকটিকে করা গুরুদেবের সেই একটিমাত্র প্রশ্ন—“মনটা কি কাঁপে?”—এমন একটা প্রশ্ন মানুষকে পুনর্জন্ম দিতে পারে, ভাবতেই অবাক লাগছে! সমাজ আমাদের দান দিতে শেখায়, কিন্তু গুরুদেব শেখালেন—কাকে, কখন, কিভাবে দিতে হয়—সেই জ্ঞানই আসল দান।
এই মানুষটাকে ছেড়ে দূরে থাকতে আমার একদম ভালো লাগে না। মনে হয় সবসময়ই তাঁর আশেপাশে থাকি। পরশপাথরের ছোঁয়ায় লোহা যেমন সোনা হয়, ঠিক আমিও তাঁর সংস্পর্শে থেকে তাঁর মতন হতে চাই। হোটেলের থালাবাসন ধোয়া ভালো লাগে না। মালিকের কর্কশ কণ্ঠের হুকুম বিষের মতো লাগে। যদি এমন একটা কর্ম পেতাম—যখন ইচ্ছে তখন কাজ করবো, কেউ গরম মেজাজে হুকুম করবে না, তাহলে কতই না ভালো হতো! শিক্ষাগত যোগ্যতাও নাই যে ভালো কোনো প্রতিষ্ঠানে চাকরি নেবো। আমার ভাবনার দুয়ারে করাঘাত করে গুরুদেব বললেন, “বাপ, ঐযে মা কালী প্রতিমার পেছনে একটা মাটির ব্যাংক আছে, ওটা এদিকে নিয়ে আসো।”
আমি মাটির ব্যাংক গুরুদেবের সামনে এনে রাখলাম। গুরুদেব মাটির ব্যাংক ভেঙে ফেললেন। তাতে অনেকগুলো টাকা। হিসাব করে দেখলেন প্রায় হাজার বিশেক! আমি চুপচাপ দেখতেছিলাম উনি কী করেন। টাকাগুলো আমার পকেটে গুঁজে দিলেন! বললেন, “হোটেলের থালাবাটি ধোয়ার কাজ ছেড়ে দাও বাপ। উদ্দেশ্যের চেয়ে উপায় কখনও বড় হতে পারে না। তুমি যে উদ্দেশ্যে থালাবাটি ধোয়ার কাজ করতেছ, সেটা তোমার ইচ্ছার বিরুদ্ধে। কেউ যদি জীবিকার জন্য কর্ম করে, কিন্তু যদি সেই কর্মই আহারের অবসর না রাখে, তবে সে কর্ম শৃঙ্খল—পরিত্যাগ করাই উত্তম। শান্তির আশায় যেখানে আশ্রয় নেবে, সেখানে অশান্তি যদি নিত্যসঙ্গী হয়ে ওঠে, তবে দ্রুত স্থান ত্যাগ করো। জীবন যেন না হয় কেবল টিকে থাকার নাম, জীবন হোক বেছে নেওয়ার সাহস।”
গুরুদেবের কথা শুনে দুচোখের জল ধরে রাখতে পারলামনা। উনি আমাকে এতো ভালোবাসেন? কিন্তু, আমি টাকা দিয়ে কী করবো? এই টাকা বসেবসে কতদিনই বা খাবো? গুরুদেব যা বলেছেন, তা আমার মনের কথা বলেছেন, কিন্তু টাকা কেন দিচ্ছেন? বলেই ফেললাম, “সাঁইজি, তুমি আমাকে টাকা কেন দিচ্ছ?”
সাঁইজি বললেন, “টাকাগুলো নিয়ে শাঁখারি বাজারে যাবে। সেখানকার পাইকারি দোকান থেকে ধূপ, ধূপকাঠি, ধুপদানী, মোমবাতি, শাখা, সিঁদুর, শঙ্খ, চন্দন, তুলসীর মালা, রুদ্রাক্ষের মালা, পৈতা, মাটির প্রদীপ, পিতলের প্রদীপ, ঘণ্টি, প্লাস্টিকের দেবদেবীর মূর্তি, গায়ত্রী মন্ত্রের বই, পোস্টার, ক্যালেন্ডার, আংটি, পান, পানপাতা সুপারি, চুন, জর্দ্দা, রঙিন পুঁতির গয়না, বাঁশি, মাখনপাত্র এবং ত্রিশূল কিনে আনবে। তারপর এগুলো দিয়ে তুলসীদের বাড়ির সামনে যে মন্দিরটা আছে, সেই মন্দিরের সামনে রাস্তার পাশে ভ্রাম্যমান দোকান বসাবে। প্রতিদিন বিকেলবেলা দোকান বসাবে, সন্ধ্যার পর দোকান গুছিয়ে সোজা আমার এখানে চলে আসবে। তুমি আমার এখানেই থাকবে। জিনিসপত্র বিক্রি করে যা লাভ হবে, তা দিয়ে তোমার খরচাপাতি চলে যাবে। তোমাকে আর মানুষের ধমক খেতে হবে না। ইচ্ছে হলে দোকান খুলবে, ইচ্ছে না হলে খুলবে না। আশা করি এতে তোমার ভালোই চলবে।”
গুরুদেবের আইডিয়াটা গ্রহণ না-করে পারলামনা। কিন্তু তাঁর টাকাগুলো নিলাম না। “টাকাগুলো রেখে দাও, যখন লাগে তখন নেবো” এই বলে সেদিনকার মতো চলে আসলাম।
চেতনার সংযম
আমি বহু সাধু-গুরুকে দেখেছি, যারা মাছ-মাংস ছুঁয়েও দেখেন না। কেউ কেউ তো রসুন-পেঁয়াজ পর্যন্ত বর্জন করেন। তাঁদের মুখে অহিংসার বাণী, অন্তরে কঠোর সংযমের সাধনা। এসব দেখে মনে হয়েছিল, সাধুত্ব মানেই যেন শরীরের ভেতরের পশুকে উপবাসে পুষে রাখা। কিন্তু আমার গুরুদেব ছিলেন ভিন্ন ধাতের মানুষ। তিনি খাবার নিয়ে তেমন বাছবিচার করতেন না। মাছ-মাংসও খেতেন। তবে খাওয়ার পরিমাণ ছিল খুবই সামান্য, যেন শুধু বেঁচে থাকার জন্য।
আমি প্রথমে বিষয়টি মেনে নিতে পারিনি। আমার দৃঢ় বিশ্বাস ছিল— “মানুষ যা খায়, তাই-ই সে হয়ে ওঠে।” খাদ্য মানুষের চরিত্র গড়ে তোলে। যে পশুর মাংস খায়, সে অবচেতনে সেই পশুত্বকেই ধারণ করে। এই ভাবনা নিয়েই এক সন্ধ্যায় গুরুদেবকে প্রশ্ন করলাম, “গুরুজি, খাদ্যাভ্যাস কি মানুষের স্বভাবকে বদলায়?”
তখন রাত অনেকটা গভীর। চারদিক নিস্তব্ধ, আকাশজোড়া নীল আঁধারে তারার ঝিলিমিলি। আশ্রমের বাতিতে জোনাকিপোকার মতো মৃদু আলো। গুরুদেব চুপচাপ বসে ছিলেন। আমার প্রশ্ন শুনে কিছুক্ষণ নীরব থাকলেন। তারপর ধীরে বললেন, “এই গভীর রাতে যদি আশ্রমের দরজায় এক ক্ষুধার্ত শিয়াল এসে দাঁড়ায়, তখন তুমি তাকে কী খাওয়াবে?”
আমি কিছু বলতে গিয়েও থেমে গেলাম। প্রশ্নটা যেন সাধারণ নয়, তার ভেতরে ছিল বহুস্তর বিশ্লেষণের ইঙ্গিত। আমি বুঝতে পারছিলাম না ঠিক কী জিজ্ঞেস করছেন তিনি। গুরুদেব নিজেই উত্তর দিলেন, “আশ্রমে আছে নিরামিষ খাবার। কিন্তু শিয়াল তো মাংসাশী! তার খাদ্য-অভ্যাসই তো তার প্রকৃতি গড়ে দিয়েছে। তুমি কি তাকে নিরামিষ খাইয়ে তার স্বভাব পাল্টে দিতে পারবে?”
আমি মাথা নেড়ে বললাম, “না, গুরুজি। শিয়ালটি হয়তো ক্ষুধার তাড়নায় বাধ্য হয়ে নিরামিষ খাবে, কিন্তু তার আসল স্বভাব বদলাবে না। সে সুযোগ পেলেই অন্যের মুরগি চুরি করবে।”
গুরুদেব মৃদু হাসলেন। তাঁর দৃষ্টিতে যেন শত শত বছরের ধৈর্য আর মমতার ছায়া। বললেন,
“তবে জানো কি, ক্ষুধা যখন চরমে ওঠে, তখন স্বভাবও বদলে যায়। যদি সে টানা কয়েকদিন না খেয়ে থাকে, তখন তাকে যা দেওয়া হয়, তাই খাবে। তখন তার জন্য ভালোমন্দের হিসাব থাকবে না, থাকবে শুধু বেঁচে থাকার আকুতি।”
আমি খানিকক্ষণ চুপ করে থাকলাম। তারপর জিজ্ঞেস করলাম, “তাহলে খাদ্যই কি প্রকৃতির নিয়ন্ত্রক?”
গুরুদেব দু’চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত ধ্যান করলেন। তাঁর ঠোঁট নড়ছিল, যেন ভেতরে ভেতরে কিছু বলে চলেছেন নিজের আত্মাকে। তারপর চোখ মেলে শান্ত কণ্ঠে বললেন, “খাদ্য প্রকৃতির একটি অনুষঙ্গ মাত্র, কিন্তু প্রকৃতি খাদ্যের অনুগামী নয়। প্রকৃতি তৈরি হয় চেতনা দিয়ে। এক শিয়াল ক্ষুধার তাড়নায় নিরামিষ খেতে পারে, কিন্তু তাতে সে হরিণ হয়ে যাবে না। তেমনি, এক মানুষ যদি সংযমের অনুশীলন না করে, শুধু নিরামিষ খেয়ে সাধু হতে চায়, তবে তা হবে আত্মপ্রবঞ্চনা। সাধুতা শুধু প্লেটে নয়, মনের গভীর গহ্বরেও জন্মায়।”
আমি দীর্ঘশ্বাস ফেললাম। ভেতরে কোথাও যেন একটা কুয়াশা ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠছে। বললাম, “তাহলে আমাদের কী করা উচিত, গুরুজি?”
গুরুদেব আমার কাঁধে হাত রাখলেন। তাঁর স্পর্শে শরীরের ভেতরটা কেঁপে উঠল। তিনি বললেন,
“শুধু খাদ্য নয়, চেতনারও সংযম শেখো। কারণ প্রকৃতি খাদ্যের ওপরে নয়, চেতনার ওপরে নির্ভরশীল। দেহের ক্ষুধা আছে, চেতনার ক্ষুধা নাই। দেহের মৃত্যু আছে, চেতনার মৃত্যু নাই। চেতনা স্বয়ম্ভু! চেতনা এই বিশ্বপ্রকৃতির নির্যাস! তাঁকে ধারণ করো, পোষ মানাও, এবং তাঁকে দিকচিন্তার দিশারি বানাও। তাহলেই খাদ্যের গণ্ডি পেরিয়ে প্রকৃতির উচ্চতর স্তরে উঠতে পারবে।”
