মনের পর্দা
আশ্রমে আজ অদ্ভুত এক নীরবতা। দুপুরের আলো যেন স্থির হয়ে রয়েছে জানালার কাঠে। গাছপালার পাতাগুলো হালকা বাতাসে দুলছে, যেন নিঃশব্দে কিছু বলার চেষ্টা করছে। গুরুদেবের পাশে বসে আছে আমার এক গুরুবোন—শাপলা। তার চোখে দ্বিধার ছায়া, মনে হয়তো বহুদিনের কোনো প্রশ্ন আজ গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আমিও চুপচাপ বসে কী যেন ভাবছিলাম। নীরবতা ভেঙে গুরুদেব হঠাৎ শাপলাকে জিজ্ঞেস করলেন, “কি ভাবছ, মা?”
শাপলা একটু চমকে উঠল। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, “গুরুজি, ছোটবেলা থেকেই শুনে আসছি—নারীর শরীর ঢেকে রাখতে হয়, নাহলে সে ‘সম্মানহানি’র কারণ হয়। অথচ কোনো পুরুষকে তো কেউ বলে না—তোমার শরীর ঢেকে রাখো, তুমি নারীকে প্রলুব্ধ করছো। কেন আমাদের শরীরকে সবসময় ভয় আর সন্দেহের চাদরে ঢেকে রাখতে হয়?”
গুরুদেব শুনলেন ধীর স্থিরভাবে, কোনো বিরতি না দিয়ে শাপলা আবার বলল, “পথে বেরোলে পুরুষরা কামানার দৃষ্টিতে তাকায়, বিচার করে, কটাক্ষ করে, আবার সমাজ ওদিকে বলে—তুমি নিজেই এরজন্য দায়ী। গুরুজি, দোষ কি তবে শুধু নারীদের? আমরা কি মানুষ নই? আমরা কি কেবল চলমান শরীর? নাকি নিষিদ্ধ বস্তু?”
গুরুদেব কিছুক্ষণ গম্ভীরভাবে তাকিয়ে রইলেন শাপলার দিকে। তারপর ধীরে ধীরে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালেন। বাইরে দুপুরের আকাশে খা-খা রোদ্দুর, কিন্তু বাতাসে রয়েছে এক ধরনের কোমলতা। একটি পাখি গাছের ডালে বসে ডানা মেলে দিয়েছে—মুক্ত, অনাবৃত, নির্ভীক। গুরুদেব পাখিটিকে দেখিয়ে বললেন, “এই পাখিটা দেখছ? ও কি কাপড়ে ঢাকা?”
শাপলা মাথা নেড়ে বলল, “না, গুরুজি। ও মুক্ত।”
গুরুদেব আবার বললেন, “তবু কি কেউ ওকে অশ্লীল বলে? ওর ডানায় কি কামনার কাঁটা লেগে থাকে?”
শাপলা নিচু স্বরে বলল, “না… ও তো শুধু নিজের মতো করে বাঁচছে।”
গুরুদেব আশ্রমের আশেপাশে থাকা গাছগুলো দেখিয়ে বললেন, “এই গাছগুলো দেখো। কেউ কি বলেছে, ওদের পাতাগুলো ঝরে পড়লে অশ্লীলতা ছড়াবে?”
মাঝখান থেকে আমি তখন মৃদু স্বরে বললাম, “গাছকে কেউ বস্ত্র পরতে বলে না, কারণ ওরা ‘মানুষ’ নয়। আর মানুষের দেহ দেখলেই মানুষের চোখে কাম, লজ্জা, ভয় জেগে ওঠে। কারণ, মানুষের মাঝে বাস করে ষড়রিপু।”
গুরুদেব হেসে বললেন, “ঠিক বলেছে। মানুষের মাঝে ষড়রিপু বাস করে। চেতনার সংযম দিয়ে যারা নিজের রিপুকে নিয়ন্ত্রণ করতে পারে না, তারাই সমাজকে বিষিয়ে তোলে। তারা বুঝতে পারে না—দেহ এক বাহন মাত্র, দেহের পোশাকআশাকে চরিত্র নির্ণয় হয় না।”
তারপর গুরুদেব আশ্রমের এক কোণে রাখা একটি পুরনো কলসির দিকে তাকালেন। কলসিটি কাপড়ে ঢাকা। বললেন, “এই কলসিটা দেখো। বাইরে থেকে কি বোঝা যাচ্ছে, এর ভেতরে কী আছে? পানি, দুধ, না কি বিষ?”
শাপলা বলল, “না, বাইরে থেকে তো বোঝা যাচ্ছে না।”
গুরুদেব বললেন, “মানুষও এই কলসির মতো। অথচ আমরা তাকে বিচার করি তার পোশাক দিয়ে, বাহ্যিকতা দিয়ে। অথচ—”
আমি গুরুদেবকে থামিয়ে জিজ্ঞেস করলাম, “তবে গুরুজি, সমাজের নিয়ম কী হবে? শালীনতা তো একেক সমাজে একেক রকম, তাই নয় কি?”
গুরুদেব মৃদু হেসে বললেন, “যেখানে ভয়ের শাসন, সেখানে শালীনতাও হয়ে যায় প্রহসন। প্রকৃত শালীনতা মানে এই নয়—কতটুকু ঢাকলে তুমি নিরাপদ; বরং, তুমি কতটুকু সত্য হয়ে উঠতে পারো, সেটাই তোমার শালীনতা। যাঁর যা মন চায়, সে তাই পরবে, এটা তাঁর ব্যক্তিস্বাধীনতা। যে সমাজে ব্যক্তিস্বাধীনতা নেই, সে সমাজে এখনও আলো আসেনি।”
শাপলার চোখ চকচক করে উঠল। যেন একটা চেপে রাখা নদী হঠাৎ প্রবাহ পেয়ে গেল। সে ধীরে ধীরে মাথা তুলে বলল, “তাহলে আমি আমার মতো করেই বাঁচব, গুরুজি। পর্দা শুধু কাপড়ের নয়, মনেও থাকে। আমি সেই পর্দাটাই পরিধান করবো—যা মনকে অহঙ্কার থেকে রক্ষা করে, যা চোখে রাখে দৃষ্টি সংযম, যা আত্মাকে রাখে সত্যের পথে।”
গুরুদেব হাসলেন। তাঁর মুখে ছিল আনন্দ, যেন শাপলা এক নতুন সত্য আবিষ্কার করেছে। বাতাসে তখন সন্ধ্যার দোল লেগেছে। সেই পাখিটা, যে মুক্ত ডানা মেলেছিল, ধীরে ধীরে আকাশে মিলিয়ে যাচ্ছে… নিখাদ স্বাধীনতায়…
অস্তিত্ব
বর্ষাকাল। গভীর রাত্রি, আকাশজুড়ে তারার মেলা। বর্ষার জলে প্রতিটা বাড়ির দুয়ার ছুঁইছুঁই অবস্থা। আশ্রমের পেছনে থাকা পুকুরটা ডুবে গেছে। যেদিকে চোখ যায় সেদিকেই জল আর জল! বইছে দক্ষিণের বাতাস। বাতাসে জলের ঢেউ খেলছে। ঢেউয়ের শব্দ দারুণ ছন্দে রূপ নিয়েছে। শোঁশোঁ বাতাসে গাছের মরা পাতাগুলো একটার পর একটা ঝরে পড়ছে মাটিতে। চাঁদনি রাতে আমি আর গুরুদেব আশ্রমের সামনে খোলা আকাশের নিচে বসে আছি। ফিসফিস করে গুরুদেবকে জিজ্ঞেস করলাম, “সাঁইজি, আমি আসলে কে?”
গুরুদেব কিছু বললেন না। তিনি একমুঠো ধূলো হাতে তুললেন, তারপর সেটা বাতাসে ছড়িয়ে দিলেন। ধূলোর কণাগুলো হাওয়ায় উড়ে মিলিয়ে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। গুরুদেব বললেন, “দেখলে? ধূলোর কণাগুলো কোথায় গেল?”
গুরুদেব হেসে বললেন, “ঠিক তাই। তোমার শরীরও একদিন ধূলিসাৎ হবে তথা হারিয়ে যাবে। কিন্তু এই ধূলো এবং বাতাস কি শেষ হয়ে যাবে?”
আমি মাথা নেড়ে বললাম, “না, বাতাস এবং ধূলো তো প্রকৃতির কোথাও-না-কোথাও থেকেই যাবে।”
গুরুদেব এবার অথৈজলের দিকে তাকিয়ে বললেন, “এই মাঠঘাটও একদিন শুকিয়ে যাবে, কিন্তু পানি কি শেষ হয়ে যাবে? না, সে সাগরের বুকে জায়গা করে নেবে, বাষ্প হয়ে আকাশে উঠবে, মেঘ হবে, আবার বৃষ্টি হয়ে নামবে।”
আমি গুরুদেবের কথাগুলো ধীরগতিতে বুঝতেছিলাম এবং আরও গভীরভাবে বোঝার জন্য অপেক্ষা করছিলাম।
গুরুদেব এবার একটি ঘাসফুল তুললেন এবং বললেন, “এটা দেখো। ফুলটা কি চিরকাল থাকবে?”
আমি বললাম, “না, একসময় ঝরে যাবে।”
গুরুদেব মৃদু হেসে বললেন, “হ্যাঁ, কিন্তু এই ফুলের রেণুগুলো বাতাসে ভেসে গিয়ে নতুন গাছ জন্ম দেবে। ফুল হারিয়ে যাবে, কিন্তু তার অস্তিত্ব শেষ হবে না। তুমি-ও এই ফুলের মতো, এই জলের মতো, এই বাতাসের মতো। তোমার শরীর বদলাবে, তোমার রূপ পরিবর্তিত হবে, কিন্তু তোমার অস্তিত্ব কখনো মুছে যাবে না।”
আমার চোখ জ্বলজ্বল করে উঠল। আমি বিজ্ঞের মতো বললাম, “তাহলে আমি দেহ নই, আমি শুধু একজন ব্যক্তি নই, আমি এই বিশ্বপ্রকৃতিরই অংশ!”
গুরুদেব বললেন, “হ্যাঁ, তুমি কেউ নও, আবার তুমি ছাড়া বিশ্বপ্রকৃতি কেউ নয়।”
তখনো জলের ঢেউ খেলা করতে ছিল, বাতাস বইছিল, পাতা পড়ছিল আর চাঁদ ও তারাদের আলো ছড়িয়ে পড়ছিল অনন্ত আকাশজুড়ে।
প্রকৃতির আঙিনায় ঈশ্বর
বর্ষার জল নেমে গেছে। চারদিকে ভেজা মাটির গন্ধ। রাতের আকাশে সপ্তমীর চাঁদ দুলছে, নক্ষত্রের দল মিটিমিটি হাসছে। দূর থেকে ঝিঁঝিঁ পোকার গানের সুর ভেসে আসছে। দূরে, বাতাসে মৃত কলাগাছের ঢাল নড়াচড়া করছে, দেখে মনে হচ্ছে স্বর্গের দেবী হাত নাড়িয়ে তাঁর কাছে যাবার জন্য দুহাত তুলে ঈশারায় ডাকছে! আজ বিশ্বপ্রকৃতি যেন গভীর ধ্যানে মগ্ন! গুরুদেব ক্রমাগত সিদ্ধি সেবন করতেছিলেন, আমি সহযোগিতা করতেছিলাম। হটাৎ গুরুদেবকে ফিসফিস করে বললাম, “সাঁইজি, ঈশ্বর কে? তাঁকে কি দেখা যায়?”
গুরুদেব আমার প্রশ্নের উত্তর দিলেন না। তিনি মাটিতে পড়ে থাকা বটগাছের একটা শুকনো পাতা তুলে নিলেন। পাতাটি একবার হাতের তালুতে ঘুরিয়ে দেখলেন, তারপর বাতাসে ছেড়ে দিলেন। পাতাটি বাতাসের টানে দুলতে দুলতে আমার সামনে এসে পড়ল। অতঃপর গুরুদেব আমাকে প্রশ্ন করলেন, “এই পাতাটি কোথা থেকে এলো?”
আমি সোজা উত্তর দিলাম, ” পাতাটি গাছ থেকে এসেছে।”
গুরুদেব আবার জিজ্ঞেস করলেন, “গাছ কোথা থেকে এলো?”
আমি একটু ভাবলাম, তারপর বললাম, “গাছ এসেছে বীজ থেকে।”
গুরুদেব মৃদু হেসে আবারও বললেন, “বীজ কোথা থেকে এলো?”
এবার আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। কারণ, এই প্রশ্নের উত্তর আমার জানা ছিলো না। তবুও ভেবেচিন্তে অনুমানে বললাম, ” বীজ এসেছে মাটির গভীর থেকে, প্রকৃতি থেকে।”
গুরুদেব এবার আকাশের দিকে তাকালেন। নাছোড়বান্দার মতো আবারও প্রশ্ন করলেন, “প্রকৃতি কোথা থেকে এসেছে?”
আমি এবার পুরোপুরি নীরব হয়ে গেলাম। এই প্রশ্নের উত্তর আমার ভাবনার বাইরে! কিন্তু আমি অনুভব করলাম— একটা গভীর সত্য আমার সামনে খুলে যাচ্ছে! আমি অনেক গভীরে প্রবেশ করতে যাচ্ছি! গুরুদেব এবার পড়ে থাকা একটা ছোট্ট পাথর হাতে নিলেন। বললেন, “এই পাথরটাও একদিন ধূলিকণায় পরিণত হবে। আবার সেই ধূলিকণা থেকে নতুন কিছু জন্ম নেবে। তুমি কি দেখছো, সবকিছুই এক প্রবাহের মধ্যে আছে? পাতা ঝরে, মাটি গ্রহণ করে, মাটি থেকে গাছ জন্মায়, আবার গাছ থেকে নতুন পাতা।”
আমি মাথা নেড়ে গুরুদেবের কথায় সম্মতি জ্ঞাপন করলাম। গুরুদেব শান্ত কণ্ঠে বললেন, “ঈশ্বর এই প্রবাহেরই আরেক নাম। তিনি কোনো ব্যক্তি নন, তিনি বিচারক নন, তিনি কোথাও বসে নেই— তিনি এই প্রবাহের মধ্যেই বিরাজমান। তুমি যদি ঈশ্বরকে জানতে চাও, তাহলে তাকে খুঁজতে যেও না, তাকে অনুভব করো। বাতাসে, পাতায়, নদীর ধ্বনিতে, তোমার নিজের চেতনার গভীরেও তিনি আছেন। প্রকৃতির আঙিনায় শুধু তাকেই খুঁজে পাবে!”
গুরুদেবের কথা শুনে আমি গভীর ধ্যানে ডুবে গেলাম। বাতাস বয়ে যাচ্ছিল, সপ্তমীর চাঁদ দুলছিল। প্রকৃতির ছন্দে যেন এক অনন্ত সঙ্গীত বাজছিল— এবং সেই সঙ্গীতের মাঝেই আমি ঈশ্বরের উপস্থিতি অনুভব করলাম!
আত্মার অভিযাত্রা
খয়েরী সন্ধ্যা। বাতাসে ধূপের গন্ধ, শঙ্খের মৃদু ধ্বনি। পাখপাখালির কিচিরমিচির তখনও বন্ধ হয়নি। দূরের মসজিদ হতে ভেসে আসছে আজানের শব্দ। গুরুদেব সন্ধ্যাবাতি দেবার চেষ্টা করছিলেন। সন্ধ্যাবাতি বলতে মোমবাতির পুড়ে যাওয়া অবশিষ্টাংশ। আমি তড়িঘড়ি করে দোকান থেকে কিছু মোমবাতি কিনে আনলাম। মোমবাতিতে আগুন জ্বালাতে-জ্বালাতে গুরুদেবকে বললাম, “সাঁইজি, আত্মা কী? মৃত্যু হলে মানুষের আত্মা কোথায় যায়?”
গুরুদেব মোমবাতির দিকে তাকালেন। তারপর আরেকটা মোমবাতি হাতে নিয়ে সেটাতেও আগুন জ্বালিয়ে বললেন, “এই দুইটি মোমবাতির আগুনই দেখো। দুইটি মোমবাতিই আলাদা, কিন্তু আগুন একই। একটি মোমবাতির আগুন থেকে যতোগুলো মোমবাতি জ্বালাবে, আগুন আগুনই থেকে যাবে। আত্মাও তাই।”
গুরুদেবের কথা ভালোভাবে বুঝতে না পেরে তাঁর মুখের দিকে তাকিয়ে রইলাম। গুরুদেব আমার মাথায় হাত বুলিয়ে বললেন, “যখন দেহ সক্রিয় থাকে, আত্মা তখন প্রবাহিত হয়। যখন দেহ নিস্তেজ হয়, আত্মা তখন বিলীন হয় মহাশক্তির মাঝে— যেমন করে প্রদীপ নিভে যায়।”
আমি গভীর চিন্তায় ডুবে গেলাম। কিছুক্ষণ পর জিজ্ঞেস করলাম, “তাহলে মানুষের কি পুনর্জন্ম হয়?”
গুরুদেব একটি শুকনো পাতা তুলে নিয়ে বললেন, “এই পাতাটি গাছ থেকে ঝরে পড়েছে। একদিন এটি মাটিতে মিশে যাবে, তারপর নতুন গাছের খাদ্য হবে। তুমি বলো, পাতাটি কি পুনর্জন্ম নিলো?”
গুরুদেবের কথা শুনে চমকে উঠলাম! কিছুক্ষণ পর আমার মস্তিষ্কের স্নায়ুতন্ত্রে নৈরাক্যভাবে উদয় হলো— আত্মা তো আলাদা কিছু নয়, এ শুধু প্রকৃতির অনন্ত প্রবাহের অংশ!
চৈতন্যই মুক্তি
গুরুদেবকে বলেকয়ে একবার তীর্থ ভ্রমণে বেরিয়েছিলাম। তীর্থস্থানটি ছিলো পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চারপাশ বনজঙ্গলে ঘেরা। গুরুদেব আর আমি পাহাড়ের চূড়ায় বসে বিশ্রাম নিচ্ছিলাম। বাতাস ছিলো না, প্রচণ্ড গরম। সূর্যের আলো পাহাড়ের পাথরে রঙ ছড়িয়ে দিচ্ছিল। দীর্ঘশ্বাস ফেলে গুরুদেবকে বললাম, “সাঁইজি, মুক্তি কাকে বলে? মুক্তি মানে কি সব কিছুর অবসান?”
গুরুদেব আমার দিকে না তাকিয়েই বললেন, “মুক্তি মানে যদি সব কিছুর অবসানই হয়, তবে সেই মুক্তির অস্তিত্বই-বা কিসের মাঝে থাকবে? সবকিছুর অবসানই যদি মুক্তি হতো, তাহলে মুক্তি শব্দটাই আমরা জানতাম না।”
আমি চুপ করে রইলাম। গুরুদেব একটু দূরে থাকা এক পাহাড়ি ঝর্ণার দিকে তাকিয়ে বললেন, “দেখো এই ঝর্ণাকে। এটি তার উৎস থেকে বয়ে আসছে, পথে পাথরে আঘাত খায়, কখনো প্রশান্ত, কখনো উচ্ছ্বসিত। তুমি যদি চাও, ঝর্ণার প্রবাহ বন্ধ করে দিতে পারো। কিন্তু তাতে কী হবে? জল তার অস্তিত্ব হারাবে না, কেবল অন্য কোনো রূপ নেবে— হয়তো বাতাসে মিলিয়ে যাবে, হয়তো মেঘ হয়ে আকাশে ভাসবে, কিংবা অন্য কোনো ঝর্ণা হয়ে আবার প্রবাহিত হবে।”
আমি গভীর মনোযোগে কথাগুলো শুনছিলাম। গুরুদেবের কথায় কোনো প্রতিক্রিয়া জানাইনি। গুরুদেব বলতেছিলেন, “মুক্তি মানে কোনো কিছুকে মুছে ফেলা নয়, বরং সব কিছুর মাঝে নিজেকে উপলব্ধি করা। সত্যিকারের মুক্তি হলো চৈতন্যের মুক্তি— যখন তুমি বুঝবে, তুমি এই ঝর্ণার মতোই এক প্রবাহমান সত্তা। কোনো এক স্থির, স্থবির অবস্থা মুক্তি হতে পারে না। বরং, মুক্তি তখনই, যখন তুমি সৃষ্টির প্রতিটি বিন্দুর সঙ্গে একাত্ম হয়ে যাবে।”
এইবার আর চুপ থাকতে পারলাম না। তাঁর অমৃতমাখা কথায় আমার ভেতরটা নেচে উঠলো! মুগ্ধ হয়ে বললাম, “তবে আমি আগেও মুক্ত ছিলাম, শুধু তা উপলব্ধি করতে পারিনি। কথা ঠিক কি-না?”
গুরুদেব এইবার আমার দিকে বাঁকাদৃষ্টিতে তাকিয়ে মুচকি হেসে বললেন, “জ্ঞান আসার আগে অন্ধকার, জ্ঞান আসার পর আলো। জ্ঞানের আলো যার ভেতরে এসে যায়, তখন তাঁর কাছে অন্ধকারও আর ভীতিকর থাকে না। অন্ধকারকে জয় করাই প্রজ্ঞালাভ। প্রজ্ঞালাভ তখনই হয়, যখন সে বুঝতে পারে— মুক্তি মানে আলোতে স্থিত হওয়া নয়, বরং আলো-অন্ধকার উভয়ের মাঝে নিজেকে খুঁজে পাওয়া। আলো-আঁধারে নিজেকে একইরূপে খুঁজে পাওয়াই চৈতন্য লাভ। আর চৈতন্যই মুক্তি।”
গুরুদেবের চোখের দিকে অপলক তাকিয়ে রইলাম কিছুক্ষণ। মনে হলো আমি নগদ মুক্তি পেয়ে গেছি! আমি বুঝতে পারলাম— মুক্তি কোনো দূরবর্তী স্বপ্ন নয়, বরং এই মুহূর্তেই, এই পাহাড়ের চূড়ায়, বনজঙ্গলে, পাথরে, এই ঝর্ণায়, এই সূর্যের আলোতে, এই নিঃশ্বাসে, এই অস্তিত্বেই মুক্তি লুকিয়ে আছে!
ঈশ্বরের বিবর্তন
জীবনের প্রথম গুরুদেবকে সঙ্গে নিয়ে তীর্থভ্রমণে বেরিয়েছিলাম। ফেরার পথে, আমার জন্ম যে গ্রামে, সেই গ্রামের পথ দিয়েই গুরুদেবের আশ্রমে ফিরছিলাম। এই গ্রামের মাঠঘাট, নদীনালা, বনজঙ্গল, চাষবাস সবকিছুই আজ কত অপরিচিত লাগছে। বেশিদিনের কথাও না, মাত্র এক যুগ! ধলেশ্বরী নদীটা নিয়ে কত স্মৃতি জমা রয়েছে বুকের মাঝে। নদীটা আজ মরে গেছে। ওর বুকে জন্ম নিয়েছে বালুর চর। বালুর চরের ওপরে বেশকিছু গাছ জন্মেছে, কিছু পাখি সেখানে বাসা বেঁধেছে। বনবিড়াল, সাপ, বিচ্ছু, বেঁজি ও শিয়ালেরা হয়তো এই চরে ইতিপূর্বেই উপনিবেশ গড়ে তুলেছে। অথচ কয়েক বছর আগেও এখানে অথৈজল ছাড়া কিছুই ছিল না! হাঁটতে-হাঁটতে হটাৎ গুরুদেবকে জিজ্ঞেস করলাম, “বাজান, প্রকৃতি তো সবসময় বদলায়, কিন্তু এই পরিবর্তন কি কেবল ধ্বংস আর সৃষ্টির খেলা? নাকি এর পেছনে কোনো গভীর নিয়ম আছে?”
গুরুদেব নদীর দিকে তাকিয়ে হাসলেন। তিনি আমার দিকে না তাকিয়েই হাঁটতে-হাঁটতে বললেন, “তুমি কি জানো, আজ যেপথ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, পঞ্চাশ বছর আগে এখানে এক বিশাল অরণ্য ছিল? তারপর একদিন নদী দিক পরিবর্তন করে সব গিলে নেয়। যে নদীর স্মৃতি তোমার বুকে এখনও জমা আছে। এরপর খেয়াল করো, খুব অল্প সময়ের মধ্যেই আবার এখানে নতুন গাছ জন্মেছে, নতুন প্রাণ এসেছে। এইযে পরিবর্তন, এই পরিবর্তন কোনো এলোমেলো ঘটনা নয়— এটা প্রকৃতির গভীর এক নিয়ম।”
আমি ভাবনায় ডুবে গেলাম। কিছুদূর এগোতেই আবারও বললাম, “তবে কি পরিবর্তনের এই নিয়মটা ঈশ্বরের খেলা?”
আমি পেছন থেকেই অনুভব করলাম তিনি আমার কথা শুনে হাসছেন। তিনি বললেন, “তুমি সত্যের প্রায় কাছাকাছি চলে এসেছ বাপ। শোনো বলি— এই যে বদলে যাওয়া, ধ্বংস হয়ে নতুনের সৃষ্টি হওয়া— এটাকেই আমরা বিবর্তন বলি। একসময় পৃথিবীতে কোনো গাছ ছিল না, কোনো পশু ছিল না, এমনকি কোনো মানুষও ছিল না। কোটি কোটি বছর আগে ছোট্ট এককোষী প্রাণ থেকে ধীরে ধীরে জীবনের বিকাশ ঘটেছে। প্রথমে সরল প্রাণ, তারপর জটিল প্রাণী, তারপর মানুষ। এই পরিবর্তন হঠাৎ হয়নি— প্রকৃতি ধাপে ধাপে জীবনকে গড়ে তুলেছে, প্রতিটি ধাপে বেছে নিয়েছে সবচেয়ে টিকে থাকার যোগ্যতাসম্পন্নদের।
গুরুদেবের কথা শেষ হতে-না-হতেই পুনরায় প্রশ্ন করলাম, “তবে কি মানুষের সৃষ্টি প্রকৃতিরই ফল? কোনো দৈব অলৌকিক শক্তি তাকে সৃষ্টি করেনি?”
গুরুদেব মাথা নেড়ে বললেন, প্রকৃতিই ঈশ্বর। সে নিজেই বিবর্তিত হয়, নতুন নতুন রূপ নেয়। ধরো, যে প্রথম মাছটি জল ছেড়ে ডাঙায় উঠল, সে জানত না সে একদিন কোটি কোটি বছরের পরিণতিতে স্থলজ প্রাণীর পূর্বপুরুষ হয়ে উঠবে। তেমনই, যে প্রথম বানর দাঁড়িয়ে হাঁটতে শিখল, সে জানত না তার বংশধররা একদিন মানুষ হয়ে যাবে। ঈশ্বর যদি প্রকৃতির বাইরে থাকতেন, তাহলে এই বিবর্তনের কোনো মানে থাকত না। বরং প্রকৃতি নিজেই ঈশ্বরের রূপ, আর বিবর্তনই ঈশ্বরের আত্মপ্রকাশ!”
এতক্ষণে নদীটা আমরা পেরিয়ে এসেছি। আমি বারবার পিছন ফিরে আমার শৈশবের নদীটাকে দেখতে ছিলাম, যেটা আজ নদী নয় আস্ত জঙ্গল! গুরুদেবের কথাগুলো মস্তিষ্কের স্নায়ুতন্ত্রে হটাৎ আন্দোলিত হলো। আমি বুঝতে পারলাম—ঈশ্বর কোনো শাশ্বত বা অপরিবর্তনীয় সত্তা নন। বরং তিনি নদীর মতো প্রবাহিত, পাহাড়ের মতো গড়ে ওঠেন, আবার ক্ষয়ে যান, গ্রহ-নক্ষত্রের মতো সৃষ্টি হন, আবার একদিন ধ্বংস হয়ে যান। তিনি এক অনন্ত বিবর্তনের ধারায় লীন…!
জীবনের মানে
আশ্রমে ফিরে গুরুদেব আর আমি গভীরভাবে নিঃশ্বাস নিলাম। আকাশে তখন সন্ধ্যার রঙ লেগেছে, পাখিরা নীড়ে ফিরছে, বাতাসে পাতার মৃদু দোল। পোশাকপরিচ্ছদ পাল্টে গুরুদেব বললেন, “পুইশাক ভাজি আর বেগুন ভর্তা করলে কেমন হয় বাপ? পেটের পূজা তো করতেই হবে।”
“ভালোই হবে” বলে আমি দ্রত আশ্রমের উঠোনে গেলাম। গুরুদেব আশ্রমে শুধু বসেই থাকেন না, চাষবাসও করেন। উঠানেই মরিচ গাছ, বেগুন গাছ, পুইশাক, পটোল ও টমেটো গাছ লাগিয়েছেন। বেগুন গাছ থেকে তরতাজা দুটো বেগুন, কিছু পুইশাক আর কাঁচামরিচ তুলে আনলাম। গুরুদেবের হুকুম ছাড়া কয়েকটা বাতাবিলেবু ছিঁড়লাম। আমারও প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল। আমি রান্না আরম্ভ করে দিলাম, গুরুদেব আমাকে সহযোগিতা করতে এলেন। আমি পুইশাক কাটতে-কাটতে বললাম, “বাজান, “জীবন আসলে কী? আমরা এই পৃথিবীতে কেন এসেছি? আমাদের জীবনের মানে কী?”
গুরুদেব হাসলেন। এই মানুষটার হাসিই যেন জীবনের সম্বল। তিনি আমাকে ইশারা করে পাশে থাকা প্রদীপের শিখায় ফুঁ দিলেন। মুহূর্তেই তা নিভে গেল। তারপর বললেন, “এই শিখার মতোই আমাদের জীবন। জন্মের পর আলো জ্বলে ওঠে, তারপর ধীরে ধীরে ম্লান হয়, একসময় নিভে যায়।”
আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। কারণ, উত্তরটা আমার পছন্দ হয়নি। তারপর বললাম, “তাহলে তো জীবনের কোনো মানে নেই! সবই তো একদিন শেষ হয়ে যায়!”
গুরুদেব এবার চুলোর আগুন দিয়ে প্রদীপটি জ্বালালেন। বললেন, “দেখ, আগের শিখা নিভে গেছে, কিন্তু আলো রয়ে গেছে। জীবনও তেমনই। এই আলোই জীবন। জীবন মানে শুধু টিকে থাকা নয়, জীবনের মানে খুঁজে বেড়ানোও নয়। জীবন মানে হলো আলো জ্বালিয়ে যাওয়া, যতক্ষণ সম্ভব।”
আমি গভীর চিন্তায় ডুবে গেলাম। বললাম, “কিন্তু বাজান, আমরা তো কখনোই নিশ্চিত হতে পারি না যে আমরা সঠিক পথে আছি কি না!”
গুরুদেব মৃদু হেসে বললেন, “জীবন অনিশ্চয়তাতেই সুন্দর, বাপ! যারা আত্মজ্ঞানী, তারা জীবনকে সাজাতে অতিরিক্ত আয়োজন করেন না। বরং যে অবস্থায় থাকেন, সেখানেই আনন্দ খোঁজেন। জীবনের মানে খুঁজতে হয় না, বরং জীবনের বয়ে চলার মধ্যে নিজেই তার মানে খুঁজে নেয়।”
একথা শুনে আমার মনে যেন নতুন এক আলো জ্বলে উঠল! আমি গভীরভাবে গুরুদেবের দিকে তাকিয়ে রইলাম। বাতাস বইতেছিল, আশ্রমের বাইরে চন্দ্রের উদয় হচ্ছিল, রান্না শেষ, খাবার প্লেট হাতে, তখন আমার কাছে এই বিশ্বপ্রকৃতি’র সবকিছু যেন এক অপার্থিব অর্থবোধে দীপ্ত হয়ে উঠল!
সুখদুঃখ
পৌষের সন্ধ্যা। আশ্রম ঢেকে গেছে কুয়াশায়। কাঠের গুড়িতে আগুন লাগিয়ে গুরুদেব আর আমি শীতের হাত থেকে নিজেদের রক্ষা করছিলাম। শীত প্রতিরোধে আমাদের ভালো কোনো কাপড়চোপড় ছিলো না। কাঠের গুড়ির আগুনের ধোঁয়া চোখে এসে লাগছিলো। আর এটা ছিলো আমার জন্য খুবই যন্ত্রণাদায়ক। দুঃখ করে গুরুদেবকে বললাম, “সাঁইজি, সুখ আর দুঃখ কি একে অপরের পরিপূরক?”
গুরুদেব মৃদু হেসে বললেন, “তুমি কখনো নদীর জোয়ার-ভাটা দেখেছ?”
আমি মাথা নেড়ে বললাম, “হ্যাঁ, দেখেছি। জোয়ার এলে নদী পূর্ণ হয়, আর ভাটা এলে শূন্য মনে হয়।”
গুরুদেব বললেন, “তেমনই, সুখ এলে জীবন পূর্ণ মনে হয়, আর দুঃখ এলে শূন্য। কিন্তু নদী কি কখনো অভিযোগ করে? সে কি জোয়ার চাই না ভাটা চাই, তা ঠিক করে? না, সে শুধু প্রবাহিত হয়। জীবনও তেমনই।”
আমি কিছুক্ষণ নীরব থেকে পুনরায় বললাম, “তাহলে কি আমাদের শুধু সুখ-দুঃখ সহ্য করেই বাঁচতে হবে?”
গুরুদেব এক গ্লাস জল আমার হাতে দিয়ে বললেন, “এটা কী?”
“পানি,” আমি উত্তর দিলাম।
“এবার এটায় এক চিমটি লবণ দাও” গুরুদেব বললেন।
আমি তাই করলাম।
গুরুদেব বললেন, “এবার চেখে দেখো।”
লবনাক্ত পানি। এটা পান করার অযোগ্য ছিলো। পানি মুখে নেবার সঙ্গে-সঙ্গে মুখ কুঁচকে বললাম, “এটা তো খুব নোনতা!”
গুরুদেব এবার এক জগ পানি দিয়ে বললেন, “এবার এটা থেকে এক ঢোক খাও।”
আমি তাই করলাম। এক ঢোক পান করে বললাম, “এবার স্বাদ একদম স্বাভাবিক।”
গুরু মৃদু হেসে বললেন, “দেখলে, পানি একই, কিন্তু পাত্র ভেদে তার স্বাদ বদলে যায়। পাত্রে যা থাকে, ঢাললে তাই পড়ে। তোমার হৃদয় নামক পাত্র যদি তিক্ততায় ভরা থাকে, তাহলে দুঃখ তোমাকে কষ্ট দেবে। কিন্তু যদি হৃদয়কে স্বচ্ছ করো, জীবনকে সহজভাবে নিতে পারো, তবে সুখ-দুঃখ এসে মিলিয়ে যাবে, আর তুমি পরমানন্দে স্থিত হতে পারবে।”
আমার চোখে বোধির আলো জ্বলে উঠল! আমি কাঠের গুড়ির আগুনের ধোঁয়ার দিকে তাকিয়ে অনুভব করলাম— সত্যিকারের মুক্তি সুখ বা দুঃখে নয়, বরং তাদের ঊর্ধ্বে ওঠার মধ্যেই আছে!
জান্নাতের নির্মাতা
মৃত্যুপরবর্তী জীবনের জান্নাত-জান্নাম নিয়ে যখনই কোনো গল্প শুনতাম, তখনই আমার মনে একটা প্রশ্ন জেগে উঠতো— কেউ কি মরে গিয়ে জান্নাত-জাহান্নাম নিজের চোখে দেখে আবার জীবিত হয়ে ফিরে এসেছে? জান্নাত-জাহান্নামের গল্প যারা করে, তাদের গল্পের সত্যতা কী? দুঃখজনক ঘটনা— জানার বাসনা নিয়ে এই প্রশ্ন আমি একজন আলেমকে করেছিলাম। উনি উত্তর না দিয়ে আমাকে বরং গালাগালি করেছিলেন এবং মারতে এসেছিলেন! এরপর থেকে এই প্রশ্নটা আর কাউকে করার সাহস করিনি। প্রশ্নটা আমার মনে খুব পীড়া দিচ্ছিল। অনেক চেষ্টা করেও মন থেকে প্রশ্নটা মুছতে পারিনি। সময়-সুযোগ বুঝে গুরুদেবকে একদিন জিজ্ঞেস করলাম, “সাঁইজি, মরার পড়ে জান্নাত ও জাহান্নাম বলে যদি কিছু থেকেই থাকে, তাহলে সেগুলো এই মহাবিশ্বের কোথায় অবস্থিত?”
গুরুদেব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, “বাপ, তোমার কি মনে হয় এই মহাবিশ্বের কোথাও জান্নাত-জাহান্নাম বলে নির্দিষ্ট কিছু আছে?”
আমি দ্বিধাগ্রস্ত কণ্ঠে বললাম, “ধর্মগ্রন্থে লেখা আছে, মৃত্যুর পর আমাদের কর্মফল অনুসারে জান্নাত বা জাহান্নাম নির্ধারিত হবে। তাই আমি ভাবছি, কোথায় আছে এগুলো? তাছাড়া অনেক আলেমদের কাছেও শুনেছি। সেই ছেলেবেলায় মা-বাবার মুখেও শুনেছি।”
গুরুদেব একটি ছোট্ট পাথর তুলে আমার হাতে দিয়ে বললেন, “ধরো, এটি একটি মূল্যবান রত্ন। তুমি যদি মনে করো এটি মহামূল্যবান, তবে তুমি আনন্দিত হবে। যদি মনে করো এটি মূল্যহীন, তবে তুমি হতাশ হবে। কথা ঠিক কি-না?”
আমি জানি গুরুদেব অধিকাংশ সময় রূপকে কথা বলেন। ইদানীং তাঁর রূপক কথাগুলো আমি বুঝতে শিখেছি। পাথরটি হাতে রেখেই বললাম, “তাহলে জান্নাত ও জাহান্নাম কি কেবল অনুভূতির খেলা?”
গুরুদেব মাথা নেড়ে বললেন, “জান্নাত হচ্ছে— যখন তোমার অন্তরে শান্তি থাকে, তুমি যা পেয়েছো তাতে সন্তুষ্ট থাকো, অন্যের জন্য শুভ কামনা করো, নিজেকে সংযত রাখো। আর জাহান্নাম? তা হচ্ছে— চাওয়া-পাওয়ার অতৃপ্ত বাসনায় দগ্ধ হওয়া, ক্রোধ, লোভ ও হতাশার আগুনে পুড়ে মরতে থাকা!”
গুরুদেবের কথাগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করছিলাম। আমি কোনো কথা বলছিলাম না। গুরুদেব পুনরায় বললেন, “মানুষ ভাবে— জান্নাত ও জাহান্নাম মৃত্যুর পর কোথাও অপেক্ষা করছে। কিন্তু প্রকৃতপক্ষে, এগুলো আমাদের মাঝেই আছে। কেউ যদি নিজের কামনা-বাসনার দাস হয়ে থাকে, তবে সে এখনই জাহান্নামে আছে। আর যদি সে সংযম ও কৃতজ্ঞতা চর্চা করতে পারে, তবে সে জান্নাতেই আছে।”
গুরুদেবের চোখের দিকে তাকিয়ে মৃদু হেসে বললাম,”তাহলে আমিই আমার জান্নাতের নির্মাতা?”
গুরুদেব পিঠে জোরসে একটা থাপ্পড় বসিয়ে বললেন, “সাব্বাশ বেটা!”
রাতের আকাশে তখন ডুবে গেছে সপ্তমীর চাঁদ। আমি ধীরেধীরে অনুভব করলাম— আমার ভেতরে জ্বলে উঠেছে জান্নাতের আলো!
অবিরাম ধ্যান
ধ্যান বলতে আমি আগে মনে করতাম নির্দিষ্ট আসনে বিশেষ কিছু অঙ্গভঙ্গি প্রদর্শন করে চুপচাপ বসে থাকাকে। আমার এই ধারণা জন্মেছিল টেলিভিশন, ইউটিউব ও ফেসবুকের কিছু ভিডিও দেখে এবং কিছু আধ্যাত্মিক মনীষীদের অভিমত জেনে। আমি এ-ও জেনেছিলাম, ধ্যানেই জ্ঞান। তাই, মাঝেমধ্যেই আমি ধ্যানে বসতাম। দুঃখজনক ঘটনা হলো— ধ্যানে আমি কোনো জ্ঞান পাইনি। ধ্যানে বসলেই আমার মস্তিষ্কের স্নায়ুতন্ত্রে যতসব অনর্থক চিন্তার স্রোত বয়ে যেতো। আমার সঙ্গে কেন এমনটা ঘটে তা জানার জন্য গুরুদেবকে একদিন জিজ্ঞেস করলাম, “সাঁইজি, ধ্যানে আমি আমার মনটাকে কেন স্থির রাখতে পারি না? যত্তসব আজেবাজে চিন্তা কেন সেসময় কাজ করে?”
গুরুদেব বললেন, “তোমার প্রতিটি চিন্তাই একেকটি ধ্যান। তুমি যদি সারাক্ষণ ভাবো— ‘আমি শান্ত’, তবে সেটাই তোমার ধ্যান হয়ে যাবে। তুমি যদি ভাবো— ‘আমি মুক্ত’, তবে সেটাই ধ্যান। তুমি যদি নিজেকে অশান্ত ভাবো, তবে সেটাও তোমার ধ্যান। ধ্যানে অবিরাম চিন্তার স্রোত বইতে থাকবে, তুমি সেই স্রোতে ভেসে না গিয়ে শুধু পর্যবেক্ষণ করবে—তোমার মস্তিষ্কে কী কী চিন্তাধারা খেলা করছে। যে চিন্তাটা ভালো সেটা গ্রহণ করবে, আর যেটা খারাপ সেটা বর্জন করবে। গ্রহণ-বর্জনের এই প্রক্রিয়াটাই ধ্যান। ধ্যান মানে নির্দিষ্ট আসনে বসে চুপচাপ বসে থাকা না, কিংবা মন্ত্র পাঠ করা না। তুমি উঠতে, বসতে, চলতে, ফিরতে, খেলতে, যখন ইচ্ছে তখন ধ্যান করতে পারো।”
গুরুদেবের কথা শুনে আমি চমকে উঠলাম! তাহলে কি নির্দিষ্ট আসনে বসে ধ্যান করাই যথেষ্ট নয়? ধ্যান নিয়ে আমার মনে খটকা লেগে গেল। আমি চিন্তা করতে লাগলাম। গুরুদেব আবারও বললেন, “ধ্যান শুধু আসনে বসে করার বিষয় নয়, বরং প্রতিটি মুহূর্তে কী ভাবছো, সেটাই ধ্যান। তুমি যদি চলতে ফিরতে, কাজ করতে, কথা বলতে, এমনকি দুঃখ-কষ্টের মাঝেও ধ্যানমগ্ন থাকো, তবে সেটাই ‘অবিরাম ধ্যান’। এর বাইরে কোনো ধ্যান নাই। যা আছে তা লোকদেখানো।”
গুরুদেবের প্রতিটা কথাকে আমি অন্ধের মতো বিশ্বাস করি না। তাঁর বলা কথাগুলো আমি নিজে আগে হৃদয় দিয়ে উপলব্ধি করি। কিন্তু অবাক করা বিষয় হলো— তাঁর প্রতিটা কথা আমার হৃদয়ে কম্পন সৃষ্টি করে এবং সত্য খুঁজে পেতে সহযোগিতা করে। সত্য উপলব্ধি করার পর আমি আমার জীবনে আর কোনোদিন নির্দিষ্ট সময়ের জন্য ধ্যানে বসিনি। বরং সেই থেকে আমি প্রতিটি মুহূর্তে নিজের চিন্তাগুলোকে নিরীক্ষণ করে এসেছি। এরপর ধীরে-ধীরে, আমি উপলব্ধি করলাম—আমার প্রতিটি পদক্ষেপই যেন একেকটি ধ্যান!
এখন আমি নিশ্চিত— আসল ধ্যান কোনো নির্দিষ্ট মুহূর্তে নয়, বরং ধ্যান আছে জীবনযাত্রার প্রতিটি শ্বাসের মধ্যে!
