বিশ্বাসের জাল
বাবা ধীতপুরী (আ.)—সে স্বঘোষিত একজন ধর্মগুরু। ইউটিউবে, ইনস্টাগ্রামে, ফেসবুকে ও বিলবোর্ডে তার অডিও, ভিডিও এবং বিভিন্ন উপদেশমূলক কথার ছড়াছড়ি। সে অবিরাম বলে যাচ্ছেন—নিজেকে জানো, নিজেকে ভালোবাসো, নিজের সীমা ভেঙে দাও; নিশ্চয়ই আমি আমাকে চিনেছি, আমি আমার সীমানা ভেঙেছি এবং আমি আমার পরমেশ্বরের দর্শন পেয়েছি। তোমরা আসো, বসো, আমার কাছ থেকে পথের সন্ধান নাও, নিশ্চয়ই আমি তোমাদের পথের প্রদীপ!
তার ভিডিওতে মিলিয়ন-মিলিয়ন ভিউ, পোস্টে হাজার-হাজার লাইক, কমেন্ট ও শেয়ার! তার কথা শোনার জন্য হাজার-হাজার মানুষ অনলাইন সেমিনারে জমে যায়। ফ্রি কোর্সে আসা সবাইকেই তিনি বোঝান—আমি যা শুনি তোমরা তা শুনতে পাও না, আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না, আমি যা বলি তোমরা তা বলতে পারো না; অতএব, তোমরা তোমাদের জানমাল ও সর্বস্ব দিয়ে আমাকে বিশ্বাস করো এবং ভালোবাসো। আমার প্রতি তোমাদের বিশ্বাস ও ভালোবাসাই পরমেশ্বরের পথ।
একজন তরুণী, যিনি আমার ফেসবুক ফ্রেণ্ড। তাঁর সঙ্গে মেসেঞ্জারে মাঝেমধ্যে আমার যোগাযোগ হয়। নাম—নাসরিন। ভার্চুয়াল জগতে প্রেম করে তিনি ঠকেছেন। ব্যর্থ প্রেমের বেদনায় ভেঙে পড়া মন নিয়ে সেই স্বঘোষিত ধর্মগুরুর ভিডিও দেখে সিদ্ধান্ত নেন—নিজেকে পাল্টাবেন। তিনি তার জমানো টাকা সর্বস্ব খরচ করেন সেই গুরুর পেছেনে। নিজেকে বিলিয়ে দিয়েছেন মুক্তির আশায়। গুরু প্রতিদিন তাকে জ্ঞান দেন— বিশ্বাস করো, নিজেকে ছাপিয়ে যাও, ধ্যান করো, নির্লিপ্ত থাকো, অতিরিক্ত প্রশ্ন করো না। কারণ, যে প্রশ্ন করে, সে পিছিয়ে যায়!
এসব মন্ত্র আওড়াতে-আওড়াতে ক্লান্ত হয়ে পড়েন মেয়েটি। একদিন আমার ফেসবুক মেসেঞ্জারে লিখলেন—আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। এতো কথা লিখে বলা সম্ভব না। আপনাকে কি অডিও কল দিতে পারি? আমি তাকে কল করার অনুমতি দিলাম। তিনি সব কথা খুলে বললেন। শেষে প্রশ্ন করলেন—আমি তো সেই গুরুর কথায় সব করেছি, তবু কেন আমার এই শূন্যতা? আমি আমার সীমানা কেন ভাঙতে পারছিনা?
আমি মেয়েটিকে কোনো মতামত জানাতে পারলামনা। শুধু বললাম—আমি আমার গুরুদেবের সঙ্গে আপনার বিষয়ে কথা বলবো এবং পরবর্তীতে আপনাকে জানাবো। পরদিন দুপুরবেলা, গুরুদেব তখন গান করতেছিলেন—এই দুনিয়াটা পুতুল খেলা…। গুরুদেব আমার মুখের দিকে তাকিয়ে গান থামালেন। তিনি জানতে চাইলেন আমি কিছু বলব কি-না। আমি গুরুদেবকে মেয়েটির কথা বললাম। গুরুদেব ঘটনা শুনে বললেন, “মেয়েটি বিশ্বাসের জালে জড়িয়ে, সে নিজের চেতনা বিক্রি করে দিয়েছে!”
দুর্বলতার দরজা
কথাটা বলতে ভুলেই গিয়েছিলাম—কয়েক সপ্তাহ হয়ে গেল তিলতিল করে জমানো কিছু টাকা দিয়ে পুরনো একটা এন্ড্রয়েড ফোন কিনেছি। নতুন ফোন কেনার মতো সামর্থ্য নেই, তাই পুরনো ফোনে মনের আহ্লাদ পূরণ করতেছি। পুরনো ফোন দিয়েই আমার বেশ চলছে…। আমি সবচেয়ে বেশি আনন্দিত এজন্য যে, রাতের বেলা এই ফোনে ইউটিউব থেকে গুরুদেব মুর্শীদি গান শোনেন। বাকীটা সময় ফোন আমার কাছেই থাকে। আমার তো আর এমন কেউ নেই যে কল দেবে। তাই ফোনে কথা বলে সময় কাটে না। শুধু কথা বলার জন্যও ফোনটা নিইনি। এটা নিয়েছি শখে বশে। তাই সময়-সুযোগ পেলেই ফেসবুকে ঢুকে জ্ঞানী-গুণীদের লেখা পোস্ট পড়ি, ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করি। কিছু কথা লিখে আমারও পোস্ট করতে ইচ্ছে হয়, কিন্তু গুছিয়ে মনের কথা লিখতে পারি না, তাই পোস্ট করা হয় না। ফেসবুক আইডিটাও খুলেছি আমার গুরুভাই রাজনের সহযোগিতায়। আইডির ‘চৈতন্য শাহ্ আশ্রম’ নামটা আমার কাছে দারুণ লাগে। প্রোফাইল পিকচারে গুরুদেবের ছবি রেখেছি, কভার ফটোতে আমার ছবি। অপরিচিত মানুষের সঙ্গে বন্ধুত্ব করার দারুণ একটা প্লাটফর্ম ফেসবুক। মতবিনিময় করার জন্য খুব সহজ একটা পথ। বেছে-বেছে বন্ধুত্ব করা যায়। আমি ফ্রেন্ড রিকুয়েষ্ট একসেপ্ট করার আগে তার টাইমলাইন আগে ঘাটাঘাটি করি। কবি, ঔপন্যাসিক, দার্শনিক, বিজ্ঞানী, মুক্তমনা ও আধ্যাত্মিক মানুষের ফ্রেণ্ড রিকুয়েষ্ট একসেপ্ট করি। ধর্মান্ধ ও ব্যক্তিত্বহীন মানুষের বন্ধুত্ব গ্রহণ করি না। আমিও আমার পছন্দসই মানুষ পেলে নিজেই ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠাই। আমি যাদের রিকুয়েষ্ট পাঠাই, তাদের মধ্যে অধিকাংশ নারী। নারীদের সঙ্গে বন্ধুত্ব করতে আমার মনের মধ্যে অদৃশ্য এক নেশা কাজ করে। তবে, কোনো নারী আইডির মেসেঞ্জারে আগ বাড়িয়ে নক করি না। কোনো নারীরাও আমার মেসেঞ্জারে নক দেয় না। একদিন হটাৎ আমার মেসেঞ্জারে নক দিলেন নাসরিন নামের মেয়েটি। তিনি প্রথমেই লিখেছিলেন—জয়গুরু দরদী, কেমন আছেন? আমি তাঁর এই কথাটুকু পড়ে তৃপ্তিসাধকের মতো রিপ্লাই দিয়েছিলাম—মাওলার কৃপায় বেশ ভালো আছি প্রিয়, আপনি কেমন আছেন? এভাবেই ভার্চুয়াল জগতে নাসরিন আমার বেস্ট ফ্রেণ্ড হয়ে উঠলো।
মেসেঞ্জারের মাধ্যমেই যেগাযোগ করে নাসরিন একদিন আমার গুরুদেবের আশ্রমে আসলেন। আমরা তাঁকে যথেষ্ট আপ্যায়ন করলাম। তাঁর সঙ্গে গুরুদেবের অনেক কথা হলো। কথার ফাঁকে নাসরিন একসময় গুরুদেবকে জিজ্ঞেস করলো, “গুরুজি, আমি সবকিছুতে সফল হতে চাই, কিন্তু মাঝে-মাঝে মানুষ আমাকে ঠকিয়ে ফেলে। আমি কীভাবে নিজেকে রক্ষা করব?”
গুরুদেব প্রাচীন সেই বটগাছের নিচে বসে ছিলেন। বাতাসে তুলসী পাতার হালকা গন্ধ, সোনালি আলোয় গাছের ছায়া দীর্ঘ হয়ে পড়ছিল। তিনি গাছের ডালে বসে থাকা শালিক পাখির দিকে তাকিয়ে বললেন, “তুমি কি জানো, একটি দুর্গ সবচেয়ে বেশি কোথায় দুর্বল হয়?”
নাসরিন ভেবে বলল, “দুর্গের সবচেয়ে দুর্বল জায়গা হলো তার ফাটল বা গোপন প্রবেশপথ।”
গুরুদেব মাথা ঝাঁকিয়ে বললেন, “ঠিক বলেছো। শত্রুরা কখনোই মজবুত দেয়াল ভেঙে দুর্গে প্রবেশ করতে চায় না, তারা খোঁজে ছোট্ট ফাঁকফোকড়, গোপন দরজা। আর একবার যদি সেই দরজা তারা খুঁজে পায়, তাহলে পুরো দুর্গ ধ্বংস হতে সময় লাগবে না।”
নাসরিন গভীর মনোযোগ দিয়ে গুরুদেবের কথা শুনছিলো। আমিও পাশে বসা। গুরুদেব এবার বললেন, “তোমার জীবনের দুর্বলতাগুলোই হলো সেই গোপন দরজা। লোভ, অহংকার, আসক্তি —এগুলোই তোমার ভেতরের ফাঁকফোকড়। যদি শত্রু এগুলো জেনে ফেলে, তাহলে সে তোমাকে তার ইচ্ছেমতো চালাবে। তুমি নিজেও টের পাবে না, কবে তুমি তার হাতের খেলনা হয়ে গেছো।”
নাসরিন উদ্বিগ্ন হয়ে বলল, “তাহলে আমি কী করব, গুরুজি?”
গুরুদেব তখন দুচোখ বন্ধ করে বললেন, “যেমন দুর্গের প্রতিটি প্রবেশপথ শক্তিশালী করে রক্ষা করতে হয়, তেমনই তোমার দুর্বলতাগুলোকে গোপন রাখতে শেখো। নিজের জীবনের ফাঁকফোকড়গুলো সময়ের সঙ্গে ঢেকে ফেলো, যাতে কেউ সেগুলো পুঁজি করে তোমাকে নিয়ন্ত্রণ করতে না পারে।”
নাসরিন বলল, “কিন্তু গুরুজি, আমাকে যারা ঠকায় তারা তো আমার শত্রু না। তাদের সঙ্গেও আমি শত্রুতা করি না। তবুও কেন তারা আমার সঙ্গেই এমনটা করে?”
গুরুদেব বললেন, “স্বার্থের দুনিয়ায় কে কখন বন্ধু থেকে দুশমন হয়ে যায়, আমরা কেউ তা বলতে পারি না! মানুষ চেনা বড় দায়! আর মানুষ যখন চিনে যাবে, তখন ঠকে-ঠকেই চিনে যাবে। তখন নিজেকেও চিনে যাবে। অন্যকে এবং নিজেকে চিনতে বেশি সময় নিও না। কারণ, সময় খুব মূল্যবান। আর ঠকেছো বলে হতাশ হইয়ো না, না-ঠকলে জিতবে কেমনে?”
দুপুর গড়িয়ে বিকেল নেমে এসেছে। সন্ধ্যার আগেই নাসরিনকে বাড়ি চলে যেতে হবে। নাসরিনকে থেকে যাবার জন্য অনুরোধ করলাম না। তবুও নাসরিন আগ বাড়িয়ে গুরুদেবকে বলল, “গুরুজি, আজ যাই, আবার অন্যদিন আসবো।”
গুরুদেব বললেন, “শুভকামনা মা, নিশ্চয়ই আবার আসবে। যখন মন চায়, তখনই চলে এসো।”
যখন সময় আসবে
প্রায় প্রতিদিন নাসরিনের সঙ্গে একবার-না-একবার মেসেঞ্জারে যোগাযোগ হয়। নাসরিন ছাড়াও আরও অনেকেই আছেন, যাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। ইদানীং বেশকিছু মানুষের সঙ্গে বন্ধুত্ব গভীরে গিয়েছে। তাঁরা আমার খোঁজখবর রাখেন। সকালে বেরিয়ে যাই গঞ্জের হাটে, সেখান থেকে কমদামে শাকসবজি ও ফলমূল কিনে শহরে নিয়ে বিক্রি করি। রাতের আধারে আশ্রমে ফিরে আসি। বেচাকেনা ভালোই চলছে। দোকানে লবণ, শুকনো মরিচ, আদা, রসুন ও গরম মশলাও বিক্রি করা হয়। ব্যবসা একা সামাল দেয়াটা আমার জন্য এখন একটু কষ্টসাধ্য ব্যাপার হ’য়ে দাঁড়িয়েছে। তবুও কষ্টকে কষ্ট মনে হয় না। কারণ, আমার প্রত্যাশার চেয়েও বেশি টাকা ইনকাম হচ্ছে। নিজেকে যতই নির্মোহ দাবি করি, জীবন চলার পথে টাকাপয়সার দরকার আছে। তাছাড়া আমার কিছু স্বপ্নও আছে: বাবা-মাকে কতদিন দেখি না। তাদের সাথে দেখা না-করাটা আমার অন্যায় হচ্ছে। তাঁদের সঙ্গে দেখা করতে যাবো। তাঁদের জন্য কিছু করতে চাই। সন্তান হিসেবে তাঁদের অর্থনৈতিক সাপোর্ট দেয়া আমার দায়িত্ব। বাবামায়ের শরীরটা বয়সের ভাড়ে নিশ্চয়ই ন্যূয়ে পড়েছে। তাঁরা নিশ্চয়ই আমার আশায় পথের দিকে চেয়ে থাকেন। বাবামায়ের জন্য অনেককিছু কেনাকাটা করে বাড়িতে যাবো। তাদের শেষ বয়সে একটু সুখ দেবো। এজন্য টাকার দরকার। তাই দিনরাত পরিশ্রম করে টাকা জমাইতেছি। একটা সময় তো আমারও শরীরের জোর এমন থাকবে না। নিশ্চয়ই যৌবনের সঞ্চয় বৃদ্ধ কালের অবলম্বন। আমাকে পরিশ্রম করতেই হবে। আমার পরিশ্রম দেখে গুরুদেবও অনেক সন্তুষ্ট। তিনারও ইচ্ছে আমি বেশকিছু টাকার মালিক হয়ে বাবামায়ের কাছে ফিরে যাই। কিন্তু আমি আমার মনের খবর জানি। গুরুদেবকে ছাড়া আমি থাকতে পারবোনা, আবার তাঁর কাছে ফিরে আসবো। বাবামা জন্ম দিয়েছেন, কিন্তু আমাকে মানুষ করেছেন আমার গুরুদেব। আমার জীবন ধন্য এজন্য যে, এমন একজন চেতন গুরুর সঙ্গ পেয়েছি।
দোকানে যখন কাস্টমার থাকে না, তখন মোবাইল বের করে টুপ করে ফেসবুকে ঢুকি। কখনও-কখনও ইউটিউবে ঢুকে গান শুনি, দেশের খবর দেখি। রাতে আশ্রমে ফিরে গুরুদেবের সঙ্গে সাধুসঙ্গ করে ঘুমিয়ে পড়ি। ঘুমানোর আগে মেসেঞ্জার চেক দিয়ে দেখি কেউ কিছু লিখেছে কি-না। কেউ কিছু লিখে থাকলে তাঁকে রিপ্লাই দিয়ে ডাটা অফ করে ঘুমিয়ে পড়ি। কোনোকোনো দিন ঘুমানোর আগে গুরুদেব মোবাইলে দুয়েকটা গান শুনেন।
প্রতিদিনের মতো গতরাতেও ঘুমানোর আগে ফেসবুক মেসেঞ্জার চেক দিয়ে দেখি নাসরিন মেসেজ দিয়েছ। লিখেছে—তোমাদের আশ্রমে আমার জন্য একটু জায়গা হবে? আমি ওর এই কথার মানে বুঝেও বুঝিনি। তাই রিপ্লাই দিতে গিয়েও দিইনি। আজ সারাদিন বেচাকেনা করে আশ্রমে এসেই দেখি নাসরিন আশ্রমে আবার এসেছে! রাতের আধারে আশ্রমে নারী (?) আমি একটু দ্বিধায় পড়ে গেলাম। কিন্তু গুরুদেবকে এনিয়ে চিন্তিত দেখলাম না।
গুরুদেব রাতের খাবার রেডি করে রেখেছেন। আমরা তিনজনে একসঙ্গে খেলাম। নাসরিনের প্রসঙ্গে গুরুদেবকে কিচ্ছু বললাম না। আমি স্বাভাবিকভাবেই কথাবার্তা বলছি। যেন নাসরিন এই আশ্রমের পুরনো কেউ।
নাসরিনকে প্রথম যেদিন দেখেছিলাম, সেদিন ওর চোখে আগুন, কণ্ঠে ব্যাকুলতা দেখতে পেয়েছিলাম। আজও ঠিক তেমনটাই দেখতে পাচ্ছি। ওর সঙ্গে এক ধর্মগুরু প্রতারণা করেছে, তাই ও সেই ধর্মগুরুকে উচিৎ শিক্ষা দিতে চায়, যাতে ভণ্ডের মুখোশ খুলে যায়। গুরুদেব ওকে ধৈর্য ধরতে বলেছিলেন। আজকে আবারও কথার শুরুতেই গুরুদেবকে বলল, “গুরুজি, আপনি আমাকে ধৈর্য ধরতে বলেছিলেন, কিন্ত আমার ধৈর্যের বাঁধ মানছে না। আমি এখনই কিছু করতে চাই! আমি অপেক্ষা করতে পারছি না। আপনি বলেছেন—সময় মূল্যবান, তাহলে আমি কেন আমার মূল্যবান সময় নষ্ট করব? আমি ঐ ভণ্ডটাকে উচিত শিক্ষা দিয়ে একটু নির্ভার হতে চাই, একটু স্বস্তি পেতে চাই। ওকে শাস্তি না দেয়া পর্যন্ত আমি শান্তি পাবো না।”
শীতল বাতাসে শরীরটা ঠাণ্ডা করতে আশ্রম থেকে বেড়িয়ে তিনজনে পুকুরপাড়ে আমগাছের নিচে গিয়ে বসলাম। বাতাসে শিশিরের হালকা গন্ধ, সবেমাত্র পূর্ব আকাশে পূর্ণ চাঁদের উদয় হয়েছে। গুরুদেব গাছের নিচে পড়ে থাকা একটি শুকনো পাতা দেখিয়ে নাসরিনকে বললেন, “ওই পাতাটি দেখছো? যদি ওটি তাড়াহুড়ো করে বাতাসের বিপরীতে চলতে চায়, তবে কি গন্তব্যে পৌঁছাতে পারবে?”
নাসরিন বিরক্ত হয়ে বলল, “কিন্তু গুরুজি, আমি তো বসে থাকতে পারি না! এখনই কিছু করতে চাই। দেরি করলে তো ঐ লোকটি আরও মানুষের সঙ্গে প্রতারণা করবে!”
গুরুদেব মৃদু হেসে একটা আমের কচি ডাল ধরে বললেন, “এই আমের গুটি দেখো। যদি এখনই একে জোর করে পাকিয়ে ফেলা হয়, তাহলে কি এটি সুস্বাদু হবে?”
নাসরিন এবার কিছুটা থমকে গেলে। গুরুদেব ধীরে-ধীরে বললেন, “সময়ের আসল মূল্য বোঝার অর্থ শুধু কাজ করা নয়, কখন কাজ করতে হবে আর কখন অপেক্ষা করতে হবে, সেটাও বোঝা। যে কৃষক মাটি তৈরি না করেই বীজ বোনে, সে ফল পায় না। যে শিকারি সময়ের আগে তীর ছোড়ে, সে শিকার হারায়। সময়ের জন্য অপেক্ষা করা সময় নষ্ট করা নয়, বরং তা সময়কে দখলে আনার শ্রেষ্ঠ কৌশল। এখন তুমি যাকে শাস্তি দিতে চাচ্ছো, তার জনপ্রিয়তা তুঙ্গে। তার বিরুদ্ধে গেলে এখন তুমিই বরং হেনেস্তার শিকার হবে! তারচে বরং তার জনপ্রিয়তার সিড়ি দিয়ে তাঁকে নিচে নামার অপেক্ষায় থাকো, তখন মনের জ্বালা মেটানোর সুযোগ পাবে।”
নাসরিন চুপ হয়ে গেল। আমি জানি গুরুদেবের সঙ্গে কথা বললে, নাসরিন সঠিক জ্ঞানটাই পাবে। নাসরিন বিচক্ষণ বাকপটু একটা মেয়ে। অনেকক্ষণ চুপ করে থেকে মাথা দুলাতে-দুলাতে বলল, “গুরুজি আপনার কাছে আসাটা আমার সার্থক হয়েছে। আমি যাকে খুঁজি, তাঁকেই পেয়ে গেছি। আপনার কথায় বুঝতে পারলাম—সময় সবসময় মূল্যবান নয়, সেই সময় মূল্যবান সময়, যেসময় শেষ খেলাটা খেলে দেয়া যায়। আপনার এই সূত্রটা আজীবন মনে থাকবে গুরুজি।
নিজের পথ
বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেরাজ আমার বাল্যবন্ধু। ওর সঙ্গে আমার শৈশবের অনেক স্মৃতি এখনো মনে পড়ে। ও ভালো ছাত্র ছিলো, আমি ভবঘুরে, তাই একসঙ্গে আর পথচলা হয়নি। শহরে একটা চাকুরির ইন্টারভিউ দিতে এসেছিল মেরাজ। অনেক চেষ্টা করেও চাকুরিটা হয়নি। চোখেমুখে বিষন্নতার ছাপ নিয়ে একটা সিগারেট ফুঁকতে-ফুঁকতে আমার দোকানের পাশ দিয়ে যাচ্ছিলো। আমি প্রথম দেখাতেই ওকে চিনে ফেলেছি। মেরাজ নাম ধরে ডাক দিতে-না-দিতেই ও থমকে দাঁড়ালো। আমার দিকে তাকিয়েই বলল—বন্ধু তুই! তারপর ওকে আমার পাশে বসালাম। অনেক কথা হলো। মা-বাবার কথা জিজ্ঞেস করলাম, বলল, তাঁরা সুস্থ আছেন। মেরাজকে আমার ব্যপারেও বিস্তারিত বললাম, আমার কথা শুনে অবাক হলো। মেরাজের হাতে কিছু টাকা দিয়ে বললাম, মা-বাবাকে টাকাগুলো দিস, আর আমার কথা বলিস আমি ভালো আছি। খুব তাড়াতাড়ি মা-বাবাকে গিয়ে দেখে আসবো। তারপর আশ্রমের ঠিকানা আর পকেট খরচের জন্য কিছু টাকা মেরাজকে দিলাম। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমু নাম্বার এবং কন্টাক্ট নাম্বার দিলাম মেরাজকে। মেরাজ আমার হাত থেকে ফোনটা নিয়ে ওর ফেসবুক আইডির সঙ্গে আমার ফেসবুক আইডির বন্ধুত্ব করিয়ে দিলো। তারপর বলল, সময়-সুযোগ হলে মেসেঞ্জারে নক দিস।
সেই থেকে শুরু, এখন মাঝেমধ্যেই মেরাজের সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ হয়। আমার গুরুদেবের সঙ্গে ওর পরিচয় হয়েছে, ফোনে। গুরুদেবের সঙ্গে ফোনে কথা বলে মেরাজের অনেক ভালো লেগেছে। বলা যায় মেরাজ গুরুদেবের প্রেমে পড়েছে। আমার দেয়া ঠিকানা মোতাবেক একদিন আশ্রমে চলে এলো। সারারাত গুরুদেবের সঙ্গে কথা বলল। পরদিন দুপুরবেলা চলে গেল। মাঝখানে যোগাযোগ কিছুদিন বিছিন্ন ছিলো। তারপর আবার যোগাযোগ শুরু হলো। ইদানিং সুযোগ পেলেই চলে আসে আশ্রমে। আজকে দুপুরবেলা চলে এসেছে। আমি শহর থেকে এসে দেখি গুরুদেবের সঙ্গে কথা বলতেছে। রাতের খাবার খেতে-খেতে মেরাজ গুরুদেবকে বলল, “গুরুজি, চাকরিবাকরি যেহেতু হচ্ছে না, সেহেতু কিছু একটা করা দরকার। আমি একজন মহান চিত্রশিল্পী হতে চাই। আমি ভালো ছবি আর্ট করতে পারি। আমার শুভাকাঙ্ক্ষীরা বলে দা ভিঞ্চি, পিকাসো বা ভ্যান গঘের মতো হতে হবে, তবেই নাম করতে পারবি। বলুন তো, আমি ভিঞ্চি বা পিকাসোর মতো চিত্রশিল্পী কীভাবে হতে পারবো?”
গুরুদেবের খাবার খাওয়া শেষ। হাতে জল ঢালতে-ঢালতে গুরুদেব মেরাজকে বলল, “প্রিয় মেরাজ, যদি একটি বাগানের সব ফুলগুলো একই রঙের ও সুবাসের হয়, তাহলে কি বাগানটিকে ফুলের বাগান বলা যাবে?”
মেরাজ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, “না, গুরুজি। প্রতিটি গাছ ও ফুলের রঙ আলাদা বলেই বাগান এত জীবন্ত। কিন্তু একজন শিল্পী তো শিখেই বড় হয়, তাহলে কারও মতো না শিখলে কীভাবে সফল হব?”
গুরুদেব একটা গাছের পাতার উদাহরণ দিয়ে বললেন, “একটা গাছে কতগুলো পাতা থাকে, সবগুলো পাতা একই আকৃতির কি-না, তা কি কেউ খেয়াল করে দেখেছি? খেয়াল করলে দেখতে পারবা—প্রতিটা পাতার শিরা-উপশিরা এবং গঠন একদম ভিন্ন! এর কারণ কী? কারণ এটাই—প্রকৃতি কখনো কোনো কিছু হুবহু নকল করে না। আমরা প্রকৃতির সন্তান, আমাদেরও প্রত্যেকের রয়েছে আলাদা বৈশিষ্ট্য। এই পৃথিবীতে তোমার মতো দ্বিতীয় আরেকটা মেরাজ খুঁজে পাবে না। এটা বহুর মধ্যে একের নিদর্শন।”
মেরাজ গুরুদেবের কথা গভীর মনোযোগে শুনছিল। গুরুদেব এবার জানালা দিয়ে পুকুরের দিকে তাকিয়ে বললেন, “তুমি যদি নদী হও, তবে কি অন্য কোনো নদীর পথ অনুসরণ করবে, নাকি তোমার নিজের পথ তুমি নিজে তৈরি করবে?”
মেরাজ এবার মাথা ঝুঁকিয়ে বলল, “আমাকে নিজের পথই খুঁজতে হবে। নইলে আমি শুধু অন্যের ছায়া হয়ে থাকব!”
গুরুদেব মৃদু হেসে বললেন, “তাহলে যাও, রঙ তোলো, আঁকো, তবে তোমার ক্যানভাসে শুধু তোমার মনের মতোই গল্প আঁকবে। অন্যের মতো নয়, নিজের মতো করে। পৃথিবী তোমার জন্য একটি শূন্য ক্যানভাস রেখেছে—সেটাতে তুমি যেভাবে রাঙাবে, সেটাই তোমার পরিচয়।”
মেরাজ ও গুরুদেবের কথোপকথনে আমি বুঝে গেলাম—মহামানব হতে গেলে কোনো মানুষকে অনুসরণ-অনুকরন করে নয়, নিজের পথ নিজেকেই আবিষ্কার করতে হয়।
আলো আসুক ধীরে
গুরুভাই রেদোয়ানের মেধা ভালো। গুরুদেব যা বলেন আদ্যোপান্ত মুখস্থ রাখতে পারে। রেদোয়ান চায় গুরুদেবের জ্ঞান, প্রজ্ঞা ও চেতনা সমাজের সবজায়গায় ছড়িয়ে পড়ুক এবং শান্তি প্রতিষ্ঠিত হোক। তাই সে রাস্তাঘাটে যেখানে-সেখানে লোকজন দেখলেই গুরুদেবের শিক্ষা প্রচার করার চেষ্টা করে। রেদোয়ান একদিন গুরুদেবের সামনে বসে জিজ্ঞাসা করল, “গুরুজি, সত্য প্রচার করতে গিয়ে আমি বহুবার মানুষের প্রতিরোধের মুখে পড়েছি। তারা আমার কথা শুনতেই চায় না। কেন শুনতে চায় না? আমি তাদের কীভাবে আমার কথা শুনতে বাধ্য করবো?”
গুরুদেব তখন আশ্রমের বাগানে বসে ছিলেন। সন্ধ্যার নরম আলো ছড়িয়ে পড়ছিল, বাতাসে বেলিফুলের মিষ্টি গন্ধ ভাসছিল। দূরে পাহাড়ের গায়ে সূর্যের শেষ রশ্মি পড়ে সোনালি আভা ছড়িয়ে দিচ্ছিল। গুরুদেব ধ্যানমগ্ন অবস্থায় কিছুক্ষণ নীরব রইলেন। তারপর বললেন, “রেদোয়ান, ধরো তুমি গভীর অরণ্যের এক গুহায় প্রবেশ করলে, যেখানে দীর্ঘকাল কেউ আলো দেখেনি। সেই অন্ধকার ঘরে যদি হঠাৎ তুমি প্রদীপ জ্বালিয়ে দাও, তাহলে কী হবে?”
রেদোয়ান কিছুক্ষণ ভেবে বলল, “তারা ভয় পাবে। হয়তো চোখ ঢেকে ফেলবে, কেউ হয়তো ক্ষুব্ধও হবে।”
গুরুজি মৃদু হেসে পাশের আমগাছের দিকে তাকিয়ে বললেন, “ঠিক তাই। হঠাৎ আলো তাদের অস্বস্তিতে ফেলে দেবে, কারণ তারা এতদিন অন্ধকারেই স্বস্তি পেয়েছে। কিন্তু যদি তুমি আস্তে আস্তে আলো বাড়াও? প্রথমে এক ফোঁটা, তারপর আরেকটু, তারপর আরও একটু?”
পাখিরা তখন গাছের ডালে ফিরছিল, দূরে নদীর জল গোধূলির রঙে রাঙা হয়ে উঠেছে। রেদোয়ান গভীরভাবে চিন্তা করল, তারপর মাথা ঝুঁকিয়ে বলল, “তাহলে তারা ধীরে-ধীরে অভ্যস্ত হয়ে যাবে, আলোকে গ্রহণ করবে।”
গুরুদেব বললেন, “তুমি যদি সত্য প্রচার করতে চাও, তাদের বিশ্বাসের বিরুদ্ধে গিয়ে হুট করে সব নতুন কিছু বলো, এতে তারা ভয় পাবে, প্রতিরোধ গড়ে তুলবে এবং হিংস্র হয়ে উঠবে! পরিবর্তন আনতে হলে ধৈর্য ধরো, কৌশল শেখো। প্রথমে তাদের বিশ্বাসকে সম্মান দেখাও, তারপর ধীরে-ধীরে তাদের সত্যের দিকে নিয়ে এসো।”
পাহাড়ের ওপারে সূর্য তখন একবার চোখ রাখল, তারপর ধীরে-ধীরে মিলিয়ে গেল। আমি সেই দৃশ্যের দিকে তাকিয়ে গভীরভাবে অনুভব করলাম— আলো সরলরেখায় চলে, কিন্তু বাধাপ্রাপ্ত হলে সেও বাঁকা হয়ে যায়!
শক্তির ঊর্ধ্বে কৌশল
আমার গুরুদেবের নাম সমগ্র দেশে ছড়িয়ে পড়েছে। তাঁর কাছে ধনী-গরীব, ছোটো-বড়, নারী-পুরুষ এবং রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্র ও বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারাও আসেন। একদিন এক সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা আসলেন। তিনি বাহিনীর স্বনামধন্য মেজর। মেজর উভয় সংকটে ভুগছিলেন। বিদেশিদের সঙ্গে দেনদরবার করে দেশের ঘাড়ে চেপে বসা তথাকথিত বিপ্লবী সরকার দেশ ধ্বংসের নীলনকশা বাস্তবায়ন করতেছেন, অপরদিকে দেশের সাধারণ মানুষ সরকারকে সাধু ভেবে সাপোর্ট করতেছে। এমতাবস্থায় মেজর কোন পথ বেছে নিবেন সিদ্ধান্ত নিতে পারতেছেন না। মব সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে পারছেন না। বাহিনীর ভেতরেও বিদ্রোহ লেগে যাবার চরম সম্ভাবনা রয়েছে। গুরুদেব মেজরকে আশ্রমের ভেতর বসতে দিলেন। আশ্রমে এক রহস্যময় নীরবতা বিরাজ করছে। হঠাৎ মেজর গুরুদেবকে প্রশ্ন করলেন, “সাধু, শত্রুকে পরাজিত করার সর্বোত্তম উপায় কী?”
গুরুদেব মুচকি হেসে বললেন, “একবার, এক জঙ্গলে ছিল দুই শক্তিশালী বাঘ। দুজনেই চাইত জঙ্গলের রাজা হতে। তারা এতটাই শক্তিশালী ছিল যে কেউ কাউকে হারাতে পারত না। এদিকে, তাদের এই দ্বন্দ্বের মাঝে বনের দুর্বল প্রাণীরা আতঙ্কে দিন কাটাত।
একটি বৃদ্ধ শেয়াল এই লড়াই থামানোর সিদ্ধান্ত নিল। সে বনের অন্যান্য পশুদের বলল, ‘তোমাদের সরাসরি শক্তি দিয়ে কিছু করা সম্ভব নয়। কিন্তু যদি বুদ্ধি খাটাও, তাহলে এই দুই বাঘ নিজেরাই নিজেদের ধ্বংস করবে।’
শেয়ালটি প্রথমে এক বাঘের কাছে গিয়ে বলল, ‘আমি শুনেছি, তোমার প্রতিদ্বন্দ্বী বলেছে, সে তোমাকে সহজেই হারাতে পারবে।’ বাঘটি রেগে উঠল, কিন্তু তখনই শেয়াল বলল, ‘তুমি কি চাও, সে দুর্বল হয়ে পড়ুক? তাহলে তার খাবার সরবরাহ বন্ধ করো।’
এরপর শেয়াল দ্বিতীয় বাঘের কাছেও একই কথা বলল। দুই বাঘই শেয়ালের কথামতো একে অপরের খাবারের উৎস ধ্বংস করতে শুরু করল।
কয়েক সপ্তাহের মধ্যে, দুই বাঘই দুর্বল হয়ে পড়ল। তখনই শেয়াল অন্য পশুদের নিয়ে এসে তাদের রাজ্য দখল করে নিল। দুই বাঘ তখন বুঝল— তারা একে অপরের শত্রু মনে করে ভুল করেছিল, আসল শত্রু ছিল সেই বৃদ্ধ শেয়াল, যে কৌশলে তাদের ধ্বংস করেছিল।
গল্প শেষ করে গুরুদেব মেজরের দিকে তাকালেন। মেজর ধীরে-ধীরে বললেন, “তাহলে সাধু, শত্রুকে হারানোর জন্য কেবল শক্তিই যথেষ্ট নয়, কৌশলও প্রয়োজন?”
গুরুদেব মাথা নেড়ে বললেন, “শুধু শক্তি দিয়ে আপনি শত্রুকে হারাতে পারবেন না, যদি কৌশল না থাকে।”
মেজর বললেন, “তাহলে কি আমাদের সবসময় শত্রুর ধ্বংসের জন্য অপেক্ষা করা উচিত?”
গুরুদেব আবারও মুচকি হেসে বললেন, “শুধু অপেক্ষা করলেই চলবে না, শত্রুর দুর্বলতাকে কাজে লাগাতে হবে। সে নিজের ভুলে কখন পতন ঘটাবে, তা বোঝার জন্য ধৈর্য ধরতে হবে। পারলে চালাক শেয়ালের মতো দুয়েকটা কূটনীতিক তৈরি করতে হবে।”
গুরুদেবের কথা শুনে মেজর চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাবলেন। তাকে দেখে মনে হলো—আজ সে সত্যিকারের যুদ্ধের কৌশল শিখল। আর আমি বুঝতে পারলাম—শুধু বাহ্যিক শক্তি নয়, আসল শক্তি হলো— ধৈর্য, কৌশল ও সঠিক সময়ে আঘাত করার ক্ষমতা।
ঈশ্বরের রঙ
গুরুদেবকে নিয়ে আমি নদীর ধারে বসেছিলাম। জল কাঁপছে, বাতাস বইছে উদাসীন ছন্দে। পরন্ত বিকেলের রঙ নদীর জলে গলে গেছে, আকাশে লাল-নীল ও সাদা আলো ছড়িয়ে পড়েছে। আমি গুরুদেবকে প্রশ্ন করলাম, “সাঁইজি, কোরআনে বলা হয়েছে— ‘তোমরা ঈশ্বরের রঙে রঙ্গিন হও’ আমি কীভাবে ঈশ্বরের রঙে রঙীন হবো?”
গুরুদেব মৃদু হেসে বললেন, “ঈশ্বরের কি রঙ আছে?”
আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর বললাম, “না, তিনি তো নিরাকার, রঙহীন। কিন্তু কোরআনে যে বলা হয়েছে—তোমরা ঈশ্বরের রঙে রঙীন হও! এর অর্থ কী?”
গুরুদেব ডান হাত তুলে সূর্যাস্তের দিকে ইঙ্গিত করে বললেন, “ঐ আকাশ দেখো। রঙ পরিবর্তন হচ্ছে, কিন্তু আকাশ কি বদলাচ্ছে?”
আমি বললাম, “না, আকাশ তো একই আছে।”
গুরুদেব মাথা নেড়ে বললেন, “ঈশ্বরও তেমনই। চারপাশে যা কিছু বদলায়, তা শুধু রঙ। কিন্তু ঈশ্বর সেই আকাশের মতো— স্থির, নির্বিকার, উদাসীন।”
আমি গভীর চিন্তায় ডুবে গিয়ে বললাম, “তাহলে সাঁইজি, আমিও যদি এই পৃথিবীর উত্থান-পতন, সুখ-দুঃখ, ভালো-মন্দ থেকে দূরে থাকতে পারি, তবে কি আমি ঈশ্বরের রঙে রঙীন হতে পারবো?”
গুরুদেব একটি শুকনো পাতা কুড়িয়ে নিলেন। তারপর সেটিকে বাতাসে ছেড়ে দিয়ে বললেন, “যে পাতা হাওয়ার ওপর নিজেকে ছেড়ে দেয়, সে আর নিজের গন্তব্য নিয়ে ভাবনা করে না। যদি তুমি সত্যিই নির্বিকার হতে পারো, তবে তোমার কোনো দুঃখ থাকবে না, কোনো আশা থাকবে না। আর এটাই হচ্ছে আল্লাহর বৈশিষ্ট্য বা রঙ!”
আমি বললাম, “কিন্তু সাঁইজি, যদি সবকিছুতেই উদাসীন হয়ে যাই, তবে কি মানুষ আমাকে অনুভূতিহীন ভাববে না?”
গুরুদেব মৃদু হেসে বললেন, “তুমি কি সূর্যকে অনুভূতিহীন ভাবো? সে তো সবাইকে আলো দেয়, কিন্তু বিনিময়ে কিছু চায় না। ঈশ্বরের মতো হতে চাইলে, দাও— কিন্তু চেয়ো না। ভালোবাসো— কিন্তু আকাঙ্ক্ষা কোরো না। তখনই তুমি সত্যিই ঈশ্বরের রঙে রঙীন হবে!”
নদীর জলে আমি আমার প্রতিবিম্ব দেখতে পেলাম। মনে হলো—আমি ধীরে-ধীরে বদলে যাচ্ছি…! কিন্তু আসলেই কি বদলে যাচ্ছি? নাকি কেবল রঙ বদলাচ্ছে, আকাশের মতোই?
প্রেমের ঊর্ধ্বগতি
কয়েকদিন আগে আইডি থেকে ফেসবুকে ফ্রেণ্ড রিকুয়েষ্ট আসলো। একসেপ্ট করার আগে আইডি-টি চেক দিলাম। টাইমলাইন ঘাটাঘাটি করে বুঝলাম প্রায় পঞ্চাশ বছর বয়সী এক বিধবা নারীর আইডি এটা। রিকুয়েষ্ট একসেপ্ট করলাম। কিছুদিন পর মেসেজ আসলো—’কেমন আছেন? আমরা কি একে-অপরে পরিচিত হতে পারি?’ আমি রিপ্লাই দিয়ে বললাম—মোটামুটি ভালো আছি। হ্যাঁ, আমরা পরিচিত হতে পারি। তবে, এতো লিখে মেসেজ করার সময় আমার নাই। রাত দশটার দিকে ফ্রী থাকি, আপনার সময়-সুযোগ হলে মেসেঞ্জারে অডিও কল দিয়েন। তারপরের দিন অডিও কল দিলেন। অনেকক্ষণ কথাবার্তা হলো। উনি উনার ব্যক্তিজীবনের গল্প বললেন, আমিও বললাম। এখন উনি প্রায় প্রতিদিন কল করেন। মাঝেমধ্যে নিজের ছবি পাঠান। একদিন ভিডিও কল দিলেন। দেখে মনে হলো যৌবনে উনি অনেক সুন্দরী ছিলেন। এখনও যৌবনটা ধরে রেখেছেন। এভাবে প্রায় প্রতিদিন কথাবার্তা বলতে-বলতে উনি একদিন আমাকে প্রেমের প্রস্তাব দিলেন! আমি অবাক হলাম। উনার বয়স পঞ্চাশের উপরে,আর আমার বয়স চল্লিশ ছুঁই-ছুঁই, তারমানে আমার চেয়ে দশ বছরের বড়! কেমনে কী? বিষয়টি যতো ভাবছি, ততই অবাক হচ্ছি…। আমি তাঁকে কোনো রিপ্লাই দিলাম না।
গুরুদেবকে নিয়ে বাড়ীতে যাবো—অনেক বলেকয়ে তাঁকে রাজি করালাম। বহুদিন পর মা-বাবাকে দেখব, অনুভূতিটাই আলাদা। মা-বাবার জন্য কাপড়চোপড় এবং আরও অনেক বাজার-সদাই করেছি। একটা কমদামি এন্ড্রয়েড ফোন কিনেছি মা-বাবার জন্য, যাতে মাঝেমধ্যে যোগাযোগ করতে পারি। মনে আনন্দের শেষ নাই। গুরুদেব আর আমি শালবনের পথ ধরে হাঁটছি…। চারদিকে গাছ আর গাছ, পাতার ফাঁকে সূর্যের সোনালি আলো ছড়িয়ে পড়েছে। বাতাসে ফুলের মিষ্টি গন্ধ, দূরে কোথাও নদীর মৃদু শব্দ শোনা যাচ্ছে। আমি হঠাৎ বললাম, “বাজান, নারী-পুরুষের প্রেম তো সমবয়সীদের মধ্যে হওয়া উচিত, তাইনা?”
গুরুদেব একটু থামলেন, তারপর একটি লতাগাছের পাশে বসে পড়লেন। কিছুক্ষণ পর বললেন, “তুমি কি কখনো লক্ষ্য করেছ, মহীরুহের শিকড় কখনো সরু লতার সঙ্গে জড়িয়ে থাকে?”
আমি মাথা নাড়লাম। গুরুদেব বললেন, “তুমি কি বলবে, এই সম্পর্ক অসম? যে গাছ আকাশ ছুঁয়েছে, সে কি লতাকে দূরে সরিয়ে দেয়?”
আমি কিছু বললাম না। গুরুদেবের কথাগুলো গভীরভাবে বোঝার চেষ্টা করছিলাম। গুরুদেব আবার বললেন, “মানুষ ভাবে, প্রেমিক-প্রেমিকার প্রেমের মধ্যে বয়সের সমতা থাকতে হবে। কিন্তু প্রকৃতি কি তা বলে? পাহাড়ের সঙ্গে নদীর প্রেম হয়, আকাশের সঙ্গে মাটির প্রেম হয়, রাতের সঙ্গে দিনের। কেউ কাউকে আটকায় না, কেউ কারও জন্য বদলায় না, তবুও তারা একে অপরকে পূর্ণ করে!”
গুরুদেবের কথাগুলো এবার আমাকে আরও ভাবিয়ে তুললো। আমি বিস্ময়ে বললাম, “তাহলে বাজান, কেন মানুষ অসম প্রেমকে অস্বীকার করে? এটা আমরা কেন মন থেকে মেনে নিতে পারিনা?”
গুরুদেব একগাল হেসে বললেন, “কারণ মানুষ ভালোবাসাকে মেপে দেখে। তারা ভাবে, প্রেমও যেন একটি চুক্তি, যেখানে বয়স, অবস্থান, সৌন্দর্য সবকিছুর হিসাব মেলাতে হয়। কিন্তু প্রকৃত প্রেম হলো আত্মার টান, যা কোনো নিয়ম মানে না!”
আমি লজ্জিত হলাম এবং চুপ করে থাকলাম। গুরুদেব এবার বললেন, “তুমি কি ইউসুফ ও জুলেখার গল্প জানো?”
আমি বললাম, “জানি, বাজান। তাঁদের প্রেম ছিল এক অসম প্রেম।”
গুরুদেব বললেন, “তাদের প্রেমের সৌন্দর্য কোথায় ছিল জানো? এটি ছিল এক বেদনাময় পূজা। জুলেখা অপেক্ষা করেছিল, ভালোবাসার জন্য নিজেকে পরিবর্তন করেছিল। সে কামনা ছাড়িয়ে আত্মার প্রেম খুঁজে পেয়েছিল।”
আমি বললাম, “তাহলে বাজান, যারা সত্যিকারের ভালোবাসে, তারা কি সবসময় এক হতে পারে?”
গুরুদেব একটা শুকনো পাতা হাতে নিলেন, তারপর সেটিকে বাতাসে ছেড়ে দিলেন। পাতা বাতাসে ভেসে উঠল এবং ধীরে-ধীরে সেটি নদীর জলে পড়ল। গুরুদেব বললেন, “প্রেম সবসময় এক হয় না, কিন্তু প্রেম তার গতিপথ ঠিকই খুঁজে নেয়। কখনো বিরহে, কখনো মিলনে, কখনো বিসর্জনে, কখনো এক স্পর্শে!”
আমি নদীর জলে সেই পাতাটির ভাসমান ছবি দেখতেছিলাম। আমার মনে হলো— প্রেমের প্রকৃতি হয়তো এই বাতাসের মতোই— অদৃশ্য, অথচ সর্বত্র ছড়িয়ে আছে! আমি মনেমনে সেই বিধবা নারীটিকে কল্পনা করলাম। আমার মনের আয়নায় সঙ্গে-সঙ্গে ভেসে উঠলে তুলসীর ছবি! পরক্ষণেই মনটা খুব খারাপ হয়ে গেল। গুরুদেব বললেন, “তুলসী কেমন আছে রে বাপ?”
নিয়মহীন ভালোবাসা
আমরা চলে এলাম বাড়িতে। চুপচাপ দাঁড়ালাম দরজার চৌকাঠে। পেছনে গুরুদেব দাড়িয়ে। আমার মনে সংশয়— বাবামা কী বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া সেই ছেলেটাকে চিনতে পারবে? আমি তো আর সেই আমি নাই। গায়ের রং যেন আগের চাইতে আরও কালচে হয়েছে, চোয়াল হয়েছে শক্ত, চোখের নিচে ক্লান্তির রেখা। মা রান্নাঘর থেকে কাঁসার থালা মাজতে-মাজতে বলে উঠলেন, “কে রে?”
আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। শুধু আমার ঠোঁটের কোণে কেঁপে উঠলো এক অচেনা হাসি। মা বুঝে উঠতে পারলেন না। কিন্তু তাঁর বুকের ভেতরটা হঠাৎ যেন কেঁপে উঠলো। মায়ের মাঝে কেমন যেন একটা অস্থিরতা, পরিচিত ভয় আর বিস্ময়ের মিশ্রণ অনুভব করলাম। তাঁর হাত থেকে থালা পড়ে গেল। শব্দ করে গড়িয়ে পড়লো মাটিতে। দুচোখের জল ছেড়ে বললেন, “তুই… তুই কি…”
আমি কিছু বলছি না। দুচোখ ভিজে গেছে জলে। মা দৌড়ে ঝাপটিয়ে ধরলেন আমাকে। সেই আগুনের মতো পুড়ে যাওয়া দিনের পর, আজ এই বৃদ্ধ শরীর আবার সেই হারিয়ে যাওয়া ছেলেকে আঁকড়ে ধরে কাঁদে। কাঁদে এমনভাবে, যেন বুকের সবটুকু দুঃখ, অভিমান আর আশীর্বাদ মিলে একাকার হয়ে গেছে।
পেছন থেকে বাবা আসেন। মুখ শক্ত, কিন্তু ঠোঁট কাঁপছে। প্রায় বিশ বছরের অভিমান জমে আছে তাঁর গলায়।
“আয় ভিতরে আয়,” শুধু এইটুকু বললেন। তার বেশি কিছু বলতে পারলেন না। যেন বাক্যগুলো আটকে গেছে অতীতের ধূলিধূসর স্মৃতিতে।
একপাশে দাঁড়িয়ে থাকা ছোটো বোন, যে তখন মাত্র তিন বছরের ছিল, আজ সে বিবাহযোগ্য—চোখে জল, ঠোঁটে হাসি। “তুই জানিস, মা তোর জন্মদিনে এখনো পায়েস রান্না করে।”
পাড়ার লোকজন জড়ো হতে থাকে—কে যেন বলে ওঠে, “ওই যে, হারিয়ে যাওয়া ছেলেটা নাকি ফিরেছে…!”
কারও মুখে অবিশ্বাস, কারও চোখে বিস্ময়, কেউ বলছে—“এত বছর পর?”
কিন্তু মা শুনছেন না কিছুই। তিনি আমার মুখে হাত রাখেন। বারবার বলছেন, “আমার ছেলেটা বেঁচে আছে… ফিরেছে… ফিরেছে…”
এমন মুহূর্তে সময় থেমে গেছে। কোনো অভিমান, কোনো দুঃখ, কোনো প্রশ্ন নেই আমাদের মাঝে। অনেকক্ষণ পর গুরুদেবের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। জীবনে ঘটে যাওয়া সব ঘটনা বাবামা ও বোনকে বললাম। তাঁরা গুরুদেবকে অনেক ভক্তি-শ্রদ্ধা করলেন। খেয়াল করে দেখলাম গুরুদেবও অনেক আনন্দিত।
বাড়িতে প্রায় পাঁচ দিন কেটে গেল। তাঁরপর বাবামা ও বোনকে বুঝিয়ে বললাম—আমি আর তোমাদের থেকে পালিয়ে বেড়াবো না। আমাকে চলে যেতে হবে। মাঝেমধ্যেই এসে তোমাদের দেখে যাবো। আর প্রতিদিন ফোনে খোঁজখবর রাখবো। বাবা-মাকে যে ফোনটা দিতে চেয়েছিলাম, সেটি বোনকে দিয়েছি। বোন আমার দারুণ খুশি। এরপর বিদায় নিয়ে বেড়িয়ে পড়লাম। বাবামা ও বোন আমাকে জরিয়ে ধরে অনেক কান্নাকাটি করলো।
শালবনের পথ অতিক্রম করে আমরা আশ্রমে ফিরছিলাম। পাহাড়ি পথ হাঁটতে-হাঁটতে গুরুদেব হাঁপিয়ে উঠছেন। তাই একটু বিশ্রাম নেবার জন্য নদীর ধারে হিজল গাছের নিচে বসলাম। জল কাঁপছে, বাতাসে বনভূমির গন্ধ। সূর্যের আলো পাতার ফাঁক গলে এসে আমার চোখে পড়ে, আমি চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নিয়ে গুরুদেবকে জিজ্ঞেস করলাম, “সাঁইজি, প্রেম কি কোনো নিয়ম মেনে চলে না?”
গুরুদেব নদীর দিকে তাকিয়ে হাসলেন, বললেন, “নদী কি কেবল একপাশেই বয়? বাতাস কি কেবল একটি দিকেই প্রবাহিত হয়?”
আমি আকাশের দিকে তাকিয়ে সাদা মেঘ দেখতে-দেখতে বললাম, “মানুষ বলে—প্রেম হওয়া উচিত কেবল নারী ও পুরুষের মধ্যে। কিন্তু অনেক মানুষের হৃদয়ে তো অন্য সুরে বাজে! তারা ছেলে হয়ে ছেলের প্রেমে এবং মেয়ে হয়ে মেয়ের প্রেমে পড়ে! তাদের প্রেম শারীরিক সম্পর্কেও গড়ায়! তারা কি তবে প্রকৃতির বিরুদ্ধে?”
গুরুদেব একটি ছোট্ট ঘাসফুল তুললেন, যার পাঁপড়ির রং যেন সূর্যাস্তের মতো লালচে-নীল। তিনি ফুলটি দেখিয়ে বললেন, “এই ফুলটি দেখো। বনে হাজারো ফুল আছে, সব কি একই রকম? একেকটা একেক রঙের, একেকটা একেক সুগন্ধের। কেউ কি বলে, এই ফুলটি ভুল?”
আমি ফুলটি গুরুদেবের হাত থেকে আমার হাতে নিয়ে বললাম, “তাহলে সমকামীদের প্রেমও কি প্রকৃতিরই অংশ?”
গুরুদেব শান্ত গলায় বললেন, “ভালোবাসা যদি বিশুদ্ধ হয়, তবে তা কখনোই অশুদ্ধ হতে পারে না। প্রকৃতি যেমন আপন নিয়মে চলে, তেমনি প্রেমও তার পথ খুঁজে নেয়। দেখো, গগনে চাঁদ আর সূর্য দুটো আলাদা পথ ধরে চলে, কিন্তু দুজনেই আকাশের শোভা বাড়ায়। তেমনি, সকল প্রেম একরকম হবে, এই চিন্তাই তো সংকীর্ণতা। যদি কেউ বলে, একটি মাত্র পথই সত্য, তবে সে কি অন্ধ নয়?”
আমি নদীর দিকে তাকিয়ে অনুভব করলাম— সমকামীদের প্রেম প্রকৃতিবিরুদ্ধ নয়, বরং এটাই প্রকৃতি! আমার ভাবনার সীমানা প্রাচীর ডিঙিয়ে গুরুদেব আরও বলেন, “ভালোবাসা কারও অনুমতির অপেক্ষায় থাকে না। যাকে হৃদয় চেনে, তাকেই গ্রহণ করে। আর সমাজের নিয়ম? সেগুলো যুগে যুগে বদলায়, কিন্তু প্রেম— সে চিরন্তন!”
সমপ্রেম বা সমকামিতা নিয়ে গুরুদেবকে প্রশ্নটি করতাম না, করলাম একটি কারণে। বাড়িতে থাকতে সেদিন রাতে ফেসবুক মেসেঞ্জারে একটি সুদর্শন যুবকের মেসেজ আসে। সে লিখেছে—তুমি কি আমার সঙ্গে প্রেম করবে? মেসেজ পড়ে আমি প্রথমত বিষয়টি বুঝতে পারিনি। কোনো রিপ্লাই দিলাম না। এরপর তার ছবি এবং ভিডিও পাঠালেন। সম্পূর্ণ উলঙ্গ! আমি হতভম্ব হয়ে গেলাম। তাকে লিখলাম—এসব কী ভাই? আপনার কোনো লজ্জাশরম নাই? এরপর সে সরাসরি অডিও কল দিলো, আমি রিসিভ করলাম না। মেসেজে অনেক রিকুয়েষ্ট করলো কলটি ধরার জন্য। তার অডিও কল রিসিভ করলাম। অনেকক্ষণ কথাবার্তা বলার পর বুঝতে পারলাম—যুবকটি সমকামী। তাঁর সাথে আলোচনা করে বুঝতে পারলাম—সমকামী শুধু ছেলেরাই হয় না, মেয়েরাও হয়! আমি সমকামী না এটা যখন বুঝতে পারলো, তখন সে দুঃখপ্রকাশ করলো। আমি সমকামী না এজন্য তাকে সমবেদনা জানিয়ে বিদায় নিলাম। তারপর থেকেই ‘সমকামিতা বৈধ নাকি অবৈধ’ এই প্রশ্নটি আমার মাথায় ঘুরপাক খাচ্ছিলো। তাই সুযোগ বুঝে গুরুদেবের কাছ থেকে বিষয়টি জেনে নিলাম।
অনেকক্ষণ বিশ্রাম নেয়া শেষে গুরুদেব বললেন, “চলো এবার হাঁটতে থাকি।”
চাটুকারিতা
আরেকটা গ্রাম পাড়ি দিলেই আমাদের আশ্রম। সামনেই রামপুর গ্রাম। রামপুর গ্রামে প্রবেশ করতে-না-করতেই রামপুর উচ্চবিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে দেখতে পেলাম অনেক মানুষের সমাগম। উপস্থিত লোকজনদের কাছ থেকে জানতে পারলাম—এখানে সরকার সমর্থিত কিংস পার্টির জনসভা চলছে। মঞ্চে বক্তব্য দিচ্ছেন কিছু বাচ্চা ছেলেপেলে, যাদের বয়স ত্রিশের নিচে। গুরুদেবকে বলেকয়ে একটু দাঁড়ালাম। মনে কৌতুহল—দেখি এরা কী বলে। তাদের বক্তব্যে নিজেদের তথা সরকারের প্রশংসা এবং পতিত সরকারের গীবত ছাড়া আর কিছু নাই। দেশে যখন আইনের শাসনের বেহাল দশা, লুটপাট, চুরি, ডাকাতি, খুন, ধর্ষন, স্বজনপ্রীতি ও বিদেশিদের কাছে দেশ বিক্রির ষড়যন্ত্রে সার্বভৌম দেশটি যখন একেবারে নাজেহাল, তখন এরা গাইছে সরকারের গুনগান! এদের কথা শুনতেই মনে ঘৃণা ধরে গেল। গুরুদেব বললেন, “এখান থেকে তাড়াতাড়ি চলো বাপ।”
আমরা দ্রুত কেটে পড়লাম। সারাটা রাস্তা হাঁটতে-হাঁটতে মনে হলো— এই লোকগুলো সরকারের প্রশংসাকারী নয়, বরং চাটুকার দুর্বৃত্ত। এরা প্রত্যেকটা পোলাপান এলাকার মেধাহীন টোকাই মাস্তান।
আমার একটা দোষ আছে, সেটা হলো—কারও অতিরিক্ত প্রশংসা আমি করতে পারি না। ‘অতিভক্তি চোরের লক্ষণ’ এই প্রবাদটি খুব ছোটোবেলাতেই শিখেছিলাম। প্রশংসা করতে গিয়ে যদি চাটুকার হয়ে যাই, এই ভয়টা আমার মাঝে প্রকট ছিলো। আশ্রমে ফিরে এসে বটগাছের নিচে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে গুরুদেবকে জিজ্ঞেস করলাম, “বাজান, প্রশংসা আর চাটুকারিতার মধ্যে পার্থক্য কী? আমি তো কাউকে কিছু বলতেই ভয় পাই! যদি চাটুকার হয়ে যাই!”
গুরুদেব কিছুক্ষণ নীরব থাকার পর বটগাছের দিকে তাকিয়ে বললেন, “দেখো, এই বটগাছটিকে। কত বিশাল! তার শিকড় গভীর, ছায়া প্রশস্ত। এখন, যদি আমি বলি, ‘এই গাছ ছায়া দেয়, অনেক পাখির আশ্রয় দেয়, তার শিকড় দৃঢ়’— তবে তা প্রশংসা। কারণ এটি সত্য।”
আমি মাথা নেড়ে বললাম, “এটা তো পরিষ্কার, বাজান। কিন্তু চাটুকারিতা?”
গুরুদেব এবার একটি শুকনো লতাগাছের দিকে ইশারা করে বললেন, “যদি কেউ এই শুকনো লতাটির সামনে দাঁড়িয়ে বলে, ‘তুমি পৃথিবীর সবচেয়ে সবুজ বৃক্ষ, তোমার ছায়ায় মানুষ শান্তি পায়, তোমার শিকড় মহাসাগর ছুঁয়ে গেছে’— তবে তা কী হবে?”
আমি একগাল হেসে বললাম, “এ তো অবাস্তব, বাজান! এই লতা তো নিজেই টিকে থাকার জন্য অন্য গাছের ওপর নির্ভরশীল!”
গুরুদেব হালকা মাথা নেড়ে বললেন, “এই নির্ভরতাই চাটুকারিতার উৎস। যে নিজে দাঁড়াতে পারে না, সে অন্যকে প্রশংসার মায়ায় জড়িয়ে নিজের স্বার্থ হাসিল করতে চায়। তাই, মনে রেখো, প্রশংসা সত্যকে প্রতিষ্ঠিত করে, আর চাটুকারিতা মিথ্যার আবরণ রচনা করে।”
আমার আর বুঝতে বাকি রইল না। আমি বুঝলাম— প্রশংসা করতে হবে সত্যের ভিত্তিতে। যোগ্যতার চেয়ে বেশি প্রসংশা করাই চাটুকারিতা।
