গালাগালি
ইদানীং আমার মনে একটা ধারণা জন্ম নিয়েছে, আর তা হলো—গালি হচ্ছে ভাষার অলংকার এবং মনের জ্বালা দূর করার সেরা টনিক! ধরুন, কেউ আপনার গালে জোরসে একটা থাপ্পড় মেরেছে, কিন্তু আপনি তাকে একটা ফুলের টোকাও দিতে পারছেন না, তাই দূর থেকে আপনি তাকে বললেন ‘শুয়োরের বাচ্চা’,তাহলে নিশ্চয়ই আপনার ক্ষোভ কিছুটা দূর হবে।
রাষ্ট্রযন্ত্র নিয়ে যারা কাজ করছে, এদের কথাবার্তা শুনলেই মন থেকে গালি বেরিয়ে আসে। রাষ্ট্রের অবস্থা যেখানে ভাইরাস আক্রান্ত রোগীর মতো, সেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ দখলকারীরা নতুন-নতুন স্বপ্ন দেখাচ্ছে, রাষ্ট্র পরিচালনায় নিজেরাই নিজেদের প্রশংসা করতেছে। ফেসবুক ইউটিউব খুললেই এদের মুখ সামনে আসে। এদের কথা শুনলেই মুখ দিয়ে গালি বেরিয়ে যায়। যদি পারতাম এদের নিয়ে লেখালেখি করতাম, লাইভে এসে ভুল ধরিয়ে দিতাম, দু’চারটা গালি দিতাম। কিন্তু আমার কথা কে শুনবে? আমার তো কোনো জনপ্রিয়তা নাই। তাই পাবলিক প্লেসে এসব নিয়ে কথা বলি না। কিন্তু ওদের ভিডিও দেখলেই উত্তেজনার বশে গালি দিই। বিষয়টি গুরুদেব খেয়াল করেছিলেন। একদিন তিনি বললেন, “তুমি যখন রেগে যাও, তখন কী করো?”
আমি বললাম, “গালি দিই, কারণ তখন আর কিছু করার থাকে না! আর আমার মনের জ্বালা দূর হয়।”
গুরুদেব শাসনের ভঙ্গিতে বললেন, “তুমি তাহলে তোমার জীবনীশক্তি হারিয়ে ফেলতেছো!”
আমি বিস্মিত হয়ে বললাম, “কেন বাজান?”
গুরুদেব একটা কাপ হাতে নিয়ে বললেন, “এই কাপে যদি বিষ ঢালা হয়, তুমি কি তা পান করবে?”
আমি বললাম, “না, বাজান! আমি কি পাগল?”
গুরুদেব বললেন, “কিন্তু যখন কোনো অন্যায়কারী বা বৈষম্যকারী দেখতে পাও, তাদের কথা শুনতে পাও, তখন তুমি তাদের কথা ও কর্মকাণ্ডের বিষ পান করতেছো! এবং সেই বিষ তোমার রাগ হয়ে বেরিয়ে আসছে গালি হিসেবে।”
আমি স্তব্ধ হয়ে গেলাম। গুরুদেব আরও বললেন, “গালি হলো দুর্বলতার প্রকাশ। শক্তিশালী হও, বাপ। প্রতিক্রিয়া নয়, উপলব্ধি করতে শেখো।”
আমার চোখে হঠাৎ বোধির আলো জ্বলে উঠল। সেই মুহূর্তে বুঝতে পারলাম— বিষ ঢেলে দেওয়া নয়, হজম করতে পারাটাই জ্ঞানীর কাজ। আর অন্যায়কারীর পতন সময়ের কাছে ছেড়ে দেয়াটাই প্রজ্ঞাবান মানুষের বৈশিষ্ট্য।
পাগলের আশ্রম
আমাদের আশ্রমটাকে শুধু আশ্রম বললে ভুল হবে। কারণ, এটা এখন একদল ভবঘুরে পাগলের আশ্রয়স্থল। কেউ তাদের তাড়ায় না, কেউ তাদের শাসনও করে না। এরা শহরের রাস্তা থেকে, বাজারের কোণ থেকে, মন্দিরের সিঁড়ি থেকে হারিয়ে গিয়ে এখানে এসে ঠাঁই নিয়েছে।
একেকজন একেক রকম পাগল। কেউ আকাশের দিকে তাকিয়ে হাসে, কেউ অদৃশ্য কারও সঙ্গে কথা বলে, কেউবা কবিতা আবৃত্তি করে। ‘ধনের পাগল’ গোবিন্দ রাস্তায় পড়ে থাকা কয়েন কুড়িয়ে রাখে, ‘জ্ঞানের পাগল’ মহেশ এক পুরনো বই নিয়ে সারাদিন বসে থাকে, ‘গানের পাগল’ রফিক বাঁশি বাজায়, ‘সৌন্দর্যের পাগল’ জগন্নাথ আশ্রমের ফুলগুলো পরম মমতায় আগলে রাখে।
তবে সবার চেয়ে আলাদা ‘আধ্যাত্মিক পাগল’ নারায়ণ। সে সারাদিন ধ্যানমগ্ন থাকে। মাঝে মাঝে গভীর রাতে উঠে আকাশের দিকে তাকিয়ে বলে, “জগৎ এক মহা পাগলের খেলা!” কেউ বুঝতে পারে না সে কী বলতে চায়। তবে সবাই জানে, তার চোখে এক ধরনের অদ্ভুত দীপ্তি আছে।
একদিন এক তরুণ ভ্রমণকারী আশ্রমে এসে নারায়ণের পাশে বসল। বলল, “আপনারা পাগল হলেও অনেক সুখী দেখাচ্ছে! এই আশ্রমের কি কোনো নিয়ম নেই?”
নারায়ণ কোনো কথা বলল না। গুরুদেব তরুণ ভ্রমণকারীকে বললেন, “বাপ, এখানে নিয়ম একটাই— কেউ কারও পাগলামিতে হস্তক্ষেপ করবে না!”
তরুণ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আস্তে করে বলল, “আমিও কি এখানে থাকতে পারি?”
গুরুদেব তাকালেন তার চোখের দিকে। তারপর বললেন, “পাগল হতে পারলে থাকো। কিন্তু মনে রেখো, এই আশ্রম শুধু পাগলদের জন্য!”
জ্ঞানবৃক্ষ
এখনও বলি তখনও বলি, আমি আমার গুরুদেবের গাঁজা সেবনকে ভালোভাবে নিতে পারিনি। তাঁর যে জ্ঞান, তাঁর যে সম্মান, এতে করে তাঁকে গাঁজার নেশায় বুঁদ হয়ে থাকাটা মানায় না। আমি একদিন বিরক্ত হয়ে বলেই ফেললাম, “বাজান, আমি দেখেছি, যারা গাঁজা খায়, তাদেরকে সমাজ ভালো চোখে দেখে না। আমার মনে হয়, আপনি যদি গাঁজা খাওয়া ছেড়ে দেন, তাহলে এই সমাজে আপনি একজন খাঁটি সুফি হিসেবে পরিচিতি লাভ করতে পারবেন।”
গুরুদেব মৃদু হাসলেন। ধোঁয়ার আচ্ছাদনে তাঁর চেহারা আরও রহস্যময় লাগছিল। তিনি গাঁজার কল্কি আমার হাতে ছেড়ে বললেন, “এক কাজ করো। সমাজে গিয়ে খুঁজে দেখো, গাঁজাখোর কাউকে হত্যা করেছে কি না, গাঁজার নেশায় কেউ প্রতারণা করেছে কি না। তারপর ফিরে এসো।”
আমি বললাম, “বাজান, আমি জানি— গাঁজা সেবনকারীরা গাঁজাখোর, সুদখোর, ঘুষখোর, নেশাখোর, জুয়াখোর ও ধর্মখোর নয়; তাঁরা আসলে বাউল, ফকির, ভাবুক! কেউ কারও ক্ষতি করে না। বরং আমি এমন অনেককে দেখেছি, যারা গাঁজার আসরে বসে শুধু গান গায় আর মাটির দিকে তাকিয়ে হাসে।”
গুরুদেব এবার চোখ বন্ধ করে বললেন, “যারা প্রকৃত নেশায় মশগুল, তারা কখনো সমাজকে বিষিয়ে তোলে না। কিন্তু লোভ, প্রতারণা, ক্ষমতার নেশায় যারা মশগুল, তারা সমাজকে শেষ করে দেয়। তাদের জন্য এটি গাঁজাগাছ, আর আমাদের জন্য জ্ঞানবৃক্ষ। তাদের জন্য এটি নেশা, আমাদের জন্য ঔষধ। আসল নেশা কী, তা বোঝার ক্ষমতা সবার নেই। অধিকাংশ মানুষ বাহিরের আবরণ দেখে বিচার করে, ভেতর দেখে না। মানবজাতির ইতিহাসে সবচেয়ে বড় ভয়ংকর ও জঘন্য ঘটনা যারা ঘটিয়েছে, তাদের একজনও গাঁজা সেবন করতোনা! তবুও আমি মানছি—এই আসক্তিটাই আমার এ জনমের দুর্বলতা। পরজনমে এটা ছেড়ে দেবো বাপ।”
গুরুদেবের কথায় আমার মাথা নিচু হয়ে গেল। মনে হলো—তথাকথিত এই সভ্য সমাজ আসল অপরাধীদের চেয়ে নিরীহদের দমাতেই বেশি ব্যস্ত থাকে!
যৌতুক
আজ সারাটি দিন আমার মনখারাপ ছিলো। সকালবেলা বাড়ি থেকে ফোন এসেছিল। জানতে পারলাম আমার একমাত্র বোনের বিয়ে ঠিক হয়েছে। খবরটা পেয়ে প্রথমত আনন্দে বিমোহিত হয়েছিলাম। পরক্ষণেই বিষাদের কালো মেঘে মনের আকাশটা অন্ধকার হয়ে গেল। বিয়ের যৌতুক হিসেবে পাত্রপক্ষ মোটরসাইকেল, ফার্নিচার আর ছেলের ভবিষ্যত গড়ার জন্য বেশকিছু টাকা চায়। কিন্তু এসব আমরা কোথায় পাবো?
সারাটি দিন কেটে গেল। শহর থেকে থেকে এসেছি। ভাবছি বাড়িতে কল দিয়ে এ প্রসঙ্গে মা-বাবার সঙ্গে কথা বলি। আমার মনের আকাশে বিষাদের মেঘ তখনও কাটেনি। চোখেমুখে অস্থিরতা। এমন সময় গুরুদেব আসলেন। আমার দিকে তাকিয়ে বললেন, “কী ভাবছ, বাপ?”
আমি একটু ইতস্তত করে বললাম, “বাজান, আমার বোনের বিয়ে ঠিক হয়েছে। কিন্তু পাত্রপক্ষ অনেক কিছু দাবি করছে— গাড়ি, ফার্নিচার, টাকাপয়সা… আমার বাবা খুব দুশ্চিন্তায় আছেন!”
গুরুদেব দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বললেন, “আচ্ছা, বলো তো, এক মুষ্টি চালের দাম কত?”
আমি বিভ্রান্ত হয়ে বললাম, “খুব সামন্য।”
গুরুদেব আবার বললেন, “আর এক মুঠো সোনার দাম?”
এবার আমি মাথা নিচু করে বললাম, “সে তো অনেক দাম!”
গুরুদেব হাসলেন, তারপর বললেন, “তাহলে বলো, তোমার বোনের মূল্য কত?”
আমি চমকে উঠে সঙ্গে-সঙ্গে বললাম, “বাজান, আমার বোনের তো কোনো দাম হয় না! সে আমার কাছে অমূল্য। আমার বাবামায়ের কলিজার টুকরো সপ!”
গুরুদেব এবার গম্ভীর হয়ে বললেন, “তাহলে তোমার বাবাকে বোলো, তিনি যেন তার অমূল্য রত্নকে কোনো লোভীর হাতে তুলে না দেন। যে নারীকে ভালোবাসার বদলে টাকার হিসাবে মাপে, সে পুরুষ নয়, সে নিসন্দেহে কাপুরষ। আর যে পরিবার কন্যার পরিবর্তে সম্পদ চায়, তারা কন্যাকে নয়, সম্পদকেই গ্রহণ করতে চায়।
আমার চোখ দুটো জলে ভরে উঠল। আমি উপলব্ধি করলাম—আমাী বোন শুধু একটি যৌতুকের বিনিময়ে বিক্রয়যোগ্য বস্তু নয়। সে একটি মানুষ, সে আমার পরিবারের ভালোবাসা এবং সম্মানের প্রতীক। আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে বললাম, “বাজান, আপনি ঠিকই বলেছেন। বিষয়টি আমি আমার বাবাকে বোঝাব। আমার বোন কোনো মূল্যে বিক্রির জন্য নয়!”
গুরুদেব হাসলেন। বাতাসে তখন সন্ধ্যার আলো, যেন নতুন এক উপলব্ধির দ্যুতি ছড়িয়ে পড়ছিল চারদিকে। আমার মনের আকাশে মেঘ কেটে নতুন সূর্যের উদয় হলো। তারপর আমি মা-বাবার সঙ্গে ফোনে কথা বলে তাঁদেরকে বিষয়টি বোঝাতে সক্ষম হলাম।
মরেও অমর
গুরুভাই রাজন একদম সরল-সুন্দর মানুষ। কোনো ঝামেলা তিনি পছন্দ করেন না। আড়ম্বরপূর্ণ জীবনযাপনে অভ্যস্ত নন তিনি, যদিও তাঁর বাপদাদার অঢেল সম্পদ রয়েছে। ন্যাকাবোকা পোলাপানের মতো কথা বলেন। সাধুসঙ্গে বসলে একদম চুপচাপ বসে থাকেন। আজকে হটাৎ করে গুরুদেবকে সে জিজ্ঞেস করলেন, “গুরু, মৃত্যুর পর আমাদের বিচার-আচার হবে কী? মৃত্যু পরবর্তী জীবনের যে গল্প শুনি, এগুলো কি সত্য?”
গুরুদেব একটানা তাকিয়ে রইলেন রাজনের চোখের দিকে। যেন তার প্রশ্নের গভীরে আরও বড় কোনো প্রশ্ন খুঁজছিলেন। তারপর ধীরে-ধীরে বললেন, “বলো তো, এই শরীরটা নিয়ে মানুষের শেষ গন্তব্য কোথায়?”
রাজন দাদা এক মুহূর্ত ভেবে বললেন, “কবর, চিতা… অথবা ধুলোয় মিশে যাওয়া।”
গুরুদেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, “হ্যাঁ, বেশিরভাগ মানুষ তাই ভাবে। কিন্তু যদি বলি, তোমার শরীর মৃত্যুর পরও বেঁচে থাকতে পারে?”
রাজন দাদা অবাক হয়ে গুরুদেবের দিকে তাকালেন। গুরুদেব চোখে চোখ রেখে বললেন, “ধরো, একজন শিশু। জন্ম থেকেই সে অন্ধ। কখনো সূর্যের আলো দেখেনি, মায়ের মুখও নয়। যদি তোমার চোখ তাকে দান করা হয়, সে পৃথিবী দেখতে পাবে, তার মায়ের হাসি দেখতে পাবে। তুমি না থেকেও তার দৃষ্টি হয়ে থাকবে!”
খেয়াল করলাম রাজন দাদার চোখে জল টলমল করছে। গুরুদেব আবার বললেন, “ধরো, একজন বাবা হাসপাতালের বেডে পড়ে আছে, তার কিডনিগুলো বিকল। ছোট্ট মেয়েটা বাবার জন্য কান্না করছে। তুমি যদি তোমার একটি কিডনি তাকে দান করো, সে বাবা হয়ে মেয়েকে বড় করতে পারবে। তুমি না থেকেও তার বাবার রক্ত হয়ে থাকবে!”
রাজন দাদা এবার কান্না চেপে বসে রইলেন। গুরুদেব আবারও বললেন, “আমরা কেবল জন্মাই, বড় হই, মরি— যদি জীবন এতটাই অর্থহীন হয়, তবে জন্মের দরকারই বা কী? কিন্তু যদি তোমার মৃত্যুর পরও কেউ তোমার দেওয়া হৃদয় দিয়ে বাঁচে, তোমার ফুসফুস দিয়ে নিঃশ্বাস নেয়, তোমার হাতের স্পর্শ অনুভব করে— তাহলে কি তুমি সত্যিই মারা যাবে?”
রাজন দাদার চোখ বেয়ে এবার অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। সে গলা কাঁপতে-কাঁপতে বললেন, “গুরু, আমি চাই, আমার শরীরটাও মানুষের কাজে লাগুক। আমি চাই, মৃত্যুর পরও আমি কারও হাসি হয়ে থাকি, কারও দৃষ্টি হয়ে থাকি, কারও হৃদস্পন্দন হয়ে থাকি!”
গুরুদেব চোখ বন্ধ করলেন। গভীর প্রশান্তিতে বাতাস থমকে রইল, যেন সৃষ্টির নিজস্ব আশীর্বাদ শিষ্যের কাঁধে এসে পড়ল। চোখ বন্ধ থাকা অবস্থাতেই গুরুদেব বললেন, “মৃত্যু পরবর্তী জীবনে বিচার-আচার বলে যদি কিছু থেকে থাকে, তখন দেখা যাবে। আপাতত এই জীবনে ভালো কিছু করো। আর ভালো কিছু না করতে পারলেও, খারাপ কিছু করো না।”
রাজন দাদা ও গুরুদেবের কথাবার্তায় বুঝতে পারলাম—মৃত শরীরের পূজা না করে তা চিকিৎসা বিজ্ঞানের জন্য দান করাই তো ভালো। প্রত্যকেটা বুদ্ধিমান মানুষেরই উচিত তাঁর নিজদেহটা মরণোত্তর দান করে যাওয়া। আমার মস্তিষ্কের স্নায়ুতন্ত্রেও একটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো—মরণের আগে চিকিৎসা বিজ্ঞানের জন্য আমার দেহটা দান করলে কেমন হবে? আমি আমার দেহটা দান করবো কি-না তা নিয়ে গুরুদেবের পরামর্শ চাইলাম, উত্তরে গুরুদেব বললেন, “এটা যারযার একান্ত ব্যক্তিনির্ভর বিষয়, এতে কেউ কাউকে অনুপ্রানিত করতে পারে না। একজন নাস্তিক, যিনি ঈশ্বর এবং পরকালে বিশ্বাস করেন না, যিনি জানেন যে মৃত দেহের কোনো মূল্য নাই, তিনিও যদি মরণোত্তর দেহদানে মানসিক শান্তি না পান, তাহলে তাঁর বিশ্বাস নিয়ে সন্দেহ করা যাবেনা। মরণোত্তর দেহদান কেউ করলে তাঁকে স্বাগতম, না করলেও ধন্যবাদ।”
আমার উদ্দেশ্যে গুরুদেবের বলা কথাগুলো গভীর মনোযোগ দিয়ে ভাবলাম। তারপর সিদ্ধান্ত নিলাম—সময়-সুযোগ বুঝে আমার দেটা মরণোত্তর দান করে আসবো।
চৈতন্যের চোখ
সন্ধ্যার আকাশে লালচে আলো মেখে সূর্য বিদায় নিচ্ছে। পাখিরা ডানা গুটিয়ে ফিরছে নীড়ে, বাতাসে ধূপের গন্ধ মিশে আছে। আশ্রমের বারান্দায় গুরুদেব বসে আছেন, পাশে আমরা। আজকের সাধুসঙ্গে নতুন এক মুখ, আইয়ুব শাহ্। আইয়ুব শাহ্ গুরুদেবকে জিজ্ঞেস করলেন, “ফকির সাহেব, ঈশ্বর বলে কেউ কী সত্যিই আছেন?”
গুরুদেব হাসলেন। পাশে রাখা এক গেলাস দুধের দিকে তাকিয়ে বললেন, “শ্রদ্ধেয় শাহ্, এই দুধ দেখেছন? যদি একে জ্বাল দেন, প্রথমে দুধের পানি বাষ্পে পরিণত হয়ে হাওয়ায় মিশে যাবে এবং খাঁটী দুধটুকু সরে পরিনত হবে। যদি সরকে ঘষেন, সর থেকে মাখন বের হবে। আর যদি মাখনকে জ্বাল দিয়ে গলিয়ে ফেলেন, তখন পাবেন ঘি। দুধ কখনো সর নয়, সর কখনো মাখন নয়, আর মাখন কখনো ঘি নয়। কিন্তু সবকিছুর মধ্যেই তো দুধের অস্তিত্ব আছে, তাই না?”
আইয়ুব শাহ্ মাথা নেড়ে বললেন, “হ্যাঁ, তাই তো।”
গুরুদেব এবার আকাশের দিকে তাকিয়ে বললেন, “তেমনি ঈশ্বরও সবকিছুর মধ্যে আছেন। জ্ঞান হচ্ছে সর, প্রজ্ঞা হচ্ছে মাখন, আর চৈতন্য হচ্ছে সেই ঘি—সবচেয়ে বিশুদ্ধ, সবচেয়ে গভীর। আপনি যখন সত্যের শেষ বিন্দুতে পৌঁছাবেন তথা চৈতন্য লাভ করবেন, তখন বুঝবেন—ঈশ্বর আপনার বাইরের কিছু নয়, তিনি আপনারই অংশ! এই মহা বিশ্বপ্রকৃতি দেখতে পাচ্ছেন, এটা স্বয়ং ঈশ্বরের দেহ। আর চৈতন্য হচ্ছে ঈশ্বরের মস্তিষ্ক।”
আইয়ুব শাহ্ নামি-দামি কোনো গুরু নন। তিনি সত্যের পূজারি। তিনি সত্যের দেখা পেলে তা গ্রহণ করতে লজ্জিত হোন না। আমার গুরুদেবের চেয়ে আইয়ুব শাহ্ ফকিরের বয়স বেশি। তিনি বয়সে বড় হয়েও গুরুদেবের পা ছুঁয়ে প্রণাম করতে গেলেন। সঙ্গে-সঙ্গে গুরুদেব পা সরিয়ে নিয়ে বললেন, “শ্রদ্ধেয় শাহ্, আপনি তো আমার সহযাত্রী! আপনি কেন আমার পা ছুঁয়ে প্রণাম করতে আসছেন? যিনি আমার কথার রহস্য উপলব্ধি করতে পারেন, তাঁর অবস্থান আমার পায়ে নয়, তিনি থাকেন আমার মনে ও মস্তিষ্কে তথা বুকে এবং মাথায়!”
অদেখার দৃষ্টি—৮৭
আজকে ব্যবসার উদ্দেশ্যে শহরে যাইনি। শরীরটা তেমন ভালো না। একটানা পরিশ্রম করে কেমন জানি একঘেয়েমি লাগছে। গতরাতে তুলসীকে স্বপ্নে দেখেছি। জানিনা ও কেমন আছে। ওর সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা উচিৎ। আচ্ছা, ও কি আমাকে ভুলে গেছে? প্রশ্নটা মনে হতেই একরাশ ডিপ্রেশন আমার মস্তিষ্কে বাসা বাঁধলো। তাই আজকে আশ্রমেই আছি। গুরুদেবের সঙ্গেও আজ তেমন কথাবার্তা হয়নি। সারাদিন এপাশ-ওপাশ করেও সময় কাটছে না। কিছুদিন আগে বইমেলা থেকে পাশ্চাত্য দর্শনের একটা বই কিনে এনেছিলাম। বইটা পড়া হয়নি। তাই ভাবলাম কয়েকটা পৃষ্ঠা উল্টিয়ে দেখি। এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা করে পড়তে-পড়তে পুরো বইটা শেষ! বইটা পড়তে ভালোই লাগছিলো।
বইটি পড়তে-পড়তে কখন দুপুর গড়িয়ে বিকেল চলে এসেছে বুঝতেই পারিনি। বাতাস থমথমে, আকাশে ঘন কালো মেঘ। দূরের পাহাড়ের গায়ে রোদের শেষ আলো লেগে সোনালি রেখা এঁকে দিচ্ছে। নদীর জলে সন্ধ্যার প্রতিচ্ছবি কাঁপছে, যেন প্রকৃতির নিজস্ব কোনো ভাষা আছে, যা মানুষ এখনো বুঝতে পারেনি। গাছের পাতাগুলো ধীরে-ধীরে নড়ছে, ঠিক যেমন মানুষের চিন্তাগুলো অস্থির হয়ে ওঠে কোনো নতুন সত্যের মুখোমুখি হলে। আশ্রমের বারান্দায় দাঁড়িয়ে গুরুদেব দূর আকাশের দিকে তাকিয়ে কী যেন ভাবতে ছিলেন। বইটি হাতে করে নিয়েই গুরুদেবের কাছে চলে এলাম। তাঁর ভাবনার আকাশে চাঁদ হয়ে উঁকি দিয়ে জিজ্ঞেস করলাম, “সাঁইজি, দর্শন জিনিসটা কী?”
গুরুদেব মৃদু হাসলেন, আমার দিকে তাকিয়ে বললেন, “গ্যালিলিও যখন বললেন, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে—তখন তাকে বন্দী করা হয়েছিল। সক্রেটিস যখন প্রশ্ন করলেন, সমাজ কিসে ন্যায়সঙ্গত—তাকে বিষপান করানো হয়েছিল। নিটশে যখন বললেন, ঈশ্বর মৃত—তাকে পাগল বলা হয়েছিল। অথচ এঁরা ছিলেন দার্শনিক। দার্শনিকরা যা বলেন, তা-ই দর্শন। তাঁরা এমন কথা মাঝেমধ্যে বলেন, তা শুনে সাধারণ মানুষ মনে করে নিশ্চয়ই উনারা পাগল নয়তো বিদ্রোহী।”
আমি আবারও প্রশ্ন করলাম, “তাহলে দর্শন কি মানুষের জন্য বিপদজনক?”
গুরুদেব কিছুক্ষণ নীরব রইলেন, তারপর মাটির উপর থেকে এক চিমটি ধুলো তুললেন। সেটি বাতাসে ছড়িয়ে দিয়ে বললেন, “দর্শন মানে সেই ধুলো হওয়া, যা বাতাসের বিপরীতে উড়ে যায়। যারা দেখতে পায় না, তারা বলে তুমি নেই। কিন্তু তুমি থাকো—প্রতিটি স্পর্শে, প্রতিটি পরিবর্তনে, প্রতিটি নবজাগরণে!”
আমার চোখে নতুন আলো ফুটে উঠলো! আমি বুঝে গেলাম— দর্শন মানে শুধু ভাবনা নয়, দর্শন মানে দুঃসাহস—একটি বিদ্রোহ, যা অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বালায়, যে আলোতে থাকে নতুনত্বের ঝলক! এই দৃষ্টিকোণ থেকে যদি ভাবি, তাহলে আমার গুরুদেবও একজন মহান দার্শনিক!
কবি ও নবি
কবিরা কবিতা লেখে ছন্দ মিলিয়ে, ধর্মগ্রন্থের বাণীগুলাও ছন্দবদ্ধ। তাই আমার মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে— আচ্ছা, নবিরা কি কবি ছিলেন? আমার ভেতরে কোনো প্রশ্নের উদয় হলে গুরুদেবকে না বলে থাকতে পারি না। গুরুদেবকে সরাসরি জিজ্ঞেস করলাম, “বাজান, প্রত্যেক নবিই কি কবি ছিলেন? নবি ও কবির লেখায় তো একই ছন্দ। তাহলে তাদের মধ্যে পার্থক্য কী? কবিরা কবিতা লিখে যদি ব’লে—এটা ঈশ্বরের ওহী, তাহলে তাঁদের কীভাবে অবিশ্বাস করবো?”
গুরুদেব বললেন, “শোনো, এক রাজ্যে একবার দুই ব্যক্তি আবির্ভূত হলেন—একজন ছিলেন কবি, আরেকজন নবি। কবির কণ্ঠে ছিল সুর, তাঁর ভাষায় ছিল প্রেম, প্রকৃতি, সমাজ আর মানুষের গল্প। তিনি বলতেন—আমি শুধু আমার অনুভূতি প্রকাশ করি। তুমি যদি এতে সৌন্দর্য পাও, তবে গ্রহণ করো। না পেলে, বাতাসে উড়িয়ে দাও! অন্যদিকে, নবি বললেন—আমি সত্য এনেছি! আমার বাণী চিরকালীন, আমার কথা অনুসরণ না করলে তুমি পথভ্রষ্ট হবে! রাজ্যের মানুষ বিভক্ত হয়ে গেল। কিছু মানুষ কবির পাশে দাঁড়াল, কিছু মানুষ নবির অনুসারী হলো। একদিন এক যুবক কবির কাছে এসে বলল—আপনার কবিতা আমাকে মুক্ত চিন্তার শিক্ষা দেয়, কিন্তু আপনি তো নবির মতো নিশ্চিত নন। আপনি যদি ভুল হন? কবি হেসে বললেন—ভুল হওয়াই তো মানুষের ধর্ম। আমি শুধু ভাবনার দুয়ার খুলে দিই, পথ দেখাই না। অন্যদিকে, নবির এক অনুসারী বলল—আপনার বাণী কি কোনোদিন ভুল হতে পারে? নবি রাগত স্বরে বললেন, ‘আমার কথায় প্রশ্ন করো না! আমি যা বলি, সেটাই সত্য, সেটাই শাশ্বত! সময়ের পর সময় গড়ালো। কবির কবিতা মানুষের হৃদয়ে নতুন চিন্তার জন্ম দিল, তারা আলোচনায় মেতে উঠল, নতুন পথ খুঁজতে লাগল। আর নবির অনুসারীরা তাঁকে নিয়ে গড়ে তুলল এক শৃঙ্খলিত সমাজ—যেখানে প্রশ্ন নিষিদ্ধ, যেখানে চিন্তার স্বাধীনতা ছিল না, কেবল আনুগত্য ছিল।”
আমি চিন্তিত হয়ে বললাম, ‘সাঁইজি, তবে কি নবিরা ভুল ছিলেন?”
গুরুদেব মৃদু হেসে বললেন, “ভুল বা শুদ্ধের বিচার ইতিহাস করে। তবে মনে রেখো, যেখানে প্রশ্নের স্বাধীনতা নেই, সেখানে শৃঙ্খল; আর যেখানে ভাবনার স্বাধীনতা আছে, সেখানে মুক্তি।”
আমার অন্তর আত্মা বলে উঠলো—, “আমি কবির পথেই হাঁটতে চাই!”
ঈশ্বরের সন্তান
ইব্রাহিমের বয়স চল্লিশ। তাঁর বাবা-মা আজও বেঁচে আছে কি-না সে জানে না। বাবা-মাকে সে খোঁজেও না কোনোদিন। এতিমখানায় বড় হয়েছে সে। বুদ্ধি হবার পর কোনোভাবে জানতে পেরেছে, সে জারজ সন্তান! জারজ সন্তানের গ্লানিবোধ নিয়ে সে সমাজ ত্যাগ করেছে। যেদিকে মন চায়, সেদিকে পথ হাঁটে। হাঁটতে-হাঁটতে সে আমাদের আশ্রমে এসে পৌঁছেছে। এখনকার পরিবেশ তাঁর ভালো লেগেছে। বেশকিছুদিন যাবত এখানেই সে অবস্থান করছে। গুরুদেবের সঙ্গে নিরিবিলি পরিবেশে আড্ডা দিতে সৌভাগ্য হলো ইব্রাহিমের। ইব্রাহিম গুরুদেবকে জিজ্ঞেস করল, “প্রভুজি, সমাজ আমাকে ‘জারজ’ বলে। বলে, আমার জন্ম পাপ। আমি কি সত্যিই পাপের ফসল?”
গুরুদেব বললেন, “সভ্য সমাজের মানুষ জারজ শব্দটি ব্যবহার করে তারা মূলত ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করে। তারা বুঝতে চায় না জারজ সন্তান ঈশ্বরের ইচ্ছার ফসল!”
ইব্রাহিম বলল, “কিন্তু প্রভুজি, সমাজ তো ঈশ্বরের নামে আমার গায়ে ঘৃণার তকমা সাঁটে!”
গুরুদেব বললেন, “সমাজ ঈশ্বরের নাম জানে, ঈশ্বরকে চেনে না! যে শিশু জন্ম নেয়, সে তো নিজের জন্মের নিয়ন্ত্রক নয়। যদি তার জন্মে পাপ থাকে, তবে সে পাপ তো সৃষ্টিকর্তার—তাঁর নয়।”
ইব্রাহিম বলল, “তবে কি আমি সমাজের বিচার অস্বীকার করব?”
গুরুদেব বললেন, “সমাজের বিচার সময়সাপেক্ষ, ঈশ্বরের করুণা তাৎক্ষণিক। তুমি তোমার জন্মের নয়, তোমার চেতনার সন্তান। যে ব্যক্তি নিজের অস্তিত্বকে জানতে পারে, সে আর কারও কথায় নিজেকে মাপে না।”
ইব্রাহিম কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলল, “তবে আমি আর ‘জারজ’ নই, আমি ঈশ্বরের সন্তান।”
গুরুদেব মাথা নোয়ালেন, বললেন, “আজ তুমি তোমার প্রকৃত পরিচয় জেনেছ!”
রাজনৈতিক মুক্তি
আমি এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি, যে দেশে ভোটারের চেয়ে দলের সংখ্যা সম্ভবত বেশি। রাজনৈতিক দলের অস্থিরতায় দেশটা ভারসাম্য হারিয়ে ফেলেছে। সাজানো-গোছানো একটা দেশ চোখের সামনেই কীভাবে ধ্বংস হলো! আশ্চর্যের আরেকটি বিষয় হলো—বর্তমানে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এখন বলদের ভূমিকা পালন করতেছে! এই দেশের জন্মলগ্নে যে দলের প্রতিষ্ঠাতার যথেষ্ট অবদান ছিলো, সেই দলের লোকজন এখন তথাকথিত বিপ্লবী সরকারের মুখাপেক্ষী! তথাকথিত বিপ্লবী সরকারের আণ্ডাবাচ্চা সমর্থকদের মধ্য থেকে বলা হচ্ছে—তারা দেশের সংবিধানটাই বাতিল করে দেবে! এটা শুনেই কেমন যেনো গা রিরি করে উঠলো। ভাবলাম গুরুদেবের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা যেতে পারে। রাত তখন দশটার মতো। দামী গাড়িতে করে হটাৎ একজব আসলেন গুরুদেবের কাছে। তিনি সম্ভবত বড়সড় মুফতি আল্লামা মাওলানা কিছু একটা। তার পরনে পাজামা-পাঞ্জাবি, মুখভর্তি একগাদা দাড়ি, মাথায় টুপি। ঠোঁটে লেগে আছে জর্দা দিয়ে পান চিবানোর চিহ্ন। তাঁকে আদরযত্ন করার জন্য গুরুদেব আমাকে নির্দেশ দিলেন। উনি যখন আসলেন, তখন মসজিদে মাগরিবের আজান হচ্ছিল। উনি অজুর পানি চাইলেন, আমি পানি দিলাম। অজু করে নামাজ আদায় করলেন। নামাজ শেষে গুরুদেবের সঙ্গে আলোচনায় বসলেন। উনার একটা ইসলামিক সংগঠন আছে, যে সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রে ইসলামি শাসনব্যবস্থা কায়েম করা। তিনি গুরুদেবকে তাঁর সংগঠনে যুক্ত হবার জন্য আমন্ত্রণ জানালেন। গুরুদেব বললেন, “ আপনার জীবনদর্শনের সঙ্গে আমার জীবনদর্শন যায় না। তাছাড়া, আমি এমন একটি রাষ্ট্র চাই, যেখানে মানুষ প্রশ্ন করতে পারে, মত প্রকাশ করতে পারে, ভিন্নভাবে চিন্তা করতে পারে—ভয় ছাড়াই। কিন্তু, ইসলামি শাসনব্যবস্থা চালু হলে তো তা সম্ভব না!”
উনি বললেন, “ আমি গুরুবাদী মানুষ। আপনিও একজন গুরু। আমরা তো সুফিবাদী মুসলিম, তাইনা? আমাদের ইসলামে তো জোরজবরদস্তি নাই।”
গুরুদেব বললেন, “রাষ্ট্র যদি কোনো একক ধর্মীয় ব্যাখ্যার ভিত্তিতে চলে, তাহলে সেই রাষ্ট্রে বিশ্বাসী ও অবিশ্বাসী, দ্বিধান্বিত ও অনুসন্ধানী, সকল মানুষের জন্য সমান সুযোগ থাকে না। অথচ রাষ্ট্র তো সকল নাগরিকের! আমি বলতে চাই—আপনি যদি একটি ন্যায়ভিত্তিক সমাজের স্বপ্ন দেখেন—যেখানে দুর্নীতি থাকবে না, মানুষ মানুষকে শোষণ করবে না এবং নীতি ও মূল্যবোধের আলো থাকবে রাষ্ট্রযন্ত্রের প্রতিটি কোণে, তাহলে আপনার স্বপ্নটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়েও বাস্তবায়ন করতে পারেন।”
লোকটি বললেন, “ইসলাম তো গণতন্ত্রের বাইরে না। ইসলাম বলে, ‘লা ইকরাহা ফিদ্দীন’ অর্থাৎ, ধর্মে কোনো জবরদস্তি নেই’। ইসলাম আরও বলে, ‘ওয়ামরুহুম শূরা বাইনাহুম’ অর্থাৎ, তাদের কাজ হয় পরস্পরের পরামর্শে’। এই পরামর্শের নীতিই তো গণতন্ত্র। যেখানে ধর্ম থাকবে, কিন্তু সেটা কারও উপর চাপিয়ে দেওয়া হবে না; বরং আলোচনার মধ্য দিয়ে, মানবিকতার ভিত্তিতে রাষ্ট্র চলবে।”
গুরুদেব বললেন, “ইতিহাস আমাদের শিখিয়েছে—যেখানে মতের স্বাধীনতা থাকে না, সেখানে সত্য চাপা পড়ে যায়। একমাত্র ধর্মীয় ব্যাখ্যার নামে যখন রাষ্ট্র চলে, তখন শাসকের ভুল-ত্রুটিকেও কেউ প্রশ্ন করতে পারে না, কারণ প্রশ্ন করলেই সে ‘ধর্মবিরোধী’ হয়ে পড়ে। এভাবে এক সময় মানুষ আর ধর্মের সৌন্দর্য দেখতে পায় না, বরং ভয় আর নিয়ন্ত্রণের চেহারা দেখে। সুতরাং, আমার আহ্বান—একটি অংশগ্রহণমূলক রাষ্ট্রের স্বপ্ন দেখতে পারেন, যেখানে ধর্ম থাকবে রাষ্ট্রের প্রতিটা নাগরিকের হৃদয়ে, আর শাসন চলবে তাদের সম্মতিতে। যেখানে ধর্ম একান্ত বিশ্বাসের পথ হয়ে থাকবে, আর গণতন্ত্র হবে নাগরিকদের সম্মিলিত পথচলা। এককথায়, ধর্ম হোক হৃদয়ের, আর রাষ্ট্র হোক সকল মানুষের।”
লোকটি আর কথা বাড়ালেন না। তিনি গুরুদেবকে ছালাম দিয়ে চলে গেলেন।
আমি যতদূর জানি আমার দেশের নব্বই শতাংশ মানুষ ইসলামি শাসনব্যবস্থা চায়। কিন্তু গুরুদেব দেখছি ভিন্ন কথা বলেন! তিনি কেন গনতন্ত্রের পক্ষে কথা বললেন? তাই গুরুদেবকে জিজ্ঞেস করলাম, “বাজান, গণতন্ত্র কি সত্যিই সবচেয়ে ভালো শাসনব্যবস্থা? রাজা থাকলে কি শাসন ভালো হয় না?”
গুরুদেব বললেন, “শোনো, একবার এক গভীর অরণ্যে বন্য প্রাণীরা সিদ্ধান্ত নিল, তাদের জন্য একজন রাজা দরকার। বনের প্রবীণ হাতি বলল, ‘আমরা শক্তিমান সিংহকে রাজা করি। সে আমাদের রক্ষা করবে!’ সবাই একবাক্যে রাজি হলো। সিংহকে বনের রাজা ঘোষণা করা হলো। প্রথম দিকে সব ঠিকঠাক চলছিল। কিন্তু কিছুকাল পর সিংহ বুঝল, তার সিদ্ধান্তের ওপর কেউ প্রশ্ন তুলতে পারে না। ফলে সে যা ইচ্ছে তা-ই করতে লাগল। শিকারিদের সাহায্যে দুর্বল প্রাণীদের মারতে লাগল, শুধু নিজের স্বার্থ দেখল, আর কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করল না। একদিন এক চালাক শিয়াল বলল, ‘কেন আমরা একক শক্তির ওপর নির্ভর করছি? যদি সবার মতামত নিয়ে বন চালানো হয়, সেটাই কি ভালো নয়?’ তখন বনের পশুরা মিলে সিদ্ধান্ত নিল—এবার থেকে সবাই মিলে নেতা ঠিক করবে এবং নেতা যদি ভুল করে, তবে তাকে বদলানো যাবে। এভাবেই বনে প্রথমবারের মতো গণতন্ত্র এলো। সবাই যার যার মতামত দিতে পারল, শাসক জনগণের সেবা করতে বাধ্য হলো এবং বনের প্রাণীরা বুঝল—শক্তি নয়, ন্যায় ও অংশগ্রহণই সঠিক শাসনের চাবিকাঠি!”
আমি বললাম, “তাহলে গণতন্ত্রের সৌন্দর্য তো সত্যিই অসাধারণ!”
গুরুদেব বললেন, “হ্যাঁ, গণতন্ত্র সেই ব্যবস্থা, যেখানে জনগণ শাসকের নিয়ন্ত্রক হয়, শাসক জনগণের নয়। একনায়কত্ব প্রথমে সুশৃঙ্খল মনে হলেও, ধীরে-ধীরে তা অত্যাচারে পরিণত হয়। কিন্তু গণতন্ত্রের মূল শক্তি হলো—যদি ভুল হয়, তা সংশোধন করা যায়।”
গুরুদেবের কথায় সেদিন আমি বুঝতে পারলাম—গণতন্ত্র মানে শুধু ভোট নয়, এটা হলো সাধারণ মানুষের রাজনৈতিক মুক্তির পথ!”
