চৈতন্য (শহিদুল শাহ) – ১০

রঙিন চশমা

একই দেশে একই সমাজে আমরা কত ধর্মের মানুষ, কত বৈচিত্র্য আমাদের জীবনব্যবস্থা! আমরা প্রত্যেকেই যারযার ধর্মকে শ্রেষ্ঠ বলি! এমন কেন? আমার ধর্ম যেমন সত্য, অন্যের ধর্মও তেমন সত্য, এটা মেনে নিতে পারিনা কেন? এটা মেনে নিলেই তো জাতিভেদ থাকে না।

রাষ্ট্রীয় সংবিধান যখন বাতিলের কথাবার্তা চলছে, তখন মনের ভেতরে সংবিধানটা পড়ে দেখার জন্য আগ্রহ জন্ম নিয়েছে। তাই একটা সংবিধান সংগ্রহ করে মনোযোগ দিয়ে পড়লাম। দারুণ একটা সংবিধান। সংবিধানে রাষ্ট্র পরিচালনার চারটি মূলনীতি হচ্ছে— গনতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতাবাদ। গুরুদেবের মুখে গনতন্ত্রের বহু কথা শুনেছি। তাই ভাবলাম এক এক করে সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতাবাদ বিষয়েও গুরুদেবের কাছ থেকে কিছু জেনে নেওয়া যাক। গুরুদেবকে সুযোগ বুঝে জিজ্ঞেস করলাম, “সাঁইজি, ধর্মনিরপেক্ষ থাকাটা কি উত্তম জীবনব্যবস্থা নয়? বিশেষ একটা ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে চালিয়ে না দিয়ে রাষ্ট্র যদি ধর্মনিরপেক্ষতা বজায় রাখে, সেটাই কি ভালো নয়?”

গুরুদেব বললেন, “শোনো— এক গ্রামে এক অন্ধকার গুহা ছিল, যেখানে বহু মানুষ বাস করত। তারা সবাই আলাদা আলাদা রঙের চশমা পরত। কেউ লাল, কেউ নীল, কেউ সবুজ, কেউ হলুদ। তাদের দৃষ্টি ছিল শুধুই চশমার রঙের ওপর নির্ভরশীল—তারা মনে করত, যা তারা দেখে, সেটাই চূড়ান্ত সত্য। একদিন এক বৃদ্ধ সেই গুহায় এলেন। তিনি বললেন, ‘তোমাদের চশমা খুলে ফেলো, নিজের চোখে সত্য দেখো!’ কিন্তু মানুষ ভয় পেল। তারা বলল, ‘আমাদের রঙই সত্য! যদি চশমা খুলে ফেলি, তবে আমরা কী দেখে বিশ্বাস করব?’ বৃদ্ধ বললেন, ‘তোমাদের সত্য কেবল চশমার মধ্যে সীমাবদ্ধ। অথচ আলো সবার জন্য সমান, সত্যও তেমনি। ধর্মের মতো চশমা যদি একে অপরকে বিভক্ত করে, তবে তা সত্য নয়, বরং বিভ্রান্তি।’ কিছু সাহসী মানুষ চশমা খুলল। তারা প্রথমবারের মতো দেখল—আকাশ নীল, মাটি ধূসর, ফুল নানা রঙের। তারা বুঝল— আলোর মতো সত্যও সবার জন্য সমান। ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্রের চোখে সবাই সমান হওয়াই প্রকৃত ন্যায়।”

আমি বললাম, “ধর্মনিরপেক্ষ জীবনযাপন করা কি নিজেকে ধর্মবিদ্বেষী হিসেবে মেনে নেওয়া?”

গুরুদেব বললেন, “না, বরং তা হলো সত্যকে মুক্তভাবে দেখার শক্তি। তুমি চাইলে তোমার বিশ্বাসে চলবে, অন্যকে বাধ্য করবে না, অন্যের বিশ্বাসকে সম্মান করবে। রাষ্ট্র যদি এক ধর্মের হয়ে যায়, তবে বাকি ধর্মাবলম্বীরা হবে অন্ধকারের বন্দি। ধর্মনিরপেক্ষতা হলো সেই আলো, যা সবাইকে সত্য দেখার স্বাধীনতা দেয়।”

গুরুদেবের কথা শেষে মনেমনে শপথ নিলাম—আমি সত্যকে আলিঙ্গন করতে চাই, চশমার রঙে আটকে থাকতে চাই না!

সমতা নগরী

জাতীয় সমাজতান্ত্রিক দলের এক নেতার সঙ্গে আমার পরিচয় হয়েছে। সে একসময় মিটিং মিছিল নিয়ে ব্যস্ত থাকতো। এখন ফেসবুক লাইভে এসে দেশের নানান ইস্যু নিয়ে কথা বলেন। এই লোক ও তার দলের লোকেরাও গত সরকার বিরোধী আন্দোলনে জোরালো ভূমিকা পালন করেছিল। সময়-সুযোগ হলে আমি তার ফেসবুক লাইভ ভিডিও দেখি। উনার ভিডিও দেখে সমাজতন্ত্র সম্পর্কে আমার মধ্যে মোটামুটি একটা ধারণা জন্ম নিয়েছে। তবে, উনার দলের মূলনীতির সঙ্গে উনাদের কার্যক্রমের মিল নাই। মাঝেমধ্যে শেয়ালের হাঁক ছেড়ে পুনরায় গর্তে লুকিয়ে যান।

আজও যখন উনার ভিডিও সামনে এলো, উনার ভিডিও না দেখে গুরুদেবের কাছে গেলাম। গুরুদেবের পাশে বসে জিজ্ঞেস করলাম, “সাঁইজি, সমাজতন্ত্র দারুণ একটা জীবনব্যবস্থা, তাইনা? ‘লাঙ্গল যার জমি তার’, ‘কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না’—শ্লোগানটা অসাধারণ না? আমার ধারণা—সমাজতন্ত্র প্রতিষ্ঠা পেলে সমাজে স্বর্গ নেমে আসবে!”

গুরুদেব বললেন, “শোনো, একটা গল্প বলি: এক সময়ের কথা, এক রাজ্যে ‘সমতা নগরী’ নামে একটি শহর ছিল। শহরের শাসক ঘোষণা দিলেন—এই নগরীতে কেউ কারও চেয়ে ধনী হবে না, কেউ গরিব থাকবে না। সবাই সমান বেতন পাবে, কেউ বেশি কাজ করুক বা কম। শুরুতে মানুষ উচ্ছ্বসিত হলো। কিন্তু ধীরে-ধীরে এক সমস্যা দেখা দিল। যারা পরিশ্রম করত, তারা ভাবল—যেহেতু পরিশ্রমের বাড়তি কোনো পুরস্কার নেই, তবে কেন কষ্ট করব? আর যারা অলস ছিল, তারা আরও অলস হয়ে পড়ল—কাজ না করলেও তো সমানই থাকব! শহরের চাষিরা ফসল ফলানো বন্ধ করল, শিল্পীরা আঁকতে ভুলে গেল, লেখকরা কলম ফেলে দিল। কারণ সবার ভাগ্য এক, তাহলে সাধনা কেন? অল্প কদিনেই শহরটি ধ্বংসের পথে গেল, খাদ্য শেষ হয়ে এলো, শিল্প-সাহিত্য থেমে গেল, মানুষ একে অপরকে দোষারোপ করতে লাগল। নগরীটি যখন পুরোপুরি অকেজো হয়ে গেল, তখন স্থানীয়রা বুঝতে পারলো—সমতা তখনই আশীর্বাদ, যখন তা ন্যায়ের ভিত্তিতে দাঁড়ায়। কিন্তু শ্রমের পার্থক্যকে উপেক্ষা করে জোরপূর্বক সমতা চাপিয়ে দিলে তা অলসতা আর দুর্নীতির জন্ম দেয়!’’

গুরুদেবের গল্প শুনে আমি দ্বিধায় পড়ে গেলাম! আমার চিন্তার জগতে বিশাল ধাক্কা খেলাম! কিছুক্ষণ চুপচাপ থেকে অতঃপর বললাম, “তাহলে কি সমাজতন্ত্র ভুল?”

গুরুদেব বললেন, “ভুল নয়, কিন্তু যেকোনো আদর্শ যদি বাস্তবতার সঙ্গে মিলিয়ে প্রয়োগ না হয়, তবে তা দুঃস্বপ্নে পরিণত হয়। প্রকৃতির নিয়মেই মানুষ সমান নয়—কেউ চিন্তাশীল, কেউ কর্মঠ, কেউ শিল্পী, কেউ কৃষক। সত্যিকার ন্যায় তখনই আসে, যখন প্রত্যেকে নিজ নিজ শ্রমের যথার্থ ফল পায়।”

আর কথা বাড়ালাম না; আমি গভীর চিন্তায় মগ্ন হয়ে রইলাম…

জাতীয়তার বেড়াজাল

‘দেশপ্রেম ঈমানের অঙ্গ’। এই কথাটি আমি যতোবার শুনেছি, ততোবারই ভেবেছি—কথাটা কতটুকু যুক্তিসঙ্গত? দেশকে ভালোবাসা অপরাধ নয়—বরং তা হৃদয়ের আবেগ। জন্মভূমি আমাদের গর্বের স্থান। কিন্তু প্রশ্ন হলো, যদি ঈমানের সংজ্ঞার মধ্যে দেশপ্রেম ঢুকে পড়ে, তাহলে অন্য দেশের মানুষদের কী বলা হবে? একজন সিরিয়ান, এক ভারতীয়, এক নাইজেরিয়ান—তারাও তো নিজের দেশকে ভালোবাসে। তাহলে কি ঈমান আলাদা আলাদা দেশের নামে বিভক্ত? ঈমান কি ভৌগোলিক সীমারেখায় সীমাবদ্ধ? তাই একদিন গুরুদেবকে জিজ্ঞেস করলাম, “সাঁইজি, দেশপ্রেম ঈমানের অঙ্গ কতটা কতটুকু সত্য?”

গুরুদেব উঠানের বটগাছটির নিচে বসেছিলেন। তিনি দুরের বয়ে চলা নদীর দিকে ইশারা করে বললেন, “নদীটা দেখছ? এটা এক দেশ থেকে আরেক দেশে প্রবাহিত হয়। তুমি কি বলতে পারো, ঠিক কোথা থেকে এর শুরু আর কোথায় শেষ?”

আমি বললাম, “না, সাঁইজি। নদী তো বাধাহীনভাবে বয়ে চলে।”

গুরুদেব মৃদু হেসে বললেন, “কিন্তু যদি মানুষ একে কেটে ভাগ করে দেয়, দেয়াল তুলে বলে, ‘এই জল আমাদের, ওটা তোমাদের!’ তাহলে কী হবে?”

আমি বললাম, “তাতে তো নদীর স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হবে। হয়তো এক জায়গায় জল শুকিয়ে যাবে, অন্য জায়গায় বন্যা হবে।”

গুরুদেব বললেন, “দেশপ্রেম ঈমানের অঙ্গ তথা জাতীয়তাবাদও তেমনই। এটি মানুষের কৃত্রিম বিভাজন। জন্মসূত্রে কেউ ভারতীয়, কেউ চীনা, কেউ রাশিয়ান, কেউ আমেরিকান—কিন্তু প্রকৃতপক্ষে, মানুষ তো কেবল মানুষ! যেমন পাখিরা কোনো সীমান্ত মানে না, নদী নিজে নিজে বাঁধ দেয় না, বাতাসও কাউকে ঠেলে ফেরায় না। কিন্তু মানুষ নিজের স্বার্থে দেয়াল তোলে, জাতির নামে যুদ্ধ বাধায়, অন্যকে শত্রু ভাবে।”

গুরুদেবের কথার সঙ্গে আমার ভাবনাগুলো একদম মিলে গেল! আমি মুগ্ধ হলাম! আরও সমৃদ্ধ হবার জন্য গুরুদেবকে আবার জিজ্ঞেস করলাম, “তাহলে সাঁইজি, জাতীয়তাবাদ আমাদের জন্য কতটুকু ক্ষতিকর?”

গুরুদেব একটি শুকনো পাতা তুলে বাতাসে ওড়ালেন। পাতা কিছুদূর গিয়ে মাটিতে পড়ল। তারপর বললেন, “দেখো, এই পাতাটি কোনো এক ডালে জন্মেছিল। কিন্তু আজ সেটা গাছ থেকে বিচ্ছিন্ন। জাতীয়তাবাদ মানুষকে কৃত্রিম শেকলে বাঁধে, যেন সে তার প্রকৃত সত্তা ভুলে যায়। এক মানুষ অন্য মানুষকে শত্রু ভাবে কেবল এই কারণে যে তারা ভিন্ন পতাকা বহন করে! কত যুদ্ধ, কত হত্যাকাণ্ড হয়েছে এই জাতির নামে!”

আমি আরও গভীরভাবে ভাবতে লাগলাম। নদী তখনও শান্তভাবে বয়ে চলছিল, পাখিরা নির্বিকার গাইছিল। প্রকৃতি তো কাউকে আলাদা করে না, মানুষই দেয়াল তোলে! গুরুদেব উঠে দাঁড়ালেন এবং বললেন, “সত্যিকারের জ্ঞানী সেই, যে জাতীয়তার ঊর্ধ্বে উঠে সব মানুষকে একই বৃহৎ পরিবারের অংশ হিসেবে দেখে। মনে রেখো, মানুষ বিভক্ত থাকলে তার শক্তি নষ্ট হয়, কিন্তু যখন সে সব কৃত্রিম সীমান্ত ভুলে এক হয়, তখনই প্রকৃত শান্তি আসে।”

আমি গুরুদেবের চোখে চোখ রেখে অনুভব করলাম—মানুষের হৃদয়ও তো এক প্রবাহমান নদীর মতো হওয়া উচিত, যা সব বাধা অতিক্রম করে মুক্তভাবে প্রবাহিত হয়!

বর্তমান দ্রষ্টা

খুব ছোটোবেলাতেই জেনেছিলাম— সাধুগুরু পীর-উস্তাদ সুফি ও ওলী-আউলিয়া ভবিষ্যৎ দেখতে পারেন। তারা একটা মানুষের সামনের দিনগুলোতে কী ঘটবে, তা চক্ষু বন্ধ করেই বলে দিতে পারেন! তাই মনেমনে সাধু হবার স্বপ্ন দেখতাম। এখনতো আমি একজন মহান সাধুর সঙ্গে জীবনযাপন করছি, আমিও প্রায় সাধু হবার পথে, আমি কেন ভবিষ্যৎ দেখতে পাইনা? গুরুদেবই কেন বা আমাকে ভবিষ্যৎ দেখার জ্ঞান দান করছেন না? ইদানীং এইসব সাধুগুরু ও পীর-উস্তাদ বা সুফিদের ভবিষ্যৎ দেখার শক্তির উপরে আমার সন্দেহের সৃষ্টি হয়েছে। জুলাইয়ের ছাত্র আন্দোলনের নামে সরকার বিরোধী আন্দোলনে তথাকথিত লাল বিপ্লবীদের পক্ষে সমর্থন দিতে গিয়ে অধিকাংশ ভবিষ্যৎদ্রষ্টা নিজেদের ফেসবুক প্রোফাইল লাল রঙে রঙীন করেছিলেন। আন্দোলন শেষে তথাকথিত বিপ্লবীরা যে এইসকল ভবিষ্যৎদ্রষ্টাদের আশ্রম ও মাজার ভাঙচুর করবে, তা তারা কেন বুঝতে পারেন নাই? তাই সুযোগ বুঝে গুরুদেবকে জিজ্ঞেস করলাম, “সাঁইজি, ভবিষ্যৎ দেখা কী সত্যিই সম্ভব?”

গুরুদেব কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে-ধীরে পাথরের উপর একটি শুকনো পাতা রাখলেন। বাতাসের ঝাপটায় পাতা খানিক নড়ে উঠল, কিন্তু পড়ে গেল না। গুরুদেব পাতাটির দিকে তাকিয়ে বললেন, “এখন যদি বাতাস ওঠে, এই পাতাটি হয়তো উড়ে যাবে, নয়তো এখানে-সেখানে গড়িয়ে পড়বে। কিন্তু কোথায় গিয়ে থামবে, তা কি আমি এখনই নিশ্চিতভাবে বলতে পারি?”

আমি মাথা নেড়ে বললাম, “না, সাঁইজি। তবে, যদি বাতাস আরও জোরে ওঠে, তাহলে হয়তো এটি উঠান থেকে মাঠে গিয়ে পড়বে।”

গুরুদেব হেসে বললেন, “এইযে তুমি বললে, ‘যদি বাতাস আরও জোরে ওঠে, তাহলে পাতাটি হয়তো উঠান থেকে মাঠে গিয়ে পড়বে’—এটাই ভবিষ্যৎ দেখা। ভবিষ্যৎ জানার অর্থ কোনো অলৌকিক ক্ষমতা নয়, বরং প্রবণতা বোঝা। আমাদের চারপাশে সবকিছুই একটি নিয়ম মেনে চলে। কিছু ঘটনা দেখে আমরা অনুমান করতে পারি, পরের ধাপে কী ঘটতে পারে।”

আমার মনের মধ্যে সন্দেহের সৃষ্টি হলো—নিশ্চয়ই ভবিষ্যৎ দেখার গল্পগুলো সত্য নয়! গুরুদেবকে বললাম, “তাহলে কি সব কিছুই অনুমানযোগ্য? আমাদের ভবিষ্যৎও?”

গুরুদেব ঘটী থেকে একফোঁটা জলকণা আঙুলে নিয়ে বললেন, “এই জলের কণাটি এখন আমার আঙুলে আছে। যদি আমি ফেলে দিই, তাহলে হয়তো মাটিতে পড়বে, হয়তো বাতাসে শুকিয়ে যাবে, কিংবা অন্য কোথাও গড়িয়ে যাবে। কিন্তু নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, কারণ অনেক কিছুই আমাদের হাতের বাইরে।”

আমি এবার বুঝতে পারলাম— ভবিষ্যৎ দেখা মানে অতীন্দ্রিয় শক্তি নয়, বরং গভীর অন্তর্দৃষ্টি। কিছু প্রবণতা দেখা যায়, কিছু অনুমান করা যায়, কিন্তু সব কিছুই অনিশ্চিত—যেমন বাতাসে ভেসে থাকা পাতার শেষ পরিণতি।

গুরুদেব আকাশের দিকে তাকিয়ে বললেন, “মনে রেখো, যে ব্যক্তি বর্তমান দ্রষ্টা, অর্থাৎ, যে তার বর্তমানকে গভীরভাবে বোঝে, সে ভবিষ্যৎও খানিকটা দেখতে পায়। কিন্তু ভবিষ্যৎ কখনোই নিশ্চিত নয়, কারণ জীবন এক প্রবাহমান নদীর মতো—প্রতিটি বাঁকে নতুন সম্ভাবনা অপেক্ষা করছে!”

মোক্ষের পথ

আমার কয়েকজন গুরুভাই, আমি এবং গুরুদেব একসাথে হাঁটছিলাম এক সরু খালের পাশ দিয়ে। চারপাশে সবুজ ধানের ক্ষেত, বাতাসে ভেসে আসা মাটির গন্ধ, আর দূরে কোথাও বকের দল জলকেলি করছে। খালটি বড় একটা নদীর সাথে মিলিত হয়েছে, আর সেই নদী বহুদূরে সাগরের বুকে হারিয়ে গেছে। হাঁটতে-হাঁটতে গুরুভাই মানিক গুরুদেবকে জিজ্ঞাসা করল, “গুরুজি, মোক্ষ কোথায়? আমরা কি সত্যিই একদিন মুক্ত হতে পারব?”

গুরুদেব খালের জল থেকে একমুঠো জল তুলে বললেন, “এটা কী?”

মানিক বলল, “জল।”

গুরুদেব এবার খালের দিকে তাকিয়ে বললেন, “এই জল কোথা থেকে এল?”

মানিক একটু ভেবে বলল, “হয়তো কোনো উঁচু পাহাড়ি ঝর্ণা থেকে, কিংবা বৃষ্টির ফোঁটা হয়ে পড়েছিল।”

গুরুদেব বললেন, “যদি আমি এটাকে ফেলে দিই, তবে কি এটা হারিয়ে যাবে?”

মানিক মাথা নাড়িয়ে বলল, “না গুরুজি, জল তো হারায় না। হয়তো খালের স্রোতে মিশবে, হয়তো বাষ্প হয়ে উড়ে যাবে, কিংবা কোথাও গিয়ে আবার বৃষ্টি হয়ে পড়বে।”

গুরুদেব মৃদু হেসে বললেন, “ঠিক তাই! জল যেমন তার প্রকৃতি হারায় না, আত্মাও তেমনই চিরন্তন। খালে থাকুক, নালে থাকুক, নদী বা সমুদ্রে থাকুক—জল জলই। নারিকেলের ভেতরে থাকুক, কিংবা মদের বোতলে—সে তার অস্তিত্ব বদলায় না, বদলায় কেবল পাত্র। তেমনি, আত্মাও জন্ম-মৃত্যুর পাত্র বদলায়, কিন্তু তার প্রকৃত স্বরূপ থেকে যায় একই। মোক্ষ মানে এই সত্য উপলব্ধি করা। এই সত্য উপলব্ধি করতে পারলেই তুমি মুক্ত।”

মানিক চুপ হয়ে গেল। খালের জল ধীরে-ধীরে নদীতে মিশে যাচ্ছিল, নদী এগিয়ে চলছিল সমুদ্রের দিকে। আমি গুরুভাই ও গুরুদেবের কথপোকথনে অনুভব করলাম—মোক্ষ মানে হারিয়ে যাওয়া নয়, বরং নিজের প্রকৃত রূপ চিনতে পারা, নিজের সীমানা অতিক্রম করে অনন্তের সাথে একাত্ম হওয়া। তখনই বাতাসে এক শিশিরবিন্দু উড়ে এসে আমার কপালে ঠেকল। আমি আরও গভীরভাবে উপলব্ধি করলাম—জল যেমন হারায় না, তেমনি আত্মাও হারায় না, শুধু পথ বদলায়।

শূন্যতার আলো

আমরা খাল পেরিয়ে হাঁটতে-হাঁটতে এক গহীন অরণ্যের গভীরে চলে এসেছি। কোনো উদ্দেশ্য ছাড়াই এসেছি। উদ্দেশ্যহীন পাথ হাঁটা আমার গুরুদেবের আরেকটি স্বভাব। চারপাশে সবুজ গাছপালা, পাখির ডাকে মুখরিত পরিবেশ, আর সামনে দিয়ে বয়ে চলা এক সরু ঝর্ণা। প্রকৃতির এমন এক শান্ত প্রান্তরে গুরুভাই রাজন গুরুদেবকে জিজ্ঞাসা করল, “গুরুজি, জীবনের কি কোনো অর্থ আছে? নাকি আমরা কেবল এক শূন্যতার দিকে এগিয়ে চলেছি?”

গুরুদেব কিছুক্ষণ মৌন থাকলেন। বাতাসে বাঁশবনের পাতাগুলো মৃদু দোল খাচ্ছিল, আর সোনালি রোদ ফাঁকফোকর দিয়ে মাটিতে ছায়ার নকশা তৈরি করছিল। তিনি মাটির উপর থেকে একটি শুকনো পাতা তুললেন, সেটি হাতে নিয়ে বললেন, “দেখো এই পাতাটি, কতদিন আগে এটি সবুজ ছিল, বাতাসে দোল খেত, সূর্যের আলো শোষণ করত। এখন এটি শুকিয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে মাটিতে মিশে যাবে। তুমি কি বলবে এর কোনো মূল্য ছিল না?”

রাজন কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে বলল, “কিন্তু গুরুজি, পাতাটি তো আর টিকে নেই। তার অস্তিত্বের কোনো স্থায়ী অর্থ তো রইল না।”

গুরুদেব মৃদু হাসলেন, ঝর্ণার জল থেকে এক অঞ্জলি জল তুলে বললেন, “এই জলটাও তো এক মুহূর্ত আগেও এখানে ছিল না, আর পরের মুহূর্তে অন্য কোথাও গড়িয়ে যাবে। তাহলে কি এই ঝর্ণার কোনো মূল্য নেই?”

রাজন কিছুক্ষণ চুপ রইল। গুরুদেব আবার বললেন, “জীবনও ঠিক এই ঝর্ণার মতো, বাতাসে দোল খাওয়া পাতার মতো। অর্থ কি সেখানে, যেখানে তুমি খুঁজতে চাও? শূন্যতা মানে কি শুধুই অন্ধকার? নাকি শূন্যতা থেকেই নতুন কিছু জন্ম নেয়?”

আমি গাছের পাতাগুলোর দিকে তাকিয়ে ভাবতে ছিলাম— হয়তো জীবনের অর্থ খুঁজে পাওয়ার জন্যই জীবন, অর্থহীনতার মধ্যেই যদি আনন্দ থাকে, তবে সেটাই অর্থ।

গুরুদেব তখন হাতের পাতাটি আলতো করে মাটিতে ফেলে দিলেন। বাতাসে পাতাটি দুলতে থাকলো, তারপর মাটিতে পড়ে একাত্ম হয়ে গেল। গুরুদেব আবার বললেন, “এখন দেখো, এই পাতাটি একদিন পচেগলে আবার মাটির অংশ হয়ে নতুন প্রাণে পরিণত হবে। শূন্যতা কখনো প্রকৃত শূন্যতা নয়, বরং এক নতুন শুরু।”

রাজন কোনো কথা বলছিল না। আমরাও চুপচাপ। আমার মনে যেন এক নতুন দৃষ্টি খুলে গেল। ঝর্ণার কলধ্বনি তখন আমার মনে অন্য অর্থ সৃষ্টি করল— জীবন হয়তো শূন্যতায় বিলীন হয়, তবে শূন্যতার মধ্যেই নতুন সৃষ্টির আলো লুকিয়ে থাকে!

নৈতিক ও অনৈতিক—৯৭

পাহাড়ের কোলে সন্ধ্যা নামছিল। সোনালি আলোয় ঝলমল করছিল নদীর ঢেউ, বাতাসে শালগাছের পাতা মৃদু দুলছিল। আমরা ধীরে-ধীরে চলছিলাম এক নির্জন পথ ধরে। হঠাৎ সামনে পড়ে গেল একটি দৃশ্য—এক তরুণ কাঠুরে বনের মধ্যে একটি আহত খরগোশকে কাঁধে তুলে নিচ্ছে। গুরুভাই বাদল বিস্ময়ে অভিভূত হয়ে বলল, “ বাহ, গুরুদেব বাহ্, এই কাঠুরে কতটা উদার মনের মানুষ! সে একটা অসুস্থ খরগোশকে সাহায্য করতেছে।”

গুরুদেব বাদলের কথায় কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করলেন না। কিছুক্ষণ পরই দেখা গেল, এক বয়স্ক ব্যক্তি দৌড়ে এসে চিৎকার করে বলছে, “ওই খরগোশটা আমার! আমি বহুদিন ধরে ওকে খুঁজছিলাম! তুমি এটাকে কেন ধরে নিয়ে যাচ্ছ?”

তরুণ কাঠুরে বলল, “আমি তো ওকে রক্ষা করতে চাইছি! আহতকে সাহায্য করা কি অন্যায়?”

বৃদ্ধ রাগে ফেটে পড়ল, “তুমি কি জানো, আমি একে ছোটবেলা থেকে বড় করেছি? তুমি একে রক্ষা নয়, চুরি করছো!”

আমরা হতবুদ্ধি হয়ে গুরুদেবের দিকে তাকালাম। গুরুদেব আমাদের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, “তাহলে বলো, ঐ তরুণ কাঠুরে ও বৃদ্ধ লোকটির মধ্যে কে নৈতিক আর কে অনৈতিক?”

আমরা কোনো উত্তর দিতে পারলাম না। গুরুদেব মৃদু হেসে বললেন, “নৈতিকতা কখনো একরৈখিক নয়, বরং একেকজন একেক দৃষ্টিকোণ থেকে তা ব্যাখ্যা করে। প্রকৃতির দিকে তাকিয়ে দেখো, নদী বন্যা এনে এক গ্রামের ক্ষতি করে, কিন্তু অন্যদিকে তৃষ্ণার্ত জনপদে জীবন দান করে। তাহলে, নদী কি ভালো, না মন্দ?”

গুরুভাই বাদল আকাশের দিকে তাকিয়ে রইল, যেখানে গোধূলির আলো ধীরে-ধীরে মিলিয়ে যাচ্ছিল। আমার মনে গভীর এক উপলব্ধি জাগল—নৈতিকতা স্থির কোনো বিধান নয়, এটা কেবল এক পরিবর্তনশীল ছায়া!

মানুষের স্বাধীনতা

পার্বত্য অঞ্চল ভ্রমণ শেষে সবাই যারযার মতো বাড়ি চলে গেল, আশ্রমে গুরুদেবের সঙ্গে আমি এবং গুরুভাই বাদল রয়ে গেলাম। বেগুন ভাজি ও পাতলা ডাল রান্না করে রাতের সেবা গ্রহণ করলাম। আশ্রমের পাগলরাও আমাদের সেবা গ্রহণ করলেন। রাত গভীর হচ্ছে, পাগলরা কেউ ঘুমে, কেউ তখনও চিল্লাচ্ছে। যে চিল্লাচ্ছে, তাকে কেউ বাঁধা দিচ্ছে না। গুরুদেব, আমি এবং বাদল তখনও সাধুসঙ্গ করতেছি। বাদল গুরুদেবকে জিজ্ঞেস করল, “গুরুজি, আপনার মতে মানুষের স্বাধীনতা কী?”

গুরুদেব বামদিকে তাকালেন। বামদিকে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে মা কালীর প্রতিমা। আমাদের আশ্রমটা ছিলো পুরনো একটা মন্দির। একজন হিন্দুর কাছ থেকে মন্দিরসহ গুরুদেব এই জায়গাটুকু কিনে নিয়েছিলেন। গুরুদেব মা কালীর প্রতিমাটিকে বিসর্জন দেননি। বরং ওটাকে যত্ন করে রেখেছেন। এতোদিনে এটা একটু ধূসর রঙ ধরেছে, এই আর কি। গুরুদেব মা কালীর প্রতিমার দিকে ইশারা করে বললেন, “তুমি কি জানো, একজন প্রতিমাশিল্পীর স্বাধীনতা কী?”

বাদল কিছুক্ষণ ভাবল, তারপর বলল,
 “যেভাবে খুশি সেভাবে সে তাঁর দেবতার ছবি আঁকতে পারে, অথবা মূর্তি গড়তে পারে।”

গুরুদেব মাথা নেড়ে বললেন, ” যদি সমাজ তাকে বলে—এভাবে আঁকতে পারবে না, ভিন্নভাবে আঁকো, ঠাকুরের মূর্তি এভাবে তৈরী করা পাপ—তাহলে সে কি সত্যিই স্বাধীন?”

বাদল চুপ করে রইল। গুরুদেব আবারও বললেন, “আসল স্বাধীনতা হলো নিজের শর্তে আঁকা, নিজের পছন্দে গড়া, নিজের ইচ্ছায় বাঁচা। কিন্তু মানুষ ভয় পায়। সমাজের নিয়মের বাইরে গেলে কেউ হয়তো তাকে স্বীকৃতি দেবে না, কেউ হয়তো তাকে একা করে দেবে। এই ভয়ে মানুষ স্বাধীনতা চায় না, সে দাসত্বের জীবন উদযাপন করে!”

বাদল বলল, “তাহলে তো দেখছি আমরা অধিকাংশ মানুষ পরাধীন! আমরা তো সত্যিই শৃঙ্খলে বন্ধী!”

গুরুদেব একটু এগিয়ে গিয়ে মা কালীর আসনে একটি মোমবাতি জ্বালিয়ে দিলেন। তারপর একটি মাটির প্রদীপ হাতে তুলে নিয়ে বললেন, “এটা কি আলো দিতে পারে?”

বাদল মাথা নেড়ে বলল, “হ্যাঁ, তেল আর সলতে থাকলে অবশ্যই।”

গুরুদেব মৃদু হেসে বললেন, “ঠিক তাই, কিন্তু বাতাসের ধাক্কায় যদি এই শিখা নড়ে যায়, আর এজন্য যদি ভয় পেয়ে আলোটাকে নিভিয়ে ফেলি, তাহলে এই প্রদীপ কি স্বাধীন? —না। স্বাধীনতা মানে কেবল শিকল ভাঙা নয়, ভয়কে জয় করাও। যেদিন তুমি নিজের আলোকে নিভতে দেবে না, সে দিনই তুমি সত্যিকারের স্বাধীন হবে।”

বাদল গভীর শ্রদ্ধায় গুরুজির পায়ে হাত রেখে বলল, “আমিও আজ থেকে আর অন্যের শর্তে বাঁচবো না। আমি আমার নিজের শর্তে, নিজের আলোতে, নিজের ক্যানভাসে নিজের জীবন ছবি আঁকবো….।”

গুরুদেব বাদলের মাথায় হাত রেখে বললেন, “শুভকামনা বাপ। নিজের জীবনটাকে নিজের মতো করে উদযাপন করো।”

সত্যদীপ

গুরুদেব সন্ধ্যার বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত আকাশের দিকে অপলক তাকিয়ে ছিলেন। আকাশের কোণে সোনালি আলোর শেষ রশ্মি রক্তের মতো ছড়িয়ে পড়ছিল। চারপাশে অবিরত পাতার ঝরঝর আওয়াজ, আর মাঝেমধ্যে একদল পাখির উড়ে যাওয়া এবং কিচিরমিচির— যেন কোনো সঙ্গীতের প্রাণবন্ত সুর মূর্ছনা । আমি চুপচাপ বসে ছিলাম গুরুদেবের পায়ের কাছে, অদ্ভুত এক প্রশান্তি আমার মনকে আচ্ছন্ন করে রেখেছিল। অবশেষে, আমি নীরবতা ভেঙে গুরুদেবকে বললাম, “সাঁইজি, আপনি মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা, সীনাগোগ ও গুরুদুয়ারা সহ কতসব ধর্মঘরে ঘুরলেন… বলুন তো, কোথায় সত্যের দীপ খুঁজে পেয়েছেন?”

গুরুদেব দুচোখ বন্ধ করলেন। তারপর চোখ খুলে তাঁর হাতের আঙুল দিয়ে মাটিতে একটা সরল রেখা এঁকে বললেন, “আমি প্রথমে গিয়েছিলাম সেসব বাগানে, যেখানে ফুল ছিল। কিন্তু ফুলগাছগুলোতে ছিলো বিষাক্ত কাঁটা! তারপর গিয়েছিলাম নদীর পাশে, যারা সবসময় শান্তির ডাক দেয়, কিন্তু তাদের বয়ে আনা স্রোত যুদ্ধের মতো প্রবাহিত হয়! এভাবে যেখানেই গিয়েছি, সেখানেই দেখেছি বাইরে একরূপ, ভেতরে আরেক!”

আমি স্তব্ধ হয়ে গুরুদেবের মুখাবয়বের দিকে তাকিয়ে ছিলাম। গুরুদেবের চোখে ছিল বহু বছরের অভিজ্ঞতার ছাপ, যেন তিনি বিশ্বজগতের সমস্ত কষ্ট উপলব্ধি করেছেন! গুরুদেব এবার মুক্ত বাতাসে বুক ভরে নিঃশ্বাস নিয়ে বললেন, “শেষে, একদিন, আমি এক নির্জন পাথরখণ্ডের কাছে পৌঁছালাম। সেখানে ছিল না কোনো কাঁটা, না কোনো স্রোতের চাপ। শুধু ধ্যানমগ্ন বাতাস ছিল, আর এক নিঃশব্দতা চারপাশে মিশে ছিল। সে ছিল বুদ্ধের বাগান— যেখানে অহিংসার বৃক্ষ একদম মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। প্রতিটি পাতায় যেন লেখা ‘শান্তি।’ সে শান্তি ছিল সেই বাগানের মাটির মধ্যে, বাতাসে, আকাশে।”

গুরুদেব একটু থামলেন, আর আমি তার কথা ভাবতে-ভাবতে গভীরভাবে ভাবনার রাজ্যে হারিয়ে গেলাম। চারপাশের প্রকৃতি তখন যেন এক বড্ড শান্তির গান গাইছিল— খয়েরি মাটির গন্ধ, লতাপাতা থেকে ঝরতে থাকা শিশিরের ঝলক, আর হালকা গোধূলির আলো সব কিছু মিলে গিয়েছিল এক অপূর্ব সঙ্গীতের মধ্যে। ভাবনার আকাশে উড়তে-উড়তেই গুরুদেবকে বললাম, “সাঁইজি, আমিও সেই বৃক্ষের ছায়ায় বসতে চাই।”

গুরুদেব এক মৃদু হাসি দিলেন, যেন কোনো গভীর সত্য প্রকাশ করবেন। তাঁর চোখের কোটর থেকে হালকা এক রশ্মি ঝিলমিল করে বেরিয়ে আসছিল, যেন আকাশের শেষ আলো তার মধ্যে লুকিয়ে ছিল। তিনি আমার চোখে চোখ রেখে বললেন, “তুমি আপনা-আপনিই সেই বৃক্ষের ছায়ার মধ্যে একদিন শুয়ে পড়বে, যখন তোমার ভিতরের স্রোত শান্ত হয়ে যাবে। তখন তুমি জানবে— শান্তির পথে হাঁটা খুব সহজ, যদি নিজের কাঁটাগুলো খুঁজে নিতে পারো।”

এবার আমি দু’চোখ বন্ধ করে স্থির হয়ে বসে রইলাম, বাতাসে যেন আমার শ্বাস-প্রশ্বাস মিলিয়ে যাচ্ছিল প্রকৃতির সুরের সাথে। দূরের আকাশে তখন একাকী একটি পাখি সূর্যাস্তের দিকে উড়ে চলে যাচ্ছিল, পৃথিবীর সমস্ত কষ্ট ছড়িয়ে যাচ্ছিল সেই পাখির পাখায়। গুরুদেব এবার মাথা নিচু করে বললেন, “তুমি যখন সেই শান্তি পাবে, তখন পৃথিবী তোমাকে বিচ্ছিন্ন করবে না। তুমি তখন প্রকৃতির সেই গাঢ় নিঃশব্দতা হয়ে যাবে!”

আমি উপলব্ধি করলাম—মন্দিরে নয় অন্তরেই সত্যের দীপ জ্বলে!

জ্ঞানের সীমানা

শীতের সকাল। আমাদের আশ্রম ও পুকুরটিকে কুয়াশারা ঘিরে রেখেছে, সূর্যের আলোর মৃদু কিরণ কিছুটা পুকুরের জলের ওপর পড়ছে। বাতাসে একটা প্রশান্ত নীরবতা, শুধু মাঝেমধ্যে ভোরের পাখির গান শোনা যায়। আমি এবং গুরুদেব বসে আছি আমাদের পুরনো সেই পাকুড় গাছের নিচে। গুরুদেবকে জিজ্ঞাসা করলাম, “সাঁইজি, আমি শুনেছি, এমন একটি গ্রন্থ (কুরান) আছে যার মধ্যে দুনিয়ার সমস্ত জ্ঞান রয়েছে। যদি তা-ই হয়, তবে আমি যদি শুধু সেই গ্রন্থই পড়ি, তাহলে তো আমি বিশ্বজ্ঞানী হতে পারবো, তাইনা?”

গুরুদেব সবগুলো দাঁত বের করে ‘হা-হা-হা’ করে হেসে আমার দিকে তাকিয়ে বললেন, “বাপ, নদীর জলে তোমার মুখ দেখেছ কখনও? দেখে থাকলে বলো- কী দেখছো?”

আমি সোজা বললাম, “নদীর স্বচ্ছ জলে আমি আমার প্রতিবিম্ব দেখেছি।”

গুরুদেব এবার বললেন, “কূপের জল স্থির, একটুও নড়ে না। সেই জলে কী নিজের মুখ দেখেছো কখনও?”

আমি বললাম, “কুয়োতে আমি আমার মুখ বহুবার দেখেছি, তবে কুয়োর জল একদম স্থির।”

গুরুদেব বললেন, “কূপের জল কখনোই নদীর মতো প্রবাহিত হয় না। বছরের পর বছর সেখানে একই জল থেকে যায়, এক জায়গায় থেমে থাকে। কিন্তু নদীর জল? এটি বয়ে চলে, নতুন জল আসে, নতুন জীবন আনে। বলো তো, বাপ, তুমি কী হতে চাও? কূপের জল, নাকি প্রবাহমান নদী?”

আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, তারপর বললাম, “আমি নদীর মতো হতে চাই, সাঁইজি।”

গুরুদেব মাথা নেড়ে বললেন, “তাহলে কেন তুমি একটি মাত্র গ্রন্থে নিজেকে সীমাবদ্ধ করতে চাও? জ্ঞানও নদীর জলের মতো—প্রবাহমান, পরিবর্তনশীল, সর্বদা বিস্তৃত। যে ভাবে, ‘একটি মাত্র গ্রন্থেই সব সত্য আছে’, সে আসলে কূপের স্থির জলের মতো। সে কখনোই নতুন কিছু গ্রহণ করতে পারে না, নতুন উপলব্ধি তার কাছে পৌঁছায় না। কিন্তু যে ব্যক্তি বিভিন্ন উৎস থেকে শেখে, প্রশ্ন তোলে, নতুনকে গ্রহণ করে—সে নদীর মতো চলতে থাকে, সমুদ্রের দিকে এগিয়ে যায়।”

আমি এবার গভীরভাবে মাথা ঝাঁকালাম, যেন আমার হৃদগৃহের অন্ধকার সরিয়ে নতুন আলো এসে পড়েছে। গুরুদেব বললেন, “সত্য কখনো একটি মাত্র বইয়ে সীমাবদ্ধ নয়। এটি ছড়িয়ে আছে বিশ্বজুড়ে—প্রকৃতির মাঝে, মানুষের জ্ঞানে, অভিজ্ঞতায়। তাই বাপ, সত্যিকারের জ্ঞানী হতে চাইলে শুধু পড়বে না, দেখবে, শিখবে, ভাববে, প্রশ্ন করবে। কূপের জলের মতো নিজেকে আটকে রেখো না, নদীর মতো প্রবাহিত হও। তবেই তুমি জ্ঞানের সমুদ্রে পৌঁছাতে পারবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *