চৈতন্য (শহিদুল শাহ) – ৪

ঈশ্বরের দালাল

স্বপ্নটা দেখার পর থেকে মন হতে অস্থিরতা দূর হচ্ছে না। দোকানদারি, তুলসী এবং আমার ভবিষ্যৎ, কোনোটাই ভালো লাগছে। মনে হচ্ছে আমার স্থান পরিবর্তন করা দরকার। কোথাও ঘুরতে বেরোলে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। রাতে খাবার খেয়ে ঘুমানোর জন্য এপাশ-ওপাশ করছি। হটাৎ গুরুদেব বললেন, “বাপ, প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে গুছিয়ে রাখো, আগামীকাল আমরা ঘুরতে বেরোবো।”

আমি চমকে উঠলাম! গুরুদেব আমার মনের কথা বুঝলেন কেমনে? আমি কোনো কথা না বলে মুচকি হেসে প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে গুছিয়ে রাখলাম।

মেঘলা ভোরে গুরুদেব এবং আমি নদীর ধারে বসা, নৌকার অপেক্ষায়। ধলেশ্বরী নদী পাড়ি দিয়ে আমরা চলে যাবো বাবা গুপ্ত শাহ্’র মাজারে। সেখান থেকে বিভিন্ন তীর্থস্থান পরিভ্রমণ করবো। এটা আমাদের গুরু-শিষ্যের লম্বা সফর। ঠান্ডা বাতাস বইছে, জলকণাগুলো সূর্যের প্রথম আলোয় চিকচিক করছে। ভোরের পাখিরা ডাকছে, দূরে একটা নৌকা ধীরে-ধীরে ভেসে যাচ্ছে। অপেক্ষার সময় সহজে ফুরায় না। সময় কাটাতে গুরুদেবকে জিজ্ঞেস করলাম, “বাজান, দালালরা টাকাপয়সা খেলেও তারা তো মানুষের উপকার করে, তবুও কেন সমাজের চোখে এরা ঘৃণিত? কাজ করে দিয়ে পারিশ্রমিক নেয়া কি অন্যায়? আমি আমার সময় ব্যয় করে কারও উপকার করে যদি বিনিময় গ্রহণ করি, তাতে দোষের কী?”

গুরুদেবের সঙ্গে আলাপ করার মজা হলো—উনাকে যখনতখন অপ্রাসঙ্গিক যেকোনও প্রশ্ন করা যায়। এই ভোরে যাত্রা পথে দালাল প্রসঙ্গে প্রশ্ন করায় উনি একটুও বিরক্ত হলেন না, বরং মৃদু হেসে বললেন, “দেখো, নদীর মাঝখানে ঐযে নৌকা ভাসছে, ঐ নৌকার মাঝির কাজ দুই তীরের মানুষকে পার করা। বলো তো, সে কি ভালো লোক?”

আমি বললাম, “যেহেতু সে মানুষকে সাহায্য করে, সেহেতু সে অবশ্যই ভালো লোক।”

গুরুদেব বললেন, “ঠিক। কিন্তু যদি মাঝি মাঝনদীতে গন্তব্য পৌঁছানোর আগে বেশি ভাড়া দাবি করে, যদি সে কেবল ধনী লোকদের পার করে আর দরিদ্রদের ফেলে রাখে, তাহলে?”

আমি সোজা উত্তর দিলাম, “তাহলে সে অবশ্যই প্রতারক এবং নিকৃষ্ট মানুষ।”

গুরুদেব মাথা ঝাকিয়ে বললেন, “এজন্যই সাধারণ দালালরা ঘৃণিত— তারা বাধা দূর করার পরিবর্তে নতুন বাধা সৃষ্টি করে। তারা মানুষের দুর্বলতা কাজে লাগিয়ে মুনাফা করে। অথচ প্রকৃত দালাল তো সেই, যে অতিরিক্ত বিনিময়ের চিন্তা না করে সৎভাবে মানুষের উপকার করে। দালাল তো বহু প্রকার: যারা দুই পক্ষের শত্রুতার অবসান ঘটিয়ে সাহায্য করে, তাঁরাও দালাল। দালালে দুনিয়া ভরা। দালাল ছাড়া দুনিয়া বড় কঠিন। তুমি যদি পতিতালয়ে যাও, সেখানেও দালাল পাবে, লোকেরা যাদেরকে ‘মাগীর দালাল’ বলে।

আমি মুচকি হেসে আবারও জিজ্ঞেস করলাম, “তাহলে ঈশ্বরের দালালরা কেমন?”

গুরুজি আকাশের দিকে তাকিয়ে বললেন, “ঈশ্বরের দালালরা পৃথিবীর সবচেয়ে বড় দালাল এবং এরা নিকৃষ্ট। এরা শুধু নিজের স্বার্থ দেখে। এরা নিজের আকাঙ্খা পূরণে মিথ্যার আশ্রয় নেয়। এরা প্রতারক এবং ভয়ংকর। কারণ, তারা মানুষের আত্মাকে কিনতে চায় এবং কেনে!”

আমি ভাবছিলাম গুরুদেব ঈশ্বরের দালালদের পক্ষে কথা বলবেন। কারণ, ঈশ্বরের দালালরা সাধারণ মানুষ ও ঈশ্বরের মাঝখানে এক সেতু। কিন্তু গুরুদেব যখন বললেন—ঈশ্বরের দালালরা মানুষের আত্মাকে কিনতে চায় এবং কেনে, তখনই আমার জ্ঞানপ্রদীপ জ্বলে উঠলো, আমি বুঝতে পারলাম বিষয়টা। আলাপটা শেষ করার জন্য ছোট্ট করে আরেকটা প্রশ্ন করলাম, “তাহলে দালাল ছাড়া সাধারণ মানুষ ঈশ্বরের কাছে কীভাবে পৌঁছাবে?”

গুরুদেব আঙুল নির্দেশ করে বললেন, “নদীকে দেখো, সে নিজের স্বার্থ দেখে না— সে আপন গতিতে বয়ে চলে। সাধারণ মানুষকেও নদীর মতো হতে হবে। আপন গতিতে চলতে হবে। তারা আপনাআপনিই যার-যার ঈশ্বর সে-সে খুঁজে পাবে। কেউ কারও ঈশ্বরকে খুঁজে দিতে পারে না। কারণ, যতো কল্লা ততো আল্লা। চোরের আল্লা চোর, সাধুর আল্লা সাধু। কৃষ্ণ কেমন? —যার মন যেমন। কারও ঈশ্বর কারও মতো না। এজন্যই একজনের ঈশ্বর আরেকজন খুঁজে দিতে পারবে না। যে দালাল অন্যের ঈশ্বরকে খুঁজে দেবার প্রতিশ্রুতি দেয়, সে নিসন্দেহে ভণ্ড!”

এদিকে নৌকা ঘাটে নোঙর করেছে, আমরা নৌকায় উঠলাম।

বাদে বিবাদ

উত্তাল ঢেউয়ের দোলায় হেলেদুলে আমাদের নৌকাটা এগিয়ে যাচ্ছে। গুরুদেব চুপচাপ বসা, আমি তাঁর বাম পাশে। মনে হচ্ছে তিনি ধ্যানে বসেছেন। কিন্তু আমি জানি—তিনি এভাবে কখনও ধ্যান করেন না। নৌকায় যাত্রী তেমনটা ছিলো না। গুরুদেবকে ফিসফিস করে জিজ্ঞেস করলাম, “বাজান, দুনিয়ায় তো মতবাদের শেষ নাই। এতো-এতো মতবাদের মধ্যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা কীভাবে বুঝবো?”

গুরুদেব ধীরে-ধীরে চোখ খুললেন। নদীর একূল ওকূল দুইকূলের দিকে তাকালেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, “নদীটা দেখো। এটি পাহাড় থেকে নেমে এসেছে, প্রথমে পাথর ভেঙে এরপর মাটি খুঁড়ে এগিয়ে যাচ্ছে। তুমি কি বলতে পারবে, এই নদীটি একমাত্র সঠিক পথ ধরে এগোচ্ছে?”

আমি কিছুক্ষণ ভেবে বললাম, “না বাজান, নদী তার পথ নিজেই তৈরি করে নিচ্ছে। যেখানে বাধা পায়, সেখানে পথ ঘুরিয়ে নেয়।”

গুরুদেব আমার উত্তর শুনে সন্তুষ্ট হলেন। আমার কাঁধে হাত রেখে বললেন, “ঠিক তাই! প্রত্যেক মতবাদ একটি নদীর মতো। কেউ পাহাড় থেকে নেমে আসে, কেউ সমতল ভূমিতে জন্ম নেয়, কেউ সাগরের সঙ্গে মিশে যায়। কিন্তু কোনো নদী যদি দাবি করে যে, শুধু তার পথই একমাত্র সত্য, তখনই সে সংকীর্ণ হয়ে পড়ে।”

গুরুদেবের কথা শুনে আমার চিন্তার দুয়ার আরও প্রসারিত হলো! ভাবলাম এইবার মোক্ষম একটা প্রশ্ন করা যাক। তাঁকে বললাম, “তাহলে বাজান, ধর্মগুলো কেন নিজেদের একমাত্র সত্য বলে দাবি করে?”

গুরুদেব নৌকায় পড়ে থাকা একটি কাঠের টুকরো হাতে তুলে নিয়ে নদীতে ছুড়ে ফেললেন। নদী তখন শান্ত ছিলো, কোনো ঢেউ ছিলো না। আমরা প্রায় কিনারায় এসে গেছি। গুরুজি কাঠের টুকরোটি পানিতে ফেলার সঙ্গে-সঙ্গে ছোট-ছোট ঢেউ উঠলো। তারপর শান্ত স্বরে বললেন, “যখন কোনো মতবাদ মতবিনিময়ের সুযোগ বন্ধ করে দেয়, তখন তা পাথরের মতো কঠিন হয়ে যায়। প্রবাহমান নদী যেখানে মুক্ত, সেখানে থমকে থাকা জল দ্রুত নষ্ট হয়ে যায়।”

আমি পরিস্কারভাবে বোঝার জন্য এবং সংশয় দূর করার জন্য জিজ্ঞেস করলাম, “তাহলে ধর্ম বা মতবাদ বদলানো যায় কি?”

গুরুদেব বললেন, “নদীর জল প্রতিদিন বদলায়, কিন্তু নদী রয়ে যায়। মতবাদও বদলায়, যদি তা মুক্ত চিন্তার অধীনে থাকে। তবে যেটা বদলায় না, সেটিই একসময় বিবাদের কারণ হয়ে দাঁড়ায়।”

আমি মাথা ঝাকিয়ে বললাম, “আমি বুঝেছি, বাজান। মতবিনিময় ছাড়া কোনো মতবাদই দীর্ঘস্থায়ী হতে পারে না।”

গুরুদেব হাসলেন। নৌকা কিনারায় এসেছে। মাঝিকে ভাড়া দিয়ে নৌকা থেকে নামলাম এবং আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম…

শব্দশ্রমিক

আমরা এসেছি বাবা গুপ্ত শাহ্’র মাজারে। এখানকার পরিবেশ দেখে আমি তো অবাক! এই মাজারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানদের একসঙ্গে ওঠাবসা! কেউ গান করছে, কেউ জিকির করছে, কেউ ধ্যানে আছে, কেউ সাষ্টাঙ্গপ্রণাম করছে, কেউবা মসজিদে নামাজ আদায় করছে! কী আজব কাণ্ড! এখানে কেউ কাউকে বিরক্ত করছে না। ধূপগন্ধীতে চারপাশ ম-ম করছে। মনে হচ্ছে এটা পৃথিবীর একমাত্র মানব-বাগান, যেখানে জুঁই, চামেলি, শিউলি, বেলি, গোলাপ, রজনীগন্ধা ও ঘাসফুল সহ সব প্রজাতির ফুল ফুটেছে! একটা জিনিস খেয়াল করলাম—গুরুদেব মাজারে কোনো ভক্তি কিংবা সিজদা কিচ্ছু করলেন না। তিনি প্রথমে মাজারে প্রবেশ করলেন, কয়েক মূহুর্তের জন্য চুপচাপ দাঁড়ালেন এবং দুচোখ বন্ধ করে বুক ভরে নিশ্বাস নিলেন। অতঃপর ধীরেধীরে হেঁটে চারপাশ দেখতে লাগলেন।

হাঁটতে-হাঁটতে চোখ গেল ছোট্ট একটা রুমের দিকে। রুমে কয়েকটা বুকসেল্ফ, তাতে থরে-থরে সাজানো— বাইবেল, কুরান, পুরাণ, বেদ, গীতা, জেন্দাবেস্তা, গ্রন্থসাহেব ও ত্রিপিটক। এই দৃশ্যটা দেখে আরও মুগ্ধ হলাম। কিন্তু একটা প্রশ্ন মাথায় খেলা করলো—প্রত্যেকটা গ্রন্থেই আলাদা-আলাদা দর্শন কেন? সমগ্র মানব জাতির জন্য একটা দর্শন হলেই কী ভালো হতো না? প্রশ্নটা গুরুদেবকে করেই ফেললাম। গুরুদেব মৃদু হাসলেন। তারপর তাঁর হাতে রাখা ঘটী আমার হাতে দিয়ে বললেন, “এটি উল্টে দাও।”

আমি বিন্দুমাত্র দ্বিধা না করে ঘটীটি উল্টে দিলাম। স্বচ্ছ জল মাটিতে গড়িয়ে পড়লো। গুরুদেব বললেন, “এটা কী হলো? পাত্রে রাখা পানি পড়ে গেল। পাত্রে যদি মদ, মধু বা দুধ থাকতো, তবে তা-ই পড়ে যেতো। এর মানে— পাত্রে যা থাকে, ঢাললে তাই পড়ে। একজন লেখকের মনও একটি পাত্র। সে যা ধারণ করে, তা-ই তাঁর লেখায় প্রতিফলিত হয়। তাঁর অভিজ্ঞতা, তাঁর উপলব্ধি, তাঁর জ্ঞান—এসবই তাঁর কলমের স্রোত হয়ে বয়ে চলে। প্রত্যেকটা ধর্মগ্রন্থ আলাদা-আলাদা লেখকের লেখা। তাই আলাদা-আলাদা দর্শন।”

আমি কিছুক্ষণ নীরব রইলাম, তারপর বললাম, “তাহলে কি একজন লেখক পাঠকের জন্য লেখেন না? তিনি কি শুধু নিজের ভেতরে যা আছে তা-ই উগরে দেন?”

গুরুদেব শুধুই হাসেন। সময়-অসময় নাই, হাসেন। এটা সম্ভবত তাঁর মুদ্রাদোষ। যথারীতি এবারও তিনি হাসলেন এবং বললেন, “সূর্য কি কারও জন্য আলো দেয়? নদী কি কারও জন্য বয়ে চলে? তারা নিজেদের ধর্ম পালন করে মাত্র। প্রকৃত লেখকও তেমনি, তিনি কেবল সত্যের সন্ধান করেন এবং তাঁর উপলব্ধি লিখে যান। পাঠক যদি সে সত্য উপলব্ধি করতে পারেন, তবে তাঁর জীবন বদলে যেতে পারে। আর যদি না পারেন, তবে সেই লেখা তাঁর জন্য নয়।”

গুরুদেবের কথা শুনে মনটা ভরে গেল। আস্তে করে আবারও বললাম, “তাহলে এই ধর্মগ্রন্থগুলো নিশ্চয়ই লেখকদের লেখা, এগুলো তথাকথিত ঈশ্বরের নিজ হাতে লেখা কোনো গ্রন্থ নয়, তাইনা? এই গ্রন্থগুলোর লেখকরা শুধুই নিজেদের দৃষ্টিকোণ লিখেছেন। এজন্যই এতো বৈপরীত্য এবং সাংঘর্ষিক। কিন্তু বাজান, যারা পাঠকের চাহিদা মেনে লেখেন, তারা কেমন লেখক?”

গুরুদেব গভীর এক দৃষ্টিতে আমার দিকে তাকালেন। কিছুক্ষণ নীরব থাকার পর বললেন, “তারা লেখক নয়, শব্দশ্রমিক।”

গুরুদেব যে এই মাজারে অবস্থান করতেছেন, ইতিমধ্যেই মাজার কমিটি খবর পেয়ে গেছেন। মাজার কমিটির লোকজন গুরুদেবকে ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন। তাঁরা আমাদের সেবার কোনো কমতি রাখলেন না।

শব্দের খেলা

আমার গুরুদেব নিজের প্রশংসা নিজে কখনও করেন না। তাঁর পছন্দ-অপছন্দের কথাও কাউকে বলেন না। তবে তিনি আমাকে একদিন তাঁর একটি পছন্দের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন: ‘সাদা খাতার পাতায় সবাই লিখতে পছন্দ করে; কিন্তু, লিখতে-লিখতে যে খাতার পাতা শেষ হয়ে গেছে, আমি সেটাতেই লিখতে বেশি পছন্দ করি।’ গুরুদেবের এই কথাটির মানে তখন বুঝতে পারিনি, আজ বুঝলাম।

 ঘরে একদল লোক বসা। এই লোকগুলো একসময় গুরুদেবের বাড়িতে আসাযাওয়া করতেন। আজ আমরা ঘুরতে-ঘুরতে তাদের একজনের বাড়িতে উঠেছি। রাতের সেবা গ্রহণ শেষে আমরা সাধুসঙ্গে বসেছি। একজন লোক গুরুদেবের পায়ে সাষ্টাঙ্গসিজদা দিয়ে বললেন, “গুরুজি, আমি অনেক শাস্ত্র পড়েছি, জ্ঞান অর্জন করেছি। এবার আমি দীক্ষা চাই।”

গুরু মৃদু হেসে বললেন, “শাস্ত্র পড়েছ, কিন্তু কী শিখেছ?”

লোকটা আত্মবিশ্বাসের সাথে বলল, “আমি শাস্ত্রে জীবনের অর্থ খুঁজেছি, ধর্মের নিয়ম জেনেছি, মুক্তির পথের আলোচনা পড়েছি। এখন আমি যেকোনো মানুষকে বুঝাতে এবং দিকনির্দেশনা দিতে সক্ষম।”

গুরুদেব কিছু বললেন না। তিনি ঘরের মেঝেতে একটি কাঠি দিয়ে রেখা টানলেন এবং বললেন, “এটি পার হও।”

লোকটা অবাক হলেও রেখাটি পেরিয়ে গেল। গুরুদেব আবার বললেন, “এবার এটি মুছে দাও।”

লোকটা হাত দিয়ে রেখাটি মুছে দিলো। গুরুদেব এবার শান্ত কণ্ঠে বললেন, “এবার নিজের ভেতরে আঁকা রেখাগুলো মুছে ফেলো।”

লোকটা হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। গুরুদেব বললেন, “শাস্ত্র পড়া শিখেছ, কিন্তু নিজেকে পড়তে শিখোনি। যে শাস্ত্র তোমার ভেতরের অহংকার, ভয়, আকাঙ্ক্ষা মোছাতে পারবে না, সে শাস্ত্র শুধুই শব্দের খেলা। নিজেকে পড়তে পারে সেই, যাঁর ত্রিনয়ন খুলে গেছে।”

যুবক নত হয়ে বলল, “তাহলে আমার ত্রিনয়ন খুলে দিন।”

গুরুদেব মুচকি হাসলেন, বললেন, “যেদিন নিজের ভেতরের রেখাগুলো মুছতে পারবে, সেদিন আপনাআপনিই ত্রিনয়ন খুলে যাবে!”

সুরের সাধক

আমি গভীর মনোযোগে গুরুদেবের সেতার পরিবেশন শুনছিলাম। রাত গভীর, আকাশ জোড়া পূর্ণিমার আলো। গুরুদেব চোখ বন্ধ করে সুর তুললেন—একটি বিস্মৃত রাগ, যা তাঁর গুরু থেকে শিখেছিলেন, আর তাঁর গুরু তাঁর গুরুর কাছ থেকে।

চারপাশে মানুষ। সবার চোখে বিস্ময়, হৃদয়ে এক অদ্ভুত শিহরণ! সুরগুলো যেন বাতাসকে ভারী করে তুলছে। হঠাৎ অনুভব করলাম, ঘরের কোণে শীর্ণকায় এক বৃদ্ধ, যার শরীর জীর্ণ, যন্ত্রণায় কাঁপছিল, ধীরেধীরে সে স্থির হয়ে যাচ্ছে! সে সেতারের সুরে তাল মিলিয়ে নাচতে শুরু করলো!

সঙ্গীত শেষে গুরুদেবকে জিজ্ঞেস করলাম, “সাঁইজি, এই সঙ্গীত কি জীর্ণশীর্ণ লোকটিকে নিরাময় করে তুললো?”

গুরুদেব চোখ মেলে তাকালেন, এক গভীর দৃষ্টিতে বললেন, “সঙ্গীত শুধু শ্রবণযোগ্য নয়, এটি আত্মার ভাষা। যদি হৃদয় পবিত্র হয়, তবে সুর আত্মার গভীরে প্রবেশ করে, ব্যথা মোচন করে।”

বৃদ্ধ ধীরে ধীরে উঠে বসলো। কাঁপা কাঁপা স্বরে বলল, “এই সুর আমার ভেতরের সমস্ত অন্ধকার সরিয়ে দিয়েছে, এখন মনে হচ্ছে আমি আবার নতুন করে জন্ম নিলাম!”

আমি বিস্মিত হয়ে গুরুদেবের দিকে তাকালাম। গুরুদেব মৃদু হেসে সেতারের তারে আরেকটি নরম ঝংকার তুললেন। পূর্ণিমার আলোয় চারপাশ আরও দীপ্তিময় হয়ে উঠল। মনে হলো—গানবাজনা উপাসনার চেয়েও উত্তম!

তথ্য বনাম উপলব্ধি

জয় গৌরাঙ্গ মন্দির থেকে এক কিলোমিটার দূরে জয় মা আনন্দী ধাম। আনন্দী মা গভীর ধ্যানে ছিলেন। সন্ধ্যার আকাশ লালচে, বাতাসে ধূপের মিষ্টি গন্ধ। আমি এবং গুরুদেব তাঁর পাশে গিয়ে দাঁড়ালাম। গুরুদেব আনন্দী মাকে প্রণাম করলেন। আনন্দী মা চোখ খুললেন এবং গুরুদেবের কপালে চুমু খেলেন। আনন্দী মায়ের দর্শন পেতে আরও অনেক মানুষ এসেছে। আনন্দী মা গুরুদেবকে তাঁর আসনে বসিয়ে আমাদের জন্য জলখাবার আনতে গেলেন। একজন আগন্তুক আসলেন। তার চোখেমুখে প্রশ্নের ছায়া। তিনি গুরুদেবকে বললেন, “গুরুজি, আমি একটি সত্য জানতে চাই, তা হলো—জীবনের প্রকৃত অর্থ কী?”

গুরুদেব আগন্তুকের পা থেকে মাথা পর্যন্ত দেখলেন। তার চোখে চোখ রাখলেন। এরপর একটুকরো পাথরের ওপর হাত রেখে বললেন, “এই পাথরটাকে স্পর্শ করো।”

আগন্তুক বিনা প্রশ্নে হাত রাখলেন। গুরুদেব বললেন, “কিছু অনুভব করছো?”

আগন্তক বললেন, ‘“না গুরুজি, এ তো শুধু একটা শীতল পাথর!”

গুরুদেব লোকটাকে তার পকেট থেকে স্মার্টফোন বের করতে বললেন। লোকটা ফোন বের করলেন। গুরুদেব বললেন, “এখন গুগল খুলে ‘জীবনের প্রকৃত অর্থ’ সার্চ করো।”

লোকটা দ্রুত সার্চ দিলেন। ‘জীবনের প্রকৃত মানে’ প্রাসঙ্গিক অসংখ্য লিংক, নিবন্ধ ও উক্তি ভেসে উঠলো পর্দায়। লোকটা বেশকিছুক্ষণ পড়লেন। গুরুদেব বললেন, “তুমি কি সত্য পেয়েছো?”

লোকটা বিভ্রান্ত হলেন এবং চুপ করে রইলেন। তারপর বললেন, “গুরুজি, এগুলো তো শুধুই কথার ফুলঝুরি! এগুলো পড়ে আমি কিছু অনুভব করতে পারছি না।”

গুরুদেব আবার মৃদু হাসলেন। বললেন, “তাহলে বুঝতে পারলে, জ্ঞানের উৎস কোথায়? সত্য কি শুধু তথ্যের মধ্যে থাকে, নাকি তার উপলব্ধির প্রয়োজন?”

লোকটা নত মস্তকে বসে পড়ল। এবার সে সত্যিই কিছু অনুভব করল। আমিও উপলব্ধি করলাম—তথ্য বা ইনফরমেশন জানলেই জীবনের মানে বোঝা যায় না; নিজের জীবনটাকে তর্জমা করে জীবনের মানে অনুভব করতে হয়।

এদিকে আনন্দী মা হরেক রকমের ফলমূল নিয়ে এসেছেন। আমরা সবাই মিলে আনন্দী মায়ের সেবা গ্রহণ করলাম।

জ্ঞানপাপী

আনন্দী মা, আমি এবং গুরুদেব পাশাপাশি বসা। আনন্দী মায়ের আশ্রমের পাশে নদী বয়ে চলেছে, সূর্য অস্ত যাচ্ছে, আকাশে লালচে আভা। বাতাসে ধূপের মিষ্টি গন্ধ মিশে আছে। গুরুদেব দু’চোখ বন্ধ করে কিছুক্ষণ ধ্যান করলেন, তারপর বললেন, “শোনো বাপ, এক দেশে এক রাজা ছিলেন। তিনি প্রচণ্ড ক্ষমতাশালী, তাঁর দরবার ছিল বুদ্ধিজীবীতে পরিপূর্ণ। রাজা যখন কিছু বলতেন, বুদ্ধিজীবীরা সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলতেন, “মহারাজ, আপনি যা বলছেন, তা সত্য।”

আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, “সাঁইজি, তাঁরা কি সত্যিই বিশ্বাস করতেন যে রাজার সব কথা সত্য?”

গুরুদেব হেসে বললেন, “না, তাঁরা জানতেন কোনটি সত্য, কোনটি মিথ্যা। কিন্তু তাঁরা তাঁদের জ্ঞানচক্ষু বন্ধ করে ফেলেছিলেন। কারণ তাঁরা জানতেন, যদি সত্য বলেন, তবে তাঁরা রাজদরবার থেকে বিতাড়িত হবেন।”

মাঝখানে থেকে আনন্দী মা বললেন, “রাজদরবারে সকল বুদ্ধিজীবীই ছিলেন জ্ঞানপাপী!”

গুরুদেব আনন্দী মায়ের দিকে গভীরভাবে তাকিয়ে বললেন, “একদম ঠিক। বুদ্ধি থাকা সত্ত্বেও যারা মিথ্যার কাছে মাথা নত করে, তারা বুদ্ধিজীবী নয়, জ্ঞানপাপী। তারা সে সব নদীর মতো, যারা নিজের পথ হারিয়ে জলাশয়ে পরিণত হয়।”

আমি বললাম, “তাহলে প্রকৃত বুদ্ধিজীবী কারা?”

গুরুদেব ধীরে-ধীরে বললেন, “যারা জ্ঞানচক্ষু খোলা রাখে, সত্যের পক্ষে দাঁড়ায়, এমনকি যদি তার জন্য ভোগান্তিও সহ্য করতে হয়, তাঁরাই বুদ্ধিজীবী। এঁরা রাজপ্রাসাদের দালাল নয়, বরং বাতাসের মতো—যেখানে সত্য প্রবাহিত হয়, সেখানেই তাঁরা প্রবাহিত হয়।”

আমি দু’চোখ বন্ধ করে অনুভব করলাম— নদীর প্রবাহ, বাতাসের ছোঁয়া এবং নিজের তৃতীয় চোখের আলো। আমি টের পেয়ে গেলাম—গুরুদেবের সঙ্গে থেকে সব কথাতেই শুধু সহমত পোষণ করা যাবে না, প্রশ্নও তুলতে হবে।

সাহিত্যের মানে

আনন্দী মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের সফর বেশ দীর্ঘ হয়েছে। সফর শেষ করতে হবে। আমরা দুজনে চুপচাপ হাঁটছি…। হটাৎ গুরুদেব বললেন, “বাপ, তুমি কি বাংলা সাহিত্যের কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শ্রীকান্ত’ উপন্যাস পড়েছ?”

বইটি আমি দোকানে বসে-বসে পড়েছিলাম। দারুণ লেগেছিল শ্রীকান্ত চরিত্রটা। পড়তে গিয়ে মনে হয়েছিল—আমি নিজেই যেনো স্বয়ং শ্রীকান্ত! বইটি শুধুই সাহিত্য, তবুও কীভাবে জীবনের সঙ্গে মিলে যায়! গুরুদেবকে জিজ্ঞেস করলাম, “ হ্যাঁ, উপন্যাসটি আমি পড়েছি। কিন্তু বাজান, আপনি কেন এই মূহুর্তে শ্রীকান্ত উপন্যাসের কথা বলছেন? আপনিও কি উপন্যাসটি পড়েছেন?”

গুরুদেব বললেন, “হ্যাঁ, পড়েছি। এই বইটি পড়ার পর শ্রীকান্ত চরিত্র আমাকে প্রভাবিত করেছিল। এখন তো আমরা দুজনেই স্বয়ং শ্রীকান্ত!”

আসলেই গুরুদেব কঠিন একটা মানুষ। তিনি অতল। মনের গভীরে পৌঁছে যান। কীভাবে যে আমার ভালোলাগা বিষয়গুলো তিনি বের করে আনেন, বুঝতে পারি না। তাঁর জীবনদর্শনের সঙ্গে আমার জীবনদর্শন একবারে মিলে যায়, এটা কাকতালীয় কি-না তা-ও ধরতে পারি না। শরৎচন্দ্রের শ্রীকান্ত চরিত্রটার মাঝে আমি এখনও নিজেকে খুঁজে বেড়াই। মাঝেমধ্যে মনে হয়—শরৎচন্দ্র তো সাহিত্যিক ছিলেন, তিনি কেমন করে এমন ভবঘুরে আধ্যাত্মিক চরিত্র দাঁড় করালেন? তিনি কি নিজেই স্বয়ং শ্রীকান্ত ছিলেন? হাঁটতে-হাঁটতে গুরুদেবকে জিজ্ঞেস করলাম, “বাজান, সাহিত্যের প্রকৃত মানে কী?”

গুরুদেব কিছুক্ষণ নীরব থেকে আকাশের দিকে তাকালেন। সূর্য তখন অস্ত যাচ্ছিল, চারপাশ কমলা আলোয় ঝলমল করছিল। তারপর বললেন, “শরৎ বাবুর শ্রীকান্ত উপন্যাসের শ্রীকান্ত চরিত্রটা কি তোমার এখনও মনে আছে? থাকলে সংক্ষেপে বলো, তারপর আমি তোমাকে সাহিত্যের প্রকৃত মানে কী বলবো।”

আমি বিস্মিত হয়ে বললাম, “শৈশব থেকেই শ্রীকান্ত নানা স্থান ঘুরে বেড়ায়—মেদিনীপুর, বার্মা, কলকাতা, হাওড়া, বেনারস, সমুদ্রতট, সন্ন্যাসিনীর আশ্রম। তার এই যাত্রা যেনো জীবনের অর্থ খোঁজার এক প্রতীক। সে দেখতে চায় মানুষ কেমন, জীবন কীভাবে চলে, প্রেম কী, ধর্ম কী। শ্রীকান্ত প্রতিটি মানুষের দুঃখে দুঃখিত হয়, বিশেষ করে নারীদের প্রতি তার একটা সহানুভূতিশীল মনোভাব ছিলো। রাজলক্ষ্মীর প্রতি তার ভালোবাসা যতটা না কামনার, তারচেয়ে বেশি ছিলো মমতায় মোড়ানো। শ্রীকান্ত কখনোই খুব স্পষ্ট সিদ্ধান্ত নিতে পারে না। রাজলক্ষ্মীর ভালোবাসা সে বুঝতে পারে, তবু তাকে গ্রহণ করতে দ্বিধায় পড়ে। তার এই দ্বিধা তাকে সমাজ আর হৃদয়ের টানাপোড়েনে ফেলে দেয়। সন্ন্যাসিনী গিরিবালার সান্নিধ্যে ও জীবনভ্রমণের অভিজ্ঞতায় শ্রীকান্ত ক্রমাগত নিজের মধ্যে প্রশ্ন করে—আমি কে, এই জীবনের উদ্দেশ্য কী? সে রাজলক্ষ্মীকে ভালোবাসে, কিন্তু সমাজের ভয়ে তাকে গ্রহণ করতে পারে না। সে একদিকে আদর্শ খোঁজে, অন্যদিকে বাস্তবকে অস্বীকার করতে চায় না। এই দ্বন্দ্ব তার ভেতরে এক ধরণের বিরহ ও অস্থিরতা সৃষ্টি করে। তার চরিত্র নিয়ে আরও সুস্পষ্ট এবং সহজ করে বললে বলা যায়—সে প্রেমিক, তপস্বী ও পর্যবেক্ষক, কিন্তু কখনোই পুরোপুরি কিছু নয়!”

গুরুদেব মৃদু হেসে বললেন, “ঠিক তাই, সাহিত্যের প্রকৃত মানেও শ্রীকান্ত চরিত্রের মতো। প্রকৃত সাহিত্য তোমাকে সত্য ও মিথ্যার সীমা দেখাবে, আলো ও অন্ধকারের পার্থক্য বোঝাবে, কিন্তু কখনোই তোমাকে একপাশে দাঁড় করিয়ে দেবে না।”

আমি কিছুক্ষণ নীরব থেকে বললাম, “তবে কি সাহিত্য শ্রীকান্ত চরিত্রের মতোই জটিল?”

গুরুদেব নীল আকাশের দিকে তাকিয়ে বললেন, “ হ্যাঁ, প্রকৃত সাহিত্য শ্রীকান্ত চরিত্রের মতোই জটিল। শ্রীকান্ত চরিত্র যেমন শৃঙ্খলে বন্দী নয়, তেমনি সাহিত্যও কোনো নিয়মের বেড়াজালে সীমাবদ্ধ নয়। সাহিত্য সেই মুক্তগদ্যের মতো, যা নিয়মের শৃঙ্খলায় আবদ্ধ থাকে না, যা শুধু চিন্তার দিগন্ত খুলে দেয়। তবে, প্রকৃত সাহিত্যিক একটা নিয়ম মেনে চলেন, তা হলো— যদি একটি বাক্যেই সব বলা যায়, তাহলে তাঁরা হাজার শব্দ নষ্ট করেন না।”

আমি গভীরভাবে মাথা নেড়ে বললাম, “তবে কি সাহিত্য শুধু চিন্তার জগতে সীমাবদ্ধ?”

গুরুদেব বললেন, “না, সাহিত্য শুধু চিন্তার নয়, এটি জীবনের আয়না। তুমি যদি গভীরভাবে দেখো, তবে সাহিত্যের অর্থ শুধু গল্প বা কবিতা নয়, এটি ন্যায়-অন্যায়ের মাঝে পার্থক্য করার শক্তি। এটি জীবনবেদকে উন্মোচন করার একটি পথ।”

আমি গুরুদেবের অনেকটা পেছনেই পড়ে গিয়েছিলাম। দ্রুত হেটে গুরুদেবের কাছাকাছি গিয়ে বললাম, “বাজান, তবে কি সাহিত্য একজন মানুষের জীবন বদলে দিতে পারে?”

গুরুদেব আমার ডান হাত ধরে বললেন, “যদি না পারত, তবে আমি আজ তোমার হাতে হাত রেখে পথ চলতে পারতাম না। সাহিত্যের আলোয় পথ চিনতে পারলেই জীবন বদলে যায়, যেমন সূর্য অস্ত গেলেও পুনরায় উদয়ের স্বপ্ন থেকে যায়। ভাবুক মানুষের সমগ্র জীবনটাই একটা সফল সাহিত্য!”

আমি চুপচাপ হাটতে লাগলাম। দিগন্তের দিকে তাকিয়ে অনুভব করলাম— সত্য-মিথ্যার মাঝখান দিয়ে আমি নিজেই অবিরাম হেঁটে যাচ্ছি….

হৃদয়ের মন্দির

আমরা গয়া, কাশী, মথুরা, আনন্দধাম, লিলিথাশ্রম ও গোলকধাম পরিভ্রমণ শেষে আজ বৃন্দাবনে অবস্থান করছি। পরন্ত বিকেল, পাহাড়ের গায়ে সোনালি আলো খেলা করছে। নদীর জলে রূপালি ঢেউ ছুটছে। আর বাতাসে ভেসে আসছে শঙ্খের সুর। বোধিবৃক্ষের নিচে আমরা আসন পেতে বসলাম। আজকের রাত এখানেই কাটিয়ে দিতে হবে। সন্ধ্যা নেমে এসেছে। মশার প্রকোপ থেকে বাঁচতে ধূপ জ্বালালাম। গুরুদেব মোমবাতি জ্বালিয়ে সিদ্ধি প্রস্তুত করতে ছিলেন। গভীর নীরবতা ঘিরে রেখেছিল আমাদের। নীরবতা ভেঙে গুরুদেবকে জিজ্ঞাসা করলাম, “সাঁইজি, ঈশ্বরকে খুঁজে পাওয়ার শ্রেষ্ঠ স্থান কোনটি?”

গুরুদেব সিদ্ধির কল্কিতে জোরসে টান মেরে একগাদা ধোঁয়া ছেড়ে বললেন, “ঈশ্বর বিষয়ক ভূতটা তোমার মাথা থেকে নামাতে পারো না বাপ? তাঁকে কোথায় খুঁজছো তুমি?”

আমি লজ্জিত হলাম। তারপর আমতা-আমতা করে বললাম, “লোকেরা বলে, মন্দিরে গেলে ঈশ্বরের কৃপা পাওয়া যায়। কেউ বলে, মসজিদে গেলে মুক্তি মিলবে। আবার অনেকে গীর্জা, গুরুদুয়ারা, প্যাগোডা কিংবা অন্যান্য তীর্থস্থানে ছুটে যায়। যেমন আমরাও কত তীর্থ ভ্রমণ করলাম।”

গুরুদেব সিদ্ধির কল্কিটা আমার হাতে দিয়ে বললেন, “তোমার হৃদয়ের মন্দিরে থাকা দেবতাকে কি কখনো খুঁজেছো?”

আমি চমকে উঠে বললাম, “হৃদয়ের মন্দির?”

গুরুদেব এবার আমার হাত থেকে সিদ্ধির কল্কি নিয়ে আগুন ঠিক করতে-করতে বললেন, “যতদিন তুমি বাহ্যিক তীর্থযাত্রায় ব্যস্ত থাকবে, ঈশ্বর তোমার কাছে স্রেফ এক অলীক ধারণা হয়ে থাকবে। কিন্তু একদিন যদি নিজেকে নিজের হৃদয়ের মন্দিরে খুঁজে পাও, তবে দেখবে, ঈশ্বর তোমার পাশে বসে আছেন। হয়তো তখন তিনি এক পেয়ালা চা হাতে তোমার সঙ্গে গল্প করছেন, একসঙ্গে বসে সিদ্ধি সেবন করছেন, তোমার সুখদুঃখ ভাগ করে নিচ্ছেন!”

আমি গুরুদেবের কথা ভাবতে লাগলাম। আমার মনে হলো— মানুষ মন্দির-মসজিদে গিয়ে শুধু প্রার্থনা করে, কিন্তু কখনো ঈশ্বরের সঙ্গে বন্ধুর মতো মেলামেশা করেনা, আনন্দ করে না। আমার ভাবনার দুয়ারে কড়া নেড়ে গুরুদেব আবার বললেন, “বাহিরের মন্দিরে খুঁজে পাওয়া দেবতা এক অর্থে শাসক, আর অন্তরের মন্দিরে পাওয়া দেবতা বন্ধু। তুমি কাকে চাইবে?”

আমি আরও গভীর চিন্তায় ডুবে গেলাম। মনেমনে ভাবলাম—তাহলে গুরুদেব তীর্থভ্রমণে বেরিয়েছেন কেন? আমার মনের গোবিন্দ আমার গুরুদেব বললেন, “উদ্দেশ্য নিয়ে যারা পথ হাঁটে, তাদের পথ কখনও শেষ হয় না। তারা এক উদ্দেশ্য হাসিল করে আরেক উদ্দেশ্যের দিকে যাত্রা শুরু করে। আমাদের অভিযাত্রা তো উদ্দেশ্যহীন। ভালো লাগে তাই তীর্থে আসি। তীর্থে দুয়েকটা মনের মানুষের দেখা পাই, তাই আসি। আমি জানি তো— আসল তীর্থযাত্রা শুরু হয় নিজেকে খোঁজার মধ্য দিয়ে।”

 অতপর গুরুদেব তাঁর ঝুলি থেকে কিছু খাবার বের করে বললেন, “চলো, এবার হৃদয়ের মন্দিরকে সচল রাখতে দেহধামের পূজা করি।”

পাপীয়সী

গভীর রাতে আমরা শহরের চিপাগলি দিয়ে হাঁটছিলাম। আজ রাত আমাদের হাঁটতে হবে, কারণ আশেপাশে অবস্থান করার মতো কোনো জায়গা নেই। রাতের শহরে বাতাসে ভেসে আসছিল নানা গন্ধ—ধূপ, মদের নেশা, মানুষের ক্লান্তি আর অদৃশ্য কিছু আকুলতা। একসময় আমরা দাঁড়ালাম একটি পথের সামনে, যেখানে আলো-আঁধারির মাঝে কয়েকজন নারী দাঁড়িয়ে ছিলেন—কেউ চোখের কাজলে লুকিয়ে রেখেছেন ক্লান্তি, কেউ শরীরের সাজে আড়াল করেছেন ক্ষুধা।

আমি বিস্মিত হয়ে গুরুদেবকে জিজ্ঞেস করলাম, “সাঁইজি, গভীর রাতেও নারীরা বাইরে, নিশ্চয় এরা পাপীয়সী, পতিতা!”

অন্ধকারেও গুরুদেবের হাসি অনুভব করলাম। তিনি বললেন, “পাপীয়সী নয়, এরা সমাজের এক অবিচ্ছেদ্য অংশ। যাদের প্রয়োজন বোঝার মতো মানুষের সংখ্যা কম, কিন্তু যাদের উপস্থিতি ছাড়া সমাজে নৈরাজ্য নেমে আসতে পারে।”

আমি ভ্রু কুঁচকে বললাম, “কিন্তু সাঁইজি, এদের পথ কি পবিত্র?”

গুরুদেব কিছুক্ষণ নীরব থেকে বললেন, “পবিত্রতা কোথায়, তা কী আমরা ঠিক করি? আগুন যেমন উষ্ণতা দেয়, তেমনই পোড়ায়। নদী যেমন তৃষ্ণা মেটায়, তেমনই প্লাবন আনে। যে ব্যক্তি প্রেম পায় না, সে এখানে ভালোবাসা খোঁজে। যে ব্যক্তি মর্যাদা হারিয়েছে, সে এখানে একটু মানবিকতা পেতে চায়। আর যারা সমাজের কঠিন নিয়মে হারিয়ে গেছে, তারাও এখানে এসে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখে। বলো তো বাপ, পাপ আসলে কোথায়?”

আমি নত মস্তকে বললাম, “আমি জানি না, বাজান।”

গুরুদেব এক বৃদ্ধা নারীর দিকে ইশারা করে বললেন, “এই নারী একসময় কারও কন্যা ছিল, কারও বোন, কারও প্রেমিকা। আজ সে শুধুই একটি নামহীন পরিচয়। যদি সমাজ তার সুরক্ষা দিত, তবে সে কি আজ এখানে থাকত?”

আমি দু’চোখ বন্ধ করলাম। মনে হলো— শহরের আলো নিভে গেছে, শুধু এক অদৃশ্য অন্ধকার আমার হৃদয়ে ঢুকে পড়েছে!

গুরুদেব বললেন, “সত্য শুধু আলোতে দেখা যায় না, বাপ। কখনো কখনো অন্ধকারেও সত্য জেগে থাকে। সমাজ যে কাকে পাপীয়সী বানায়, আর কাকে মহীয়সী বলে, তা বোঝার জন্য হৃদয়ের আলো জ্বালাতে হয়।”

…আমার আর কোনো প্রশ্ন রইলো না। আমরা আবারও হাঁটতে শুরু করলাম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *