চৈতন্য (শহিদুল শাহ) – ১২

মানবতন্ত্র

গুরুদেব কথাবার্তা ছেড়ে দিয়েছেন। বাড়তি কোনো মানুষের সঙ্গে কথা বলেন না। কারও প্রশ্নের উত্তর দেন না। মানুষের দিকে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন। আমারও বুঝতে বাকি রইলো না—গুরুদেব কখন জানি আমাদের ছেড়ে পাড়ি জমাবেন অজানার পথে! রাত্রি দ্বিপ্রহর। গুরুদেব ঠোঁট নাড়িয়ে আমাকে কাছে ডাকলেন। আশ্রম থেকে বাইরে বেরোতে চাইলেন, তাঁকে প্রাচীন সেই বটগাছের নিচে বিছানা করে দিলাম। আমাকে পাশে বসতে বললেন। গভীর নির্জন নিস্তব্ধ রাত। নির্লিপ্ত প্রকৃতির বুকে জেগে আছি আমরা দুই অচিনপাখি। আমার গৌরাঙ্গ, আমার গুরুপাখিটা বললেন, “আমার কাছে কি তোর আরও কোনো প্রশ্ন করার বাকী আছে বাপ” পাখিটাকে জিজ্ঞাস করলাম, “প্রিয়, জীবনে তো বহু তন্ত্রমন্ত্র নিয়ে কথা বললে, কিন্তু কোনটি মানুষের কল্যাণে আসে আর কোনটি পুরোপুরি আঁকড়ে ধরে থাকব, তা তো বললে না!”

আমার গৌরাঙ্গ, আমার প্রভু মুহাম্মদ, আমার চোখে চোখ রেখে বললেন, “শোন, পৃথিবীতে যত তন্ত্রের সৃষ্টি হয়েছে, যত তন্ত্র নিয়ে আমি তোমার সঙ্গে কথা বলেছি, তার মধ্যে সবচেয়ে মহৎ তন্ত্র হলো মানবতন্ত্র। এই তন্ত্র বলে—মানুষ মানুষের জন্য। মানুষের সেবা করাই মানুষের ধর্ম!”

বিস্মিত হয়ে গুরুদেবকে বললাম, “তাহলে বাকি তন্ত্রগুলো কী?”

গুরুদেব চোখ বন্ধ করে বললেন, “যে তন্ত্র মানুষকে বিভক্ত করে, অন্যকে শোষণ করে, স্বার্থের জন্য অন্যের ক্ষতি করে—সে তন্ত্র আসলে ষড়যন্ত্র। মানবতন্ত্রের অভাবে পৃথিবী রিক্ত হয়, হৃদয় শুষ্ক হয়, সমাজে পচন ধরে!”

কিছুক্ষণ চুপ থেকে বললাম, “প্রিয় আত্মন, আমি কীভাবে মানবতন্ত্রের অনুসারী হতে পারি? এই তন্ত্রকে ধারণ করে কীভাবে মানবজীবনটাকে ধন্য করতে পারি?”

গুরুদেব অর্ধ অস্তমিত চাঁদের দিকে আঙুল নির্দেশ করে বললেন, “এই আলো যেমন অন্ধকারকে দূর করে, তেমনই তুমি হতে পারো মানবতন্ত্রের আলো। সহানুভূতি, ন্যায়বোধ এবং মমত্ববোধকে নিজের হৃদয়ে ধারণ করো। মানুষের পাশে দাঁড়াইও, সত্যের পথে থেকো, তাহলেই তুমি প্রকৃত অর্থে মানবতন্ত্রের অনুসারী হবে। কোনো অদৃশ্য শক্তির ভজনপূজন তোমাকে করতে হবে না, কাউকে করারও নির্দেশ দিও না। যাঁরা সত্য জানতে চায়, তাঁদেরকে বলিও। আর জেনে রাখো—যাঁকে যাঁর ভালো লাগে, সেই-ই তাঁর গৌরাঙ্গ!”

গুরুদেবের কথাগুলো শুনে কিছুক্ষণ নিস্তব্ধ রইলাম। আমার মস্তিষ্কের স্নায়ুতন্ত্রে ইলহাম ওহী নাযিল হলো— বন্ধু, মানবতন্ত্র কেবল একটি ধারণা নয়; এটি এক মহৎ দায়িত্ব! আমি গুরুদেবের পদযুগলে চুম্বন করে বললাম, “জয় গৌরাঙ্গ!”

আমিই তুই

আমার গৌরাঙ্গ, আমার গুরুদেব—যিনি ছিলেন আমার পরমগুরু। পরমগুরু শব্দের অভিধানগত অর্থ যাই হোক, আমার কাছে তার মানে ছিল—সত্যের দিশারী, অন্ধকারে দীপ্ত এক আলো। তাঁর উপস্থিতি ছিল আমার জীবনের অবিরত আত্মসংগীত। আমি যখন প্রশ্নের ভারে নুয়ে পড়তাম, তিনি কেবল চোখের গভীরে তাকিয়ে মৃদু হাসতেন—আর তাঁর দৃষ্টির স্পর্শে একের পর এক উত্তর যেন ভেসে আসত, ঠিক যেন কোনো গোপন টেপরেকর্ডার চালু হয়ে গেছে!

আজ আশ্রমের উঠোনে বিষণ্ন, ভগ্নহৃদয়ে বসে আছি। গুরুদেব আর নেই! তিনি মহাপ্রস্থানে পাড়ি দিয়েছেন! শূন্যতা কাকে বলে, আজ যেন তা ছুঁয়ে দেখছি। আশ্রমের প্রতিটি কোণে তাঁর স্নেহময় ছায়া আছে, প্রতিটি দেয়ালে তাঁর নিঃশব্দ উচ্চারণ, বাতাসে তাঁর ধ্যানমগ্ন নিশ্বাস—তবু তিনিই নেই। তাঁকে সমাধিস্থ করা হয়েছে। কিন্তু বাতাসে যেন এখনও তাঁর কণ্ঠস্বর ভেসে আসে—
 “আমি ছিলাম না, আমি নেই, আমি হবো না—তবু আমিই আছি!”

চোখ বন্ধ করলাম। এক গাঢ় শূন্যতার গহ্বরে তলিয়ে যেতে লাগলাম। মনে হলো, সমস্ত অস্তিত্ব যেন ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে, সময় থমকে গেছে, আর আমি তাতে ভেসে যাচ্ছি। ঠিক সেই অসীম নিস্তব্ধতার মধ্যেই অনুভব করলাম—গুরু নেই, আমিও নেই, শুধু এক বিশুদ্ধ অবচেতন জাগরণ বেঁচে আছে। হৃদয়ের গভীরে শুনলাম গুরুদেবের কণ্ঠ— “যে গুরুর মৃত্যু হয়, সে গুরু নয়। আর যে গুরুর শিষ্য থাকে, সে শিষ্য নয়।”

আমি স্তব্ধ হয়ে গেলাম। তখনই বুঝলাম, তিনি আমাকে তাঁর অনুপস্থিতির জন্য প্রস্তুত করেছিলেন, কিন্তু শূন্যতার জন্য নয়। কারণ তিনি কখনোই শূন্য হননি—তিনি তো একাত্ম হয়ে গেছেন আমার মধ্যেই। কখন যে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছি, জানি না। স্বপ্নে এলেন তিনি। এসে বললেন— “আমি ছিলাম না, আমি নেই, আমি হবো না—কারণ আমিই তুই!”

স্বপ্নের মধ্যেই আমি তাঁকে জড়িয়ে ধরলাম—এক চিরন্তন স্পর্শে, এক আত্মার উল্লাসে। ঘুম ভাঙতেই দেখি—আমি গুরুদেবের আসনে বসে আছি, আর আমিই আমাকে জড়িয়ে ধরে আছি!

আলোর প্রতিমা

আমার গুরুদেব ছিলেন এক বিশ্বগুরু। তিনি কোনো নামধারী ধর্মে বিশ্বাস করতেন না—তিনি ছিলেন মানবতার আলোর পূজারি। প্রিয় উক্তি ছিল তাঁর— “ঈশ্বর এক অনুভব, তাঁকে খুঁজো নিজের অন্তরে—না মন্দিরে, না মাজারে।”

তিনি নীরব অসীমতায় আমাদের ছেড়ে চলে গেলেন। তাঁর সমাধিতে ফুল হাতে দাঁড়িয়ে আছেন গুরুমা চন্দ্রা—নির্বাক, নিথর, অথচ জাগ্রত। আশ্রমে তখন শোকের সুনসান ছায়া। হঠাৎ কেউ একজন এসে গুরুমার কাঁধে হাত রেখে বলল,
 “তোমার এখন সাদা শাড়ি পরা উচিত। সিঁদুর মুছে ফেলো, চুড়িগুলো খুলে দাও। গুরুজি তো নেই…”

কিন্তু চন্দ্রা মা ছিলেন অভ্রান্ত স্থিরতায় দীপ্ত। তিনি কাঁদেননি, বিচলিত হননি। শুধু তাঁর দুটি চোখ হয়ে উঠেছিল একেকটি গভীর সাগর, যেখানে আত্মার জলরাশি আলোড়িত হয়। তিনি স্বামীর সমাধিতে ফুল অর্পণ করে প্রতিমার মতো দাঁড়িয়ে আছেন। তাঁর সমবয়সী এক নারী, বোধহয় সমাজের নিয়মরক্ষাকারী কেউ, এগিয়ে এসে বললেন, “এখন তোমার বিধবার রীতি পালন করা উচিত।”


 চন্দ্রা মা কিছু বললেন না। তাকালেনও না।
 তিনি নিঃশব্দে আমার সামনে এসে দাঁড়ালেন।
 আমি তাঁর পায়ে ছুঁয়ে প্রণাম জানাতে চাইলাম, কিন্তু তিনি হঠাৎ আমার হাত ধরে বললেন,
 “আমি তো আমার স্বামীর যোগ্য ছিলাম না। তাঁর প্রিয় শিষ্যের শ্রদ্ধা আমি কীভাবে গ্রহণ করি বলো?”

তারপর কোনো বাড়তি কথা না বলে, আমার কপালে প্রশান্তির এক চুম্বন এঁকে সেদিন চলে গেলেন।

পরদিন সকালে তিনি আবার আশ্রমে এলেন।
 বাগানের ভেতর দিয়ে হাঁটলেন খানিকক্ষণ। ফুলের গন্ধে মুখ তুললেন। তাঁর পরনে ছিল লাল পাড়ের সাদা শাড়ি, চোখে হালকা কাজল, কপালে লাল টিপ, ঠোঁটে গোলাপি লিপস্টিক। ভক্তেরা হতবাক। কেউকেউ চুপিচুপি বলল— “স্বামী প্রয়াত, অথচ এমন সাজে?”


কেউ ফিসফিসায়, কেউ নিন্দা করে। চন্দ্রা মা হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালেন সেই বিশাল পাকুড়গাছের নিচে, যেখানে একদিন গুরুদেব আমাকে বলেছিলেন— “ভবিষ্যতের ধর্ম হবে ভালোবাসা। মানুষ বলবে, প্রেমই ধর্ম।”

এরপর তিনি সকলের উদ্দেশ্যে বললেন—
 “আমি তোমাদের গুরুজির সহধর্মিণী।
 তাঁর প্রস্থান আমার কাছে শোক নয়—এ এক আলোকায়ন। আমি তাঁর পাশে সাদা শোকের প্রতিমা হয়ে দাঁড়াতে রাজি নই। তিনি ছিলেন আলোকিত মানুষ, আর আমি—আমি তাঁর আলোয় দীপ্ত প্রতিমা। তাঁর বিশ্বাস আমার রক্তে প্রবাহিত। আমি তাঁর নামে বাঁচবো—ভালোবেসে, জ্বলে। তোমরা আমাকে বিচার কোরো না”

চন্দ্রা মায়ের গলায় থাকা লাল পাথরের হার তখন সূর্যের আলোয় ঝিলমিল করে উঠল। সে আলো আমার চোখে পড়ার মুহূর্তেই আমি যেন গুরুদেবের এক অদৃশ্য কণ্ঠস্বর শুনতে পেলাম—
 “তুমি ঠিক করেছ, চন্দ্রা। আলো কখনো বিধবা হয় না।”

তারপর চন্দ্রা মা আমাকে আশ্রমের ভেতরে নিয়ে এলেন। আমি তাঁকে অনুরোধ করলাম, তিনি যেন তাঁর স্বামীর আসনে বসেন। তিনি বসলেন না। বরং আমাকেই সেই আসনে বসিয়ে দিলেন, হাতে তুলে দিলেন একটি ডায়েরি। ডায়েরির কয়েকটি পৃষ্ঠা উল্টিয়ে একটি পৃষ্ঠা আমাকে পড়তে বললেন। সেখানে লেখা ছিল:

“চন্দ্রা, তুমি আমার প্রেমেরও ঊর্ধ্বে। তুমি আমার বিশ্বাস। আমি যদি চলে যাই, তোমার চোখে যেন সিঁদুরের রং মরে না যায়।
 তুমি তখনো আলো হয়ে থেকো—আমার মতোই। আমি মুসলমান ঘরে জন্মেছিলাম, তুমি হিন্দুর ঘরে। ধর্ম আমাদের আলাদা করতে পারেনি। আমরা ছিলাম দুই মেরুর মানুষ, তবু দূরত্ব আমাদের ভালোবাসাকে টলাতে পারেনি।
 আমি কখনো তোমার ব্যক্তিস্বাধীনতার বিরুদ্ধে দাঁড়াইনি, তুমিও না। আমার অবর্তমানে তুমি যেন তোমার জীবন নিজস্ব আলোয় উদযাপন করো।”

আজ জানতে পারলাম—গুরুমা হিন্দু, আর গুরুদেব মুসলমান ছিলেন! তবু তাঁরা ছিলেন মানুষ—পরিচয়ের ঊর্ধ্বে। চন্দ্রা মা ডায়েরিটা নিয়ে চলে গেলেন। যাবার সময় শুধু বললেন—“পুরুষ অর্ধাঙ্গ, নারী অর্ধাঙ্গিনী। নরনারী মিলেই পূর্ণাঙ্গ মানুষ হয়। জীবনচলার পথে একজন সহধর্মিণী না হলে পরিপূর্ণতা আসে না। তোমার পরিপূর্ণতা কামনা করি। ভালো থেকো, শুভকামনা।”

ঈশ্বরী

জীবনের কতগুলো অধ্যায় একা পেরিয়ে এলাম—ভাঙা মন্দির, বটগাছের ছায়া, পুকুরঘাট, তুলসীর হাসি, শহরের অন্ধকার, আশ্রমের আলো, গুরুর নীরবতা, প্রেম, কাম, কর্ম, জ্ঞান—সব মিলিয়ে আমি যেন এক দীর্ঘ সাধনায় নিজেকে খুঁজেছি। কিন্তু এসব খুঁজে যতটা না নিজেকে পেয়েছি, তারচেয়ে বেশি পেয়েছি তাঁকে—যিনি ছিলেন আমার ভেতরের গুরু, চৈতন্য মহাপ্রভু।

সকলেই জানে গুরুদেব চলে গেছেন না ফেরার দেশে, কিন্তু আমি জানি— তিনি চলে যাননি। তিনি রয়ে গেছেন—আমার প্রশ্নে, আমার উত্তরে, আমার নীরবতাতেও। আমি যেদিন থেকে নিজেকে ভাঙতে শুরু করেছি, সেদিন থেকেই উপলব্ধি করেছি—তিনি আমার মধ্যেই দাঁড়িয়ে আছেন, কখনো তুলসীর চোখে, কখনো শিশুর হাসিতে, কখনো মধ্যরাতের মৌন বাতাসে। তিনি এক জায়গায় আবদ্ধ নন, তিনি এক নামেও সীমাবদ্ধ নন।

তুলসী—তাঁর কথাই বলি। আমি যে সময়টা ভালোবাসা বলতে ভয় পেতাম, সে সময় তুলসী এসেছিল এক আলো হয়ে। সে আমার প্রেমিকা হয়নি, হয়তো হওয়ার কথা ছিল না। কিন্তু, সে আমার ঈশ্বরী হয়ে উঠেছিল! যার দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছিলাম—প্রেম মানে দাবি নয়, দেওয়া। তুলসী কখনো কোনো বড় কথা বলেনি, কিন্তু তাঁর মৌনতাই আমার গুরুর ভাষার পুনরাবৃত্তি হয়ে উঠেছিল।

আমি বুঝেছিলাম—নারী শুধু শরীর নয়, নারী এক চেতনার আধার। তুলসীর চোখে ছিলো বিশ্বাস, কণ্ঠে ছিলো করুণা, হাঁটায় ছিলো ছন্দ। আর হৃদয়ে? হৃদয়ে ছিলো এক আশ্চর্য প্রশান্তি, যেন সে জানে—সে এক মহাশক্তির বাহক। তুলসী আমাকে কোনো তত্ত্ব শেখায়নি, কিন্তু তাঁর উপস্থিতি বুঝিয়ে দিয়েছিল—নারী মানেই প্রজ্ঞা, প্রেম, প্রেরণা।

তাঁকে দেখেই আমার মনে হয়েছিল, ঈশ্বর যদি একমাত্র রচয়িতা হয়ে থাকেন, তবে তাঁর শ্রেষ্ঠ সৃষ্টি নারীই। কারণ নারী শুধু জন্ম দেয় না, গড়ে তোলে, ধারণ করে, ভাঙে, আবার গড়ে তোলে।

তাই আজ যখন আমি জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি, আমার মনে হয়—এই পুরো যাত্রা ছিল একটি ঈশ্বরী সত্তার দিকে যাওয়া। যে ঈশ্বর শুধু মন্দিরে নেই, আকাশে নেই—তিনি আছেন তুলসীর মতো কোনো এক চোখের কোণে, কারো মায়াবী কণ্ঠে, কারো প্রহর ধরা হাতে। ঈশ্বর আমাদের অনেক রূপে ধরা দেন, কিন্তু সবচেয়ে কাছের রূপটি—সবচেয়ে উপেক্ষিত। সেটি নারীসত্তা।

আমার চৈতন্য এখন জানে— নারী শুধু প্রেমিকা নয়, গুরুও। নারী শুধু সন্তান জন্মদাত্রী নয়, জ্ঞানদাত্রীও। নারী শুধু ভোগ্য নয়, উপলব্ধির আলোও। নারীকে অবমাননা মানেই ঈশ্বরকে অসম্মান করা। কারণ, বিধাতার আরেক রূপ—নারী।

আমার গুরুদেব শিখিয়েছিলেন, “সব প্রশ্নের উত্তর বাইরে নয়, ভেতরে খুঁজতে হয়।” আজ আমি অনুভব করি—আমার ভেতরের সব আলো যাঁরা জ্বালিয়েছেন, তাঁদের একজন আমার গুরু, আর আরেকজন—তুলসী।

একজন বলেছিলেন, “আমি আছি”, আর অন্যজন—শুধু ছিলেন। তাতেই সমস্ত উত্তর হয়ে উঠেছিলো প্রতিধ্বনি।

চৈতন্য—এখন আর শুধু এক ব্যক্তি নয়, এক চেতনার নাম। যে চেতনার জন্ম হয় যখন আমরা বুঝতে শিখি, যে ঈশ্বর কেবল একজন নন, তিনিও!

গুরুদেবের আশ্রমে আসবার পথে ‘শ্রীঁশ্রীঁ গৌড় বিগ্রহ নিতাই মন্দির’ নামক যে মন্দিরটির দেখা মিলত, সেখানে কি তুলসী আজও পূজার অর্ঘ্য দেয়? মাঝে মাঝে—না, প্রায়ই, সেখানে দেখতাম লালপেড়ে সাদা শাড়ি পরে, মাথা নিচু করে পূজায় বসে থাকা এক পূজারিণী—তুলসীকে। যেন এই জনপদের নয়, কোনো অজানা, অলৌকিক জগতের বাসিন্দা সে। সে আজ কোথায়?

জীবনের গল্প বলতে গিয়ে তুলসীর গল্প কতবার যে বলেছি, মনে নেই। আজ, আবারও বলছি—কারণ কিছু কিছু অনুভূতির কোনো পূর্ণবিরাম হয় না।


প্রথম দিন থেকেই বুঝেছিলাম, তুলসীর চোখে কিছু একটা আছে। সে আমার দিকে তাকিয়ে থাকত, যেন সে বহুযুগ ধরে চেনে আমাকে। অথচ কোনো জন্মেই এমন একটি মুখ আমার মনে পড়ে না।

আমি মুসলমান। হিন্দু মন্দিরের সামনে দাঁড়ানো মানে নিজের মধ্যেই এক অদৃশ্য দ্বন্দ্বের মুখোমুখি হওয়া। অথচ এই আশ্রম, সেই পথ, সেই মন্দির, এই জনপদ—সবকিছু মিলেমিশে যেনো এমন এক ধুলোবর্ণের জগৎ তৈরি করেছিল, যেখানে ধর্মের রেখাগুলি ধুয়ে গিয়েছিল, তুলসীর চোখের জল আর আমার হৃদয়ের আকাঙ্ক্ষায়।

আমি এক ভবঘুরে—যার নেই ঠিকানা, নেই প্রত্যাশা। প্রেম?—সে তো অতল জলে ডুবে থাকা কোনো কিশোরীর অসমাপ্ত গান। তবুও তুলসীর দিকে তাকাতেই আমার ইচ্ছে করত। একদিন সেই তুলসী-ই এগিয়ে এসে বলেছিল, “দাদা, তুমি এই পথে রোজ-রোজ আসো কেন?”

আমি কোনো এক সহজ অথচ অনিশ্চিত উত্তর দিলাম। তাঁর চোখে বিস্ময় ছিল, কিন্তু ছিল অপার এক শান্তিও। জানলাম—তুলসীর একটি ভাই ছিল, হুবহু আমার মতো দেখতে। সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তাই আমি তাঁর দিকে এগিয়ে এলেই, তাঁর হৃদয়ে নড়ে ওঠে সেই পুরনো কষ্টের ঢেউ—যেন তাঁর ভাই ফিরে এসেছে!


 ভাই হয়ে বোনকে তো প্রেমিকার চোখে দেখা যায় না। তাই আমি আর সে পথে পা রাখতে চাইনি। কিন্তু আমার অস্তিত্ব আমাকে সে পথেই নিয়ে গেছে বারংবার….। তুলসী আমার ভিতর থেকে কখনো সরেনি। তাঁর চোখে যখন আমার চোখ পড়ে, আমি অনুভব করি না কোনো ভাইয়ের জন্ম—বরং এক অনাম্নী আকর্ষণ খেলে যায়, যার কোনো ভাষা নেই, শুধু আছে অনুভব।
আমি নিজেকে দূরে সরিয়ে রাখি। কারণ, ভাই হয়ে বোনকে যদি প্রেমিকার চোখে দেখি—তবে তা তো পাপ! আবার ভাবি—যদি পাপই আত্মার আকর্ষণ হয়, তবে আত্মার বিচার করবে কে?

যৌবনের শুরুতেই গৃহত্যাগ করলাম। এরপরে বহু বছর কেটে গেছে, বহু পথ হেঁটেছি, কত মুখ দেখা হয়েছে। বাড়ি পালানোর পর একবার শুধু বাবা-মায়ের সঙ্গে দেখা করে এলাম। তাঁরা কাঁদলেন, অনুরোধ করলেন—ফিরে যেতে বললেন। কিন্তু যার হৃদয় গুরুর প্রেমে বন্দি, সে কীভাবে ঘরের ভিতর বন্দি থাকতে পারে?

জীবনের পথে নানা মানুষের সংস্পর্শে এসেছি। কেউ থেকে গেছে স্মৃতির পাতায়, কেউ মিলিয়ে গেছে ধূলির ঢেউয়ে।কিন্তু তুলসী? তাঁকে ভুলে থাকা যায় না। আবার তাঁকে কাছে পাওয়াও যায় না।

গুরুদেব দেহখাঁচা ফেলে চলে গেলেন অসীমলোকে। আশ্রম এখন আর আমাকে তেমন টানে না। চারদিকে যেন শূন্যতা গিজগিজ করছে। এখন আমার হাঁটতে ভালো লাগে—যেদিকে দুচোখ যায়, কোনো দিক না দেখেই।

প্রায় চল্লিশদিন পর আবার ফিরে এলাম আশ্রমে। আগরবাতি, মোমবাতির গন্ধে বাতাস ভারী। বটগাছের নিচে একদল পাগল ভাববৈঠকে ব্যস্ত। কেউ গুরুদেবের কবরের পাশে সাষ্টাঙ্গপ্রণামে লুটিয়ে পড়েছে। শুধু ফাঁকা পড়ে আছে গুরুর আসন। আমি আস্তে করে দু’চোখ বন্ধ করে গুরুদেবের আসনে বসলাম। মনে হলো—আমি আর মুসলমান নই, হিন্দুও না, কোনো ধর্ম নেই, কোনো পরিচয় নেই, কেবল একজন মানুষ—যাকে গুরুদেব একটা পথ দিয়েছিলেন, একমাত্র পথ।


গুরুদেবের আসনে বসে গভীরভাবে নিঃশ্বাস নিলাম। মনে হলো—শত জনমের ঘুম আমার চোখে ভর করছে, শান্তি নামছে হৃদয়ে, যেন সমস্ত অস্থিরতা লুপ্ত হয়ে যাচ্ছে।ঠিক তখনই অনুভব করলাম—কেউ আমার পায়ে মাথা রেখেছে। খুব ধীরে, গভীর শ্রদ্ধাভরে। চোখ খুলে দেখি—তুলসী!

পুরনো লালপাড় সাদা শাড়ি, অগোছালো চুল, চোখ দিয়ে নীরব কান্নার ধারা গড়িয়ে পড়ছে।
 আমি কিছু বলছি না, তুলসীও না। এক অনন্ত নীরবতা আমাদের জড়িয়ে ধরলো…। অনেকক্ষণ পর আমি তাঁর মাথায় হাত রাখলাম—সে আমার চোখে চোখ রাখলো। তাঁর চোখে দেখতে পেলাম—এক অদ্ভুত শূন্যতা। একান্ত, একাকী, অথচ গভীরভাবে পূর্ণ। সেই শূন্যতার মাঝেই জন্ম নিলো এক অলিখিত সম্পর্ক—নামহীন, ব্যাখ্যাতীত, অথচ পরমের সঙ্গে পরমের সে সম্পর্ক। এই সম্পর্ক কোনো ধর্ম মানে না, কোনো সমাজ মানে না। এই সম্পর্ক যেন শুধু হৃদয়ের গভীরে জন্ম নেয়—যেখানে তুলসী আর আমি, আর কেউ নই, কেবল দুইটি আত্মা—যারা একে অপরকে স্পর্শ করতে চায়, কিন্তু শব্দে নয়, সত্তায়!

 তুলসীকে বুকে তুলে নিলাম। ওকে বুকে অনুভব করলাম—তুলসীর চোখে আমি আর তাঁর ভাই নই। আর আমার চোখে তুলসী? ও আমার বুকে মাথা রেখে চুম্বন করে, নিঃশব্দে, সে যেন সব প্রশ্নের ঊর্ধ্বে উঠে গেল…

আমার মস্তিষ্কের স্নায়ুতন্ত্রে হটাৎ এক দৈববাণী অবতীর্ণ হলো। সেটি ছিলো গুরুদেবের কণ্ঠ। গুরুদেবের কণ্ঠে ভেসে আসলো— “যতদিন স্রষ্টাকে দেবতারূপে কল্পনা করে তার উপাসনা চলবে, ততদিন ভয়, শাসন আর ভক্তির নামে অকল্যাণই ডেকে আনবে। কিন্তু যখন স্রষ্টাকে মাতৃত্বের প্রতীক হিসেবে — দেবীরূপে — অনুভব করা যাবে, তখন সে রূপ হবে করুণা, রক্ষা আর নিরন্তর কল্যাণের আধার।”

সমাপ্ত

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *